Home Blog Page 142

ইচ্ছেঘুড়ি

কোনো এক বিকেলবেলা খোলা জায়গায় হাঁটাহাঁটি করার সময় হঠাৎ মাথার ওপরে দেখলে বিশাল কী একটা জিনিস ভেসে যাচ্ছে। লম্বায় ২৫ মিটার বা ৮৩ ফুটের বেশি আর প্রস্থে ৪০ মিটার বা ১৩০ ফুটেরও বেশি। সেটা না প্লেন বা তেমন কিছু। তখন কি অবাক হবে না, যখন জানবে সেটি আসলে একটা ঘুড়ি!! হ্যাঁ, সত্যি বলছি। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২০ মিনিটের বেশি সময়ের জন্য আকাশে উড়েছে এমন সবচেয়ে বড় ঘুড়িটির উড়ন্ত অবস্থায় আয়তন ছিল ৯৫০ বর্গমিটার। আর স্বাভাবিক অবস্থায় ১০১৯ বর্গমিটার। একপাশে লম্বায় ২৫.৪৭৫ মিটার বা ৮৩ ফুট ৭ ইঞ্চি আর অন্যপাশে ৪০ মিটার বা ১৩১ ফুট ৩ ইঞ্চি। কুয়েতের জাতীয় পতাকার আদলে তৈরি এ প্রকাণ্ড ঘুড়িটি উড়ানো হয়েছিল কুয়েত হালা ফেস্টিভ্যালে ২০০৫ সালের ১৫ ফেব্রুয়ারিতে।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ইতোমধ্যে বুঝে গেছো, আজ আমরা ঘুড়ি নিয়ে কথা বলতে যাচ্ছি। হাল আমলে যে প্লেন বা বিমান আমরা দেখি, তার আদিপুরুষ বলা হয় এই ঘুড়িকে। আনন্দ উৎসব থেকে যুদ্ধ, সবকিছুর জন্যই ঘুড়ির ব্যবহার হয়ে এসেছে অনেক আগে থেকে। আজ যে ড্রোন আমরা দেখে থাকি, সেই ড্রোনেরও আদি পুরুষ কিন্তু এই ঘুড়ি মহাশয়ই। চলো তাহলে, কালো কালো অক্ষরের সাথে ঘুরে আসি ঘুড়ির রাজ্যে।

ঘুড়ির ব্যবহার কবে থেকে? কিংবা সর্বপ্রথম কে ঘুড়ি উড়িয়েছিলেন? এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বেশ বিপদেই পড়তে হয়। কারণ, এ নিয়ে বেশ কিছু মত প্রচলিত আছে। চলো, তার উল্লেখযোগ্য কয়েকটা জেনে আসি।
সে প্রায় ৩০০০ বছর আগের কথা। চীন দেশে কোনো এক ঝড়ের দিনে একজন কৃষক বিপাকে পড়েছিলেন। বাতাসে উড়ে যেতে চাইছিল তাঁর মাথালটি। তখন একটি রশি দিয়ে তিনি মাথালটি শক্ত করে বাঁধলেন। রশির গোড়া রাখলেন ডান হাতে; কিন্তু এমনই ঝড় যে মাথালটিকে মাথায় থাকতে দিচ্ছিল না। রশির আগায় চড়ে উড়ছিল ক্ষণে ক্ষণে। পৃথিবীর প্রথম ঘুড়ি নাকি সেটাই। তবে এই গল্প গবেষকরা জেনেছেন লোকগাথা থেকে। এরকম আরো কিছু লোকগাথা পাওয়া যায় ঘুড়ির ব্যাপারে। এর বিপরিতে গবেষকরা নিশ্চিত হয়েছেন চীনদেশেই যুদ্ধে প্রায় ২২০০ বছর আগে ঘুড়ি ব্যবহারের ব্যাপারে। রাজা হানশিন একটা দুর্গ দখলে গিয়ে দুর্গ থেকে কতদূরে অবস্থান করছেন, আর দুর্গে মাটির নিচ দিয়ে ঢুকতে হলে কত লম্বা সুড়ঙ্গ করতে হবে, তা মাপার জন্য ঘুড়ির ব্যবহার করেছিলেন বলে জানা যায়।

যেহেতু যুদ্ধে ঘুড়ির ব্যবহার নিয়ে আলাপ শুরু হয়েই গেল, চলো এ নিয়ে আরো কিছু জেনে আসা যাক। চীনারা ঘুড়িতে বিস্ফোরক বেঁধে নির্দিষ্ট স্থানের উদ্দেশ্যে উড়িয়ে দিতো বিস্ফোরণ ঘটাতে। এমনকি গোলন্দাজ বাহিনীর টার্গেট প্র্যাকটিসের জন্যও ঘুড়ির ব্যবহার করা হতো। জাপানে ঘুড়ি দিয়ে দুর্গের এ প্রান্ত থেকে অপরপ্রান্তে বার্তা বা সঙ্কেত পাঠানোর কাজ করা হতো। শোনা যায়, ১৮৯৮ সালে স্পেন-আমেরিকার যুদ্ধে ঘুড়ির সঙ্গে ক্যামেরা জুড়ে দিয়ে গোপনে ছবি তোলার অভিনব চেষ্টা করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রপক্ষের রণতরী থেকে ঝাঁকে ঝাঁকে ঘুড়ি উড়িয়ে অন্তত চারটি জার্মান যুদ্ধবিমান ধ্বংস করে দেয়া হয়েছিল। প্লাস্টিকের তৈরি ঘুড়ির সঙ্গে এরিয়াল জুড়ে দিয়ে সেটিকে শূন্যে ভাসিয়ে রেডিয়ো-সংকেত পাঠানোর কাজও করা হতো এ সময়।
বিশ্বের অনেক দেশেই ঘুড়ি বেশ জনপ্রিয়। দেশ-জাতি ভেদে ঘুড়ির আকার, ঘুড়ির আঁকিবুকির মধ্যে বেশ ভিন্নতা দেখা যায়। সকলেই তাদের নিজস্ব সংস্কৃতিকে ঘুড়ির মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করে থাকে। চীনা আর জাপানিরা ড্রাগনসহ নানা প্রাগৈতিহাসিক জীবজন্তুর মুখের আদলে রংবেরঙের ঘুড়ি ওড়ায়। নিউজিল্যান্ডের অধিবাসীরা দুষ্ট আত্মা তাড়াতে মাওরি নামের এক ধরনের ঘুড়ি ওড়ায়। এই ঘুড়ির মধ্যে থাকে অনেক ছিদ্র। ওই ছিদ্রে বসানো থাকে ধাতব পাত। উড়বার সময় বাতাস এসে ওই ছিদ্রে ঢুকলে অদ্ভুত শব্দ হয়। আর ওই শব্দেই নাকি দুষ্ট আত্মারা দৌড়ে পালায়। প্রজাপতি, ড্রাগন ইত্যাদির চেহারায় ঘুড়ি বানায় বালিনিজরা। ভিয়েতনামের ঘুড়িগুলোর লেজ থাকে না; বরং লেজের জায়গায় একটি ছোট্ট বাঁশি লটকে দেয়। সেটি বাতাসে মধুর শব্দ তৈরি করে।
আগেই বলেছি যুদ্ধে ঘুড়ি ব্যবহারের কথা। এবার বলি ঘুড়ি নিয়ে উৎসবের কথা। ঘুড়ি নিয়ে আমাদের দেশের ঢাকা শহরেই পৌষ সংক্রান্তির দিনে (মানে পৌষ মাসের শেষ দিনে) বিখ্যাত সাকরাইন উৎসব পালিত হয়। এছাড়া পৌষ সংক্রান্তির আগের শুক্র ও শনিবারে কক্সবাজারে বিচিত্র ধরনের ঘুড়ি নিয়ে প্রতিবছর হয়ে যায় ঘুড়ি উৎসব। ভারতে বিশ্বকর্মা পূজার দিনের ঘুড়ি উৎসব তো বিশ্ববিখ্যাত। অস্ট্রেলিয়া, জাপান, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশেও বেশবড় আকারেই বিভিন্ন দেশের মানুষের অংশগ্রহণে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়।
ঘুড়ি নিয়ে অনেক জায়গায় বিভিন্ন ধরণের প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে কাটাকাটির প্রতিযোগিতা বেশ মজার ও জনপ্রিয়। এ প্রতিযোগিতায় একজন অন্যজনের ঘুড়িকে কাটাকাটি করে ফেলে দেয়ার চেষ্টা করে। এই কাটাকাটির জন্য এক্ষেত্রে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা মাঞ্জা দেয়া সুতা ব্যবহার করা হয়। এই সুতায় কাঁচের চূর্ণ গুড়া মাখিয়ে দেয়া থাকে।

