Home Blog Page 155

পরিশ্রম ছাড়া বাগান হয় না

এই সাপ! সাপ!!
চিৎকার করে রাকিব ঘরের দিকে দৌড় দেয়। তার মা বড় ভাই ছুটে আসে।
বলে, কী হয়েছে?
না মা ওই যে কাকার উঠানের আগাছার মধ্যে দেখলাম একটা বড় সাপ নড়াচড়া করছে। ভয়ে আমি চিৎকার করে দৌড় দিয়েছি।
বড় ভাই সাদমান বলে কই দেখি তো? এই বলে সামনে এগিয়ে যায়। একটু সামনে বেড়ে আর আগায় না। কাকার উঠান মোটামুটি পুরোটাই ঘন আগাছায় ভরে গেছে। নিজের মনেও ভয় জাগে, সাপ যদি থেকেই থাকে।
রাকিবের বাবা আমজাদ হোসেন সৌদি আরবে থাকেন। আর চাচা তৌফিক কাতারে। দুই বছর হলো কাকা পুরো পরিবারসহ কাতারে চলে গেছেন। যাওয়ার সময় কাকা ঘরের চাবিটাও নিয়ে গেছেন রাকিবদের কিছু বলেননি। তাই কষ্টে রাকিবের বাবা বলেছেন ওর জায়গার দিকে তোমরা কেউ তাকাবে না। রাকিবেরা ছোট হলেও ওর বাবার কথা অনুযায়ী কাকার উঠানেও যায় না। মানুষের স্পর্শ না পেলে উঠান, বাড়ি যেমন হওয়ার তেমনই হয়েছে। ঘন জঙ্গল যেন পুরো বাড়িটাই ভরে গেছে।
একে তো এরা ছোট মানুষ। পবিরাবের কর্তা তাদের আম্মা হনুফা বেগম। আমাদের দেশে অনেক জনসংখ্যা থাকলেও জনশক্তি হিসেবে গড়ে ওঠেনি। আবার দেশে তেমন কর্মসংস্থান না থাকার কারণে বেঁচে থাকার তাগিদে মা বাবা স্ত্রী সন্তান সব ছেড়ে বিদেশে পাড়ি জমাতে হয়। রাকিবের বাবা কাকা এই জন্যই বিদেশে পড়ে আছে। এভাবেই আমাদের প্রবাসী বাবা ভাইয়েরা জীবনের সুখ বিসর্জন দিয়ে অন্যের সুখ নিয়ে ব্যস্ত।
রাকিবের চাচা কাতারে যাবার কয়েক দিন পর বাবাও চলে গেলেন। আজ দুই বছর হতে চলেছে। বাবা বাড়ি নেই। অল্প কয়েকদিন পর বাবা আসবেন। এযে কী এক আনন্দ!
রাতে সাদমান মাকে বলে, আম্মা চাচার শ^শুরবাড়ি থেকে চাচার ফোন নম্বরটা এনে চাচাকে ফোন দিয়ে উঠানের আগাছা পরিষ্কার করতে পারলে ভালো হত। আজ রাকিব সাপ দেখে ভয় পেয়েছে। অনেক সময় রাতের বেলা যদি সাপ এসে আমাদের উঠানে বা ঘরে উঠে আমাদের কী হবে?
হনুফা বেগম বলেন, তার তো দরকার। অল্প কয়েক দিনের মধ্যে তোমার আব্বা আসবেন। উনি এসেই এর ব্যবস্থা নেবেন। তোমরা এই কয় দিন একটু সতর্ক থাকবে। রাতে আলো ছাড়া বাইরে যাবে না।

কয়েক দিন পর আমজাদ সাহেব প্রবাস থেকে বাড়িতে আসেন। সারাদিন অনেক প্রতিবশী তার সাথে দেখা করতে আসে। সকলের সাথে কথাবার্তায় পুরো দিন চলে যায়। রাত দশটার দিকে পরিবারের সকলকে নিয়ে খাবার খেতে বসেন। খাবার খেতে বসে যেন খাবার খাওয়া শেষ হতে চায় না। একে অপরে খবরাখবর জানায় অনেক সময় চলে যায়। সারাদিন অন্যদের সাথে কথা বলতে সংসারের খবর নেয়ার সুযোগ হয়নি। কথার ফাঁকে রাকিব বলে, বাবাজান কয়েক দিন আগে চাচার উঠানে বড় একটি সাপ দেখে আমি খুব ভয় পেয়েছি। আমি চিৎকার করে সাপ সাপ বলে দৌড়ে পালিয়েছি। তারপর আম্মা ভাইয়া ঘর থেকে বের হয়ে আর সাপটিকে খুঁজে পায়নি।
রাকিবের আম্মা তার আব্বাকে লক্ষ করে বলেন, আপনি তৌফিকের সাথে কথা বলে তার উঠান পরিষ্কারের ব্যবস্থা করেন ।
আব্বা বলেন, সে তো এই দুই বছরে আমাকে একটি ফোনও দেয়নি। আমি আসার আগে নিজ থেকেই তাকে ফোন করেছিলাম।
আম্মা বলেন, সে তো ছোট তার ভুল হতেই পারে, আপনি আপনার দায়িত্ব পালন করুন। তাছাড়া আমরা বাড়িতে আছি আমাদের ছোট ছেলেমেয়ে আছে তাদের জন্য তো আমাদেরকেই এই জঙ্গল পরিষ্কার রাখতে হবে। আজ রাকিব ভয় পেয়েছে। কালকে দেখা যাবে কোন বিপদ এসে হাজির হয়েছে।
ঠিক বলেছ হনুফা। আব্বা জবাব দেন।
ইতোমধ্যে সবার খাবারও শেষ হয়েছে। আমজাদ সাহেব সকলকে বলেন তোমরা খাবার সেরে একটু বস আমি তোমাদেরকে কিছু কথা বলব। আমজাদ সাহেব ভাবলেন আজ যেহেতু আমি এসেছি আর একটি বিষয় নিয়ে আলোচনা চলছে এখন একটু কষ্ট হলেও আমার কথা গুরত্ব দিয়ে সবাই শোনবে।
আমজাদ সাহেব সাদমান ও রাকিবকে লক্ষ করে বললেন, দেখো, তোমার চাচার বাড়ি মাত্র দুই বছর অবহেলা অযতেœ পড়ে আছে এতেই পুরো বাড়ি জঙ্গলে পরিণত হয়েছে । এখন এখানে সাপ বিচ্ছু পোকা মাকড়ের বাস। তোমার চাচিরা থাকতে তো এখানে জঙ্গল ছিল না। বরং আমাদের চেয়ে তাদের ঘর উঠান সুন্দর ছিল। আজ এই বাড়ির জঙ্গল আমাদের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। তোমরা এর দ্বারা একটি বিষয় খেয়াল করো যে জঙ্গল করতে কোনো পরিকল্পনা, পরিশ্রমের দরকার হয় হয় না। কোনো কিছুর দিকে খেয়াল না রাখলে অযতেœ অবহেলায় ফেলে রাখলে তার ওপর এমনিতেই ময়লা জমতে থাকে। আগাছায় ভরতে থাকে এক সময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু তোমরা যদি কোনো বাগান করতে চাও তবে তোমাদের পরিকল্পনা করতে হবে, পরিকল্পনা অনুযায়ী শ্রম, অর্থ ব্যয় করতে হবে তাহলে আস্তে আস্তে তিলে তিলে একটি সুন্দর বাগান তোমাদের আঙিনায় গড়ে উঠবে । তুমি আনন্দ পাবে সমাজের অন্য দশজন তোমার বাগানের ফুল দেখে আনন্দ পাবে । ফুলের সুঘ্রাণ নেবে। কথায় আছে, পরিশ্রম ছাড়া জঙ্গল হয় বাগান হয় না। মানুষও ঠিক তেমনি তোমরা যদি পরিশ্রম করে লেখাপড়া করো তাহলে মানুষের মতো মানুষ হবে। নিজেরসহ সমাজের দশজনের আনন্দের কারণ হবে, সুখের কারণ হবে আর যািদ অবহেলায় সময় কাটাও তাহলে দেখবে তোমাদের জীবন বরবাদ হয়ে গেছে। সমাজের দুষ্ট ছেলেরা তোমার বন্ধু হবে। অসৎ খারাপ কাজে তুমি জড়িয়ে পড়বে এবং তুমি সমাজের, পিতামাতার উপকারের স্থলে কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। আমি আশা করব তোমরা নিজেরা নিজের জীবন গড়ার জন্য পরিশ্রমে সামান্য অবহেলা করবে না। অবহেলায় তোমার জীবন বাগানে ফুল নয়, জঙ্গলের সাপ বিচ্ছুতে পরিণত হবে । মানুষ তোমাকে, তোমার পিতা-মাতাকে অভিশাপ দেবে। আর যদি তোমার জীবন সুন্দর হয় সকলে তোমার, তোমার পিতা-মাতার গুনগান গাইবে। তোমাদের জন্য দোয়া করবে। তুমি নিজেরসহ সমাজের উপকার করতে পারবে।
হনুফা বেগম সায় দেন, বলেন তোমরা তোমাদের আব্বার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আজ থেকে জীবন গড়ার কাজে কোনো অবহেলা করবে না । আর আগামী কাল আমরা নিজেরাই তোমাদের চাচার উঠান পরিষ্কার করে ফেলব ।
দুই ভাই বলে উঠে আমরা আর অবহেলা করব না মা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

