Home Blog Page 143

ছত্রাক মানুষ

নিকষ কালো রাত। আকাশে কোনো তারা নেই। বাতাস বইছে না। পাতলা কুয়াশার চাদর ঝুলছে চারদিকে। আমরা তখন প্রশান্ত মহাসাগরে। আমাদের ছোট মাছধরা জাহাজটি ঠিক কোথায় আছে তার সঠিক অবস্থান জানি না। সাত দিন ধরে সূর্যের দেখা মেলেনি। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এই ছোট জাহাজে আমি ছাড়া আর দুজন নাবিক রয়েছে। তারা ঘুমোচ্ছে।
ঘন অন্ধকারের ভেতরে ছপছপ করে এগিয়ে যাচ্ছি। চারপাশে কেউ যেন আলকাতরা গুলে দিয়েছে। সেই অন্ধকারের ভেতরে হঠাৎ একটি ক্ষীণ কণ্ঠস্বর শুনে চমকে উঠলাম।
কেউ যেন দুর্বল কণ্ঠে বলছে, এই জাহাজ…এই জাহাজ…।
সমুদ্রে কে এমনভাবে আমাদের ডাকছে? আবার শুনতে পেলাম সেই আকুল ডাক। শরীরটা কেমন শিরশির করে উঠল। আমি এবার একটু সাহস সঞ্চয় করে বললাম,
কে তুমি? কী চাচ্ছ? কোথায় তুমি?
অন্ধকার সমুদ্রে আমার ডাককে কেমন অদ্ভুত শোনাল। খানিক পরেই উত্তর পেলামÑ
ভয় পাবার কিছু নেই। আমি একজন বুড়ো মানুষ। তাহলে আমার পাশে আসছ না কেন? সামনে এসো। …না, আমি তা এখন পারছি না। আর সেটা নিরাপদও হবে না। কী বলতে চাইছ তুমি? নিরাপদ হবে না মানে? কে তুমি?
আর কোনো উত্তর পাওয়া গেল না। অদ্ভুত ব্যাপার। আমি তাড়াতাড়ি কয়লা ঘরে ঢুকে একটা বাতি নিয়ে এলাম। ঘন অন্ধকারে বাতির আলোটাকে কেমন ভুতুড়ে দেখাচ্ছে। আমি রেলিংয়ে ঝুঁকে বাতিটা উঁচু করে ধরে আলো ফেলার চেষ্টা করলাম। তখন সমুদ্রে একটা কান্নার শব্দ শুনলাম। বাতির ক্ষীণ আলোয় মনে হলো কেউ যেন একটা নৌকা বেয়ে যাচ্ছে। আমাদের জাহাজের একজন নাবিক তখন জেগে উঠেছে।
কী হয়েছে জর্জ? এদিকে একটু এসো। নাবিক উইল ঘুমভাঙা চোখে এলো। আমি তাকে তখন এই অদ্ভুত ঘটনাটি বললাম। উইল বেশ সাহসী। সে চিৎকার করে বলল, এই নৌকো! এই নৌকো!
সমুদ্র থেকে উত্তর এলো, বাতিটা নিভিয়ে দাও।
উইল আমার হাত থেকে বাতিটা নিয়ে কয়লা ঘরে রেখে এলো। দাঁড়ের শব্দ পাওয়া যাচ্ছে। কিছু দূর এসে শব্দটা বন্ধ হলো। উইল জোর গলায় বলল, আমাদের কাছে এসো। এখানে ভয় পাবার কিছু নেই।
অন্ধকার সমুদ্র থেকে শব্দ এলো, কথা দাও এদিকে কখনো আলো ধরবে না। আমি অবাক হলাম। নিশি রাতের বুড়ো লোকটি বুঝি আলো সহ্য করতে পারে না। আবার শব্দ এলো, আমার সাথে আরো একজন আছে। আমার স্ত্রী।
উইল বলল, আমরা তো আলো সরিয়ে ফেলেছি। এবার কাছে এসো। তোমাদের কথা বলো।
দাঁড় বাওয়ার শব্দ পাওয়া গেল। নৌকাটা এগিয়ে আসছে। একসময় দাঁড়ের শব্দ থামল। আমি অন্ধকারের দিকে তাকিয়ে বললাম, কী চাও আমাদের কাছে?
খাবার চাই। খুব ক্ষুধার্ত আমরা। আমার স্ত্রীকে দ্বীপে রেখে এসেছি। উইল কেবিন ঘর থেকে খাবার নিয়ে এলো। নাও, খাবার নাও। কাছে এসো। বুড়ো উত্তর দিলো, আমি আসতে সাহস পাচ্ছি না।
অবাক হলাম। বৃদ্ধ খাবার যন্ত্রণায় ছটফট করছে। অথচ কোনো এক অজানা ভয়ে খাবার নিতে আমাদের জাহাজের কাছে আসতে সাহস পাচ্ছে না। আমরা তখন ভাবলাম, একটা বাকসে ভরে খাবার ভাসিয়ে দেই। তাই করলাম।
তোমার কাছে আমরা খাবার পাঠাচ্ছি।
কিছুক্ষণ পর অন্ধকার থেকে একটা আনন্দের শব্দ ভেসে এলো। বুঝলাম অদৃশ্য লোকটা খাবারের বাক্সোটি পেয়েছে। খানিক পর লোকটি আমাদের বিদায় সম্ভাষণ জানাল। আবার দাঁড় টানার শব্দ পেলাম।
ঘন অন্ধকার সমুদ্রে আমরা বিস্ময়কর এক ঘটনার মুখোমুখি হলাম। অদৃশ্য লোক আবার ফিরে আসছে। দাঁড়ের শব্দ ক্রমশ কাছে আসছে। আমাদের জাহাজের সামান্য দূরে এসে থামল। অন্ধকার থেকে আবার ভেসে এলো সেই বিচিত্র শব্দ।
এই জাহাজ? আবার এসেছ তুমি?
হ্যাঁ। চলেই গিয়েছিলাম। কিন্তু তোমাদের ভালো ব্যবহার পেয়ে ঠিক করলাম, আমাদের জীবনে যে অদ্ভুত ঘটনা ঘটেছে তা তোমাদের বলব। দুর্ভাগ্যজনক জীবন আমাদের। সেই কত দিন থেকে দুর্বিষহ জীবনের বোঝাকে টেনে নিয়ে বেড়াচ্ছি। কত দিন থেকে? সেই অ্যালবাট্রোস জাহাজডুবির পর থেকে।
আমাদের মনে পড়ল ওই জাহাজটি নিউ ক্যাসেল থেকে মাস ছয়েক আগে ফ্রিসকোর দিকে রওনা দিয়েছিল। এর পর থেকে ওই জাহাজটির আর কোনো খবর নেই।
কী হয়েছিল অ্যালবাট্রোস জাহাজের?
প্রবল এক ঝড়ের মধ্যে পড়েছিল। জাহাজের মাস্তুল ভেঙে গেল। পাল ছিঁড়ে গেল। ভোরে দেখি জাহাজের নিচে মস্ত বড় ফুটো। কলকল করে পানি ঢুকছে। জাহাজ ডুবে যাচ্ছে। অন্য নাবিকেরা লাইফ বোটে উঠে পড়েছে। শুধু আমি আর আমার স্ত্রী মালপত্র গোছাতে দেরি করায় তারা আমাদের ফেলে চলে গেল। আমরা তখন কোনোমতে ছোট্ট একটি ভেলা বানিয়ে তাতে উঠে পড়লাম। তারপর ভেসে গেলাম অজানার উদ্দেশে। ভোরবেলায় দেখলাম, আমরা একটি লেগুনের মধ্যে ঢুকে পড়েছি। পাতলা কুয়াশার ভেতরে দেখলাম সামনে একটি জাহাজের কাঠামো ভাসছে। আমাদের ভেলাটি ওই জাহাজের কাছে গেল। চিৎকার করে ডাকাডাকি করলাম কিছুক্ষণ। জাহাজ থেকে কোনো প্রত্যুত্তর পেলাম না। ভেলাটিকে জাহাজের এক পাশে নিয়ে লাগালাম। একটা কাছি ঝুলছে। সেটাকে ধরে ওপরে উঠতে আরম্ভ করলাম। কাছিটি বেশ পিছল। এক ধরনের ধূসর শ্যাওলা কাছিতে জড়িয়ে ছিল। ফলে উঠতে বেশ কষ্ট হচ্ছিল। জাহাজের গায়েও ওই রকম শ্যাওলার আস্তরণ দেখলাম। কোনোমতে হাত-পা দিয়ে আঁকড়ে ডেকে প্রবেশ করলাম। শরীরের অনেক অংশ ঘষ্টানিতে ছিলে গেল। গিয়ে দেখি ডেকজুড়ে শ্যাওলা ছড়িয়ে আছে। মনে হলো এগুলো বিশেষ এক জাতের ছত্রাক। কোনো কোনোটি শলাকার পি-ের মতো। কোনো কোনোটি আবার কয়েক ফুট উঁচু। জাহাজটিতে কোথাও কোনো মানুষের দেখা পেলাম না। অন্য পাশে একটি দড়ির মই দেখতে পেলাম। আমার স্ত্রী সেটা বেয়ে ওপরে উঠে এলো। আমরা তখন জাহাজের দুটো কেবিনকে পরিষ্কার করলাম, যাতে কোনোরকমে সেখানে থাকা যায়। অল্প পরিমাণে খাবার পেলাম। তবে পরিষ্কার পানির পাত্র পেলাম।
ক’দিন আমরা জাহাজেই কাটালাম। বিস্মিত হয়ে দেখলাম, ছত্রাকের সেই গোলাকার পি-গুলো বড় হয়ে কেবিনের মেঝে ও দেয়ালকে ছেয়ে ফেলেছে। আমরা সেগুলো চেঁছে পরিষ্কার করলাম। কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো, চব্বিশ ঘণ্টার মধ্যেই তারা আবার আগের মাপে বেড়ে উঠল।

