Home Blog Page 137

ঐতিহাসিক ঘটনাবহুল ’৭১ এর মার্চ

প্রাক কথন
কিশোরকালে সবার মন থাকে সাদা কাগজের মতো দাগহীন, স্বচ্ছ ও পবিত্র। তাই এ সময়ে অর্জিত অভিজ্ঞতা, জ্ঞান ও দৃশ্যাদি মন ও মননে এমনই রেখাপাত করে, যা পরবর্তী জীবনকে নানাভাবে প্রভাবিত করে। এরূপ অভিজ্ঞতা, জ্ঞান ও দৃশ্যাবলি ভালো ও মন্দ উভয় প্রকার হতে পারে। আবার কিছু কিছু ভুল তত্ত্ব ও তথ্য বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই কিশোরদের অবগতির জন্য যাবতীয় লেখাজোখা বস্তুনিষ্ঠ, সত্যনিষ্ঠ ও অনুপ্রেরণাদায়ক হওয়া উচিত। ১৯৭১ সালের মার্চ মাসটি বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপটে বহুমুখী তাৎপর্যপূর্ণ একটি ঐতিহাসিক ও স্মরণীয় মাস। তাই এ মাসের সংখ্যায় ফুলকুঁড়িদের জন্য অফুরন্ত ভালোবাসা নিয়ে নির্ভেজাল সত্যনিষ্ঠ লেখাটা রচিত হলো।
ভিন্ন জাতি বা রাষ্ট্রের আধিপত্য বা নাগপাশ থেকে অধীনস্থ একটা দেশ বা জাতি মুক্ত বা স্বাধীন হতে হলে দীর্ঘ সময় ও রক্তক্ষয়ী সংগ্রামী প্রক্রিয়ার মাধ্যমে অগ্রসর হতে হয়। একেক দেশ ও একেক জাতির মুক্তিলাভ ও স্বাধীনতা লাভের ইতিহাস একেক রকমের। তবে এর জন্য অপরিহার্য বিষয়গুলো হলো :
১) সাধারণ জনগণকে সচেতন করে তোলা।
২) সংগ্রামী গণজোয়ার সৃষ্টি করা।
৩) বুদ্ধিবৃত্তিক রাজনৈতিক দল গঠন করা।
৪) দেশব্যাপী মিছিল-মিটিং, বক্তব্য-বিবৃত্তি ও প্রচারকার্য জোরদার করা।
৫) ক্ষমতাসীনদের দ্বারা জেল-জুলুম-নির্যাতন সহ্য করার মতো জনবল ও যোগ্য নেতা-কর্মী তৈরি করা।
৬) একটি সর্বজনীন ইশতেহার তৈরি, ঘোষণা ও প্রচার করা।
৭) সার্বিক প্রস্তুতি ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা।
আর এসব করার জন্য জাতির মধ্য থেকে সার্বিক নেতৃত্ব প্রদানক্ষম ক্ষণজন্মা একজন লৌহমানবের আবির্ভাব অবশ্যম্ভাবী হয়ে পড়ে। যেমন : আমেরিকার জর্জ ওয়াশিংটন, চীনের মাও সেতুং, তুরস্কের কামাল পাশা, সৌদির আল সৌদ, আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, ফিলিস্তিনের ইয়াসির আরাফাত, ভারতের মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ বোস, পাকিস্তানের মুহাম্মদ আলী জিন্নাহ, বাংলাদেশের শেখ মুজিবুর রহমান প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
১৯৪৭ সালে ভারত উপমহাদেশে ২০০ বছরের ইংরেজ শাসনের অবসান হয়েছিলো। গান্ধী-জিন্নাহ-নেহরু-শেরে বাংলা এ কে ফজলুল হক, মওলানা ভাসানী প্রমুখ বহুমুখী প্রতিভাসম্পন্ন নেতৃবৃন্দের অক্লান্ত তৎপরতা, দেশপ্রেমী প্রচেষ্টা ও অগণিত জনগণের জীবন বলিদানের মধ্য দিয়ে। আবার পাকিস্তানের অধিভুক্ত একটি প্রদেশ পূর্ব পাকিস্তান, অর্থাৎ আমাদের প্রিয় মাতৃভূমি আজকের স্বাধীন বাংলাদেশ ২৩ বছর যাবৎ পাকিস্তানি শাসকদের বিশেষ বিশেষ ক্ষেত্রে বিমাতাসুলভ আচরণের শিকার হতে হতে এক পর্যায়ে পাকিস্তানিদের শাসন-শোষণের নিগড় থেকে মুক্ত হতে মরিয়া হয়ে ওঠে। অন্যদিকে পাকিস্তানি শাসকগোষ্ঠীও বাঙালিদের দমনপীড়নে বদ্ধপরিকর হয়ে ওঠে। এরই প্রেক্ষাপটে ’৭১-এর মার্চ মাসটি যেসব ঘটনাবহুল অবিস্মরণীয় কারণে বাংলাদেশের স¦াধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সে সম্পর্কে এবার আলোকপাত করছি।

পতাকা প্রসঙ্গ
পৃথিবীর সকল স্বাধীন দেশের নিজস্ব একটা জাতীয় পতাকা থাকে। তাই দেশ স্বাধীন হওয়ার আগেই এদেশের কতিপয় স্বাধীনতাকামী ও দেশপ্রেমী সূর্যসন্তান স্বাধীন বাংলাদেশের জন্য সুন্দর একটা পতাকার আকার-আকৃতি প্রণয়নে উদ্যোগ গ্রহণ করে। অনেক গবেষণা, অনেক যুক্তি-তর্ক ও অনেক নমুনা যাচাই-বাছাইয়ের পর সবুজ জমিনের মধ্যখানে বাংলাদেশের মানচিত্রের আকৃতিসম্পন্ন পতাকাটাই মার্চ মাসের ১ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঢাকাস্থ ধানমন্ডির বাসভবনে স্বয়ং বঙ্গবন্ধুর হাতে অর্পণ করেন তৎকালীন ডাকসু ভিপি অসম সাহসী, প্রখ্যাত ছাত্রনেতা আ স ম আবদুর রব। অতঃপর এই আ স ম আবদুর রবই টান টান উত্তেজনার মধ্যে ঢাকা বিশ^বিদ্যালয়ের কলা ভবন প্রাঙ্গণে বিশাল ছাত্র-জনতার উপস্থিতিতে সর্বপ্রথম পতাকাটি উত্তোলনপূর্বক স্বাধীনতা আন্দোলনপ্রক্রিয়ায় একটি স্মরণীয় মাইলফলক স্থাপন করেন। যদিও পরবর্তীকালে পতাকার মাঝখানে দেশের মানচিত্রের পরিবর্তে লাখো শহীদের লাল তাজা খুনের প্রতীক হিসেবে লাল গোল সূর্যাকৃতিটি ব্যবহৃত হতে থাকে।

স্বাধীনতার ইশতেহার পাঠ
৩ মার্চের বিকেল বেলা তৎকালীন ঢাকার বিশাল পল্টন ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে লাখো ছাত্র-জনতার সমাবেশে বাংলাদেশের স্বাধীনতার ইশতেহারটি পাঠ করেন বিশিষ্ট ছাত্রনেতা শাজাহান সিরাজ।

ঐতিহাসিক ৭ই মার্চ প্রসঙ্গ
স্বাধীনতা আন্দোলনকালীন উত্তাল মার্চ মাসের ৭ তারিখে ঢাকার তৎকালীন ঘোড়দৌড় ময়দানে (যেটা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান)। প্রায় দশ লাখ স্বাধীনতাকামী সংগ্রামী ছাত্র-জনতার বিশাল সমাবেশে একমাত্র বক্তা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বলিষ্ঠ বজ্রকণ্ঠে প্রদত্ত সংক্ষিপ্ত অথচ জ্বালাময়ী বক্তব্যের শেষে বলেছিলেনÑ ‘এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম’। অসম্ভব ক্ষমতাশালী একটা সামরিক সরকারের দম্ভকে উপেক্ষা করে বিশাল জনসমাবেশে এমন নির্ভীক ঘোষণাসংবলিত ঐ ভাষণটি বিশে^র বৈশিষ্ট্যপূর্ণ রাজনৈতিক বক্তব্যের মধ্যে বিশেষ স্থান লাভ করেছে, যেটা জাতিসংঘ কর্তৃক
স্বীকৃত।

২৫ মার্চের কালরাত
’৭১-এর ২৫ মার্চের গভীর রাত। এক দিকে স্বাধীনতাকামী সংগ্রামীদের নিদ্রাহীন উৎকণ্ঠা। অপর দিকে একগুঁয়ে জেদি মনোভাবসম্পন্ন সামরিক শাসকদের চরম দমনপীড়ন ও জিঘাংসা চরিতার্থ করতে সংগ্রামী বাঙালিদের ওপর ‘অপারেশন সার্চলাইট’ নামক হত্যাযজ্ঞ পরিচালনার প্রস্তুতি। ঠিক রাত দুপুরে বর্বর সামরিক বাহিনী নিস্তব্ধ ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরীহ বেসামরিক নাগরিকদের ওপর অতর্কিতে সশস্ত্র সামরিক অভিযান পরিচালনা করে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে মূলত নিজেদের পায়ে নিজেরাই কুঠারাঘাত করেছিল। বাঙালিদের ওপর এই অসহিষ্ণু সামরিক হামলা ও ধ্বংসযজ্ঞই এক দিকে বিশ^বাসীকে হতবাক করে এবং তাদের প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি করে। অপর দিকে বাঙালিদের স¦াধীনতা যুদ্ধকে অনিবার্য করে তোলে। যার পরিণামে ঐ রাত থেকে পরবর্তী নয়টি মাস সর্বাত্মক রক্তক্ষয়ী যুদ্ধের পর ‘৭১-এর ১৬ ডিসেম্বর তারিখে বাংলাদেশ গৌরবজনক স্বাধীনতা লাভ করতে সক্ষম হয়।
প্রিয় কিশোর বন্ধুরা, আশা করি লেখাটা পড়ে নিজেদের ভবিষ্যৎ জীবনকে অতি কষ্টে অর্জিত স্বাধীন দেশের যোগ্য নেতা ও সৎ নাগরিক হিসেবে গড়ে তুলতে অনুপ্রাণিত হবে।

