Home Blog Page 144

খেলাধুলার টুকিটাকি

পাঠকবন্ধুরা, বিশ^ব্যাপী মহামারি করোনার পাশাপাশি শীতের প্রকোপে সবুজশ্যামল বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা অনেকটা কঠিন সময় পার করছি। মহান আল্লাহর কাছে রহমত কামনা করে এই সংখ্যায় দেশ-বিদেশের কিছু খেলাধুলার খবর নিয়ে হাজির হয়েছি। আশাকরি ভালো লাগবে।

হোয়াটমোরের সেরা টেস্ট একাদশে সাকিব
বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেয়ার পেছনে যার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে তিনি ডেভ হোয়াটমোর। ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত মাশরাফি-সাকিবদের কোচ ছিলেন এই শ্রীলঙ্কান কিংবদন্তি। তার অধীনে ২০০৭ সালের বিশ্বকাপে ভারতকে বিদায় করে সেরা আটে পৌঁছায় টাইগাররা। ওই পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পায় স্মরণীয় জয়। হোয়াটমোর বাংলাদেশের কোচ থাকতেই আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব ঘটেছিল সাকিব-তামিমদের। ২০০৬ সালের আগস্টে ওয়ানডে দিয়ে অভিষেক হওয়া সাকিবকে প্রায় এক বছরের জন্য দলে পেয়েছিলেন হোয়াটমোর। এসময়ে তার নিবিড় পরিচর্যায় সাকিবরা গড়ে উঠেছেন চৌকস খেলোয়াড় হিসেবে।

১৯৭০ দশকের শেষদিকে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান হিসেবে সংক্ষিপ্ত আন্তর্জাতিক ক্যারিয়ার শেষে কোচিংয়ে খ্যাতি অর্জন করেছেন ডেভ হোয়াটমোর। কোচিংয়ের ক্যারিয়ারে শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান ও জিম্বাবুয়ের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৯৬ থেকে ২০১৬ সাল পর্যন্ত। এই ২০ বছরে ৮৭ টেস্ট ও ৩১৫ ওয়ানডেতে কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। এসময়ের কোচিং ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে সম্প্রতি সেরা টেস্ট একাদশ বেছে নিয়েছেন ১৯৯৬ সালে শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জেতানো এই সফল কোচ।

দ্যা ক্রিকেট মান্থলি সাময়িকীকে দেয়া সাক্ষাৎকারে হোয়াটমোর তার দেখা সেরা খেলোয়াড়দের নিয়ে এই টেস্ট স্কোয়াড সাজানোর কথা জানান। তার এই সেরা দলে স্থান করে নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে অলরাউন্ড পজিশন তথা ৭ নম্বরে ব্যাটিং ও মুত্তিয়া মুরালিধরনের সঙ্গে স্পিন আক্রমণে রাখা হয়েছে।

হোয়াটমোরের এই একাদশে শ্রীলঙ্কা থেকেই স্থান পেয়েছেন ছয়জন। পাকিস্তান থেকে স্থান পেয়েছেন তিনজন। আর বাংলাদেশ থেকে একমাত্র সাকিব আল হাসান। একাদশের অধিনায়ক করা হয়েছে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার অ্যালান বোর্ডারকে।
সাকিবকে নিয়ে হোয়াটমোর ক্রিকেট মান্থলি সাময়িকীকে বলেন, ‘আমি জানতাম সে দীর্ঘদিন বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। সে যেভাবে ক্রিকেটটা খেলতে চেয়েছে সেটিই এর কারণ। ওয়ানডেতেও ছিল ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ব্যাটিং ও বোলিংয়ে দক্ষতা আছে, সময় গড়িয়ে চলার সঙ্গে সে স্পিনার-ব্যাটসম্যান হিসেবে সেরা অলরাউন্ডারও হয়েছে। আরও বেশি আত্মবিশ্বাসী হয়েছে। সে ত্রিমাত্রিক খেলোয়াড় এবং বিশ্বের সেরা অলরাউন্ডার।’

হোয়াটমোরের টেস্ট একাদশ : সনাৎ জয়াসুরিয়া, আজহার আলী, কুমার সাঙ্গাকারা (উইকেটকিপার), অরবিন্দ ডি সিলভা, মাহেলা জয়াবর্ধনে, অ্যালান বোর্ডার (অধিনায়ক), সাকিব আল হাসান, চামিন্ডা ভাস, রডনি হগ, মুত্তিয়া মুরালিধরন, উমর গুল।

সেনেগালের বিশ্বকাপ নায়ক দিওপের মৃত্যু
পুরো নাম পাপা বৌবা দিওপ। সেনেগাল ফুটবল দলের খ্যাতিমান খেলোয়াড়। জাতীয় দলে জার্সি গায়ে ৬০টির বেশি ম্যাচ খেলেছেন এবং প্রতিনিধিত্ব করেছেন একাধিক ইউরোপিয়ান ফুটবল ক্লাবে। তবে সাবেক এই মিডফিল্ডার স্মরণীয় হয়ে আছেন ২০০২ সালের বিশ্বকাপ নায়ক হিসেবে। সম্প্রতি দীর্ঘদিন অসুস্থতায় ভুগে মাত্র ৪২ বছর বয়সে মারা গেলেন তিনি।
জাপান-দক্ষিণ কোরিয়া বিশ্বকাপের প্রথম গোল করেন দিওপ। আগের আসরের চ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে তাদের বিদায়ের পথ দেখান তিনি। ওই ধাক্কা সামলে উঠতে পারেনি জিনেদিন জিদানের দল। বিশ্বকাপের অন্যতম সেরা অঘটনের শিকার হয়ে ফ্রান্স পরের দুই ম্যাচে উরুগুয়ের সঙ্গে ড্র ও ডেনমার্কের কাছে হেরে ছিটকে যায়।

আর প্রথম ম্যাচে সেনেগাল সবাইকে অবাক করে উরুগুয়ের সঙ্গে করে ৩-৩ গোলের ড্র। ওই ম্যাচে জোড়া গোল করেছিলেন দিওপ। বিশ্বকে বিস্মিত করে ওই বিশ্বকাপে শেষ ষোলোতে সুইডেনকে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সেনেগাল।
সব মিলিয়ে সেনগালের হয়ে ৬৩ ম্যাচ খেলে ১১ গোল করেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ফুলহ্যাম ছাড়াও পোর্টসমাউথ, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ও বার্মিংহ্যাম সিটির মতো ইংলিশ ক্লাবে খেলেছেন দিওপ।
দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড ফিলিপসের
ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। কিন্তু উদযাপনের উপলক্ষ্যটা আরও বড়। নিউজিল্যান্ডের হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ডানহাতি ব্যাটসম্যান। মাত্র ৪৬ বলে মাউন্ট ম্যাঙ্গানিউতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সেঞ্চুরি পেয়েছেন ফিলিপস।
ওশানে থমাসের লেন্থ বল কাট করে ডিপ পয়েন্টে পাঠালেন গ্লেন ফিলিপস। দৌড়ে প্রান্ত বদলের সঙ্গে সঙ্গে ফিলিপসের গগনবিদারী চিৎকার। ৯৯ থেকে ফিলিপস পৌঁছে যান তিন অঙ্কে।
একই মাঠে একই প্রতিপক্ষের বিপক্ষে ২০১৮ সালে সেঞ্চুরি পেয়েছিলেন কলিন মুনরো। বাঁহাতি ব্যাটসম্যান সেঞ্চুরি পেয়েছিলেন ৪৭ বলে। এ সংস্করণে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ডেভিড মিলারের দখলে। বাংলাদেশের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি পেয়েছিলেন ‘কিলার’ মিলার।
ব্যাটিংয়ে চার নম্বরে নেমেছিলেন ফিলিপস। মার্টিন গাপটিল (৩৪) ও সেইফার্ট (১৮) দ্রুত সাজঘরে ফেরেন। সপ্তম ওভারে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি পাওয়া শুধু কঠিনই নয় প্রায় অসম্ভব কাজ। কিন্তু অসম্ভব কাজ খুব সহজে করে দেখিয়েছেন ফিলিপস। ২২ বলে ছুঁঁয়েছিলেন ফিফটি। পরের ২৪ বলে পেয়েছেন শতরান। সব মিলিয়ে ৫১ বলে ১০ চার ও ৮ ছক্কায় ফিলিপস করেন ১০৮ রান। কনওয়ের ব্যাট থেকে আসে ৩৭ বলে ৬৫ রান।
তৃতীয় উইকেটে ফিলিপস ও কনওয়ে ১৮৪ রানের জুটি গড়েন। নিউজিল্যান্ডের হয়ে যা যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। এর আগে ২০১৬ সালে মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামস ১৭১ রানের জুটি গড়েছিলেন। এছাড়া এ সংস্করণে যেকোনো উইকেটে এটি চতুর্থ সর্বোচ্চ জুটি। প্রথম তিনটি জুটি হজরত উল্লাহ জাজাই ও উসমান গনি (২৩৬), অ্যারন ফিঞ্চ ও ডার্চি শর্ট (২২৩) ও কাইল কোয়েটজের ও জর্জ মুনসের (২০০)।
দুই ব্যাটসম্যানের আগ্রাসনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩ উইকেটে ২৩৮ রান করে স্বাগতিকরা। অতিথিরা ভালো করতে পারেননি। ৯ উইকেট হারিয়ে তোলে ১৬৬ রান।