সাত দিন পর এক সকালবেলা আমার স্ত্রী তার মুখের পাশে একটা ছোট ফুটকি দেখতে পেল। আমি তা দেখে একটু চমকে উঠলাম। বুঝলাম জাহাজে থাকা মোটেই নিরাপদ নয়। তাড়াতাড়ি জিনিসপত্র গোছাতে লাগলাম। ধূসর ছত্রাক তাদের কাজ শুরু করে দিয়েছে। আমার স্ত্রীর গালের মাঝেও তা ছড়িয়েছে।
ভেলাটি তখনো জাহাজের পাশে ছিল। আমি সেটায় করে তীরে পৌঁছলাম। যতই তীরের কাছাকাছি হচ্ছি দেখছি, সেখানে যেন ছত্রাকের এক ভয়ঙ্কর দাঙ্গা বেধে গেছে। কোথাও ঢিবির আকারে সেগুলো গজিয়ে উঠেছে। বাতাসে সেগুলো কেঁপে ওঠে। কোথাও তা বিরাট আঙুলের মতো। কোথাও মাটির সাথে মসৃণভাবে লেপটে রয়েছে।
সমুদ্রের তীরে এমন কোনো স্থান নেই যেখানে এ ধরনের ছত্রাক লুকানো অবস্থায় ছিল না। বেশ কিছু দূর যাবার পর আমরা একটা ফাঁকা জায়গা পেলাম। বালুময় জায়গা। সেখানে কোনো ছত্রাক নেই। বাকি সব জায়গা ধূসর ছত্রাকে ভরা। থিকথিক করছে। এটাই অন্তত একটি জায়গা যেখানে কোনো ছত্রাক নেই। সেখানে আমাদের জিনিসপত্র রাখলাম। আমি আবার জাহাজে ফিরে গেলাম। সেখান থেকে সংগ্রহ করলাম একটি পাল। তা দিয়ে আমি দুটো তাঁবু তৈরি করলাম।
সপ্তাহখানেক কেটে গেল কোনো ঝুটঝামেলা ছাড়াই। একদিন আমার স্ত্রী দেখল তার ডান হাতের বুড়ো আঙুলে সেই ফুটকি চিহ্ন। একটি গোল দাগ। ধূসর বর্ণের একটি আঁচিল। দেখে আমি ভীষণ ভয় পেলাম। আমার স্ত্রী বলল, তোমার মুখের পাশে, কানের কাছে, চুলের নিচে ওসব কিসের দাগ? বুঝলাম জীবাণু আমাদের আক্রমণ করেছে। মৃত্যুচিন্তা আমাদের আচ্ছন্ন করল। একবার ভাবলাম জিনিসপত্র নিয়ে সমুদ্রে ফিরে যাই। কিন্তু অসহায় আমরা। ধূসর ছত্রাক আমাদের শরীরের কোষপি- আক্রমণ করেছে।
আমাদের তখন সেই নির্জন উপত্যকায় অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। ধূসর ছত্রাক ক্রমাগত বৃদ্ধি পেতে লাগল। আমরা তার বিরুদ্ধে লড়াই করে চলেছি।
মাঝে মাঝে যেতাম সেই ভাঙা জাহাজটিতে। ভাড়ারে খোঁজ করতাম খাবারের। সেখানেও তখন বেড়ে চলেছে ছত্রাক। ডেকে গজিয়ে ওঠা ছত্রাক-পি-গুলো তখন আমার মাথাসমান উঁচু হয়ে গেছে। বুঝতে পারছিলাম, এই দ্বীপ ছেড়ে যাওয়ার কোনো উপায় আমাদের নেই। মারাত্মক এক রোগ আমাদের আক্রমণ করেছে। এ নিয়ে সুস্থ সমাজে আর কোনোভাবেই ফিরে যাওয়া যাবে না। বুড়ো লোকটির কণ্ঠস্বর আর্দ্র হয়ে এলো।
আমাদের খাদ্যসঙ্কট দেখা দিলো। লেগুনে মাছ ধরার চেষ্টা করলাম। ব্যর্থ হলাম। এরপর গেলাম সমুদ্রে মাছ ধরতে। অল্প পরিমাণে মাছ পাই। এ দিয়ে আর ক্ষিদে মেটে না।

ক’দিন ছত্রাকের জঙ্গলে প্রবেশ করলাম। হঠাৎ বাম দিকে একটা কর্কশ শব্দ শুনতে পেলাম। সাথে সাথে সেদিকে ফিরে দেখি, আমার কনুইয়ের পাশে বিভিন্ন আকারের ছত্রাক লকলকিয়ে দুলছে। মনে হলো তাদের যেন প্রাণ আছে। হঠাৎ সেদিকে তাকিয়ে থাকতে থাকতে একটি অদ্ভুত রকমের চিন্তা আমার মাথায় এলো। মনে হলো এই অদ্ভুত আকারের ছত্রাকগুলো হলো বিকৃত চেহারার মানুষ। আমার মাথায় ঝিলিক দিয়ে গেল এই চিন্তাটা। কান্নার ধ্বনি শুনতে পেলাম। একটা শাখার মতো হাত, তার চারপাশের গুল্মলতা থেকে বিচ্ছিন্ন হয়ে ধেয়ে আসছে আমার দিকে। এক ভয়াবহ বিচিত্র রোগ আমাদের ক্রমশ অস্থির করে তুলল। আমাদের শরীরে সেই কোষপি- অস্বাভাবিক দ্রুততার সাথে ছড়িয়ে গেল। কোনো কিছুতেই আর প্রতিরোধ করা গেল না। আমরা যে একদিন মানুষ ছিলাম তা ধীরে ধীরে লুপ্ত হলো। দিন দিন বৃদ্ধি পেল ছত্রাক খাবার স্পৃহা। আমরা পরিণত হয়েছি। ছত্রাকের গুল্মে। আজ সমুদ্রে এসেছিলাম মাছ ধরতে। তোমাদের জাহাজ দেখে খাবারের জন্যে ডাক দিলাম। তোমরা আমাদের অনেক উপকার করেছ। খাবার দিয়েছ। বিদায়।
তখন ভোর হয়ে আসছে। হালকা আলো চার পাশে। সমুদ্রের বুকে নরম আবহাওয়া। আমরা দেখতে পেলাম অপসৃয়মাণ নৌকাটিকে। দাঁড়ের পাশে যেন বসে রয়েছে স্পঞ্জের একটা পি-। রহস্যময় ছত্রাক মানুষ। ওই মানুষের কোষপি-ে গজিয়েছে ধূসর শৈবাল। কী অদ্ভুত পরিণতি! মাথা নিচু করে দাঁড় টানছে ছত্রাক মানুষ। দ্বীপে রয়েছে ওর স্ত্রী। ওরা আর কোনো দিন সভ্যসমাজে ফিরে আসবে না। ।
কুয়াশার ভেতরে ধীরে ধীরে মিলিয়ে গেল সেই বিচিত্র প্রাণী। দাঁড় টানার শব্দ আর পাওয়া যাচ্ছে না।
উইলিয়াম হোস হডসনের কাহিনী অবলম্বনে

