আজকে দাদা স্মৃতিকথার ঝুলি দিলেন খুলে,
হারিয়ে যাওয়া দিনগুলোকে যাননি তিনি ভুলে।
রোদসীকে বলেন তিনি, পড়ছে আমার মনে,
বাইরে ঝাঁ ঝাঁ রোদের দাপট আমরা যেতাম বনে।
খেয়েছি আম-জাম-জামরুল বনবাদাড়ে ঘুরে,
নানা পাখি সেখানে গান গাইত নানা সুরে।
খাঁ খাঁ রোদে মাঠ আমাদের হতো নিঝুমপুরী,
সেই না মাঠে বেশ ওড়াতাম নিজের তৈরি ঘুড়ি।
এই এতক্ষণ শুনল রোদু দাদার স্মৃতিকথা,
তারপরে সে বলল কথা ভেঙে নীরবতা।
তখন কেবল টুতে পড়ি ছোট ছিলাম খুব,
মায়ের মোবাইল সরিয়ে নিয়ে দেখতাম ইউটুব।
একদিন আমি মায়ের কাছে পড়ে গেলাম ধরা,
মা বলে দেন, মনে রেখো আগে তোমার পড়া।
কিছুক্ষণের জন্য মা দেন মোবাইল আমার হাতে,
লেখাপড়ার ক্ষতি না হয় দেখেন সাথে সাথে।
দাদা বলেন, মটর-বাদাম খেয়েছিলাম হাটে,
ছেলেবেলার কথা ভেবে সময় আমার কাটে।
রোদুমণি একটি কথা বলল বুড়ির মতো,
তখন আরো ছোট ছিলাম ফুচকা খেতাম কত!
দাদার সাথে রোদসীও করে স্মৃতিচারণ,
ওসব কথা বলতে তাকে কেউ করে না বারণ।
দাদার যেমন স্মৃতি আছে তেতো এবং মধুর,
ঠিক তেমনই স্মৃতি আছে মিষ্টি মেয়ে রোদুর।
তোর্সা কোথায়? গেছে ছাতে।
এই না ছিল বারান্দাতে?
দেখেছিলাম পড়ার ঘরে।
কী করে সে? কাব্য পড়ে।
প্রবন্ধ কী? উপন্যাসও?
কিন্তু তোমরা কেন হাসো?
ড্রয়িংরুমে কী করে সে?
গল্প করে হেসে হেসে।
ওখানে সব হাতি ঘোড়া
গল্পসাথী তাই তো ওরা!
আর যা আছে খেলনা পাতি
সেসব নিয়ে মাতামাতি।
গেলে বাবা-মায়ের কাছে
ফুল দেখে সে গাছে গাছে।
এতকিছু ও কি বোঝে?
ফুল তুলে সে কানে গোঁজে।
মামার ঘরে ও কি না যায়?
কী করে সে? গিটার বাজায়!
গিটার শুধু? পিয়ানো না?
ওই তালিকায় কী আনো না!
তাইলে বাজায় তবলা কি?
সেটা আবার নতুন নাকি?
বাজায় যখন ড্রাম বা সরোদ
তাতে থাকে অনেক র।
শুনে মামার গঞ্জনা
বাজিয়ে থাকে খঞ্জনা।
কারণটা কী? নানার বাড়ি
ওর কি নারাণগঞ্জ না?
রান্নাঘরে ছিল কি সে?
কী করে সে? মশলা পিষে?
আনাজ কোটে? মাংস মাছও?
অবশ্যই? কোথায় আছো?
রান্না করে রুইয়ের মাথা?
তাতে কী দেয়, সজনেপাতা?
লবঙ্গ দেয়, লাল মরিচও?
সবাই কী কয়? কী করিছো?
ডাইনিঙে তার আছে চেয়ার?
নানার সঙ্গে করে শেয়ার।
ওসব খাবার ঝাল লাগে না?
ও তো বলে, ভাল্লাগে! না!
নানার ঘরে ও যায় না কি?
না গেলে তা পোষায় নাকি?
এক মেয়ে যায় সকল ঘরে
সবার হৃদয় দখল করে।
তোর্সা কোথায়? সে সবখানে
সুর ঢেলে দেয় সবার কানে।
কী করে হয়? ভালোবাসায়!
আনন্দে সবাইকে ভাসায়।
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই।
ডিসেম্বরের ছুটিতে তোমরা সবাই তো বেড়াতে যাবে তাই না? ধরো, তুমি তোমার খালামণির নতুন বাসায় বেড়াতে যাচ্ছো, যেটা তুমি চেনো না। বাসার কাছাকাছি যাওয়ার পর তোমাকে উনি ফোনে বললেন, সামনের মোড় থেকে এবার দক্ষিণ দিকে আসো। তখন তুমি কী করবে? হয় কাউকে জিজ্ঞেস করবে, নয়তো দিকনির্দেশসূচক কোনো চিহ্নের দিকে তাকাবে (কিংবা সূর্যের দিকে তাকাবে) তাই না?
