Home Blog Page 129

পাতার বাঁশি

আজ বুধবার। বুধবার শেষ পিরিয়ডে শিয়ালউড়ি স্কুলে কোনো পাঠদান করা হয় না। স্কুলের নতুন ম্যাম তানিয়া বেগম এই নিয়ম করেছেন। ম্যাম এই স্কুলে যোগদান করার পর অনেক কিছুই পরিবর্তন হয়েছে।
তিনি তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির সকল শিক্ষার্থীদের নিয়ে প্রতি বুধবার একটা মজমা বসান। স্কুলের দক্ষিণ দিকে জামতলায় সবাই গোল হয়ে বসেন। সেই মজমার আসরে প্রতি সপ্তাহে কেউবা গান করে, ছড়া আবৃত্তি করে আবার কেউ নাচে।

আজ রতনের পালা। সে আমপাতা সাথে করে নিয়ে এসেছে।
কয়েক মাস আগেও রতন স্কুলে আসতে চাইত না। জোর করে ধরে নিয়ে আসতে হতো। দুষ্টু ছাত্র হিসেবে তার বেশ নামডাক। তবে পড়াশোনায় সে ঠনঠনে। কখনোই সে পড়া পারত না। প্রতিদিন তাকে শাস্তি পেতে হতো। দুই হাতে দুই কান ধরে বেঞ্চের ওপর দাঁড়িয়ে সে বাইরে শালিকদের ওড়াউড়ি দেখত। আজমল স্যারের বেতের বাড়ি খেয়েও রতন মুখ টিপে টিপে হাসত। অথচ সেই রতন এখন নিয়মিত স্কুলে আসে। পড়া শিখে আসার চেষ্টা করে। সবকিছু ঐ তানিয়া ম্যামের কারণেই। ম্যাম শিয়ালউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসার পর থেকেই শিক্ষার্থীরা এখন নিয়মিত স্কুলে আসে। মাঠে খেলতে পারে। ক্লাসে পড়ার পাশাপাশি গান বাজনাও হয়। রতন ক্লাসে রঙিন কাগজ কাঁচি দিয়ে কেটে ক্লাসরুম সাজায়। স্কুলটাকে এখন একটা রঙিন ফুল মনে হয়। আর শিশুরা সে ফুলের প্রজাপতি। রতন একমনে পাতার বাঁশি বাজাচ্ছে। সে বাঁশিতে “ধন ধান্যে পুষ্পে ভরা” গানের সুর তুলেছে। তানিয়া ম্যামসহ সবাই হতবাক হয়ে শুনছে সেই সুর। অদ্ভুতরকম সুন্দর পাতার বাঁশি বাজায় রতন! বাঁশি বাজানো শেষ হতে না হতেই সবাই করতালি দিলো। সবাইকে খুশি দেখে রতনও আনন্দিত।

তানিয়া ম্যাম রতনের কাছে পাতার বাঁশি বানানো শিখতে চান। রতন ম্যামকে কিভাবে পাতার বাঁশি বানাতে হয় তা শিখিয়ে দিয়েছে। ক্লাসের অনেকেই এখন পাতা দিয়ে বাঁশি বানাতে পারে। রাতুল, কনক, আয়াত, মিম, মমিনসহ অনেকে রতনের কাছে পাতার বাঁশি বানানো শিখেছে। একসময় রতন ভালো ছাত্র ছিল না বলে সহপাঠীদের কেউ রতনের সাথে মিশতো না। তাকে পাশ কাটিয়ে চলে যেত। এখন স্কুল ছুটির পর সবাই একসাথে মহা আনন্দে পাতার বাঁশি বাজিয়ে বাড়ি ফেরে। পাতার বঁশির সুরে মোহনীয় মূর্ছনা তৈরি হয় গাঁয়ের মেঠো পথে। আর সে পথের হিরো হয় রতন।

