Home Blog Page 81

এই ঠিকানায় পত্র দিয়ো

বার্ষিক পরীক্ষা শেষে অনেকেই গ্রামের বাড়িতে কিংবা পর্যটন কেন্দ্রে ঘুরতে যাও। ধরো, গ্রামের বাড়িতে গেছো। বিস্তীর্ণ ধানের খেতের মাঝখান দিয়ে সরু আইলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে একটা খাল পড়লো। খালের উপরে বাঁশের কিংবা কাঠের তৈরি সাঁকো। সাঁকো পেরিয়ে ওপারে রাস্তার মাথায় বিশাল বটগাছ। বটগাছের নিচে গিয়ে তোমার মনে পড়ে গেল সেই বন্ধুর কথা যার সাথে চার বছর আগে শেষবার এইখানেই দেখা হয়েছিল। বন্ধুর সাথে এই গাছের নিচে বসে তোমরা আমের ভর্তা খেয়েছিলে, মার্বেল খেলেছিলে কিংবা গুলতি দিয়ে খেলা করেছিলে। তখন বিকেলের ঝিরঝির বাতাস বইছিল। বন্ধুটি তার মায়ের কাছ থেকে আনা দশ টাকা দিয়ে কতগুলো চকলেট কিনেছিল। সেখান থেকে তোমাকেও দিয়েছিল। সেই চকলেটের স্বাদ এখনো মনে পড়ছে! বন্ধুর সাথে বসে দেখছিলে- খালপাড়ে কতগুলো বক মাছ ধরছে। আকাশে ঝাঁকে ঝাঁকে উড়ছে চড়ুই, শালিক আর টিয়ে। সেই যে মধুর স্মৃতি তোমাকে আলোড়িত করলো। তুমি স্মৃতিবিভোর হয়ে গেলে। বাড়িতে গিয়েও তোমার সেই স্মৃতিতে আচ্ছন্নতা কাটছে না। কী করবে? হ্যাঁ, চিঠি লিখে ফেলো।
স্মৃতিকাতর এই মুহূর্তগুলো কখ্খনো মিস করবে না। যার সাথেই এমন আনন্দময়, উচ্ছ্বল সময় কেটেছিল, তার কথা মনে পড়লেই চিঠি লিখে ফেলবে। চিঠি কীভাবে লেখে? বানান ভুল হয় কি না? কীভাবে শুরু, কীভাবে শেষ করতে হয় তা জানো না? কোনো সমস্যা নেই। লেখা শুরু করে দাও, তাহলেই হবে।

স্মৃতিময় চিঠিগুলোর জন্য মূলত চারটি জিনিস লাগে। কবে লিখছো (তারিখ), কখন লিখছো (সময়), কোথায় বসে লিখছো আর মনের অনুভূতিগুলোর খোলামেলা বিবরণ। কবে লিখছো সেটা গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তীতে এই চিঠিটি রেফারেন্স হিসেবে কাজে লাগতে পারে। সময়টা লিখে দিলে তোমার স্মৃতিকাতরতার সময় এবং প্রাসঙ্গিকতা বোঝা যায়। যদিও বেশিরভাগ চিঠি বিকেল কিংবা রাতেই লেখা হয়। কারণ এই সময়েই মানুষ স্মৃতিকাতর হয় বেশি। কোথায় বসে লিখছো এটাও গুরুত্বপূর্ণ; কারণ এটা তোমার স্মৃতির ইতিহাসের অংশ।
যেমন তুমি তোমার গ্রামের বাড়ি (দাদা/নানা বাড়ি) তে বসে লিখতে পারো। বা কোনো মাঠের পাশে, গাছের ছায়ায় বসে লিখতে পারো, নদীর ধারে বসে লিখতে পারো। লঞ্চ ভ্রমণে গেলে লঞ্চে বসে লিখতে পারো। শৈশবের স্কুলে গেলে সেখানে বসেই কোনো বন্ধুর কথা স্মরণ করে লিখতে পারো। ট্রেনে বসে লেখার অভ্যেস থাকলে সেখানে বসেও লিখতে পারো। চিঠিতে শুরুতেই সেটা উল্লেখ করে দিতে পারো যে ‘অমুক জায়গায় বসে তোমাকে লিখছি’। এতে বন্ধুটি চিঠি পড়ার শুরুতেই একটা স্মৃতির দোল খাবে।

কথাবার্তার শুরুতে আমরা যেমন সালাম দিই, চিঠিতেও শুরুতে সালাম দিবে। আর মনের কথার বর্ণনা বিস্তারিত লিখতে হয়। এক্ষেত্রে কোনো ব্যাকরণ বা ভাষার শুদ্ধতার পরোয়া করতে নাই। কারণ শুদ্ধ ভাষা কখনো কখনো তোমার মনের ভাব প্রকাশে বাধা হয়ে দাঁড়াতে পারে, তোমাকে সীমাবদ্ধ করে দিতে পারে। বন্ধুর সাথে কথা বলার সময় যে ভাষায় কথা বলতে, যে আঞ্চলিকতা মিশিয়ে কথা বলতে, সেই টোনেই কথা লিখবে। বন্ধু যেন পড়ে মনে করে যে তুমি তার সাথেই কথা বলছো। তবে হ্যাঁ, অনেক ভাবগভীরতার সাহিত্যিক উপমা আছে, কবিতার লাইন আছে, বিখ্যাত উক্তি আছে সেগুলো তোমার অনুভূতির সাথে মিলে গেলে, তা চিঠিতে ব্যবহার করতে পারো। এতে তোমার চিঠিটিও হয়ে উঠতে পারে সাহিত্যের অংশ।

বন্ধুর কাছে কী লিখবে সেটা নিয়ে অতিচিন্তা করার প্রয়োজন নাই। যা মনে আসে তাই লিখবে। চিঠি যত পৃষ্ঠা হয়, হোক। অথবা একপৃষ্ঠা পুরো হচ্ছে না, আর লিখতে ইচ্ছে হচ্ছে না, থাকুক। আর লেখা লাগবে না। শেষে লিখে দাও, ‘আজ এটুকুই, আবারো লিখবো তোমার কাছে’, ব্যাস। বন্ধুর সাথে কাটানো সময়, ভালো লাগা, মন্দ লাগা, সেই বন্ধুর ব্যপারে অন্য বন্ধুদের কথাবার্তা, মনোভাব, সেই বন্ধুর সাফল্যে তোমার অনুভূতি, তার শোকে কিংবা দুর্ঘটনায় তোমার ব্যথিত হওয়ার স্মৃতি সবই লিখতে পারো। স্কুলে টিচাররা কী করতেন, স্কুল মাঠে কী হতো সবই লিখতে পারো, কোনো নিয়মের বেড়াজাল নেই এখানে। লজ্জার ঘটনা, হাস্যকর ঘটনা সবই লিখতে পারো।

