Home Blog Page 121

হার না মানার গল্প

হার না মানার গল্প

সবার সকালে পাখির ডাকে ঘুম ভাঙলেও আহমেদের ঘুম ভাঙে পাখির সাথে সাথেই। খুব ভোরে যখন পাখিরা খাবার খুঁজতে বের হয় তখন আহমেদও বের হয় প্রকৃতির মাঝে নিজকে খুঁজতে, প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে। প্রকৃতি দিয়ে নিজের গল্পকে সাজাতে, আর প্রকৃতি প্রেমী একজন লেখক হিসেবে নিজকে গড়তে। ছোটবেলা থেকে আহমদের স্বপ্ন নিজেকে লেখক হিসেবে পরিচয় দেয়ার। বন্ধুদের কাছে শুনে অনেক পত্রিকায় লেখাও পাঠিয়েছে। তার অনেক বন্ধুও পত্রিকায় লেখা পাঠিয়েছিল। তাদের অনেকের লেখা প্রকাশিত হলেও আহমেদের লেখা এখনো প্রকাশিত হয়নি।
অনেকবার লেখা পাঠানোর পরে যখন প্রকাশিত হয়নি তখন সে খুব হতাশ হয়ে পড়ে। কিন্তু সে হার মেনে নেয়নি। সে তার লেখা গল্প-কবিতায় প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে। আর চেষ্টা করে বাস্তবতাকে ফুটিয়ে তোলার। সে যখনই হতাশ হয়ে পড়ে তখন সে আকাশের দিকে তাকিয়ে থাকে, তাকিয়ে থাকে আকাশের মেঘ চিরে উড়ে যাওয়া পাখিদের দিকে। আর ভাবে তারাও শত বাধা-বিপত্তি, ঝড়-বৃষ্টিকে তোয়াক্কা না করে খাবার খুঁজতে বের হয়। তখন সে মনে একটু অনুপ্রেরণা পায়।
তার মা তাকে শিখিয়েছে আগে সফল হতে হলে তাকে ব্যর্থ হতে হবে। তাই সে এবার আরও পরিশ্রম করা শুরু করে তার লেখালিখির ক্ষেত্রে। গভীর রাত, চারিদিকে পিনপতন নীরবতা। মাঝে মাঝে হুতুম পেঁচার ডাক শোনা যায়, আর শোনা যায় নানানপ্রকার পোকার গান।
এভাবে ঘণ্টার পর ঘণ্টা আহমেদ লেখালিখি করে এক বুক ভরা আশা নিয়ে। এই লেখালেখির জন্য তার মায়ের কাছে তাকে কম বকা শুনতে হয়নি। তাই সে এখন মায়ের চোখের আড়ালে রাত জেগে লেখালিখি করে। এভাবে লিখতে লিখতে এক সময় মুয়াজ্জিনের আজান শোনা যায় সাথে মায়ের ডাক, ‘আহমেদ, উঠ বাবা।’

কোনোরকম মুখ হাত ধুয়ে আহমেদ নাশতা করে স্কুলে চলে যায়। এভাবেই চলতে থাকে তার দিন। এবারে মাসিক ফুলকুঁড়িতে সে লেখা পাঠিয়েছে বুক ভরা আশা নিয়ে। কিন্তু ভাগ্য এমন যে, একবারও তার লেখা প্রকাশিত হয়নি। কিন্তু নিচে ‘যাদের লেখা ভালো হয়েছে’ এই শিরোনামে তার নাম ছিলো। অবশ্য একবার তার বন্ধুর নামে একটি গল্প ছাপানো হয়েছিল। আহমেদ তার বন্ধুর সফলতায় খুশি হলেও তার মনে এক অজানা আক্ষেপ চেপে বসেছিল। কিন্তু আহমেদ তখনো হার মেনে নেয়নি। সে এভাবেই রাতের পর রাত জেগে লেখালেখি শুরু করে। অনেকবার মাসিক ফুলকুঁড়িতে লেখা পাঠানোর পর প্রতিবারের মতো এবারও তার লিখা প্রকাশিত হয়নি।
এক পড়ন্ত বিকেল আহমেদ বসেছিল বাড়ির উঠানে। তার এক বন্ধু দৌড়ে দৌড়ে মাসিক ফুলকুঁড়ি নিয়ে তার কাছে এলো। তার বন্ধু বলল, আহমেদ, তোর লেখা এবারে মাসিক ফুলকুঁড়িতে এসেছে। আহমেদের কী বাঁধভাঙা খুশি! খুশিতে সে আত্মহারা। তার মনে হচ্ছে আজ তার প্রতিটি রাতের পরিশ্রম যেন বৃথা যায়নি। এরপর আহমেদ সবুজ মাঠের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিলো এক বুক ভরা স্বস্তি নিয়ে।

প্রকাশকাল: ডিসেম্বর ২০২৪

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী আমাদের মেয়েরা

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী আমাদের মেয়েরা

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত হয়ে গেল সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪। এরই মাধ্যমে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ৭টি আসরের মধ্যে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। ২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ছিনিয়ে এনেছিল। আবারও সেই একই প্রতিপক্ষ এবং একই ভেন্যুতে সাবিনা খাতুনের দল সাফ চ্যাম্পিয়নশিপের টানা দ্বিতীয় শিরোপা জিতলো। নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দিয়ে সাফের ফাইনালে তারা নেপালকে ২-১ গোলে হারিয়ে অর্জন করে নেয় শিরোপা।

ফাইনাল ম্যাচের বিবরণী:
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ-নেপালের প্রথমার্ধ ছিল গোলশূন্য। সোনার হরিণ গোলের জন্য মরিয়া দুই দলই বিরতির পর আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ দারুণভাবে জমিয়ে তোলে। সে ধারাবাহিকতায় ম্যাচের ৫১তম মিনিটে বাংলাদেশের হয়ে লিড নেন মনিকা চাকমা। ১-০ গোলে এগিয়ে থাকার এ গর্ব টিকে ছিল কেবল ৩ মিনিট। নেপালের হয়ে আমিশা কার্কির গোলে সমতায় ফেরে স্বাগতিকেরা। মধ্যমাঠ থেকে দারুণ থ্রু পাস ঠেলেন সতীর্থ আমিশাকে। সেখানে বাংলাদেশের ডিফেন্স পরাস্ত হয়। আগুয়ান গোলরক্ষক রূপনা চাকমাকে পরাস্ত করেন আমিশা। ফলে ১-১ সমতা নিয়ে জমে ওঠে সাফের ফাইনাল। স্বাগতিক প্রায় ১৫ হাজার দর্শকের উচ্ছ্বাস সেই রোমাঞ্চ যেন আরও বাড়িয়ে তুলেছিল। ৭১ ও ৭৬ মিনিটে পরপর দুটি প্রতি-আক্রমণে ব্যর্থতা নিয়ে ফেরে নেপালি মেয়েরা।

