আসসালামু আলাইকুম, প্রিয় বন্ধুরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো। বিগত বেশ কিছু পর্বে আমরা আলো নিয়ে জানার চেষ্টা করেছি। গত পর্বে আমরা আলোচনা করেছি চশমা নিয়ে। তারও আগের পর্বে আমরা জেনেছি চোখ নিয়ে। এবারের পর্বে আমরা যা নিয়ে জানবো তা অনেকটা চোখের মতোই কাজ করে।
আচ্ছা, তোমরা সকলেই তো কম বেশি ছবি তুলেছো। এজন্য আমরা যা ব্যবহার করে থাকি তা হলো ক্যামেরা। এখনকার সময়ে মোবাইলের কারণে সকলের হাতেই রয়েছে এই ক্যামেরা। আমরা এখন ইচ্ছে হলেই আমাদের চারপাশের ছবি তুলতে পারি এবং তা সংরক্ষণ করতে পারি। ক্যামেরা বিজ্ঞানের এক বিস্ময়কর আবিষ্কার, এখন এটি এতই সহজলভ্য ও এত বেশি ব্যবহার করি যে, কখনও এটা নিয়ে আমাদের মনে প্রশ্ন জাগে না বা কৌতূহলও হয় না। তোমাদের কি কখনো মাথায় প্রশ্ন এসেছে কীভাবে কাজ করে তোমার হাতে থাকা মোবাইলের ক্যামেরা? বা কেমন ছিলো প্রথম দিকের ক্যামেরা? বা কীভাবে আবিষ্কার হয় এই ক্যামেরা? চলো তাহলে আজ জেনে নেয়া যাক।
প্রথমেই একটা এক্সপেরিমেন্ট করা যাক, একটা মোমবাতি নাও, একটা টুকরো বক্স বোর্ড কাগজ বা ভারী কোনো কাগজ নাও যাতে আলো প্রবেশ করে না। আর সাথে একটা সাদা কাগজ বা সাদা কাপড়ের পর্দা নাও। এবার একটা অন্ধকার ঘরে মোমবাতি জ্বালিয়ে সাদা পর্দার সামনে রাখো। কী দেখলে? সাদা পর্দা মোমবাতির আলোয় আলোকিত হয়েছে। এবার শক্ত বক্স বোর্ড কাগজের টুকরার মাঝে ছিদ্র করে মোমবাতি আর পর্দার মাঝে রাখো। শক্ত কাগজকে সামনে পেছনে নিলে দেখবে এক জায়গার পর্দার উপর স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়েছে। ভালোভাবে খেয়াল করলে দেখবে মোমবাতির উল্টো প্রতিবিম্ব তৈরি হয়েছে পর্দায়।
এবার ঠিক একই জিনিস চিন্তা কর একটা অন্ধকার ঘরে একটা ছিদ্র থাকলে, এর অপর দেয়ালে মোমবাতির মতো করে ঠিক বাহিরের জিনিসের উল্টো ছবি বা প্রতিবিম্ব তৈরি হবে। ল্যাটিন ভাষায় একে বলে ক্যামেরা অবস্কিউরা (Camera obscura) বা অন্ধকার প্রকোষ্ঠ। এ থেকেই আধুনিক ক্যামেরা তৈরির মুলনীতি পাওয়া যায়। মুসলিম বিজ্ঞানী ইবনে হাইথাম যাকে আধুনিক আলোকবিজ্ঞানের জনক বলা হয়, তাঁর বইয়ে এই ধারণার উল্লেখ পাওয়া যায়। রেনেসাঁর যুগে চিত্রশিল্পীরা এমন অন্ধকার ঘর বা ক্যামেরা অবস্কিউরা ব্যবহার করে নিখুত ছবি আঁকতেন।
এই থেকেই মুলত আধুনিক ক্যামেরার জন্ম। এবার একটু চিন্তার করো, এই যে ছোট ছিদ্র দিয়ে যে আলো এসে পর্দায় পড়ছে, এই পর্দায় যদি কোনো আলোক সংবেদী বস্তু (আলোক সংবেদী বস্তুতে আলো পড়লে তা রাসায়নিক পরিবর্তন হয়ে ছবিকে ধারণ করে। আলোর তারতম্য এর পরিবর্তনও হয় ভিন্ন ভিন্ন, তাই এতে সাদাকালো ছবি তৈরি হয়, অনেকটা পেন্সিল স্কেচ এর মতো) পর্দা হিসেবে রাখা যায়, তাহলে আলো এই পর্দায় পড়লে যে প্রতিবিম্ব তৈরি হবে তা ধরে রাখবে এই পর্দা। ব্যস তাহলেই তৈরি হয়ে গেল ক্যামেরা। প্রথম দিকের ক্যামেরায় একধরনের রাসায়নিক প্রলেপ দেওয়া ফোটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হতো। এখনকার ডিজিটাল ক্যামেরায় ফিল্মের জায়গার ব্যবহার করা হয় সেন্সর। এই সেন্সর আলোর তারতম্য ধারণ করে অর্থাৎ বস্তুর বিম্ব বা ছবি ধারণ করে। বর্তমান আধুনিক ক্যামেরায় সুন্দর ছবি পাওয়ার জন্য লেন্স ব্যবহার করা হয়। কিন্তু মূলনীতি একই। ছোট ছিদ্রের মাঝ দিয়ে আসা আলো থেকে যে উল্টো বিম্ব তৈরি হয়ে তাকে ধারণ করা। এই ছিলো ক্যামেরার মূলনীতির সরল বিবরণ। এবার তোমাদের জন্য রয়েছে বাড়ির কাজ। তোমরা নিজেরা একটা করে পিনহোল ক্যামেরা তৈরি করবে। তবে আমি বলে দিচ্ছি না। ইন্টারনেট ব্যবহার করে জেনে নাও কীভাবে pinhole camera তৈরি করতে হয়। আর হ্যাঁ, ক্যামেরা তৈরি করে অবশ্যই monthlyphulkuri@gmail.com ঠিকানায় ছবি মেইল করবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।
প্রকাশকাল: নভেম্বর ২০২৪