Home Blog Page 145

করোনাকালে শিশুর মানসিক বিকাশে আমাদের করণীয়

শিশুরা আনন্দ প্রবণ। কৌতুহলী মন তাদের। তাদের আছে এক বর্ণিল মনোজগৎ। এই শিশুরা আজ দীর্ঘ কয়েক মাস ঘরবন্দী। করোনা ভাইরাস থেকে নিজেকে মুক্ত রাখতে এখন তাদের সময় কাটছে গৃহ পরিবেশে। আগে স্কুলের শিক্ষকদের আদরে-শাসনে, ক্ল¬াসে পড়াশোনায়, বন্ধুবান্ধবের সাথে খেলাধুলায় মেতে উঠে সময় কাটতো। এখন স্কুল বন্ধ। আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশী একে অপরের বাড়িতে যাতায়াতও নেই। প্রিয়জনদেরকে কাছে পাওয়া, গল্পগুজব করা বা ভালোবেসে আলিঙ্গনের কোনো সুযোগ-ও নেই। নিজ বাড়িতে ভালো রান্না হলে পাশের বাড়িতে দিয়ে আসা, ভাগাভাগি করে খাওয়া এসব নির্মল আনন্দ থেকেও বঞ্চিত হতে হচ্ছে। শিশুদের সপ্তাহ অন্তর বাবা-মায়ের সাথে বাইরে ঘুরে বেড়ানো,‌ বাইরের পরিবেশে মজার মজার খাবার খাওয়া-ও হচ্ছে না। শুধু ঘরের চার দেয়াল আর গৃহে পরিচিত মুখগুলোই এখন সঙ্গী। শিশুরা টেলিভিশনের পর্দায়, ল্যাপটপ বা মোবাইলকে কেন্দ্র করে অনলাইনের মাধ্যমে লেখাপড়া করছে। স্বাভাবিকভাবেই ইলেকট্রনিক্স ডিভাইসের সাথে যুক্ত হতে হচ্ছে তারা। এরই প্রভাব পড়ছে বাকি সময়গুলোতেও। একঘেয়েমি ভর করছে। যারা একটু বড় তারা নিজের মনকে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারছে, পরিস্থিতির সাথে মানিয়ে চলতে চেষ্টা করছে। কিন্তু একেবারে অবোধ শিশু অনেক কিছুই বুঝতে পারছে না। তারা বড়দের মতো এতটা যুক্তি‌ সহকারে চিন্তা করতে পারে না। এত দিন ধরে যে নিয়মের আবর্তে তারা পৃথিবীর আলো বাতাসে বেড়ে উঠেছে হঠাৎ একটা পরিবর্তনীয় জীবন তাদের অবারিত ভাবনায় ছেদ ফেলেছে। স্কুলে যেতে না পারা, খেলাধুলা আর মানুষের সাথে যোগাযোগের বিচ্ছিন্নতা শিশুর মানসিক বিকাশে বিরাট অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
বিশেষজ্ঞদের মতে, করোনা কালে বিশ্বে ৯১ শতাংশ শিশু মানসিক চাপে আছে যা হুমকিস্বরূপ। অথচ এই শিশুরাই সুন্দর আগামী। এ সময় শিশুরা যে ধরনের মানসিক অবস্থায় ভুগছে বা শিশুর যে ধরনের আচরণ দেখা দিচ্ছে তা হলোÑ যেকোনো ব্যাপারে মনোযোগের অভাব, অতিমাত্রায় চঞ্চলতা বা একেবারেই নিরবতা। পরিবারের সদস্যদের সাথে উগ্র আচরণ, ইন্টারনেট আর মোবাইলের অনিয়ন্ত্রিত ব্যবহার ও আসক্তি, হঠাৎ রেগে যাওয়া, যেকোনো কাজের প্রতি অনীহা, একাকীত্ব, করোনা সংক্রান্ত তথ্যে অতিমাত্রায় আতঙ্কিত বা ভীত হওয়া, জেদী হয়ে ওঠা, পড়াশোনায় মনোযোগের অভাব, বিষন্নতাসহ নানান রকম মানসিক সমস্যা।
এসব মানসিক সমস্যা থেকে মুক্ত থাকতে হলে প্রথমে এক এক করে চিহ্নিত করতে হবে সমস্যাগুলো। তারপর কোথায় বা কিসে শিশুর খারাপলাগা এবং ভালোলাগা সে বিষয় খুঁজে বের করতে হবে। পাশাপাশি করোনা সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে হবে। আতঙ্ক সৃষ্টি করে এমন খবরা-খবর অনবরত শোনা থেকে বিরত থাকতে হবে। জ্ঞান অর্জনের জন্য যতটুকু প্রয়োজন ওই টুকু খবর জানতে হবে এবং খেয়াল রাখতে হবে তা যেন শিশুর সহ্য সীমার মধ্যে হয়। প্রচুর পরিমাণে তাদের সঙ্গ দিতে হবে। অভিভাবকদেরকে যথেষ্ট ধৈর্যশীল ও সতর্ক হতে হবে। পারিবারিক কলহ এড়িয়ে চলতে হবে। শিশুকে বকাবকি বা অন্যের সাথে তুলনা করা ঠিক নয়। এতে শিশুরা হীনমন্যতায় ভোগে। পড়াশোনা নিয়ে খুব বেশি চাপ না দেয়াই ভালো। দৈনন্দিন জীবনে বৈচিত্র্য আনতে হবে যা ঘর থেকেও সম্ভব। যেমনÑ প্রতিদিন নিয়মিত নামাজ, জিকির, তেলাওয়াত বা নিজ নিজ ধর্মে যেসব ধর্মীয় নিয়মকানুনগুলো আছে সেগুলো পালন করা খুব জরুরী। নিয়মিত ধর্মীয় ধ্যান, মেডিটেশন, ইয়োগা, বিভিন্নরকম ব্যায়াম বা শরীরচর্চা মন ও শরীরকে প্রফুল্ল­ রাখে। এছাড়া বাগান তৈরি করে বাগানের যতœ পরিচর্যা, পুষ্টিকর খাবার গ্রহণ, শখ করে নিজের হাতে খাবার বানানো, ভালো ভালো বই পড়া, হাসির গল্প ও কৌতুক পড়ে পরিবারের সবাইকে শোনানো, পরিবারে সবাই মিলে একসাথে শিক্ষামূলক মুভি কিংবা ডকুমেন্টারি দেখা, গল্প আড্ডায় মেতে ওঠা নির্মল আনন্দ এনে দেবে। একঘেয়েমি দূর হবে। এখন প্রযুক্তির কল্যাণে নিত্যনতুন শিক্ষামূলক ও সৃজনশীল অনেক কোর্স সম্পন্নের সুযোগ আছে। বিভিন্ন ভাষা শিক্ষা, রান্না, সেলাই ও সৌখিন যেকোনো বিষয়ে কোর্স সম্পন্ন করা যেতে পারে। বাড়ির ফাঁকা জায়গায় বা ছাদে বনভোজন করেও অনেকে আনন্দ উপভোগ করছে। জরুরী প্রয়োজনে বাইরে যেতে হলে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক ব্যবহার, হাত ধোয়া, বাইরে থেকে ফিরে গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়ার দিকে খেয়াল রাখতে হবে। এ সময় ফোনের মাধ্যমে একে অন্যের খোঁজখবর নেয়া বা কথাবার্তা বলতে পারলে যোগাযোগের অভাবে যে মন খারাপ হচ্ছে তা দূর হবে। এভাবে হৃদ্যতাও বাড়ানো সম্ভব। ঘরোয়া খেলাধুলায় সম্পৃক্ত হতে হবে। ছবি আঁকা, আবৃত্তি, গান শোনা বা গাওয়া এই ধরনের সৃজনশীল কাজের সাথে যুক্ত হলেও আনন্দ পাওয়া যায়। বিভিন্ন নি¤œ আয়ের মানুষ এখন বিপর্যস্ত, তাদের পাশে দাঁড়াতে হবে। অন্যের জন্য কিছু করতে পারাটাও উন্নত মানসিকতার পরিচয়। এতে আত্মতৃপ্তি বাড়ে। শিশুর পরিপূর্ণ মানসিক বিকাশে শিশুদেরকে স্বাধীন চিন্তা চেতনার সুযোগ দিতে হবে‌‌। তবে অভিভাবকগণ খেয়াল রাখবেন স্বাধীনতার মাত্রা ততটুকু হবে যা শিশুদের ক্ষতির কারণ হবে না।

