Home Blog Page 166

নীল সবুজের গল্প

আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি, তোমরা সবাই অন্নেক ভালো আছো। দেখতে না দেখতেই ২০১৯ শেষ হয়ে ২০২০ চলে এলো। কেমন যেন খুব তাড়াতাড়িই বছরটা শেষ হয়ে গেল, তাই না? নতুন বছরের সুন্দর একটি পরিকল্পনা করেছ তো? এই বছরে নতুন কিছু শিখতে চাইলে, করতে চাইলে তার জন্য সুন্দর করে একটা পরিকল্পনা করে ফেলো। আব্বু-আম্মুর সাথে কথা বলে কোথায়ও ঘুরতে যেতে চাইলে তার পরিকল্পনাটাও করে নিতে পারো।

গত সংখ্যায় আমরা মানুষের ধারণার চাইতেও অনেক বিশ-শা-ল এবং ক্রমবর্ধমান মহাবিশ্ব নিয়ে কিছু জানার চেষ্টা করেছিলাম। তোমরা তো বুঝতেই পেরেছ, এই বিশাল সৃষ্টিজগতে আমাদের এই পৃথিবী আসলে অতিক্ষুদ্র একটি বিন্দু। কিন্তু যত ছোটই হোক, এই পৃথিবীই তো আমাদের বাসস্থান। তারচেয়েও বড় কথা এই ছোট্ট পৃথিবীর বৈচিত্র্যও কিন্তু যে কাউকে মন্ত্রমুগ্ধ করে দেয়। আমরা এইবারে আমাদের এই অনিন্দ্যসুন্দর পৃথিবী সম্পর্কে কিছু জানার চেষ্টা করবো।

ছোটবেলা থেকে আমাদের মনে একটা প্রশ্ন বেশ ঘোরাঘুরি করতো। আচ্ছা, এই যে আমাদের পায়ের নিচে মাটি, এই মাটি ভেদ করে পৃথিবীর অপরপ্রান্তে ওঠা যাবে? কত দিন লাগবে এভাবে ভেদ করে যেতে? আর গেলে কিইবা পাওয়া যাবে? এই প্রশ্ন আসলে বিজ্ঞানীদের মনেও জন্মেছিল বেশ আগে থেকেই। ১৯৭০ সালের ২৪ মে সোভিয়েত বিজ্ঞানীদের একদল যন্ত্রপাতি নিয়ে নেমে পড়লেন গর্ত করার কাজে। বিভিন্ন পর্যায়ে খনন কার্য করে তারা ১৯৯২ সালে কাজ থামাতে বাধ্য হন। কারণ খননকৃত শেষবিন্দুতে তাপমাত্রা তাদের ধারণাকৃত ১০০ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ততক্ষণে অবশ্য তারা পৌঁছে গেছেন ভূপৃষ্ঠ থেকে ৪০,২৩০ ফুট বা ১২.২৬ কিলোমিটার গভীরে। রাশিয়ার কোলা উপদ্বীপের কোলা সুপারডিপ বোরহোল নামের এই গর্তটিই এখন পর্যন্ত মানুষের খোঁড়া দীর্ঘতম গর্ত। কিন্তু এটা পৃথিবীর সেন্টারের ধারেকাছেও না। পৃথিবীর পৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত গভীরতা প্রায় ৬,৩৬০ কিমি। এ পুরুত্বটা মোটাদাগে তিনটি স্তরে বিভক্ত। এর বাইরের স্তর, যেটা ক্রাস্ট নামে পরিচিত, ৩৫-৪০ কিলোমিটার বিস্তৃত। এরপরের অংশ মেন্টাল, এটি এর পর থেকে ২,৮৯০ কিলোমিটার পর্যন্ত ব্যাপ্ত। এর পর থেকে সেন্টার পর্যন্ত বাকি অংশটাকে বলা হয় কোর। এই ভেতরের অংশের তাপমাত্রা সূর্যের মতোই গরম, প্রায় ৬০০০ ডিগ্রি সেলসিয়াস। সুতরাং বুঝতেই পারছো, অন্তত নিকট ভবিষ্যতে পৃথিবীর কেন্দ্র ভেদ করে অপর প্রান্তে যাওয়ার ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা ওয়েট, যদি সম্ভব হতো, তাহলে কেমন সময় লাগতো একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যেতে? এক্ষেত্রেও প্রায় ৪২ মিনিট ১২ সেকেন্ড সময় লাগতো বলে বিজ্ঞানীরা মনে করছেন। তোমাদের একটা সাইটের সন্ধান দেই। িি.িধহঃরঢ়ড়ফবংসধঢ়.পড়স সাইটে ঢুকে তুমি তোমার লোকেশন লিখলে তারা তোমাকে দেখিয়ে দেবে নিচের দিকে সোজা খুঁড়ে অপর পাশ দিয়ে বের হলে ঠিক কোথায় গিয়ে তুমি উঠবে। অন্য পাশের ওই জায়গাটিকে প্রতিপাদ স্থান বলা হয়। খুঁড়ে উঠতে না পারলেও এমনি দেখে তো নিতেই পারো তোমার বাসার নিচে পৃথিবীর ঠিক ওই পাশে কী আছে!

এই যে আমাদের নিচে পৃথিবীর অভ্যন্তর ভাগের কথা বলছি, তার উপরিভাগ, যেটার ওপর আমরা বসবাস করি, সেটা বেশ কিছু প্লেটে বিভক্ত। এগুলোকে টেকটোনিক প্লেট বলা হয়। এই টেকটোনিক প্লেটের কথা হয়তো তোমরা শুনে থাকবে। প্রায় ৫১০,১০০,০০০ বর্গকিমির পৃথিবীর সম্পূর্ণ উপরিভাগ এরকম ৭টি বড় (যেগুলোর আয়তন ২০ মিলিয়ন বর্গকিমির বেশি), ১৫-১৬টি মাঝারী (আয়তন ০১-২০ মিলিয়ন বর্গকিমি) এবং অনেকগুলো ছোট (০১ মিলিয়ন বর্গকিমির কম আয়তনের) অংশ নিয়ে গঠিত। এর মধ্যে আমাদের প্রিয় বাংলাদেশ ইন্ডিয়ান প্লেটে অবস্থিত। এই টেকটোনিক প্লেটগুলো যখন একটি অপরটির সাথে কোনো কারণে ধাক্কা খায়, তখন ওই ধাক্কা খাওয়া প্লেটগুলোর উপরিভাগ কেঁপে ওঠে, যাকে আমরা ভূমিকম্প নামে চিনি। আর জানোই তো, ভূমিকম্প এমন এক দুর্যোগ, ঘটার পূর্বে সিগন্যাল দিতে পারার মতো কোনো যন্ত্র এখনো আবিষ্কৃত হয়নি। ভূমিকম্পের মাধ্যমে নদীর গতিপথ পরিবর্তনসহ প্রকৃতিতে উল্লেখযোগ্য অনেক পরিবর্তন সাধিত হয়।