শিশুর ভাইরাল ডায়রিয়া

বন্ধুরা, ডায়রিয়া মূলত তিন প্রকারের হয়, ব্যাকটেরিয়াল, প্রোটোজোয়াল এবং ভাইরাল। এগুলোর মধ্যে সবচেয়ে সাধারণ হলো ভাইরাল ডায়রিয়া। রোটাভাইরাস, এন্টেরোভাইরাস বা অ্যাডিনোভাইরাসের মতো বেশ কিছু ভাইরাস আছে, যেগুলো আমাদের খাদ্যনালীতে সংক্রমণ ঘটায়। এই ভাইরাল সংক্রমণ থেকে শরীরে ডায়রিয়ার প্রকোপ দেখা দিলে তাকেই ভাইরাল ডায়রিয়া বলা হয়। বর্তমানে সমগ্র পৃথিবীতে রোটাভাইরাসই ভাইরাল ডায়রিয়ার সবচেয়ে বড় কারণ। প্রধানত পাঁচটি ‘এফ’ থেকে ডায়রিয়া ছড়ায়। এগুলো হলো ফিঙ্গার, ফিসিজ, ফ্লুইড, ফুড ও ফোমাইটস (জামাকাপড়)। আসলে অপরিষ্কার পরিবেশে ডায়রিয়ার মূলে থাকা ভাইরাসগুলো সক্রিয় হয়ে যায়। তাই ডায়রিয়া থেকে বাঁচতে গেলে শিশুদের মধ্যে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার অভ্যাস তৈরি করা অত্যন্ত জরুরি। এ ছাড়া বাবা-মা এবং শিশুর কাজকর্ম যারা করছেন, তাঁদেরও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা প্রয়োজন।
বন্ধুরা, এবার এসো আমরা ভাইরাল ডাইরিয়ার লক্ষণগুলো সম্পর্কে জানার চেষ্টা করি। অনেকসময়ই দেখা যায় শিশুদের ভাইরাল ডায়রিয়া শুরু হওয়ার ৩-৪ দিন আগে থেকে সর্দিকাশি এবং হালকা জ্বর হয়। এরপর পানির মতো তরল পায়খানা আরম্ভ হয়। সঙ্গে বমি এবং পেটে ব্যথাও হতে পারে। ভাইরাল ডায়রিয়ার ক্ষেত্রে মলের মধ্যে পানির পরিমাণ বেশি থাকে, অন্যান্য ধরনের ডায়রিয়ার মতো আম বা শ্লেষ্মা (মিউকাস) ততটা বের হয় না। অন্যান্য ধরনের ডায়রিয়ার সঙ্গে ভাইরাল ডায়রিয়ার আর একটি প্রধান পার্থক্য হলো ভাইরাল ডায়রিয়ায় সাধারণত মলের সঙ্গে রক্ত বের হয় না। এই রোগের প্রকোপ প্রথম দু-তিন দিন একটু বেশিরকম থাকে, তারপর ওযুধ প্রয়োগ হলে লক্ষণগুলো আস্তে আস্তে বিদায় নিতে শুরু করে। সাধারণত ৬-৭ দিনের মধ্যে ভাইরাল ডায়রিয়া সম্পূর্ণ সেরে যায়। ভাইরাল ডায়রিয়া এমনিতে খুব মারাত্মক অসুখ না হলেও, সমস্যা হচ্ছে, পায়খানা-বমি দু’টোই একসঙ্গে হলে পানিশূন্যতার ব্যাপারটা চলে আসে। পানিশূন্যতা হলে স্বাভাবিকভাবেই কিডনি শরীরে পানি ধরে রাখতে চেষ্টা করে, তাই প্রশ্রাবের পরিমাণ অনেক কমে যায়। প্রচণ্ড পিপাসা লাগে। অতিরিক্ত পানিশূন্য হয়ে গেলে শিশুর চোখ কোটরে ঢুকে যায়, শরীর ক্লান্ত হয়ে পড়ে। খুব বেশি পানিশূন্যতা হলে শিশু এত নির্জীব হয়ে পড়ে যে তখন পানিও খেতে চায় না। এ ছাড়া পানিশূন্যতায় শিশুর হৃদস্পন্দনের হার বেড়ে যায়, ত্বক ও জিভ শুষ্ক হয়ে যায় এবং নিঃশ্বাস-প্রশ্বাসও অপেক্ষাকৃত অনেক দ্রুত হয়ে যায়।
বন্ধুরা, এবার এসো আমরা ভাইরাল ডায়রিয়ার চিকিৎসা সম্পর্কে জেনে নিই। ডায়রিয়ার কারণে শরীর থেকে প্রয়োজনীয় পানি ও লবণ বেরিয়ে যায়। ডায়রিয়া হলে চিকিৎসকের মূল কর্তব্য শিশুকে পানিশূন্যতার প্রকোপ থেকে উদ্ধার করা। তাই ডায়রিয়ার ক্ষেত্রে প্রধান চিকিৎসা হলো ওআরএস (ওরাল রিহাইড্রেশন সলিউশন)। আসলে পানির সঙ্গে লবণ আর চিনি মিশিয়ে খেলে শরীরের পক্ষে তা শোষণ করতে সুবিধা হয়। ডায়রিয়ার সঙ্গে জ্বর বা অতিরিক্ত বমি হলে জ্বরের এবং বমির ওষুধ দেওয়া হয়। শিশুর ডায়েরিরা হলে কিন্তু বুকের দুধ খাওয়ানো বন্ধ করার কোনো নিয়ম নেই। তবে ছ’মাসের কম যেসব শিশু বুকের দুধপানের ওপর নির্ভরশীল, তারা যদি মারাত্মক পানিশূন্যতার শিকার হয়, তাহলে বুকের দুধের সঙ্গে ওআরএস দিতে হতে পারে। শিশু যত ছোট হয়, তার শরীরে পানির পরিমাণ তত কম থাকে। তাই একদম ছোট শিশুদের ডায়রিয়া হলে সেটা খুব গুরুত্বের সাথে নেওয়া উচিত। ডায়রিয়া হলে পানির পাশাপাশি শরীর থেকে অনেকটা জিঙ্ক বেরিয়ে যায়। তাই ওষুধ দিয়ে জিঙ্ক প্রতিস্থাপন করতে হয়। এ ছাড়া প্রোবায়োটিক জাতীয় ওষুধও অনেকসময় দেওয়া হয়। তবে কোনো কোনো সময়ে পানিশূন্যতা এত বেড়ে যায়, শরীর এত নির্জীব হয়ে পড়ে যে শিশু পানি খাওয়ার অবস্থাতেও থাকে না। অনেকসময় বমির ওষুধ খেয়েও শিশুর বমি বন্ধ হয় না। এইরকম মারাত্মক পানিশূন্যতা হলে কিন্তু হাসপাতালে যাওয়া ছাড়া গতি নেই। শিশু শরীরে একটুও পানি ধরে না রাখতে পারলে দু’টো বিকল্প রয়েছে। নাকের মধ্যে দিয়ে একটা নল ঢুকিয়ে তার মাধ্যমে শিশুকে পানি খাওয়ানোর চেষ্টা করা যেতে পারে। তা না হলে স্যালাইন বা আইভি দিয়ে শরীরের পানি প্রতিস্থাপন করতে হয়। মনে রাখবে, ভাইরাল ডায়রিয়া হলে কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়ানো একদম উচিত নয়। প্রথমত, ভাইরাল ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক খেয়ে কোনও লাভ হবে না, কারণ অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ব্যাকটেরিয়া মারতে পারে, ভাইরাস নয়। দ্বিতীয়ত, অ্যান্টিবায়োটিক খেলে তার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে ডায়রিয়া আরও খারাপ পর্যায়ে চলে যেতে পারে।
বন্ধুরা, ডায়রিয়া প্রতিরোধ করতে হলে প্রথমেই যথাযথ স্বাস্থ্যবিধি বজায় রাখতে হবে। যেহেতু অস্বাস্থ্যকর পানি এবং ময়লা হাত থেকেই বেশিরভাগ সময়ে এই অসুখ ছড়ায়, তাই এই দু’টোর দিকে বিশেষভাবে নজর দিতে হবে। শিশুকে সবসময় পরিষ্কার, স্বাস্থ্যকর পানি খাওয়াতে হবে। শিশুকে পারতপক্ষে বাইরের পানি বা খাবার খাওয়ানো যাবে না। খাবার খাওয়ার আগে অবশ্যই যেন সাবান দিয়ে ভাল করে হাত ধোয়া হয়, তা খেয়াল রাখতে হবে। আমরা যখন হাত ধুই, তখন অনেকসময়ই অন্যমনষ্ক থাকি, ফলে ঠিকমতো হাত পরিষ্কার হয় না। সেটা যেন না হয়। শিশুর খাওয়ার জন্য যে বাসনপত্র ব্যবহার হচ্ছে, সেগুলো যেন ভালো করে ধুয়ে পরিষ্কার করা থাকে। শিশুর ১-২ বছর বয়সের মধ্যে ফুটানো পানি খাওয়াতে পারলে ভালো হয়। ডায়রিয়া বেশি দিন ধরে চললে দুধ এবং দুগ্ধজাত পণ্য এড়িয়ে চলা ভালো, না হলে হজমের সমস্যা হতে পারে। ফলের রস বা বেশি চিনি দেওয়া খাবার খাওয়ানো যাবে না। ডায়রিয়ায় চাল থেকে তৈরি খাবার, যেমন ভাত, মুড়ি, চিঁড়ে, খই খাওয়া ভালো।