নক্ষত্রের আলো

কথাগুলো একেবারে পরিষ্কার শুনতে পেল ট্রেন্ট। স্পষ্ট শব্দ। রাগ মেশানো কণ্ঠ। গ্রাহকযন্ত্রের ভেতর দিয়ে ধারালোভাবে শোনা যাচ্ছে। তোমার পালিয়ে যাবার পথ কিন্তু বন্ধ ট্রেন্ট। আর বেশি সময় নেই। দুই ঘণ্টার মধ্যে তোমার গতিপথকে আটকে দেয়া হবে। তুমি যদি বাধা দিতে চাও তবে তার পরিণাম হবে ভয়াবহ। মহাশূন্য থেকে তোমাকে তখন চিরতরে নিশ্চিহ্ন করে দেয়া হবে।
এ কথার উত্তর দিলো না ট্রেন্ট। চুপ করে রইল। তার সাথে কোনো অস্ত্র নেই। লড়াই করা যাবে না। দুই ঘণ্টা আগেই তার মহাকাশযান ঝাঁপ দেবে অতি মহাশূন্যের এমন জায়গায় যেখানে তার নাগাল কেউ পাবে না। ট্রেন্টের কাছে এখন রয়েছে এক কিলোগ্রাম ক্রিলিয়াম। এটা দিয়ে কয়েক হাজার রোবটের মস্তিষ্ক তৈরি করা সম্ভব। এই মহাবিশ্বে যে কোনো গ্রহে ক্রিলিয়ামের প্রচুর চাহিদা রয়েছে। এটুকুর জন্য মূল্য পাওয়া যাবে কয়েক ’শ কোটি ডলার।
পরিকল্পনাটা প্রথমে এসেছিল বৃদ্ধ ব্রেনমেয়ারের মাথায়। ত্রিশ বছর পরিশ্রম করে এই পরিকল্পনার ছক কেটেছে সে। এটা যে তার সারা জীবনের সাধনা।
বুঝলে, এ কাজটা করে এখানে আর ফেরা যাবে না। তোমাকে এ জন্যই আমার দরকার। কোনো মহাকাশযান নিয়ে পাড়ি দেয়ার ক্ষমতা আমার নেই। তোমার আছে। ট্রেন্ট এ কথায় আপত্তি করে।
মহাকাশে পাড়ি দেয়াটা কোনো কাজের কথা হলো না। ঘণ্টা কয়েকের মধ্যেই আমরা ধরা পড়ে যাব।
যদি আমরা ঠিকভাবে ঝাঁপ দিতে পারি তাহলে ওরা আমাদের কখনো ধরতে পারবে না। যদি আমরা অতি মহাশূন্যের ভেতর দিয়ে হিসেব অনুযায়ী বেরিয়ে যেতে পারি তাহলে তো মুহূর্তেই কয়েক আলোকবর্ষ দূরে চলে যেতে পারব।
এই ঝাঁপ দেয়ার ব্যাপারটা বুঝে উঠতে মহাকাশের প্রহরীদের অল্প সময় লাগবে এবং সাথে সাথেই মহাবিশ্বের সমস্ত উপনিবেশে খবর দিয়ে দেবে।

উত্তেজিত হয়ে পড়ল বৃদ্ধ বেনমেয়ার।
সব উপনিবেশে এরা খবর পাঠাবে না। কাছাকাছি যে ডজনখানেক উপনিবেশ আছে কেবল সেখানেই খবর পাঠাবে। কত বিশাল এই ছায়াপথ। কত বিস্তৃত এর পরিধি। যার ফলে গত পঞ্চাশ হাজার বছরে যেসব উপনিবেশ গড়ে উঠেছে তারা একে অপরের সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছে।
এ মুহূর্তে ব্রেনমেয়ার আবেগাক্রান্ত। সৌরজগতের পরিকল্পনার ছবি ভাবছেন। আদি যুগে মানুষ তার আদিম গ্রহকে ডাকত পৃথিবী বলে। এই সৌরমণ্ডল সেই পৃথিবীর ভূত্বকের মতো না। মানুষ দলে দলে ছড়িয়ে পড়েছে বর্তমানের সব উপনিবেশগুলোতে। কিন্তু সব দলই যোগাযোগ রেখেছে শুধু তার কাছের গ্রহগুলোর সাথে।
আমরা যদি এসব এড়িয়ে মহাশূন্যে ঝাঁপ দিতে পারি হয়তো পঞ্চাশ হাজার আলোকবর্ষ দূরের কোনো গ্রহে পৌঁছানো সম্ভব। তখন আমাদের খুঁজে বের করাটা দুঃসাধ্য হবে। এটা যেন হবে উল্কাবৃষ্টির মধ্যে বিশেষ কোনো পাথর খুঁজে বের করা।
ট্রেন্ট এ বক্তব্যে কোনো সায় দেয় না।
তাহলে আমরাও হারিয়ে যাব। লোকজনের বসতিপূর্ণ কোনো গ্রহে যাবার কোনো উপায়ই থাকবে না।
ব্রেনমেয়ার চারদিকে একবার তাকিয়ে নিয়ে ফিসফিস করে বলে, আমি গত ত্রিশ বছর ধরে প্রতিটি সময় ব্যয় করেছি এই ছায়াপথের প্রতিটি বসতিপূর্ণ গ্রহের তথ্য সংগ্রহ করার জন্য। ঘেঁটে দেখেছি সমস্ত পুরনো দলিল। কাগজপত্র। পরিভ্রমণ করেছি হাজার হাজার আলোকবর্ষ। যে কোনো মহাকাশযান চালকের চাইতেও আমি বেশি ঘুরেছি। এর ফলে প্রতিটি বসতিপূর্ণ গ্রহের অবস্থানের সঠিক হিসেব সংরক্ষণ করেছি। সেগুলো রয়েছে পৃথিবীর সবচাইতে উন্নত কম্পিউটারের স্মৃতিতে।
ব্রেনমেয়ার তখনো বলে চলেছে, আমি কম্পিউটারের নকশা তৈরি করি। সেগুলো সব সেরা। বিশ্বের প্রতিটি উজ্জ্বল নক্ষত্রের যথার্থ অবস্থান চিহ্নিত করতে পেরেছি। সবকিছুই রয়েছে কম্পিউটারের স্মৃতিভাণ্ডারে। যদি একবার আমরা মহাশূন্যে ঝাঁপিয়ে পড়তে পারি। তাহলে এই কম্পিউটার সেই মহাকাশকে স্তরে স্তরে বিশ্লেষণ করবে বর্ণালিবীক্ষণ দিয়ে। এবং কম্পিউটারের স্মৃতিভাণ্ডারে রাখা মহাবিশ্বের মানচিত্রের সাথে এই বিশ্লেষণের ফল মিলিয়ে দেখা হবে। যখন নতুন মহাকাশের উজ্জ্বল নক্ষত্রটির অবস্থান ও মানচিত্রের সাথে মিল খুঁজে পাওয়া যাবে এবং সেই সাথে মহাকাশযানের সঠিক অবস্থান নির্দিষ্ট করা সম্ভব হবে। তখন প্রয়োজন হবে কোন গ্রহে যেতে হবে তা নির্দিষ্ট করা। কম্পিউটার একবার যখন সেটা নির্দিষ্ট করে ফেলবে তখন নির্দেশ দেবে দ্বিতীয় বার ঝাঁপ দেয়ার জন্য। এবং তখন-ই সম্ভব হবে কোনো একটি বসতিপূর্ণ গ্রহের নিকটঅঞ্চলে পৌঁছানো।

