Home Blog Page 149

যেমন করে এলো বন্ধু দিবস

ছোট্ট একটি শব্দ বন্ধু। শব্দটি ছোট হলেও এর গভীরতা ব্যাপক। বন্ধুত্বের ব্যাপকতা সীমাহীন। বিশ্ব বন্ধুত্ব দিবস প্রতি বছর আগস্ট মাসের প্রথম রোববার বিশ্বজুড়ে পালন করা হয়। তবে এটাও ঠিক, বন্ধুত্বের জন্য কোনো নির্দিষ্ট দিনক্ষণের প্রয়োজন নেই। বন্ধুত্বের কোনো বয়সসীমা নেই। সমবয়সীরাও যেমন বন্ধু হতে পারে, তেমনি বয়সে ছোট-বড়রাও বন্ধু হতে পারে। মনের মিল হলেই বন্ধু হওয়া যায়। বন্ধু দিবসের পরিকল্পনা ও উৎপত্তি হয়েছিল যুক্তরাষ্ট্রে। সেখানে ১৯১৯ সালে সর্বপ্রথম আগস্ট মাসের প্রথম রোববার ‘বন্ধু দিবস’ হিসেবে পালন করা হয়েছিল। বন্ধু দিবসে সেই সময়েও তারা নিজেদের মধ্যে কার্ড ও উপহার বিনিময় করতো। এভাবেই বন্ধু দিবসের উৎপত্তি।
অন্য আরেকটি মত হলো, ১৯৩৫ সালে যুক্তরাষ্ট্র সরকার এক ব্যক্তির মৃত্যুর কারণ হয়েছিল। এ ঘটনার প্রতিবাদে পরদিন ওই ব্যক্তির এক বন্ধু আত্মহত্যা করেন। সেই দিনটি ছিল আগস্ট মাসের প্রথম রোববার। তখন থেকেই তার আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে মার্কিন কংগ্রেস ১৯৩৫ সালের আগস্ট মাসের প্রথম রোববারকে ‘বন্ধু দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। এরপর বেশকিছু দেশ বন্ধু দিবস পালনের সংস্কৃতি গ্রহণ করে। এভাবেই এ দিবস পালনের পরিসর বাড়তে থাকে।
এ দিবস প্রসঙ্গে অভিজ্ঞজনরা মনে করেন, বেশিরভাগ দিবসের পেছনেই থাকে মর্মস্পর্শী কাহিনী। মজার ব্যাপার হচ্ছে, বন্ধু দিবস প্রতিষ্ঠা হবার পেছনে নেই তেমন কোনো অমর বন্ধুত্বের উপাখ্যান। সম্পূর্ণ ব্যাবসায়িক উদ্দেশ্য থেকেই বন্ধু দিবসের প্রচলন শুরু হয়। বিশ্বখ্যাত কার্ড ও উপহারসামগ্রী বিক্রেতা প্রতিষ্ঠান হলমার্কের অন্যতম প্রতিষ্ঠাতা ‘জয়েস হল’ কার্ড বিক্রির জন্য দিনটি সামনে আনেন। এটি ১৯৩০ সালের কথা। প্রতি বছর আগস্টের ২ তারিখ যুক্তরাষ্ট্রে বন্ধু দিবস উদযাপন শুরু হয়। কার্ড বিক্রি কয়েক বছর ভালো হলেই ধীরে ধীরে মানুষ এই দিবসের পেছনের ব্যবসায়িক উদ্দেশ্য বুঝতে পারে। তবে যুক্তরাষ্ট্রে এ দিবস পালন এক প্রকার থেমে গেলেও ইউরোপের বিভিন্ন দেশে শুরু হয় বন্ধু দিবসের প্রচলন। তবে সেটাও খুব বেশি আলোড়ন তোলেনি। এক এক দেশে এক এক সময় পালিত হতে থাকে দিবসটি।
আন্তর্জাতিকভাবে দিবসটি পালনের প্রথম উদ্যোক্তা হিসেবে ধরা হয় প্যারাগুয়ের চিকিৎসক ঋমান আর্থেমিও ব্রেচকে। ১৯৫৮ সালের ২০ জুলাই বন্ধুদের নিয়ে নৈশভোজে বন্ধু দিবস পালনের প্রস্তাব তোলেন। সে রাতেই বিশ্বব্যাপী বন্ধুত্বের ঐক্য ছড়িয়ে দিতে ঘোষণা করা হয় ‘ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ক্রুসেড।’
পরবর্তীতে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান ৩০ জুলাইকে বন্ধু দিবস ঘোষণা করেন। তবে জাতিসংঘ এদিন বন্ধু দিবস পালন করলেও বিশ্বের বিভিন্ন দেশে আগস্টের প্রথম রোববার বন্ধু দিবস হিসেবে পালিত হয়।
এক গবেষণায় দেখা গেছে, এক জীবনে একজন মানুষের সঙ্গে গড়ে ৩৯৬ জনের বন্ধুত্ব হয়ে থাকে। এর মধ্যে প্রতি ১২ জনে একজন টিকে থাকে। গবেষকদের মতে, বন্ধুরা কাছাকাছি থাকলে মানুষের রক্তচাপ স্বাভাবিক থাকে এবং তা রোগ নিরাময়ে ভূমিকা রাখে। শিশুরা হাঁটা ও কথা বলা শেখার আগেই বন্ধুত্বের অনুভূতি টের পেতে পারে। একটি গবেষণায় বন্ধুদের মাঝে নাকি ‘জিনগত মিল’ পাওয়া গেছে!
জানা যায়, সেই গবেষণায় গবেষকরা ১ হাজার ৯৩২ জন মানুষের ওপর জরিপ চালান। আত্মীয়দের বাইরে তাদের বন্ধুবান্ধব ও অপরিচিত ব্যক্তিদের সঙ্গে জিনগত বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণও করা হয়। একই সামাজিক পরিমণ্ডলের মানুষের জিনে প্রায় এক শতাংশ মিল পাওয়া যায়। আর অনাত্মীয় বন্ধুদের মধ্যে জিনগত মিল অনেকটা দূরসম্পর্কের আত্মীয়ের সঙ্গে বিদ্যমান মিলের মতো। প্রসিডিংস অব দ্যা ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল।

‘বন্ধুত্ব’ ব্যাপারটা সব সম্পর্কের ক্ষেত্রেই প্রয়োজন। বন্ধুত্ব সম্পর্ককে সহজ করে। বলে কয়ে বন্ধুত্ব হয় না। মনের সঙ্গে মনের মিল হলেই শুধু সত্যিকারের বন্ধুত্ব হয়। বন্ধুত্বে অহংকার ও হিংসার স্থান নেই। ‘বন্ধুত্ব’ এমন একটা বিষয়, যা অনেক ক্ষেত্রে জীবনের চেয়েও দামি হয়ে দাঁড়ায়। এমন নজির পৃথিবীতে বহু আছে। বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যাতে এক বন্ধু বিপদে পড়লে আরেক বন্ধু না জেনে বুঝেও সব ধরনের উদ্যোগ নিতে পারে।
তবে আজকাল এমন বন্ধুর সংখ্যা খুব বেশি নেই। এ সময়ে সত্যিকারের বন্ধু পাওয়া বা থাকা দুটোই ভাগ্যের ব্যাপার। কোনো কিছু পাওয়া যেমন কঠিন, তেমনি কাছে রাখার গুণটাও জরুরি। মনে রাখতে হবে, সম্পর্কের ক্ষেত্রে পরিচর্যার কোনো বিকল্প নেই। একপাক্ষিক কোনোকিছুই মজবুত হয় না। অবহেলা যেকোনো সম্পর্ক নষ্ট করার জন্য যথেষ্ট।

গুপ্তধন (পর্ব ১৫)

পনেরো

এষাটাকে আটকে রাখা যায়নি চারঘাটে। ভাইয়ের সাথে চলে এসেছে ঢাকায়। এষা আসাতে বাবার উপকার হয়েছে অনেক। রান্নাবান্নার পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে ও। নতুন ক্লাসে পড়াশোনা শুরু হয়নি ভালো করে। বাবা অফিসে চলে গেলে অফুরন্ত সময় দুজনের হাতে। এষার রান্নার কাজ শেষ হয়ে গেলে প্ল্য­ান করতে বসে দুজন। ফেব্রুয়ারি মাসের শুরুতে ফ্ল্যাটের একজন চলে যাবেন। একটা রুম খালি হবে। বাবারা টু-লেট ঝুলিয়েছিলেন। ইফতু সেটা নামিয়ে রেখেছে। ওই রুমের ভাড়া ইফতু জোগাড় করবে, বলেছে ও বাবাকে। দুটো রুম নিজেদের থাকলে ড্রইং ডাইনিংকে নিজেদের বলে মনে হবে। তখন মনে হবে একটি রুম শুধু ভাড়া দেয়া হয়েছে। ছোটমামী আসবেন সামনের মাসের শুরুতে। একটা রুম এক্সট্রা থাকতেই হয়। যখন তখন যেকোনো কাজে দরকার হয়ে পড়ে।