কিন্তু ধরো, তুমি আটলান্টিক মহাসাগরের কোনো দ্বীপে, কিংবা সাহারা মরুভূমির কোনো মরুদ্যানে বেড়াতে যাচ্ছো। এমন সময় তোমার খালামণি কল দিয়ে বললেন, বাবা ‘একটু’ দক্ষিণ-পশ্চিম দিকে এগিয়ে আয়। তখন কী করবে? সূর্যের দিকে তাকাবে, এই তো? কিন্তু ‘একটু’টা ঠিক কতটুকু, কীভাবে বুঝবে? ‘একটু’টা যদি ‘আরেকটু’ বেশি বা কম হয়ে যায়, তখন কী করবে? রাতের বেলা সূর্যই বা পাবে কোথায়?
বলছিলাম কম্পাসের কথা। তোমাকে ‘একটু’ এবং ‘আরেকটু’র বিড়ম্বনা থেকে বাঁচাতে পারে এ দারুণ জিনিসটি। শুধু বিড়ম্বনা থেকে বাঁচাতেই নয়, বরং যদি বলি পুরো মানবসভ্যতা দাঁড়িয়ে আছে যে কয়েকটি জিনিসের ওপর, কম্পাস তার মধ্যে একটি, তাহলে অবাক হবে? চলো তাহলে, শুরু করা যাক কম্পাসের গল্প।
প্রথমেই চলো, কম্পাসের প্রাথমিক পরিচিতিটা সেরে নেই। আমরা জানি, দিক মোট দশটি। এর মধ্যে কম্পাসে আটটি দিকের ব্যবহার রয়েছে। প্রধান চারটি দিককে কম্পাসের পরিভাষায় কার্ডিনাল পয়েন্ট বা কার্ডিনাল ডিরেকশন বলা হয়। দিকগুলো হলো উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম। কম্পাসে দিকগুলোকে N, S, E এবং W দ্বারা চিহ্নিত করা হয়। প্রতিটি দিকের মাঝে পার্থক্য ঠিক ৯০ ডিগ্রি। প্রধান চারটি দিকের ঠিক মাঝ বরাবর আরও চারটি দিক রয়েছে। এগুলোকে অর্ডিনাল পয়েন্ট বা ইন্টারকার্ডিনাল পয়েন্ট বলা হয়। কার্ডিনাল পয়েন্ট থেকে ৪৫ ডিগ্রি কোণে এদের অবস্থান। দিকগুলো হলো- উত্তর-পশ্চিম, দক্ষিণ-পশ্চিম, দক্ষিণ-পূর্ব এবং উত্তর-পূর্ব। কম্পাসে দিকগুলোকে NW, SW, SE এবং NE দ্বারা চিহ্নিত করা হয়। এছাড়াও কার্ডিনাল পয়েন্ট ও অর্ডিনাল পয়েন্টের ঠিক মাঝ বরাবর সেকেন্ডারি অর্ডিনাল পয়েন্ট নামে আরও আটটি পয়েন্ট রয়েছে। কার্ডিনাল পয়েন্ট কিংবা অর্ডিনাল পয়েন্টের সঙ্গে সেকেন্ডারি কার্ডিনাল পয়েন্টের পার্থক্য ২২.৫ ডিগ্রি। এরপর রয়েছে কম্পাস রোজ। কম্পাসের বেজমেন্টকে কম্পাস রোজ বা কম্পাস স্টার বলা হয়। এখানে দিকনির্দেশক ও ডিগ্রির মান লেখা থাকে। কম্পাসে একটি চৌম্বকীয় কাঁটা বা ম্যাগনেটিক নিডল থাকে, যা সবসময় ম্যাগনেটিক নর্থের দিকে (সত্যিকারের উত্তর দিক নয় কিন্তু, চৌম্বকীয় উত্তর দিক) ইঙ্গিত করে। ম্যাগনেটিক নিডলটি একটি পিণ্ট পয়েন্ট কিংবা কেন্দ্রবিন্দুর ওপর দাঁড়িয়ে থাকে।
বলছিলাম সত্যিকারের উত্তরদিক আর চৌম্বকীয় উত্তরদিকের কথা। কী, অবাক হচ্ছো? উত্তরদিক আবার দুইটা হয় নাকি? হ্যাঁ, আসলেই হয়। কীভাবে? চলো দেখি।
সত্যিকারের উত্তরদিক (True North) হচ্ছে উত্তর মেরু যেই দিকে অবস্থিত, ঠিক সেইদিকটাই। সত্যিকারের উত্তরদিককে ভৌগলিক উত্তরদিকও (Geographic North Pole) বলা হয়। পৃথিবী যে অক্ষকে কেন্দ্র করে ঘুরে, তার ঠিক উত্তরদিকটাই ট্রু নর্থ বা সত্যিকারের উত্তরদিক। তুমি পৃথিবীর যেখানেই যাও না কেন, সত্যিকারের উত্তরদিক সবসময় একটাই থাকবে। আর থাকবেই না কেন, এটার নামই তো সত্যিকার উত্তরদিক। সত্যি তো সবসময় একটাই, তাই না!