ঘুড়ি সেকাল থেকে আরো অনেক কাজেই ব্যবহৃত হয়েছে। ১৭৪৯ সালে স্কটল্যান্ডের দুই বিজ্ঞানী টমাস মেলভিন ও আলেকজান্ডার উইলসন ঘুড়ির গায়ে থার্মোমিটার লাগিয়ে তাকে আকাশে উড়িয়ে পৃথিবীর ওপর স্তরের তাপমাত্রা পরীক্ষা করেছিলেন। ১৮৮৪ সালে ঘুড়ির সঙ্গে অ্যানিমোমিটার বেঁধে ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১,৩০০ ফুট উচ্চতায় পাঠিয়েছিলেন ব্রিটিশ বিজ্ঞানী ডগলাস আর্কিবল্ড। ওই উচ্চতায় বাতাসের গতিবেগ মাপতেই তিনি এমনটা করেছিলেন। ১৭৫২ সালে বেনজামিন ফ্রাঙ্কলিন ঘুড়ি উড়িয়ে বিদ্যুৎ আবিষ্কার করেছিলেন। বিমান আবিষ্কারের প্রস্তুতি পর্বে রাইট ভাইদ্বয়-ও ঘুড়ি উড়িয়ে দেখেছিলেন।

১৮৯৩ সাল থেকে ১৯৩৩ সাল পর্যন্ত আমেরিকার ‘ন্যাশনাল ওয়েদার সার্ভিস’ ঘুড়ির সাহায্যেই বিভিন্ন জরুরি তথ্য সংগ্রহ করে আবহাওয়ার পূর্বাভাস জানাত। প্রশান্ত মহাসাগরের ৬০০ দ্বীপের দেশ মাইক্রোনেশিয়ার লোক ঘুড়িতে করে গার মাছের জন্য টোপ পাঠাত। মাছটি স্থলভাগ থেকে কিছু বেশি দূরেই থাকে। আগের দিনের সিঙ্গাপুরেও মাছ ধরার জন্য ঘুড়ির ব্যবহার ছিল।

ঘুড়ি নিয়ে মাঝেমাঝে বেশ অদ্ভুত কিছু আইনও বিভিন্ন দেশে করা হয়েছিল। বার্লিন ওয়ালের উপর মানুষ উঠবে বলে পূর্ব জার্মানিতে বড় ঘুড়ি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। ১৭৬০ সালের দিকে জাপানে ঘুড়ি উড়ানো এতই জনপ্রিয় হয় যে, লোকেরা কাজে যেতে চাইত না। তাই সরকারকে ঘুড়ি উড়ানো নিষিদ্ধ করতে হয়েছিল। পরে অবশ্য এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। চীনে একসময় ঘুড়ি উড়ানো নিষিদ্ধ ছিল এবং এর জন্য তিন বছর পর্যন্ত জেল খাটতে হতো।

ঘুড়ি বিশ্বব্যাপী ঐতিহ্যবাহী সুন্দর সংস্কৃতিগুলোর একটি। বিগত বছরের মাঝামাঝিতে লকডাউনের সময় তোমরা অনেকেই বিকেলে ঘুড়ি উড়িয়ে আনন্দ করেছ নিশ্চয়ই। ঘুড়ি নিয়ে আরো অনেক কিছুই তোমরা জানতে পারো। আজ এ পর্যন্তই থাক। ভালো থেকো। ভালো রেখো।

ম্যারাডোনা : এক কিংবদন্তির মহাপ্রয়াণ

কোটি ভক্ত-অনুরাগীকে কাঁদিয়ে পরপারে পাড়ি জমালেন ‘ফুটবল ঈশ্বর’ দিয়েগো ম্যারাডোনা। গত ২৫ নভেম্বর আর্জেন্টিনার তিগ্রে-তে নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান । অনেক বিশেষজ্ঞ, ফুটবল সমালোচক, প্রাক্তন ও বর্তমান খেলোয়াড় এবং ফুটবল সমর্থকগণ তাকে বলেন সর্বকালের সেরা ফুটবলার। তিনি পেলের সাথে যৌথভাবে ফিফার বিংশ শতাব্দীর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। ম্যারাডোনাই বিশ্বের একমাত্র খেলোয়াড় যিনি দুইবার স্থানান্তর ফির ক্ষেত্রে বিশ্বরেকর্ড গড়েছেন। প্রথমবার বার্সেলোনায় স্থানান্তরের সময় ৫ মিলিয়ন ইউরো এবং দ্বিতীয়বার নাপোলিতে স্থানান্তরের সময় ৬.৯ মিলিয়ন ইউরো পেয়েছিলেন। আন্তর্জাতিক পর্যায়ে আর্জেন্টিনার হয়ে তিনি ৯১ খেলায় ৩৪ গোল করেন।

ফুটবলে আবির্ভাব যেভাবে
১৯৭৬ সালের ২০ অক্টোবর, নিজের ষোলতম জন্মদিনের দশ দিন আগে আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে ম্যারাডোনার অভিষেক হয়। সেখানে তিনি ১৯৮১ সাল পর্যন্ত ছিলেন এবং ১৬৭ খেলায় ১১৫টি গোল করেন। এরপর তিনি ১ মিলিয়ন ইউরোর বিনিময়ে বোকা জুনিয়র্সে পাড়ি জমান। ১৯৮১ মওসুমের মাঝামাঝি সময় বোকা জুনিয়র্সে যোগ দিয়ে ১৯৮২ সালে তিনি প্রথম লিগ চ্যাম্পিয়নশিপ জেতেন।

১৯৮২ বিশ্বকাপের পর ৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনায় যোগ দেন ম্যারাডোনা। ১৯৮৪ সালে, আরেকটি রেকর্ড স্থানান্তর ফি-তে (৬.৯ মিলিয়ন ইউরো) সিরি এ ক্লাব নাপোলিতে যোগ দেন তিনি। নাপোলিতে ম্যারাডোনা তার পেশাদার ক্যারিয়ারের শিখরে পৌঁছান। তিনি খুব দ্রুত ক্লাবের সমর্থকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন এবং সেই সময়টিই ছিল নাপোলির ইতিহাসের সফলতম যুগ। ম্যারাডোনার অধীনে নাপোলি ১৯৮৬-৮৭ ও ১৯৮৯-৯০ মওসুমে সিরি এ চ্যাম্পিয়নশিপ জিতে। এছাড়া ম্যারাডোনার সময়ে নাপোলি একবার কোপা ইতালিঢা জিতে (১৯৮৭) এবং একবার রানার-আপ (১৯৮৯) হয় এবং ১৯৯০ সালে ইতালীয় সুপার কাপ জিতে। ১৯৮৭-৮৮ মওসুমের সিরি এ-তে ম্যারাডোনা সর্বোচ্চ গোলদাতা ছিলেন। তার অর্জনসমূহের প্রতি সম্মান জানিয়ে নাপোলির ১০ নম্বর জার্সিটি দাপ্তরিকভাবে বন্ধ করে দেওয়া হয়।

বিশ্বকাপ ও ম্যারাডোনা
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের হয়ে ম্যারাডোনা টানা চারটি বিশ্বকাপে অংশগ্রহণ করেন। এর মধ্যে ১৯৮৬-এ আর্জেন্টিনা বিজয়ী হয় এবং ১৯৯০-এ হয় রানার-আপ। ম্যারাডোনার ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ প্রতিযোগিতা ছিল ১৯৮২ সালের বিশ্বকাপ। ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ম্যারাডোনা। প্রতিযোগিতার ফাইনালে পশ্চিম জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। প্রতিযোগিতার পুরোটাজুড়েই ছিল ম্যারাডোনার আধিপত্য। বলা যায় তার এক নৈপুণ্যে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করে। তিনি আর্জেন্টিনার প্রত্যেকটি খেলায় পুরোটা সময়ই মাঠে ছিলেন। পুরো প্রতিযোগিতায় তিনি পাঁচটি গোল করেন এবং সতীর্থদের দিয়ে করান আরো পাঁচটি।

১৯৯০ বিশ্বকাপ ও ম্যারাডোনার কান্না
১৯৯০ বিশ্বকাপে পুনরায় আর্জেন্টিনার অধিনায়কের দায়িত্ব পালন করেন ম্যারাডোনা। কিন্তু গোড়ালির ইনজুরির কারণে ১৯৮৬ বিশ্বকাপের মতো নৈপুন্য তিনি দেখাতে পারেননি। ফাইনালে এবারও আর্জেন্টিনা মুখোমুখি হয় পশ্চিম জার্মানির। ডি ফোলারকে ফাউল করার কারণে দেওয়া বিতর্কিত পেনাল্টিতে ব্রেহমার করা একমাত্র গোলে জয় পায় পশ্চিম জার্মানি। পরাজয়ের কারণে অনেক ভেঙে পড়েন ম্যারাডোনা। এরপরই টিভি ক্যামেরায় ধরা পড়ে ম্যারাডোনার আলোচিত কান্নার দৃশ্যটি। পরদিন গোটা বিশ্বের মিডিয়াজুড়ে ছিল কিংবদন্তি ফুটবলারের সেই কান্নার ছবি। এক ছবি দিয়েই ৯০ বিশ্বকাপ নিজের দখলে নেন ম্যারাডোনা। এর প্রভাব পড়ে বাংলাদেশের মতো ফুটবলপাগল দেশেও।