স্বাধীনতার গল্প

গাঁয়ের নাম গছিডাঙ্গা। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে সামান্য ভেতরে। সুজলা সুফলা দৃষ্টিনন্দন সবুজাভ পরিবেশ। আঁকাবাঁকা মেঠো পথে নানানরকম গাছগাছালির সারি। শীত মৌসুমে এ গাঁয়ে শীত-কুয়াশার পরিমাণ একটু বেশিই থাকে।
গাঁয়ের অনেক পরিবারের মধ্যে একটি পরিবার ফজর আলির। অত্যন্ত গরিব পরিবার। কোনো সন্তানাদি নেই। বয়স অনেক হয়েছে এই দম্পতির। এখন অলস দিন পার করছেন। বেসরকারি একটি মাধ্যমিক বিদ্যালয়ে বেশ সুনামের সাথে শিক্ষকতা করতেন। একজন আদর্শ শিক্ষকের যেমন মানবীয় ও চারিত্রিক গুণ থাকা দরকার সবই আছে তার। সমাজের সকল উন্নয়নমূলক কাজের অগ্রণী ভূমিকায় তিনি। আশির কোটায় পা রাখা মানুষ। অবসর গ্রহণের পর বেকার। অবসরজনিত টাকা-পয়সাও প্রায় শেষ। তবে আত্মসম্মানের জন্য কারোর কাছে কখনো হাত পাতেন না। স্রষ্টায় অগাধ বিশ্বাস। তিনি যেভাবে রাখেন সেভাবেই শুকরিয়া।

ফজর আলির প্রতিবেশী পরিবার নিয়ামত আলির। তিনিও ভালো মনের মানুষ। খোঁজ রাখেন ফজর আলির। নিয়ামত আলির জমজ দুই মেয়ে। আরিফা আর ফারিহা। দুজনের রঙ চেহারার এতো সুন্দর মিল যে কে কোনটা চিনতে ভূল করেন অনেকেই। তবে কণ্ঠের বেশ পার্থক্য রয়েছে। দুজনেই এবার সপ্তম শ্রেণিতে অধ্যয়ন করে। তথা সপ্তম শ্রেণিতে পড়ে। করোনাকালীন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হবার কারণে তারা বেশ সময় কাটায় ফজর আলির সাথে। নিঃসন্তান ফজর আলিও বেশ ভালো সময় কাটায় এই দুবোনকে কাছে পেয়ে। দাদু বলে সম্বোধন করে।

রোজকার মতো আজও ফজর আলির বাসায় গিয়ে হাজির হয় দুবোন। কুশলাদি বিনিময়ের পর আরিফা বলে
– দাদু, আগামী শনিবার আমাদের স্কুলে স্বাধীনতা দিবস উপলক্ষে একটি বিশেষ আলোচনা সভা রয়েছে। হেডস্যারের ফোন পেয়েছি। অবশ্য স্বাস্থ্যবিধি মেনেই সভা হবে। আমরাও সেখানে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ করবো। তুমিকি আমাদের সহযোগিতা করবে?
– হুম, অবশ্যই। তবে সে স্মৃতি খুব কষ্টের। মনে হতেই ডুগরে কাঁদে পরাণ।
– তবুও বলো দাদু! আমরা শুনতে চাই।
শুরু করলেন ফজর আলি,

প্রায় দুশো বছরে ব্রিটিশরা শাসন করে এ দেশ। পরবর্তীতে ১৯৪৭ সালে ভারত বিভক্ত হয়ে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। ভারত ও পাকিস্তান। ১৯৫৬ সালের ২৩ মার্চে পুর্ব বঙ্গের নাম পুর্ব পাকিস্তান করা হয়। নবগঠিত রাষ্ট্রের দুই অংশের মধ্যে ব্যবধান প্রায় দুই হাজার মাইল।

পূর্ব পাকিস্তান জন্মলগ্ন থেকেই পশ্চিম অংশের তুলনায় অনেক ধরনের সুবিধা থেকে বঞ্চিত। শোষণ-বঞ্চনার স্বীকার হয় সুদীর্ঘ ২৩ বছর।

এরপর ১৯৫২র ভাষা সংগ্রামে আমরা জয়ী হই। বেড়ে যায় শোষরনর মাত্রা। এবার আসে চূড়ান্ত সময়। ১৯৭১ সাল। বঙ্গুবন্ধুর ৭ই মার্চের ভাষনে জেগে ওঠে বাঙালি। ২৫শে মার্চ কালোরাতে অতর্কিতভাবে নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালিদের ওপর হামলা করে পকিস্তানিরা। তাই এই রাতকে কালোরাত বলা হয়। গভীর রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করেন এবং অপারেশন সার্চলাইটের নামে বাঙালিদের ওপর নির্বিচারে আক্রমণ শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী। ২৭শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতারকেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন।

আমি তখন ৩৫ বছরের তরতাজা যুবক। অদম্য সাহস আর প্রচুর শক্তি আমার গায়ে। দৃঢ় মনোবল নিয়ে আমিও ট্রেনিংয়ের জন্য ভারত যাই। ফিরে এসে গেরিলা বাহিনীতে যুদ্ধ করি। একের পর এক সেক্টর পরিবর্তন করতে করতে অবশেষে এসে পড়ি কমান্ডার আবু তাহেরের নেতৃত্বাধীন ১১ নাম্বার সেক্টরে। কয়েকবার মৃত্যুর মুখোমুখো হই। ছেলেমেয়ে না থাকায় পিছুটান নেই। কমান্ডার কয়েকবার আমাকে ছুটি দিতে চাইলেও আমি নেইনা। যাই হোক, যুদ্ধ চলে সুদীর্ঘ নয় মাস। বাংলার দামাল ও আপামর জনসাধারণের কাছে তারা কুলাতে না পেরে মিত্রবাহিনীর প্রধান জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে পাকিস্তান বাহিনীর প্রধান জেনারেল নিয়াজী তার তিরানব্বই হাজার সেনাবাহিনীসহ আত্মসমর্পণ করেন। জীবনহানির সংখ্যা অনুমান করা হয় ত্রিশ লাখের মতো। ১৬ই ডিসেম্বর সারাদেশ বিজয় লাভ করে। বাংলাদেশ স্বাধীন হয়। বিশ্বের মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে লেখা হয় বাংলাদেশের নাম।

জীবিত যোদ্ধাদের নাম সংগ্রহ শুরু হয়। প্রথম দিকে দৌড়ঝাঁপ করেও একসময় ক্লান্ত হই আমি। স্বাধীনতার পঞ্চাশ বছরেও বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের তালিকাতে নিজের নাম লেখাতে ব্যর্থ আমি। বঞ্চিত হয়ে যাই সরকারের সব ধরনের সম্মান থেকে। প্রমাণ নেই আমার। নিঃসন্তÍান আমি। বাংলা আমার মা, দেশই আমার সন্তান।