চৌম্বকীয় উত্তরদিক (Magnetic North) হচ্ছে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের প্রভাবে চুম্বকের কাঁটা উত্তরে যেইদিকে অবস্থান করে।
পৃথিবীর বিভিন্ন অংশে গিয়ে চৌম্বকীয় উত্তরদিক পরিবর্তন হয়। অবশ্য পরিবর্তন মানে দক্ষিণ দিককে উত্তরদিক বানিয়ে ফেলে, ব্যাপারটা মোটেও এরকম না। বরং সত্যিকারের উত্তরদিক আর চৌম্বকীয় উত্তরদিকের মধ্যে পার্থক্যটা সামান্যই।
এখন প্রশ্ন হচ্ছে, কীসের আকর্ষণে চুম্বকের কাঁটা সবসময় উত্তরদিকে ঘুরে যায়? আমরা তো জানি, পৃথিবীর অভ্যন্তরে লোহার বিশাল ভাণ্ডার রয়েছে। এই লোহার অংশ চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করে। চৌম্বকীয় উত্তরমেরু হচ্ছে সেই স্থান, যেখানে এ চৌম্বকীয় আকর্ষণ সবচেয়ে বেশি। বর্তমানে চৌম্বকীয় উত্তরমেরু আর্কটিক মহাসাগরের কানাডিয়ান উপকূলে অবস্থিত।
পাশের ছবিটি লক্ষ করো। কী দেখতে পাচ্ছো? সত্যিকারের উত্তরদিক আর চৌম্বকীয় উত্তরদিক আসলে এক জায়গায় না। এ কারণে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে চৌম্বকীয় উত্তরদিক ভিন্ন হয়। মজার বিষয় হচ্ছে, পৃথিবীর চৌম্বকক্ষেত্র কিন্তু প্রতিবছর একটু করে স্থান পরিবর্তন করে। এ কারণে প্রতিবছর চৌম্বকীয় উত্তরদিকও একটু করে পরিবর্তিত হয়। অবশ্য এ পরিবর্তন সুক্ষ্ম বৈজ্ঞানিক যন্ত্রপাতি ছাড়া ধরা কঠিন।
কম্পাস প্রথমবারের মতো আবিষ্কৃত হয় চাইনিজদের দ্বারা, ২০৬ খ্রিষ্টপূর্বাব্দে। সেসময় হান সভ্যতায় লোডস্টোন নামে একটি চৌম্বকীয় পাথর দ্বারা চাইনিজরা কম্পাস তৈরি করে। সেসময় তারা স্বর্গীয় প্রতীক হিসেবে দক্ষিণমুখী চামচ (South-Pointing Spoon) নামে একটি যন্ত্রাংশ ব্যবহার করতো, যা মূলত কম্পাসেরই আদিরূপ। পরবর্তীতে একাদশ শতাব্দীতে সং সভ্যতায় চাইনিজরা কম্পাসকে জাহাজে দিকনির্দেশক হিসেবে ব্যবহার করা শুরু করে। অর্থাৎ মাঝের হাজার বছর ধরে কম্পাস তার আসল কাজ- দিকনির্দেশনার কাজে ব্যবহারই হয়নি। শুধুমাত্র পবিত্রতার প্রতীক ও স্বর্গীয় চিহ্ন হিসেবেই রেখে দেয়া হয়েছিলো এ দারুণ আবিষ্কারটিকে। মজার না ব্যাপারটা?
তবে চাইনিজরা কম্পাসের আসল ব্যবহার শুরু করলেও তারা এটাকে উন্নত করতে পারেনি। তারা লোডস্টোন নামক পাথরকে পানিতে ভাসিয়ে তার দিকনির্দেশনা অনুসরণ করতো। বলাবাহুল্য, দিকনির্দেশনা সবসময় ঠিকমতো হতো না। পরবর্তীতে দ্বাদশ শতকে চাইনিজদের এ যন্ত্রটি মুসলিম বিজ্ঞানীদের চোখে পড়ে। মুসলিম বিজ্ঞানী এবং পরিব্রাজকেরা লোডস্টোনকে পিভট পয়েন্টের ওপর স্থাপন করে ব্যবহার করা শুরু করেন। ফলে কম্পাস আরও সুক্ষ্মভাবে দিক বুঝাতে সক্ষম হয় এবং আরও ব্যবহারকারীবান্ধব হয়ে ওঠে। এখনও কম্পাস মূলত এই মূল গঠনপ্রণালীতেই কাজ করে।
দ্বাদশ শতকের শেষদিকে কম্পাস ইউরোপে প্রবেশ করে। ইউরোপে কম্পাসের প্রবেশের মাধ্যমেই ইউরোপ নতুন এক যুগে প্রবেশ করে। আসছি সে বিষয়ে। পঞ্চদশ শতকে কম্পাসের আরও কিছু পরিবর্তন আসে। একটু আগে বলছিলাম পৃথিবীর বিভিন্ন স্থান থেকে চৌম্বকীয় উত্তরদিক ভিন্ন হয়। পঞ্চদশ শতকের আগে কম্পাস এ সমস্যাটি সমাধান করতে পারতো না। ফলে নাবিকদের পড়তে হতো বিশাল ঝামেলায়। কিন্তু এ সময়ে এসে বিজ্ঞানীরা কম্পাসকে এমনভাবে ডিজাইন করেন, যেন স্থান পরিবর্তনের সাথে সাথে কম্পাসও চৌম্বকীয় উত্তরদিকের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারে। কম্পাসের ইতিহাসে এটি ছিলো আরেকটি বৈপ্লবিক সংযোজন। পরবর্তীতে উনবিংশ শতাব্দীতে তরলে-পূর্ণ কম্পাস আবিস্কৃত হয়, এবং হালআমলে এসে ডিজিটাল ও জিপিএস সিগন্যালসহ কম্পাস আবিস্কৃত হয়েছে।