১৯৯৪ বিশ্বকাপ ও ম্যারাডোনার বহিষ্কার
১৯৯৪ বিশ্বকাপে ম্যারাডোনা শুধু দুইটি খেলায় মাঠে নামেন। এর মধ্যে গ্রিসের বিপক্ষে তিনি একটি গোল করেন। ড্রাগ টেস্টে এফিড্রিন ডোপিংয়ের কারণে তাকে বিশ্বকাপ থেকে বহিষ্কার করা হয়।

শতাব্দীর সেরা খেলোয়াড়
২০০০ সালে ফিফা ম্যারাডোনাকে শতাব্দীর সেরা খেলোয়াড় নির্বাচিত করে। যা নির্বাচিত হয় তাদের অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল ম্যাগাজিনে ভোট এবং বিচারকের মাধ্যমে। ২০১০ বিশ্বকাপে ম্যারাডোনা আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ ছিলেন। এছাড়া বিভিন্ন সময়ে অনেক ক্লাব ফুটবল দলেরও কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ম্যারাডোনা। কিন্তু মাদক আর বিভিন্ন অভিযোগের কারণে কোথায়ও বেশি দিন থিতু হতে পারেননি। এত কিছু সত্ত্বেও ম্যারাডোনা দর্শকদের মনে থেকে যাবেন চিরজীবন।