১-১ গোলে সমতায় থাকাবস্থায় আক্রমণ-পাল্টা আক্রমণে যখন   ফাইনাল ম্যাচ জমে উঠেছিল, ঠিক তখনই ম্যাচ শেষ হওয়ার মাত্র ৮মিনিট আগে বাংলাদেশ ম্যাচে আবারও লিড নেয়। বাঁ প্রান্তে থ্রো ইন পায় বাংলাদেশ। মাসুরার থ্রো থেকে বল পান ঋতুপর্ণা চাকমা। দূর থেকে কোণাকুণি এক জোরালো শটে ঋতুপর্ণা গোল করে এগিয়ে নেন বাংলাদেশকে। নেপালের গোলরক্ষক বল হাতে লাগালেও সেটি সেকেন্ড বারের ভেতরের অংশে লেগে জালে জড়িয়ে যায়। দারুণ গোল পেয়ে উৎসবে মাতে বাংলাদেশ।
বাকি সময়ে আর কেউ গোল করতে পারেনি। ফলে ২-১ গোলের অসাধারণ জয়ে টানা ২য় বার সাফ শিরোপা জিতে নিল বাংলাদেশ।
একই ভেন্যু, একই প্রতিপক্ষ। পার্থক্য শুধু স্কোরলাইনে। ২০২২ সালে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে শিরোপা জিতেছিল ৩-১ ব্যবধানে, আর এবার ২-১। দক্ষিণ এশিয়ার সিনিয়র পর্যায়ের প্রতিযোগিতায় বাংলাদেশের শিরোপা ধরে রাখার অতীত রেকর্ড নেই। ২০০৩ সালে ঢাকায় সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশের পুরুষ দল আর শিরোপা জিততে পারেনি। নারী দল সেই দিক থেকে রেকর্ডই করল। টানা দুইবার চ্যাম্পিয়ন হয়েছে সাবিনা, ঋতুপর্ণা-রা।

দেশভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ এবং অর্জন :
ভারত : অংশগ্রহণ- ৭ বার, বিজয়ী-৫বার (২০১০, ২০১২, ২০১৪, ২০১৬, ২০১৯)
নেপাল (আয়োজক) : অংশগ্রহণ- ৭বার, রানার্সআপ- ৫বার
বাংলাদেশ : অংশগ্রহণ- ৭বার, বিজয়ী- ২বার (২০২২, ২০২৪)
শ্রীলঙ্কা: অংশগ্রহণ- ৭বার, সেমি ফাইনালিস্ট- ৩বার, (২০১২, ২০১৪, ২০১৯)
পাকিস্তান : অংশগ্রহণ- ৫বার, সেমিফাইনালিস্ট ১বার (২০১০)
মালদ্বীপ : অংশগ্রহণ- ৭বার, সেমি ফাইনালিস্ট- ১বার (২০১৬)
ভুটান : অংশগ্রহণ- ৭বার, সেমিফাইনালিস্ট- ১বার (২০২২)

একনজরে এবারের সাফ চ্যাম্পিয়নশপের ৭ম আসর :
স্বাগতিক দেশ: নেপাল
শহর: কাঠমান্ডু
আয়োজনের সময়কাল: ১৭-৩০ অক্টোবর ২০২৪
অংশগ্রহণকারী দল: ৭টি
চ্যাম্পিয়ন: বাংলাদেশ
রানার আপ: নেপাল
মোট ম্যাচ: ১২টি
গোল সংখ্যা: ৬২টি
শীর্ষ গোলদাতা: শ্রীলংকার দেকি লাজোম (৮টি)
সেরা খেলোয়াড় : ঋতুপর্ণা চাকমা (বাংলাদেশ)
সেরা গোলরক্ষক: রূপনা চাকমা (বাংলাদেশ)
ফেয়ার প্লে পুরষ্কার: ভুটান।

প্রকাশকাল: ডিসেম্বর ২০২৪

ইকিগাই

ইকিগাই

তোমরা নিশ্চয়ই জানো, গেমিং-এর জন্য বর্তমানে অন্যতম সেরা কনসোল হলো প্লে স্টেশন। প্লে স্টেশন বাজারে আসে ১৯৯৪ সালে। তখন বাজারে গেমিং কনসোল হিসেবে জনপ্রিয় ছিল নিনটেন্ডো এবং সেগা স্যাটার্ন। নিনটেন্ডো কোম্পানির সাথে প্রতিযোগিতা করে বাজারে গেমিং কনসোল আনে টেকনোলজির ব্র্যান্ড প্রতিষ্ঠান- সনি কর্পোরেশন। সনির প্রতিষ্ঠাতা আকিও মরিটা জন্মগ্রহণ করেন ১৯২১ সালে জাপানের নাগোয়া শহরে। শৈশব থেকেই টেকনোলজির প্রতি প্রবল আগ্রহ তাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়তে উদ্বুদ্ধ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৬ সালে তিনি বন্ধু মাশারু ইবুকাকে সাথে নিয়ে প্রতিষ্ঠা করেন ToKzo Tsushin Kogyo K.K নামের একটি ইলেক্ট্রনিক্স কোম্পানি। পরবর্তীতে এই কোম্পানি পরিচিতি পায় সনি কর্পোরেশন নামে। প্রযুক্তি বাজারে সনি নতুন দিগন্ত নিয়ে আসে ট্রানজিস্টর, ওয়াকম্যান, ক্যামেরা, টিভিসহ নানান আইটেম সরবরাহের মাধ্যমে। আকিও মরিটা ১৯৯৯ সালে মারা যান। কিন্তু তার হাতে গড়া সনি এখনো ক্রেতাদের পছন্দ অনুযায়ী ইলেকট্রনিক সামগ্রী সরবরাহ করে যাচ্ছে। সনি সফল হয়েছে আকিও মরিটার দুর্দমনীয় আগ্রহের ফলে। তাঁর জীবনের উদ্দেশ্যই ছিল উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে মানুষকে সেবাদান করা। এই যে জীবনে উদ্দেশ্য ধারণ করার ব্যপারটি- এটিকে জাপানিজ ভাষায় বলে ইকিগাই।

ইকিগাই ধারণাটি বেশি পরিচিতি পায় ২০১৬ সালে প্রকাশিত `Ikigai: The Japanese Secret to a Long and Happy Life’ বইয়ের মাধ্যমে। এই বইয়ের লেখক হেক্টর গার্সিয়া এবং ফ্রান্সেস্ক মিরালেস ইকিগাইয়ের দার্শনিক দিক এবং এর ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা করেছেন। তাঁরা এ বইয়ে জাপানী দ্বীপ ওকিনাওয়া’র বাসিন্দাদের দীর্ঘজীবনের রহস্য উদঘাটন করেছেন। তারা সেখানকার ১০০ জন বয়ষ্ক মানুষের সাক্ষাৎকার নেন। তাদের সবারই আনন্দময় জীবনের পেছনে ছিল কয়েকটি মূল সূত্র। প্রথমত তারা বেঁচে থাকাকে অনর্থক মনে করতেন না। তাদের প্রত্যেকের বেঁচে থাকার একটি অর্থ ছিল বা কারণ ছিল। কারো কাছে বন্ধুত্বই জীবনে বেঁচে থাকার কারণ। কেউ ভাবতেন তিনি বাগান করা, গাছ লাগানোর জন্যই বেঁচে আছেন। কেউ মনে করতেন শিল্পকর্ম করাই তাঁর জীবনকে অর্থবহ করে তুলেছে। এছাড়া তারা কাজের মধ্যে ব্যস্ত থাকতেন, স্বাস্থ্যকর ও পুষ্টিসমৃদ্ধ খাবার খেতেন এবং সামাজিকভাবে একত্রে কাজকর্ম করা, আনন্দ বিনোদন করতে পছন্দ করতেন। হেক্টর গার্সিয়ার মতে এগুলোই তাদের করেছে দীর্ঘজীবনের অধিকারী।

