Home Blog Page 141

উচিত শিক্ষা

এই গল্পটাও গ্রামগঞ্জে ছড়িয়ে আছে। সত্য বাবু সহজ সরল লোক দেখলেই মনের মধ্যে কুবুদ্ধি আটতে থাকে। কী করে তাকে ঠকানো যায়।
মধু মণ্ডল গাঁয়ের কৃষক। সহজ সরল, মাথায় প্যাঁচানো বুদ্ধি নেই। মিথ্যে কথা বলতে সাহস পায় না। আর কথা দিয়ে কথার খেলাপ করে না। গায়ে খেটে জমি থেকে সোনার ফসল ঘরে তোলে। সুখের সংসার। বউ, ছেলে, মেয়ে, নাতি নিয়ে শান্তিতে তার দিন কাটে। কিছু দিন আগেই তার নাতি জন্মেছে।
টাকাপয়সা হাতে এলেই সে শহর থেকে নাতির জন্য ভালো ভালো জামা-কাপড়, খেলনা কিনে আনে। এ বছর মধু মণ্ডলের জমিতে ভালো ফসল হয়েছে। উঠানে বেশ কিছু বিচুলি জমা হয়েছে। বাড়ির গরুগুলার জন্য বিচুলি রেখে বাকি বিচুলি বেচবে বলে মনস্থির করল।
একদিন গরুর গাড়ি বোঝাই করে বিচুলি নিয়ে চললো গঞ্জের দিকে। সোনালি বিচুলি, বেশ দাম পাওয়া যাবে মনে তার আশা। গঞ্জের হাটে সবকিছু বেচাকেনা হয়। বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছে মধুমণ্ডল। এমন সময় পথে এক শেঠজীর সঙ্গে দেখা। মাথায় পাগড়ি আর পেটে যত দুষ্টুবুদ্ধি এই লোকটার।
দূর থেকে বিচুলি বোঝাই গাড়ি দেখেই সত্যবাবুর মাথায় লোকঠকানোর নেশা চেপে গেল। গরুর গাড়ি থামিয়ে সে বলল, তোমার নাম কী?
– আমার নাম মধু মণ্ডল।
সে ভাবল এই মধু মণ্ডল বেশ সরল সোজা লোক। একে ঠকানো যাবে। সত্যবাবু বিচুলিগুলো দেখল। তারপর বলল, তা গাড়ির দাম কত?
– মধু মণ্ডল ভাবল একগাড়ি বিচুলির দাম কত। সে বলল, গাড়ি দশ টাকা।
– বেশি দাম হাঁকছো তুমি। সত্য বাবু দাম কমাবার জন্য একথা সেকথা বলল। শেষে নেবে না বলেই হাঁটতে শুরু করল।
মধু মণ্ডল হ্যাট হ্যাট করে গাড়ি ছেড়ে দিলো। গাড়ি চলছে দেখে সত্যবাবু আবার ফিরে এসে বলল, ঠিক আছে দশ টাকাই তুমি পাবে, গাড়ি আমার বাড়িতে নিয়ে চলো। মধুমণ্ডল গাড়ি নিয়ে সত্যবাবুর বাড়ি গিয়ে থামলো। বিচুলি নামিয়ে দিলো। তারপর বাবুর কাছ থেকে দশ টাকা নিয়ে পকেটে রেখে গাড়ি ঘুরিয়ে রাস্তায় বেরুবে। তখন সত্যবাবু হায় হায় করে বলল, করো কী? করো কী? মধু মণ্ডল তোমার সাহস তো কম নয়। তুমি আমার কেনা গাড়ি নিয়ে কই যাচ্ছ? মধু অবাক হয়ে বলল, গাড়ি তো আমি বিক্রি করি নাই, গাড়ির বিচুলি বিক্রি করেছি।
সত্যবাবু বলল, তোমাকে আমি বলেছি গাড়ির দাম কত। তুমি বলেছ দশ টাকা। আমি তাই মেনে নিয়েছি। তার মানে শুধু বিচুলি নয়, গাড়ি এবং গরু জোড়াও এখন আমার। মধু মণ্ডল তো মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়লো। আপনি এসব কী বলছেন সত্যবাবু। আমি দশ টাকায় গাড়ি গরু আপনাকে দিতে যাবো কোন দুঃখে। কিন্তু সত্যবাবু নরম হওয়ার পাত্র নয়। মধু মণ্ডল নিরুপায় হয়ে সত্যবাবুর পা জড়িয়ে ধরল। সত্যবাবু পা দুটো ছাড়িয়ে নিয়ে বললেন, এখন কেঁদে কি হবে? তুমি কি অস্বীকার করতে পারবে যে তুমি বলোনি গাড়ির দাম দশ টাকা।
– যা বলেছি তা আমি অস্বীকার করতে যাবো কেন। আমি বলতে চেয়েছি একগাড়ি বিচুলি দশ টাকা। কিন্তু গাড়ি নয়।
– তুমি কি বলতে চেয়েছিলে আমি তা জানতে চাই না। তুমি যা বলেছ সেটাই হলো বড় কথা। গাড়িটা রেখে তুমি কেটে পড়ো।
বেচারা মধুমণ্ডল কী করবে বুঝে উঠতে পারল না। কথার মার-প্যাঁচে সে যে ঠকেছে তা বুঝতে পেরেছে। মুখ অন্ধকার করে তাকে বাড়ি ফিরতে হলো। মধুর ছেলে বাড়িতে বসে ছিল। বাবার মুখ দেখেই সে বুঝতে পারলো কোনো বিপদ ঘটেছে। সত্যবাবুর ব্যাপারটা শুনে ছেলে ভীষণ রেগে উঠল।
রাগে গড়গড় করতে করতে ছেলে বলল, এর বদলা আমি নেবো। শেঠজীর এমন শিক্ষা আমি দেবো যে ভবিষ্যতে কোনো সরল লোককে ঠকাবার আগে তাকে পাঁচবার ভাবতে হবে।
পরেরদিন সকালে মধু মণ্ডলের ছেলে পাশের বাড়ির চাচার কাছ থেকে একটা গরুর গাড়ি ধার করে বিচুলি বোঝাই দিয়ে বাবাকে প্রণাম করে বেরিয়ে পড়লো পথে। বাবা যে পথে গিয়েছিল ছেলেও সেই পথে গেল। গঞ্জ আর বেশি দূরে নয়। দূর থেকে একজন শেঠজীকে দেখতে পাওয়া গেল। হ্যাঁ চেহারাটা সেই শেঠজীর মতোই মনে হচ্ছে।
শেঠজী গাড়ি থামালো। খড় দেখে বলল, বাহ্ বেশ ভালো খড়ই তো মনে হচ্ছে। তাই এই গাড়ির দাম কত? এই সুযোগটার জন্যই মধু মণ্ডলের ছেলে অপেক্ষা করছিল। সে সরল ভাবে বলল, দশ টাকা। এবারে অনেক খড় হয়েছে বাড়িতে রাখার জায়গা নেই তাই বিক্রির জন্য বেরিয়েছি। আপনার কাছে বেশি দাম চাইব না।
শেঠজী বলল, দামটা বেশি হয়ে যাচ্ছে। একটু কম করলে ভালো হয়। মধু মণ্ডলের ছেলে মাথা চুলকে বলল, আপনার বাড়িতে ছোট ছেলে আছে?
– অবশ্যই। আমার নিজের ছেলে রয়েছে
– তাহলে তার পয়সার মুঠো পেলেই আমি সন্তুষ্ট।
মাত্র একমুঠো পয়সা। তাও ছোট হাতের মুঠোয়। বিশ্বাস হচ্ছে না শেঠজীর। মনে মনে অনেক হিসেব করে ফেলল সে। ঠিক করল মুঠোর মধ্যে সিকি আধুলি না দিয়ে স্রেফ পয়সা দিতে হবে। তাহলে কয় টাকাই বা লাগবে। তবু সন্দেহমুক্ত হবার জন্য শেঠজী আবার জিজ্ঞেস করল, ঠিকত? পয়সার মুঠো পেলেই তুমি সন্তুষ্ট হবে?
– আমরা এক কথার মানুষ শেঠজী। যা বলবো তাই করবো।
শেঠজীর বুকের ভেতরটা আনন্দে গুড়গুড় করতে লাগল। আজ তাহলে বেশ দাঁও মারা গিয়েছে। প্রায় নিখরচায় এক জোড়া বলদ, একখানা গাড়ি, এক গাড়ি বোঝায় খড় পাওয়া যাচ্ছে।
বিচুলির শেঠজীর বাড়িতে গেল। খড় নামানো শেষ হলে শেঠজী তার ছোট ছেলের হাতের মুঠো এগিয়ে বলল, এই নাও তোমার পয়সা। মধুর ছেলে এই সুযোগের জন্যই অপেক্ষা করছিল। সে ছেলের হাতটা ধরে পকেট থেকে ধারালো ছুরি বের করে ফেলল। বলল, শেঠজী মনে আছে আমি বলেছিলাম পয়সার মুঠো।
– হ্যাঁ! তা তো বলেছিলে।
– তার মানে শুধু পয়সা নয়, আপনার ছেলের মুঠোটাও আমার পাওনা।
এই বলে মুধু মণ্ডলের ছেলে এমনভাবে ছুরিটা নাড়াতে লাগল যেন এখনই সে হাতটা কেটে নেবে।
– এসব কী দুষ্টুমি করছো! রাগে চিৎকার করে উঠল শেঠজী।
– দুষ্টুমি! আমি তো দুষ্টুমি করছি না।
– পয়সার মুঠো বলতে পয়সাগুলোই বোঝায়। হাতের মুঠো নয়।
– কে বলেছে?
– আমি বলছি।
– আজে-বাজে কথা বললে তো হবে না। আপনি যা বলছেন তা যদি ঠিক হয়, তা হলে এক গাড়ি খড় বলতে খড়ের সঙ্গে গাড়ি এবং বলদ বোঝায় কী করে?
শেঠজী এবার নিজের ফাঁদে নিজেই পড়ে ঘামতে শুরু করল। হাত জোড় করে বলল, আমার ভুল হয়ে গিয়েছিল বাপু। আমায় মাফ করো।
– আমি কোন দুঃখে মাফ করতে যাবো। আমার বাবা যখন আপনার পায়ে ধরে মিনতি করেছিল তখন তো আপনি তার দিকে তাকিয়েও দেখেননি। আমার পয়সা চাই তার সাথে আপনার ছেলের হাতের মুঠোও চাই।
শেঠজীর শোচনীয় অবস্থা। সত্যি বুঝি ছেলের হাতটা সে কেটে নেবে। শেঠজী বলল, তোমার বাবার গাড়িটা ফেরত দিচ্ছি এক্ষুনি। টাকার ওপর আমার মায়া নেই। তুমি যা চাইবে তাই পাবে। দয়া করে আমার ছেলের হাতটা কেটে নিও না।
– মুচকি হেসে মধু মণ্ডলের ছেলে বলল, এতই যখন দিতে চান তখন হাজার টাকা দিতেও আপনার বাধবে না। শেঠজী ছুটে গিয়ে এক হাজার টাকা নিয়ে এলো। মধু মণ্ডলের ছেলে বলল, ওই নোংড়া হাত থেকে টাকা নেবো না আমি। মাথার পাগড়ি খুলে পাগড়ির ওপর টাকা রাখেন। শেঠজী তাই করল।
যেমন দেবে তেমন পাবে। এই বলে মধু মণ্ডলের ছেলে শেঠজীকে ভবিষ্যতে লোক ঠকাতে মানা করল। শেঠজী আদরের ছেলেকে কোলে করে বাড়ির ভেতরে গেল। মধু মণ্ডলের ছেলে হাজার টাকা আর দু’খানা গাড়ি আর বলদ নিয়ে বাড়ির দিকে রওনা করল।