চিঠির শেষে তোমার কোনো আব্দার, আবেদন কিংবা দোয়া দিয়ে শেষ করবে। যেমন- চিঠি পেলে কেমন আছো জানিয়ে চিঠি দিয়ো’। অথবা ‘তোমার সাথে তোমার পাড়ার আরেকটা ছেলে যে আসতো সেই ছেলেটা এখন কোথায়? জানো? ও একবার আমার খুব উপকার করেছিল। ওর নাম ঠিকানা, ফোন নাম্বার থাকলে দিয়ো তো’! কিংবা লিখবে- ‘আল্লাহ তোমাকে সুস্থ রাখুক, সুখে রাখুক’। বা নিজের জন্য দোয়া চাইবে।

চিঠি যে শুধু বন্ধুর কাছেই পাঠাতে হবে এমন কোনো কথা নেই। চিঠি পাঠাতে পারো তোমার চাচা/মামা/খালা কিংবা চাচাতো, মামাতো, খালাতো, ফুপাতো ভাই-বোনদের কাছেও। দাদা, নানা বেঁচে থাকলে তাদের কাছেও পাঠাতে পারো। কোনো প্রিয় শিক্ষকের কাছেও চিঠি পাঠাতে পারো। কিংবা খুব কাছের এলাকার বড় ভাই কিংবা স্কুলের বড় ভাইয়ের কাছেও চিঠি পাঠাতে পারো।
যদি তুমি বাবা-মায়ের কাছ থেকে দূরে থাকো, যেমন বোর্ডিং স্কুল বা স্কুল হোস্টেলে বা ক্যাডেট কলেজ বা আবাসিক মাদ্রাসায় তাহলে বাবা মায়ের কাছে নিয়মিত চিঠি লিখবে।

চিঠি লেখার জন্য আগে আলাদা ডিজাইনের নোট-প্যাড পাওয়া যেত। তখন পত্রিকার পাতায় পত্রমিতালি অর্থাৎ চিঠি বিনিময়ের জন্য অনেকের ঠিকানা দেয়া থাকতো। এখন চিঠি লেখার প্রচলন প্রায় নাই হয়ে গেছে। তাই সেসব প্যাড এখন তেমন একটা পাওয়া যায় না। তাই চিঠি তোমার খাতা, ডায়েরি কিংবা নোটবুক যেখানে খুশি লিখতে পারো। মোবাইলের নোটবুকেও লিখতে পারো। চিঠি লিখতে পারো ইমেইলেও। তবে নিজ হাতে কলম-খাতায় চিঠি লেখার মধ্যে একটা ভালোবাসার নিবিড় স্পর্শ থাকে। যদি তুমি বন্ধুর হাতে লেখা চিঠি পাও, তখন সেটা বুঝতে পারবে। সেটা অন্যরকম ভালোলাগা।

চিঠি পাঠাবে কীভাবে? এখনো ডাক বিভাগ চালু আছে। পোস্ট অফিসে গিয়ে খাম কিনে কিংবা ডাকটিকেট বসিয়ে দিয়ে বন্ধুর ঠিকানায় চিঠি পাঠাতে পারো। কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও চিঠি পাঠাতে পারো। শহর বা মফস্বল পর্যন্ত কুরিয়ার সার্ভিসের হোম ডেলিভারি আছে; একেবারে বন্ধুর বাসায় চিঠি দিয়ে আসবে। যদি এত কিছু না পারো তাহলে চিঠির ছবি তুলে মেসেঞ্জারে, মেইলে, হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো। অথবা সেই চিঠিটা ব্লগে লিখে পোস্ট করতে পারো। তবে ব্যক্তিগত চিঠি ব্যক্তির কাছে পাঠানোই ভালো।

হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের যুগে কেন চিঠি লিখতে হবে? আসলে চিঠিতে বিন্দু বিন্দু আবেগে তৈরি একটি সিন্ধু থাকে। মেসেঞ্জারের চ্যাটে বিন্দুগুলো বিন্দু হিসেবেই সেন্ড হয়ে যায়। জমে সিন্ধু হবার, পরিশীলিত হবার সময় পায় না। চিঠির মধ্যে যে আবেগের প্রকাশ ঘটানো যায়, চ্যাটিংএ ততটা ঠিকভাবে করা যায় না। এর বাইরে বললে চিঠি লেখা তোমার লেখার হাতকে শক্তিশালী করবে। তোমার বর্ণনাভঙ্গি সমৃদ্ধ হবে। প্রিয়জনের কাছে চিঠি লিখলে মনের একাকীত্ব দূর হয়। বিষণ্নতা কমে। নিজের লেখা অনুভূতিগুলো তখন নিজের চারপাশে ঘিরে ধরে একান্ত স্মৃতি-সঙ্গী হয়ে।

তাই, আধুনিকতা থেকে দূরে গিয়ে কিছুটা না হয় প্রাচীনপন্থী হও। চিঠি লেখো। এতে সম্পর্ক আরো মজবুত হবে।

আর হ্যাঁ, আমাকেও কিন্তু চিঠি লিখতে পারো। কীভাবে? চিঠির উপরে লিখবে-
শাকের জামিল,
নিজকে গড়ো বিভাগ, মাসিক ফুলকুঁড়ি, ১১৩/১ সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, মৌচাক, ঢাকা- ১২১৭।
কী লিখবে? যা খুশি তাই লেখো। তোমার হাসি কান্না, আনন্দ, বেদনা সবই লিখে পাঠাতে পারো। নিজকে গড়ো বিভাগ পড়তে কেমন লাগে তাও লিখতে পারো।