প্রতিদিন ঘুম থেকে উঠে জীবনটাকে স্বপ্নময় মনে হয় এষার কাছে। সব শখ পূরণ হবার, সব কিছু হাতের নাগালে পাবার সুখে সোনালি সোনালি লাগে দিনগুলো। এ কি তবে অর্থের সুখ? যেকোনো সমস্যায় পড়লে কিংবা যেকোনো কঠিন বাস্তবতাকে ‘জলবৎ তরলং’ করে দেবার সাহসে? নাকি কেবল পর্যাপ্ত অর্থ আছে, কোনো সমস্যা নেই বাক্যটার কারণে? জবাব পায়না এশা। ওর ক্লাসের অনেক মেয়েকে দেখেছে ও। গাড়িতে করে স্কুলে আসে, নিত্য-নতুন জামা কাপড় পরে, আর দেশ-বিদেশে ঘোরার গল্প শোনায় প্রায়ই। কিন্তু ওদেরকেও তো দেখেছে, পরিবারে অশান্তি, বাবা-মার মধ্যে বিচ্ছেদ কিংবা অকারণে ‘ভালো না লাগা’ রোগে আক্রান্ত এক একজন। আজকাল বই পড়ার অভ্যাস হয়েছে এশার। বাবার মতন। বাবা এখনো অফিস করছেন। মাঝে মাঝে মনে হয় বাবাকে বলে ফেলি, কোনো দরকার নেই বাবা তোমার এত কষ্ট করে অফিস করার। সারা জীবন বসে বসে খাবার মতো যথেষ্ট অর্থ মজুদ আছে। আমাদের ভাইয়া বাবার জন্য লোকেশন খুঁজছে। একটা বড়সড় শো-রুম করা হবে। বই-ই হবে প্রধান আইটেম। তবে আরো নানান পণ্য থাকবে সে দোকানে। হিসাব নিকাশ হবে সব কম্পিউটারাইজড। প্রিন্টার, ফটোকপি মেশিনসহ আধুনিক সব উপকরণ দিয়ে সাজানো হবে শো-রুমটি। বাবাকে কিছুই জানানো হবে না। পুরোপুরি রেডি হয়ে গেলে উদ্বোধনের দিন সারপ্রাইজ দেয়া হবে তাকে।
ভালো দেখে দুটো সাইকেল কেনা দরকার। ভাইয়া বলেছে এখন কিনলে লোকজনের চোখে লাগবে। ক’দিন পর বাসা বদল করে অন্য এলাকায় চলে গেলে জীবনযাপনের ধরনও বদলে ফেলা যাবে। খুব বেশি বদলাতে ইচ্ছা করে না জীবনের ধরন এষার। এমন মধ্যবিত্ত সুখগুলো যদি হারিয়ে যায় তখন।
বিকেলের আগেই ছুটি হয়ে গেল ইফতুর স্কুল। বাসায় ফিরে খাওয়া-দাওয়া সেড়ে এষাকে নিয়ে বের হলো ও। দিলরুবা আর ওর মার জন্য কিছু ফলমূল, খাবার-দাবার কিনে পীরেরবাগ চলে এলো। বাসায় ঢুকতে এষারও কেমন গা ঘিন ঘিন করছিল কিন্তু ঘরে ঢুকে অবাক হয়ে গিয়েছিল ও। দিলরুবা আর এষা দুজনেই গল্প শুনেছে দুজনের কিন্তু দেখা হয়নি কখনো। আজ পরস্পরকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ল ওরা। দিলরুবার প্রশংসা করার সুযোগই পাচ্ছে না এষা। সারাক্ষণই এষা আপ্পি, তোমার নাকটা এত সুন্দর কেন? এষা আপ্পি, কি তুমি নাকি স্কেটিং করতে পারো? জুডো কারাতে করে তুমি কি ছেলেদেরও হারাতে পারো? এসব প্রশ্ন। আজ আন্টিকে কিছুই করতে দিল না ইফতু। স্যাঁতস্যাঁতে স্বপ্নহীন জীবন থেকে ওদেরকে কিছু সময়ের জন্য বের করে নিয়ে এলো। চারজন মিলে চলে এলো অভিজাত একটি রেস্টুরেন্টে। নানান খাবার দাবার, হালকা লাইটিং আর মিষ্টি মিউজিকের ফাঁকে গল্প করতে করতে অসম্ভব সুন্দর কতগুলো মুহূর্ত পার হলো। বের হয়ে ওরা আইসক্রিম খেলো। তারপর ঢুকলো শপিংমলে। অত্যন্ত বিনয়ী লাজুক আর কোন কিছু কিনতে না চাওয়া দিলরুবার জন্য অনেক কিছু কিনলো দুই ভাইবোন। বেশ কয়েকটি জামা, স্যান্ডেল এবং কিছু প্রসাধনী। ওর মার জন্যও কেনা হলো অনেক কিছু। ভীষণ অস্বস্তি নিয়ে বারবার বলছিলেন, এতগুলো টাকা কেন খরচ করছো বাবা? নিরাশার কালো মেঘে ঢেঁকে থাকা জীবনের ফাঁকে, এইরকম এক ফালি জোছনাা নিয়ে আসার জন্য ইফতুর দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকাচ্ছিল ওরা বারবার।
একটা স্মার্ট ফোন কিনেছে ইফতু। খুব প্রয়োজনে, ভীষণ দরকারেই কিনেছে। মানুষের সামনে সহজে বের করে না। এষাকে নিয়ে ফিরতে ফিরতে ছোট মামীকে ফোন দিল ও। আরো দুটো কয়েন নিলাম করার কথা বলল।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঢাকায় এলেন ছোটমামী। মামাও এসেছিলেন সাথে তবে জমিজমা সংক্রান্ত জরুরী কাজ থাকায় পরদিন ভোরেই রাজশাহী ফিরে গেলেন। মামীকে দেখে একটু অবাকই হয়েছে ইফতু। এ কয়দিন রাজশাহীতে নানা ভাইয়ের সান্নিধ্যে থেকে বিশাল পরিবর্তন হয়েছে তার। জিন্সের প্যান্টের সাথে ঢিলেঢালা শার্ট আর মাথায় স্কার্ফ পড়া শুরু করেছেন তিনি। ধর্ম তো আগেই বদল করেছিলেন, এখন সে ধর্ম পরিপালনে নিষ্ঠাবান হচ্ছেন মামী।
মামা চলে যাবার পর দিনই মামী জানালেন তার বাবা আসছেন। সন্ধ্যার দিকে বাচ্চা দুটো এষার কাছে রেখে ইফতুকে নিয়ে বের হলেন তিনি।
বাইরে থেকে বহুবার হোটেল শেরাটনের চেহারা দেখলেও এই প্রথম ভেতরে ঢুকলো ইফতু। ঝকঝকে-তকতকে, সাজানো-গোছানো। দেশের মধ্যেই যেন একটুকরো বিদেশ। বড় বড় ব্যবসায়ীরা বিজনেস মিটিং করার জন্য এখানে আসেন। রাতে থাকতেও পারেন প্রয়োজনে, তবে সেটা খুব এক্সপেনসিভ।
সুইমিংপুলের পাশে একটা টেবিল পেতে পঞ্চাশোর্ধ একজন ভদ্রলোক বসে আছেন। তার সামনে একটি মাত্র চেয়ার। তার মানে একজন মাত্র মানুষই তার কাছে কাক্সিক্ষত। তিনি ছোটমামী। দীর্ঘ বিচ্ছেদের পর বাবা মেয়ের মিলন বাঙালীদের মতো অতটা ভেজা ভেজা হলো না। ছোটমামীর বাবা বরং অবাক হয়ে মামীর ড্রেসকোড খেয়াল করছিলেন।
– তুমি মুসলমান হয়েছ?
– সে তো অনেক আগেই বাবা, তবে প্রেমে পড়ে নয়। ইতিহাস পড়ে। পৃথিবীর মধ্যে মুসলমানরাই একমাত্র জাতি, যারা বিজয়ী হওয়ার পরও পরাজিতদের ওপর প্রতিশোধ গ্রহণ করে না। ছোটমামীর বাবা আরেকটি চেয়ার নিয়ে ইফতুকে বসতে বললেন। বার্গার আর কফি খেতে খেতে নতুন অকশনের বিষয়ে আলোচনা করলেন বাবা মেয়ে।
– বুঝলে জেসিকা!
– ফাতিমা। ছোটোমামী শুধরে দিলেন।
– তোমার মা খুব অসুস্থ, একবার বেইজিংয়ে আসো। আর নাতি দুটোকে নিয়ে আসলে না কেন সঙ্গে?
– পরেরবার আনবো। আপনি হঠাৎ এলেন যে?
– না! মানে ভাবলাম ব্যাংকের মাধ্যমে লেনদেন করলে যে খরচ হয় তার থেকে অনেক কম খরচে আমি বাংলাদেশে এসে হাতে হাতে নিয়ে যেতে পারি কয়েনগুলো। বাবার হাতে আরো দুটো গোল্ড কয়েন দিলেন মামী। বাবা চেক লিখে দিলেন। ওরা বের হয়ে এলো হোটেল থেকে।
চলবে…