স্বাধীনতার ৫০ বছরে

প্রিয় বন্ধুরা, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ২০২০ সাল আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। গত বছরটি ছিল করোনা অতিমারীতে বিপর্যস্ত। তোমাদের স্কুল বন্ধ ছিল। খেলার মাঠ বন্ধ ছিল। সবাই মিলে একত্রে আনন্দ উৎসব করা বন্ধ ছিল। অনেকের প্রিয়জন, কাছের মানুষ আত্মীয় মৃত্যুবরণ করেছে এই করোনায়। অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরম করুণাময়ের কাছে আমরা সবাই প্রার্থনা করি যেন আমরা নতুন বছরে এ ধরনের পরীক্ষা বা দুর্ভোগের শিকার না হই।
নতুন বছর ২০২১ সাল। আমাদের স্বাধীনতার ৫০ বছর পূর্তি এই বছরেই। বাংলাদেশ নামক একটি স¦াধীন রাষ্ট্রের জন্ম হবার ৫০ বছর। ভাবতেই ভালো লাগে যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী হতে যাচ্ছে। স্বাধীনতার ৫০ বছরে এসে স্বাভাবিকভাবেই নিজেকে প্রশ্ন করতে হয়, কেমন ছিলাম, কেমন আছি?
৫০ বছর আগে দেশের সামগ্রিক প্রেক্ষাপট কেমন ছিল? বেশি কিছু করতে হবে না। ৫০ বছর আগের তোলা ছবিগুলো দেখলেই তখনকার মানুষের পরিস্থিতি বুঝতে পারবে। মানুষ ছিল অতি দরিদ্র, শিক্ষার হার ছিল কম। প্রাকৃতিক দূর্যোগ আর রোগ শোকে ভরা ছিল জীবন। সেখান থেকে এখন মানুষের আর্থিক উন্নতি হয়েছে, সামাজিক উন্নতি হয়েছে। ২০২০ সালের পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশ জিডিপি প্রবৃদ্ধিতে তৃতীয় অবস্থানে আছে। বৈদেশিক মুদ্রা আয়ে অষ্টম অবস্থানে আছে। এছাড়া ইলিশ উৎপাদনে প্রথম, তৈরী পোশাক (গার্মেন্টস) রপ্তানিতে দ্বিতীয়, চাল উৎপাদনে চতুর্থ, সবজি উৎপাদনে তৃতীয়, মাছ উৎপাদনে চতুর্থ, জনশক্তি রপ্তানি এবং আউটসোর্সিংএ অষ্টম অবস্থানে আছে।
কিন্তু এত বছরেও দেশের ব্যাপারে আমাদের নেতিবাচকতার পরিবর্তন হয়নি। দেশি জিনিস মানেই খারাপ এবং বাংলাদেশী মানেই খারাপ মানুষ এই চিন্তা আমাদের মাথায় বদ্ধমূল হয়ে আছে। এই চিন্তার কারণেই আমরা একে অন্যকে ঠকাই। কিন্তু কেন আমাদের এই নেতিবাচক চিন্তা? কেন আমরা পরস্পরকে শ্রদ্ধা করতে পারি না?
যেকোনো জাতির উন্নতির জন্য সে জাতির নৈতিক অবস্থান উন্নত হতে হয়। আমাদের পারস্পরিক আস্থাবিশ^াস এবং শ্রদ্ধাবোধ যদি উন্নত না হয়, তাহলে আমরা আর্থিক উন্নতি ধরে রাখতে পারব না।
সেজন্য প্রয়োজন নিজের বা নিজেদের যা কিছু আছে তার বিষয়ে ইতিবাচক ধারণা পোষণ করা। যেমন ধরো, তুমি এলাকার একটি স্কুলে পড়ো। সে স্কুলের বিষয়ে তোমার চিন্তাভাবনা কি? বন্ধুবান্ধবদের সাথে আলাপ করার সময় কি তুমি স্কুলের দুর্নাম করো? ‘আরে, আমাদের একটা স্কুল হলো নাকি? এই স্কুলে এটা নাই, সেটা নাই, স্কুলের টিচারদের কোনো ঠিকঠিকানা নাই’ ইত্যাদি কথাবার্তা কি সবসময়ই তোমরা আলোচনা করো? তাহলে এটা নেতিবাচক ধারণা। স্কুলের অনেক কিছু না থাকতে পারে, কিন্তু স্কুলের শিক্ষক এবং স্টাফরা তোমাদের জন্য অনেক পরিশ্রম করেন, তোমাদের ভালোবাসেন। সেই দিকটি বিবেচনায় রেখে স্কুল সম্পর্কে ভালো কথা বলা উচিত। হ্যাঁ, স্কুলের ত্রুটি কী আছে তা নিয়ে নির্দিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবে, তাদের কাছে লিখিত অভিযোগ বা আবেদন করবে। কিন্তু পাবলিক জায়গায় নেতিবাচক আলোচনা করবে না।
বাঙালি মানেই খারাপ, বাঙালি মানেই চিটার, বেইমান, দুই নম্বর। কথাটি কি সত্য? কত শতাংশ লোকের ক্ষেত্রে সত্য? তাহলে সবাইকে কি খারাপ বলা ঠিক হচ্ছে? পৃথিবীর এক ’শটিরও বেশি দেশে বাংলাদেশে তৈরি ওষুধ বিক্রি হচ্ছে, রপ্তানি হচ্ছে। তারা যদি বিশ^াস না করত, বা বাংলাদেশীরা যদি দুই নম্বর ওষুধ রপ্তানি করত, তাহলে কি তারা সেগুলো নিতো? অবশ্যই না। বিদেশে বাংলাদেশী শ্রমিকদের কদর বেশি। কারণ বাঙালিরা আন্তরিকতা দিয়ে কাজ করে। কিন্তু আমাদের দেশে আমরা নিজেদের নামে সবসময় দুর্নাম করি।
আমরা দুজন একত্রিত হলে কী আলোচনা করি? শুধু অন্যের বদনাম। অথচ দুজন মিলে যদি গঠনমূলক কিছু আলোচনা করতে পারতাম তাহলে অনেক এগোতে পারতাম। স্বাধীনতার ৫০ বছরে আমাদের অন্তত একটি শপথ করা উচিত যে দেশকে নিয়ে অহেতুক দুর্নাম করবো না। নিজেদেরকে আর খাটো করব না, নিজেদের নিয়ে ট্রল করব না। বিদেশীরা বাংলাদেশকে নিয়ে ট্রল করে, নিজেদের দেশকে নিয়ে কেউ ট্রল করলে আবার তারা তীব্র প্রতিবাদ করে। অথচ আমরা বাংলাদেশীরাই বাংলাদেশকে নিয়ে ট্রল করি। কৌতুক করে নিজেদের খাটো করি। এতে আমাদের মানবিক মর্যাদাকে আমরা ছোট করে রাখি। আর এই বদ অভ্যাস আমাদের হীনম্মন্য করে তোলে। আমাদের সাহসকে দমিয়ে রাখে। বড় স্বপ্ন দেখতে আমরা হোচট খাই। অথচ বড় হওয়ার প্রথম ধাপ হলো বড় স্বপ্ন দেখা।
সাড়ে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লাখো শহীদের প্রাণ এবং লাখো মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ। এই মানচিত্রের প্রতি শ্রদ্ধা অবশ্যই দেখাতে হবে। এই দেশটিকে ভালোবাসতে হবে। সেই ভালোবাসা অন্তর থেকে নেতিবাচকতা দূর করে দিয়ে দেখাতে হবে।