প্রকাশকাল: নভেম্বর ২০২৫

নীলকান্ত মণি ও সুরেলা গান

মেমি হেইলি হেইলি একজন গরিব মানুষ। অনেক বুড়ো হয়েছেন তিনি। বুড়ো হলেও বাঁচোয়া নেই। শুয়ে বসে যে দিন কাটাবেন, তা কেমন করে হবে? তিন কূলে আপন বলতে কেউ নেই যে তার। সুতরাং কাজকম্ম না করে কোনো উপায় নেই। বছরভর খেত-খামারে কাজ করতে হয় প্রতিদিন। না হলে উপোস থাকতে হয়। ধনী লোক নন তিনি। সামান্য যা আয় রোজগার করেন, তা দিয়ে টেনেটুনে কোনোমতে সংসার চলে যায়। সব্বাই জানে, মেমি একজন ভালো মনের মানুষ। কারো ক্ষতি করেন না কখনো। ভুলেও মন্দ কাজ করেন না। কোনো কারণে অন্যের ক্ষতি হোক, সেটা কিছুতেই চান না। সবার সঙ্গে সবসময় হাসিমুখে কথা বলেন। মিষ্টি, কোমল ব্যবহারের কারণে তার এলাকায় তিনি ছোট বড় সবার প্রিয়।
একদিন মন দিয়ে চাষবাসের কাজ করছিলেন নিজের জমিতে। ফসল বোনার সময় হয়েছে। কোদাল দিয়ে মাটি খুঁড়ছিলেন মেমি হেইলি হেইলি। হঠাৎ ঠক করে একটা শব্দ হলো। সাধারণ শব্দ না। বেশ জোর আছে সেই শব্দের। কী ব্যাপার? আচমকা এমন শব্দ হলো কেন? ভালো করে লক্ষ করে দেখেন, মাটির নিচে কী যেন একটা চকচক করছে। মূল্যবান কোনো পাথর হবে হয়তো। আসলেই তাই। বড়োসড়ো একটা নীলকান্ত মণির সঙ্গে তার কোদালটা কেমন করে যেন লেগে গেছে। ধুলোমাটি খুঁড়ে নিচ থেকে দামি এই পাথরটি উদ্ধার করলেন মেমি হেইলি হেইলি। কাজটা করতে বেশ মেহনত করতে হলো। সময়ও লাগলো অনেক। তা হোক। কিছু একটা পাওয়া তো গেছে। এতক্ষণের পরিশ্রম তাহলে একেবারেই বৃথা যায়নি।
মনটা খুবই ফুরফুরে লাগছে। মনে হচ্ছে, আজ ভাগ্যটা বেশ ভালো। তার পুরো জীবনেই এমন শুভক্ষণ কোনোদিনই আসেনি আর। কাজকর্ম থামিয়ে মেমি ভাবলেন, আজ কোনো মাটি কোপাকুপি নয় আর। এবার বাড়ি ফিরে যাওয়া যাক। জমিতে পাওয়া দামি পাথর তার ভাগ্যকে রাতারাতি বদলে দেবে। নিশ্চয়ই শুভ কিছু ঘটবে আরো। কোনো সন্দেহ নেই তাতে। গরিবি হাল আর থাকবে না। হয়তো খুব তাড়াতাড়িই ধনী হয়ে যাবেন তিনি। হাব ভাব তো সেরকমই মনে হচ্ছে। ঝরঝরে মনে এমন সব ভাবনা ভাবতে ভাবতে বাড়ির পথ ধরলেন মেমি হেইলি হেইলি। আহ, এমনটা ভাবতে কী ভালো যে লাগছে। উত্তেজনায় শিহরণে রীতিমতো কাঁপছেন তিনি।
জোরে জোরে পা ফেলে এগোচ্ছেন। বাড়ি বেশ দূরেই। যেতে যেতে পথে দেখা হলো এক ঘোড়াওয়ালার সঙ্গে। লোকটির হাতে একটা দড়ি দেখা যাচ্ছে। সেই দড়ি বাঁধা আছে ঘোড়ার গলায়। লোকটি তার অনেকদিনের চেনাজানা। ঘোড়ার মালিক থামে। তারপর তাকে জিগ্যেস করে,
ওহে মেমি, তা কী খবর? নাচতে নাচতে কোথায় চলেছো শুনি। তারপর বলো, কেমন আছো তুমি? কেমন চলছে দিনকাল? সব খবর ভালো তো?
এক গাল হেসে জবাব দেন মেমি, ভালো আছি রে ভাই। অনেক ভালো। আমি আজ মাটি খুঁড়ে মহামূল্যবান একটা রত্ন পেয়েছি। এই ঘটনাকে একপ্রকার তাজ্জব ব্যাপারই বলতে হবে। কারণ কখনো এমনটা আর ঘটেনি আমার জীবনে। মনে হচ্ছে কি জানো, এই পাথর নিশ্চয়ই আমার জন্যে সৌভাগ্য নিয়ে এসেছে। দেখো তুমি, আমার গরিবি দশা এই ঘুচলো বলে।
ঘোড়াওয়ালা কিছু বলবার আগেই মেমির কণ্ঠে উচ্ছ্বাস ঝরে পড়ে,
একটা কথা বলি বাছা তোমায়। আমার এই রত্নের বদলে তোমার ঘোড়াটা আমাকে দেবে নাকি? রত্ন দিয়ে আমি করবোটা কী? ঘোড়াটা পেলে আমার বেশ কাজ হয়। রত্ন নিয়ে তুমি বেচে দাওগে। অনেক টাকা মিলবে দেখো।
ঘোড়াওয়ালা এই প্রস্তাব পেয়ে বেশ অবাক। সে ভাবতেই পারেনি মেমি এমন ধারা কোনো কথা বলবেন। নিজেকে সামলে নিয়ে সে বলে, তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি করছো নাকি? কোথায় রত্ন আর কোথায় ঘোড়া? একটার সঙ্গে আরেকটার কোনো তুলনা হয় না রে ভাই।
মেমি হা করে তাকিয়ে থাকেন।
ঘোড়ার মালিক তার কথা শেষ করেনি। সে আরো যোগ করে, এই যে রত্ন তুমি আজ জমি খুঁড়ে পেয়েছো, জানো নাকি এটা মহা মহা মূল্যবান। এর দাম কত, সেটা তুমি জানো? নিশ্চয়ই জানো না। জানলে এমন অদ্ভুতুড়ে কথা তুমি বলতে পারতে না। এই রত্ন আসলে অমূল্য। এর তুলনায় আমার ঘোড়া কিছুই না।
ঘোড়াওয়ালার লম্বা বক্তৃতা শুনে মেমি একটুও দমে যান না। তিনি যেটা মনে করে রেখেছেন, তাই করবেন। এ ব্যাপারে তার মনে কোনো দ্বিধা নেই। মৃদু কিন্তু দৃঢ় কণ্ঠে ঘোড়াওয়ালাকে তিনি বললেন,
অমূল্য না কম মূল্য, সে কথা তো হচ্ছে না। তোমার সঙ্গে একটা ব্যবসা করতে চাইছি আমি। চট করে বলো তো বাছা শুনি, তুমি এতে রাজি আছো কি না? যদি রাজি থাকো, তাহলে তোমার ঘোড়ার দড়িটা আমার হাতে দাও। বিনিময়ে এই রত্নটা নিয়ে নাও তুমি। আমরা যে যার পথে যাই তারপর।
ঘোড়াওয়ালা বোকা লোক নয় মোটেও। সে যখন বুঝতে পারলো যে, চাষি মোটেও মিথ্যে কথা বলছে না, তখন সে রাজি হয়ে গেল সঙ্গে সঙ্গে। রত্ন চলে গেল ঘোড়ার মালিকের হাতে। আর হাসিখুশি চাষি মেমি হেইলি হেইলির হাতে এসে গেল ঘোড়ার দড়ি। এখন মনটা তার বেশ ঝরঝরে। আগের চাইতেও নির্ভার। চোখে মুখে আনন্দের ছটা। মনে হচ্ছে বেশ জিতেই গেছেন।