বিজয়ের মাস ডিসেম্বর

প্রিয় বন্ধুগণ তোমাদের যদি বলা হয় সারাদিন একটি বদ্ধ ঘরে আবদ্ধ করে রাখা হবে। বিনিময় তোমরা যা খেতে চাও দেয়া হবে। তোমরা কি কেউ রাজি হবে? আমি নিশ্চিত তোমরা বলবে, না। না বলার যথেষ্ট কারণও আছে। কেউ আবদ্ধ থাকতে চায় না। পরাধীন থাকতে চায় না। ছোট-বড়, ধনী-দরিদ্র, সকলেই স্বাধীনভাবে বাঁচতে চায়। সম্মান নিয়ে মাথা উঁচু করে এগিয়ে যেতে চায়। আর এই স্বাধীনতা বোধ থেকেই আমাদের স্বাধীনতাযুদ্ধ, তথা মুক্তিযুদ্ধ এবং লাখো শহীদের রক্তের বিনিময় স্বাধীনতা অর্জন। আর এ মাসেই আমাদের বিজয় এসেছে। আমরা পেয়েছি লাল সবুজ পতাকা ও স্বাধীন বাংলাদেশ।
এই মুক্তিযুদ্ধ শুরু হয় ১৯৭১ সালের ২৬ মার্চ এবং ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা লাভের মধ্য দিয়ে এর পরিসমাপ্তি ঘটে। এই সশস্ত্র মুক্তিসংগ্রাম ছিল বহুবিধ ঘটনা, বিরূপ পরিস্থিতি, অসম আর্থিক বণ্টনব্যবস্থা ও প্রশাসনিক কর্তৃত্বের বঞ্চনাসহ গুরুতর বিষয়ে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতির চূড়ান্ত বহিঃপ্রকাশ। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসানের পর থেকেই পাকিস্তানের দুই অংশের মধ্যে যেসব ইস্যুতে সম্পর্কের অবনতি ঘটে, তার মধ্যে ছিল ভূমি সংস্কার, রাষ্ট্রভাষা, অর্থনীতি ও প্রশাসনের ক্ষেত্রে দুই প্রদেশের মধ্যে বৈষম্য, প্রাদেশিক স্বায়ত্তশাসন, পূর্ব পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা এবং বৈষম্যমূলক আরো অনেক অনেক বিষয়।
১৯৭০-এর সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানের ১৬৯টি আসনের ১৬৭টিতেই আওয়ামী লীগ জয়লাভ করে এবং আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের জনগণের একক প্রতিনিধি হিসেবে আবির্ভূত হন। তিনিই হন পাকিস্তানের জাতীয় পরিষদের সংখাগরিষ্ঠ দলের নেতা। কিন্তু পাকিস্তানের সামরিক ও বেসামরিক নেতৃত্ব সংখাগরিষ্ঠ আওয়ামী লীগ ও তার নেতা শেখ মুজিবের হাতে ক্ষমতা হস্তান্তরের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। ১৯৭১-এর ৭ মার্চ শেখ মুজিব যে ঐতিহাসিক ভাষণ দেন, তাতেই পাকিস্তানি সামরিক জান্তার কাছে তাঁর মনোভাব স্পষ্ট হয়ে ওঠে। এরপর শুরু হয় অসহযোগ আন্দোলন। ইতোমধ্যে সমস্যা নিরসনের জন্য শেখ মুজিব ও ইয়াহিয়া খানের মধ্যে আলোচনা শুরু হয়। আলোচনা ব্যর্থ হয় এবং ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি সৈন্যরা বাঙালি হত্যাযজ্ঞ শুরু করে। পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি সৈন্য এবং আধা সামরিক বাহিনীর বাঙালি সদস্যরা তাৎক্ষণিকভাবে জনগণের মুক্তি আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে।
২৫ মার্চ দিবাগত মধ্যরাতে পাকিস্তান সেনাবাহিনীকে বাঙালিদের ওপর অপারেশন চালানোর নির্দেশ দেয়া হয়। ‘অপারেশন সার্চলাইট’ নামক ঐ পরিকল্পনা অনুযায়ী দুটি সদর দপ্তর স্থাপন করা হয়। মেজর জেনারেল রাও ফরমান আলীর তত্ত্বাবধানে প্রথম সদর দপ্তরটি গঠিত হয়। এখানে ৫৭তম ব্রিগেডের ব্রিগেডিয়ার আরবাবকে শুধু ঢাকা নগরী ও পার্শ্ববর্তী এলাকায় এবং মেজর জেনারেল খাদিম রাজাকে প্রদেশের অবশিষ্টাংশে অপারেশনের দায়িত্ব দেয়া হয়। অপারেশনের সার্বিক দায়িত্বে থাকেন লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান।
ছাত্ররা এবং জাতীয়তাবাদী রাজনৈতিক কর্মীরা ক্যান্টনমেন্টের বাইরে প্রতিরোধ গড়ে তোলে। শহরের বিভিন্ন এলাকায় পাকিস্তানি সৈন্যদের অভিযান ঠেকাতে রাস্তায় প্রতিবন্ধক সৃষ্টি করা হয়। ২৫ মার্চ রাতেই পাকিস্তানি সৈন্যরা ওয়ারলেস বসানো জিপ ও ট্রাকে করে ঢাকার রাস্তায় নেমে পড়ে। তাদের প্রথম সাঁজোয়া বহরটি ঢাকার ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এক কিলোমিটারের মধ্যে ফার্মগেট এলাকায় ব্যরিকেডের মুখে পড়ে। রাস্তার এপাশ-ওপাশ জুড়ে ফেলে রাখা হয়েছিল বিশালাকৃতির গাছের গুঁড়ি। অকেজো পুরোনো গাড়ি ও অচল স্টিমরোলারও ব্যরিকেডের কাজে ব্যবহার করা হয়। কয়েক ’শ লোক প্রায় ১৫ মিনিট ধরে ‘জয় বাংলা’ স্লেøাগান দেয়। তবে সেনাদের গুলি দ্রুতই তাদের নিস্তব্ধ করে দেয়, সেনাবহর শহরময় ছড়িয়ে শুরু করে গণহত্যা।
পাকিস্তানি সৈন্যরা রাস্তায়-ফুটপাথে যাকেই দেখতে পায় তাকেই হত্যা করে, সামনে পড়ে সবকিছু ধ্বংসের হুমকি দেয়। বাছবিচার না করে শহরের মানুষ ও সরকারি-বেসরকারি সব ঘরবাড়ি বিধ্বস্ত করে চষে বেড়ায় সৈন্যদের ট্যাঙ্ক। কামান ও বন্দুকের গোলায় ধ্বংস করে বহু আবাসিক এলাকা, আগুন ধরিয়ে দেয় বাড়িঘরে। সৈন্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ঢুকে অনেক ছাত্রকে নৃশংসভাবে হত্যা করে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষককেও ঐ রাতে হত্যা করে। পুরনো ঢাকার হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে তারা হামলা চালায়, অসংখ্য মানুষ হত্যা করে, বাড়িঘর পুড়িয়ে দেয় ও লুটপাট করে, মহিলাদের ধর্ষণ করে।
নিরস্ত্র জনগণের ওপর এই হামলা ও নির্বিচার গণহত্যা অভিযান বিশ্বের সংবাদমাধ্যমগুলোতে প্রচারিত হয়। ২৫ মার্চ রাতেই পাকিস্তানি সৈন্যরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে।
১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার সঙ্গে সঙ্গেই দেশের সকল এলাকায় স্বাধীনতার জন্য স্বতস্ফূর্ত অভ্যুত্থান গড়ে ওঠে। এই অভ্যুত্থানে অংশ নেয় সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক কর্মী, ছাত্র, শ্রমিক, কৃষক, পেশাজীবী নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ। পাকবাহিনীর আক্রমণ ও গণহত্যা মোকাবেলার জন্য গড়ে তোলা প্রতিরোধ প্রাথমিক পর্যায়ে স্বল্পস্থায়ী হয়। শত্রু সেনারা সংখ্যায় অনেক। তারা ছিল অনেক অস্ত্রশস্ত্রে সজ্জিত, তাই মুক্তিযোদ্ধারা নিরাপদ আশ্রয়ের জন্য সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যায়। শীঘ্রই দেশের বিভিন্ন অংশে বিচ্ছিন্ন মুক্তিসংগ্রামীদের একটি একক কমান্ডের অধীনে আনা হয়।
এপ্রিল মাসের ৪ তারিখে মুক্তিবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা চা বাগানে পরিবৃত আধা-পাহাড়ি এলাকা তেলিয়াপাড়ায় অবস্থিত দ্বিতীয় ইস্ট বেঙ্গলের সদর দপ্তরে একত্র হন। কর্নেল এমএজি ওসমানী, লেফটেন্যান্ট কর্নেল আবদুর রব, লেফটেন্যান্ট কর্নেল সালাহ উদ্দিন মোহাম্মদ রেজা, মেজর কাজী নুরুজ্জামান, মেজর খালেদ মোশাররফ, মেজর নুরুল ইসলাম, মেজর শাফাত জামিল, মেজর মইনুল হোসেন চৌধুরী প্রমুখ সেনা কর্মকর্তারা সেখানে উপস্থিত হন। এ সভায় চারজন সিনিয়র কমান্ডারকে অপারেশনের দায়িত্ব দেয়া হয়। মেজর সফিউল্লাহকে সিলেট-ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়। কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের অধিনায়কের দায়িত্ব পান মেজর খালেদ মোশাররফ। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মেজর জিয়াউর রহমান এবং কুষ্টিয়া-যশোর অঞ্চলের অধিনায়ক হন মেজর আবু ওসমান চৌধুরী। এ সভাতেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বাহিনী সম্পর্কিত সাংগঠনিক ধারণা এবং কমান্ড কাঠামোর রূপরেখা প্রণীত হয়। কর্নেল এমএজি ওসমানীকে মুক্তিবাহিনীর সর্বময় নেতৃত্ব দেয়া হয়।
১০ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রবাসী সরকার তথা মুজিবনগর সরকার গঠিত হয়। পরদিনই তাজউদ্দীন আহমদ আরো তিনজন আঞ্চলিক অধিনায়কের নাম ঘোষণা করেন। ক্যাপ্টেন নওয়াজিশ রংপুর অঞ্চলের, মেজর নাজমুল হক দিনাজপুর-রাজশাহী-পাবনা অঞ্চলের এবং মেজর এম এ জলিল বরিশাল-পটুয়াখালী অঞ্চলের অধিনায়কত্ব লাভ করেন। প্রতিটি অঞ্চলকে একেকটি সেক্টর হিসেবে চিহ্নিত করা হয়। ১০ থেকে ১৭ জুলাই অনুষ্ঠিত সেক্টর কমান্ডারদের এক সম্মেলনে অপারেশন চালানোর সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে এগারোটি সেক্টর ও বিভিন্ন সাব-সেক্টরে বিভক্ত করা হয়।
ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ২৭ মার্চ বাঙালিদের মুক্তিসংগ্রামের প্রতি তাঁর সরকারের পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন। ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) অত্যাচরিত ও ভীতসন্ত্রস্ত বাঙালিদের নিরাপদ আশ্রয় প্রদানের লক্ষ্যে বাংলাদেশ-ভারত সীমান্ত উন্মুক্ত করে দেয়।
পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের সরকারগুলো সীমান্ত বরাবর শরণার্থীশিবির স্থাপন করে। এ শিবিরগুলো থেকে তাৎক্ষণিকভাবে মুক্তিযোদ্ধাদের বাছাই করা হতো। পাকিস্তানি সৈন্যদের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করার অদম্য বাসনায় ছাত্র, কৃষক, শ্রমিক ও রাজনৈতিক কর্মীরা মুক্তিবাহিনীতে যোগদান করে যুদ্ধের কৌশল, অস্ত্রচালনা ও বিস্ফোরক সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তাদের বিভিন্ন সেক্টরে শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত করা হয়। কলকাতার ৮ নং থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনীর সদর দপ্তর স্থাপিত হয়। ১২ এপ্রিল থেকে এই সদর দপ্তর কার্যক্রম শুরু করে। লেফটেন্যান্ট কর্নেল এম এ রব এবং গ্রুপ ক্যাপ্টেন এ.কে খন্দকারকে যথাক্রমে চিফ অব স্টাফ এবং ডেপুটি চিফ অব স্টাফ নিয়োগ করা হয়।
পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরে মুক্তিবাহিনীর পাশাপাশি আরও অনেক বাহিনী সংগঠিত হয়। এ সকল বাহিনীর মধ্যে টাঙ্গাইলের কাদের বাহিনী, সিরাজগঞ্জের লতিফ মির্জা বাহিনী, ঝিনাইদহের আকবর হোসেন বাহিনী, ফরিদপুরের হেমায়েত বাহিনী, বরিশালের কুদ্দুস মোল্লা বাহিনী ও গফুর বাহিনী এবং ময়মনসিংহের আফসার বাহিনী ও আফতাব বাহিনী উল্লেখযোগ্য। এ সকল বাহিনী স্থানীয়ভাবে সংগঠিত হয়ে নিজেদের শক্তিতে দখলদার বাহিনীর বিরুদ্ধে বেশ কয়েকটি লড়াইয়ে লিপ্ত হয়। সর্বহারা পার্টির নেতা সিরাজ শিকদার বরিশালে তাঁর বাহিনীকে সংগঠিত করেন। ভারতের সেনাবাহিনীর গেরিলা যুদ্ধ বিশেষজ্ঞ মেজর জেনারেল ওবানের সক্রিয় সহযোগিতায় মুজিব বাহিনী নামে আরেকটি বাহিনী গঠিত হয়। মুজিববাহিনীর সদস্যদের দেরাদুনে প্রশিক্ষণ দেয়া হয়। ছাত্রলীগ নেতা শেখ ফজলুল হক মণি, তোফায়েল আহমদ, আবদুর রাজ্জাক এবং সিরাজুল আলম খান ছিলেন এই বাহিনীর সংগঠক।
মুক্তিবাহিনীর সদস্যরা নিয়মিত ও অনিয়মিত দুটি ভাগে বিভক্ত ছিল। অনিয়মিত বাহিনী গণবাহিনী নামে পরিচিত ছিল। নিয়মিত বাহিনীর অন্তর্ভুক্ত ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও পূর্ব পাকিস্তান রাইফেলসের সৈন্যরা। ছাত্র, কৃষক, শ্রমিক ও রাজনৈতিক কর্মীদের প্রাথমিক প্রশিক্ষণের পর বিভিন্ন সেক্টরে গণবাহিনীতে নিয়োগ করা হতো। গণবাহিনীর সদস্যদের বাংলাদেশের অভ্যন্তরে শত্রুর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ পরিচালনার জন্য পাঠানো হয়। নিয়মিত বাহিনীর সদস্যরা সশস্ত্রবাহিনীর প্রথাগত যুদ্ধে নিয়োজিত ছিলেন। ‘জেড ফোর্স’ নামে পরিচিত নিয়মিত বাহিনীর প্রথম ব্রিগেডটি জুলাই মাসে গঠিত হয়। এই ব্রিগেডের কমান্ডার মেজর জিয়াউর রহমানের নামের ইংরেজি আদ্যক্ষর ‘জেড’ অনুসারে ব্রিগেডটির নামকরণ করা হয়। ব্রিগেডটি ১ম, ৩য় ও ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে গঠিত হয়। ‘এস ফোর্স’ নামে পরিচিত দ্বিতীয় নিয়মিত ব্রিগেডটি দ্বিতীয় ও একাদশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের নিয়ে অক্টোবরে গঠিত হয়। এ ব্রিগেডের অধিনায়ক ছিলেন সফিউল্লাহ। খালেদ মোশাররফের অধিনায়কত্বে ‘কে ফোর্স’ গঠিত হয় ৪র্থ, ৯ম ও ১০ম ইস্ট বেঙ্গলের সদস্যদের নিয়ে।
নাগাল্যান্ডের দিমাপুরে ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ বিমানবাহিনী গঠিত হয়। এর সংগঠক ছিলেন এয়ার কমোডর এ.কে খন্দকার। স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ, ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলম, ক্যাপ্টেন খালেক, সাত্তার, শাহাবুদ্দিন, মুকিত, আকরাম, শরফুদ্দিন এবং ৬৭ জন বিমানসেনা নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর যাত্রা শুরু হয়। তাদের সম্বল ছিল মাত্র কয়েকটি ডাকোটা, অটার টাইপ বিমান এবং অ্যালুভেট হেলিকপ্টার। অনুরূপভাবে, পাকিস্তান নৌবাহিনী থেকে বেরিয়ে আসা নৌসেনাদের নিয়ে বাংলাদেশ নৌবাহিনী গঠিত হয়। ১৯৭১ সালের ৯ নভেম্বর প্রথম নৌবহর ‘বঙ্গবন্ধু নৌবহর’ উদ্বোধন করা হয়।
এতে অন্তর্ভুক্ত ছিল মাত্র ৬টি ছোট নৌযান। নিয়মিত ব্রিগেড, সেক্টর ট্রুপ ও গেরিলা বাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনী নিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সুসংগঠিত ছিল।
মুক্তিবাহিনী শুরুতে প্রতিরোধমূলক অনেকগুলো যুদ্ধে শত্রুর বিরুদ্ধে সফলভাবে লড়াই করে। কিন্তু অল্প সময়ের মধ্যে তাদের সাময়িক পশ্চাদপসরণ করতে হয়। মুক্তিবাহিনী অবশ্য পরে সংগঠিত হয়ে উন্নততর অস্ত্রশস্ত্র নিয়ে একাত্তরের এপ্রিল-মে মাসের পর থেকে নব উদ্দীপনায় যুদ্ধে অবতীর্ণ হয়।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে আন্তর্জাতিক পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও গণপ্রজাতন্ত্রী চীন এ যুদ্ধকে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করে পাকিস্তানকে কৌশলগত সমর্থন দেয়। পক্ষান্তরে, ভারত, সোভিয়েত ইউনিয়ন ও তাদের মিত্র দেশসমূহ এবং জাপান ও পশ্চিমের অনেক দেশের সাধারণ জনগণ বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়। চীন-যুক্তরাষ্ট্র কৌশলগত সুবিধা অর্জনের লক্ষ্যে ১৯৭১ সালের ৯ আগস্ট ভারত সরকার সোভিয়েত ইউনিয়নের সঙ্গে একটি মৈত্রীচুক্তি স্বাক্ষর করে। এ চুক্তি স্বাক্ষরিত হওয়ায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এক নতুন মাত্রা যোগ হয়।
এদিকে মুক্তিবাহিনীর সদরদপ্তরে পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে লড়াইয়ের কৌশল পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয়। চিরাচরিত রণকৌশল পাকিস্তানি সৈন্যদের পরাজিত করার পক্ষে অনুকূল হবে না ভেবে সারাদেশে সর্বাত্মক গেরিলাযুদ্ধ পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। সে মতে সেক্টর কমান্ডারদের দেশের অভ্যন্তর থেকে মুক্তিযোদ্ধা রিক্রুট করে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে গেরিলা যোদ্ধা হিসেবে নিয়োগের নির্দেশ দেয়া হয়।
১৯৭১ সালের নভেম্বর মাসে মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর যৌথ কমান্ড গঠিত হয়। ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কম্যান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা যৌথ বাহিনীর প্রধান নিযুক্ত হন। অবশ্য ৩ ডিসেম্বর সন্ধ্যায় অমৃতসর, শ্রীনগর ও কাশ্মিরি উপত্যকায় পাকিস্তান বিমানবাহিনীর বোমা বর্ষণের পর থেকেই মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর যৌথ কমান্ড কার্যকর ভূমিকা গ্রহণ করে। তখনই ভারতীয় সশস্ত্র বাহিনীর ওপর নির্দেশ আসে পাকিস্তানি সেনাবাহিনীকে প্রত্যাঘাত করার। মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের অভ্যন্তরে ক্রমস অগ্রসর হতে থাকে। ফলে পাকিস্তানি সৈন্যদের পরাজয় ও আত্মসমর্পণ অনিবার্য হয়ে ওঠে। বাংলাদেশ সম্পূর্ণ শত্রুমুক্ত হওয়ার প্রাক্কালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করা হয়। সোভিয়েত ইউনিয়ন এতে ভেটো প্রয়োগ করায় এই প্রচেষ্টা নস্যাৎ হয়ে যায়।
মুক্তিবাহিনী ও ভারতীয় সামরিক বাহিনীর সম্মিলিত আক্রমণের মুখে ইতোমধ্যে পর্যদুস্ত ও হতোদ্যম পাকিস্তানি সামরিক বাহিনী আত্মসমর্পণের সিদ্ধান্ত গ্রহণ করে। ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তান ৯৩,০০০ হাজার সৈন্যসহ আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এরই মাধ্যমে নয় মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের অবসান হয়। প্রতিষ্ঠিত হয় বাঙালি জাতির প্রথম স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ।
ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। প্রতি বছর বিজয় দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। জাতিসংঘের অন্তর্ভুক্ত প্রায় সকল দেশ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।

