মিতুল, এই মিতুল। উচ্চস্বরে ডাক দেয় মিতুলের নানী। কই গেলি ভাই, মিতুল? নাহ্ কোনো সাড়া নেই।
নদীতেই তো এলো। আমি বললাম যে, আমি সাথে করে নিয়ে যাব। তবু সে আগে আগেই চলে এলো। তার মা বলল। আট বছর বয়সী মিতুলদের বাড়ি নাটোর। পিতা শ্রমিক। তারা দুই ভাইবোন। পিতার অল্প আয়ে সংসার চালানো কষ্টকর বলে তার নানী তাকে নিজের কাছে এই বছরই দ্বিতীয় শ্রেণিতে ভর্তি করেছে। চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর পাশেই তার নানীর বাড়ি। গরু পালন করে বাড়ি বাড়ি দুধ দিয়ে তার নানীর সংসার চলে। এই বাড়ি বাড়ি দুধ দেওয়া কাজটা শিশু মিতুলের খুবই আনন্দের। যখনই নানীর বাড়ি বেড়াতে আসত,তখনই সে দুধের বোতল নিয়ে বাড়ি বাড়ি ছুটে বেড়াতো। এবার নানীর বাড়িতে এসে স্কুলে ভর্তি হলে সে তার নানীকে বলে, “নানী, তোমাকে এখন থেকে আর দুধ দিতে যেতে হবে না। প্রতিদিন আমিই যাব।”
অভ্যাসমত আজও মিতুল স্কুল থেকে এসে ভাত খেয়ে ব্যাগভর্তি দুধের বোতল নিয়ে বাড়ি বাড়ি দিয়ে আসে। এসে দেখে তার মা নাটোর থেকে নানীর বাড়ি এসেছে। সাথে অনেক খাবার। সে খুশিতে লাফাতে লাফাতে গোসল করতে নদীর দিকে ছুটল। এর পরপরই তার মা ও নানী নদী এসে তাকে আর খুঁজে পায়না।
“মিতুল, নদীতে ডুবে গেলি নাকি বাবা!” তার মা বিলাপ শুরু করে। আস্তে আস্তে নদীর তীরে গ্রামের মানুষ জড়ো হয়। তখন যোহরের সময় হয়ে গেছে। গ্রামের ছেলেরা সবাই নদীতে তাকে খুঁজতে নেমে পড়ে। এক সময়ের উত্তাল মহানন্দা নদী এখন মৃত্যুর প্রহর গুনছে। নদীর বুকে জেগে ওঠা চরে ছেলেরা বল খেলে, গরু চরে। আবার কোথাও কোথাও ধান চাষও হয়। প্রতি বর্ষাকালে নদীর সেই যৌবন ফিরে আসলেও এখন গ্রামের দামাল ছেলেরা হেঁটেই নদীর ওপারে চলে যেতে পারে। এই শুকনোপ্রায় নদীতে মিতুল গেল কোথায়?
দুপুর গড়িয়ে বিকেল হলেও তাকে খুঁজে পাওয়া গেল না। “পেয়েছি”, বলে চিৎকার করে একজন নদী থেকে কি যেন টেনে তুলে। নাহ্, এটি একটি কাদামাখা পুরনো জামা।
অবশেষে এক গর্তের মধ্যে আরেকজন তাকে খুঁজে পেল। হ্যাঁ, এইতো মিতুল। না ফেরার দেশে চলে গেছে। যে কিনা পড়ালেখার আশায় মায়ের কোল ছেড়েছিল, সেই শিশু মিতুল আজ জান্নাত লাভের আশায় পৃথিবী ছেড়ে চলে গেল।
শিক্ষার্থী, চাঁপাইনবাবগঞ্জ
গমন
রাজা দেখার শখ
এক বনে বাস কররো এক বনো মহিষ ও তার স্ত্রী। তারা দুজন বেশ সুখেই দিন কাাঁচ্ছিল। সংসারের সুখ দুঃখের কথা দুজন ভাগাভাগি করে বছর দুই পার হয়ে গেলো। হঠাৎ আনন্দের সংবাদ এলো। মহিষীনির বাচ্চা হবে। শুনে মহিষ খুশিতে আপ্লুত। মাস ছয়েক পর মহিষ ছানা জন্ম নেয়। বনো মহিষ মহিষীনি সে কি খুশি নিজের সন্তান কোলে নিয়ে। এভাবেই সুখে কেটে যাচ্ছিল তাদের দিনগুলো। ছোট মহিষ ছানা ও ধীরে ধীরে বড় হতে লাগলো। দিন যায় মাস যায় বছর যায়, এবং এভাবেই কেটে যায় দুবছর। মহিষ পরিবারের। মহিষ ছানা এখন অনেক বড় হয়ে গেছে। বাবা মাকে ছাড়া নিজে নিজেই বনের মাঝে ঘুরে ঘুরে সবুজ ঘাস খেতে শিখেছে। তাই বনো মহিষ ও তার স্ত্রী এখন বেশ চিন্তিত থাকে। না জানি তাদের বুকের ধন মহিষ ছানাটি ঘাস খেতে খেতে কোনদিন বাঘের সামনে গিয়ে পড়ে। এই চিন্তায় তাদের রাতে ঘুম ও ভালো ভাবে হয় না। তাছাড়া তারা মহিষ মহিষীনি এখন বৃদ্ধ প্রায়।
প্রতিদিনের মতো আজও সন্ধ্যায় বাড়ি ফিরে এলো মহিষ ছানা। এসে তার বাবা ও মাকে বলতে লাগলো সে কোথায় কোথায় গিয়েছিল ঘাস খেতে। এবং সে কি কি দেখেছে এ বনের অজানা জায়গায়।
আজ সে বনের উত্তর পাশে ঘাস খেতে গিয়েছিল। কিন্তু সেখানে সে শুধু মৃত পশুদের কঙ্কাল দেখতে পেয়েছে।
কথাটি শুনে বনো মহিষ ও তার স্ত্রী ভরকে যায়। আর সন্তানকে বুকে টেনে জরিয়ে ধরে বলে,বাবা ওদিকে আর কখনো কোনদিন ঘাস খেতে যাসনে। তাদের এমন শাসন দেখে মহিষ ছানাটি জিজ্ঞেস করে। বাবা ও মা বলো না বনের ওদিকে কি আছে? মহিষের স্ত্রী বলে ওদিকে বাঘ থাকে। আচ্ছা মা বাঘ কে? আবার জিজ্ঞেস করে মহিষ ছানাটি। মা উত্তর দেন বাঘ হচ্ছেন আমাদের এ বনের রাজা। মহিষ ছানা কথাটি শুনে খুবই আনন্দিত হলো। এবং বাবা ও মাকে বললো বনের আবার রাজা আছে নাকি? আর যদি থেকে থাকে তাহলে আমি তাকে দেখতে চাই? এটা আমার শেষ কথা।
মহিষ ছানার কথা শুনে মহিষ ও তার স্ত্রী খুবই চিন্তিত হয়ে পড়লো। কিভাবে বুঝাবে তাদের সন্তানকে বনের রাজা একটা পিশাচ। সে বনের সকল নিরীহ প্রাণীকে চিবিয়ে রক্ত খায়। এই ভাবনায় সে রাতে মহিষ ও তার স্ত্রীর একবিন্দু পরিমাণ ঘুম হলো না। পরদিন সকালে মহিষ ছানাটি তার বাবা মায়ের কথা অমান্য করে বের হলো বনের রাজার খোঁজে। খুঁজতে খুঁজতে সে বনের রাজার সন্ধান পেলো। এবং দেখতে পেলো রাজা সাহেব একটি পাথরের উপর বসে আছে। মহিষ ছানাটি মনে মনে ভাবলো। সেতো বনের রাজা বাঘকে চিনেনা, তাই সে কাছে গিয়ে জিজ্ঞেস করবে আপনি কি বনের রাজা?