অতিরিক্ত ঘুম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

বন্ধুরা, শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিকঠাক রাখতে পর্যাপ্ত ঘুমের কোনো বিকল্প নেই। কিন্তু কম ঘুমানোর মতোই বেশি ঘুমানোও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আবার শৈশবে, কৈশোরে, তারুণ্যে, যৌবনে আর বার্ধক্যে ঘুমের চাহিদাও আলাদা আলাদা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের ১৮ জন গবেষকের একটি দল ৩২০টি গবেষণা প্রতিবেদন পর্যালোচনার মাধ্যমে বয়সভিত্তিক ঘুমের নির্দেশনা বা পরামর্শপত্র তৈরি করেছেন।
এই পরামর্শপত্র তৈরি করতে গিয়ে তাঁরা ঘুমের সঙ্গে সম্পর্কিত স্বাস্থ্যের উপকারিতা এবং স্বাস্থ্যসংক্রান্ত ঝুঁকিগুলোও যাচাইবাছাই করেছেন। কয়েক রাত ধরে ঘুম কম হতে থাকলে তোমরা ক্লান্ত হয়ে যাবে, মনোযোগ কমে যাবে এবং বিষণ্নতা ভর করতে পারে, উদ্বেগও বেড়ে যেতে পারে। আর যদি এই ঘুম কম হওয়া চলতেই থাকে, তাহলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও মুটিয়ে যাবার ঝুঁকি বেড়ে যেতে পারে।
অন্যদিকে, নিয়মিত অতিরিক্ত ঘুমালেও এই স্বাস্থ্যঝুঁকিগুলো বেড়ে যেতে পারে। হার্ট অ্যাটাকের প্রবণতা দ্বিগুণ বাড়ায় ওভারস্লিপিং। অতিরিক্ত ঘুমানো আসলে একটা রোগ যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হাইপারসোমনিয়া বলা হয়ে থাকে। এ রোগ হয়ে থাকলে মানুষ সাধারণত দিনে বা রাতে খুব বেশি পরিমাণে ঘুমিয়ে থাকে; আর খুব বেশি পরিমাণে ঘুমালে মানুষ অলস হয়ে যায়, কর্মক্ষমতা হারিয়ে ফেলে, মেজাজ খিটখিটে হয়ে যায়।
বন্ধুরা, স্লিপ ফাউন্ডেশনের পরামর্শপত্র অনুযায়ী, ৬ থেকে ৯ বছর বয়সী শিশুদের রাতে অন্তত ৯-১১ ঘণ্টা ঘুমানো প্রয়োজন, তবে নিয়মিত ৭-৮ ঘণ্টা ঠিকঠাক ঘুমাতে পারলেও ওরা নিজেকে চালিয়ে নিতে পারে। ১০ থেকে ১৭ বছর বয়সীদের ৮-১০ ঘণ্টা ঘুম প্রয়োজন। তবে কারো কারো নিয়মিত ৭ ঘণ্টা ঘুমালেও চলতে পারে। আর বয়ঃসন্ধির সময় অনেকেরই প্রায় ১১ ঘণ্টা ঘুমানো প্রয়োজন হতে পারে। কিন্তু ১১ ঘণ্টার চেয়ে বেশি ঘুমালে তা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে।
ঘুম গবেষক দলটির অন্যতম সদস্য লিডিয়া ডনকারলোস বলেন, সারকাডিয়ান ক্লক বা দেহঘড়ির প্রভাবে টিনেজারদের সাধারণত রাতে একটু দেরিতে ঘুম পায় এবং ওরা দেরি করে ঘুম থেকে উঠতে চায়। কিন্তু যখনই ঘুমাক আর যখনই উঠুক, নিয়মিত পর্যাপ্ত ঘুমানো খুবই জরুরি। তিনি আরো বলেন, ছুটির দিনে ঘুম পুষিয়ে নেয়ার চিন্তা অনেকেই করে বটে কিন্তু আসলে ‘বকেয়া ঘুম কখনোই পুষিয়ে নেয়া যায় না’।
১৮ থেকে ৬৪ বছর বয়সী মানুষের রাতে ৭-৯ ঘণ্টা ঘুমানো প্রয়োজন, তবে কারো কারো নিয়মিত ৬ ঘণ্টা ঘুমেও সব ঠিকঠাক থাকতে পারে। ৬৫ বছরের চেয়ে বেশি বয়সীদের জন্য ঘুমানো প্রয়োজন ৭-৮ ঘণ্টা।
বন্ধুরা, তোমরা কীভাবে ঘুমের ঘড়ি ঠিক রাখবে? লেখক ও বিখ্যাত ঘুমের ওষুধ বিশেষজ্ঞ ডা. রবার্ট রোসেনবার্গ এ বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন। সেগুলো হলো, সাত-আট ঘণ্টার পর্যাপ্ত ঘুম ঘুমাতে হবে। ঘরে ভারী পর্দা ব্যবহার না করা ভালো; যাতে দিনের প্রথম রোদ ঘরে ঢুকতে পারে। মৃদু শব্দে অ্যালার্ম দিয়ে রাখতে হবে। প্রতিদিন একই সময়ে ঘুমানো এবং ওঠার অভ্যাস করতে হবে। চেষ্টা করতে হবে ছুটির দিনেও এই নিয়ম মেনে চলার। বিকেল ৪টার পর হালকা ঘুমানো বা ন্যাপ নেওয়া উচিত নয়। দিনের বেলা হাঁটাচলা করলে রাতে সময়মতো ঘুম আসবে। তাতে সাত ঘণ্টা ঘুমালেও ঝরঝরে লাগবে নিজেকে। গবেষণায় দেখা যায়, মস্তিষ্কের সুস্থতার জন্য সাত ঘণ্টা ঘুমই পর্যাপ্ত।
অতিরিক্ত ঘুমের কারণ কি? তোমাদের কারো যদি সারাক্ষণই ঘুম পায় এবং সে ঘুমিয়েও পড়ে তাহলে কিন্তু সেটা বেশ চিন্তার বিষয়। শারীরিক এবং মানসিক নানা কাজের চাপে অতিরিক্ত ঘুম পায়, তাছাড়া আরো কিছু কারণ রয়েছে সেগুলি হলোÑ অনেক রাত করে ঘুমানো, শারীরিক-মানসিক অবসাদ বা ক্লান্তি ইত্যাদি। এছাড়া দুপুরে খুব বেশি ভারী খাবার খেলে দিনের বেলা ঘুম পেতে বাধ্য, দুপুরে খুব বেশি পরিমাণে ভাত খেলে কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক বেশি চলে যায় শরীরে তার কারণে ঝিমুনি আর ঘুম পায়। মূলত কোনো মানসিক অবসাদ থাকলে, মানুষ অনেক সময় বেশি ঘুমায়। কিন্তু তাতে মানসিক অবসাদ আরো বাড়ে।
কেউ যদি নিয়মিতভাবে দিনের বেলা অতিরিক্ত ঘুমায় তাহলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। কেননা ব্রেন এবং দেহের বিভিন্ন অবস্থার পরিপেক্ষিতেও অতিরিক্ত ঘুমানোর প্রবণতা দেখা যায়। পারিপার্শ্বিক বিভিন্ন ঘটনার জন্য অতিরিক্ত ঘুম হয়। যেমন, কোনো শব্দ বা অন্য কোনো কারণে যদি রাতে ঘুমের ব্যাঘাত ঘটে তাহলে দিনে ঘুম বেশি হয়। আবার পার্কিনসনের মতো স্নায়ুতন্ত্রের রোগের কারণেও অতিরিক্ত ঘুম হয়। এর বাইরে যারা সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের কারণে দুশ্চিন্তা ও বিষণ্নতায় ভোগেন তাদের মধ্যে কারো ঘুম খুব বেশি হয়, আবার কারো খুবই কম হয়।
বন্ধুরা, পরিশেষে এসো জেনে নিই অতিরিক্ত ঘুম থেকে নিষ্কৃতির উপায়। মূলত রাতের বেলা অপর্যাপ্ত ঘুম অথবা অনিয়মিত ঘুমের কারণেই দিনে অতিরিক্ত ঘুমের ভাব হয়। তাই রাতে সবারই কমপক্ষে ৭-৮ ঘণ্টা ঘুমানো উচিত। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে জেগে ওঠার অভ্যাস গড়তে হবে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানোর পাশাপাশি নির্দিষ্ট সময়ে খাবার খাওয়ার অভ্যাস গড়তে হবে। নির্দিষ্ট সময়ে সকাল ও দুপুরের খাবার খেতে হবে। রাতের খাবার খেতে হবে ঘুমানোর দুই থেকে তিন ঘণ্টা পূর্বে। সেক্ষেত্রে অতিরিক্ত ঘুমের সমস্যা কেটে যাবে। ভালো ঘুমের জন্য ব্যায়াম বিভিন্নভাবে সহায়ক হতে পারে। বিশেষ করে অ্যারোবিক এক্সারসাইজ রাতে ভালো ঘুম হতে সহায়তা করে। পাশাপাশি দিনে কাজ করার জন্য এনার্জি প্রদান করে এবং বিভিন্ন বিষয়ে বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নিতে সহায়তা করে। বিশেষজ্ঞদের মতে, প্রত্যেকের দিনের আলোতে কমপক্ষে ৩০ মিনিট ব্যায়াম করা উচিত। কখনো ক্লান্ত হলেই বিছানায় গা এলিয়ে দেবে না। এতে তোমার ভালো ঘুম হবে না। যখন ঘুমের ভাব হবে তখনই বিছানায় যাওয়া উচিত। তাই সবার আগে নিজের ক্লান্তি ও ঘুমের মধ্যে ফারাক বোঝার চেষ্টা করবে। বিকেলের ঘুম রাতের ঘুমে ব্যাঘাত সৃষ্টি করে। যার ফলে দিনে কাজের সময় ঘুমের ভাব হয়। তাই বিকেলে না ঘুমানোই ভালো। স্লিপিং ডিসঅর্ডারের কারণে দিনে অতিরিক্ত ঘুম হতে পারে। যদি কোনোভাবে দিনের বেলায় অতিরিক্ত ঘুমের সমস্যা দূর না করা যায় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়া উত্তম। কোনো প্রকার দুশ্চিন্তা বা হীনমন্যতার মধ্যে থাকলে তার আসল কারণ খুঁজে বের করো। এটি কীভাবে সমাধান করা যায় তা আগে ঠিক করো। কারণ দুশ্চিন্তা আর হীনমন্যতা তোমাকে ঠিকমতো ঘুমাতে দেবে না।