ব্রেনমেয়ারকে এখন একটু চিন্তিত দেখাচ্ছে। ব্যাপারটা কিন্তু আমার কাছে বেশ জটিল মনে হচ্ছে। কিন্তু জানি এতে কখনো ভুল হবে না। আমার এতদিনের সাধনা তো বিফলে যাবে না। আমি হয়তো একজন কোটিপতি হয়ে, ধনী হয়ে বড়জোর দশ বছর জীবনটা ভোগ করতে পারব। কিন্তু তোমার বয়স কম। তুমি অনেক বেশি সময় ধরে এর ফল ভোগ করতে পারবে। আচ্ছা ধরুন, প্রথম ঝাপটা তো বিচার না করেই দিতে হবে। তখন যদি কোনো নক্ষত্রের ভেতরে সোজা গিয়ে ঢুকে পড়ি, সব তখন যাবে না। তুমি একটি অসম্ভব কথা ভাবছ ট্রেন্ট। এর সম্ভাবনা কয়েক কোটির মধ্যে এক ভাগও না। আমরা তো মহাবিশ্বের কোনো উজ্জ্বল জ্যোতিষ্ক থেকে এত দূরে গিয়ে পৌঁছুতে পারি যে, কম্পিউটারের মানচিত্রে তার কোনো মিল খুঁজে পাওয়া গেল না। এমনও হতে পারে প্রথম ঝাপটা কেবল এক বা দুই আলোকবর্ষ দূরে গিয়ে শেষ হল। তখন দেখা গেল মহাকাশ-প্রহরীরা কিছু ছাড়েনি। তবে এসবের কোনোরকম সম্ভাবনা নেই। তবে দুশ্চিন্তা করতে চাইলে অনেকভাবে করা যেতে পারে। হয়তো মহাকাশযান নিয়ে ঠিক ওড়ার সময় হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তো আপনারই বেশি।
বৃদ্ধ ব্রেনমেয়ার একথা শুনে নির্বিকার রইলেন। আমার কম্পিউটার সব কিছু করে যাবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে। সেদিন ট্রেন্ট এ কথার কোনো উত্তর দেয়নি। তারপর কেটে গেছে বেশ কটি দিন।
এক মাঝরাতে ব্রেনমেয়ার একটা ব্রিফকেসে ক্রিলিয়াম ভরে উপস্থিত হলো। পরিকল্পনা অনুযায়ী মহাকাশযান তখন ওড়ার জন্য প্রস্তুত। ব্রেনমেয়ার ট্রেন্টকে খুব বিশ্বাস করত। তার প্রতি যথেষ্ট আস্থা ছিল। এরপরের কাজগুলো করতে তাই ট্রেন্টকে কোনো সমস্যায় পড়তে হয়নি। এক হাত বাড়িয়ে ব্রিফকেসটা নেয়ার সাথে সাথে ট্রেন্টের অন্য হাত ক্ষিপ্র গতিতে এগিয়ে এলো ব্রেনমেয়ারের দিকে। হাতে ধরা ছোরা। মারণাস্ত্র হিসেবে খুব ভালো। যদি ঠিকমতো চালানো যায় তবে নিঃশব্দে মৃত্যু। ব্রেনমেয়ারের শরীরে ভয়ঙ্করভাবে গেঁথে গেল ছোরাটা। ট্রেন্ট সেটাকে আর টেনে বের করল না শরীর থেকে। ছোরার বাঁটে লেগে রয়েছে আঙুলের ছাপ। এসব নিয়ে চিন্তা করার অবকাশ তার নেই; কারণ, খানিক পরই সে সবার নাগালের বাইরে চলে যাচ্ছে।
এই মুহূর্তে মহাশূন্যের অনেক গভীরে ঢুকে পড়েছে সে। পেছনে তাড়া করে আসছে মহাকাশ-প্রহরীরা। এতক্ষণ ধরে তারাই ট্রেন্টকে সতর্ক করছিল। এখন তাকে মহাবিশ্বের আওতা থেকে বেরিয়ে যাওয়ার জন্য ঝাপ দিতে হবে। ট্রেন্টের তখন মনে হল তার ভেতরে উত্তেজনা ছড়িয়ে যাচ্ছে। প্রতিটি ঝাপের ঠিক আগে অবশ্য এ রকমের এক অনুভূতি হয়।
ঝাপ দেয়ার মুহূর্তেই মহাকাশযান আর ট্রেন্টের কাছে কোনো কিছুরই অস্তিত্ব রইল না। এক মহাকাশ থেকে অন্য মহাকাশে যাওয়ার সময়ের শূন্যতার বোধটুকু যেন মুছে গেল। সময়হীনতার মধ্যে মুছে গেল সব পদার্থ, শক্তি। এতক্ষণে সে পৌঁছে গেছে মহাবিশ্বের অন্য কোনো প্রান্তে।
মৃদু হাসল ট্রেন্ট। এখনো সে বেঁচে আছে। ঝাপটা একটু বেশি হয়ে গেছে। এখানে নক্ষত্রগুলো কাছাকাছি নয়। আগের আকাশে নক্ষত্রগুলো ছিল কাছাকাছি। এখানকার কিছু নক্ষত্র উন্নত শ্রেণির। কম্পিউটার নিশ্চয়ই তার স্মৃতি থেকে খুব তাড়াতাড়ি এর সাথে খাপ খায় এমন ছবি বের করে আনবে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মহাকাশযান। ট্রেন্ট নিশ্চিন্তে বসে আছে। দেখছে। নক্ষত্রের উজ্জ্বল আলোর বিচিত্র সব নকশার আনাগোনা। হঠাৎ একটা খুব উজ্জ্বল নক্ষত্র দেখা গেল। দূরত্ব মাত্র কয়েক আলোকবর্ষ। বিশেষ ধরনের অনুভূতি দিয়ে সে বুঝতে পারল যে, নক্ষত্রটা খুব উষ্ণ। এই নক্ষত্রটাকে কেন্দ্র করে যে গ্রহ-উপগ্রহের পরিমণ্ডল আছে তার সাথে স্মৃতিভাণ্ডারের নকশা মিলিয়ে নিয়ে কম্পিউটার নির্দেশ করছে কোথায় ট্রেন্টকে ঝাঁপ দিতে হবে। কিন্তু কম্পিউটার অনেক বেশি সময় নিচ্ছে। এতটা সময় নেয়ার কথা না। কোনোরকমের নির্দেশ আসছে না কম্পিউটারে। অনেকটা সময় চলে যাচ্ছে। কম্পিউটারের বোর্ডে নানারকম আলো জ্বলতে লাগল। কিন্তু কোনো নকশা ভেসে উঠল না।
ট্রেন্ট ক্রমশ চিন্তিত হয়ে উঠছে। নকশা ফুটে উঠছে না কেন? এর সাথে মিল খাওয়া নকশা কম্পিউটারের স্মৃতিভাণ্ডারে থাকতেই হবে। ব্রেনমেয়ার তাকে তার জীবনের সাধনার ফল দেখিয়েছে। সে কোনো নক্ষত্রের অবস্থান চিহ্নিত করে রাখতে ভুল করতে পারে না, অথবা তার অবস্থান ভুল জায়গা দেখাতে পারে না।
এটা ঠিক যে, নতুন নক্ষত্রের জন্ম হয় আবার কিছু নক্ষত্রের মৃত্যুও ঘটে; আবার কোনো কোনো নক্ষত্র বেঁচে থাকার সময় আকাশে স্থান পরিবর্তন করে। এসব প্রাকৃতিক ঘটনা ঘটে যায় অত্যন্ত ধীরগতিতে। এজন্য লাগে লক্ষ লক্ষ বছর। ব্রেনমেয়ারের তৈরি করা নকশাও কয়েক লাখ বছরের আগে পরিবর্তিত হতে পারে না। হঠাৎ কী একটা কথা মনে হতেই ট্রেন্ট যেন শিউরে উঠল। আতঙ্কে হিম হয়ে গেল। নাহ্, এটা কিছুতেই হতে পারে না। অন্ধভাবে ঝাঁপ দিয়ে একটা নক্ষত্রের অভ্যন্তরে গিয়ে পড়ার সম্ভাবনা আরো কম।
মহাকাশযানটি ক্রমাগত পাক খেয়ে যাচ্ছে মহাকাশে। উজ্জ্বল তারাটিকে আবার দেখার জন্য অপেক্ষা করছে ট্রেন্ট। যেইমাত্র তারাটিকে দেখা গেল অমনি কাঁপা কাঁপা হাতে টেলিস্কোপের ছবিটার আওতায় নিয়ে এল নক্ষত্রটিকে। যতটা সম্ভব টেলিস্কোপের ক্ষমতা বাড়িয়ে দিলো। দেখতে পেল উজ্জ্বল আলোর চারপাশে ফুটন্ত গ্যাস থেকে নির্গত ধোঁয়ার আবরণ। এবার ব্যাপারটা বোঝা গেল। এটি আসলে নোভা। কোনো তারার আকস্মিক বিস্ফোরণের ফলে ভরবীক্ষণের জন্য অস্বাভাবিক উজ্জ্বল হয়ে ওঠে। তখন পরিণত হয় নোভায়। একটি ছোট অদৃশ্যপ্রায় নক্ষত্র থেকে এটা পরিণত হয়েছে একটা উজ্জ্বল নক্ষত্রে। সম্ভবত মাত্র মাসখানেক আগে এটা হয়েছে। এটা নিম্নশ্রেণির নক্ষত্র বলে হয়তো কম্পিউটারের হিসেবের মধ্যে আসেনি। কিন্তু এখন তার পরিবর্তন ঘটেছে। ব্রেনমেয়ার যখন মহাকাশের পরিসংখ্যান সংগ্রহ করছিল তখন নিশ্চয়ই সেটা ওখানে ছিল না। তাই এই তথ্যটা কম্পিউটারের স্মৃতিভাণ্ডার ধরে রাখতে পারেনি। আর এখন কম্পিউটার হন্যে হয়ে এই নক্ষত্রের চারপাশের নকশা খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। অস্থির হয়ে উঠছে ট্রেন্ট। প্রচণ্ড শীতল একটি ভয়ের স্রোত তার ভেতরে যেন কুলকুল করে বয়ে যাচ্ছে। চিৎকার করে ওঠে সে, এই নক্ষত্রটা নিয়ে আর মাথা ঘামিও না। এটাকে বাদ দিয়ে অন্য কোথাও নিয়ে চলো। ট্রেন্টের অসহায় চিৎকার একটি স্বয়ংক্রিয় যন্ত্রে প্রতিহত হয়ে ফিরে এলো। পূর্বনির্ধারিত নির্দেশ অনুযায়ী কোনো উজ্জ্বল নক্ষত্র পর্দায় ফুটে উঠলেই কম্পিউটারের স্মৃতিভাণ্ডারে রক্ষিত মহাজাগতিক নকশার সাথে সেই নক্ষত্রের অবস্থান মিলিয়ে দেখবে এবং প্রয়ােজনীয় সঙ্কেত দেবে। বর্তমান পরিস্থিতিতে এই নোভার চারপাশের পরিমণ্ডল তার ভাণ্ডারের নকশার সাথে যতক্ষণ না মিলবে ততক্ষণ সে চেষ্টা করেই যাবে।

থামবে না কিছুতেই; যতক্ষণ না তার জ্বালানি শক্তির সরবরাহ নিঃশেষিত হচ্ছে। কিন্তু তার অনেক আগেই শেষ হয়ে যাবে মহাকাশযানের বায়ুর সরবরাহ। ট্রেন্টের জীবন যাবে নিভে। ভীষণ অসহায় দেখাচ্ছে ট্রেন্টকে। হতাশ হয়ে এলিয়ে পড়ল চেয়ারে। কম্পিউটারের পর্দায় তখন নক্ষত্রের আলোর অর্থহীন নকশা। অনিবার্য মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে ট্রেন্ট। মুহূর্তগুলো যেন প্রবল যন্ত্রণায় ভরা। ট্রেন্টের একবার শুধু মনে হল, ব্রেনমেয়ারের মৃতদেহে গেঁথে থাকা ছোরাটা তখন তুলে আনলে এই যন্ত্রণার হাত থেকে নিজেই নিজেকে সে মুক্তি দিতে পারত।
আইজাক আসিমভের কাহিনী অবলম্বনে

সুখী মানুষ

এক দেশে রত্ননিধি নামে এক শহর ছিল। সেই শহরে এক বণিক বাস করত। ব্যবসা-বাণিজ্য করে তার দিনগুলো ভালোভাবেই চলে যেত। কিন্তু তার মনে কোনো সুখ ছিল না। তিনি সুখী হবার জন্য সর্বদা চেষ্টা করতেন। সুখ অন্বেষণের জন্য তিনি শহর থেকে শহরে, গ্রাম থেকে গ্রামে ছুটে বেড়াতেন। তার বিশ্বাস ছিল একদিন না একদিন তিনি ঠিক-ই সুখী হবেন। ব্যবসা-বাণিজ্যে তার উত্তরোত্তর সাফল্য আসে। চারদিক থেকে আয়-রোজগার বাড়তে থাকে। যত পান ততই চান। তবুও তিনি সুখের নাগাল পান না। রাতের বেলায় ঘুমাতে গেলেও তার ঠিকমতো ঘুম আসে না। সারারাত জেগে থাকেন। তাই দিন-দিন তার হতাশা বাড়তেই থাকে। মনের মধ্যে অস্থিরতা কাজ করে। অশান্ত মনকে শান্ত করার জন্য তিনি উপায় খুঁজতে থাকেন। একদিন হঠাৎ তার মনে পড়ে এক সাধকের কথা। সাধক পার্শ্ববর্তী এক শহরে বাস করতো। বণিক মনে মনে বলেন, সুখী হওয়ার জন্য আমাকে ওই সাধকের শরণাপন্ন হতে হবে। নিশ্চয়ই উনি আমাকে সঠিক পরামর্শ দেবেন। সাধকের পরামর্শ গ্রহণ করলে নিশ্চয়ই আমি সুখী হতে পারবো।
একদিন সময় করে বণিক সাধকের আস্থানায় গিয়ে উপস্থিত হলেন। সাধকের সাথে দেখা করে তাকে সব ঘটনা খুলে বলেন। বণিকের সুখী হওয়ার বাসনার কথা শুনে সাধক তাকে একটা পরামর্শ দেন। তিনি বলেন- সুখী হতে হলে তোমাকে কঠিন একটা কাজ করতে হবে। মনের বাসনার কথা ব্যক্ত করে কয়েকজন সুখী মানুষের সঙ্গে তোমাকে সাক্ষাৎ করতে হবে। সাধকের কথা শুনে বণিক খুব খুশি হন। আর মনে মনে বলেন, এটা আর কী এমন কঠিন কাজ। আমি তো অনেক সুখী মানুষকে চিনি। তাদের সঙ্গে আমি দেখা করবো। সাধকের নিকট থেকে বিদায় নিয়ে বণিক মনের আনন্দে সুখী মানুষের সন্ধানে বেরিয়ে পড়েন। বণিক মনে মনে ভাবেন- এই শহরে যার একাধিক সুউচ্চ অট্টালিকা আছে নিশ্চয়ই তিনি একজন সুখী মানুষ। আমি অট্টালিকার মালিকের সঙ্গে দেখা করব। তাহলে আমার মনোবাসনা পূর্ণ হবে। একদিন বণিক সেই অট্টালিকার মালিকের সঙ্গে দেখা করেন। বণিকের ইচ্ছার কথা শুনে অট্টালিকার মালিক বলেন, আমাকে সুখী মানুষ ভেবে আপনি ভুল করেছেন। আমি কেন সুখী হবো? আমার তো সামান্য কয়েকটা অট্টালিকা আছে। আমি আরো অট্টালিকা চাই। অনেক অনেক অট্টালিকা। শুধু এই শহরে কেন, সারা দেশেও যেন আমার মতো কারোর এত বেশি অট্টালিকা না থাকে। যেদিন আমার ইচ্ছা পূরণ হবে সেদিনই আমি সুখী হবো। তুমি এখন অন্য কোন সুখী মানুষের খোঁজ করো। অট্টালিকার মালিকের কথা শুনে বণিক ভারী অবাক হন।

বণিক এবার মনে মনে বলেন, আমাকে যেভাবেই হোক একজন সুখী মানুষ খুঁজে বের করতেই হবে। নইলে আমি কোনো দিন সুখী হতে পারব না। শুনেছি এক শহরে একজন জমিদার বাস করেন। নিশ্চয়ই তিনি সুখী মানুষ। আমি তার সঙ্গে দেখা করব। পরেরদিন সেই জমিদারের উদ্দেশ্যে বণিক বেরিয়ে পড়েন। দীর্ঘপথ পাড়ি দিয়ে বণিক জমিদারের প্রাসাদে উপস্থিত হন। অবশেষে তার সঙ্গে দেখা-সাক্ষাৎ করেন। বণিকের ইচ্ছার কথা শুনে জমিদার বলেন, কে বলেছে আমি সুখী মানুষ? আমি তো সামান্য ১০০০ বিঘা জমির মালিক। এই দেশে তো আরো অনেক জমিদার রয়েছে যাদের জমির পরিমাণ আমার চেয়ে অনেক বেশি। আমার ইচ্ছা তাদের মতো জমিদার হওয়া। তাই আমার মনে অনেক দুঃখ। কেন আমি উনাদের মতো জমিদার হতে পারিনি? আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছি আমার জমির পরিমাণ বাড়াতে। কিন্তু আজো আমি সফল হতে পারিনি। জমিদার একটা টানা নিঃশ্বাস ফেলে বলেন, আমি জানি না কবে যে আমার দুঃখ ঘুচবে! কবে যে আমার মনোবাসনা পূর্ণ হবে! যেদিন দেখব এদেশের সকল জমিদারের চেয়ে আমার জমির পরিমাণ বেশি সেদিনই মনে করব আমি একজন সুখী মানুষ। জমিদারের কথা শুনে বণিক খুব আশ্চর্যান্বিত হলেন। তিনি মনে মনে জমিদারকে ধিক্কার দিয়ে বলেন, এই জমিদার তো ভীষণ লোভী। এত জমি থাকার পরেও সে বলছে আমি সুখী নই? আমি মোটেও হতাশ হবো না। আমি এই দেশ থেকে একজন সুখী মানুষ খুঁজে বের করবোই। যতক্ষণ পর্যন্ত একজন সুখী মানুষ খুঁজে না পাই ততক্ষণ পর্যন্ত আমি ক্ষান্ত হবো না। এরপর বণিক জমিদারের কাছ থেকে বিদায় নিয়ে অন্যত্র চলে যান।

রত্ননিধি শহরে এক জহরী বাস করত। তার অনেকগুলো হীরা, মণি, মুক্তার দোকান ছিল। ওই জহরী ছিল অনেক টাকা-পয়সার মালিক। এবার বণিক ভাবল- নিশ্চয়ই উনি একজন সুখী মানুষ। আমি উনার সঙ্গে সাক্ষাৎ করব। একদিন বণিক জহরীর সঙ্গে দেখা করে মনের বাসনার কথা প্রকাশ করেন। সব কথা শোনার পর জহরী বলেন, আমি খুব সামান্য টাকা-পয়সার মালিক। আমার চেয়ে এই দেশে অনেক জহরী আছেন যাদের টাকার পরিমাণ আমার চেয়ে অনেক বেশি। আপনি তাদের কাছে যান। আমার ধনসম্পদ নিয়ে আমি মোটেও সন্তুষ্ট নই। আমি আরো টাকা-পয়সার মালিক হতে চাই। তাই আমি দিনরাত টাকার পেছনে অক্লান্ত ছুটছি। যেদিন এই দেশের সকলের চেয়ে বেশি টাকার মালিক হতে পারব সেদিনই আমি সুখী হবো। তার আগে নয়। আপনি অন্য একজন সুখী মানুষের সন্ধান করেন। এবারও বণিক হতাশ হয়ে ফিরে গেলেন।

বণিক এবার মনে মনে ভাবলেন এই দেশের রাজা সুখী মানুষ হবেন নিশ্চয়ই। আমি যেভাবেই হোক রাজার সঙ্গে দেখা করবো। কিছুদিন পর বণিক রাজার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রওনা দিলেন। রাজপ্রাসাদে উপস্থিত হয়ে তিনি রাজকর্মচারীদের মাধ্যমে রাজার সঙ্গে দেখা করার জন্য অনুমতি প্রার্থনা করেন। রাজার অনুমতি পেয়ে বণিক রাজার সঙ্গে দেখা করেন। রাজা সব ঘটনা শোনার পর বণিককে বলেন, তুমি নিশ্চয় জানো যে আমার দেশটা খুব বেশি বড় নয়। ছোট একটা দেশ। আমি একটা ছোট্ট দেশের রাজা। আমার আশপাশের দেশগুলোর কথা একটু চিন্তা করে দেখ। এক একটা দেশ আমার দেশের চেয়ে কত বড়! আমি যদি এরকম একটা বড় দেশের রাজা হতে পারতাম তাহলে কতই না ভালো হতো! অথচ আমার এই ছোট্ট দেশকে শাসন করতে আমাকে যথেষ্ট সময় ব্যয় করতে হয়। কত পেরেশান থাকতে হয়। দেশের চিন্তায়, জনগণের চিন্তায় আমি ঠিকমতো বিশ্রাম পর্যন্ত করতে পারি না। সবসময় একটা দুঃশ্চিন্তা আমার মধ্যে কাজ করে। তাই আমি মোটেও সুখী নই। তাই আমিও চাই তোমার মতো সুখী হতে।
দেশের একজন রাজা অসুখী হতে পারে তা বণিক ঘুণাক্ষরেও ভাবেননি। এবারও বণিক হতাশ হয়ে রাজপ্রাসাদ হতে বের হয়ে গেলেন। ভগ্ন মনোরথে বণিক মাথা নিচু করে একাকী হাঁটতে থাকেন। আকাশ-পাতাল ভাবছেন। এমন সময় হঠাৎ তার চোখে পড়ে এক অন্ধ ফকির তার স্ত্রীর কাঁধে ভর করে মনের আনন্দে ধীর পায়ে হেঁটে যাচ্ছেন। তার স্ত্রীও ঠিকমতো চোখে দেখেন না। বণিকের কৌতূহল হলো ফকির দম্পতির সঙ্গে কথা বলবেন। বণিক তাদের দিকে এগিয়ে গেলেন। তাদের কাছে জানতে চান, আপনরা এত খুশি কেন? কী হয়েছে?” অন্ধ ফকির উত্তরে বলে, “আজ আমাদের মহা খুশির দিন। একজন আমাদের ৫০০ টাকা দান করেছেন। এতে আমাদের বেশ কিছুদিন ভালোভাবে চলে যাবে। দুই-এক দিন বাসাতে বিশ্রাম করতে পারবো। ভিক্ষার জন্য বাইরে যেতে হবে না।”
– আপনারা কোথায় থাকেন?
– গ্রামের শেষ মাথায় একটা বাগান আছে। সেই বাগানের পাশে ছোট্ট একটা ভাঙা কুঁড়েঘর আছে। সেখানেই আমরা থাকি।
– আপনাদের কষ্ট হয় না? আপনাদের কি ইচ্ছা করে না পাকা ঘরে বাস করতে?
– কীযে বলেন ভাই? নিজের তো কোনো জায়াগা-জমি নেই। একটু মাথাগোঁজার ঠাঁই পেয়েছি এটাই তো অনেক বড় বিষয়। আর আমাদের কেনই বা পাকাঘর থাকতে হবে? কুঁড়েঘরে থাকতে আমাদের তো কোনো সমস্যা হয় না। মাটির মানুষ মাটির বিছানাতেই শান্তি পাই।
– সুন্দর কোনো ঘরবাড়ি, সুন্দর পোশাক পরিচ্ছদ এগুলো কিছুই চান না?
– আমাদের কেন লজ্জা দিচ্ছেন? সুন্দর ঘরবাড়ি, পোশাক-পরিচ্ছদ দিয়ে আমরা কী করবো? আমরা তো চোখে দেখি না। আমাদের কাছে সুন্দর-অসুন্দর, রাত-দিন সবই সমান।
– তাহলে কি আপনারা সুখী মানুষ?
– হ্যাঁ আমরা তো সুখী মানুষ। আমাদের কোনো দুঃখ-কষ্ট নেই। আল্লাহ আমাদের দয়া করে বাঁচিয়ে রেখেছেন এতেই আমরা খুশি।