শপথ নিতে হবে নিজে দেশের জন্য কিছু করব। দেশের যে ঘাটতি, যে দুর্বলতা আছে তা পূরণ করতে আমরা নিজেরা এগিয়ে আসব। আমাদের প্রত্যেকের বিন্দু বিন্দু প্রচেষ্টায় দেশ একদিন বিশ্বের বুকে সেরা দেশের তালিকায় স্থান নেবে।

খেজুর রস চুরি

সামিন ও জারিফ সহোদর দুই ভাই। ওরা যথাক্রমে সপ্তম ও তৃতীয় শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিয়ে এখন লম্বা ছুটিতে আছে। সারা বছরে ওই সময়টাই ওদের কাছে সবচেয়ে প্রিয় সময়। তখন ক্লাস নেই, তাই লেখাপড়ার কোনো চাপ নেই। শুধু খেলাধুলা ও প্রজাপতির মতো ডানা মেলে ইচ্ছেমতো ঘোরাঘুরি। এবারের ছুটিতে তাদের মায়ের সাথে বেড়াতে গেল ওদের নানার বাড়ি। তার নানার বাড়িতে আছে নানান জাতের গাছ, পুকুর ভরা মাছ আর বাড়ির সামনেই খেলার জন্য বিশাল মাঠ। শহরের চার দেয়ালের বন্দি জীবন থেকে বের হয়ে এখানে এসে তাদের আনন্দের আর সীমা নেই। তারা দুজনেই রঙিন প্রজাপতি হয়ে এখানে ওখানে ঘুরতে থাকে। নানার বাড়িতে ওদের অনেক বন্ধুও আছে, যাদের সাথে নাওয়া-খাওয়া ভুলে খেলাধুলায় দিন-রাত মেতে থাকে।

একদিন এক সন্ধ্যা রাতে জারিফ জিদ ধরেছে খেজুরের রস খাবে। ওর নানার বাড়িতে কোন খেজুর গাছ নেই। তাই ওই সময় খেজুর রসের ব্যবস্থা করে দেওয়াও যাচ্ছে না। জারিফ ছিল খুব নাছোড়বান্দা, কোনো কিছুর জন্য জিদ চেপে গেলে সেটা না পাওয়া পর্যন্ত নিস্তার নেই। ওর মা ও নানা-নানু অনেক বুঝিয়েছে। আগামীকাল ভোরসকালেই খেজুর রসের ব্যবস্থা করে দেবেন কিন্তু এতেও কোনো কাজ হলো না। এদিকে ওর ছোট মামাও তখন বাড়ির বাইরে, তাই কোথাও থেকে যে খেজুর রস জোগাড় করে আনবে, সেটাও সম্ভব হচ্ছে না। সে একনাগাড়ে কান্নাকাটি করেই যাচ্ছে, থামার কোনো লক্ষণ নেই। তখন সামিন ওর কানে কানে বলল, কাঁদিস না ভাই, আমি তোর জন্য খেজুর রস এনে দিচ্ছি। তুই কান্নাকাটি বন্ধ করে কিছু সময় অপেক্ষা কর। জারিফ তখন কান্নাকাটি বন্ধ করে টিভি দেখতে বসে আর ওই দিকে সামিন ঘর থেকে বের হয় খেজুর রস আনতে।

সামিন তার নানা বাড়ির পাড়ার প্রায় সমবয়সী অন্য বন্ধুদের কাছে গিয়ে সবকিছু খুলে বলে। তারা তখন জানায়, কাছেই তিন বাড়ি দূরে রাস্তার পাশে একটা পুকুর। ওই পুকুরের পাড়ে দুটো খেজুর গাছে কলসি লাগানো আছে। ওখান থেকে চুরি করে একটা কসলি সরাতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই কথা শুনে সামিনের চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সে গ্রামের বাড়িতে এসে ইতঃপূর্বে ফল চুরির অভিজ্ঞতা অর্জন করলেও কখনো খেজুরের রস চুরি করেনি। তাই বেশ উত্তেজনা নিয়ে তারা দলবলে ওই পুকুরপাড়ে যায়। সেখানে গিয়ে কে গাছে উঠে রসের কলসি নামাবে, এটা নিয়ে বেশ কিছু সময় তর্কাতর্কি চলে। এই অবস্থা দেখে সামিন বলে ওঠে, সে নিজেই খেজুর গাছে উঠে রসের কলসি নামাবে আর বাকিরা পাহারা দেবে। যদিও ঘন কুয়াশায় আশেপাশের কিছুই দেখা যাচ্ছিল না। যা হোক, একটা খেজুর গাছ ছিল একদম সোজা আর অপরটি ছিল পুকুরের দিকে হেলানো। সবাই পরামর্শ দিলো, পুকুরের দিকে হেলানো গাছে উঠে রসের কলসি নামাতে সহজ হবে।

সামিন চুপিচুপি পুকুরের দিকে হেলানো খেজুর গাছের ওপরে ওঠে এবং গাছে ঝোলানো রসের কলসি নামাতে চেষ্টা করে। তখন কলসি প্রায় অর্ধেকের বেশি রসে ভরা ছিল। সে গাছে চড়ে কলসির ওজন ঠিক মতো সামলাতে পারছিল না। তাই কলসি একটু কাত করে কিছু রস পুকুরে ফেলে দিয়ে ওজন কমিয়ে নেয়। তারপর কলসির মুখে লাগানো রশি তার এক হাতের কব্জিতে শক্ত করে বেঁধে নেয়, যেন কলসি হাত থেকে পড়ে না যায়। তখন সে কলসির মুখ সেই হাতে শক্ত করে ধরে ধীরে ধীরে গাছ থেকে নামতে চেষ্টা করে। ভয়ে ও কলসির ওজনে শরীরের ব্যালান্স ঠিক রাখতে না পেরে সে কাঁপতে থাকে। হঠাৎ করেই বিকট শব্দে ধপাস করে কলসি নিয়ে সোজা গিয়ে পড়ে যায় পুকুরে। সামিন খুব ভালো সাঁতারু না হলেও মোটামুটি সাঁতার কাটতে পারে। তবে এক হাতে কলসি বাঁধা থাকার কারণে সে ঠিকমতো সাঁতার কাটতেও পারছিল না। তাই পুকুরের প্রচণ্ড রকম ঠাণ্ডা পানিতে হাবুডুবু খেতে থাকে।

