Home Blog Page 156

একটি ইঁদুরের গল্প

তখন গভীর রাত। তাহমিনা চিৎকার করে কেঁদে উঠল- মা…গো মা, মা… গো মা হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বলল ‘মা আমাকে কিসে জানি কামড়াই দিছে’। তাড়াতাড়ি আসো না। বলতে বলতে কাঁদছে আর কাঁদছে। পাশে শোয়া দাদু তাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলেও সে মাকেই ডাকছে। মা অচেতন ঘুমের ঘোরে চিৎকার করে বলে উঠল.. আহারে! কী কয় আমার তামুর কী হলো? ও আল্ল­াহ কী কয়রে তামু! বলে জোরে জোরে চিৎকার করতে করতে রুম থেকে বেরিয়ে তাহমিনার খাটের কাছে এসে লাইট জ্বালিয়ে দেখলো সে ও তার দাদু বসে পা টিপে ধরে আছে। ওমা, ঠিকই তো তাহমিনার পায়ের আঙুলের পেটে কামড়ের দাগ। হালকা রক্তও বের হচ্ছে, ইশ্ মা তো ভয়ে কাহিল। সাপে কামড়ালো? নাকি পোকা মাকড়!
এমনিতেই টিনের ঘর, ঘরের চারপাশে গাছগাছালি। কী যে করা। এখন গভীর রাত হলেও তাহমিনা, তার মায়ের এবং শেষে তার দাদীর চেঁচামেচিতে ততক্ষণে বাড়ির সবাই জড়ো হয়ে গেছে। কেউ বলছে ডাক্তার ডাকো, কেউ বলছে রিফুজি লতার রসা দাও, কেউ বলে মরিচের গুঁড়া দাও, কেউ বলে হাসপাতালে নিয়ে চলো। এভাবে একেক জনের একেক মন্তব্য চলছে।

তাহমিনার বাবা ভালো করে দেখে আপাতত শান্তনা দিতে বলল, ধ্যাত কিচ্ছু হয়নি, সাধারণ কোনো পোকা না হয় ইঁদুরই হবে। সাপের কামড়ে দাঁত চারটাই থাকে এখানে কোনো দাঁতের চিহ্ন নেই। আর বিষ ব্যথাও কম, এটা কোনো ব্যাপার না। এ কথা শুনে তাহমিনার মা রেগে মেগে বললেনÑ তোমার কাছে কোনো ব্যাপার-ই না কিন্তু মাইয়্যাটা আমার শেষ হয়ে গেছে। কে জানে কী থেকে কী হয়? কে কাকে থামায়? তাহমিনার দাদী বলল সারা ঘর ভালো করে দেখ্ কিছু জন্তুটন্তু পাওয়া যায় কি না। তাহলে বুঝা যাবে কী ঘটেছে। সবাই মিলে সারা ঘর তন্ন তন্ন করে দেখছে আর শোরগোল করছে। ঘরের মাচার ওপরনিচ, কাঠের আলমিরার কোণে, ওপরে মাচাংয়ের পাশে, মোরগের খোঁয়াড়ে এমনকি ঘরের বাইরেও সব জায়গায় খুঁজে কিছু না পেয়ে এবার এসে মশারি ধরে টান দিতেই বিড়ালের মত করে লাফ দিয়ে সবার সামনেই বেরিয়ে গেল আস্ত বিরাট এক ইঁদুর। সবাই চিৎকার করে উঠল- ধর ধর। বললেই কি আর ধরা যায়, খুঁজেও পায়নি? মানুষ যখন দুশ্চিন্তায় মগ্ন থাকে তখন সহজ বুদ্ধিও হাতছাড়া হয়ে যায়।

সেই দিন থেকে ইঁদুর দেখলে বা ইঁদুরের নাম শুনলেই আঁতকে ওঠে তাহমিনা। ভয়ে জড়োসড়ো হয়ে যায়। মশারির রশি পায়ে আটকে ছিল একদিন। তাতেই তার কী চিৎকার! তার পা নাকি ইঁদুর কামড়ে ধরেছে। আরেক রাত পড়তে পড়তে বিছানায় ঘুমিয়ে পড়েছিল। রাতে তার পেন্সিলের মাথাটা পায়ে লাগার সাথে সাথে চিৎকার দিয়ে ওঠে। পরে লাইট জ্বালিয়ে দেখা গেল তার পায়ের সাথে পেন্সিলের চিকন মাথার গুঁতো লেগেছে। বিশেষ করে সেই রাতে যেখানে তাকে ইঁদুর কামড়ে দিয়েছিলো, সেই কামড়ের চিহ্ন এখনো বহাল আছে।

এখন সে রাতে একা পড়তেও বসে না। টেবিলের ওপাশ থেকে যদি ইঁদুরটা এসে কামড়ে দেয় আবার! আরে বাপরে, ইয়া বড় ইঁদুর! সে আর কখনো দেখেনি। তাহমিনা এবার থ্রি ক্লাসে উঠবে। ছাত্রী হিসেবেও ভালো। বাবা-মায়ের অনেক দোয়ার ফল এই একমাত্র মেয়ে। বেশ চুপচাপ থাকে, দাদুই একমাত্র সঙ্গী। দাদু হ্যামেলিনের বঁাঁশিওয়ালার গল্প বলে, ছড়া কাটে, মজার মজার পিঠা খাওয়ায়। দাদুরও একমাত্র সঙ্গী তাহমিনা। তাই ইঁদুরের বিষয়টি নিয়ে তাহমিনার দাদুর চিন্তা আরো বেশি। তিনি আগের কালের একটু শিক্ষিত। তাই ইঁদুর বিষয়ে গবেষণার শেষ নেইÑ ইঁদুরের সাইজ হতে পারে বড়জোর তিন বা চার ইঞ্চি, কিন্তু সাড়ে আট বা দশ ইঞ্চিও হওয়া সম্ভব। আমাদের দেশে ধান ক্ষেতের আইলে গর্ত করা সেই ইঁদুরগুলো বেশ বড়ই দেখা যায় কিন্তু ঘরের ইঁদুর তো এত বড় হয় না?
তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন নিশ্চয়ই এটা ব্রিটিশ ইঁদুর, ব্রিটিশ বললে কম হবে। আমাদের দেশে কেউ বেশি চালাকি করলে তাকে গালিস্বরূপ বলা হয় ‘ব্রিটিশ’! কারণ ব্রিটিশরাই এই দেশটাতে ঘুষ, দুর্নীতি, প্রতারণা চুরি সব শিখিয়ে গেছে। এমনকি দেশের তিন পাশে ভারত রেখে ম্যাপও করে দিয়েছে। তিনি এখানেই ক্ষান্ত হননি। মন্তব্য করলেন, আমাদের দেশে সাদা সাদা বিশাল বিশাল যে গরু দেখা যায়, তা সব অস্ট্রেলিয়ার প্রজন্ম আমদানি। হয়তো কোনো এক সময় সেখান থেকে আমাদের দেশে উন্নত প্রজনন বীজ এসেছে, তার পর থেকে চলছে তো চলছেই। বিভিন্ন দেশের বিশাল বিশাল গাভী পালনেও কৃতিত্ব শুরু হয়েছে।

আবার দেশে এক রকম ছাগল পাওয়া যায়, যে ছাগলগুলো আস্ত পাথর গিলে খায়। সেগুলোকে পাটনাইয়া ছাগল বলে। বড় বড় রেলস্টেশনে থাকে। পুরা স্টেশন ঘুরতে তাদের কোনো টিকেট লাগে না। রেলের নিচে পড়ে কাটাও পড়ে না, বড়ই ধূর্ত। সেগুলো রেলের পাথর খেতেও কোনো বিল পরিশোধ করতে হয় না, মামলাও হয়না। বছরে কত টন পাথর খেয়ে শেষ করে কে জানে? অন্য দিকে বাজারে বড় বড় পাকিস্তানি মুরগি পাওয়া যায় কিন্তু এই ইঁদুরের জন্মসনদ কোথাকার কে বলবে?

ইঁদুরের বংশ যে দেশেরই হোক এ দেশে এ ঘরেই এলো কিভাবে? এই ইঁদুর তাহমিনাকে কামড়িয়েছে তার কতো বড়ো সাহস। এর আগে সে তামুর বই কেটেছে, ঈদের জামা কেটেছে, লেপ তোষক যে কতো কেটেছে তার হিসেব নেই। সে ঐ রাতে রাগে ফুঁঁসে উঠে বলেছিলÑ ইঁদুর, তোরে আমি খাইছি, তোরে দেখামু মজা। তখন তার বাবা তাকে কোলে নিয়ে শান্তনা দিতে দিতে বলেছিলেন আজ থেকে আমি আর তুমি ইঁদুরকে এই ঘর থেকে তাড়াবো- ঠিক আছে? তাহমিনা বলেছিল- হ্যাঁ আব্বু আজ থেকে যখনই সুযোগ পাবো তাদের পিটিয়ে পিটিয়ে শেষ করবো। বাবা বলেছিলেন- না, পেটাতে পারবে না কারণ তারা লুকিয়ে থাকে। বরং কৌশলে ধরতে হবে। এক ধরনের ইঁদুর মারার মেশিন আছে সেটা নিয়ে আসবো, তুমি শোয়ার আগে একটি বিস্কুট বসিয়ে দিলে যখনই ইঁদুর এসে বিস্কুট খেতে ঢুঁঁ মারবে ওমনি জায়গায় খতম হয়ে যাবে।
তাহমিনা বললÑ না না, আব্বু ও মারা গেলে তো আমি কাউকে দেখাতে পারবো না। খেলতেও পারবো না। তাকে জীবিত রাখতে হবে তাহলে মজা করে কামড়ানোর শিক্ষা দিতে পারবো। তামুর বাবা হেসে উঠে বলল, হুম তারও একটা উপায় আছে। কাল বাজার থেকে সেই যন্ত্রটাই নিয়ে আসবো, দেখবে মজা।
বাপ বেটি এবার একটু হাসলো, ঘরেও শোরগোল কমলো। এবার তামুর মা তামুকে মলমের কৌটা থেকে একটু মলম নিয়ে ক্ষতস্থানে লাগিয়ে দিলো। তারপর সেদিনকার মতো তামু তার দাদুর কোলের মাঝখানে শুয়ে পড়লো। দাদু ছড়া কাটলোÑ