তবে কি না মেমি’র অদ্ভুত ব্যবসার শেষ এখানেই নয়। আরো আরো বাকি আছে। আমরা সব ঘটনাই ধীরে ধীরে জানবো।
এক লোক হাটে যাচ্ছিল একটা ষাঁড় নিয়ে। বেচবে সেই জোয়ান তাগড়া ষাঁড়। চাষি হেইলি হেইলিকে দেখে সে হাঁক দেয়,
ওহে মেমি, কী খবর? তারপর বলো, কেমন আছো তুমি? কেমন চলছে তোমার দিনকাল? সব খবরাখবর ভালো নিশ্চয়ই। বেশ অনেকদিন দেখা হয়নি তোমার সঙ্গে। কোথায় কোথায় যে থাকো!
এক গাল হেসে জবাব দেন মেমি, দ্যাখো হে বাপু, আমি আর আগের মাতে গরিব নই। এক সময় ছিলাম বটে। তবে কি না ব্যাপার হলো, সে দুর্দশা, হতশ্রী দশা আর নেই আমার। জমি খোঁড়াখুঁড়ির কাজ করতে গিয়ে মহামূল্যবান একটা রত্ন পাথর পেয়েছিলাম। সেটা দিয়ে চমৎকার ব্যবসা করেছি। ওটার বিনিময়ে এই ঘোড়াটা পেলাম। আমি বলি কী, তোমার ষাঁড়টা আমাকে দাও। তার বদলে এই ঘোড়া তুমি নিয়ে নাও। এটাও একটা ব্যবসা। এই ব্যবসা আরো করতে চাই আমি। ভালো মতো ভেবে দ্যাখো, আমার দেয়া প্রস্তাব তোমার মনে ধরে কি না। একটু ভেবেচিন্তে তারপর বলো, এ প্রস্তাবে তুমি রাজি না কি অরাজি।
হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই রাজি। তুমি যখন এত করে বলছো,তখন তোমার কথা ফেলি কী করে? তোমার মনে আমি কষ্ট দিতে চাই না।
ষাঁড়ওয়ালা কয়েক মিনিট ভাবনাচিন্তার ভান করে তারপর বলে ওঠে। সে প্রস্তাব শোনা মাত্রই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে অদলবদল করবে। না করাটা বোকামি হবে। এই যে কয়েক মিনিট ভাবনাচিন্তার নামে সময় কাটালো, সেটা আসলে ব্যবসার একটা গুপ্ত কৌশল।
ষাঁড়ওয়ালা মনে মনে মহাখুশি। চালাক মানুষ তো, বাইরে তার প্রকাশ ঘটায় না। চোখমুখ সাধ্যমতো গম্ভীর করে রাখে।
ওইদিকে আমাদের মেমি হেইলি হেইলি আরো খুশি। ঘোড়ার বদলে মোটা তাজা একটা ষাঁড় পাওয়া গেছে। ব্যবসা তাহলে বেশ ভালোই হচ্ছে। জমে উঠেছে কায়কারবার। ব্যাপারটার মধ্যে একটা চাপা উত্তেজনা আছে। আগে কোনোদিন এমন মজার অভিজ্ঞতা হয়নি। এখন হতে শুরু করেছে। আগামীতে হয়তো আরো হবে। নিজের ওপর শ্রদ্ধা বেড়ে যায় তার।
এইভাবে ব্যবসা চলতে থাকলো তার। ষাঁড়ের বদলে ভেড়া, সেই ভেড়ার বদলে একটা রামছাগল। তারপর একটা ঝুঁটিওয়ালা মোরগ। একেকবার বদল হয়, আর মেমির খুশির পরিমাণ বাড়ে। ফুরফুরে মনে হাঁটতে থাকেন তিনি।
শেষ পর্যন্ত কী ঘটলো? পথ চলতে চলতে শুনতে পেলেন, কে যেন ভীষণ সুরেলা কণ্ঠে গান গাইছে। মেমি হেইলি হেইলির কানে ভেসে এলো সেই গানের মূর্ছনা। ভীষণ মুগ্ধ আর অভিভূত হলেন তিনি। এমন অপূর্ব সুরেলা মিষ্টি গান তিনি জীবনে আর কোনোদিন শোনেননি। বাদ্যযন্ত্রের টুং টাংয়ের সঙ্গে নিপুণ মিষ্টি গলার গান। মেমি ভয়ানক উচ্ছ্বসিত। আনন্দিত। সুরের পরশে মন তার মাতোয়ারা। খুব ইচ্ছা করছে এই গান শিখতে। ভাবলেন, আহা এই গান যদি আমি কোনো না কোনোভাবে শিখতে পারতাম। জীবনে কোনো দুঃখ আফসোস থাকতো না তাহলে। জীবন আমার ধন্য, পরিপূর্ণ হয়ে যেত তাহলে। নিজে যেমন আনন্দ পেতাম, তেমনি গান শুনিয়ে অন্যদেরও নির্মল আনন্দ দিতে পারতাম। এই কাজে কত পুণ্য যে আমার হতো!
সুরেলা গান যিনি গাইছিলেন, সেই গায়কের সঙ্গে দেখা হয়ে গেল তার। মেমিই খুঁজে পেতে বার করলেন তার হদিস। গাইয়ে তাকে জিজ্ঞেস করে, তা হেইলি হেইলি মেমি, তুমি কী করছো এখানটায়? শরীর স্বাস্থ্য ভালো তো? কেমন চলছে তোমার দিনকাল?
মিষ্টি হেসে এই প্রশ্নের জবাব দেন মেমি হেইলি হেইলি, বুঝলে হে, খবর হলো আমি আর আগেকার সেই গরিব ও অভাবী মানুষটি নই। এখন আমি রীতিমতো ধনী মানুষ। জমি চাষ করতে গিয়ে মহাদামি একটা রত্ন খুঁজে পেলাম। তারপর সেটা দিয়ে ব্যবসা শুরু করলাম। প্রথমে আমি পেলাম একটা ঘোড়া। সেই ঘোড়ার বদলে পাওয়া গেল ষাঁড়, তারপর ষাঁড়ের পরিবর্তে ভেড়া। রামছাগল জুটলো সেই ভেড়ার বদলে। ওই ছাগলের বিনিময়ে পেলাম একটা ঝুঁটিওয়ালা মোরগ। এখন ভাই শোনো, ভীষণ দরকারি একটা কথা বলি। তোমার কণ্ঠে এইমাত্র যে সুরেলা গানটা শুনলাম, তার কোনো তুলনা নেই। আমার জীবনে কখনোই এত চমৎকার গান শুনিনি। অমন সুন্দর গানটা আমি শিখতে চাই। এখনই চাই। আমার যে ভীষণ ভালো লেগে গেছে এই গান। তুমি আমাকে নিরাশ করো না। আমাকে গানটা শিখিয়ে দাও।
গায়ক ভদ্রলোক মেমিকে গান শেখাতে রাজি হলেন। পরম যত্ন করে শেখালেনও। মেমি তাকে বিনিময়ে মোরগটা দিয়ে দিলেন।
মেমি ওই গান গাইতে গাইতে বাড়ি ফিরে গেলেন।
বর্তমানে তার মতো সুখী, তার মতো ধনী, তার মতো সফল ব্যবসায়ী দুনিয়াতে দ্বিতীয় আর কেউ নেই।