বাবুইপাখির সংসার

হিজলতলী গ্রামের দক্ষিণের বনে হাজারো স্মৃতির সাক্ষী হয়ে আছে একটা তালগাছ। এই তালগাছেই বছরের পর বছর সুখে দুঃখে কাটিয়েছে বাবুইপাখি দম্পতি। তাদের দুজনের শৈশবের মধুর সময়ও এই তালগাছটাকে ঘিরেই কেটেছে। জন্মের পর থেকে তারা পাশাপাশি বাসায় থেকে বড় হয়েছে। বাবুইপাখি দম্পতি পরষ্পর পরষ্পরকে ভালোবেসেই ঘর বেঁধেছে। তাদের ভালোবাসার ফসল হিসেবে ইতোমধ্যে তাদের ঘর আলো করে তিনটা ফুটফুটে বাচ্চার জন্ম হয়েছে। একটা বাচ্চা দেখতে ঠিক তার বাবার মতো। অপর দুই বাচ্চা তার মায়ের মতোই হয়েছে। বাচ্চাদের নিয়ে বেশ সুখেশান্তিতেই দিন যাচ্ছিল তাদের। কিন্তু কিছু দিন আগে বাবুই দম্পতি খাবারের সন্ধানে একসাথে বের হয়েছিল। তখনই ঘটল এক অনাকাক্সিক্ষত ঘটনা।
দুজনে যখন মাঠের খাবার সংগ্রহে ব্যস্ত, এমন সময় কিছু দুষ্ট ছেলের দল তাদের লক্ষ্য করে ঢিল ছোড়ে। এর একটা ঢিল এসে পড়ে পুরুষ বাবুইপাখিটার গায়ে। জায়গায় ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। স্ত্রী বাবুইপাখিটা স্বামীকে হারিয়ে একাকী বাসায় ফিরে আসে। স্বামীকে হারিয়ে বাবুইপাখিটা চরম অসহায় হয়ে পড়ে। তবু তাকে জীবন সংগ্রামে নামতে হয়। সেই থেকে বাচ্চাদের মায়ের পাশাপাশি বাবার দায়িত্বও পালন করে যাচ্ছে সে।

