Home Blog Page 128

ইলিশ খেকো ভূত

প্রত্যন্ত গ্রাম অঞ্চলের একটি অজপাড়া গাঁ খেজুরতলি, গ্রামটিকে বেষ্টনী করে রেখেছে চমৎকার কল্ কল্ ধ্বনিতে বয়ে যাওয়া একটি নদী, নদীটির নাম তুলাতলী।
নামের মতোই নরম আর কোমল এ নদীর রূপ।
নদীর একেবারেই পাড় ঘেঁষা একটা বাড়িতে থাকেন খান জাহান আলীর পরিবার। এ বাড়ির উঠোন অনেক বড়। উঠোনের অর্ধেকটা জুড়ে করা হয়েছে শসা, শিম, ডাটা এরকম বেশ কিছু সবজির চাষ।
উঠোন পেড়িয়েই নদী, নদীর ঘাটে সারিবদ্ধ কলাগাছ।
বাড়ির পেছনে সুপুড়ি বাগান।
বাগানে বেশ কয়েকটা নারকেলগাছও আছে।
বাড়ির ডান দিকে রান্নাঘরে লাগোয়া একটা বেশ পুরনো তেঁতুলগাছ।
বাড়ির বড় একটা অংশ ছায়া দিয়ে ঢেকে রেখেছে তেঁতুলগাছের ডালপালা, বাড়ির বা দিকে প্রায় পঞ্চাশ গজ দূরে একপায়ে দাঁড়িয়ে আছে একটি লম্বা তালগাছ, বেলগাছ, জামগাছ, আমগাছ সহ অনেক গাছই আছে। এ বাড়িতে মোটকথা গাছের ভিড়ে দূর থেকে প্রায় বাড়িটাকে দেখাই যায় না।
দিনের বেলাতে প্রখর রোদেও বেশ ছায়া ঘেরা সুনিবিড় পরিবেশে নদীর উপর দিয়ে বয়ে আসা বাতাসে যে কারো ভালো লাগবে। তবে রাত নামতেই এখানে নেমে আসে ঘুটঘুটে অন্ধকার, আর তখন শান্ত সুনিবিড় এই জায়গাটাকে মনে হয় গা ছমছমে নিরব এক ভৌতিক পরিবেশ। গাছের থেকে শুকনো পাতা পড়ার শব্দেও তখন আঁৎকে উঠতে হয়। এখান থেকে জেলা সদর অনেকটাই দূরে, সেখানেই শুধু ইলেক্ট্রিসিটি আছে। এছাড়া আশপাশের আর দশ গ্রামের কোথাও ইলেক্ট্রিসিটি নেই। রাতে আলোর ভরসা কেরোসিন তেলে জ্বালানো হারিকেন অথবা কুপি।
এ অঞ্চলে দিনে যে যার মতো ঘুরে বেড়ালেও রাতে বের হতে সবারই ভয় হয়। ছোটরা তো
বের হয়ই না, বড়রাও যার বাইরের যা কাজ তা সন্ধ্যার আগেই সেরে ফেলে।
খানজাহান আলীর যৌথ পরিবার। পাঁচ ছেলে মেয়ে, স্ত্রী ও বৃদ্ধ মা বাবা। তার জায়গাজমি ভালোই আছে, তবে সে এ গ্রামের আর সবার মতো কৃষিকাজের উপর নির্ভরশীল নয়। জেলা সদরের ভ্যান ও বাই সাইকেলের গ্যারেজে মিস্ত্রির কাজ করেন তিনি।
বাড়ি থেকে দূরত্ব অনেক বেশি এছাড়াও কাজের সুবাদে তিনি সেখানেই থাকেন। সপ্তাহে একবার করে বাড়িতে আসেন আর প্রতিবারই তার বাড়িতে আসার সময়টা বেশ রাত হয়ে যায়। এ নিয়ে বাড়ির সবাই চিন্তিত থাকলেও তিনি কোনো ধার ধারেন না। বড্ড সাহসী মানুষ তিনি ।
কিন্তু তার বাড়ি ফেরার পথটা বেশি সুবিধার ছিল না। মূল সরকার থেকে নেমে বাড়ি আসা অব্দি প্রায় দুমাইল মাটির পথ। যে পথের পুরোটাই এক পাশে খাল আর এক পাশে বাঁশঝাড় ও বেতবন এই পথেই ঘটে যাওয়া কিছু ভ‚তুরে ঘটনা মানুষের মুখে মুখে শোনা যায়। যেমন এই খালটাতে ভরদুপুরে গরু পানি পান করতে এসে আর উপরে উঠতে পারে নি। অশরীরী কেউ নাকি গরুকে খালের পানিতে চুবিয়ে খালের মাঝেই অল্প পানির কাঁদায় পুঁতে রেখেছে। ছোট ছেলে-মেয়েরা এই পথে খেলতে এসে অনেকেই নিখোঁজ হয়েছে। তারপর খুঁজে ওদেরকে পাওয়া গিয়েছে বেতবনের কাটা ঝোঁপের মধ্যে, এবং ওদেরকে উদ্ধার করে বাড়িতে নেয়ার পরও ওদের আচরণ ছিল অস্বাভাবিক।
শুধু তাই নয়, এই বাঁশঝাড় ও বেতবনে অনেকেই মেয়েদের মত করে ইনিয়ে বিনিয়ে কান্নাও শুনেছে।
এসব কারণেই এই পথে রাতে কেউ তেমন একটা চলাচল করে না। আর খানজাহান আলীকে নিয়ে তার পরিবারের লোকজনও চিন্তিত থাকে।
সেদিন ছিল আষাঢ়ের শুরুর সময়, সারাদিন হালকা তালে টিপ টিপ বৃষ্টি পড়ে ভিজিয়েরেখেছিল পথ ঘাট। তবে গ্রাম্য মেঠোপথে কাঁদা জমে যাওয়ার মত বৃষ্টি হয়নি। জেলা সদর থেকে খানজাহান আলী আজ তার বাড়ি ফেরার পথ ধরলেন, যদিও দূরত্ব অনেক, তবু তিনি সে সময় অন্য গাড়ি ব্যবহার তেমন একটা করতেন না। তিনি তার সব সময়ের সঙ্গী বাইসাইকেল নিয়েই চলাচল করতে পছন্দ করতেন। জেলা সদর থেকে কাজ গুছিয়ে সন্ধ্যায় তার বাইসাইকেলে চেপে রওয়ানা হলেন বাড়ির দিকে বাড়ির দূরত্বের প্রায় অর্ধেকটা পথ আসতেই শুরু হয় ঝুমবৃষ্টি। খানজাহান আলী বাধ্য হয়েই ওইখানে স্থানীয় একটি বাজারে সাইকেল দাঁড় করিয়ে বৃষ্টি কমার অপেক্ষা করতে থাকেন। এসময় তার নজর পড়ে ইলিশ মাছের ওপর। টাটকা ধরে আনা ইলিশ সকালে বিক্রির জন্য মাছ বাজারের আড়তে রাখা হচ্ছে। তাই দেখে খানজাহান আলীর খুব শখ হলো ইলিশ কিনবেন। মোটামুটি মাঝারি সাইজের ঝকঝকে রুপালি রঙের চারটা ইলিশ কিনলেন। আর তার বৃদ্ধা মায়ের জন্য পান কিনলেন।
ততক্ষণে কমে গেছে বৃষ্টি, খানজাহান আলী আবার ছুটে চললেন। তার সাইকেল নিয়ে। টাটকা চার পিছ ইলিশ কাপড়ের ব্যাগের ভেতর নিয়ে বেঁধে নিলেন সাইকেলের পেছনের স্ট্যান্ডে। পান জর্দা আলাদা ব্যাগে সামনের হ্যান্ডেলে ঝুলিয়ে নিয়ে, দ্রæত প্যাডেল মেরে এগিয়ে যাচ্ছেন বাড়ির পথে।
তিনি যখন মেইন সড়ক থেকে মাটির রাস্তায় নামলেন তখন রাত সাড়ে দশটা। সময় কিছুটা বেশি লাগল বৃষ্টির জন্য। এতটা পথ সে দ্রæত সাইকেল চালিয়ে আসলেও এই মেঠো পথে তাকে যেতে হচ্ছে খুব হালকা গতিতে, এবং সাবধানে, বৃষ্টিভেজা পিচ্ছিল পথ, তার উপরে এখনো মেঘাচ্ছন্ন আকাশের কারণে অন্ধকারটা একটু বেশি। অন্ধকার যাই হোক, খানজাহান আলীর এই চেনা পথে চোখ বন্ধ করেও সে চলতে পারে। কিন্তু সমস্যা করছে ঝিরঝিরে বৃষ্টি আর ভেজা স্যাঁতসে্যঁতে পিচ্ছিল পথ।
খুব ভেবে রাস্তার খানাখন্দ এড়িয়ে তাকে এগোতে হচ্ছে। রাস্তার দুই ধার ঘন ঘাস গালিচায় ঢাকা। মাঝ দিয়ে সাপের মতো একেবেকে তৈরি হয়েছে পথ।
যদিও তিনি এ গ্রামের আর দশজনের থেকে সাহসী মানুষ তবু মঠবাড়ির কাছ দিয়ে যাওয়ার সময় কিছুটা হলেও ভয় অনুভব করেন খান জাহান আলী। এই পথে যাওয়ার সময় তিনি একাধিক বার টের পেয়েছেন অন্য কারো উপস্থিতি। যাকে দেখা না গেলেও টের পাওয়া যায়। আর গন্ধও আছে তার।
রাত এগারোটা বাজার বেশি বাকি নেই।
খান জাহান আলী দেখতে পাচ্ছেন মঠবাড়ির পরিত্যক্ত ঘাসে পড়া আস্তরণের অবশিষ্ট ইটের দেয়াল। যে দেয়ালকে ঘিরে রেখেছে পাতিবট অথবা পরগাছার শেকড়। বৃষ্টি এখন একদমই নেই তবে কিছুক্ষণ পরপর বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে, আর সেই আলোতে মঠবাড়ির শেকড়যুক্ত দেয়াল দেখে মনে হচ্ছে জীবন্ত কঙ্কাল। বেত বনের ভেতর থেকে কী একটা বের হতে দেখা গেল, হতে পারে শেয়াল কিংবা বড় জাতের গুঁইসাপ। এরকম কিছু ভেবেই এগিয়ে যেতে লাগল, কিন্তু কিছু দূর যেতেই তার মনে হলো সাইকেলের পেছনটা ধরে কেউ টানছে!
খানজাহান আলী পেছনে তাকিয়ে কাউকেই দেখতে পেল না। কিন্তু নিশ্চিত কেউ ছিল, যে সাইকেলের স্ট্যান্ড ধরে টান দিয়েছে। খানজাহান আলী মঠবাড়িটা ক্রস করছে, ওই দিকে চোখ পড়তেই ভয়ের একটা শীতল ¯্রােত বয়ে গেল শিরদাঁড়া বেয়ে, বিজলীর হঠাৎ আলোতে দেখলো। মঠবাড়ির দেয়াল বেয়ে নেমে আসছে খানিকটা মানুষের মতো দেখতে কিন্তু মানুষ না। ঠোঁটের দুদিকে দুইদিকে ভয়াল বাঁকানো দাঁত বের হওয়া এক জন্তু! খানজাহান আলি খুব কষ্টে ভেতর থেকে উঠে আসা চিৎকার দমন করে সাইকেলের প্যাডেলে গতি বাড়িয়ে দিলো। এসময় আবারও কেউ টান দিলো তার সাইকেল ধরে, খান জাহান আলী টাল সামলাতে না পেরে পরেই যাচ্ছিল। ডান পা ফেলে সাইকেলের গতি থামিয়ে তার পড়ে যাওয়া থেকে রক্ষা পেল।
এরপর আরো জোরে সাইকেল নিয়ে ছুট দিলো।
তার বাড়ির দূরত্ব আর বেশি নেই, কয়েক মিনিটের রাস্তা। এসময় শুনতে পেল কারো মিহি গলার মায়া হাসি আর পেছনে তাকালেন না। তিনি একেবারে বাড়ির উঠোনে গিয়ে তবেই থামলেন।
ডাকলেন তার মাকে।
মা ঘরের দরজা খুলে হারিকেনের আলোয় দেখলেন ছেলের ভয়ার্ত ফ্যাকাসে মুখ, খানজাহান আলীর হাত পায়ে ভয়ের মৃদ কাঁপুনিও দেখতে পেলেন তিনি, এসময় ঘর থেকে তার স্ত্রী ও ছোট ছোট ছেলেমেয়েরাও বেরিয়ে এলো, কিন্তু মা সবাইকে থামিয়ে দিলেন। কাউকে ওনার কাছে যেতে দিলেন না। উনি একা ছেলের কাছে এসে জানা তিন মিনিট বিড়বিড় করে কিছু দোয়া কালাম পাঠ করে ছেলের সারা শরীরে তিনবার ফুঁ দিলেন। এবার খানজাহান আলিকে কিছুটা স্বাভাবিক মনে হলো।
গল্পটা এখানেই শেষ হয়ে যেতে পারতো, কিন্তু শেষ হলো না।
তার স্ত্রী জানতে চাইলেন কি হয়েছে, জবাবে বললেন পড়ে বলতাছি। আগে ঘর থিকা পাঁচ ব্যাটারির লাইটটা আইনা দেও। কত বড় সাহস, ওরা আমার মাছ রাইখা দিছে। জবাবে তার স্ত্রীসহ সবাই মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইলো। একজন ঘর থেকে লাইট এনে দিল, পাচঁ ব্যাটারির টর্চ লাইটের আলো ছিল বেশ জোড়ালো। খানজাহান আলী পাশের বাড়ি থেকে তার দুই ছোট ভাই ও দুই চাচাকেও সাথে নিলেন। আর নিলেন লম্বা গাছ কাটা দা, বর্শা। সবাই ডাকাত ধরার মত ধাওয়া করে দৌড়ে গেল মঠ বাড়ির সামনের বেতবনের ধারে।