ভূমিকম্পের বিভিন্ন প্রভাবের মাঝে গুরুত্বপূর্ণ একটি হলো আগ্নেয়গিরি। টেকটোনিক প্লেটগুলোর একটির সাথে আরেকটির সংঘর্ষে ভেতরের ফুটন্ত তরল পদার্থগুলো ভূগর্ভ থেকে ওপরে উঠে আসলে তখন আগ্নেয়গিরির সৃষ্টি হয়। ফুটন্ত তরলগুলো, যেগুলোকে লাভা বলা হয়, বাইরে আসলে আস্তে আস্তে ঠা-া হয়ে শক্ত হয়ে যায়। তখন ধীরে ধীরে তা পাহাড়ের মতো উঁচু হতে থাকে। এই লাভায় যে কারো মৃত্যু অনিবার্য। কারণ সবচেয়ে কম উষ্ণ লাভাও ৬৫০ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি গরম হয়ে থাকে। কোনো জায়গায় আগ্নেয়গিরি সৃষ্টি হলে তার আশেপাশে বহু দূর পর্যন্ত জনবসতি তো বটেই, কোনো প্রাণের অস্তিত্বই থাকে না।

ছোটবেলা থেকে আমরা সবাই জানি, সাত মহাদেশ আর পাঁচ মহাসাগর নিয়ে আমাদের এই পৃথিবী। তবে পৃথিবীর সবাই কিন্তু এভাবে জানে না। এই যেমন আমরা ৫টি মহাসাগরের কথা পড়ি। অথচ অন্য আরেক হিসেবে মহাসাগর ৩টি। তাদের হিসেবে আর্কটিক বা উত্তর মহাসাগর আটলান্টিক মহাসাগরের মধ্যে। আর অ্যান্টার্কটিক বা দক্ষিণ মহাসাগর প্রশান্ত, আটলাটিক আর ভারত মহাসাগর এই তিনের মধ্যেই অন্তর্ভুক্ত।

এরপর চলি মহাদেশের ব্যাপারে। এক্ষেত্রে তো মতের ভিন্নতা আরো বেশি। চার, পাঁচ, ছয় আর সাত, মহাদেশের সংখ্যা নিয়ে এই সবগুলো মতো প্রচলিত। এর মধ্যে ৫ মহাদেশ তত্ত্বের আবার ৩ রূপ, ৬ মহাদেশ তত্ত্বের আছে ২ রূপ। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া আর অ্যান্টার্কটিকা, এই সাতটি নাম তো জানাই আছে তোমাদের। বাকিদের থেকে ভূখ- আলাদা থাকায় শুধু অস্ট্রেলিয়াকে সবাই একক মহাদেশ হিসেবে একবাক্যে মেনে নিয়েছে। বাকি সব মহাদেশ এক্ষেত্রে কিছুটা বিপাকেই আছে বলা যায়। চার মহাদেশ মতের লোকেরা এশিয়া, ইউরোপ আর আফ্রিকাকে একত্রে নাম দিয়েছে আফ্রো-ইউরেশিয়া। আর আমেরিকাকে একটি মহাদেশ হিসেব করে। সাথে অ্যান্টার্কটিকা তো আছেই। পাঁচ মহাদেশের পক্ষে তিনটি মত আছে। একদল আফ্রো-ইউরেশিয়ার মধ্যে আফ্রিকাকে আলাদা মহাদেশ হিসেবে বলে। দ্বিতীয় গ্রুপটি মানববসতি না থাকায় অ্যান্টার্কটিকা মহাদেশকেই মহাদেশ গণ্য করে না, এশিয়া, আফ্রিকা আর ইউরোপকে আলাদা মহাদেশ মনে করে, তবে আমেরিকাকে এক বলেই গণ্য করে।
তৃতীয় গ্রুপ আফ্রো-ইউরেশিয়াকে এক মনে করে, কিন্তু আমেরিকাকে উত্তর আর দক্ষিণ দুই মহাদেশ হিসেবে স্বীকৃতি দেয়। ছয় মহাদেশ মতাবলম্বীরা ইউরোপ আর এশিয়াকে এক করে ইউরেশিয়া বলে।
পৃথিবীর বিভিন্ন দেশে ওপরের বিভিন্ন মত প্রচলিত। তবে আমাদের মতো ৭ মহাদেশের কথাই বেশিরভাগ জায়গায় প্রচলিত। অলিম্পিক গেমস সম্পর্কে জানো তো নিশ্চয়ই। বাহারি রকমের শারীরিক কসরত আর দক্ষতা প্রদর্শনের মেলাই যেন বসে চার বছর পর পর। এই অলিম্পিক গেমসের লোগোতে পাঁচটি পরস্পর সংযুক্ত বৃত্ত দেখে কখনো এর অর্থ জানতে ইচ্ছে হয়নি? এ বৃত্তগুলো আসলে পৃথিবীর ৫টি মহাদেশকেই প্রতিনিধিত্ব করে। কারণ অলিম্পিক কমিটি ৫ মহাদেশ তত্ত্বের দ্বিতীয়টির অনুসারী।