ভাবতে ভাবতে সে যখন বাঘের সামনে চলে গেলো। বাঘের আনন্দ দেখে কে? বেচারা মহিষ ছানা কেবল মাত্র বলতে যাবে আপনি কি বনের রাজা? অমনি বাঘ তাত ঘাড় মটকে রক্ত খেতে লাগলো।
রোজা : বিরত থাকার শিক্ষা
রমজান মাস হলো রোজা রাখা বা সিয়াম পালন করার মাস। চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২৯ দিন বা ৩০ দিন মুসলমানরা রোজা রেখে থাকেন। রোজার মূল পালনীয় বিষয় হলোÑ বিরত থাকা। দিনের নির্দিষ্ট সময়ে অর্থাৎ সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর নির্ধারণ করে দেয়া কতগুলো কাজ থেকে বিরত থাকার নামই রোজা। কী কী বিষয় থেকে বিরত থাকতে হয়? পানাহার এবং অন্যায়-অশ্লীল কাজ ও পাপাচার থেকে। অন্যায় কাজ তো সারা বছরই নিষিদ্ধ, কিন্তু রমজানের রোজার সময় কিছু ন্যায় অর্থাৎ স্বাভাবিক হালাল কাজও নিষিদ্ধ করা হয়েছে। যেমন: পানাহারÑ এটা সারা বছর এমনকি রমজানে দিনের বেলা ছাড়া সবসময়ই করা যায়। তবু এই হালাল কাজ থেকেও কেন বিরত থাকতে হলো? এখানেই হলো বিরত
থাকতে পারার শিক্ষা। আল্লাহ আমাকে দেখছেন এই চিন্তা মাথায় রেখে রোজা রাখা অবস্থায় মুসলমানরা খাবার/পানি গ্রহণ করেন না।
বিরত থাকার শিক্ষা জীবনের সফলতার অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি। শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই মুসলমানরা এই বিরত থাকার ইবাদত করেন। অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্য অর্জনে সাময়িকভাবে বৈধ কাজকে না বলতে পারার যোগ্যতা অর্জন করেন তারা। সহজভাবে বলতে গেলে সাফল্য অর্জনের পথে যেকোনো লোভনীয় বিষয়কে প্রত্যাখ্যান করতে পারলেই সাফল্য একসময় হাতে ধরা দেবে।
এবার ‘বিরত থাকার শিক্ষা’ কিভাবে তোমার প্রতিদিনের কাজে লাগবে সে আলোচনা করা যাক। ধরো, তোমার আগামী সপ্তাহে পরীক্ষা আছে। পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে হলে ভালোভাবে লেখাপড়া করতে হবে। কিন্তু এর মধ্যেই তোমার বন্ধু এসে তোমাকে নতুন একটা গেমসের সন্ধান দিলো। এই গেমসের আকর্ষণীয় ফিচার দেখালো। অন্য আর কে কে এই গেমস খেলছে সেটাও বলল। শুনে তোমার মনে হলো এখুনি গেমস ইন্সটল করে খেলা শুরু করে দিই। না! এই মুহূর্তে না বলতে হবে নিজের মনকে। এক্ষুণি ‘বিরত থাকার শিক্ষা’ কাজে লাগাতে হবে। বন্ধুকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিয়ে দিতে হবে।
অথবা গ্রাম থেকে আত্মীয় এলো এই সময়েই। গ্রামের আমগাছে নতুন আম ধরেছে, ডাবগাছে ডাব ধরেছে, পুকুরের মাছ বড় হয়েছে ইত্যাদি গল্প শোনালো তোমাকে। আর প্রস্তাব দিলোÑ চলো দু’দিনের জন্য গ্রামের বাড়ি বেড়াতে যাই। অনেক দিন গ্রামের বাড়িতে যাওয়া হয় না, গাছের ফল খাওয়া হয় না, সুতরাং যাওয়াই দরকার। আত্মীয় চলে গেলে আবার সাথে যাওয়ার লোক পাওয়া যাবে না। সুতরাং এখনই চলে যাই। না! এই মুহূর্তে ‘বিরত থাকার শিক্ষা’ কাজে লাগাতে হবে। গ্রামে বেড়াতে যাওয়া অবশ্যই অবৈধ কিছু নয়। কিন্তু এক সপ্তাহ পরেই পরীক্ষা, এখন যাওয়া যাবে না।
এর পরে ধরো, পরীক্ষার আগের রাত। শেষ প্রস্তুতির সময়। কিন্তু টিভিতে নতুন ড্রামা সিরিজ বা কার্টুন দেখার সময় হয়েছে। ওটা এক ঘণ্টা চলবে। না দেখলেই যে মিস। কী করা! পড়া বাদ দিয়ে দেখে আসি, পরে পড়বো। এই সময়ে ‘না’ বলতে হবে। বিরত থাকতে হবে। এভাবে বিরত থাকার শিক্ষা কাজে লাগাতে হবে।
পরীক্ষা সামনে এলে বেশি ঘুম পায়? মনে হয় আরেকটু ঘুমিয়ে নিই, তারপর পড়বো? ঘুম তো অন্যায় কিছু না, পাপ না তাহলে সমস্যা কী? হ্যাঁ, তখনই বিরত থাকার শিক্ষা দরকার। সাফল্য অর্জনের জন্য বৈধ সুখ থেকে বিরত থাকতে হবে।
রোজার দিনে যখন তোমার বন্ধুবান্ধব যারা ভিন্ন ধর্মাবলম্বী, তারা তোমার সামনে খাওয়াদাওয়া করে। কিন্তু তুমি বিরত থাকো, কারণ তোমার লক্ষ্য আল্লাহকে সন্তুষ্ট করা। তুমি এ কারণেই বিরত থাকতে পারো। একইভাবে যখন তোমার বন্ধুবান্ধবদের কেউ তোমার সামনে ধুমপান করবে, সেটা থেকেও তোমাকে ‘বিরত’ থাকতে হবে।
ইফতারের সময় না হওয়া পর্যন্ত সামনে অনেক আকর্ষণীয় হালাল খাবার থাকলেও ‘বিরত’ থাকতে হয়। এই শিক্ষা যদি হৃদয়ে ধারণ করা যায়, তাহলে সৎ জীবন যাপন করা সহজ হয়। যেমন ধরো, বন্ধু অনেক মজার মজার খাবার এনেছে। ওর টিফিন বক্স রেখে বাইরে কোথাও গেছে। তুমি জানো বক্সেই খাবার আছে। কিন্তু সেই যে তুমি বিরত থাকার শিক্ষা পেয়েছ। তাই তোমার সেই টিফিন বক্সের প্রতি কোনো অবৈধ আকর্ষণ কাজ করছে না।
একই রকমভাবে বাজারে গেলে হরেক রকম আকর্ষণীয় জিনিস দেখেও তোমার সেগুলোর জন্য খারাপ লাগবে না। তোমার মনে হবে নাÑ যে ওখান থেকে লুকিয়ে কিছু নিয়ে নিই, অথবা ছিনিয়ে নিই। রাস্তায় যারা ছিনতাইকারী বা ডাকাত তারা কী করে? দামি বা মূল্যবান কিছু দেখলেই হামলা করে। কারণ তাদের মধ্যে ‘বিরত’ থাকার শিক্ষা নেই। সে মনে করে যা দেখলাম, সবই আমার অধিকার। ওগুলো ছিনিয়ে নিতেই হবে। তাই সে ছিনিয়ে নেয়। কিন্তু কোনো মুসলিম এ কাজ করতে পারে না, কারণ তার রোজার শিক্ষা আছে।
রোজা নষ্ট হবার অন্যতম কারণ হলোÑ গিবত করা। অর্থাৎ কারো অনুপস্থিতিতে তাকে হেয় করে কথা বলা। বন্ধুবান্ধব বা আত্মীয়দের আড্ডায় যখন গিবত শুরু হবে সেখান থেকে নিজেকে ‘বিরত’ না রাখলে রোজা নষ্ট হয়ে যাবে। সুতরাং একইভাবে বছরের অন্যান্য সময়েও মানুষের নিন্দা করা, গিবত করা, অপবাদ দেয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে। বিরত থাকার শিক্ষা তাহলেই ফলপ্রসূ হবে।