সামিন পুকুরে পড়ে যাওয়ার পর পরই ওদের সাথে থাকা সবাই ঝাঁপিয়ে পড়ে পুকুরে। এদিকে যে বাড়ির পুকুর, ওই বাড়ির লোকজন মাছ চোর ভেবে লাঠিসোটা নিয়ে চোর চোর বলে চিৎকার করে পুকুর পাড়ে দৌড়ে আসে। তারা টর্চ লাইট জ্বালিয়ে দেখেন পুকুরের মধ্যে একটা ছেলে ডুবে যাচ্ছে আর বাকিরা তাকে ভাসিয়ে রাখার চেষ্টা করছে। তখন তারাও পুকুরে ঝাঁপিয়ে পড়ে সামিনকে সেই যাত্রায় উদ্ধার করে। তবে ওর হাতে বাঁধা কলসির কারণে তাদেরও বেশ বেগ পেতে হয়েছিল। যা হোক, পুুকুর পাড়ে উঠিয়ে তার হাতের কব্জিতে বাঁধা কলসির রশি খুলে দেয়া হয়। সে পুকুরের পানি খেয়ে পেট ফুলিয়ে ফেলেছিল, তাই পেটে চাপ দিয়ে পানিও বের করা হয়। তারপর উনারা সামিনকে কোলে করে ওর নানার বাড়িতে পৌঁছে দিয়ে আসেন। তখন ওর নানার বাড়িতে একদম হৈচৈ অবস্থা। সামিনের সাথে যাওয়া অন্য ছেলেদের কাছে বিস্তারিত ঘটনা শুনে সবাই তাজ্জব বনে যায়।

পরদিন সকালে সামিন ঘুম থেকে উঠে দেখে তার সামনে বসে আছে তার নানা ভাই ও নানার বয়সী একজন বয়স্ক লোক। সে সজাগ হতে দেখে ওর নানা ভাই বললেন, গতকাল রাতে যে খেজুর গাছের রস চুরি করতে গিয়ে ছিলে, ইনিই হচ্ছেন ওই খেজুর গাছের মালিক, তিনিও আমার মতোই তোমার একজন নানা ভাই। তিনি তোমাদের জন্য আজকে এক কলসি খেজুরের রস নিয়ে এসেছেন। তারপর ওই খেজুর গাছের মালিক বললেন, শোনা নানা ভাই, তুমি চুরি না করে যদি আমার কাছে চাইতে, তাহলে আমি রাতেই লোক দিয়ে রস নামিয়ে দিতাম। চুরি করতে গিয়ে এমন বিপদে পড়ে ছিলে, বলতে গেলে অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেছো। ভবিষ্যতে যখনই খেজুরের রস খেতে ইচ্ছে করবে, আমাকে বলবে। সামিন বেশ অসুস্থ, ঠাণ্ডাও লেগেছে খুব, তাই গলা দিয়ে কোন শব্দও বের করতে পারছে না। তবে সে মনে মনে প্রতিজ্ঞা করে, এ ঘটনা থেকেই তার উচিত শিক্ষা হয়েছে। জীবনে আর কেনো দিন চুরি করবে না।

মাথাঘোরা সমস্যা

বন্ধুরা, আমাদের কানের ভেতরের অংশে তিনটি করে অর্ধ বৃত্তাকার নালী আছে। এগুলো এক ধরনের তরল পদার্থে পূর্ণ। আমাদের মাথা যখন ডান দিকে ঘোরে স্থিতি জড়তার কারণে এগুলো প্রবাহিত হয় বাম দিকে। মাথা বাম দিকে গেলে এরা যায় ডানে। ওপরে-নিচেও একইভাবে উল্টা দিকে প্রবাহিত হয়। এই প্রবাহের মাধ্যমে এরা নিখুঁতভাবে মস্তিষ্ককে জানান দেয়, আমাদের মাথা কত ডিগ্রি অ্যাঙ্গেলে কত খানি ঘুরেছে আর ঘোরার গতিবেগ ছিল কত।
আমরা যদি আমাদের মোবাইল ফোনের ভিডিও ক্যামেরাটি অন করে শার্টের পকেটে রাখি, ক্যামেরার ফোকাস রাখি সামনে, তাহলে যে ভিডিওটি পাবো তা দেখব যে, প্রতিনিয়ত কাঁপছে, দুলছে। কারণ হাঁটার সময় আমাদের শরীর কেঁপেছে, দুলেছে; সাথে ক্যামেরার ফোকাসও প্রতিনিয়ত পরিবর্তিত হয়েছে। আমাদের চোখ ভিডিও ক্যামেরার মতোই সারাক্ষণ ছবি তুলে যাচ্ছে। এগুলো মাথার সাথে সেট করা। মস্তিষ্ক অনেকগুলো মাংসপেশির সঙ্কোচন-প্রসারণের মাধ্যমে চোখের ফোকাস ঠিক করে। হাঁটার সময় আমাদের চোখের সামনের জিনিসগুলো কাঁপে না। কারণ কানের অর্ধ বৃত্তাকার নালী নিখুঁতভাবে আমাদের মাথা তথা শরীরের নড়াচড়ার সঙ্কেত পাঠায়। নড়াচড়ার পরিমাণ মেপে মস্তিষ্ক নিখুঁতভাবে চোখের মাংসপেশিগুলোকে সঙ্কোচন-প্রসারণের নির্দেশ পাঠায়।
ফলে আমাদের মাথা দোলে, শরীর দোলে কিন্তু চোখের ফোকাস দোলে না। ক্যামেরা এক জায়গায় স্থির রেখে ভিডিও করলে যে রকম সুন্দর ছবি পাওয়া যায় আমাদের শত নড়াচড়ার পরও আমরা সে রকম সুন্দর ছবিই আমাদের চোখে দেখতে পাই। আমাদের হাত-পা সঞ্চালনের জন্যও শরীরের নড়াচড়া পরিমাপের প্রয়োজন হয়। এছাড়াও আরো অন্যান্য প্রয়োজন আছে।
বন্ধুরা, আমাদের ডান কান ও বাম কান থেকে সবসময় পরস্পর সামঞ্জস্যপূর্ণ সঙ্কেত মস্তিষ্কে আসে। যদি কোনো এক পাশের অর্ধ বৃত্তাকার নালী, তার সঙ্কেতবাহী স্নায়ু বা মস্তিষ্কের সঙ্কেতগ্রাহী অংশে কোনো সমস্যা দেখা দেয় তাহলে দুই পাশ থেকে আসা সঙ্কেতগুলোর মধ্যে অসামঞ্জস্য সৃষ্টি হয়। মস্তিষ্ক বুঝতে পারে না কোনটা ঠিক, তার কী করা উচিত। সে তখন তার সাথে সংশ্লিষ্ট জায়গাগুলোতে উল্টাপাল্টা সঙ্কেত পাঠায়। আমাদের মাথা ঘুরতে থাকে, চোখগুলো ইতস্তত নড়াচড়া করতে থাকে। আমরা শরীরের ভারসাম্য হারিয়ে ফেলি, বমি আসে ইত্যাদি।