শিশুর কোনো আচরণ বা মানসিক অবস্থা যদি তার দৈনন্দিন স্বাভাবিক জীবন যাপনে ব্যাঘাত ঘটায়, ক্ষতিকর প্রভাব ফেলে তাহলে মানসিক স্বাস্থ্য সেবার জন্য অভিভাবকগণ মনোরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন গৃহে থেকেই। অনলাইন মাধ্যমে এ ব্যবস্থা আছে।
সর্বোপরি এই সংকটময় সময়ের সাথে শিশুরা সুষ্ঠু মোকাবেলা করে সুস্থ, সুন্দর থাকুক এবং পরিপূর্ণ মানসিক বিকাশ ঘটিয়ে হয়ে উঠুক শক্তিশালী প্রজন্ম। এটাই কাম্য।

শিয়ালশাবকের জন্য দোয়া

মায়ের পাশে ছোট্ট শিয়ালশাবক। ও একাই। একবার একটু এদিক-ওদিক গেলে সঙ্গে সঙ্গে মায়ের কড়া নজরদারি। ফিরে এসে মায়ের গা ঘেঁষে দাঁড়ায়। আবার মাথা ঘষে দেয় মায়ের পাঁজরে। একটু পরেই দুধ খুঁজতে ওলানে মুখ লুকায়। আবার মুখ তুলে ঠিক মায়ের মতো লেজে ভর দিয়ে সামনের পা সোজা করে বসে দৃষ্টি মেলে কী যে দেখে, আল্লাহ জানে। মা আর তার শাবক। একই রকম চেহারা, মুখের নিচ দিয়ে পেট অবধি সাদাটে আর চোখ দুটো দেখে মনে হয় কাজলটানা। পিঠের দিকটা পাকা ধানের রং। মা শিয়ালটাকেও প্রথম দেখায় শাবক মনে হয়। কিন্তু তারও বাচ্চা পাশে। লুতুপুতু চেহারা।
সবুজ লকলকে জঙ্গল। একমানুষ সমান উঁচু। ওদের বাড়ি একটা পুরনো কবরের ভেতর। বিচরণ বিশাল একটা কবরস্থানের মাঝামাঝি উঁচুমতন জায়গায়। হুম, ওটা কবরস্থান। কিছু জায়গা উঁচু করে রাখা, বন্যার সময় যেন ওখানে মৃত মানুষ কবর দেয়া যায়। সেখানেই লতানো কী সব গাছ ভরে গেছে। ওখানেই ওদের বাড়ি। একদম সুখের সংসার। ওদের সাথে দেখা হয় অনেক মানুষের। মা শিয়াল তার শাবককে সতর্ক করে আড়ালে নিয়ে যায়। কোনোভাবেই যেন কোনো মানুষের দৃষ্টিতে না পড়ে। এভাবেই চলছিল দিন। ছোট্ট শাবকের খেলা মাকে ঘিরেই। মা-ও ওকে কাছছাড়া করতে চায় না। এই কবরস্থানে কবরবাসীর সাথে আরো অনেকের বাস। আছে জেঁাঁক। সাপ। ঘুঘু। নানান প্রজাতির পাখির মধ্যে আরো আছে টুনটুনি। আর আছে কোটি কোটি পিঁপড়া।
আজ একজন মানুষ এসেছে কবর জিয়ারত করতে। একাই। তার বাবার কবরপাশে দাঁড়াতেই সামনের দিকে চোখ পড়ল তার। কী আশ্চর্য! শাবক শিয়ালের খেলা এত সুন্দর হয়! ছোট্ট। ধেই ধেই করে নাচছে। আবার লাফিয়ে ওঠে উপরের দিকে দুই বিঘত। মা শিয়ালটা একবার বাম পা চাটে আবার পিঠের পশম কামড়ে আরাম নেয়। একটু পরপর চোখ বুজে লম্বা জিভ বের করে পা সাফ করে। কিছু সময়ের জন্য মানুষটা ভুলে গেল কবর জিয়ারতের কথা। তারপর লোকটা তার কাজ শুরু করল। চোখ বুজেই দোয়া পড়ছেন। একটু পর চোখ খুললেন। দৃষ্টি গিয়ে পড়ল ওই খানে। শিয়ালশাবকের দিকে। নাক এগিয়ে দিয়ে মনে হলো কী যেন বলছে মা। হয়তো সাবধান করে দিচ্ছে। তাই ও দূরে না গিয়ে মায়ের গা শোঁকে।
আজকের মতো বিদায় নিলো পাঞ্জাবি টুপি পরা লোকটা। শিশিরে পা ভিজে যাচ্ছে। কুয়াশাও বেশ।
শরৎ কাল। লকলকে সবুজ ঘাসলতাগুলো মনে হয় আসমান ছুঁতে চায়। সব পেছনে ফেলে চলে গেল লোকটা। পরদিন ভোরে আবার সেই মানুষটা গেল বাবার কবরপাশে। কবরবাসীদের সালাম দিয়ে দোয়া পড়া শুরু হলো। আজ মানুষটা আবেগাপ্লুুত। বাবাকে স্মরণ করে কান্নাকাটি করে দোয়া করল। এসময় মনে পড়ল সেই শিয়ালশাবকের কথা। অজান্তেই ওদের জন্য দোয়া এসে গেল তার মুখে। হে পরম করুণাময় আল্লাহ, পৃথিবীতে দরকার ছাড়া কিছুই সৃষ্টি করেননি। মাবুদ দয়াময়, ওদেরকে দীর্ঘজীবী করুন। ওদেরকে হেফাজত করুন। চোখ খুলতেই দেখা হলো ওদের। একই জায়গায় বসা দুজন। আজ আরো সুন্দর লাগছে। মনটা ভালো হয়ে গেল। কবরস্থানে এলে এমনিতেই মনটা ভার হয়ে যায়। স্বজনহারাদের আর্তনাদ ভেসে বেড়ায়। এখানে এবার জঙ্গল বেড়েছে।
তৃতীয় দিনও ওদের সাথে দেখা। ওই দিন ছিল শুক্রবার। একটু এগিয়ে গিয়ে ভাবল একটা ছবি নেয়া যায় কি না। হলো না। ওদের জন্য বেশ খানিকটা মায়া বাড়ল। কুয়াশায় ঢাকা পরিবেশ। কেমন যেন গা ছম ছম করছে। চলে এলো লোকটা। ভাবনা হলো, এরা কি আসলেই মানুষের শত্রু? আগে শিয়ালের ডাকে গ্রাম কাঁপত এখন মানুষের ডাকে মানুষও কাঁপে না। অনেকটা এরকমÑ আমরা সবাই রাজা। তো যাক, জুমার নামাজে এবার সেই মানুষটা। হাজারখানেক মানুষ। তাদের সবাইকে নামাজের পর বসতে বলে ইমাম সাহেব ঘোষণা দিলেনÑ ‘আগামী কাল আমাদের কবরস্থান পরিষ্কার করার তারিখ। যুবক ভাইদের বলছি দা বঁটি খন্তা কোদাল যার যা কিছু আছে তাই নিয়ে জঙ্গল পরিষ্কার করতে হবে।’
বলে কী! কাল সাফ করতে হবে মানে শিয়ালশাবকেরা আর ওখানে থাকবে না? কী করে সম্ভব! ওদের বাড়িঘর সব ভেঙে দেবে? দশের কাজ, ঠেকানোও সম্ভব নয়। তাহলে? ওদের কথা বললে তো আরো বেশি দ্রুত সাফ করবে। তাহলে উপায় কী? আল্লাহর দরবারে মিনতি জানালেন লোকটা। একটা উপায় নিশ্চয় আছে। কালকে কবরস্থান সাফ করবেই। মনে মনে বললেন লোকটা, হে আল্লাহ ওদেরকে রক্ষা কোরো। ওরা ছোট। লোকজন দেখার সাথে সাথে ওদের মেরে ফেলবে।
পরদিন ভোরে আবার সেই মুসল্লি গেলেন কবরস্থানে। আজো দেখা হলো। অনেক সময় ধরে সৌন্দর্য উপভোগ। অপেক্ষা করছে কী-না-কী হয়। আটটা বাজলো তবু এলো না কেউ। এমনকি একটা প্রাণীও নাই। এবার অবাক হবার পালা। একটা লোকও এলো না। বাহ! ওরা তাহলে বেঁচে গেল। ইমাম সাহেবকে ফোন করল লোকটা। জানা গেল ‘এ মাসে হচ্ছে না। কারণ কমিটির লোক নাই।’ বাহ, খুবই ভালো। তিন মাস পর আবার সেই কবরস্থানে এলো লোকটা। আবার দেখা হলো ওদের। খুব খেলছে ওরা। বড়-ও হয়েছে অনেকটা। এবার ইমাম সাহেব জোরালো ঘোষণা দিলেন- যেকোনো উপায়ে হোক কালকে কবরস্থান পরিষ্কার করতে হবে। হলোও তাই। তবে কেন যেন ওদের কোনো হদিস পাওয়া গেল না।
মায়াভরা খোদার সৃষ্টি।