নিশানা

আমরা তিনজন একসাথে হাই তুলে আবার থম মেরে বসলাম। আহমদ এই তিনজনের মধ্যে পড়ে না। কারণ সে একটু একটু ব্যতিক্রম করল। সে হাই তুলে বলল, ‘চল, ডাক্তার বাড়ির পুকুরে গিয়ে সাঁতার কাটি।’ রফিক আহমদের পিঠে দড়াম করে একটা কিল মেরে বলল, ‘চুপ কর বদমাশ।’
কিল দেয়ার কারণটা ব্যাখ্যা করা প্রয়োজন। ডাক্তার বাড়ির পুকুর হলো এই বাকৃবি (বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়) এলাকার অন্যতম নয়নাভিরাম জলাধার। পুকুরের সবটুকু অংশজুড়ে কচুরিপানা। বিল্ডিংগুলোর আবর্জনায় ভরাট হয়ে আছে ডান দিক। বাম দিক কি ফাঁকা? মোটেই না। সেদিক জুড়ে থাকেন পথচলতি মানুষেরা। ওপেন টয়লেট হিসেবে পুকুরটির যথাযথ ব্যবহার করা হয়। যাকে বলে প্রোপার ইউজ। এছাড়া সেলুন, ফার্মেসি, টেইলার্সÑ এ রকম যত প্রকার দোকান আছে সে সকল প্রকরণের বর্জ্য ফেলা হয় এই পুকুরে। কচুরিপানা আর ময়লার ফাঁকে যে পানি দেখা যায় তার রং মিশমিশে কালো। মানুষ তো বটেই, গরু-ছাগলও পারতপক্ষে এই পুকুরের কাছে ঘেঁষে না। বুঝতেই পারছো, এই পুকুরে সাঁতার কাটলে ঝাড়া সাতাশবার গোসল করতে হবে।
অতএব, এ রকম অবিবেচক কথার উপযুক্ত উত্তরই যে প্রযুক্ত হয়েছে তা নিশ্চয়ই এখন সবার কাছে পরিষ্কার।
অবশ্য অন্য সময় হলে আরো উচ্চাঙ্গের গালি লাগানো হতো। কিন্তু এই পরিস্থিতিতে গালিগালাজ করবার উৎসাহও যেন মরে গেছে আমাদের। পরিস্থিতিটা কেমন সেটা বলা দরকার। তারও আগে আমাদের নিজেদের সম্পর্কে বলা দরকার।
আমরা হলাম নাইনের (এবার অটোপাশ নিয়ে টেন-এ উঠব) কিছু বাঁদর। ডারউইনবাদে বিশ্বাসী না হলেও আমরা স্বভাববাঁদর। বিচিত্র বিচিত্র বিষয় নিয়ে বাঁদরামি করে করে ডারউইনবাদের নজির দেখাই প্রতিনিয়ত। অন্য দিকে আবার প্রসঙ্গ এলে ডারউইন ও তার মতবাদে দুটোরই একটু সমালোচনা করতে ছাড়িও না। করোনার ভয় মানুষের মন থেকে রীতিমতো উবে যাওয়ায় গৃহকারাগার থেকে আমাদের মুক্তি মিলেছে ইদানীং। আমাদের মুক্তি সংগ্রামও এক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছে। স্বাধীনতা দিয়ে আমাদের অতিষ্ঠ অভিভাবকেরা হাঁপ ছেড়ে বলেছেন, যেখানে পারিস যা, শুধু আমাদের বাঁচা ….।’
ঝামেলা কিন্তু রয়েই গেছে, অধিকাংশ অভিভাবকই আমাদের আন্দোলন সংগ্রামকে সম্পূর্ণ অগ্রাহ্য করে স্বৈরাচার অব্যাহত রেখেছেন। ‘এই শীতে করোনার আরেকটা ফ্লো আসছে,’ ‘এই পরিবেশে তোমাদের বাবা-মা তোমাদেরকে কিভাবে রাস্তায় ছেড়ে দেন বুঝতে পারি না,’ ‘ওকে তো এ অবস্থায় কখনোই ছাড়া যাবে না, তোমরাও ঘরে বসে থাকো কখন কী হয়’ Ñ বাঁদরসংঘের সদস্যদের মুক্তি চাইতে গেলে এরকম হাজারো গা-জ্বালা করা উপদেশ হজম করে ফিরতে হয়। আমরা বলা বাহুল্য কেউই মাস্ক পরি না (অবশ্য পকেটে রেখে দেই, বলা তো যায় না, কখন পুলিশ এসে জরিমানা করে বসে, বহুজনকে বহু ব্যাকরণে ছাড় দিলেও জরিমানার বেলায় পুলিশের ছাড় নেই) এবং দম বন্ধ করা এই আদিখ্যেতার কথা সহ্যও করতে পারি না। মোটমাট, করোনার ব্যাপারে আমাদের দর্শন হলোÑ থোড়াই কেয়ার করা। যাহোক, আমাদের বেশিরভাগ বন্ধুই যেহেতু কারাগারে আবদ্ধ, সেহেতু দলছুট (অবশ্য কারা যে দলছুট সেটা নির্ণয় করতে গেলে কালোঘাম ছুটে যায়, কিন্তু সমাধান হয় না) আমরা চারজন একরকম বেকার জীবন কাটাচ্ছি। তোমরাই বলো, কেবল চারজন দিয়ে কি কোনো খেলা হয়?
যে-ই আমাদের, ক্রিকেট খেলায় ব্যাট ধরতে ধরতে হাতে কড়া পড়ে যেত, ফুটবল খেলতে খেলতে পায়ে পড়তো ফোস্কাÑ সে-ই আমাদের হাত-পা এখন মেয়েদের মতো মোলায়েম (ভাবতেই লজ্জা করে), চর্বি জমে সর্বশরীর থলথলে, মুভি দেখতে দেখতে তো একজনের (লাবিব) চশমাই নিতে হয়েছে, এমনকি এই মুহূর্তেও সে কী একটা মুভি দেখছে (বলে রাখি, আমাদের ভেতর একটু গবেট টাইপের, আরেকটু পরেই খোলাসা হবে)।
পূর্বের বীর আমাদের কিয়দংশ জরাগ্রস্ত আমরাÑ এখন ফার্স্ট গেটের আখড়ায় বসে করণীয় চিন্তা করি আর হ্্্্্্্্্্্্্্াই তুলি। আহমদ হয়তো স্বভাবসুলভ ভাবে ফাজলামি করে হরেক রকম উটকো প্রস্তাব করেছিল, আর তৎক্ষণাৎ বাকিরা কিল-সহযোগে সেটা নাকচ করে দিচ্ছিল।
এ রকম করতে করতে আজকের আড্ডায় আহমদ চমৎকার একটা আইডিয়া বের করে ফেলল। বলল, ‘চল না, আমরা শুটিং শুটিং খেলি, খেলনা আর্মস তো অনেক আছে। কী? করা যায় না?’
আমরা উত্তেজিত হয়ে আহমদের পিঠে চাপড় মেরে সপক্ষে রায় দিলাম। লাবিব কিছুই করল না, কেবল মোবাইল থেকে মুখ তুলে শুঁটকিমাছ-মার্কা হাঁ করল এ করল একটা। বোঝা গেল, ব্যাটা কিছুই বোঝেনি।
সুতরাং দ্বিতীয়বার বলা হলো। সে মাথা নেড়ে বিপুল ভাবনা-চিন্তার পর বলল, ‘বলিস কী? ক্যামেরা নেই, ক্যামেরাম্যান নেই, বাজেট নেই, শুটিং করবি। এত সোজা?’
থাবড়া মেরে তৃতীয়বারের বার বুঝিয়ে দেয়া হলো।
অতঃপর প্রস্তুতির পালা। রীতিমতো একটা অস্ত্রাগার আছে আহমদের সংগ্রহে। সেখানে রিভলভার, স্টেনগান, মেশিনগান, রাইফেল, পিস্তল, ওয়াটার মেশিনগানÑ এরকম প্রায় সব অস্ত্রই আছে (ভয় পাবার কিছু নেই কিন্তু, সবই নেহাত খেলনা)। অতএব, হাতিয়ার নিয়ে কোনোরকম হাপিত্যেশ করা লাগছে না।
এবার তাই শুরু হলো নীতিনির্ধারণ। সিদ্ধান্ত হলো, আমরা খেলব পানির ট্যাংকের এবড়োখেবড়ো ঘাসে ঢাকা ছোট্ট মাঠটায়। উত্তর-পশ্চিমে পুরনো জং-ধরা পানির ট্যাংক। তার বাঁ দিকে স্বর্ণলতার ঝাড় আর ডানে বেশ ঘন করে কয়েকটি জামগাছ। মাঠের পূর্বধারে থরে থরে সাজানো কোনো আদিকালে কার এনে রাখা ব্রিটিশ ইট। ইটের স্তুপের পেছনে ভার্সিটির একটা হলঘরের প্রাচীর। এত জায়গা ফেলে এই মাঠে খেলবার একটা তাৎপর্যবহ কারণ আছে। কারণটা হলোÑ মাঠটা আমাদের বাসা থেকে বিস্তর দূরে। সত্যিকার যুদ্ধ হলেও শব্দ যাবার সম্ভাবনা নেই। কিন্তু কাছাকাছি কোথাও খেললে এবং কোনোক্রমে ধরা পড়ে গেলেÑ চিরতরে বেঁটে (আমাদের ময়মনসিংহের ভাষায় বাইট্টা) হয়ে যাবার বন্দোবস্ত করা হবে। সুতরাং সেধে কেন বিপদের ঘাড়ে পড়া?
যাহোক, লাবিবের বিদেশী ডায়রিটার পাতা ছিঁড়ে একটা বেশ সূক্ষ¥ ম্যাপ এঁকে দিলাম আমি। সাথে বেশ কয়েকটা রদ্দাও খেলাম, অতি উৎসাহের চোটে আস্ত একটা পানির ট্যাংক মাঠের একধার থেকে একেবারে মাঝখানে এনে ফেলবার খেসারতে।
সবশেষে প্রণীত হলো খেলার আইন। যেই দল গুলি গুলি খেতে খেতে দিশেহারা হয়ে আত্মসমর্পণ করবেÑ হারবে সেই দল, জিতবে প্রতিপক্ষ।
আগেই বলেছিলাম, আহমদের সংগ্রহে রীতিমতো একটা অস্ত্রাগার আছে। আমরা এবার সেই অস্ত্রাগার থেকে সশস্ত্র হয়ে বেরুলাম। প্রত্যেকে নিলাম একটা করে রিভলবার আর স্টেনগান, এবং পকেটভর্তি গুলি (আসলে পুঁতি)। আর প্রটেকশনের জন্য চোখে গগলস (লাবিব বেচারার বেজায় সমস্যা হলো, চশমা চোখে গগলস পরা যায় না, আর শুধু গগলস পরলে দুনিয়া আন্ধার দেখে) এবং মাথায় হেলমেট। ফ্রি ফায়ারের মতো মহাফালতু গেমস খেলে অনেক সময় নষ্ট করেছি, এবার সত্যিকারেই একটু আধটু ফায়ার করে দেখা যাক না।
প্রস্তুতি পর্বের শেষে শুরু হলো খেলার প্রাথমিক পর্ব। আজ কোনো চূড়ান্ত লেভেলের খেলা হবে না কারণ প্রস্তুতিতেই প্রচুর সময় গড়িয়ে গেছে। শুরু হলো প্রাথমিক পর্বÑ
আমি আর আহমদ এক দল, আমরা নিয়েছিলাম পানির ট্যাংকের দিকটা। ভেবেছিলাম জামগাছের পেছন থেকে হাওয়া খেতে খেতে গুলি করা যাবে। কিন্তু সেই সুবিধা হলো না। রফিক আর লাবিব ইটের স্তূপ থেকে এক-দুই সারি নামিয়ে Ñ তার ওপর দাঁড়িয়ে আরামসে আমাদের দিকে গুলি চালাতে লাগল মুহুর্মুুহূ। আমরা জামগাছের আড়াল থেকে মাথা বের করে তাদের তাক করতে করতে তারা চালিয়ে দেয় গুলি, মাথা লুকিয়ে ফেলে টুক করে। আমাদের সুবিধা হলো তখন, যখন বুদ্ধি করে আমি উঠে গেলাম ট্যাংকের ওপরে (রফিক অবশ্য ক্রলিং করে করে ঝোপঝাড়ের দিকটায় পজিশন নিতে চেয়েছিল, আহমদ কোনোক্রমে তাকে ঠেকিয়ে রাখল) আর প্রতিপক্ষের ওপর গুলি চলতে লাগলÑ ডান-বাম দু’দিক থেকেই। বেচারাদের দিশেহারা দশাটা হয়েছিল দেখার মতো…
প্রাথমিক পর্ব সমাপ্ত হলো। অবশ্য কোন দল জিতল সেটা বলব না।
এর পরদিনÑ চূড়ান্ত খেলার ক্ষণ হলো উপস্থিত। নয়টা বাজতেই দুরুদুরু বুকে আমরা সওয়ার হলাম সাইকেলে এবং ব্যাখ্যাতীত এক উত্তেজনায় জোর পায়ে প্যাডেল মেরে বিশ মিনিটের পথ পাড়ি দিয়ে ফেললাম পাঁচ-সাত মিনিটে। সাইকেলগুলোর স্ট্যান্ড ফেলে মাঠের দিকে নজর করতেই দেখিÑ একটা গরু মাঠে চড়ছে খোশমেজাজে।
বাকৃবির শেষ-সীমা থেকে একটু দূর দিয়ে খাসজমিতে গেড়ে বসেছে একটা বনসাই গোছের গ্রাম। একেবারে গ্রাম্য জীবনযাপন করে সেখানকার মানুষ। তাদের যে কেউ এখানে গরু ছেড়ে দিতে পারে অনায়াসে, কিন্তু ঘুর্নাক্ষরেও স্বাভাবিক এই সমীকরণটা আমাদের মাথায় খেলেনি। এই হতচ্ছাড়া গরুটা আমাদের খেলায় বিঘ্ন ঘটাবে বলে চূড়ান্ত মাত্রায় বিরক্ত হলাম আমরা। কিন্তু বিরক্তির মধ্যেই রসবোধ জেগে উঠল রফিকের। সে বলল, চল, একটা গুলি করি গরুটাকে। কে করবি?
কেউ তেমন আগ্রহী হলো না দেখে সে নিজেই তর্জনীর চাপে টিপে দিলো ট্রিগার।
শব্দে এবং আঘাতে-ঘাবড়ে গিয়ে গরুটা আর্তনাদ করে ছুটতে লাগল দিগি¦দিক। খুঁটি গাড়া ছিল বলে পালাতে পারল না। ব্যাপারটা হাস্যকর মনে না হলেও রফিকের অট্টহাস্যে সংক্রামিত হয়ে হাসতে লাগলাম আমরাও।
কিন্তু হঠাৎ হাসি থেমে গেল সকলের। কারণ ডিগডিগে গড়নের একটি ছোট্ট ছেলে দৌড়ে এসেছে ঊর্ধ্বশ্বাসে। পরনে ময়লা হাফপ্যান্ট আর অনেক বড় অনুপাতের আধছেঁড়া টি-শার্ট। কয়বার যে হাত বদল হয়েছে টি-শার্টটা আন্দাজ করা কঠিন। গায়ের রং রোদে পুড়ে তামাটে, ছোট করে ছাটা চুলগুলি অযত্নে অবহেলায় কেমন বিবর্ণ। বড়জোর ক্লাস থ্রি-তে পড়বার বয়স।
আমরা থমকে গেলাম একদম! বাবা-মার মুখে নিজেদের বিলাসিতা আর গরিবদের দুর্দশার কথা শুনি বরাবরই, সেসব কখনোই আমাদের গায়ে লাগেনি। কিন্তু তুচ্ছ এই দৃশ্যে আপনা থেকেই কী একটা পরিবর্তন এসে গেল আমাদের মনে। একটি অসহায়-বঞ্চিত শিশুর সামনে অকারণ বিলাসী নিজেদের নির্মম-নৃশংস-ঘৃণ্য জীব বলে উপলব্ধ হলো।
গরু সামলাতে সামলাতে একবার আমাদের দিকে তাকালো। অসাধারণ কিছুই নয়Ñ অতি সাধারণ একটি ছেলের সাধারণ একটি দৃষ্টিÑ খেয়ালি কিছু ছেলের দিকে সামান্য ধিক্কারের একটি দৃষ্টি। আর তাতেই বিপরীত দুই মেরুর ভেতর আবছা একটা যোগাযোগ হয়ে গেল যেন। লজ্জায়, আত্মগ্লানিতে কুঁকড়ে গেলাম আমরা।
একপর্যায়ে গরুটাকে নিয়ে চলে গেল ছেলেটা। আমাদের স্বচ্ছন্দ খেলায় আর কোনো বিঘ্ন নেই। তবু কী এক ইশারায় ঝিম মেরে রইলাম আমরা।
আর খেলা হলো না সেদিন!

নবম শ্রেণি, রেসিডেন্সিয়াল মডেল স্কুল, ময়মনসিংহ

শীতের ছুটি

স্কুল থেকে ফিরে বিছানায় গা এলিয়ে দিলো ফয়সাল। আজ ওদের ক্লাস থ্রির সমাপনী পরীক্ষা শেষ হয়ে গেল। শীতের এক মাস ছুটি থাকবে স্কুল। এই সময় ছেলে-মেয়েদের মনে ভীষণ আনন্দ থাকে। কিন্তু ওর মনটা খারাপ । মা বলেছিল পরীক্ষা শেষ হলে সেদিনই নানুবাড়িতে বেড়াতে যাবে। সেই কথা শোনার পর থেকে দিন গুনেছে সে। আজ সেই আনন্দের দিন হওয়ার কথা ছিল। অথচ মা একটু আগে বলল, আজ যাওয়া হবে না। কয়েক দিন পর যাবে। মায়ের দুবার ডাকাতেও খেতে যায়নি সে। মা আবার এসে বলল,
কিরে, এখনো শুয়ে আছিস যে? জলদি খেয়েদেয়ে রেডি হ, আজকে না নানুবাড়ি যাবি। নানুবাড়ি যাওয়ার কথা শুনে তড়াক করে বিছানা ছেড়ে উঠে বসল ফয়সাল।
– তুমি সত্যি বলছ? এই না একটু আগে বললে আজ যাবে না।
– বলেছিলাম, কিন্তু এখন আর কোনো সমস্যা নেই, তোর আব্বু বেতন পেয়েছে।’
আর দেরি করল না ফয়সাল, দৌড় দিলো ওয়াশরুমের দিকে। সেদিন দুপুরের পর ওর আম্মুর সাথে বের হয়ে, নানুবাড়ি পৌঁছাতে পৌঁছাতে গোধূলি পার হয়ে গেল। ফয়সাল প্রথমেই তার নানুর ঘরে দৌড়ে গেল। একটা কুপিবাতি জ্বলছিল নানুর ঘরে। পানের বাটি সামনে নিয়ে বসে ছিল ওর নানু। ফয়সাল ওর নানাকে দেখেনি। তিনি মারা গেছেন ওর জন্মের অনেক আগে। নানুকে দেখেই ফয়সাল চিৎকার করে বলল,
– নানু, আমি এসে গেছি, তোমার পিঠা তৈরির কাজ বাড়িয়ে দিতে।
নানু ওর কপালে স্নেহের আদর এঁকে বলল, ওরে, কে কোথায় আছিস, এদিকে আয়, দেখ আমার ভাই এসেছে।
সেই রাতে উৎসব শুরু হলো নানুবাড়িতে। নানু সেদিন রাতেই পিঠা বানালো ওর জন্য। শীতের সবজি ও বিলের মাছ তো ছিলই। সকালে ওর জন্য নানু রেখে দিয়েছিল এক হাড়ি খেজুরের রস। নানু বলেছিল, সবচেয়ে ভালো গাছের রসটাই ওর জন্য রেখেছেন তিনি। নানুদের এখানে এলে পড়াশোনার কোনো ঝামেলা নেই, রুটিনমাফিক চলতেও হয় না। সারাদিন গুলতি নিয়ে ঘুরে বেড়ানো আর বিকেলে গোল্ল­াছুট খেলায় মত্ত থাকে সে। রাতের খাওয়া শেষে নানুর কাছে গল্প শুনতে বসে যায় ফয়সাল, গল্পের দেশে ঘুরতে ঘুরতে নিজের অলক্ষ্যেই ঘুমিয়ে পড়ে। আনন্দের দিনগুলো চোখের পলকে কেটে গেল ফয়সালের। চলে এলো নতুন বছর, জানুয়ারি মাস। আবার স্কুল শুরু হবে ওদের। তাই আজই বাড়ি ফিরছে ওরা। ব্যাগ গুছিয়ে নিয়ে রাস্তায় চলে এসেছে। এগিয়ে দিতে এসেছে মামা নানু ও ছোট খালা। ফয়সালের মনটা খারাপ। আষাঢ়ের মেঘের মতো দেখাচ্ছে ওর মুখটা। নানু ওর কাছে এগিয়ে এলো।
– মন খারাপ করে আছিস কেন?’
– কয়েক দিন থাকলাম মাত্র, আর আজই চলে যেতে হচ্ছে, আর ক’টা দিন থাকলে কী হতো?’
কয়েক দিন থাকলি মানে? পুরো এক মাস তোর কাছে কয়েক দিন মনে হচ্ছে? আর ওদিকে লেখাপড়া করবে কে, এখানে থাকলে? বলল ফয়সালের মা।
আহা! ওভাবে বলিস না আমার ভাইটাকে। নানু ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল।
– আবার গীষ্মের ছুটিতে আসিস, দেখতে দেখতে সময় চলে যাবে, এখন ভালো করে পড়াশোনা করো গিয়ে।
– ঠিক আছে যাচ্ছি, কিন্তু মনে রেখো, এবার বেশি বেশি গল্প জমিয়ে রাখতে হবে সাথে আম ও লিচুর যেন কমতি না হয়।
জবাবে নানুসহ সবাই হেসে দিলো। গাড়িতে উঠে বসল ফয়সাল। গাড়ি চলতে শুরু করলেও পেছনে তাকিয়ে রইল সে। একসময় গাছপালা ও রাস্তার অচেনা বাঁকে হারিয়ে গেল নানু সহ অন্যান্য চেনা মুখ।

তিন মাস পর…
পুরোদমে ক্লাস চলছে ফয়সালের। হঠাৎ খবর এলো নানু খ্বু অসুস্থ। সেদিনই স্কুল থেকে ফিরে নানুবাড়ি চলে আসতে হলো ওদের। ফয়সালের মন খারাপ। এমন মন খারাপ নিয়ে কখনো সে নানুবাড়ি আসেনি। এবার নানুর মুখে গল্পও শুনতে পারেনি ফয়সাল, তার নানুর মুখে কথা সরেনি। কথা বলার চেষ্টা করেও পারেনি, শুধু ঠোঁটটা নড়েছে। ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিল নানু, ফয়সালের দিকে। ফয়সালও কোনো কথা বলতে পারেনি সেদিন, নানুর বেডের দিকে তাকিয়ে নীরব অশ্রু ঝরিয়েছে। ২০০৯ সাল, ফয়সাল যখন ক্লাস ফোরে পড়ে, ঠিক তখন ওর নানু পরলোকগমন করেন । সৎকার সম্পন্ন হলে ফয়সালরা নিজ বাড়িতে ফিরে আসে। আস্তে আস্তে নানুবাড়ি যাওয়া কমে যায় ওর। সেও পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়ে। প্রথম দিকে প্রতিদিন নানুর কথা মনে পড়ত, সেই মনে পড়াটা সপ্তাহ ঘুরে মাসে, সর্বশেষ অর্ধ বছরে রূপ নিয়েছে। অবসর সময়ে একা থাকলেই কেবল এগুলো মনে হয় ওর। সর্বদা গতিশীল এ জগৎ, কেউ থেমে নেই । সময় চলেছে তার আপন গতিতে, তাকে আটকানোর সাধ্য কারো নেই। সময়ের স্রোতে তাই ফয়সালও ভেসে যাচ্ছে। ২০০৯ সালের স্থলে এখন ২০১৯ সাল। স্কুলের গণ্ডি পেরিয়ে সে এখন কলেজে। দুদিন আগে কলেজ শীতের ছুটি দিয়েছে । সিদ্ধান্ত মতো আজ নানুবাড়ির উদ্দেশ্য রওনা দিয়েছে সে। পিঠে ঝোলানো ব্যাগ। সে একাই যাচ্ছে নানুবাড়ি । হাইওয়ে থেকে নেমে নানুবাড়ির রাস্তায় পা দিলো ফয়সাল। এই রাস্তাটাও আগের মতো নেই, পিচ ঢেলে পাকা করা হয়েছে। রাস্তার পাশে খড়ের বাড়িগুলো দালানে রূপান্তরিত হয়েছে। গতানুগতিক চিহ্ন মুছে ফেলার সর্বোচ্চ চেষ্টা চলছে যেন জগৎ জুড়ে। বেশ কয়েক বছর পর সে নানুবাড়ির পথে । কিন্তু কী আশ্চর্য! ছোট বেলার সেই আবেগ, অনুভূতি আজ আর একটুও অবশিষ্ট নেই। কোথায় হারিয়ে গেল নানুবাড়ি আসার জন্য দিনগোনা সেই দিনগুলো? উত্তর জানা নেই ওর। নানুবাড়ি গিয়ে আরো অবাক হলো ফয়সাল। নানুর ছোট্ট খড়ের ঘরটা নেই, সে স্থানে দাঁড়িয়ে আছে ইটের ঘর। সেই ঘরটায় ওর মামাতো ভাই থাকে এখন। কোনো ঘরেই এখন আর কুপিবাতি নেই। বিদ্যুৎ সংযোগ চলে এসেছে। আজকেও হরেক রকম পিঠা তৈরি করা হয়েছে ওর জন্য। অথচ কেন জানি নানুর হাতের তৈরি পিঠার সাধটা পাচ্ছে না সে। সকালের রসের মিষ্টি স্বাদটাও পানসে হয়ে গেছে। এখানে আসার পর থেকে ছোটবেলার অনেক স্মৃতি তাড়া করে ফিরছে ওকে। ওর নানুর কাছে গল্প শোনা দিনগুলো বারবার মনে পড়ছে। না, এখানে আর থাকতে চায় না ফয়সাল। পুরোনো স্মৃতিগুলোকে খ্বু ভয় করে সে। ব্যাগ গুছিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে রাস্তায় উঠল সে। ওর বাড়ির দিকে না গিয়ে নদীর দিকে যাওয়ার রাস্তায় পা বাড়াল । ওখানেই নানু বৃক্ষের ছায়ায় শুয়ে আছে। অপরাহ্নের সমাধিক্ষেত্রে পিনপতন নীরবতা বিরাজমান। পাশেই বয়ে চলা ছোট্ট নদী। নিবৃত্ত নিরূপম পরিবেষ্টন। দশ বছর পরেও নানুর কবরটা চিনতে ভুল হলো না ওর। যদিও তা আগের মতো নেই। বাঁশের বেষ্টনীটা নষ্ট হয়ে গেছে। আগাছায় ঢেকে ফেলেছে পুরো কবর। কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল সে। তারপর বলল,
‘নানু, আমাকে চিনতে পেরেছ? আমি তোমার সেই ছোট্ট ফয়সাল ভাইয়া। দেখো নানু, তোমার ছোট্ট ভাইটি এখন অনেক বড় হয়ে গেছে।’
থেমে গেল সে। পিনপতন নীরবতা।
‘কী হলো নানু, কোনো কথা বলছ না যে? আমাকে চিনতে পারোনি? তুমি এভাবে স্বার্থপরের মতো শান্তির ঘুম দিয়েছ নানু। দশটা বছর পার হয়ে গেল, কেউ আর তোমার মতো পথ চেয়ে থাকে না। কত গল্প এখনো শোনা হয়নি। নানু তুমি এভাবে আমাদের ছেড়ে থাকতে পারো না।’
ধপ করে সেখানে বসে পড়ল ফয়সাল। তার নানু কোনো জবাব দিলো না। ভিজে ওঠা চোখের পাতা মুছে নানুর কবর জিয়ারত করল সে। তারপর অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল কবরের দিকে। চিরন্তন সত্য, মানুষের এই পরিণতি। পুরাতনরা চলে যায় নতুনদের জায়গা করে দিতে। এই আহবান উপেক্ষার সাধ্য কারো নেই। কোনো মানুষই অমর নয়, কিন্তু তার ভালো কর্ম বেঁচে থাকে আজীবন। নানুদের গ্রামের স্কুলের সাইনবোর্ডে এখনো সোভা পায় নানুর নাম। তার দেওয়া জমিতে গড়ে ওঠা স্কুল আলোকিত করেছে অন্ধকার গ্রাম। জ্ঞানের মশাল জ্বলছে, জ্বলবে সুদূর ভবিষ্যতেও। তবে তো তার নানু তো এখনো বেচে আছে, একটুকরো হাসি ফুটে ওঠে ওর ঠোঁটে। নাম না জানা পাখির ডাকে সম্বিৎ ফিরে পায় ফয়সাল। সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়েছে। শেষ বিকেলের সোনালি রোদে চিকচিক করছে গাছের পাতাগুলো। পেছনে ফিরে আরেকবার তাকাল ফয়সাল, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাড়ির পথে হাঁটা ধরল।

খাঁচার পাখি

শপিংমলে ঢুকেই এদিক ওদিক ছোটাছুটি করতে লাগল আরিয়ান। এটা কিনবে ওটা কিনবে। সামনে যা পায় তা নিয়ে খেলতে থাকে। রীতিমতো হিমশিম খেতে হয় মা হামিদাকে। আর হবে না কেন! ছয় বছরের ছোট্ট আরিয়ান কি আর বোঝে! শিশুদের মন তো এমনই। শিশুরা উন্মুক্ত পরিবেশে ছুটে বেড়াবেই। যেখানে যায় সেখানেই তারা হইচই করতে ভালোবাসে। আর এটাই, স্বাভাবিক। তাদের মন মুক্ত ডানা পাখির মতো। তারা উড়তে চায়, ঘুরতে চায়, খেলতে চায়। তারা জানে না কোনটা ভালো কোনটা মন্দ। তাদেরকে যা বুঝানো হয় তাই বুঝে। আরিয়ানের এমন চঞ্চলতায় মা হামিদা তাকে ধমক দিয়ে বকতে শুরু করলেন।