প্রকাশকাল: নভেম্বর ২০২৫

নবান্ন ও পিঠেপুলির দিন

নবান্ন উৎসব আমাদের নিজস্ব এক উৎসব। হেমন্তের প্রথম মাস কার্তিকে ধান পরিপক্ক হয়। এর পর গ্রাম বাংলায় কাটা শুরু হয় ধান। এর পর মাড়াইয়ের উৎসব। এই নবান্ন উৎসবে মেতে ওঠে গ্রাম বাংলা। ধান মাড়াই শেষে শুকানোর পালা ও গোলায় তোলা। কিছু ধান চালের কল বা ঢেঁকিতে করে ছেঁটে বানানো হয় চাল। তবে আজকাল আর গ্রামে গ্রামে ঢেঁকির ব্যবহার নেই। কিন্তু ঐতিহ্য রয়ে গেছে। রান্নার চাল ঢেঁকিতে ছাঁটা না হলেও পিঠে তৈরির কাজে এখনো কোনো কোনো গ্রামে ঢেঁকির ব্যবহার আছে।
আমাদের গ্রামবাংলা যেন উৎসবের দেশ। বছরের প্রতিটি ঋতুতে কোনো না কোনো আনন্দ উৎসব থাকে। তার মধ্যে হেমন্তের নবান্ন উৎসব গ্রামীণ জীবনের এক চিরচেনা, আনন্দের সময়। ফসল ঘরে ওঠার আনন্দে কৃষক থেকে শুরু করে শিশু থেকে বৃদ্ধ- সবাই মেতে ওঠে খুশিতে। এই উৎসব শুধু ধান কাটার নয়, এটি ফসল আর পরিশ্রমের বিজয় উদযাপনও। তাই তো একে বলা হয় নবান্ন।
‘নবান্ন’ শব্দের অর্থ ‘নতুন অন্ন’ বা ‘নব অন্ন’। নবান্ন উৎসব হলো নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব। সাধারণত বাংলা অগ্রহায়ণ মাসে অর্থাৎ হেমন্তকালে আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয়। কোথাও কোথাও মাঘ মাসেও নবান্ন উদযাপনের প্রথা রয়েছে। এটি একটি ফসল উৎসব যা প্রধানত বাংলাদেশে ও সীমিত আকারে আশেপাশের অঞ্চলগুলোতে পালিত হয়। এতে পিঠাপুলিসহ অনেক স্থানীয় খাবার রান্না করা হয়।

ফসল কাটার দিনগুলো এলে গ্রামবাংলার মাঠে তখন সোনালি ধানের ঢেউ। কৃষকের মুখে ফুটে ওঠে হাসি। তারা কষ্ট করে যে ধান ফলিয়েছে, এখন তা ঘরে তুলছে। এই ধান ঘরে তোলার পরই শুরু হয় নবান্ন উৎসব। নতুন ধান ভান করে চাল বানানো হয়, সেই চাল দিয়ে পিঠে-পায়েস বানানো হয়, বাড়ি বাড়ি চলে আপ্যায়ন। শিশুরা এ সময় সবচেয়ে বেশি খুশি থাকে। কারণ এই সময়েই তারা খেতে পায় দারুণ সব পিঠেপুলি, আর গ্রামের পরিবেশটা হয়ে ওঠে রঙিন ও আনন্দে ভরা।
নবান্নের সময় সকালে উঠেই দেখা যায় ঘরের উঠোনে ধোঁয়া উঠছে। মা, দাদি, খালা, নানিরা পিঠা বানাতে ব্যস্ত। কেউ চুলায় ভাঁপা পিঠা বসাচ্ছে, কেউ ঢেঁকিতে চাল গুঁড়ো করছে, কেউবা নারকেল কুরে গুড়ের সঙ্গে মিশিয়ে পুর তৈরি করছে। বাতাসে ছড়িয়ে পড়ে ভাপা পিঠার মিষ্টি গন্ধ, যা দূর থেকেও টেনে আনে শিশুদের। তারা চুলার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করে, কখন মা একটা গরম পিঠা হাতে তুলে দেবে।
নবান্নের প্রধান আনন্দই হলো পিঠেপুলি খাওয়া। দুধপিঠা, ভাপা পিঠা, চিতই, পাকান, পাটিসাপটা, দুধচিড়া- আর কত রকমের নাম! কেউ কেউ আবার খেজুরের রস দিয়ে বানায় পিঠা, যাকে বলে ‘রসপিঠা’।
পিঠা বা পিঠে বাংলার নিজস্ব ঐতিহ্যপূর্ণ খাদ্যদ্রব্য। এটি চালের গুঁড়ো, আটা, ময়দা, অথবা অন্য কোনও শস্যজাত গুঁড়ো দিয়ে তৈরি করা হয়। অঞ্চলভেদে পিঠের ভিন্ন ভিন্ন বৈচিত্র্য দেখা যায়। গ্রামাঞ্চলে সাধারণত নতুন ধান তোলার পর থেকেই পিঠা তৈরির আয়োজন করা হয়। শীতের ও পৌষ পার্বণের সময় বাংলার প্রতি ঘরে ঘরে পিঠে তৈরি করা হয়। পিঠে সাধারণত মিষ্টি স্বাদের হয়ে থাকলেও ঝাল, টক বা অন্য যে কোনও স্বাদ হতে পারে। যেমন ভাপা পিঠা, ছাঁচ পিঠা, চিতই পিঠা, চাঁদ পাকন পিঠা, ছিট পিঠা, সুন্দরী পাকন, সরভাজা, পাতা পিঠা, পাটিসাপটা ইত্যাদি।
নবান্ন শুধু খাওয়া-দাওয়ার উৎসব নয়, এটি মানুষে মানুষে মিলনেরও সময়। যারা শহরে কাজ করে, তারাও চেষ্টা করে এই সময় গ্রামে ফিরে আসতে। বড় ভাই, বোন, মামা, খালা সবাই একসঙ্গে বসে নতুন চালের ভাত আর ফিরনি, পায়েস খায়। শিশুরা দৌড়ঝাঁপ করে, মাঠে ঘুড়ি উড়ায়, নদীর ধারে হইচই করে। বড়রা গল্প করে, হাসে, গান গায়- সব মিলিয়ে পুরো গ্রাম যেন এক পরিবারে পরিণত হয়।

নবান্নের সময় পিঠা বানানোর গল্পও বেশ মজার। অনেকে প্রথম পিঠা বা শিরনি মসজিদে কিংবা নিজ নিজ ধর্মীয় প্রতিষ্ঠানে পাঠান। মসজিদে পিঠা দিলে তাতে বরকত হয় বলেই ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস। বিকেলে যখন সূর্য ঢলে পড়ে, তখন উঠোনে পিঁড়ি পেতে সবাই বসে পিঠা খায়। পাশে ধোঁয়া ওঠা চা, দূরে মাঠের ধানগাছের গন্ধ- সব মিলে এক অন্যরকম আনন্দ। শিশুরা তখনো খেলা থামায় না। তারা পিঠা খেতে খেতেই গল্প করে, কেউ কেউ মুখে গুড় লেপটে হাসতে থাকে। এ এক অনন্য সুখের সময়।
আগে নবান্ন ছিল শুধুই গ্রামের উৎসব। কিন্তু এখন শহরেও এই আনন্দ ছড়িয়ে পড়েছে। স্কুলে, সাংস্কৃতিক সংগঠনে বা কমিউনিটি সেন্টারে আয়োজন হয় ‘নবান্ন উৎসব’। সেখানে থাকে পিঠা প্রতিযোগিতা, গান, কবিতা আবৃত্তি, নাটক- সব মিলিয়ে ছোট-বড় সবাই অংশ নেয়। শিশুরা শেখে, নবান্ন মানে কেবল খাওয়া নয়, বরং নবান্ন মানে প্রকৃতি, পরিশ্রম আর কৃতজ্ঞতার উৎসব।