এটা হচ্ছে সত্যিকারের মাথাঘোরা। এই অভিজ্ঞতা যার হয়নি সে ছোটবেলার ঘূর্ণি খেলার কথা মনে করতে পারে। ছোটবেলায় শিশুরা খেলাচ্ছলে হাত দুটোকে পাখির ডানার মতো মেলে দিয়ে লাটিমের মতো ঘোরে। তারপর একসময় থেমে গিয়ে মজা দেখে। চারপাশের সবকিছু ঘুরছে, ভূতল দুলছে। এটাই হচ্ছে সত্যিকারের মাথা ঘোরার অনুভূতি।
সত্যিকারের মাথাঘোরা বলা এ কারণে যে, আরো অনেকগুলো অনুভূতিকে মানুষ মাথাঘোরা বলে প্রকাশ করে থাকেন। যেমনÑ চোখ অন্ধকার হয়ে আসা, শরীরের ভারসাম্য হারিয়ে ফেলা, হাত-পায়ের অবস্থান বুঝতে সমস্যা হওয়া ইত্যাদি। এগুলো প্রতিটি ভিন্ন ভিন্ন অনুভূতি। এগুলোর কারণ ও চিকিৎসাও ভিন্ন।
বন্ধুরা, চোখ অন্ধকার হয়ে আসার অনুভূতি অনেকেরই হয়ে থাকবে। বিশেষ করে বয়স্করা বসা বা শোয়া অবস্থা থেকে হঠাৎ উঠতে গেলে এই সমস্যার সম্মুখীন হন। স্কুলের অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকে চোখ অন্ধকার হয়ে পড়ে গেছে বা কাউকে পড়ে যেতে দেখেছ। এটা মাথাঘোরা নয়। কিন্তু অনেকেই এভাবে বলে, আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম বা পড়ার উপক্রম হয়েছিলাম। এটা আসলে মূর্ছা যাওয়া।
মস্তিষ্কের কিছু অসুখ আছে যেখানে রোগী তার শরীরের ভারসাম্য রক্ষা করে চলতে পারেন না। হাঁটতে গেলে পড়ে যান। কখনো বা যেতে চান একদিকে কিন্তু যেতে থাকেন অন্যদিকে। শরীর যেন কথা শোনে না। বয়স্করা বিশেষ করে এসব রোগে বেশি ভোগেন। অবশ্য কম বয়সীদেরও এসব সমস্যা হতে পারে। এ ক্ষেত্রে মাথাঘোরার অনুভূতি না হলেও রোগীরা অনেক সময় বলেন, আমি মাথা ঘুরে পরে যাই বা আমার মাথা ঘোরে।
আমাদের শরীরের বা হাত-পায়ের অবস্থান জানিয়ে প্রতিনিয়ত মস্তিষ্কে সঙ্কেত পাঠাচ্ছে কিছু স্নায়ু। ফলে আমরা না দেখেও বলতে পারি আমাদের পা’টা কী ভঙ্গিতে আছে, হাতটা কোথায় আছে। অন্ধকারেও এক হাত দিয়ে অন্য হাতের আঙুল অনায়াসে ধরে ফেলি। এটা আমাদের কাছে এত সহজ যে, কখনো চিন্তাও করে দেখি না এটা কিভাবে পারলাম। এসব স্নায়ু বা মস্তিষ্কের সঙ্কেতগ্রাহী অংশে কোনো সমস্যা হলে তখন আমাদের অঙ্গ-প্রত্যঙ্গের অবস্থান বুঝতে অসুবিধা হয়। এটাকেও অনেক সময় রোগীরা বলেন মাথাঘোরা।
বন্ধুরা, কেউ যখন চিকিৎসকের কাছে গিয়ে বলে, আমার মাথা ঘুরছে তখন চিকিৎসক প্রথমেই বোঝার চেষ্টা করেন আসলে রোগী কী বোঝাতে চাচ্ছে। কারণ শুধু আমাদের দেশে না, সারা দুনিয়াজুড়েই মানুষ নানা রকম অর্থে ‘মাথাঘোরা’ কথাটা ব্যবহার করে। আবার সত্যিকারের মাথাঘোরাকে একেকজন একেকভাবে প্রকাশ করে থাকে। যেমনÑ আমার প্রেসার কমে যায়, মনে হয় ভূমিকম্প হচ্ছে, শরীরে ব্যালান্স পাচ্ছি না, আরো অনেক কিছু।
কারণ ভেদে মাথাঘোরা নানারকমের হতে পারে। কখনো এটা শুধু নড়াচড়ার সময় অনুভূত হয়। আবার কখনো সবসময় ঘুরতে থাকে। কখনো মাত্র কয়েক সেকেন্ড থেকে আবার নিজে নিজেই ঠিক হয়ে যায়। কখনো বা কয়েক ঘণ্টা বা কয়েক দিন এমনকি কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। কখনো একটানা চলতে থাকে কখনো আবার থেমে থেমে ফিরে ফিরে আসে। মাথাঘোরার সাথে যুক্ত হতে পারে মাথাব্যথা, ভারসাম্যহীনতা, অনুভূতিহীনতা, চোখে এক জিনিস দুইটা করে দেখা ইত্যাদি। এসব কিছুই কারণ খুঁজে পেতে সাহায্য করে।
মাথা ঘুরলে সবাই খুব ভয় পেয়ে যায়। অনেক সময় তা ভয়ের ব্যাপারও বটে। কিন্তু সবসময় নয়। কিছু অসুখ আছে যেগুলো শুধু কাজেকর্মে অসুবিধা সৃষ্টি করে, বড় কোনো ক্ষতি করে না। তবে কিছু অসুখের আবার দ্রুত চিকিৎসার প্রয়োজন হয়। কখনো অনির্দিষ্টকাল ধরে এর চিকিৎসা চালিয়ে যেতে হয়। মাথাঘোরার এমন কিছু কারণ আছে যেগুলো সার্জারি পর্যন্ত গড়ায়। আবার কখনো কখনো রোগীর জীবন হয়ে পড়ে হুমকির সম্মুখীন।