ধমক খেয়ে টলমল চোখে মায়ের গলায় জড়িয়ে ধরে মুখের দিকে তাকিয়ে অশ্রুসিক্ত হাসিতে কপালে চুমু দিয়ে বলে- তুমি আমাকে বকলে কেন মা?
– আমি না তোমার আব্বু।
– আব্বুকে কি কেউ বকে?
– আব্বু দুষ্টোমি করলে মাঝে মাঝে বকতে হয় বললেন হামিদা। তুমি না গতদিন শাফিকে ধমক দিয়ে কথা বলায় নিলা আন্টিকে বকেছ। আর আজ নিজেই আমাকে বকছো।
এমন হৃদয় ছোয়া মিষ্টি কথা শুনে কোলে তুলে আদরে আদরে মা হামিদা বললেন কোথাও গিয়ে এসব করতে নেই বাবা। লোকে তোমাকে দুষ্টু বলবে। কেউ আদর করবে না। ভালোবাসবে না।
– তাই।
– হ্যাঁ বাবা।
– বুঝে নিলো আরিয়ান।
– ঠিক আছে মা তাহলে আমি আর এসব করবো না।
– আমায় ভালোবাসবে তো!
– হ্যাঁ বাসবো বাবা।
– তুমি তো আমার চোখের মণি।
এভাবে ভালোবাসা দিয়েই শিশুদের কোমল মন কিংবা যেকোনো মানুষকে বদলানো যায়।
– ধমক দিয়ে নয়।
আরিয়ান এখন মায়ের কাছে কাছে হাতে হাত রেখে ঘুরছে। হঠাৎ ডান দিকে চোখ ফেরাতেই কয়েকটি পাখি খাঁচায় বন্দি দেখে চমকে উঠল! খাঁচার কাছে একটি সাদা কাগজের লেখাগুলো বানান করে পড়তে গিয়ে দেখে পাখিগুলো বিক্রয়ের জন্য।
– বিক্রয় কী তা জানে না আরিয়ান।
– মাকে জিজ্ঞেস করল মা, বিক্রয় মানে কী?
– বিক্রয় মানে তুমি চাইলে বা তোমার পছন্দ হলে তুমি টাকা দিয়ে কিনে নিতে পারবে।
– অহ, তাই।
– হ্যাঁ বাবা।
– আচ্ছা মা পাখিগুলো বন্দি কেন?
– পাখি তো বনে থাকবে। ওদের বাসা বনে।
– ওরা তো বনকে ভালোবাসে।
– তুমি না বলো,
বাঙালি লেখক সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন- বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে।
– যার যেখানে মানায় সেখানেই তাদের থাকা উচিত।
– পাখিকে কি খাঁচায় মানায় বলো?
– পাখিকে খাঁচায় বন্দি রাখা পাপ, অন্যায়।
– ওরা কি জানে না?
– ওরা বিক্রি করে টাকা পাওয়ার জন্য বন্দি করে রেখেছে বাবা।
-কিন্তু, এটা তো পাপ, অন্যায় মা।
-তাহলে পুলিশ ওদের ধরে নেয় না কেন?
-তুমি না বলো খারাপ লোকদের পুলিশ শাস্তি দেয়?
-ওরা তো খারাপ।
– আহাঃ ছাড়তো এসব।
– বাসায় গিয়ে তোমাকে বুঝাবো।
– আর কোনো কথা বলবা না।
– ওকে।
আরিয়ান অনেক কিছু কিনতে এসেছে। মা এটা ওটা অনেকটা দেখিয়ে বললেও কোনো কিছুই কিনতে চায় না। মনটা মলিন হয়ে গেছে। মন পড়ে আছে খাঁচার বন্দি পাখিগুলোর কাছে। মনে মনে ভাবছে এই পাখিগুলো এখানে কেন? মানুষ এতো খারাপ কেন? আহ তাদের কত কষ্ট হচ্ছে! তাদের জীবন তো বন্দি জীবন নয়। আজ ওরা বনে থাকলে কত্তো সুন্দর এডাল ওডাল করে ঘুরে বেড়াতো। আকাশের মুক্ত বাতাসে ডানা মেলে উড়তো। ভোরে ওরা মধুর সুরে কিচিরমিচির করতো। তাদের কলকাকলিতে আমাদের ঘুম ভাঙতো। আর আজ তারা খাঁচায় বন্দি। না না এ হতেই পারে না। এটা অন্যায়। এটা পাপ!
এসব চিন্তা করতে করতে হঠাৎ দেখে মা শপিংমল থেকে বেরিয়ে যাচ্ছে! ঠিক সেই সময় পিছু টেনে বলল মা- আমাকে এই পাখিগুলো কিনে দাও না। আমি আর কিচ্ছু চাই না। প্লি­জ মা। আমি পাখিগুলোকে লালন পালন করবো। এসব বলে কান্না শুরু করল আরিয়ান। এক সময় বাধ্য হয়ে পাখিগুলোর দাম জানতে চাইলেন হামিদা। একসাথে পাঁচটি পাখি। আরিয়ান পাঁচটিই নেবে।
– এগুলোর দাম কতো ভাই?
– পাঁচ হাজার টাকা আপু।
– এত দাম কেন?
– এগুলোকে মানুষের বুলি শেখানো যায়।
– তাই না কি?
– হ্যাঁ আপু!
– ভ্যানিটি ব্যাগে হাত দিয়ে দেখেন সব মিলিয়ে তার কাছে হাজার তিনেক হবে।
– তিন হাজার হবে?
– দুঃখিত আপু, কম হবে না।
– দেখেন না লেখা আছে একদর!
– চলে এসো আরিয়ান অন্য দিন কিনে দেব বাবা আজ মায়ের কাছে টাকা নেই।
– না মা অন্যদিন তো এগুলো পাব না।
– আমি এগুলোই চাই।
– আরিয়ানের বায়নায়। নিকটের এটিএম বুথ থেকে টাকা তুলে পাখিগুলো ক্রয় করলেন হামিদা।
খুব আনন্দে পাখির খাঁচা নিয়ে বাসার দিকে ছুটলো আরিয়ান। গাড়িতে বসে বসে খুব ভাবছে! গাড়ির গ্ল­াস খুলে এক এক করে পাখিগুলোকে ছেড়ে দিচ্ছে। আর দেখছে পাখিগুলো উড়ে যাওয়ার আনন্দ! হঠাৎ মায়ের খেয়াল হলো।
– এ কি আরিয়ান এতো টাকা দিয়ে পাখি কিনে পাখিগুলোকে ছেড়ে দিচ্ছ তুমি?
– কেন মা?
– তুমিই তো আমাকে শিখিয়েছ পাখিকে বন্দি রাখতে নেই। তাই তো আমি পাখিগুলোকে বন্দি জীবন থেকে মুক্তি দিচ্ছি মা। আর মুক্তি দেয়ার জন্যই তো পাখিগুলো কিনেছি। ওরা কি বন্দি থাকতে চায়, বলো মা? ওদের কষ্ট হয় না।
– আচ্ছা মা আমাকে কেউ বন্দি রাখলে তোমার কেমন লাগবে বলো?
– কষ্ট হবে না!
হামিদা ভারাক্রান্ত হৃদয় আর অশ্রুসিক্ত টলমল চোখে আরিয়ানকে বুকে জড়িয়ে বললেন না বাবা এসব বলতে নেই! তুমি ছাড়া আমি কি করে বাঁচবো! তুমি আমার কলিজার টুকরো !
– হ্যাঁ মা, ওদেরও তো বাচ্চা আছে।
– ওদের মন কি কাঁদে না !
– ওরাও তো তাদের মা বাবা সন্তানকে তোমার মতো আদর, ভালোবাসতে চায়! কিন্তু আজ তারা বন্দি! ওদের অপরাধ কী?
– ওরা মুক্তি চায় মা
– ওরা মুক্তি চায়! মনে মনে ভাবলেন সত্যি তো তাই!
আর কোনো কথা না বলে লজ্জিত ও অশ্রুসিক্ত হামিদা হতবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছেন- গাড়ির গ্ল­াস খুলে এক এক করে পাখিগুলোকে মুক্তি দেয়ার দৃশ্য। আর ছাড়া পেয়ে মহানন্দে পাখিগুলো মুক্ত কণ্ঠে কলকাকলিতে বাতাসে ডানা মেলে উড়ে যাওয়ার আনন্দ তাকেও বিমোহিত করছে! মুক্তি দেয়ার আনন্দে হাততালিতে লাফাচ্ছে ছোট্ট আরিয়ান! যতক্ষণ দেখা যাচ্ছে ততক্ষণ তাকিয়ে থাকলো পাখির মুক্ত ডানার দিকে। এক সময় পাখিগুলো অদৃশ্য হয়ে গেল তার দৃষ্টি থেকে!