নবান্নে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। লাঠিখেলা, বাউলগান, নাগরদোলা, বাঁশি, শখের চুড়ি, খই, মোয়ার পসরা বসে গ্রাম্য মেলায়। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় নবান্ন উৎসব অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। বাংলাদেশের বগুড়া, দিনাজপুর, কুষ্টিয়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় আবহমানকাল ধরে নবান্ন উৎসব অত্যন্ত উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়ে আসছে। বগুড়ার আদমদিঘির উৎসবটি নামকরা। একই চিত্র দেখা যায় কুমিল্লা, চাঁদপুর, খুলনা, বরিশাল অঞ্চলসহ দক্ষিণের জেলাগুলোতে।

রাজধানী ঢাকা শহরে আনুষ্ঠানিকভাবে নবান্ন উৎসব হয়। বিভিন্ন সংগঠন নবান্নের গান, লোকগীতি লালন গীতি, বাউল গান, সাপ খেলা, বানর খেলা, লাঠিখেলা, নাগরদোলা, পুতুল নাচ, পালকি, পথ নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করে। এই নবান্ন উৎসবের সমাপনী দিনে সেরা পিঠা শিল্পীদের পুরস্কার প্রদান করা হয়। তাই বলাই যায়, বাংলার অন্যতম জনপ্রিয় উৎসব নবান্ন।
নবান্ন আর পিঠেপুলির দিনগুলো তাই শুধু এক ঋতুর উৎসব নয়, এটি এক মধুর স্মৃতি। এই স্মৃতি বড়দের কাছে শৈশবের গন্ধ, আর শিশুদের কাছে রঙিন গল্পের মতো। কারণ, নবান্ন মানেই বাংলার প্রাণের উৎসব- মাটির গন্ধে, ধানের সোনালি রঙে, আর শিশুদের হাসিতে ভরা এক চিরন্তন আনন্দের নাম। হাজার বছরের পুরনো এই উৎসবটি যুগ যুগ ধরে একইভাবে পালন হয়ে আসছে।

প্রকাশকাল: নভেম্বর ২০২৫

আলোর প্রভাত

ফুলের কুঁড়িরা এসো ফুল হয়ে ফুটি
সুরভি ছড়িয়ে এসো ভালোবাসা লুটি
মনোবল সাহস আর হাতে রেখে হাত
নতুন স্বদেশে আনি আলোর প্রভাত ॥

বৈষম্যের জাল ছিঁড়তে গিয়ে
ছাত্র জনতা মিলে পড়ে ঝাঁপিয়ে
তাহমিদ আহাদের ছোট্ট বুকে
অত্যাচারীর বুলেট ঢুকে
রক্তে শেষে হলো বাজিমাত।

সকল কুঁড়িকে আজ ফুটতে হবে
বাগান জুড়ে সুরভি ছুটবে তবে
প্রজাপতি পাখিদের গুঞ্জরণে
আসবে বেহেশত এই কুঞ্জবনে
এখনি সময় এসো মেলাও হাত।

কান পেতে শোনো ঐ কোকিলের সুর
বসন্ত আসবার নেই বেশি দূর ॥

সাজাতে বাগান চাই মালী দুর্বার
অলসতা নেই যার পরিচর্যার
যার হাতে নিরাপদ হবে এ বাগান
তার তরে এসো ধরি একসুরে গান
সে মালীর ভোর হবে পেরোলেই রাত।

প্রকাশকাল: নভেম্বর ২০২৫

 