বলছিলাম কম্পাসের মাধ্যমে ইউরোপের নতুন যুগে প্রবেশের কথা। যদি বলি, শুধু ইউরোপ নয়, বরং পুরো মানবসভ্যতাকেই কম্পাস পরিবর্তন করে ফেলেছে, তাহলে অবাক হবে? চলো, একটু ঘুরে আসি ইতিহাসের বাঁক থেকে।
আটলান্টিকের বাণিজ্যিক ত্রিভূজ
তোমরা ক্রিস্টোফার কলম্বাসের নাম সবাই শুনে থাকবে নিশ্চয়ই। হ্যাঁ, ইউরোপিয়ানদের মধ্যে তিনিই প্রথম আমেরিকা গিয়েছিলেন (আমরা জানি কলম্বাস আমেরিকা আবিস্কার করেছিলেন। কিন্তু কলম্বাসের বহু আগে থেকেই আমেরিকায় আদিবাসীরা বাস করতেন। ইউরোপীয়রা যেরকম মানুষ, সেই আদিবাসীরাও তেমনি মানুষই ছিলেন। সুতরাং নতুনভাবে আবিস্কারের কিছু নেই আসলে। আমরা সাধারণত ইউরোপীয় দৃষ্টিকোণ থেকে ইতিহাস পড়ে থাকি বলে মনে হয় সবকিছুই ইউরোপীয়ানদের হাত ধরে হয়েছে। আদতে বিষয়গুলো মোটেও এরকম নয়)। তার সমূদ্রযাত্রার আগে ইউরোপের মানুষজন জানতোই না যে আমেরিকা নামে বিশাল ভূখণ্ড রয়েছে সমূদ্রের ওপারে, যা ইউরোপের থেকে বহুগুনে বড়। কলম্বাসের আমেরিকা গমণের মাধ্যমে ইউরোপ এক নতুন যুগে প্রবেশ করে। ইউরোপীয় নাবিকেরা ইউরোপের বিভিন্ন বন্দর থেকে জাহাজ নিয়ে বেরিয়ে পড়তো, এরপর আফ্রিকায় গিয়ে নিরীহ মানুষদের বন্দী করে আমেরিকায় গিয়ে সেখানে আগেই চলে যাওয়া ইউরোপীয়দের কাছে দাস হিসেবে বিক্রি করতো। এরপর আমেরিকা থেকে উৎপাদিত শস্য এবং মূল্যবান সামগ্রী নিয়ে আবার ইউরোপে ফিরে আসতো।
ভাস্কো-দা-গামার নাম আশা করি তোমরা শুনে থাকবে। তিনিই প্রথম আফ্রিকার পশ্চিমদিক দিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তমাশা অন্তরীপ (Cape of Good Hope) ঘুরে ভারতবর্ষে আসার রাস্তা আবিস্কার করেন। তার এ আবিস্কার ছিলো ইউরোপের কাছে স্বর্ণগুহার চাবি হাতে পাওয়ার মতো। এ নৌপথ আবিস্কারের মাধ্যমেই ইউরোপীয়রা ভারতবর্ষের সাথে বাণিজ্য শুরু করে। তবে তারা তো বাণিজ্যেই থেমে ছিলো না, শুরু হয় ক্ষমতার লড়াই। ভারতবর্ষসহ ভারত মহাসাগরের বিভিন্ন দ্বীপ-উপদ্বীপে উপনিবেশ স্থাপন করে ইউরোপীয়রা। একদিকে গরীব হতে থাকে এ দেশগুলো, অন্যদিকে সম্পদ পাচারের মাধ্যমে ফুলে-ফেঁপে উঠে ইউরোপের অর্থনীতি। আজকের আধুনিক ইউরোপের ভিত্তি তো মূলত প্রাচ্যকে লুটেপুটে খাওয়া আর আফ্রিকানদের ধরে নিয়ে গিয়ে দাস হিসেবে বিক্রি করার মতো দারুণ (!) লাভজনক ব্যবসার মাধ্যমেই শক্তিশালী হয়েছে।
ছিলাম কম্পাসে। বলো তো, যদি কম্পাস আবিস্কার না হতো, কিংবা ইউরোপের হাতে না পৌঁছাতো, তাহলে কী হতো? ইউরোপ হয়তো আজও থেকে যেতো অন্ধকারে। কিন্তু আফ্রিকা আর ভারতবর্ষ থাকতো অনেক বেশি সমৃদ্ধ।
মা-মুরগির মেলায় যাওয়া হলো না এই দফায়। কারণ তার ডিম। মেলায় যেতে আসতে সময় লাগবে অনেক। ডিমে তা দেওয়া বন্ধ থাকবে। বাচ্চা ফুটতে দেরি হয়ে যাবে। সেটা কী করে হয়?