কাউকে গালি দেয়া রোজার শিক্ষার পরিপন্থী। এমনকি রোজা রাখা অবস্থায় কেউ গালি দিলেও তাকে পাল্টা গালি দেয় না রোজাদার মুসলিম। কারণ তার লক্ষ্য সুদূরপ্রসারী। পুরোটা দিন তাকে ধৈর্য ধরতে হবে। এসব অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারলেই রোজা কবুল হবে। যদি গালির বিপরীতে গালি, ঝগড়ার মোকাবেলায় ঝগড়াই হয় তাহলে আর রোজা কবুল হবে না। এগুলো এড়িয়ে যাওয়া বা বিরত থাকতে পারাটাই সাফল্য।
একটি কথা আছে যে কুকুরের দিল্লি দেখা হয় না। কারণ হলো কুকুর যখন দিল্লি দেখার লক্ষ নিয়ে ভোর সকালে যাত্রা করে, কিছু দূর যাবার পর দেখে আরেক কুকুর। সেই কুকুর আজেবাজে কথাবার্তা বলে। কুকুর প্রথমটাকে হয়তো কোনো উত্তর দেয় না। কিন্তু দ্বিতীয়, তৃতীয়টার বেলায় ক্ষেপে যায়। উল্টো ঝগড়া করতে শুরু করে। তার মাথায় আর দিল্লি যাওয়ার সঙ্কল্প থাকে না। ঝগড়াতে চিৎকার করে জেতাটাই জরুরি মনে করে তখন। কিন্তু সে যদি ঝগড়া থেকে বিরত থেকে অন্য কুকুরগুলোকে একের পর এক এড়িয়ে যেতে পারত, তাহলেই সে সফল হতো। যত দিনই লাগুক দীর্ঘপথ অতিক্রম করে সে দিল্লি পৌঁছে যেত।
আমাদের জীবনেও সফলতার পথে লোভনীয় অফার আসবে, ঝগড়া-ফাসাদ, কটুবাক্য, অপমান-অবহেলা আসবে। এগুলো সাফল্যের পথে বাধা। এসব মোকাবেলা করার জন্য রোজা তথা ‘বিরত’ থাকার শিক্ষা কাজে লাগাতে হবে। মনে রাখতে হবে, সফলতা হচ্ছে দীর্ঘমেয়াদী লক্ষ্য। সেই পথে অবিচল থাকতে হবে।
অপারেশন তরমুজ
বৈশাখ মাস প্রায় শেষ! জৈষ্ঠ এসেই গেল। গরমের মওসুমের কারণে সব স্কুলেই ছুটি চলছে। লিচুর ভরা মওসুম এখন। আঁটির আমগুলো পেকেছে, কলম বাঁধা আম বা ভালো জাতের আমগুলো এখনো তেমন পাক ধরেনি। ভালো জাতের আমগুলোর মধ্যে শুধু হিমসাগর আম পেকেছে। তার পরও সব হিমসাগর আমে এখনো পাক ধরেনি। তবে যে গাছগুলোর বয়স অনেক বেশি সে গাছগুলোর আম পাক ধরেছে অনেকটাই। কোনো কোনো গাছের আম কেবল সিঁদুরে রং নিচ্ছে। কাঁঠালের ক্ষেত্রে ঠিক তেমন। পাকা কাঁঠাল একেবারেই নেই। অনেক পুরোনো গাছগুলোর মধ্যে দু’একটা গাছে কাঁঠাল পেকেছে।
স্কুল ছুটি হয়েছে মাত্র দু’দিন, এর মধ্যে অনেকেই চলে গেছে নিজেদের আত্মীয়বাড়িতে। কেউ মামাবাড়ি, কেউ বোনের বাড়ি, কেউ বা ভাবির সাথে ভাবির বাবার বাড়িতে বেড়াতে গেছে। রাহাত গরমের ছুটিতে কোথাও ঘুরতে যাবে না। তার নানুবাড়ি বেশি দূরে না হওয়ায় সে যেকোনো সময় নানুবাড়িতে যেতে পারে। নানুবাড়িতে যাওয়ার জন্য স্কুল থেকে ছুটি নেয়ার প্রয়োজন হয় না। সে কারণে ছুটির সবসময় গ্রামের বন্ধুদের সাথে কাটায়। এবারো ব্যতিক্রম হবে না রাহাতের। প্রতিবারের মতো এবারের গরমের ছুটিটাও গ্রামে হেসেখেলে কাটাবে সে।
এখন দুপুর। রোদের তেজ তীব্র। রাহাত, রাজু, আরিফ, আসাদ পুকুরপাড়ে বসে আছে। গ্রামের ছেলেমেয়েরা পুকুরে লাফালাফি করছে। রাহাতদের পুকুরের পাড়ের বিশাল একটি কাঁঠালগাছ পুকুরের দিকে হেলে আছে। ছেলেমেয়েরা সেই গাছের মগডালে উঠে পুকুরের পানিতে লাফিয়ে পড়ছে। পানিতে লাফিয়ে পড়ে যেন এক স্বর্গীয় সুখ অনুভব করছে তারা। এ কারণে পানি থেকে উঠে আবারো সেই গাছের মগডালে উঠছে এবং আগের মতোই পানিতে ঝাঁপিয়ে পড়ছে। ছেলেমেয়েদের লাফালাফি দেখে মাছেরাও লাফিয়ে উঠছে। প্রতিটি লাফের সাথে সাথে পুকুরের পানি লাফিয়ে এসে পাড়ে ধাক্কা খেতে থাকে, আর সেই ধাক্কার সাথে সাথে দুই একটা মাছ লাফিয়ে শূন্যে ভেসে সূর্যের দর্শন নিচ্ছে। পুকুরের এক পাড়ে হেলে পড়া আমগাছ থেকে রাজু বেশ কিছু আম পেড়ে এনেছে। বাড়ি থেকে মরিচের গুঁড়ো আগেই এনে রেখেছিল। ঝিনুকের খোসা ঘঁষে তৈরি বিশেষ কাটার দিয়ে আম ছিলছে এবং নারিকেলে মালায় রাখা লবণ ও মরিচের গুঁড়ো একটু একটু করে নিয়ে আম মেখে মেখে খাচ্ছে ওরা। পুকুরের দক্ষিণ পাশের মাঠে রজনীর চাষ করেছে কলিম চাচা। যার কারণে দক্ষিণ পাশ থেকে রজনীগন্ধার বাতাস এসে পুরো এলাকা সুবাসিত করে তুলেছে। দক্ষিণ পাশ থেকে বাতাস এলে রজনীর সুবাসমাখা বাতাস ভেসে আসে। আর যখন উত্তর পাশ থেকে বাতাস আসে তখন উত্তর পাশে থাকা বিশাল বিশাল কয়েকটি আঁটির আমগাছ থেকে পাকা আমের ঘ্রাণ এসে পাকা আমের গন্ধে লোভনীয় পরিবেশ তৈরি করছে। পাকা আমের গন্ধ নাকে এলে রাহাতরা স্থান পরিবর্তন করে আটির আমের বাগানে যায়। চতুর্দিকে ডালপালা ছড়ানো একটি গাছে উঠে ওরা সবুজ পাতা ও সবুজ আমের মধ্যে থেকে খুঁজে খুঁজে দু-একটা পাকা আমের দেখা পায়। সেই আম পেয়ে আনন্দে মেতে ওঠে সকলেই। ওরা সবাই প্রতিযোগিতা করে পাকা আম খোঁজা শুরু করে, যার ফলে গাছ নড়ে ওঠে আর সেই নড়ে ওঠা ঝাঁকুনিতে বেশি পাকা আমগুলো থপাস করে মাটিতে পড়তেই পুকুরে গোসল করতে থাকা ছেলেমেয়েরা দৌড়ে গিয়ে আমগুলো কুড়িয়ে নেয়। আম পেয়েই দৌড়ে পুকুরের পানিতে নেমে ডুব দিয়ে গোসল করতে থাকা অন্য ছেলেমেয়েদের মধ্যে হারিয়ে যায় ওরা।
গ্রীষ্মের বিকেল! এই সময়টাতে বিকেল বেলা কাউকেই বাড়িতে পাওয়া যায় না। সাত্তার মাস্টারের বিশাল উঠানটাতে অন্য সময় অসংখ্য ছেলেমেয়ের ভিড় থাকলেও গ্রীষ্মের এই সময়টাতে খেলা করার জন্য
কোনো ছেলেমেয়েকে খুঁজে পাওয়া যায় না। সবাই গরু নিয়ে মাঠে চলে যায়। মাঠে গিয়েই সবার সব রকমের খেলাধুলা হয়। অন্য ঋতুগুলোতে বাড়ির উঠানে খেলাধুলা হলেও এই গ্রীষ্মের সময় মাঠে চাষের জমিতে খেলা হয়। কয়েক হাজার একর চাষের জমি নিয়ে রাহাতদের গ্রামের মাঠ। এই বিশাল মাঠের চারপাশে তরিতরকারি, শাকসবজি ও ফুলের চাষ হয়। সামান্য কিছু জমিতে পাটের চাষও দেখা যায়। আর মাঠের মাঝখানটা সব ধানচাষ হওয়ার কারণে বৈশাখ মাসের ২০ তারিখের পর থেকে আষাঢ় মাসের ১৫ পর্যন্ত মাঠ ফাঁকা পড়ে থাকে। আর এই সময়টাতে গ্রামের লোকেরা মাঠে গরু চরায়। গ্রামের প্রতিটি বাড়িতেই একাধিক গরু আছে। রাহাত সচ্ছল পরিবারের ছেলে। তার বাবা স্কুলশিক্ষক তারপরও তাকে বিনোদনের জন্য গরু চরাতে যেতে হয় মাঠে। মাঠে না গিয়ে কি উপায় আছে এ দু’মাস তো কেউই বিকেল বেলায় বাড়ি থাকে না। তাই বাধ্য হয়ে তাকেও গরু চরাতে যেতে হয় সবার সাথে।