অন্ধ ফকির দম্পতির কথা শুনে বণিক মনে মনে বলেন, কোনো নিঃস্ব, দরিদ্র ব্যক্তি যদি সুখী হতে পারে তাহলে আমি কেন পারবো না? আমার তো অনেক সম্পদ রয়েছে। আমি কালই সাধকের সঙ্গে দেখা করবো। পরের দিন বণিক সাধকের সঙ্গে দেখা করেন। বণিক গতকালের ঘটনা সাধকের কাছে হুবহু বর্ণনা করেন। সব কথা শুনে সাধক বলেন, কোনো ব্যক্তির যা আছে তাতেই যদি সে সন্তুষ্ট থাকে তাহলেই সে সুখী। নিজেকে অভাবমুক্ত রাখতে পারলেই মনের মাঝে সুখের জন্ম নেয়। নিজেকে সুখী মনে করলেই সুখী হওয়া যায়। এর জন্য ধনসম্পদ, টাকা-পয়সার দরকার হয় না। আর কেউ যদি অধিক পাওয়াকে সুখ মনে করে তাহলে সে কক্ষনো সুখী হবে না। যত পাবে ততই চাইবে। না পাওয়ার বেদনা তাকে সারাক্ষণ তাড়িয়ে বেড়াবে। অঢেল সম্পদের মালিক হওয়া সত্ত্বেও সে সুখী হতে পারবে না। সাধকের মর্মবাণী বণিকের বুঝতে কষ্ট হয়নি। বণিকের ঘুমন্ত বিবেক জাগ্রত হয়। তার অন্তর্চক্ষু খুলে যায়। তিনি বুঝতে পারেন ধনসম্পদ, টাকা-পয়সা সুখের একমাত্র উৎস নয়। মনের সুখই বড় সুখ। তিনি সাধককে বলেন আমিও আজ থেকে সুখী মানুষ। ভীষণ সুখী। সাধকের কাছ থেকে বিদায় নিয়ে বণিক মনের আনন্দে বাড়িতে ফিরে যান।

খাদ্যাভ্যাস ও বয়ঃসন্ধি

বন্ধুরা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শুধুই ওজনের সঙ্গে সম্পর্কিত নয়। হরমোন তথা বয়ঃসন্ধির সঙ্গেও তার নিবিড় যোগাযোগ। শরীর সুস্থ রাখতে এবং হরমোন নিয়ন্ত্রণে রাখতে তাই নজর দিতে হবে ডায়েটে। লক্ষ করা গেছে, আজকাল ছেলেমেয়েদের মধ্যে কৈশোরের স্থায়িত্ব অনেকটা কমে গেছে। এখন শৈশব শেষ হতে না হতেই মেয়েদের শারীরিক গঠনে বদল দেখা দিচ্ছে এবং তারা বয়ঃসন্ধিতে পৌঁছুচ্ছে। অথচ বছর দশেক আগেও এমনটা ছিল না। প্রাকৃতিকভাবে এ ঘটনা কিন্তু অস্বাভাবিক। কারণ ১২-১৩ বছর বয়সে মানসিকভাবে পরিণত হওয়া অসম্ভব। তাহলে শারীরিক পরিণতি আসছে কিভাবে? সমবয়সী ছেলেদের ক্ষেত্রেও একই সমস্যা। কিন্তু কেন?
গবেষণায় দেখা গেছে, এর পেছনে খাদ্যাভ্যাসের বড় ভূমিকা রয়েছে। গত কয়েক বছরে ছেলেমেয়েদের খাদ্যাভ্যাসে আমূল পরিবর্তন এসেছে। তার আগে ছেলেমেয়েরা জাঙ্কফুডের প্রতি এতটা নির্ভরশীল ছিল না। পাশাপাশি গোশত এবং অন্যান্য আমিষ খাবার খাওয়ার পরিমাণও অনেকটাই কম ছিল। তৎকালীন খাবারের তালিকায় বেশি মাত্রায় পাওয়া যেত ফাইবারে সমৃদ্ধ শাকসবজি ও ফল, অর্থাৎ ‘স্বাস্থ্যকর খাদ্য’। তাতে ফ্যাট বা চর্বির পরিমাণও কম
থাকত। কাঁচা শাক-সবজি খাওয়ার চলও তখন অনেকটাই বেশি ছিল। কিন্তু বর্তমানে ছেলে-মেয়েরা পাশ্চাত্যের খাদ্যাভ্যাসকে পুরোমাত্রায় আপন করে নিয়েছে। পিৎজা, বার্গার, সাদা পাউরুটির স্যান্ডউইচ, চিপস ইত্যাদির প্রতি তাদের তীব্র চাহিদা। যাঁরা আমিষ খাবার খান, তাঁরা নিশ্চিন্তে রোজকার ডায়েটে ‘হোয়াইট মিট’ রাখছেন। এই প্রতিটা খাবারের সঙ্গেই হরমোনের সম্পর্ক নিবিড়। প্রতিটি খাবারই শরীরে হরমোনের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে এবং ফলস্বরূপ এগিয়ে আসছে বয়ঃসন্ধির সময়।
বন্ধুরা, মনে প্রশ্ন জাগতেই পারে, হরমোন শারীরিক ক্রিয়াকলাপের জন্য যেখানে অপরিহার্য, সেখানে তা ক্ষতির কারণ হয়ে উঠছে কেন? এ কথা সত্যি, আপেক্ষিকভাবে হরমোন শরীরের জন্য গুরুত্বপূর্ণ। তবে অতিরিক্ত কোনোকিছুই ভালো নয়। একইভাবে প্রয়োজনের অতিরিক্ত হরমোনও শরীরের ক্ষতি করতে পারে। আর এ কারণেই বাড়তি হরমোন নিয়ন্ত্রণ করা একান্ত জরুরি।
বয়ঃসন্ধির সময় স্বাভাবিক রাখতে সেক্স হরমোন অর্থাৎ ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং টেস্টোস্টেরনের পরিমাণ নিয়ন্ত্রণ রাখা আবশ্যক। শুধু সে কারণেই নয়, এই হরমোনের পরিমাণ বেড়ে গেলে, ব্রেস্ট ক্যানসার, বেদনাদায়ক পিরিয়ডস ইত্যাদির আশঙ্কাও বেড়ে যায়। সেইসাথে মেনোপজের সময়ও নানা জটিলতা দেখা দেয়। পুরুষদের ক্ষেত্রে হাই টেস্টোস্টেরন লেভেল প্রস্টেট সংক্রান্ত সমস্যার আশঙ্কা, অসময়ে মাথায় টাক পড়া এবং অন্যান্য হরমোন সংক্রান্ত ক্যানসারের আশঙ্কা বাড়ায়। পাশাপাশি দু’পক্ষেরই মন, মেজাজ, ওজন, হাড় ও চুলের ওপর ক্ষতিকারক প্রভাব ফেলে। অপরদিকে হরমোনের পরিমাণ সঠিক থাকলে, তা সৌন্দর্য বাড়ায়, পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে তরতাজা রাখতে সাহায্য করে। পিরিয়ডস চলাকালীন শরীরে ইস্ট্রোজেন হরমোনের পরিমাণ বেশি থাকলে, তা ব্যথা-বেদনার পরিমাণ বাড়ায়। ফলে তা আরো অস্বস্তির কারণ হয়ে ওঠে। একই কারণে, মেনোপজের সময় ইস্ট্রোজেনের পরিমাণ দ্রুত কমতে শুরু করে, যার ফলে হাড়ের ক্ষয় বা বোন ডিজেনারেশন এবং মুড সুইংয়ের সমস্যাও চরম রূপ নেয়। সমীক্ষায় এও দেখা গেছে, যে সমস্ত মহিলার হরমোনের লেভেল স্বাভাবিক থাকে, তাদের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেল এবং মেনোপজও যেমন স্বাভাবিকভাবে হয়, তেমনই হরমোনসংক্রান্ত ক্যানসারের আশঙ্কাও কম থাকে।
অতএব বন্ধুরা বুঝতেই পারছো, এক্ষেত্রে হরমোনের লেভেল স্বাভাবিক রাখতে খাওয়াদাওয়ার প্রতি মনোযোগ দিতে হবে। কিছু কিছু খাবার রয়েছে, যা হরমোনের সমস্যা আরো বাড়িয়ে দেয়, আবার কিছু খাবার নিরাময়ে সাহায্য করে। প্রাণিজ খাবার যেমন, ডিম, চিকেন, রেড মিট, মাছ, দুধ, চিজ, পনির ইত্যাদি সেক্স হরমোনের পরিমাণ বাড়িয়ে দেয়। ছোট থেকেই লো ফাইবার, হাই ফ্যাট এবং মাংস-নির্ভর ডায়েট মেনে চললে বয়ঃসন্ধিতেও নেতিবাচক প্রভাব পড়ে, যা পরবর্তীকালে আরো নানা জটিলতার জন্ম দেয়। খাবার এবং শরীরে তার ভূমিকা সম্পর্কে সঠিক জ্ঞান থাকলে, সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা খুব সহজ। প্রথমেই খাবার থেকে অতিরিক্ত ফ্যাট বাদ দিতে হবে। এতে অতিরিক্ত হরমোন অনেকটাই কমে আসবে। রেড মিট, পোলট্রি প্রডাক্ট, মাছ, ডেয়ারি প্রডাক্ট, ভেজিটেবল অয়েল এবং ভাজাভুজিতে ফ্যাটের পরিমাণ সবচেয়ে বেশি। হরমোনের মাত্রা সঠিক রাখতে ডায়েট থেকে প্রাণিজ উপকরণও যতটা সম্ভব কমাতে হবে। পরিবর্তে তাতে টাটকা ফল, ফাইবার বা আঁশ সমৃদ্ধ সবজি, বিনস, গোটাশস্য এবং সিরিয়াল রাখতে হবে। পিরিয়ডস চলাকালীন যারা অত্যন্ত ব্যথা-বেদনার সম্মুখীন হন, তারাও পিরিয়ডসের আগের এবং পরের ক’দিন নিরামিষ ডায়েট রুটিন মেনে চলতে পারেন। সে ক্ষেত্রেও সমস্যা কিছুটা কমবে। কারণ ফাইবার শরীরে
থাকা অতিরিক্ত হরমোন শোষণ করে শরীর থেকে বের করে দেয়। কিন্তু আমিষ ডায়েটে ফাইবার থাকে না বলে, শরীরে প্রচুর অপাচ্য প্রোটিন এবং ফ্যাট থেকে যায়, যা সমস্যা আরো বাড়িয়ে দেয়।
সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গেছে, যারা টাটকা ফল, সবজি এবং গোটাশস্য খায়, সেই সব অল্প বয়সী মেয়েদের শরীরে ইস্ট্রোজেনের পরিমাণও স্বাভাবিক, আর তারা বয়ঃসন্ধিতেও পৌঁছায় স্বাভাবিক সময়ে, যার অর্থ তাদের ক্যানসারের আশঙ্কাও কম। এও প্রমাণিত হয়েছে যে, ফাইবার ডায়েট সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিনের (এসএইচবিজি) পরিমাণও বাড়ায়, যা এই ধরনের হরমোনের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। যে পুরুষদের শরীরে এসএইচবিজি-এর পরিমাণ বেশি, তাদের রাগ নিয়ন্ত্রণ ক্ষমতা এবং সবার সঙ্গে মেশার ক্ষমতাও ভালো হয়।
বন্ধুরা, পরিশেষে জেনে নাও এমন পরিস্থিতিতে কী খাবে আর কী এড়িয়ে চলবে? গোশত এবং গোশত থেকে পাওয়া খাদ্যদ্রব্য এড়িয়ে চলবে। এইসব খাবারে থাকা ফ্যাট হরমোনের মাত্রা অস্বাভাবিক হারে বাড়িয়ে দেয়। পাশাপাশি এতে ফাইবার না থাকায়, এই অতিরিক্ত ফ্যাট শরীর থেকে বেরতে পারে না। প্রাত্যহিক ডায়েটে ২-৩ চা-চামচ ভেজিটেবল অয়েল রাখবে। এটি শরীর থেকে সঠিক পরিমাণে হরমোন নিঃসরণে সাহায্য করবে। রিফাইন্ড বা পরিশোধিত খাবারের পরিবর্তে হোলগ্রেন বা গোটাশস্য খাবার বেছে নাও। ফলের রসের পরিবর্তে প্রাধান্য দাও গোটা ফলকে। টাটকা সবজি এবং ফাইবারও প্রতিদিনের ডায়েটে রাখবে। সয়াবিন এবং সয়া প্রডাক্ট বেশি করে খাবে। এতে ফাইটোইস্ট্রোজেন থাকে যা ক্যানসারের আশঙ্কা কমাতে সাহায্য করে।

১৪ মার্চ রোববার এবারের পাই দিবস

বৃত্ত আমাদের সবারই চেনা।
বৃত্তের একদম মাঝখানে থাকে এর কেন্দ্র। আর কেন্দ্র থেকে সমান দূরত্বে থেকে এর চারপাশের যে পথরেখা, সেটি হচ্ছে বৃত্তের পরিধি বা সারকামফারেন্স। অপরদিকে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বিস্তৃত সরল রেখার নাম ব্যাসার্ধ বা রেডিয়াস।
আমরা ছোট বা বড় যেকোনো আকারের একটি বৃত্ত নিয়ে এর পরিধির পরিমাপকে এর ব্যাসার্ধের পরিমাপ দিয়ে ভাগ করলে সব সময়েই দেখা যায়, এর মান দাঁড়ায় ২২/৭। এর অর্থ, আমরা যদি ৭ সেন্টিমিটার দীর্ঘ একটি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি, তবে এর পরিধির দৈর্ঘ্য হবে ২২ সেন্টিমিটার। একইভাবে ৭ ইঞ্চি দীর্ঘ ব্যাসার্ধের বৃত্তের পরিধি হবে ২২ ইঞ্চি। আরো বড় আকারের ব্যাসার্ধ, ধরা যাক ৭ মাইল দীর্ঘ ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকলে এর পরিধির দৈর্ঘ্য হবে ২২ মাইল। ছোট বড় সব বৃত্তের ক্ষেত্রে পরিধিকে এর ব্যাসার্ধ দিয়ে ভাগ করলে মান সব সময় এই ২২/৭ হবে। এ মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এটি একটি ধ্রুব সংখ্যা বা কনস্ট্যান্ট নাম্বার। এর নাম দেয়া হয়েছে ‘পাই’ (π)। আর এই π হচ্ছে গ্রিক বর্ণমালার ষোলতম অক্ষর।

এই π-এর মান ২২/৭ কে দশমিক ভগ্নাংশ আকারে প্রকাশ করতে চাইলে আমাদেরকে ২২ কে ৭ দিয়ে ভাগ করতে হবে। তখন আমরা দেখতে পাব মজার এক ঘটনা: দশমিকের পর যত ঘর পর্যন্তই
আমরা ভাগ করতে যাই না কেনো,
এর কোনো শেষ পাওয়া যায় না।
দশমিক ভগ্নাশে এর মান দাঁড়ায় ৩.১৪১৫৯২৬৫৩৫…………….। সাধারণত দুই দশমিক স্থান পর্যন্ত এর মান হচ্ছে ৩.১৪। শিক্ষার্থীরা এই মান ব্যবহার করেই বিজ্ঞানের নানা হিসাব নিকাশ করে থাকে।
সে যা-ই হোক বিজ্ঞান জগতের এই অবাক করা ধ্রুব সংখ্যাটি আবিষ্কার হয় প্রায় ৪ হাজার বছর আগে। আর এর প্রথম ক্যালকুলেশন করেন গণিতবিদ আর্কিমিডিস (২৮৭Ñ২১২ খ্রিষ্টপূর্বাব্দ)।
০২.
বিজ্ঞানের ছাত্রমাত্রই জানে, এই ২২/৯ বা ৩.১৪ হচ্ছে গণিতের এক অবাক করা সংখ্যা। একটু আগেই জেনেছি, এই সংখ্যাটিকে প্রকাশ করা হয় গ্রিক বর্ণমালার ষোলতম অক্ষর π দিয়ে। তাই ‘পাই’ বলতে আমরা ২২/৯ বা ৩.১৪ সংখ্যাটিকেই বুঝি। আর এ-ও জেনেছিÑ এটি একটি ধ্রুব সংখ্যা, যার মান সব সময় একই, এর ভিন্ন কোনো মান নেই।
এই অবাক করা ধ্রুবসংখ্যাটির সদর্প উপস্থিতি রয়েছে গণিতের বা বিজ্ঞানের বহু সূত্রে। জ্যামিতির কয়েকটি সূত্রে এর ব্যবহারের উদাহরণ হচ্ছে :
বৃত্তের ক্ষেত্রফল = π দ্ধ (ব্যাসার্ধ) ২ বর্গ একক
গোলকের তলের ক্ষেত্রফল = ৪ π দ্ধ (ব্যাসার্ধ) ২ বর্গ একক
কোণকের বক্রতলের ক্ষেত্রফল = π দ্ধ (ব্যাসার্ধ) ২ দ্ধ দৈর্ঘ্য বর্গ একক
কোণকের সমগ্রতলের ক্ষেত্রফল = π দ্ধ ব্যাসার্ধ (দৈর্ঘ্য + ব্যাসার্ধ) বর্গ একক
গোলকের আয়তন = ৪/৩ π দ্ধ (ব্যাসার্ধ) ৩ ঘন একক
কোণকের আয়তন = ১/৩ π দ্ধ (ব্যাসার্ধ) ২ দ্ধ উচ্চতা ঘন একক
এবং এমনি আরো অনেক সূত্র।
এ ছাড়ও পদার্থ বিজ্ঞান ও উচ্চতর গণিতের অসংখ্য সূত্রে এই π-এর উপস্থিতি সত্যিই আমাদের অবাক করে। এ নিয়ে অব্যাহতভাবে চলছে নানামাত্রিক গবেষণা। সেই সূত্রে আমরা জানতে পারছি এর নতুন নতুন মজার তথ্য। একই সাথে প্রকৃতিও সময়ে সময়ে উদঘাটন করে চলেছে তেমনি কিছু মজার তথ্য। এই তো ২০২০ সালে গবেষক জ্যোতির্বিজ্ঞানীরা আমাদের সৌরজগতের বাইরে আবিষ্কার করেছেন পৃথিবীর সমান আকারের নতুন একটি গ্রহ। এই গ্রহ প্রতি ৩,১৪ দিনে একটি তারাকে প্রদক্ষিণ করে চলেছে। এই গ্রহটির আনুষ্ঠানিক নাম ক২-৩১৫ন হলেও এটি এখন সমধিক পরিচিতি পেয়েছে ‘পাই আর্থ’ নামে।

০৩.
এভাবে গণিতের ‘পাই’ নামের এই সংখ্যাটি হয়ে উঠেছে বিশ্বব্যাপী গণিতপ্রেমীদের অন্যতম আকর্ষণীয় এক বিষয়। এদের আগ্রহ পাই-এর নতুন নতুন মজার তথ্য এবং এর বৈজ্ঞানিক, বিশেষত এর গাণিতিক সৌন্দর্য উদঘাটনের ব্যাপারে। এখন বিশ্বের প্রায় সবখানে ঘটা করে প্রতিবছর পালন করা হচ্ছে ‘পাই দিবস’। প্রতিবছর ১৪ মার্চে পালন করা হয় এই দিবস। যেমন: এবার সারা বিশ্বে ১৪ মার্চ রোববার পালিত হতে যাচ্ছে এই পাই দিবস।
প্রতি বছর ১৪ মার্চকে কেনো বেছে নেয়া হলো ‘পাই দিবস’ হিসেবে? আমরা জানি দুই দশমিক স্থান পর্যন্ত পাই-এর মান ৩.১৪। এখানে দশমিকের আগের সংখ্যা ৩-কে বিবেচনা করা হয় মাস নির্দেশক সংখ্যা। যেহেতু বছরের ৩ নম্বর মাস হচ্ছে মার্চ, তাই মার্চ মাসেই এই দিবস পালনের সিদ্ধান্ত হয়। আর দশমিকের ডানের সংখ্যা ১৪ থাকায়, প্রতিবছর মার্চ মাসের ১৪ তারিখে ‘পাই দিবস’ পালনের নিয়মটা চালু হয়ে গেছে।
০৪.
ইতিহাস থেকে জানা যায়Ñ আনুষ্ঠানিকভাবে বড় আকারে বিশ্বে প্রথম পাই দিবস পালিত হয় ১৯৮৮ সালে। আর এর আয়োজনে ছিলেন ল্যারি শ’। তিনি তা আয়েজন করেন স্যানফ্রানিসকো এক্সপ্লোরেটরিয়ামে। তখন তিনি সেখানে কর্মরত ছিলেন একজন পদার্থবিদ হিসেবে। সেদিন তিনি ও তার স্টাফেরা এই এক্সপ্লোরেটরিয়ামের চারপাশের বৃত্তাকাার পথে একটি জনমিছিল বের করেছিলেন। সেদিন সেখানে ‘ফ্রুট পাই’ খাওয়ার আয়োজনও ছিল। সেই এক্সপ্লোরেটরিয়াম আজো প্রতিবছর এই পাই দিবস পালন অব্যাহত রেখেছে।
২০০৯ সালের ১২ মার্চ যুক্তরাষ্ট্রের ‘প্রতিনিধি পরিষদে’ পাস হয় একটি ‘নন-বাইন্ডিং রেজুলেশন’। এই প্রস্তাবে সে দেশে ১৪ মার্চকে ‘জাতীয় পাই দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়া হয়। ২০১৯ সালের নভেম্বরে জাতিসঙ্ঘের ৪০তম সাধারণ সম্মেলনে পাই দিবসকে ‘আন্তর্জাতিক গণিত দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত হয়।
২০১৪ সালে পুরো মার্চ মাসটি পালিত হয় ‘পাই মাস’ হিসেবে। আর ২০১৫ সালে ১৪ মার্চ পালিত হয় ‘সুপার পাই ডে’। এই দিবসটি পালনের একটি গুরুত্ব ছিল। সেবার এই তারিখটি লেখা হয় মাস/দিন/বছর ফরম্যাটে এভাবে: ৩/১৪/১৫। তারিখের এই সংখ্যাগুলোর সাথে সেদিনের সকাল ৯টা ২৬ মিনিট ৫৩ সেকেন্ডের সংখ্যাগুলো পাশাপাশি বসিয়ে আমরা পাই ৩১৪১৫৯২৬৫৩। এখানে প্রথমে থাকা ৩-এর পর একটি দশমিক বিন্দু বসালে দাঁড়ায় ৩.১৪১৫৯২৬৫৩, যা আসলে ৯ দশমিক স্থান পর্যন্ত π-এর মান।
অপরদিকে সাধারণ ভগ্নাংশে π-এর মান যেহেতু ২২/৭. তাই ৭-কে মাসসংখ্যা ও ২২-কে তারিখ সংখ্যা বিবেচনা করে প্রতিবছর ২২ জুলাই পালিত হয় ‘পাই অ্যাপ্রক্সিমেশন ডে’।
০৫.
আমাদের দেশে আমরাও ‘পাই দিবস’ সহজেই পালন করতে পারি। শিশুকিশোর সংগঠনগুলো এই দিবস আয়োজনের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে π সম্পর্কে নানা তথ্য জানার সুযোগ করে দিতে পারে। আলোচনার মাধ্যমে π-এর পরিচয় ও এর প্রয়োগ ক্ষেত্রগুলো তুলে ধরা যেতে পারে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে π সম্পর্কে জানার আগ্রহ বাড়িয়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে আয়োজন করা যেতে পারে আলোচনা অনুষ্ঠান। আয়োজন করা যেতে পারে π-এর তথ্যভিত্তিক শিশুকিশোর প্রতিযোগিতা। π সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ‘পাই পদযাত্রা’ করা যায়। আয়োজক সংগঠনগুলো ওই দিনে π-সংশ্লিষ্ট নানা তথ্য তুল ধরে বিভিন্ন উপহারসামগ্রী, যেমন মগ, গেঞ্জি, ব্যাগ ও শিক্ষাসামগ্রী বিক্রির ব্যবস্থা করতে পারে। এখন π নাম বহন করে এমন অনেক খাবার সমাজে চালু আছে। পাই দিবসে এসব খাবারের আয়োজন করে খাবারের মাধ্যমে π সম্পর্কে সাধারণ মানুষের কাছে নানা মজার মজার তথ্য পৌঁছে দেয়া সম্ভব। সারা বিশ্বে আজ কিভাবে কারা এই পাই দিবস পালন করছে, তা থেকে ধারণা নিয়ে আমরাও আমাদের মতো করে পাই দিবস পালনের কর্মসূচি তৈরি করতে পারি। গণিতপ্রেমী মানুষের মাঝে ‘পাই দিবস’ পালন সে এক অন্য রকম মজা।

পদ্মাপাড়ের বিলু (পর্ব ৫)

নানাবাড়ির পথে-২

অবশেষে ট্রেন পোড়াদহ ছাড়ল। একটি স্টেশন পেরিয়ে কিছুক্ষণের মধ্যে পৌঁছল ভেড়ামারায়। এদিকে বিলুও জানালার পাশে জায়গা পেয়েছিল। ট্রেন ভেড়ামারা ছাড়তেই তার চোখ বাইরের দিকে সেঁটে রইল। একটু পরই ট্রেন হার্ডিঞ্জ ব্রিজ পেরোবে। বহুবার শুনেছে এ রেল ব্রিজের কথা। এত বড় রেল সেতু আর কোথাও নেই। এক মাইলেরও বেশি দীর্ঘ। ডবল লাইনের ব্রিজ। এক পাশে মানুষের পায়ে চলার পথ আছে। পদ্মার মতো প্রবল স্রোতস্বিনী নদীর ওপর ব্রিটিশরা এ ব্রিজ তৈরি করে এক বিরাট কাজ করেছিল। বড় হয়ে বিলু জেনেছে, সেকালে ভারতের রাজধানী কলকাতার সাথে আসাম ও উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ প্রতিষ্ঠার লক্ষ্যেই ব্রিটিশরা এ ব্রিজ তৈরি শুরু করে। ট্রেন ব্রিজে উঠতেই বিলু জানালা দিয়ে একটুখানি মাথা বের করে আরো ভালো করে দেখার জন্য। এদিকে ট্রেন ব্রিজের উপর ওঠার পর থেকে আওয়াজ প্রচণ্ডভাবে বেড়ে গেছে। কেউ আস্তে কথা বললে শোনা যায় না। বিশাল পদ্মা নদীর দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে রইল বিলু। এ নদীকে ছোট থেকেই দেখে আসছে সে। কিন্তু এত ওপর থেকে দেখা আলাদা ব্যাপার। তবে তার মনে হয়, তাদের এলাকায় পদ্মা নদী আরো বেশি চওড়া। আর এদিকে নদীতে ভাঙন আছে কি না সে বুঝতে পারল না, কিন্তু তাদের এলাকায় আষাঢ় মাস এলেই ভয়াবহ ভাঙন শুরু হয়। কত বাড়িঘর, কত জমি যে ভেঙেছে। এ বয়সেই বিলু নদী ভাঙনে সর্বস্বান্ত হওয়া অনেক মানুষের কান্না শুনেছে, বিলাপ দেখেছে। তা দেখে তার কচি মনটা ব্যথায় টন টন করে উঠেছে।
ট্রেনে চিনাবাদাম, চানাচুর, বিস্কুট, চকোলেট বিক্রি করে লোকজন। পাশের সিটের লোকজন বা ছেলেপুলেরা কেউ কেউ কিনে খাচ্ছিল তা। বিলু তাকিয়ে দেখে। এক-দু’টি চকলেট বা চানাচুরের দু’আনা দামের একটা ছোট্ট প্যাকেট তার কিনে খেতে খুব মন চায়। কিন্তু তার কাছে তো কোনো পয়সা নেই। তাই খেতে পারে না। মা যদি কিনে দিতেন তাহলে সে খেতো। তবে সে জানে যে তারা খুব গরিব। মা খুব অল্প টাকা মানে যাওয়ার খরচটা নিয়েই শুধু এসেছেন। ট্রেনে চার আনার কিছু কিনে খাওয়ার জন্য দেয়ার বিলাসিতা করা তার সাজে না। তাই কিছু কিনে খাওয়া হয় না বিলুর। এতে সে মন খারাপ করে না। তার ইচ্ছে আছে খাওয়ার, কিন্তু তা বলে সে লোভী নয়। তার মাও তো তার সাথে না খেয়ে থাকেন। মা কিছু না খেলে সেই বা খাবে কেন? তা বলে কি খিদে লাগে না তার? লাগে। মুখ শুকিয়ে যায়। আল্লাহ চাহে তো সন্ধ্যা বেলা নানা বাড়ি পৌঁছে রাতে খাবে।
ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জের ট্রেন রওনা হলো। চাটমোহর, লাহিড়িমোহনপুর, আড়ানি, বড়াল ব্রিজ, সলপ, উল্লাপাড়া, রায়গঞ্জ এসব স্টেশন পাড়ি দিতে দিনশেষ হয়ে এলো। বড়ালব্রিজ স্টেশনের আগে ঝমঝম শব্দে বড়াল নদীর উপরের রেল ব্রিজ পার হল ট্রেন। এ সময় গড়াই ব্রিজ ও পাকশী ব্রিজের কথা মনে পড়ল বিলুর। বড়াল ছোট নদী, ব্রিজটাও তাই ছোট। অল্পক্ষণেই ব্রিজ পার হলো ট্রেন। একটি বা দু’টি স্টেশনে ব্রিটিশ আমলে লাগানো চা পানের প্রচারণামূলক সাইন বোর্ড চোখে পড়লÑ ‘যাহাতে নাহিক মাদকতা দোষ, কিন্তু পানে করে চিত্ত পরিতোষ।’ সারাটা পথে বিলুর সাথে রইল রেল লাইনের পাশের টেলিগ্রাফের তার টাঙানো খুঁটি। কোথাও কোথাও দেখল ফিঙে পাখি বসে আছে তারের ওপর। তবে হঠাৎ দু’এক জায়গা ছাড়া কোথায়ও ট্রেন লাইনের আশপাশে কোনো বাড়িঘর দেখতে পেল না সে। দ্রুত অপশ্রীয়মান গাছ-গাছালি, ঝোপঝাড়, বাঁশবন, ফাঁকা মাঠ, রাখাল ছেলে, মাঠে ঘাস খেতে থাকা গরু বা ছাগল, লাঙ্গল বইতে থাকা চাষি, নদী, খাল দেখতে দেখতে এক সময় পথ ফুরিয়ে এলো। অবশেষে ঠিক সন্ধ্যার মুখে সিরাজগঞ্জ বাজার স্টেশনে পৌঁছল ওরা। এ স্টেশন মায়ের জন্ম চেনা। স্টেশনের পাশেই পাকা রাস্তা। কয়েকটি রিকশা দাঁড়িয়ে আছে। মা একটি রিকশাকে ্ডেকে নানা বাড়ি বাণীকুঞ্জে যাওয়ার কথা বলতেই সে রাজি হয়ে গেল। আট আনা ভাড়া। মা-ছেলে উঠে বসল রিকশায়।
নানা বাড়ি মানে বেশ বড়সড় ব্যাপার। বাড়ির পুব সীমানায় পরপর তিনটি তালগাছ। তার নিচে শিরাজী স্মৃতিসৌধ বা মাজার। সেখানে চিরঘুমে শায়িত আছেন সৈয়দ ইসমাইল হোসেন শিরাজী। মাজারের সীমানা শেষে পশ্চিম দিকে শুরু হয়েছে বাড়ি। একটি দু’রুমের একতলা, একটি টিনশেড দালান, দু’টি পাকা মেঝে টিনের ঘর ও একটি পৃথক একতলা দালান। সব মিলিয়ে গোটা দশেক ঘর। টিনের বড় ঘরটিতে তার এক মামা বাস করেন। বাকি সব ঘর ব্যবহার করেন বড় মামা। বাড়ির দক্ষিণ ও পুব পাশে মাঠের মতো বেশ খানিকটা খোলা জায়গা। সেখানে একটি বিরাট আমগাছ ও জামরুলগাছ অনেকখানি জায়গায় ছায়া ছড়িয়ে রেখেছে। এখন বহু মানুষ। তাই, সকালে গণ- নাশতা হিসেবে খিচুড়ি খেলো বিলু। খাওয়ার পর এ ও ঘর খুঁজল পড়ার মতো কোনো বই পাওয়া যায় কিনা। সব ঘরেই লোকজন ভরা, কোনো বইটই নেই। তার আবার বই পড়ার ভীষণ নেশা। গোয়েন্দা কাহিনী, গল্প, নাটক, উপন্যাস, ইতিহাস, ভ্রমণকাহিনী যাই হোক, বই পেলেই সে পড়তে শুরু করে। পড়া তো নয়, গোগ্রাসে গেলা। তার মা তার এ রকম পাগলের মতো বই পড়া একদমই পছন্দ করেন না। তবুও তার চোখ এড়িয়ে বই পড়ে সে। এখন কোনো বই না পেয়ে মন খারাপ হয়ে গেল তার। চলে এলো বাড়ির বাইরে। খানিকক্ষণ ঘুরল। কাল থেকে ওরস শুরু হবে। বড় মামার মুরিদরা তা নিয়ে ব্যস্ত। লোকজন আসছে নানা জায়গা থেকে। পুরুষদের থাকার জন্য খোলা জায়গার এক দিকে সারি ধরে তাঁবু আর বাড়ির মধ্যে বড় উঠোনে তাঁবু খাটিয়ে মেয়েদের থাকার জায়গা করা হয়েছে। ঘুরতে ঘুরতে বাড়ির বাইরের প্রবেশপথের কাছে পৌঁছল বিলু। দেখে, সেখানে পুরনো খবরের কাগজের বড় বড় চার পাঁচটা স্তূপ। খুশি হয়ে ওঠে সে, এবার পড়ার মতো কিছু পাওয়া গেছে। এসব কাগজ বাজার থেকে কিনে আনা হয়েছে বোধ হয়। পাশে দুটি বড় পাত্র ভরা আটা জ¦ালিয়ে বানানো অনেক আঠা। কয়েকজন মুরিদ একটি স্তূপ থেকে খবরের কাগজ নিয়ে আঠা লাগিয়ে বাড়ির সীমানা ঘেরা কোমর সমান উঁচু বেড়া মুড়ে দিচ্ছে। একটা কাগজের গাদার পাশে সে বসে পড়ে। আজাদ, দৈনিক পাকিস্তান, পয়গাম প্রভৃতি কাগজ। খবরের কাগজে তার প্রধান আকর্ষণ বিদেশী খবর। এক একটা কাগজ নেয় আর বিদেশী খবরগুলো পড়তে থাকে। দেশ-বিদেশের খবর জানতে তার ভীষণ আগ্রহ। ভিয়েতনামে যুদ্ধ চলছে। ভিয়েতকং গেরিলারা লড়াই করছে মার্কিন সৈন্যদের বিরুদ্ধে। রবিবারের খবরের কাগজে সাহিত্য পাতা পেল। তাতে প্রবন্ধ, গল্প, কবিতা দেখতে পেল। তবে গল্পগুলোই সে পড়ল। ঘন্টা দুই ধরে পড়ে গেল সে কাগজগুলো। ততক্ষণে মুরিদদের চোখ পড়েছে তার দিকে। তারা অবাক হয়ে ছোট বিলুর তন্ময় হয়ে কাগজ পড়া দেখল। এর মধ্যে ওর মামাতো ভাই শামীম এসে দু’বার ডাকল তাকে পত্তিন ওড়ানোর জন্য। গেল না বিলু।
ওরস উপলক্ষে বাণীকুঞ্জ মানুষে মানুষে ভরপুর। সত্যি বলতে কি, এ ওরস হচ্ছে শিরাজী পরিবারের সদস্যদের সবার এক সাথে মিলিত হওয়ার একটি সুযোগ। বিলু গিয়ে দেখল, বগুড়ার ধনকুণ্ডি থেকে বড় খালা, ঢাকা থেকে ছোট খালা ও তার ছেলে মেয়েদের কেউ কেউ, বড় মামার তিন মেয়ে ও তাদের ছেলেমেয়েদের সবাই এসেছে। এদের মধ্যে বড় খালা সবার মুরব্বি, আর তিনিই শুধু এসেছেন একা। বিলু তিনজন সঙ্গী পেল। বড় মামার ছোটছেলে শামিম, ছোটখালার বড় ছেলে পারভেজ আর বড় মামার বড় মেয়ের বড় ছেলে আরিফকে। পারভেজ ও আরিফ তার চেয়ে যথাক্রমে এক ও দেড় বছর এবং শামিম দু’বছরের ছোট। বিলু পড়ে ক্লাস সেভেনে, পারভেজ ক্লাস সিক্সে, আর আরিফ ও শামিম ক্লাস ফাইভে। আগেও যখন এসেছে তখনো ওদের সাথে দেখা হয়েছে তার। শামিম বেশি চঞ্চল, তার নেশা হচ্ছে পত্তিন কিনে ওড়ানো আর কাটাকাটির খেলা। ঘুড়িকে বিলুদের এলাকায় বলে ঘুন্নি, আর এখানে বলা হয় পত্তিন। বাড়ির পাশেই একটি বাড়িতে পত্তিন তৈরি হয়। হলুদ, লাল, বেগুনি, সবুজ রঙের প্রতিটি পত্তিন এক টাকা। শামীম দিনে অন্তত সাত-আটটি পত্তিন কেনে। হাতে থাকে কাঁচের গুঁড়ো আর শিরিষের আঠা মাখানো ধারালো সুতার লাটাই। সে সুতার মাথায় পত্তিনের সুতা বেঁধে উড়িয়ে দেয়া হয়। অনেক ওপরে উঠে যাওয়ার পর শুরু হয় আরেকজনের সাথে কাটাকুটি খেলা। কাটাকুটি প্রতিযোগিতার একপর্যায়ে একটি পত্তিন কাটা পড়ে। বাতাসে ভেসে সেটা বেশ দূরে চলে যায়। কোনো উঁচু গাছের ডালে আটকায় বা কোনো বাড়ির মধ্যে গিয়ে পড়ে। সেসব ঘুড়ি ফিরে পাওয়া অসম্ভব। শামিমের ঘুড়ি কাটা গেলে তখন সে আরেকটা কিনে আবার উড়ায়। রোজ এ রকম সাত-আট টাকা যায় ঘুড়ির পেছনে। এভাবে উড়ানোর কথা বিলুর কাছে এক স্বপ্নের ব্যাপার। পয়সার অভাবে ট্রেনে এক আনার চকলেট, চার আনার বাদাম কিনে খাওয়ার সামর্থ্যই তার নেই। এক টাকা করে একেকটি ঘুড়ি কেনার কোনো প্রশ্নই আসে না। কিন্তু শামিমের পকেটে সব সময় দু’তিন টাকা থাকে। পত্তিন কাটা পড়লেই এক দৌড়ে গিয়ে আরেকটা নিয়ে আসে। টাকা শেষ হলে বাড়ি গিয়ে তার মায়ের কাছ থেকে আবার আনে। মা-বাবার আদরের ছোট ছেলে, চেহারাও খুব সুন্দর। মায়ের কাছে চাইলেই টাকা পেয়ে যায়। যতবার চায় ততবারই। তবে পারভেজ, আরিফও ঘুড়ি কেনে না বা ওড়ায় না। ঢাকায় ঘুড়ি ওড়ানোর চল নেই।
ওরা তিনজনই শহরের ছেলে। পারভেজ আর আরিফ ঢাকা শহরের ছেলে, আর শামিম সিরাজগঞ্জের। তাদের গায়ে ভালো পোশাক, চলাফেরায় স্মার্ট, শহুরে ভাষায় বা ভদ্দর লোকের ভাষায় কথা বলে। তাদের সাথে বিলুর অনেক ক্ষেত্রেই পার্থক্য। সে তিনজনের চেয়ে বয়সে বড়, শরীরের গঠনে বেশি লম্বা, আর চেহারা ও স্বাস্থ্য সবার চেয়ে ভালো। তবে তাদের কাছে বিলু একেবারেই গাঁইয়া। তার কথায় গ্রাম্য ভাষার ছাপ আছে। তিনজন প্রায়ই এক টাকা দামের কুলফি বরফ বা দু’টাকা দামের মিল্ক আইসক্রিম কিনে খায়। বিলুর পক্ষে তা সম্ভব নয়। তাই তারা যখন আইসক্রিম খায় তার আগেই বিলু তাদের কাছ থেকে সরে যায়। তারাও তাকে খেতে বলে না। বিলু এতে কিছু মনে করে না। কারো কাছ থেকে কিছু চেয়ে খাওয়া তার স্বভাবে নেই। কেউ কিছু দিলে সে তা নেয় না। তার আত্ম্সম্মানবোধ প্রখর।
তার মায়েরা ছিলেন তিন বোন। সবার বড় ছিলেন সৈয়দা ফেরদৌস মহল শিরাজী। বগুড়ার চান্দাইকোনার ধনকুণ্ডির জমিদারপুত্র আসগর হোসেন সরকারের সাথে তার বিয়ে হয়েছিল। বিলুর মা সৈয়দা নূরমহল শিরাজী ছিলেন সৈয়দ ইসমাইল হোসেন শিরাজীর মেজো মেয়ে। কুষ্টিয়া জেলার কুমারখালি থানার ধোকড়াকেল গ্রামে এক জোতদার পরিবারে তার বিয়ে হয়। তার ছোট খালা ছিলেন সৈয়দা রওশন মহল শিরাজী। ব্রিটিশ বিরোধী আন্দোলনের কর্মী ও সাহিত্যিক ইজাব উদ্দীন আহমদের সাথে বিয়ে হয় তাঁর। তিনি ঢাকায় থাকতেন। তিন বোনের মধ্যে বিলুর মা দুর্ভাগ্যের শিকার হয়ে খুব কষ্টকর জীবনযাপন করছেন। এর কারণ, ১৯৪০ সালে পদ্মা তীরবতী বহু গ্রামের বিশাল এলাকা ভয়াবহ নদী ভাঙ্গনের শিকার হয়। আরো হাজার হাজার মানুষের সাথে বিলুর আব্বার পঞ্চাশ বিঘারও বেশী জমি নদীতে বিলীন হয়ে যায়। ফলের তিনি একেবারে নিঃস্ব হয়ে পড়েন। চরম দারিদ্র্যের মধ্যে অনিশ্চিত অবস্থায় সংসার রেখে তিনি মারা যান। বিলু তার জন্মের পর থেকেই দুঃসহ দারিদ্র্য দেখেছে। সত্যি বলতে কী, খুব কষ্টের মধ্যে বড় হয়েছে সে। কিন্তু সেই কঠিন পরিস্থিতির মধ্যেও তার মাকে কখনো ভেঙে পড়তে দেখেনি সে। ভীষণ ধৈর্য্যশীলা ছিলেন তিনি। সমস্যা-বিপদের মধ্যে সবসময়ই তার মুখে শোনা যেতÑ‘ইন্নাল্লাহা মা’আস সবেরিন।’
চলবে…