কথাগুলো বলতে বলতে পানি গড়ায় ফজর আলির দুচোখ বেয়ে। ফজর আলির কান্নায় শামিল হয় এ প্রজন্মের জমজ দুবোন।

বীরদের বীরগাথা

পাঠক বন্ধুরা, শীতবুড়ির কুয়াশা ভেদ করে বসন্ত কোকিলের কুহুতানে মুখরিত হতে শুরু করেছে বাংলার প্রতিটি প্রান্তর। বাংলার পরিবেশ প্রকৃতি এখন নতুন সাজে সজ্জিত হচ্ছে। এমন মনমাতানো বর্ণিল রঙ-বেরঙের দেশ পৃথিবীর আর কোথায় খুঁজে পাওয়া দুষ্কর। মায়াভরা বাংলার আলো বাতাসে গড়েওঠা ক্রিকেটারদের জয়ের গল্প নিয়ে সাজানো হয়েছে এ মাসের লেখাটি। আশা করি ভালো লাগবে।
ম্যাচ উইনার ক্রিকেটার যেকোনো দলের সবচেয়ে বড় সম্পদ। যারা বিপদের মুহুর্তে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে। বাংলাদেশ ক্রিকেট দলে বর্তমানে ম্যাচ উইনার হিসেবে যারা আছেন তাদের মধ্যে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ রিয়াদ অন্যতম। তবে চট্টগ্রামের মাটিতে নতুন দুই ম্যাচ উইনার টাইগারের দেখা পেয়েছে বাংলাদেশসহ গোটা ক্রিকেট বিশ^। তারা হলেন মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেন।
আন্তর্জাতিক ক্রিকেটে দল হিসেবে আফগানিস্তান নতুন হলেও প্রায় সময়ই তারা বাংলাদেশের সামনে আতঙ্ক প্রদর্শন করে থাকে। রশিদ খান, মোহাম্মদ নবীরা ব্যাট-বলের কারিশমাতে এলোমেলো করে দেন বাংলাদেশের জয়ের তরী। এর সাথে যুক্ত হওয়া আরেক বোলার হলেন ফজল হক ফারুকী। যিনি সম্প্রতি চট্টগ্রামে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তামিম-সাকিবদের এমনভাবে ধাক্কা দিয়েছেন, যা কাছে-দূরের ক্রিকেটপ্রেমী দর্শকদের মনে দাগ কেটেছে।
এই খেলায় প্রতিপক্ষের দেয়া মাত্র ২১৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৪৫ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। বাঁহাতি পেসার ফজল হক ফারুকী ১০ বলের ব্যবধানে তুলে নেন ৪ উইকেট। যার প্রথম দুটি লিটন ও তামিমের। আম্পায়ারকে চ্যালেঞ্জ করে রিভিউ নিয়ে ফেরান এই দুই ওপেনারকে। পরবর্তীতে মুশফিককে এলবিডব্লিউ ও অভিষিক্ত ইয়াসির আলী রাব্বিকে করেন বোল্ড। বাঁহাতি এই আফগান পেসারের গতি, বৈচিত্র্য বুঝে ওঠার আগেই যেন পথ হারায় স্বাগতিক রা। এমন করুণ পরিস্থিতিতে সাকিব ও মাহমুদউল্লাহ বেশ কয়েকবারই বাংলাদেশকে হাসিয়েছেন।
কার্ডিফে নিউজিল্যান্ডকে হারাতে তাদের জোড়া সেঞ্চুরির কথা নিশ্চয়ই সকলের মনে আছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, সেই দুই নির্ভরযোগ্য ম্যাচ উইনার ব্যাটসম্যানও উইকেট উপহার দিয়ে আসেন আফগান বোলার যথাক্রমে মুজিব ও রশিদকে। বাংলাদেশের স্কোরবোর্ডে তখন লেখা ৪৫ রানে ৬ উইকেট!
সেই অবস্থান থেকে মিরাজ ও আফিফ প্রতিটি বলকে যোদ্ধার মতো লড়ে জীবনের সেরা ইনিংস খেলেছেন এবং বাংলাদেশকে উপহার দিয়েছেন এক রূপকথার জয়। সঙ্গে নতুন এক সিঁড়িতে নিয়ে গেছেন বাংলাদেশকে। যার মাধ্যমে বাংলাদেশ পেয়েছে নতুন দুই ম্যাচ উইনারকে। যারা হবেন আগামী দিনের কাণ্ডারি, সাকিব-মাহমুদউল্লাহদের উত্তরসূরি।
জয় নিশ্চিতের পর মিরাজ কিছুটা উৎফুল্লতা দেখালেও আফিফ ছিলেন একদমই শান্ত। পরিশ্রান্ত মনে পরস্পর পরস্পরকে আলিঙ্গন করেন। দুজনের সপ্তম উইকেটে জুটির দ্বিতীয় বিশ্বরেকর্ড ১৭৪ রান জ্বলজ্বল করছিল সেই স্কোরবোর্ডেই। এই জয় যেনো কল্পনাকেও ছাড়ানো জয়! অসাধারণ তাদের লড়াই। ৬ উইকেট পড়ে যাওয়ার পর যারা খেলা দেখা বন্ধ করেছিলেন এ জয়ের ঘটনা তাদেরকে নিশ্চয়ই চকমিত করে তুলেছে। মনের অকপটে প্রশ্ন উঠেছিলÑ ঘটনাটি কি সত্যি, নাকি সব রূপকথার গল্প!
ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফিফটি তুলে ৯৩ রানে অপরাজিত থাকেন আফিফ। অন্য দিকে মিরাজ দ্বিতীয় ফিফটি তুলে অপরাজিত সর্বোচ্চ ৮১ রানে। চার ছক্কা ও বল খেলায় দুজনেই প্রায় সমানতালে এগিয়েছিলেন। বাঁহাতি আফিফ ১১৫ বলে ১১ চার ও ১ ছক্কা হাঁকিয়েছেন। আর মিরাজ ১২০ বলে ৯ বাউন্ডারিতে সাজান স্মরণীয় ইনিংসটি।
এমন একটি জয়, এমন একটি বীরত্বগাথা স্মৃতি আজীবন উৎসাহ আর প্রেরণা জোগাবে আফিফ ও মিরাজকে। নিয়ে যাবে অনেক দূর। এমন একটি বিজয় শুধু বাংলাদেশের সমর্থকদের কাছেই নয়; বরং বিশ^ ক্রিকেটের সমর্থকের কাছেও স্মরণীয় গল্প হয়ে বেঁচে থাকবে।