‘কাটুস কুটুস কাটলি ইঁদুর দাদুমণির পা,
আর কাটিস না আর কাটিস না দূর যা দূর যা’।

তাহমিনা সকালে উঠে আবার চিৎকার শুরু করলো আব্বু আব্বু, আমি অনেক গুলো ইঁদুর ধরে ফেলবো। মা বাবা দু’জনেই শান্তনা দিয়ে বলল ঠিক আছে, ঠিক আছে। তামুর দাদু তামুকে বলল, যদি তুমি দু’তিনটা ইঁদুর মারতে পারো তাহলে তোমার পুরস্কার আছে। সে বলল, দাদু দেখিও, আমি অনেক গুলো ইঁদুর ধরতে পারবো।

পরদিন তার বাবা ইঁদুর নিধনের ওষুধ আনলো। কিন্তু দিনের পর দিন যাচ্ছে কোনো ইঁদুর মরছে না। প্রতিদিন সকালে সে ইঁদুর ধরার খাঁচা পরীক্ষা করে কিন্তু একটি ইঁদুরও দেখতে পায় না। অনেকটা নিরাশ হয়ে পড়ে। একদিন সকালে তাহমিনার মতিগতি দেখে তার বাবা আদর করতে করতে বললেন, তুমি ভেবো না, আজ অন্য এক ধরনের খাঁচা নিয়ে আসবো। আর সেটাতে ইঁদুর বেটা ধরা খাবেই। তাহমিনা প্রশ্ন করলো সেটা কেমন বাবা? বাবা উত্তরে বলল, সেটা তারের মতো শক্ত চার কোণাবিশিষ্ট একটি খাঁচা। মুখটা খুব সহজে আটকানো যায়। আর ভেতরে বিস্কুট বা শুকটি লাগানোর জন্য একটি ছোট শিক থাকে। সেখানে খাদ্য লাগিয়ে রাতে কোথাও বিছিয়ে রাখলে ইঁদুর বেটা সেটি খাওয়ার জন্য মুখ লাগালেই দরজাটায় টান পড়ে বন্ধ হয়ে যাবে। বেটা আর বের হতে পারবে না। মানুষের মধ্যেও অতি চালাকরা অন্যের ক্ষতি করে মনে করে সে বেঁচে গেছে কিন্তু এভাবেই একদিন না একদিন ধরা পড়েই। তামু হেসে বলল ঠিক আছে। রাতে আমিসহ খাঁচাটা বসিয়ে দেবো। এই বলে তামুর বাবা চলে গেল।

সারাদিন সে কতো কল্পনা করে সময় পার করেছে তার শেষ নেই। কতবার মাকে বলেছে রাত হয় না কেন? বাবা কখন আসবে। এভাবে রাত এলো আর রাতে বাবা ফিরে এলেন। রাতে বাবার ডাক শুনেই তাহমিনা দৌড় দিলো, আব্বু খাঁচা নিয়ে এসেছো? তাহমিনা দেখলো ছোট্ট একটি খাঁচা, হয়তো লম্বায় এক ফিট, আর প্রশস্ততায় পাঁচ ইঞ্চি হবে। খাঁচার ভেতরে বেশ বড় জায়গা। কয়েকটা ইঁদুর থাকতে পারবে। তাহমিনা মনে মনে ভাবে একসাথে অনেকগুলো ইঁদুর ধরা যাবে।

তারা দুজনে মিলে ভাবলো, অন্য জায়গায় খাঁচাটা বসিয়ে দেখা যাক সেই ইঁদুরটি ধরা যায় কি না? ঠিক মতো বাবা মেয়ে দেখে শুনে খাঁচার ভেতরের ছোট শিকটাতে একটি সুগন্ধি বিস্কুট লাগিয়ে দিলো। আর ইঁদুর মাচার যেখানে লাফালাফি বেশি করে সেখানেই খাঁচাটা বসিয়ে দিলো। তাহমিনা আবারো অনেক বিশ্বাস নিয়ে বললÑ আব্বু, দেখবা এবার ঠিকই অনেকগুলো ইঁদুর ধরা পড়বে।

কথার ভেতর দিয়ে দাদু তার রুম থেকে বললÑ আচ্ছা, তুমি কেমনে বলো অনেকগুলো ইঁদুর ধরে ফেলবে? তাহমিনা বললÑ দাদু আমি স্বপ্নে দেখেছি। দাদু হাসতে হাসতে বলল, ও তাই নাকি? আচ্ছা দেখা যাক। তবে ছোটদের স্বপ্ন কিন্তু সত্যি হয়ে যায়। তাহমিনা আরো লাফিয়ে ওঠার মতো করে বলল- সত্যি নাকি দাদু? তাহলে তো মজা হবে মজা। দাদী বললেন, দাদুমণি শোনো কারো কোনো ইচ্ছা যদি পূরণ করতে হয় তাহলে নামাজ পড়ে দোয়া করতে হয়। আজ রাতে আমার সাথে নামাজ পড়ে দোয়া করো দেখবে ইদুর তোমার খাঁচায় ধরা পড়বেই। নামাজের পর তাহমিনা দোয়া করলো আমি সেই ইঁদুরটি চাই যে আমাকে কামড়িয়েছে। দাদু বললেন, তাড়াতাড়ি শোও, আর ছড়া কাটতে কাটতে ঘুমাও। তাহলে দেখবা সবার আগে জাগতে পারবে। আর সকালে ঠিকই ইঁদুর দেখতে পাবে। তাহমিনা বলল- ঠিক আছে তুমি বলে দিও আমিও ছড়াটি শুনে শুনে বলবো। দাদু ছড়া বলতে শুরু করলÑ

‘বুড়ো ইঁদুরছানা ইঁদুর কোথায় আছো ভাই,
সারা ঘরে খুঁজে দেখি কোথাও তুমি নাই।
আমার দাদুর স্বপ্ন হয়ে ধরা দাও খাঁচায়,
খাঁচা আমি রাইখ্যা দিলাম ঘরেরই মাচায়’।
দু’জনে সমসুরে এই বলতে বলতে ঘুমিয়ে পড়লো।

তাহমিনা ভোরে আবার স্বপ্ন দেখলো সে অনেকগুলো ইঁদুরছানা দেখছে। আবার চিৎকার করে উঠল। দাদু ধমক দিয়ে জিজ্ঞেস করলো কি হলো আবার? সে কাউকে কিছু না বলে আস্তে আস্তে উঠে চোখ কচলাতে কচলাতে গিয়ে সকালের আবছা আলোয় মাচায় দেখে এলাহি কা-। সেখান থেকেই আবার চিৎকার দিতে দিতে সবাইকে জড়ো করে ফেললো। সবাই ঐ দিনকার মতো বিপদ মনে করে দৌড়ে এলো। এসে দেখলো ইঁদুর নিধনের খাঁচার ভেতরে সেই বড় ইঁদুরটি অসহায়ের মতো দুর্বল হয়ে পড়ে আছে। আর তার চারপাশে আরো ছয়টি বাচ্চা জন্ম দিয়ে রেখেছে। সবাই তো অবাক! সাথে শোরগোল আর হাসিও সমান তালে চলল।

ছোটদের দুখু মিয়া বিদ্রোহী নজরুল

শৈশব তাঁর অতি কষ্টের ছিল বলেই মানুষ তাকে নাম দিয়েছিল দুখু মিয়া। সেই দুখু মিয়া একদিন হয় ওঠে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি। তিনি আর কেউ নন, আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাংলার মানুষের কাছে তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। নজরুল শুধুই একজন কবি ছিলেন না, একই সঙ্গে
তিনি ঔপন্যাসিক, নাট্যকার, গীতিকার, সুরকার, প্রাবন্ধিক, অনুবাদক, সাংবাদিক, রাজনীতিবিদ, সৈনিক ও দার্শনিক ছিলেন। বিস্ময়কর প্রতিভার অধিকারী নজরুলের সঙ্গে ছোটদের অনেক বড় ভালোবাসার সম্পর্ক ছিল। তিনি ছোটদের খুব ভালোবাসতেন। নজরুলকেও শিশুরা নিখাঁদ অকৃত্রিম ভালোবাসায় আপ্লুত করতো। শিশুদের মাঝে নজরুল অপার সম্ভাবনা দেখতে পেতেন। ছোটদেরকে দেখলে নজরুল ছুটে যেতেন, অবিচ্ছেদ্য মমতার সম্পর্কে বেঁধে ফেলতেন। শিশুদের প্রতি তিনি ছিলেন সহমর্মী ও সংবেদনশীল।
১৮৯৯ সালের ২৪ মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে একটি দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন কবি নজরুল। তার বাবার নাম ফকির আহমদ এবং মায়ের নাম জাহেদা খাতুন। মাত্র আট বছর বয়সে নজরুল পিতৃহারা হয়েছিলেন। তছনছ হয়েছিল তার শৈশব। তাঁকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল। তাঁর জীবনে নেমে এসেছিল দুঃসহ দুঃখ-দুর্দশা। তবু তিনি হেরে যাননি, দমে যাননি। বরং জয় করে নিয়েছেন তাঁর সমস্ত প্রতিকূলতাকে। জীবন যুদ্ধে অপরাহত থেকেছেন তিনি। তিনি শিশুদের সঙ্গে নিবিড় বন্ধুত্ব গড়ে তুলে তাঁর হারানো শৈশবকে খুঁজে ফিরতেন। ছোটদেরকে নিয়ে হইচই করতেন, গান শোনাতেন। শিশুতোষ ছড়া, কবিতা আবৃত্তি করতেন। তিনি শিশুদের মাঝে মিশে গিয়ে নিজেকে আবিষ্কার করতেন। কাজী নজরুল যেমন বিদ্রোহী কবির অভিধা নিয়ে দ্রোহের কবিতা লিখেছেন, শেকল ভাঙ্গার গান গেয়েছেন, তেমনি তাঁর লেখনিতে উঠে এসেছে শিশু মনের নানা ভাবনা। নজরুল তাঁর ছন্দের যাদু দিয়ে ছোটদের মনে নানা ভাব জাগিয়ে তুলতেন। তাদের সম্ভাবনা উস্কে দিতেন। ছোটদের সুন্দর আগামীর স্বপ্ন দেখাতেন।