একদিন বাবুইপাখিটা তার বাচ্চাদের নিয়ে বাসায় আনন্দ করে সময় কাটাচ্ছিল। এমন সময় তার এক ঘনিষ্ঠ
বন্ধু চড়–ই এসে বাইরে থেকে ডাক দিলো-
বাবুই, ও বাবুই!
বাবুই বাসা থেকে আলতোভাবে মাথাটা বাইরে বের করে বলল, ওহ্! চড়–ই, তুমি! কখন এলে?
এইতো, কিছুক্ষণ হলো। আজ তো অনেকবেলা হয়ে গেল, খাবারের খোঁজে যাবে না?
সই, একটু দাঁড়াও। আমার বাচ্চাদের আরেকটু ঘুম পাড়িয়ে দেই। ওদের চোখে ঘুম।
তুমি একা একা ওদের জন্য আর কত করবে! আমি বলি কি, ওরা একটু একটু উড়তে শিখছে। এবার ওদের খাবার নিজেদের জোগাড় করতে পাঠাও না।
– না, সই। ওরা এখনো শক্ত হয়নি। বাইরে বেরোলে যেকোনো বিপদ হয়ে যেতে পারে। এমনিতেই সারাক্ষণ ভয়ের মধ্যে থাকি। যে যুগ পড়েছে। কাউকে বিশ্বাস করা যায় না। মানুষ আগে তো আমাদেরকেই মারত। এখন নিজেরাই নিজেদের মারতে দ্বিধা করে না। তাছাড়া আমার বাচ্চাগুলো একটু অন্য রকম। মা হিসেবে ওদের আমি অনেক বুঝিয়েছি। আত্মরক্ষার জন্য হলেও উড়তে শেখা প্রয়োজন। কিন্তু ওরা খুব অলস
প্রকৃতির। আমি আছি বলে ওদের আর কোনো চিন্তা নেই।
– হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো। তবু জীবনের গতিপথ ধরে রেখে এগোতে হবে। ভয় পেয়ে ঘরে বসে থাকলে কী হবে? আর তুমি না থাকলে ওদের কী হতে পারে তা কী ভেবে দেখেছো?
– ওদের নিয়েই তো আমার যত চিন্তা।
– আর চিন্তা না করে ওদের একটু চাপ দাও। ওরা স্বনির্ভর হোক। এবার চল তো। অনেক দেরি হয়ে গেছে।
– আচ্ছা চল। আমার বাচ্চারা ঘুমিয়ে পড়েছে।

বাবুই আর চড়–ই খাবারের খোঁজে জঙ্গলের অনেক ভেতর চলে গেল। আজ এখনো কোনো খাবার পেল না। অন্য দিন খুব কাছে গেলেই খাবার পেয়ে যায়। কিন্তু আজ তার নামগন্ধ নেই।
বহু দূরের পথ উড়ে আসার কারণে দুজনেই খুব ক্লান্ত হয়ে গেল। তাই নিচে কোনো একটা গাছের ডালে নেমে দুজনেই বিশ্রাম নেওয়ার প্রস্তুতি নিলো। অতঃপর নিচে নেমে পড়ল। একটু দূরেই খাবার পেল তারা। তাই দুজনে মুখভর্তি খাবার নিয়ে খুশি মনে তাদের বাসার দিকে রওনা দিলো।

বাবুইপাখির বাচ্চাগুলোর ওড়ার মতো বয়স হয়েছে। কিন্তু এখনো তারা ভালোভাবে উড়তে শেখেনি। মায়ের ওড়াউড়ি দেখেও উড়তে চায় না। ওদের মা সারা দিন খাটাখাটনি করে খাবার জোগাড় করে আনে। ওদের মধ্যে বড়বাচ্চাটা ছাড়া কেউই মায়ের কষ্টকে বোঝে না। ওদের মা সারাদিন খাটুনি করে ওদের জন্য খাবার নিয়ে আসেন। নিজের মুখের খাবার ওদের ঠুকরে ঠুকরে খাইয়ে দেন। সবাই আনন্দের সাথে মায়ের মুখের খাবার গিলে নেয়। বড়বাচ্চাটা মায়ের মুখের খাবার একবার নেয় তো কিছু সময় মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। সে মনে মনে ভাবে- মা নিজে খেয়েছে তো! নাকি সব আমাদের খাইয়ে দিয়ে নিজে উপবাস রয়েছেন। একসময় মায়ের চোখে চোখ পড়তেই মা তাকে জিজ্ঞেস করেন,
– কিরে তুই খাচ্ছিস না যে? আর মনে মনে কী ভাবছিস?
বড়বাচ্চাটা মায়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকে।
মা পাখিটা আবার বলল,
– কোনো কথা বলছিস না কেন?
– না, মা, তোমার কথাই ভাবছি।
– আমার আবার কী হলো?
– তুমি নিজের মুখের খাবার আমাদের মুখে তুলে দিচ্ছো। আর আমরা তোমার কথা চিন্তা না করে নিজেরাই খেয়ে নিচ্ছি।
মা পাখি খুশি হয়ে বলল,
– ও এই কথা! আগে তোমরা খেয়ে নাও। তারপর আমি খেয়ে নেবো।
– আমরা খেয়ে নিলে তো সব খাবার শেষ হয়ে যাবে। তুমি কী খাবে?
– আমার জন্য তোমাদের চিন্তা করতে হবে না। আমি উড়ে গিয়ে আবার খাবার সংগ্রহ করব।
মায়ের এ কথার পর সবাই আবার খেলাধুলায় ব্যস্ত হয়ে গেল।

চড়–ইপাখির বাচ্চারা খুব কর্মঠ আর হিসেবি। একটু সুযোগ পেলেই তারা খাবারের সন্ধানে বের হয়। একটু একটু করে খাবার সংগ্রহ করে আনে। তার ওপর মায়ের খাবার যোগ হলে তাদের ভবিষ্যতের জন্য খাদ্য মজুদ থাকে। দিনে দিনে তারা বিপদের হাত থেকে বাঁচার কৌশলও শিখতে শুরু করেছে।
অন্য দিকে সমবয়সী হলেও বাবুইপাখির বাচ্চাগুলো কর্মবিমুখ স্বভাবের। তারা নিজেরা কখনো বাসার বাইরে বেরোয় না। উড়তেও চায় না। তারা খাবারের জন্য মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। বড় বাচ্চাটা কিছুটা মায়ের কষ্ট বোঝার চেষ্টা করে। কিন্তু সেও ঘর থেকে বেরোয় না।

পরদিন আবার চড়–ইপাখিটা এসে বাবুইকে ডাক দিলো। বাবুইপাখি চড়–ইকে দেখে হাসতে হাসতে বাসা থেকে বের হলো। দুজনে উড়তে উড়তে একটা শস্যক্ষেতে এসে নামলো। খাবার সংগ্রহের এক ফাঁকে চড়–ই বাবুইপাখিকে উদ্দেশ্য করে বলল,
– জানো সই, আমার বাসায় অন্তত এক মাসের খাবার মজুদ আছে।
বাবুই অবাক হয়ে বলল,
তা কী করে সম্ভব! আমার বাসায় তো আগামীকালের খাবারও নেই।
– থাকবে কী করে? তুমি তো তোমার বাচ্চাদের লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছো। এতো বয়স হয়েছে। তবু ওরা উড়তে শেখেনি। একটু-আধটু করে খাবারের খোঁজে বের হয় না। আমি বলি কী- এবার একটু কৌশলী হও। ওদের স্বাবলম্বী হতে দেখলে মরেও শান্তি পাবে।
বাবুইপাখি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল,
আমি তো তা-ই চাই। কিন্তু কোনো উপায় তো দেখছি না।
– আমার একটা কথা শুনবে?
– কী কথা? বলো না।
– তুমি আমার সাথে কিছু দিন আমার বাসায় থেকে যাও। তোমার বাচ্চারা তোমার অপেক্ষায় থাকবে। পেটের খিদে সহ্য করতে না পারলে একসময় নিজেরাই খাবারের জন্য বের হতে বাধ্য হবে। সেই সাথে কৌশলীও হবে।
– ওরা কি তা পারবে?
– নিশ্চয়ই পারবে। তুমি আমার কথায় রাজি হয়ে যাও। দেখবে ওরা ঠিক তোমার মতো হয়ে গেছে। তাছাড়া তোমার অনুপস্থিতিতে ওদের আমি দূর থেকে লক্ষ করবো। বেশি সমস্যা দেখা দিলে আমি নিজে গিয়ে তাদের সাহায্য করবো। তুমি কোন চিন্তা করো না।
– আচ্ছা ঠিক আছে।
– তাহলে এখন আমার বাসার দিকে চলো।
– হ্যাঁ, চলো।
বাবুই যখন চড়–ইপাখির বাসায় আসে তখন চড়–ইপাখির বাচ্চাদের কর্মকা- দেখে বাবুইপাখির দুচোখের জল গড়িয়ে পড়ে। কারণ তার বাচ্চাগুলো এত বড় হয়েছে তবু তাকে একটুও সাহায্য করে না। এ বয়সে আজও তাকে কেন ওদের জন্য খাবার খুঁজতে যেতে হয়।
অথচ চড়–ইপাখির বাচ্চাগুলো ওদের সমবয়সী। ওরা মায়ের সাথে খাবার আনতে যায়। বাসা বুননে মাকে সাহায্য করে।
বাবুইপাখিটা মনে মনে জিদ করে মিনমিনে বলে,
– ওদের জন্য আমি আর কত দিন করবো! যেদিন আমি থাকবো না সেদিন ওরা কী করবে? এভাবে বসে থাকলে কি অন্য কেউ এসে এমনি এমনি ওদের খাবার দিয়ে যাবে? আমি যখন মরে যাবো তখন ওরা বুঝবে মায়ের কাজে সাহায্য না করার ফল।