বাড়ির প্রাচীরের সাথে টিনের ছাপড়া সেখানে রাহাতদের ছয়টা গরু থাকে। রাহাত এক এক করে ছয়টা গরুর গলা থেকে দড়ি খুলে দেয়। গরুগুলো ধীরে-ধীরে মাঠের দিকে রওনা হয়েছে। এমন সময় সে দুটি কোকিলের চিৎকার শুনতে পায়। ওপরের দিকে তাকিয়ে দেখতে পায়। তাদের গাছে দুটি পেঁপে পেকেছিল সে দুটির একটির অর্ধেক আর অন্যটি সামান্য খেয়ে ফেলেছে কোকিল। আর এই পাকা পেঁপে নিয়ে ফিঙে আর কোকিলের মধ্যে ঝগড়া লেগেছে। রাতুল একটি ঢিল নিয়ে পাখিদের উদ্দেশে ছুড়ে দিয়ে বলে, “গাছ লাগালাম আমরা, জমি আমাদের, সেই গাছে পেঁপে পেকেছে সেটা ফ্রিতে খাচ্ছো তাও আবার ঝগড়া করছো। গরু বেশ দূরে চলে যাওয়ায় রাতুল দ্রুত দৌড়ে গরুগুলোর কাছে চলে যায়। শুধু রাতুল নয় অনেকেই গরু নিয়ে মাঠের দিকে যাচ্ছে। গ্রামের মেঠোপথ গরুর পায়ের ধুলোয় অন্ধকার হয়ে গেছে। রাস্তা থেকে বেশ ঢালু মাঠে যাওয়ার পথটি, সেই ঢালু পথে নিজেরদের পা নিয়ন্ত্রণে রেখে গরুগুলো মাঠের দিকে ধেয়ে যাচ্ছে। যাওয়ার সময় একটি গরু অন্য গরুর গায়ের সাথে ঘষাঘষি করতে করতে এগিয়ে যায়। সুযোগ পেলে এই ভিড়ের মধ্যে চালাক বাছুরগুলো অন্য গাভীর দুধ খেয়ে নেয়। গ্রামের রাস্তা থেকে মাঠের দিকে যে রাস্তা নেমে গেছে সেই রাস্তার মুখেই কিছু তরকারির ক্ষেত আছে। তাই ক্ষেতের পাশে লাঠি নিয়ে একজনকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। বিশ মিনিট ধরে শুধু গরু মাঠে নামতে থাকে ওই মেঠোপথ দিয়ে। এরপর সামনের গরুটাকে অনুসরণ করে পেছনের গরুগুলো ঘাসের সন্ধানে ছুটে চলেছে বিশাল মাঠের মধ্যে। যেখানে ঘাস আছে সেখানে খেতে শুরু করে দেয় গরু। কিছুক্ষণ পর দেখা যায় সহ¯্রাধিক গরুর একটি পাল মাঠে খাচ্ছে দলবেঁধে। আপনমনে গরুগুলো খেতে থাকে।
গরুগুলোকে নিয়ন্ত্রণে রাখার জন্য ১৫ টিম করা হয়েছে। প্রতিদিন দুটো করে টিম গরু নিয়ন্ত্রণ করে আর বাকি ১৩ টি টিম খেলাধুলা করে। বিভিন্ন রকমের খেলা। মাঠের মাঝখানে ছয়টি লোকেশনে ক্রিকেট খেলার জন্য পিচ কাটা হয়েছে। এর মধ্যে মাথা ভাঙার মাঠে একটি, হেলেঞ্চা, লক্ষ্মীবিল, ঢেউবিল, বকেরবিল ও পড়ে বটতলা মাঠে একটি করে মাঠ করা হয়েছে। গরুগুলোকে সপ্তাহে ছয়টি স্থানে নিয়ে যাওয়া হয় চরানোর জন্য। সে কারণে ছয়টি স্থানে ছয়টি মাঠ করা হয়েছে। দাঁড়িয়াবান্ধা, বৌফেলা, পাঁচুন পোতা, ক্রিকেট, ফুটবল আরো কতো খেলা খেলে তারা। আজ লক্ষ্মীবিলে খেলা হচ্ছে। রাহাতেরা ক্রিকেট খেলছে, ওদের কাছ থেকে সামান্য দূরেই ফুটবল খেলছে কিছু ছেলে। রাহাতদের টিমে ব্যাট করছে, রাহাত কলাপাতা চিরে চিরে রান গুনছে। যে কয়টা রান হচ্ছে কলাপাতা থেকে চিকন করে একটা ভাগ করে নেয়া হচ্ছে। খেলা শেষে চিকন অংশগুলো গুনলে কত রান হয়েছে সেটা বোঝা যায়। আবার কোনো কোনো দিন রান গোনার জন্য বাড়ি থেকে খাতা নিয়ে আসে ওরা!।
হঠাৎ দেখা গেল ইশারত মিয়ার ছেলে ফয়সাল হাঁপাতে হাঁপাতে এসে কী যেন বলল, সবাই ছুটে চলল গরুর পালের দিকে। রাহাতেরাও রানগোনা ফেলে রেখে গরুর পালের গিয়ে ছুটে গেল। সেখানে গিয়ে দেখা ুেগল রমজান আলীর ষাড় আর আকবর আলীর বিশাল ষাঁড় লড়াই বাধিয়েছে। সবাই মিলে পাঁচুন (বাঁশের তৈরি লাঠি) দিয়ে ষাঁড়ের গায়ে মাথায় আঘাত করতে থাকে দশ মিনিট আঘাত করার পর রমজান আলীর ষাঁড়টাকে উদ্ধার করা হলো। আকবর আলীর ষাঁড়টার গায়ে অজ¯্র পাঁচুনের আঘাতে গা ফুলে উঠেছে। পাঁচুন দিয়ে মাইরের দাগগুলো খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। দলনেতা জামাল বলল, আকবর আলির ষাঁড়টাকে কে রাগিয়েছে? ফয়সাল বলে, জামাল ভাই। রমজান আলির ছেলে হাবিল আর আকবরের ছেলে ইন্তা তর্ক করে দুই গরুর লড়াই লেইগেছে।
জামাল রেগে বলে, ‘ওদের দুজনকে ধরে নিয়ে কিরিচির (ক্রিকেট পিচ) কাছে চল’ তারপর বিচার হবে। ওদেরকে ধরে নিয়ে আসা হলো ক্রিকেট খেলার মাঠের কাছে। তারপর গামছা দিয়ে দুজনের হাত বাঁধার হুকুম দিলে ছেলেরা হাত বাঁধে। এরপর সেই হাতের ভেতর দিয়ে হাঁটু ঢুকিয়ে হাঁটুর মাঝখানে পাঁচুন ঢুকিয়ে দেয় জামাল। পাঁচুনের দুই মাথা হাঁটুর দু’পাশ থেকে বেরিয়ে আছে। এবার তাদেরকে চিৎ করে রেখে দেয়া হয়। এটাই হচ্ছে এই মাঠের শাস্তি। এটাকে আঞ্চলিক ভাষায় ঘেড়ি বলে, হাবিল আর ইন্তা এক পাশে পড়ে আছে। ছেলেরা সবাই আবার খেলায় মনোযোগী হয়।
সন্ধ্যায় গরু নিয়ে বাড়ি ফেরার সময় তাদের শাস্তির সময়সীমা শেষ হবে। এর মধ্যে দলনেতার আবারো ডাক পড়ে। দলনেতা চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় যে খয়রুন বিবির ছাগলের বাচ্চা হচ্ছে। কয়েকজনের সহযোগিতায় ছাগলটির তিনটি বাচ্চা হয়। তিনটিই খাসি বাচ্চা। সবাই বেশ খুশি। খয়রুন বিবির ছাগলের তিনটি বাচ্চা হয়েছে। তার মানে কাল খয়রুন বিবি সবাইকে খাওয়াবে। খাবার নিয়ে আসার দায়িত্ব দেয়া হলো তিনজনকে।
সূর্য পশ্চিম আকাশে হেলে গেছে আরো কিছুক্ষণ আগে। পশ্চিমে গ্রামের গাছের নিচে চলে গেছে অর্ধসূর্য, বাকি অর্ধেকটা ডোবার অপেক্ষায়। এখন সবাই বাড়ি ফিরে যাবে। বাড়ি ফেরার পালা। মাঠের সহ¯্রাধিক গরুর পালকে বাড়ির দিকে মুখ করিয়ে দিয়ে সবাই মহিষের পিঠে উঠে পড়ে।
মহিষের পিঠে করে বাড়ি ফিরছে সবাই। গরু, মহিষ, ছাগল, ভেড়া সবগুলোরই পেট ভরে গেছে মাঠের ঘাস খেয়ে। তাই তারা ধীরে ধীরে চলছে। ছেলেমেয়েরাও মহিষের পিঠে চড়ে আনন্দ করতে করতে যাচ্ছে। খেলায় কে হারল, কে জিতল এই নিয়ে আলোচনা করছে কেউ। কেউ আবার গরুর লড়াই নিয়ে আলোচনা করছে।