ছোটদের প্রতি স্বতঃস্ফূর্ত দরদ আর দায়বদ্ধতা থাকলেই সফল শিশুসাহিত্য রচনা করা যায়, যা আমরা নজরুলের মধ্যে লক্ষ্য করি। ‘শিশু যাদুকর’ কবিতায় শিশুর প্রতি নজরুলের মমত্ববোধের পরিচয় স্পষ্ট হয়ে উঠেছে। ‘খুকি ও কাঠবিড়ালী’ শিশুর মনোজগতে অনুরোধ, প্রত্যাশা ও অভিমান মিশ্রিত এক ভালোলাগার পরিবেশ তৈরি করে। কবিতাটিই কাঠবিড়ালীকে উদ্দেশ্য করে খুকির সংলাপে রচিত। একটি পেয়ারার জন্য খুকির আগ্রহ, তার আবেগানুভূতির বিচিত্র ওঠানামা রচনাটিকে নাটকীয় করে তুলেছে। প্রথমে কাঠবিড়ালীর সঙ্গে বন্ধুতার আয়োজন, তারপর তাকে খুশি করে তার কাছ থেকে পেয়ারা পাবার চেষ্টা এবং শেষে প্রত্যাশা পূরণ না হওয়ায় রাগের প্রকাশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক ব্যবহার

প্রযুক্তির এই ক্রমবর্ধমান উন্নতির পরিক্রমায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এক অবিস্মরণীয় অধ্যায়। বছর দশেক আগেও যেখানে মানুষ ফোনালাপ, ইমেইল আদান-প্রদান কিংবা ফ্যাক্স মেশিন ব্যবহারের মাধ্যমে দূর দূরান্তের মানুষের সাথে যোগাযোগ রক্ষা করত, আজ সে জায়গার অনেকাংশ দখল করে নিয়েছে নানাবিধ সামাজিক যোগাযোগমাধ্যম। বর্তমান তথ্যপ্রযুক্তির অংশ হিসেবে বহুল ব্যবহৃত সামাজিক মাধ্যমের মধ্যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইন্সটাগ্রাম, ভাইবার, লিঙ্কডিন অন্যতম। আমাদের দৈনন্দিন জীবনের প্রায় পুরোটা জুড়েই আছে সামাজিক মাধ্যমের আনাগোনা। সকালে ঘুম জড়ানো চোখেই আমরা মোবাইলটা খুঁজে একটু ফেসবুকে চোখ বুলিয়ে নিই। যেকোনো মাধ্যমে বিদ্যমান গুরুত্বপূর্ণ বার্তাগুলোয় নজর দেই। আমাদের অনেকেরই দিনের শুরুটা এভাবে স্মার্টফোনের পর্দায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুঁঁ মেরেই শুরু হয়। সামাজিক মাধ্যমগুলোর বৈচিত্র্যময়তার জন্যই তা এত জনপ্রিয়। তবে এক্ষেত্রে ইতিবাচকভাবে এর ব্যবহার নিশ্চিত করাও বেশ গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীর তার নিজস্ব পরিচয় বহন করতে পারে। বিশ্বের আনাচেকানাচে অবস্থান করা যেকারো সাথেও খুব সহজেই সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের যোগাযোগ স্থাপন করিয়ে দিতে সক্ষম। ক্রমশ সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের নিজের মত প্রকাশের ও অন্যের সাথে নিজের ধারণাবোধ ও মত আলোচনা করার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যমে রুপ নিয়েছে। আজকাল এ মাধ্যমকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে ব্যবসা-বাণিজ্য। খুলে গেছে ই-কমার্সের দুয়ার। এই সামাজিক যোগাযোগমাধ্যমকে ঘিরেই গড়ে উঠছে নানা জ্ঞান-বিজ্ঞান, শিল্প-সাহিত্য চর্চার বিভিন্ন সংগঠন। মোটকথা, জীবনের এমন কোনো দিক নেই যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব নেই। গত এক দশকে বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে এক নবদিগন্তের সূচনা হয়েছে। এর ফল হিসেবে আমরা এখন যোগাযোগ মাধ্যমে এক অভূতপূর্ব উন্নতি লাভ করেছি।

এ যোগাযোগ মাধ্যমের যথার্থ ব্যবহার আমাদের ব্যক্তিগত ও জাতিগত উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। তাই এক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো নিয়ে পর্যালোচনা করা অতি জরুরী। এর কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার আমাদের কতটা সামাজিক কিংবা কতটা অসামাজিক করে তুলছে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বটে। এ প্রশ্নের উত্তর ভিন্ন ভিন্ন ব্যক্তির কাছে ভিন্ন ভিন্ন হতে পারে। তবে আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক দিকগুলোর দিকে যথাযথভাবে আলোকপাত করি, তাহলে এর ইতিবাচক দিকগুলো আমাদের আশ্চর্যান্বিত করে তুলতে বাধ্য। জগতের প্রতিটি বিষয়েরই ইতিবাচক এবং নেতিবাচক উভয় দিক-ই থাকে। কিন্তু যেকোনো বিষয়ের ইতিবাচক দিকগুলোকে সাদরে গ্রহণ করে সেগুলোকে আমরা কিভাবে কাজে লাগাচ্ছি সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকাল এ সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে ব্যবসা-বাণিজ্যের এক বিরাট মাধ্যমের সূচনা হয়েছে। ই-কমার্সের ব্যাপক সম্প্রসারণ হয়েছে। এই যান্ত্রিক কর্মব্যস্ত জীবনে অনেকেই নিজের নিত্যপ্রয়োজনীয় নানাবিধ পণ্য কিনতে দোকান, মার্কেটে যেতে পারেন না। তাদের এই ব্যস্ত জীবনে আশার আলো হয়ে এসেছে ই-কমার্স। বিভিন্ন নামিদামী ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংবা ছোটখাট ব্যবসায়ীদের বেঁচে থাকার অবলম্বন এই সামাজিক যোগাযোগমাধ্যম যার ফলে তারা নিজেদের বিক্রয়যোগ্য পণ্যের প্রচারণা ক্রেতাদের নিকট পৌঁছে দিতে পারেন। এই ই-কমার্স এর সুফল ভোগ করতে বর্তমানে বহু বেকার তরুণ উদ্যোক্তা হওয়ার দিকে ঝুঁকছে। ফলে অনেকেই এখন অনলাইন ব্যবসামুখী হচ্ছে ও সফলতার মুখ দেখছে। শুধু চাকরির জন্য ব্যতিব্যস্ত না হয়ে বিকল্প পথ হিসেবে ধীরে ধীরে নিজের ই-কমার্স ব্যবসার সম্প্রসারণ করতে পারলে পরবর্তীতে নিজেদের-ই চাকরিদাতা হয়ে ওঠা সম্ভব। অগণিত বেকার তরুণের বেকারত্বের অসহায়ত্ব ঘুঁচাতে তাই সামাজিক যোগাযোগমাধ্যম প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে, বেকারত্ব দূরীকরণের পথে যা রীতিমত এক বিস্ময়কর ধাপ। পৃথিবীর সবথেকে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যমের নাম উল্লেখ করতে গেলে সন্দেহাতীতভাবেই ফেসবুক সবার প্রথমে আসবে। বর্তমান বিশ্বে পৃথিবীর সর্বত্র এর জনপ্রিয়তা রয়েছে। এই আধুনিক বিশ্বে ফেসবুক মার্কেটিং-এর প্রচলন প্রতিনিয়ত বাড়ছে। ফেসবুকের মাধ্যমে বিশ্বের সর্বত্র ফেসবুক ব্যবহারকারীদের কাছে কোনো প্রতিষ্ঠান, পণ্য বা সেবার প্রচারণা করে দেয়াই ফেসবুক মার্কেটিং নামে পরিচিত। এটি যে কেউ নিজে অথবা কোন দক্ষ ফেসবুক মার্কেটারের মাধ্যমেও করতে পারেন। অর্থাৎ পণ্যের বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে তার দ্বারা ক্রেতাদের আকৃষ্ট করাই এর মূল লক্ষ্য। যেকোনো ধরনের বিজ্ঞাপন-ই ফেসবুকে অর্থ প্রদান করে দেয়া যায়। ফেসবুক ব্যবহার করতে গেলে আমরা প্রায়ই আমাদের ফেসবুক নিউজফিডে বিভিন্ন পণ্যের স্পন্সরড পোস্ট দেখতে পাই, বিভিন্ন পণ্যের ছবি বা অফার দেখা যায়, এগুলোই ফেসবুক বিজ্ঞাপন। এই সামাজিক যোগাযোগমাধ্যমকে ঘিরেই গড়ে উঠছে শিল্প-সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান, খেলাধুলা কিংবা সাহিত্য চর্চার বিভিন্ন সংগঠন। এসব সংগঠনে অন্যের সাথে মতের আদান-প্রদান এর মাধ্যমে নিজের প্রতিভাকে আরো বিকশিত করা যায়, শাণিত করার সুযোগ পাওয়া যায়। ছাত্রজীবনের বিভিন্ন ক্ষেত্রেও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব ব্যাপক। পাঠদানের সময় নির্ধারণ থেকে শুরু করে পাঠক্রমের যেকোনো গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ এর জন্য ফেসবুক, হোয়াটসঅ্যাপের মত যোগাযোগ মাধ্যমের ব্যবহার অপরিহার্য। তবে আমাদের এই সত্যটি স্বীকার করে নেয়া জরুরী যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যথেচ্ছ ব্যবহার আমাদের বাস্তব জীবন সম্পর্কে নেতিবাচক পরিবর্তন বয়ে আনছে ও আমাদের পরিবারের সদস্য, আতœীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের সঙ্গে যোগাযোগ তৈরির ক্ষেত্রে বিরাট অন্তরায় তৈরি করছে। যে কারো সাথে মনের ভাব বিনিময়ের জন্য সামনে বসে বলা সর্বোত্তম। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমের মাত্রাতিরিক্ত আসক্তির ফলে আমরা ভার্চুয়ালি মনের ভাব আদান-প্রদানেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছি। কিন্তু বাস্তবতা হল প্রযুক্তির ওপর আমাদের এই নির্ভরশীলতা আমাদের প্রতিনিয়ত বাস্তব জীবন থেকে দূরে ঠেলে দিয়ে ক্রমেই আমাদের যান্ত্রিক করে তুলছে। আপনি যখন কোনো একটা রেস্টুরেন্ট কিংবা হোটেলে খাবার খেতে যান, একটু চারপাশে চোখ বুলালেই দেখতে পাবেন যে আপনার চারপাশে বসে থাকা অধিকাংশ মানুষ তাদের মুঠোফোনে ব্যস্ত রয়েছে। তাদের কেউ কেউ খাবারের ছবি তোলায় ব্যস্ত, কেউ আবার পাশে আপন মানুষকে রেখেও নিজের স্মার্টফোনের পর্দায় চোখ বুলাচ্ছে। অনেক সময় পরিবারের কর্তা যান্ত্রিক জীবনের অবসাদ থেকে মুক্তি পেতে পরিবারের সবাইকে নিয়ে ছুটি কাটানোর পরিকল্পনা করেন, পিকনিকের ব্যবস্থা করেন একসাথে সিনেমা দেখার সিদ্ধান্ত নেন। কিন্তু সেখানে গিয়েও দেখা যায় পরিবারের সদস্যরা প্রত্যেকে একে অন্যের থেকে বিচ্ছিন্ন। সবাই যার যার মতো নিজ নিজ স্মার্টফোনে ব্যস্ত। আর তাদের এই ব্যস্ততা তাদের একসাথে থাকার আনন্দ কেড়ে নিচ্ছে, তাদের পারিবারিক বন্ধন শিথিল করে তুলছে, ধীরে ধীরে তৈরি হচ্ছে ব্যবধান। যোগাযোগ মাধ্যমের এই বিস্ময়কর অগ্রযাত্রার ফলে সমগ্র পৃথিবীর মানুষ যেন একটি ক্ষুদ্র জনপদে রূপ নিয়েছে। পুরো বিশ্ব এখন আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের এত ইতিবাচক দিক থাকার পরেও এর অপব্যবহার এবং তার ফলে সৃষ্ট নেতিবাচক ঘটনা বেশ উদ্বেগজনক। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই কোনো আলোচিত ঘটনার প্রেক্ষাপটকে কেন্দ্র করে ‘গুজব’ ছড়িয়ে যাওয়া এখন বেশ নিয়মিত। এছাড়া বিভিন্ন অনলাইন মাধ্যমে ইভটিজিং, হুমকি, প্রতারণা ব্ল্যাকমেইলিং-এর মত নানাবিধ সাইবার ক্রাইমের মাত্রা বৃদ্ধি পাওয়া অশুভ লক্ষণ যা সামাল দেয়া যথেষ্ট দুরূহ। সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা সংঘটিত এসব অপরাধপ্রবণতা মানবজীবনে সৃষ্টি করেছে নানা জটিলতা। এসব মাধ্যমে আমরা বাস্তবতা বিবর্জিত হয়ে অন্যের সাথে ভার্চুয়ালি পরিচিত হচ্ছি, যেখানে সম্পর্কগুলো বাস্তবতা থেকে পুরোপুরি ভিন্ন। আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা এসব ভার্চুয়াল সম্পর্কে জড়িয়ে পড়ছি, ফলে আমাদের প্রকৃত সম্পর্কগুলো হুমকির মুখে পড়ছে। আপনজন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের দৈনন্দিন জীবন করেছে সহজবোধ্য, দূরে বসবাসরত কাছের মানুষকে এনে দিয়েছে অতি নিকটে। কিন্তু এর ব্যবহার করতে হবে ইতিবাচক ফলাফলের উদ্দেশ্যে, আত্মকেন্দ্রিকতা পরিহার করে বরং সামাজিক ব্যক্তিগত ও জাতিগত উন্নতির স্বার্থে জ্ঞান-বিজ্ঞান,
সংস্কৃতি, সামাজিক মূল্যবোধের শিক্ষা ছড়িয়ে দিতে হবে আমাদের সবার মাঝে। সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ব্যবহার সুনিশ্চিত করলে একদিন আমাদের দেশ এক সুন্দর আগামীর পথে এগিয়ে যাবে। তাই তরুণদের উচিত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য সুনির্দিষ্ট সময় নির্ধারণ করা, অনেক বেশি সময় এক্ষেত্রে ব্যয় না করা, ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা এবং উদ্ভাবনীমূলক ও সৃজনশীল কর্মকান্ডে অংশগ্রহণ করে আনন্দের সাথে জীবনকে উপভোগ করা।
শিক্ষার্থী, তা’মীরুল মিল্ল­াত কামিল মাদরাসা, গাজীপুর