কতটুকু ঘৃণা করি?

ক্লাসে একজন নতুন শিক্ষক এলো। আমরা চোখ বড় বড় করে তাকাই তার দিকে। তারপর পাশের জনকে বলিÑ ‘দ্যাখ, স্যারের চেহারা কী কালো! নাকটা বোচা, চোখগুলো কেমন! কী ধরনের খ্যাত ভাষায় কথা বলছে! এটা কিছু হলো? এমন স্যার আমাদের পড়াবে?? ’ এই যে কমেন্টগুলো আমরা করি এগুলো ঘৃণাবশত। সব মানুষের প্রতি বিশেষ করে অপরিচিত যেকোনো মানুষকে আমরা স্বভাববশত নেতিবাচকতার কারণে ঘৃণার চোখে দেখি। সেকারণে নতুন কাউকে আপন করে নিতে আমাদের অনেক সময় লেগে যায়। আবার আমরা নিজেরাও নতুন কোনো পরিবেশে গেলে সেখানকার লোকেরা আমাদের আপন করে নিতে চায় না। অপরিচিত লোক, তাই ঘৃণা!
আমরা কাকে কাকে ঘৃণা করি? নতুন যে কাউকেই প্রাথমিকভাবে ঘৃণা করি, যদি তিনি দেখতে সুন্দর না হন। আমাদের বিরোধিতা করে এমন যে কাউকে ঘৃণা করি, তিনি যতই সুন্দর হোন না কেন! ফুটবল/ক্রিকেটের মাঠে আমার পছন্দের দলের বিপক্ষে যায় এমন যেকোনো দলকে, সেই দলের খেলোয়াড় সবাইকে আমরা ঘৃণা করি। স্কুলের পিয়ন, গাড়ির ড্রাইভার, মুচি, সেলুনের কারিগর, রাস্তার হকার সবাইকে ঘৃণা করি। সহপাঠীদের মধ্যে যে একটু বেশি গরিব তাকে ঘৃণা করি, যে একটু বেশি ধনী তাকে ঘৃণা করি। যার মেধা খুব ভালো তাকে ঘৃণা করি, যার মেধা খুব দুর্বল তাকে ঘৃণা করি। যে খেলা খুব ভালো পারে তাকে ঘৃণা করি, যার খেলার পারদর্শিতা খুব খারাপ তাকে ঘৃণা করি। যে ছেলেটা আমার বিরুদ্ধে স্যারের কাছে সত্য কথা বলে দেয় তাকে ঘৃণা করি, যে আমাকে খারাপ কাজে সাহায্য করে না তাকেও ঘৃণা করি। এই যে এত লোককে ঘৃণা করি তার প্রমাণ কি? প্রমাণ হলো তাদের সাথে সহজে মিশতে পারি না। একটু নাক সিটকে তাদের কাছ থেকে দূরে থাকার সর্বোচ্চ চেষ্টাটা করি। তাদের সাথে মিশলে আমাদের সম্মানের হানি হয় এই একটা ভয় আমাদের মধ্যে কাজ করে। আমরা আমাদের চারপাশে একটা ঘৃণার বলয় তৈরি করে রাখি যা আমাদের এসব মানুষের কাছ থেকে দূরে রাখে।
যদি আমরা ঘৃণার আবর্জনা থেকে মুক্ত হতে পারতাম তাহলে চারপাশে সবাই আমাদের বন্ধু হতো। এখন কথা হলো এই ঘৃণা আমরা কেন করি? প্রথম এবং মৌলিক কারণ হলোÑ নেতিবাচকতা। আমরা সবার ব্যাপারে একটা নেগেটিভ ধারণা নিয়ে রাখি। সবাইকেই মনে করি যে সে আমার শত্রু, অথবা আমার কোনো-না-কোনো ক্ষতি করার জন্যই এসেছে। নেতিবাচক ভয় আমাদের মধ্যে কাজ করে। বিষয়টা অনেকটা সাপের মতোই। সাপ সবসময় ভয়ে থাকে যে কখন কে তাকে আঘাত করে। যখনই কেউ তাকে আঘাত করতে উদ্যত হয়, তখন সাপের মধ্যে ভয়টা আরো তীব্র হয়। সে তখনই আঘাত করে বসে। আমরাও মনে মনে ভয়ে থাকি। কখন সে আমার ক্ষতি করে বসে, সেই ভয়ে তার প্রতি ঘৃণা নিক্ষেপ করি। তাকে বিদ্রুপ করা শুরু করি। সে যে খারাপ না, অথবা সে যে ভালো হতে পারে সেই ধারণা আমাদের মধ্যে কাজ করে না। অপরিচিত লোক মানেই হয়তো খারাপ কেউ! এই ভাবনা আমাদের ঘৃণা জন্মায়।
দ্বিতীয়ত, কারণ হলো সেই নেতিবাচকতা থেকে নতুন লোকটি সম্পর্কে ভালোভাবে জানতে না চাওয়া। দেখতে ভালো না তাহলে সে আর কেমন ভালো! এই একটা চিন্তা থেকে আমরা তার ভালো গুণাবলী দেখতেই চাই না। তার সাথে মিশতে না চাওয়ার কারণে হয়তো কয়েকবছর তার সাথে ক্লাস করার পরেও তার ব্যপারে আমরা কিছুই জানি না। আর ভালো গুণ সম্পর্কে না জানার কারণে আমাদের ঘৃণা অব্যাহত থাকে।
তৃতীয় কারণ হলো হীনম্মন্যতা। আমরা নিজেদেরকেই অনেক সময় হীন বা ছোট বা নিচু শ্রেণির মনে করি। আর সেই তুলনায় যাদের উচুতে দেখা যাচ্ছে তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করি। তাদের ঘৃণা করি। যেমন যে ছেলেটা বেশি মেধাবী, যার সাথে আমার কোনো ভাবেই পেরে ওঠা সম্ভব না তাকে ঘৃণা করি। কারণ আমি তার চেয়ে নিচু শ্রেণির। আবার যে ছেলেটা ধনী পরিবারের, গাড়িতে করে স্কুলে আসে, যার কাপড়চোপড় দামী; তাকে ঘৃণা করি। কারণ তার চাইতে আমার আর্থিক অবস্থা খারাপ। তার সাথে সমতুল্য হতে পারছি না তাই ঘৃণা করে দূরে থাকছি। অথবা ঘৃণা করি তার পারিবারিক সম্মানের কারণে। যেমন কেউ বড় নেতার সন্তান বা সরকারি কর্মকর্তার সন্তান; তার বাবার অনেক প্রভাব এলাকায়। তার কাছ থেকে আমরা দূরে থাকি। কারণ আমি তার চাইতে নিচু অবস্থানের।
চতুর্থত, আমরা ঘৃণা করি অহংকারবশত। যখন আমরা উঁচু অবস্থানে আছি, অন্যরা নিচু অবস্থানে আছে তখন। এটা হীনম্মন্যতার ঠিক বিপরীত। ওই ছেলেটা আমার লেভেলের না, আমি তার চেয়ে ধনী, তার চেয়ে মেধাবী, তার চেয়ে প্রভাবশালী। তাই তার সাথে মেশা ঠিক হবে না। এই ধারণা থেকে আমরা দূরে থাকি। তাকে নাক সিটকাই। তাকে ঘৃণা করি।
পঞ্চম কারণ হলো পারিপাশির্^কতা। এটি মূলত পরিবার থেকে আসে। বাবা মা বলে দেয় ও খারাপ ওর সাথে মিশো না। ওই ছেলেদের কাছে কখনো যেও না। একটি শিশু ঘৃণা বোঝে না যতক্ষণ পর্যন্ত তাকে পরিবার থেকে শেখানো হয়। সেজন্য একেবারে বাচ্চাদের দেখবে সব বাচ্চাদের সাথে খেলা করছে। তাহলে তুমি কিভাবে ঘৃণা শিখলে? মনে করে দেখো তোমার পরিবার বা পরিবেশ থেকে তোমাকে বোঝানো হয়েছে যে ওকে ঘৃণা করো, ওর কাছে যেও না ইত্যাদি।
ষষ্ঠত, কারণ হচ্ছে সামাজিক অপরাধ। সমাজে অনেক অপরাধী আছেন। সমাজ তাদের স্বাভাবিকভাবেই ঘৃণার চোখে দেখে। যেসব কাজগুলো আমরা ঘৃণার কাজ হিসেবে বিবেচনা করি সেগুলো যারা করে তাদের আমরা ঘৃণা করি। এটা অস্বাভাবিক না। যেমন, মাদকাসক্ত, চোর, ডাকাত, অত্যাচারী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, অশ্লীলতা প্রসারকারী ইত্যাদি। তাদের ক্ষেত্রে মনে রাখতে হবে তাদেরও অনেক ভালো গুন থাকতে পারে। তবে তাদের সাথে মিশে নিজে নষ্ট হয়ে যাবার ভয় থাকলে তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করাই শ্রেয়। তবে সবসময় তাদের জন্য দোয়া করতে হবে যেন তারা ভালো হয়ে যায়।
এবারে আসা যাক ঘৃণার ফলে তোমার কী ক্ষতি হচ্ছে সেটা নিয়ে। যখন তুমি কাউকে ঘৃণা করছো, সে তোমার স্বাভাবিক চিন্তাভাবনা এবং কর্মকান্ডে প্রভাব ফেলছে। বিষয়টা ঠিক কেমন? যাকে তুমি খুব ঘৃণা করো, স্কুলে গিয়ে বা বাইরে গিয়েই প্রথমে তার সাথে দেখা হলো। ব্যাস, তোমার মেজাজ খারাপ হয়ে গেল। মনে মনে ভেবে নিলেÑ ‘আজকেই দিনটাই নষ্ট! কার মুখ দেখলাম!’ মনের এই নেতিবাচক ভাবনাটা তোমাকে সারাদিন আচ্ছন্ন করে রাখবে। তুমি দেখবে সেদিন অনেক কাজ ঠিকমতো হচ্ছে না। কারণ মনে ঘৃণার মেঘ অন্ধকার করে রেখেছে। ভালো কাজ করতে গেলেও দেখা যাবে সেই ঘৃণিত ব্যক্তির চেহারা তোমার সামনে ভাসছে। নামাজে দাঁড়ালেও সেই ঘৃণিত ব্যক্তির কথা মনে পড়বে। এভাবে তোমার কোনো কাজেই ঠিকমতো মন বসবে না। ঘৃণার এটা হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিকর দিক।
দ্বিতীয়ত, ঘৃণার কারণে তুমি গীবতের চর্চা শুরু করবে। যাকে ঘৃণা করো তার নামে নানা ধরনের খারাপ কথা রটানো আমাদের স্বভাব। তাই দেখা যায় বন্ধুবান্ধব বা সমমনাদের সাথে আলোচনায় আমরা সেই ঘৃণিত ব্যক্তির নামে খুব খারাপ কথাবার্তা বলি। এর মাধ্যমে আমরা এক ধরনের আনন্দ পাই। অনেকটা খোসপাঁচড়া চুলকানোর মতো করেই আমরা এই সুখ পাই। এটা পাপ কাজ।
তৃতীয়ত, ঘৃণার ফলে তোমার বন্ধুত্বের বলয় ছোট হয়ে আসে। বন্ধুত্বের মাধ্যমে পারস্পরিক সে সুবিধা পাবার কথা সেটি থেকে তুমি বঞ্চিত হও, তোমার সহপাঠী, প্রতিবেশীরাও বঞ্চিত হয়। উল্টো তুমি শত্রু সংখ্যা বাড়িয়ে চলো।
কথা হলো ঘৃণা থেকে বাঁচবো কিভাবে? প্রথমে মনে রাখতে হবেÑ পাপকে ঘৃণা করতে হবে, পাপীকে নয়। প্রিয়নবী হযরত মুহাম্মদ সা. যদি সেসময়ের আরবদেরকে পাপের কারণে ঘৃণা করতেন তাহলে কারো কাছেই তিনি ইসলাম প্রচার করতে পারতেন না। তিনি তাদের প্রতি সহানুভুতিশীল হয়েছেনÑ যে ‘আহারে! সে যদি জানতো, পরকালে তার এই অপকর্মের জন্য কঠিন শাস্তি হবে তাহলে সে এ কাজ করতো না!’ তিনি তাদের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন। সবাইকে ভালোবাসা দিয়ে একত্রিত করেছেন, দাওয়াত দিয়ে শান্তির পথে এনেছেন।
এরপরে যদি চেহারা, পোশাক বা পারিবারিক প্রভাব প্রতিপত্তি জনিত কারণে ঘৃণা আসে তাহলে মনে করে দেখোÑ রাসুল সা. এর সাহাবীদের একেকজন একেক রকম ছিলেন। বিলাল রা. ছিলেন কালো, মুসআব রা. ছিলেন খুবই সুন্দর। উমার রা. ছিলেন খুব প্রভাবশালী, আবার যায়েদ রা. ছিলেন দাস। তাদের সবার সাথেই নবীজি সা. কত সুন্দর করে মিশেছেন, কেউ তাকে দূরের মনে করতে পারেনি।
এরপর হলো ব্যক্তিগত কারণে ঘৃণা করা। সাধারণ মত পার্থক্য হলেই আমরা ঘৃণা শুরু করি। ধর্মীয় কারণে, দলগত কারণে, বংশীয় কারণে যে ঘৃণা করি সেটা থেকে বেঁচে থাকতে হবে। এক্ষেত্রে একটি ঘটনা উল্লেখ করা যায়। এক যুদ্ধে হযরত আলী রা. এক কাফেরের সাথে লড়াই করছিলেন। একসময় তিনি কাফেরকে নিচে ফেলে দিলেন। তার বুকের ওপর চড়ে বসলেন। হযরত আলী রা. তাকে হত্যা করবেন এই ভয়ে তখন সে আলী রা. এর মুখে থুতু নিক্ষেপ করলো। হযরত আলী রা. তার ওপর থেকে সরে গেলেন, তাকে ছেড়ে দিলেন। পরে তাকে জিজ্ঞেস করলে তিনি বললেনÑ ‘যদি থুতু দেয়ার পর তোমাকে হত্যা করতাম, তাহলে এটি হতো আমার ব্যক্তিগত ঘৃণার কারণে। অথচ আমি ইসলামের জন্য যুদ্ধ করছি, আল্লাহর জন্য যুদ্ধ করছি, নিজের ক্রোধ বা ঘৃণা মিটাতে নয়।’ সুতরাং ভাবতে পারো? তারা কতটা বিদ্বেষহীন হৃদয়ের মানুষ ছিলেন! যদি তায়েফবাসীর অত্যাচারের কারণে নবীজি সা. ঘৃণা করতেন তাহলে তো তায়েফের পুরো শহর ফেরেশতারা ধ্বংস করে দিতো! কিন্তু নবীজী সা. অনুমতি দেননি।

নেলসন ম্যান্ডেলা বলেছেনÑ ‘ঘৃণা মনকে অন্ধকার করে দেয়। কৌশলের পথ বন্ধ করে দেয়। নেতাদের ঘৃণা করা সাজে না।’ তাই এসো, ঘৃণা থেকে দূরে থাকি। মনকে পরিচ্ছন্ন রাখি।

আকাশবাড়িতে বসবাস

রকেট! রকেট! বলে হইচই শুরু করে দিলো শায়ান, শব্দ ও সায়েম। বাজার থেকে ফিরছিলেন দাদু, দাদুকে দেখে তাদের উল্লাস আরো বেড়ে যায়। দৌড়ে দাদুর কাছে গেল তারা। দাদুর হাত ধরে টেনে আকাশের দিকে আঙুলের ইশারা করল শায়ান। দাদু পকেট থেকে চশমাটা বের করে চোখে লাগিয়ে আকাশের দিকে তাকালেন।
– কই? কিছুই তো দেখতে পাচ্ছি না! তাছাড়া বাংলাদেশের আকাশে রকেট আসবে কী করে?
– দাদু, ভালো করে খেয়াল করে দেখো। রকেটের ছেড়ে যাওয়া ধোঁয়ার লম্বা লাইন স্পষ্ট দেখা যাচ্ছে।
– ও আচ্ছা, কিন্তু ওটা তো বিমানের ছেড়ে যাওয়া ধোঁয়া।
– জানো দাদু, এক আঙ্কেল বলেছিলেন এগুলো নাকি রকেটের ধোঁয়া। তাছাড়া এসব ধোঁয়া আমরা প্রায়ই দেখতে পাই।
– তাই নাকি! সে তোমাদের ভুল তথ্য দিয়েছে, অথবা সে জানেই না রকেট আসলে কী?
এবার শব্দ এগিয়ে এসে বলল, দাদু, রকেট সম্পর্কে আমাদের জানার খুব আগ্রহ। বলো না দাদু প্লিজ! রকেট আর বিমানের মধ্যে পার্থক্য কী?
দাদু বললেন, ঠিক আছে বলব, তোমরা ছাদে গিয়ে মাদুর পেতে বসো। আমি কাপড় ছেড়ে হাত-মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসছি।
শায়ান, শব্দ ও সায়েম ছাদে গিয়ে মাদুর বিছিয়ে বসল।
শরৎ বিকেলের আকাশ। সূর্যটা একটুখানি হেলে পড়েছে পশ্চিমের আকাশে। নীলের উঠোনে সাদা মেঘের ওড়াউড়ি। নিচে সবুজের সমারোহে বাতাস বইছে। পরিবেশটা আরামদায়ক। মনোমুগ্ধকর
প্রকৃতির রূপ। ক’দিন আগেই বর্ষাটা শেষ হয়েছে।
দাদু এসে সালাম দিয়ে বসলেন। সঙ্গে নিয়ে এলেন সরিষার তেলে মাখানো মুড়ি ও চানাচুরের বাটি। বাটিটি মাঝখানে রেখে সবাইকে খেতে ইশারা করলেন। নিজেও একমুঠো মুখে দিলেন। বললেন, তা হঠাৎ রকেট নিয়ে এত আগ্রহ কেন শুনি? তোমরা কিন্তু স্বচক্ষে রকেট দেখোনি আজো। এত দিন যেগুলোকে রকেট ভেবেছো সেগুলো আসলে রকেট নয়, বিমান।
তাহলে বিমানের পেছনে রকেটের মতো ধোঁয়া কেন? সায়েম প্রশ্ন করল দাদুকে।
দাদু বললেন, বিমানের পেছনে সবসময় ধোঁয়া বের হলেও সব ঋতুতে সেটা দেখা যায় না। ঠা-া আবহাওয়ায় যখন বিমান ওড়ে শুধু তখনই এভাবে ধোঁয়াগুলো জমাট বাঁধে। দেখো না শীত মওসুমে আমাদের মুখ থেকে নির্গত বাতাস-ও ধোঁয়ার মতো দেখায়। মূলত ভেতরের উষ্ণ বাতাস ঠা-া পেয়ে জমাট বেঁধে যায়। বিমানের বেলায়ও তাই, বাতাসে জলীয়বাষ্প বেশি থাকলে এমনটা হয়। জানোই তো এখন আবহাওয়া মোটামুটি ঠা-া, বর্ষা শেষ হলো মাত্র।
এবার শব্দের কৌতূহলী প্রশ্ন দাদুর প্রতি, আচ্ছা দাদু, রকেট কি বিমানের মতো যাত্রী নিয়ে বিভিন্ন দেশে ঘুরে বেড়ায়? তাছাড়া রকেটের কাজ কী?
দাদু বললেন, আরে না না, রকেট আর বিমান সম্পূর্ণ আলাদা জিনিস। বিমানের কাজ যাত্রী বহন করে এক দেশ থেকে আরেক দেশে পৌঁছে দেয়া অথবা এক শহর থেকে অন্য শহরে নিয়ে যাওয়া। কিন্তু রকেট তো মহাকাশে যায়। তার কাজ আকাশে স্যাটেলাইট পৌঁছে দেয়া অথবা আকাশবাড়িতে মহাকাশচারীদের বয়ে নিয়ে যাওয়া আর ওখানে অবস্থানকারীদের জন্য খাদ্যসামগ্রীসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাওয়া। তোমরা তো জানোই আমাদের দেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’ মহাকাশে পৌঁছে গেল ২০১৮ সালের ১১ মে ফ্যালকন-৯ রকেটের মাধ্যমেই।
দাদুর কথা শুনে সবার চোখ ছানাবড়া।
– আকাশবাড়ি মানে, আকাশে কি বাড়িঘর আছে? কারা থাকে ওখানে, কিভাবে থাকে? ওকে
শায়ানের প্রশ্ন শুনে দাদু বললেন, আমাদের পৃথিবীর সীমানা অর্থাৎ বায়ুম-ল অতিক্রম করার পর মাধ্যাকর্ষণশক্তি আর থাকে না। সেখানে পৃথিবীর ৫টি মহাকাশ গবেষণা সংস্থা মিলে একটি কৃত্রিম উপগ্রহ রকেটের মাধ্যমে মহাকাশে পাঠায় ১৯৯৮ সালের ২০ নভেম্বর। এই ৫টি মহাকাশ সংস্থা হলো- মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রশাসন ‘নাসা’, রাশিয়ার রুশ মহাকাশ সংস্থা ‘রসকসমস’, জাপানের ‘জাপানি মহাকাশ অনুসন্ধান সংস্থা’, কানাডার ‘কানাডিয়ান স্পেস এজেন্সি’ ও ইউরোপীয় ইউনিয়নের ‘ইউরোপীয় মহাকাশ সংস্থা’ (এরমধ্যে অবশ্য ইউরোপের ১১টি দেশ অন্তর্ভুক্ত, যেমন- যুক্তরাজ্য, ফ্রান্স, ডেনমার্ক, স্পেন, ইতালি, নেদারল্যান্ডস, সুইডেন, জার্মানি, সুইজারল্যান্ড, বেলজিয়াম ও নরওয়ে)।
সেই কৃত্রিম উপগ্রহটিকে আমরা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র বা স্টেশন বলি, যার ইংরেজি নাম ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সংক্ষেপে আইএসএস।
আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের মূল উদ্দেশ্য হলো মহাকাশবিষয়ক গবেষণাকে আরো ত্বরান্বিত করা। ভবিষ্যতে মহাকাশে মানুষের অভিযান, মাইক্রোগ্র্যাভিটি, মহাকাশে জীবের টিকে থাকা ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ, পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণা করা হয় ওখানে।
পৃথিবী থেকে প্রায় ৪০৮ কিলোমিটার ওপরে বা দূরত্বে অবস্থান এটির। স্টেশনটির ভেতরে মহাকাশচারীরা থাকেন আর এটি প্রতিদিন প্রায় ১৭বার পৃথিবীকে প্রদক্ষিণ করে। এর গতিও কিন্তু বেশ দ্রুত, ঘণ্টায় প্রায় ২৭ হাজার ৬০০ কিলোমিটার বেগে ছুটে চলে এটি। স্টেশনটিতে ক্যামেরা লাগানো আছে, যেগুলো থেকে সরাসরি ভিডিও প্রচারিত হয় তাদের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল থেকে। এখন অবশ্য মোবাইল অ্যাপসও আছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের, যেটা দিয়ে স্টেশনের অবস্থান বোঝা যাবে এবং গুগলম্যাপ চালু থাকলে আমাদের লোকেশনের ওপর দিয়ে উড়ে যাবার সময় নোটিফিকেশনও আসবে। অনেক সময় আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেও এটি দেখা যায়।
দাদুর কথায় খুব মজা পেল শায়ান, শব্দ ও সায়েম। তারা আরো উৎসাহী হয়ে নড়েচড়ে বসল।
শায়ান প্রশ্ন করল, আচ্ছা দাদু, ১৯৯৮ সালেই কি মানুষ প্রথম মহাকাশে যায়?
দাদুর উত্তর, না, তারও আগে মানুষ মহাকাশে সফর করে আসে। পৃথিবী ছেড়ে মহাকাশে সর্বপ্রথম যিনি ভ্রমণ করে আসেন তার নাম ইউরি গ্যাগারিন। তিনি সোভিয়েত ইউনিয়নের নাগরিক ছিলেন, ১৯৬১ সালের ১২ এপ্রিল মহাকাশযান ভস্টক-১ এ চড়ে পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করেন তিনি। অবশ্য মানুষের আগে একটি কুকুর ও দুটি বানর ভ্রমণ করে আসে মহাকাশে। দুর্ভাগ্যবশত কুকুরটি মারা গেলেও জীবিত ফিরে আসে বানর দুটি।
কুকুর ও বানরের কথা শুনে শায়ান, শব্দ, সায়েমরা বেশ মজাই পেল। এমন অ্যাডভেঞ্চারের কাহিনী শোনার জন্য তারা তাগাদা দিলে দাদু বললেন, তখনো মহাকাশে মানুষ পাঠানো হয়নি, সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকার মধ্যে তুমুল প্রতিযোগিতা চলছিল কে আগে মহাকাশে মানুষ পাঠাবে। এর মধ্যে সোভিয়েত ইউনিয়ন ১৯৫৭ সালের ৩ নভেম্বর সোভিয়েত নভোযান ‘স্পুটনিক-২’ এর মাধ্যমে ‘লাইকা’ নামের একটা কুকুরিকে পাঠায় মহাকাশে। অত্যধিক চাপ এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে উৎক্ষেপণের কয়েক ঘণ্টার মধ্যেই লাইকা মারা যায়। তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় কোনো সমস্যা হবার কারণে এমনটি হয়েছে বলে ধারণা করা হয়। এরপর ১৯৫৯ সালের ২৮ মে আমেরিকা তাদের নভোযান জুপিটারের মাধ্যমে এবল ও বেকার নামের দুটি বানরকে নভোচারী করে মহাকাশে পাঠায়। প্রায় ১৭০০ মাইল চলার পর নভোযানটি নেমেছিল ক্যারিবীয় সাগরে। জীবিত ফিরে আসে দুটি বানর। মূলত এর মাধ্যমেই প্রমাণিত হয়েছিল যে, পৃথিবীর কক্ষপথে উৎক্ষেপিত মহাকাশযানে ওজনহীন থাকা সত্ত্বে¡ও নভোচারীদের পক্ষে বেঁচে থাকা সম্ভব। আর তখনই মনুষ্যবাহী নভোযান প্রকল্প শুরু হতে পেরেছিল। তারপর তো ১৯৬১ সালে প্রথম মানুষ হিসেবে ইউরি গ্যাগারিন গেলেন মহাকাশে, যেটা তোমাদের একটু আগেই বললাম।
এরপর সেই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিল আমেরিকা। অ্যাপোলো ১১-এর মাধ্যমে প্রথম মনুষ্যবাহী মহাকাশ অভিযান পরিচালিত হয়, যা চাঁদে অবতরণ করে। ১৯৬৯ সালের ১৬ জুলাই এই অভিযানের সূচনা হয়। এই অভিযানে অংশ নেন দলপতি নীল আর্মস্ট্রং, কমান্ড মডিউল চালক মাইকেল কলিন্স, এবং চান্দ্র অবতরণযানের চালক এডউইন অলড্রিন জুনিয়র। চার দিন পর অর্থাৎ জুলাইয়ের ২০ তারিখে আর্মস্ট্রং ও অলড্রিন প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রাখেন, আরো চার দিন লাগে তাদের পৃথিবীতে ফিরে আসতে। এই ছিল মহাকাশ ভ্রমণের বিস্তারিত ঘটনা। তারা মহাকাশে ভ্রমণ করেছেন ঠিকই কিন্তু বসবাস করেননি, বর্তমানে আকাশবাড়িতে অর্থাৎ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারীরা পালাক্রমে বসবাস করে আসছেন, আর পৃথিবীকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করে আসছেন।
চাঁদে অভিযানের কাহিনী সবাই হাঁ করে শুনছিল। সবার চোখ ও মন ছিল দাদুর মুখের দিকে।
এবার শব্দর প্রশ্ন, আকাশবাড়িতে তাদের বসবাসটা কেমন? তারা কী খায়? কিভাবেই বা ঘুমায়?
দাদু বললেন, আকাশবাড়ি তো মাধ্যাকর্ষণ শক্তির বাইরে, তাই তাদের ওজনশূন্য অবস্থায় বসবাস করতে হয়। মজার বিষয় হলো তারা যেকোনো জিনিস শূন্যে ফেলে রাখলে অথবা ছুড়ে দিলেও তা নিচে পড়ে না। শূন্যের মাঝে ভেসে বেড়ায়। যেমন ধরো তারা চকলেট খাবে, চকলেটকে শূন্যে ছেড়ে দিলো আর নিজেরা মাছের মতো ভেসে গিয়ে তা মুখে পুরে নিলো। আর ঘুমানোর সময় সিটের সঙ্গে নিজেদের বেঁধে রাখতে হয়, যাতে ঘুমের ঘোরে শূন্যে ভাসতে না হয়। অবশ্য দিনের কিছুটা সময় ব্যায়াম করে শরীর ঠিক রাখতে হয় তাদের।
ও হ্যাঁ, আরেকটি কথা এটি রাতের আকাশেও দেখা যায়, দেখে মনে হবে ছুটন্ত কোনো তারা। আকাশে মেঘের ঘনঘটা না থাকলে একদিন ছাদে এসে সবাই মিলে এটাকে খোঁজার চেষ্টা করব। ভাগ্য ভালো হলে দেখে যেতেও পারি।
কথা বলতে বলতে সন্ধ্যা ঘনিয়ে এলো প্রায়। দাদু বললেন, আজ তোমাদের মহাকাশ ভ্রমণ আর আকাশবাড়ির গল্প শোনালাম। আরেক দিন মহাকাশের অন্য বিষয় নিয়ে গল্প শোনাব।
শায়ান মাদুর গুছিয়ে নিলে সবাই ছাদ থেকে নেমে এলো।
পরদিন অ্যান্ড্রয়েড মোবাইলে মহাকাশ স্টেশনের লাইভ অ্যাপটি ডাউনলোড করে নিলো শায়ান। গুগলম্যাপ থেকে লোকেশন অন করে দিলো। চেক করে দেখল আরো প্রায় চার ঘণ্টা পর শায়ানদের বাড়ির ওপর দিয়ে উড়ে যাবে আকাশবাড়িটা।
তখন রাত সাড়ে আটটা। বাড়িশুদ্দ সবাই ছাদে উঠল, সবার দৃষ্টি আকাশের দিকে। শায়ানের বড়মা অর্থাৎ দাদুর মা তিনিও কৌতুহল সামলাতে পারেননি।
সাড়ে আটটার একটু আগেই সায়েমের চোখে ধরা পড়ল সেই ছুটন্ত তারা, মানে আকাশবাড়ি মহাকাশ স্টেশন। সায়েমের চিৎকারে সবাই অস্থির হয়ে আকাশের দিকে তাকিয়ে খোঁজাখুজি শুরু করল। কেউ দেখল কেউ দেখতে পেল না। সবার মধ্যে হইচই শুরু হয়ে গেল, একসময় সবারই নজরে এলো আকাশবাড়িটা আর খুব কম সময়ের মধ্যেই দ্রুতবেগে ছুটতে ছুটতে বাড়ির আকাশ অতিক্রম করে চলে গেল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি।

সংগ্রামী রাজার তিন পুত্র

বহুকাল আগের কথা। উজানতলী গ্রামে এক সংগ্রামী মানিক রাজা ছিলেন। তিনি তার আদর্শ বিচার আর শাসন দিয়ে অনেক রাজ্যে শাসন গড়ে তুলেছিলেন। রাজার একটি মাত্র রানীর ছিল তিন পুত্র। বড় পুত্রের নাম শাহজাদা স¤্রাট, দ্বিতীয় পুত্র শাহজাদা আকবর আর ছোট পুত্রের নাম শাহজাদা আশিক। রাজার যখন বৃদ্ধ জীবন, তখন তার তিন ছেলে রাজ্যের কাজে সাহায্য করতে শুরু করল। তিন ছেলের চেহারা অনেকটা একই রকম।
হঠাৎ একদিন এক বৃদ্ধ কেঁদে কেঁদে রাজার কাছে এলো। এসে রাজার কাছে বসে আরো জোরে কাঁদতে শুরু করল। তার কান্না দেখে রাজ্যের সবাই ছুটে এলো। রাজাকে সেই বৃদ্ধ মানুষটা বলল-
রাজা মশাই আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন!
তার এমন কান্নার মাঝে কথা বলা শুনে ঘর থেকে রাজার তিন পুত্র ছুটে এলো।
রাজা মশাই তখন বৃদ্ধ মানুষটার ঘাড়ে হাত রেখে বললেন,
তোমার কী হয়েছে আমাকে সব খুলে বলো?
রাজার কথা শুনে বৃদ্ধ বলল, রাজা মশাই দেশে কি নির্যাতনের আইন নেই? কেন আমার মেয়েটি বারবার স্বামীর হাতে মার খেয়ে ঘরে ফিরে! জানেন একটা মাত্র মেয়ে আমার কিন্তু জামাই পেলাম নেশাখোর! প্রতিদিন কোনো-না-কোনো দিকে একটু ভুল করলে মেয়েটাকে মেরে ফেলে মাটিতে রাখে। বলুন রাজা মশাই, আমাদের ঘরের যে বউ সে-ও ভুল করে কিন্তু আমরা তো মারামারি করি না।
এই কথা বলে সেই বৃদ্ধ কেঁদে কেঁদে দুচোখ ভাসিয়ে ফেলছে। বৃদ্ধের কান্না দেখে রাজার তিন পুত্র সাথে সাথে বৃদ্ধকে নিয়ে মেয়ের শ্বশুরবাড়ি গেল! সেখানে কোনো কথা ছাড়াই তিনজন মিলে মারতে শুরু করল বৃদ্ধের মেয়ের জামাইকে।
জামাইকে মেরে রক্তাক্ত করে বাড়ির সামনের এক গর্তে ফেলে দিলো তারা। সারা গ্রামের মানুষ ছুটে এলো। গর্তে কোনো পানি ছিল না। তিনজন গর্তের পাড়ে বসে তাকে প্রশ্ন করলÑ তুমি কি আজ তোমার বউকে মেরেছ?
সে জবাব দিলো, হ্যাঁ মেরেছি, কিন্তু তোমরা কে বলার?
তিনজন গর্জে উঠে বলল, আমরা তিন রাজপুত্র।
এ কথা শুনে গ্রামের সবাই অবাক হয়ে গেল।
কিছুক্ষণ পর রাজার বড় ছেলে স¤্রাট বলে উঠল, একটা মেয়ে নিজের বাড়িঘর ছেড়ে তোমার বাড়িতে এসেছে। আর তুমি নিজ বাড়িতে থেকে স্বাধীনভাবে মেয়েটাকে মেরে ফেলে রাখো। আজ তোমাকেও এই গর্তের ভেতরে পাঠালাম। দেখি কেমন লাগে তোমার। এই বলে তারা বসে পড়ল। একটু পর গর্ত থেকে চিৎকার এলো সাপ সাপ বলে। সবাই গর্তের মুখ দিয়ে দেখছে সাপ এসে তার সামনে বসে আছে। একবার ছুটে আসে তার কাছে আবার ছোটে অন্য দিকে। তখন শাহজাদা স¤্রাট আবারো তার দিকে মুখ করে বলেÑ তুমি যেমন এই গর্তের ঘরে সাপের অত্যাচার দেখছ একটা মেয়েও ঠিক তেমনি তোমার অত্যাচার দেখে, তোমার আঘাত সহ্য করে, কিন্তু তবুও তুমি বোঝো না তাকে!
গর্ত থেকে সে বলে উঠল, বাঁচাও কেউ আমাকে, সাপটা আমাকে মেরে ফেলবে!
তখন শাহজাদা আকবর বলে উঠল, এই গর্তের মাঝে তুমি যেভাবে চিৎকার করছ ঠিক তেমনি তোমার আঘাতে তোমার ভয়ে তোমার স্ত্রীও চিৎকার করত কিন্তু তুমি তাকে মেরেই যেতে।
গর্ত থেকে সে কেঁদে কেঁদে বলে-
আর কখনো আমি আমার বউকে আঘাত করব না। এমনকি কোনো মানুষকেও আঘাত করব না, নেশা করাও ছেড়ে দেবো আর সবার সাথে ভালো হয়ে চলব। তার এমন কথা শুনে গ্রামের সবাই মিলে গর্ত থেকে তাকে টেনে উপরে ওঠাল। ওপরে উঠে সাথে সাথে সে রাজার তিন পুত্রের কাছে এসে হাতে পায়ে ধরে মাফ চেয়ে বলল, আর কখনো কারো সাথে খারাপ ব্যবহার করব না। স্ত্রীকেও কখনো মারধর করব না। আজ থেকে খুব ভালো হয়ে চলব। গ্রামের সবাই তার কথা শুনে খুব খুশি হলো। আর সবাই দেখলো সংগ্রামী রাজার তিন পুত্রের সমাধান। এভাবে শুধু ওই জামাই-ই নয়! এর পর থেকে এলাকার সবাই খুব ভালো হয়ে গেল। এভাবেই তিন পুত্র-বাবার মতো আদর্শবান হয়ে বেড়ে উঠল।

শিক্ষার্থী, নওগাঁ সরকারি কলেজ

নামহীন বালক

অফিস শেষে মিয়াবাড়ির গলি দিয়ে হাঁটছিলাম। গলিটা পার হলেই একটা মসজিদ, তার দু-তিনটা বাড়ি পার হলেই আমার বাসা। সময়টা তখন বেলা তিনটা। গ্রামের বাড়িতে যাবো তাই এক ঘণ্টা আগেই ছুটি নিয়ে চলে এলাম। খিদেয় পেট চোঁ চোঁ করছে। গলি পেরিয়েই মসজিদের সামনে দেখলাম জীর্ণশীর্র্ণ পোশাকে এক ছেলে বসে আছে। ছেলেটার বয়স খুব বেশি হলে ৯-১০ হবে। মুখটা খুব মায়াবী। বাসায় যাবার খুব তাড়া থাকলেও কেন জানি দাঁড়িয়ে গেলাম। ছেলেটা মসজিদের সামনের ফাঁকা জায়গায় বসে ঢিল নিয়ে নাড়াচাড়া করছে। আমি ধীরে ধীরে ওর কাছে গেলাম। কিছুক্ষণ তাকে দেখছিলাম। হঠাৎ কী মনে করে ওর মাথায় হাত দিলাম। ও চমকে উঠে আমার দিকে তাকিয়ে একটু সরে বসল। আমি ওর সামনে দুই পায়ে ভর দিয়ে বসলাম। বললাম তোমার নাম কী?
– নাম নাই। আমি একটু হেসে দিলাম
– কী বলো! নাম ছাড়া কোনো মানুষ আছে নাকি?
– হ নাম নাই আমার। কেউ আমারে মনা ডাকে, কেউ আবার হিরু কয়, আবার কেউ জীবনও কয়।
– বাব্বাহ্ তোমার তো দেখি অনেক নাম। আচ্ছা তোমার বাসা কোথায়?
– বাসা নাই।
– এটা আবার কেমন কথা! বাসা না থাকলে থাকো কোথায়?
– আমার পাগলি বুড়ির কাছে।
– তোমার পাগলি বুড়ি কোথায় থাকে?
– ওই পুরান বাজারের পাশের বস্তিতে।
– ওহহ আচ্ছা। তা তুমি এখানে কী করছ?
– বুড়ির জন্যি বসে আছি। বুড়ি আসলি একসাথে যাবানে।
– দুপুরে কি কিছু খেয়েছ? প্রশ্নটা করেই নিজের ক্ষুধার কথা মনে পড়ে গেল।
– না!
– খাবে কখন? এখন তো বিকাল হয়ে যাচ্ছে।
– জানিনে। বুড়ি যহন খাবি তহন খাবানে।
– আচ্ছা তোমার বাবা-মা নেই?
– নাই, মরে গেছে। বুকের মধ্যে একটা ধাক্কা খেলাম। নিজের বাবা-মার কথা মনে পড়ে গেল। অনেকদিন হলো বাবা-মার খোঁজ নিই না।
কিছুক্ষণ চুপচাপ আছি। ছেলেটা ঢিল নিয়ে খেলছে। ওর দিকে তাকিয়ে ভাবছি, ও কত স্বাভাবিক, ওর কিছুই নেই তারপরও কোনো দুঃখ নেই, অভাব নেই। আর আমাদের সবকিছু থাকার পরও শুধু নাই আর নাই। ওর কথা শুনে মনে হলো ওকে সাহায্য করা দরকার। ওকে যদি আমার সাথে রাখি তাহলে ক্ষতি কী। নিজের একটা ছোট ভাই হিসেবে দেখে রাখব। এসব ভাবতে ভাবতে মনটা কোথায় যেন হারিয়ে গেল, নিজের ক্ষুধার কথাও বেমালুম ভুলে গেলাম। আনমনে ভাবছি ওর একটা সুন্দর নাম দেবো। কী নাম দেওয়া যায়? কী নাম…! ওহ পেয়েছি, ওর নাম হবে জামিল। জামিল মানে সুন্দর। ও বড় হয়ে একসময় এদেশটাকে সুন্দর করে গড়ে তুলবে।

হঠাৎ ট্রাকের বিকট এক শব্দে বাস্তবে ফিরে এলাম। সামনে ছেলেটাকে দেখতে পেলাম না। চোখ গেল সামনের মোড়ের দিকে। দেখি একটা ট্রাক দ্রুত চলে গেল। রাস্তায় রক্ত বয়ে যাচ্ছে। মাথার ভেতর চক্কর দিয়ে উঠল। এক বয়স্কা মহিলা সম্ভবত ছেলেটার সম্পর্কে বুড়ি আর সেই ছেলে রাস্তায় পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। মাথা দিয়েও রক্ত ফিনকি দিয়ে বেড়িয়ে আসছে। মুহূর্তেই অনেক মানুষ জড়ো হয়ে বলাবলি করছে, আহ! পাগলি আর মনা ছ্যামরাডা মরে গেল…!
আমার তখনো পা নিশ্চল। বুকে চাপা কান্নার ঢেউ আছড়ে পড়ছে আর সামনের দুনিয়াটা আস্তে আস্তে অন্ধকারে তলিয়ে যাচ্ছে…।

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া