রাহাত আর আছাদ একটি মহিষের পিঠে চড়েছে। রাজু আর আরিফ একটি গাভী মহিষের পিঠে চড়েছে। হাবিল ও ইন্তাকে শাস্তি দেয়া হয়েছে, সে কারণে খয়রুন বিবির ছাগলের বাচ্চাগুলোকে কোলে করে নিয়ে আসার দায়িত্ব পড়েছে তাদের। হাবিল দুটো বাচ্চা কোলে নিয়েছে এবং ইন্তা একটা বাচ্চা নিয়ে গরু ও মহিষের পেছনে পেছনে ধুলো মাখতে মাখতে আসছে। গরুর পায়ের সাথে মাটির ঘষা খেয়ে ধুলো ওড়ে। হাবিল আর ইন্তা গরুর পালের একেবারে পেছনে থাকার কারণে ধুলোদের ওড়াউড়ি খেলায় ওদের মাথার চুলগুলো ধূসর হয়ে যায়। একেবারে সামনের গরুগুলো গ্রামের ভেতরে ঢুকে গেছে। এখন নিজ দায়িত্বেই গৃহস্থের গোয়ালঘরে গিয়ে উঠছে গরুগুলো। প্রতিটি গরুই তার গৃহস্থের বাড়ি খুব ভালোভাবে চেনে। এ কারণে গরু বাড়ি নিয়ে যেতে তেমন ঝামেলা পোহাতে হয় না। গোয়ালের সামনে ডাবায় রাখা পানি খেয়ে গোয়ালে ঢুকে যায় গরুগুলো।
রাত আটটা। রাহাতরা সবাই একত্র হয়েছে। মাঠের মাঝখানে বেশ কিছু তরমুজের ক্ষেত আছে। ওরা আজ সেখানে যাবে তরমুজ চুরি করতে। চাঁদের বয়স বারো-তেরো দিন হয়ে গেছে। এ কারণে সন্ধ্যাবেলায় ঘোর অন্ধকার নামে। তবে রাত দশটার পরেই জোছনার দেখা মিলবে। ওরা সবাই তরমুজের ক্ষেতের দিকে রওনা হয় রাত নয়টার দিকে। রাহাত দাঁড়িয়ে আছে। আসাদ, রাজু ও আরিফ তিনজন গেছে তরমুজ ছিঁড়তে। তিনজনে ৯টা তরমুজ ছিঁড়ে একটি বস্তার মধ্যে নিয়ে চলে আসে। তরমুজগুলোর সাইজ ছোট হওয়াতে ৯টা ছিঁড়েছে। কারণ এই সাইজের তরমুজ একজনে একটার বেশি খেতে পারবে। তারপর না খেতে পারলে কালকে খাওয়া যাবে। এই ভেবে নয়টা তরমুজ ছিঁড়েছে তারা। তরমুজের বস্তা মাথায় নিয়ে ওরা গ্রামের দিকে রওনা হয়।
তরমুজ নিয়ে তারা রাহাতদের পুকুরের পশ্চিম পাড়ে বসেছে। এখন জোছনা উঠে গেছে। আসাদ তরমুজ কাটার প্রস্তুতি নিচ্ছে। তরমুজ কাটার সময় আসাদ বলে, ‘ছোট কালো তরমুজ হেব্বি মিষ্টি হবে।’
‘আমারও তাই মনে হয়।’ বলে রাজু।
আসাদ তরমুজ কেটে চার ফালি করেছে। এবার চারজন চারটি তরমুজ নিয়ে একসাথে তরমুজে কামড় দেয়। কামড় দিয়েই থেমে যায় সবাই।
‘কিরে এই তরমুজ চালকুমড়োর মতো গন্ধ ক্যান? রাহাত বলে।
আসাদ বলে, ‘আমিও তো তাই ভাবছি! বোধহয় এটা কাঁচা, এ কারণেই এমন লাগছে। আর একটা কেটে দেখি।
এরপর আর একটা কাটে। ওই তরমুজটারও একিই স্বাদ। ওটাও এক কামড় দিয়ে রেখে দেয়। এরপর একেক করে নয়টা তরমুজই কাটে। সবকটা তরমুজেরই এক গন্ধ, একিই স্বাদ, চাল কুমড়োর মতো গন্ধ আর পানসে।
‘নয়টা তরমুজ নিয়ে এলাম একটাও পাকা না। সব কয়টা ফুলো ‘বেশ আফসোসের সাথে বলে আসাদ
রাহাত বলে, ‘এ্যাঁ কাটার সময় তো খুব বলছিলি ছোট কালো তরমুজ খুব মিষ্টি হবে, আরে মিষ্টি তো দূরের কথা! এ তো তরমুজের মতোই মনে হয় না।
‘তরমুজ ফুলো হলে কী করবো, আমরা তো এনেছি ঠিক।’ রাজু বলে
রাহাত বলে, ‘আমি রান্নাঘর থেকে দিয়াশলাই আর কিছু পাটখড়ি নিয়ে এসে দেখছি তরমুজগুলো এমন হলো কেন? একথা বলেই রাহাত দৌড়ে বাড়ির দিকে যায়।
আসাদ আরিফকে বলে, তোদেরকে বললাম, চল লক্ষ্মীবিলে আবুলের পুকুরপাড় থেকে বড় তরমুজ নিয়ে আসি। তোরা বললি না, এঁকেন তে নে। এত কষ্ট করে তরমুজ আনলাম একটা তরমুজও পাকা না!
রাতুল দিয়াশলাই আর পাটখড়ি নিয়ে এসেছে। কিন্তু এলোমেলো বাতাসের কারণে দিয়াশলাইয়ের কাঠি থেকে পাটখড়িতে আগুন জ্বালানো সম্ভব হচ্ছে না। চারজন মিলে একটি বৃত্ত তৈরি করে যাতে বৃত্তের ভেতরে বাতাস প্রবেশ না করতে পারে। এরপর দিয়াশলাইয়ের কাঠি ঠুকে পাটখড়িতে আগুন দেয়। আগুন নিয়ে তরমুজের কাছে গিয়ে সবার চোখ কপালে ওঠে! আরিফ আর আসাদ রাজুর ওপর ঝাঁপিয়ে পড়ে কিছুক্ষণ মেরে নেয়।
‘আমার কী দোষ, তোরা দেখে নিতে পারলি না কেন?’ রাজু বলে
আসাদ বলে, ‘তুই’ই তো ক্ষেত দেখিয়ে দিয়েছিলি, যার কারণেই তো আমরা তরমুজ ভেবে এই চালকুমড়ো এনেছি।
চালকুমড়ো হলেও তো হতো, এ-তো জালি কুমড়ো। এই জালি কুমড়ো আমাকে রান্না করে দিলেই খাই না। আর আজ তোদের কারণে কাঁচা চিবিয়ে খেয়েছি। একবার না, নয়টা কুমড়োতে নয়বার কামড় দিয়েছি।
রাজু খুব কষ্টের সাথে বলে, ‘চালকুমড়ো যে কেন তরমুজের মতো হতে গেল।
রাহাত বলে, ‘হুম চিচিঙ্গার মতো হলেও তো পারত। তাই..না..।
সাগরতলে রঙিন দুনিয়া
পৃথিবীটা কত্ত সুন্দর, তাই না? যতই দেখি, ততই যেন মুগ্ধ নয়নে অপলক তাকিয়ে থাকতে হয়। আচ্ছা, আমরা বেশিরভাগ মানুষ তো পৃথিবীর সৌন্দর্য বলতে কেবল মাটির উপর যে সৌন্দর্য দেখতে পাই, তার কথাই জানি। কিন্তু এ পৃথিবীর সৌন্দর্যের যে আরো কত দিক আছে, তা জানলে যে কেউই চমকে উঠবে। আজ আমরা তেমনই এক বিস্ময়কর সৌন্দর্যের জগৎ নিয়ে জানার চেষ্টা করবো।
আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে রংবেরঙের বিভিন্ন কিছু দেখে অবাক হই। রঙের বৈচিত্র্য যেন আমাদের মনের আনন্দ অনেক বেশি বাড়িয়ে ফেলে। রহস্যের অনন্য আধার সাগর ওপর থেকে দেখতে কেবল নীল দেখা গেলেও এর তলদেশে রয়েছে পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ রঙের দুনিয়া। রঙের এই অবিশ্বাস্য সুন্দর জগৎকে আমরা প্রবালপ্রাচীর নামে চিনি। তোমাদের অনেকেই নিশ্চয়ই প্রবাল সম্পর্কে কমবেশি জানো। কারো কারো জন্য হয়তো আজকেই নতুন জানা। অসুবিধা নেই। চলো রঙের এ দুনিয়া থেকে সবাই মিলে একটু ঘুরে আসি।
রঙের এ দুনিয়ার সবচেয়ে বড় অংশটা দেখতে হলে তোমাকে যেতে হবে ঢাকা থেকে প্রায় পৌনে আট হাজার কিলোমিটার দক্ষিণ-পূর্বে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের পাশে কোরাল সাগরে। প্রায় সাড়ে তিন লক্ষ বর্গকিলোমিটারের এই বিশাল ‘প্রবালজগৎ’ পরিচিত ‘গ্রেট ব্যারিয়ার রিফ (এৎবধঃ ইধৎৎরবৎ জববভ)’ নামে। ১৪২৯ কিমি দৈর্ঘ ও ২৪-২৪০ কিমি প্রস্থের বিশাল আয়তনের এই এলাকাটি প্রায় জার্মানির সমান।