এদিকে মিরাজ-আফিফের বীরত্বগাথা জয়ে রেকর্ড ইতিহাসে কিছু ভাঙা-গড়ার ঘটনা ঘটেছে। অর্থাৎ ওলটপালট হয়েছে রেকর্ডবুক। এবার জেনে নিবো সেই রেকর্ডসমূহ-
সপ্তম উইকেটে সামান্যের জন্য বিশ্বরেকর্ড গড়া হয়নি আফিফ ও মিরাজের। ১৭৪ রানের জুটি গড়েছেন তারা। ওয়ানডে ইতিহাসে সপ্তম উইকেটে এর চেয়ে বড় রানের জুটি আছে আর মাত্র একটি। ২০১৫ সালে ইংল্যান্ডের জস বাটলার ও আদিল রশিদ সপ্তম উইকেটে ১৭৭ রানের জুটি গড়েছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে।
রান তাড়া করতে নেমে সপ্তম উইকেটে সর্বোচ্চ রানের জুটির বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশের এই দুই উদীয়মান তরুণ ব্যাটসম্যান। এর আগে ২০১৫ সালে ইংল্যান্ডের জস বাটলার ও ক্রিস ওকস নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩৮ রান করেছিলেন।
বিশ্বরেকর্ড গড়া না হলেও বাংলাদেশের হয়ে সপ্তম উইকেটে সর্বোচ্চ রানের জুটি হয়েছে। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ইমরুল কায়েস ও মোহাম্মদ সাইফ উদ্দিন গড়েছিলেন ১২৭ রানের জুটি।
সাত নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ৯৩ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন আফিফ হোসেন যা বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১৩ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ৭৫ রানে অপরাজিত ছিলেন ম্যাচ উইনার ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। উক্ত ম্যাচে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আফিফ। তবে মিরাজ ৮১ রানে ইনিংস খেলে পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। এক্ষেত্রে তাকে এগিয়ে নিয়েছে অলরাউন্ড পারফরম্যান্স। বল হাতে ১০ ওভারে ৩ মেডেনে ২৮ রান দিয়েছেন এই ডানহাতি অফস্পিনার। তার ৮১ রানের ইনিংসও অষ্টম উইকেটে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। এর আগে নাঈম ইসলাম ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৭৩ রান করেছিলেন। তবে তার এই ৮১ রান সফল রান তাড়ায় বিশ্বরেকর্ড বটে। এর আগে ২০০১ সালে জিম্বাবুয়ের
হেথ স্ট্রিক নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৯ রানে অপরাজিত ছিলেন।
৫০ রানের নিচে ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে সর্বোচ্চ ১৭৪ রান তুলে জয়ের রেকর্ড হয়েছে বাংলাদেশের। ১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার গ্যারি গিলমোর ও ডগ ওয়ালটার্স ৫৫ রান করে দলকে জেতাতে ভূমিকা রেখেছিলেন। এছাড়া ৫০ রানের নিচে ৬ উইকেট হারানোর পর আফিফ ও মিরাজের ১৭৪ রানের জুটিও সবচেয়ে বড়। এর আগে ২০১৫ সালের বিশ্বকাপে সংযুক্ত আবর আমিরাতের আমজাদ জাভেদ ও নাসির আজিজ ১০৭ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
এছাড়া আফগানিস্তানকে এই হারের মধ্য দিয়ে ২৯তম ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ যা দেশের মাটিতে বাংলাদেশের ২৩তম সিরিজ জয়। দেশের বাইরে আছে ৬টি সিরিজ জয়ের রেকর্ড। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ এর আগে ওয়ানডে সিরিজ খেলেছে একটি। ২০১৬ সালে খেলা সেই সিরিজটি বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতে ছিল। দ্বিতীয়বারের মতো খেলা সিরিজে এবারও ২-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশ প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতে ২০০৫ সালে জিম্বাবুয়েকে হারিয়ে। ঘরের মাঠে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি ৩-২ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। এরপর সাফল্যের খাতায় একে একে নতুন সিরিজ যুক্ত হয়। তবে দেশের বাইরে প্রথম সিরিজ জেতে ২০০৬ সালে। কেনিয়ার মাটিতে অনুষ্ঠিত সিরিজটিতে ৩-০ ব্যবধানে জয় পায় হাবিবুল বাশারের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। বিদেশের মাটিতে সবশেষ ওয়ানডে সিরিজ জয়লাভ করে ২০২১ সালের জুলাইয়ে। জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিত সিরিজটিতে তাদেরকে ৩-০ ব্যবধানে হারায়।
বাংলাদেশের ক্রিকেটে এমন ম্যাচ উইনার ক্রিকেটার বার বার আসুক। বীরত্বগাথা ইতিহাস রচিত হোক একের পর এক। বিশ^দরবারে শির উড়ুক লাল-সবুজের পতাকা। প্রাণ উজাড় করে হাসুক সারা বিশে^ ছড়িয়ে ছিটিয়ে থাকা লাখো কোটি বাংলাদেশী। এই আমাদের প্রত্যাশা।