পদ্মাপাড়ের বিলু (পর্ব চার)

পঁয়ষট্টির যুদ্ধ

ক্লাস ফাইভের কথা। ১৯৬৫ সাল। সেপ্টেম্বর মাস এসে গেছে। সে বয়সে মাস-তারিখের হিসাব তেমন রাখে না কেউ। হঠাৎ বিলু শুনল যে পাকিস্তান-ভারত যুদ্ধ লেগে গেছে। খুব যুদ্ধ চলছে। একদিন সকালে ক্লাস শুরু হওয়ার আগেই হেড স্যার ক্লাস ফোর ও ফাইভের ছেলেদের ডেকে পাঠালেন। বললেন, আজ ক্লাস হবে না। তোমরা যুদ্ধের কথা শুনেছ। ৬ সেপ্টেম্বর ভোরে হানাদার ভারত আমাদের দেশ পাকিস্তানকে অন্যায় ভাবে আক্রমণ করেছে। প্রচণ্ড যুদ্ধ চলছে তাদের সাথে। আমাদের সৈন্যরা অত্যন্ত সাহস ও বীরত্বের সাথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। কিন্তু যুদ্ধ চালাতে অনেক খরচ। এখন আমাদের সবার উচিত সরকারকে সাহায্য করা। জনসাধারণের কাছ থেকে সাহায্য তুলতে হবে। তোমরা এ দুই ক্লাসের ছেলেরা কাল স্কুলে এসেই সাহায্য সংগ্রহ করার জন্য বেরিয়ে পড়বে। এলাকার বিভিন্ন গ্রামের বিভিন্ন পাড়ায় ও বাড়িতে যাবে। সবার কাছে দেশের যুদ্ধ তহবিলের জন্য সাহায্য চাইবে। যে যা দেয় নেবে। কোনো জোর জবরদস্তি করবে না। একেবারে গরিব মানুষদের কাছে কিছু চাইবে না। বিকেলের আগেই ফিরে আসবে সবাই। যা পাওয়া যায় জমা দেবে।
সাহায্য সংগ্রহের জন্য দুটি দল করে দিলেন হেডস্যার।
পরদিন স্কুলে এসে দুদিকে বেরিয়ে পড়ল দু দল। সে এক অভিজ্ঞতা বটে। শুধু সচ্ছল লোকদের বাড়িতে গেল তারা। একদল স্কুল ছাত্রকে বাড়িতে দেখে সবাই অবাক। কী ব্যাপার? দলের একজন বা দুজন মিলে বলল, যুদ্ধের জন্য সাহায্য চাইতে এসেছে তারা। দেখা গেল সবাই যুদ্ধের কথা জানে। তবে তা নিয়ে কারো মধ্যে কোনো দুশ্চিন্তা নেই। লোকে যে যা পারে দিলো। কেউ আট আনা, কেউ চার আনা, কেউ দু বা এক আনাও দিলো। কয়েকজন ধনী লোক দিলেন এক টাকা করে। কেউ ঘরে পয়সা নেই বলে এক সের, আধ সের চাল দিলো। একটা ঝোলা জোগাড় করে তাতে ব্যবস্থা হলো চাল রাখার। দু দল মিলে ধোকড়াকোল ও গোসাইডাঙ্গি গ্রামের সব পাড়া থেকে দু দিন ধরে সাহায্য সংগ্রহ করল। শেষ দিনে সব টাকা-পয়সা গুণলেন স্যারেরা। সংগৃহীত চালও বিক্রি করা হলো। মোট হলো একশ’ সাতাত্তর টাকা নয় আনা। স্কুল কমিটির চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহমদের কাছে গিয়ে সে টাকা বুঝিয়ে দিয়ে এলেন তাদের প্রাইমারি স্কুলের হেড মাস্টার অরবিন্দ পাল।
সে সময় এক নতুন অভিজ্ঞতা হলো বিলুর। তাদের বাড়িতে রেডিও নেই। পাড়ায় দু’তিনজনের বাড়ি আছে। কিন্তু কারো বাড়ি গিয়ে রেডিও শুনতে একদম ইচ্ছে করে না তার। ভারি লজ্জা করে। তাই রেডিও শোনা হয় না। যুদ্ধের পুরো খবরও জানতে পারে না। চাঁদা তোলা শেষ হওয়ার পর দিন দুপুর বেলা। অরবিন্দ স্যার ভবানিগঞ্জ গোলায় যাবেন একটা কাজে। সাথে বিলুসহ তিনজনকে ডেকে নিলেন তিনি। হেড মাস্টারের সাথে কোথাও যাওয়া সম্মানের ব্যাপার। চলল তারা। স্কুল থেকে পায়ে হেঁটে মিনিট দশেকের দূরত্ব। ভবানিগঞ্জ গ্রামের মাঝখানটায় হাট বা গোলা। হাট বসে সপ্তাহে দু দিন বিকেলে। হাটে শত শত মানুষ আসে। সেদিন উৎসবের মত অবস্থা। তবে সারা বছর জায়গাটা সরগরম থকে গোলার জন্য। হাট এলাকা ঘিরে গড়ে উঠেছে ছোট-বড় পাঁচ-ছটি মনোহারি দোকান। এ দোকান-পাট ঘেরা জায়গাকে লোকে বলে গোলা। ভবানিগঞ্জ গোলাতে আছে এ এলাকার পোস্ট অফিস। নাম মহিষ বাথান পোস্ট অফিস। দশটি গ্রামের জন্য একটি পোস্ট অফিস। আর আছে একটা কামারশালা আর একটা দর্জির দোকান। সকাল থেকে রাত প্রায় দশটা অব্দি খোলা থাকে গোলার সব দোকান। আশপাশের মানুষ চাল-ডাল-তেল-নুনসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গোলায় আসে। কাপড়, কাঁচা তরিতরকারি, মাছ আর দুধ ছাড়া সবই গোলার দোকানগুলোতে কিনতে পাওয়া যায়।
হাটে ঢুকেই বাম হাতে বিশে দর্জির দোকান। তার নাম বিশ^নাথ পাল, কিন্তু লোকের মুখে বিশে পাল হয়ে গেছে। তিনি শুধু ভবানিগঞ্জ গোলায়ই নন, এ এলাকারও একমাত্র দর্জি। সে জন্য অনেকে তাকে আবার বিশে দর্জি বলেও ডাকে। তবে জামা-পায়জামা বানান না তিনি, শুধু লুঙ্গি সেলাই করেন। প্রতি হাটে অন্তত ত্রিশ-চল্লিশটা লুঙ্গি বিক্রি হয়। লুঙ্গি সেলাই না করে পরা যায় না। হাটের আশেপাশে আর কোনো দর্জির দোকান নেই। তাই যারা লুঙ্গি কেনে সবাই তা সেলাই করার জন্য বিশে দর্জির দোকানে ভিড় জমায়। হাট বসে বিকেলে। চলে সন্ধ্যা রাতের পর আরো কিছুক্ষণ। বেশির ভাগ মানুষ শেষ বিকেলে ও সন্ধ্যায় কেনাকাটা করে। তারপর সেলাইয়ের জন্য বিশে দর্জির দোকানে দিয়ে অন্য কাজ সারতে যায়। কিন্তু সেই অল্প সময়ে সব লুঙ্গি তিনি সেলাই করে শেষ করতে পারেন না। বিশেষ করে সন্ধ্যার পর হারিকেনের আলোয় কাজ তেমন এগোয় না। তাই বাকি থাকা লুঙ্গি পরদিন সেলাই করে ক্রেতাদের দেন তিনি। এভাবে শনিবারের হাটের লুঙ্গি রবিবারে আর মঙ্গলবারের হাটের লুঙ্গি বুধবারে সেলাই সম্পূর্ণ হয়। এই চারদিন তার হাতে এক বেলা করে কাজ থাকে। কিন্তু সপ্তাহের সাত দিনই বেলা নয়টার দিকে দোকান খোলেন তিনি। রাত দশটার আগে তা বন্ধ হয় না। কাজ না থাকলেও দোকানে ঠিকই থাকেন তিনি। তার দোকান মানে পুব-পশ্চিমে লম্বা একটি বড় চারচালা টিনের ঘর। দোকানের সামনের দিক মানে পুবের দিকটা পুরো খোলা। নীচে লাঠি দিয়ে ক্যানেস্তারা টিনের তৈরি ঝাঁপ ওপরে তোলা। ডান দিকে হাটে ঢোকার রাস্তা ঘেঁষে কাঠের বেড়া। বেড়ার ঠিক মাঝখানে বড় দরজা। তাই সেদিক দিয়েও দোকানে ঢোকা ও বেরোনো যায়। দোকানের পুব দিকে হাটের দিকে মুখ করে বসানো পায়ে চালানো সিঙ্গার সেলাই মেশিন। মেশিনের সাথে ঘরের প্রায় অর্ধেক জুড়ে বিরাট এক চৌকি। চৌকির মেশিনের লাগোয়া অংশে পাতলা গদি পাতা। সেখানে বসে কাজ করেন বিশে দর্জি। তার দোকানকে ভবানিগঞ্জ গোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান বলা যায়। দুপুর বেলায় কর্মক্লান্ত মানুষ এসে সেখানে বসে। নিজেদের মধ্যে কথাবার্তা বলে। আরো কথা, বিশে দর্জির একটি ট্রানজিস্টর আছে। রেডিও সেন্টার যতক্ষণ খোলা থাকে ততক্ষণ সেটা বাজে। কেউ কেউ শুধু রেডিও শুনতেই আসে দোকানে।