এই কথা বলে বাবুইপাখি দু’চোখের জল ছেড়ে কেঁদে ওঠে। চড়–ইপাখি পাশে বসে তাকে সান্ত¡না দেয়। আর চড়–ইপাখির বাচ্চারা হাঁ করে বাবুইপাখির দিকে তাকিয়ে থাকে।
ওদিকে বাবুইপাখির বাচ্চাগুলো অধীর অপেক্ষায় মায়ের পথের দিকে চেয়ে আছে। তাদের মা খাবার নিয়ে আসবে আর তারা তা মজা করে খাবে।
কিন্তু তাদের আজকের এই অপেক্ষার ক্ষণ শেষ হয় না। বেলা শেষে সন্ধ্যার আঁধার নামলেও তাদের মায়ের আসার কোনো লক্ষণ নেই। পেটের ক্ষুধায় সবাই ছটফট করতে থাকে। বড়বাচ্চাটা ছোটদের অভিভাবকের মতো করে বোঝাতে থাকে। মিথ্যা সান্ত¡না দেয়। সেই সান্ত¡নায় সবাই অভুক্ত অবস্থায় ঘুমিয়ে পড়ে।

পরদিন ভোরেই চড়–ইপাখিটা উড়তে উড়তে বাবুইপাখির বাসার অদূরে এক গাছের পাতার আড়ালে লুকিয়ে থেকে বাবুইপাখির বাচ্চাদের লক্ষ করতে লাগলো। বড়বাচ্চাটা বাসা থেকে মাথাটা বের করে উড়তে বারবার ডানা জোড়া ঝাপটাচ্ছে। হঠাৎ উড়ে পাশের গাছে গিয়ে বসলো। চড়–ইপাখি একটু নড়েচড়ে বসল। বাবুইপাখির বড়বাচ্চাটা গাছের ডালে বসে কী যেন খাচ্ছে। চড়–ইপাখিটা এডাল ওইডালে গিয়ে আবার লক্ষ করলো। কিন্তু কই? বাবুইপাখির বড়বাচ্চাটা আর সেখানে নেই। এদিকওদিকে তাকিয়ে যখন কোথাও খুঁজে পাচ্ছে না তখন আবার বাবুইপাখির বাসার দিকে তাকিয়ে চড়–ই তো অবাক। সে একি দেখছে! বড়বাচ্চাটা বাবুইপাখির মতো করে ওদের মুখে খাবার তুলে দিচ্ছে। ওরাও তা মজা করে খাচ্ছে।
এসব দেখে খুশিমনে নিজের বাসার দিকে ফিরে আসে চড়–ইপাখি। চড়–ইকে হাস্যোজ্জ্বল দেখে বাবুইপাখি বলল,
– কী ব্যাপার? তোমাকে আজ খুব খুশি খুশি লাগছে।
– আজ ভোরে তোমার বাচ্চাদের দেখতে গিয়েছিলাম।
চড়–ইয়ের মুখ থেকে কথা কেড়ে নিয়ে বাবুইপাখি বলল,
তো সই, আমার বাচ্চারা কেমন আছে? এতক্ষণে নিশ্চয় খাবারের অভাবে ওরা মুমূর্ষু হয়ে গেছে।

এই কথা বলে বাবুইপাখি বিলাপ করে কাঁদতে লাগলো।
চড়–ইপাখি তার কান্না থামিয়ে বলল,
আরে! তুমি আবার কাঁদছো কেন? তোমাকে না সেদিন বলেছিলাম, তোমার অনুপস্থিতিতে ওদের পরিবর্তন আসবে। ঠেকায় পড়ে ওরা শিখবে।
তাই হয়েছে। সে কারণে আমি আজ খুশি।
বাবুইপাখি আনন্দিত হয়ে জিজ্ঞেস করলো,
আমি তোমার কথার মানে ঠিক বুঝিনি। দয়া করে খুলে বলো।
– তোমার বড়বাচ্চা খাবার সংগ্রহ করে ওদের খাওয়াচ্ছিল। ওরাও তা মজা করে খাচ্ছিল। আর ওদের দেখে আমার মনে হয়েছে কয়েক দিনের মধ্যে ওরা স্বাবলম্বী হয়ে উঠবে।
– তাই যেন হয়, সই।
এই কথা বলে বাবুইপাখি চড়–ইয়ের ঠোঁটে ঠোঁট ঠেকিয়ে আদর করে।

এরপর আরো তিন দিন কেটে গেল। বাচ্চাদের একা রেখে এসে বাবুইপাখির এক একটা দিন যেন এক বছরের মতো কাটছে। তার আর তর সইছে না। সে মনে মনে স্থির করে আজ যেভাবেই হোক চড়–ইকে রাজি করিয়ে বাচ্চাদের কাছে ফিরে যাবে।
মধ্য দুপুর। বাইরে সূর্য তার উত্তাপ ছড়াচ্ছে। প্রচ- গরমের মধ্যে চড়–ইপাখি ঠোঁটে করে খাবার নিয়ে বাসায় ফিরে আসে। বাবুইকে বাসার এক কোণে মন খারাপ করে বসে থাকতে দেখে চড়–ই তার কাছে এসে বলল, তোমার আবার কী হলো? এভাবে মন খারাপ করে বসে আছো কেন?
– না গো সই, আমার বাচ্চাদের কথা খুব মনে পড়ছে। আমি ওদের কাছে ফিরে যাবো।
– ফিরে তো যাবেই। আরো দুই-চার দিন বেড়িয়ে যাও।
– না, সই। আমি আজই চলে যাবো। ওদের ছাড়া আমি আর একমুহূর্ত থাকতে পারবো না।
এ কথা বলে বাবুইপাখি দুচোখের জল ছেড়ে কেঁদে ওঠে।
চড়–ই বাবুইপাখির আরো কাছাকাছি বসে কোমল গলায় বলল,
ঠিক আছে। আর কোনো চিন্তা করতে হবে না। এখন খেয়ে নাও। আজ বিকেলেই আমরা ওদের কাছে ফিরে যাবো।
বাবুইপাখি আনন্দে ডানা ঝাপটে চড়–ইপাখির সাথে আলিঙ্গন করে। চড়–ই মনে মনে বিড়বিড় করে বলে, এরই নাম মা-বাবা। সন্তানকে একটু না দেখে থাকতে পারে না। নিজের মুখের খাবার সন্তানের মুখে তুলে দিয়ে সুখ খোঁজার মতো এ জগতে আর কে আছে? অথচ মানুষের খোলসে কিছু অমানুষ তা বুঝতে চায় না। যে বাবা-মা তাদের হাতে ধরে ধরে ছোট থেকে বড় করেছেন। চলার পথের কণ্টকাকীর্ণ পথে নিজেরা থেকে তাদের পথকে মসৃণ করেছেন। ওরা কেমন করে পারে সেই বাবা-মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে !

চড়–ইকে আনমনে হয়ে থাকতে দেখে বাবুই জিজ্ঞেস করল, আবার কী নিয়ে চিন্তা করছো, সই?
– আমি মানুষের ব্যবহার নিয়ে ভাবছি। দেখো না, দিনেদুপুরে একজন মানুষ আরেকজনকে কী নৃশংসভাবে হত্যা করছে! ওরাই আবার প্রিয় বাবা-মাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে! ওরা কি একবারও ভাবে না? একসময় তারাও তো বৃদ্ধ-বৃদ্ধা হবে। তখন তাদের সন্তানেরা তাদের সাথে কী আচরণ করতে পারে?
– যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে। নিয়তির নির্মম বাস্তবতায় তাদেরও শেষ বয়সের ঠিকানা হতে পারে বৃদ্ধাশ্রম।

চড়–ই বাবুইপাখির কথায় সায় দিয়ে বলল, তুমি একদম ঠিক বলেছো। যাই হোক এখন চলো আমরা খেয়ে নিই।
– আচ্ছা।

বিকেলবেলা। সূর্যটা আস্তে আস্তে পশ্চিমাকাশে হারিয়ে যাচ্ছে। চড়–ই আর বাবুই বাসা থেকে বের হয়ে বাবুইপাখির বাসায় চলে আসে। বাসায় কেউ নেই। বাসার এককোণে বেশ খাবার পড়ে আছে।
বাচ্চাদের বাসায় না দেখে বাবুইপাখি খুব ভয় পেয়ে যায়। না জানি ওদের কোনো বিপদ হয়েছে। হঠাৎ দূর থেকে চিরপরিচিত সুর কানে বাজতেই বাইরে ঠোঁট উঁচিয়ে দেখল। তার আদরের সন্তানেরা অক্ষত অবস্থায় ঠোঁটে করে আহার নিয়ে বাসায় ফিরেছে।
সন্তানদের এমন স্বনির্ভর হতে দেখে মায়ের মন ভরে যায়। মা পাখিটা পরম কৃতজ্ঞতায় বারবার ¯্রষ্টাকে স্মরণ করে।

’৭১-এর বীর কিশোর মুক্তিযোদ্ধারা

‘বয়স কখনো দেশের ডাক থেকে কাউকে আটকে রাখতে পারে না’Ñশরৎচন্দ্রের এই কথারই বাস্তব প্রতিধ্বনি খুঁজে পাওয়া যায় কিশোর মুক্তিযোদ্ধাদের মাঝে। যখন তাদের মায়ের কোলে শুয়ে গল্প শোনার কথা তখন কি না তারা দেশমাতৃকার টানে হাতে অস্ত্র তুলে নিয়েছিল। গায়ে তাদের রাইফেল তোলার শক্তি নেই, কিন্তু শেষপর্যন্ত তাদের অসাধ্য কিছু ছিল না। তারা প্রমাণ করে গেছে মুক্তিযুদ্ধ, দেশপ্রেম,ভালবাসা সবকিছুই
অকৃত্রিম। অকুতোভয় এই মরণজয়ী কিশোর যোদ্ধারা আমাদের শিখিয়ে গেছে, সত্যের জন্য,স্বাধীনতার জন্য, মানুষের কি করে লড়তে হয়।
’৭১-এ স্বাধীনতার জন্য ত্রিশ লক্ষ মানুষের মৃত্যু মিছিলে লুকিয়ে আছে অসংখ্য শিশুকিশোরের বীরত্বের কাহিনী। বড়দের পাশাপাশি অসীম সাহস নিয়ে লড়াই করে তারাও দেশের মুক্তির জন্য জীবন দিয়েছিল। বেঁচে থাকা মুক্তিযোদ্ধাদের স্মৃতিতে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে খুঁজে পাওয়া যায় কিশোর মুক্তিযোদ্ধাদের খুব অল্প কিছু বীরত্ব গাথা। আজ তোমাদের জানাব তেমনই কয়েকজন কিশোর মুক্তিযোদ্ধা সম্পর্কেÑ

