প্রিয় বন্ধুরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে পুরনো দিনের সব গ্লানি ভুলে, নতুন করে নিজেকে গড়ার শপথ নিব আমরা সবাই।
গত পর্বে আমরা পড়ন্ত বস্তু জেনেছিলাম। আজকে ঘূর্ণন গতি নিয়ে জানার চেষ্টা করব। চলো তাহলে শুরু করা যাক।
গতি নিয়ে আমরা এখন পর্যন্ত অনেক কিছুই জানার চেষ্টা করেছি। গতি নিয়ে আমরা এত দিন পর্যন্ত যে সব আলোচনা করেছি তা ছিলো সরলরৈখিক বা কিছুটা দ্বিমাত্রিক গতি (প্রক্ষেপণ গতি) নিয়ে। আমাদের চারপাশে অনেক ধরনের গতি আমরা দেখতে পাই। কোনো কিছুর নড়াচড়া, কোনো জিনিসের কম্পন, কোনো কিছু গড়িয়ে পড়া সবই গতির উদাহরণ। যেমন হাত থেকে কোনো কিছু ছেড়ে দিলে তা নিচে পড়ে যায়। এটা সরলরৈখিক গতির উদাহরণ। বাঁকা পথে কোনো কিছু যাওয়া বক্র গতির উদাহরণ। বৈদ্যুতিক পাখার গতি হলো ঘূর্ণন গতির উদাহরণ। ঘড়ির কাঁটার গতি পর্যাবৃত্ত গতির উদাহরণ। আবার ড্রামের উপরের পৃষ্ঠের গতি হলো স্পন্দন গতির উদাহরণ।
এসকল গতির মাঝে আজ আমরা ঘূর্ণন গতি নিয়ে জানার চেষ্টা করব। আচ্ছা আমাদের মাথা উপরে যে ফ্যান ঘুরে, আমরা কি কখনো তার গতি খেয়াল করেছি। পাখা কীভাবে ঘুরে? তোমরা হয়ত খেয়াল করেছো আমাদের ঘরে একটা জায়গায় ফ্যান লাগানো থাকে। এই দণ্ডটি কিন্তু ঘুরে না। এটি শক্তভাবে লাগানো থাকে। এর নিচের প্রান্তে একটা গোল অংশ লাগানো থাকে। এতে পাখা লাগানো থাকে। আর এই গোল অংশটি পাখা সমেত ঘুরে। অর্থাৎ মাঝখানের দণ্ডকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এভাবে কোনো কিছু যদি একটা বিন্দুকে সমান দূরে রেখে চলতে থাকে মানে বিন্দুকে কেন্দ্র করে ঘুরে তাহলে আমরা তার গতিকে ঘূর্ণন গতি বলি।
তাহলে আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারব আসলে কোনগুলো ঘূর্ণন গতি। যেমন, ঘড়ির কাঁটার গতিও ঘূর্ণন গতি। আবার আমরা যে লাটিম নিয়ে খেলি তা ঘুর্ণন গতির চমৎকার উদাহরণ। ঘূর্ণন গতির আরও চমকপ্রদ উদাহরণ হলো চাঁদের গতি। চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে। মহাকর্ষ বলের জন্য চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে। সাইকেলের চাকার ঘুরা এটিও ঘূর্ণনের উদাহরণ। এটি আবার মিশ্র গতিরও উদাহরণ। কারণ সাইকেলের চাকা ঘূর্ণনের সাথে সাথে সামনে দিকেও চলে।
আচ্ছা আমরা আগের কিছু পর্বে নিউটনের গতির সূত্রগুলো জেনেছিলাম। তোমরা জিজ্ঞেস করতে পারো, এ সূত্রগুলো কি ঘূর্ণন গতির জন্যও কাজ করবে। হ্যাঁ, এগুলো সব গতির জন্যই সত্য। তাহলে বলতে পারো নিউটনের সূত্র মতে গতিশীল বস্তু বাইরের বাধা না পেলে থামার কথা না। তাহলে, ফ্যান বা লাটিম ঘুরতে ঘুরতে থেমে যায় কেনো? এর উত্তর আমরা সরলরৈখিক গতির ক্ষেত্রে যেমন দেখেছিলাম ঘর্ষণের জন্য সরলরৈখিক গতিশীল বস্তু থেমে গিয়েছিলো। এখানেও ঠিক একইভাবে ঘর্ষণের কারণে ঘূর্ণনশীল বস্তুও থেমে যায়।
আমরা জানি কোনো বস্তু গতিশীল হলে তার মাঝে গতিশক্তি থাকে। এটি ঘূর্ণন গতির ক্ষেত্রেও সত্য। ফ্যান, মোটর, গাড়ির ফ্লাই হুইল এ সব কিছুরই গতিশক্তি থাকে। তাহলো ঘূর্ণন গতিশক্তি (Rotational Kinetic Energy)
ঘূর্ণন নিয়ে আরও কিছু মজার জিনিস আলোচনা করব সামনের কোনো পর্বে। এই ছিলো ঘূর্ণন গতি নিয়ে আজকের মতো। আল্লাহ হাফিজ।
প্রকাশকাল: জানুয়ারি ২০২৬