স্যাটেলাইটের কতকথা

পৃথিবীর উপগ্রহ কয়টি? আগেকার সময়ে এ প্রশ্নের উত্তরে কেবল আমদের প্রিয় চাঁদমামার নাম বললেই হতো। কিন্তু গত শতাব্দি থেকে ব্যাপারটা আর অত সহজ নেই। কারণ, আমরা সবাই জানি উপগ্রহ বলতে এমন কিছুকে বোঝায়, যা নিজের অক্ষে থেকে কোনো গ্রহকে আবর্তন করতে থাকে, অর্থাৎ গ্রহের চারপাশে ঘুরতে থাকে। আগেকার দিনে তো কেবল অক্লান্তভাবে চাঁদমামাই এই কাজ করত। এখন পৃথিবীর চারপাশে ঘোরার মতো আরো অনেক বস্তু যুক্ত হয়েছে। এদেরকে বলা হয় কৃত্রিম উপগ্রহ। যাদেরকে আমরা ইংরেজি ভাষায় স্যাটেলাইট বলেও জানি। আজ আমরা এই কৃত্রিম উপগ্রহর ব্যাপারে জানার চেষ্টা করব ইনশাল্লাহ।
স্যাটেলাইট আমাদের কী কাজে লাগে, এবং কত রকমের স্যাটেলাইট মহাকাশে এখন ঘুরছে শুরুতেই সেদিকে যাওয়া যাক।
প্রথমেই আসি কমিউনিকেশন বা যোগাযোগ স্যাটেলাইটের কথায়। আমাদের নিত্যদিনের ব্যবহারের ইন্টারনেট, টেলিভিশন, টেলিফোন, রেডিও ইত্যাদির জন্য এই স্যাটেলাইটগুলো কাজ করে। মহাকাশে এরকম স্যাটেলাইটের সংখ্যা ২২০০-এরও বেশি (১ জানুয়ারি ২০২১ পর্যন্ত তথ্য)। এ স্যাটেলাইটগুলো ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫৯০০ কিলোমিটার ওপরে স্থাপিত।
এরপর আসি অ্যাস্ট্রোনোমিক্যাল বা জ্যোতির্বৈজ্ঞানিক স্যাটেলাইট প্রসঙ্গে। পৃথিবীতে বসে বসেই আমরা যে অনেক দূরের গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি বা বিভিন্ন মহাজাগতিক বস্তু বা বিষয় সম্পর্কে জানতে পারি, তা কিন্তু এই ধরনের স্যাটেলাইট গুলোর কারণেই।
তারপর আসতে পারি আর্থ অবজারভেশন স্যাটেলাইট। এগুলোর কাজ ওপরে বলা অ্যাস্ট্রোনোমিক্যাল স্যাটেলাইটের উল্টো। এরা মহাকাশ থেকে পৃথিবীকে পর্যবেক্ষণ করে। পৃথিবীর পরিবেশ ও আবহাওয়ার পর্যবেক্ষণ, পৃথিবীর নিখুঁত মানচিত্র তৈরি, মহাকাশ থেকে পৃথিবীর ছবি তোলা ইত্যাদি কাজে এই স্যাটেলাইটগুলো ব্যবহৃত হয়।
এরপর আসি নেভিগেশনাল বা দিকনির্দেশক স্যাটেলাইটের কথায়। বিভিন্ন ম্যাপ, যেমন গুগল ম্যাপে আমরা যে আমাদের সঠিক অবস্থান দেখতে পারি, তা কিন্তু এই ধরনের স্যাটেলাইটগুলোর মাধ্যমেই সম্ভব হয়ে থাকে। এখন তুমি গাড়িতে, হেঁটে এমনকি প্লে­নে চড়ে গুগল ম্যাপে দেখতে পারো তোমার অবস্থান কিভাবে পরিবর্তন বা আপডেট হচ্ছে। এসব কিন্তু সম্ভব হয় এই স্যাটেলাইটগুলোর সাহায্যেই।
এরপর বলা যায় বায়োস্যাটেলাইটের কথা। পৃথিবীর কোনো প্রাণিকে মহাকাশে নিয়ে গেলে তার প্রভাব কেমন পড়ে তার বৈজ্ঞানিক পর্যবেক্ষণের জন্য এগুলো কাজ করে। তুমি নিশ্চয়ই লাইকার কথা পড়েছ। লাইকা ছিল একটি কুকুরের নাম, যে কুকুরটিকে মহাকাশে নিয়ে যাওয়া হয়েছিল তার ওপর সেখানকার আবহাওয়া ও অবস্থানের প্রভাব দেখার জন্য। কুকুরটি সেখানে প্রায় ৩ বছর ছিল। তত দিন সে বায়োস্যাটেলাইটেই অবস্থান করছিল।
কতগুলো স্যাটেলাইট আছে যাদের বলা হয় কিলার বা হত্যাকারী স্যাটেলাইট। এগুলো মহাকাশে শত্রুপক্ষের স্যাটেলাইট ধ্বংস করার কাজ করে। এছাড়া মহাকাশ থেকে পৃথিবীর কোনো টার্গেটে হামলা করা বা মিসাইল নিষ্ক্রিয় করার কাজেও ব্যবহৃত হয়। ১৯৯০ সালের আগ পর্যন্ত, যখন সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকার মধ্যে স্নায়ুযুদ্ধ বিশ্বজুড়ে উত্তাপ ছড়িয়েছিল, তখন এই উত্তাপ ভূপৃষ্ঠ পেরিয়ে মহাকাশে ছড়িয়ে পড়েছিল এই ধরনের স্যাটেলাইটগুলোর মাধ্যমে।
কতগুলো স্যাটেলাইট আছে, যেগুলো স্পেসশিপ বলে পরিচিত। এগুলোর মাধ্যমে মানুষ বা কোনো কিছু মহাকাশে নিয়ে যেতে এবং সেখান থেকে ফিরিয়ে আনার কাজে ব্যবহৃত হয়।
এরপর পর্যবেক্ষক স্যাটেলাইটের কথা বলা যায়, এগুলো সামরিক কাজে বা গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহৃত হয়। এগুলোর কাজের মধ্যে থাকে মিসাইল এটাকের ব্যাপারে আগেভাগে সতর্ক করা, পারমাণবিক বিস্ফোরণের তথ্য দেয়া, অন্ধকার বা কুয়াশার মধ্যেও রাডারের কাজ করা, গোপনভাবে যোগাযোগ করা ইত্যাদি। তবে এসব স্যাটেলাইটের কাজ সম্পর্কে বেশি জানা যায় না। কারণ, জানা গেলে শত্রুপক্ষ সতর্ক হয়ে যাবে যে!
এরপর বলা যায়, স্পেস স্টেশনের কথা। তোমরা অনেকেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কথা জেনেছ ইতোমধ্যে। এগুলোতে মানুষ বসবাস করতে পারে এবং সেখান থেকে পৃথিবীর সাথে যোগাযোগ রক্ষা করতে পারে। এগুলোকেও স্যাটেলাইট বলা যায়।
নতুন এক ধরনের স্যাটেলাইটের কথা ব্যবহৃত হচ্ছে, যাদের বলা হচ্ছে সোলার পাওয়ার স্যাটেলাইট। এগুলো সূর্যের আলো থেকে সৌরশক্তি সংগ্রহ করে পৃথিবীতে বা প্রয়োজনে অন্য জায়গায় সরবরাহ করতে পারবে।