রমজান আলীর গল্প
মেজর হামিদুল হোসেনের স্মৃতিতে পাওয়া যায় বাবা ও মা হারা ১২-১৩ বছরের কিশোর মুক্তিযোদ্ধা রমজান আলীর গল্প। পাক হানাদাররা তাদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে তার বাবাকে মেরে ফেলেছিল। গোলাগুলির মাঝখানে সে তার মাকেও হারায়। সেই রমজান আলী মুক্তিযোদ্ধাদের সাথে শিখে নিয়েছিল রাইফেল চালানো, গ্রেনেড ছোড়া। তার কাজ ছিল অগ্রবর্তী বাহিনীতে থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা। অপারেশনে মুক্তিবাহিনীকে গোপন পথের সন্ধান দিয়ে একদিন সে বাঁচিয়েছিল ৪০-৫০ মুক্তিযোদ্ধার একটি দলকে। ধ্বংস করেছিল বাংকার। কিন্তু জয়ের আনন্দে শিশুসুলভ খুশি আর উত্তেজনায় দৌড়াতে গিয়ে শত্রুর পাতানো মাইনে পা পড়ে যায়। মুহূর্তের মাঝে ছিন্নভিন্ন হয়ে যায় এই বীর কিশোরের দেহ। বাহিনীর অধিনায়ক কর্র্নেল ভি কে দত্ত এই বীর কিশোর যোদ্ধার উদ্দেশ্যে সামরিক কায়দায় স্যালুট দিলেন। সৈনিকেরা অস্ত্র উঁচিয়ে ‘প্রিজেন্ট আর্মস’ করে স্যালুট দিয়ে এই কিশোরকে শেষ বিদায় জানালেন।

সাহসী মহিউদ্দিন
মুক্তিযুদ্ধের এক অসীম সাহসী বীর কিশোর যোদ্ধার নাম মহিউদ্দিন। বয়স ও উচ্চতার শর্তে বাদ পড়ায় ক্যাপ্টেন হাফিজের জিপের সামনে আড়াআড়িভাবে শুয়ে পড়েছিলেন মহিউদ্দিন নামের এই ছেলেটি। তাকে ভর্তি করা না হলে তিনি ওখান থেকে নড়বেন না। তার সোজা কথা তাকে ভর্তি করা না হলে তার ওপর দিয়ে যেন গাড়ি চালিয়ে দেয়া হয়। তিন-চারজন মিলে টানাটানি করে তাকে সরানো হলো। ক্ষেপে গিয়ে তিনি বললেন, স্যার এভাবে বয়স উচ্চতা মেপে ভর্তি করা যাবে না। এটা দেশের স্বাধীনতার লড়াই। আমাদের হাতে একটা করে গ্রেনেড দেন, শত্রুর বাঙ্কার দেখিয়ে দেন। যে একাকী শত্রুর বাঙ্কারে গ্রেনেড ছুড়ে আসতে পারে তাকেই ভর্তি করুন। সাহসের পরীক্ষা নিন। দেশের জন্য এমন মরিয়া ভালোবাসা আর সাহস দেখে শেষ পর্যন্ত তাকে সৈনিক হিসেবে ভর্তি করা হয়। মুক্তিযুদ্ধে বিজয়ের দুই দিন আগে ১৪ ডিসেম্বর সিলেট এম সি কলেজের এক রক্তক্ষয়ী যুদ্ধে শহীদ হন এই কিশোর বীর মুক্তিযোদ্ধা।

পাবনার বীর কিশোর মুক্তিযোদ্ধা বুলগানি
প্রকৃত নাম হাফিজুর রহমান বুলগানি। তবে সবার কাছে বুলগানি নামে পরিচিত। ১৯৭১ সালে তিনি রাধানগর মজুমদার একাডেমিতে সপ্তম শ্রেণিতে পড়তেন। এমন অবস্থায় মুক্তিযুদ্ধ শুরু হয়। পাবনায় ২৮ এবং ২৯ মার্চে প্রতিরোধযুদ্ধে তার বড় দুই ভাই তরুণ ও বরুণ সক্রিয়ভাবে অংশ নেন। ২৯ মার্চ পাবনায় অবস্থানরত সমস্ত পাকিস্তানি সৈন্যদের হত্যা করা হয়েছিল। ১০ এপ্রিল পর্যন্ত পাবনা হানাদারমুক্ত থাকে। ১০ এপ্রিল পাকিস্তানি সৈন্যরা নগরবাড়ি ঘাট হয়ে দ্বিতীয় দফায় পাবনায় প্রবেশ করলে পরিবারের সবাই বিচ্ছিন্ন হয়ে যায়। তারা চার ভাই ভিন্ন পথে ভারতে চলে যান। চার ভাইয়ের মধ্যে সর্বকনিষ্ঠ বুলগানি দার্জিলিংয়ের পানিঘাটায় ট্রেনিং গ্রহণ করেন। ভারতের দার্জিলিং জেলায় প্রশিক্ষণ নিয়ে বর্ডার এলাকায় যুদ্ধ করে কয়েক দিন আগে ভাঙ্গুুড়া এলাকায় আসে। বাড়ির কাছাকাছি আসায় তার মায়ের প্রতি মনের ব্যাকূলতা প্রকাশ পায়। তাই কমান্ডারের কাছ থেকে এক রাত ছুটি নিয়ে ভাঙ্গুড়া ব্রিজ থেকে হাঁটতে হাঁটতে মায়ের কাছে হাজির হয়। অনেক দিন পর মাকে দেখে সে আবেগপ্রবণ হয়ে পড়ে। মাকে বলে, মা এই রাতটা তোমার কাছে থেকে আগামীকাল রাতেই আমি ফিরে যাব। মৃত্যু যেন বুলগানিকে কাছে ডাকছে। রাতটা ভালোয় ভালোয় কাটানোর পর পরের দিন দুপুরে দিকে ফাঁকা নির্জন এলাকায় বুলগানি কিশোর মনের আকুলতায় নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে নাই। ভেবেছে অনেক দিন পর দেশে আসলাম। রাতেই তো চলে যেতে হবে। একটু সামনে হেঁটে আসি। তাই পাকিস্তÍানি সৈন্যদের গতিবিধি লক্ষ করে বাড়ি থেকে কয়েক ’শ গজ দূরে মক্তব স্কুলের পাশে গিয়েছিল। সেখানেই ঘটে তার জীবনের শেষ ঘটনা। মহান মুক্তিযুদ্ধে ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত ১৪ বছরের এই বীর কিশোর মুক্তিযোদ্ধাকে পাবনা শহরে নকশাল বাহিনী নৃশংসভাবে হত্যা করে তার মস্তক খ-িত করে। তার খ-িত মস্তক রাধানগর
তৃপ্তি নিলয় হোটেলের সামনে রেখে গিয়েছিল নরপশুরা। শহীদ বুলগানি ছিলেন পাবনার সর্বকনিষ্ঠ বীর মুক্তিযোদ্ধা এবং লাখো শহীদের মাঝে শীর্ষপর্যায়ে তার স্থান। পাবনার মুক্তিযুদ্ধ ইতিহাসে বুলগানি একটি সুপরিচিত নাম।

অষ্টম শ্রেণির কিশোরী পুতুলের কথা
পার্বতীপুর গ্রামে অষ্টম শ্রেণির কিশোরী পুতুলের কথা আছে মেজর হামিদুলের বইয়ে। জীবনের ঝুঁকি নিয়ে একটি সাঁকো ধ্বংস করে শত্রু সৈন্যের আক্রমণ থেকে রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের। গ্রেনেডে আহত করে ছত্রভঙ্গ করেছিলেন পাক সৈন্যদের। মেজর হামিদুলের ভাষায়, পুতুল জেদ ধরলেন আমাদের সাথে যুদ্ধে যাবেন। সরল গ্রাম্য বালিকা, যুদ্ধের ভয়াবহতা তিনি জানেন না। অনেকভাবে বুঝিয়েসুঝিয়ে তাকে মানানো গেল। আমরা চলে গেলাম গ্রাম ছেড়ে। সাথে নিয়ে গেলাম এক মুক্তিযোদ্ধা কিশোরীর স্মৃতি।

ক্লাস এইটের ছাত্র মোজাম্মেল
কুখ্যাত আইয়ুব খানের গোঁড়া সমর্থক, বাঙালির মুক্তি আন্দোলনের এদেশীয় বিরোধীদের অন্যতম মোনায়েম খান। ১৯৬২ থেকে ১৯৬৯ পর্যন্ত পূর্বপাকিস্তানের আইয়ুব খানের গভর্নর ছিল সে। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের বিরোধিতা করেছিল সে। এই কুখ্যাত রাজাকারকে হত্যা করেছিল এক বীর কিশোর মুক্তিযোদ্ধা। তার নাম মোজাম্মেল হক। কিশোর মুক্তিযোদ্ধা কোষে তার এই দুঃসাহসী অভিযানের বর্ণনা দেওয়া আছে।
১৪ বছরের বীর কিশোর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মোনায়েম সরকারের বাড়ির আশেপাশে কয়েকদিন ধরে ঘুরে বেড়াচ্ছেন একটা সুযোগের জন্য। হেড রাজাকারকে যেভাবেই হোক হত্যা করতে হবে। বন্ধুত্ব গড়ে তুলল গভর্নরের দুই খাস কর্মচারীর সাথে। এই গভর্নরের দুই কর্মচারী শাহজাহান ও মোখলেস ১৩ অক্টোবর সন্ধ্যায় তাকে বাড়ির ভেতরে ঢোকার সুযোগ করে দেয়। তারা তাকে লুকিয়ে রাখে কলাবাগানের ভেতর। গভর্নরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শাহজাহান বলে, বাড়ির চাকর হিসেবে তারাই জানে মোনায়েম সরকার কত বড় রাজাকার। আর দেশের স্বাধীনতা আনতে হলে তাকে মারতে হবে। কিছুক্ষণ পর খবর আসে মোনায়েম সরকার গভর্নর ড্রয়িং রুমে বসে শলাপরামর্শ করছে। মোজাম্মেলকে খবরটা দিয়েই পূর্বপরিকল্পনা মতো বাড়ি থেকে দ্রুত বের হয়ে যায় শাহজাহান ও মোখলেস। মোজাম্মেলের সাথে ছিল তার সহযোদ্ধা আনোয়ার। সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ড্রয়িং রুমে ঢুকে পড়ে মোজাম্মেল। এল.এম.জি তুলে মাঝে বসা লোকটার দিকে লক্ষ্য করে ট্রিগার চাপ দেয়। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে কাতরাতে থাকে গভর্নর। পাশের দুইজন চিৎকার করে পেছনে লুকানোর চেষ্টা করে। এদিকে মোজাম্মেলের অস্ত্র থেকে একটা গুলি বের হয়ে তা অচল হয়ে যায়। তখন সে পকেট থেকে হ্যান্ড গ্রেনেড বের করে ছুড়ে দেয় তাদের দিকে। সেটাও না ফেটে গড়িয়ে চলে আসতে থাকে তারই দিকে। মুহূর্তের মাঝে ঘটে যেতে থাকে সব। তারপর দ্রুত দেয়াল টপকে বনানি কবরস্থান হয়ে গুলশান-বনানি লেক, ব্রিজ জঙ্গল পার হয়ে ছেলাময়েত গ্রামে চলে যায় মোজাম্মেল। পরের দিন রেডিওতে খবর আসে মোনায়েম আততায়ীর গুলিতে নিহত। মোজাম্মেল তখন ক্লাস এইটের ছাত্র।

