আজব মামা

দুপুরবেলায় কলিংবেলে
কে দিয়েছে চাপ?
দরজা খুলে হুর রে বলে
দিলাম জোরে লাফ।

কে এসেছে? বলছি শোনো,
আমার ছোট মামা
এই কটা দিন কাটবে দারুণ
আনন্দ-হাঙ্গামা!

মামা থাকেন আমেরিকার
নিউইয়র্ক সিটি
ফেসবুকে সে ব্লু-ব্যাজ পাওয়া
বড় সেলিব্রিটি।

টু মিলিয়ন ফ্যান ফলোয়ার
অনলাইনের চাপ
ম্যাসেঞ্জারে মামার এখন
রিপ্লে­ পাওয়াই টাফ্!

হাজার হাজার লাইক ও কমেন্ট
অবিশ্বাস্য রিচ্
লাইভে বলেন, বাংলাদেশকে
করি ভীষণ মিস।

সেই মামাকে কাছে পেলাম
মনে খুশির রেশ
কত্তো বছর! মামা-ভাগ্নে
হলাম ফেস টু ফেস!
ছোট মামা মজার মানুষ
করেন অনেক ফান
চিড়ার সাথে ঝাল চানাচুর
মাখিয়ে নিয়ে খান।

চালের গুঁড়োর চিতই পিঠা
ফরেন দেশে নাই
পিৎজা দিয়ে শুটকি ভর্তা
করতে বলেন ট্রাই!

চিকেন নুডলস রেসিপিতে
ঝাল মশলা বাদ
তার বদলে কিসমিস এবং
মিষ্টি দুধের স্বাদ!

নিম-পুদিনা ব্লে­ন্ড করে
মিশিয়ে বরফ কুঁচি
ঢক ঢকাঢক গিলে বলেন,
বাড়বে খাবার রুচি।

চা-কফিতে ডুবিয়ে মামা
আরামসে খান কলা
মামার এসব খাবারকাণ্ড
শেষ হবে না বলা!

ল্যাপটপ ওপেন করে লিখেন
গল্প ঘ্যাচাং ঘ্যাচ
আজগুবি সব কথা মামার
বুঝি না মার-প্যাঁচ!

বলল মামা, আম্রিকাতে
টিকছে না রে মন
ওখান থেকে চাঁদে যাওয়ার
করছি আবেদন।

মহাকাশে নতুন চাকরি
আর কিছুদিন বাদে
মঙ্গলে হেড অফিস আমার
পোস্টিং হবে চাঁদে।

বাসা নেবো টু-লেট খুঁজি
নেপচুন এবং প্লুটোয়
ব্যস্ততা নেই এক্কেবারে,
অফিস আওয়ার দুটোয়।

নাইন ডিজিটের স্যালারি,
কাজ কী জানিস, মনা?
চাঁদের দেশে চরকাবুড়ির
সুতোর গবেষণা!

প্রকাশকাল: মার্চ ২০২৫