প্রকৃতি ও শিক্ষা

ছোটবেলা থেকেই শুনে আসছি প্রত্যেক জিনিসের মধ্যে শিক্ষা রয়েছে। কখনো ভেবে দেখিনি আসলে কিভাবে এই জিনিসগুলো শিক্ষা দেয়। কিন্তু ভাবনার নয়নে অবলোকন করে দেখি প্রত্যেক বস্তুর মাঝেই বহু-বহু শিক্ষা বিদ্যমান। কিভাবে এই জিনিসগুলো শিক্ষা দেয়? আমি দু-একটি উপমা আলোকপাত করছি।

বৈঠকখানায় বসে বসে মোবাইল ঘাটছিলাম ঠিক এমনক্ষণে সামনের পেয়ারা গাছের দিকে নজর পড়ল। দুটি পেয়ারা গাছ। একটিতে প্রচুর পেয়ারা ধরেছে এবং অন্যটিতে দু-একটি পেয়ারা ধরেছে। যে গাছে খুব পেয়ারা ধরেছে সেটি এমনভাবে ঝুলে পড়ছে যেন রাজার সম্মুখে মাথা নত করা দণ্ডিত ব্যাক্তি। কিছুক্ষণ পর পর পরিবারের কেউ না কেউ এসে তাকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ছে। লাঠি দিয়ে তার গায়ে আঘাত করছে। যার যেমন অভিরুচি সে তেমন করে ফল আহরণ করছে। এতে তার শাখাও বিনষ্ট হচ্ছে। পক্ষান্তরে পাশের গাছটি বীরের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দর্শনেও রূপভর। শাখাগুলো সাজানো গোছানো। কিছুদিন পর জায়গা পরিচ্ছন্ন করার সিদ্ধান্ত হলে ওই মোটাতাজা সুঠাম দেহ বিশিষ্ট গাছটিকে কাটার সিদ্ধান্ত হয় এবং মাথা নত করা ফলবান গাছটি সযত্নে রাখার সিদ্ধান্ত হয়।
অনেক কথাই তো বললাম কিন্তু শিক্ষার কী আছে এর মধ্যে?
তাহলে এবার বলি, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা জ্ঞানী-গুণী, তারা সর্বদা অবনত মস্তকে থাকে। ফলের ভারে যেমনি বৃক্ষ নত থাকে তেমনি জ্ঞান আর বিশেষ বিশেষ গুণ থাকার কারণে তাদের মাথা অবনত থাকে। তারা মানুষের উপকার করার পরেও তাদের ওপর বিভিন্ন ধরনের দোষারোপ ও সমালোচনার ভার নেমে আসে। কিন্তু একসময় মানুষ তাদেরকেই ভালোবাসে। পক্ষান্তরে সমাজের অনেক মানুষ নিজের জোর দেখিয়ে অন্যের সম্পদ হস্তগত করে রাখে। মানুষের ধনসম্পদ মেরে খায়। মানুষের উপকার করে না। তাদের দেহ খুব মোটাতাজা ও শক্তিশালী হয়। কিন্তু তাদের এই আয়েস চিরদিন টিকে থাকতে পারে না। মানুষ যখন আপন অধিকার প্রতিষ্ঠা করার সংগ্রাম করে তখন এই মানুষগুলোকে ওই মোটা গাছের মতো কেটে ফেলা হয়। আর জ্ঞানী গুণী মানুষগুলো তখন পূর্ণ মর্যাদা পায়।

রাস্তার পাশে শিমুল গাছের নিচে বসে বসে কৃষকদের কর্মকাণ্ড লক্ষ্য করছিলাম। কেউ আইল ঠিক করছে। কেউ আগাছা সাফ করছে। আরো অন্যান্য কাজে ব্যস্ত অনেকেই। এই কাজের পর তারা ধানের চারা রোপণ করবে। এত কষ্ট করার পরেও তারা তৎক্ষণাৎ কিছুই পায় না বরং বিভিন্ন সময়ে তাদের আরো ত্যাগ করতে হয়, সার প্রয়োগ করতে হয়, কীটনাশক প্রয়োগ করতে হয়। উপযুক্ত সময় হলে খোদার মেহেরবানীতে ফসল তুলতে সক্ষম হয়। উপযুক্ত সময় ছাড়া যদি আল্লাহ এই শ্রাবণের ক্ষণে ক্ষণে বৃষ্টির মধ্যে ফসল দিতো তাহলে সেটা কোনো কাজে আসতো না। অসীম জলধারায় ফসল নষ্ট হয়ে যেত। দীর্ঘ চার থেকে পাঁচ মাস পর তারা ফসল তুলতে সক্ষম হয়। তখন তারা আনন্দের সাথে সোনালি ধান নিজ আঙিনায় উঠাতে পারে।

সবারই জানা শোনা অনেক কথা বললাম। কিন্তু শিক্ষার কী আছে এতে?

তাহলে এবার বলি,
আমরা অনেকে অনেক মহৎ কাজ করি, বহু শ্রম দান করি। কিন্তু এর ফল তাড়াতাড়ি না পেলে নিরাশায় ভুগতে থাকি। হতাশা আর নিরাশার জাল আমাদের আটকে ধরে। ধৈর্য্য হারিয়ে ফেলি। কিন্তু আমরা কেন এমন করি? আমরাই তো দেখি শত শ্রমের পরেও কৃষক সাথে সাথে সুফল পাচ্ছে না। আমরা কীভাবে পাবো? কোনো মহৎ কাজ করে অবশ্যই উপযুক্ত সময় আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখনই সেটা কল্যাণকর হবে তখনই আল্লাহ সুফল প্রদান করবেন। আল্লাহ ইচ্ছা করলে সাথে সাথে সুফল দিতে পারতেন। কিন্তু সেই সুফল শ্রাবণের বাদলের ন্যায় কোনো বাঁধার তরঙ্গ এসে ভাসিয়ে দিতে পারে। মহৎ সকল কর্মের কর্মফল অবশ্যই পাবো। হয়ত বিধাতা দিচ্ছে না আমাদের উপযুক্ত সময় হয়নি এজন্য। হেমন্তের মতো উপযুক্ত সময়ে আমরা অবশ্যই সুফল পাবো।
কিন্তু আমরা কি ততক্ষণ বসে থাকব?
কখনোই না! কৃষক যেমনি শুভ্র ধানের আশায় সার ও কীটনাশক প্রয়োগ করে তেমনি আমাদেরও এই মহৎ কাজের ওপর সার ও কীটনাশক ব্যবহার করতে হবে যেন ফল ভালো হয়। আর এই সার হচ্ছে কাজটি আঁকড়ে ধরা আর কীটনাশক হচ্ছে সেই কাজের শত্রুকে নাশ করার চেষ্টা করা। এর পর যখন উপযুক্ত সময় হবে তখন আমরাও আমাদের মহৎ কাজের সুফল পাবো এবং সফল হবো।
অনেক কথা বললাম এখন ইতি টানি।

বিদায় পৃথিবী

২০০০১৯ সাল।
রাশা স্কুল থেকে এসেই ব্যস্ত হয়ে গেল অঙ্কের বিরাট একটা হিসাব নিয়ে। ওর সায়েন্টিফিক ক্যালকুলেটরও হার মানলো হিসাবটায়। এখন শুধু বাবার জন্য অপেক্ষা করার পালা। বাবা নিশ্চয়ই এর সমাধান বের করতে পারবে অন্য কোনো উপায়ে। তাই রাশা এই সান্তনা নিয়ে হাত-মুখ ধুতে গেল। ফিরে এসে ভাবলো বান্ধবী শানুর বাসায় গেলে একটু ভালো হয়। ওর মায়ের নাকি আজ এক শতম জন্মদিন। তাছাড়া ও আমন্ত্রণ পেয়েছে তিন দিন আগে। না গেলে শানু আবার রাগ করতে পারে।
শানুদের বাসায় যাবার জন্য রাশা বক্স রাইডে উঠলো। ‘বক্স রাইড’ এ যুগের অত্যাধুনিক একটা যানবাহন। ধারণ ক্ষমতা মাত্র একজন। এতে কোনো চাকা বা পাখা কিছুই নেই। এটা বর্গাকৃতির একটা বাক্স। ভেতরে ঢোকার জন্য একটা ছোট্ট দরজা আছে। তারপর ভেতরে গিয়ে বসে রেড বাটন ক্লিক করলেই সাঁই করে উড়ে চলে যায়। গন্তব্যস্থলটা মনে মনে ভাবলেই হবে। যেকোনো স্থানে যেতেই ষাট সেকেন্ড সময় লাগে (এক মিনিট বলা যাবে না। কারণ সব কিছুই এখন সেকেন্ডের কারসাজি) ।
১০০এ নেটওয়ার্কটা রাশার ঠিক মতো কাজ করছে না। যার কারণে পঁয়ষট্টি সেকেন্ড সময় লাগলো শানুদের বাসায় পৌঁছতে। এতেই শানু রেগে গেল। শানু বলল, এত দেরি করলি কেন? রাশা বলল, আর বলিস না। আমার পি ঠিক মতো কাজ করছে না। বাবাকে আজই বলে নতুন একটা পি কিনে আনতে হবে।
‘পি’ হচ্ছে কম্পিউটারের পরবর্তী প্রজন্ম। কম্পিউটার থেকে ল্যাপটপ, ল্যাপটপ থেকে নেটবুক, নেটবুক থেকে ট্যাব/প্যাড, এরপর স্মার্টফোন এসেছিল এই পৃথিবীতে। তারপর বহু বছর পর ছোট হতে হতে এখন পি’তে দাঁড়িয়েছে। কার্যক্ষমতা কম্পিউটার থেকে বেড়েছে এক ’শ গুণ। পির ওজন মাত্র পঞ্চাশ গ্রাম। তবে ইদানীং কোনো কোনো কোম্পানি আবার চল্লি­শ গ্রাম ওজনেরও পি বানাচ্ছে। এমন কিছু নেই যে, যেটা পির মাধ্যমে করা যায় না। খিদের জ্বালাও মেটানো যায় পির মাধ্যমে। বিশেষ একটা অ্যাপে গিয়ে যে খাবারের নাম লেখা হবে সেটাই খাওয়া হয়ে যাবে। খাবারের স্বাদটাও জিভকে স্পর্শ করবে। এই পির মাধ্যমেই সবকিছু কানেক্ট করা। বক্স রাইড থেকে শুরু করে এমনকি পায়ের স্যান্ডেলের সুইচ পর্যন্ত।
শানু রাশাকে বলল, তুই তো জানিস আমার বাবা গাছ হয়ে আছে কারাগারের বাগানে। আজ তার মুক্তি হবে। এদিকে মায়ের জন্মদিন আর ওই দিকে বাবার মুক্তির দিন। বলতে গেলে আজ আমি খুব খুশি। একটু পর আমি আর মা যাব বাবাকে নিয়ে আসতে।
শানুর কথা শুনে রাশার মনটা খারাপ হয়ে গেল। শানুর বাবা এক মাস আগে উনার অফিসে কি একটা চুরির অপরাধে উনাকে এক মাস গাছ হয়ে থাকতে হয়েছিল। বর্তমানে সর্বোচ্চ স্তরের শাস্তি হলো অপরাধীকে গাছ বানিয়ে ফেলা। খুনের আসামি হলে আজীবন গাছ হয়ে থাকতে হবে। চুরির ক্ষেত্রে অবশ্য দুই এক মাস। প্রথমে অপরাধীকে একটা বিশেষ ধরনের রাসায়নিক দ্রব্য খাওয়ানো হয়। এই দ্রব্যটায় গাছের কিছু হরমোন এবং কোষ মেশানো হয়। খাওয়ার তিন ঘণ্টা পরই অপরাধী গাছে পরিণত হবে। তারপর পির মাধ্যমে উক্ত গাছের পরিচর্যা করা হয়।
রাশা বাসায় ফিরে এসে দেখে ওর বাবা গেমস খেলছে পির একটা অ্যাপে। অ্যাপটার নাম কম্পিউটার। ওটাই নাকি এক সময় পৃথিবীর বিস্ময় ছিল। অনেক কিছুই নাকি ওটার সাহায্যে করা যেতো। আর এখন পির ভেতরে ওটা একটা সামান্য অ্যাপ। রাশা খিল খিল করে হাসলো। হঠাৎ ওর মনে হলো ক্লাসের অঙ্কটা তো করা হয়নি। ও এক্সারসাইজ প্যাডটা নিয়ে ওর বাবার কাছে গেল। ওর বাবা ওকে বুঝালেন কীভাবে পির সাহায্যে যেকোনো জটিল হিসাব খুব অনায়াসে করা যায়। হিসাবটা বুঝতে পেরে রাশা খুব খুশি হলো।
এখন রাশার খেলার সময়। ওর চারটি দশম প্রজাতির শক্তিশালী রোবট আছে। ওদের সাথে খেলতে পাশের বাসার ছেলেমেয়েরাও আসে। ওদের সাথে খেলে তো মানুষ পারবে না। তাই রাশার বাবা পির মাধ্যমে ইজি পজিশনে সেটিং করেছেন রোবটদের। এখন ওদের সাথে খেলে জয়ী হওয়া যায়। রোবটরা খুব ভালো আচরণ করে থাকে খেলার সময়।
রাশার স্কুল থেকে এবার শিক্ষা সফর যাবে মঙ্গলগ্রহে। ওখানে খুব সুন্দর পিকনিক স্পট তৈরি করা হয়েছে। ওখানকার অধিবাসীরা পৃথিবীর মানুষদের থেকে অর্থনৈতিকভাবে খুবই সমৃদ্ধ। অর্থনীতির প্রধান উৎস হলো পর্যটনকেন্দ্র। পৃথিবীসহ বিভিন্ন গ্রহের অধিবাসী মঙ্গলে ছুটে যায় ছুটির দিনগুলোতে। তবে একটি মাত্র গ্রহ আছে যেটা কখনো মঙ্গলে যায় না। ওই গ্রহটির নাম ‘মাহুয়া’। এটি সূর্যের সবচেয়ে দূরবর্তী গ্রহ। বছরে মাত্র একবার আলো পড়ে সে গ্রহে। যেদিন আলো পড়ে, সেদিন ওই গ্রহে একটা উৎসব হয়। উৎসবটার নাম নাকি ‘কিকিটু’। যার বাংলা অর্থ দাঁড়ায় ‘আলো স্নান’। ওই গ্রহের মানুষদের সব গ্রহই ভয় পায়। ওদের গায়ের চামড়া কুচকুচে কালো। আলো নেই বিধায় সবুজ বলতে কিছু নেই। এখন পৃথিবী সবচেয়ে দুর্বল। যেকোনো মুহূর্তে মাহুয়া গ্রহের অধিবাসীরা পৃথিবীকে অ্যাটাক করতে পারে। ওদের ডিজিটাল সব হাতিয়ার পৃথিবীতে এখনো তৈরি হয়নি। পৃথিবীবাসীর একমাত্র ভরসা শুধু পি।
রাশা ওর পির ডিসপ্লে­তে মঙ্গলগ্রহের সব খুঁটিনাটি দেখতে লাগল। আগে কখনো রাশা মঙ্গলে যায়নি। শুধু পিতে দেখেছে। জায়গাটা ওর বেশ পছন্দ হয়েছে। বুধগ্রহে ওর মামা থাকেন। ওই গ্রহে রাশা বেশ কয়েকবার গিয়েছে। তবে মঙ্গলগ্রহটা ওর কাছে বেশি ভালো লাগছে।