বিজয় দিবস

১৬ ডিসেম্বর সোনালি অক্ষরে লেখা এক ঐতিহাসিক দিন। জাতীয় জীবনে এ দিনটির গুরুত্ব অপরিসীম। এ দিনটি ‘বিজয় দিবস’ হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ। এ দিনে মুক্তিযুদ্ধের মাধ্যমে অসংখ্য প্রাণের বিনিময়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে আমাদের চূড়ান্ত বিজয় সাধিত হয়। পৃথিবীর মানচিত্রে একটি নতুন স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যূদয় ঘটে।
তাই এ দিনটি আমাদের বিজয়ের, আনন্দের ও গর্বের। এ বিজয়, আনন্দ ও গর্বের পেছনে রয়েছে আমাদের সীমাহীন আত্মত্যাগ, সংগ্রাম ও অভীষ্ট লক্ষ্যে পৌঁছবার দৃঢ় সঙ্কল্পের গৌরবগাথা। এসো এবারে সংক্ষেপে শুনি সেই অতীত গৌরবগাথা।
বাংলাদেশ অসংখ্য নদী-নালাবেষ্টিত, পলিমাটি গঠিত উর্বরা শস্য-শ্যামলা একটি ব-দ্বীপ অঞ্চল। উত্তরে বিশ্বের সর্বোচ্চ পর্বত হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা গিরিচূড়া ও দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তাল অথৈ জলরাশি। সমুদ্র-তীরে পূর্বপ্রান্তে চট্টগ্রাম সমুদ্রবন্দর, পশ্চিম প্রান্তে খুলনায় মংলা সমুদ্রবন্দর। আসমুদ্র হিমাচল পলিমাটি গঠিত এক বিস্তীর্ণ সমতল ভূমি। পার্বত্য চট্টগ্রাম, ময়মনসিংহের মধুপুর গড়, আর খুলনার সুন্দরবন প্রাকৃতিক ও জীববৈচিত্র্যের এক অপরূপ লীলাভূমি। প্রাচীন সভ্যতার নিদর্শন রয়েছে কুমিল্লার ময়নামতি, বগুড়ার মহাস্থানগড়, রাজশাহী, দিনাজপুর, সিলেট, বাগেরহাট প্রভৃতি এলাকায়। অসংখ্য পীর-দরবেশ-আউলিয়া ও ইসলাম প্রচারকদের পুণ্যস্মৃতি বিজড়িত বহু প্রাচীন মসজিদ ও স্থাপত্য রয়েছে বাংলাদেশের বিভিন্ন এলাকায়।
বাংলাদেশের সমতলের উর্বরা ভূমিতে প্রাচীনকাল থেকে মানববসতি গড়ে উঠেছে। এখানকার শ্রমজীবী মেহনতী মানুষ জমি চাষ করে সোনার ফসল ফলায়, খাদ্য উৎপাদন করে, নদী-নালা-খাল-বিলে মাছ ধরে, গবাদি পশু পালন করে, তাঁতিরা তাঁত বুনে কাপড় তৈরি করে, মিস্ত্রিরা নৌকা বানায়, কামার-কুমারেরা প্রয়োজনীয় সামগ্রী তৈরি করে। এভাবে দুধে-ভাতে এক সম্পন্ন জীবন গড়ে উঠেছে এখানে। শান্তি-সুখে জীবন কাটে সাধারণ মানুষের।
কিন্তু এ শান্তি বিঘিœত হয় বারবার বহিঃশত্রুর আক্রমণে। বাংলার অর্থসম্পদ, প্রাচুর্যের প্রতি তাদের লোলুপ দৃষ্টি পড়ে। একের পর এক আক্রমণ আসতে থাকে। শক, হুন, আর্য, মঙ্গোলীয়রা বিপুল পরাক্রমে বার বার হানা দেয়। বাংলার শান্তি-সমৃদ্ধির দেশে অশান্তির আগুন জ্বলে। ইতিহাসে এরূপ বহু ঘটনা আছে, এখানে সবিস্তারে সব নাই বা বললাম। বড় হয়ে এ সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। সর্বশেষে পাল রাজবংশের রাজত্বকালে বাংলায় চরম বিশৃঙ্খলা দেখা দেয়। নিজেদের মধ্যে অন্তঃকলহের ফলে এক অরাজক অবস্থার সৃষ্টি হয়। এ সময় দাক্ষিণাত্যের কর্ণাটক থেকে সেনরা একদল সৈন্য-সামন্ত নিয়ে এসে বাংলায় রাজত্ব কায়েম করে। সেন রাজারা ছিল আর্য ব্রাহ্মণ। তাদের ভাষা ছিল সংস্কৃত। তারা সংস্কৃত ভাষাকে রাজভাষা করে, বাংলা ভাষার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
১২০৪ সালে তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের পর বাংলা ভাষার ওপর এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। এ সময় ব্যাপকভাবে ইসলামের প্রচার হয়। ক্রমান্বয়ে বাংলায় অধিকাংশ লোক ইসলাম গ্রহণ করে। বাংলার রাজনৈতিক, সামাজিক কাঠামোতে আমূল পরিবর্তন ঘটে। রাজনৈতিকভাবে স্থিতিশীলতা আসে, সামাজিকভাবে শান্তি-শৃংখলা প্রতিষ্ঠিত হয়। অর্থনৈতিকভাবে সমৃদ্ধি আসে। সাহিত্য-সংস্কৃতির বিকাশ ঘটে। মুসলিম শাসনামলে সাড়ে পাঁচ ’শ বছর বাংলার মানুষ সুখে-শান্তিতে বসবাস করে। বাংলার ইতিহাসে এটা স্বর্ণযুগ হিসেবে পরিচিত।
কিন্তু আবার বিদেশী শক্তির লোভাতুর দৃষ্টি পড়ে বাংলার এ সমৃদ্ধ জনপদের ওপর। ১৭৫৭ সালে বেনিয়া ইংরেজরা দেশীয় কতিপয় বিশ্বাসঘাতকের সাথে ষড়যন্ত্র করে কৌশলে বাংলা-বিহার-উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ্-দৌলাকে ভাগীরথী নদীর তীরে পলাশীর আ¤্রকাননে পরাজিত করে স্বাধীনতা হরণ করে। ক্রমে সমগ্র উপমহাদেশে ইংরেজগণ আধিপত্য বিস্তার করে।
দীর্ঘ ১৯০ বছর তারা এখানে রাজত্ব কায়েম করে শাসন-শোষণ করে, অর্থসম্পদ লুণ্ঠন করে, জনগণের ওপর নির্যাতন চালায়। ইংরেজ আমলে ইংরেজি হয় সরকারি ভাষা এবং শিক্ষার মাধ্যম। তারা আমাদের দেশে ইংরেজি শিক্ষা-সভ্যতা চালু করে। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকভাবে শোষণ-পীড়নের দ্বারা তারা আমাদেরকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করে। অবশেষে ফকির মজনু শাহ্, হাজী শরীয়তুল্লাহ্, তিতুমীর, ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহ, অসহযোগ প্রভৃতি আন্দোলন-সংগ্রামের ফলে ১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্ত হয়ে পাকিস্তান ও ভারত নামে দু’টি স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়। উপমহাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে পশ্চিম পাকিস্তান ও পূর্বাঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে পূর্ব পাকিস্তান। এভাবে পূর্ব ও পশ্চিমাঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকা নিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র পাকিস্তানের প্রতিষ্ঠা হয়।
কিন্তু এতে আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ইত্যাদি নানাভাবে আমাদের ওপর পশ্চিম পাকিস্তানিদের শাসন-শোষণ চলতে থাকে। আমরা দুর্বিষহ শোষণ-বঞ্চনার শিকার হই। এমনকি, আমাদের প্রিয় মাতৃভাষা বাংলাকে উপেক্ষা করে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা হয়। আশাভঙ্গের বেদনা ও হতাশার আগুনে সকলে দগ্ধ হতে থাকে। শান্তিপ্রিয় জনগণের মনে অশান্তি-অসন্তোষ ক্রমে দানা বাঁধে। একসময় তা প্রচ- অগ্নিরোষে পরিণত হয়। একের পর এক আন্দোলন-সংগ্রাম গড়ে ওঠে। উত্তাল গণবিক্ষোভ অবশেষে ১৯৬৯ সালে এক ব্যাপক গণ-অভ্যূত্থানের সৃষ্টি করে। সে গণ-অভ্যূত্থানের পর ১৯৭০ সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী জাতীয় মুক্তি-আন্দোলনের অবিসংবাদী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী না করে পাকিস্তানের তৎকালীন স্বৈরাচারী শাসক সামরিক শক্তির বলে আমাদেরকে দমন করার নৃশংস পন্থা অবলম্বন করে। বঙ্গবন্ধু অসহযোগিতার ঘোষণা দেন। ঘরে ঘরে দুর্গ করে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তাঁর ডাকে সাড়া দিয়ে ঐক্যবদ্ধ জাতি সামরিক জান্তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়।
সারা দেশে বিদ্রোহের আগুন জ্বলে দাউ দাউ করে। নিরীহ বাঙালি অস্ত্রধারণ করে। ঘরে ঘরে দূর্গ গড়ে ওঠে। দেশের মুক্তিপাগল মানুষ সকলে ঐক্যবদ্ধ হয়। ছাত্র-শিক্ষক, সাংবাদিক-বুদ্ধিজীবী, শ্রমিক-কৃষক বিভিন্ন শ্রেণী-পেশার অসংখ্য নিরস্ত্র জনতা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। একদিকে, আধুনিক সমরাস্ত্রে সুসজ্জ্বিত পাক-বাহিনী, অন্যদিকে কর্নেল আতাউল গণি ওসমানীর নেতৃত্বে স্বল্পসংখ্যক বিদ্রোহী বাঙালি সৈনিক আর তাদের সঙ্গে অগণিত নিরস্ত্র জনতা। ঘরে ঘরে, পথে-মাঠে, শহরে-বন্দরে, বনে-জঙ্গলে, নদীতে-সমুদ্রে সর্বত্র যুদ্ধ চলে। আবাল-বৃদ্ধ-জনতা, এমনকি অবলা নারী-শিশুরাও শরিক হয় এ জনযুদ্ধে।
দীর্ঘ নয় মাস নানা সমরাঙ্গণে যুদ্ধ চলে। অবশেষে অসংখ্য প্রাণের বিনিময়ে অপরিসীম ত্যাগ ও বিপুল ধ্বংসলীলা সাধনের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয়। দেশ শত্রুমুক্ত হয় সেদিন। বিদেশী আধিপত্যবাদের অবসান ঘটে। জাতীয় ইতিহাসে তাই এ বিজয়ের দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে। এ বিজয় যেমন গৌরব ও আনন্দের, তেমনি বেদনার। কারণ এ বিজয় অর্জনের জন্য লক্ষ লক্ষ দেশপ্রেমিক নাগরিককে অকাতরে প্রাণ বিলিয়ে দিতে হয়, কোটি কোটি মানুষ অবর্ণনীয় দুঃখ-দুর্দশা ভোগ করে, অগণিত নারীর সম্ভ্রমহানি ঘটে। তাদের এ আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায়।
আজ বিজয়ের এ গৌরবময় দিনে তাই আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সেই বীর সৈনিকদের, যাঁরা তাঁদের জীবনের বিনিময়ে দেশের স্বাধীনতা অর্জন করেন, রচনা করেন এক গৌরবময় সংগ্রামের ইতিহাস। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে আজ বাংলাদেশ এক স্বাধীন রাষ্ট্রের মর্যাদা লাভ করেছে।
এ দিনে বিশেষভাবে স্মরণ করতে হবে যে, আমাদের স্বাধীনতা অনেক রক্তের দামে কেনা। তাই এ স্বাধীনতা যেমন মূল্যবান, তেমনি এটাকে সমুন্নত রাখা এবং জাতীয় জীবনের সর্বক্ষেত্রে এটাকে তাৎপর্যবহ করে তোলা অধিকতর গুরুত্বপূর্ণ।

মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জন যেমন কঠিন, স্বাধীনতা রক্ষা করা আরো অনেক বেশি কঠিন। যেকোনো মূল্যে এ স্বাধীনতা অক্ষুণœ রাখার জন্য প্রত্যেক দেশপ্রেমিক নাগরিককে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করতে হবে। এ জন্য জাতীয় ঐক্যের গুরুত্ব অপরিসীম। জাতীয় আদর্শের ভিত্তিতে জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা ক্রমান্বয়ে উন্নতির পথে অগ্রসর হবো ইন্শা আল্লাহ্। ঐক্য জাতিকে শক্তিশালী করে, অনৈক্য জাতিকে দুর্বল করে। আর আদর্শের ভিত জাতির মধ্যে ইস্পাতদৃঢ় সংহতি গড়ে তোলে। তাই এসো, বিজয়ের এ গৌরবময় দিনে আমরা জাতীয় ঐক্য গড়ে তুলে উজ্জ্বল ভবিষ্যতের পথে দৃঢ়পদে অগ্রসর হই।