শরৎ পাখি বাংলাদেশে

0
8

মেঘের দেশে শরৎ পাখি মেলছে ডানা
এই পাখিটির কোথায় বাড়ি কোন ঠিকানা!
কোন মহাদেশ কোন দিগন্ত ছাড়িয়ে এসে
ঘাসের বুকে শিশির ঝরায় বাংলাদেশে!

কাশবনে সেই শরৎ পাখির মজার খেলা
শিউলি ফুলে গন্ধ ঢালে সকাল বেলা।
কুসুম ঝরা পাপড়ি দেখো শিশির মাখা
এই কুসুমে বাংলাদেশের হৃদয় রাখা।

যখন শরৎ পাখনা খোলে, চেয়ে থাকি
তুমি কি সেই কোমল শরৎ দেখছো নাকি!
গা জুড়ানো শীতল হাওয়ায় শরৎ আসে
শিউলি তলায় দাঁড়িয়ে থাকে ফুলের পাশে।

নয়ন তারায় হাসবে শরৎ মুগ্ধ মনে
জুঁই জারুলে ফুটতে থাকে বনে বনে
ঝিংগে ফুলের হলুদ সুখে হৃদয় ঢালে
দোলন চাঁপায় দুলতে থাকে সাত-সকালে।

এই তো আমার শরৎ ঋতু শরৎ পাখি
এই শরতের বুকে আমার হৃদয় রাখি
তোমরা যারা শরৎ ঋতু ভালোবাসো
শিশির নিয়ে আসো আমার সঙ্গে আসো।

পা ভিজিয়ে হাত ভিজিয়ে ভেজাবো মুখ
নতুন দিনের কোমল আলো ঝরাবে সুখ
পদ্মফুলে ভোরের ভোমর ছড়াবে গান
আমরা তখন খুলে দেবো মনের বাগান।

সেই বাগানে মুক্ত শিশির ঝরবে এসে
শরৎ পাখি উড়বে তখন বাংলাদেশে।

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৪