সাতটি প্রাকৃতিক সপ্তাশ্চর্যের অন্যতম এই প্রবালজগৎটি পৃথিবীর বৃহত্তম জীবন্ত কাঠামো। মানে এই পুরো প্রবালপ্রাচীর আসলে জীবন্ত, কোনো জড় নয়। এর পুরো এলাকার মধ্যে রয়েছে ৯৮০টি আলাদা দ্বীপ আর প্রায় ৩০০০ পৃথক প্রবাল প্রাচীর। এর প্রবালসমূহের বৈচিত্র্যও ঈর্ষণীয়, ৬০০ এর বেশি ধরনের হার্ড ও সফট প্রবাল দেখা পাওয়া যাবে এখানে। আর দ্বীপগুলোর মধ্যেও আছে ছোট প্রবালদ্বীপ থেকে প্রায় ১১০০ মিটার উঁচু পাথুরে দ্বীপ। এখানে আছে ২১৯৫ প্রজাতির উদ্ভিদ আর প্রায় ৫০০ প্রজাতির শৈবাল। গ্রেট ব্যারিয়ার রিফ মেরিন পার্ক অথরিটি মনে করে, এই সম্পূর্ণ প্রবাল প্রাচীরের গঠনের কাজ শুরু হয়েছে প্রায় ৬ লক্ষ বছর আগে। আর বর্তমান স্ট্র্যাকচারে আসা শুরু করেছে তাও প্রায় ২০ হাজার বছর আগে।
পৃথিবীর জীববৈচিত্র্যের যেন মেলা বসেছে এই এলাকায়। কী নেই এখানে? কেবল মাছ আছে ১৬২৫ প্রজাতির, যা মোট সামুদ্রিক মাছের প্রজাতির প্রায় ১০%। এছাড়া আছে হাঙর গোত্রের ১৩৩টি প্রজাতি, ৩০ প্রজাতির তিমি, শুশুক ও ডলফিন, ১৪ প্রজাতির সামুদ্রিক সাপ, ৬ প্রজাতির সামুদ্রিক কচ্ছপসহ আরো কতো কী! এ তো গেলো পানির নিচের কথা। পানির ওপরে তাকালে চোখে পড়ে ২১৫ ধরনের পাখির। সবমিলিয়ে সমুদ্রে যত ধরনের প্রাণী বসবাস করে, তার প্রায় চার ভাগের এক ভাগ টাইপের প্রাণী এখানে দেখা যায়। এর সাথেই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো, এই প্রাণীগুলোর অনেকগুলোই বিপন্ন ও বিলুপ্তপ্রায় প্রজাতির।
ভূ-প্রাকৃতিক, সামুদ্রিক বাস্তুসংস্থান আর প্রাণ প্রকৃতির এই বিস্ময়কর মিলনমেলাকে ১৯৮১ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে নেয়। প্রতিবছর প্রায় ২০ লাখ শিক্ষার্থী ও পর্যটক এই গ্রেট ব্যারিয়ার রিফে যান।
রঙের এই অসাধারণ জগৎ সম্পর্কে আরেকটা অত্যন্ত ইন্টারেস্টিং তথ্য না দিলে লেখাটা অপূর্ণ থেকে যাবে। ২০১২ সালের সেপ্টেম্বর মাসে গুগল ম্যাপ তাদের স্ট্রিটভিউ টেকনোলজিকে রীতিমতো জলের তলায় নিয়ে যায়। হ্যাঁ, ঠিকই পড়েছ, জলের তলায় স্ট্রিটভিউ! প্রথম পর্যায়েই গুগল যে কয়েকটি সামুদ্রিক এলাকাকে স্ট্রিটভিউ এর আওতায় আনে, গ্রেট ব্যারিয়ার রিফ তার একটি।
বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত সেন্টমার্টিনের ব্যাপারে একটা কথা তোমরা শুনে থাকবে। একে দেশের একমাত্র প্রবাল দ্বীপ বলা হয়। এটিও কিন্তু প্রবালের সাহায্যেও গড়া ওঠা। এতে প্রায় ৬৬ প্রজাতির প্রবাল, ১৮৭ প্রজাতির শামুক-ঝিনুক, ১৫৩ প্রজাতির সামুদ্রিক শৈবাল, ১৫৭ প্রজাতির গুপ্তজীবী উদ্ভিদ, ২৪০ প্রজাতির সামুদ্রিক মাছ, ১৯ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ৪ প্রজাতির উভচর ও ১২০ প্রজাতির পাখি পাওয়া যায়।
এত কথার পর তোমাদের অনেকের মধ্যেই নিশ্চয়ই প্রবাল সম্পর্কে জানার আগ্রহ জন্মেছে। প্রবালকে দেখে বাহ্যিকভাবে উদ্ভিদ মনে হতে পারে। কিন্তু এগুলো আসলে উদ্ভিদ নয়, বরং পলিপ নামক এক ধরনের সামুদ্রিক ক্ষুদ্রকায় অজস্র প্রাণীর সমষ্টি। এগুলো এদের কাছ দিয়ে যাওয়া তুলনামূলক আরো ক্ষুদ্রাকার প্রাণীদের খাবার হিসেবে গ্রহণ করে। এদের আরেকটি খাবার হলো ‘জুওজ্যান্থেলি’ নামক এক ধরনের শৈবাল। এগুলোর সাথে সম্পর্কের কারণেই মূলত প্রবালসমূহ বিভিন্ন রঙের হয়ে থাকে।
অপরিণত দেহযন্ত্র বিশিষ্ট কোটি কোটি প্রবাল জমে সৃষ্টি হয় প্রবাল প্রাচীরের। হাজার হাজার বছর ধরে এসব প্রবাল তাদের শরীরে ক্যালসিয়াম কার্বনেট জমিয়ে থাকে। ফলে একসময় তা জমে শক্ত হয়ে যায়। এভাবেই বছরের পর বছর প্রবাল জমে আস্তে আস্তে গড়ে উঠতে থাকে প্রবাল প্রাচীর। এদের বড় হওয়ার গতি খুব ধীর, গড়পড়তা বছরে ধরনভেদে ১-১০ সেন্টিমিটার বড় হয়।
প্রবাল বিভিন্ন রঙ, আকৃতি আর সাইজের হয়ে থাকে। হরিণের শিং, গাছ, পাখা, মস্তিষ্ক বা মৌচাক, এরকম আরো অজস্র আকৃতির প্রবাল দেখা যায়। প্রবাল অনেক ধরনের বিশেষ বৈশিষ্ট্যের হয়ে থাকে। অনেক প্রবাল আছে যেগুলো নিজেরা মিলে রীতিমতো সাগরতলে আলোকসজ্জা করে রাখে। কম গভীরতার পানিতে সূর্যের আলো আটকে রেখে সেই আলো প্রতিফলিত করে এক ধরনের প্রবাল। কয়েক বছর আগে বিজ্ঞানীরা তো সূর্যরশ্মি যেতে পারে না, সমুদ্রের এমন গভীরেও আলোজ্বলা প্রবালের সন্ধান পেয়েছেন।
একটু আগেই যেমন পড়লে, প্রবালপ্রাচীরগুলোতে জীববৈচিত্র্যের যেন মেলা বসে। তোমরা অনেকেই নিশ্চয়ই ভূপৃষ্ঠে জীববৈচিত্র্যের সবচেয়ে বড় জায়গা আমাজন রেইনফরেস্ট নিয়ে পড়েছ। রেইনফরেস্টে তুলনামূলক ছোট জায়গাতে বিচিত্র বৈশিষ্ট্যের হরেক রকমের প্রাণী দেখা যায়। এই কারণে প্রবালপ্রাচীরগুলোকেও সাগরতলের রেইনফরেস্ট বলা হয়। পৃথিবীর অর্ধেকেরও বেশি প্রবালপ্রাচীর মাত্র ৫টি দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেগুলো হলো ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, ফিলিপাইনস, ফ্রান্স এবং পাপুয়া নিউগিনি।
কেবল সৌন্দর্য নয়, প্রবালপ্রাচীর অনেক কারণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো একদিকে পর্যটন ব্যবসা থেকে বিলিয়ন ডলার আয়ের উৎস, পাশাপাশি এগুলো উপকূলীয় জনপদের ঘরবাড়িসমূহকে ঝড় ও
প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। সুনামি কিংবা জলোচ্ছ্বাসের বিপরীতে প্রাকৃতিক দেয়ালের মতো কাজ করে থাকে এ প্রবালপ্রাচীর। অনেক সময় প্রবাল থেকে ওষুধি গুণাগুণসম্পন্ন পদার্থ পাওয়া যায় এবং লক্ষ লক্ষ জলজ প্রজাতির আবাসস্থল হিসেবে এর ভূমিকার কথা তো ওপরে পড়লেই। এছাড়া প্রবালপ্রাচীর অনেক ক্ষেত্রে পানির ফিল্টারিং করার কাজও করে থাকে। এ কারণে এদের আশেপাশের পানি তুলনামূলক পরিষ্কার হয়ে থাকে।