মুরগি-মা ডিমে বসে তা দেয়। সময় যায়, সময় যায়। এখন শুধু অপেক্ষার পালা। কখন, কখন, কখন? এক ঘণ্টা, দুই ঘণ্টা, তিন ঘণ্টা- এইভাবে দিন পার হতে থাকে। চলতেই থাকে ডিমে তা দেওয়ার কাজ।
একদিনের ঘটনা। একটা ধাড়ি ছাগল (সে-ও মা, তিনটে বাচ্চা আছে তারও) যাচ্ছিল ওখান দিয়ে। মেলায় যাবে ছাগল মা-টা। মুরগিকে বলে,
যাবে নাকি মেলায়? চলো আমার সঙ্গে।
মা-মুরগি জবাব দ্যায় , না গো, সেটি হচ্ছে না। মেলায় যাওয়ার কোনো উপায় নেই। দেখছো না, ডিমে তা দিচ্ছি। তুমি একাই যাও মেলায়।
এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। মোট ছয়টা ডিম। গোলগাল। পুষ্ট। ভারি সুন্দর দেখতে।
কিছুক্ষণ পর। শূকর-ছানার মা এলো ঘোঁত ঘোঁত করে। সে-ও যাচ্ছে মেলায়। ব্যস্ত মা-মুরগিকে জিজ্ঞেস করে,
ঘরে বসে একা একা কী করো? চলো যাই। মেলা থেকে ঘুরে আসি। দু’জনে গল্প করতে করতে যাওয়া যাবে।
মা-মুরগি উত্তর দেয়, না গো। আমি যেতে পারছি না। ডিমে তা দিচ্ছি। এখন আমার একটুও সময় নেই। যাও বাছা, মেলা থেকে তুমিই ঘুরে এসো গিয়ে।
মা-মুরগি ব্যস্ত। খুব বেশি ব্যস্ত। ঘুম নেই। খাওয়া-দাওয়ার কোনো ঠিক-ঠিকানা নেই। ডিম ফুটে ছানা বের না হওয়া পর্যন্ত কোনোই ছুটিছাটা নেই তার।
এক, দুই, তিন …। ছয় ছয়টা ডিম। গোলগাল। ভারি সুন্দর দেখতে। ডিমের ভেতরে ছানারা ঘুমিয়ে আছে। খুব তাড়াতাড়িই ঘুম ভাঙবে তাদের। জন্ম হবে ওদের।
একটা গাভিকে দেখা গেল পথে। মা-গভিটা রওনা দিয়েছে মেলার দিকে। এক পাক ঘুরে আসবে। শুধায় সে,
কী গো? কেমন চলছে তোমার দিনকাল? চলো না, মেলা থেকে বেড়িয়ে আসি একটুখানি। অনেক দিন কোথাও যাওয়া হয় না। চলো দু’জনায় গল্পগাছা করতে করতে মেলায় যাই।
মা-মুরগি মিষ্টি হেসে জবাব দেয়, না গো। আমার যাওয়া চলবে না। দেখছো না, ডিমে তা দিচ্ছি। বাচ্চা জন্মানোর সময় ঘনিয়ে এলো বলে। এ সময়টাতে কি কোথাও যাওয়া যায়? তুমি একা একাই যাও। পরে আবার কোনো সময় একসঙ্গে যাওয়া যাবে।
০২.
মিনিট যায়। ঘণ্টা পেরোয়। দিন গড়িয়ে রাত আসে। রাত পেরিয়ে ভোর। তারপর দুপুর।
মা-মুরগি ভাবে, আর কতক্ষণ? কখন আমার বাচ্চারা ডিমের খোলা ভেঙে বের হয়ে আসবে? কখন ওরা আমাকে মা বলে ডাকবে? কখন ওদের নিয়ে ছুটোছুটি করবো? দানাপানি খুঁটে খুঁটে খাবো সবাই মিলে?
