রাহা খুব লক্ষ্মী মেয়ে । কারো সাথে কোন ঝগড়া নেই । অভিমান আবদার নেই।
কিন্তু রাহা হঠাৎ এমন গোসসা করে বসল কেন ?
রাহাকে তার প্রিয় বারবিকিউ চানাচুর সেঁধেও যখন কাজ হলো না, তখন রাহার আম্মু বেশ গম্ভীর হয়ে গেলেন ।
ঠা ঠা দুপুরে পেয়ারা গাছের মগডালে উঠে বসে আছে রাহা । চোখের পানি শুকিয়ে গেছে । তবে ঠোঁট ফুলিয়ে গোঙানিটা এখনো সমানে চলছে । গাছ থেকে পা ফসকে পরে যাওয়ার আশঙ্কায় বাড়ির সবাই তাকে এটা সেটা বলে নেমে আসার অনুরোধ করে । তবুও নামছে না রাহা।
আজ তার মন খুব খারাপ । তাই সবার সাথে তার আড়ি । কঠিন আড়ি।
অন্যদিন এই সময়টায় কত হৈ হুল্লোড় আর ছুটোছুটি করে বাড়ি মাতিয়ে রাখত। তার প্রিয় লাল মোরগটা আজ তার বাবা নির্দয়ভাবে জবাই করে। দৃশ্যটা চোখে ভেসে আসতেই যেন তার ছোট্ট বুকটা বেদনায় মুষড়ে যায় । উঁ.উঁ. .উঁ… শব্দে রাহার বুক ভরা অভিমান চোখে বেয়ে ঝরছে ।
সেই ছোট্ট ছানা থাকা অবস্থায় লাল মোরগটা তার খুব প্রিয়। মা মুরগীর ফোঁপানি, তেড়ে আসা অগ্রাহ্য করে কতবার হাতের তালুতে নিয়ে আদর করেছে , তার ইয়াত্তা নেই । আদর করে সে ছানাটাকে লালু বলে ডাকত । উঠোনে যখন-তখন এটা ওটা ছিটিয়ে খেতে দিত । আস্তেআস্তে গায়গতরে বেড়ে ওঠে লালু ।
আজ সকালে যখন সবাই দৌড়াদৌড়ি করে লালুকে ধরছিল , তখন সে গলা ফাঁটিয়ে চিৎকার করেছে– যা লালু , দৌড় দৌড় ! পালা পলা । তোকে মেরে ফেলবে , পালা …।
কিন্তু চতুর্মুখী ফাঁদে ধরা পরে যায় লালু ।
চাকু হাতে যখন তার বাবা আর ভাই মিলে জবাই করার জন্য নিয়ে যাচ্ছিল তখন আছাড়ি বিছাড়ি করে কেঁদেছিল রাহা ।
কিছুক্ষণ পরে দেখে, বাবার হাতে নিথর প্রাণহীন লালুকে । সেই থেকে কেঁদে কেঁদে ক্লান্ত রাহা । টুপ করে উঠানের পিয়ারা গাছের মগডালে চড়ে বসে । খাওয়া দাওয়া বন্ধ ।
এমনকি বাবা-মা’র সাথেও আড়ি দিয়েছে সে। শক্ত আড়ি। এটা রাহার মৌন প্রতিবাদ।
লাল মোরগটা জবাই না করে অবশ্য উপায়ছিল না রাহার বাবার । কারণ তার ছোট শ্যালক রাত বারোটায় যখন ফোন দিয়ে বলল–
: দুলাভাই, কাল সকালে আপনার বাসায় যাচ্ছি । কিছু জরুরী পরামর্শ আছে বুবু আর আপনার সাথে ।
শহরতলির একমাত্র হাট রাত এগারোটার মধ্যেই গুটিয়ে যায় । ছোট শ্যালক– বড় কুটুম বলে কথা !
উপায়ান্তর না পেয়ে লালুকে জবাই করে রাহার বাবা । তবে রাহা যে এমন পতিক্রিয়া দেখাবে তা মোটেই ভাবেননি তিনি ।
এদিকে রাহার ছোট মামাও আসতে দেরি করছে । আশার কথা হল রাহা তার ছোট মামাকে বেশ সমীহ করে । গলায় গলায় মামা ভাগনির অনেক কথা, অনেক খুনসুঁটি ।
রাহার ছোট মামার আসতে দুপুর হয়ে গেল । এসেই সে তার প্রিয় ভাগনির খোঁজ করেন । সবিস্তারে শুনে তিনি রাহার আব্বু আম্মুকে বেশ বকলেন। বললেন —
: তোমারা কাজটা ঠিক করোনি বুবু । ছোট বাচ্চারা খুবই সেন্সিটিভ হয় । তাছাড়া শিশুদের সামনে কখনোই বিভৎস কিছু করা ঠিক না । যেমন : পশু জবাই, মারামারি, খুনোখুনি ইত্যাদি ।
ছোট মামা এবার পেয়ারা গাছের তলায় গিয়ে তার প্রিয় ভাগনিকে নেমে আসার জন্য বললেন ।তার প্রিয় খাবার, খেলনাগুলোর লোভ দেখিয়েও কাজ হলো না ।
কাঁদো কাঁদো গলায় রাহা বলল তোমরা আমার লালুকে নিয়ে আস, নাহলে আমি নিচে নামবো না… !
ছোট মামা দীর্ঘশ্বাস ছাড়লেন । অনেক পথ জার্নি করার জন্য তিনি ক্লান্ত ছিলেন । তাই গোসল ও হালকা নাস্তা সেরে নিলেন ।
বাইসাইকেলে টুংটাং ঘুণ্টি বাজিয়ে রাহাকে উদ্দেশ্য করে বললেন — রাহা, আমি তোমার লালুকে আনতে যাচ্ছি !
ওয়েট অ্যান্ড সি ।
বাজারে এসে লালরঙয়ের মোরগ না পেয়ে যারপরনাই হতাশ হলো ছোট মামা ।
অনেক খোঁজাখুঁজি করে একটা কালো মিশমিশে মোরগ কিনলেন তিনি । মোরগটার গায়ের রঙ শুধুই কালো ।
বাসায় ফিরে গাছতলায় মোরগটা রাহাকে দেখিয়ে মামা বলল —
: দেখ রাহা, কি নিয়ে এসেছি । এ হলো লালুর ছোট ভাই কালু ।
মামা মোরগটার গায়ে মৃদু চাপ দিতেই
মোরগটা ক ক করে ডেকে ওঠলো ।
রাহা একবার দেখল, তারপর আগের মতই নির্বিকার হয়ে রইল ।
এবার মামা তার অসল অস্ত্র প্রয়োগ করেন ।
তিনি জানেন তার বই পাগল ভাতিজির মন কিভাবে জয় করতে হয় ।
: এই যে দেখ, আসল গিফট তো তুমি তোকে দেখই নাই । তোর জন্য কতগুলো মজার মজার বই এনেছি । রূপকথার বই, স্নো হোয়াইটের বই, ছড়ার বই…!
তোর প্রিয় ঠাকুরমার ঝুলি । বইয়ের প্রতি রাহার প্রচন্ড দুর্বলতা। নতুন বই পেলেই আর কোন কথা নেই ।
রাহার চোখ দুটো এবার কৌতূহলে চকচক করে ওঠে ।
গাছ থেকে সর সর করে নেমে বলল —
দেখি দেখি বইগুলো!
রাহার লাল মোরগ
মামার সাথে লাবিব একদিন
লাবিব গাছ থেকে পড়ে হাত ভেঙে ফেলেছে। কি দুর্ভাগ্য ছেলেটার! সকল দুর্যোগ যেন তার উপরেই নামে। এইতো সেদিন কাঁঠাল গাছের নিচে বৌচি খেলতে গিয়ে মস্ত একটা মটকা ডাল সোজা ভেঙে পড়েছে তার মাথায়। তারপরে কি হুলুস্থুলে কা-! সোজা হাসপাতালের বেডে কেটে গেল দুই সপ্তাহ। ঘর থেকে বের হলেই কোনো-না-কোনো অলক্ষণের কান্ড ঘটবেই। আরেকদিন মাঠে খেলতে গিয়ে ঘটেছে আরেক ঘটনা। ঝোপের আড়ালে ক্রিকেট বল খুঁজতে গিয়ে পায়ের তালুতে বিঁধেছে অসংখ্য কাচের টুকরো। তারপর আবার ডাক্তার! ইদানিং লাবিব হল বিভিন্ন ডাক্তারের একজন নিয়মিত পেশেন্ট। যাই হোক, ডান হাতে ব্যান্ডেজ উঠেছে বলে ছেলেটা কিন্তু দমে যায়নি। মা ঘর থেকে বের হওয়া একদম বারণ করে দিয়েছে ঠিকই কিন্তু পুকুর পাড়ে গিয়ে একটা আছাড় না খেলে যে তার আবার রাতে ঘুম ভালো হয় না সেটা মোটামুটি সবাই জানে। গতকাল সারাদিন বৃষ্টি হয়েছে এবং রাতে প্রচন্ড ঝড়ের তা-বে অনেক গাছপালাও দুমড়ে-মুচড়ে পড়েছে। সকাল-সকাল লাবিব ঘুম থেকে উঠেই কাউকে কিছু না বলে মাতব্বরি দেখিয়ে আমগাছ তলায় গিয়েছে আম কুড়াতে। যেই কাঁচা দুটো আম কুড়িয়েছে অমনি গাছ থেকে আরেকটি আমের ঝোকা সোজা এসে পড়লো তার ভাঙ্গা হাতের উপর। তারপরে আর যায় কোথায়! এক চিৎকারে সোজা অজ্ঞান। পরে অবশ্য কাকু গিয়ে শেষ উদ্ধারের কাজটুকু করে আপাতত বিশ্রাম নেয়।
সামনে রোজার ঈদ। টিপু মামা বাড়িতে এসেছে লাবিবকে দেখতে। মামাকে দেখেই লাবিব আনন্দে লাফিয়ে উঠলো কারণ টিপু মামা মানেই অনেকগুলো গল্পের বই । লাবিব এবার ক্লাস থ্রি-তে উঠেছে। দুষ্টমিতে সেরা হলেও গল্পের বই কিন্তু সে খুব ভালোবাসে। তার নানু বাড়ি অনেক দূরে হওয়ায় সবসময় সে মামার কাছে যেতে পারে না। আর মামার বাড়ি মানেই মস্ত একটা লাইব্রেরী ঘর, যেখানে অজস্র গল্পের বইয়ে কোণঠাসা। লাবিব মনে মনে একটা ফন্দি এঁটে রাখল। পরদিন সকালে মামা যখন চলে যাবার জন্য প্রস্তুত হল ঠিক সেই সময় লাবিব ধরে বসল এক বায়না। সেও মামার সাথে নানু বাড়ি যাবে। মা চমকে উঠল। একি বলছে লাবিব! যে ছেলের ভাঙ্গা হাত এখনো জোড়া লাগেনি, যাকে একমুহূর্ত ঘরে রাখা যায় না সে কিনা যাবে নানুবাড়ি! কিন্তু কার কথা কে শুনে? মামার সায় দেওয়াতে লাবিব যেন ঘাড়ে চড়ে বসলো। সবার অগোচরে নিজের ব্যাগে কাপড় চোপড় গুছিয়ে ফেললো। শেষমেষ লাবিবের জিদ-টাই সত্যি হলো। নানু বাড়িতে সবাই যে তার খুব খেয়াল রাখবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মামা বিষয়টাকে খুব স্বাভাবিকভাবেই নিতে বলল সবাইকে। মায়ের ইচ্ছে করলেও লাবিবের সাথে যেতে পারল না কেননা সামনে ঈদ আর তাই বাড়িতে কাজের চাপে দম ফালানোর উপায় নেই।
সকাল দশটা পনেরো মিনিটে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটা সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে। মামা মাকে কথা দিল যে ঈদের পরের দিনই লাবিব কে ফিরিয়ে দিয়ে যাবে। এবার ঈদটা লাবিব তার নিজের বাড়িতে করবে না বলে বাবা খুব দুঃখ প্রকাশ করল। মামা আর লাবিব যখন স্টেশনে পৌঁছালো তখনও ট্রেন আসতে চল্লিশ মিনিট বাকি। স্টেশনে প্রচন্ড ভিড়। প্ল্যাটফর্মের এক কোনায় দাঁড়িয়ে মামা-ভাগ্নে খোশগল্পে মেতে উঠলো। কিভাবে লাবিব তার হাত ভেঙেছে, কেন এত দুষ্টুমি করে, ঈদের দিন তারা কি করবে, নানু বাড়ি গিয়েও দুষ্টুমি করবে কি না, এইসব আর কি!
আকাশে মেঘ জমেছে। বৃষ্টি হবে মনে হচ্ছে। এমন সময় ঝকঝক করে দ্রুতগামী ট্রেনটা স্টেশনে এসে হাজির হলো। সঙ্গে সঙ্গে জাগ্রত গুলো সকল শ্রেণীর মানুষ। কোলাহলে পরিপূর্ণ স্টেশন। ট্রেনে উঠার জন্য মামা লাবিবের হাত ধরে ভিড় ঠেলে মাঝের বগীটার দিকে গেল। লাবিবের যেহেতু হাত ভাঙ্গা তাই মামা সতর্কতার কোন কমতি রাখলো না। তবুও ট্রেনে উঠতে গিয়ে হঠাৎ মামার হাত ফস্কে কিভাবে যে লাবিব বেরিয়ে গেল আর তারপরেই মিলিয়ে গেল জনসমাগমে তা একটুকুও টের পেল না। এদিকে লাবিব তার মামার হাত ভেবে অন্য লোকের হাত ধরে সোজা চলে গেল সামনের এক বগিতে। মামার যখন খেয়াল হলো যে লাবিব উনার হাতের কাছে নেই আকাশে তখনই বিদ্যুৎ চমকে উঠল। এক লাফে ট্রেন থেকে নেমে পড়ল মামা। তারপর পাগলের মত ছোটাছুটি করে খুঁজতে লাগলো আর চিৎকার করতে লাগলো ‘লাবিব, লাবিব…’। এদিকে লাবিব তার মামাকে খুঁজে না পেয়ে একাই ট্রেনে উঠে পড়েছে। সে ভেবেছে মামা নিশ্চয়ই খোঁজাখুঁজি করে তার কাছে ঠিক আসবে। যদি সে নেমে পড়ে হয়তো ভিড়ের মধ্যে মামাকে আর খুঁজে পাবে না। এদিকে তার মামা ট্রেনের কয়েকটা বগি তন্ন তন্ন করে খুঁজে দেখেছে। লাবিব কোথাও নেই। স্টেশনের বাইরে ছোট্ট একটা মনোহারী দোকানে কয়েকটা ছেলের মধ্যে লাবিব আছে মনে করে সেই দিকেই দৌড়ে ছুটে গেল মামা। কিন্তু এতেও বৃথা!
ট্রেন ছেড়ে দিয়েছে। মামা কিন্তু ট্রেনে উঠল না। হয়তো এই ভেবেই যে, লাবিব স্টেশনের কোন এক কোনায় দাঁড়িয়ে তার মামার জন্য অপেক্ষা করছে। কেবল চারদিকে পাগলের মত লাবিব কে খুঁজল। ছেলেটাকে না পেয়েই উনি ট্রেনে উঠে যাবে! ভাবতেই বুক ফেটে কান্না চলে আসলো। কোন মুখে উনি বাড়ি যাবে! এত্তটুকুন একটা বাচ্চা ছেলে কিভাবে হাত থেকে বেরিয়ে যায়? সবই হয়েছে নিজের অসতর্কতার জন্য। নিজেকে নিজেই ধিক্কার দিতে লাগল মামা।
ঘন্টাখানেক পার হয়ে গেছে। ট্রেন চলেছে দুর্বার গতিতে। লাবিবের মুখখানা শুকনো হয়ে গেছে সেই কখন! সে ঠিকই বুঝতে পেরেছে তার মামা তাকে না পেয়ে ট্রেনে উঠে নি। যদি উঠেই থাকতো তাহলে এতক্ষণে তাকে পেয়ে যেত।
ট্রেন পরের স্টেশনে থামলো। লাবিব কিন্তু আর দেরি করলো না। দৌড় দিয়ে ট্রেন থেকে নেমে পড়ল। টিকিট কাউন্টার এর কাছাকাছি মাঝবয়সী একটা লোককে দেখে কাছে গিয়ে লাবিব বলল, ‘আমাকে একটু সাহায্য করবেন?’
হাতে ব্যান্ডেজ বাঁধা টুকটুকে চেহারার লাবিব কে দেখে লোকটির মায়া হল। তারপর একটু মিষ্টি হাসি হেসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ‘তোমার নাম কি?’
‘লাবিব’
‘বিপদে পড়েছ বুঝি? আমাকে সবকিছু খুলে বলতে পারো। দেখি তোমায় কিভাবে সাহায্য করতে পারি।’
লাবিব একদমে পুরো ঘটনাটা খুলে বললো।
বেলা বারোটা ছুঁই ছুঁই। মামা এখনো স্টেশনের মাঝখানে মাথায় হাত দিয়ে বসে আছে। হঠাৎ পিছন থেকে কে যেন ‘মামা’ বলে ডাক দিল। একটা শীতল হাওয়া ঘূর্ণিঝড়ের মতো যেন হৃদয় ছুঁয়ে গেল। অশ্রু ভেজা দু’চোখ মুছে পিছন ফিরে মামা দেখল মিষ্টি হাসি হেসে দাঁড়িয়ে আছে উনার ভালোবাসার লাবিব।
শিক্ষার্থী, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
হামদানের পাখি
হামদানদের পারিবারিক বৈঠক চলছে। বাবা, মা, খালা আর ছোট মামার সাথে হামদানও বসে বসে গল্প শুনছিলো। হামদানের বাবা আজ জেল থেকে মুক্তি পেয়েছেন। এলাকার বড় রাজনীতিবিদ তিনি। কয়েকদিন আগেই কী একটা কারণে পুলিশ তাকে গ্রেফতার করে। প্রায় সতেরো দিন কারাভোগ করার পর আজ তিনি মুক্তি পরিবারের সবাই একসাথে জড়ো হয়েছে। একই সাথে হামদানের রাতের পড়াটাও আজকের জন্য ছুটি পেয়েছে। হামদানের বাবা তাঁর জেলে কাটানো দিনগুলো স্মৃতিচারণ করছেন। অনেক কষ্টের জায়গা কারাগার। নিঃসঙ্গের মতো জীবন কাটে। বন্দি অবস্থায় থাকাকালে অনেক মানুষের সাথে থাকতে হয়। নিজের স্বাধীনতা নেই। শুধু চার শিকলের ভিতরেই সীমাবদ্ধ। নিজের ইচ্ছে মতো কিছু খেতে চাইলেও সবসময় খাওয়া হয়ে উঠে না। কথাগুলো হামদান মন দিয়ে শুনছিলো । একই সাথে মনের মধ্য কথাগুলোর প্রতিচ্ছবি আঁকছিলো। কী ভয়ঙ্কর! সারা দিন বন্দী। আচ্ছা কারাগারে কী মোবাইল ব্যবহার করা যায় না? চিন্তাটা হামদানের মাথায় আসলো। যার প্রেক্ষিতে বাবাকে কথা বলার মাঝখানেই প্রশ্ন করে বসলো। বাবা প্রশ্ন শুনে মুচকি হাসলেন। হেসে বললেন,
– নারে বাবা, কারাগারে মোবাইল ব্যবহার করা যায় না। এক কথায় এখানে কারো ইচ্ছে মতো কিছু করা যায় না।
অনেকটা অবাক হলো হামদান। মানুষ কী করে একা একা থাকতে পারে? অবশ্য আমাকে যদি মোবাইল দিয়ে দেওয়া হতো তাহলে আমি কারাগারে ইচ্ছে মতো মোবাইলে গেম খেলতাম। পড়ালেখার কোনো চিন্তাই থাকতো না। কিন্তু এখানে তো এসব ব্যবহার করতে দেয় না। হামদানের মনের মধ্য বিষয়টি দাগ কাটতে লাগলো। তাই আবারও প্রশ্ন করলো,
– আচ্ছা বাবা, তুমি এতোদিন কেমন করে থেকেছো? তোমার কষ্ট হয়নি?
– এইতো বাবা অনেক কষ্টে থেকেছি। আমি তো মাত্র সতেরো দিন থেকেছি, অনেকে আছে মাসের মাসের মাস থাকতে হয়। অনেক সময় অনেকের মা এসে ছেলের বন্দী জীবন দেখে কান্না করে, আবার কেউ মুক্ত জীবনে ফিরে যাওয়ার জন্য কান্না করে। তারা চায় তারাও অন্য মানুষদের মতো স্বাভাবিক হয়ে চলা ফেরা করতে। আগের মতো অন্য মানুষদের সাথে মিশে থাকতে। কিন্তু তাদের পূর্বের অপরাধের কারণে চাওয়াগুলো সত্যি হয়ে উঠে না। কথাটা শুনে হামদানের চিন্তাটা একটু অন্যদিকে গেলো। তার একটা পোষা পাখি আছে। কয়েকদিন আগে টিফিনের টাকা জমিয়ে সে তার বন্ধু ফাইয়াজের কাছ থেকে কিনছিলো। তারপর থেকে সে পাখিটিকে সারাদিন খাঁচার ভিতরে বন্দী করে রাখে। কখনো পাখিটা উড়তে পাওে না। হামদান মনে মনে ভাবলো, তাহলে পাখিটাও কী কারাগারের মতো খাঁচার ভিতর বন্দী হয়ে আছে? কিন্তু সে তো কোনো অপরাধ করেনি। তাহলে সে কেনো বন্দী হয়ে থাকছে? তার মানে আমার জন্য পাখিটার মা পাখিটাকে দেখতে না পেয়ে কান্না করছে। পাখিটা মুক্ত আকাশ উড়া কিংবা অন্য পাখিদের সাথে একসাথে থাকার স্বপ্নগুলো আমার জন্য নষ্ট হয়ে যাচ্ছে। ভাবনাগুলো হামদানের মনের মধ্য ঘুরছিলো। আর সেই ভাবনা থেকে হামদানের মনের মধ্য একটা অপরাধবোধ কাজ করলো। যার কারণে সে চুপ করে সবার মাঝ থেকে উঠে বারান্দায় গেলো। গিয়ে দেখতে পেলো পাখিটি ঘুমিয়ে আছে। পাখিটার দিকে তাকিয়ে তার অনেক মায়া হলো। আর মনে মনে ভাবলো আমাকেও যদি কেও এভাবে বন্দী করে রাখতো তাহলে আমার কতই না কষ্ট হতো। তাড়াছা আমার আম্মু আব্বু ওতো অনেক কষ্ট পেতেন। তাহলে পাখিটাকে কেনো আমি বন্দী করে রাখবো? সে সিদ্ধান্ত নিলো পাখিটাকে আর খাঁচার ভিতর রাখবে না। কালকেই পাখিটাকে মুক্ত করে দেবে।
হামদান স্কুলে যাওয়ার জন্য বের হলো। পিঠে ব্যাগ ঝুলিয়ে হাতের মধ্য পাখিটার খাঁচা নিয়ে মায়ের সাথে বিদ্যলয়ের উদ্দেশ্যে যেতে লাগলো। একটু দূরে গিয়েই একটি মাঠের পাশে দাঁড়িয়ে খাঁচাটার ভিতরে হাত ঢুকিয়ে পাখিটাকে দুই হাত দিয়ে ধরলো। পাখিটার মাথায় হাত ভুলিয়ে দিয়ে মুক্ত আকাশ ছেড়ে দিলো তাকে। পাখিটাও সাথে সাথে মুক্ত বাতাসে উড়াল দিলো। হামদান পিছন দিকে পাখিটার দিকে তাকিয়ে রইল। আর মনে মনে ভাবতে লাগলো, আজ মনে হয়ে পাখিটার পরিবারেও আমাদের মতো সবাই আনন্দের বৈঠক বসাবে। যেমনটা গতকাল বসেছিলো আমাদের ঘরে।
দ্বাদশ শ্রেণী, মদন মোহন কলেজ, সিলেট
সোজা আঙ্কেল-২
পত্রিকার হেডলাইন, তিনজন ভয়ানক ছিনতাইকারীকে ধরলেন সাহসী গোয়েন্দা সোজা হাওলাদার। হ্যাঁ ঠিকই ধরেছেন আর কারো কথা বলছি না বলছি আমাদের পরিচিত সেই সোজা আঙ্কেলের কথা ।প্রথমবার খবরটি পড়ে অন্যদের মতো আমিও অবাক হয়েছিলাম । তাই রহস্যের জাল খুলতে আমি আর সুমন মিলে গিয়েছিলাম সোজা আঙ্কেলের বাসায়। আঙ্কেলকে প্রশ্ন করতেই তিনি তার সেই কাহিনী বলা শুরু করলেন, দিনটা ছিল রবিবার আঙ্কেল তার গ্রামের বাড়ি ময়মনসিংহে যাওয়ার জন্য সকাল সকাল বেরিয়ে পড়লেন, হঠাৎ তিনি লক্ষ করলেন যে তার বাড়ির ঠিক সামনেই একটা সিএনজি দাড়িয়ে আছে ।আঙ্কেলের বেশ সুবিধাই হলো তিনি ভাড়া মিটিয়ে উঠে পড়লেন সিএনজিতে । কিছুদূর সিএনজি যাওয়ার পর আঙ্কেল লক্ষ করলেন যে সিএনজিটা একটু অন্যরকম,
সাধারণ সিএনজির মতো এইটাতে ড্রাইভার আর যাত্রীর মাঝে থাকা লোহার সিকের পৃথককারী অংশটা নেই। কিছুদূর যাওয়ার পর আরও দুজন যাত্রী উঠল সিএনজিতে । আবারও নিজ গতিতে চলতে লাগল সিএনজি। সিএনজি তখন বিশ^রোডে আশে পাশে তখন খুব একটা বাড়ি ঘর দেখা যাচ্ছে না । আঙ্কেল পানি খাওয়ার জন্য তার ছোট্ট ব্যাগ থেকে সবেমাত্র পানির বোতল বের করেছন আর হঠাৎ করেই চালকের ইশারায় আঙ্কেলের পাশে বসা লোকটি একটা কাটা চামচ বের আঙ্কেলের দিকে তাক করে তারপর লোকটা একটা ব্যাগ বের করে বলল, এই তোর চোখ আর কিডনি দুটো বের করে এই ব্যাগে রাখ তাহলেই তোকে ছেড়ে দিব,নইলে…. । আঙ্কেল হাসবেন না কাদবেন সেটা বুঝতে পারছিলেন না । হঠাৎ করেই চালক বলে উঠল,কোন বলদরে দলে রাখছি আমি,এই বলদ চোখ কিডনি পরে নিবি এখন ওর মানিব্যাগ আর মোবাইলটা নে তো আর কাটা চামচ রাইখা তোর পেছনে থাকা কাচেঁর ভাঙ্গা বোতলটা নিয়ে ওর গলায় ধর । লোকটা ড্রাইভারের কথা শুনে পেছনে থাকা কাচেঁর ভাঙ্গা বোতল নিয়ে আঙ্কেলের গলায় ধরে । ভয়ে আতঙ্কে আঙ্কেলের হাত থেকে পড়ে যায় পানির বোতল, এই বোতল পরার বিষয়টি খেয়াল করেনি পাশে বসা লোকটি । পরে যাওয়া বোতল থেকে পানি বেরিয়ে ছড়িয়ে পরে সারা সিএনজি । আঙ্কেলের পাশে বসা লোকটি বলে ওঠে এই ওস্তাদ এই লুলু তো ভয় পায়ে যাতা অবস্থা কইরা দিছে তারাতারি গাড়ি থামা ও ।এ কথা শুনে ড্রাইভার তারাতারি গাড়ি রাস্তার পাশে দাড়ঁ করাল । সিএনজিটা থামল একটা ছোট ব্রীজের উপর। সিএনজিটা থামতেই আঙ্কেলের পাশে বসা লোকটা নেমে পড়ে তাড়াতাড়ি তারপর ছোট্ট ব্রিজটার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আঙ্কেলও তাড়াতাড়ি নামতে গিয়ে ধাক্কা মারে লোকটাকে আর তার ধাক্কায় লোকটা পড়ে পাশের ছোট ডোবা। লোকটার চিৎকারে ছুটে আসে ড্রাইভার আর অন্য লোকটা। দূরের একটা মাঠ থেকে কয়েকজন কৃষককেও ছুটে আসতে দেখা যায় । আঙ্কেল কিছু বুঝে ওঠার আগেই ভারি কিছুর আঘাতে অজ্ঞান হয়ে যান তিনি। কিছুক্ষণ পর যখন আঙ্কেলের জ্ঞান ফিরে আসে তখন তিনি রাস্তায় । লোকগুলো নিজেদের মাঝে বলাবলি করছিল । আরে ওস্তাদ আমরা ভুল বান্দারে ধরছি এর কাছ থেকে তো ৫০০ টেহা আর একটা ভাঙ্গা মোবাইল ছাড়া আর কিছুই নাই উল্টা ওর জন্য মুখলেসরে রাইখা আসতে হইল। ড্রাইভার,সমস্যা নাই চাষাগুলা ওরে তুইলা বাচাঁয়া নিবনি আর ওর সাথে পরে যোগাযোগ করমুনি,এমনিতেও কোনো কামের না বলদ একটা। এতক্ষণে আঙ্কেল বুঝতে পারলেন যে একদল ছিনতাইকারীর খপ্পরে পড়েছেন তিনি। কি আর করার,কিছুক্ষণ চুপচাপ শুয়ে তিনি ভাবতে লাগলেন কি করা যায় । আঙ্কেলের মাথার পেছনটা তখন ব্যাথায় ফেটে যাচ্ছে হঠাৎ ড্রাইভারের সিটের পাশে পড়ে থাকা একটা ছুরির দিকে চোখ গেল আঙ্কেলের । তিনি খপ করে ছুরিটা হাতে তুলে নিয়ে ধরলেন ড্রাইভারের গলায় । ছুরি হাতে থাকায় আঙ্কেলের মাঝে তখন অনেক সাহস এসে গেছে তিনি বাজখাই গলায় ড্রাইভারকে বললেন,এই ব্যাটা চুপচাপ আমার কথা মতো গাড়ি চালা নইলে …
সিএনজির ড্রাইভারটা ও তখন ভয় পেয়ে গেছে সে চুপচাপ চলতে লাগল । সামনের মোড়ে হাইওয়ে পুলিশের একটা গাড়ি দেখা গেল আর আঙ্কেলের চোখ দুটোও চকচক করে উঠল।তার কথা মতো ড্রাইভার গাড়ি থামাল পুলিশের গাড়ির সামনে। আঙ্কেল সিএনজি থেকে নেমে দৌঁড়ে গেলেন পুলিশের গাড়ির কাছে আর সব খুলে বললেন পুলিশকে । পুলিশ যেই না ওদের ধরতে যাবে ড্রাইভারের পাশে থাকা লোকটা দিল এক দৌঁড়।আঙ্কেলও দৌঁড়াতে লাগলেন লোকটার পেছনে আর খানিক দৌড়েঁ ধরে ফেললেন লোকটাকে । আঙ্কেলের হাতে তখনও ছুরিটা ছিল, রাগের মাথায় তিনি ছুরি দিয়ে লোকটার পেটে আঘাত করেন । খানিকের জন্য ভয় পেলেও পরক্ষণে তিনি হেসে ফেলেন,তিনি দেখেন যে লোকটার পেটের কাটা অংশ দিয়ে রক্ত বের না হয়ে প্রথমে দুটো সোনার হার তারপর কিছু টাকা আর মোবাইল পড়তে লাগল । র্অথাৎ এই ছিনতাইকারীরা তাদের পেটের উপর একটা বিশেষ ব্যাগ লাগিয়ে ঘুরত আর ছিনতাই করা জিনিসগুলো ওটার ফেতরে রাখত যাতে কেউ টের না পায় । পুলিশ তো এসব ঘটনা দেখে হতবাক,তারা ধারনা করে নেয় যে আমাদের এই সোজা আঙ্কেল একজন গোয়েন্দা আর তিনি পরিকল্পিতভাবে এদের ধরেছেন । আর বাকিটা তো আপনরাই জানেন ।
সোনালি হাঁস
বনের ধারে বড় একটি দিঘি। দিঘির পাড়ে বিশাল বট গাছ।গাছের ডাল-পালা ছেয়ে আছে দিঘির সিঁথান জুড়ে বুড়ো মানুষের দাঁড়ির মতো ঝুলে আছে গাছের শেকড়গুলো।বট গাছের নিচে একটি কোটরে অনেকদিন ধরে বাস করে আসছে একটি রাজহাঁস!
হাঁসটির গায়ের রং দেখতে সোনালি,তাই অই বনের পশুপাখি,গাছপালা, দিঘির মাছ,আর শাপলাগুলো তাকে সোনালি হাঁস বলেই ডাকে। সবার সাথে তার একগলা ওঠাবসা! হাঁসটি দেখতে যেমন সোনার মতো, তেমনি পালকগুলো মোলায়েম, তার নাদুসনুদুস গা রোদে চিকচিক করে।দেখলেই মন ভরে যায়।হাঁসটি সারাদিন দিঘির জলে গা এলিয়ে ঘপঘপ করে ডুব দেয়। মাছেদের সাথে গল্প করে,লতা থেকে বেড়ে ওঠা শাপলাগুলোর সাথেও গল্প করে।কলমিগুলোর সাথে শরীর জড়িয়ে রাখে সারাক্ষণ । সন্ধ্যা হলে তবেই কোটরে ফিরে।
একদিন হাঁসটি দিঘির জলে গোছল করতে নামল, সবার সাথে গল্প করতে করতেই, বড় রুই মাছের পোনাটি বলে উঠল ও হাঁস মামা বলোনা তোমার গায়ের রং এমন সোনার মতো হলো কিভাবে?অমনি হাঁসটি একতোড়া হাসি ঠোঁটে ঝুলিয়ে বলল,সে অনেক কথা বাবু। তুমি ছোট ওসব শুনতে নেই,পোনাটি তখন বায়না করে বসল।
বলল,না বলতেই হবে,বলো।তখন, মাছেরা এবং বেড়ে ওঠা জঙ্গলী ফুলেরা বলল,বলো না সোনালি হাঁস, তোমার সোনার মত রূপ হলো কিভাবে। হাঁসটি তখন বলল,তাহলে শুনো-একদিন সকালে আমি ঘুম থেকে উঠে প্বু আকাশে চেয়ে লাল সূর্যটা দেখছিলাম! হঠাৎ দেখি একটি ঈগলের ছানা রক্তাক্ত হয়ে আমার কোটরের সামনে
এসে পড়ল।কেমন চিঁচিঁ করে কতরাচ্ছে! আমি তাড়াতাড়ি কোটর থেকে বেরিয়ে দেখি মরমর অবস্থা! শিকারীর তীর লেগেছে ডানায়।
কোন মতে এখানে পালিয়ে এসেছে। আমি ছানাটিকে অনেক আদর করে বুকে তুলে নিলাম। তারপর কোটরে নিয়ে বিছানা করে দিলাম শোবার জন্য।তীরটা ডানা থেকে বের করে লাগিয়ে দিলাম কিছু, ভেষজ লতাপাতার রস । মাথায় পানি ঢাললাম। ধীরেধীরে ছানাটি সুস্থ হয়ে উঠল।
এদিকে ওর মা ওকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছিল।
কিছুদিন পর খোঁজ পেয়ে আমার কোটরে চলে আসল। আমি কিছু না বলতেই এইটুকুন ছানাটি তার মাকে সব কথা বলে দিল।
তখন মা ঈগল আমার ওপর খুশি হয়ে বলল, তুমি আমার প্রাণপ্রিয় ছানাকে বাঁচিয়েছ। তোমার কাছে আমি কৃতজ্ঞ। তুমি কি চাও আমার কাছে? বলো। আমি লজ্জিত গলায় বললাম, আমার কিছুই চাই না। এটা আমার দায়িত্ব ছিল। অন্যের বিপদে সাহায্য করা। আমার কথায় মুগ্ধ হয়ে মা ঈগল বলল, আমি তোমাকে উপহার দেব, এসো তুমি। আমার ডানায় চড়ে বসো। আমার কোন কথা শুনলো না। শেষ মেশ আমি মা ঈগলের গা বেয়ে পিঠে উঠলাম! তখন মা ঈগল শাঁ শাঁ করে উড়তে লাগল আকাশের পথ চিরে। আমাকে নিয়ে গেল এমন পরিবেশে, যা আমি কখনো দেখিনি। থামল গিয়ে এক আজব জায়গায়! দেখে আমার গা ছমছম করে উঠল।
পরিবেশটা কেমন শুনশান! মনে হলো এখানে কোন জনমানবের ঠাঁই নেই।গাছগাছালি আর জড়োসড়ো লতাপাতায় ভরপুর আজব জায়গাটি।
মা ঈগল আমাকে বলল এদিকে এসো।আমি যেতে যেতে দেখি সামনে একটি ঝকমকে পুকুর, সোনার মত জ্বলজ্বল করছে। মা ঈগল বলল এখানেই আমরা থাকি। ঐ পুকুরে নেমে একটি ডুব দিয়ে এসো। আমি আস্তে আস্তে পুকুরের কাছে গেলাম। সিঁড়ি দিয়ে নেমে পুকুরের মাঝে গিয়ে একটি ডুব দিলাম। অমনি আমার সাদা পালকগুলো সোনার মতো ঝিকঝিক করে জ্বলতে লাগল। আমি তো অবাক! পুকুর থেকে উঠে আসলে মা ঈগল বলল, এটা যাদুর পুকুর।
আজ থেকে তুমি সোনার মত দেখতে হলে,যতদিন বাঁচবে কোনদিন তোমার চেহারার রং ফুরাবে না। সবাই তোমাকে সোনালী হাঁস বলে ডাকবে।
সেদিন মা ঈগলের কাছ থেকে আনন্দে বিদায় নিলাম।
সোনালী হাঁসের এই সুন্দর কাহিনি শুনে সবাই খুশি হলো। রুইয়ের পোনাটি লেজ নেড়ে লাফাতে লাফাতে বলল, আমরাও যদি তোমার মত হতাম!
তিতাস পাড়ের ছেলে
গল্প-ছড়ায় আর কবিতায় শব্দ নিয়ে খেলে
কল্পলোকে দেয় যে উড়াল ছন্দপাখা মেলে
‘ফুলের কাছে পাখির কাছে’
তার ছড়ানো স্বপ্ন আছে
সবার তিনি প্রিয় কবি, তিতাস পাড়ের ছেলে!
দেশ-ভাষাকে ভালোবেসে
খুঁজলো ‘নোলক’ বীরের বেশে
কবিকে তাই শ্রদ্ধা জানাই হৃদয় প্রদীপ জ্বেলে
ভালোবাসার ভাষা দিয়ে ‘কালের কলস’ ঢেলে
তার কবিতায় আশার বাতি
তাকে দিলো যশ ও খ্যাতি
ছন্দোমনের ‘গন্ধবণিক’; তিতাস পাড়ের ছেলে।