আমরা একই সাথে স্যাটেলাইট কী কাজ করে আর কত ধরনের কাজ করে, তার আইডিয়া নিয়ে নিলাম। কিন্তু বিভিন্ন ধরনের এত স্যাটেলাইট তো আকাশে একসাথে এসে হাজির হয়নি। কিভাবে স্যাটেলাইট আসলো? এবার আমরা সেটাই জানার চেষ্টা করব। প্রথম স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ মহাকাশে প্রেরণ করে সাবেক সোভিয়েত ইউনিয়ন বা আজকের রাশিয়া। ১৯৫৭ সালের ৪ অক্টোবর ছিল সেই ঐতিহাসিক দিন, যেদিন স্পুটনিক-১ নামের সেই স্যাটেলাইট মহাকাশের উদ্দেশ্যে উৎক্ষেপিত হয়েছিল। তার প্রায় ২৭০ বছর আগে প্রকাশিত আইজ্যাক নিউটনের বিখ্যাত বই ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকাতে প্রাকৃতিক উপগ্রহের চরিত্র বা বৈশিষ্ট্যকে বিশ্লেষণ করে কৃত্রিম উপগ্রহের আইডিয়া নিয়ে লেখা হয়েছিল।
১৯৫৫ সালের ২৯ জুলাই হোয়াইট হাউস থেকে ১৯৫৮ সালের বসন্তকাল অর্থাৎ মার্চ থেকে জুনের মধ্যে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দেয়া হয়। এর ২ দিন পরই চমক নিয়ে হাজির হয় রাশিয়া। ৩১ জুলাই তারা ঘোষণা দেয়, ১৯৫৭ সালের নভেম্বরের আগেই তারা তাদের স্যাটেলাইট উৎক্ষেপণ করবে।
শেষ পর্যন্ত ঘোষণা অনুযায়ী রাশিয়াই প্রথম তাদের স্যাটেলাইট উৎক্ষেপণ করতে সক্ষম হয়, যার নাম ছিল স্পুটনিক-১। এটি বায়ুমণ্ডল সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করার কাজ করেছিল। এরপর ৩১ জানুয়ারি ১৯৫৮ সালে আমেরিকা তাদের স্যাটেলাইট এক্সপ্লোরার-১ মহাকাশে প্রেরণ করে।
তারপর থেকে এখন পর্যন্ত মহাকাশে গিয়েছে প্রায় ৬০টি দেশের ৯ হাজারেরও বেশি স্যাটেলাইট। এর মধ্যে প্রায় ৫০০০ এখনো মহাকাশে রয়ে গেছে। তবে, মাত্র হাজার দুয়েক কার্যরত অবস্থায় আছে আর বাকিগুলো এখন মহাকাশ বজ্য। মহাকাশ বজ্য চেনো? মহাকাশে কোনো কিছু প্রেরণের পরে যখন তা আর কোনো কাজে লাগে না এবং তা ময়লা আবর্জনার মতই মহাকাশে যত্রতত্র পড়ে থাকে, তাকে মহাকাশ বজ্য বলে।
একেকটা স্যাটেলাইট কত দিন কাজ করতে পারে? এদের জীবনাবসান হয় কি? হ্যাঁ, একেকটি স্যাটেলাইট সাধারণত ৩-৪ বছর কার্যকর থাকে। এরপর? এরপর কয়েকটি বিষয় ঘটতে পারে। স্যাটেলাইটটিকে তার কক্ষপথচ্যুত করা যেতে পারে, যে কক্ষপথে ছিল সেখানেই ছেড়ে দেয়া যেতে পারে অথবা তাকে স্যাটেলাইটদের কবরস্থানে পাঠিয়ে দেয়া যেতে পারে। স্যাটেলাইটের কবরস্থানের কথা প্রথম শুনলে? স্যাটেলাইটের কবরস্থান বলতে মহাকাশের এমন কক্ষপথকে বুঝায়, যেখানে কার্যকর বা অ্যাক্টিভ স্যাটেলাইটগুলো থাকে না, বরং তার থেকে বেশ দূরে পাঠিয়ে দেওয়া হয়। এগুলোর কোনটা করা হবে, তা অবশ্য পুরোটাই নির্ভর করে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের ওপর।
স্যাটেলাইটগুলো সাধারণত দুইটা অংশ নিয়ে গঠিত। মূল কন্টেইনার আর অ্যান্টেনা। মূল কন্টেইনারে থাকে স্যাটেলাইট চলার জন্য ব্যাটারি অথবা সোলার প্যানেল। এর বাইরে থাকে অনবোর্ড কম্পিউটার, যা এটিকে নিয়ন্ত্রণ ও বিভিন্ন সিস্টেমকে মনিটরিং করে। অ্যান্টেনা তথ্য সংগ্রহ ও পৃথিবীতে প্রেরণের কাজ করে। যেগুলো পৃথিবীকে পর্যবেক্ষণের কাজ করছে, সেগুলোতে পৃথিবীর দিকে তাক করা ক্যামেরা আর সেন্সর থাকে। আর যেসব বাইরের দিকে পর্যবেক্ষণের জন্য দেয়া, সেগুলো তার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে থাকে।
স্যাটেলাইট কত উপরে থাকে? স্যাটেলাইটের অবস্থানকে ৪টি রেঞ্জে বা সীমায় ভাগ করা হয়। লো-আর্থ অরবিট বা পৃথিবীর নিকটতম কক্ষপথের স্যাটেলাইটগুলো ভূপৃষ্ঠ থেকে ১৮০-২০০০ কিমি উপরে থাকে। এরপরে মধ্যম উচ্চতার স্যাটেলাইটগুলো ২০০০ থেকে ৩৫,৭৮৬ কিমি উচ্চতায় থাকে। এরপর হচ্ছে জিওসিনক্রোনাইস বা ভূস্থির কক্ষপথ। এই কক্ষপথের সকল স্যাটেলাইট ৩৫,৭৮৬ কিমি উচ্চতায় থাকে। এই কক্ষপথের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। অন্যান্য কক্ষপথের স্যাটেলাইটগুলো নিজস্ব গতিতে চলে। কিন্তু এই কক্ষপথের স্যাটেলাইটগুলো পৃথিবীর গতির সাথে সমানুপাতে চলে। অর্থাৎ এগুলো পৃথিবীর কোন স্থানের সাপেক্ষে নিজের জায়গায় স্থির থাকে। আরেকটু সহজ করে বলি। মনে করো তোমার বাসার ঠিক ৩৫,৭৮৬ কিমি ওপরে একটা স্যাটেলাইট স্থাপন করা হয়েছে। এখন পৃথিবী তো ঘুরছে। তাহলে ঐ স্যাটেলাইট কি তোমার বাসার ওপর থেকে সরে যাবে? অন্য স্যাটেলাইটগুলো সরে গেলেও এই উচ্চতার স্যাটেলাইটগুলো সরবে না, বরং, সেই জায়গাতেই স্থির থাকবে। বাংলাদেশ সরকারের প্রেরিত স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এই ধরনেরই স্যাটেলাইট। যাই হোক, অবস্থানের বিচারে সর্বশেষ হচ্ছে হাই আর্থ অরবিট বা পৃথিবী থেকে দূরতম দুরত্বে অবস্থান করা স্যাটেলাইট। এগুলো ৩৫,৭৮৬ কিমি এর চেয়ে উঁচু অবস্থানে থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে।
স্যাটেলাইটগুলো কেমন গতিতে চলছে? সকল স্যাটেলাইটের গতি সমান নয়। তবে সাধারণভাবে বলা যায়, স্যাটেলাইটগুলো ঘন্টায় প্রায় ১৮,০০০ মাইল গতিতে চলে, যেভাবে প্রতিদিন পৃথিবীকে প্রায় ১৪ বার প্রদক্ষিণ করতে পারে।
আমরা মহাকাশে ঘুরে বেড়ানো উল্কাপিণ্ডের কথা জানি। আচ্ছা, এই উল্কার আঘাতে স্যাটেলাইট ধ্বংস হতে পারে না? হতে পারে। কিন্তু এটা প্রায় অসম্ভব পর্যায়ের ব্যাপার। এ পযন্ত মহাকাশে প্রেরিত স্যাটেলাইটগুলোর মধ্যে কেবল ১টি স্যাটেলাইট উল্কার আঘাতে ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ প্রায় ৯০০০-এর মধ্যে মাত্র ১টি। কারণ, স্যাটেলাইটগুলো যেন উল্কাকে এড়িয়ে চলতে পারে, সে অনুযায়ী প্রোগ্রাম করা আছে।
বন্ধুরা, শেষ করতে যাচ্ছি আজ। তোমাদের জানার তীব্র আকাক্সক্ষা বৃদ্ধি হবে এবং মানুষের উপকারে তোমার জ্ঞানকে কাজে লাগাবে। সে প্রত্যাশায় শেষ করছি।