আসলেই কি ইকিগাইয়ের কোনো প্রয়োজন আছে? অথবা তোমার কি কোনো ইকিগাই অলরেডি আছে, যা তুমি ভেবেও দেখোনি? সহজভাবে বলতে গেলে আগামীকাল সকালে তুমি ঘুম থেকে উঠতে চাও অন্তত যে একটা কাজ করার জন্য সেটি হচ্ছে ইকিগাই। হতে পারে তুমি আগামীকাল শুধু তোমার দাদুর সাথে সময় কাটাতে চাও, কিংবা বন্ধুর সাথে; এটিই তোমার ইকিগাই। অথবা হতে পারে তুমি তোমার পোষা পাখি, বিড়াল কিংবা কুকুরের সাথে সময় কাটাতে চাও, সেটিই তোমার ইকিগাই। অথবা তুমি শুধু গেম খেলতে চাও, কম্পিউটারে কোডিং করতে চাও, বই পড়তে চাও; এগুলোই ইকিগাই। হতে পারে সাইক্লিং হচ্ছে তোমার ইকিগাই। কারণ এটি তোমাকে আনন্দ দেয়, প্রাণ সঞ্চার করে।

ইকিগাই নির্ধারণে চারটি মূল প্রশ্ন করতে হয় নিজেকে

ইকিগাই নির্ধারণে ৪ টি মূল প্রশ্ন করতে হয় নিজেকে।

১. তুমি কোন কাজটি করতে পছন্দ করো?
২. তুমি কোন কাজটি ভালো পারো?
৩. তুমি কোন কাজ করে অর্থ উপার্জন করতে চাও?
৪. পৃথিবীর জন্য কোন কাজটি করা দরকার?

তুমি কোন কাজটি করতে পছন্দ করো এবং কোন কাজটি ভালো পারো এই দুটি প্রশ্নের উত্তর যদি একটি হয় সেটি হতে পারে তোমার জন্য প্যাশন (Passion)। যেমন ধরো তুমি গণিত করতে পছন্দ করো এবং এটি তুমি বেশ ভালো পারো, তাহলে এটি তোমার প্যাশন বা অনুরাগের জায়গা।
তুমি যে কাজটি ভালো পারো এবং যে কাজটি করে অর্থ উপার্জন করতে চাও -দুটো যদি একই কাজ হয় তাহলে সেটি হলো তোমার পেশা বা Profession. যদি তুমি গণিত ভালো পারো এবং গণিত পড়িয়ে তুমি অর্থ উপার্জন করতে চাও তাহলে এটি তোমার জন্য পেশা হিসেবে নিতে পারো।

তুমি যে কাজটি করে অর্থ উপার্জন করতে চাও, যদি পৃথিবীর জন্য সে কাজটি দরকারি হয়ে থাকে তাহলে সেটি তোমার জন্য ভকেশন (Vocation)। অর্থাৎ যদি তুমি পেশা হিসেবে গণিতকে নিয়ে থাকো, আর গণিত শেখানো কাজটা অবশ্যই দরকারি এবং উপকারী কাজ ভেবে নিয়ে তুমি কিছু ছাত্রছাত্রীকে বিনে পয়সায় গণিত শেখালে কিংবা গণিতের উচ্চতর গবেষণায় নিজের সময় ব্যয় করলে, তাহলে এটি তোমার জন্য ভকেশন।
আর পৃথিবীর জন্য দরকারি এবং সে কাজটিকে যদি তুমি পছন্দ করো, তাহলে সেটি তোমার জন্য মিশন। যেমন গণিতকে তুমি ভকেশন হিসেবে মানুষের উপকারে কাজে লাগানোর কাজটাকে নিজের অনুরাগের জায়গা হিসেবেও নিয়েছ, তখন এটি জীবনের মিশন (Mission) বা মহৎ উদ্দেশ্য।

প্যাশন, প্রফেশন, ভকেশন এবং মিশনের সমন্বয়েই তৈরি হয় ইকিগাই। তবে একই কাজ যে চারটি ক্রাইটেরিয়ায় উত্তীর্ণ হবে, সেটি নাও হতে পারে। হতে পারে তোমার প্যাশন এবং ভকেশন এক, কিন্তু প্রফেশন আলাদা। কারণ একজনের ভালোলাগার বিষয় বা কাজ অনেক হতে পারে। পারদর্শিতার জায়গাও কয়েকটি হতে পারে।

ইলন মাস্ক কিছুদিন আগেই রকেট বুস্টার পৃথিবীতে ফিরিয়ে এনে সাড়া ফেলে দিয়েছেন। মঙ্গলে জনবসতি গড়ার ঘোষণা দিয়ে তো আলোচনায় আছেন বহুদিন ধরেই। ইলন মাস্ক কিন্তু ছোটবেলা থেকেই মহাশূন্য নিয়ে আগ্রহী ছিলেন। ১৯৮৪ সালে মাত্র ১২ বছর বয়সে ইলন মাস্ক একটি কম্পিউটার গেম তৈরি করেন, সেটি বিক্রি করে সেই বয়সেই ৫০০ ডলার উপার্জন করেছিলেন তিনি। ব্লাস্ট নামের গেমটি ছিল মহাকাশ নিয়েই, যেখানে বাইরের গ্রহের আক্রমণকারীরা আসে, তাদের প্রতিরোধ করতে হয় গেমারকে। ইলন মাস্কের শৈশবের সেই প্যাশনকে তিনি প্রফেশন, ভকেশন এবং মিশনের জায়গায় নিয়ে গেছেন।

কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার কামরুল ইসলাম পেশায় এবং নেশায় একজন চিকিৎসক। ডাক্তারি তার অর্থ উপার্জনের মাধ্যম বা প্রফেশন। কিন্তু তিনি এটিকে ভকেশন হিসেবে নিয়েছেন। মানুষের উপকারে তিনি বিনা পয়সায় কিডনি প্রতিস্থাপনের কাজ শুরু করেন। দেড় হাজারের বেশি মানুষের কিডনি প্রতিস্থাপনের কাজ তিনি বিনামূল্যে করেছেন। দেশের মানুষকে কিডনির রোগ থেকে মুক্ত করার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। এটি তার জীবনের মিশন। তিনি এ কাজকে ইবাদাত হিসেবে নিয়েছেন, আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম হিসেবে নিয়েছেন।

সুতরাং নিজেকে প্রশ্নগুলো করো- কোন কাজ ভালোবাসো? কোন কাজ ভালো পারো? কোন কাজটার মাধ্যমে টাকা কামাতে চাও এবং পৃথিবীর জন্য কোন কাজটা দরকারি? যদি প্রশ্নগুলোর উত্তর বের করে কাজ করতে পারো, দেখবে কাজটা আরো বেশি মনোযোগ দিয়ে করতে পারছো, কাজে আরো বেশি সফলতা আসছে।

প্রকাশকাল: নভেম্বর ২০২৪

চলে গেলেন ভাষা সৈনিক অধ্যাপক আবদুল গফুর

অধ্যাপক আবদুল গফুর

প্রখ্যাত ভাষা সৈনিক আবদুল গফুর মারা গিয়েছেন। গত ২১ সেপ্টেম্বর দুপুর ২টা ৪৩মিনিটে তিনি ঢাকার আজগর আলী হসপিটালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৫বছর।
অধ্যাপক আবদুল গফুর ১৯৪৫ সালে স্থানীয় মইজুদ্দিন হাই মাদরাসা থেকে মাধ্যমিক ও ১৯৪৭ সালে বর্তমান কবি নজরুল সরকারি কলেজ (সাবেক ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ) থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। ১৯৭২ সালে কলেজের নামকরণ হয় কবি নজরুল ইসলাম সরকারি কলেজ। এটি দেশের একটি প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে তখন ছাত্র সংখ্যা কম ছিল। অবশ্য তখন লেখাপড়ার হারও কম ছিল। তিনিসহ এ বিভাগে তখন মাত্র তিনজন শিক্ষার্থী ছিলেন। অন্য দু’জন হলেন নুরুল ইসলাম পাটোয়ারী ও মমতাজ বেগম।

ভাষা আন্দোলন শুরু হলে আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসেবে তিনি অংশ নেওয়ার ফলে লেখাপড়ায় কিছুটা ব্যাঘাত ঘটলেও ১৯৬২ সালে একই বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
অধ্যাপক আবদুল গফুর ছিলেন সাংবাদিক। তিনি এই পেশার সাথে যুক্ত ছিলেন মৃত্যুর মাত্র কয়েক বছর আগে পর্যন্ত।

ছাত্র হিসেবে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। ১৯৪৫ সালে প্রবেশিকা মানের পরীক্ষায় তিনি বাংলা ও আসামের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেন। ১৯৪৭ সালে ঢাকার গভর্নমেন্ট ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষায় নবম স্থান অধিকার করেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। পাকিস্তান প্রতিষ্ঠার এক মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষক আবুল কাসেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস নামে একটি সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়। মহান ভাষা আন্দোলনের স্থপতি হিসেবে এই সংগঠনের সঙ্গে তিনি সংযুক্ত হয়ে পড়েন তখনই। সংগঠনে আরো যারা ছিলেন, তাদের মধ্যে অধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ আজরফ, শাহেদ আলী, সানাউল্লাহ নূরী, আসকার ইবনে শাইখ প্রমুখ বিশেষ উল্লেখযোগ্য। ১৯৪৮ থেকে ১৯৫২ পর্যন্ত ভাষা আন্দোলনকে বলা হয় ১৯৭১ সালের স্বাধীনতার সূচক আন্দোলন। বলা হয়, এই আন্দোলনের অনুপ্রেরণায় ৬২, ৬৯-এর আন্দোলন অতিক্রম করেই আসে ৭১-এর স্বাধীনতা সংগ্রাম। এরই পরিণতি স্বাধীন বাংলাদেশ। অধ্যাপক আবদুল গফুর শুধু ভাষা আন্দোলনের সংগঠক ও নেতাই ছিলেন না; বরং ভাষা আন্দোলনের মুখপাত্র তমদ্দুন মজলিস থেকে প্রকাশিত ‘সৈনিক’ পত্রিকার সহকারী সম্পাদক ও পরবর্তীতে সম্পাদকও ছিলেন। ১৯৪৮ থেকে ১৯৫৬ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। আবদুল গফুর ছাত্রাবস্থাতেই ১৯৪৭ সালে পাক্ষিক জিন্দেগিতে সাংবাদিক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। ১৯৫৭ সালে দৈনিক মিল্লাত ও ১৯৫৮ সালে দৈনিক নাজাত পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন। ১৯৭১ সালের মে থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তিনি দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক ছিলেন। এরপর ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ইংরেজি দৈনিক পিপল, ১৯৭৯ থেকে ১৯৮০ সাল পর্যন্ত দৈনিক দেশ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে দৈনিক ইনকিলাব প্রতিষ্ঠিত হলে তিনি তখন থেকে পত্রিকাটির ফিচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত তিনি সেখানেই কাজ করেন।
অধ্যাপক মোহাম্মদ আবদুল গফুর ১৯৫৯ থেকে ১৯৬০ সাল পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তানের দারুল উলুম (ইসলামিক একাডেমি)-এর সুপারিন্টেন্ডেন্ট হিসেবে কাজ করেন। পরবর্তীতে এক বছর চট্টগ্রামে জেলা যুব কল্যাণ অফিসার হিসেবে কাজ করেন। ১৯৬৩ থেকে ১৯৭০ সাল পর্যন্ত ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ এবং ১৯৭২ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত আবু জর গিফারী কলেজে শিক্ষকতা করেন। ১৯৮০ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের প্রকাশনা পরিচালক ছিলেন।
পূর্ব পাকিস্তানের তৎকালীন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন তমদ্দুন মজলিস পাকিস্তান প্রতিষ্ঠার পর প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবি তোলেন। এসময় এর প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাসেমের সাথে অগ্রণী সহযোগীদের মধ্যে অন্যতম ছিলেন আবদুল গফুর। ১৯৪৮ সালের ১৪ নভেম্বর তমদ্দুন মজলিসের বাংলা মুখপত্র সাপ্তাহিক সৈনিক পত্রিকা প্রকাশিত হলে অধ্যাপক আবদুল গফুর প্রথমে এর সহ-সম্পাদক ও পরে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৫১ সালের ২১ ফেব্রুয়ারি সৈনিক পত্রিকার বিশেষ সংখ্যার শিরোনাম ছিল ‘শহীদ ছাত্রদের তাজা রক্তে ঢাকার রাজপথ রঞ্জিত, মেডিক্যাল কলেজ হোস্টেলে ছাত্র সমাবেশে পুলিশের নির্বিচারে গুলিবর্ষণ’। ফলশ্রুতিতে ২৩ ফেব্রুয়ারি পুলিশ পত্রিকাটির অফিস অবরোধ করে সম্পাদক অধ্যাপক আবদুল গফুর ও প্রকাশক আবুল কাসেমকে গ্রেফতার করে। ভাষা আন্দোলন ছাড়াও তিনি পাকিস্তান আন্দোলন ও স্বায়ত্তশাসন আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন।
অধ্যাপক আবদুল গফুর একজন লেখক হিসেবেও নাম করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে- ব্যক্তিগত সম্পত্তি ও ইসলাম, বিপ্লবী উমর, কর্মবীর সোলায়মান, কোরআনী সমাজের রূপরেখা, খোদার রাজ্য, ইসলাম কী এ যুগে অচল, সমাজকল্যাণ পরিক্রমা, ইসলামের জীবন দৃষ্টি, রমজানের সাধনা, ইসলামের রাষ্ট্রীয় ঐতিহ্য, আসমান জমিনের মালিক, শাশ্বত নবী, আমাদের স্বাধীনতা সংগ্রাম, বাংলাদেশ আমার স্বাধীনতা, স্বাধীনতার গল্প শোনো, আমার কালের কথা (স্মৃতিচারণমূলক, ২০০০)। আলোর দিশারী এই মানুষটি ভাষা আন্দোলনে অবিস্মরণীয় ভূমিকা রাখায় ২০০৫ সালে রাষ্ট্রীয় সম্মান একুশে পদকে ভূষিত হয়েছেন।

প্রকাশকাল: নভেম্বর ২০২৪

রাজকুমারী তাম্রতারা

রাজকুমারী তাম্রতারা

এক রাজার ছিল তিন কন্যা। চুনিতারা, স্বর্ণতারা এবং তাম্রতারা। এই তিন বোনের সৌন্দর্য এবং রাজার ধন-সম্পদের খ্যাতি বহুদূর পর্যন্ত বিস্তৃত। রাজকুমারীদের বিয়ে করার জন্য আগ্রহী প্রার্থীর আর অভাব নেই। সবকিছু রাজকন্যারা জানে। কিন্তু তারা খুবই সতর্ক। আসলে তারা তিনজনই মনে মনে চায় উত্তরের রাজ্যের রাজপুত্র জ্যাংচুকে বিয়ে করতে। জ্যাংচু ধনসম্পদে সেরা, সুদর্শন ও মহৎহৃদয়। ভদ্রতায়ও তার জুড়ি নেই।
রাজপুত্র জ্যাংচুরও ইচ্ছে তাদের তিন বোনের একজনকে বিয়ে করা। কিন্তু তিনজনের মধ্যে সবচেয়ে বেশি কোমলমনা এবং অমায়িক মেয়েটিকে সে চায়। সে একটি ভিক্ষুকের ছদ্মবেশ নিয়ে রাজকুমারীদের প্রাসাদ গেটে এসে দাঁড়াল। সে প্রাসাদে একটি কাজ চায়। তাকে দেখে রাজার দয়া হলো। সে তাকে রাখাল হিসেবে নিয়োগ দিলো। ওই রাজ্যের একটি নিয়ম ছিল। তা হলো প্রত্যেক রাজকুমারী পশুচারণ ও দুধ দোহানোর সময় পালাক্রমে রাখালকে সাহায্য করতে হতো। প্রথমদিন চুনিতারার পালা পড়ল। সে দুধ দোহাতে এলো। রাতে বৃষ্টি হওয়ায় এখন সবখানে কাদামাটি থিকথিক করছে। সে তখন রাখালকে বলল, তুমি হাঁটু গেড়ে উপুড় হও, যাতে আমি তোমার পিঠে বসে দুধ দোহাতে পারি। সব দুধ দোহানো শেষ হলে রাখালের শরীর কাদাময় হলেও রাজকুমারীর শরীরে কাদা লাগলই না। তারপর কিছু দুধ সৃষ্টিকর্তা এবং বিভিন্ন দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করল। এরপর চারদিকের রাজার উদ্দেশ্যে। সবশেষে গোপনে করল রাজপুত্র জ্যাংচুর উদ্দেশ্যে। সে বলল, আমার এই উৎসর্গ রাজপুত্র জ্যাংচুকে হয়তোবা সন্তুষ্ট করবে। সে যে দুধ ছিটিয়ে দিলো তা রাখালের মুখে গিয়ে পড়ল। রাখালরূপী রাজকুমার জ্যাংচু অবাক হয়ে বলল, রাজকুমারী, তুমি যে দুধ উৎসর্গ করলে তা তো আমার মুখে এসে পড়েছে। আমি এটা দিয়ে কী করব? আমি কি তা গিলে ফেলব না ফেলে দেবো? রাজকুমারী ঘৃণাভরে জবাব দিলো, ফেলে দাও। তখন রাখাল বলল, চুনিতারা, এই সুস্বাদু দুধ আমার তৃষ্ণা বাড়িয়ে দিয়েছে। আমাকে এক কাপ দুধ দাও না। রাজকুমারী বলল, একটি ভিক্ষুকের জন্য আমি দুধ নষ্ট করতে পারব না। এরমধ্যে দুপুরের খাবার সময় হয়ে গেল। একটি বড় পাথরের উপর বসে রাজকুমারী চুনিতারা ভাত-মাংস খেল। জ্যাংচু দূরে বসে রুটি আর মরিচভর্তা খেল।

দুপুরে প্রচণ্ড গরম শুরু হলে রাজকুমারী একটি গাছের ছায়ায় শুয়ে পড়ল। জ্যাংচু তাকে ভালো করে দেখল। রাজকুমারী নির্দয়। তবুও সে নিশ্চিত হতে চাইল তাদের দুজনের জীবন একসূত্রে বাঁধা হবে কি না। সে হাত থেকে চুনিখচিত একটি আংটি খুলে শূন্যে ছুঁড়ে দিয়ে বলল, রাজকুমারী চুনিতারা, এই চুনি আংটি তোমার উদ্দেশে উৎসর্গ করলাম। যদি ভবিষ্যতে আমাদের দুজনের জীবন এক হয়ে যায় তাহলে এই আংটি তোমার হাতে গিয়ে পড়বে। যদি না হয় তবে আমার আংটি আমার কাছে ফিরে আসবে। চুনি আংটি তার নিজের কোলে এসে পড়ল। রাজকুমারী জেগে উঠে বলল, তুমি বিড়বিড় করে কী বলছিলে? সে তৎক্ষণাৎ বলল, ভিক্ষুকেরও তো সুখ-দুঃখের গান থাকে। সন্ধ্যা হয়ে এলে জ্যাংচু গরুগুলো একত্রিত করে বাড়ির দিকে চলল। নদী পার হওয়ার সময় চুনিতারা জ্যাংচুর কাঁধে পা রাখল এবং ডানহাতে ধরল গরু তাড়ানোর লাঠি। একটি ভিক্ষুকের গায়ের সাথে স্পর্শ লাগাতে রাজকুমারীর ঘেন্না হলেও এছাড়া উপায় নেই। তাই শক্ত করে জ্যাংচুকে ধরে থাকতে হলো রাজকুমারীকে।

দ্বিতীয় দিন পড়ল দ্বিতীয় রাজকুমারী স্বর্ণতারার পালা। সেও ছিল ঠিক তার বড় বোনের মতো। জ্যাংচু বুঝে গেল চুনিতারা ও স্বর্ণতারা কারও সাথে তার জীবনের বন্ধন অদৃষ্টে নেই।
তৃতীয় দিন এলো তৃতীয় রাজকুমারী তাম্রতারার পালা। সেদিনও ছিল কাদামাটিময়। রাজকুমার জ্যাংচু হাঁটু গেড়ে বসে রাজকুমারীকে বলল, তার পিঠে বসার জন্য। কিন্তু রাজকুমারী এতে খুবই আঘাত পেল এবং তা প্রত্যাখ্যান করে বলল, এমন কাজ আমি করতে পারব না। দুধ উৎসর্গের সময় রাজপুত্রের প্রতি উৎসর্গীকৃত দুধ তার মুখে পড়লে সে জানতে চাইল, আমি কী করব এখন? রাজকুমার জ্যাংচুর প্রতি উৎসর্গ করা দুধ আমার মুখে পড়েছে। আমি কি এটা গিলে ফেলব না ফেলে দেবো? রাজকুমারী বললো, যদি তোমার মুখে পড়ে থাকে তাহলে এর নিশ্চয় কোনো ভালো কারণ আছে। তুমি তা গিলে ফেলো। এরপর জ্যাংচু এক কাপ দুধ খেতে চাইলে সে বলল, তোমার যত খুশি তত খাও। এখানে প্রচুর দুধ আছে।
দুপুরে খাওয়ার সময় সে জ্যাংচুকে একসাথে বসে খেতে খুবই অনুরোধ করল। খাওয়ার পর সে একটি গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। রাজকুমার জ্যাংচু তার পাশে বসে ভালো করে দেখল। তারপর তার হাত থেকে তামার আংটি খুলে শূন্যে ছুঁড়ে দিয়ে উচ্চারণ করল, রাজকুমারী তাম্রতারা এই তামার আংটি উৎসর্গ করলাম। যদি আমাদের ভবিষ্যৎ জীবন এক হয় তাহলে এই আংটি তোমার হাতে পড়বে আর যদি না হয় তাহলে আমার কাছে ফিরে আসবে। রাজকুমারী ঘুম থেকে জেগে উঠে অবাক হয়ে দেখে তার আঙুলে একটি আংটি পরানো। রাজকুমার জ্যাংচুকে জিজ্ঞেস করলে সে অস্বীকার করল। তখন সে মনে মনে ভাবল, সম্ভবত এটি কোনো ভালো লক্ষণ হতে পারে। তাই সে এটি রেখে দেবার সিদ্ধান্ত নিলো। রাজকুমারী তাকে জিজ্ঞেস করল, তুমি কি গান করছিলে? তখন সে বলল, ভিক্ষুক হলেও আমার সুখ-দুঃখের গান আছে না? এর চেয়ে বেশি কিছু সে বলল না।
সন্ধ্যায় বাড়ি ফেরার সময় জ্যাংচু পিঠে তুলে নিয়ে রাজকুমারীকে নদী পার করতে চাইল। কিন্তু সে জ্যাংচুর কাঁধে না উঠে বরং তার হাত ধরে নদী পার হলো। তৃতীয় দিন শেষে জ্যাংচু বুঝল কোন রাজকুমারীকে সে বিয়ে করতে চায়। কিন্তু রাজকুমারী আসলেই তার স্ত্রী হবে কি না তা জানার জন্য আরও পরীক্ষা করা দরকার।

এখন রাজা মনে করল রাজকুমারীদের এবার বিয়ে দিতে হবে। তাই রাজা সবাইকে আমন্ত্রণ জানাল যারা রাজকুমারীদের বিয়ে করতে চায়। সে ঘোষণা করল যে রাজকুমারীকে বিয়ে করতে চায় তাকে নিজের বীরত্ব প্রমাণ করতে হবে। চারদিক থেকে বিয়ের পাত্র এসে তাদের বিভিন্ন সাহসী ও বীরত্বপূর্ণ যোগ্যতা প্রদর্শন করল। প্রত্যেকে নিজ নিজ যোগ্যতার প্রমাণপত্র নিয়ে নির্দিষ্ট দিনে প্রাসাদে হাজির হলো। এদের একজন ধরে নিয়ে এলো একটি ড্রাগন। তখনও তার মুখ দিয়ে আগুন বের হচ্ছিল। একজন নিয়ে এলো একটি সামুদ্রিক সাপ। এটিকে সে পোষ মানিয়েছে। আরেকজন ধরে নিয়ে এলো পিশাচের রাজাকে গলায় মোটা চামড়ার বেল্ট বেঁধে।
অনুষ্ঠানের দিন রাজকন্যারা তাদের পছন্দের পাত্রকে একটি স্কার্ফ উপহার দেবে। এর আগের দিন রাজকুমার জ্যাংচু একটি নবজাত বাছুর নিয়ে রাজকুমারী তাম্রতারার বিছানার পাশে রেখে এলো। তখন সে রাজকুমারীকে জাগিয়ে বলল, তুমি এই বাছুরটি জন্ম দিয়েছ। এখন তুমি যদি আমাকে পছন্দ না করো তাহলে আমি সবাইকে তা বলে দেবো।
রাজকুমারীর একথা মেনে নেয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। পরদিন সূর্যোদয়ের সময় প্রাসাদের ছাদে শুরু হলো স্বয়ম্বর অনুষ্ঠান। রাজকুমারী চুনিতারা প্রথম দৃঢ়পদে হেঁটে এসে পূর্বরাজ্যের রাজাকে স্কার্ফ সমর্পণ করলে সবাই খুশি হয়ে হাততালি দিলো। রাজকুমারী স্বর্ণতারা পশ্চিমের রাজাকে দিলো তার স্কার্ফ। বেচারী রাজকুমারী তাম্রতারা মাথা নিচু করে ভিড়ের দিকে এগিয়ে গিয়ে ভিক্ষুকবেশী জ্যাংচুকে স্কার্ফ উপহার দিলো। উপস্থিত সবাই বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়ল। চারদিকে হায় হায় রব উঠল। রাজা খুবই রাগান্বিত হয়ে দুজনকেই রাজ্য থেকে বের করে দিলেন।
রাজকুমার জ্যাংচু ও রাজকুমারী তাম্রতারা অনেকদিন হেঁটে বহু উপত্যকা বহু পর্বত পার হয়ে একদিন এসে পৌঁছাল এক বিশাল মাঠে। তারা বিরাট গবাদি পশুর একটি পাল দেখতে পেল। রাজকুমারী বলল, এত বিশাল গরুর পাল কার হতে পারে? এগুলো আমাদের হলে খুব ভালো হতো। জ্যাংচু বলল, সম্ভবত তাই হতো।
তখন সে এই গরুর মালিকের ঘরে কিছু খাবার চাইতে যেতে চাইল। সে ফিরে এলো গরম সুস্বাদু খাবার নিয়ে। এসেই বলল এরা খুবই ভালো মানুষ।
পরবর্তী কয়েকটি দিন তারা কাটাল বার্লি, গম, সরিষার ক্ষেত এবং ঘোড়া, ভেড়া ও ছাগলের বিশাল পালের মাঝে। প্রতিদিনই জ্যাংচু তার স্ত্রীর জন্য সহৃদয় পশুপালকদের কাছ থেকে সুস্বাদু ও ভালো ভালো খাবার এনেছে। আসলে এইসব পশুগুলোর মালিক সে নিজে। প্রতিবার সে খাবার আনতে গেলে তারা তাদের প্রিয় রাজকুমারকে সবচেয়ে ভালো খাবারটিই দিয়েছে। একদিন তারা এসে পৌঁছাল এক বিশাল প্রাসাদের কাছে। কলকল রবে বয়ে চলা রুপোলি পাহাড়ি নদীর পাড়ের এই প্রাসাদ যেন পুরো উপত্যকা আলোকিত করে রেখেছে। চোখ ঝলসানো সুন্দর এই প্রাসাদ। রাজকুমারী তাম্রতারা ভাবল, এই প্রাসাদ আমার বাবার প্রাসাদের চেয়েও অভিজাত এবং এই স্থানটি খুবই সুন্দর। রাজকুমার জ্যাংচু প্রাসাদের ভেতর খাবার চাইতে ঢুকলে তাম্রতারা গেটের বাইরে অপেক্ষায় রইল। গেটের বাইরে অপেক্ষা করার সময় সে একজন লোকের সাথে কথা বলল। লোকটি প্রাসাদের ঝাড়ুদার। সে ঝাড়ুদারকে এই প্রাসাদের মালিকের নাম জিজ্ঞেস করলে ঝাড়ুদার অবাক হয়ে বলল, তুমি জানো না? এটা রাজকুমার জ্যাংচুর প্রাসাদ। তখন রাজকুমারী তাম্রতারা জিজ্ঞেস করল, রাজকুমার জ্যাংচু কি প্রাসাদে আছে? ঝাড়ুদার আরও অধিক বিস্ময়ে জিজ্ঞেস করল, তুমি তাকে দেখোনি? সে এই মাত্র ভিক্ষুকের বেশে প্রাসাদে প্রবেশ করেছে।

রাজকুমারী তাম্রতারা কিছু বলার আগেই রাজকুমার জ্যাংচু এসে তাকে অভ্যর্থনা জানিয়ে প্রাসাদের ভেতর নিয়ে গেল। তখন সে রাজকুমারীকে সবকিছু বলল। বলল তারা রাজা-রানী হিসেবে সারাজীবন থাকতে পারবে কি না তাই সে পরীক্ষা করে দেখেছে। সে আরও বলল, আমি চেয়েছিলাম একজন সহৃদয় এবং মার্জিত রানী। তুমি ঠিক তাই।

এরপর কয়েকদিন চলল মহাধুমধাম। এ খবর চারদিকে ছড়িয়ে পড়ল। রাজকুমারী চুনিতারা ও স্বর্ণতারা তাদের শুভেচ্ছা জানাতে এলো। তাদের বাবা তার খারাপ ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করতে এলো। রাজকুমার জ্যাংচু ও রাজকুমারী তাম্রতারা রাজাকে শুধু ক্ষমা করেছে তা-ই নয় উপহার দিয়ে ভরিয়ে দিয়েছে।

প্রকাশকাল: নভেম্বর ২০২৪

দুনিয়ার শেষ রাস্তা: একা যেতে মানা

দুনিয়ার শেষ রাস্তা

জাতীয় কবির ‘সংকল্প’ নামের কবিতাটি নিশ্চয়ই তোমরা পড়েছো-
“কীসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের চুড়ে
তুহিন মেরু পার হয়ে যায়
সন্ধানীরা কীসের আশায়;
হাউই চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে
শুনবো আমি, ইঙ্গিত কোনো ‘মঙ্গল’ হতে আসছে উড়ে।”
এমনই তো হয় অভিযাত্রীরা। ‘আপন সীমার বাঁধন টুটে’ তারা ছুটে যান দিকে দিকে; দেশ দেশান্তরের অজানাকে জানতে, অদেখাকে দেখতে, নতুন নতুন আবিষ্কারের নেশায়।

ধর্মপ্রাণ মানুষ যেমন মনে মনে স্বপ্ন দেখেন জীবনে অন্তত একবার মক্কা মদিনায় যাবেন, তেমনই বিশ্বের তাবৎ পর্যটক, অভিযাত্রী ইচ্ছা পোষণ করেন পৃথিবীর সর্বশেষ সীমায় পৌঁছার। যেখানে বছরের ছয় মাস দিন আর ছয় মাস রাত এমন দৃশ্য দেখতে কার না মন চায়! আর সেখানেই যদি থাকে মেরুপ্রভা বা মেরুজ্যোতি (নর্দার্ন লাইটস বা অরোরা বোরিয়ালিস) দেখার সুযোগ তাহলে তো কথাই নেই। মেরুপ্রভা হলো মেরুর দিগন্তে রাতের অন্ধকারে হঠাৎ ঝলসে ওঠা সবুজ, গোলাপি, ঈষৎ বেগুনি, মাঝেমধ্যে নীল ও সাদা আলোর বিচিত্র ঝলকানি। যারা এই মায়াবী ‘আলোর নাচন’ নিয়ে আগ্রহী, তারা জেনে নিও আলাদা করে। আজ শেষ সড়কপথের কথা বলি।
পৃথিবীর শেষ সড়কপথ তোমাকে নিয়ে যাবে পৃথিবীর সবচেয়ে উত্তরের এমন একটি জায়গায় যার পর আর কোনও রাস্তা নেই। মানে এটাই আখেরি রাস্তা।

হ্যামারফেস্ট থেকে নর্ডক্যাপ

পৃথিবীর শেষটা কোথায়? এই প্রশ্নে মানুষের কৌতূহলের শেষ নেই। অ্যাডভেঞ্চারপ্রেমীরা সেই স্থান দেখতে চান সরেজমিনে। কিন্তু সেখানে পৌঁছানো কি সম্ভব? উত্তর, হ্যাঁ, সম্ভব। পৃথিবীর শেষ রাস্তাটির নাম হলো ই-৬৯ হাইওয়ে। মেরুজ্যোতি দেখা যেমন যেকোনো অ্যাডভেঞ্চারপ্রেমীর স্বপ্ন, তেমনই পৃথিবীর শেষ রাস্তা (Last Road Of The World.) ধরে একবার হেঁটে যাওয়া। কিন্তু এই রাস্তাটিকে কেন বিশ্বের শেষ রাস্তা বলা হয়? আর কেনই বা সেখানে একা যাওয়া মানা? সেখানে গেলে কি অতল গহ্বরে তলিয়ে যাওয়ার ভয় আছে? কেন এত রহস্য সেই রাস্তা ঘিরে? কোথায় শুরু, আর কোথায় শেষ হয়েছে এই রাস্তা? চলো, জেনে নেয়া যাক।
পৃথিবীর শেষ রাস্তা ই-৬৯ হাইওয়ের অবস্থান উত্তর গোলার্ধে অর্থাৎ নিরক্ষরেখার উপরের দিকে। উত্তর মেরুর গা ঘেঁষে সড়কটি চলে গেছে নরওয়ের ওল্ডারফিউওর্ড গ্রাম (Olderfjord) থেকে উত্তর ইউরোপের নর্ডক্যাপ (Nordkapp) পর্যন্ত। যার পর আর কোনও সড়ক নেই। সেজন্যেই নরওয়ের ‘ই-৬৯ হাইওয়ে’ নামের এই সড়কটিকে বলা হয় পৃথিবীর শেষ রাস্তা বা Last Road Of The World.

ই-৬৯ এর একটি টানেল, তখনও নির্মাণকাজ চলছিলো

অরোরা বা উত্তরের আলোর নাচন যদি হয় প্রকৃতির বিস্ময়; শেষ সড়ক হলো আধুনিক প্রকৌশলের বিস্ময়, যা মানুষের হাতে তৈরি। প্রায় ১২৯ কিলোমিটার দীর্ঘ এই পথে আছে পাঁচটি টানেল। টানেলগুলোর মোট দৈর্ঘ্য সাড়ে ১৫ কিলোমিটার। এর মধ্যে সবচেয়ে দীর্ঘ টানেলটির দৈর্ঘ্য প্রায় সাত কিলোমিটার।

নরওয়ের ফিনমার্ক অঞ্চলের একটি মনোরম হাইওয়ে ই-৬৯, যে পথে মনোরম ও চোখ ধাঁধানো নৈসর্গিক দৃশ্য বেশুমার। আছে বৈচিত্র্যময় সাংস্কৃতিক তাৎপর্যও। ইউরোপীয় রুট (ই-রুট) নেটওয়ার্কের সবচেয়ে মনোরম হাইওয়েগুলোর অন্যতম এই পথেই তুমি দেখতে পাবে সামি জনগোষ্ঠীর মানুষ ও তাদের জীবনযাত্রার বৈচিত্র্য। সামি একটি আদিবাসী জাতিগোষ্ঠী, যারা ছড়িয়ে আছে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এবং রাশিয়ার কোলা উপদ্বীপের উত্তরাঞ্চলেও। এদের মোট জনসংখ্যা এক লাখেরও কম।

এই পথে গেলে দুপাশে নজরে আসবে ছবির মতো অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। কোথাও সুনীল আকাশের পটে দিগন্ত বিস্তৃত সমুদ্রের বিপুল জলরাশি, কোথাও টানা পাহাড়শ্রেণী, কোথাও শুধু শুভ্র সফেদ বরফ, বরফ আর বরফ। আর শীতের দেশের মানুষের জীবন সংগ্রামের চিত্র। এই রাস্তা দিয়ে জীবনে একবার অন্তত না গেলে অ্যাডভেঞ্চারপ্রেমীদের জীবনই বৃথা।

একা যাওয়ার সুযোগ নেই

সামি শিশুরা

সবকিছুরই নিজস্ব সুবিধা অসুবিধার দিক আছে। ই-৬৯ হাইওয়েরও। তাই এ পথে ভ্রমণের কিছু নিয়ম বাঁধা আছে। নিয়ম না মানলে সেখানে যাওয়ার কথা ভুলেও ভাববে না। প্রথমত এই সড়কে একা যাওয়া নিষেধ। কিন্তু কেন? রহস্যময় এই পথটি কি খুব ভয়ানক? উত্তর হ্যাঁ কিংবা না দুইই হতে পারে। এর অভিনব ভৌগলিক অবস্থানের কারণে এখানে কাউকে একা যাওয়ার অনুমতি দেওয়া হয় না। এখানে যেমন ভয়ানক গতিতে ঝড়ো বাতাস বয়ে যায় তেমনই ঠান্ডাও মারাত্মক। শীতে তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি ছাড়িয়ে নেমে যায়। আর গ্রীষ্মকালেও মোটামুটি শূন্যের কাছাকাছি থাকে। গ্রীষ্মেও বরফ পড়ে। এখানে আবহাওয়ার কোনও ধরাবাঁধা বৈশিষ্ট্য নেই। এই ঝড়, তো এই বৃষ্টি। হঠাৎ শুরু হতে পারে প্রচণ্ড তুষারপাত অথবা দৃষ্টি আচ্ছন্নকারী তুমুল বর্ষণ। কখন কী অবস্থা থাকবে, বলতে পারে না কোন অত্যাধুনিক আবহাওয়া দপ্তরও। কিছুই বলে কয়ে আসে না। আর এই অপ্রত্যাশিত আবহাওয়ার কারণেই এ পথে কাউকে একা যেতে দেওয়া হয় না। অনেকে মিলে প্রোগ্রাম করে রীতিমতো গাড়ির বহর নিয়ে যেতে চাইলে তবেই অনুমতি মিলবে ভ্রমণের। এটা এজন্যে যে, কোনও কারণে কেউ বিপদে পড়লে অন্যরা যেন সাহায্য করতে পারে।
শীতকালে বরফ জমার কারণে রাস্তা বন্ধ থাকে, বিশেষ করে সর্ব উত্তরের অনেকটা অংশ। অতিরিক্ত তুষারপাত বা বৃষ্টি হলে এখানে গাড়ি চালানো ভয়ানক বিপজ্জনক।

বরফের দেশে এখনও সামিরাই কুকুর বা গাধায় টানা স্লেজ গাড়িতে পর্যটকদের ঘুরে বেড়ানোর সুযোগ করে দেয়

শেষ পথের শুরু

১৯৩৪ সালে হাইওয়ে তৈরির সিদ্ধান্ত চ‚ড়ান্ত হয়। পরিকল্পনায় পর্যটন, মৎস্যচাষ ইত্যাদি শামিল ছিল। রাস্তার সম্প্রসারণ হয়েছে ধীরে ধীরে। পুরো রাস্তার নির্মাণকাজ সম্পন্ন হয় ১৯৯২ সালে। নরওয়ে এমন একটি দেশ যেখানে একজন পর্যটকের আগ্রহের তালিকার অনেক কিছুই পাওয়া সম্ভব। এর মধ্যে অন্যতম, সড়ক পথে উত্তর মেরুর যতোটা সম্ভব কাছাকাছি পৌঁছানোর এই হাইওয়ে। একবার যদি ভ্রমণ করো, তবে নিশ্চিত, এটি তোমার জীবনের সেরা স্মৃতি হয়ে থাকবে।

প্রকাশকাল: নভেম্বর ২০২৪