কোরাল বা প্রবাল যে বর্ণিল রঙের অধিকারী হয়, তা তো শুরু থেকেই দেখছ। কিন্তু কোনো প্রবাল যদি সাদা হয়ে পড়ে? অনেকের কাছে সাদা প্রবালও দেখে সুন্দর লাগতে পারে। কিন্তু সত্যি বলতে, অন্তত প্রবালের ক্ষেত্রে সাদা হওয়াকে বেশ খারাপ খবরই বলতে হয়। আমরা একটু আগে পড়েছিলাম এক ধরনের শৈবালের কারণে প্রবাল বিভিন্ন রঙ ধারণ করে। আর এটি যে সাদা হয়ে যায়, এই প্রক্রিয়াকে ‘কোরাল ব্লিচিং’ বলা হয়। দুশ্চিন্তার কিছু নেই, সহজ করে দিচ্ছি। পানিতে তাপমাত্রা, আলো আর পুষ্টির বড়সড় পরিবর্তন হলে ওপরে উল্লেখ করা সেই শৈবাল প্রবালে আগের মতো সুবিধাজনক পরিবেশ পায় না। এ কারণে শৈবালগুলো প্রবালকে ছেড়ে চলে যায়। এর ফলে স্বাভাবিকভাবেই প্রবাল তার রঙ হারায়, আর সাথে হারায় সেই শৈবালের কাছ থেকে প্রাপ্ত খাবার। এই কারণেই তখন প্রবালগুলো সাদা হয়ে যায়। আর ফলে ধীরে ধীরে প্রবালগুলো মারা যায়।
পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্যের একটা বড় জায়গা দখল করে আছে প্রবালপ্রাচীরগুলো। এর বর্ণিল গঠন আর জীববৈচিত্র্য মানুষকে যেন চুম্বকের মতো আকর্ষণ করে। আর তাই তো ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যের তালিকার ২৯টি জায়গাই প্রবালপ্রাচীরের সাথে সম্পর্কিত।
বৈশ্বিক উষ্ণতার কারণে অন্য অনেক প্রাকৃতিক উপাদানের মতো প্রবালপ্রাচীরও বেশ হুমকির মুখে পড়েছে। সাম্প্রতিক একটি গবেষণা বলছে, বিগত ৩০ বছরে পৃথিবীর মোট প্রবালপ্রাচীরের প্রায় অর্ধেক মৃত্যুর মুখে পতিত হয়েছে। এই প্রাকৃতিক বিপর্যয়কে থামানো না গেলে আগামী ২০৫০ সালের মধ্যে মোট প্রবাল প্রাচীরের প্রায় ৯০ শতাংশ হারিয়ে যেতে পারে বলেও সেই গবেষণায় আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
আমরা সবাই মিলে যদি জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলেই কেবল এই প্রবালপ্রাচীরগুলো রক্ষা পেতে পারে। তাই আমাদের সকলের উচিত আমাদের নিজেদের জায়গা থেকেই, যদি সেটা খুব ছোট হয়, তাও সেখান থেকে পৃথিবীর ভবিষ্যতের জন্য কাজ করে যাওয়া। সবাই ভালো থেকো, সুস্থ থেকো; আর অবশ্যই, সাবধানে থেকো।
এই গরমে পানিশূন্যতা দূর করার উপায়
বন্ধুরা, তোমাদের মধ্যে কারো যদি যথেষ্ট পারিমান পানি পান করার পরও বারবার তৃষ্ণা পায়, গলা শুকিয়ে যায় তাহলে বুঝতে হবে সে ডিহাইড্রেশন বা পানিশূন্যতায় ভূগছে। যখন শরীর থেকে বেশি পরিমানে পানি বেরিয়ে যায়, তখন পানিশূন্যতার সমস্যা প্রকট হয়ে ওঠে। এটা শিশু থেকে শুরু করে সবারই হতে পারে।
বেশিরভাগ মানুষ দেহের পানিশূন্যতা তিন থেকে চার ভাগ পর্যন্ত সহ্য করতে পারে। পাঁচ থেকে আট শতাংশ পানি হ্রাস পেলে ক্লান্তি এবং মাথা ঘুরতে পারে। শরীরের মোট পানির দশ শতাংশেরও বেশি হ্রাস হলে তীব্র তৃষ্ণার সাথে শারীরিক ও মানসিক অবনতি ঘটতে পারে। দেহের পানি হ্রাস থেকে পঁচিশ শতাংশ মানুষের মৃত্যু ঘটে।
গরমে পানিশূন্যতা দেখা দেওয়া স্বাভাবিক। কারণ এসময় অতিরিক্ত ঘামের কারণে শরীরের প্রয়োজনীয় পানির অনেকটাই বের হয়ে যায়। সেই ঘাটতি পূরণ না হলে দেখা দিতে পারে পানিশূন্যতা। তবে শুধু গরমের কারণেই নয়, ডায়রিয়া, বমি, জ্বর ইত্যাদি কারণেও দেখা দিতে পারে পানিশূন্যতা। অনেক সময় অতিরিক্ত শরীরচর্চার কারণে দেখা দিতে পারে এই সমস্যা। এছাড়া বিভিন্ন রোগ যেমন- ডায়াবেটিস, কিডনিজনিত সমস্যা কিংবা আবহাওয়া অতিরিক্ত গরম বা ঠা-া হলে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে।
পানিশূন্যতা হলে গলা শুকিয়ে যাওয়া, অতিরিক্ত পিপাসা লাগা, প্রসারের পরিমান কমে যাওয়া, প্রসাবের রঙ গাঢ় হওয়া, খিটখিটে মেজাজ, মাথা ঘোরা কিংবা চক্কর দেওয়া, দুর্বলতা, মাংসপেশীর ব্যথা, মাথা ব্যথা, অচেতন হয়ে পড়া, বুক ধড়ফড়, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি শারীরিক সমস্যা দেখা দেয়।
বন্ধুরা, এবার এসো আমরা জেনে নিই, এ গরমে পানিশূন্যতা দূর করতে যা খাওয়া উচিত। শরীরে পানিশূন্যতা দেখা দিলে পানির পাশাপাশি দেখা দেয় খনিজ পদার্থের ঘাটতিও। তাই এসময় ডাবের পানি, লাচ্ছি, ঘোল ইত্যাদি খাওয়া ভালো। পটাশিয়ামের অভাব পূরণের জন্য নিয়মিত পাকা কলা খাওয়া যেতে পারে। অনেকের বারবার কফি খাওয়ার অভ্যাস। অতিরিক্ত কফি পান করলে তা শরীরে পানির ঘাটতি তৈরি করে। গরমে কফি, ভাজাপোড়া খাবার এড়িয়ে চলতে হবে।
পানি : সারা দিনে ১০-১২ গ্লাস বিশুদ্ধ পানি পান করতে হবে। পাশাপাশি লেবু বা ফলের শরবত খেতে পারো। শরীরে অতিরিক্ত পানিশূন্যতা দেখা দিলে ডাবের পানিও পান করতে পারো। ডাবের পানিতে প্রচুর পরিমানে সোডিয়াম এবং পটাশিয়াম থাকে। এটা প্রাকৃতিক উপায়ে দেহে পানির ঘাটতি পূরণ করে। এসব পানীয় খুব সহজেই শরীরের পানির চাহিদা পূরণ করবে। ডাবের পানি ও ফলের শরবত খেলে পানির পাশাপাশি প্রয়োজনীয় খনিজ লবণের চাহিদাও পূরণ হবে। ঘরে তৈরি স্যালাইনও পানির চাহিদা পূরণে সাহায্য করবে।
সবজি : ফুলকপি, বাঁধাকপি, গাজর, লাউ, পেঁপে ও পালংশাকে পানির পরিমাণ ৯০ শতাংশের বেশি থাকে। পানিশূন্যতা দূর করতে এই খাবারগুলো খাদ্যতালিকায় রাখতে পারো।
স্যুপ : বিভিন্ন প্রকার সবজি ও মুরগির মাংস দিয়ে রান্না করা স্যুপ খেতে পারো। সবজি ও মুরগির মাংস দুটিই সহজপাচ্য। এগুলোয় পানির পরিমাণ বেশি থাকায় (প্রায় ৯২ শতাংশ) পানিশূন্যতাও দূর করে।