খানজাহান আলী ও তার এক চাচা যেতে যেতে, কাঁচা কিছু কচমচ করে চিবিয়ে খাওয়ার মতো শব্দ শুনতে পেয়ে দাঁড়িয়ে গেল। লাইট জ্বালিয়ে বেত বনের ভেতরে ঢুকল ওরা সবাই। আর দেখলো, চারটা ইলিশ মাছের মধ্যে একটা এক তৃতীয়াংশ পড়ে আছে এক জায়গায়, আর একটার মাথার অর্ধেকটা, আর একটার লেজের অংশ। খেয়াল করলে দেখা যাবে, যে এটা কোন গুঁইসাপ বা শেয়াল কিংবা কোনো চেনা প্রাণীর দাতের কাঁমড় না।
খানজাহান আলী ও তার এক ভাই সেগুলো কুড়িয়ে নিলো। লাইট ঘুরিয়ে ঘুরিয়ে খুঁজে দেখল কাউকে দেখা যায় কি না, বর্শা ও দা দিয়ে বেশ কয়েকবার আঘাতও করল। তারপর মাছের উদ্ধার করা না খাওয়া অংশগুলো নিয়ে এলো বাড়িতে, যদিও তার স্ত্রী এই মাছ রান্না করতে রাজি হয়নি। তবু খানজাহান আলী এই মাছ দেখিয়ে সবার কাছে এটা প্রমাণ করতে পেরেছে যে, সাহস থাকলে ভ‚তের মুখ থেকেও মাছ ছিনিয়ে আনা যায়।

পটকা মামার গুপ্তধন

আমাদের পটকা মামাটা ভীষণ বোকা সে কী বোকা রে বাবা! বলে শেষ করা যাবে না। সেদিন ঘটে গেল এক মহাকাÐ। পটকা মামার মহানুভবতার কাÐ। সেদিন এক ভিক্ষুক এসে ভিক্ষা চাইল পটকা মামার কাছে। নরম সুরে পটকা মামাকে ডাকল। সাথে হালকা করে মায়াকান্নাও কাঁদল। ব্যস, পটকা মামার মনঃ কাঠি লাগানো আইসক্রিমের তো নিমিষেই গলে গেল ফকির চাইল ভিক্ষা আর পটকা মামা ফকিরকে পুরো ত্রিশ কেজি চালের বস্তাটাই দিয়ে দিল বস্তা ভরা চাল পেয়ে অমনি ফকিরও উধাও। এই হলো আমাদের দরদি বোকা পটকা মামা।
এসবে পটকা মামা বোকা হতে পারে কিন্তু দাবা খেলায় তাঁর জুড়ি মেলা ভার। খেলাধুলায় তার আলাদা নাম আছে সে কী দাবা খেলে রে বাবা! আশেপাশের এলাকার কেউই পাত্তা পায় না মামার কাছে। টানা চারবারের চ্যাম্পিয়ন হওয়ার খেতাবও আছে। আশেপাশের এলাকার সবাই তো মামাকে পটকা গ্রান্ডমাস্টার বলে ডাকে! আমরা অবশ্য পটকা মামাই বলে ডাকি।
পটকা মামার কোনো কাজকর্ম নেই। সারাদিন শুধু টইটই করে ঘুরে বেড়ানোটাই তাঁর কাজ। আজকে পটকা মামা বাসায় আসার পর থেকে কেমন জানি চিন্তিত মনে হলো। যে পটকা মামা নানুর ঘরে দিনে একবারের জন্যও যায় না, সেই পটকা মামাই আজ বেশ কয়েকবার নানুর ঘরে আসা-যাওয়া করতে দেখা গেল। আমার বিষয়টা কেমন জানি খটকা লাগতে শুরু করল। মনে মনে বিরাট কোনো একটা রহস্য লুকিয়ে আছে এর পেছনে। রহস্য সমাধানের জন্য এক দৌড়ে পটকা মামার ঘরে গিয়ে হাজির! মামা জানালার গ্রিল ধরে কী যেন ভাবছে। আমাকে দেখতে পেয়ে বলে উঠল- কি রে তুই কখন এলি?
আর একটু আগেই। তুমি তো খেয়ালই করো নাই আচ্ছা, মামা তুমি কী কোনো বিষয় নিয়ে চিন্তিত?
আরে কি যা-তা বলছিস। একদমই না।
তোমাকে দেখে কিন্তু তেমনটা মনে হচ্ছে না। তুমি কি আমার কাছে কোনো কিছু লুকাচ্ছ?
ইয়ে মানে, একটা গোপন কথা কাউকে বলবি না বল?
আমাকে কি তোমার বিশ্বাস হয় না? অবশ্যই হয়। এটা অনেক গোপন। কাউকে বলবি না কিন্তু। কী গোপন কথা আগে বলো দেখি?
আচ্ছা শোনো, আজকে বনের ভিতরে হাঁটার সময় একজন সাধুবাবাকে দেখতে পেলাম। আগুনের মাঝখানে বসে আছে আর কী কী যেন মন্ত্র পাঠ করছে। হঠাৎ করেই আমার নাম ধরে ডাকল। আমি তো অবাক। কাছে যেতেই আমার পুরো গোষ্ঠীর বর্ণনা দিলো
সাধুবাবা? তা-ও আবার দিনের বেলা?
হ্যা রে হ্যা।
আর কী বলেছে?
আমার জন্য নাকি কোনো গুপ্তধন অপেক্ষা করছে?
কোথায়?
সেটা তো বলেনি। আজকে বলতে চেয়েছে। তবে একটা শর্তে?
কী শর্ত? দুই ভরি স্বর্ণ নিয়ে যেতে হবে তার কাছে কী তাহলেই সাধুবাবা গুপ্তধনের রহস্য উন্মোচন করবে?
তা তুমি কী করবে ভাবছ?
সেটাই তো ভাবছি রে। মায়ের তো চার ভরি স্বর্ণ আছে। ওখান থেকে দুই ভরি নিয়ে যাব ভাবছি।
এমন কাজ করিও না মামা। ওটা কোনো নকল সাধুবাবা হয় তো। তোমাকে ঠকাতে যাচ্ছে।
না না, উনি কোন নকল সাধুবাবা নয়। উনি আসলেই সাধুবাবা। সাধুবাবা না হলে কি আর আগুনের মাঝখানে বসে থাকা যায় রে?
যায় মামা যায়। এই ডিজিটাল যুগে সব কিছুই করা যায়। তা স্বর্ণ কি তুমি সত্যিই নিয়ে যাবে?
হ্যাঁ। তুই কিন্তু কাউকে বলবি না প্রতিজ্ঞা করেছিস।
আমিও সেদিন মামায় কথায় কেন জানি গুপ্তধনের বিষয়টা বিশ্বাস করা শুরু করলাম।
রাত হলো। চারদিক সুনসান। পটকা কখন যে নানুর স্বর্ণ নিয়ে সাধুবাবার কাছে গেছে কারোই নজরে আসেনি।
ওদিকে পটকা স্বর্ণ নিয়ে হাজির সাধুবাবার কাছে সাধুবাবাকে বলল- বাবা আমি দুই ভরি স্বর্ণ নিয়ে এসেছি। এবার আমাকে গুপ্তধন রহস্যের সমাধান করে দিন।
শান্ত হও পটকা। ধীরে ধীরে চোখ বন্ধ করো। জোরে জোরে শ্বাস ছাড়তে থাকো। যখনই তোমার ঘুম আসবে ঠিক কিছুক্ষণ পরেই তুমি গুপ্তধনে রহস্যের সমাধান পেয়ে যাবে
পটকা জোরের জোরে শ্বাস ছাড়তে থাকে। একসময় পটকার খুব ঘুম আসে। ঘুমের মধ্যেই পটকা দেখে, সাধুবাবা আর ও গুপ্তধনের শহরে ঢুকে পড়েছে। সেখানে এক কলস হীরা জহরতের মোহর চকচক করছে। যেই পটকা ধরতে যাবে ঠিক তখনই সাধুবাবা মোহর ভর্তি কলস খপ করে নিয়ে নেয়। মোহর ভর্তি কলস নিয়ে সাধুবাবা মিলিয়ে যেতে থাকে। পটকা শুধু চেয়ে চেয়ে দেখতে থাকে। জোরে জোরে চিৎকার করতে থাকে আমার গুপ্তধন। আমার গুপ্তধন।
হঠাৎ পটকার ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই সে নিজেকে তার বিছানায় আবিষ্কার করল। তাকে ঘিরে বাড়ির সকলে। পটকা হাউমাউ করে কাঁদতে লাগল। আর বলল মা, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতেই পারিনি উনি নকল সাধুবাবা। আমি এত বোকা কেন?
নানুভাইও কান্না চোখে বলল স্বর্ণ নিয়ে গেছে তো কী হয়েছে? তোর কিছু হয়নি এটাই তো খোদার কাছে হাজার শুকরিয়া।
পটকা মামা নানুভাই জড়িয়ে ধরে কাঁদতে থাকল। একসময় পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে যায়।
ফকির পাড়া, দিনাজপুর

স্বপ্নের সাইকেল

গ্রামের নাম শহীদনগর। গ্রামের এক পাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদীর শাখা। নদীর পাশেই আব্দুস সালামের পরিবার। পরিবারে কেবল তার স্ত্রী আর একমাত্র ছেলে জামিল ছাড়া আর কেউ নেই। জামিলের ইচ্ছে  সে সবসময় সাইকেল চালাবে। রোজ সাইকেল দিয়ে স্কুলে যাবে, গাভীর দুধ বাজারে নিয়ে যাবে, বিকেলবেলা বন্ধুদের সাথে খেলতে খেলার মাঠে যাবে। কিন্তু বাবার এক কথা, ছেলেকে কোনো দিন সাইকেল কিনে দেবে না। কারণ তিনি চান না যে জামিল সাইকেল দিয়ে চলাফেরা করুক। জামিল বাবার চোখকে ফাঁকি দিয়ে রোজই টিফিন পিরিয়ডে বাবার দেওয়া টিফিনের টাকায় সাইকেল ভাড়া করে সাইকেল চালানো শিখেছে। তারও এক কথা সাইকেল সে কিনবেই। রোজই মায়ের কাছে বায়না করে বলে, ‘মা আমাকে সাইকেল কিনে দেবে না’? তখন মা বলে, তোমার বাবা যেটা পছন্দ করেন না, তুমি সেটা করতে যেও না। জামিল বলে, বাবাতো কোনো দিন সাইকেল হাতেই নেননি, সাইকেল চালাতেও পারেন না, তাই সাইকেলের কদর বুঝেন না। মা তুমি বাবাকে বলে একটা সাইকেলের ব্যবস্থা করে দাও। মা ছেলেকে আশ্বাস দিয়ে বলে, “আচ্ছা ঠিক আছে আমি ব্যাপারটা দেখছি। জামিল হাস্যোজ্জ্বল মুখে খেলায় চলে গেল। পরের দিন জামিল ক্লাস করছিল। টিফিনের সময় ঘনিয়ে এলো। আজ তার বাবা তাকে টিফিন খরচের টাকা দেয় নি। এখন সে সাইকেল ভাড়া করবে কিভাবে। সাইকেল না চালিয়ে টিফিনের সময়টা তার বিরক্তিকর লাগে। তাই জামিল লুকিয়ে তার এক বন্ধুর সাইকেল নিয়ে চালায়। যাতে তার বন্ধু দেখতে না পারে। টিফিন পিরিয়ড শেষ হওয়ার সাথে সাথে জামিল স্কুলে ফেরে। জামিল যার সাইকেল নিয়ে চালাচ্ছিল সে অন্যদের নিয়ে স্কুলের গেটে দাঁড়িয়ে। জামিল দেখে হতবাক হয়ে জিজ্ঞেস করল, কিরে তোরা ক্লাসে যাসনি? ‘বন্ধুরা বলল,’ আজ এখানেই ক্লাস করবো। ‘জামিল ভয়ে বলে, ‘এখানে ক্লাস করবি মানে?’ বন্ধুরা বলে,‘মানে- টানে পরে বুঝাচ্ছি, আগে বল সাইকেল নিলি কেন?’ জামিল এখনো ভয় পাচ্ছে। বলে, ইয়ে মানে আজ বাবা টাকা দেয়নি তো তাই আরকি..সাথে সাথেই চলে জামিলের ওপর আক্রমণ। জামিলকে ওরা আঘাত করে। আর বলেও দেয়, ‘কোনো দিন যদি দেখেছি আমাদের সাইকেল হাতে নিতে তবে তুই বুঝবি আমরা কতটা খারাপ হতে পারি। ‘জামিলের আর ক্লাস করা হলো না। সে সেখান থেকেই মন খারাপ করে বাড়ি ফিরল। জামিল বাড়িতে পৌঁছুতেই তার মায়ের সামনে পড়ল। মা তার শরীরে ক্ষত দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, ‘কিরে জামিল, তোর এই অবস্থা কেন? ’ জামিল তার মাকে বলল স্কুলের ঘটে যাওয়া ঘটনাটি। জামিল ঘরে ঢুকে স্কুল ড্রেস পাল্টে বিশ্রাম নেয়। জামিলের বাবা তখন বাড়ি ফেরে। জামিলের মাকে চিন্তিত মনে হচ্ছে। আব্দুস সালাম বলে,” কি ব্যাপার! কী চিন্তা করছো? “জামিলের মা বলে,” জামিলকে একটা সাইকেল কিনে দিলে সমস্যা কোথায়? ‘আব্দুস সালাম বলে, শোনো মায়ের আবদার’। ছেলের সাথে মাও পাগল হয়ে গেছে। ‘জামিল ঘরে থেকে সব কথা শুনছিল। মনে মনে বলে, ‘একটা সাইকেল কিনে দিলেই তো হয়। বাবা এমন কেন? এমন সময় মা ঘরে ঢুকল। ছেলেকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইলো। জামিলের মা হঠাৎ করে বলল, ‘আমি তোকে সাইকেল কিনে দেবো।‘ জামিল আশ্চর্য স্বরে বলল, ‘সত্যি? ‘ মা বলল,’ হ্যাঁ সত্যি। জামিলের এক মামা আছে। উনার সাথে জামিলের মা কথা বলল। মামা বলে, সমস্যা নেই কয়েক দিনের মধ্যেই জামিলের জন্য একটা সাইকেল নিয়ে আসবো।’

জামিল সাইকেল পাবে শুনে এখন প্রচÐ খুশি। স্কুলের সবাইকে বলে দিয়েছে যে তার জন্য তার মামা সাইকেল নিয়ে আসবে। তার সেই বন্ধুরা, যারা তাকে আঘাত করেছিল তারা তখন বলেছিল, ‘দেখবো তোর কেমন করে সাইকেল আসে আর তুই কিভাবে চালাস। ‘জামিল বলল,’ ঠিক আছে দেখিস। ‘জামিল রাত্রিবেলা স্বপ্ন দেখে, তার মামা তার জন্য সাইকেল নিয়ে এসেছে। সে সাইকেল নিয়ে চালানো শুরু করেছে। প্রজাপতিকে বলছে, বলেছিলাম না আমি আমার সাইকেল চালাবো। নদীকে বলছে, দেখো এটা আমার সাইকেল। একসময় জামিল সাইকেল রেখে একটা ডাবগাছে ডাব পাড়তে উঠেছে। ডাবগাছ থেকে নামার সময় কিছু লোক তাকে তাড়া করে। জামিল দৌড়াতে থাকে। তখনই তার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখে তার মামা তার জন্য সাইকেল নিয়ে এসেছে। জামিলের বাবা জামিলের মামার সাথে তর্ক করছে। মামা বলছে, ‘ছোট ছেলে আবদার করেছে একটা সাইকেলের জন্য। আপনার তো উচিত ছিল কিনে দেওয়ার’ জামিলের বাবা বলল, ‘ঠিক আছে তোমরা মামা-ভাগিনা যা ইচ্ছা তাই করো। জামিল রাতে স্বপ্নে সাইকেল চালিয়েছে আজ বাস্তবেই সাইকেল চালাবে। বিলম্ব না করে জামিল সাইকেল নিয়ে মাঠে চলে গেল। নদীর পাশ দিয়ে সে সাইকেল চালাচ্ছে, প্রজাতির পিছুও নিয়েছে। মনে মনে বলছে, বাবাকে আর কষ্ট করে দুধ নিয়ে বাজারে যেতে হবে না, আজ থেকে আমি দুধ নিয়ে বাজারে যাবো। জামিল চিৎকার করে বলতে থাকে, ‘দেখো তোমরা! এটা আমার সাইকেল। আজ থেকে কারো সাইকেল চাইবো না।” ওদিকে স্কুলের সেই বন্ধুদের দেখা গেলো। তারা অবাক হয়ে দেখছে। খানিকক্ষণ পরেই একটি কচি প্রাণের চিৎকার শুনতে পাওয়া গেল। জামিল আর ইহজগতে বেঁচে নেই। জামিলকে ওরা আর বাঁচতে দেয়নি। জামিলের মা ছেলের শোকে পাগল হয়ে গেছে, বাবার মুখ থেকে কোনো কথাই বের হয় না। আর মামা কেবল বিলাপ পারছে ভাগ্নের অকালমৃত্যুতে। পুলিশ এসেছে, স্কুলের সেই কাপুরুষ বন্ধুদেরকে ধরে ফেলেছে। আজ হয়তো জামিলের স্বপ্নটা পূরণ হয়েছিল, কিন্তু তার প্রসারতা লাভ করেনি’।

অনার্স ১ম বর্ষ, শ্রীপুর সরকারি কলেজ, গাজীপুর।

আমার দেখা একাত্তর

আমার জন্ম যশোর জেলার চৌগাছা উপজেলার বাড়িয়ালি গ্রামে। যশোর শহর থেকে মাত্র ১০ মাইল দূরে। বর্তমান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি। যশোর সেনানিবাস ও ভারতীয় সীমান্তের মাঝামাঝি বলা চলে। যশোর চৌগাছা সড়ক থেকে সোজা মাটির রাস্তা। রাস্তাটি বর্তমানে পাকা। ফুলশারা গ্রামের মধ্য দিয়ে উজিরপুর, মুক্তারপুর, ধুলিয়ানি হয়ে এক্কেবারে কপোতাক্ষের তীর ঘেঁষে আমাদের গ্রাম। কপোতাক্ষ পার হলেই ভারতের বয়রা বাজার।

৩০ মার্চ ১৯৭১। যশোর সেনানিবাসে নেমে আসে কালোরাত। বাঙালি সৈনিকরা বিদ্রোহ করলে শুরু হয় দু’পক্ষের গোলাগুলি। অনেকেই নিহত-আহত হন। অবশ্য বাঙালি সৈনিকেরাই বেশি হত্যাকান্ডের শিকার হন। এর মধ্যে যাঁরা জীবিত তাঁরা রাতের অন্ধকারে সেনানিবাস ছেড়ে অজানার উদ্দেশে রওনা দেন।
গ্রামের মানুষ সকাল হতে না হতেই ঘুম থেকে উঠে পড়ে। নামাজি মানুষেরা ফজরের ওয়াক্তে মসজিদে জামায়াতের সাথেই নামাজ আদায় করেন। এদিনও এর ব্যতিক্রম হলো না। আমাদের গ্রামে একটি মাত্র মসজিদ। আর সেটা আমাদের উঠোনেই। নামাজ শেষে মসজিদ থেকে মুসল্লিরা বেরিয়ে কেউ কেউ হাঁটতে শুরু করেছেন, কেউ নিজের কাজে যাবেন- এমন সময় খবর এলো মিলিটারি আসছে। ভয়ে সবাই দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। গ্রামে আগেই সংবাদ পৌঁছেছিল যে পাকবাহিনী ঢাকাসহ বিভিন্ন জায়গায় হামলা করে মানুষ হত্যা করছে।

ফি বছর শীত মৌসুমে সেনাবাহিনীর সদস্যরা শীতকালীন মহড়ায় অংশ নিতে আমাদের গাঁয়ের মাঠে আসতেন। গ্রামের মানুষ তাদেরকে ডাব পানি ইত্যাদি দিয়ে আপ্যায়ন করতেন। আমরা ছোটরা একটু দূরে দাঁড়িয়ে ভয়মিশ্রত চোখে তা দেখতাম। যে কারণে সেনাবাহিনীর সদস্যদের দেখলে আমরা চিনতে পারতাম। যাই হোক গ্রামের মানুষ যখন জানল আগত সৈনিকেরা পাকিস্তানি নয় বাঙালি। তখন সবাই বের হয়ে এগিয়ে গেল। দেখা গেল সৈনিকদের মধ্যে অনেকেই রক্তাক্ত। তাঁরা প্রায় ৮০ জনের মতো। তাঁদের খবরা-খবর শোনার পর গ্রামের মুরব্বিগণের নির্দেশে যুবকেরা দ্রুত তাঁদেরকে বিভিন্ন দহলিজে এবং বৈঠকখানায় থাকার ব্যবস্থা করে দেন। যুবকেরা তাদের পোশাক পাল্টানোর ব্যবস্থা করেন, অস্ত্রপাতি হেফাজতের ব্যবস্থা করেন, যতদূর সম্ভব আহতদের চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করেন। তাঁদের সেবায় সেদিন পুরো গ্রামবাসী একাট্টা হয়ে আন্তরিকতার সাথে কাজ করেন। কিন্তু তারপরও সন্ধ্যা ঘনিয়ে এলে সেনাবাহিনীর সদস্যগণ গ্রামে আর থাকতে চাইল না। তাঁরা ভয় পাচ্ছিল যে পাক সেনারা তাঁদের অনুসরণ করে গ্রামে পৌঁছতে পারে। বাধ্য হয়েই গ্রামের যুবকরা তাঁদেরকে ভারতের সীমান্তবর্তী কাবিলপুর গ্রামে পৌঁছে দেয়।
যশোর সেনানিবাসে ম্যাসাকারের পর দিনই যশোর শহরসহ আশপাশের গ্রামগুলোতে হামলে পড়ে পাকবাহিনী। তারা নির্বিচারে মানুষ হত্যায় মেতে ওঠে। বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করতে থাকে। ফলে নতুন খয়েরতলা থেকে খড়কি পর্যন্ত অনেক গ্রামের হাজার হাজার মানুষ উদ্বাস্তু হয়ে পড়ে। তারা আশপাশের গ্রামে গিয়ে প্রথম দিকে আশ্রয় নেয় এবং বিজয়ের আগ পর্যন্ত আর বাড়ি ফেরেনি। এদের মধ্যে আমাদের অনেক নিকটাত্মীয়ও আছেন। আমাদের বাড়িতে উদ্বাস্তু তিন পরিবার এসে ওঠে। কিছুদিন পরে দুটো পরিবার অন্যত্র চলে গেলেও একটি পরিবার পুরো ৯ মাস থেকে যায়।

এপ্রিলের প্রথম থেকে মানুষ গণহারে ভারতমুখী হয়। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষজন। কয়েক দিনের মধ্যে আমাদের গ্রামগুলো বিশেষ করে হিন্দুপাড়া একেবারেই জনশূন্য হয়ে পড়ে। পাকিস্তান আমলে ভারত থেকে আসা মুসলিমরাও ঘর-বাড়ি ফেলে চলে যায়। আমাদের গ্রামের মধ্য দিয়ে কাবিলপুর পর্যন্ত রাস্তাটি ভারতে যাতায়াতের নিরাপদ রুট হিসেবে ব্যবহার হতে থাকে। রাত-দিন ২৪ ঘণ্টার জন্যই রাস্তাটি মানুষের পদভারে ব্যস্ত হয়ে পড়ে। হাজার হাজার ভারতগামী শরণার্থী তো ছিলই। সাথে ছিলো মুক্তিকামী মানুষের মিছিল। শুধু তরুণ-যুবা নয়, মধ্যবয়সী এবং বয়স্ক মানুষও দেশমাতার অধিকার আদায়ের জন্য মুক্তিযোদ্ধার তালিকায় নাম লেখাতে ছোটেন ভারতপানে।
ট্রেনিং নিয়ে যেসব মুক্তিযোদ্ধা প্রথম দিকে দেশে প্রবেশ করে, তাঁদেরই এগারো জনের একটি দল আমাদের গ্রামের এগারো বাড়িতে অবস্থান নেন। সেসব বাড়িতেই তাঁদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয় বিজয় নাগাদ। আমাদের বাড়িতে ছিলেন যশোর শহরতলীর ডাকাতিয়া গ্রামের রিয়াজুদ্দিন বিশ্বাসের ছোট ছেলে আশাদুল হক আশা। তিনি আমার বড় মামার শ্যালক। তাঁদের সব অপারেশনের সঙ্গী আমার বড়ো ভাই নজরুল ইসলাম।
মে-জুন মাসের দিকে দেশের অবস্থা কিছুটা স্বাভাবিক হয়ে আসে। সাধারণ মানুষ শহর-বন্দর কিংবা বাজারে যাতায়াত শুরু করে। অবশ্য কিছু বিধিনিষেধ ছিলো যেমন: যশোর যেতে হলে পরিচয়পত্র লাগে, শানতলায় চেক করা হয়। গ্রামের ভাষায় এ পরিচয়পত্রকে ডান্ডিকার্ড বলে। স্কুল বন্ধ থাকায় আমি ছোট একটা ক্রোকারিজের ব্যবসা শুরু করি। বাড়ির সামনে রাস্তার পাশে দোকান নিই। ভারতে যাতায়াতরত মানুষেরাই আমার ক্রেতা। এর মধ্যে প্রায়ই যশোর যাই পাউরুটি বিস্কুট আনার জন্য। আমি ছোট কিশোর হওয়ায় আমার ডান্ডিকার্ড লাগে না। এই যাতায়াত আমার কাছে খুব রোমাঞ্চকর। যশোর থেকে ফিরে মুক্তিযোদ্ধা আশা মামার কাছে রিপোর্ট পেশ করা, ফুলশারা থেকে যশোর পর্যন্ত রাস্তার দুপাশে কোথায় কিভাবে পাকসেনা আর রাজাকারেরা অবস্থান করে তার খবর দেওয়া, এজন্য মামার পক্ষ থেকে লোভনীয় পুরস্কার ছিলো তাঁর রাইফেল ধরা। আর হালকা প্রশিক্ষণ। অবশ্য প্রশিক্ষণ নিতে হয় তার নেতৃত্বেই। তবে তাঁর অনুপস্থিতিতে রাইফেল ধরা নিষেধ।

অক্টোবরের শেষ নাগাদ পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। তখন সীমান্তবর্তী অনেক জায়গায় পাকসেনাদের ক্যাম্প। তবে তাদের দিক দিয়ে কাবিলপুর সীমান্ত থেকে আমাদের গ্রাম পর্যন্ত অনেকটাই অরক্ষিত। মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় ভারতীয় বাহিনী এ সুযোগটি গ্রহণ করে। নভেম্বরের প্রথম দিকে ভারতীয় বাহিনী কপোতাক্ষ নদ পার হয়ে কাবিল থেকে আসা রাস্তা অনুসরণ করে আমাদের গ্রামে এসে বাংকার খুঁড়ে শক্তভাবে অবস্থান নেয়। অথচ তখনও পাকসেনারা সব জায়গায় বহাল। মিত্রবাহিনীর পক্ষ থেকে একদিন আগে একজন মুক্তিযোদ্ধা এসে গ্রাম খালি করার কথা বলে যায়। নিরুপায় মানুষ বাধ্য হয়েই দেশের কল্যাণে উদ্বাস্তু হয়ে পড়ে। আমাদের পরিবার নানা গ্রাম ঘুরে জগদেশপুরে এক আত্মীয় বাড়িতে উপস্থিত হয়। উদ্বাস্তু জীবনে অবর্ণনীয় অভিজ্ঞতা। আমরা রাত কাটাই বাঁশবাগানে নিশাচরদের সাথে।
এ গ্রামে থাকা অবস্থায় আমাদের খাবার প্রায় ফুরিয়ে আসে। আব্বা জীবন হাতে নিয়ে গ্রামে চলে যান। পরে কোনো মাধ্যম দিয়ে মেজ ভাইকে খবর পাঠান, বাড়ি গিয়ে ধান বা চাল আনতে। আমরা দু’ভাই গরুর গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা হই। ভাই সামনে বসে গাড়ি চালাচ্ছেন আর আমি গাড়ির মাঝখানে বসা। আমরা ছোট সিংঝুলি পার হয়ে জগন্নাথপুর পূর্ব পাড়ায় পৌঁছে পাকসেনাদের সামনে পড়ি। তারা জানতে চায় কোথায় যাব? ভাই তাদের বুঝিয়ে বললে আমাদের ছেড়ে দেয়। তখন জগন্নাথপুর থেকে আমাদের গ্রামের রাস্তায় ওঠার কোনো রাস্তা ছিল না। পায়েচলা শীর্ণকায় একটি পথ তাও আবার মাঠ ও বিলের মধ্য দিয়ে। আমরা সেপথেই ফুলশারা ও আমাদের গ্রামের মাঝামাঝি গিয়ে রাস্তায় উঠি। রাস্তায় উঠতেই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ। এরপর আমি আর কিছুই জানিনে। জ্ঞান ফিরলে বুঝতে পারি ধান ক্ষেতের মধ্যে চিৎ হয়ে পড়ে আছি। পিঠের নিচে পানি। জামা কাপড় ভিজে একাকার। পরখ করার জন্য পিঠের নিচে হাত ঢুকিয়ে দেই। হাত বের করেই আৎকে উঠি! পানি কোথায়? এ তো রক্ত! কিছুই বুঝতে পারি না। ধীরে ধীরে মনে পড়ে মেজো ভাইয়ের কথা, গরুর গাড়ি আর বিস্ফোরণের শব্দের কথা। তবে আহত হয়েছি এটা বুঝতে বেশ সময় লাগে। দীর্ঘক্ষণ পর ভাইকে দেখি রাস্তার ওপর ঠায় দাঁড়িয়ে। গায়ের শক্তি জড়ো করে কয়েকবার ডাকি কিন্তু আমার কণ্ঠ থেকে শব্দ বের হয় না। বিষয়টি বোঝার পর তখন একটু উঁচু হয়ে তার দৃষ্টি আকর্ষণের চেষ্টায় হাত নাড়াতে থাকি। এক সময় তিনি আমার হাত দেখতে পান এবং ছুটে এসে আমাকে দাঁড় করিয়ে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। রাস্তায় উঠে আঁচ করতে পারি পাকসেনাদের পুঁতে রাখা মাইনে গাড়িটা ছিন্নভিন্ন। মুখ থুবড়ে পড়ে আছে একটা গর্তে ।
এ যাত্রায় আল্লাহর একান্ত রহমতে আমরা বেঁচে যাই। আমি মারাত্মকভাবে আহত হই। গাড়ি ফেলে আমরা চলে আসি। গ্রামে ঢুকতেই দুজন ভারতীয় সৈন্য পথ আগলে জিজ্ঞেস করে, ক্যায়া হুয়া? পাকসেনা হায়? কোনো বিবেচনা বাদেই আমি উত্তর দেই, হায়! আর যায় কোথায়? ওরা পাকসেনা হায়! পাকসেনা হায়! বলে চিল্লাতে চিল্লাতে উল্টো দিকে দৌড়াতে থাকে। খুব ভয় পেয়ে যাই। কী বলতে কী বলেছি, ওরা কী বুঝেছে! আরেকটু এগোতেই দেখি উঠোনে ভারতীয় বাহিনীর জটলা। অবাক হই, ওরা কী করে জানলো এটা আমাদের বাড়ি! প্রমাদ গুনলাম! পরক্ষণে বুঝি আমাদের গ্রামে অবস্থানরত ভারতীয় সৈন্যের কমান্ডিং অফিসার তিন জন আমাদের বাড়িতেই বাংকার খুঁড়ে সেখানে অফিস করেছে।

আমার আব্বা আমাকে রক্তাক্ত অবস্থায় দেখে ছুটে এসে জড়িয়ে ধরেন। কী হয়েছে? বলে কাঁদতে থাকেন। এ সময় অফিসারগণ এগিয়ে এসে তারাও জানতে চান মূল ঘটনা কী? মেজো ভাই ঘটনা খুলে বলেন। সৈন্যরা আব্বাকে সান্তনা দিয়ে বলেন, আপনার ভাগ্য খুবই ভালো। আপনার দু’ছেলে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে। আপনি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন। বাকিটা আমরা দেখছি।

আধা ঘণ্টার মধ্যে ডাক্তারসহ অ্যাম্বুলেন্স চলে আসে। এসে আমার শরীরের রক্ত পরিষ্কার করে ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেন। বেশ কিছু ওষুধও দিয়ে যান। ভীষণ কঠিন মুহূর্তের এই অনাক্সিক্ষত চিকিৎসা না পেলে আজকের এই স্মৃতিচারণ আদৌ সম্ভব হতো কি না আল্লাহই ভালো জানেন। এজন্য আমি ঐ সৈনিকদের কাছে চিরকৃতজ্ঞ। আমি ৬/৭ মাস যাবৎ বিছানায় পড়ে থাকি।

পাকবাহিনীর পরাজয় ঘনিয়ে আসে। গরীবপুর-জগন্নাথপুর মাঠের বিমান যুদ্ধ, ট্যাংক যুদ্ধ, আর শেষ পর্যন্ত হাতাহাতি যুদ্ধের মধ্য দিয়ে পরাজিত হয় পাকবাহিনী। আমি এ যুদ্ধ দেখার সৌভাগ্য আর্জন করি। যে মাঠে এ যুদ্ধ সংঘটিত হয় তার উল্টো পাশেই আমাদের গ্রাম। এ যুদ্ধে ভারতীয়দের হাতে পাকিস্তানিরা একটি জঙ্গি বিমান হারায়। আর ভারতীয়রা হারায় তিনটি সুবিশাল ট্যাঙ্ক ।
আমার আহত হওয়ার ৭ দিন পর ২৬শে নভেম্বর চৌগাছা উপজেলা শত্রুমুক্ত হয়। বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত এলাকা আমাদের চৌগাছা। এজন্য চৌগাছাকে বলা হয় স্বাধীনতার প্রবেশদ্বার। আর পুরো যশোর মুক্ত হয় ৭ ডিসেম্বর। ১০ ডিসেম্বর বাংলাদেশের অস্থায়ী সরকারের পক্ষ থেকে যশোরের মেহেরউল্লাহ ময়দানে (বর্তমান টাউন হল ময়দান) প্রথম জনসভা হয়। এর মাত্র ৬ দিনের মাথায় ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করে।

তারপর আমি ভর্তি হই যশোরের সদর হাসপাতালে। আমার নিতম্ব আর পিঠ থেকে বের করা হয় বড় স্পিøন্টার। স্পষ্ট হয়ে ওঠে বিশাল ক্ষতচিহ্ন। আর সেই সাথে স্পষ্ট হয় আমাদের সুমহান বিজয়। পৃথিবীর বুকে জন্ম নেয় বাংলাদেশ নামক একটি নতুন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমরা অর্জন করি মহান স্বাধীনতা।