গুপ্তধন (পর্ব ১১ ও ১২)

এগারো

সংবাদটা পুরো উপজেলায় চাউর হয়ে গেল। ইউসুফপুর ইউনিয়নের চৌধুরী বাড়িতে দুধর্ষ ডাকাতি হয়েছে। চৌধুরী সাহেবকে বেঁধে রেখে বাড়ির সব মালামাল নিয়ে গেছে ডাকাতরা। সকাল-সকাল দুটো অটো নিয়ে ছুটল সবাই বাড়ির দিকে। নতুন বউকে নিয়ে বাড়ি ফেরার আনন্দ যাত্রাটা সব হারানোর শোক যাত্রায় পরিণত হল। সবচেয়ে বেশি ভেঙে পড়েছে সাজিদ আর এষা। এতদিন একটা ঘোরের মধ্যে ছিল ওরা। কোটি কোটি টাকার ঘোর। হাজার টাকাকে মনে হয়েছে ফেলনা। নিজেদের অনেক পছন্দের জিনিসও দিয়ে দিতে পেরেছে অন্যকে অবলীলায়। মনটা ভীষণ রকম বিস্তৃত হয়ে গিয়েছিল। একদম আকাশের মতন। আকাশ থেকে হঠাৎ যেন মাটিতে ছিটকে পড়েছে ওরা।
– তুমি মৃণাল সেনকে এসব বলতে গেলে কেন? কুসুম আপুর কথাটা ইফতুর কানে কানে বলল এষা।
– টাইম পাস করতে চেয়েছিলাম। কিন্তু লোকটা ধৈর্য ধরতে রাজি নয়। ডকুমেন্টটা তো দিলরুবার কাছেই। কী দিতাম বাড়ি আসলে? ভালোই হলো এখন। একটা অজুহাত দেয়া যাবে। ডাকাতির অজুহাত।

চৌধুরী বাড়িতে ডাকাতি হয়েছে শুনে গ্রামের অনেকেই দেখতে এসেছে। সকালের দিকে পুলিশ এসেছিল। একটা সাধারন ডায়েরি হয়েছে। নানাভাই বৈঠকখানায় বসে আছেন। গ্রামের দূর সম্পর্কের আত্মীয়দের কেউ কেউ সঙ্গ দিচ্ছেন তাকে।
ছোটমামা সোজা নানাভাইয়ের পায়ের ওপর পড়লেন। হাঁটুতে মাথা রেখে অনেকক্ষণ কাঁদলেন। নানাভাইয়ের-ও চোখ ভিজে যাচ্ছিলো। মামীর প্রথম আগমনটা সুখকর হলো না এ বাড়িতে। নানাভাই একবারও তাকালেন না মামীর দিকে। আসে পাশের বাড়ির অন্য মামীরা এমন ভাব করছে, যেন একটা অপয়া নিয়ে আসা হয়েছে বাড়িতে। মামীর অবশ্য তাতে তেমন অসুবিধা হচ্ছে বলে মনে হলো না। বাচ্চাদুটো জা’দের হাতে তুলে দিয়ে কুসুমের রুমে গিয়ে মোবাইল নিয়ে বসে গেছেন। এষা চাপা স্বরে বলে গেল, ভাইয়া দুটো রুমই লন্ডভন্ড। ধানের বস্তাদুটোও হাওয়া। হতাশা চেপে রেখে নানাভাইয়ের সাথে কুশল বিনিময় শেষ করে সোজা ছাদে চলে এলো ইফতু। কুসুম আপুও এসেছেন। পেছনে পেছনে নতুন মামী। বইপত্র, আলমারি, ড্রয়ার কোনো কিছুই হাতাতে বাদ রাখেনি মৃণাল সেনের লোকেরা। শেষমেষ আসল জিনিসটা না পেয়ে কিছু নগদ লাভের আশায় ডাকাতির আশ্রয় নিয়েছিল লোকগুলো, যেটা মৃণাল সেনের মূল পরিকল্পনার বাইরে। বিছানা বেডিং গোছগাছ করে দিলো কুসুম আপু। পাশের রুমে ঢুকে নানা ভাইয়ের ফাইলপত্র পুরনো বই আর দলিল-দস্তাবেজের ইতস্তত ছড়ানো অংশ যতœ করে তুলে রাখলো ইফতু। ধানের বস্তাগুলো কেমন করে নিয়েছে ওরা, ভাবছে ও। সোনালি ফসলের মধ্যেই ছিল সোনার কয়েনগুলো। ওরা কি বুঝে শুনে নিয়েছে, নাকি বস্তা খোলার পর কয়েনগুলো পাবে, কে জানে? মৃণাল সেন কি জানে এর সবকিছু?
পরবর্তী করণীয় নিয়ে মিটিং হওয়া দরকার। এখন হাতে আছে শুধু আলাদা করে রাখা দশটি মুদ্রা। কুসুম আপুর পরীক্ষা কাছে চলে এসেছে বলে সব সময় তাকে পাওয়া যাচ্ছে না পরামর্শের জন্য। অনেক সিদ্ধান্ত ইফতু একাই নিয়ে নেয় বলে ভুল হয়ে যাবার সম্ভাবনা থেকে যায়। কুসুম আপুও অনেক কিছু একা একাই করছেন বলে মনে হচ্ছে। মামী মুগ্ধ হয়ে ছাদের নারকেল গাছগুলো দেখছেন। কুসুম আপু এগিয়ে এলেন।

– এত ভেঙে পড়ার কি আছে এষা? আমাদের প্রয়োজনটা আসলে কতটুকু? বল সাজিদ, তোর কি কি লাগবে? কুসুম আপুর এমন হঠাৎ প্রশ্নে থতমত খেয়ে গেল সাজিদ। আসলেই তো। কী লাগবে ওর? একটা দামি প্যান্ট, দামি সু, বড়জোর একটা ল্যাপটপ, একটা সাইকেল। এর বেশি আর কি? মোবাইল তো স্কুলের গ-ি পার না হলে ব্যবহার করা ভালো নয়। আর হয়তো একটা দূরবীন একটা ডিএসএলআর, ব্যাস। শখ পূরণ হয়ে গেল। এষাও তেমন কিছু খুঁজে পেল না। একটা ভালো মানের সাইকেল, কিছু পোশাক-আশাক আর কারাতেতে ব্ল্যাক বেল্ট অর্জনের কোর্সটা করার জন্য প্রয়োজনীয় অর্থ।
তবে বাবার জন্য অনেক কিছু করতে ইচ্ছে করে ওর। বাবা খুব সৌখিন মানুষ। দশটা পাঁচটা চাকরিতে তার বরাবরই অনীহা। বাবার খুব ইচ্ছে তার বড়োসড়ো একটা বইয়ের দোকান থাকবে। নানান ধরনের স্টেশনারি খাতাপত্র থাকবে সে দোকানে। বাবা সারাদিন বসে বসে বই পড়বেন আর দোকান চালাবেন। মার অবশ্য একটা গাড়ির শখ আছে, তবে সে গাড়ি চড়ে তিনি কোথায় যাবেন সেটা ঠিক বলতে পারেন না। ইফতু আর কুসুমের নিজেদের জন্য তেমন একটা অর্থের প্রয়োজন নেই,তবে অভাবী কিছু ক্লাসমেট আর বন্ধুদের জন্য অনেক কিছু করতে ইচ্ছে করে জানালো দুজনেই।

– এইটুকু সখ পুরণের জন্য গুপ্তধন লাগে না। আর শোন, যদি কখনো একা কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলি, আমার ওপর আস্থা হারাস না, বলে নিচে নেমে গেলেন কুসুম আপু। পেছনে পেছনে ছোটমামী।

দুপুরে নানা ভাইকে দেখতে এলেন মৃণাল সেন। কিছু ফলমূল আর মিষ্টি নিয়ে এসেছেন। তিনি সেগুলো ইফতুর হাতে তুলে দিতে দিতে বললেন
– আমার কাগজটা নিয়ে এসো জলদি।
– গত রাতে এ বাসায় কি হয়েছে জানেন তো নিশ্চয়ই। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমার রুমটা। বইখাতা কাগজপত্র সব নিয়ে গেছে ডাকাতদল। জানি না বইখাতা দিয়ে ওরা কি করবে। আপনার কাগজটাও আর খুঁজে পাচ্ছি না। মৃনাল সেন সম্ভবত এ কথা শোনার জন্য তৈরি হয়েই ছিলেন। আর কোনো কথা বাড়ালেন না। দ্রুত প্ল্য­ান বদল করতে পারেন তিনি। নানার পাশে গিয়ে হাঁটু গেড়ে বসলেন। খুব মমতা নিয়ে আস্তে আস্তে সব কাহিনী শুনলেন গত রাতের। অনেক আফসোস করলেন। তারপর বললেন
– চাচাজান, জানি এখন এ কথা বলার সময় নয়, তবুও এসে যখন পড়েছিই একটা কথা বলতে চাই।
– বলেন বলেন, কি বলবেন। বলছিলাম কি, আমি বাংলাদেশ ব্যাংক থেকে একটা বড়সড় কৃষি লোন নিতে চাচ্ছি। সে জন্য কিছু জমি দরকার। বেশ খানিকটা। এই যেমন ধরেন পনেরো একরের মতো। এত বড় জমি নগদ টাকায় কেনা তো আমার সাধ্যের অতীত। তাই খুঁজছিলাম নতুন চর কিংবা অনাবাদি কোনো জমি। যদি অল্প দামে কেনা যায়।
– জি! আমাকে বলেছে আমার ছেলেরা। এমনিতেই আমাদের অনেক জমি পদ্মায় খেয়ে ফেলেছে। যেগুলো জেগে উঠেছে তাও অন্যের দখলে। অনেক কষ্টে মামলা লড়ে এই জমিটা আমি নিজের নামে করতে পেরেছি। এই চরটার জন্য তাই অনেক মায়া আমার।
– চাচাজান, এই জমির জন্য অনেকগুলো টাকা দেবো আপনাকে। বিশ লক্ষ টাকা। যার কিছু অংশ দিয়ে আপনি অন্য জমিগুলোকে দখলে আনার চেষ্টা করতে পারবেন। আর এমনিতেও বাড়ির যে অবস্থা হয়েছে, এই টাকা আপনার দরকার হবে।
– ঠিক আছে। ছেলেদের সাথে কথা বলে দেখি বলে উঠে দাঁড়ালেন নানা ভাই। চা খেয়ে যেতে বললেন মৃনাল সেনকে, কিন্তু তিনি আর বসলেন না।
মৃনাল সেন এখন চরটা নিজের করে নেবে প্রথমে। তারপর ঢাকঢোল পিটিয়ে লোহা কাটার মেশিন পত্র এনে সবার সামনে গুপ্তধন উদ্ধার করবে, সেই প্ল্য­ানে আছে, ভাবছে ইফতু।
রাতে বড় রুমটার মেঝেতে কাপড় বিছিয়ে সবাই একসাথে খেতে বসলো। আলু ভর্তা ডাল আর ডিম ভাজি। এক একটা ডিম তিন জনে ভাগ করে খেতে হবে। গতরাতে বাড়িতে ডাকাত না পড়লে নতুন মামীর আগমন উপলক্ষে হয়তো ভালো-মন্দ কিছু রান্না হতো আজ। নানা বাড়িতে আসা অবধি এরকম ভাবেই চলছে, ভাবছে এষা। মাছ গোশতের মুখ কদাচিৎ দেখতে পাওয়া যায়। এই নিয়ে কারোরই কোনো কমপ্লেন নেই। পেটে যাই-ই পড়–ক, মন ভরে থাকে অন্য কোনো উপাদেয় আনন্দে। আজ মনে আনন্দ কমে যাওয়ায় নিরানন্দ খাবারটা জিভে লাগছে খুব সাজিদ এষার।
– ভালোই তো দাম বলেছে, বললেন সেজো মামা। এমন আগাছা আর জঙ্গলে ভরপুর চরের জন্য এত টাকা কে দেবে? নানা ভাই চুপ করে আছেন। বাদামের দামটা একটু পড়ে গেছে। সেজো মামা একাই কথা বলছেন। এই মুহূর্তে আরো কিছু বাদাম রাখতে পারলে এভারেজ করা যেত। বেশি না, আপাতত লাখ দশেক হলেই চলবে আমার। এছাড়া ছোটকেও তো একটা কিছু করে খেতে হবে। বউ সংসার নিয়ে এই বয়সে আপনার উপর নির্ভরশীল হয়ে থাকলেই বা চলবে কি করে? এবার ছোটমামাও আগ্রহভরে নানা ভাইয়ের দিকে তাকালেন।
– সন্তান তো কেবল তোমরা দুজন নও। আরো দুটো মেয়ে রয়েছে আমার। একটা ছেলে রয়েছে, একটা ইয়াতিম নাতনি রয়েছে। কেবল নিজেদের কথাই ভাবো কেন সব সময়? সেজো মামা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললেন। নানার কথায় খুশি হলেন কুসুমের মা। স্বামী মারা যাবার পর এ বাড়ি থেকে কিছুই পাননি তিনি।
– আমার একটা কথা আছে। খাওয়া শেষ করে হাত ধুয়ে এসে বলল কুসুম।
– বড়দের মাঝে তোমার আবার কি কথা মা? কুসুমের মাকে থামিয়ে দিয়ে নানা ভাই বললেন-
না না ! ওকে বলতে দাও। এই পরিবারে বড়দেরকে আমার ছোট মনে হয় আর ছোটদের মনে হয় বড়। নানা ভাইয়ের এই কথায় সবাই খাওয়া বন্ধ করে কুসুমের দিকে তাকালো। ইফতুর বুক ঢিপঢিপ করছে। কি জানি কি কথা বলেন কুসুম আপু। এষা বারবার ইশারা দিচ্ছে কথাটা না বলার জন্য। তাহলে কি এষাও জানে কি বলবে কুসুম আপু?
– আমরা একটা স্বর্ণমুদ্রা খুঁজে পেয়েছি। পুরো ঘরে যেন বাজ পড়ল।
– স্বর্ণমুদ্রা! কই দেখি দেখি! মামারা খাওয়া রেখে দাঁড়িয়ে গেলেন।
– আচ্ছা, বসো তো দেখি। এত অস্থির হবার কী আছে? মেয়েটা কি বলতে চায় শুনি সবাই। সেজো মামীর ধমকে কাজ হল।
– মুদ্রার ওজন বেশি নয়। বড়জোর এক ভরি। বাজার মূল্য হয়তো হাজার পঞ্চাশেক টাকা।
– তাই বা কম কি? বললেন কুসুমের মা। কিন্তু কার না কার সোনা গয়না তুমি কুড়াতে গেলে কেন মা?
– আমি জানি এই প্রশ্ন উঠবেই। কারণ, দাদা ভাইয়াও অন্যের কিছু নিজের করেননি কখনো। আর আমিও ন্যায়-অন্যায় বোধ তার কাছেই শিখেছি।
– তবে? ছোট মামার প্রশ্ন।
– এটা একটা প্রাচীন মুদ্রা। এখন থেকে প্রায় চারশত বছর আগের, স¤্রাট আওরঙ্গজেবের আমলের। ছোট মামী এতক্ষণ মোবাইলের মধ্যে ডুবে ছিলেন। প্রাচীন মুদ্রার কথা শুনে কুসুমের পাশে এসে দাঁড়ালেন। এই মুদ্রার বাজার মূল্য ছাড়াও একটা ঐতিহাসিক মূল্য রয়েছে। আমি আন্তর্জাতিক নিলাম মার্কেটে মুদ্রাটির একটি ছবি পাঠিয়েছিলাম। এক লক্ষ ডলার পর্যন্ত দাম উঠেছে। অবশ্য মুদ্রাটি যদি সঠিক সময়ের হয় তবেই এই মূল্য পাওয়া যাবে।
– এক… লক্ষ… ডলার…!! মানে প্রায় ৮৫ লক্ষ টাকা! ছোটমামা কুসুমের দিকে অবিশ্বাস নিয়ে তাকিয়ে থাকলেন।
– দেখি, মুদ্রাটা নিয়ে এসো তো আমার কাছে। এতক্ষণ পর মুখ খুললেন নানাভাই। নেড়েচেড়ে দেখলেন তিনি প্রাচীন এই স্বর্ণমুদ্রাটি। ছোটোমামী মুদ্রার একটা ছবি তুলে আবার ডুব দিলেন মোবাইলের রাজ্যে। নানা ভাইয়ের হাত থেকে মুদ্রাটি নিয়ে কুসুমের হাতে ফেরত দিতে দিতে ফিসফিস করে ইফতু বলল, কি ব্যাপার আপু?
– ভরসা রাখো। এই বলে আপু আবার শুরু করলেন।
– কিন্তু কি করে এই মুদ্রা ক্রেতার হাতে পৌঁছাবে আর কী করেই বা আন্তর্জাতিক বাজার থেকে আমাদের কাছে টাকা আসবে সেই সিস্টেমতো জানা নেই আমাদের।
– আমি জানি, বলে এগিয়ে এলেন ছোটমামী। চায়নাতে আমার বাবা একজন বড় বিল্ডার ছিলেন। অকশনে এসব পুরনো মুদ্রা কেনাবেচা তার পেশা। আমাকে ভারতবর্ষে আইমিন বাংলাদেশে পাঠানো হয়েছে এই উদ্দেশ্যেই। এই অঞ্চলের ইতিহাস অনেক সমৃদ্ধ। যদি কোনো প্রাচীন মুদ্রা কিংবা পুরাকীর্তির সন্ধান পেয়ে যাই। নয়তো এদেশে এসে আমার ইতিহাস নিয়ে পড়াশোনা করার কথা নয় আর তোমাদের ছোট চাচার সাথে ঘর বাঁধারও কথা নয়। এই প্রথম ছোট মামী একটা দীর্ঘ লেকচার ঝাড়লেন। নানাভাই পর্যন্ত স্নেহমাখা দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকলেন মামীর দিকে।
চায়নাতে যে অপশন মার্কেট রয়েছে সেখানে আমি কিছুক্ষণ আগে মুদ্রাটির একটি ছবি পাঠিয়েছি। এই এখন রিপ্ল­াই এলো। মুদ্রাটির মূল্য আসলে ১ লক্ষ ডলার নয়, ৩ লক্ষ ডলার। সবাই অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে আছে ছোট মামীর দিকে। বাংলাদেশি টাকায় প্রায় আড়াই কোটি টাকা। ছোটদের কথা ভুলে গেছে বড়রা। মুদ্রাটা মামীর হাতে দিয়ে খাবার ঘর থেকে বের হয়ে এলো সাজিদ কুসুম ইফতু আর এষা।
– এটা তুমি কি করলে কুসুম আপু? এষার কাঁদো কাঁদো কন্ঠ।
– ভালোই করেছি মনে হয়, কি বলো তুমি ইফতু?
– হ্যাঁ। কতগুলো অস্থির মানুষকে একটা সামান্য জিনিস দিয়ে ব্যস্ত রাখা গেল।
– খানিকটা স্বস্তিতেও, তাই নয় কি? বললেন কুসুম আপু ।
– তবে ছোট মামী সত্যিই জিনিয়াস, বলে যে যার ঘরে চলে গেল।