তরমুজ : গরমে স্বস্তি পেতে খেতে পারো এ সময়ের সুস্বাদু ও জনপ্রিয় ফল তরমুজ। এটি শরীরে পানির অভাব পূরণ করে। তরমুজের প্রায় ৯২ শতাংশই পানি। গরমে পানিশূন্যতা দূর করতে তাই তরমুজের ভূমিকা অপরিসীম। ফল হিসেবে অথবা জুস কিংবা স্মুদি, যেকোনো উপায়ে তরমুজ খাওয়া যায়। এতে খুব সহজেই পানিশূন্যতা দূর হয়। এই ফলে আছে ফাইবার, ভিটামিন-এ, ভিটামিন-সি, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিড্যান্ট লাইকোপিন ও ম্যাগনেসিয়াম। যে কারণে এটি তীব্র গরমেও তোমাকে সুস্থ রাখতে সাহায্য করবে। তরমুজ ফ্রিজে রেখেও খেতে পারো। তবে, এটি খাওয়ার পরপরই পানি পান করবে না।
কলা : কলায় প্রচুর ভিটামিন ও মিনারেল আছে। পানিশূন্যতা ও দুর্বলতা দূর করতে কলার বিকল্প নেই। সকালের নাশতায় কিংবা ব্যায়ামের আগে কলা খেয়ে নিলে যেমন শক্তি পাওয়া যায়, তেমনি শরীরের পানির চাহিদা পূরণ হয়। ডায়রিয়ার কারণে শরীরে পটাশিয়ামের যে ঘাটতি হয় তা পূরণ করতে সাহায্য করে কলা। আপেল, কমলা কিংবা ক্যানবেরি জুসও শরীরে পানিশূন্যতা দূর করতে দারুনভাবে সাহায্য করে।
শসা : গরমের সময়ে আরেকটি সেরা খাবার হলো শসা। এটি পানিশূন্যতা রোধ করতে সাহায্য করে। শসায় আছে ভিটামিন কে, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম। শসার প্রায় ৯৬ শতাংশই পানি। সবচেয়ে উপকারী দিক হলো, এতে ক্যালোরি থাকে খুবই কম। এটি ডিটক্স হিসেবেও ভালো কাজ করে। নিয়মিত শসা খেলে দূর হয় শরীরে জমে থাকা বিষাক্ত পদার্থ। এটি ত্বককে ভেতর থেকে পরিষ্কার রাখে। তাই এ গরমে প্রতি বেলায় সালাদ হিসেবে শসা খাবে। সালাদে শসার সঙ্গে লেটুসপাতাও খেতে পারো। লেটুসপাতায়ও ৯৬ শতাংশ পানি থাকে। শসার জুস করেও খেতে পারো। স্ন্যাকস হিসেবেও নাশতায় শসা যোগ করা যায়। এতে সহজেই সতেজ ভাব আসে।
টমেটো : টমেটোর প্রায় ৯৪ শতাংশ পানি। সালাদ, স্যুপ, জুসসহ বিভিন্নভাবে টমেটো খাওয়া যেতে পারে। টমেটোর তরকারিও পানির চাহিদা পূরণে সহায়ক। নিয়মিত টমেটো খেলে পানির পাশাপাশি শরীরের প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ লবণের চাহিদাও পূরণ হয়। টমেটো প্রায় সব মৌসুমেই পাওয়া যায়। টমেটো রান্না করে কিংবা কাঁচা খাওয়া যায়। তবে সবচেয়ে বেশি উপকার পাবে কাঁচা খেলে। টমেটোর সালাদ বেশ জনপ্রিয় একটি খাবার। টমেটোতে আছে ভিটামিন এ, ভিটামিন বি ২, ভিটামিন সি, ক্রোমিয়াম, ফোলেট, ফাইবার, পটাশিয়াম এবং ফাইটোকেমিক্যাল জাতীয় পুষ্টি। নিয়মিত টমেটো খেলে ক্যান্সার, হৃদরোগ ও অটোইমিউন ডিসঅর্ডারের ঝুঁকি কমে।
আম : আমকে বলা হয় ফলের রাজা। পুষ্টিগুণে ভরা এই ফল শরীরের জন্য নানাভাবে উপকার বয়ে আনে। আমে প্রচুর ক্যালোরি থাকে। উপকারী এই ফলে আছে ভিটামিন এ এবং সি, ফাইবার, সোডিয়ামসহ ২০টিরও বেশি খনিজ। নিয়মিত আম খেলে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা। এটি হৃদরোগ, ডায়াবেটিস, স্থুলতা ইত্যাদি সমস্যা প্রতিরোধেও সাহায্য করে। আমের প্রায় ৮৮ শতাংশই পানি। যে কারণে গরমে আম খেলে পানিশূন্যতা দূর হয় অনেকটাই।
লেবু : এই গরমে লেবুর চেয়ে উপকারী আর কী হতে পারে! ভিটামিন সি যুক্ত এই ফলের রস তোমাকে সারাদিন সতেজ অনুভূতি দেবে। লেবুর শরবত হতে পারে গরমে সবচেয়ে সুস্বাদু পানীয়। তবে শরবতে খুব বেশি চিনি মেশাবে না। লেবুতে থাকা পটাশিয়াম শরীর সুস্থ রাখতে সাহায্য করে। ঘামের কারণে শরীরে খনিজের যে ঘাটতি তৈরি হয় তার অনেকটাই পূরণ করে লেবু। লেবুর প্রায় ৮৮ শতাংশ পানি। এতে আরও আছে ক্যালসিয়াম ও ফাইবার।
দই : দই হলো প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার। এতে প্রোটিন ও ক্যালসিয়ামের পাশাপাশি ৮৮ শতাংশ পানি থাকে, যা এ গরমে পানিশূন্যতা দূর করার পাশাপাশি পেট ঠান্ডা রাখে, হজমেও সাহায্য করে।
গ্রিন টি : পানিশূন্যতা দূর করতে গ্রিন টি-ও বেশ কার্যকরী। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ডায়রিয়াজনিত পানিশূন্যতা দূর করতে সাহায্য করে।
বন্ধুরা, এছাড়া নি¤েœর বিষয়গুলো মনে রাখতে হবে। যেমন- চা, কফি দু’বারের বেশি পান না করাই উচিত। কারণ এইসব পানীয় এক ধরনের ডাইউরেটিক যা প্রস্রাবের সাথে শরীর হতে পানির নির্গমন বাড়িয়ে দেয়। তাই চা-কফির বদলে স্ট্যু, স্যুপ, গরম দুধ হতে পারে ভালো বিকল্প। এছাড়াও ফলের রসও খেতে পারো। ভাজা-পোড়া জাতীয় খাবার না খেয়ে সহজপাচ্য খাবার খেতে হবে। প্রতিদিন ২০০ মিলিলিটারের মতো লো ফ্যাট মিল্ক বা ননিবিহীন দুধ খেতে হবে। স্কুল, কলেজ, ভার্সিটি বা কর্মক্ষেত্র; গন্তব্য যাই হোক, ব্যাগে পানির বোতল রাখবে। যাতে প্রয়োজনবোধে হাতের কাছেই পানি পেতে পারো।
রমজানে পানিশূন্যতা : এ বছর রমজান মাস পড়েছে গরমকালে। প্রায় ১৪ ঘণ্টা পানি পান না করার কারণে অনেকের শরীরে পানির ঘাটতি দেখা দিতে পারে। এই সময়ের পানিশূন্যতা এড়াতে জেনে নাও কিছু তথ্য।
শরীরে আর্দ্রতা বজায় রাখতে পানির বিকল্প নেই। সেহরি ও ইফতার মিলিয়ে কমপক্ষে ৮ থেকে ১২ গ্লাস পানি পান করতে হবে। এছাড়া ইফতারে শরীরের পানিশূন্যতা দূর করতে যেসব ফল এবং শাকসবজিতে প্রচুর পানি আছে যেমন- শসা, তরমুজ এবং আঙ্গুর ইত্যাদি খেতে পারো। সেহরি বা ইফতারে অতিরিক্ত মসলা ও লবণযুক্ত খাবার এড়িয়ে চলবে। কারণ এসব খাবার শরীরে অতিরিক্ত পানির চাহিদা তৈরি করে।
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ডোনাট, পেস্ট্রি বা এই ধরনের মিষ্টি জাতীয় খাবার শরীরে পানির চাহিদা বাড়িয়ে দেয়। সেহরিতে মিষ্টি জাতীয় খাবার খেলে শরীরের শক্তি কমে যেতে পারে। এ কারণে রোজার সময় অতিরিক্ত চিনি দিয়ে তৈরি মিষ্টি খাবার খাওয়া থেকে বিরত থাকবে। বরং এর পরিবর্তে মিষ্টি ফল খাবে। যতটা সম্ভব রোদ এড়িয়ে চলবে। কারণ অতিরিক্ত ঘামে শরীরে পানিশূন্যতা তৈরি হয়ে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে।