ইবনে বতুতা ছিলেন একজন মুসলিম চিন্তাবিদ, সুবিচারক এবং পর্যটক। তাঁর পূর্ণ নাম ‘আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে বতুতা’। তিনি ১৩০৪ খ্রিষ্টাব্দে (৭০৩ হিজরি) মরক্কোর তাঞ্জিয়ারে জন্মগ্রহণ করেন। ‘ইবনে বতুতা’ মধ্যযুগীয় মুসলিম ভ্রমণকারীদের মধ্যে অন্যতম। তিনি প্রাক-আধুনিক ইতিহাসে অন্য যেকোনো অভিযাত্রীর চেয়ে বেশি দেশ ও পথ ভ্রমণ করেছেন। তিনি প্রায় এক লক্ষ বিশ হাজার কি.মি. পথ ভ্রমণ করেছিলেন। তাঁর লেখা ভ্রমণ কাহিনির বই ‘রিহলাহ’ অন্যতম।
ইবনে বতুতা যে পরিবারে জন্মগ্রহণ করেছেন তাঁরা ছিলেন সে যুগের বিচারক। তিনি তাঁর জন্ম শহর তাঞ্জিয়ারে ঐতিহ্যগত আইন ও সাহিত্য শিক্ষালাভ করেন। তিনি ১৩২৫ সালে ২১ বছর বয়সে মক্কায় হজ্জ পালন করেন। হজ্জ করার মাধ্যমেই তাঁর ভ্রমণ শুরু হয়। প্রথমে তাঁর উদ্দেশ্য ছিল ধর্মীয় দায়িত্ব পালন করা। তিনি মিসর, সিরিয়া ও হেজাজের বিখ্যাত পণ্ডিতদের অধীনে অধ্যয়ন করে তাঁর শিক্ষার প্রসার ঘটান। তিনি যে শিক্ষাগ্রহণ করে পাণ্ডিত্য অর্জন করেছেন সে যুগের সুফি সাধকদের দ্বারা তা প্রমাণিত হয়েছিল। এই অধ্যয়নগুলো তাকে বিচার বিভাগীয় পদে দায়িত্বের জন্য যোগ্য করে তুলেছে। এছাড়া ঐতিহ্যগত ইসলামিক বিজ্ঞানের অসামান্য ছাত্র হওয়ায় দায়িত্বভার গ্রহণ করার সম্ভাবনাকে বাড়িয়ে তোলে। তাই অনেক আদালত সম্মানিত অতিথি হিসেবে তাঁকে গ্রহণ করেছিলেন।
ইবনে বতুতা ছিলেন ভ্রমণ পিপাসু। ভ্রমণের জন্য একটি অপ্রতিরোধ্য আবেগ তার আত্মায় জন্ম নিয়েছিল। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যতটা সম্ভব বিশ্বের অনেক জায়গায় পরিদর্শন করবেন। তাঁর সমসাময়িকরা বাণিজ্য বা তীর্থযাত্রার জন্যই ভ্রমণ করেছিলেন। ইবনে বতুতা নতুন দেশ, নতুন মানুষ, সংস্কৃতি, রাষ্ট্র কাঠামো ইত্যাদি সম্পর্কে জ্ঞান অর্জন সর্বপরি আনন্দ উপভোগের জন্য বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। তাঁর ভ্রমণের মাধ্যমেই তিনি জীবিকা নির্বাহের পথ খুঁজে পেয়েছিলেন। তিনি তাঁর পাণ্ডিত্য এবং ভ্রমণকারী হিসেবে তাঁর ক্রমবর্ধমান খ্যাতি থেকেই উপকৃত হয়েছেন। তিনি যেসব দেশ ভ্রমণ করেছিলেন সেখানে অসংখ্য সুলতান, শাসক, গভর্নর এবং উচ্চ মর্যাদাবান ব্যক্তিদের উদারতা এবং অনুগ্রহ উপভোগ করেছিলেন। এভাবেই তিনি তাঁর আয় নিশ্চিত করে ভ্রমণ চালিয়ে যেতে সক্ষম হয়েছেন।
ভ্রমণের প্রথম দিকে ইবনে বতুতা স্থলপথে তিউনিসিয়া হয়ে মিসরের কায়রোতে পৌঁছান। সেখান থেকে তিনি সিরিয়া সফর করেন। সিরিয়া থেকে মক্কার উদ্দেশ্যে একটি কাফেলায় যোগ দেন। ১৩২৬ সালে তিনি তীর্থযাত্রা শেষ করেন। সেখান থেকে তিনি আবার মরুভূমি অতিক্রম করে ইরাক, দক্ষিণ ইরান, আজারবাইজান এবং বাগদাদে যান। সেখানে তিনি ইরানের শেষ প্রান্ত মঙ্গোলখান যান। তারপর মক্কায় ফিরে আসেন। ইবনে বতুতা ১৩২৭ থেকে ১৩৩০ সালের মধ্যে মক্কা ও মদিনার একজন ভক্তের ন্যায় শান্তিতে জীবনযাপন করেছেন। কিন্তু এত দীর্ঘ অবস্থান এই ভ্রমণ পিপাসুর মেজাজের সাথে খাপ খায়নি। তাই তিনি জিদ্দা থেকে তাঁর অনুরাগীদের একটি দল নিয়ে নৌকায় চড়ে লোহিত সাগরের তীরে যান। লোহিত সাগরের তীর দিয়ে স্থলপথে তিনি ইয়েমেনের দিকে যাত্রা করেন। ১৩৩২ সালে তিনি দক্ষিণ আরব, ওমান, হরমুজ, দক্ষিণ পারস্য এবং পারস্য উপসাগর পেরিয়ে পুনরায় মক্কায় ফিরে আসেন। এসময় তাঁর মনে এক পরিকল্পনা পরিপক্ক হয়। মুসলিম পণ্ডিতদের প্রতি তার অসাধারণ উদারতায় তাদের দরবারে তাঁর ভাগ্য পরীক্ষার সিদ্বান্ত নেন। তাই তিনি আবারও মিসর এবং সিরিয়া অতিক্রম করে আনাতোলিয়ার উদ্দেশ্যে রওনা দেন। তখন আনাতোলিয়ায় অসংখ্য ক্ষুদ্র সুলতানিতে বিভক্ত ছিল। তাই তিনি অনেক কষ্টে তুর্কিদের দেশ আনাতোলিয়ায় পৌঁছান। সেখানে ইবনে বতুতাকে সকল স্থানীয় শাসক এবং ধর্মীয় ভ্রাতৃত্বের প্রধানগণ আন্তরিকভাবে ও উদারমনে গ্রহণ করেছিলেন। এখানে কয়েক বছর অবস্থান করেন। এরপর তিনি তাঁর কাফেলা নিয়ে মধ্য এশিয়া ভ্রমণ করেন। তিনি বুখারা ও সমরকন্দসহ প্রাচীন শহর পরিদর্শন করেন। তিনি খোরাসান ও আফগানিস্তানের মধ্যে দিয়ে জটিল রাস্তা হিন্দুকুশ পর্বতমালা অতিক্রম করেন। অতঃপর ১৩৩৬ খ্রিষ্টাব্দে সেপ্টেম্বর মাসে তিনি সিন্ধু নদীর তীর দিয়ে ভারতে পৌঁছান। ইতোমধ্যেই ইবনে বতুতা একজন গুরুত্বপূর্ণ ও খ্যাতিমান ব্যক্তি হিসেবে বিভিন্ন দেশে পরিচিতি লাভ করেছেন। তাঁর অনুসারীদের একটি বিশাল অংশসহ তিনি ভারতে অবস্থান করেন। শাসক ‘মুহাম্মদ ইবনে তুঘলক’ ইবনে বতুতার সম্পদ এবং উদারতার প্রত্যাশায় তাঁকে সম্মান ও উপহার দিয়ে গ্রহণ করেছিলেন। তিনি তাঁকে গ্রান্ড কাদি নিযুক্ত করেন। ইবনে বতুতা দিল্লির কাদি বা বিচারক হিসেবে কয়েক বছর অধিষ্ঠিত ছিলেন। যদিও তিনি সেখানে দৃশ্যত একটি সহজ জীবনযাপন করেছিলেন তবুও শীঘ্রই স্পষ্ট হয়ে যায় যে তাঁর নতুন অবস্থান বিপদমুক্ত ছিল না। উদারতা ও নিষ্ঠুরতার এক অসাধারণ মিশ্রণ ভারতের বৃহত্তর অংশের উপর লোহার হাতের আধিপত্য বিস্তার করেছিল। যেখানে নির্বিচারে উঁচু-নিচু, মুসলিম, হিন্দু সবার উপরই এই আধিপত্যের প্রভাব পড়েছিল। ইবনে বতুতা সুলতান এবং তাঁর শাসনের সমস্ত বিপত্তি প্রত্যক্ষ করেছিলেন। তিনি তাঁর জীবনের জন্য ভয় পেয়েছিলেন। কারণ তিনি তাঁর অনেক বন্ধুকে স্বৈরশাসকের শিকার হতে দেখেছেন। তাঁর সতর্কতা সত্ত্বেও শেষ পর্যন্ত তিনিও অপমানিত হয়েছেন। পরিশেষে সৌভাগ্যই তার জীবন রক্ষা করেছে। তিনি কোনো অনুশোচনা ছাড়াই দিল্লি ত্যাগ করেছিলেন।
তার যাত্রা ছিল বিপদে পরিপূর্ণ। দিল্লির কাছাকাছি তিনি হিন্দু বিদ্রোহীদের দ্বারা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। ভ্রমণকারীদের মধ্যে খুব কমই জীবন নিয়ে ফিরে যেতে সক্ষম হয়েছিল। তিনি দিল্লি ত্যাগ করার পূর্বে চীনা সম্রাটের দূত হিসেবে নিযুক্ত হয়েছিলেন। চীন ভ্রমণের পথে দক্ষিণ-পশ্চিম ভারতের মালাবার উপকূলে তিনি স্থানীয় যুদ্ধে জড়িয়ে পড়েন। সেখানে তাঁর জাহাজও ভেঙে ফেলা হয়েছিল। তাঁর সকল সম্পত্তি এবং চীনা সম্রাটের জন্য নেয়া উপহারও হারিয়ে ফেলেন। পরিস্থিতি খুব বিপজ্জনক দেখে তিনি শ্রীলংকার উদ্দেশ্যে যাত্রা করেন। সেখান থেকে তিনি মালদ্বীপে যান। তারপর আসাম, সেখানে তিনি চীনে তাঁর মিশন পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেন। অতঃপর সুমাত্রার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সেখানে ইন্দোনেশিয়ার মুসলিম সুলতান তাকে একটি জাহাজ উপহার দেন। তিনি সেই জাহাজেই চীনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তারপর অভ্যন্তরীণ জলপথে তিনি বেইজিং পৌঁছান। কয়েকবছর সততার সাথে দায়িত্ব পালন করে চীনে অবস্থান করেন। অতঃপর স্বেচ্ছায় ১৩৪৮ সালে বাগদাদ হয়ে সিরিয়ায় চলে যান। সেখান থেকে আবার মিসরে, একই বছরে পুনরায় মক্কায় ফিরে আসেন। মক্কা থেকে তিনি নিজ দেশে ফিরে আসার সিদ্বান্ত নেন। এরপর ১৩৫২ সালে তিনি পশ্চিম সুদানের উদ্দেশ্যে যাত্রা করেন। সেখান থেকে সাহারা অতিক্রম করে মালির সম্রাজ্যে যান। অতঃপর ১৩৫৩ সালে ইবনে বতুতা জন্মভূমি মরক্কো ফিরে আসেন। মরক্কোর সুলতানের অনুরোধে একজন লেখক ‘ইবনে জুজাই’-এর কাছে তাঁর ভ্রমণের স্মৃতিচারণ করেন। যিনি ইবনে বতুতার সরল গদ্যকে একটি শৈলী এবং কবিতার টুকরো দিয়ে অলংকৃত করেছিলেন। এর কয়েক বছর পর তিনি দৃষ্টির আড়ালে চলে যান। ধারণা করা হয়েছিল ১৩৬৮ সালে এই ভ্রমণপিপাসু পণ্ডিত মৃত্যুবরণ করেন। তাঁকে তার জন্মস্থান তাঞ্জিয়ারে সমাহিত করা হয়েছিল।
বন্ধুরা, ইবনে বতুতার ভ্রমণ কাহিনি পড়ে তোমাদের মনেও নিশ্চয় ভ্রমণের আগ্রহ উদয় হয়েছে। নিশ্চয় তোমরাও বিভিন্ন দেশ ভ্রমণ করে আনন্দ উপভোগ করার সাথে সাথে নানা দেশ সম্পর্কে জ্ঞান অর্জন করবে। তবে ভীনদেশ ভ্রমণের পূর্বে গৌরবোজ্জ্বল নানান সংস্কৃতির এই দেশ, সুজলা-সুফলা শস্য-শ্যামলা, ফুল, পাখি, পাহাড়-পর্বত, ঝরনা ও বিশাল বনভূমিতে ঘেরা, হাওড়-বাওড়, লেক, নদী, সাগর ও বিশাল সমুদ্রসৈকতের এই সোনার বাংলাদেশ ভ্রমণ করবে। নিজ দেশ সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি নিজ জন্মভূমির সৌন্দর্য উপভোগ করবে।
দেখবে, কত সুন্দর আমাদের এই বাংলাদেশ।
এক বটগাছের ডালে বাস করত একটি মিষ্টি টুনটুনির পরিবার। খুব গোছানো তাদের ছোট্ট ঘর সংসার। এই ছোট্ট ঘরে বাস করত মা ও বাবা টুনটুনি পাখি আর তাদের ছানা। তারা ছিল সুখি পরিবার। বেশ সুখেই দিন কাটত তাদের। বাবা টুনটুনি পাখিটি সারাদিন খাবার খুঁজে সংগ্রহ করে আনতো তারপর মা টুনটুনি পাখি আর ছানার সাথে মিলে খেত। মা ও বাবা টুনটুনি পাখিটি মিলে তাদের ছানাকে বেশ আদর করত। ছানার সাথে খেলত, উড়া শেখাতো। ছানাটি ভালো করে উড়তে পারত না তাই একা রেখে যাওয়ার ভরসা পেতো না তারা। কোনো শিকারি কিংবা অন্য কোনো হিংস্র প্রাণী যদি আক্রমণ করে আর নিয়ে যায় সেই ভয়ে। একমাত্র ছানা হওয়ায় আদরের কমতি রাখতো না তাদের ছানাকে মা ও বাবা টুনটুনি পাখি। ছানাটির সামনে প্রথম জন্মদিন তাই পালন করার সাধ জাগে। এবং বেশ আয়োজন করবে আর অন্যান্য পাখিদেরও দাওয়াত করবে এমনটাই পরিকল্পনা করে মা ও বাবা টুনটুনি পাখি। অন্যান্য পাখিদের দাওয়াত করা শেষ এখন শুধু বিশাল ভোজের আয়োজন করা বাকি। তাই বাবা টুনটুনি পাখি বাজার করতে বের হয়েছে। কিন্তু হঠাৎ ঝড় আর বৃষ্টিতে ওদিকে আটকা পড়ে গেছে। আর ফিরতে পারছে না কিছুতেই। এদিকে মা টুনটুনি পাখিটি ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল এখনও আসল না কেন। কোনো বিপদ হলো কি না। ছানাকে বলল, তুমি থাকো আমি তোমার বাবাকে খুঁজে আনি। ভেতর থেকে দরজা লাগিয়ে রাখবে। আমরা ফিরে না আসা অবধি দরজা খুলবে না। ছানাটি ভয়ে ভয়ে বলল, জলদি ফিরে এসো মা আমার খুব ভয় পাচ্ছে। মা টুনটুনি পাখিটি বলল ঠিক আছে সোনা। এই বলে বেড়িয়ে পড়ল তার স্বামীর খোঁজে। প্রচণ্ড ঝড়ের কারণে টুনটুনির ঘরটি উড়ে গেল। বাচ্চাটি একটি বড় পাতার নিচে আশ্রয় নিলো। আর বসে বসে কান্না করতে লাগল। অবশেষে ঝড় বৃষ্টি কমে গেল তখনি সবাই এসে হাজির হলো যেসব পাখিদের দাওয়াত করেছিল। সবাই এসে দেখে টুনটুনির ঘর নেই। ছানাটি বসে কান্না করছে। মা আর বাবা টুনটুনি পাখিও নেই। কোনো আয়োজনও নেই। বুলবুলি পাখিটি জিজ্ঞেস করে ছানাটিকে কোথায় তার মা-বাবা, কোথায় ঘর। কোনো আয়োজনও নেই কেন। ছানাটি কান্না করতে করতে বলে দেয় সব। এমন অবস্থা দেখে পাখিদের দল ফিরে যেতে লাগল। কিন্তু বুলবুলি পাখিটি সবাইকে ডাক দিলো। সবাইকে বুঝিয়ে বলল কারো বিপদে এভাবে ফেলে যাওয়া উচিত নয়। এই অবস্থায় তোমরা থাকলে কী করতে, সবাই যদি তোমাদের ছেড়ে যেত? আমাদের উচিত এই কঠিন বিপদে ছানাটির পাশে থাকা এবং তার মা বাবাকে খুঁজে আনা। আর নতুন করে একটা ঘর তৈরি করে দেওয়া। সবাই মিলেমিশে কাজ করলে জলদি হয়ে যাবে।
পাখিরা সম্মতি জানাল। সবাই মিলে কাজ করে ঘরটি বানানো সম্পূর্ণ করল। এমন সময় মা আর বাবা টুনটুনি পাখিটিও ফিরে এলো বাজার করে। প্রথমে তাদের ঘরটি চিনতে না পেরে অন্যদিকে উড়ে যেতে লাগল। তখনি ছানাটি উড়ে গিয়ে মা, মা! বাবা, বাবা! বলে ডাক দিলো। ছানাকে পেয়ে জড়িয়ে ধরল তারা। ছানাকে আজকে উড়তে পারা দেখে খুব খুশি হলো মা আর বাবা টুনটুনি পাখি। ছানাটি সব খুলে বলল তার মা বাবাকে। ঘরে গিয়ে অন্য পাখিদের সাথে দেখা করল আর ধন্যবাদ জানালো তারা। তারপর সবাই মিলে আয়োজন করল বিশাল ভোজের। খাবার তৈরি হয়ে গেলে সবাই মিলে মজা করে খেল আর জন্মদিনের উৎসবে আনন্দে মেতে উঠল।
ছোট্ট একটি প্রজাপতি। কিছু দিন আগে তার জন্ম। তার মনে আজ ভীষণ আনন্দ। সে উড়তে শিখেছে। হঠাৎ ডানা ঝাপটাতে গিয়ে যখন সে বুঝতে পারলো- বাসা ছেড়ে খানিকটা উপরে উঠতে পেরেছে, তখন তার আনন্দ দেখে কে!
সেই থেকে সে মায়ের কাছে বায়না ধরে বসে আছে। তাকে নিয়ে উড়তে বেরোতে হবে। মা প্রজাপতি হাসতে হাসতে বলল, ‘আরও ভালোভাবে উড়তে শেখো। তবেই তোমাকে নিয়ে বের হবো। বাইরে কত শত্রু রয়েছে আমাদের। তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তারা যদি হামলা করে!’
মায়ের কথা শুনে কান্না এলো ছোট্ট রঙিন প্রজাপতিটির। তার কি আজ মায়ের সঙ্গে উড়তে যাওয়া হবে না!
মা প্রজাপতি অভয় দিয়ে বলল, ‘তুমি চেষ্টা করতে থাকো। যখন সাবলীলভাবে উড়তে পারবে, তখনই তোমাকে নিয়ে পাশের ফুলবাগানে যাবো।’
সেই থেকে ছোট্ট প্রজাপতিটি চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রথমদিকে উপরে উঠতে তার বেশ বেগ পেতে হয়েছে। তবে একটানা বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর সে বেশ ভালোমতো উড়তে পারছে। এরমধ্যে একবার সাহস করে পাশের বরই গাছ থেকেও একবার ঘুরে এসেছে। সেখানে শত রকমের রঙবেরঙের প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে। ছোট্ট প্রজাপতিরও খুব শখ জাগলো তাদের মতো হওয়ার।
এক নতুন পৃথিবী দেখার অদম্য ইচ্ছা নিয়ে সময় কেটে যায় তার।
‘আমরা কখন বের হবো, মা?’
তার যেন আর তর সইছে না!
মা প্রজাপতি বুঝতে পারলো তার চঞ্চল বাচ্চার মনের কথা। বলল, ‘আরেকটু সবুর করো। বিকেল হোক। এখন রোদের অনেক তাপ। তোমার কোমল শরীর এত তাপ সহ্য করতে পারবে না। বিকেলের স্নিগ্ধ আলোয় আমরা দু’জন গাছের পাতায় পাতায় ঘুরে বেড়াবো।’
ছোট্ট প্রজাপতি কথা মেনে নিলো। ‘তবে বিকেলেই বের হবো।’
সূর্যের তাপ কমে এলে মা প্রজাপতি ঘুম ভাঙালো ছোট্ট প্রজাপতিটার। সে অনেকক্ষণ ঘুমিয়েছে। ঘুম থেকে উঠে সে চোখ ডলতে ডলতে বললো, ‘আমরা কি এখন বের হবো?’
মা বললো, ‘হ্যাঁ। চলো বের হই।’
মায়ের সঙ্গে বের হয়ে একেবারে মুগ্ধ চোখে তাকিয়ে রইল সে। এত সুন্দর পৃথিবী!
সূর্যের আলো সবুজ গাছ আর রঙিন ফুলের ওপর পড়ে ঝিকমিক করছে। সে কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে আবার চেয়ে দেখলো। সে কি স্বপ্নে দেখছে এসব! না, এটা তো একদম বাস্তব। তার চোখের সামনেই সবকিছু।
সে একটি গোলাপি রঙের ফুলের ওপর গিয়ে বসলো। কী ঘ্রাণ ফুলটিতে! সে তার মা-কে ডাক দিয়ে বললো, ‘মা, দেখে যাও- এই ফুলটিতে কী সুন্দর ঘ্রাণ! আমি এখানে বসে থাকবো।’
মা বললো, ‘এরচেয়েও সুন্দর রঙের ও ঘ্রাণের ফুল আছে।’
ছোট্ট প্রজাপতি বিস্মিত হলো। সে বললো, ‘সত্যি বলছো!’
মা প্রজাপতি তাকে আরও খানিকটা সামনে নিয়ে গেল। এখানে এসে তার চোখদুটো বিস্ময়ে একদম গোল হয়ে গেল। সারি সারি রঙবেরঙের ফুল উজ্জ্বল মুখ করে যেন হাসছে! সে মনের আনন্দে এক ফুল থেকে আরেক ফুলে নেচে বেড়াতে লাগল। মা প্রজাপতি খুব খুশি হলো।
এমন সময় একটি প্রশ্ন জাগলো তার মনে। সে তার মা-কে প্রশ্নটি না করে পারল না।
‘আচ্ছা মা, এসব ফুল এখানে কীভাবে এলো?’
প্রশ্ন শুনে মায়ের হাসি পেলো। ছোটবেলায় তার মনেও এরকম প্রশ্ন জেগে উঠতো। সে বাবাকে প্রশ্ন করলে বাবা উত্তর দিতো।
মা প্রজাপতি বললো, ‘মানুষ এসব গাছ এখানে লাগিয়েছে।’
ছোট্ট প্রজাপতির বিস্ময়ের কোনো সীমা রইলো না। সে জানতে চাইলো, ‘মানুষ আবার কী?’
মা বললো, ‘তারাই হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব। দেখতে আমাদের চেয়ে অনেক বড়। তুমি মানুষ দেখবে?’
ছোট্ট ছানাটি ভয়ে ভয়ে বলল, ‘হ্যাঁ, দেখবো।’
‘তাহলে চলো, সামনে এগোই।’
দাদুর সঙ্গে ফুলবাগানে এসেছে লাবিব। কিছু গাছের গোড়া শুকনো হয়ে আছে। সেগুলোতে পানি দিতে হবে। তারা দু’জন মিলে গাছে পানি দিচ্ছে।
লাবির তার দাদুকে প্রশ্ন করলো, ‘আচ্ছা দাদু, তোমার কাছে সবচেয়ে পছন্দের প্রাণী কী?’
দাদু কিছুক্ষণ চিন্তা করলেন। তারপর বললেন, ‘ময়ূর। তোমার কী?’
লাবিব বললো, ‘প্রজাপতি।’
‘বাহ। প্রজাপতি আমারও খুব পছন্দের।’
লাবিব কিছুটা রাগ দেখিয়ে বললো, ‘তাহলে তুমি প্রজাপতির নাম না বলে ময়ূরের নাম বললে কেন?’
দাদু হাসতে হাসতে বললেন, ‘তুমি একটা প্রাণীর নাম জানতে চেয়েছো, সেজন্য বললাম। সৃষ্টিজগতের সকল প্রাণীই আমার পছন্দের।’
দাদুর সঙ্গে লাবিবও হাসতে লাগলো।
দাদু বললেন, ‘পানি শেষ হয়ে এসেছে। তুমি পুকুর থেকে এক বালতি পানি আনতে পারবে?’
লাবিব খুশিমনে বালতি নিয়ে পুকুরের দিকে চলে গেলো।
কিছুক্ষণ পরই লাবিব লাফাতে লাফাতে ফিরে এলো। দাদু দেখলেন তার হাতে বালতি নেই। ভীষণ খুশি সে।
লাবিব তার দুই আঙুল দিয়ে ধরে রাখা একটা প্রজাপতি দেখিয়ে বলল, ‘দেখো দাদু, কত সুন্দর একটা প্রজাপতি!’
দাদু দেখতে পেলেন লাবিবের হাতে ছটফট করছে ভীষণ সুন্দর একটা প্রজাপতি। গায়ের রঙ দারুণ। এমন সুন্দর প্রজাপতি সচরাচর দেখা যায় না। তবে এটি একটি বাচ্চা প্রজাপতি।
দাদু বললেন, ‘কোথায় পেলে এটা?’
লাবিব বললো, ‘পানি আনতে যাওয়ার সময় ফুলের ওপর বসা পেলাম। আরেকটাও ছিল সঙ্গে। সেটা পালিয়ে গেছে।’
দাদু বললেন, ‘এটাকে ছেড়ে দাও।’
লাবিব কষ্টমুখে বলল, ‘কেন দাদু! আমি একে বাড়িতে নিয়ে যাবো।’
দাদু বলতে লাগলেন, ‘একবার নবীজির একজন সাহাবি একটা পাখির ছানা ধরে নিয়ে এলেন। ছানাটির মা চারপাশে উড়ে বেড়াচ্ছিল আর চিৎকার করছিল। নবীজি বললেন, এই ছানার মা-কে কষ্ট দিও না। তাকে ছেড়ে দাও। সাহাবি ছানাটিকে ছেড়ে দিলে মা পাখি তাকে সঙ্গে নিয়ে চলে গেল। নবীজি খুব খুশি হলেন। এই ঘটনা থেকে কী শিক্ষা পাওয়া যায়, বলো তো?’
‘কোনো পাখির বা প্রাণীর ছানাকে আটকে রাখা ঠিক নয়।’
লাবিব দেখতে পেলো একটা প্রজাপতি তাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। লাবিব নবীজির সময়ের সেই পাখিটির কথা চিন্তা করলো। তারপর আলতো করে ছেড়ে দিলো ছানাটিকে। দুটি প্রজাপতি একত্র হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল দাদু-নাতির দিকে। তারপর উড়াল দিলো।
মা প্রজাপতি বললো, ‘তোমার মানুষ দেখা হলো তবে?’
ছানাটি আস্তে করে জবাব দিলো, ‘হ্যাঁ, হয়েছে।’
‘কী বুঝলে?’
ছানাটি বললো, ‘সবাই শত্রু নয়। মানুষের মধ্যে আমাদের বন্ধুও রয়েছে।’
বেচারা কচ্ছপের ভীষণ মন খারাপ। দশটা ডিম পেড়েছিলো সে। পুকুর পাড়ে বালির নিচে লুকিয়ে রেখেছিলো। মাঝে মাঝে এসে যত্ন করে তা দিতো। দশটা ফুটফুটে বাচ্চা হবে- ভেবে ভেবে আনন্দে আত্মহারা হয় কচ্ছপ।
সকালেও ডিমগুলো ছিলো। এখন নেই। নিশ্চয়ই এটা পাজি গুইসাপটার কাজ। আগেরবারও ডিমগুলো পাজিটা সাবাড় করেছিলো।
কচ্ছপের চোখে অশ্রু চলে এলো। সে পাগলের মতো চার হাত-পায়ে মাটি সরালো। খুঁজলো একটা ডিমও পাওয়া যায় কি না।
নাহ, একটা ডিমও অবশিষ্ট নেই। কচ্ছপ দুঃখ ভরা মন নিয়ে উঠে দাঁড়ায়। এগিয়ে যায়। দেখা হয় প্রতিবেশী ডাহুকের সাথে।
– আমার সব শেষ। দুষ্ট গুইসাপ আমার সব ডিম খেয়ে ফেলেছে। কাঁদো কাঁদো গলায় বললো কচ্ছপ।
– কী বলছো! খুবই দুঃখের কথা। আফসোস করে ডাহুক।
– কী করা যায় বলো তো? এ জুলুম আর কতদিন সহ্য করতে হবে?
– আমি কী বলবো, বলো। সুযোগ পেলে আমার ডিমও খেয়ে ফেলে দানবটা। তোমাকেই সাবধান হতে হবে, যাতে ভবিষ্যতে ডিম খেতে না পারে; বলে চলে যায় ডাহুক।
কচ্ছপের মন মানে না। সে এগিয়ে যায়। দেখা হয় একটা পাতিহাঁসের সাথে। তাকেও জানায় কষ্টের কথা।
– আহা, বেচারা! বড়ই দুঃখজনক। কী করবে বলো। ব্যাটা তো শক্তিশালী। সুযোগ পেলে আমার বাচ্চার উপরও আক্রমণ চালায়। তোমাকেই সাবধানে থাকতে হবে। বলেই সামনের দিকে হাঁটা দেয় হাঁসটা।
কচ্ছপটা পুকুরের দিকে এগিয়ে যায়। দেখা হয়ে যায় বোয়ালের সাথে। কচ্ছপের মন খারাপ দেখে সে জানতে চায় মন খারাপের কারণ।
– আর বোলো না, ভাই। আমার বেঁচে থাকাই বৃথা হয়ে যাচ্ছে।
– কেন বলো তো?
– কী আর বলবো! নচ্ছার গুইসাপটার জন্য অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে। যতবার ডিম পাড়ছি ততবারই দানবটা খেয়ে ফেলছে। বাচ্চা ফোটানোর সুযোগই পাচ্ছি না। বংশই যদি বৃদ্ধি করা না যায়, তবে আর বেঁচে থেকে লাভ কী!
– সবই বুঝলাম। কী আর করবে বলো! পাজিটা মাঝে মাঝে আমাদের উপরও ঝাঁপিয়ে পড়ে। লড়াই করে বাঁচতে হয়। তোমাকেই বাপু সাবধান হতে হবে। বলেই পুকুরে ডুব দেয় বোয়ালও।
দিন কেটে যায়। আবারও কচ্ছপের ডিম পাড়ার সময় হয়। এবার কচ্ছপ অনেক ভেবেচিন্তে নিরাপদ জায়গা খুঁজে বের করে। জায়গাটা পুকুরের গা ঘেঁষে। বড় বড় কাঁটাযুক্ত ঘন বেতঝাড়। এতো বেশি ঘন ঝোপ আর কাঁটা যে সেখানে ঢুকতে গেলে একটা ছোট প্রাণীরও গা ছিঁড়ে যাবে। কচ্ছপের শরীর শক্ত খোলসে আবৃত বলে তার ঢুকতে অসুবিধা হয় না। তার উপর সেখানে ভয়ানক ভীমরুলের বাসা। তাই কোনো পাখি বা প্রাণী সেখানে ঢোকার সাহস করে না।
কচ্ছপ আবার ডিম পাড়ে। আর সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে। সতর্কতার সাথে পাহারা দেয়। এদিকে পাজি গুইসাপ খোঁজ-খবর রাখে সবকিছুর। লোভে তার জিভে পানি চলে আসে। সুযোগের অপেক্ষায় থাকে।
এক সন্ধ্যায় কচ্ছপটা পুকুরে যায় আহারের উদ্দেশ্যে। সেই সুযোগে গুইসাপ চুপিচুপি কচ্ছপের ডিম খুঁজতে ঢুকতে যায় সেই বেতঝাড়ে। অন্ধকারে ভালো করে দেখা যাচ্ছিলো না। সে গায়ের জোরে ঝোপের মধ্যে ঢুকে পড়ে। আর ওমনি বেতের বড় বড় কাঁটা ফুটে যায় তার সারা শরীরে। সে উহ, আহ চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে দৌড়ে আসে কচ্ছপ। তারপর একটা কাঠি দাঁত দিয়ে ধরে খোঁচা মারে ভীমরুলের চাকে। আর ওমনি ধর ধর করে ভীমরুলের দল বেরিয়ে আসে। ততক্ষণে কচ্ছপ নিজের হাত পা আর মাথা তার শক্ত খোলসে ঢুকিয়ে নেয়। ভীমরুল দল গুইসাপকে সামনে পেয়ে কামড়ে তার সারা শরীর ফুলিয়ে দেয়। একে তো বেতের কাঁটার ঘায়ে জ্বলুনি, তার উপর ভীমরুলের হুল ফুটে ব্যথায় কোঁকাতে কোঁকাতে লেজ গুটিয়ে পালায় দুষ্ট গুইসাপ। মনে মনে প্রতিজ্ঞা করে প্রাণ থাকতে আর এমুখো হবে না। হইচই শুনে বেরিয়ে আসে ডাহুক আর পাতিহাঁস। গুইসাপের নাজেহাল অবস্থা দেখে খুশিতে হাততালি দেয়। বোয়ালও মাথা উঁচিয়ে হো হো করে হেসে ওঠে। সবাই কচ্ছপকে তার বুদ্ধির জন্য বাহবা দেয়। সমস্বরে বলে ওঠে,
বোঝো ঠ্যালা বাছাধন
জোর চলে না বেশিক্ষণ!
ছেলেটি ভদ্র, অমায়িক। গ্রামের এক নোবলম্যানের নওকর সে। মনিবের বাড়িতেই থাকে, তার ফাই-ফরমায়েশ খাটে। মনিবকেও বড় ভালোবাসে সে। কিন্তু তাকে নিয়ে বড় সমস্যায় আছেন মনিব। আলসেমি নেই ঠিকই, কিন্তু কাজকাম করতেই চায় না তার নওকর।
অন্য চাকর-বাকরদের সাথে মাঠে কাজে পাঠালে, কখন যে সবার চোখকে ফাঁকি দিয়ে চলে যাবে, কেউ টেরও পাবে না। অবশ্য যতক্ষণ সে কাজ করে, বেশ ভালো মতোই করে। কোনো ফাঁকি নেই। কিন্তু ফাঁক পেলেই ফুরুৎ। সবার চোখকে ফাঁকি দিয়ে সে চলে যাবে দূরে। কোনো বনে বাদাড়ে বা অন্য কোনোখানে। অল্প বয়স তো। মনের খেয়ালি ভাবটা এখনো কাটেনি তার।
নোবলম্যানের আরো অনেক চাকর-বাকর আছে। অনেক দাস-দাসি আছে। কিন্তু সবার চেয়ে এই সুঠামদেহী যুবক নওকরকেই তিনি বেশি ভালোবাসেন। নোবলম্যান তাকে কাজেকর্মে খুব একটা পাঠান না। যদিও বা কখনো সখনো পাঠান, অন্য চাকর-বাকরদের সাথেই পাঠান। মাঠের ভারী কোনো কাজ করতেও দেন না। অন্যদের সাথে মাঠে যায়, কাজ করে। কিন্তু কখন যে চোখের আড়াল হয়ে কোথাও চলে যাবে কেউ টেরও পাবে না। চলে যাবে সে বনে বাদাড়ে, নদীর কিনারে বা বিজন কোনো মরুতে।
একদিনের ঘটনা।
নওকরটি অন্যদের সাথে মাঠে গিয়েছে এবং যথারীতি সবার চোখকে ফাঁকি দিয়ে চলে গেছে কোথাও। রীতিমতো হারিয়ে গেছে সে। এবার চলে গেছে সে গহীন এক অরণ্যে। অজানা, অচেনা বনের ভেতর দিয়ে হাঁটছে নওকর। উদাস মনে হাঁটছে। হাঁটছে আর ভাবছে, পৃথিবীতে সে বড় একা। মা নেই, বাবা নেই। ভাই-বোন কেউ নেই। সহায় সম্পত্তিও নেই তার। কী উদ্দেশ্যে পৃথিবীতে আসা? কী উদ্দেশ্যে বেঁচে থাকা?
পৃথিবীতে এতো মানুষ, এতো কাজ, এতো আয়োজন! কিন্তু তার কিছু নেই। না আছে নিজের কোনো কাজ, না আছে জীবনের কোনো লক্ষ্য। পৃথিবীতে মানুষের আসা-যাওয়াই কি শেষ? আর কোনো মানে নেই? কথাগুলো দার্শনিকের মতো হলেও এই বিজন বনে সে এমন কিছুই ভাবছে। ভাবছে আর হাঁটছে।
গহীন বনের ভেতর দিয়ে হাঁটছে সে। হঠাৎ বাতাসে অস্বাভাবিক হুঁস হুঁস শব্দ। ভয় পেয়ে চমকে ওঠে সে। সামনে তাকিয়ে দেখে প্রকাণ্ড এক সাপ। তার মাথা সমান উঁচু হয়ে ফণা তুলে পথ আগলে রয়েছে। মনে হচ্ছে, সাপটি তাকে গিলে খাবে। সামনে এগুনোর আর পথ নেই। নওকরটি ভয়ে অবশ হয়ে যায়। নির্বাক তাকিয়ে থাকে। নাক বরাবর লিকলিক করছে সাপের জিহবা। দৌড় দিবে? ভয়ে সেই শক্তিও নেই এখন তার। পা দুটো যেন পাথর হয়ে গেছে। মৃত্যু নিশ্চিত ভেবে ঠায় দাঁড়িয়ে থাকে সে। এমন সময় সে বুঝতে পারে, সাপটি বুঝি তাকে কিছু বলছে! কোথায় যাও ওহে নোবলম্যানের নওকর?
সাপ যে কথা বলতে পারে, এমনটি ভাবতেও পারেনি যুবকটি। সাপের প্রশ্নের উত্তর দেয়ার শক্তিও নেই তার। সে তো কাজে ফাঁকি দিয়ে এসেছে। উদ্দেশ্যহীনভাবে ঘুরতে। কোথায় যাও- এ প্রশ্নের তো কোনো উত্তর নেই তার।
সাপটি আবার কথা বলে। এই নওকর, কথা বলছো না যে? কাজে ফাঁকি দেয়ার ফল এবার টের পাবে। গিলে খাবো তোমায়। নাও, মরণের প্রস্তুতি নাও।
কোনো কিছু না ভেবেই নওকরের মুখ থেকে উচ্চারিত হয়, ঠিক আছে, খেয়ে ফেলো আমায়।
নওকরের এমন হ্যাবলা ধরনের উত্তর আশা করেনি সাপটি। এমন আজদাহা একটি সাপ দেখে সে কি না ভয়ে চিৎকার দিবে, ওরে বাপরে বলে দিবে দৌড়, তা না করে বলছে ‘খেয়ে ফেলো আমায়’!
সাপটি মনে মনে বলে, আরে বোকা, আমি কি তোমাকে খেয়ে ফেলার জন্য পথ আগলে আছি? আমার উদ্দেশ্য যে ভিন্ন। কিন্তু মুখে বলে, কী? ভয় নেই তোমার? আমার লিকলিকে জিহবা দেখেও কি ভয় পাচ্ছো না?
: ভয় পেলেই কী? এই বিজন বনে তোমার হাত থেকে তো আর বাঁচার উপায় নেই। বরং চলে যাওয়াই ভালো।
সাপটি বলে, নাহ, খাবো না তোমায়, যদি তুমি আমার একটি কাজ করে দাও।
খাবো না তোমায়। এমন কথা শুনে প্রাণ ফিরে পায় নওকর। সে বলে, কী কাজ?
: কাজের কথা খুলে বলবো না। কাজটি নিজেই তোমার সামনে এসে যাবে। তুমি বরং বাড়ি ফিরে যাও। দেখবে তোমার মনিব প্রচণ্ড রকমের ক্ষেপে আছেন। তুমি তার কাছে গিয়ে সরি বলো। মন নরম হবে তার। সে তোমাকে আবার মাঠে কাজে পাঠাবে।
: কাজে আমার মন বসে না।
: এবার বসবে। মাঠে গিয়ে দেখবে অন্য শ্রমিকরা শস্য কেটে ঢেরি করে রেখেছে। তুমি শস্যগুলো ওয়াগনে তুলতে সাহায্য করো তাদের। তারপর নিজে গাড়ি চালিয়ে মনিবের বাড়ি নিয়ে যাও। মনিব তোমার কাজে খুশি হবেন। হঠাৎ কাজে তোমার এমন আগ্রহ দেখে পুরস্কৃত করতে চাইবেন। কিন্তু- – -।
: কিন্তু কী?
: তুমি পুরস্কার নিবে না।
: কী করবো তা হলে?
: তুমি একগোছা শস্যের আঁটি চেয়ে নিবে নোবলম্যানের কাছ থেকে। তুমি যে ওয়াগন গাড়িটি চালিয়ে শস্যগুলো বাড়ি নিয়ে এসেছো, সেখান থেকে একগোছা শস্য চাইবে তুমি। বলবে, আমাকে শুধু একগোছা শস্য দিন। সেটাই হবে আমার পুরস্কার।
নওকর বলে, তারপর?
সাপ বলে, শস্যের আঁটিখানি নিয়ে তুমি চলে যাবে মনিবের বাড়ির সামনের যে ফাঁকা জায়গাটুকু আছে, সেখানে। তোমার এহেন কাজে সবার মনে কৌতূহল জন্মাবে। মনিবও অবাক হবেন। তিনি তোমার পিছু নিবেন। অন্য চাকর-বাকরেরাও তোমার পিছু নিবে। তুমি বাড়ির ফাঁকা জায়গাটিতে যেয়ে ওই শস্যের আঁটিতে আগুন ধরিয়ে দিবে। আগুনের লেলিহান উঠবে ওপরে। সবাই অবাক হয়ে দেখবে।
: কী দেখবে?
: দেখবে, সেই আগুনের ফুলকি থেকে এক অপরূপা সুন্দরী হেঁটে হেঁটে বের হয়ে আসছে। আগুনের লেলিহান শিখা থেকে সে হেঁটে হেঁটে তোমার সামনে চলে আসবে। তাকেই বিয়ে করো তুমি। তোমার স্ত্রী বানিয়ে নাও। নিঃসঙ্গ পৃথিবীতে তোমার একজন সঙ্গী হবে। একজন কাছের মানুষ হবে, আপন মানুষ।
নওকর বাড়ি ফিরে এলো। তাকে দেখে তো নোবলম্যান রেগে আগুন। কিন্তু নওকর ‘সরি’ বলায় তার রাগ পানি হয়ে গেল। মনিব তাকে আবার মাঠে পাঠালেন কাজে। এবার আর আলসেমি করছে না নওকর। অন্যদের সাথে হাতে হাত মিলিয়ে শস্য কাটছে। শস্যের আঁটিগুলো ওয়াগনে তুলতে সাহায্য করছে। তারপর, সেই ওয়াগন চালিয়ে মনিবের বাড়ি নিয়ে আসে সে।
মনিব এবার খুব খুশি। তার প্রিয় চাকরটি আজ এতো কাজ করেছে। শস্যভরা ওয়াগন চালিয়ে বাড়ি নিয়ে এসেছে?
এবার সন্তুষ্ট হয়ে মনিব তার প্রিয় নওকরকে পুরস্কৃত করতে চাইলেন।
কিন্তু না, সাপের কথা মতো নওকর কোনো পুরস্কার নিবে না। সে তার মনিবকে বলে, পুরস্কার নয়, আমাকে এক আঁটি শস্য দিন। এটাই হবে আমার শ্রেষ্ঠ পুরস্কার।
মনিব তখন বলে, শস্যের আঁটি নিয়ে তুমি কী করবে? তুমি তো আমার বাড়িতেই থাকছো, আমার বাড়িতেই খাচ্ছো। তোমার তো আর বাইরে রান্না করে খেতে হবে না। কেউ তো নেই তোমার!
নওকর কোনো কথা বলে না। তার একগোছা শস্যের আঁটিই চাই।
অবশেষে মনিব তার বাড়ির আঙিনায় স্তুপ করে রাখা হাজারো শস্যের আঁটি থেকে এক আঁটি শস্য এনে নওকরকে দেন। নওকর সেই শস্যের আঁটি নিয়ে বাড়ির সামনের পাশের খোলা জায়গায় চলে যায়। মনিবও কৌতূহল বশতঃ তার পিছু নেন। পিছু পিছু অন্য চাকর-বাকরেরাও সেখানে যায়। সবার চোখেই জিজ্ঞাসু দৃষ্টি। যুবকটি কী করবে এই শস্যআঁটি দিয়ে! কৌতূহল সবার মনেই।
এদিকে বাড়ির সামনের খোলা জায়গায় গিয়ে সাপের কথা মতো শস্যের গোছায় আগুন ধরিয়ে দেয় নওকর। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুনের লেলিহান শিখা।
এর কিছুক্ষণ পর। আগুন যখন লিকলিক করে আকাশমুখে উঠে যায়, তখনই ঘটে ঘটনাটি। সবাই অবাক বিস্ময়ে দেখে ওপর থেকে কুণ্ডুলি পাকিয়ে আগুনের একটি শিখা নেমে আসে নিচে। তারপর দেখে ওটা যেন আগুনের শিখা নয়, এক অপরূপা সুন্দরী সেই আগুন থেকে হেঁটে হেঁটে বাইরে বেরিয়ে আসছে। এরপর হেঁটে হেঁটে সে ওই নওকরের সামনে এসে দাঁড়ায়। বলে, আমিই সেই নাগকন্যা। আমাকে তোমার স্ত্রী বানিয়ে নাও।
এর পরের ঘটনা। মহা ধুমধামে বিয়ের আয়োজন করে নওকরের মনিব। মনিব বললেন, এ বিয়ে হবে মহা ধুমধামে। ব্যান্ডপার্টি আনা হলো। শত শত লোকের খাবারের আয়োজন করা হলো।
বিয়ে হয়ে গেল নওকরের সাথে আগুনের শিখা থেকে বেরিয়ে আসা নাগকন্যার। নোবলম্যানের আগ্রহে তার বাড়ির পাশেই নওকরকে এক টুকরো জমি দেয়া হলো। সেখানে ঘর বেঁধে থাকবে তারা।
জমির টুকরো পেয়ে নাগকন্যার আনন্দ আর ধরে না। ঘর বাঁধার সমস্ত কাজ যেন সে একাই করে ফেলছে। নওকরকে কোনো কাজে হাতই লাগাতে দিচ্ছে না। ঘরের দেয়াল গাঁথা, রান্নার চুলো বানানো, ঘরের আসবাবপত্র, খাট-পালঙ্ক, সবই এই নাগকন্যাই করে যাচ্ছে। নাগকন্যার হেন কাজের উৎসাহে বড় ভালো লাগে নওকরের। যাক তাহলে, সংসারী এক মেয়েকে পাওয়া গেলো। এ মেয়ে সংসারের জন্য উপযুক্তই বটে। এমন তড়িৎকর্মা সুনিপুণা বউ এ তল্লাটে নেই। নওকর ভাবছে, সত্যিই সে বড় ভাগ্যবান। পৃৃথিবী বড়ই সুন্দর।
বেশিক্ষণ লাগেনি ঘর বানাতে, আসবাবপত্র জোগাড় করে নিতে। উৎসাহ নিয়ে মনের আনন্দে কাজ করলে অতি দ্রুতই সব কাজ শেষ করা যায়। ঘর বাঁধা হলো। চুলা বানানো হলো। আসবাবপত্র, থালা-বাসন সাজানো হলো ঘরে। সব কাজ নাগকন্যা একাই করলো। নওকর বুঝে উঠতে পারছে না, এটা কী করে সম্ভব! এমন কোনো কাজ নেই, যা এই নাগকন্যা পারে না। কোথায় কী আছে, কোথায় কী করতে হবে, এই মেয়েটির সব জানা! নওকর শুধু কাজের তদারকি করছে, দেখছে আর অবাক হচ্ছে। যেদিকেই তাকায়, সবকিছু সুন্দর পরিপাটি।
নওকর ভাবে, পৃথিবীতে কেউ ছিল না তার। আজ তার সব আছে। বিশ্বস্ত স্ত্রী আছে। নোবলম্যানের মতো সাহায্যকারী আছে। পাড়া প্রতিবেশীর ভালোবাসা আছে। এমন বিশ্বস্ত, এমন সুন্দর পরিপাটি, এমন সুনিপুণা বউ থাকলে তার আর কী-ই বা প্রয়োজন? এই মেয়েটির সাথেই বাকি জীবনটা কাটিয়ে দেয়া যাবে।
দিনগুলো বড় সুখেই কাটতে লাগলো নওকরের। এতো সুখ, এতো শান্তি, এতো প্রাপ্তি। নওকর ভাবছে। কী শুভক্ষণেই না বনপথে সেদিন হাঁটতে বেরিয়েছিলাম। কী শুভক্ষণেই না নাগকন্যা আগলে ধরেছিল পথ। এখন ঘরে সুখ, বাইরে সুখ, অন্তরে সুখ। আকাশে বাতাসে যেন সুখের মাদল বাজে।
কালক্রমে দু’বছর পার হলো। এই নওকর এখন গ্রামের সমৃদ্ধশালী কৃষক। গ্রামের বাইরে তাদের তিনখণ্ড ফসলি জমি। সেসব জমিতে ‘যব’ চাষ করা হয়েছে। মাঠের কাজেও নাগকন্যার জুড়ি নেই। জমিতে যব চাষের সব কাজই সে একাই করেছে। শস্যক্ষেতের আল বেয়ে হাঁটছে আর কথাগুলো ভাবছে নওকর। এমন সময় প্রতিবেশি এক কিষানির সাথে দেখা হলো তার।
কিষানি বলে, কী ব্যাপার হে নওকর, তোমার ক্ষেতের যব যে পেকে নুুয়ে পড়ছে। ঘরে তুলছো না যে?
: হ্যাঁ, তুলবো।
: আমাকে কাজে রাখবে? এতো শস্য তুমি তো একা কেটে নিতে পারবে না। তোমার বউটিও বেশ কাজের। সেও পারবে না। এতো যব, কারো পক্ষে একা তোলা সম্ভব না। এই যে দেখো, তোমার এই ক্ষেতের যবগুলো পেকে মাটিতে ঝরে যাচ্ছে। কবে ঘরে তুলবে হে?
কিষানির কথা শুনে নওকর ভাবছে, সত্যিই তো। যব যে আসলেই বেশি পেকে গেছে। মাটিতে ঝরে পড়তে শুরু করেছে। নাগকন্যা কি এসব দেখেনি? কবে যব কাটবে সে? রাগে গজরাতে গজরাতে তার মুখ থেকে বেরিয়ে এলো, সাপ চিরকাল সাপই থাকে। “ওয়ান্স এ সার্পেন্ট, অলওয়েজ এ সার্পেন্ট”। মুখ থেকে ফস করে বের হয়ে গেল কথাটি। মুখে আরো বলে, ওই সার্পেন্ট বুঝি এবার আমার শস্য কাটবে না। এই কিষানির আগ্রহ আছে বেশ। শেষে কি না এই কিষানিকেই রাখতে হয় শস্য কাটার জন্য।
ভীষণ রাগ হলো নওকরের। নাগকন্যার প্রতি রাগে ফুঁসছে সে এখন। মুখে বিড়বিড় করতে করতে নওকর দ্রুত বাড়ি ফিরে আসে। যব পেকে মাটিতে ঝরছে। অথচ কেটে ঘরে তোলার নাম নেই। বাড়িতে এসেই নওকর খুঁজতে থাকে নাগকন্যাকে। কিন্তু কই? তার নাগবউ কই?
সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজে বেড়ালো। নেই, কোথাও নাগকন্যার দেখা নেই। অবশেষে শোবার ঘরে চলে এলো সে। সেখানেও নেই! রাগে মাথা যেন ঠিক নেই তার। ঘরের জিনিসপত্র, আসবাব, বিছানা, বালিশ সব উলট-পালট করতে লাগলো রাগে।
এক সময় বিছানার ওপরে রাখা বালিশটা ছুড়ে ফেলে দিলো দূরে। আর তখনই ফোঁস করে ওঠে সাপ! বালিশের নিচে চোখ পড়ে নওকরের। কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে সাপটি! ভয়ে চিৎকার দিতে যাবে, তখন সাপটি নিজেই কথা বলে। ভয় পেও না, প্রিয় নওকর। আমিই তোমার সেই নাগবধূ
একথা শুনে নওকরের মনে পড়ে গেলো সব। কী ভুলটাই না সে করে ফেলেছে! নিজের প্রতি রাগে দুঃখে চিৎকার দিয়ে বললো, না এটা হতে পারে না। তুমি সাপ নও। তুমি আমার নাগবউ।
সাপটি বলে, ধৈর্য ধরো নওকর। যা হারিয়ে গেছে, তা আর ফিরে পাওয়া যাাবে না।
নওকর এবার কান্নায় ভেঙে পড়ে। আহা, কী ভুলটাই না করে ফেলেছি আমি। এখন উপায়! কীভাবে এই নাগকন্যাকে মানুষরূপে ফিরে পাবো? একদিন এই নাগকন্যা তাকে বলেছিল, সাবধান, আমাকে কখনো সাপ ‘সার্পেন্ট’ বলবে না। “বিওয়ার, ডোন্ট এভার কল মি এ সার্পেন্ট”। আমি তোমাকে এমন কোনো কষ্ট দেবো না যে রাগের মাথায় আমাকে ‘সাপ’ বলতে হবে তোমার। যদি কখনো বলেই ফেলো, তোমার এই নাগবউকে হারাবে তুমি।
পেছনের সব কথা মনে পড়ে গেল নওকরের। এখন উপায়? মুখের কথা তো আর ফিরিয়ে আনা যায় না। “হোয়াট ওয়াজ সেইড কান্ট বি আনসেইড”।
তার পেছনের কথা ও স্মৃতিগুলো মনে পড়তে থাকে। আহা, কতোই না ভালো স্ত্রী ছিল সে। কীভাবে সে তাকে আগলিয়ে রেখেছিল এতোদিন। বাড়ির বাইরে গেলে তার জন্য পথ চেয়ে বসে থাকতো। কতো ভালো ভালো খাবার রান্না করে রাখতো। কোনো কাজই তাকে করতে দিতো না। বাড়ির ও ক্ষেতের সমস্ত কাজই সে একাই করতো। কাউকে হাত লাগাতে দিতো না সে।
নওকর ভগ্ন হৃদয়ে চিৎকার করে বলছে, আহা, তবুও নিজের মুখটাকে সামলাতে পারলাম না। জিহ্বার দোষে আজ সব হারাতে হলো আমার। হয়তো সারা জীবন আমাকে একাই কাটাতে হবে। দুর্ভাগ্য যেন আমি নিজেই ডেকে নিয়ে এলাম।
এমন ভাবনায় নিজেকে আর ধরে রাখতে পারল না নওকর। সাপটির সামনে কেঁদে ফেললো সে।
নওকরের এমন কান্না দেখে সাপটি বলে, আর কেঁদো না প্রিয় নওকর। যা হওয়ার, তা তো হবেই। “হোয়াট ইজ টু বি, মাস্ট বি”। দুঃখ করে কী লাভ? ভুল মানুষেরই হয়। আমি চলে যাচ্ছি আগের জায়গায়, বনে। যেখানে তুমি আমাকে প্রথম দেখেছিলে। বিদায় বন্ধু!
এ কথা বলে নাগকন্যা কুণ্ডলি পাকানো থেকে বের হয়। তারপর বুকে ভর দিয়ে চলে যেতে থাকে বনের দিকে। নওকর তাকে আর ফিরাতে পারে না। সে কাঁদছে, আর সাপের পিছু পিছু হাঁটছে। কী করবে সে আর? কীভাবে ফিরাবে নাগকন্যাকে। আর যে কোনো উপায়ই নেই।
তারা যখন বনের মধ্যে সেই আগের স্থানে পৌঁছায়, সাপটি থামে। নিজেকে আবার কুণ্ডলি পাকিয়ে মাথা ওপরে তোলে। এবার ফণা তোলে না সে। শুধু মাথাটা ওপরে তুলে ধরে। তারপর বলে, তুমি তো আমাকে ‘সাপ’ বলেছিলে। কারণ, যবগুলো কেটে আনতে দেরি করেছিলাম। এবার বাড়ি ফিরে যাও। দেখো গিয়ে তোমার সব শস্য আমি এতোক্ষণে কেটে এনেছি। তোমার ঘরের শস্যভণ্ডারে গিয়ে দেখো, মাঠের সব যব কেটে এনে গোলায় তুলে রেখেছি। এটা তো আমারই কাজ ছিল, হে প্রিয় নওকর। তবু কেন তুমি অধৈর্য হয়ে পড়েছিলে?
নওকর বলে, এখন উপায়? কীভাবে তোমাকে ফিরে পাবো?
সাপ বলে, সেই মধুর দিনগুলো আর ফিরে আসবে না আমাদের। কিন্তু আমি তোমাকে নিয়ে ভাবছি। এখন থেকে কে তোমার কাজগুলো করে দেবে? কে বুনবে তোমার শস্য, কে তুলবে ঘরে। যাহোক, তুমি বাড়ি ফিরে যাও, প্রিয় নওকর।
সাপের কথাগুলো শুনে নওকরের মন ব্যথায় ভারী হয়ে যায়। সে বলে, তোমাকে এই বিজন বনে রেখে আমি কীভাবে বাড়ি যাই, কীভাবে তোমার নিজ হাতে তৈরি ঘরে আমি একা বাস করি? আমি পারবো না, ওহে প্রিয় নাগকন্যা। আজ থেকে এই বনেই থেকে যাবো আমি। থেকে যাবো তোমার কাছে, তোমার পাশে।
: সেটা আর সম্ভব নয় নওকর। এখন আমি তো আর মানুষ নই। কোনো দিনও আর মনুষ্যরূপে ফিরে যেতে পারবো না আমি। সে সুযোগ একবারই এসেছিলো আমার। ভাগ্যদোষে আবার স্বজাতিকূলেই ফিরে এলাম। তুমি আর এইখানে থেকো না প্রিয়। সাপের জাতকে বিশ্বাস নেই। যে কোনো সময় তোমাকে ছোবল মেরে বসতে পারি আমি। তুমি বরং ফিরে যাও। তোমার কথা স্মরণে রেখে বাকি জীবনটা আমি সাপ হয়েই কাটিয়ে দেবো। সাপেরা অনেক দিন বাঁচে।
নওকর আর কী করবে। সে ফিরে যাবার জন্য মনস্থির করে। এমন সময় নাগকন্যা বলে, শোনো হে প্রিয়তম নওকর। যাবার বেলায় আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও। তবে সাবধান, তোমার হাতে যেন ছোবল দিয়ে না বসি! সাপের জাতি আপন পর বোঝে না। “আ স্নেক ডাজেন্ট ইভেন নো ইটস বিলাভড”।
এ কথা শুনে নওকরের মন কিছুটা শান্ত হয়। শেষবেলায় হয়তো তার প্রিয় স্ত্রীকে আরেকবার আদর দিয়ে যেতে পারবে। সে ধীরে ধীরে সাপটির আরো কাছে চলে আসে। তারপর হাতখানি তার নামিয়ে আনে সাপের মাথার ওপর। আলতো করে ছুঁয়ে দেয় সে। বরফের মতো ঠান্ডা অনুভূত হয় মাথাটি তার।
নওকরের হাতের ছোঁয়া পেয়ে সাপটি নিজেকে আর সামলে রাখতে পারে না। ছোবল মারার সুতীব্র প্রেরণা জাগে গায়ে। তাই, মাটিতে পড়ে থাকা গাছের একটি ডালে শরীরটাকে সুতীব্র শক্তিতে পেঁচিয়ে ধরে। নিজেকে ক্ষত বিক্ষত করে সে। নওকর সাপের মাথা থেকে হাত সরিয়ে নেয়ার পর সাপ জিজ্ঞেস করে, প্রিয় নওকর, আমার মাথায় হাত রেখে তুমি নিজের ভেতরে কী অনুভব করছিলে?
নওকর বলে, আমার মনে হচ্ছিল সমস্ত পৃথিবীতে কী কী ঘটে চলেছে আমি তার সব কিছুই জেনে ফেলেছি। সাপটি তখন বলে, হ্যাঁ তুমি ঠিকই জেনেছো। আবার তোমার আদরের হাতখানি আমার মাথায় ছুঁইয়ে দাও। নওকর দ্বিতীয়বার ওপর থেকে হাতখানি নামিয়ে আনে সাপের মাথার ওপর। ছুঁইয়ে দেয় আবার তার প্রিয় নাগকন্যাকে। তারপর হাত সরাতেই সাপটি বলে, এবার তোমার কী অনুভূতি হলো?
নওকর বলে, এবার আমার কাছে মনে হলো, পৃথিবীর সমস্ত মানবজাতির ভাষা আমি শিখে ফেলেছি।
নাগকন্যা বলে, হ্যাঁ, তুমি ঠিকই অনুভব করেছো। পৃৃথিবীর সমস্ত ভাষা তুমি শিখে ফেলেছো।
এবার তুমি তৃতীয়বার আমার মাথায় হাতখানি বুলিয়ে দাও হে প্রিয়তম। তবে সাবধান। আমি কিন্তু অতি কষ্টে নিজেকে সামলিয়ে রাখছি। কখন না জানি ছোবল মেরে বসি। সাবধান হও, ভুলে যেও না আমি কিন্তু এখন এক কালনাগিনী। তোমার স্ত্রী নই। সাবধানে আমার মাথায় হাত বুলিয়ে দাও। সতর্ক থেকো, ভুলেও যেন তোমার হাতে ছোবল মেরে না বসি।
সাপের কথায় সে আরো সতর্ক হয়। আরো সচেতন হয়। বাস্তবে ফিরে আসে সে। এতোক্ষণ যেন সে একটা মোহের মধ্যে ছিল। কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছিল সে। সে কি বেঁচে আছে, নাকি মরে গেছে, সেই বোধটুকুও যেন ছিল না তার। সাপের সাবধান বাণী শুনে সে আবার স্বস্নেহে তার আবেগঘন হাতখানি তৃতীয় বারের মতো সাপের মাথায় বুলিয়ে দেয়।
সাপ এবার জিজ্ঞেস করে, এবার তুমি কী অনুভব করলে?
নওকর বলে, আমার কাছে মনে হলো পৃথিবীর অভ্যন্তরের সমস্ত সম্পদ ও গুপ্তধনের সন্ধান যেন আমি জেনে গেছি।
নাগকন্যা বলে, হ্যাঁ, তোমার প্রতি আমার ভালোবাসার দায় মেটাতে নিজের শরীরটাকে বার বার ক্ষত-বিক্ষত করলাম। আমার সব জ্ঞানের ভাণ্ডার তোমায় দিয়ে দিলাম। এবার তুমি সোজা চলে যাও রাশিয়ার সম্রাট জারের কাছে। তার এক সুন্দরী কন্যা আছে। তাকে বিয়ের প্রস্তাব দাও।
প্রস্তাব পেয়ে সম্রাট জার তোমার জ্ঞানের পরীক্ষা নেবেন। আশা করি, আজ যা জেনেছো, তাতে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে। কারণ, তোমার চেয়ে জ্ঞানী বর্তমান পৃথিবীতে আর কাউকে সে খুঁজে পাবে না। সম্রাটের মেয়েকে বিয়ে করো, সুখী হও। তবে, বিদায় বেলায় আমার একটা অনুরোধ, যতকাল বেঁচে থাকবে, আমাকে মনে রেখো প্রিয়তম। যতদিন বেঁচে থাকি এই সাপের জীবন নিয়েই বেঁচে থাকতে হবে আমাকে। সাপের জীবন বড় দীর্ঘ হে প্রিয়তম।
একথা বলে সাপটি কুণ্ডলি পাকানো শরীরটাকে সোজা করে চলে যেতে লাগলো অন্ধকার ঝোপের ভেতর।
ছানাদের সবেমাত্র চোখ ফুটেছে। এই তো দু’দিন কি তিনদিন হবে! ছানারা আবার চেঁচামেচি করতেও শিখে গেছে রে বাবা! সারাদিন শুধু মা-আ-আ! মা-আ-আ বলে চেঁচায়। ছানাদের চেঁচামেচিতে উপরের ছাদে থাকা একজোড়া চড়ুই খুব বিরক্ত হয়। চড়ুই জোড়ার আবার তিন তিনটে ছানা আছে। চড়ুইজোড়ার ছানারা বেশ বড়সড় হয়ে গিয়েছে। তারা এখন আকাশে উড়ে বেড়ায়। আকাশের নীল কুড়োতে যায়। মাঝে মাঝে অনেক দেরি করে বাড়িতে ফেরে। চড়ুইজোড়া খুব দুশ্চিন্তায় থাকে ছানাদের জন্য। তবুও তারা বাবা-মায়ের কষ্ট বুঝতে চেষ্টা করে না। পরেরদিন আবারো বাবা-মাকে না বলে ওই যে এত্তো দূরের আকাশটাতে হারিয়ে যায়। এই ছানারা খুব দুষ্টু, তাই না? হ্যাঁ, চড়ুইজোড়ার ছানারা খুবই দুষ্টু। এই ছানাদের কথা অন্য একদিন বলবো। তোমাদের তো চোখ ফোটা ছানাদের কথা বলতে ভুলেই গেছি। হে হে, দেখেছো আমি কতটা ভুলোমনা। চোখ ফোটা ছানারাও চড়ুই ছানা। চারজন ভাইবোন। চারজনের একসাথেই চোখ ফুটেছে। চারজনেই চেঁচামেচিতে খুবই পটু হয়েছে।
আজকে আকাশটা খুব পরিষ্কার। কী সুন্দর নরম নরম রোদ! আর মিষ্টি সুন্দর বাতাস বইছে বাইরে। মা চড়ুইটা ভাবলো, বাইরে গিয়ে চটজলদি করে ছানাদের জন্য খাবারটা নিয়ে আসি। যেমনি ভাবনা অমনি কাজ। ছানাদের মিষ্টি করে চুমু এঁকে ফুড়ুৎ করে উড়াল দিলো কোথায় যেন। তারপর কিছুক্ষণ পর আবার ফুড়ুৎ করে উড়ে এলো ছানাদের কাছে। খুবই আদর করে সকল স্নেহ ঢেলে দিয়ে ছানাদের খাইয়ে দিলো। ছানারা চাকুমচুকুম করে খেয়ে নিল। ছানারা আবারও চেঁচাতে লাগলো মা-আ-আ মা-আ-আ। মা চড়ুইটা বুঝতে পারলো ছানাদের আরো বেশি ক্ষুধা লেগেছে। কী আর করা! আবার তাকে খাবারের খোঁজে যেতেই হবে। ছানাদের মিষ্টি করে চুমু এঁকে দিয়ে যেই বাইরে এলো অমনি আকাশবুড়ো দুড়ুম করে কেশে উঠলো। বাবা রে বাবা! সে কী ভয়ানক কাশি রে বাবা! ছানারা খুবই ভয় পেয়েছে। মা-আ-আ মা-আ-আ বলে খুব জোরে চেঁচাতে লাগলো। মা চড়ুইটা দুই ডানা দিয়ে শক্ত করে জড়িয়ে নিল ছানাদের। মায়ের ওম পেয়ে ছানারা শান্ত হয়ে গেছে।
কিছুক্ষণ পর ছানারা আবার মা-আ-আ মা-আ-আ বলে চেঁচাতে লাগলো। মা চড়ুইয়ের বুঝতে বাকি রইল না। তাকে এবার খাবারের খোঁজে যেতেই হবে। বরাবরের মতো আবারও ছানাদের চুমু এঁকে দিয়ে বাইরে বেরিয়ে এলো। এবার আর আকাশবুড়ো দুড়ুম করে কাশলো না। মা চড়ুইটা চারপাশে ভালো করে তাকিয়ে দেখল কিছুক্ষণ। মনে মনে ভাবল, বৃষ্টি আসার জো নেই। এখন বেরিয়ে পড়াই ভালো হবে। যেমনি ভাবনা অমনি কাজ। ফুড়ুৎ করে উড়াল দিলো কোথায় যেন।
মা চড়ুইটা যাওয়ার অল্পসময়ের মধ্যেই ঝপাং ঝপাং করে আকাশ ফুটো করে বৃষ্টিছানারা নিচে নামতে থাকলো। সে কী বৃষ্টিছানাদের নাচানাচি রে বাবা! যে যত পারে তত জোরেই নাচানাচি শুরু করে দিয়েছে। বৃষ্টিছানাদের খুশি দেখে কে! কিন্তু শহরের পাঁচতলা দালানটার জানালায় যে চারটা সদ্য চোখ ফোটা চড়ুইছানা ভীষণ ভয়ে মা মা করে চেঁচাচ্ছে ওগুলো তো বৃষ্টিছানারা শুনতে পাচ্ছে না। বৃষ্টিছানারা ওদের মতোই নেচে যাচ্ছে। চড়ুইছানারা অনেক ভয় পেয়ে গুটিশুটি হয়ে আছে আর জোরে জোরে চেঁচাতে লাগলো মা-আ-আ মা-আ-আ বলে। টানা দশ মিনিট ধরে বৃষ্টিছানারা মনের সুখে নেচে যেই আকাশবুড়োর কাছে চলে গেলো, অমনি মা চড়ুইটা তড়িৎগতিতে ছানাদের কাছে এলো। মুখে তার কোনো খাবার নেই। ছানারা মাকে দেখে জোরে জোরে মা-আ-আ মা-আ-আ বলে চেঁচাতে লাগলো। মা চড়ুইটা তার দুইটা ডানা দিয়ে শক্ত করে জড়িয়ে নিল ছানাদের। মায়ের ওম পেয়ে তারা আর চেঁচালো না। এতক্ষণ খুব ভয়ে ছিল। এখন মাকে দেখে তাদের ভয় কেটে গেছে। মায়ের গরম ওম পাওয়ায় ছানারা খাবারের কথা ভুলেই গেল। কিছুক্ষণ পর ছানারা আবার চেঁচাতে লাগলো মা-আ-আ মা-আ-আ..