হিংসুটে মন

আল্লাহ সুবহানা ওয়া তাআলা যখন আদম আ. কে সৃষ্টি করলেন, তাঁকে সম্মানিত অবস্থানে আসীন করলেন তখন আরেকজন সম্মানের জায়গায় ছিলো। তার পদবী হয়েছিল মুয়াল্লেমুল মালাইকা। অর্থাৎ ফেরেশতাদের শিক্ষক। ফেরেশতারা তার কাছ থেকে ইবাদাতের নিয়ম কানুন শিখতো। কিভাবে আল্লাহর গুণগান গাইতে হবে তা শিখতো। তার নাম ছিল ইবলিশ। হযরত আদম আ.কে সেজদা করতে অস্বীকৃতি জানানোর কারণে আল্লাহ তার সকল সম্মান মর্যাদা কেড়ে নেন। তাকে শায়তানির রাজীম-বা বিতাড়িত শয়তান ঘোষণা করেন। তখনো সে উর্ধ্বজগতে ছিল। কিন্তু সৃষ্টিজগতে তার মধ্যে প্রথম একটি খারাপ বৈশিষ্ট্য শুরু হলো। তা হচ্ছে হিংসা। হযরত আদম আ. এর সম্মান মর্যাদার প্রতি প্রচ- রকম হিংসা শুরু হলো শয়তানের। কিভাবে আদম আ. কে জান্নাত থেকে তাড়ানো যায়, তার কূটকৌশল চালতে শুরু করল সে। একসময় সফল হয়ে গেল। আল্লাহ হযরত আদম আ.কে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। একইসাথে শয়তানও পৃথিবীতে চলে এলো। তার হিংসার ভান্ডার নিয়ে। পৃথিবীতে আসার আগেই সে আল্লাহর সামনে শপথ করে এসেছে যে সব মানুষকেই সে পথভ্রষ্ট করবে, আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিবে। মানুষের মধ্যে হিংসা, ঘৃণা আর হানাহানি ছড়িয়ে শয়তান সে উদ্দেশ্য বাস্তবায়ন করে যাচ্ছে যুগ যুগ ধরে। পৃথিবীতে প্রথম হত্যার ঘটনাটিও হিংসার ফলেই সংগঠিত হয়। হাবিলের প্রতি হিংসার বশবর্তী হয়ে কাবিল তাকে হত্যা করে। শয়তান কাবিলকে হিংসুটে করে তুলেছিল। সুতরাং বুঝতেই পারছো হিংসার প্রভাব কতটা ভয়াবহ।
হিংসা আসলে কী? ধরা যাক তোমার কোনো বন্ধু ক্রিকেটে খুব ভালো। তার বোলিং, ব্যাটিং অসাধারণ। তোমার ব্যাচের ক্রিকেট টিম গঠন হলে সে অগ্রাধিকার পায় টিমে। তুমি হয়তো মোটামুটি ক্রিকেট খেলো। টিমে তার অগ্রাধিকার দেখে তোমার মধ্যে দুই ধরনের অনুভূতি তৈরী হতে পারে- ১। ওর মতো ভালো খেলা যদি খেলতে পারতাম! ২। ও এত ভালো খেলে কেন? ওর কারণে আমরা দলে জায়গা পাই না, ওরে আর খেলতে দেয়া যাবে না। প্রথম অনুভূতিটা তোমাকে এগিয়ে নিতে সহযোগিতা করবে। তোমার ভেতরে আরো ভালো খেলার উদ্দীপনা তৈরি করবে। এটাকে বলে ঈর্ষা। এটি কল্যাণকর।
দ্বিতীয় অনুভূতি অকল্যাণকর। এই অনুভূতি এলে তোমার মাথায় কূটবুদ্ধি তৈরি হবে। বন্ধুবান্ধব নিয়ে তুমি সেই বন্ধুটির ক্ষতি করার চেষ্টা করবে। হয়তো শিক্ষকের কাছে তার নামে অপবাদ অভিযোগ করবে অথবা তার শারীরিক ক্ষতি করবে। এটার নামই হিংসা। হিংসার আগুন তোমার ভেতরে দাউ দাউ করে জ্বলতে থাকবে। যতক্ষণ ওর ক্ষতি করতে না পারছো ততক্ষণ এই আগুন নিভবে না। আর এই আগুন জ্বলতে থাকা অবস্থায় অন্য কোনো ভালো চিন্তাও তোমার মাথায় ঠিকমত খেলবে না। এজন্য রাসুল সা. বলেছেনÑ ‘হিংসা আগুনের ন্যায়। আগুন যেমন লাকড়িকে খেয়ে ফেলে, হিংসাও তেমনি নেক আমলকে খেয়ে ফেলে। ’
আমরা বেশিরভাগ ক্ষেত্রে নিজের উন্নয়ন করতে পারিনা কারণ আমরা অন্যের ক্ষতি করার জন্য নিজেদের বুদ্ধি কাজে লাগাতে থাকি। সেটা হিংসার কারণেই। শুধুমাত্র হিংসার কারণেই অনেকের অধ:পতন হয়ে যায়। সে বুঝতেও পারে না। নবীজী সা. যখন অল্পবয়স্ক তখনও তিনি সবার কাছে আদুরে ছিলেন। তার চলাফেরায় জ্ঞান এবং সৌন্দর্য ফুটে উঠতো বলে যেকোনো সভায় গেলে বয়স্করা তাকে আদর করে কাছে টেনে নিতেন। সেসময় আবুল হাকাম (পরবর্তীতে যার নাম হয় আবু জাহেল) তাকে হিংসা করতেন। পরবর্তীতে নবীজি সা. দ্বীনের প্রচার শুরু করলেন, তখনও তাঁর জ্ঞানের কারণে আবু জাহেল তাকে হিংসা করত। মক্কার প্রভাবশালীরা নিজেদের প্রভাব এবং জনপ্রিয়তা নষ্টের ভয়ে নবীজিকে হিংসা করে তাকে হত্যারও ষড়যন্ত্র করেছিল। মদীনাতে যখন নবীজি সা. এলেন তখন মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির নেতৃত্বকে হিংসা শুরু করে দেয়। নবীজি আসার আগ পর্যন্ত সে ছিল মদীনার অন্যতম বড় নেতা। কিন্তু নবীজি সা. যখন একচ্ছত্র নেতৃত্বের অধিকারী হন, তখনই তার হিংসা শুরু হয়। হিংসার কারণে তার মধ্যে ঈমান কাজ করেনি। সে মুনাফিক অবস্থাতেই মৃত্যুবরণ করে।
হযরত ইউসুফ আ. এর ভাইয়েরা তাকে হিংসা করত। কারণ তার বাবা তাকে বেশি আদর করতেন। হিংসার কারণে একসময় তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে হত্যার পরিকল্পনা করে। পরে হত্যা না করে তাকে কুয়ায় ফেলে দিয়ে আসে। শুধুমাত্র হিংসার ফলে তারা আপন ভাইয়ের ক্ষতি করতে দ্বিধা করেনি।
হিংসা খুবই খারাপ স্বভাব। হিংসুটে ব্যক্তি যেকোনো ক্ষতি করে ফেলতে পারে। সেজন্য হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহ দোয়া করতে বলেছেন। নবীজি যখন দ্বীন প্রচার করছিলেন তখন এক ইহুদী নারীর মাধ্যমে নবীজিকে জাদু করা হয়। জাদুর প্রভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন আল্লাহ সুরা ফালাক এবং সুরা নাস নাযিল করেন। এই সুরার মাধ্যমে তিনি জাদুর ক্ষতি থেকে মুক্তি পান। এই দুটো সুরা পড়লে হিংসুকের ক্ষতি থেকে বাঁচা যাবে। হিংসা যেকোনো বিষয় নিয়েই হতে পারে। কারো জ্ঞান, সম্মান, সম্পদ, গুণ, বংশ, সৌন্দর্য, পেশা, প্রতিষ্ঠান সব কিছু নিয়েই হিংসা হতে পারে।
হিংসুক থেকে নিজেরা বাঁচতে হবে এবং নিজেরাও হিংসা করা থেকে বাঁচতে হবে। সেটা কিভাবে? প্রথমত মানুষের ব্যাপারে ভালো ধারণা পোষণ করতে হবে। মানুষের ব্যাপারে ভালো ধারণা পোষণ করা নবী রাসুলদের বৈশিষ্ট্য। দ্বিতীয়ত, সর্বদা মানুষের কল্যাণ কামনা করা। বেশি বেশি সালামের প্রচলন করা। নবীজী সা. সালাম বা শান্তি ছড়িয়ে দিতে বলেছেন। যাকে অন্তর থেকে সালাম দেয়া হয়, তার প্রতি হিংসা আনা যায় না। তাই সবাইকে সালাম দিতে হবে এবং সেটি অবশ্যই আন্তরিকতার সাথে দিতে হবে। তার কল্যাণ কামনা করতে হবে। যদি তার মধ্যে কোনো খারাপ বৈশিষ্ট্য থেকে থাকে তাহলে আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ তাকে ভালো পথ দেখান, তার অন্তর পরিবর্তন করে দেন।
তৃতীয়ত, হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কারো প্রতি হিংসার মনোভাব তৈরি হলে নিজে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং সেই ব্যক্তির জন্যও আল্লাহর কাছে দোয়া করতে হবে। রাসুল সা. বলেছেনÑ যারা নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ রাখে, আল্লাহর দরবারে তাদের নেক আমল পৌঁছানো হয় না। সুতরাং হিংসার বাজে স্বভাব থেকে আমরা সবাই দূরে থাকার চেষ্টা করব।
হিংসামুক্ত হলে তোমার উপকার কী? হিংসামুক্ত হলে তোমার বন্ধু সংখ্যা বাড়বে। কারণ হিংসা বন্ধুকে শত্রু বানিয়ে দেয়। হিংসামুক্ত হলে তুমি নিজের দিকে মনোযোগী হবার সময় পাবে। হিংসামুক্ত হলে তোমার মধ্যে গীবত করা বা গীবত শোনার ইচ্ছে হবে না। কারণ হিংসার প্রথম ধাপই হলো গীবত। কাউকে হিংসা করলে পেছনে আমরা তার বদনাম করি। হিংসামুক্ত হলে তুমি সেটি করতে আগ্রহী হবে না। হিংসামুক্ত হলে তোমার মধ্যে ঈমান পরিপূর্ণ হবে। কারণ যে হৃদয় হিংসার আবর্জনায় পূর্ণ তাকে তাতে ঈমানের নূর প্রবেশ করতে পারে না। হিংসামুক্ত হলে তোমার ইবাদাত, নেক আমলগুলো আল্লাহর কাছে বিশুদ্ধরুপে পৌঁছবে।
আমরা যদি একটি মোটর সাইকেল রেসের কথা কল্পনা করি, তাহলে বিষয়টি আরো সহজভাবে ভাবা যায়। মোটর সাইকেল রেসে তুমি নিজের মোটরসাইকেলের গতি বৃদ্ধি করে, নিজের চালানোর দক্ষতা বাড়িয়ে প্রথম হতে পারো। আবার গেমসে যেমন দেখায়, চলার সময় সামনের মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েও নিজে এগিয়ে যেতে পারো। সেক্ষেত্রে নিজেও পড়ে যাবার সম্ভাবনা থাকে। কোনটা ভালো? নিঃসন্দেহে নিজের যোগ্যতা বৃদ্ধি করে প্রথম হওয়াটাই অভিনন্দনযোগ্য। তাই চলো হিংসামুক্ত কল্যাণকর সমাজ গড়ি।

ফুলের গন্ধ বিলাবে

ফারহান হাসিন (রাজিন) তার জন্মদিনটা কবে, কত তারিখ, এটা তার মুখস্থ। এখন আর ঘুম ভাঙতেই ওকে বলতে হয় না, হেপি বার্থডে টু ইউ রাজিন। ব্যাপক উদ্দীপনা নিয়ে অপেক্ষার প্রহর গুনতে শুরু করে সেই রোজার ঈদের পরপরই। ১০ আগস্ট আসার আগেই ক্যালেন্ডারের পাতায় কাক্সিক্ষত তারিখের ওপর বারবার চোখ বুলায়। তাকে অবহিত করি যে, জন্মদিনের জন্য আরো কিছু দিন অপেক্ষা করতে হবে।

আমরা জুনের ৯ তারিখ ফেনীতে যাবার পর আগস্টের ৩ তারিখ পর্যন্ত অবস্থান করি। ওর খুব ইচ্ছে ছিল নানার বাসায় কিংবা দাদার বাসায় সবার সাথে জন্মদিনের অনুষ্ঠান করবে। সবাইকে জানিয়ে দেয় ওর আনন্দের তারিখটা। এই লম্বা সময়ে রাজিন ওর প্রিয় কাজিন ইয়াস, নাবিহা, পাবিহা, আনাস ও আরাফের সাথে চমৎকার খুনসুটিতেই না মেতে ছিল, তা বলে শেষ করা যাবে না। ইয়াস ওর বড় খালার একমাত্র ছেলে। নাবিহা, পাবিহা বড় চাচ্চুর মেয়ে আর আনাস ও আরাফ ছোট চাচ্চুর ছেলে। ছোট ফুফির একমাত্র ছেলে ফাইজানকেও খুব অল্প সময়ের জন্য পেয়েছিল। দারুণ এক ব্যাপার হলো, শিশুরা সারাক্ষণই আনন্দে মেতে থাকাই পছন্দ করে। কখনো হাসিখুশি, আবার দেখা যাবে হাসি খুশির মাঝেই ঝগড়া, রাগ-অনুরাগ ভুলে আবারো মিলেমিশে খেলাধুলায় হারিয়ে যাওয়া শিশুদের একটি ন্যাচারাল বিষয়। এসব দেখে আমার খুব ভালো লাগে, আনন্দ পাই। শিশুদের নির্মল আনন্দে বড়দের বা অভিভাবকদের খেয়াল রাখাও জরুরি। রাজিন টাকমাথা দেখলেই মজা পায়। যে দু’একটা টাকমাথা পেয়েছে, সুযোগ পেলেই টাকমাথায় কখনো হাত দিয়ে কখনোবা মাথা দিয়ে ঘষা দেয়া কিংবা মাথায় মাথায় আলতো করে ব্যথা দেয়া ছাড়াও অনেক রকম মজা করার চেষ্টা অব্যাহত রাখে। টাকমাথাকে খেলনাজাতীয় কিছু একটা মনে করেই মজা করা।