রিনির সঙ্গী-সাথি

টানা পাঁচ দিন বৃষ্টির পর আজ কড়া রোদ উঠেছে। ছোট্ট রিনি গালে হাত দিয়ে ছাদের দোলনায় বসে বসে চিন্তা করছে কেন তার কোনো বন্ধু নেই, কেন তাকে সবসময় একা একা সময় কাটাতে হয়। শুধু পড়াশুনা করতে রিনির একদম ভালো লাগে না। রিনি চায়, ওর কতগুলো গুড়ো গুড়ো বান্ধবী থাকবে, যাদের সাথে ও ক্লাস শেষে ফুচকা খাবে আর গল্প করতে করতে বাসায় আসবে। যে কি না ওর যত কথা আছে পেটে সব শুনবে বসে বসে আর খিলখিল করে হাসবে দুজনে। কিন্তু ওর ছোট বিড়ালটা ছাড়া তো কেউ ওর কথা বুঝতে পারে না। তাই বেশির ভাগ সময় ও একা একা ছাদের দোলনায় বসে বসে আকাশ দেখে। ওর খোলা আকাশে কবুতরের ঝাঁক উড়তে দেখতে এত্ত আনন্দ লাগে! ওর খুব মন চায় খোলা আকাশে উড়তে। ও চায়, কবুতররা যেমন এক ঝাঁক মিলে একসাথে উড়ে বেড়ায়, ও তেমন কিছু সঙ্গী সাথি নিয়ে উড়ে বেড়াবে। ও মাঝে মাঝে কবুতরের সঙ্গে ভাব করার চেষ্টা করে, যাতে ওরা ওকে কোনোভাবে সঙ্গে নিয়ে যায়, ‘আমায় নিবা তোমাদের সাথে, কবুতর? তোমার তো অনেক সঙ্গী আছে। কিন্তু জানো? আমি খুব একা, আমার সাথে কেও কথা বলে না। তুমি কি আমার কথা বুঝতে পার, কবুতর?’ কিন্তু দুঃখজনক কবুতরও রিনির কথা বুঝতে পারে না, ওরাও ওদের গ্রুপের ওকে জায়গা দিল না। এটা রিনিদের নিজেদের বাড়ি। দশ তালা বিল্ডিং ওর বাপ-চাচারা মিলে বানিয়েছে বছরখানেক আগে। কিন্তু বাসায় এত এত মানুষ থাকা সত্ত্বেও রিনির সাথে কথা বলার মতো কেউ নেই। এই নিয়ে ওর খুব মন খারাপ হয় মাঝে মাঝে। তার উপর ঘরের ভিতর ঝগড়া-অশান্তি লেগেই থাকে। ও বুঝতে পারে যে এই সব অশান্তির মূল ও নিজেই। ওকে নিয়েই সবার চিন্তা পেরেশানি। সব কিছু মিলিয়ে আজকে রিনির মাথাটা আর কাজ করতেছে না। দুই ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়তেই রিনি উঠে দাঁড়াল, জোরে নিঃশ্বাস ফেললো, তারপর এক দুই কদম করে সামনে এগোতে থাকে। ঠিক কিনারে আসার পর কেনো যেন ওর বুক ধড়ফর করতে লাগলো, আর চোখের পানি অনবরত পড়তে লাগলো। ও নিচে তাকিয়ে খেয়াল করলো, ওর চোখের পানি গাল দিয়ে গড়িয়ে একদম নিচে চলে যাওয়ার সময় মাঝ পথে যেন উধাও হয়ে যায়। ওর খুব মন চাচ্ছিল ও এরকম উধাও হয়ে যাবে দুনিয়া থেকে, যেন আর কেউ ওর দেখা না পায় কোনো দিন। রিনি শেষ কদমটা ফেলার পর ওর পায়ের নিচে আর মাটি নেই। কিন্তু, ওর কাছে আশ্চর্য লাগছে যে ও নিচের দিকে না গিয়ে উপরের দিকে কেন যাচ্ছে? রিনি চমকে গেল এইটা বুঝতে পেরে যে ও উড়ছে। ও বিশ্বাস করতে পারছিলো না যে ও আসলেই আকাশে উড়ছে। একটি বড় সাদা রংয়ের খুব সুন্দর কবুতর ওর উপর দিয়ে উড়ছে। পুরো স্বপ্নের মতো মনে হচ্ছে। আকাশ একদম পরিষ্কার, নীল হয়ে আছে। মেঘগুলো একদম যেনো রিনি আসার সুবাদে টুকরো টুকরো তুলার মতো ছড়িয়ে আছে। আর রোদের আলো মেঘের মাঝখান দিয়ে উঁকি দিচ্ছে যেন রিনির সামনে আসতে লজ্জা পাচ্ছে। ‘তোমাকে অনেক অনেক Thank you, কবুতর। তুমি আমার আকাশে উড়ার ইচ্ছা পূরণ করে দিয়েছো। কবুতর বলে উঠলো, ‘আজকে তোমার সব ইচ্ছা পূরণ হবে, রিনি।’ ওয়াও, তুমি আমার কথা বুঝতে পারো?’ আনন্দে রিনির চোখে পানি এসে গেল। ‘কিন্তু একটা প্রমিজ করতে হবে। তুমি কোনোদিনও আজকের মতো ছাদ থেকে লাফ দেওয়ার চেষ্টা করবা না। তাহলে তোমার সব ইচ্ছা পূরণ করবো।’ ‘ঠিক আছে, প্রমিজ এমনটা করবো না আর কখনো।’ তারপর কবুতরটি রিনিকে একদম উপরে নিয়ে গেল ওদের ঝাঁকের মাঝে। সবাই রিনিকে দেখে খুশি হলো, রিনি ওদের সাথে খুব মজা করে আকাশে উড়লো। সন্ধ্যা হয়ে যেতে লাগলে, রিনি বললো, ‘সন্ধ্যা হয়ে গেলে আমি কোথায় যাব? আমাকে please তোমাদের সাথে মজা করতে দাও আরো কিছুক্ষণ?’ কবুতর বললো, ‘ঠিকাছে তুমি এখন বলো কোথায় যেতে চাও?’ ‘সমুদ্রের পাড়ে বসে sunset দেখতে চাই।’ কবুতরের ঝাঁক রিনিকে নিয়ে চলে এলো সমুদ্রের পাড়ে। রিনি বালুতে নেমে বসলো। পানির সা-সা আওয়াজ শুনে রিনির মনে হলো যেন সমুদ্র ওর সাথে খুব মজার গল্প করছে। রিনিও ওর পেটের সব গল্প বলে ফেললো সমুদ্রকে। পানির ফেনাগুলো যেন এই আসে রিনিকে ধরতে, আবার দৌড়ে চলে যায়, খুব মজা করে খেলছে রিনির সাথে। আর সূর্য ডুবে যাওয়ার আগ দিয়ে এমন সুন্দর দৃশ্য ˆতরি হয়, আকাশে, পুরো কমলা, হলুদ আর pinkish type হয়ে যায়। এই ৩টি কালারই রিনির প্রিয় কালার। সূর্য যেন রিনিকে welcome করছে ওর প্রিয় কালার দিয়ে এত সুন্দর দৃশ্য বানিয়ে। আর ঠান্ডা বাতাস যেন রিনিকে জড়িয়ে ধরে বলছে, ‘তোমার সাথে আমরা সবাই আছি, তুমি একা না।’ তারপর সূর্য ডুবে গিয়ে আকাশ অন্ধকার হতে লাগলে, রিনির আবার মন খারাপ হয়ে যায়। রিনি বলে, ‘এখন রাত হয়ে গেলে তো সব মজা শেষ। এখন কী হবে। আমি তো আরো আনন্দ করতে চাচ্ছি।’ তখন কবুতর বললো, ‘সূর্য ডুবে গেছে তো কী হয়েছে? তোমাকে welcome করতে আরো সুন্দর জিনিস আসবে। তুমি একদম মন খারাপ করো না।’ কিছুক্ষণ পর রিনি দেখলো, সূর্য পুরোপুরি ডুবে গিয়েছে। এখন ঘুটঘুটে অন্ধকার। রিনির ভয় লাগতে শুরু করলো। কিন্তু ঠিক এমন সময় রিনি দেখতে পেল এত্ত সুন্দর একটা Crescent shaped Moon। চাঁদটা যেন মনে হয় রিনিকে খুশি করার জন্য Haircut করে এসেছে। রিনি খুশিতে নাচতে লাগলো। তারপর দেখতে পেল আকাশটা ছোট ছোট তারা দিয়ে পুরো বিয়ে বাড়ির মতো সেজে আছে। এমন সময় নামলো বৃষ্টি। রিনি তো খুব মজা করে বৃষ্টিতে ভিজলো। আর চাঁদের দিকে মুখ করে অনেক জোরে হাসি দিলো, চাঁদও যেন ওর দিকে হাসি দিল আর ওর চেহারা চাঁদের আলো মেখে পুরো Moon Fairy লাগছিল। রিনির মনের একাকীত্ব দূর হলো কিছুটা। কবুতর বললো, ‘রিনি, এখন তো তুমি একা নও। আমরা সবাই আছি তোমার সাথে। এখনও কি তুমি দুনিয়া থেকে গায়েব হয়ে যেতে চাও?’ ‘না, এখন আর চাই না। কিন্তু তোমরা সবসময় আমার সাথি হয়ে থাকবে তো?’ কবুতর, চাঁদ, সমুদ্র, তারা, বৃষ্টি সবাই মিলে রিনি’কে বললো, ‘যতদিন তুমি দুনিয়াতে আছো আমাদের সবাইকে পাবে। সময় করে মাঝে মাঝে আমাদের সাথে খেলতে আসবে, দেখবে কত্ত মজা লাগে!’

প্রকাশকাল: ডিসেম্বর ২০২৫

পিঁপড়ের বাড়ি ফেরা

একদিন এক ছোট্ট পিঁপড়ে তালগাছের মাথায় উঠল। গাছের ডালে শুকনো পাতার ওপর বসে বলল, আহা! একটু বিশ্রাম নিই। তারপর নেমে যাব।
পিঁপড়েদের নিয়মনীতি খুবই কড়া। সূর্য ডুবে গেলে সবাইকে বাসায় ফিরে যেতে হয়। কেউ দেরি করলে তাকে রাতটা বাইরে কাটাতে হয়। পিঁপড়েটা ভাবল, সময় অনেক বাকি আছে। নামতে আর এত সময় লাগবে না। আরেকটু বসি। হাওয়া খাই।

ঠিক তখনই একটা ঝোড়ো হাওয়া শুকনো পাতাটাকে ডাল থেকে ছিঁড়ে নিয়ে গেল। পিঁপড়ে শক্ত করে ধরে রইল। বাতাস তাকে নিয়ে গিয়ে মাঠের ওপর ফেলল। পড়তেই তার পায়ে খুব ব্যথা পেল।

পিঁপড়ে দুঃখ করে বলল, এবার আমি বাড়ি যেতে পারব না। যদি পায়ে ব্যথা না পেতাম, তাহলে এক দৌড়ে চলে যেতাম!

ঠিক তখন সে দেখল, একটা কেঁচোপোকা হাঁটছে। পিঁপড়ে বলল, ভাই, আমায় বাড়ি নিয়ে যাবে? আমি পায়ে ব্যথা পেয়েছি। হাঁটতে পারছি না। কেঁচোপোকা বলল, আচ্ছা, চড়ে বসো।

পিঁপড়ে তার পিঠে উঠল। কেঁচোপোকা দুলে দুলে অদ্ভুত ভঙ্গিতে হাঁটতে লাগল। একবার মাথা নিচে, আরেকবার পা ওপরে। পিঁপড়ে বারবার উল্টে যাচ্ছিল। শেষে বিরক্ত হয়ে চিৎকার করে বলল, থামো, না হলে আমি কামড় দেবো! কেঁচোপোকা থেমে গেল। পিঁপড়ে লাফ দিয়ে নেমে পড়ল।

মাঠে তাকিয়ে সে দেখল একটা মাকড়সা হেঁটে যাচ্ছে। পিঁপড়ে বলল, স্পাইডার ভাই, আমাকে একটু নিয়ে যাবে? আমার পায়ে বড্ড ব্যথা। স্পাইডার বলল, আচ্ছা, ওঠো।

পিঁপড়ে তার পিঠে চড়ল। কিন্তু তার লম্বা পা-গুলো এদিক-ওদিক নড়ছিল শুধু। আগাতে পারছিল না তেমন। পিঁপড়ে খুবই বিরক্ত হলো। একটু পর স্পাইডার থেমে বলল, ওই দেখো, একটা গুবরেপোকা আসছে। ও আমার চেয়ে দ্রুত দৌড়ায়।

পিঁপড়ে গুবরেপোকার পিঠে উঠল। গুবরেপোকা ছুটতে লাগল। যেন সে উড়ছে। কিন্তু আলুখেতের কাছে এসে সে থেমে গেল। বলল, এত উঁচু-নিচু পথে আমি যেতে পারব না। তুমি অন্য কাউকে খুঁজে নাও।

হঠাৎ একটি ছোট্ট পোকা এসে বলল, এসো, তোমাকে আমি নিয়ে যাব। পিঁপড়ে অবাক হয়ে বলল, তুমি এত ছোট, আমাকে নিয়ে কীভাবে যাবে? ছোট্ট পোকাটা বলল, তুমি বসো, আমি দেখাই।

সে চমৎকার লাফ দিয়ে দিয়ে একের পর এক আলুর সারি পেরিয়ে গেল। কিন্তু বেড়া টপকাতে পারল না। তখন তারা ঘাসফড়িংকে ডাকল।

ঘাসফড়িং বলল, চড়ে বসো। সে লাফ দিয়ে উঁচু বেড়া পার হয়ে গেল। তারপর বলল, এবার নেমে যাও, আমি এর বেশি যাব না।

পিঁপড়ে দেখল সামনে একটা নদী। সে কাঁদতে কাঁদতে বলল, এ নদী আমি কীভাবে পার হব? ঘাসফড়িং বলল, অপেক্ষা করো, জলতেলাপোকা আসবে।

শিগগিরই একটা জলতেলাপোকা ভেসে এলো। পিঁপড়ে তার পিঠে উঠল। সে বরফের মতো মসৃণ ভঙ্গিতে পানির ওপর দিয়ে ছুটল। সে তার শক্ত পা দিয়ে দ্রুত নদীর অপর পাড়ে চলে এলো। নদী পার হতেই বলল, এবার নামো। আমি কেবল পানিতে হাঁটতে পারি।

সূর্য তখন প্রায় ডুবে যাচ্ছিল। পিঁপড়ে ভয় পেল। হায় হায়, আমার তো অনেক দেরি হয়ে গেল।

এমন সময় একটা বড় মে-পোকা এলো। পিঁপড়ে তার মাথায় উঠে বসল। মে-পোকা তার শক্ত পিঠ খুলল। নরম ও স্বচ্ছ ডানা বের করে উড়তে লাগল। ভোঁ ভোঁ শব্দ করে সে আকাশে উঠে গেল। পিঁপড়ে দেখল, সূর্য তখন মাটি স্পর্শ করছে।

মে-পোকা গাছের কাছে এসে নেমে গেল। পিঁপড়ে ভয় পেল। আমি কীভাবে নামব? আমার পা ব্যথা। গলাও ভেঙে যেতে পারে!

মে-পোকা বলল, আমি তোমাকে নামাব না। তোমরা পিঁপড়েরা খুব কামড় দাও। নিজে নামো।

পিঁপড়ে দেখল কাছে শুঁয়োপোকা পাতায় সুতো কাটছে।
পিঁপড়ে বলল, দয়া করে আমাকে নামিয়ে দাও। না হলে রাতটা বাইরে কাটাতে হবে।

শুঁয়োপোকা বলল, আমি ব্যস্ত, বিরক্ত করো না।

পিঁপড়ে রেগে তাকে কামড় দিল। শুঁয়োপোকা অবাক হয়ে নিজেকে বলল, আহা! সে কুঁচকে লাফ দিয়ে পড়ল। কিন্তু পিঁপড়ে সুতোয় আঁকড়ে ধরে রইল। সে সুতো টেনে টেনে ধীরে ধীরে মাটিতে নেমে গেল।

এদিকে সব পিঁপড়ে নিজেদের ঘরে ঢুকে গেল। আর সূর্য ডুবে গেল। ছোট্ট পিঁপড়েটাও নিরাপদে নিজের ঘরে ঢুকল।

সে বেঁচে গেল!

প্রকাশকাল: ডিসেম্বর ২০২৫