হঠাৎ একটা রোবট এসে বলল, শানু তোমাকে কল করছে, জলদি যাও। রাশা বলল, আচ্ছা যাও আমি আসছি। রোবটটা আবার বলল, তাড়াতাড়ি করো। রাশা পি-টা বিছানায় রেখে বাইরে বের হলো। ওদের বাসার সামনে বিরাট বড় এবং খুব চমৎকার একটা বাগান রয়েছে। ওখানে শানু দাঁড়িয়ে আছে। পাশে বক্স রাইড পড়ে আছে। শানুর মুখটা চিন্তাক্লিষ্ট। মনে হচ্ছে কোথাও কোনো গড়মিল হচ্ছে। শানু বলল, তুই কিছু জানিস? – কী জানব?
– তুই তাহলে কিছু জানিস না? আমাদের গ্রহে তো বিপর্যয় নেমে এসেছে।
– কী বলিস? কীভাবে কী হলো খুলে বল, রাশা চমকে বলল।
– মাহুয়াগ্রহবাসী গতকাল পৃথিবীতে ঘাঁটি স্থাপন করেছে। ওদের সাথে রয়েছে যুদ্ধ রোবট। আর অত্যাধুনিক সব যন্ত্রপাতি। যেগুলো পৃথিবীর মানুষের পক্ষে বানানো একেবারে অসম্ভব।
-এখন উপায়? পৃথিবী কি তাহলে ধ্বংস হয়ে যাবে।
– হতেই পারে। মাহুয়াদের অনেক দিন ধরেই পৃথিবী দখলের লোভ। খুব তাড়াতাড়ি আমাদের অন্য গ্রহে চলে যেতে হবে।
পৃথিবীর বাঘা বাঘা সব বিজ্ঞানী আলোচনা করছে কীভাবে এই ধ্বংসের হাত থেকে পৃথিবীকে বাঁচানো যায়। পৃথিবীর সব রোবট জড়ো করে ফেলেছে বিজ্ঞানীরা। এমনকি রাশাদের রোবটগুলোও। তারপর বিজ্ঞানীদের প্রধান মিস্টার কুক পৃথিবীর সব রোবটগুলোকে একটা পি এর সাথে কানেক্ট করলেন। রোবটগুলোর পাওয়ারও বাড়িয়ে নেওয়া হলো। এখন মোটামুটি সব রেডি। না জানি কখন মাহুয়ারা যুদ্ধ ঘোষণা করে বসে। একটা পির মধ্যে সব রোবটগুলোর ডিরেকশন সাজানো। পিটা মিস্টার কুকের কাছে সংরক্ষিত আছে।
পৃথিবীর এই দুর্দশা বিধায় এখন সব স্কুল বন্ধ। তাই রাশাদের শিক্ষা সফরও বাদ। রাশা পির মাধ্যমে মাহুয়াবাসীর তথ্য দেখছিল। এই মহাবিশ্বে সবচেয়ে হিংস্র এবং দুষ্টু প্রাণী মাহুয়ারা। পির ডিসপ্লে­তে ওদের ছবি দেখে রাশা ভয়ে কাঠ হয়ে গেল। উচ্চতা ত্রিশ ফুট, চেহারা কুচকুচে কালো। একেবারে রাতের অন্ধকার। মুখের গঠনটা মানুষের সাথে মেলে না। কেমন যেন প্যাঁচার মতো। পায়ের দিকে হালকা লোমে আবৃত।
টেলিভিশনে খবর বের হলো মিস্টার কুক আজীবনের জন্য গাছ হয়ে গিয়েছেন। গতরাত দুজন মাহুয়াবাসী উনার পিটা চুরি করে ফেলেছে। যেটাতে সব রোবট কানেক্ট দেয়া। চুরিটা করেছে ম্যাগনেটিক পাওয়ারের সাহায্যে। তারপর ওনাকে গাছে রূপান্তর হওয়ার রাসায়নিক দ্রব্য খাওয়ানো হয়েছে। এটা এখন সব গ্রহেরই ব্রেকিং নিউজ।
পৃথিবীতে নেমে এলো সাংঘাতিক বিপর্যয়।
এদিকে পৃথিবীর মানুষরা অন্যগ্রহে চলে যেতে লাগল। মাহুয়াদের হাতে মরার চেয়ে পালানোই শ্রেয়। রাশার মামা ফোন করে বলেছে বুধগ্রহে চলে যেতে। মাহুয়ারা পৃথিবীর অনেক দেশ দখল করে ফেলেছে। পৃথিবীর সব রোবট এখন ওদের কন্ট্রোলে। সবকিছু পরিণত করছে ধ্বংসলীলায়। দালানকোটা, গাছপালা, সাগর, নদী, প্রকৃতি সব এখন শেষ। তিন কোটি মানুষকে হত্যা করেছে ওরা। তবে কেউ আর বসে নেই। পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাচ্ছে অন্যগ্রহে। কি যে কষ্ট!
আজ রাশারা চলে যাবে বুধগ্রহে যেখানে ওর মামা থাকেন। কিন্তু রাশার মোটেও ভালো লাগছে না পৃথিবী ছেড়ে যেতে। কোটি কোটি বছর ধরে যেখানে মানুষ বাস করে আসছে সেটা আজ ছেড়ে চলে যেতে হবে। এটা রাশা কিছুতেই মেনে নিতে পারছে না। বিদায় পৃথিবী। আহ্, কি মর্মান্তিক।

অদৃশ্য বন্ধু

আজ সকাল থেকেই ঘরে কেউ নেই। মা চাকরি করেন, বাবা চাকরি করেন। বড় ভাই-বোন স্কুল কলেজে থাকে। দাদুও কোথায় যেন গেছেন। নীতি একাকী ঘরে। একা একা কি ভালো লাগে? নীতি খালি ভাবে যদি একটি অদৃশ্য বন্ধু থাকত!
তারপর সে গল্পের বই পড়তে শুরু করে। তার মনে হয় কেউ যেন তাকে ডাকছে। বলছে, এই মেয়ে শুনছ তুমি? আমরা তোমাকে নিয়ে যাবো।
নীতি বলে : কই নিয়ে যাবে আমায়?
অদৃশ্য : আমাদের দুনিয়ায়।
নীতি মনে মনে ভাবে, মনে হয় ঘরে কেউ নেই বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম এবং এটা একটা স্বপ্ন। এই ভেবে নীতি এবার সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে।
ঘুম থেকে উঠে দেখে তার হোমওয়ার্ক সব কে যেন করে দিয়ে গেছে। মা যাবার আগে যে কাজগুলো করতে বলে গেছে তাও করা শেষ। খাঁচায় পাখির খাবার, পানি দেয়া আছে। নীতির তো চোখ ছানাবড়া।
নীতি বসে বসে নিজের মনেই ভাবে, কে করল এসব? আবার কে জানি তাকে বলল,
বোকা মেয়ে তখন স্বপ্ন বলে ঘুমিয়ে গেছিস। এখন আবার বলছিস কে করল এসব?
বলে তার হাতে হঠাৎ করে একটা লোভনীয় চকলেট ধরিয়ে দিলো।
নীতি দেখল জানালায় একটা মেয়ে বসে আছে।
নীতি কাঁপতে কাঁপতে বলল : কে?
মেয়েটি বলল : আমি তোমার অদৃশ্য বন্ধু।
নীতি : সত্যি? তোমার নাম কী?
অদৃশ্য বন্ধু : আমার নাম ঝুমু।
নীতি খুব আগ্রহের সাথে বলল, তোমাকে কেউ দেখতে পায়?
ঝুমু : তুমি যদি চাও আমাকে কেউ দেখতে পাক, তবে দেখতে পাবে।
এর কিছুক্ষণ পরই ওর মা এলো ঘরে। নীতির ঘরে ঢুকে খুব অবাক হলো। ঝুমু নীতির পাশেই বসেছিল, কিন্তু ওর মা সেটা দেখতেই পেল না।
নীতি : মা তুমি এত দ্রুত এলে কেন? এখন তো মাত্র দুইটা বাজে।
মা : আজ স্কুলে কাজ কম ছিল।
নীতি : মা, তুমি শিক্ষক হলে কেন?
মা : কারণ আমার বাচ্চাদের ভালো লাগে। তুমি তো সারা জীবন আর বাচ্চা থাকবে না।
নীতি : তোমার স্কুলের ডিসেম্বরের ছুটি দিয়েছে?
মা : হুম্ম। এখন আমরা বেড়াতে যেতে পারব।
ঝুমু : তুমি কি চাও তোমার মা আমার কণ্ঠস্বর শুনতে পাক আর আমাকে দেখতে পাক?
নীতি : না।
মা : এই তুমি কার সাথে পুটপুট করে কথা বলছ?
নীতি : কেউ না। ভাবছিলাম কোথায় কোথায় ঘুরতে যাব?
বলে একটু থামে সে। তারপর তার মাকে বলে, আচ্ছা মা তুমি যাও তো। আমি এখন পড়ব।
মা : তুমি? তুমি এখন পড়বে? জীবনেও তো এ রকম কথা শুনিনি!
নীতি : আহ্্ মা, তুমি যাও না। বলে নীতি মাকে ঠেলে রুম থেকে বের করল।
ঝুমু : তুমি মাদরাসায় পড়?
নীতি : হ্যাঁ! এ রকম প্রতিষ্ঠানে তো সবাই পড়ে। কেন? তুমি পড় না?
ঝুমু : না, আমি কোনো প্রতিষ্ঠানে পড়ি না। আমাকে আমার মা-বাবা ঘরেই পড়ায়।
নীতি : শিক্ষা প্রতিষ্ঠানে অনেক সমবয়সী ছাত্র-ছাত্রী, বন্ধু-বান্ধব থাকে। খুব মজা! কিন্তু…
ঝুমু : কিন্তু কী?
নীতি : কিন্তু ম্যাডামরা শুধু বকে আর শাসন করে।
ঝুমু : যোহরের আযান সেই কখন দিল, নামায পড়েছ?
নীতি : অ অ অ! আমি তো পুরোপুরি ভুলেই গিয়েছিলাম।
তারপর ঝুমু আর নীতি নামায পড়ে। নামায শেষ হলে নীতি বলে, আম্মুকে গিয়ে হেল্প করি।
ঝুমু : আমিও কি সাথে যেতে পারি?
নীতি কিছুটা অসন্তুষ্ট হয়ে বলল, এবারের মতো না। এটা প্রথম বার।
অনেকক্ষণ পর নীতি এসে জামা-কাপড় নিয়ে গোসলে ঢুকল। গোসল থেকে বেরিয়ে দেখল ওর বোন এসে গেছে। ওরা একসাথে দুপুরের খাবার খেল। খাবার খেয়ে এসে দেখে ঝুমু বিছানার এক কোণে শুয়ে ঘুমুচ্ছে।
পরদিন নীতির বন্ধু আসফি এলো। ওকে সব খুলে বলল নীতি। ওর কাছ থেকে কিছু পরামর্শ নিল। ও বলল, ওকে এভাবে লুকিয়ে রাখা যাবে না।
আসফি : তুমি এক কাজ কর, ওকে লুকিয়ে না রেখে তোমার মা-বাবা ও আপনজনদের এ বিষয়ে জানিয়ে ওকে বল যে, তোমার আপনজনেরা যেন দেখতে পায় ওকে।
নীতি : থ্যাঙ্ক ইউ, বাই।
ইতিমধ্যে ও কথামতো সবাইকে বুঝিয়ে বলে দিলো। নীতির ছুটি চলছে আর কী করবে!
ঝুমু : আচ্ছা, আমরা তো একজন আরেক জনের পরিচয়ও নেইনি।
নীতি : ঠিক ঠিক।
ঝুমু : আমার নাম ঝুমু, তোমার নাম?
নীতি : আমার নাম নীতি।
ঝুমু : আমি চতুর্থ শ্রেণিতে পড়ি। তুমি?
নীতি : আমিও চতুর্থ শ্রেণিতে পড়ি।
ঝুমু : আমার জন্ম ২০০৮ এর ৩ এপ্রিল, আর তোমার?
নীতি : আমার জন্ম ২০০৮ এর ১৩ এপ্রিল।
ঝুমু : আমার মা একজন গৃহিনী আর বাবা একজন সমাজসেবক। আমরা এক ভাই আর দুই বোন। বড় ভাইয়ের নাম নয়ন, বোনের নাম ঝুমা আর আমি তো ঝুমু জানোই।
কথা বলতে বলতে নীতি ঘুমিয়ে পড়ে। ঝুমু যখন খেয়াল করে তখন ও পুরো ঘুমিয়ে পড়েছে।
ঘুম থেকে উঠে নীতি দেখে খালামণিরা এসেছে, ও তো খুব খুশি।
ঝুমুর ব্যাপারটি ওর খালাতো ভাইবোনদের জানালো নীতি। ঝুমু তখন সবার সাথে দেখা দিয়ে ওর খালাতো ভাই-বোনদের মতো হয়ে গেল।
ঝুমু : আমি খুব বোর হচ্ছি।
নীতি : এই তুমি যে আমাকে প্রথম দেখায় বলেছিলে তোমার দুনিয়ায় নিয়ে যাবে?
ঝুমু : আমি তো পুরোপুরি ভুলেই গেছিলাম। চল এখন যাই।
নীতি : কিন্তু কিভাবে? আমিতো তোমার তো উড়তে পারি না।
ঝুমু : সমস্যা নেই। আমি তোমায় শেখাবো।
বলে ঝুমু নীতির হাত ধরে টেনে জানালার কাছে নিয়ে বলল, একটা লাফ দাও।
নীতি : কেন? আমি ব্যথা পাব!
ঝুমু : পাবে না।
বলেই একটা ধাক্কা দিল। নীতি চোখ বন্ধ করে রেখেছিল ভয়ে। চোখ খুলে দেখে না ও পড়েনি। সে আকাশ ও জমিনের মাঝখানে।
ঝুমু : কী ভাবো তুমি, আমি তোমাকে মাটিতে ফেলে মেরে ফেলবো! আমি থাকতে তোমার কোনো ক্ষতি হবে না।
নীতি : তুমি এমন যাদু করতে পারো তা তো জানতাম না।
ঝুমু : ওপরে তাকাও। অনেক সুন্দর না ওপরের দৃশ্য!
নীতি : কিন্তু… সবাই যে দেখতে পাবে, তাহলে ওরাও উঠতে চাইবে আকাশে।
ঝুমু : সমস্যা নেই, আমি এমন এমন যাদু করেছি যে, কেউ দেখতেও পাবে না, শুনতেও পারবে না।
নীতি : থ্যাঙ্ক ইউ।
ঝুমুর দেশে পৌঁছে দেখে কী সুন্দর সাজানো গোছানো সবকিছু। চারিদিকে ফুটে আছে নানা রঙের বাহারী ফুল। ফুলের গন্ধে মউ মউ করছে চারদিক। মৌমাছিরা মধু আহরণ করে নিয়ে যাচ্ছে। কী সুন্দর! কী সুন্দর! কোথাও এতটুকু ধুলো-বালি বা ময়লা নেই।
ঝুমু : সবে তো শুরু। আরো অনেক কিছু আছে দেখার।
ওরা যেতে থাকে এগিয়ে। দেখে সারি সারি ছোট ছোট কুঁড়ে ঘর। নীতি জিজ্ঞেস করে, তোমরা কত বড়, মানুষদের মতো। কিন্তু তোমাদের ঘরগুলো এত ছোট কেন?
ঝুমু : বোকা মেয়ে এগুলো তো পিঁপড়ের ঘর।
নীতি : এর চেয়ে একটু বড় ঘরগুলো? মাটির ঘর না?
ঝুমু : হ্যাঁ, এটা মাটির শক্ত ঘর বিড়ালের।
নীতি : তোমরা দেখি প্রাণিদের প্রতি মানুষদের চেয়েও বেশি খেয়াল রাখ!