কী যেন ঘটছে মা-মুরগি বুঝতে পারে, কিছু একটা হতে চলেছে। কী হচ্ছে এসব? ভাবনায় পড়ে যায় সে।
এক, দুই, তিন। চার, পাঁচ, ছয়। ডিমের খোলস ভাঙছে। একটার পর একটা। কী আনন্দ। বাচ্চারা জন্ম নিয়েছে। চিঁ চিঁ করে ডাকছে ওরা। কী সুন্দর। তুলতুলে গা। নরম শরীর। ছোট্ট ছোট্ট পা একেক জনের।
মা-মুরগির ঠোঁটে হাসি। মনটা বড়ো খুশি তার। এমন আনন্দ জীবনে কখনো পায়নি।
হঠাৎ মনে পড়লো, আরে মেলা চলছে না? মা-ছাগল, মা-শূকর, মা-গরু সবাই গেছে সেই মেলায়। আমরাও তো যেতে পারি। দল বেঁধে। আমরা মোট সাত জন।
তাই হলো। সাত জন মিছিল করে সোজা চলে গেল সেই মেলায়। কী যে ভালো লাগল দল বেঁধে মেলায় ঘুরতে। সে মজার কোনো তুলনা নেই। সবাই মিলে হইচই করল। অনেক ঘোরাফেরা করা হলো মেলায়। ছানাদের জন্য বেশ কিছু খেলনাপাতি, খাবার-দাবার কেনা হলো।
মা-মুরগিকে অনেক কষ্ট করতে হয়েছে। দিতে হয়েছে ধৈর্যের পরীক্ষা। সফল হয়েছে তা। এখন আর কোনো কষ্ট নেই। অপেক্ষারও দরকার নেই আর। ছানাদের নিয়ে এখন তার মহা আনন্দে দিন কাটে।
সবার কথা সবাই বলুক আমার কথা আমি
আমার তোমার সবার কাছে বিজয় অনেক দামি।
বিজয় মানেই আনন্দময় অন্যরকম সুখ
এক বিজয়ে লুকিয়ে আছে হাজার যুগের মুখ!
তিতুমীরের কথাই ধরো, যেমন ছিলেন তিনি
বাঁশের লাঠির সাহস আজও শোনায় রিনিঝিনি!
শাহজালালের পাগড়ি আজও মুক্ত হাওয়ায় ওড়ে
খিড়কি দিয়ে পালায় রাজা বখতিয়ারের তোড়ে!
খান জাহানের গল্প দেখো বুক ভরে যায় সুখে
শা’মাখদুমের সাহস ডাকে জীবন অভিমুখে।
দুদু কিংবা শরীয়তের লড়াই ঘেঁটে দেখো
তেমন করে একাত্তরের সাহস বুকে রেখো।
আগুনঝরা দৃষ্টি ছিলো মুক্তি সেনার চোখে
জীবন দিতে থাকলে রাজি কে আর তাকে রোখে।
আবু সাঈদ দুই দিকে তার ছড়িয়ে দিলো হাত
তার সাহসে কাটলো দেখো স্বৈরাচারী রাত!
কালো পিচের রাস্তাগুলো লাল হয়েছে খুনে
খুন মাড়িয়ে ভবিষ্যতের স্বপ্ন দিলো বুনে।
স্বপ্ন থেকে সৃষ্টি হলো সম্ভাবনার দ্বার
ভবিষ্যতের জন্যে শুরু নতুন অভিসার।
পানি পানি বলে যেমন মুগ্ধ দিলো প্রাণ
এই পৃথিবী শুঁকলো তাহার দুঃসাহসী ঘ্রাণ!
জীবন বাজি রেখে যারা সত্য পথের হয়
মহাকালের বুকে থাকে তাদের পরিচয়।
বিজয় মানে মুক্ত জীবন বিজয় নতুন দিন
বিজয় মানে কেউ রবে না নিঃস্ব স্বপ্নহীন।
কেউ রবে না অনাহারী অর্ধাহারী আর
সব মানুষের জন্য হবে সমান অধিকার!
বিজয় বিজয় মহান বিজয় নতুন দিনের রেশ
বিজয় সুখে হাসবে আমার প্রিয় বাংলাদেশ!
গল্পটা আবেদীন পরিবারের। এই পরিবারের যে বংশ-বৃক্ষ তাতে আছে শাখা-প্রশাখা। বাবা-মা সংসারের ঘানি টানায় ব্যস্ত। কথা বলেন কম। ঘরটা মাতিয়ে রাখে কিশোর আবরার। স্কুলের গলি পেরুবার অপেক্ষায় আছে ও। মাথায় তার হাজারো প্রশ্ন। সকাল-সন্ধ্যায় প্রশ্ন আর প্রশ্ন। প্রশ্নবানে বাবা-মা ত্যক্ত বিরক্ত। আবরারকে বকুনি থেকে রক্ষা করতে মাঝে মাঝে এগিয়ে আসে ভার্সিটি পড়ুয়া বড় ভাই ইয়ামিন আবেদীন। ইয়ামিন জেনারেশান গ্যাপটা বুঝতে পারে। তাই মৃদু হেসে বলে, বাবা আবরার তো অন্যায় কিছু করছে না, শুধু প্রশ্নটা একটু বেশি করে। বাবা শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলেন, ওর কি কোনো সময় জ্ঞান থাকতে নেই? ও তো এখন বড় হচ্ছে, কখন কী বলতে হয় তা তো ওকে জানতে হবে। আজকের ঘটনাটাই দেখো, অফিস থেকে ক্লান্ত-শ্রান্ত হয়ে বাসায় ঢুকেছি মাত্র, কই এক গ্লাস ঠান্ডা পানি দেবে, ব্যাগটা হাত থেকে নেবে- না, ওসবের কোনো খবর নেই। কি করলো জানো, চড়া গলায় বললো- বাবা এসব কী হচ্ছে? পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে এসে এখন এটা কী করলো বাংলাদেশ ক্রিকেট দল? আমি ওর এভাবে রেগে যাওয়ার কারণটা ঠিক বুঝতে পারলাম না। ইয়ামিন শান্ত গলায় বললো- বাবা তুমি তো ক্রিকেট দেখার সময় পাও না; বাংলাদেশ আজ ভারতের মাটিতে ভারতের কাছে বাজেভাবে হেরেছে। এটা সহ্য করতে পারছে না আবরার। কিশোর মন তো, দেশের প্রতি ওর আবেগটা একটু বেশিই। আমায় দেখো পরাজয়টা কীভাবে হজম করে নিয়েছি। আমি উপলব্ধি করেছি যে, যোগ্যতার কোনো বিকল্প নেই। আবেগ দিয়ে নয়, ভালো খেলেই ভারতকে হারাতে হবে।
ইয়ামিনের কথা শুনে বাবা মৃদু হাসেন এবং বললেন, তাহলে তো বিশ্ববিদ্যালয়ে প্রবেশের আগ পর্যন্ত আমাকে আবরারের জ্বালাতন সহ্য করেই যেতে হবে? এছাড়া তো অন্য কোনো উপায় নেই বাবা, স্কুলে থাকতে আমি কি কম জ্বালিয়েছি তোমাকে? কতশত প্রশ্ন করেছি। হুম… বলে আবারও মৃদু হাসলেন বাবা।
আবেদীন পরিবারের কথামালা আপাতত শেষ হলো। তবে এর রেশ বোধহয় সহজেই কাটবে না। কারণ পাশের কক্ষ থেকে দাদা আফতাব আবেদীন নাতিদের কথাবার্তা ঠিকই শ্রবণ করেছেন। তিনি মোক্ষম সময়ের অপেক্ষায় আছেন। স্বল্প সময়ে ইতিহাসমনষ্ক দাদার কথা শেষ হবার নয়। ডিনারের পর রাতের আসরটা আজকে তিনিই শুরু করবেন বলে স্থির করে নিয়েছেন। আসরের শুরুতেই একটা ভূমিকা টানলেন আবেদীন পরিবারের সিনিয়র সদস্য আফতাব আবেদীন। বললেন, তোমাদের ক্রিকেট আলাপের বর্ণমালা কর্ণে প্রবেশ করেছে। তোমাদের আলাপটা ছিল খণ্ডিত। আবেগ দিয়ে নয়, ভালো খেলেই ভারতকে হারাতে হবে। এখানে ভুল নেই। কিন্তু বাংলাদেশ কি ভারতকে হারায়নি? কয়েকবারই হারিয়েছে। তবে পরিসংখ্যানই সব নয়, বিবেচনা করে দেখার মতো আরও অনেক বিষয় রয়েছে। অধ্যাপক দাদুর কথা মনোযোগ দিয়ে শুনছিল আবরার ও ইয়ামিন। দাদু বললেন, ভারতের জনসংখ্যা কত জানো- প্রায় দেড়শ কোটি। বাংলাদেশে প্রায় ২০ কোটি। ভারতের রয়েছে নানা বর্ণ, ভাষা ও নৃতাত্তি¡ক বৈশিষ্ট্য। ভারতে দেড়শ কোটি মানুষের বিশাল জনগোষ্ঠী থেকে গড়ে তোলা হয় ক্রিকেট টিম।
সেই তুলনায় খুবই সীমিত পরিসর থেকে টিম বাছাই করার সুযোগ পায় বাংলাদেশ। এ তো গেলো বাছাইয়ের কথা। ক্রিকেটে আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন- প্রশিক্ষণ, খেলোয়াড়দের বেতন-ভাতা, সুযোগ-সুবিধা, উন্নত ব্যবস্থাপনা, অর্থনৈতিক সামর্থ্য; এসব ব্যাপারে ভারত বাংলাদেশ থেকে অনেক এগিয়ে আছে।
তাই বলা চলে ভারতের সাথে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ অনেকটা অসম যুদ্ধের মতোই। বিশ্লেষণে গেলে বলতে হয়, বাংলাদেশ ভালোই খেলছে। আর বলে রাখা ভালো যে, ক্রিকেটেও ‘মারেফাত’ আছে, ড্রেসিংরুমের রহস্য আছে। আসলে আমি বলতে চাইছি, ক্রিকেট খেলার সবকিছুই দৃশ্যমান নয়, আছে অদৃশ্য নানা বিষয়ও। সেসব বোঝার বয়স এখনও তোমাদের হয়নি। বল তো পাকিস্তানের মাটিতে যে পাকিস্তানকে হারিয়ে আসলো বাংলাদেশ, সেই পাকিস্তানই বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারালো কেমন করে, এর ব্যাখ্যা কী? এখনই জবাব দেওয়ার প্রয়োজন নেই, মাথা গরম হয়ে যাবে। বয়স বাড়ার সাথে সাথে যদি জ্ঞানও বাড়ে তাহলে এসব বিষয়ের ব্যাখ্যা নিজেরাই দিতে পারবে। আবরার ও ইয়ামিন দাদুর খুবই ফ্যান। বলেন চমৎকার তথ্য ও তত্ত্বের যৌক্তিক রসায়ন। অবসর নিলেও অধ্যাপনার অভ্যাসটা দাদুর এখনও রয়ে গেছে।