তোমাদের কারো কারো মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, ওশেনিয়ার ব্যাপারে। মহাদেশ না হলে এটা কি আসলে? ওশেনিয়া শব্দটিও বিভিন্ন স্থানে বিভিন্ন কিছু বুঝায়। সর্বাধিক প্রচলিত মত হচ্ছে, ওশেনিয়া হলো প্রশান্ত মহাসাগরের একটি অঞ্চল, যাতে ছোট বড়ো অনেকগুলো দ্বীপ আছে। অস্ট্রেলিয়া মহাদেশও এর অন্তর্ভুক্ত। কোথাও কোথাও অবশ্য ওশেনিয়া মহাদেশ হিসেবেও পরিচিত। আরেকটি তথ্য, বর্তমানে একদল বিজ্ঞানীর মতে জিল্যান্ডিয়া নামে আরেকটি মহাদেশ আছে, যা এখনো সমুদ্রের নিচে। বর্তমান সময়ের নিউজিল্যান্ড ওই ভূমিরই উচ্চতম অংশ।

মহাদেশ বা কন্টিনেন্ট তো বুঝলে। সুপারকন্টিনেন্ট বা অতি-মহাদেশ কথাটা শুনেছ? না শুনলে আজ শোন। অনেকেরই ধারণা, প্যানজিয়া ছিল অতি মহাদেশ। পৃথিবীর সাতটি মহাদেশই তখন সংযুক্ত ছিল। এগুলো অবশ্য এখন থেকে ১৭৫ মিলিয়ন বছর আগের কথা। টেকটোনিক প্লেটগুলোর নড়াচড়ার কারণে ধীরে ধীরে মহাদেশগুলো বর্তমানের অবস্থানে এসেছে।

আমাদের অনেকের আত্মীয়স্বজনই দেশের বাইরে বিভিন্ন দেশে অবস্থান করে। তাদের সাথে কথা বলতে গিয়ে আমরা জানতে পারি, ওই দেশের সময়ের সাথে আমদের দেশের সময়ের বেশ একটা ফারাক থাকে। এই যেমন সৌদি আরবের চেয়ে আমাদের সময় ৩ ঘণ্টা এগিয়ে থাকে। আবার জাপানের সময় আমাদের চেয়ে ৩ ঘণ্টা এগিয়ে। তোমাদের অনেকের নিশ্চয়ই জানতে ইচ্ছা হয়েছে, কেন এমন হয়? কেন পুরো পৃথিবীতে একই সময় হয় না?

প্রতিদিন পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে তার নিজ মেরুরেখার ওপর আবর্তিত হচ্ছে। ফলে পূর্ব দিকে অবস্থিত স্থানগুলোতে আগে সূর্যোদয় হয়। পৃথিবীর আবর্তনের ফলে কোনো স্থানে যখন সূর্য ঠিক মাথার ওপর আসে তখন এ স্থানে মধ্যাহ্ন এবং ওই স্থানের ঘড়িতে তখন বেলা ১২টা ধরা হয়। এ মধ্যাহ্ন থেকে দিনের অন্যান্য সময় স্থির করা হয়। একে ঐ স্থানের স্থানীয় সময় বলা হয়। এ ব্যাপারে আরো ভালো করে জানার আগে তোমাকে অক্ষাংশ আর দ্রাঘিমাংশ সম্পর্কে জানতে হবে। পৃথিবীর মানচিত্র তো দেখছে। এটাকে একটা আস্ত গ্রাফ পেপার মনে করো। এটার ওপর নিচে অবস্থান বুঝার জন্য অক্ষাংশ আর পাশাপাশি অবস্থান বুঝার জন্য দ্রাঘিমাংশ। অক্ষাংশ আর দ্রাঘিমাংশের স্থানাঙ্ক জানা থাকলে পৃথিবীর যেকোনো স্থানের অবস্থান সহজেই নিখুঁতভাবে জানা যায়। আমাদের কাজ মূলত দ্রাঘিমার সাথে। ইংল্যান্ডের গ্রিনউইচ রয়েল অবজারভেটরির (যেটা গ্রিনউইচ মানমন্দির নামেও পরিচিত) ওপর দিয়ে উত্তর-দক্ষিণ পৃথিবীর মূল মধ্যরেখা কল্পনা করা হয়। এই জায়গাতে ধরা হয় ০ ডিগ্রি দ্রাঘিমা। এখান থেকে পূর্ব দিকে ১৮০ ডিগ্রি আর পশ্চিম দিকে ১৮০ ডিগ্রি করে মোট ৩৬০ ডিগ্রিতে পৃথিবীকে ভাগ করা হয়। একেক ডিগ্রির দুরত্ব হয় প্রায় ১১১ কিলোমিটার। আর ডিগ্রিপ্রতি সময়ের পার্থক্য হতে থাকে ৪ মিনিট করে। যেহেতু এত ছোট হিসেব করে সময় হিসেব রাখতে সমস্যা হবে, তাই প্রতি ১৫ ডিগ্রি দূরত্বে ১ ঘণ্টা করে পার্থক্য হিসেব করা হয়। এগুলোকে একেকটা টাইম জোন বলা হয়। ০ ডিগ্রি দ্রাঘিমার সময়কে ইউনিভার্সাল টাইম হিসেবে গ্রহণ করা হয়েছে, যা টঞঈ লিখে প্রকাশ করা হয়। এই যেমন বাংলাদেশের অবস্থান ৯০ ডিগ্রি দ্রাঘিমার দুই পাশে বিস্তৃত। তাই আমাদের দেশে সময় ইউনিভার্সাল টাইমের চেয়ে ৯০/১৫= ৬ ঘন্টা বেশি (টঞঈ+৬)। এক্ষেত্রে মনে রাখতে হবে অবস্থানাঙ্ক মূল মধ্যরেখা থেকে পূর্বে হলে ইউনিভার্সাল সময়ের সাথে সময় যোগ আর পশ্চিমে হলে সময় বিয়োগ করতে হবে। আয়তনে বড় হওয়ার কারণে স্বাভাবিকভাবেই অনেক দেশ একাধিক টাইম জোনে বিস্তৃত। এই যেমন পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া ১১টি টাইম জোনে বিভক্ত। অন্য দিকে আমাদের প্রতিবেশী ভারত বা চীন একাধিক টাইম জোনে হলেও তারা অফিসিয়ালি একটি টাইম জোনই ব্যবহার করে। পৃথিবী যেহেতু গোল, তাই পূর্ব-পশ্চিম দুই দিকে গিয়ে এই দ্রাঘিমা রেখা এক জায়গায় তো মিলিত হয়ই। ঐ জায়গাটিকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা। এই রেখাটি আন্তর্জাতিক পরিভ্রমণে দিন-তারিখের হিসেবে ব্যালান্স রাখার জন্য কাজ করে।

এবারের লেখায় আমরা ভূগোলের কিছু বিষয় সম্পর্কে জানলাম, যেগুলো ভবিষ্যতে তোমাদের বিভিন্নভাবে সহযোগিতা করবে। আজ তাহলে এখানেই শেষ করি। ভালো থেকো, ভালো রেখো।

অভিষেক সেঞ্চুরির ইতিহাস রচয়িতা আবিদ আলী

বিশ্বক্রিকেটে প্রতিনিয়ত ঘটে চলেছে নতুন নতুন রেকর্ড। কেউ রেকর্ড গড়ছেন আবার কেউ সেই রেকর্ড ভেঙে নতুন করে গড়ছেন। এই রেকর্ড ভাঙাগড়ার মাঝে এমন কিছু রেকর্ড তৈরি হয় যেগুলো একটু বেশি নাড়া বা দোলা দিয়ে যায়। তেমনি এক রেকর্ড সৃষ্টিকারী পাকিস্তানি ক্রিকেটার আবিদ আলী। তার সম্পর্কে কিছু জানতেই এবারের খেলার পাতায় থাকছে আয়োজন।

পাকিস্তানের বর্তমান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল-হক তখন জাতীয় দলের হয়ে খেলছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচকদের সমালোচনার কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেছিলেন, যে বয়সে ক্রিকেটাররা অবসরের কথা ভাববে পাকিস্তানে সেই বয়সে তাদের অভিষেক করানো হয়। ২৭ বছরে মিসবাহর এবং ২৮ বছর বয়সে টেস্ট অভিষেক হওয়া ইয়াসির শাহর জন্য কথাটি ছিল খুবই সত্য। সেই কথাটি ঠিক যেন মিলে গেল আবিদ আলীর সঙ্গেও। সম্প্রতি পাকিস্তান জাতীয় দলে তার অভিষেক হয়েছে ৩১ বছরেরও বেশি বয়সে।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে নেমেই ইতিহাসের পাতায় নাম লেখেন আবিদ আলী। গেল ২৯ মার্চ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেট ম্যাচে ক্যারিয়ারের অভিষেকেই সেঞ্চুরি করেন আবিদ আলী। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে ১৫তম ও পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে
তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড গড়েন তিনি। এর আগে ১৯৯৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে অভিষেকে সেঞ্চুরি করার রেকর্ড গড়েন সেলিম ইলাহি এবং ২০১৭ সালে সেই শ্রীলঙ্কার বিপক্ষেই অভিষেক ম্যাচে সেঞ্চুরি করেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম-উল হকের ভাতিজা ইমাম-উল হক।

ওয়ানডে ক্রিকেটের অভিষেক সেঞ্চুরিয়ান আবিদ আলী তার অভিষেক টেস্টেও দেখান ব্যাটিং কারিশমা। গত ১৫ ডিসেম্বর রাওলাপিন্ডিতে খেলা সেই অভিষেক টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেন তিনি। আর এরই মাধ্যমে প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে গড়েন এক বিশ^রেকর্ড। অর্থাৎ প্রথম কোনো পুরুষ ক্রিকেটার হিসেবে টেস্ট ও ওয়ানডে উভয় ফরম্যাটের অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করেন তিনি।
এর আগে ইংল্যান্ড নারী দলের ক্রিকেটার এনিড ব্যাকওয়েল প্রথম কোনো ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছিলেন। ১৯৬৮ সালের ডিসেম্বরে অ্যাডিলেডে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে টেস্ট অভিষেকে করেছিলেন সেঞ্চুরি (১১৩ ও ৩৭)। টেস্ট অভিষেকের কয়েক বছর পর ১৯৭৩ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক নারী একাদশের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় এনিড ব্যাকওয়েলের। সেই ম্যাচে ওপেন করতে নেমে ১০১ রান করে অপরাজিত থাকেন তিনি।

এছাড়া আরো একজন নারী ক্রিকেটার ১৯৭৩ সালেই একই কীর্তি গড়ে দেখিয়েছিলেন। তবে পুরুষদের ক্রিকেটে এতদিন এমনটি হয়নি। ১৫ ডিসেম্বর রাওলাপিন্ডিতে পুরুষ ক্রিকেটার হিসেবে অনন্য এই রেকর্ড গড়লেন আবিদ আলী।

তিনি রেকর্ডের সিঁড়িতে আরো এক ধাপ এগিয়ে গেলেন ঠিক পরের টেস্টে। শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরি পেয়ে যান আবিদ। ওয়ানডে এবং টেস্ট অভিষেকে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি। এবার ক্যারিয়ারের দুই টেস্টেই সেঞ্চুরি করে ঢুকলেন এলিট ক্লাবে। পাকিস্তানের হয়ে সাদা পোশাকের ক্যারিয়ারে এমন দুর্দান্ত শুরু আর কারো হয়নি। গত ২১ ডিসেম্বর ঘরের মাঠে করাচিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের তৃতীয় দিনে সেঞ্চুরি করেছেন আবিদ।

ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে সেঞ্চুরির কীর্তি আছে আরো আটজনের। আর প্রথম তিন টেস্টে টানা সেঞ্চুরির নজির আছে কেবল মোহাম্মদ আজাহারউদ্দিনের। অভিষেকের পর টানা দুই টেস্টে সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান ছিলেন অস্ট্রেলিয়ার উইলিয়াম পন্সফোর্ড। এরপর ওয়েস্ট ইন্ডিজের আলভিন কালিচরণ, অস্ট্রেলিয়ার গ্রেগ ব্লেওয়েট, ভারতের সৌরভ গাঙ্গুলি ও রোহিত শর্মা নিজেদের প্রথম দুই টেস্টে সেঞ্চুরি করেছেন। আবিদের আগে সর্বশেষ এই কীর্তি গড়েছিলেন নিউজিল্যান্ডের জিমি নিশাম।

পাকিস্তানি ব্যাটসম্যান আবিদের কাছে টেস্ট অভিষেকটা দুটি কারণে স্মরণীয় হয়ে থাকবে। একদিকে প্রায় ১০ বছর পর পাকিস্তানে ফিরেছে টেস্ট ক্রিকেট; অন্যদিকে সেই ঐতিহাসিক ম্যাচেই নিজের অভিষেকে রেকর্ড গড়ে ফেললেন তিনি।

সর্বশেষ (২৯ ডিসেম্বর) তথ্য মতে, আবিদ আলী পাকিস্তানের হয়ে ওয়ানডে ক্রিকেটে মাত্র ৪টি ম্যাচ খেলে ১টি সেঞ্চুরি ও ১টি হাফ সেঞ্চুরিসহ সংগ্রহ করেছেন ১৯১ রান। টেস্টে মাত্র ২টি ম্যাচ খেলে ২টি সেঞ্চুরিসহ করেছেন ৩২১ রান। এদিকে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলার কারণে সুযোগ মেলে জাতীয় দলে। তথ্য মতে, প্রথম শ্রেণির ক্রিকেটে ১০৭ ম্যাচে ২০টি সেঞ্চুরি ও ৩১টি হাফ সেঞ্চুরির সাহায্যে করেন ৭ হাজার ৩২৮ রান। লিস্ট ‘এ’ ক্রিকেটের ১০০ ম্যাচে ৬ সেঞ্চুরি ও ২৬টি ফিফটির সাহায্যে সংগ্রহ করেন ৩ হাজার ৬৬৩ রান। এছাড়া টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৪৪ ম্যাচে ২ ফিফটির সাহায্যে করেন ৭৫৯ রান।

হিম হিম শীত শীত

ছয়টি ঋতুর দেশ আমাদের এ দেশ। সুজলা, সুফলা, শস্য শ্যামল আমাদের সোনার বাংলাদেশ। আসলেই আমাদের দেশে সোনা ফলে।
হিম হিম শীত শীত নিয়ে আমাদের দেশের কবি সাহিত্যিকরা অনেক কবিতা লিখেছেন। শীতের উদ্ভিদ, শিশির বিন্দু, অস্থির নক্ষত্র, শীতের সেবা, শীতের চাদর, শীতের কার্ডিগান, শীতের ডেনিম শার্ট, ডেনিম প্যান্ট, ডেনিম বেল্ট, এমনকি ডেনিম জুতাও আছে। শীতের আগুন পোহানো তখন কী যে আকর্ষণ করতো। শীতের সকাল মুগ্ধ করে ফেলতো আমাকে, শীত ছিল সেখানে হাঁসের পায়ের মত নরম। কিন্তুু আজ বুঝি শীত কি নিদারুন, কী কষ্ট, শীতের মধ্যে কী একাকিত্ব, কী নিঃসঙ্গতা, শীতের দেশে যারাই থাকেন তারা ছাড়া শীতের এত অনুভব কেউ করতে পারে না। শীত নিয়ে একসময় কত যে রোমান্টিকতা ছিল, এখন শীতের বাস্তব রূপ দেখি। মনে হয় কোটি কোটি বরফ সমুদ্রের নিচে পড়ে আছে। বরফে ঢাকা চারদিক। বৃক্ষ সাদা, পথঘাট সাদা, পাহাড় সাদা, হৃদের জল, নদীর জল, কঠিন বরফ। বরফেই ছেয়ে আছে যেন আকাশ, সারা প্রকৃতি। এই বরফের পৃথিবীতে না থাকলে বোঝা সম্ভব নয় শীত কী, শীত কেমন। একদিন শীতকে মনে হতো কোমল মাধুর্যময়। আজ মনে হয় রুক্ষ কঠিন, যেন পাথর। মাটি নেই, তৃণ নেই, যতদূর চোখ যায় দেখি বরফবৃক্ষ, বরফবীথি। শীতকাল যে কত নির্জন নিঃসঙ্গতায় বিধুর হতে পারে। তা শীতের দেশে বাস করলেই কেবল অনুভব করা যায়।

মনে হয়, পৃথিবী জোড়া এখন শীতকাল। সবখানেই শীতের প্রকৃতি। শীতের এই সুদূর ভীষণ কঠোর তাড়না সবখানেই ঠা-া বরফ। পৃথিবী জুড়ে বোধহয় মানুষের বরফের মন আরো শীতল।

একটি ইংরেজি কবিতা পড়েছিলাম :
Blow, blow, thou winter wind.
Thou art not so unkind
এখন এই রূপ নিজের চোখে দেখতে পাচ্ছি। সিলভিয়া প্লাথ যে বছর গভীর দুঃখ বেদনা ও নিঃসঙ্গতায় আত্মহননের পথ বেছে নেন, ঢেউ ঢেউ হিউজের কাছ থেকে তখন তিনি দূরে।

সে বছর ইউরোপ-আমেরিকাজুড়ে ছিল প্রচন্ডতম শৈত্যপ্রবাহ, মানুষের জীবন দুর্বিষহ। তারই মধ্যে এই বেদনা কাতর কবি নিঃশব্দে আত্মহননের পথ বেছে নেন। শীত কি তাকে আরও নিঃসঙ্গ করে ফেলেছিল। আরও এলোমেলো, আরো উন্মাদগ্রস্থ, কে জানে ।

আমরা শৈশবে, কৈশরে কী মনোরম শীত দেখেছি। শীতের নরম রোদ, খেজুরের রস, পাটালি গুড়, ভাপা পিঠা, গোটা পিঠা, ভিজানো পিঠা, পিঠে পায়েসের গন্ধ, শীতের ফুল ভোলা যায় না।
শিমুল ফুলের কথাও ভোলা যায় না। আমার মনের মধ্যে শৈশবের সেই শীতকাল এখনো আছে। কী মনোরম শীত। শীত নিয়ে বাংলায় খুব বেশি কবিতা নেই। বুদ্ধদেব বসু শীতের কথা উল্লেখ করেছিলেন। শীত তার বইয়ের নামের মধ্যেও আছে।

শীতের গন্ধ পাওয়া যায় জীবনানন্দদাশের কবিতায়। এত স্পষ্ট, এত শীতের রূপ আর বোধহয় বাংলা কবিতায় তেমন চোখে পড়ে না। শীত ঋতু নিয়ে রবীন্দ্রনাথ মাত্র কয়েকটি গান লিখেছিলেন। আমি আমার কবিতা ও গানে শীত ঋতুকে অনুভব করার চেষ্টা করছি।
সেই শৈশবের শীতকাল, ভোরের রোদে বসে শীত শিহরণ, শীত উপভোগ, শীতের সবজি, শীতের উদ্ভিদ আমাদের বাল্য কৈশরের স্মৃতিতে জড়িয়ে আছে। আরো জড়িয়ে আছে, ভোরে ফজরের আযানের পূর্বে বাবার সাথে হোগরা টানতে যাওয়া (মাছ মারার এক প্রকার বাঁশের জাল) ডাকাতিয়া নদীতে।

সকালের ঘুম ভাঙতে চায় না। তারপরও বাবার আদেশে একসাথে পেককাদা হাটু পরিমাণ গড়িয়ে হোগরা টানতে যাওয়া। এই তীব্র শীতের মধ্যে।

শান্তি লাগতো তখনি যখন দেখতাম সরপুটি, শৈল, পাবদা, পুটি, টাকি ইত্যাদি মাছ ডুলা ভরে গ্যাছে। তখন ঠা-াটা তেমন আর লাগতো না।

যদিও তখন আমাদের দেশে শীত আরো তীব্র ছিল। শীতে প্রতি বছরই মানুষ মারা যায় সেই উত্তরবঙ্গে। সুকান্ত ভট্টাচার্য এই শীতপীড়িত মানুষের জন্য উত্তাপ চেয়েছিলেন।

আমি এখন বুঝি শীত কেমন দুঃসহ, মানুষ শীতে কত অসহায় হয়ে পড়ে, একা হয়ে পড়ে। শীতের দেশগুলোতে এক সময় মানুষের দুর্দশার শেষ ছিল না। শীতবস্ত্র সংগ্রহ করতে পারতো না সাধারণ মানুষেরা। এখন সেদিন নেই। এই বৈরী প্রকৃতি জয় করেছে শীতের দেশের মানুষ। এই কঠিন শীতের মধ্যেও সচল তাদের জীবন প্রবাহ, তাদের কর্মধারা। আমি জানতাম না জীবনের এক পর্যায়ে আমাকে শীতের দেশের নির্জনতা, একাকিত্বের মধ্যে জীবন কাটাতে হবে।

শেষ বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর একবার দুঃখ করে বলেছিলেন, এবার পশ্চিমে দেশে গিয়ে আমি গানের গলা হারিয়ে এসেছি। শীত মানুষকে বড় একা করে দেয়। শীতে সে বড় একা, সে বড় নিঃসঙ্গ, নির্জন, আমি আমাকে নিয়ে টের পেয়েছি, পাশে কেউ নেই। যারা এক সময় কাছে ছিল তারাও নেই। বছরের পর বছর শীত আসলে একা। বরফের নদীর মতো। এমন শীত আমি দেখতে চাইনি। পৃথিবী এই শৈত্য কাটিয়ে জেগে উঠবে। তার অবসাদ, তার নিদ্রা, তার আচ্ছন্নতা কেটে যাবে। মানুষের সেই আলোকিত জীবনের দিকে আমি তাকিয়ে আছি। পৃথিবীর ছিন্নমূল মানুষেরা তাকিয়ে আছে সবাই।

গুপ্তধন (পর্ব ৭)

(গত সংখ্যার পর)

সাত

কুসুমের বাবা যখন মারা যায় তখন ও সবে ক্লাস ফাইভে উঠেছে। বাবাই ছিল ওর জীবন। উঠতে-বসতে চলতে-ফিরতে বাবাকে ছাড়া ওর চলত না। বাবাও যেখানেই যেতেন মেয়েকে সাথে নিয়ে যেতেন। কদাচিৎ থানা সদর কিংবা দূরে কোথাও যাওয়ার দরকার হলে কুসুমকে সাথে না নিয়ে গেলে উঠোনে পা ছড়িয়ে এক দুপুর কাঁদত কুসুম। বাবা না ফেরা পর্যন্ত খাবার মুখে তুলত না। কারো সাথে কথা পর্যন্ত বলত না। মা বলতেন ঢং। আর কারো বুঝি বাবা নেই। বাবাকেও বকতেন। তুমি আদর দিয়ে দিয়ে মেয়েটার অবস্থা কি করেছ বুঝতে পারছো? ওকে তো একদিন শ্বশুরবাড়ি যেতে হবে নাকি? বাবা হাসতেন। পরক্ষণেই হয়তো মেয়েকে সাইকেলে চড়িয়ে বের হয়ে যেতেন রাস্তায়। কোন কাজে কিংবা অকাজে। সেই বাবা যখন দুদিনের জ্বরে হঠাৎ মারা গেলেন, কুসুম পাথর হয়ে গেল। মায়ের সাথে নানা বাড়ি গিয়ে কোনোভাবেই মন বসাতে পারেনি ও। এ বাড়িতে এসেও কেমন যেন ছটফট করত সারাক্ষণ। ওর কষ্টটা কেবল ওর সেজ চাচীই বুঝতে পেরেছিল। পরম মমতায় মেয়েটার কৈশোরে পা রাখার সময়টাতে পাশেপাশে ছিলেন তিনি।

বাবা মারা যাবার পর তার সাইকেলটায় হাত দিতে দেয়নি ও কাউকে। নিজের চেষ্টায় অল্পদিনের মধ্যে শিখে নিয়েছিল চালনা। তারপর থেকে যেখানেই যেত সাইকেলটাকে সাথে নিয়ে যেত। স্কুল নানাবাড়ি সব জায়গায় । সাইকেলটা নিয়ে বাইরে বের হলে কেমন যেন এক ধরনের সাহস পায় ও। মনে হয় বাবা আছেন সাথে। মাঝে মাঝে সাইকেলের সাথে একা একা কথাও বলে কুসুম, তবে সেটা খুবই ব্যক্তিগত পর্যায়ে। বাবা মারা যাওয়ার পর বছরখানেকের মধ্যে কুসুমের মা আবার বিয়ে করেন। সেখানে ওর দুটো ভাইবোন আছে। নতুন বাবাকে ওর পছন্দ নয়। তবে ভাইবোনদের জন্য মায়া আছে। মাঝে মাঝে ভাইবোনদের জন্য এটা সেটা কিনে নানাবাড়ি রেখে আসে কুসুম।

কেমিস্ট্রি বরাবরই দুর্বোধ্য লাগে কুসুমের কাছে। সায়েন্সের সাবজেক্ট কয়টার জন্য যদি বাসায় টিচার পাওয়া যেত এই ক’মাসের জন্য, মানে এসএসসির আগ পর্যন্ত, খুব উপকার হত কুসুমের। নানা ভাইকে বললে হয়তো ম্যানেজ করে দেবেন কিন্তু নানা ভাইয়ের হাতের অবস্থা জানা আছে কুসুমের। দুর্বোধ্য ইকোয়েশনগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখে জল এসে গেল ওর। সে জল গড়িয়ে রসায়ন বইয়ের লবণ জলের দ্রবণের সংকেতের ওপর পড়তে পড়তে পেছন থেকে জাপ্টে ধরলো এষা।
– আপু, তুমি কাঁদছো? মাশাআল্ল­াহ! কী সুন্দর লাগে তোমাকে কাঁদলে! আচ্ছা তুমি কাঁদো না কেন সব সময়? পেছন থেকে কুসুমের ভেজা গালে চুমু খেতে খেতে এষা বললো, কী হয়েছে আপু? আয়রন লেডি! আমি ভাবতেই পারছি না যে তুমি কাঁদতে পারো। হেসে ফেলল কুসুম।
– সব সময় শুধু দুষ্টুমি, তাই না?
– মোটেও না। এই দেখো পত্রিকাটা। সপ্তাহে একদিন নানাবাড়িতে পত্রিকা আসে। দেশের সবচেয়ে জনপ্রিয় দৈনিকটি। নানা ভাইয়ের পড়া হয়ে গেলে এষা বসে পেপারটা নিয়ে। এই খবর সেই খবর বিনোদন বিজ্ঞপ্তি কিছুই বাদ দেয় না। পড়তে পড়তে ওর চোখে পড়েছে বিজ্ঞপ্তিটা। বিজয় দিবস উপলক্ষে আন্তঃজেলা সাইক্লিং অ্যান্ড স্কেটিং কম্পিটিশন-এর বিজ্ঞপ্তিটি। হেসে ফেললো কুসুম। এই সাইকেল দিয়ে? এটাতো আমার বাবার বয়সী। এই সব কম্পিটিশনে যারা অংশ নেয় তাদের থাকে রেসিং সাইকেল। সবচেয়ে কমদামিটারও ২০ থেকে ২৫ হাজার টাকা দাম। দমে গেল এষা। তবু হাল ছাড়লো না। একবার দিয়েই দেখো না আপু। আমার কেন যেন মনে হচ্ছে, মেয়েদের বিভাগে তোমার চেয়ে ভালো সাইকেল চালাতে পারে এমন মেয়ে পুরো রাজশাহী বিভাগে নেই।

দুপুর গড়িয়ে গেলে বাড়ি ফিরল ইফতু। কখন বাসে উঠেছে কখন নেমেছে কিছুই জানতে চাইলো না কেউ ওর থেকে। যেন এর থেকেও অনেক গুরুত্বপূর্ণ কথা জমা হয়ে আছে ওকে বলার জন্য সবার। বাড়ির সবার জন্যই কমবেশি উপহার পাঠিয়েছেন বাবা। চকলেট চুলের ক্লিপ কিংবা কলমের মতো ছোট খাটো উপহার। কেবল এষার উপহারটা দেখে সবার চক্ষু চড়কগাছ। এষা স্বপ্নেও ভাবতে পারেনি এমন একটা উপহার ওর কপালে জুটবে। একজোড়া স্কেটিং সু । জুতো জোড়া বুকের সাথে চেপে ধরে আনন্দে কেঁদে ফেলল এষা।
– এটা কিনতে গিয়ে নির্ঘাত তোর বাবাকে মোটা অঙ্কের ঋণ করতে হয়েছে, বললেন মা। মায়ের বিষণœতা আর অস্থিরতার ওষুধ এখন ওর হাতে, ভাবছে ইফতু। একটু সময় নিয়ে সবার অগোচরে মার হাতে তুলে দিলো বাবার চিঠিটি।
দুপুরে খেয়ে দেয়ে ছাদে উঠে সাজিদকে পেলো ইফতু।
Ñ ঠিক এই মুহূর্তে চারজনের একটা মিটিং ডাকা জরুরি, ইফতুকে নিয়ে রুমে ঢুকতে ঢুকতে বলল সাজিদ। ইফতুরও তাই মনে হচ্ছে । কিন্তু কুসুম আপুর তো সন্ধ্যার আগে বের হওয়া বারণ। আর সন্ধ্যার পর মেয়েদের ছাদে ওঠাতেও নিষেধাজ্ঞা আছে।
– এই কয়দিনের আপডেট কী? জানতে চাইলো ইফতু।
– তেমন কিছু না, তবে কুসুম আপু আর এষা মিলে তোমার উর্দু ফরমানটার বেশ কয়েকটা অনুবাদ করেছে। সেগুলো নিয়ে আমিও অনেক ভেবেছি। মনে হচ্ছে এই তথ্যগুলো কোনো একটা গুপ্তধনের পাসওয়ার্ড। আমি নিশ্চিত।
ইফতু দেখল কাগজগুলো। কুসুম আপুর কাজ অনেক গোছালো। এষার থিংকিং ও বেশ ভালো। মোট তিনটা স্ক্রিপ্ট তৈরি করেছে ওরা। প্রথমটায় উর্দু ও ফার্সি শব্দগুলোর সরল অনুবাদ। দ্বিতীয়টায় টেকনিক্যাল শব্দগুলোর সম্ভাব্য অর্থ এবং তৃতীয় স্ক্রিপ্টে সংকেত এবং কোডগুলো ভেঙে বাক্যে রূপান্তর এবং একটা সম্ভাব্য নির্দেশিকা তৈরি। তৃতীয় কাগজটার চেহারা মোটামুটি এই রকম

‘পরম করুণাময় অসীম দয়ালু আল্ল­াহর নামে শুরু করছি।
দরুদ ও সালাম নবী মুহাম্মদের সা: প্রতি যিনি আমাদের পথ দেখিয়েছেন। মোঘল সা¤্রাজ্যের মহান স্থপতিকেও স্মরণ করছি। এই বিপ্ল­বের মাধ্যমে যেন সমুন্নত হয় শেষ স্বাধীন নবাবের মসনদ।
১২৩২৭ ৬২০৫।’
আজ থেকে ১৬০ বছর আগের লোকজন কি তালা ব্যতীত অন্য কিছুর মাধ্যমে লক করা এবং চাবি ছাড়া লক খোলার কৌশল জানতো? ইফতু শুন্যে ছুড়ে দেয় প্রশ্নটা।
– আমি সে কথাই ভাবছি, বললো সাজিদ। পাজল কিংবা ক্যাপচা কি আবিস্কার হয়েছিল তখন?
নতুন স্কেটিং সু পেয়ে এষা যেন বাতাসে ভাসছে। ছাদে উঠেই পায়ে সু লাগিয়ে তিন-চারটা চক্কর দিয়ে নিলো। দরজা খুলে ছাদে এসে দাঁড়াল সাজিদ। পঞ্চম চক্করে ওকে অতিক্রম করার সময় সাজিদ বলল,
– মেয়েদের রাতের বেলা ছাদে আসা বারণ।
– তবে হিজড়াদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা বলবৎ নয়, তাই না? প্রজাপতির পাখায় ভর করতে করতে বলল এষা। রসিকতাটা গায়ে মাখলো না সাজিদ।
– তাই বুঝি ওপরে এলে? বলে পাল্টা খেতাব লাগিয়ে নিচে নেমে গেল সাজিদ। পায়ে চাক্কাওয়ালা জুতো নিয়ে ইফতুদের দরজায় এসে দাঁড়ালো এষা। কুসুমের একটা চিরকুট ইফতুর হাতে ধরিয়ে দিয়ে বললো, মা’র কী হয়েছেরে ভাইয়া? মানে আম্মু তো এখন আর মাটির পৃথিবীতে নেই। রীতিমতো বাতাসে ভাসছেন।
– ঠিক তোর মতো, না রে?
– এক্সাক্টলি! কিন্তু আম্মুর স্কেটিং সু টা যে কী, তা বুঝতে পারছি না। কথায় কথায় হেসে লুটিয়ে পড়ছেন। রাতের খাওয়া হয়ে যাওয়ার পরও বেশ কয়েকবার খাওয়া অফার করেছেন আমাকে। অকারণে তিনবার গাল টিপে আদরও করেছেন। ওপরে ওঠার আগ মুহূর্তে দেখলাম আম্মুর হাতে ট্রলি ব্যাগ। আমাকে ডাক দিলেন। চুলের বেণিটা ঠিক করে দিতে দিতে বললেন, তোদের দুজনকে এখানে রেখে কদিনের জন্য যদি অন্য কোথা থেকে ঘুরে আসি, খুব কষ্ট হবে তোদের? কোথায় যাবে মা? হঠাৎ এত উতলা হলো কেন বলতে পারো ভাইয়া?
– ওষুধে কাজ দিয়েছে, বলল ইফতু।
– মানে?
– হুম! বাবার চিঠি। অনেক অশ্রু আর অনুরাগ নিয়ে লেখা এই চিঠি।
পরদিন কাকডাকা ভোরে ঢাকার উদ্দেশে রওনা দিলেন মা। একটা রাত কোনোমতে পার করেছেন। আর এক মুহূর্তও যেন তাকে আটকে রাখা যাবে না। এষা যেন আকাশ থেকে পড়লো।
– কোথায় যাচ্ছ মা ? বাবার মেসে? মায়ের কথাটা অবলীলায় মাকে ফিরিয়ে দিলো ও। একরাশ লজ্জায় কাঁচুমাচু হয়ে গেলেন মা। মনে হলো বাবা মা তো নয় যেন একটা অবুঝ খুকি আর একজন আবেগী খোকার সাথে বসবাস ওদের। এর থেকে এষা আরও ঢের পরিণত।

চলবে…

অতিথি পাখি

দূর দেশ সাইবেরিয়া অতিথি পাখির দেশ,
শীত ঋতুতে ঠা-া পড়ে কঠিন পরিবেশ।
জীবন বাঁচার লড়াই করে শুভ্র ফুলে ফুলে,
বাংলাদেশে পাড়ি জমায় নদীর কূলে কূলে।

কী অপরূপ থরে থরে অতিথি পাখি এলো,
নদীর কূলে পাখির মেলায় সবই ভরে গেলো।
চললো গুলি উড়লো খুলি পাখি হলো শেষ,
দুখে হৃদয় মনটা কাঁদে কেমন আমার দেশ?

কী অপরাধ ওই পাখিদের নিধন কেন করো,
শীতের ভয়ে এই দেশে সব হয়েছিল জড়ো।
ঋতুর শেষে নিজের দেশে ফিরতে ওদের দাও,
পাখ-পাখালি সবার তরে মুহাব্বত বিলাও।

শুভ সকাল

পাখিগুলো কিচিরমিচির
গান ধরেছে উল্ল­াসে,
পাপড়িগুলো মুক্ত হেসে
সুবাস ছড়ায় ফুলবাসে।
টুপটুপিয়ে শিশির ফোঁটা
দিচ্ছে ধুয়ে ঘাসগুলো
রঙিন আলোর পরশ পেয়ে
চিকমিকিয়ে হাসছিল।
শাপলাফোটা বিলের ধারে
বকের সারি চুপ করে
তিড়িং বিড়িং যেইনা পুঁটি
ওমনি ধরে গুপ করে।
শিরশিরে গান পাগলা হাওয়া
দৌড়ে এসে হাত ধরে,
ঝাড়া দিয়ে বলে আমায়
দেখছ কি সব হাঁ করে।
আনমনা চোখ লজ্জা পেয়ে
যেইনা ছাদে তাকালো,
শুভ সকাল শুভ সকাল
ফিঙেটা মুখ বাঁকালো।

শিক্ষার্থী
সরকারি বি এল কলেজ, খুলনা