ফুলের কুঁড়িরা এসো ফুল হয়ে ফুটি
সুরভি ছড়িয়ে এসো ভালোবাসা লুটি
মনোবল সাহস আর হাতে রেখে হাত
নতুন স্বদেশে আনি আলোর প্রভাত ॥
বৈষম্যের জাল ছিঁড়তে গিয়ে
ছাত্র জনতা মিলে পড়ে ঝাঁপিয়ে
তাহমিদ আহাদের ছোট্ট বুকে
অত্যাচারীর বুলেট ঢুকে
রক্তে শেষে হলো বাজিমাত।
সকল কুঁড়িকে আজ ফুটতে হবে
বাগান জুড়ে সুরভি ছুটবে তবে
প্রজাপতি পাখিদের গুঞ্জরণে
আসবে বেহেশত এই কুঞ্জবনে
এখনি সময় এসো মেলাও হাত।
কান পেতে শোনো ঐ কোকিলের সুর
বসন্ত আসবার নেই বেশি দূর ॥
সাজাতে বাগান চাই মালী দুর্বার
অলসতা নেই যার পরিচর্যার
যার হাতে নিরাপদ হবে এ বাগান
তার তরে এসো ধরি একসুরে গান
সে মালীর ভোর হবে পেরোলেই রাত।
প্রকাশকাল: নভেম্বর ২০২৫