গাঁয়ের ঈদ

সবার মুখে চাঁদের হাঁসি
ঈদের দিনে ঝোলে
কোলাকুলি সবাই করে
শত্রুতা সব ভুলে।
খোকন সোনা নতুন জামা
গায়ে দিয়ে হাটে
নামাজ পড়তে যাবে সে আজ
বাবার সঙ্গে মাঠে।
খুকু-মণি দুহাতে নেয়
মেহেদী রাঙিয়ে
মায়ের পাশে বসে বসে
রান্না ঘরে গিয়ে।
সেমাই পোলাও রান্না করে
খোকা খুকির মায়ে
ঈদের দিনে খুশির জোয়ার
বয় ধবলপুর গাঁয়ে।

ঈদের খুশি
তকিউল হাসান মোর্শেদ

ঈদ তো এলো তাদের জন্য
ঠেলছ যারে পায়ে,
তোমার জন্য ঈদ আসেনি
খোদার এ আলয়ে।
নিচ্ছ জুতো নিচ্ছ জামা
নিচ্ছ কত কিছু,
একটি শিশু খাবার খেতে
ঘুরছে তোমার পিছু।
সেই শিশুটির এসব নেবার
হয়তো আছে মন,
ঠিক মতো সে পায় না খেতে
নেই যে আপনজন।
একলা তুমি করবে যে ঈদ
হয়না তো তা কভু,
এই জীবনের সকল কাজের
জবাব নেবেন প্রভু।
ঈদের খুশি ভাগ করে নাও
ধনী গরীব মিলে,
ঈদ তো আসল আসবে তখন
তোমার মন ও দিলে।
শিক্ষার্থী, পটিয়া সরকারি কলেজ
কক্সবাজার

ঈদের আহ্বান

হাতটা বাড়াও গলটা বাড়াও, বাড়াও মনের টান
মান অভিমান ঝেড়ে ফেলে গাও যে সাম্যের গান।
কাঁধে কাঁধে কাঁধটা মিলাও, মিলাও দীলে দীল,
ভুলগুলো সব যাও ভুলে যাও রেখো না এক তিল।

হিংসা বিদ্বেষ দাও মুছে দাও মনটা করো সাফ
শত্রুদেরও মিত্র বানাও দাও করে দাও মাফ,
খোশ জোয়ারে দাও উপচে দাও ঈদগাহেরই মাঠ
নাও বুঝে নাও ঈদ জামাতের মেল বন্ধনের পাঠ।

ঈদের জামাত শেষ হলে যাও, নাও যে সবার খোঁজ
মিলে মিশে থাকবে সবে রোজের পরে রোজ।
এই সমাজে ভাইয়ের মতো করবে বসবাস,
সুখ পরশে থাকবে মিলে সারা বারোমাস।

বলো সবে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ
খুশির বানে সিক্ত করো সব মানুষের হৃদ।
ঈদের চাঁদে যাক নিয়ে যাক অসম সব দুখ,
মনের কোণে ভেসে উঠুক অবারিত সুখ।

সবার দিলে দিলে

পাড়ায় পাড়ায় খোকা-খুকি ছড়ায় হাসি গান
ঈদ এসেছে মন মেতেছে খুশির কলতান।
পাখির ঠোঁটে বাঁশি বাজে ফুলের বুকে ঘ্রাণ
ঈদে জাগে একসাথে আজ গরিব ধনীর প্রাণ।

উৎসবে তাই উতল হলো সবুজ ছায়ার মাঠ
বন্ধ হলো রুটিন ফুটিন একঘেয়ে সব পাঠ।
দলবেঁধে সব নামছে পথে নেই বড়দের মানা
ঈদ মানে তো দুষ্টুমি মাফ এইটা সবার জানা।

বরং আছে বাড়তি আদর আর সালামির নোট
সেসব পেয়ে তাই তো উজল খোকা-খুকির ঠোঁট।
ঈদের মতো সারাবছর থাকলে এমন মিলে
থাকবে খুশি ভালোবাসা সবার দিলে দিলে।

শিশুকিশোরের ঈদ আনন্দ

আনন্দ-খুশির বার্তা নিয়ে প্রতি বছরই ঈদ আসে। আর এ আনন্দ-খুশি উপভোগে সকল মুসলমানের অধিকার আছে। তবে শিশুকিশোরদের ভাগে আনন্দের পরিমাণ একটু বেশিই থাকে। এ দিনে ধনী-গরিব, রাজা-প্রজা, কিশোর-তরুণসহ সব বয়সের এবং সব পেশার মুসলমান সমবেত হন ঈদের ময়দানে। হাতে হাত, বুকে বুক রেখে পরস্পর কোলাকুলি করেন পরম মমতা নিয়ে। পুরনো দিনের হিংসা-বিদ্বেষ ভুলে তারা পরস্পরে আবদ্ধ হন ভালোবাসার বন্ধনে। এতে মুসলিম সমাজের ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের আসল চিত্র ফুটে ওঠে। তবে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রমণের বৈশ্বিক সংকটে এবারের ঈদ আনন্দে ভাটা পড়েছে।