উমাইরের স্বপ্ন পূরণ

উমাইর পঞ্চম শ্রেণিতে পড়ে। কতবা বয়স হবে আর। পাঁচ কি বা ছয়। কিন্তু এই বয়সেই তার সব ভাবনা বড়দের মতো। তাইত সবাই তাকে খুব ভালোবাসে। তার ইচ্ছে সে বড় হয়ে সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করবে। সকালে ঘুম থেকে উঠে নামাজ ও কুরাআন পড়ে ঘণ্টা দুয়েক ছাদে হাঁটাহাঁটি করা তার প্রতিদিনের রুটিন। রোজকার মতো সে আজও হাঁটতে ছাদে উঠেছে। হাঁটতে হাঁটতে ছাদের কিনারে এসে দেখতে পেল একটি পরিবার রাস্তার পাশে পলিথিন ঘেরাও দিয়ে কোনোমতে মাথা গোঁজার ঠাঁই তৈরি করেছে। এসব দেখে তার মনটা খারাপ হয়ে গেল। সে বাসায় ফিরে পড়তে বসে তবে পড়ায় একটুও মন দিতে পারছে না। ভাবতে ভাবতে তার মাথায় একটি চিন্তা এলো। বন্ধুরা একসাথেমিলে এই মানুষদের জন্য কিছু করতে পারলে মন্দ হতো না। সে স্কুলে যাওয়ার জন্য তৈরি হলো এবং বাবার সাথে স্কুলে চলে গেল। তার বাবা অফিসে যাওয়ার সময় তাকে স্কুলে নামিয়ে দিয়ে যায়। স্কুলে তার কয়েকজন ভালো বন্ধু আছে। মাহির, আবির, মুজাহিদ আর আবরার। টিফিন পিরিয়ডে উমাইর তার চিন্তার কথা বন্ধুদের জানায়। সে বলে আমরা এসব সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে শীতবস্ত্র এবং সাথে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করতে পারি। উমাইরের কথা শুনে তার বন্ধু মুজাহিদ বলে আমাদের স্কুলে “ফুলকুঁড়ি আসর” নামে একটি শিশুকিশোর সংগঠনের কয়েকজন ভাইয়া আসেন। ওনারাও এরকম সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করেন। ওনাদের এ বিষয়টা বললে ওনারাও আমাদের সাহায্য করবেন। স্কুল ছুটির পর বাসায় ফিরে উমাইর তার মাকে এসব বিষয় বলে। তার মা তার কথা শুনে খুব খুশি হয়। তার মা বলে এটা তো খুব ভালো চিন্তা। তোমার বাবা আসলে তাকে তোমাদের সাহায্য করার জন্য বলব। তার বাবা অফিস থেকে আসার পর তার মা বাবকে সব বলে। সব শুনে তার বাবা বলে, আমার ছেলে আর ছোট নেই। ও বড় হয়েছে। আজ আমার খুব গর্ব হচ্ছে যে ও সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে ভাবছে। আমি যথাসম্ভব সাহায্য করব।

এর পর থেকে শুরু হয় তাদের চিন্তাকে বাস্তবে রূপ দেয়ার কাজ। উমাইরের বাবা একজন শিল্পপতি। তার অন্যান্য বন্ধুর বাবারাও কেউ বড় ব্যবসায়ী, কেউ শিল্পপতি, আবার কেউবা সামান্য বেতনের চাকরিজিবী। তবে সবার বাবাদের চিন্তাধারা একই। সে ও তার বন্ধুরা তাদের বাবা-মা, আত্মীয়-স্বজনদের কাছ থেকে তাদের উদ্দেশ্যের কথা বলে সাহায্য চাইল। তাদের কথা শুনে সবাই তাদের সাহায্য করল আর সেই সাথে প্রশংসা। সবার সাহায্যে তাদের হাতে মোটামুটি একটা ভালো অঙ্ক জমা হলো। টাকা জমা হওয়ার পর তারা ফুলকুঁড়ি ভাইয়াদের সহযোগিতায় জিনিসগুলো কিনে ফেলে। তারা সিদ্ধান্ত নেয় জিনিসগুলো উমাইরদের গ্রামেই বিতরণ করবে। কারণ তাদের গ্রামের মানুষদের আর্থিক অবস্থা খুব বেশি ভালো নয়। শীতকালে তারা ভালো গরম কাপড় পরতে পারে না। এবং সেখানকার শিশুরা ভালো করে পড়ালেখা করতে পারে না। এরপর তারা যাওয়ার জন্য দিন ঠিক করল। তারা যাবে তিনটি গাড়ি নিয়ে। একটি গাড়িতে থাকবে তাদের মালপত্র অন্য দুইটির একটিতে তাদের অভিভাবকেরা এবং অপরটিতে ফুলকুঁড়ি ভাইয়ারা এবং তারা।

সব ঠিক হওয়ার পর একদিন সকালে তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। উমাইর গাড়িতে বসে ভাবতে লাগল এই জিনিসগুলো পাওয়ার পর মানুষগুলোর মুখে যে হাসি ফুটবে তাতে তার স্বপ্নের অন্তত কিছু অংশ হলেও পূরণ হবে। এই কয়েক দিন তাদের উপর খুব ধকল গেছে। ক্লান্তিতে তার চোখ বুজে আসে। সে গাড়ির সিটে গা এলিয়ে চলে যায় ঘুমের রাজ্যে। যেখানে তার স্বপ্নরা তাকে ডাকছে হাতছানি দিয়ে। আর সে দেখে তাদের অপেক্ষায় আছে এক সুন্দর সুরোভিত সুশোভিত সমাজ।

দশম শ্রেণি, কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসা