Home Blog Page 167

কম্পিটিশন

প্রতিদিন দুই বেণী করে বাবার মোটরসাইকেলে চড়ে স্কুলে আসা মেয়েটার আসল নাম সামিরা। পড়ে ক্লাস থ্রিতে। ক্লাস টু থেকে থ্রিতে উঠে বিশালসংখ্যক ছাত্রীর সাথে কম্পিটিশন করে সরকারি গার্লস স্কুলে অ্যাডমিশন নিয়েছে। এর আগে সে একটা কিন্ডারগার্টেন স্কুলে পড়ত। নতুন স্কুলে গিয়েই ওর নাম পাল্টে ফেলেছে। ওর কাছে মনে হয় সামিরা নামটা গ্রাম্য নাম। তাই সামিরা উল্টে নাম রেখেছে রামিসা। এতেই নামটা বেশ আধুনিক হয়ে যায় বলে মনে হয়েছে তার।
রামিসার পড়াশোনার থেকে খেলাধুলাতেই বেশি আগ্রহ। ভর্তি পরীক্ষার পড়াশোনার চাপে খেলাধুলা প্রায় ভুলেই গেছে। ভর্তি পরীক্ষার মেধা তালিকা অনুযায়ী ক্লাসে তার রোল নম্বর হয়েছে সাঁইত্রিশ। এখন জানুয়ারির প্রথম দিকেই শুরু হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। খেলাধুলা ভুলতে বসায় এ নিয়ে রামিসার খুব টেনশন। মা বলেন, পরীক্ষার সময় টেনশন করো না, খেলার সময় এতো টেনশন কেন?
দেখতে দেখতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলে এলো। দৌড় প্রতিযোগিতায় বাছাইয়ে টিকতে পারলেও চূড়ান্ত প্রতিযোগিতায় আর পুরস্কার জিততে পারল না। কারণ প্রথম দৌড় দিয়েই তার সে কী পায়ে ব্যথা! পরের দিন শুক্রবার বলে রক্ষা। তেল মালিশ করে, গরম পানির সেঁক দিয়ে তবে ব্যথা কমলো। শনিবারে হলো ব্যাঙলাফ। এতে এগারো জনের মধ্যে বাছাই পর্বে চারজন নেয়া হলো। কোনোরকম চতুর্থ হয়ে রামিসা চূড়ান্ত খেলায় অংশগ্রহণের সুযোগ পেল। ফাইনাল কম্পিটিশনে সে পুরস্কার জিততে খুব মনোযোগ দিয়ে খেলল। মনে মনে আল্ল­াহর কাছে দোয়াও করতে থাকল। আগের স্কুলে ছাত্র-ছাত্রী কম থাকায়ই মনে হয় রামিসা সব সময় পুরস্কার জিতত। আজ যে কী হবে! শেষ পর্যন্ত সে অবাক হয়ে লক্ষ করল, সে প্রথম হয়ে গেছে! তারপর রামিসার খুশি আর দেখে কে? এই স্কুলে কম্পিটিশন বেশি বলে অনেক কষ্টে হলেও সে পুরস্কার জিতেছে। রামিসার মনে হল, একটু কষ্ট করলে পড়াশোনায়ও আগের স্কুলের মতো প্রথম হওয়া নিশ্চয়ই অসম্ভব হবে না।

পঞ্চম শ্রেণি, সরকারি অগ্রগামী বালিকা
উচ্চবিদ্যালয়, সিলেট

শীতের ছবি

সকালটা কুয়াশায় চারপাশ ঢেকে যায়,
আমাদের খুকুমণি দৃশ্যটা এঁকে যায়;
তাড়াতাড়ি জলদি
রং করে হলদি
হয়ে যায় ছবিটা, সর্ষের ফুল যে
হিমহিম কুয়াশায় ভিজে নদী-কূল যে…

আঁকে খুকু রসে ভরা খেজুরের হাঁড়িও
পাখিদের আনাগোনা, কুঁড়েঘর-বাড়িও…
ছোট-বড় গাছ রা
পুকুরের মাছ রা
ফুল-পাখি, লতা-পাতা, করে গীত-গীত রে;
হিমহিম কুয়াশায় এলো শীত-শীত রে।

জনাব আলী সরকারি কলেজ
বানিয়াচং, হবিগঞ্জ

স্বপ্নের ছবি আঁকা

ভোরবেলাতে একটি পাখি
কিচির মিচির ডাকে,
ছোট্ট দিদি সেই ছবিটা
স্বপ্ন দিয়ে আঁকে।
এঁকেছে এক বিশাল নদী
নদীর পাড়ে ঘর,
ঢেউয়ে ঢেউয়ে যাচ্ছে ভিজে
বাড়ির পাশের চর।
কৃষক মাঠে করছে কাজ
রাখাল বাজায় বাঁশি,
মাঠে মাঠে সোনার ধান
চাষির মুখে হাসি,
তাইতো আমি এই দেশকে
বড্ড ভালোবাসি।

অষ্টম শ্রেণি
হাশেমিয়া মাদরাসা, কক্সবাজার

শীতের সকাল

দূর্বা ঘাসে শিশির হাসে
শীতের সকাল বেলা
মিঠে রোদ পরশ বুলায়
আলো ছায়ার খেলা।
উঠানে বসে জটলা করে
শীতের পোশাক পরে
গরম গরম ভাপা পিঠা
খায় আয়েশ করে।
টইটম্বুর রসের হাড়ি
পেড়ে আনে বাড়ি
খোকা খুকি ক্ষণে ক্ষণে
স্বাদ নেয় তারই।

কেমনে কাটাই শীত

বাপরে কেমন শীত,
মাংস কাঁপে হাড়ও কাঁপে
কাঁপে শরীর ভীত।

একটুকু এক পোশাক টানি
ছিঁড়ে-ফেঁড়ে হাতে আনি
তবুও শীত কেমন করে
হয়ে গেলো জিত।

আমার মত পাশে কে যে
ছেঁড়া জামায় আছে সেজে
তার দেহটা শীতের চাপে
বর্ণ হলো পীত।

আমরা যারা পথের ছেলে
ময়লা ছেঁড়া পোশাক মেলে
তোমরা তখন উলের ওমে
কেমনে করো গীত!

অতিথি পাখি

তমাল, হিমেল আর অপু তিন বন্ধু। তিন জনেই ক্লাস ফাইভে পড়ে। তমাল প্রকৃতিপ্রেমী ছেলে। প্রকৃতির সকল জিনিসের প্রতি তার ভালোবাসা অনেক। তমাল বেশ কিছু দিন ধরে একটা বিষয় নিয়ে খুব ভাবছে। মনে মনে বলছে আজ বিকেলেই হিমেল ও অপুকে আমার ভাবনার কথা জানাতে হবে। তমাল তার বন্ধুদের নিয়ে বিকেলে নদীর পাড়ে গেল। তখন নদীর পাড়ে ও গাছগাছালিতে ছিল অনেক রকম পাখি। তমাল হাত ইশারা করে পাখিগুলো হিমেল ও অপুকে দেখিয়ে বলল, দেখ দেখ কী চমৎকার পাখি। আজ তোদের পাখির গল্প বলতেই নদীর পাড়ে নিয়ে এলাম। হিমেল আর অপু অবাক হয়ে পাখিদের দেখছে আর তমালের কথা শুনছে।

অপু বলল, হ্যাঁ সত্যিই তো! অনেক সুন্দর পাখি! কিন্তু এই পাখিগুলো তো আগে দেখিনি। হঠাৎ কোথা থেকে এলো এতগুলো পাখি? তমাল বলল, সেই কথা বলতেই তো এলাম তোদের কাছে। মন দিয়ে শোন, ওরা হলো অতিথি পাখি। শীতকালে পাখিরা দল বেঁধে আমাদের দেশে আসে আশ্রয়ের জন্য। খাদ্যের সন্ধানে বহু পথ অতিক্রম করে পাখিরা আসে। পাখি হলো প্রকৃতির সৌন্দর্য। কিন্তু দুঃখের কথা হলো আমরা লোভী মানুষ অতিথি পাখিদের শিকার করে পেটের ক্ষুধা মেটাই। যে পাখিগুলো এত এত পথ অতিক্রম করে সামান্য খাবারের জন্য আমাদের দেশে আশ্রয় নেয়, সেই পাখিদেরকে মানুষ শিকার করে বাজারে বিক্রি করে। আমরা তিন বন্ধু আজ থেকে অতিথি পাখির পাশে দাঁড়াবো। কেউ পাখি শিকার করতে এলে তাদের আমরা পাখি সম্পর্কে বলবো। অতিথি পাখির খাদ্যের ব্যবস্থা করব। তমালের কথা শুনে হিমেল ও অপু বলল, তাহলে তাই হবে। আমরা অতিথির পাখির যথেষ্ট খেয়াল রাখবো এবং যারা পাখি শিকার করে তাদেরকে এই জঘন্য কাজ থেকে ফিরিয়ে আনব। তমাল, হিমেল ও অপু পরদিন সকালে নদীর পাড়ের গাছগুলোতে খড়কুটা ও বন দিয়ে অনেকগুলো বাসা বেঁধে দিলো। পাখিরা যেন আরাম করে থাকতে পারে। তিনজন মিলে পাখিদের খাবার সংগ্রহ করতে শুরু করলো। প্রতিদিন বিকেলে নদীর পাড়ে ধান ছিটিয়ে দেয় আর পাখিগুলো খাবার দেখে মনের খুশিতে খেতে আসে। তমাল হিমেল ও অপু পাখিদের আনন্দ দেখে তারাও খুব আনন্দিত হয়। একদিন সকালে হঠাৎ অপুর চোখে একদল লোক পড়ল তারা পাখি ধরার পরিকল্পনা করছে। তাদের পেশাই হলো পাখি শিকার করে বাজারে বিক্রি করা। পাখি বিক্রি করেই তাদের জীবিকা নির্বাহ হয়। অপু হিমেল ও তমালকে ব্যাপারটি জানিয়ে দিলো। তিনজন দৌড়ে ছুটে গেল শিকারিদের কাছে। তমাল অচেনা লোকদের জিজ্ঞেস করলো, চাচা আপনারা কি পাখি শিকার করতে এসেছেন? এক লোক জবাবে বলল, হ্যাঁ, আমরা পাখি শিকার করে বাজারে অনেক দামে বিক্রি করি। তারপর তমাল বলল, চাচা কোন সময়ে পাখি বেশি শিকার করেন। উত্তরে শিকারি বলে, শীতকালে অনেক পাখি পাওয়া যায়। তমাল এই উত্তরটা শোনার জন্যই প্রশ্নগুলো করছিল। আচ্ছা আপনারা কি জানেন শীতকালে পাখি বেশি হওয়ার কারণ কী? মাথা নেড়ে না সূচক জবাব দিলো শিকারির দল। তমাল বলল, শীতকালে বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে পাখিরা আসে নিরাপদ আশ্রয়ের জন্য। এদের বলা হয় অতিথি পাখি। পাখিরা জীবন বাঁচাতে আমাদের দেশে আশ্রয় নেয়। একটু সুন্দর চোখে চেয়ে দেখেন তো, প্রকৃতিকে কত সুন্দর করেছে পাখিরা। এত কষ্ট করে পাখিরা খাবারের সন্ধানে আমাদের দেশে আসে আর আমরা পাখিদের হত্যা করে খাবারের টেবিলে আনি। তা কি আমাদের ঠিক? শিকারিরা বলে, না না এটা আমরা ঠিক করি না। আমরা কোনো দিন পাখিদের নিয়ে এইভাবে ভাবিনি যেভাবে তুমি আমাদের ভাবিয়েছ। আজ থেকে আমরা আর পাখি শিকার করবো না। পেশা হিসেবে অন্য কাজ বেছে নেবো। শুধু তাই নয় আমরা অন্য শিকারিদের ও শিকার করা থেকে ফিরিয়ে আনবো। তমাল হিমেল ও অপুর প্রতি শিকারি লোকেরা অনেক খুশি হলো, আর বলল, সত্যই তোমরা খুব সুন্দর মনের মানুষ আমাদের জঘন্য কাজ থেকে ফিরিয়ে আনলে। তোমাদের পুরস্কৃত করা উচিত। এত ছোট তোমরা কিন্তু তোমাদের ভাবনা কত সুন্দর। সেই দিনের পর থেকে ওরা পাখি শিকার ছেড়ে দিলো। এমনকি কাউকে শিকার করতে দেখলে বাঁধা দেয়া শুরু করলো। তমাল হিমেল ও অপু এভাবেই অতিথি পাখিদের প্রতি তাদের ভারোবাসা পূর্ণ করলো।
শিক্ষার্থী, বানিয়াচং, হবিগঞ্জ