ওর বড় ফুফি তানিয়ার বাসায় বেড়াতে গিয়ে ভীষণ আনন্দ পায়। বাকিদের আদর আপ্যায়ন সব ভুলে যায়। বড় ফুফির বাসায় ওর প্রভাপি, রাফা ও রিদার সঙ্গে বেশ মজার সময় কেটেছে। নবজাতক রিদাকে কোলে নেয়ার জন্য দুহাত মেলে দিয়ে বলে, দাও দাও, রিদাকে আমার কোলে দাও। কিছুটা সময় কোলে নিয়ে খুব খুশি। রাজিন ফুটফুটে মেয়েশিশুকে দেখলেই বলবে, বাবা, আমার যদি একটা মেয়ে বোন থাকতো। কখনোবা বলবে, বাবা আমি কখন একটা মেয়েবোন পাবো? যা হোক, ফুফির আদর আপ্যায়নে ওর খুশির শেষ ছিল না। ফুফিকে জন্মদিনের মজাদার কেক বানিয়ে দিতে বলে। ওর মিষ্টি মিষ্টি কথায় ফুফি কনভিন্সড হয়ে যায়। ফুফি ওকে প্রমিজ দেয়, কেক বানিয়ে দেবে। রাজিন আমাকে সব বলে দেয়। দুপুরে মোরগ পোলাওসহ আরো কী কী খেতে চায় সেসবও।

এরপর কুরবানির ঈদের দিনসহ তিন দিন গ্রামের বাড়িতে কাটানো হয়। সকালে দেরিতে ঘুম থেকে ওঠায় গরু-ছাগল কুরবানি না দেখলেও কাজিনদের সঙ্গে কুরবানির পশুর গোশত কাটাকুটার দৃশ্য তাকে মুগ্ধ করে। তবে বাড়িতে ছোটবড় হরেক রকমের গাছগাছড়া দেখা, পুকুরে মাছ দেখা, হাঁস-মুরগি গরু -ছাগল দেখেও ওর বেশ ভালো লাগে। ওর বার বার তাড়া খেয়ে মুরগির বাচ্চাগুলো বেশ হাঁপিয়ে ওঠে। তাছাড়া সবুজের মাঝে খোলামেলা জায়গায় নাবিহা, পাবিহা, আনাস আরাফের সঙ্গে রাজিনের ঝগড়াঝাঁটি ছাড়া ছোটাছুটিতে বেশ দারুণ সময় কেটেছে।
এরপর ৪ আগস্ট রাতে আমরা ঢাকায় ফিরি। পথিমধ্যে রাজিন গম্ভীর মুখে কাঁদো কাঁদোভাবে খুব আস্তে করে বলে- বাবারে?
– বলো।
– আমার তো সবার জন্য কান্না আসছে।
আমি বললাম, তাই নাকি?
– হ্যাঁ।
সত্যি, আমারও ভীষণ খারাপ লাগছিল। ৯ জুন থেকে ৪ আগস্ট অপরাহ্ণ পর্যন্ত প্রায় দু’মাস। এ দীর্ঘ সময়ের মধ্যে বাবা-মা, শ্বশুর-শ্বাশুড়ির নিবিড় স্নেহমমতা, আর উভয় পরিবারে প্রিয় ভাইবোনদের সীমাহীন আন্তরিকতার কথা মনে করতেই কেমন যেন আনমনা হয়ে যাই। বুকের ভেতর কেমন যেন অসীম শূন্যতা অনুভূত হয়। এসব ভুলতে পারি না। ভোলার মতো নয়। রাজিন তো শিশু। অথচ আমি বড় হয়েও সবাইকে ভীষণ মিস করছি। সবার কথা মনে করেই ভীষণ খারাপ লাগে। আপনজনের কথা মনে করে খারাপ লাগাটা খুব ন্যাচারাল। মায়াময় চাহনিগুলো বারেবারে চোখে ভাসছে। দয়াময় আল্লাহ যেন প্রিয় বাবা-মা, শ্বশুর-শ্বাশুড়ি ও ভাইবোনদের রহমতের চাদরে ঢেকে দিন। তিনি যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমিন। মনের অজান্তেই তাদের জন্য দোয়া করি। ফেনী থেকে ঢাকার জার্নিতে কত কথাই মনে পড়ছে। ভাবতে ভাবতেই দিগন্তজোড়া আকাশের দিকে চেয়ে থেকে মেঘদের ছুটে চলা দেখছি। দারুণ দৃশ্য। কী চমৎকার দেখতে। আমার ভাবনায় ছেদ পড়ে। রাজিন মৃদুস্বরে ডাকছে, বাবা।
– হুঁ, বলো।
– আমাদের আর কতক্ষণ লাগবে ঢাকা পৌঁছাতে?
বললাম, এই তো অল্প কিছু সময় পরেই পৌঁছে যাব। এই তো কাঁচপুর ব্রিজ পার হচ্ছি।
রাজিনের ঘুম ভাঙছে। ফুরফুরে মেজাজে আছে মনে হলো। আবার ডাকলো- ও বাবা।
– বলো।
– একটা কথা শোনেন না বাবা।
– বলো, শুনছি।
বাবা আপনি কি আমাকে একটা রূপা গেঞ্জি কিনে দিবেন? বক্সসহ?
বললাম, এতকিছু থাকতে হঠাৎ রূপা গেঞ্জি কেন?
রাজিন বলছে, আমার অনেক পছন্দ। বাবা প্লিজ কিনবেন? এটা গায়ে দিয়ে অনেক আরাম। তাছাড়া আমার জন্মদিনের গিফটটাও হয়ে যাবে। আপনাকে আর কোনো খেলনা কিনতে হবে না। ঠিক আছে বাবা?
এই প্রথম ওর বুঝদার কথা শোনার পর ওর চোখে চোখ রাখলাম। হাত দিয়ে ওর মাথাটা টেনে বুকে নিয়ে আসলাম। ওর কথা শুনে মনে কী যে প্রশান্তি পেলাম। প্রশান্তিতে আমার বুকটা ভরে গেল। বললাম, ঠিক আছে। বাবা চেম্বার শেষ করে যদি পাই নিয়ে আসবো।
আচ্ছা, বলে মাথা নোয়ালো রাজিন। ওর দু’হাত দিয়ে আমার ডান হাতের কব্জি তুলে আলতো করে চুমু খেয়ে খুব শান্ত ভাবে বলে, বাবা আপনি অনেক ভালো।
মুহূর্তেই যেন আমার মনের গভীরে আনন্দের শিহরণ বয়ে গেল। মনে মনে বিড়বিড় করে ছেলের জন্যে দোয়া করলাম। বাপ বেটা গল্পে গল্পে বাসায় চলে এলাম।
শনিবার চেম্বারে যাবার সময় রূপা গেঞ্জির কথা আবারো মনে করিয়ে দিলো। চেম্বার শেষ করে রূপা গেঞ্জি প্যাকেটসহ কিনতে আর ভুলিনি। একটা লিগ্যাল সাইজের খামে ড্রাফটের ভেতর রূপার প্যাকেটটি লুকিয়ে রাখি। ওর আরো কৌতূহল দেখার ইচ্ছে ছিল বলেই লুকিয়ে রাখা।
কলিংবেল বাজতেই ওর শব্দ শুনি। দরজা খুলতে খুলতেই জিজ্ঞেস করে, বাবা, গেঞ্জি পেয়েছেন?
বাসায় ঢোকার সময় আমার হাতের দিকে তাকিয়ে গেঞ্জি না দেখে জিজ্ঞেস করল, পাননি?
বললাম, চিন্তা কইরো না বাবা, তোমার জিনিস পাবে।
ও বলল, আচ্ছা কালকে নিয়ে আসবেন।
বললাম, ওকে। লিগ্যাল সাইজের খামটা বুকসেলফের ওপর রেখে আমি বেডরুমে যাবার কিছুক্ষণ পরই ওর উল্লাসী শব্দ শুনতে পাই। গেঞ্জির প্যাকেট পেয়ে সে কি আনন্দ। জন্মদিনের উপহার। আমার সামনেই প্যাকেটসমেত নাচতে থাকে। বারবার নেড়েচেড়ে দেখতে থাকে। নিজেই স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করতে থাকে।
শুধু রূপা গেঞ্জি পেয়ে যে শিশু এত আনন্দিত হয়। একদিন সত্যি সে বড় হবে। কুঁড়ি থেকে পাপড়ি মেলে ফুলের গন্ধ বিলাবে। ওরাই দেশ গড়ার কারিগর হবে। আমি তেমনই স্বপ্নে বিভোর।
প্রতিটি প্রহরেই শিশুরা সুস্থ থাকুক, নিরাপদ থাকুক, বেড়ে উঠুক নির্মল আনন্দে।