তোমাদের দেশপ্রেম

প্রিয় বন্ধুরা, তোমরাই আমাদের আগামী। আমাদের ভবিষ্যৎ উত্তসূরি। জাতীয় চেতনার প্রতিনিধি। তাই শৈশব থেকেই শিখে নাও দেশপ্রেমের পাঠ। সঠিকভাবে জেনে নাও জাতির বিজয়ের গল্পকথা আর সংগ্রামের ইতিহাস। এসব গৌরবগাথা ও গল্প তোমাদের মনে দেশপ্রেমের স্বপ্ন জাগাবে। দেশপ্রেমে অহেতুক আবেগ নয় বিবেক আর বুদ্ধি দিয়ে এগিয়ে নিতে হবে দেশকে।
বুকের ভেতর দেশপ্রেমের স্বাদ জাগানোর প্রথম কাজ জাতীয় ইতিহাস জানা, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস শেখা, জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে ধারাবাহিকভাবে পরিচিত হওয়া। এসব বিষয় সহজভাবে মনে রাখার জন্য মুখস্থ নয় বরং আনন্দের সাথে আকর্ষণীয় কৌশল জেনে নাও। আবার এমন যেন না হয়- তথাকথিত অ আ ক খ পাঠ। আনন্দ-গানের খেলা দেখতে দেখতে, গল্প-ছড়ায় শোনা। কথা বলায় মজা। -গল্প-গাথায় শেখা। গল্পে গল্পে জানো মার্চে আমাদের স্বাধীনতা যুদ্ধের সূচনা আর ডিসেম্বরে গৌরবোজ্জ্বল বিজয়। বন্ধুরা মিলে খেলতে পারো উত্থানপতন খেলা। এরকম আনন্দদায়ক শেখার পদ্ধতি দিয়ে পরিকল্পনা সাজাও। হাতে কলমে অনুশীলনের জন্য আমরা আরও যে কাজগুলো করতে পারি তা হলো-
ভ্রমণ ও পর্যবেক্ষণ : মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী স্থান, স্থাপনা পর্যবেক্ষণে গিয়ে বড়দের কাছ থেকে সেখানকার ঘটনা জেনে নিতে পারি।
দেশপ্রেমের গল্পে বলা : বন্ধুদের কাছে সহজ করে একজন মুক্তিযোদ্ধার জীবনকাহিনী গল্পাকারে বলতে পারি ।
গানে গানে দেশপ্রেম : জাতীয় সংগীত, দেশের গান, স্বাধীনতার গান গাইতে পারি ।
ছবিতে দেশপ্রেম : আমাদের আঁকা চিত্র মেলাতে প্রদর্শন করতে পারি।
টিভি দেখা : দেশপ্রেম ও জাতীয় চেতনার অনুষ্ঠান দেখতে পারি। চলমান অবস্থার আলোচনা করতে পারি। রেডিও, টিভি, পত্রিকায় উপস্থাপিত নির্দেশনা শুনে মা-বাবা ও বড়দের সঙ্গে বলতে পারি। ক্লাসেও বর্ণনা করতে পারি। এছাড়াও বুদ্ধিজীবীদের পোস্টার, বীরশ্রেষ্ঠদের ছবি, শহীদমিনার, জাতীয় স্মৃতিসৌধের বড় সাইজের ছবি, ফ্লিপচার্ট, জাতীয় পতাকা, জাতীয় প্রতীক (ফল, ফুল, মাছ, পশু, পাখি) স্বদেশ ও বিশ্বের মানচিত্র ইত্যাদি দেখে কথা বলা ও আলোচনা করা। খাতা, পেনসিল, রং, গাম, কাঁচি, লাল-সবুজ কাগজ, কাঠি দিয়ে শহীদমিনার, জাতীয় স্মৃতিসৌধ ইত্যাদি আঁকতে দেয়া যেতে পারে। দেশাত্মবোধক গল্পের বই পড়া ও গল্পের ভিডিও এবং গানের বই দেখে আলোচনা করতে পারি।

আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাক্রমে ও পাঠ্যসূচিতে ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ নামে একটি বিষয় আছে। শিক্ষাক্রমে বলা হয়েছে একেবারে প্রথম শ্রেণি থেকেই ‘মুক্তিযুদ্ধের ইতিহাস জানা ও এর চেতনায় দেশপ্রেম ও জাতীয়তাবোধে উদ্দীপ্ত হওয়া’র জন্য কার্যক্রম চালিয়ে যেতে হবে। আরো বলা হয়েছে, ‘বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ভৌগোলিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে হবে এবং এগুলোর প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও ভালোবাসা’ জাগিয়ে তোলার জন্যই বিদ্যালয়ে কাজ করতে হবে।

এবার আসো অজকের দেশপ্রেমে। বর্তমানে আমাদের দেশ এগিয়ে গেলেও সকল ক্ষেত্রে পুবোপুরি স্বাবলম্বী নয়। আজকের দিনে দেশের প্রতিনিধি হয়ে তুমিও পারো দেশপ্রেমের গল্প সাজাতে।
একুশের প্রথম ভোর, সূদুর নিউইয়র্ক থেকে তোমাদের ছোট্ট দুই বন্ধু সুবর্ণ আইজ্যাক বারী এবং প্রিসিলা ফাতেমা গাইলো জাতীয় সংগীত। আঁকলো জাতীয় পতাকা। বিশ্বকে জানিয়ে দিলো আমাদের ভাষা শহীদদের বীরগাথা। তোমরাও পারো আমাদের দেশের এমন গাথা মানুষকে জানাতে। কিংবা গত ২০২১ সালের লকডাউনে শিশু মারুফ তার সকল ভয় মাড়িয়ে ক্যামেরার সামনে তার দুখের কথা জানালো, এমনিভাবে তোমরাও পারো মানুষের কষ্টের ভাগিদার হতে। তাদের দুঃখ বুঝতে। দেশের মানুষের কষ্টের ভাগী হওয়ার চেয়ে বড় দেশপ্রেম আর কী হতে পারে?
আমরা আমাদের বন্ধুদের কাছে যখন জানতে চাই, বড় হয়ে তুমি কী হবে? বেশিরভাগই জবাব ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিংবা শিক্ষক। চোখে মুখে তাদের তৃপ্তির হাসি। সত্যিই তৃপ্ত হওয়ার মতো। তবে কখনোকি আমরা জবাব পেয়েছি বড় হয়ে আমি একজন প্রকৃত দেশপ্রেমিক হতে চাই? ডাক্তার শিক্ষক কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার পর প্রত্যাশিত জায়গায় পৌঁছে লোভ, উদাসীনতা, হিংসা, আর ক্রোধ ঝেড়ে ফেলে মানুষের সেবাটাও মহান দেশপ্রেম। দেশ এবং দেশের মানুষের প্রতি দায়িত্ব ও ভালোবাসা আমাদের দুনিয়া এবং মৃত্যুর পরের জীবনের জন্য হতে পারে এক মহা অর্জন। আমরা আমাদের সুমহান আদর্শকে আর নৈতিকতা যদি ধরে রাখতে পারি তাহলে আমাদের মতো সফল দেশপ্রেমিক পৃথিবীতে মাথা উচু করে দাঁড়াবে।

আমরা শুধু শপথবাক্য পাঠের মধ্যে সীমাবদ্ধ থাকবো না। এ দেশকে একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে ভাষা, ধর্ম, বর্ণ, নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে জাতীয় অর্জনের সুফল ভোগ করতে হবে।
আমরা যদি সঠিক পথে পরিচালিত হতে না পারি, সত্যিকার অর্থে সোনার বাংলা গড়া হয়তো স্বপ্নই থেকে যাবে। লাখো শহীদের রক্তে ভেজা এ স্বদেশের কল্যাণে কাজ করবো এটাই হোক আমাদের অঙ্গীকার। দেশপ্রেমের সুচনা হোক পরিবার থেকে।
তারপর বিদ্যালয়ে। ধাপে ধাপে আমরা হয়ে উঠব সুযোগ্য জাতীয় ও আন্তর্জাতিক নাগরিক।