বিলুরা যখন গোলায় পৌঁছলো তখন দেড়টা বেজে গেছে। হেড মাস্টার বিশে দরজির ঘরে ঢুকলেন। সে সাথে বিলুরাও। শেষ ভাদ্রের প্রচণ্ড রোদে প্রায় মাইলখানেক পথ হেঁটে ক্লান্ত সবাই। বিশে দরজি হেডমাস্টারকে দেখে খাতির করে তার চৌকিতে বসাল। দোকানের মধ্যে চার-পাঁচজন মানুষ। রেডিওতে দেশাত্মবোধক গান বাজছে। শুনছে সবাই। দেখতে দেখতে দুটো বেজে গেল। এ সময় রেডিওতে শুরু হলো খবর। ঘোষক জানালেন, খবরের পরই প্রচারিত হবে যুদ্ধের বিশেষ নাটক। হেডমাস্টার উঠতে গেলেন। বিশে দর্জি বললেন, মাস্টার সাব, বসেন। এ রোদের মধ্যে না বেরিয়ে নাটকটা শুনেই যান। কী মনে করে হেডমাস্টার বসলেন।
বিলু খুব খুশি হলো নাটক শোনার সুযোগ পেয়ে। নাটক শুরু হলো। কাহিনী সংক্ষেপ হলোÑ নায়ক সদ্য বিমানবাহিনীতে যোগ দিয়ে পাইলট হয়েছে। ছুটিতে এসে বিয়ে করেছে সে। কিন্তু বাসর ঘরে যাবার আগেই জরুরি টেলিগ্রাম আসে, শত্রু দেশমাতৃভূমির ওপর হামলা করেছে। জরুরি ভিত্তিতে রিপোর্ট করতে হবে তাকে। বাসর রাত নয়, দেশ আগে। সঙ্গে সঙ্গে সে ছুটল তার বিমানঘাঁটিতে। রিপোর্ট করার পরই জঙ্গি বিমান নিয়ে অভিযানে গেল তার স্কোয়াড্রন। সফল অভিযান শেষে সব বিমানই ফিরে এলো, কিন্তু নায়কের বিমান ফিরল না। পরে জানা গেল যে শত্রুপক্ষের গোলায় তার বিমান ভূপাতিত হয়ে বিধ্বস্ত হয়েছে , শহীদ হয়েছে সে। এ মর্মান্তিক খবর যখন তার বাড়িতে পৌঁছল, তার সদ্য বিবাহিতা স্ত্রী চিৎকার করে উঠে জ্ঞান হারিয়ে ফেলল।
নাটক শেষ হলো, কিন্তু শ্রোতাদের সবার মনেই তখন বিষাদ ছড়িয়ে পড়েছে। একজন বলে উঠলেনÑ আহারে! বোঝা গেল, নাটকটি সবারই মনে নাড়া দিয়েছে। বিলুর দু’চোখও অশ্রুভেজা। মনটা ব্যথায় ভরে উঠেছে তার। নীরবেই সিদ্ধান্ত নিলো, বড় হয়ে সে বিমান বাহিনীতে যোগ দেবে, জঙ্গি বিমানের পাইলট হবে। ততক্ষণে হেডমাস্টার উঠে দাঁড়িয়েছেন। স্কুলে ফিরবেন। বিশে দর্জির দোকান থেকে বেরিয়ে আসে তারা।
১৭ দিন যুদ্ধের পর ২৩ সেপ্টেম্বর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষিত হলো। তখনকার সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতি চুক্তি হয় সে দেশের তাসখন্দ নগরে। পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান ও ভারতের প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী সেই যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন। দুঃখের বিষয়, চুক্তি স্বাক্ষরের পরপরই লালবাহাদুর শাস্ত্রী হার্ট অ্যাটাকে সেখানেই মারা যান। বিলু একটু সুযোগ পেলেই বই পড়ে। নতুন কিছু জানার ব্যাপারে তার বিপুল আগ্রহ। সোভিয়েত ইউনিয়নের নাম আগেই জানত সে। আইয়ুব খানের নাম তো ছোট থেকেই শুনে আসছে। কিন্তু তাসখন্দ ও লালবাহাদুর শাস্ত্রীর নাম এবারই প্রথম জানল সে। যাহোক, যুদ্ধ বন্ধ হওয়ায় স্বস্তির নিঃশ^াস ফেলল সবাই। তবে মানুষের মুখে মুখে ফিরতে লাগল যুদ্ধের কথা। পাড়ার মুরব্বিরা এক সাথে বসলে এ যুদ্ধের কথা বলেন। তার চাচারা সবাই কম বেশি লেখাপড়া জানেন। প্রায়ই মামলা-মোকদ্দমাসহ নানা কাজে কুষ্টিয়া, ঢাকা বা অন্য শহরেও যান তারা। তাই দিন-দুনিয়ার কিছু খবরাখবর রাখেন তারা। তাদের আলোচনায় বিলু শুনল যে এ যুদ্ধে পাকিস্তানি সৈন্যরা ভারতীয় বাহিনীর বিরুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শন করেছে। শুনল বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যদের সাহসের কথাও। তারা লাহোরের কাছে খেমকারান নামক স্থানে যুদ্ধে ভারতের বহু ট্যাংক ধ্বংস করেছে। ফলে ভারতীয় বাহিনী আর সেখানে এগোতে পারেনি। এ যুদ্ধে বাঙালি সৈন্যদের বীরত্ব ভীষণভাবে প্রশংসিত হলো। পাকিস্তানিরা আগে বাঙালি সৈন্যদের দিকে অবহেলার দৃষ্টিতে তাকাত। ভাবখানা এমন যে বাঙালিরা আবার যুদ্ধ জানে নাকি! কিন্তু যুদ্ধের পর পরিস্থিতি খানিকটা পাল্টাল। বাঙালিা যুদ্ধ জানে এবং ভালোই জানে, তা প্রমাণিত হয়েছে। কয়েকজন বীর সেনানির কথা শুনল সে। বিশেষ করে শুনল জঙ্গি বিমানের এক দুঃসাহসী পাইলট এম. আলমের কথা। তিনি বাঙালি, তবে এ বাংলায় নয়, কলকাতায় জন্ম তার। ভারত বিভাগের পর তিনি পশ্চিম পাকিস্তানে চলে যান। পরে যোগ দেন বিমানবাহিনীতে। এই দুঃসাহসী বীর গোটা যুদ্ধে একাই ১১টি ভারতীয় জঙ্গি বিমান ধ্বংস করে রেকর্ড সৃষ্টি করেছেন। আরো শুনল মেজর আবদুল আজিজ ভাট্টির কথা। পশ্চিম পাকিস্তানে বাড়ি ওই সেনা অফিসার যুদ্ধে অসামান্য বীরত্ব প্রদর্শন করে শহীদ হয়েছেন। এদিকে যুদ্ধ শেষ হওয়ার মাস দুয়েক পর তার এক চাচার হাতে একটি ঝকঝকে নতুন বই দেখতে পেল বিলুÑ ‘রণাঙ্গনে পাকিস্তান’। বইটি খুব পড়তে ইচ্ছে করল তার। কিন্তু ওই চাচা খিটখিটে মেজাজের মানুষ। ছেলেপেলেরা তার কাছে ঘেঁষে না। তার কাছে বইটি চাওয়ার সাহস পেল না সে। অথচ বইটি পড়ার প্রচণ্ড ইচ্ছা তার মনের ভেতর অবিরাম পাক খেতে
থাকল।
চলবে…