ছোট কাঁধে বড় দায়িত্ব
মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত এক বীর কিশোর মুক্তিযোদ্ধার নাম আবু সালেক। যুদ্ধকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন। আবু সালেক যুদ্ধে অংশ নিতে সীমান্ত পেরিয়ে চলে যান আগরতলায়। সেখানে মুক্তিযোদ্ধাদের বাছাই করা হচ্ছিল। আবু সালেক সেখানে গিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে নাম লেখাতে চাইলেন। কিন্তু ছোট বলে বাছাই করার দায়িত্বে যারা ছিলেন তারা তাকে নিতে চাইলেন না। তার কান্না দেখে দায়িত্বপ্রাপ্ত অফিসাররা তাকে নিতে রাজি হলেন। আবু সালেক নাম লেখালেন মুক্তিযোদ্ধা হিসেবে। আগরতলা থেকে আবু সালেককে নিয়ে যাওয়া হয় মেঘালয়ে। মেঘালয়ে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প। সেখানে ট্রেনিং নিয়ে হয়ে উঠলেন দুর্ধর্ষ যোদ্ধা। বয়স্ক মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে লাগলেন। একবার তারা যুদ্ধ করেছিল এক গ্রামে। গ্রামটির নাম চন্দ্রপুর। আবু সালেক সেই যুদ্ধে ছিলেন বাঙ্কারে। সে এক ভীষণ যুদ্ধ প্রচ- গোলাগুলি চলছে। পাক বাহিনী ছিল সুবিধাজনক স্থানে। একপর্যায়ে আবু সালেকদের দলের টিকে থাকা কঠিন হয়ে গেল। এতগুলো প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধার প্রাণ বাঁচানোই আসল চিন্তা। অকারণে প্রাণ দেয়ার সময় সেটা নয়। প্রাণ বাঁচাতে হলে পিছু হটতে হবে। কিন্তু চাইলেই পিছু হটা যায় না। শত্রুপক্ষ যদি পিছু হটার ব্যাপারটা ধরে ফেলে তাহলে আর রক্ষা থাকবে না। এর জন্য ব্যাকআপ দরকার। যুদ্ধ চলতে থাকবে পিছু হটাও হবে। কিন্তু ব্যাকআপ দেবে কে? কে এই মরণ ফাঁদে পড়ে অনবরত গুলি চালাবে? কে শত্রুর চোখে ধূলো দেবে? এগিয়ে এলেন কিশোর আবু সালেক। ছোট কাঁধে তুলে নিলেন বড় দায়িত্ব। ক্রমাগত গুলি চালাতে লাগলেন পাকবাহিনীর ক্যাম্প লক্ষ্য করে। আর এই ফাঁকে নিরাপদ আশ্রয়ে সরে গেলেন অন্যরা। আবু সালেক কিন্তু গুলি থামালেন না। এক সময় পাক আর্মিরাও পিছু হটতে লাগল। আবু সালেক বাঙ্কারে থেকে গুলি করে যেতে লাগলেন। পাক বাহিনী সরে গেলে গোলাগুলি বন্ধ হলো। সারা রাত আবু সালেক বসে রইলেন বাঙ্কারে। রাত শেষে ভোর হলো। আবু সালেকের সঙ্গী মুক্তিযোদ্ধারা ভাবলেন, গোলাগুলি যখন থেমে গেছে আবু সালেক নিশ্চয়ই শহীদ হয়েছে। তারা বাঙ্কারে গিয়ে বিস্ময়ে হতবাক। আবু সালেক একা বসে আছেন বাঙ্কারে। বিস্ময়ের ঘোর কাটতেই খুশিতে নেচে উঠল ওদের মন। এমন অদম্য সাহসী এক কিশোর মুক্তিযোদ্ধাকে তারা হারাননি। তারা আবু সালেককে নিয়ে ক্যাম্পে ফিরে গেলেন।

মুক্তিযুদ্ধে অংশগ্রহণকৃত সকল বীর কিশোর মুক্তিযোদ্ধা আমাদের অহঙ্কার। সেসময় আমরা এরকম অনেক সূর্যসন্তান পেয়েছিলাম। আর তাই রক্তসাগর পারি দিয়ে হলেও স্বাধীনতার রক্তিম সূর্যটাকে হাতের মুঠোয় পেয়েছি। তাই বলতে ইচ্ছে করেÑ
‘যতদিন বাংলার আকাশে চন্দ্র-সূর্য-গ্রহ-তারা রইবে,
যতদিন বাংলার মাটিতে মানুষ থাকবে,
ততদিন মাতৃভূমির স্বাধীনতা সংগ্রামের
বীর কিশোর মুক্তিযোদ্ধাদের স্মৃতি
বাঙালির মানসপটে চির অম্ল­ান থাকবে।”
অষ্টম শ্রেণি, খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়, ঢাকা

পরিবর্তন

শাইরাকে আমি শুধু একটা কথা বলতে পারি না। ওর সাথে কত কথাই হয়। কিন্তু সে কি আসলে মানুষ না রোবটÑ এটা বলতে আমার মুখে বাধে। খুব সুনিপুণভাবে সে আমার সংসারের কাজকর্ম করে। চেহারা অত্যন্ত চমৎকার। দেখলেই মনে হয় মানবপ্রজাতি। মানুষের চেহারা এত সুন্দরÑ এটা আমি মেনে নিতে পারি না। তবে সে এতই রূপসী যে, কখনো মনে হয়Ñ সে বুঝি কোনো উচ্চ ক্ষমতাসম্পন্ন নারীরোবট। আমার স্বামী অনেক দয়ালুগোছের মানুষ। একদিন সন্ধ্যায় দেখি সে শাইরাকে নিয়ে হাজির। কোনো পূর্বপরিকল্পনা ছাড়াই শাইরাকে আমার কাছে নিয়ে এসে বলল, ওর নাম শাইরা, ওর একটা কাজের খুব দরকার। তাই ওকে আমাদের এখানে নিয়ে এসেছি। তুমি ঘরের সব কাজ একা করো। আজ থেকে ও তোমার সব কাজে সহযোগিতা করবে, কেমন? আমি এতে যে অনেক খুশি হয়েছিÑ তা না। আমার কোনো কাজই করতে কষ্ট বা অসুবিধা হয় না। বরং খুব আগ্রহ নিয়েই করি। তারপরও আমার স্বামী কোনো কারণে একে ধরে এনেছে তা ভেবেই পাই না।

যা-ই হোক, মেয়েটিকে (রোবটও হতে পারে) এনেছে ভালোই করেছে। আমি অন্তত কিছু কাজ থেকে রেহাই পেলাম। যেমনÑ আমার স্বামী এখন ওর সাথে হেসে হেসে গল্পগুজব করে। বিকেলে অফিস থেকে ফিরলে ও-ই চা বানিয়ে দেয়। আগে আমি খাওয়ার সময় খাবার পরিবেশন করতাম। এখন ও করে সেটা। আমি শুধু রেঁধে দিই। আমার স্বামী মজা করে খায়। বেশ ভালোই লাগে। আগে আমাকে নিয়ে ঘুরতে যেত, এখন দেখি ওকে নিয়ে খুব আনন্দে এখানে-ওখানে ইচ্ছেমতো বেড়াতে যাচ্ছে। কোথাও বেড়াতে যাওয়া আমার মোটেও ভালো লাগে না। মেয়েটি আসার পর থেকে আমি নিশ্চিন্তে সুখে আছি। কিন্তু আমার স্বামী তো খুব বাড়াবাড়ি করে ফেলছে ইদানীং। আমার দিকে এখন মনোযোগ দিয়ে তাকায়ই না, ভালো করে একটু আধটু কথাও বলে না। আগে আমি তাকে কত রকমের বই পড়ে শুনাতাম। তার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ে শুনাতাম। শুনেছি এই লোকটা নাকি সাহিত্যে নোবেলও পেয়েছিল। মোটকথা স্বামীর সেবায় আমি সবসময় ডুবে থাকতাম। আমার স্বামীও আমাকে খুব আদর যতœ করত। এখন হলোটা কী ওর? আমার অবশ্য খারাপ লাগে না। থাকুক না ও ওর মতো। ওই মেয়েটিকে (রোবট-ও হতে পারে) নিয়ে যদি সে বেশি সুখে থাকে, তাহলে আমার কোনও আপত্তি নেই। তোমাকে তোমার মতো থাকতে দিলাম, তুমি নিজেকে নিজের মতো গুছিয়ে নাও।
আমার স্বামী যে আমাকে চূড়ান্তপর্যায়ের অবহেলা করছে তা বুঝে ফেললাম সেদিন সকালবেলায়। আমি এক কাপ কফি বানিয়ে ওর সামনে গেলাম। তখন দেখি সে মেয়েটির (রোবট-ও হতে পারে) কোলে মাথা রেখে বাদাম খাচ্ছে। মেয়েটি (রোবট-ও হতে পারে) তাকে বাদামের খোসা ছাড়িয়ে দিচ্ছে। আমি অবশ্য বিষয়টা জটিলভাবে নিইনি। কিন্তু আমার স্বামী যখন বলল যে, আমার হাতের চা-কফি নাকি আজকাল ওর একদমই ভালো লাগে না। তখন থেকেই আমার বুদ্ধিমত্তায় কিঞ্চিৎ কী একটা যেন নাড়া দিয়ে উঠল। আমি ভাবতে লাগলাম আমার স্বামী আমাকে এখন স্ত্রী হিসেবে মেনে নেয় না। ওর আসলে হলোটা কী? ওই কাজের মেয়েটি (রোবট-ও হতে পারে) আসার পর থেকেই আমার স্বামী এমন হয়ে গেল কেন? আবার সেদিন বিকেলেই ঘুরতে গেল ওরা। আমাকে বলেও যায়নি পর্যন্ত। ফিরল অনেক রাত করে। আমি যে খাবারগুলো বানিয়ে রেখেছিলাম, ওগুলো রাতে খেলো না। বাইরে থেকে নাকি খেয়ে এসেছে। যখন শুনলাম মেয়েটিও খেয়ে এসেছে, তখনই বুঝলাম মেয়েটি আসলে পুরোপুরি মানুষ, রোবট না। আমার এত দিনের জমে থাকা সন্দেহ শেষ পর্যন্ত অবসান হলো। কারণ রোবটরা তো কোনো খাদ্য গ্রহণ করে না। আর এটা আমি খুব ভালো করেই জানি। মেয়েটি এতদিন এই বাসায় আমার স্বামীর সাথে কিছু খেয়েছিল কি নাÑ তা আমার চোখে পড়েনি অবশ্য।
আমার স্বামীকে এখন বলতে ইচ্ছে করেÑ ঘরে তোমার জলজ্যান্ত একটা স্ত্রী থাকতে অন্য একটা কাজের লোক রাখার কী দরকার? কিন্তু বলতে সাহসে কুলায় না। আমার বুদ্ধিমত্তায় এত সাহস মজুদ নেই। তবুও ইচ্ছে করে বলতে। কিন্তু ইচ্ছে করলেই তো আর হয় না। সাহস মজুদ থাকতে হয়। আমি তাই এত ঘাঁটাঘাঁটি করলাম না বিষয়টা নিয়ে।
আজকের দিনটা খুব ফুরফুরে। যদিও সকালে আকাশ কিঞ্চিৎ মেঘাচ্ছন্ন ছিল। বিকেলে আমার স্বামী তার কর্মস্থল থেকে ফিরে এসে বলল, তোমাকে এক জায়গায় নিয়ে যাব আজ। আমি খানিক ভেবে বললাম, কখন? সে বলল, এখনই। আমি আবার অল্পক্ষণ ভেবে বললাম, চলো। আমি আসলে এমনই। হুট করে যাবতীয় সিদ্ধান্ত নিতে হয়। আর এমন করেই আমাকে বলা হয়েছিল স্বামীর ঘরে আসার আগে।
স্বামী আমাকে নিয়ে গেল একটা বিশাল বড় ভবনের ভেতর। ভেতরে সবকিছু পরিপাটি করে সাজানো। তকতকে মেঝে, ওপরে লাইটিং ব্যবস্থাও উন্নত। একপাশে সারি সারি যন্ত্রপাতি। আমি একটু পরে বুঝলাম এটা আসলে একটা কারখানা। জায়গাটা আমার খুব চেনা চেনা লাগছে। মনে হচ্ছে আমি এর আগে এখানে ছিলাম। আমার এমন মনে হচ্ছে কেন? আমার স্বামী তারপর আমাকে নিয়ে গেল মিস্টার রিচ নামের এক ভদ্রলোকের কাছে। লোকটা বেশ লম্বা চওড়া। গাত্রবর্ণ ধবধবে সাদা, মাথায় ছোট ছোট বাদামি চুল। নাকের নিচে সামান্য গোঁফের রেখা। মিস্টার রিচ আমাকে বলল, কেমন আছো? আমি তৎক্ষণাৎ ভালো আছি বলে উত্তর দিলাম। তারপর তিনি কিছু যন্ত্রপাতি নিয়ে আমার গায়ে হাত দিলেন। আমি যেন ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছি। আমার স্বামী তখন একটু দূরে চেয়ারে বসে আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে।
দশ মিনিট অতিবাহিত হবার পর আমি মিস্টার রিচকে বললাম, ওই যে চেয়ারে বসে আছেনÑ উনি কে? মিস্টার রিচ বলল, উনি তোমার মনিব। যাও, উনার সাথে বাসায় চলে যাও।
মিস্টার রিচ তখন ওই লোকটাকে মানে আমার মনিবকে বলল, আজ থেকে ও আপনার স্ত্রীরোবট না। এত দিন তো স্ত্রীর ভূমিকায় কাজ করেছে। হা হা হা। স্ত্রী থেকে গৃহপরিচারিকা রূপে সেট করে দিয়েছি এখন। ঘরে তো সত্যিকারের স্ত্রী নিয়ে এসেছেন, ভাই। হা হা হা।
আমি চললাম আমার মনিবের সাথে তার বাসায়। আমাকে এখন কত কাজ করতে হবে। কিন্তু মিস্টার রিচ অকারণে কেন এত হাসল- আমি বুঝলাম না। এত বোঝার ক্ষমতা আমার বুদ্ধিমত্তায় মজুদ নেই। আমি একজন গৃহপরিচারিকা মাত্র। আমাকে কত কাজ করতে হবে এখন থেকে।

সিংহ ও দুষ্টু শিয়াল

এক বনে বাস করতো দুষ্টু এক শিয়াল। সে ছিল মিথ্যাবাদী আর অনেকটা চালাক। সে সবসময় বনের অন্য পশুপাখিকে বোকা বানাতো এবং তাদের মাংস খেয়ে পেট পুরো করতো। এভাবে চলতে চলতে বনের বেশিরভাগ পশুপাখি বিলীন হয়ে যেতে লাগলো! দুষ্টু শেয়ালের এমন কর্মকা-ে অন্যান্য পশুপাখি তাকে অবিশ্বাস করতো ও এড়িয়ে চলতো। আর এতে সেই শেয়ালের দুশ্চিন্তা বেড়ে গেল। কারণ খাবার খেতে না পারলে, সে না খেয়েই মরে যাবে! সেজন্য দুষ্টু শিয়াল তার মাথায় আনলো এক নতুন বুদ্ধি!

বনের রাজা সিংহের সাথে দেখা করে এক নতুন চুক্তি করলো সে। বিভিন্ন পশুপাখির বাড়ির সন্ধান সে সিংহকে দেবে। বিনিময়ে সিংহের শিকার করা খাবার তাকে অর্ধেক দিতে হবে। সিংহ অতটা চালাক না হলেও মাংস পাওয়ার লোভে শেয়ালের চুক্তিতে রাজি হয়ে গেল।
একদিন হাঁপাতে হাঁপাতে শিয়াল প-িত চলে এলো সিংহের গুহায়। ঘুমিয়ে থাকা ক্ষুধার্ত সিংহকে ডেকে তুলে জানায়, বনের গভীরে এক পাহাড়ের পেছনে বেশকিছু সুন্দর হরিণ বাস করে। সে যদি এখনই রওনা হয় তবে সব কটা হরিণ শিকার করতে পারবে। শেয়ালের এমন খবর শুনে সিংহ মশাই ঘুমন্ত শরীরে শক্তি ফিরে পেলো। সাথে সাথেই শেয়ালের সঙ্গে রওনা হলো হরিণ শিকারের উদ্দেশ্যে। সিংহ সামনে আর তার পেছনেই শিয়াল প-িত মনের খুশিতে হেঁটে চলেছে। শিয়াল মনে মনে ভাবছে আজ অনেকদিন পর সুস্বাদু হরিণের মাংস খাবে! সিংহকে দিয়ে সবগুলো হরিণ শিকারের পর অর্ধেক মাংস ভাগ পাবে সে। মাংসগুলো অনেক দিন পর্যন্ত চলে যাবে তার।
অনেক দূর হাঁটার পর দূরে একটা পাহাড় দেখা গেল। এদিকে হাঁটতে হাঁটতে সিংহের প্রচুর ক্ষুধা লেগে গেল। পেছন থেকে শিয়াল প-িত বলে উঠল, সিংহ মশাই আপনার আর কষ্ট করে হাঁটতে হবে না। আমরা চলে এসেছি। আপনার সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, তার পেছনেই বাস করে হরিণগুলো। আপনি চুপচাপ এগিয়ে গিয়ে ওদের ওপর আক্রমণ করুন। শিকার করা হয়ে গেলে আমাকে ডাকবেন। আমি আমার ভাগের অংশ বুঝে নেবো।
এর পর সিংহ নিশ্চুপ হয়ে আস্তে আস্তে পাহাড়ের পেছনে যায়। গিয়ে তো সিংহ অবাক! নেই কোনো হরিণ আর নেই কোনো মাংস! পুরো জায়গা ফাঁকা। সিংহ বুঝতে পারে যে, হয়তো হরিণগুলো খবর পেয়ে আগেই ঘর ছেড়ে পালিয়েছে। ক্ষুধার্ত সিংহ এই ঘটনা দেখে খুব রেগে গেল শিয়ালের ওপর। এবার সিংহ নতুন এক ফন্দি করল। সে ওখান থেকে বেরিয়ে শিয়ালের কাছে এসে বলে, ধন্যবাদ শিয়াল প-িত। আজ তোর জন্য অনেকগুলো হরিণ শিকার করতে পেরেছি। আমি পেটভরে খেয়েছি মাংস। তুই এসে তোর ভাগেরটা নিয়ে যা। এই খবরে দুষ্টু শিয়াল খুব খুশি হয়ে সিংহের সাথে পাহাড়ের পেছনে হরিণের বাসার দিকে যায়। গিয়ে দেখে সেখানটা পুরো খালি পড়ে আছে। না আছে কোনো হরিণ আর না আছে কোনো মাংস! এটা দেখার পর সিংহকে তার ভাগের অংশের ব্যাপারে জিজ্ঞেস করার জন্য যেই পেছনে তাকায়, অমনি ক্ষুধার্ত সিংহটা এক থাবায় শিকার করে ফেলে দুষ্টু শিয়ালটাকে। তার পর শিয়ালটাকে পুরোপুরি খেয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে বনের রাজা সিংহ।
(এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া যায়, অতি লোভ এবং মিথ্যা বলা মোটেও উচিত নয়। লোভের ফলে মৃত্যু হয়। আর অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়ে মরতে হয়।)