ঋতু পরিবর্তনের অসুখ

বন্ধুরা, তোমরা হয়তো ইতোমধ্যেই লক্ষ্য করে থাকবে যে, বাতাসে খানিকটা হিমের পরশ লেগেছে! ভোরের দিকে বেশ ঠা-া-ঠা-া ভাব। এ রকম আবহাওয়া উপভোগ্য হলেও, এই ঋতু পরিবর্তনের সময় কিন্তু তোমাদের নানারকম অসুখ হতে পারে। এ সময়ের বিভিন্ন রোগের সঙ্গে মোকাবিলা করতে দরকার সাবধানতা, সতর্কতা, কিছু সুরক্ষাব্যবস্থা এবং সঠিক চিকিৎসা।
কী কী হতে পারে? শীতের শুরুতে ঠা-া লেগে সর্দি, কাশি ও জ্বর হলো শিশুদের খুবই সাধারণ স্বাস্থ্য সমস্যা। তাছাড়া, যাদের শ্বাসকষ্ট বা হাঁপানি রয়েছে, বা যাদের শ্বাসতন্ত্রের সংক্রমণ বেশি হয়, তাদেরও এই সমস্যা শীতকালে বেড়ে যায়। এর কারণ, শীতকালে দূষণের মাত্রা অনেকটা বেশি থাকে। এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ তবে সাধারণ অসুখ ব্রঙ্কিওলাইটিস, এটাও একধরনের শ্বাসতন্ত্রের অসুখ। আর ডায়রিয়া বা উদরাময়ের সমস্যা যেকোনো ঋতু পরিবর্তনের সময়ই হতে পারে।
এই অসুখগুলো প্রতিরোধ করতে চাইলে কী করবে? সর্দি-কাশি-জ্বরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঠা-া না লাগানো। শিশুরা অনেক সময়ই সরাসরি ফ্রিজ থেকে বের করে পানি বা জুস খেয়ে নেয়। এটা বন্ধ করতে হবে। এই সময় তোমাদের কোল্ড ড্রিঙ্কসও খাওয়া উচিত নয়। হঠাৎ করে তাপমাত্রার পরিবর্তন অর্থাৎ ঠা-া-গরম হবার ফলেই ঠা-া লেগে যায়। তাই খুব গরম থেকে খুব ঠা-ায় যাওয়া এড়াতে হবে। একদম ছোট শিশুরা ভিজে পোশাকে থাকলে বা অনেকক্ষণ ভিজে ডায়াপার পরে থাকলে তাদের সেই ভিজে ভাব থেকে ঠা-া লেগে যায়। নিউমোনিয়াও হতে পারে। তাই ছোট শিশুদের সবসময় ডায়াপার পরিয়ে রাখতে হবে এবং সময়মতো তা বদলেও দিতে হবে।
ডায়রিয়া হওয়া আটকাতে দু’বছরের কম বয়সী শিশুদের বাড়িতে ফোটানো পানি ও তার চেয়ে বড় শিশুদের ফিল্টারের পানি খাওয়াতে হবে।
ব্রঙ্কিওলাইটিস এই সময় খুব সাধারণ অসুখ, আর সেটা কিন্তু বড়দের থেকেই শিশুদের হয়। তাই বাড়িতে কারো ঠা-া লেগে থাকলে, তাকে এবং শিশুকে, দু’জনকেই বাড়িতেও মাস্ক পরে থাকতে হবে। যে মায়েরা ব্রেস্টফিড করান, তাঁরাও যেন মাস্ক পরে শিশুকে খাওয়ান।
বন্ধুরা, এবার জেনে নাও এসব অসুখের চিকিৎসা কী? দু’বছর বয়স পর্যন্ত শিশুদের ব্রঙ্কিওলাইটিস হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। এর সবচেয়ে বড় সমস্যা, কোনো অ্যান্টিবায়োটিকে এতে কাজ হয় না। এই সময় শিশুরা বেশি খেতে পারে না। যেহেতু এটা শ্বাসতন্ত্রের সমস্যা, তাই একবারে বেশি খেলে ওদের পেটে চাপ পড়ে, আর বমি হয়ে যায়। তাই কিছুক্ষণ পরপর অল্প অল্প করে খাওয়াতে হবে। খুব বেশি সমস্যা হলে হাসপাতালে ভর্তি করে নেবুলাইজেশন করাতে হবে। এ ছাড়া, ইনহেলারও দেওয়া যেতে পারে। যদি রক্তে অক্সিজেনের মাত্রা খুব কমে গিয়ে অবস্থা মারাত্মক হয়ে যায়, তখন ভেন্টিলেশনে রাখতে হবে। এর সঙ্গে জ্বর থাকলে প্রয়োজনে তার ওষুধ দিতে হবে। তিন-চার দিনেও জ্বর না কমলে তখন রক্ত পরীক্ষা করাতে হবে। রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লে তখন প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বন্ধুরা, ঋতু বদলের সময় শিশুদের মধ্যে অ্যালার্জি অতি সাধারণ ব্যাপার। বড়দের তুলনায় ছোটদের মধ্যে স্বাভাবিকভাবেই অ্যালার্জির প্রকোপ বেশি, কেননা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক কম। অ্যালার্জি কিন্তু কখনোই পুরোপুরি সারে না, তবে অ্যালার্জি সৃষ্টিকারী অ্যালার্জেনকে এড়িয়ে চললে অ্যালার্জির সমস্যা নিয়ন্ত্রণ করে শিশুর সুস্থ-স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করা সম্ভব। সাধারণত শিশুরা যেসব অ্যালার্জিতে ভোগে সেগুলোর বেশিরভাগই বায়ুবাহিত এবং খাদ্যবাহিত। অবশ্য ওষুধ, কেমিক্যাল বা পোকামাকড়ের কামড় থেকেও অনেক সময় অ্যালার্জি হয়ে থাকে। যেসব কারণে শিশু অ্যালার্জির কবলে পড়তে পারে, সেগুলো সম্পর্কে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। একটা নির্দিষ্ট বয়সের পর, প্রয়োজন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী শিশুর অ্যালার্জি টেস্ট করিয়ে নিতে হবে। এই টেস্টের মাধ্যমে অ্যালার্জির কারণ সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত হওয়া যায়।

অ্যালার্জির কারণ ও সমস্যা : বেশিরভাগ ক্ষেত্রেই অ্যালার্জির প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে থাকে হাঁচি, নাকে অস্বস্তি বা গলা খুশখুশ করা, নাক বন্ধ হয়ে যাওয়া, কাশি, চোখ লাল হয়ে যাওয়া এবং চোখ থেকে পানি বেরোনো, মাথাব্যথা ইত্যাদি। শিশুদের মধ্যে সর্দিকাশি তো প্রায় লেগেই থাকে। সর্দিকাশি থেকে জ্বরও হয়। তবে এক-দু’সপ্তাহের মধ্যে ঠা-া লাগা সেরে যাবার পরেও যদি সমস্যাগুলো থেকে যায়, তাহলে সেগুলো অ্যালার্জির উপসর্গ হতে পারে। সাধারণত কোল্ড ভাইরাস শিশুর গলা, ব্রঙ্কিয়াল টিউব এবং কানে বেশি প্রভাব ফেলে। অনেক সময় এসবের সঙ্গে শিশুর ডায়েরিয়াও হতে পারে। তবে ঠা-া লাগা সেরে যাবার পরেও ক্রমাগত হাঁচি, কাশি, নিঃশ্বাস নেয়ার সময় নাক দিয়ে শোঁ শোঁ আওয়াজ হওয়া নিঃসন্দেহে অ্যালার্জির লক্ষণ। এগুলো সাধারণত পোলেন অ্যালার্জি থেকে হয়। পোলেন অ্যালার্জি একটি মওসুমি সমস্যা। এটি সাধারণত বসন্তকালেই বেশি হয়।
বন্ধুরা, বাড়ির মধ্যেও নানা বস্তু থেকে তোমাদের মধ্যে অ্যালার্জি হতে পারে, যেমন ধুলো বা পোকা (মাইটস)। এই মাইটস জাতীয় ক্ষুদ্র পোকা সাধারণত খাটের ম্যাট্রেসের মধ্যে থাকে। তাই এ বিষয় যথেষ্ট সতর্ক থাকতে হবে। ম্যাট্রেস নিয়মিত ভাল করে পরিষ্কার করা একান্ত আবশ্যক। আরশোলা বা ইঁদুরের মতো জীব থেকেও অনেক সময় শিশুদের মধ্যে অ্যালার্জি হয়ে থাকে। এতেও শেষ নয়। বাড়িতে যদি পাখি, কুকুর বা বিড়ালের মতো পোষা প্রাণী থাকে, তাহলেও সেগুলোর সঙ্গে সময় কাটানোর ব্যাপারে সাবধান থাকতে হবে। কেননা এগুলোর লোম থেকে শিশুদের অ্যালার্জি হতে পারে। হাঁচি, কাশি ইত্যাদি ছাড়া গা চুলকানোও কিন্তু অ্যালার্জির লক্ষণ হতে পারে। এটা অনেক সময়ই একজিমা, হাইভস বা কনট্যাক্ট ডার্মাটাইটিসের কারণে হয়ে থাকে।

এসব অ্যালার্জি ছাড়াও মাঝে মাঝে খাবারেও শিশুদের অ্যালার্জি হতে পারে। শিশুদের মধ্যে ফুড অ্যালার্জির কারণের মধ্যে অন্যতম হল দুধ, ডিম, চিনেবাদাম, গম, সয় বা ট্রি নাটস। এই ট্রি নাটসের মধ্যে পড়ে কাজু, পেস্তা, আমন্ড, আখরোট, হেজেলনাট ইত্যাদি। তাই সমস্যা থাকলে তোমাদের এগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে।
কী করবে? সব রকম কার্বনেটেড ড্রিঙ্কস, যেমন সোডা বা কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলবে। কার্বনেটেড ড্রিঙ্কের থেকে ফলের রস অপেক্ষাকৃত নিরাপদ ঠিকই, তবে তা যে টাটকা, তরতাজা ফল থেকেই তৈরি করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হয়ে তার পরেই খাবে, অন্যথায় নয়। প্যাকেজড জুস পারতপক্ষে এড়িয়ে চলতে হবে, কারণ সাধারণত এগুলোয় প্রিজারভেটিভস ব্যবহার করা হয়ে থাকে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আইসক্রিম খেতে পারো, তবে অতিরিক্ত পরিমাণে নয়।

আব্বু ও বোকা বিড়ালটা

পোষা প্রাণী বাড়িতে রাখা খুব স্বাভাবিক একটা ব্যাপার। গ্রাম থেকে শুরু করে শহরের অনেকেই পাখি, খরগোশ, বিড়াল কিংবা কুকুর পোষে। আমি পাখি পুষতাম। কিন্তু মজার বিষয় হলো, পাখি পোষ মানে না তাই আর পুষি না। তবে, আমাদের বাসায় বিড়াল এসে থাকত আবার কিছু দিন পর চলেও যেত। আম্মু বিড়াল দেখতে পারতোনা। তার ধারণা বিড়াল চুরি করে খাবার খাবে। আর আমি যেন বিড়াল না ধরি। কারণ বিড়াল কামর বা আঁচড় দিলে রোগ হতে পারে। সেদিন আম্মু রান্না করছিল। দেখি একটা বিড়াল আম্মুর গা ঘেঁষে অযথা মিউ মিউ করছে। আম্মু একটা ঝাঁটা দিয়ে বিড়ালটাকে তাড়াচ্ছিল আর বলছিল, যা দূর হ! মাছ চুরির মতলব। আমি আম্মুকে বললাম, আম্মু, বিড়ালটার খিদে পেয়েছে মনে হয়। একটু ভাত আর মাছের কাঁটা দাও। আম্মু হেসে বলল, তুই তো জানিস, আমি বিড়াল দেখতে পারি না। তবে তোর বাবার আবার বিড়াল দেখলে দরদ উথলে ওঠে। তাই যেহেতু বললি, আচ্ছা দিচ্ছি।
আম্মু একটা মাটির পাত্রে একটু ভাত, মাছের কাঁটা আর কিছু তরকারি দিলো। বিড়ালটা নিমিষেই সাবাড় করে দিয়ে আমার দিকে তাকিয়ে মিউ মিউ করতে লাগল। আম্মুকে বললাম, আম্মু দেখেছ বিড়ালটা কত্ত ভালো! কী মিষ্টি দেখতে!! মনে হয় সারা দিন খেতে পায়নি। দেখলে তো সব একেবারে সাবাড় করে দিলো।
আম্মু বলল, ঠিক বলেছিস খোকা। তোদের ধারণা আমি বিড়াল দেখতে পারি না। বিষয়টা সে রকম না। আসলে প্রাণী জিনিস কখন কী করে তাই সাবধান থাকি। একবার কী হয়েছিল শুনবি?
আমি হেসে বললাম, ওমা সেকি? বিড়াল নিয়েও দেখি তোমার কাহিনী আছে! আচ্ছা বলত শুনি।
আম্মু বলতে শুরু করল, তখন তোর জন্ম হয়নি। তোর বড় ভাইয়া তখন তোর থেকেও ছোট, আমি সারা দিন রাজ্যের কাজ নিয়ে ব্যস্ত বাড়িতে। এটা করি তো ওটা। সেদিন হাটবার ছিল। তোর বাবা করল কী জানিস? দুই কেজি গরুর গোশত নিয়ে হাজির। বলল, এগুলো ধুয়ে রান্না করতে। রাতে খাওয়া যাবে। আমি বাজারের ব্যাগটা নিয়ে রান্নাঘরে গেলাম। বাজারগুলো গুছিয়ে গোশতগুলো একটা মাটির পাত্রে রেখে ঢাকনা দিয়ে তার ওপর ভারী একটা পাথর চাপা দিলাম। তারপর টিউবয়েলপাড়ে গেলাম কাপড় ধুঁতে, কাজের ব্যস্ততার কারণে মনে হয় দরজা লাগিয়ে দেইনি। হঠাৎ তোর দাদীর চিৎকার! কী হলো বলতেই শুনলাম বিড়াল সব গোশত সাবাড় করেছে। শুনে তো মাথা আমার খারাপ। তোর বাবা যদি জানে তাহলে আর রক্ষে নেই। তোর দাদী বলল, আচ্ছা চুপ থাকো। যা হবার হয়েছে। একটা কাজ করো, বাজার থেকে গোশত এনে রাখলে তো আর বুঝতে পারবে না। কী আর করা। আমি টাকা বের করলাম। কিন্তু কিছু কম আছে। তোর দাদী কিছু দিলো, চুপ করে তোর চাচ্চুকে বাজারের পাঠালাম। সে গোশত কিনে আনলে সেটা রেঁধে রাখলাম। তোর বাবা আর বুঝতে পারেনি। সে দিনের মতো বেঁচে গেলাম। তখন থেকেই আমি বিড়াল, কুকুর এগুলো এড়িয়ে চলি। আম্মুর কথা শুনে আমি হো হো করে হেসে পড়ে যাচ্ছি। বললাম, আম্মু তুমি এত বোকা?
আম্মু বলল, কেনরে খোকা? এখানে বোকামির কী দেখলি। বুঝলাম না। আমি বললাম, মনে হয় ওটা বাইরের কোনো বিড়াল ছিল, পোষা না। পোষা বিড়াল খাবার চুরি করে না বুঝলে? বরং ক্ষুধা পেলে মিউ মিউ করে খাবার চায়। আম্মু, আমি এই বিড়ালটা পুষবো। আম্মু বলল, আচ্ছা। তুই যখন বললি ঠিক আছে। ও আজ থেকে আমাদের বাসায় থাকবে। আমি তো মহা খুশি। বললাম, সত্যিই মা। তুমি খুব ভালো।
আম্মু হেসে দিয়ে বলল, হয়েছে, নে এবার ভাত খা, বোয়াল মাছের ঝোল রেঁধেছি। তোর প্রিয় খাবার। আম্মু আমায় ভাত দিয়ে টিউবয়েলপাড়ে চলে গেল।
দুই
বিকেলে আব্বু বাসায় এসে আম্মুকে ডাকল। আম্মু আর আব্বু গল্প করছিল। আব্বু বলছিল, মাঝে মাঝে এসব অবলা প্রাণীদের দেখলে খুব কষ্ট হয় বুঝলে। যাক, খোকা বিড়ালটা পুষতে চায় পুষুক, না কোরো না। ছোট মানুষ। আম্মু বলল, না আর করে কি রক্ষা পাবো। তোমরা বাপবেটা যা ইচ্ছা তাই করো। আর হ্যাঁ, শোনো। বড় খোকা ফোন করেছিল, ওর পরীক্ষা সামনের মাসে। বই, কাপড় আর মেসভাড়াসহ কিছু টাকা লাগবে। খালি বিড়াল নিয়ে পড়ে থাকলে হবে? এদিকটাও তো দেখতে হবে।
আব্বু বলল, আচ্ছা ঠিক আছে। আমি ওকে ফোন করে টাকা পাঠানোর ব্যবস্থা করছি। ছোট খোকা কই?
আম্মু বলল, কোথায় আর যাবে? ওই বিড়ালটা নিয়ে মনে হয় পুকুরপাড়ে বসে আছে। এই ছেলে শেষমেশ পড়া লেখাটা নষ্ট করবে নাকি কে জানে? পুকুরের পাশে রান্নাঘর হওয়ায় আমি সব কথা শুনতে পেলাম। আমি সেখান থেকে উত্তর দিয়ে বললাম, আম্মু তুমি যে কী? বিড়ালের সাথে পড়ালেখার কী বলতো? আমি পড়াশোনা করি না নাকি? শোনো, তোমার ছোট খোকা ক্লাসের ফার্স্ট বয়। আমার কথা শুনে বাবা হো হো করে হেসে বলল, সত্যিই তো আমাদের ছোট খোকা অনেক বড় হয়েছে!

তিন
বাড়িতে বিড়ালটাকে নিয়ে সবাই হাসাহাসি করে। আমি সারা দিন ব্যস্ত থাকি তাই ওকে খাবার দিতে পারি না। শুনলাম আব্বুুই নাকি বিড়ালটাকে খাবার দেয়।
মা বলল, আজকে বড় একটা ইঁদুর ধরেছে বিড়ালটা। তারপর ওটা নিয়ে খাটের নিচে খেয়েছে। মার সে কি বকাঝকা। ঘর নোংরা করে দিলো। সব তোদের বাপবেটার জন্য। আম্মুর এই এক সমস্যা। একটুতেই চেঁচিয়ে একেবারে বাড়ি মাথায় তোলে।
এই রে, বিড়ালটার আবার কী হলো? সত্যিই তো বিড়ালটাকে আমাদের বাচ্চাওয়ালী লাল মুরগিটা তারা করছে। আমি ছুটে গেলাম। মুরগিটাকে পিটিয়ে দিয়ে বিড়ালটার কাছে গেলাম। বিড়ালটা প্রচ- ভয় পেয়ে কাঁপছিল। আসলে বিড়ালটা একটু ভিতু টাইপ। আর দশটা বিড়ালের মতো না। আমাকে দেখে যেন বিড়ালটা রক্ষা পেল। ও আমার গা ঘেঁষে আশেপাশে ভয়ার্ত দৃষ্টিতে তাকাতে লাগল। আমি হেসে বললাম, নে হয়েছে এবার, মুরগিটা পালিয়েছে। এতে ভয় পাবার কী আছে? যা, এবার শুয়ে থাক। আমি গোসল করতে যাবো।
বিড়ালটার কাছ থেকে বিদায় নিতেই আব্বু এসে হাজির। আব্বুকে দেখেই বিড়ালটা মিউ মিউ করতে লাগল এবং ঘরে নিয়ে গেল। আব্বু হাতে মুড়ি নিয়ে বারান্দায় ওকে খেতে দিলেন। বিড়ালটা খাচ্ছে আর আব্বু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। মুড়ি খাওয়ার কড়মড় শব্দ। কী অদ্ভুত শব্দ! আমি গোসলের জন্য টিউবয়েলপাড়ে চলে গেলাম।
এভাবে দিন যায়, মাস যায় নতুন বছর আসে। আর বিড়ালটাও আজ প্রায় দুই বছর যাবৎ আমাদের বাড়িতে আছে। আম্মু নামাজ পড়তে বসলে জায়নামাজের পাশে বসে থাকে। কখনো কখনো খাটে শুয়েই ঘুমায়। মজার ব্যাপার বিড়ালটা দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটায়। সবাই বলে বোকা আর আলসে বিড়াল এটা।

চার
পুরো বাড়িতে একটাই কথা। বোকা বিড়ালটা খুব অলস। খালি মুড়ি খায় আর ঘুমায়। আম্মু সেদিন বলল, কই ইঁদুর তো আর ধরতে পারিস না? খালি সারাক্ষণ মুড়ি খাওয়ার ধান্দা!
আমরা সবাই হাসি। কারণ বিড়াল আবার মুড়ি খায় নাকি? এই বিড়ালই কি পৃথিবীর একমাত্র গাধা টাইপ বিড়াল যে কিনা শুধু মুড়ি খায়? কি জানি বাবা! এ রকমই হচ্ছে।
এক দিনের কথা। আমি কখনো সরাসরি বিড়াল টাচ করিনি। সেদিন কেন জানি মনে হলো একটু কোলে নিয়ে দেখি তো! যেই না বিড়ালটা টাচ করতে গেলাম, ওমনি সে আমার হাত নখ দিয়ে আঁচড়ে দিলো। হাত থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়তে লাগল। মেজাজ গেল বিগড়ে। হাত ভালোভাবে ড্রেসিং করলাম এবং ওষুধ খেলাম। কয়েক দিন বিড়ালটাকে এড়িয়ে চললাম। কিন্তু সে তো আমার পেছনে ঘুর ঘুর করা কন্টিনিউ করতে থাকল। আব্বুর বন্ধুরা বাসায় আসে। বিড়ালকে আদরযতœ করতে দেখে মজা পায়। আব্বু ওনাদেরকে বিড়ালের গল্প শুনায়। আম্মুও আর বিড়ালটাকে তেমন অবহেলা করেন না। বরং মুড়ি খেতে দেন। কিন্তু একদিনের এক ঘটনায়ই বিড়ালসংক্রান্ত মজার ব্যাপারকে শোকে পরিণত করে। সেদিন সন্ধ্যা বেলা বিড়ালটা একটা ময়লা ডোবা টাইপ কিছু একটাতে পড়ে গিয়ে ওর গা ময়লা করে ঘরে ঢোকে। আমাদের এক ভাড়াটিয়া ছেলে রেগে বিড়ালটাকে রড দিয়ে মেরে রক্তাক্ত করে বাড়ি থেকে বের করে দেয়।
তবে, এর আগেও সে বিড়ালটাকে বিনা কারণে মেরেছিল। আমি কিছু বলিনি, মানে বলেই বা কী করবো?
পৃথিবীতে কিছু মানুষই আছে যারা অসহায় নারী, শিশু, বৃদ্ধা হোক সে নারী বা পুরুষ তাদের প্রতি মানবতা দেখায় না। তারা কী করে একটা সামান্য বিড়ালের প্রতি মানবতা দেখাবে? সারাটা জীবন আমি খালি মানবিক ইস্যুগুলোতে প্রতিবাদ করেছি কিন্তু আমিও বারবার মানবতা থেকে বঞ্চিত হয়েছি কিছু মানুষরূপী জানোয়ারদের কাছ থেকে। যাক সে কথা। বিষয়টা আমি কিন্তু পরে জেনেছি যখন দেখেছি বাড়িতে বিড়ালটা নেই কেন? আমি আব্বু ও আম্মু প্রতিদিন বিড়ালটার ফিরে আসার দিকে চেয়ে থাকি। কিন্তু সে আর আসে না। শুনলাম বিড়ালটা নাকি অসুস্থ হয়ে মরে গেছে। আমি কেন জানি বিশ্বাস করতে পারছিলাম না।
একদিন সন্ধ্যায় রান্নাঘরে গেলাম খাবার গরম করতে। ওমনি দেখলাম, বিড়ালটা। আমাকে দেখে মিউ মিউ করছে। কাছে যেতেই বিড়ালটা উধাও। আমি চিৎকার করে সবাইকে ডাকলাম। কিন্তু আশেপাশে কোনো কিছু না দেখে সবাই বলল, আমি হেলুুসিনেট করেছি। মৃত বিড়ল কি ফিরে আসে? হ্যাঁ আমার মতো মস্তিষ্কে মৃদু স্ট্রোক করা রোগীরা হেলুসিনেট করলেও করতে পারে। কিন্তু মানবতাকে অস্বীকার করতে পারে না। প্রাণীর বেলায়ও কি মানবতা আছে? হ্যাঁ, আমার ও আব্বুর কাছে আছে বোবা বিড়ালটার প্রতি মানবতা!

পদ্মাপাড়ের বিলু (পর্ব ৩)


এতিম হয়ে যাওয়া

এতিম কী তা বিলু আগে জানত না। নিজে এতিম হবার পর তবেই সে তা জানতে পারল। ১৯৬৪ সালে ক্লাস ফোরে পড়ার সময় মধ্য সেপ্টেম্বরে আব্বাকে হারাল ও। বিলুর তখন নয় বছর বয়স। কিন্তু জ্ঞান-বুদ্ধিতে তেমন বড় নয় সে। তার স্বাস্থ্য ভালো, চেহারাও ভালো, গায়ের রং উজ্জ্বল শ্যামলা। তবে এই তো আর সব নয়। সে সময়ের সব কিছু তার ভালো করে মনে পড়ে না। বাবা-মার ছোট ছেলেরা সাধারণত একটু বেশি আদুরে হয়। তবে সে তার আব্বার আদর তেমন পায়নি। বহু ছেলেই বাপ ন্যাওটা হয়। তবে বিলুর কেন যেন তা হয়নি। আব্বার চেয়ে মা-ই তার বেশি কাছের। বলতে গেলে আব্বার সাথে মধুর স্মৃতি তার খুব অল্পই। তার আব্বা জমিজমার কাগজপত্র খুব ভালো বুঝতেন। তাই মাঝে মাঝেই তার কাছে জমির কাগজপত্র বোঝার জন্য নানা স্থান থেকে লোকজন আসতেন। তারা এসে বসতেন তাদের কাচারি ঘরে। আব্বা তাদের সাথে কথা বলতেন। কোনো কোনো সময় কাগজপত্র দেখতেন। এমনিতে না হলেও পড়ার সময় চশমা ব্যবহার করতেন তার আব্বা। বিলুকে ডেকে চশমা আনতে বলতেন। তখন সে দৌড়ে গিয়ে কালো ফ্রেমের চশমাটা এনে দিত ঘর থেকে। অনেকে জমিজমার মামলায় সাহায্য করার জন্য মাঝেমধ্যেই কুষ্টিয়া বা পাবনার জেলা দেওয়ানি আদালতে নিয়ে যেত তাকে। সম্মানী হিসেবে কিছু টাকা-পয়সা পেতেন তিনি। বিলুর দাদা হাজী ময়েজউদ্দীন মোল্লা ছিলেন মাঝারি জোতদার। অত্যন্ত প্রভাবশালী লোক। তার আব্বা ছিলেন দাদার পাঁচ ছেলেমেয়ের মধ্যে বড়। পৈতৃক সূত্রে তিনি বিঘা পঞ্চাশেক জমি পেয়েছিলেন। কিন্তু বিলুর জন্মের প্রায় বিশ বছর আগে পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে সে সব জমি নদীতে বিলীন হয়ে যায়। তিনি ম্যাট্রিক পর্যন্ত পড়াশোনা করেছিলেন, হাতের লেখা ছিল খুব সুন্দর। আব্বার মুখে রবিঠাকুরের ‘দুই বিঘা জমি’ ও ‘পুরাতন ভৃত্য’ কবিতা দুটির আবৃত্তি শোনার কথা বিলুর মনে আছে। এ দুটি কবিতা তার খুবই প্রিয়। আবছা মনে পড়ে, তার আব্বার কোমরে ব্যথা বা এ রকম কোনো অসুখ হয়েছিল। তাদের এলাকায় রোগীদের সব রোগে চিকিৎসা করেন দু’জনÑ খোরশেদ ডাক্তার ও জলিল ডাক্তার। তাদের মধ্যে খোরশেদ ডাক্তার তাদের গ্রামের। ব্রিটিশ আমলে কোথা থেকে যেন তিনি পল্লীচিকিৎসা শিখেছিলেন। আশপাশের পাঁচ-সাত গ্রামের মধ্যে শুধু তাদের গ্রামেই একটি সরকারি ডাক্তারখানা আছে। লোকে বলে ডিসপেন্সারি। সেই কবে ব্রিটিশ আমলে এ ডিসপেন্সারি খোলা হয়েছিল। সেখানে কোনো রোগী গেলে বিনামূল্যে চিকিৎসা পায়। সব রোগীকে দু’চারটা বড়ি আর জ্বর, কাশি, পেটব্যাথা, টাইফয়েড ইত্যাদি রোগের জন্য দেয়া হয় মিকশ্চার। কী কী ওষুধ মিশিয়ে সে মিকশ্চার তৈরি হয় বিলু তা জানে না, তবে তার রঙ হয় লাল। দু’একবার জ্বরে পড়ে সে ওই মিকশ্চার খেয়েছে। জঘন্য স্বাদ। এলাকার নিঃস্ব, গরিব রোগীদের কাছে তা-ই অনেক। কেউ হাত-পা কাটা নিয়ে এলে আয়োডিন লাগিয়ে দেয়া হয়। খোরশেদ ডাক্তার এই ডিসপেন্সারির ডাক্তার। তারা ছোটরা তাকে ডাক্তার চাচা বলে ডাকে। প্রতিদিন সকাল দশটার দিক থেকে জোহর নামাজের আগ পর্যন্ত সময় ডিসপেন্সারিতে বসেন তিনি। সরকার থেকে সামান্য মাসোহারা পান। কুষ্টিয়া শহর ছাড়া কোথাও এমবিবিএস ডাক্তার নেই। সেখানে অবশ্য সরকারি বড় হাসপাতাল আছে। কিন্তু গ্রামের মানুষের পক্ষে হাসপাতালে গিয়ে চিকিৎসা করা এক অসম্ভব ব্যাপার। তাই সকল রোগে কবিরাজ আর গ্রাম্য ডাক্তারই ভরসা। সকালে ডিসপেন্সারিতে আসার আগে এবং দুপুরের পর খোরশেদ ডাক্তার যেসব বাড়ি থেকে ডাক আসে সেসব বাড়িতে গিয়ে রোগী দেখেন। প্রয়োজনমতো তাদের ইঞ্জেকশন ও ওষুধ দেন। এ জন্য ফি নেন, কারণ এটা প্রাইভেট চিকিৎসা। তবে বহু গরিবের পক্ষেই ডাক্তারকে বাড়িতে ডেকে চিকিৎসা করানো সম্ভব না। সেসব রোগী বেশিরভাগই মারা যায়, বিশেষ করে টাইফয়েডের রোগীরা। বিলুর আব্বাও খোরশেদ ডাক্তারের ওষুধ খেয়ে ফল পাননি। তাই বাধ্য হয়ে কুষ্টিয়ায় হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু সেখানে তার ঠিকমতো চিকিৎসা হয়েছিল বলে মনে হয় না। এক শুক্রবার ভোর রাতে হাসপাতালেই মারা যান তিনি। তার কাছে স্বজন কেউ ছিল না। নার্সরাও তখন ঘুমিয়ে ছিল। তাই মৃত্যুর আগে তার শেষ কথা কিছু থাকলেও কাউকে বলতে পারেননি। শুধু পাশের বেডের রোগী তার আব্বার মৃত্যুটা টের পেয়েছিলেন। বিলুদের বংশের এক চাচা কুষ্টিয়া ডিসি অফিসে চাকরি করেন। হাসপাতালে তার ঠিকানা দেয়া ছিল। তার আব্বা মারা যাবার খবর হাসপাতাল থেকে তাকে জানানো হয়। তিনি এসে মৃতদেহ নেন। তারপর একটি স্পিডবোটের ব্যবস্থা করে সাথে একজন লোক দিয়ে নদী পথে লাশ বাড়ি পাঠিয়ে দেন।
আশ্বিন মাসের প্রথম দিক। আসরের আজান হয়ে গেছে। বিলুর সেই তারিখটা মনে নেই। প্রকৃতির নিয়মে ভাদ্র শেষ হওয়ার সাথে সাথে পদ্মায় বন্যার পানি নেমে গিয়েছিল। দুপুরে বৃষ্টি হয়ে চারদিকে থিকথিকে কাদা হয়ে আছে। ঘরে চাল নেই। নেই টাকা-পয়সাও। বাড়িতে শুধু সে আর তার মা। সকালে ভাত খেয়েছিল সে। কিন্তু দুপুরে পানিচুনি কিছু খাওয়া হয়নি। খিদে লাগায় মার কাছে ঘুর ঘুর করছিল বিলু। শেষে মা খুঁজে খুঁজে কলসিতে জমানো কিছু ক্ষুদ ঢেলে নিয়ে ভাজতে গেলেন রান্নাঘরে। বিলু পাশে দাঁড়িয়ে ভাজা শেষ হবার অপেক্ষা করছিল। এমন সময় ভাবি-ভাবি বলে ডাকতে ডাকতে বাড়ির মধ্যে ঢুকলেন মোজাম চাচা। মা তাকে দেখে বললেনÑ
কী মোজাম, তুমি এই অবেলায়? ডাকো কেন?
Ñ ভাবি, এটা কথা বলতি আসলাম। মিয়াভাই আয়চে। ওরা নিয়ে আসতেছে তারে। আপনে বিছানা ঠিক করেন শোয়ানোর জন্য।
তার মা তাড়াতাড়ি চুলা থেকে ক্ষুদ ভাজার কড়াই নামিয়ে ঘরে গেলেন। পরমুহূর্তেই বিলু দেখল একটা খাটিয়া কাঁধে বাড়ির মধ্যে প্রবেশ করল চারজন মানুষ। সাথে পাড়ার আরো লোকজন। উঠোনের ঠিক মাঝখানে খাটিয়া নামায় তারা। এদিকে লোকজনের গলা শুনে মা ঘর থেকে বেরিয়ে এলেন। উঠোনে তাকিয়েই ব্যাপারটা বুঝতে পারলেন। হায় আল্লাহ, এ কী হলো! বলে চিৎকার করে উঠলেন তিনি। খাটিয়ার কাছে এসে মাটিতে আছড়ে পড়লেন। এদিকে বিলু হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তারপর সে বুঝতে পারে যে তার আব্বা নেই, তাদের রেখে চলে গেছেন তিনি। কিন্তু তার এই চলে যাওয়ার পরিণতি কী, তা জানে না সে। বিলু নেমে আসে উঠোনে। খাটিয়ার পাশে দাঁড়ায়। মা উচ্চস্বরে বিলাপ করছেন। বিলুর কাছে এগিয়ে এলেন তার আরেক চাচা ইউসুফ মোল্লা। তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কার উদ্দেশে যেন বললেনÑ ছেলেটা এতিম হয়ে গেল।
এশার নামজের পর বিলুর আব্বাকে কবর দেয়া হলো। মা স্বামীর শোকে কেঁদেই চলেছেন। লোকজন সবাই চলে গেছে। তাদের বাড়িতে শুধু তারা দু’জন। এর মধ্যে তার এক চাচার বাড়ি থেকে তাদের দু’জনার মতো ভাত-তরকারি দিয়ে গেল। মৃতের বাড়িতে সবাই শোকগ্রস্ত থাকে বলে অন্তত সেদিন আর রান্না হয় না। আত্মীয়স্বজনের কেউ সাধারণত এক বা দু-বেলা তাদের খাবার ব্যবস্থা করেন। এটা বহু দিনের প্রথা। মা খাবারে দিকে চেয়েও দেখলেন না। বিলু মায়ের কান্না থামাতে অনেক চেষ্টা করল, পারল না। ক্লান্ত হয়ে পড়েছিল সে। চোখে ঘুম নামছিল। খেতে ইচ্ছে করছিল না তারও। তাদের এ ঘরে খানিক ব্যবধানে দুটো চৌকি পাতা। একটাতে সে আর তার সেজ ভাই থাকে, আরেকটাতে তার মা ঘুমান। তারা চার ভাই ও দু’বোন। দু’বোনের একজন সবার বড়, আর একজন ভাই-বোনদের মধ্যে তৃতীয়। তারা যার যার শ্বশুরবাড়িতে। ভাইরা কেউ বাড়িতে নেই। বড়ভাই আইএসসি পর্যন্ত পড়ে ঢাকায় গিয়ে চাকরি খুঁজছেন। মেজভাইটা গেছে সিরাজগঞ্জে মামাবাড়িতে। আর তার দু’বছরের বড় সেজ ভাই হেলাল যশোরে ছোটবোনের বাড়ি বেড়াতে গেছে। তাদের সব ভাইবোনকে এতিম করে তাদের আব্বা চলে গেলেন। সন্তানদের মধ্যে শুধু বিলুই তাকে শেষবারের মতো দেখল। কোনো সংসারে মূল ব্যক্তিটি না থাকা মানে যে কী বিরাট শূন্যতা, সেদিন তা ঠিক বুঝতে না পারলেও আরেকটু বড় হয়ে বিলু তা পুরোপুরিই বুঝতে পেরেছিল। যা হোক, সেই বিলু প্রথম জানল, যে সব ছেলেমেয়ের মা বা বাবা মারা যান, তাদের শিশু বা নাবালক সন্তানরা সাধারণত ভীষণ অসহায় হয়ে পড়ে। তারা আর মা বা বাবার আদর, ¯েœœহ, ভালোবাসা পায় না। তাদেরই এতিম বলা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের জীবন খুব দুঃখে-কষ্টে কাটে। বিলুরও এতিম জীবন শুরু হলো। আর সে জীবনে প্রধান হয়ে উঠল অভাব। এত অভাব ও কষ্ট বিলু আগে দেখেনি।
আব্বা মারা যাবার পর প্রথম ঈদ এলো। পাড়ার আর সব ছোট ছেলেদের সাথে বিলুও ঈদগাহ মাঠে গিয়ে ঈদের চাঁদ দেখে বাড়িতে ছুটে এলো। মাকে বললÑ
মা! ঈদের চাঁদ দেখা গেছে। কাল ঈদ।
মা শুনলেন তার কথা, কিছু বললেন না।
সংসারটা চলছিল না। বিলুরা মাত্র তিনজন মানুষ, তারা দুই ভাই আর মা। দু’বেলা খাবার জোটে না, এমন অবস্থা। বড় ভাই কোনো টাকা দিতে পারেন না। কারণ, চাকরি পাননি তিনি। টিউশনি করে নিজের থাকা-খাওয়া চালান। বাড়িতে অনেক আম-জাম-শিমুল গাছ। মার কাছে গাছগুলোও সন্তানেরই মতো। তিনি সেগুলোর দু-একটা করে বিক্রি করে সংসার চালাতে লাগলেন। এভাবে বড় বড় তিনটে জামগাছ আর বিশাল দুটো শিমুল গাছ চলে গেল। মা একেকটা গাছ বিক্রি করেন আর চোখের পানি ফেলেন। তাতেও কুলায় না। আপন চাচাসহ অন্য চাচাদের কেউ তাদেরই এক মৃত ভাইয়ের পরিবারের তিনজন মানুষ মা ও দু’ছেলের কোনো খোঁজ নিলেন না। তাদের অবস্থাও তেমন ভালো নয়। সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। আব্বা মারা যাবার পর প্রথম ঈদে নতুন জামা পেল না বিলুরা দু’ভাই। পুরনো জামা গায়েই ঈদের নামাজ পড়তে গেল তারা। ঈদগাহ মাঠে বিলুর দেখা হলো সমবয়সী চাচাতো ভাইদের সাথে। সবার গায়েই নতুন জামা। মনটা একটু খারাপ হলো বিলুর, কিন্তু খানিকক্ষণ পরই তা ভুলে গেল। বছরখানেক এভাবে চলল। মা আর পারেন না। শুরু হলো একটু একটু করে জমি বিক্রি। বিঘা পাঁচেক জমি ছিল তাদের। পাঁচ কাঠা-আড়াই কাঠা করে বিক্রি শুরু হল। একবার বিক্রির টাকায় কয়েক মাস চলে। তারপর আবার। জমি মানুষের মূল্যবান সম্পদ। তাদের সে সম্পদ এভাবে চলে যেতে লাগল। বিলু দেখল, যে জমি দু’দিন আগেও তাদের ছিল এখন তা অন্যের হয়ে গেছে।।
কিছু করার নেই। অসহায়ত্ব ও কষ্টের মধ্য দিয়ে বিলুর এতিম জীবনের দিনগুলো এভাবেই এগিয়ে চলে। চলবে…