ঝুমু : এখান থেকে চল সামনে যাই। এই এলাকা বন্যাপ্রবণ এলাকা, এখানে একটা জীবও থাকে না।
নীতি : তো কী হয়েছে। আমি থাকব।
ঝুমু : সাগরের ঢেউ আসলে তুমি মরে ভূত হয়ে যাবা।
ঝুমু সামনের দিকে তাকিয়ে তাড়া দেয়, ওইতো এলো!! পালাও!!
নীতি প্রশ্নবোধক দৃষ্টিতে তবুও তাকিয়ে থাকে।
ঝুমু : আরে তুমি কী এখানে সুইমিং করবে?
বলেই নীতিকে ঝুমু টেনে অন্যদিকে সরিয়ে নিয়ে গেল।
নীতি বলল, ও ও! ওটা তাহলে তোমাদের দেশের প্রান্ত ছিল?
ঝুমু : এটা কিন্তু পৃথিবীর বাইরে।
নীতি : কী! কিন্তু আমি তো দেখলাম আমরা বাংলাদেশের ভেতরেই।
ঝুমু : এরকম সব মানুষই দেখবে। কারণ, আমাদের গ্রহটা পারসোনাল।..
নীতি : ওয়াও!!!
ঝুমু : কী?
নীতি : দেখ ওখানে কতগুলো প্রজাপতি!
ঝুমু : আরে এখানেই দেখব নাকি? সামনেও আছে আরো অনেক। এসো।
নীতি হঠাৎ থমকে যায়। গম্ভীর হয়ে বলে, মাকে কিছুই বলিনি। মা চিন্তা করবে না?
ঝুমু : না, চিন্তা করবে না। মা জানে তুমি আমার সাথে আছ।
নীতি : কিন্তু তোমার সাথে থাকা মানে আমার লাইফ এর সবচেয়ে বড় রিস্ক।
ঝুমু : বাজে বকো না তো। এখন চল আমার সাথে। বাসায় এলাম বলে।
নীতি : বাসা? তোমার বাসা আছে?
ঝুমু : থাকবে না কেন? আমার মা-বাবা, ভাই-বোন সবাই আছে। আমরা মানুষের মতোই, ঘর থাকবে না কেন তাহলে?
নীতি : কোথায়? এখান থেকে কি বেশি দূর?
ঝুমু : বেশি একটা দূর না। ধর, ২ দিন তো লাগবেই যেতে।
কথাটা শুনেই নীতি অজ্ঞান হয়ে শূন্যে ভাসতে থাকে। ঝুমু ওর মুখে পানি ছিটিয়ে দিলে ওর জ্ঞান ফিরে আসে।
নীতি : পুরো দুইদিন লাগবে তোমাদের বাসায় যেতে! আমরা কি পুরো রাস্তা হেঁটে যাব?
ঝুমু : না, আমার ভাইয়া আর বাবা নিতে আসবে।
নীতি : তো আমাদের কাজ হলো ওয়েট করা!
অপেক্ষা করতে করতে নীতি কখন যে ঘুমিয়ে গেল টেরই পেল না। ঘুম ভাঙলে চোখ খুলে দেখে ওরা শহরের ভেতর। ও একটা অদ্ভুত গাড়িতে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। গাড়ি চালাচ্ছে নীতি। গাড়িতে কোনো শব্দ নেই, ঝাঁকি নেই, ধোঁয়া নেই, কেমন যেন হাওয়ায় ভেসে যাচ্ছে গাড়িটি। অথচ রাস্তা দিয়েই চলছে গাড়িটি।
নীতি শোয়া থেকে উঠে বসে। ঝুমুদের শহর দেখতে থাকে প্রাণ ভরে। এটা একটা শহর হলেও পৃথিবীর মতো ঘিঞ্জি নয়। অনেক খোলামেলা জায়গা। বড়সড় রাস্তা, রাস্তার পাশে মন মাতানো নানা রকম বাগান। অনেক দূরে দূরে এক একটা বাড়ি। সবই সাজানো গোছানো। খেলার মাঠে ছোট ছোট ছেলেমেয়েরা খেলা করছে।
মাঝে মাঝেই তাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছে অন্যান্য গাড়ী। ও খেয়াল করে দেখল অধিকাংশ গাড়ি চালাচ্ছে মহিলারা। মাঝে মাঝেই সুন্দর সুন্দর দোকান দেখা যাচ্ছে। সামনে বেশ খোলামেলা জায়গা। কোথাও কোন হইচই নেই। কোলাহল নেই। কোথাও কোনো বাড়ির দেয়ালে কিংবা রাস্তায় কোনো পোস্টার বা স্টিকার লাগানো দেখতে পেলো না। সবকিছু ছবির মতো সুন্দর, ঝকঝকে।
নীতি ঝুমুকে বলল, এটাই তো তোমাদের শহর। অনেক অনেক সুন্দর। কোথাও কোনো কোলাহল নেই। সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে সবাই বুঝি খুব শান্তশিষ্ট?
ঝুমু : ঠিক ধরেছ নীতি। এখানে সবাই খুব শান্ত-শিষ্ট। ছোটবড় সবাই আইন মান্য করে চলে এখানে। কেউ কোনো বেআইনী কাজ করে না। এখানে কেউ ঝগড়া বিবাদ করে না। কেউ জোরে শব্দ করে কারো ঘুম নষ্ট করে না। তোমাদের পৃথিবীতে তো অনেকে সারারাত বিকট শব্দে মাইক বাজিয়ে নাচগান করে। এতে যে অন্য কারো ক্ষতি হতে পারে সেটা ভাবেই না তারা। আমাদের এখানে এগুলো কল্পনাই করা যায় না।
কথা বলতে বলতেই ঝুমুদের বাড়ির গেটে চলে এলো ওরা।
গাড়ী থেকে নেমেই তো নীতির চোখ ছানাবড়া। কি সুন্দর তিন তলা বাড়ি ঝুমুদের। এক পাশে মাঠের মতো বিশাল খালি জমি। মিরপুর স্টেডিয়ামের মতো বিশাল মাঠ একটা। আরেক দিকে বিশাল ক্ষেত। আরেক দিকে বিশাল জায়গা জুড়ে গরু আর মুরগির খামার।
বাড়ির ভেতরে গিয়ে তো সে আরো অবাক। এই বাড়িতে তার জন্যও একটা আলাদা রুম আছে। নীতি একেবারেই মুগ্ধ সবকিছু দেখে। নীতি জিজ্ঞেস করে, তোমাদের গ্রহে সবকিছু আছে। কিন্তু স্কুল নেই কেন?
ঝুমু : জানি না। মনে হয় শিশুদের শান্তির জন্য।
ঝুমুর ইচ্ছেমতো নীতির রুমটা ঝুমুর রুমের সাথেই।
নীতি : ঝুমু, আমরা কয়টায় ঘর থেকে বের হয়েছি?
ঝুমু : কারেক্ট নয়টা বাজে।
নীতি : কয় তারিখ?
ঝুমু : উম্ম্্ ৮ ডিসেম্বর ২০১৮
নীতি: কী বার?
ঝুমু : উফফ! কী? করবেটা কী আগে বলো?
নীতি : কিছু না, তুমি বলো।
ঝুমু : রবিবার।
নীতি : আচ্ছা, এবার আজকেরটা বলো।
ঝুমু : ৮ ডিসেম্বর ২০১৮ আর বুধবার।
নীতি : মানে কী?
ঝুমু : আরে! আমার গ্রহের অনুযায়ী।
নীতি : আর কী কী আছে বলে দাও।
ঝুমু : আরে সবকিছুরই তো হিসেব আছে!
নীতি : বাদ দাও। আম্মু চিন্তা করবে না?
ঝুমু : উপায় আছে যাতে এক মুহূর্তও নড়বে না।
নীতি : কী উপায়?
ঝুমু : কিছু না।
নীতি হাই তুলতে তুলতে ‘খুব ঘুম পাচ্ছে’ বলেই শুয়ে পড়লো। তখনই ঝুমুর মা এসে বলল, খেতে এসো! মামণিরা।
ঝুমু : এই, ওঠো!
নীতি : ঘুমাবো…!
ঝুমু : আগে খেয়ে নাও।
নীতি আর ঝুমু খেতে গেল।
ডাইনিং রুমে ঢুকে তো নীতির চোখ ছানাবড়া। তার মনে হলো ডোনাল্ড ট্রাম্পের বাড়ীতে এসেছে সে। এত্ত বড় টেবিল। এপাশে সুন্দর করে সাজানো নানা রকম ফল-ফলাদি, ওপাশে গরু, মুরগি, খাসির নানা রকম পদ, কত্ত পদের মাছ, ভাজি, সবজি, ভাত, ডাল, পোলাও, কোরমা আরো কত্ত কি! সবকিছুর নামও সে জানে না।
নীতি বসলো ঝুমা আপুর পাশে। আপুতো মনে হয় প্রশ্ন ভরা ঝুড়ি নিয়ে বসেছে। প্রশ্নের পর প্রশ্ন। প্রশ্নের পর প্রশ্ন।
ঝুমা : আচ্ছা, তোমার পৃথিবীতে অনেক শব্দ না?
নীতি : হুমম, শব্দে তো আমার ঘুমানো হারাম!
খাওয়া শেষে ঝুমু এসে নীতিকে ডেকে নিয়ে গেল ছাদে। ছাদে যাবার পর দেখে আকাশের তারাগুলো রঙিন। হলুদ, নীল, সবুজ, লাল, গোলাপি, বেগুনি, সাদা আরো কত শত বাহারী রং ঝলমল করছে! দেখে নীতির ইচ্ছা করছিল সারাক্ষণ আকাশের দিকে চেয়ে থাকে। পুরো আকাশটা অন্ধকার, শুধু তারাগুলো ঝলমল করছে।
ঝুমা আপু : এরকম তারাগুলোকে আমরা হিপনোটাইজিং স্টার বলি। এগুলো প্রতি মাসে একবার দেখা যায়।
নীতি : একবারই কেন?
ঝুমা আপু : তোমরা পৃথিবীতে যেমন পূর্ণিমার চাঁদ দেখো, তেমনই!
ঘুমে নীতির চোখ বারবার বন্ধ হয়ে আসছে।
এক সময় নীতি চোখ বন্ধ করল, গভীর ঘুমে ঢলে পড়ল।
ঘুম ভাঙতেই চোখ খুলে দেখল, ওর হাতে গল্পের বই। ও ওর নিজের রুমেই।
তার মনে পড়ল কেউ যেন তাকে ডাকছিলÑ
এই মেয়ে শুনছ তুমি? আমরা তোমাকে নিয়ে যাবো।