প্রবীণের মমতাময় সাহচর্য

যারা ষাট-সত্তর বছর পেরিয়ে গেছেন, তাদের আমরা বুড়ো বলি। বয়সের কারণে তাদের শরীর নাজুক হয়ে যায়, অনেকে ঠিকমতো চলতে পারেন না, অনেকে ঠিকমতো কথাও বলতে পারেন না। কেউ কেউ আবার স্মৃতিশক্তির দুর্বলতায় ভোগেন। তাদের অক্ষমতার জন্য আমরা তাদের অবহেলা করি। বয়সের কারণে তাদের অনেকের আয়-উপার্জন থাকে না। তাই তারা আমাদের দামি গিফট দিতে পারে না। ফলে আমাদের কাছে তাদের গুরুত্ব কমে যায়। তবে তারা আমাদের মুরব্বি, তাদের জীবন থেকে আমাদের শিক্ষা নেয়ার অনেক কিছু আছে। আজ তাদের বিষয়েই কথা বলবো।
এই বয়স্ক ব্যক্তিদের মধ্যে বেশিরভাগ হয় তোমার দাদু-নানু, বা দাদী-নানী সম্পর্কের আত্মীয় বা প্রতিবেশী। চাচা-মামা সম্পর্কের কেউ কেউও এমন বয়স্ক থাকতে পারে। তাদের সাথে কেমন আচরণ করা উচিত? তারা যদি তোমার বাসায় থাকেন তাহলে তাদের খাবার সম্পর্কে খেয়াল করা দরকার। বিশেষ করে ডায়াবেটিক রোগী হলে ঠিক সময় মতো খাবার খাচ্ছেন কি না, কী পরিমাণে কোন খাবার খাচ্ছেন সেটা খেয়াল করা দরকার। ইনসুলিন ঠিকমতো নিচ্ছেন কি না, ওষুধ ঠিকভাবে খাচ্ছেন কি না দেখা দরকার। যদি হার্টের রোগী বা উচ্চ রক্তচাপের রোগী হন, সেক্ষেত্রে নিয়মিত তার ব্লাড প্রেশার চেক করতে হয়। বড়দের কাছ থেকে তুমিও শিখে নিতে পারো কিভাবে স্ফিগমো ম্যানোমিটার দিয়ে প্রেশার মাপতে হয়। শিখতে পারো কিভাবে ইনসুলিন পুশ করতে হয়। একটু দায়িত্বশীল এবং আগ্রহী হলে এসব কাজ শিখে নেয়া কোন ব্যাপার না।
তুমি বলতে পারো তোমার দাদু বা নানু অত্যন্ত ভুলোমনা। দাদুটা কিচ্ছু মনে রাখতে পারে না। এত সহজেই ভুলে যায়। সকালে কী খেয়েছে সেটা এখন দুপুরেই ভুলে গেল! আসলে তিনি ডিমেনশিয়া (স্মৃতিলোপ) রোগে ভুগছেন। বিশেষ করে যাদের ব্রেন স্ট্রোক হয় তাদের ক্ষেত্রে এই সমস্যাটা প্রবল থাকে। দাদুর বিরুদ্ধে তোমার এমন অভিযোগ থাকতে পারে। নিউইয়র্কের বাসিন্দা ১৫ বছর বয়সী কেনিথ শিনোজুকারও একই অভিযোগ ছিল। তার দাদু রাতে উঠে এদিকে সেদিকে হাঁটাহাঁটি করতো। কখনো হাঁটতে গিয়ে আঘাত পেত। কেনিথ দাদুকে সহযোগিতা করার বুদ্ধি বের করল। সে পয়সা আকৃতির একটি সেন্সর তৈরি করে সেটি লাগিয়ে দিলো দাদুর মোজায়। কেয়ারটেকারের স্মার্ট ফোনের সাথে মোজার সেন্সরের সংযোগ তৈরী করল। ফলে দাদু যখনই বিছানা থেকে নেমে এদিক ওদিক হাঁটাহাঁটি শুরু করেন তখনই কেয়ারটেকারের ফোনে অ্যালার্ম বাজতে থাকে। আর তিনি দ্রুত এসে তাকে উদ্ধার করে বিছানায় ফিরিয়ে দিতে পারেন। এভাবেই দাদুকে রক্ষা করা গেল বিপদের হাত থেকে। কেনিথের এ আবিষ্কারটি জিতে নিয়েছে ৫০,হাজার ডলারের পুরস্কার। তুমিও দাদু-নানুদের সমস্যা সমাধান করে নতুন প্রযুক্তির উদ্ভাবন করতে পারো।
যদি দাদু-নানু তোমার বাসায় না থাকে? যদি তারা গ্রামের বাড়িতে কিংবা অন্য শহরে থাকে তাহলে? তাহলে বছরে অন্তত ২ বার তাদের সাথে দেখা করার চেষ্টা করতে হবে। স্কুল ছুটির দিনগুলোতে তাদের কাছে বেড়াতে যাওয়ার দাবি তুলবে বাবা-মায়ের কাছে। এতে করে তোমার বেড়াতে যাওয়াও হবে আর তাদের সাথে সময় কাটানোর সুন্দর সুযোগও হবে। তাছাড়া এখন ইন্টারনেটের যুগ। ভিডিও কল দিয়ে দাদু-নানুর সাথে নিয়মিতো কথা বলবে। তাদের খোঁজ নিবে। কেমন আছেন? শরীর কেমন? ঠিকমতো খাওয়াদাওয়া করছেন কিনা সেগুলো জানবে। তাহলে তারা তোমার জন্য হৃদয় খুলে দোয়া করবেন। তোমার সাফল্যের পথে তাদের দোয়া অত্যন্ত জরুরি।
এখন কথা হলো দাদু-নানুদের কাছে আমরা কী পাই? ঐ যে শুরুতে বললাম তারা শারীরিকভাবে দুর্বল, আর্থিকভাবেও আয় না থাকার কারণে আমাদের চাহিদামতো গিফট দিতে পারেন না। তাহলে তাদের কাছ থেকে কী পেতে পারি? প্রথমত আমরা পাই অসামান্য স্নেহ আর আদর। যারা দাদু-নানু পায়নি তারা কখনোই এটা অনুভব করতে পারবে না। তাদের মমতামাখা হাত দিয়ে যখন তোমার মাথায়, মুখে বুলিয়ে দেন, সেটা জান্নাতী পরশ। এটি অমূল্য সম্পদ। দেখবে তারা তোমার জন্য কত রকম খাবার আনিয়ে রেখেছে কিংবা পিঠা পায়েস বানিয়ে রেখেছে শুধু তোমাকে ভালোবেসে। এই ভালোবাসা টাকায় কেনা যায় না। দাদু-নানু তোমাকে শৈশবে কোলে পিঠে নিয়েছে, এখন হয়তো নিতে পারবে না কিন্তু তোমাকে দেখা মাত্র তারা কোলে জড়িয়ে নেয়, কপালে চুমু খায়। এই আনন্দ তোমার ভবিষ্যৎ জীবনের পথচলার নিবিড় শক্তি জোগাবে।
দ্বিতীয়ত, তারা আমাদের জন্য বটবৃক্ষের মতো আশ্রয়। অনেক দুষ্টুমি করে বাবা-মায়ের মার খাওয়ার ভয়ে আমরা গিয়ে দাদু-নানুর কাছে আশ্রয় নিই। তারা আমাদের আশ্রয় দেন। আমাদের পক্ষ হয়ে বাবা মায়ের কাছে ওকালতি করেন। আমাদের চাহিদামতো জিনিস পাওয়ার জন্য আমরা দাদু-নানুকে মাধ্যম হিসেবে ব্যবহার করি। বাবা-মায়ের অগোচরেও তারা আমাদের অনেক কিছু দিয়ে থাকেন।
তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হলো তাদের কাছে আমরা জীবনের অর্থ শিখতে পারি। তাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতার সঞ্চয় অনেক বড় হয়। সেখান থেকে তারা আমাদের গল্প শোনান। যখনি সময় পাবে দাদু-নানুর কাছ থেকে তাদের জীবনের ঘটনা শুনতে চাইবে। তিনি কোথায় কী কী কাজ করতেন, কোথায় ভ্রমণে গিয়েছিলেন, কী দেখেছিলেন, কোন বিপদে পড়েছিলেন, সেখান থেকে কিভাবে উদ্ধার পেয়েছিলেন? তার শৈশব কেমন ছিল? স্কুল-কলেজ-বিশ^বিদ্যালয়ে তারা কী দেখেছেন? মুক্তিযুদ্ধের সময় দেশে কী হয়েছিল? কিভাবে আমরা একটি স্বাধীনদেশ পেলাম ইত্যাদি সব জানতে চাইবে। তোমাদের মনে জাগা যত প্রশ্ন আছে তাদের জিজ্ঞাসা করবে। সব প্রশ্নের উত্তর তারা দিতে না পারলেও দেখবে বেশিরভাগ প্রশ্নের উত্তরই তারা দিতে পারবেন। অনেক প্রশ্নের উত্তর বইতে পাবে না। সেগুলোর জন্য তারা হচ্ছেন সবচেয়ে ভালো রেফারেন্স। তাদের অভিজ্ঞতা থেকে তারা তোমাকে বলতে পারবেন যে তুমি কোন ধরনের সমস্যায় ভবিষ্যতে পড়তে পারো, সেটাতে না পড়তে হলে কী করতে হবে? তাদের কাছ থেকে যদি আগেই জেনে যাও এটা তোমার জন্য অনেক কাজে দেবে।

সুতরাং যখন সুযোগ পাবে দাদু-নানু অর্থাৎ প্রবীণদের সাথে সময় কাটানোর চেষ্টা করবে। তোমার গেমস খেলার চেয়ে তাদের সাথে খেলাধূলা করা বেশি গুরুত্বপূর্ণ। মনে রাখবে বার্ধক্য হলো দ্বিতীয় শৈশব। এই বয়সে তাদের মন শিশুদের মতো হয়ে যায়। সুতরাং তারা তোমার সবচেয়ে ভালো বন্ধু। তাদের কাছে থাকবে, তাদের থেকে শিখবে। তারা হতে পারেন তোমার ভবিষ্যৎ গড়ে দেয়ার পাথেয়।