ঈদ নিয়ে শিশুকিশোরদের মনে অনেক ভাবনা থাকে। ঈদের পোশাক কেমন হবে? কোন জামা পড়ে ঈদের নামাজ পড়বে? কোন জামা পড়ে ঘুরতে যাবে? জুতা কি ডিজাইনের হবে? কোথায় ঘুরতে যাবে? কাকে কী উপহার দেবে? কোন ফ্রেন্ডকে কী ধরনের ঈদকার্ড দেবে? কার নিকট থেকে কত সালামি নেবে? সালামি দিয়ে কী কী করবে ইত্যাদির পরিকল্পনা তাদের মাথায় গিজ গিজ করে। আর সবার আগে ঈদের চাঁদ দেখা, ঈদের দিনে সবার আগে ঘুম থেকে জাগা, সবার আগে ঈদের মাঠে যাওয়া, ঈদের সালামি পাওয়া ইত্যাদি বিষয়ে তাদের মধ্যে প্রীতিপূর্ণ প্রতিযোগিতা চলে। এছাড়া বিভিন্ন ধরনের খেলাধুলা, দল বেঁধে ঘোরাফেরা-আড্ডায় তারা আনন্দ-উল্লাসে মেতে ওঠে। এমনিভাবে ঈদের আনন্দ-উৎসবকে তারা দারুণভাবে উপভোগ করে!
ঈদের চাঁদ দেখা নিয়ে শিশুকিশোরদের মধ্যে কৌতূহল বেশি থাকে। কে আগে চাঁদ দেখেছে বা দেখবে এ নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা চলে। এ জন্য চাঁদ দেখতে অনেকে বাসার ছাদে, খোলা মাঠে, উঁচু জায়গায় অবস্থান নিয়ে থাকে। চাঁদ দেখার সাথে সাথেই তারা ‘আল্লাহু আকবার’, ‘ঈদ মুবারক’, ‘আস্সালামু আলাইকুম’ ইত্যাদি ধ্বনি দিয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠে। এমনকি ঈদকে স্বাগত জানিয়ে অনেকে আনন্দ মিছিলও করে। অবশ্য বর্তমানে আকাশে চাঁদ দেখার চেয়ে রেডিও-টেলিভিশনের খবর ও সামাজিক যোগাযোগমাধ্যমকে প্রাধান্য দেয়া হয়ে থাকে। এজন্য নিজ চোখে চাঁদ দেখার কৌতূহল-উল্লাস কমেছে। তবে ঈদের শুভেচ্ছা বিনিময়ের প্রবণতা বেড়েছে। অধিকাংশ কিশোর-তরুণ আধুনিক প্রযুক্তিতে মোবাইলের ক্ষুদে বার্তা, ফেসবুক, টুইটার, ভাইবারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করে। আগের দিনে বড়দের মতো কিশোর-তরুণরাও বিভিন্ন ডিজাইনের কার্ড দিয়ে বন্ধু-আত্মীয়-স্বজনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতো। তাদের অনেকেই ঈদকার্ডে নিজ হাতে আল্পনা আঁকতো, কেউ কেউ কবিতা-ছন্দ লিখে আমন্ত্রণ জানাতো। এতে ঈদের আনন্দ-উদ্দীপনা বেড়ে যেত।
চাঁদরাতে কিশোর-কিশোরীদের ব্যস্ততা বেশি থাকে। সবার আগে ঘুম থেকে জাগা, বাবা-মা-আত্মীয়-স্বজন থেকে সালামি নেয়া, ঈদগাহে নামাজ পড়া, বন্ধু-বান্ধবদের সাথে মজা করা, ঈদের পোশাক পড়া, এ রকম হাজারও পরিকল্পনা তাদের মাথায় কিলবিল করে। অধিকন্তু বিভিন্ন ডিজাইনের পোশাক পরিকল্পনা, প্রসাধনীর ব্যবহার কিশোরীদের চাঁদরাতের ব্যস্ততাকে বাড়িয়ে দিয়েছে। তবে আগের দিনের তরুণী-কিশোরীরা রাত জেগে ঈদের রান্না-বিভিন্ন ধরনের পিঠা তৈরিতে মা-দাদীকে সহযোগিতা করেছে। আর কিশোর-তরুণরা ঈদগা-মাঠ সাজাতে বড়দের সহযোগিতা করে আনন্দে মেতে উঠেছে।
ঈদের দিনে শিশুকিশোররা সাধারণত বন্ধু-আত্মীয়-প্রতিবেশীদের বাসায় বেড়াতে যায়। এ সময় তারা অনেক সালামি-উপহার পায়। এতে তাদের উল্লাস-খুশির মাত্রা বেড়ে যায়। তবে কিশোর-তরুণরাই শুধু আনন্দ-উল্লাসে ব্যস্ত থাকে না, বরং তারা ঈদগাহে নামাজ পড়তে যায়। এ সময় তারা মহান আল্লাহর দরবারে অবনত মস্তকে তার দয়া-সাহায্য চায়। অতীতের মারামারি-ঝগড়াঝাটি, হিংসা-বিদ্বেষ ভুলে তারা পরস্পরে পরম বন্ধুতে পরিণত হয়। ছোট-বড় সবার সাথে কোলাকুলিতে পরস্পরের প্রতি তাদের শ্রদ্ধা-ভালোবাসা বেড়ে যায়। এছাড়া ঈদের ময়দানে শিশুকিশোররা বড়দের কাছ থেকে অনেক কিছু শিখতে পায় এবং কিশোরমনে সমাজ-সম্প্রীতিবোধ জন্মায়।
নতুন পোশাক-পরিচ্ছদ শিশুকিশোরদের আধুনিক ঈদ উৎসবের প্রধান অনুষঙ্গ হয়েছে। তাই ধনী-গরিব সব অভিভাবকই ঈদে শিশুদের নতুন পোশাক দিতে সাধ্যমত চেষ্টা করে। তবু অনেকেই নিজের পছন্দ মতো পোশাকের বায়না ধরে। তবে নতুন পোশাক ছাড়াও দরিদ্র-অসহায় শিশুকিশোরদের ঈদ কাটে। অবশ্য কেউ কেউ নিজেদের একাধিক নতুন পোশাক থেকে গরিব শিশুদের দান করে। এতে সবারই ঈদের আনন্দ-খুশির মাত্রা অনেক গুণ বাড়ে।
আমাদের দেশে ঈদে বেশ কিছুদিন ছুটি পাওয়া যায়। এ সময় দূরের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের সাথে দেখা-সাক্ষাৎ এবং গল্প, খেলাধুলা করার সুযোগ হয়। এতে শিশুকিশোররা অনেক আনন্দ ও মজা পায়। ঈদ উৎসবে বড়দের পাশাপাশি শিশুকিশোরদের জন্য বিনোদনমূলক খেলা-প্রতিযোগিতার আয়োজন করা হয়। তবে অনেকে ঐতিহ্যবাহী খেলাধুলার পরিবর্তে মোবাইলে-কম্পিউটারে গেম খেলে, ইন্টারনেটের সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং রেডিও-টেলিভিশনের বিভিন্ন বিনোদনমূলক কর্মসূচি দেখে-শুনে ঈদের দিন কাটায়! এমনকি শহরাঞ্চলের অনেক ঈদ উৎসবে পশ্চিমা ধাঁচের জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঈদের প্রকৃত উদ্দেশ্য ও আনন্দ লোপ পায়। অথচ ইসলাম নির্দেশিত ঈদ উৎসব নির্মল ও আনন্দঘন হয়। অধিকন্তু ঈদের দিনে শিশুদের গান-বাজনা (দফ্ বাদ্য) বিষয়ে মহানবী সা: এর অনুমোদন পাওয়া যায়। আগের দিনে আমাদের দেশে ঈদের উৎসবে বড়দের জন্য হা-ডু-ডু, ফুটবল, কুস্তি খেলা, সাঁতার কাটা, নৌকা বাইচ ইত্যাদি খেলার আয়োজন করা হতো। আর শিশুরা গোল্লাছুট, দাঁড়িয়াবান্ধা, ফুটবল, ঘুড়ি উড়ানো ইত্যদি খেলায় মেতে উঠতো। এছাড়া তারা মা-খালা, দাদী-নানীদের সাথে হাসি-তামাসা, গল্প করে বেশ মজা করতো। এভাবে তাদের ঈদ আনন্দে-উল্লাসে ভরপুর ছিল। অবশ্য এখনও অনেক গ্রামে ঈদ উপলক্ষে শিশুকিশোরদের জন্য বিভিন্ন ধরনের খেলা-প্রতিযোগিতার আয়োজন হয়ে থাকে। আর শহুরে শিশুকিশোররা বিভিন্ন পার্কে-বিনোদন কেন্দ্রে অর্থের বিনিময়ে আনন্দ-খেলা করতে পারে। এতে ধনী পরিবারের শিশুরা অংশ নেয়ার সুযোগ পেলেও দরিদ্র পরিবারের শিশুরা বঞ্চিত থাকে।
আমাদের দেশের অনেক শিশুকিশোরের বাবা-মা দরিদ্র-অভাবী। তাদের অনেকেই বুঝতে পারে না ঈদের আনন্দ কী! করোনাভাইরাস আক্রমণের কারণে এবারের দুঃখটা আরো বেশি। ঈদে নতুন পোশাক তো দূরের কথা, পেট পুড়ে খেতে পারলেই তারা খুশি। তাই এ দিনে অনেক শিশুকিশোর একটু ভালো খাবারের আশায় বিভিন্ন বাসা-বাড়িতে যায়! ক্ষুধার জ্বালায় অনেক শিশুকিশোর ঈদের দিনেও কাগজ, বোতল কুড়ায়! ঘর-বাড়ি না থাকায় ঈদের দিনেও অনেক শিশুকিশোর প্লাটফর্মে, ফুটপাথে ঘুমায়! অথচ অন্যদের মতো তাদেরও ঈদে আনন্দ-উল্লাস করতে ইচ্ছে হয়। তাই অভাবী-অসহায় সবাইকে নিয়েই ঈদের আনন্দ-উৎসব করতে হয়। ঈদের আনন্দ-উল্লাস শুধু একার জন্য নয়। ঈদে বন্ধু, প্রতিবেশী, আত্মীয়-স্বজনকে সাধ্যমতো উপহার দিতে হয়। কারো মনে দুঃখ-কষ্ট থাকলে তা দূর করে তাকে খুশি করতে হয়। কেউ মনে দুঃখ দিলে ঈদের দিনে তা ভুলে যেতে হয়। কাউকে কখনো দুঃখ-কষ্ট না দেয়ার অঙ্গীকার করতে হয়। কারো সাথে ঝগড়া-বিবাদ থাকলে তা মিটে ফেলতে হয়। গরিব বলে কাউকে অবহেলা-অবজ্ঞা নয়। বরং গরিব-দুখীদের ঈদের আনন্দে অংশীদার করতে হয়। তাদেরকে প্রয়োজনীয় পোশাক-খাবার উপহার দিতে হয়। যাতে তারা খুশি হয় এবং ঈদের আনন্দ পায়। এ ক্ষেত্রে মহানবী সা. এর আদর্শ অনুসরণ করতে হয়। তবেই ঈদের আনন্দ-উৎসব সুন্দর ও সার্থক হয়।

শাহজাদী ও পাখির গল্প

অনেক দিন আগের কথা।
হেমন্তের দিনগুলো শেষ না হতেই শীত এসে মরা গাছে ফুল ফুটালো। পুরণো পাতারা ঝরল। তারপর বসন্ত আসতেই গাছের ডালে ঘন পাতার ফাঁকে কুহু স্বরে ডেকে উঠল কোকিল। কোকিলের কুহু স্বরে চতুর্দিকে যেন আনন্দের আমেজ ছড়িয়ে পড়ল। কালো কোকিলের কুহু-কুহু ডাক এমনই মধুর যে, সে ডাকে সাড়া না দিয়ে থাকা যায় না।

গোধুলিলগ্নে মোবারকের ছেলে আসছিল মাঠ থেকে। হঠাৎ পড়ো ভিটে থেকে ডেকে উঠল কোকিলÑকুহু-কুহু…। থমকে দাঁড়াল আরমান। সে-ও কোকিলের মত ডেকে উঠল কুহু-কুহু। কোকিল ডাকে আরমানও ডাকে। কোন ডাকটা আরমানের আর কোন ডাকটা কোকিলের সেটা বুঝে ওঠা দায়। বেশ মজা লাগল আরমানের। সে কণ্ঠে ধারণ করল কোকিলের সুর।
দু‘দিন পরই আবার শুনতে পেল ‘বউ কথা কও’। আরমান বাবাকে বলল, বাবা এটা কি পাখি? বাবা বলল, এ পাখির নাম-বউ কথা কও পাখি। দুপুরে কিম্বা বিকেলে পাখি যখন ডাকে আরমানও সেই সুরে বলে ওঠে ‘বউ কথা কও’।
গ্রামেই প্রাইমারি স্কুল। আরমান বই-খাতা নিয়ে স্কুলে যায়। স্কুলের পাশে গাছের ডালে ডাকে দোয়েল। আরমানের মন চলে যায় দোয়েলের কাছে। ক্লাসে বসেই সে দোয়েলের মত শিস্ দিয়ে ডেকে ওঠে। শিক্ষক ধমক দিয়ে বলেন, এটা কি হচ্ছে?
Ñ দোয়েল পাখির ডাক শিখছি স্যার।
Ñ তাহলে স্কুলে না এসে বনবাদাড়ে গিয়ে পাখির ডাক-ই শিখ।
তারপর থেকে আরমান আর স্কুলে গেল না। বাবা বলল, পড়ালেখা না শিখলে তুই কি করবি? আরমান বলল, শব্দ নকল করাটাও তো একটা শিক্ষা। আমি সব প্রাণীর ডাক শিখব। বাঘ, সিংহ, হরিণ, কুকুর, বিড়াল আরো যত পাখি আছে সবার ডাকই একদিন শিখে ফেলব। বাবা তুমি দেখে নিও এ শিক্ষা আমার বিফলে যাবে না। মোবারক ছেলের কথা শুনে মনে মনে ভাবল, সবাই সবকিছু পারে না। আল্লাহ্ যার মধ্যে যে শক্তি দান করেছেন সে তো তা করবেই।

আরমান সেই থেকে পশু-পাখির ডাক নকল করতে লেগে গেল। সে বন-বাদাড়ে ঘুরে পাখির ডাক শুনে, জন্তু-জানোয়ারের ডাক শুনে সেই ডাক নিজের মুখে নকল করে। এই কাজে তার একটুও ক্লান্তি নেই। বরং নতুন নতুন সুর তার উৎসাহ বাড়িয়ে তোলে। আরমানের শরীর-স্বাস্থ্যও ভালো। সে দৌড়াতে পারে, সাঁতার কাটতে পারে আর বড় বড় গাছ বাইতেও পারে। ছাগল, গরু, ভেড়া বেড়ালের ডাক তার কাছে মামুলি ব্যাপার।
একদিন সন্ধ্যায় আরমান কৌতূহলবশে বাড়ির দক্ষিণে হিজল আর বেতবাগানের পাশে দাঁড়িয়ে বাঘের মত ডেকে উঠল। বাঘের ডাক শুনে পাড়ার মানুষ ভয়ে অস্থির। কে কোথায় পালাবে তা নিয়ে সবাই মহাব্যস্ত। শেষে সবাই জানতে পারল এ কাজ আরমানের। আরমান এখন হরবোলা, সে অনেক প্রাণীর ডাকই নকল করতে পারে।

পাশের গাঁয়ের সাদেক আলি ঘোড়ার গাড়িতে সোয়ারী নিয়ে যাচ্ছিল। কি ভেবে আরমান ঘোড়ার মত চিঁহি শব্দে ডেকে উঠল। সঙ্গে সঙ্গে সাদেক আলির ঘোড়ার গাড়ি থেমে গেল। ঘোড়া আর গাড়ি টানে না। সাদেক আলি চারদিকে তাকাল কিন্তু আর একটি ঘোড়াও সে দেখতে পেল না কোথাও। অবস্থা বেগতিক দেখে আরমান কেটে পড়ল সেখান থেকে।

এভাবে দিন গড়াতে গড়াতে আরমানের কিশোর বেলা শেষ হলো। তার বাবা একদিন বলল, এখন তো বড় হয়েছিসÑএবার আয়- রোজগারের পথ ধর। আরমান বলল, পড়ালেখা তো শিখলাম না, কি কাজ করব আর কিভাবেই বা আয় করব?
বাবা বলল, কাজীর বাজারে এক লোক পশুপাখির মত ডাক শুনায়ে পয়সা আয় করে। তুই একবার যা তার কাছে। সে হয়তো একটা বুদ্ধি দিতে পারে। বেশ দূরের পথ। আরমান একদিন সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়ল। তখন বনজঙ্গলে ভরা ছিল দেশটা। অনেক দূরে দূরে এক-একটি গ্রাম। আরমান লোকজনের কাছে শুনতে শুনতে সেই নন্দনপুর গ্রামে পৌঁছাল। একটা লোককে ডেকে বলল, ভাই মজনু মিয়ার বাড়িটা কোন দিকে বলতে পারেন?
Ñ মজনু মিয়ার কাছে তোমার কী দরকার?
Ñ দরকার আছে বলেই তো এসেছি।
Ñ আমার নামই মজনু মিয়া।
আরমান তখন তাকে খুলে বলল সব। মজনু মিয়া বলল, আমি বিভিন্ন হাট-বাজারে লোকদের পশু-পাখিদের ডাক শুনায়ে তাদের খুশি করে দু’পয়সা আয় করি। তুমি তো দেখতে শুনতে চমৎকার একটি ছেলে। তোমাকে আমি এই বুদ্ধি দিতে চাই যে, তুমি কোনো সুলতান অথবা বাদশাহের দরবারে চলে যাও। একবার তাদের খুশি করতে পারলে সুখে তোমার দিন কাটবে।
আরমান ভাবল বাদশাহকে চিনি না, কোথায় তাঁর রাজপ্রাসাদ তাও জানি নাÑ তাহলে কি করে আমি সেখানে যাব! একথা-সেকথা ভাবতে ভাবতে আরমান সন্ধ্যায় বাড়ি ফিরল। বাবা আরমানের সব কথা শুনে বলল, তুই তো বড় ক্লান্ত। দু‘দিন বিশ্রাম নেয়ার পর যা হয় করা যাবে। বাদশাহ হুজুরের রাজ্যেই তো আমরা বাস করি। আল্লাহর ইচ্ছা থাকলে সব হয়।
Ñ বাদশাহর দরবার কি অনেক দূরে?
Ñ দশ বার মাইল তো হবেই। মানুষের কাছে শুনতে শুনতে এক মুল্লুক থেকে আরেক মুল্লুকে চলে যাওয়া যায়। এ নিয়ে তুই ভাবিস না।

পরদিন আরমান বেশ দূরের একটি বনে চলে গেল। সে বনে বাঘ, ভাল্লুকও বাস করে আর নানান ধরনের পাখিও আছে। নতুন কোনো পাখির ডাক শুনতে পেলে তো কথাই নেই। যদি বাদশাহের দরবারে যেতেই হয় তাহলে আরো কিছু নতুন পাখির ডাক তাকে শিখতেই হবে। বাদশাহকে খুশি করতে পারলে তাদের আর কোনো অভাব থাকবে না।
বনের মধ্যে পৌঁছে বড় ক্লান্ত লাগছিল আরমানের। সে একটি গাছের নিচে বসলো। বেশ ক্ষুধাও লেগেছে তার। বনে রয়েছে অনেক ধরনের ফলের গাছ। অনেক পাকা ফল গাছ তলায় পড়ে আছে। আরমান কিছু ফল কুড়িয়ে খেয়ে নিল।
এক সময় দেখল অনেকগুলো শূকর তার দিকেই আসছে। সে তখন দাঁতালের মত ঘোঁত-ঘোঁত শব্দ করতেই শূকরগুলো ছুটে পালাল। শিয়াল দেখল, হরিণ দেখল, হঠাৎ ঘোড়ার খটুড়ের শব্দ তার কানে এলো। ভাবল এ বনে ঘোড়া এলো কোথা থেকে ? কোনো ডাকাত দল এল নাকি? তখন সে একটা বড় গাছের পাশে দাঁড়াল। গাছপালার ফাঁক দিয়ে একটা সাদা ঘোড়া তার নজরে এলো। ঘোড়ার ওপর একজন লোক বসে আছে। তাঁর গায়ে বাদশাহী পোশাক। কোমরে তরবারী। পিঠে তীর-ধনুক বাঁধা। পেছনে আরো দু‘তিনটা ঘোড়া। আরমান ভাবল ইনি হয়তো বাদশাহ হবেন। অথবা কোনো মন্ত্রী।

আরমানের ধারণা মিথ্যা নয়। ইনিই বাদশাহ খুরশীদ হাসান। এত বড় জঙ্গলে একটা ছেলেকে দেখতে পেয়ে বাদশাহ খুবই অবাক হলেন। ভাবলেন, ছেলেটা কি কোনো বিপদে পড়েছে? তিনি আর একটু এগিয়ে ঘোড়ার লাগাম টেনে থামলেন। বাদশাহ কিছু বলার পূর্বেই আরমান হাত তুলে বাদশাহকে সালাম জানাল। বাদশাহ সালামের উত্তর দিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, তুমি এই বনের মধ্যে কী করছ? তোমার কি বাঘ ভাল্লুকের ভয় নেই? তুমি কে?
আরমান জড়োসড়ো হয়ে বলল, হুজুর আমার নাম আরমান। বাড়ি শ্যামপুর। বাঘ-ভাল্লুকের ভয় আমি করি না। আমি এসেছি নতুন নতুন পাখি দেখতে আর ওদের ডাক শুনতে।
Ñ এ বনে কি বাঘ নেই? বনের মধ্যে ঘুরে বাঘের কোনো চিহ্ন দেখতে পেলাম না।
Ñ বাঘ কি আপনি দেখতে চান?
Ñ হ্যাঁ, বাঘ দেখতে চাই এবং মারতেও চাই।
Ñ আমি আপনাকে বাঘের ডাক শুনাতে পারি। কাছে অথবা দূরে যেখানেই থাক সে ডাকবে। কিন্তু তাকে মারতে পারবেন না।
Ñ কেন পারব না? বাঘ শিকার করতেই তো এ বনে এসেছি।
Ñ বাঘ তো আপনার কোনো ক্ষতি করছে না। ওরা বনের পশু হলেও আল্লাহর সৃষ্টি। তাছাড়া বাঘের মাংস-ও মানুষের জন্য হালাল নয়।
আরমানের কথা শুনে বাদশাহের মেজাজ বেশ গরম হয়ে উঠল। তিনি নিজেকে সংযত করে চুপ করে গেলেন। কিন্তু ছেলেটিকে কিছু বুঝতে দিলেন না। আরমানের চেহারা খুবই সুন্দর আর কথা বলার ঢং-ও চমৎকার। তিনি মনে মনে ভাবলেনÑ সে কি কিছু অন্যায় বলেছে? সকল জীবই তো আল্লাহর সৃষ্টি এবং আল্লাহ-ই পশু-পাখিদের বসবাসের জায়গা নির্ধারণ করে দিয়েছেন। কেউ কোনো অন্যায় না করলে তাকে আঘাত করা উচিত নয়। বরং হরিণ শিকার করা যেতে পারে হয়তো। তারপর বাদশাহ মনে মনে একটু হেসে বললেন, আমি বাঘ মারব না তবে, বাঘের ডাক শুনতে চাই।
আরমান তখন দু‘হাত চোঙের মতো করে নিশ্বাস টেনে বাঘের মতো ডেকে উঠল। এ যেন অবিকল বাঘের ডাক। সেই ডাক শুনে দূর থেকে ভেসে এল বাঘের ডাক। বাদশাহ তো তাজ্জব! বললেন, তোমার তো অনেক ক্ষমতা! তুমি আর কী জানো? আরমান তখন ঘুঘু, ময়ূর, ময়না, কাকাতোয়া আরো অনেক পাখির ডাক শোনাল।

বাদশাহ খুব খুশি হলেন এবং বললেন, তোমার বাড়ি কত দূর?
Ñ এখান থেকে চার মাইল তো হবেই।
Ñ তুমি আমার সঙ্গে যাবে? চন্দননগরে আমার রাজপ্রাসাদ। আমার একটি মেয়ে আছে, সে পাখির ডাক শুনতে খুব ভালোবাসে।
Ñ চন্দননগরের পাখিরা কি ডাকে না?
Ñ চন্দননগরে এক সময় অনেক পাখি ছিল। এখন একটি পাখিও নেই। সে জন্যই আমার মেয়েটার মন খুব খারাপ। সে প্রাসাদের বাইরেও আসে না। প্রকৃতির এমন সুন্দর রূপ তাও সে দেখে না। কিন্তু কয়েক মাস পরই তার বিয়ে। অথচ মেয়েটির মুখে একটু হাসিও নেই।
Ñ পাখিরা নেই কেন?
Ñ সে অনেক কথা। পরে তোমাকে সব বলব। এবার বল তুমি কি সেখানে যাবে?
Ñ আমি তো একটা কাজই খুঁজে ফিরছিলাম। অবশ্যই যাবো তবে, বাড়ি গিয়ে মা-বাবাকে বলে আসতে হবে।
Ñ তাহলে তুমি বাড়ি চলে যাও। আমরা এখানে তাবু ফেলে অবস্থান করব। তুমি আগামীকাল সকাল সকাল এখানে চলে আসবে।
আরমান বাড়ি এসে বাবা-মাকে সব খুলে বলল। ছেলের কথা শুনে বাবা-মা তো মহাখুশি। মা বলল, তুই বাদশার রাজপ্রাসাদে গেলে আর কি ফিরে আসবি না? আরমান হেসে বলল, কেন আসব না! মাঝে মাঝে এসে তোমাদের দেখে যাবো।

পরদিন আরমানের বাবা ছেলের হাতে ছোট্ট কাঁচের একটি শিশি দিল। সেই শিশিতে এক দরবেশের দেয়া পড়া তেল ছিল। সে তেল মুখে মাখলে কোনো জাদু-মন্ত্রই ক্ষতি করতে পারে না। কোনো বিপদে পড়লেও পরিত্রাণ পাওয়া যায়। এসব কথা ছেলেকে বুঝিয়ে দিয়ে বাবা বলল, সব সময় আল্লাহর নাম স্মরনে রাখবি। আরমান মা-বাবার দোয়া নিয়ে ঘর থেকে বের হল। সূর্য মাথার ওপর আসতেই সে পৌঁছে গেল বনের ভেতর তাঁবুর কাছে। সেখানে বাদশাহের সৈন্যদের সাথে হরিণের গোস্ত ও রুটি খেল, ফল খেল। তারপর ঘোড়ার পিঠে বসে চলে গেল চন্দননগর রাজপ্রাসাদে।

রাজপ্রাসাদের চারদিকে ফুলের বাগান, ফলের বাগান। গাছপালা ঘেরা মনোরম পরিবেশ। সামনের দিকে শান বাঁধা পুকুর, বাড়ির পেছনে পানি থৈ-থৈ বিরাট দীঘি। ছায়া ঢাকা পথের পাশ দিয়ে সবুজ দূর্বার গালিচা। প্রান্তর জুড়ে ঝলমল রোদ্দুর। আরমান ঘুরে ঘুরে সবকিছু দেখল। খুব ভালো লাগল তার। কিন্তু সুন্দর নীল আকাশ আর সবুজ গাছপালায় একটা পাখিও চোখে পড়ল না। তাতে মনটা খুব খারাপ হয়ে গেল তার। তখনই বাদশাহর কথা মনে পড়ল আরমানের। বাদশাহ বলেছিলেন পাখি নেই কেন সে কথা তোমাকে পরে বলব। তাই সে বাদশাহের দরবারে গেল। বাদশাহ বললেন, কি ব্যাপার অরমান? আরমান বিনীত ভাবে বলল, হুজুর চন্দননগরে পাখি নেই কেন, সে কখা বলতে চেয়েছিলেনÑ সে কথা আমি শুনতে চাই।
বাদশাহ তখন আরমানকে নিয়ে অন্য একটি ঘরে গিয়ে বসলেন এবং বললেন, বেশ কিছুদিন আগের কথা। তখন কিশোরী শাহজাদী মুন্নি। কত রং-বেরঙের পাখি এসে বসতো প্রাসাদের বেলকনিতে। গাছে গাছে পাখিরা মধুর সুরে গান গাইত। শাহজাদী আদর করে দু‘হাতে খাবার খাওয়াত পাখিদের। ওরা নেচে নেচে খাবার খেতÑ তাই দেখে শাহজাদী মুন্নি খিলখিলিয়ে হাসত। একদিন এক ডাইনী বুড়ি এসে সেই দৃশ্য দেখলো হিংসায় বুঝি জ্বলে উঠল তার মন।
মুন্নি হেসে হেসে পাখিদের সাথে কথা বলছিল। ডাইনী বলল, এই মেয়ে পাখিদের সাথে তোর কিসের কথা! পাখিদের আর কখনো খাবার দিবি না।
Ñ খাবার না দিলে পাখিরা তো মারা যাবে।
Ñ মরবে না। এসব পাখি আমার। আমি আজই সব পাখি লাল পাহাড়ের গুহায় নিয়ে যাব।
শাহজাদী রাগ করে বলল, তোমার পাখি বললেই হল? তোমার সাহস তো কম নয়? আর কখনো তুমি এদিকে আসবে না। আমার আব্বা হুজুর এ কথা শুনলে তোমাকে কঠিন শাস্তি দেবেন।

পরদিনই ঝাঁকে ঝাঁকে পাখিরা উড়ে গেল লাল পাহাড়ের দিকে। এক সপ্তাহ পর দেখা গেল এ অঞ্চলে আর একটি পাখিও নেই। তারপর থেকেই মেয়েটির মন খারাপ। পাখির বিরহে তার দু‘চোখে নেমেছে অশ্রুর বন্যা। এসব কথা জানার পর আমি সৈন্য পাঠালাম লাল পাহাড়ে। তারা কোথাও সেই ডাইনীকে খুঁজে পায়নি। তবে পাহাড়ের গায়ে একটি সুরঙ্গ দেখতে পেয়েছে। কিন্তু সেই সুরঙ্গের কাছে যেতে পারেনি। দুর্গন্ধময় গরম হাওয়া এসে তাদের চলার গতি থমকে দেয়। মনে হয় ডাইনী পাখিগুলো আগুনে পুড়ে খেয়ে ফেলেছে। ডাইনীরা কখনো কারো শান্তি, কারো হাসিখুশি মুখ দেখতে চায় না। এরা জাদুবিদ্যাও জানে। থাক এসব কথা। তবে তুমি প্রতিদিন আমার মেয়েকে পাখির ডাক শুনাবে। তার মুখে হাসি ফুটাতে হবে। কেননা অন্য এক দেশের শাহজাদার সাথে তার বিবাহ ঠিক হয়ে আছে।

চমৎকার একটা ঘরে আরমান থাকে। দাস-দাসীরা সেখানেই তার খাবার পৌঁছে দেয়। আরমান ভাবতে থাকে কি করে ঐ ডাইনীটাকে শেষ করা যায়। বাদশাহর হুকুমে আরমান প্রতিদিন সকাল ও সন্ধ্যায় প্রাসাদের একটি ঘরে বসে শাহজাদীকে পাখির ডাক শুনায়। একটা সুন্দর পর্দার আড়ালে বসে শাহজাদী মুন্নি মানুষের মুখে পাখিদের নানান সুরের ডাক শুনে অবাক হয়।

একদিন চাঁদনি রাতে প্রাসাদ থেকে বের হলো আরমান। সৈন্যরা সবাই তাকে চেনে। তারা প্রশ্ন করল আরমান তুমি কোথায় যাবে?
খোলা হাওয়ায় একটু হেঁটে আসি। এত সুন্দর ঘরে কখনো থাকিনি তো তাই মনের মধ্যে কেমন অস্থির লাগে। কথা শুনে হাসল সৈন্যরা। আরমান চলে গেল লাল পাহাড়ের সেই গুহার কাছে। তবে ঘর থেকে বের হবার সময় সে তার বাবার দেয়া পড়া তেল মুখে আর বুকে ভালো করে মেখে নিয়েছে। গুহার মুখে অন্ধকার। তাছাড়া গুহার মুখটাও খুব একটা প্রশস্ত নয়। সে কোনো পোড়া গন্ধ পেল না বা গরম হাওয়াও অনুভব করল না। শেষে ফিরে এল প্রাসাদে।

শাহজাদী ঘরে বসে নানান ধরনের বই পড়ে আর পাখির ছবি আঁকে। সকাল-বিকেল আরমান অন্দর মহলের আঙিনায় গিয়ে বসে। শাহজাদীও পর্দার আড়ালে বসে। শাহজাদীর সঙ্গে থাকে তার এক সখি জোবাইদা। বাদশা হুজুরও এসে বসেন মাঝে মাঝে। তিনি কোনোদিন শুধুই পশুর ডাক শোনেন। একদিন ভেড়ার ডাক শুনে শাহজাদী খিল খিল করে হেসে ওঠে। বাদশাহ খুশি হন মেয়ের মুখের হাসি শুনে।
অন্য একদিন দোয়েল, পাপিয়া, ডাহুক, রাজহাঁস, টিয়া, ময়না আরো অনেক পাখির ডাক ডাকছিল আরমান। শাহজাদীর মনটা কেমন মায়ায় ভরে উঠল। মনে মনে সে ভাবল এমন সুন্দর করে যে মানুষ পাখির ডাক ডাকতে পারেÑ না জানি সে দেখতে কেমন! তাকে দেখার জন্য মনটা যেন ছট্ফট্ করতে লাগল। সখীকে সে বলল, আমার ঘরে গ্লাসে খাবার পানি আছে এখনই গ্লাসটা নিয়ে এসো। সখি চলে যেতেই শাহজাদী পর্দার একদিকে একটু ফাঁকা করে আরমানকে দেখল। দেখে অবাক হলো। সত্যি সে সুন্দর। কিন্তু সে হয়তো খুব গরীব। তবে, তার গায়ের জামা-কাপড় সুন্দর হওয়া উচিত। কেন না সে প্রাসাদে থাকে।

পরদিন শাহজাদী বাদশাহকে বলল, আব্বা হুজুর আমার সখি বলছিল হরবোলা লোকটা খুব গরীব। তার জামা-কাপড় মোটেই সুন্দর নয়। সুন্দর পোশাক না’হলে রাজপ্রাসাদে তাকে মানায় না। বাদশাহ মনে মনে বললেন ঠিকই তো। তার অবশ্যই ভালো পোশাক প্রয়োজন। পরদিন তাকে ভালো ভালো জামা-কাপড় এনে দেয়া হলো। এছাড়া একশত স্বর্ণমুদ্রা আরমানের হাতে দিয়ে বাদশাহ বললেন, তুমি একবার বাড়ি থেকে ঘুরে এসো।

দেখতে দেখতে প্রায় দু‘মাস কেটে গেল। আর এক মাস পরই শাহজাদীর বিয়ে। বিয়ের ধুমধাম শুরু হয়ে গেছে। শাহজাদীর মনের অবস্থা যে কি তা কেউ জানে না। সে এতটাই চাপা যে কাউকে কিছু বলতেও যায় না। সে ভাবে এই মানুষটি নানান রকম পশু-পাখির ডাক ডাকতে পারেÑ শুনতেও ভালোলাগে। তবে মানুষটার মুখের কথা কেমন তা তাকে শুনতেই হবে।
শাহজাদী মুন্নি তার সখি জোবাইদাকে বলল, হরবোলা লোকটি প্রাসাদের কোন দিকে থাকে বলতে পারো? সখি বলল, নিচে দক্ষিণের একটি ঘরে থাকে। মানুষটা দেখতে খুবই সুন্দর তবে তার মুখের কথা আমি শুনিনি।
Ñ আমি তাকে কাছ থেকে দেখতে চাই আর তার কথাও শুনতে চাই। তুমি কি এ ব্যাপারে আমাকে সাহায্য করতে পারবে?
Ñ কেন পারব না! আমি আজই সময় এবং সুযোগ বুঝে আপনাকে বলব।
Ñ তাই বলো, আমার বিয়ে হয়ে গেলে এ আশা আর পুরণ হবে না।
পরদিন শেষ বিকেলে সখি বলল, শাহজাদী আজ যাওয়া যেতে পারে। আপনি সিঁড়ি বেয়ে নেমে বাম দিকে গেলেই একটা খোলা জায়গা দেখতে পাবেন। তার পাশেই লোকটার ঘর। সে এ সময় খোলা জায়গায় বসে আকাশ ও প্রকৃতি দেখছিল। আমি আড়ালে থাকব আপনি তার সাথে দেখা করবেন। শাহজাদী তখনই একটা জড়ির উড়না মাথায় দিয়ে জোবাইদার সঙ্গে এগিয়ে গেল। দরজা খুলেই শাহজাদী দেখলো বিকেলের সোনা রোদ গাছের পাতায় পাতায় হাসছে। নতুন কাপড় পরে কেদারায় বসে আছে সেই যুবক। তাকে কী সুন্দর লাগছে। কারো পায়ের শব্দ শুনে আরমান উঠে দাঁড়াল। আরমানের লম্বা চুলের এক গোছা তার কপালের উপর পড়ে আছে। সে শাহজাদীকে দেখেই চিনতে পারল। তবু অবাক হয়ে প্রশ্ন করলো আপনি?
Ñ হ্যাঁ, আমি শাহজাদী মুন্নি। তোমাকে দেখতে এলাম।
Ñ আমাকে আপনি কিইবা দেখবেন। আমি এক গরীব ঘরের সন্তান। পড়ালেখাও তেমন জানি না। কেবল পশু-পাখির ডাক নকল করতে শিখেছি। শুনেছি আপনি কত পড়ালেখা জানেন। দেখতেও পরীদের মতো। আপনি আমার কণ্ঠে পশু-পাখির ডাক শুনে খুশি হয়েছেন শুনে আমি ধন্য হয়ে গেছি।
আরমানের কথাগুলো স্বর্গীয় সুধার মতো শাহজাদীর কানে প্রবেশ করল। তার হৃদয় মন সুরভী মাখা সকালের শিশির ভেজা গোলাপের মতো সুন্দর হয়ে উঠল। সেই অমিও সুর বুকে করে শাহজাদী ফিরে গেল মহলে।
পরদিন শাহজাদী বাদশাহকে বলল, আব্বা হুজুর আমার একটা কথা বলার ছিল। বাদশাহ বললেন Ñ বল মা তুমি কী বলতে চাও!
Ñ আমি সংকল্প করেছি, যে যুবক ওই পাহাড়ের ডাইনীটাকে শেষ করতে পারবে এবং পাখিদের ফিরিয়ে আনতে পারবে আমি তাকেই বিয়ে করব।
বাদশাহ মেয়ের কথায় না বলতে পারলেন না। তিনি ভাবলেন, এমন একজন বীর যুবকই হবে আমার মেয়ের যোগ্য পাত্র। বাদশাহ তখনই ঘোষণা করে দিলেনÑ যে যুবক লাল পাহাড়ের গুহায় বাস করা দুষ্টু ডাইনীকে বধ করতে পারবে এবং হারানো পাখিদের ফিরিয়ে আনতে পারবে, তার সাথেই শাহজাদীর বিয়ে হবে।

বাদশাহর ঘোষণা শুনে ছুটে এলো পাশের রাজ্যের সেই শাহজাদা মনসুর। যার সঙ্গে শাহজাদীর বিয়ের কথা হয়েছে। মনসুর তলোয়ার হাতে ঘোড়া হাঁকিয়ে এগিয়ে চলল লাল পাহাড়ের দিকে। সুরঙ্গের কাছাকাছি যাবার আগেই ঘোড়াটা সামনের দু‘পা শূন্যে তুলে থেমে গেল। দুর্গন্ধময় গরম বাতাসের ঝাপটায় ঘোড়া থেকে ছিটকে পড়ল শাহজাদা। গন্ধে তার দম আটকে আসার উপক্রম। মরতে মরতে ফিরে এলো সে। আর মন থেকে মুছে ফেলল শাহজাদীকে পাবার বাসনা।
তারপর একে একে আরো অনেক শাহজাদা এলো দূর-দুরান্ত থেকে কিন্তু সবার একই অবস্থা। বাদশাহ নিরাশ মনে ভাবতে লাগলেনÑ তাহলে কি শাহজাদীর বিবাহ হবে না?
বাদশাহের এমন চিন্তাযুক্ত মুখ দেখে আরমান নতশিরে গিয়ে দাঁড়াল বাদশাহের সামনে। বাদশাহ বললেন, তুমি কি কিছু বলতে চাও? আরমান বলল, আগামীকাল সকাল দশটায় আমাকে একটি কালো ঘোড়া আর একটা ধারাল তরবারি দিতে হবে। বাদশাহ অবাক হয়ে বললেন, এসব নিয়ে তুমি কী করবে?
Ñ আমি ওই ডাইনীটাকে শেষ করতে যাব।
Ñ তুমি?
Ñ হ্যাঁ আমি। পাখিশূন্য প্রকৃতি আর দেখতে চাই না। যে ডাইনীর কারণে শাহজাদীর মনে এত দুঃখ তাকে আমি শেষ করবই।
বাদশাহ ভাবলেন যার মধ্যে এত গুণ আছে সে একাজ পারলেও পারতে পারে। না হোক সে কোনো শাহজাদাÑ তবু এই অসাধ্য কাজ সাধন করতে পারলে তো সে সবার চেয়ে বড় বলেই প্রমাণিত হবে।
পরদিন একটি কালো ঘোড়া আর এমন একটা ধারাল তরবারি বাদশাহ আরমানের হাতে দিলেন যা সূর্যের আলোয় ঝিলিক দিয়ে উঠল। আরমান ঘর থেকে বের হবার আগেই পড়া তেল মুখে বুকে ও হাতে ভালোভাবে মেখে নিল। তারপর বিসমিল্লাহ বলে ঘোড়ার পিঠে বসল। হাতে তার খোলা তরবারি। এ খবর পৌঁছে গেল অন্দরমহলে। শাহজাদী খবর শুনেই জায়নামাজ বিছিয়ে দু‘হাত তুলল আল্লাহর দরবারে। বলল, হে দয়াময় তুমি এই যুবককে শক্তি দাও। সে যেন লাল পাহাড়ের ডাইনীটাকে শেষ করতে পারে। ডাইনী অপরাধীÑ সে প্রকৃতির সুন্দর আর আমার মনের শান্তিও কেড়ে নিয়েছে।

এদিকে আরমান লাল পাহাড়ের সামনে গিয়ে ঘোড়া থেকে নেমে তরবারি হাতে এগিয়ে চলল সেই গুহার কাছে। এই অভিযান দেখার জন্য রাজ্যের হাজার হাজার লোক জমা হয়েছে লাল পাহাড়ের কিনারায়। আরমান গরম হাওয়া অনুভব করল না বা নাকে কোনো গন্ধও পেল না। গুহার সামনে বসে সে দু’হাত চোঙের মতো করে অদ্ভুত এক শব্দ করল। সেই শব্দে পাহাড়টা যেন কেঁপে উঠল। গুহার মুখ থেকে সরে এলো আরমান। তরবারি হাতে দাঁড়িয়ে থাকল গুহার উপর দিকে। প্রায় পনের মিনিট পর একটা জটওয়ালা বিশ্রী চেহারার বুড়ি লাঠি হাতে গুহার মুখে এসে চিৎকার করে বলল, কে তুই? আমার সামনে আয়। তোকে আমি ভেড়া বানিয়ে রেখে দেবো গুহার সামনে। আয়, একবার আমার সামনে আয়।

বুড়ির বিশ্রী চেহারা আর তার কণ্ঠস্বর শুনে দৌড়ে সরে গেল লোকজন। আরমান এক লাফে নিচে নামল। তাকে দেখে ডাইনীর চোখ দিয়ে যেন আগুন ঠিকরে পড়ল। সে চিৎকার করে বলল, যা তুই ভেড়া হয়ে যা। তখনি আরমান তরবারির এক কোপে ডাইনীকে দুই টুকরো করে ফেলল। ফিনকি দিয়ে রক্ত ছুটল। ঠিক তখনই গুহার মুখ দিয়ে লক্ষ লক্ষ পাখি বেরিয়ে এসে ডানা মেলে দিলো আকাশে। পাখিদের কিচিরমিচির শব্দে মুখর হলো চারদিক। হেসে উঠল বন-বনানী। বাদশাহ তো আনন্দে আত্মহারা। হঠাৎ তিনি চেয়ে দেখলেন জনতার ভিড়ে দাঁড়িয়ে তৃপ্তির হাসি হাসছে তার মেয়ে শাহজাদী মুন্নি।