বারো

ছোটমামী রাজশাহী গেল ইফতুকে নিয়ে। ছোট মামাকে যেতে দেননি নানা ভাইয়া। কুসুমের পড়ার ব্রেক টাইমে সবাইকে নিয়ে মিটিংয়ে বসলেন তিনি। কুসুমকে বসিয়েছেন তার ডান পাশে।
– এটা আল্ল­াহ পাকেরই বিধান। তিনি জীবিতকে মৃত করেন আবার মৃতকে করেন জীবন দান। আজ যে পথের ফকির কাল সে বাদশাহ। আবার এর উল্টোটাও হয়ে যেতে পারে। পরশু রাতে এই বাড়ি ছিল ডাকাতদের আস্তানা। আমাদেরকে নিঃস্ব করে দিয়ে সব কিছু নিয়ে চলে গেছে ওরা। আর আজই আমরা বসেছি নতুন উৎস থেকে সম্ভাব্য কিছু অর্থের আগমন এবং তার ব্যবহার নিয়ে আলোচনা করার জন্য।
আলোচনার বিষয়বস্তু শুনে সেজো মামার দন্ত বিকশিত হল, ছোটমামা গলায় খাঁকারি দিলেন আর কুসুমের আম্মু নড়েচড়ে বসলেন। কুসুমের দিকে তাকালেন নানা ভাইয়া।
– এইবার তুই কিছু বল।
– কি আর বলবো, বলে কুসুম সবার দিকে তাকিয়ে একটু হাসলো। দাদা ভাইয়া আমাদের জন্য বট গাছের মত। এখনো ছায়া দিয়ে আগলে রেখেছেন সবাইকে। মেজো চাচ্চু ছাড়া আর কেউই তেমন কিছু করতে পারেনি এই সংসারে। বাবাও না। এখনো সবাই তাকিয়ে থাকে দাদা ভাইয়ার দিকে কিংবা অলৌকিক কোন পরিবর্তনের আশায়। অথচ আল্ল­াহ নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা নিজেকেই করতে বলেছেন। ছোট চাচী আর ইফতু যদি কাক্সিক্ষত কোনো রেজাল্ট নিয়ে আসতে পারে তো এর সুবিধা আমরা সবাই পাবো। তবে সেটা একটা নিয়মের মধ্য থেকে হলে ভালো হয়।
– সেটা কেমন? বড়দের চোখে বিস্ময়!
– ছোট চাচার কাজ হলো দাদার যত সম্পত্তি বেদখল রয়েছে তা দখলমুক্ত করার জন্য কোর্টে কোর্টে দৌড়ানো। একজন লিগাল অফিসারের বেতন তিনি পাবেন এই কাজের জন্য। সেজো মামাকে গোদাগাড়ী থেকে চলে আসতে হবে। এই বাড়ি এবং তার আশপাশে নানা ধরনের সংস্কার কাজ রয়েছে। সেজো মামা সে সব কাজের তদারকি করবেন। এর বিনিময়ে তার জন্য থাকবে ভালো সম্মানীর ব্যবস্থা।
– আমার মনে হয় কি, একটা আনন্দ-উৎসবের মধ্য দিয়ে আমরা শুরু করতে পারি আগামীর পথচলা। সেটা হতে পারে একটা বিয়ে, নানা ভাই বললেন।
– বিয়ে! সবাই এ ওর দিকে তাকাচ্ছে। কার বিয়ে? একই প্রশ্ন সবার চোখে। নানা ভাইয়ের ঠোঁটে রহস্যময় হাসি। আজ তিনি কিছুটা বিচলিত, অস্থির। এই হাসছেন তো এই কাঁদছেন। দীর্ঘদিন কেবল নাই নাই এর ভেতর জীবন গেছে। টাকা নেই, পয়সা নেই, বাজার নেই, সদাই নেই। জমি দখলে নেই। ছেলে মেয়ে মানুষ হয়নি। আজ কেমন যেন ‘সব ছিল সব আছে’র এক অনুভূতিতে আপ্লুুত হয়ে আছেন তিনি। হঠাৎ কেঁদে ফেললেন নানা ভাইয়া।

– দোষটা আসলে আমার-ই, কান্নাজড়িত কণ্ঠে বললেন তিনি। সারা জীবন আল্লাহর কাছে দোয়া করেছি ছেলেপেলে যেন সবসময় আমার সাথেই থাকে। তোরা তাই কেউ চাকরি বাকরি নিয়ে দূরে যেতে পারিসনি। সেজো আর ছোটমামা দু’পাশ থেকে নানা ভাইকে জড়িয়ে ধরলেন।
– তবে আল্ল­াহ আমাকে চারটে ছেলে-বউ দিয়েছেন। মাশাআল্ল­াহ! এ সব কিছুর জন্য তোদের মায়ের কিছু আমলও আছে। আল্ল­াহ তাকে বেহেশত নসিব করুন।

কুসুম সাজিদ আর এষা বের হয়ে এলো বড়দের আবেগঘন আসর থেকে। নবু মামা যাচ্ছেন জাল নিয়ে। বাড়ির পেছনের পুকুরে কিছু মাছ পাওয়া যেতে পারে। ওরাও পিছুপিছু গেল মামার।
– আচ্ছা মামা, ডাকাতির সময় তুমি কি কিছুই টের পাওনি না?
– না মামা। আমিতো ঘুমাই গোলাঘরের পাশে। ওরা এদিকে আসেইনি। সকালবেলা খালুজানের খবর নিতে গিয়ে দেখি তার হাত মুখ বাঁধা।
– ওরা কতজন এসেছিল বলে তোমার মনে হয়? সাজিদের জিজ্ঞাসা।
– দু’তিন জনের বেশি কি আর হবে?
– এত কম মানুষ এসে এত জিনিস কেমন করে নিয়ে গেল? তাও আবার এমন সব জিনিস যা সচরাচর অন্য চোর-ডাকাতরা নেয় না। বইখাতা, দলিলপত্র, ধানের বস্তা…।
– ধানের বস্তা! ধানের বস্তা নেবে কেন? নবু মামার অবাক দৃষ্টি । এবার দুই একটা পোনামাছ উঠেছে জালে।
– নানাভাইয়ের ছাদ ঘরের রুম থেকে ধানের বস্তা গুলো কই গেল?
– ও, সে কথা। সেগুলো তো আমি গোলা ঘরে নিয়া গুছাইয়া রাখছি। ছোট ভাইজান আসতেছে বউ নিয়া। তার জন্য একটা রুম খালি করতে বলল খালুজান। আমি কেবল ধানের বস্তাগুলো গোলা ঘরে নিয়া রাখছি অমনি খালুজান কইলেন এত ছোট রুমে দুইটা নাতি নিয়া বৌমা থাকতে পারবে না। এছাড়া ছোট বাচ্চাদের ছাদে ওঠাও নিরাপদ নয়। এরপর আর কিছু সরাই নাই আমি ওই রুম থেকে।
নবু মামার আর কোনো কথা কানে গেল না ওদের। তিনজনই এক ছুটে গিয়ে ঢুকলো গোলাঘরে। এই হেমন্তে যতটুকু ফসল এসেছে তাতে গোলাঘরের অর্ধেকটা ভরেছে। এখান থেকে প্রতি সপ্তাহে দু-একটা বস্তা বের করা হয় চাল করার জন্য। ওরা চিনতে পারল নানা ভাইয়ের দলিল রাখা রুমটাতে থাকা বস্তা চারটে। সোনালি ফসলের ভেতর লুকিয়ে রাখা আছে সোনার কয়েনগুলো। আনন্দে চিৎকার করার সুযোগ নেই। সেলিব্রেশন করারও সুযোগ নেই। কেবল কুসুম ওর সেজো চাচীর কাছ থেকে একটা তালা জোগাড় করে লক করে দিল গোলাঘর। চাচীকে বলল, এখন থেকে কেউ ধান বের করতে চাইলে এই আমার কাছ থেকে চাবি নিয়ে বের করতে হবে। মামী কুসুমকে বুকে টেনে আদর করলেন। কুসুমের সাম্প্রতিক অবদান একটা খাদের কিনারায় দাঁড়ানো পরিবারে নিরাপত্তার স্বপ্ন জাগিয়ে দিয়েছে।

ইফতুকে নিয়ে এইচএসবিসি ব্যাংকে ঢুকলেন ছোটমামী। অত্যন্ত অভ্যস্ত ভঙ্গিতে কথা বললেন ব্যবস্থাপকের সাথে। ব্যাংকিং চ্যানেল ব্যবহার করেই তিনি নিলাম ডকুমেন্ট এবং ওল্ড গোল্ড কয়েন পাঠাবেন চায়নাতে। অনেকটা এলসির মতই। এক্সপোর্ট হবে গোল্ড কয়েন আর পেমেন্ট আসবে মুদ্রাটি যিনি আমদানি করেছেন তার কাছ থেকে। পুরো প্রক্রিয়াটি শেষ হতে এক সপ্তাহেরও কম সময় লাগবে। এক্ষেত্রে সময়টা আরো কম লাগছে কারণ গোল্ড কয়েনটি আমদানি করছেন ছোট মামীর বাবা।
ব্যাংক থেকে বের হয়ে একটা চাইনিজ রেস্টুরেন্টে ঢুকলেন মামী।
– বুঝলে ইফতু, আমার বাবা একজন অর্থলোভী মানুষ। তোমার ছোট মামাকে বিয়ে করার কারণে সব ধরনের সম্পর্ক ত্যাগ করেছেন তিনি আমার সাথে। অথচ এই একটি কয়েন আমাকে আবার বাবার সাথে যুক্ত করে দিল।
– সেটা কেমন করে মামী?
– কারণ এই কয়েন থেকে আমরা তিন লাখ ডলার পেলে বাবা সেটা রি-সেল করে আরো কমপক্ষে এক লাখ ডলার লাভ করতে পারবেন। বাবা বলেছেন এতদিনে তোমাকে ভারতবর্ষে পড়তে পাঠানোটা সার্থক হল। হঠাৎ করে বাবার আবেগও উথলে উঠেছে। নাতি দুটোকে দেখার জন্য অস্থির হয়ে গেছেন।
– এ কয় বছর তোমাদের চলেছে কেমন করে? ছোট মামাতো কিছু করে খাওয়ানোর মতো মানুষ না। ভীষণ রকম আয়েসি আর বিলাসী।
– ওর মানসিকতাটা অনেক উঁচু। সে কারণেই ওকে ভালো লাগে খুব। আর শিক্ষিত মানুষ। কিছু একটা করে খাবার সময় চলে যায়নি এখনো সে বিশ্বাস আছে আমার।
নুডুলসের একটা ড্রাই প্রিপারেশন এলো। চপসওয়ে নাম এটার। ইফতু আগে খায়নি কখনো। খুবই উপাদেয় লাগল ওর কাছে। আমাদের কঠিন সময়গুলোতে মালয়েশিয়ায় থাকা আমার এক বোন খুব হেল্প করেছেন। অনেক ঋণী হয়ে গেছি তার কাছে আমি।
– সব ঋণ শোধ হয়ে যাবে মামী। কোনো চিন্তা করো না। আচ্ছা মামী, নিলামে এরকম আর কতবার তোলা যাবে একই ধরনের মুদ্রা?
– যত খুশি ততবার। কারণ অকশনের ভিন্ন ভিন্ন মার্কেট রয়েছে। তবে একই ধরনের মুদ্রা একাধিকবার তুললে পরের গুলোর দাম আস্তে আস্তে কমতে থাকে। ইফতু! কি ব্যাপার!! মিটমিট করে হাসছেন মামী। আরো আছে নাকি এরকম কিছু?
– থাকলে তো তুমি জানবেই, বলে মামীর হাত থেকে মোবাইলটা নিলো ইফতু। একটা কল করতে পারি?
– শিওর শিওর! বলে মামী উঠে দাঁড়ালেন, ওয়াশরুমে যাবেন বলে।
দিলরুবার মা ধরলেন ফোন।
– কেমন আছো বাবা? আমাদের কথা কি ভুলে গেলে? কতদিন আসো না বাসায়।
– আন্টি, আমিতো এখনো রাজশাহীতে।
– একবার এসো বাসায়। আমাদের জীবনে তো আর কোনো আলো নেই। কেবল অন্ধকার আর অন্ধকার। তোমার আংকেল কবে বের হবে সেই প্রতীক্ষা। তবে আপাতত মৃণাল সেনের উৎপাত থেকে বাঁচা গেছে। তোমাকে কোনো ডিস্টার্ব করছে না তো সে?
– না আন্টি। কোনো ডিস্টার্ব করছে না। আমাদের নিয়ে কোনো চিন্তা করবেন না । আগামী সপ্তাহেই আঙ্কেলকে বের করার চেষ্টা করব ইনশাআল্ল­াহ। আপনাদের একবার আসতেও হতে পারে। আমি জানাবো, বলে ফোন রেখে দিল ইফতু।

বাড়ি ফিরে দেখে চারদিকে একটা চাপা আলোচনা শুরু হয়েছে। কুসুম আপুর বিয়ের কথা চলছে। বৈঠকখানায় কুসুম আপুর নতুন বাবা বসে আছেন। তিনিই এনেছেন প্রস্তাবটা। বাবা হিসেবে তারও তো কিছু কর্তব্য আছে, বলছেন তিনি নানা ভাইয়ের সাথে। পাত্র তারই আপন ভাগ্নে। এখনো পড়াশোনা করে তবে খুবই ব্রাইট ফিউচার। তাছাড়া মেয়েটাও তো এতিম। আর কতকাল এর ওর বাসায় থাকবে, বলে যাচ্ছেন কুসুমের নতুন বাবা। নানাভাই ধৈর্যের সাথে শুনছেন সব কথা। কুসুমের মা নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও তার স্বামীর কথায় তাল মেলাচ্ছেন। এতদিন এসব কর্তব্যবোধ কোথায় ছিল? ভাবছে ইফতু। সোনার গন্ধ পেয়ে সবার দায়িত্ব বোধ জেগে উঠেছে।
কুসুম আপুর রুমে গেল ইফতু। ভাবছিল ওকে কাঁদতে দেখবে। কিসের কান্না? সাজিদ এষা আর আপু রীতিমত আনন্দের ভেলায় ভাসছে। চোখেমুখে উচ্ছ্বাস। সে আনন্দ খানিকবাদে স্পর্শ করল ইফতুকেও। তবে সেটা কুসুম আপুর বিয়ের প্রস্তাবের আনন্দ নয়, উদ্ধারকৃত কয়েনগুলো খুঁজে পাবার আনন্দে। ইশ! এই আনন্দ যদি ছোট মামীর মধ্যেও ছড়িয়ে দেয়া যেত! ভাবছে চারজনই।
চলবে…

কষ্টের ঈদ

আসাদ আর তার মা খুব কষ্ট করে জীবন যাপন করে। ছোটবেলায় আসাদের যখন মাত্র এক বছর বয়স তখন তার বাবা তাকে আর তার মা কে ফেলে রেখে অন্য সংসারে চলে যায়। আসাদ তার বাবার আদর পায়নি বললেই চলে। তার মা মানুষের বাড়ি কাজ করে তাকে বড় করছে, লেখাপড়া করাচ্ছে। সে স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ছে। সে খুবই ভালো ছাত্র। স্কুলের হেড মাস্টার থেকে শুরু করে দফতরি পর্যন্ত সবাই আসাদকে খুব ভালোবাসে। স্কুল তাকে বিনা বেতনে পড়ায়। তার প্রয়োজনের বাহিরে অহেতুক কোনো চাহিদা নেই। সে জানে তারা গরীব। এ কারণে তার মা তাকে অনেক ভালোবাসে। আসাদও তার মাকে অনেক ভালোবাসে।
এবার রোজায় আসাদ তার মায়ের সাথে প্রত্যেকটি রোজা-ই রেখেছে। তার মা মানুষের বাড়িতে কাজ করার পর কখনো কেউ ইফতারির খাবার দিলে একটু ভালো মন্দ খেতে পায়। আর এমনিতে পুরনো ভাত দিয়েই ইফতারি সারে। সাহরির সময় বেশির ভাগ সময় মোটা চালের ভাতের সাথে শাক আর পাতলা ডাল দিয়ে সাহরি করে থাকে আসাদ আর তার মা। আসাদের মা তাকে বুঝতে না দিয়ে গোপনে খুব কান্না করে তাদের অসহায়ত্বের জন্য।

এভাবে দেখতে দেখতে ২০ রোজা পার হয়ে যায়। একদিন ইফতারের সময় আসাদ তার মাকে বলে,
: মা আমার খুব শখ এবার ঈদের জন্য আমি একটি লাল টুকটুকে পাঞ্জাবী কিনবো। তারপর সেই পাঞ্জাবী পড়ে ঈদের সকাল বেলা তোমাকে সালাম জানিয়ে নামাজ আদায় করতে যাবো। নামাজ শেষে বন্ধুদের সাথে অনেক মজা করবো, খেলাধূলা করবো। আরো কত কি।
তারপর তার মা বলেন,
: আচ্ছা ঠিক আছে তোমাকে আমি লাল টুকটুকে নতুন পাঞ্জাবী কিনে দেবো। এবার খুশিতো?
একথা শোনার পর আসাদ খুব খুশি হয়ে বলে, হুম মা আমি অনেক খুশি। কিন্তু ঈদ যে প্রায় চলে এলো। আমার অন্য সব বন্ধুরা নতুন জামা কাপড় কিনে ফেলেছে। কবে কিনে দেবে?
তখন তার মা বলেন, সাহেবরা বলেছেন ২৭ রোজায় বোনাস সহ বেতন দেবে। বেতনটা পেলেই কিনে দেবো। বাবা তুমি কোনো চিন্তা করো না। যেদিন টাকা হাতে পাবো সেদিনই বাজারে গিয়ে তোমাকে লাল টুকটুকে পাঞ্জাবী কিনে দেবো।
আসাদ বলে, আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ মা আমি সেমাই খেতে খুব পছন্দ করি। ঈদের দিন সকালে আমার জন্য সেমাই রান্না করো।
তার মা বলেন,
: আচ্ছা বাবা ঠিক আছে। বেতনটা আগে হাতে পেয়ে নিই। শুধু সেমাই কেন, পোলাও কোরমা সব রান্না করবো তোমার জন্য।
তারপর আসাদ খুব খুশি হয়।

হঠাৎ করে ২৪ রোজায় বিকেলে তার মা মানুষের বাড়িতে কাজ সেরে বাসায় ফিরে এসে খুব অসুস্থ হয়ে পড়ে। খুব কষ্ট করে এক গ্ল­াস পানি পান করে ইফতার সারে। মায়ের এমন অসুখের কারণে আসাদও ইফতারির সময় এক গ্ল­াস পানি ছাড়া আর কিছুই মুখে দিতে পারেনি। রাতে প্রচ- জ্বর আসে মায়ের। এলাকার ফার্মেসির ডাক্তার আঙ্কেলকে ডেকে আনলে কিছু ওষুধ লিখে দেয়। টাকার অভাবে সব ওষুধ কেনাও হয় না, ফলে খাওয়ানোও হয় না। কিছুতেই জ্বর কমে না। এদিকে সাহেবদের বাড়ি থেকে লোক পাঠানো হয় যে কেন কাজে যাচ্ছে না তার মা।
দেখতে দেখতে ২৭ রোজা পার হয়ে গেল। কিন্তু জ্বর কিছুতেই কমছে না। আসাদের মা তাকে বলে, বাবা তুমি কালকে সকালে একটু সাহেবদের বাসায় যেও। দেখো টাকা দেয় কিনা। বোধয় দেবে না। কারণ তাদের কথা মতো কাজে যেতে পারিনি।
আসাদ বলে, আমার পাঞ্জাবী লাগবে না মা। আগে তুমি সুস্থ হও।
মা বলেন, তুমি কাল যাও তাদের বাসায় দেখো কি বলে।
পরের দিন আসাদ সাহেবদের বাসায় যায়। কিন্তু কেউই টাকা দেয় না। আসাদ মন খারাপ করে চলে এসে মাকে এসে জানায়। আসাদের মায়ের চোখ দিয়ে অঝোরে পানি বের হতে থাকে।
আসাদ মাকে জড়িয়ে ধরে বলে, মা তুমি একটুও কেঁদো না। আমি মন খারাপ করিনি। আমার পাঞ্জাবী লাগবে না। তুমি আগে সুস্থ হও। তুমি ছাড়া আমার যে আর কেউই নেই। আমি তোমাকে চাই মা। আর কিছু চাই না।
এদিকে দেখতে দেখতে চাঁদ রাত চলে আসে। আকাশে চাঁদ উঠেছে রাত পোহালেই ঈদ। বাইরে ছেলে মেয়েরা ঈদের গান গেয়ে খুব মজা করছে। মসজিদের মাইক থেকে ঈদ মুবারাকের ধ্বনি ভেসে আসছে। কিন্তু আসাদের মনে একটুও আনন্দ নেই। কারণ মা তার আরো অসুস্থ হয়ে পড়েছে। সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। সারা রাত আসাদ না ঘুমিয়ে মায়ের কপালে একটু পর পর পানিতে কাপড় ভিজিয়ে ভিজিয়ে জল পট্টি লাগিয়ে দেয়।

শেষ রাতে এক পর্যায়ে তার মা আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যায়। আসাদ যখন বুঝতে পারে যে তার মা আর বেঁচে নেই তখন সে হাউ মাউ করে কাঁদতে থাকে। তার কান্নার আওয়াজ পেয়ে প্রতিবেশীরা দৌড়ে আসে। আসাদের কান্না কিছুতেই থামানো যাচ্ছিল না। আস্তে আস্তে দিনের আলো স্পষ্ট হতে থাকে। তার মাকে গোসল করানোর কাজ করা হয়। আসাদকে প্রতিবেশীরা গোসল করিয়ে ঈদের নামাজে নিয়ে যায়। তার চোখের পানি একটি বারের জন্য থামে না। ঈদগাহে মানুষ বিষয়টি জেনে অনেকেই আবেগপ্রবণ হয়ে অশ্রুসিক্ত হয়ে পড়ে।

তারপর ঈদের নামাজ শেষে তার মায়ের জানাজা হয়। ঈদগাহের সব লোক জানাজায় আসে। জানাজার পর ওদের বাসার পাশেই তার মাকে দাফন করা হয়। কবর দেয়ার পর সবাই তাকে অনেক ডাকে চলে আসার জন্য। কিন্তু আসাদ কিছুতেই তার মায়ের কবরের কাছ থেকে বিন্দুমাত্র সরে না। এক পর্যায়ে একে একে সবাই চলে যায়। আর আসাদ তার মায়ের কবরের পাশে বসে অনবরত চোখের পানি ফেলতে থাকে।

সংগ্রাম

রিকশার প্যাডেলে পায়ের জোরটা যেন ঠিকঠাক পড়ছে না হামিদের। ঘর্মাক্ত শরীরের প্রতিটি জোড়ায় জোড়ায় ব্যাথা করছে। কোনোমতে রিকশাটা চালিয়ে নিয়ে যাচ্ছে সে। পাশ দিয়ে আরও দুইটা রিকশা বেরিয়ে যেতেই পেছন থেকে আওয়াজ আসল,
Ñ ধুর ব্যাটা, তোর রিকশায় ওঠে ভুল করছি। দামড়া পোলা একটা রিকশা ঠিকঠাক চালাতে পারস না।
বকা শুনে আরেকটু শক্তি খরচ করার চেষ্টা করল হামিদ। কিন্তু কিছুতেই গতি বাড়াতে পারল না। চোখের কয়েকফোটা জল কপাল থেকে গড়িয়ে পড়া ঘামের সাথে মিশে গেল বুঝতে পারার আগেই। সিগন্যালে লাল বাতি জ্বলতেই থামিয়ে দিল রিকশাটা। যাক কিছুক্ষণ স্বস্তি পাওয়া গেল।

রিকশা চালানোটা হামিদের পেশা না। তার পেশা ছিল ছাত্রত্ব। ছিল বলাটা ঠিক মানায় না এখানে। ছাত্রই আছে এখনো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের ছাত্র সে। এসেছে এক মফস্বল এলাকা থেকে। মা মানুষের বাড়িতে ছুটা বুয়ার কাজ করে। বাবা দিনমজুর ছিল। এখন বিছানায়। দুই ছেলের মধ্যে বড় ছেলে হামিদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতে পেরে হামিদের বাবা রহিম মিয়া যারপরনাই খুশি হয়েছিল। কিন্তু বিধিবাম, এরপরই অসুস্থ হয়ে বিছানায় স্থায়ী হতে হলো তাকে। টাকার অভাবে চিকিৎসাও হচ্ছে না তার। বাবা-মা এর টাকায় পরিবার আর হামিদের টিউশনির টাকায় পড়াশোনার খরচ চলতো। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ঢাকা আসার পর আগের টিউশনি এখন আর নেই। বাবা অসুস্থ হয়ে পড়লেন আর নিজেরও টিউশনি নেই। মায়ের ছুটাবুয়ার কাজ করে কামানো টাকা দিয়ে কিছুতেই সংসার খরচ চলে না। ছোট ভাইটা প্রতি সপ্তাহেই চিঠি লিখে, সে এবারে মাধ্যমিক পরীক্ষা দেবে। তারও অনেক খরচ দরকার। কি করবে হামিদ?
বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরদিন থেকেই টিউশনি খুজতে থাকে হামিদ। কিন্তু নতুন এ বিশাল অপরিচিত শহরে কে দেবে তাকে টিউশনি? কারও সাথে পরিচিতি নাই, শহরের ছেলেমেয়েদের পড়ানোর অভিজ্ঞতা নাই; কে তার সন্তানকে এমন কারও হাতে তুলে দেবে? চারমাস হয়ে যাচ্ছে খরচাপাতির টানাপোড়ন চলছে পকেটে। বাড়িতে খরচের জন্যে চিঠি লিখে সে, চিঠি লিখে পোস্ট করার আগেই তার কাছে মায়ের চিঠি আসে।

বাবা,
তোর বাবার অবস্থা খুব একটা ভাল না। অসুস্থতার এতদিন হয়ে গেল একটা ডাক্তার দেখাতে পারলাম না। সাহেবের কাছে গেছিলাম কিছু টাকা হাওলাত করব, সাহেব টাকা দেননি। বড়লোক সবাই কি এমন কিপটা হয়? জানিনা বাবা। শাহেদ এর পরীক্ষা সামনে। ওরও কিছু বই খাতা লাগত। তুই ছোটখাটো একটা চাকুরি পাস কিনা দেখিস। খুব টানাপোড়ন চলছে। টাকা পাঠাতে পারলাম না। মাফ করিস বাবা।

তোর মা।
(পুনশ্চ: তোর বাবা তোকে দেখতে চায়। পারলে এসে ঘুরে যাস ১দিনের জন্যে।)
সেদিন থেকে পাগলের মতো এর ওর কাছে সাহায্য চায় হামিদ। একটা সামান্য চাকুরির জন্যে। এই স্বার্থপর শহরে কেও তার দিকে করুনার দৃষ্টিতেও তাকায় না। অবশেষে সে সিদ্ধান্ত নেয় নিজেই কিছু একটা করবে। আজিমপুর গিয়ে রিকশার গ্যারেজ খুজে নেয়। নিজের জমানো সর্বশেষ সম্বল ৮হাজারটা টাকা জামানত দিয়ে রিকশা চালানোর কাজ নেয়।
প্রথমদিন খুব কষ্ট হয়। দুইদিন পর জ্বর উঠে যায় তার। সারা শরীরে ব্যাথা। বিছানা থেকেই উঠতে পারে না। ঘুমের ঘোরে আবোল তাবোল বকতে থাকে। একদিন পর জ্বর একটু নেমে আসলে শান্তিতে ঘুমাতে পারে। সেরাতে স্বপ্নে দেখে বাবার চিকিৎসা করাচ্ছে হামিদ দেশের সেরা হাসপাতালগুলোর একটাতে। বাবার পাশে বসে আছে মা সুন্দর একটা শাড়ী পড়ে আর দরজা খুলে শাহেদ দৌড়ে এসে বলে ভাইয়া আমি মাধ্যমিকে গোল্ডেন এ-প্ল­াস পেয়েছি। শাহেদের ধাক্কায় ঘুম থেকে জেগে ওঠে সে।
নাহ্ শাহেদ না, রুমমেট জাগিয়ে দিচ্ছিল তাকে। সকাল হয়ে গেছে। জ্বরটাও নেই। তবে ব্যাথা কমেনি শরীরের। তবুও গামছাটা নিয়ে আস্তে করে বেরিয়ে পড়ে হামিদ। আজ মঙ্গলবার, ক্লাস নেই। রিকশাটা গ্যারেজ থেকে বের করে রাস্তায় নেমে পড়ে। পেছনে বসা যাত্রীটা তার আজকের প্রথম যাত্রী। বেশ কিছুক্ষণ ধরে ঘুরছে এদিক ওদিক।
ভাবতে ভাবতে কখন যে সিগন্যালে সবুজ বাতি জ্বলে উঠেছে খেয়াল করেনি হামিদ। যাত্রীর তাগাদায় আবার প্যাডেলে পা চালানো শুরু করে হামিদ।

ফোটায় ফোটায় বৃষ্টি শুরু হয়েছে। মাথা থেকে কিছু পানি কপালের ঘাম আর চোখের পানিতে মিশে কষ্টের এক বিশাল সাগর হয়ে গড়িয়ে পড়ে গেল…।