বিশ্ব ফুটবলের খবরাখবর

সবুজ শ্যামল দেশজুড়ে বইছে শীতের প্রবল হাওয়া। এই শীতে গ্রাম ও ফুটপাতের মানুষরা বিশেষ করে গরিব শিশুবন্ধুরা বহু কষ্টে জীবনযাপন করছে। এসব শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর সামর্থ্য যাদের আছে তারা সামান্য করে হলেও এগিয়ে আসি।
পাঠকবন্ধুরা, এ সংখ্যায় জানব বিশ্ব ফুটবল অঙ্গনে সম্প্রতি ঘটে যাওয়া কিছু খবরাখবর। আশা করি ভালো লাগবে।
পেলেকে ছাড়িয়ে মেসির রেকর্ড
মাত্র দুদিনের ব্যবধানেই ব্রাজিল কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি। এর আগে গত ১৯ ডিসেম্বর রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে গোল করে কিংবদন্তি ব্রাজিলীয় ফুটবলার পেলের এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড স্পর্শ করেছিলেন লিওনেল মেসি। পেলেকে ছাড়িয়ে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের মালিক এখন রেকর্ড ছয়বারের বর্ষসেরা এই ফুটবলার।
লা লিগায় গত ২২ ডিসেম্বর রাতে রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে ৩-০ গোলে জয় পায় বার্সেলোনা। দলের জয়ের ম্যাচে ৬৫তম মিনিটে ইতিহাস গড়া গোলটি করেন মেসি। পেদ্রির ব্যাক হিলে ডি-বক্সে বল পেয়ে প্রথম ছোঁয়ায় স্কোরলাইন ৩-০ করেন তিনি।
বার্সেলোনার জার্সিতে মেসির ৬৪৪তম গোল এটি। অন্যদিকে নিজ দেশের ক্লাব সান্তোসের হয়ে ১৯ মওসুমে ৬৪৩ গোল করেছিলেন ব্রাজিলের হয়ে তিন বিশ্বকাপ জয়ী পেলে। সেদিক থেকে মাত্র ১৭ মওসুমেই বার্সেলোনার হয়ে এই রেকর্ড স্পর্শ করলেন মেসি।
এর আগের ম্যাচে গোল করে পেলের রেকর্ড ছোঁয়ার দিনে মেসিকে অভিনন্দন জানিয়েছিলেন ব্রাজিল কিংবদন্তি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেনÑ ‘লিওনেল, ঐতিহাসিক এই রেকর্ডের জন্য তোমাকে অভিনন্দন। তবে সবার আগে বার্সেলোনায় তোমার অসাধারণ এই ক্যারিয়ারের জন্য অভিনন্দন।’
ব্লাটারের বিরুদ্ধে ফিফার মামলা
ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটারের বিরুদ্ধে জুরিখ জাদুঘর নির্মাণের সময় আর্থিক দুর্নীতির বিষয়ে মামলা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গত ২২ ডিসেম্বর ফিফা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।
স্কাই স্পোর্টসের খবরে জানা গেছে, ফুটবল জাদুঘর নির্মাণের জন্য কোম্পানি নিয়োগে আর্থিক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে জুরিখের সেন্ট্রাল প্রসিকিউটরে এই অভিযোগ দায়ের করা হয়।
১৪০ মিলিয়ন ডলার ব্যয়ে জুরিখে নির্মিত হয়েছিল ফুটবল জাদুঘর। ২০১৬ সালে খুলে দেওয়া হয়েছিল জাদুঘরটি। ১৯৭০ সালে নির্মিত অফিস ভবন পুনর্নির্মাণ ও ভাড়ায় নেওয়া ৩৪টি অ্যাপার্টমেন্টের ক্ষেত্রেও দুর্নীতি ধরা পড়ে। পঞ্চমবার ফিফার সভাপতি নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার সময় ২০১৫ সালের মে মাসে খুলে দেওয়ার কথা ছিল এ ভবন। তবে যুক্তরাষ্ট্র ও সুইস তদন্তকারীদের চাপে তিনি পদত্যাগ করতে বাধ্য হলে বিলম্বিত হয় এসব কার্যক্রম।
১৯৯৮ সাল থেকে ফিফা প্রধানের দায়িত্বে ছিলেন ব্লাটার। পরে তাকে বরখাস্ত করা হয়েছিল ২০১৫ সালের অক্টোবরে। সে বছর প্রেসিডেন্ট নির্বাচনের দুদিন আগে যুক্তরাষ্ট্রের আনা দুর্নীতির অভিযোগে ফিফার সাত কর্মকর্তাকে গ্রেপ্তার করেছিল সুইস পুলিশ। তবে ২০১৫ সালের ২৯ মে পঞ্চমবার ফিফার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ব্লাটার। তাঁর সময়ে ঘুষ ও দুর্নীতিতে ফিফার নাম জড়ানোয় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছিল।
রোনালদোর আরেকটি সাফল্যগাথা
ফুটবল বিশে^ এ যুগের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোর ঝুলিতে রয়েছে অনেক সাফল্য, অনেক অর্জন। সম্প্রতি জুভেন্টাসের এই তারকার ঝুলিতে যুক্ত হয়েছে আরও একটি সাফল্য। গত ১ ডিসেম্বর এ বছরের গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। তবে গত ২০ ডিসেম্বর ট্রফিটি হাতে পেয়েছেন তিনি।
পুরস্কার জেতার খবর রোনালদো নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, ‘গোল্ডেন ফুট পুরস্কার জিতে সর্বকালের সেরাদের সঙ্গে আমার নাম থাকায় সম্মানিত বোধ করছি। আমাকে ভোট দেয়ার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা সমর্থকদের আন্তরিক ধন্যবাদ।’
প্রথম কোনো পর্তুগিজ ফুটবলার হিসেবে এই পুরস্কার লাভ করেন রোনালদো। গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড চালু হয় ২০০৩ সাল থেকে। সংবাদমাধ্যমের একটি প্যানেল প্রথমে ১০ জন ফুটবলারকে নির্বাচন করে থাকে। পরে তাদের মধ্য থেকে একজনকে বিজয়ী ঘোষণা করা হয়। রোনালদো ছাড়াও মনোনয়ন পেয়েছিলেন মেসি, লিইয়েনডস্কি, নেইমার, আগুয়েরো, রামোস, পিকে, সালাহ, কিয়েল্লিনি ও ভিদাল। শেষ পর্যন্ত ভোটে জিতে বাজিমাত করেন রোনালদো।
গোল্ডেন ফুট পুরস্কারটি প্রথম পেয়েছিলেন ইতালির সাবেক ফুটবলার রবার্তো ব্যাজ্জিও। গত বছর এই পুরস্কারটি পেয়েছিলেন লুকা মদ্রিচ। গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড বিজয়ীর তালিকা : ১. রবার্তো ব্যাজ্জিও (২০০৩), ২. পাভেল নেভদেদ (২০০৪), ৩. আন্দ্রে শেভচেঙ্কো (২০০৫), ৪. রোনালদো নাজারিও (২০০৬), ৫. ডেল পিয়েরো (২০০৭), ৬. রবার্তো কার্লোস (২০০৮), ৭. রোনালদিনহো (২০০৯), ৮. ফ্রান্সেকো টট্টি (২০১০), ৯. রায়ান গিগস (২০১১), ১০. ইব্রাহিমোভিচ (২০১২), ১১. দিদিয়ের দ্রগবা (২০১৩), ১২. আন্দ্রেস ইনিয়েস্তা (২০১৪), ১৩. স্যামুয়েল ইতো (২০১৫), ১৪. গিয়ানলুইগি বুফন (২০১৬), ১৫. ইকার ক্যাসিয়াস (২০১৭), ১৬. এডিনসন কাভানি (২০১৮), ১৭. লুকা মদ্রিচ (২০১৯)।
মেসি-রোনালদোকে টপকে ফিফার বর্ষসেরা লেভানদোভস্কি
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে হারিয়ে ২০২০ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন রবার্তো লেভানদোভস্কি। ২০১৯Ñ’২০ মওসুমে দারুণ পারফরম্যান্সের কারণে ক্যারিয়ারে প্রথমবার ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ হলেন এই পোলিশ স্ট্রাইকার।
গত ১৮ ডিসেম্বর রাতে সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তর থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ বিজয়ীর নাম ঘোষণা করা হয়। ফুটবল বিশ্বের সব জাতীয় দলের কোচ, অধিনায়ক, বিশ্বজুড়ে ফিফা নির্বাচিত সাংবাদিক ও ফিফা ডটকমে নিবন্ধন করা ফুটবলপ্রেমীদের ভোটে এই পুরস্কার দেওয়া হয়েছে।
মোট সাতটি ক্যাটাগরিতে সেরাদের হাতে পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারের মধ্যে সবচেয়ে আকর্ষণ থাকে পুরুষ বিভাগের বিশ্বসেরা ফুটবলার কে হবেন সেটা নিয়ে। এবার সেই ক্যাটাগরিতে ছিলেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা মেসি, রোনালদো ও লেভানদোভস্কি। শেষ পর্যন্ত এসময়ের দুই তারকাকে হারিয়ে বায়ার্ন তারকার হাতেই উঠল এই পুরস্কার।
২০২০ সালে চোখ ধাঁধানো একটি মওসুম কাটিয়েছেন লেভানদোভস্কি। বায়ার্নের হয়ে লিগ, চ্যাম্পিয়নস লিগ, জার্মান কাপসহ ট্রেবল জিতেছেন তিনি। নিজে করেছেন মওসুমের সর্বাধিক গোল। গত মওসুমে নিজেদের লিগে করেছিলেন ৩১ ম্যাচে ৩৪ গোল, চ্যাম্পিয়নস লিগে গোল করেছেন ১৫টি। সব প্রতিযোগিতা মিলে ইউরোপের সেরা পাঁচ লিগের যেকোনো খেলোয়াড়ের চেয়ে গত মওসুমে ১৬টি গোল বেশি করেন লেভানদোভস্কি। সব মিলিয়ে পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন পোলিশ স্ট্রাইকারই।
এছাড়া নারী ফুটবলে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ম্যানচেস্টার সিটি ও ইংল্যান্ডের ডিফেন্ডার লুসি ব্রোঞ্জ। বায়ার্ন মিউনিখের হান্স ফ্লিক ও লিডস ইউনাইটেডের মার্সেলো বিয়েলসাকে হারিয়ে ফিফা বর্ষসেরা কোচ হয়েছেন লিভারপুলের ইয়ুর্গেন ক্লপ। আর উরুগুয়ের দুই খেলোয়াড় লুইস সুয়ারেজ ও জর্জিয়ান দে আরাসকায়েতাকে হারিয়ে ফিফা বর্ষসেরা গোলের পুরস্কার ‘পুসকাস অ্যাওয়ার্ড’ পেয়েছেন টটেনহ্যামের সন হিউং-মিন।
এদিকে টানা দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা কোচ নির্বাচিত হলেন লিভারপুলের ইয়ুর্গেন ক্লপ। বায়ার্ন মিউনিখের হ্যান্স ফ্লিক ও লিডস ইউনাইটেডের মার্সেলো বিয়েলসাকে হারিয়ে এই পুরস্কার পেয়েছেন ক্লপ। ৩০ বছর পর লিভারপুলকে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপা জেতান ক্লপ। শিরোপা জয়ের মওসুমে অনেক রেকর্ডও গড়ে লিভারপুল। সেজন্যই সেরা কোচ নির্বাচিত হন ক্লপ। আর মেয়েদের ফুটবলে সেরা কোচ হয়েছেন নেদারল্যান্ডসকে ২০২২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিয়ে যাওয়া সারিনা ভিগমান।
অন্যদিকে ছেলেদের ফুটবলে বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন বায়ার্ন ও জার্মানি জাতীয় দলের মানুয়েল নয়্যার। আর মেয়েদের বর্ষসেরা গোলরক্ষক হয়েছেন লিওঁ ও ফ্রান্স জাতীয় দলের সারাহ বুয়াদি।