আসরে কথা বললেও দাদু চোখ রাখেন সবার ওপর। লক্ষ করলেন বারবার ফোন আসলেও রিসিভ করছে না ইয়ামিন। কেমন যেন উশখুশ করছে। এমন তো কখনও হয়নি। ব্যাপারটা বেশ রহস্যজনক। দাদু মনে মনে ভেবেছিলেন ক্রিকেটের পর আজ ব্রিটিশবিরোধী আন্দোলন, পাকিস্তান আন্দোলন ও ভাষা আন্দোলন নিয়ে কথা বলবেন। কারণ, দাদু আফতাব আবেদীন বিশ্বাস করেন, ইতিহাসের ভিতটা পোক্ত না হলে জাতির বড় ইমারত গড়ে তোলা যায় না। কিন্তু ইয়ামিনের উশখুশ ভাব দেখে উপলব্ধি করলেন, আজ আসর আর জমবে না। অতএব এখন আসর ভঙ্গ করাই উত্তম। তবে ওঠার আগে ফোঁড়ন কেটে বললেন, আমাদের ইয়ামিন কিন্তু এখন বেশ বড় হয়ে গেছে, আমাদের সামনে ফোন ধরতে লজ্জা পায়। কী দাদু, ওপারে কে ছিল? ইয়ামিন লজ্জা পেয়ে মৃদু কণ্ঠে বললো, সেরকম কিছু না। দাদু ভাবতে লাগলেন সেরকম কিছু না তবে কীরকম কী?
ইয়ামিনকে কে ফোন করলো, বিশ্ববিদ্যালয়ে ও সারাদিন কী নিয়ে ব্যস্ত থাকে, তা তেমন স্পষ্ট নয় আবেদীন পরিবারের কাছে। মা-বাবা তো কিছুই জানেন না, এমনকি দাদুও নন। তবে ইয়ামিনের অন্যমনষ্কতা ও কিছুটা লুকোচুরিভাব দাদুর নজর এড়ায়নি। আফতাব আবেদীন সরাসরি প্রশ্ন করতে চাননি ইয়ামিন আবেদীনকে। কারণ আবেদীন পরিবারের থটফুল পরিবেশে সবাই মুক্ত। স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করতে পারে সবাই। ফ্যাসিবাদী সমাজের মতো এখানে দমন-অবদমনের কোনো বালাই নেই। তবুও ইয়ামিন এমন করছে কেন? ওর চোখ যেন কিছু বলতে চাইছে, কিন্তু মুখে কথা নেই। মাথার চুলগুলোও পরিপাটি নয়, এলোমেলো আজকাল। এমন ভাবনার মধ্যে এশার নামাজটা সেরে টিভি অন করলেন দাদু। খবর দেখে তো বিস্মিত দাদু।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে ছাত্র-ছাত্রীদের কোটাবিরোধী আন্দোলন। আন্দোলন দমনে নেমেছে সরকারদলীয় ছাত্র সংগঠন ও পুলিশ প্রশাসন। ওদের হাতে অস্ত্র। চলছে গুলি ও টিয়ার গ্যাস। নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর বেপরোয়া হামলায় ক্ষোভে ফেটে পড়েছে সারাদেশের ছাত্র-জনতা। খবর দেখতে দেখতেই দাদু উচ্চস্বরে জিজ্ঞেস করলেন, ইয়ামিন কোথায়, ও বাসায় আছে তো? আবরার কাছে এসে বললো, ভাইয়া তো বাসায় আসেনি। এতো রাতেও বাসায় আসেনি? রাত গভীর হলো, অপেক্ষা দীর্ঘ হলো, কিন্তু রাতে আর বাসায় ফিরলো না ইয়ামিন। সে রাতে আবেদীন পরিবারের কারো চোখেই ঘুম নেই। যথারীতি পূবের আকাশে উদিত হলো লাল সূর্য, পাখির কণ্ঠে কিচির-মিচির শব্দ। আবেদীনরা অপেক্ষায় আছে, হয়তো এখনই বেজে উঠবে কলিং বেলটা। না, কলিং বেলটা আর বেজে উঠলো না। তবে মোবাইল বেজে উঠলো। ওপাশ থেকে ছাত্রনেতার কণ্ঠ- সালাম জানিয়ে বললো- গুলিতে আহত ইয়ামিন একটি ক্লিনিকে চিকিৎসাধীন আছে। কোথায়? পরে জানাবো বলেই লাইনটা কেটে দিলো। নিরাপত্তার কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখন গোপনীয়তা রক্ষা করছে। সব কুয়াশাই এখন কেটে গেল। ইয়ামিনের গত কয়েকদিনের আচরণটাও এখন দাদুর কাছে স্পষ্ট হয়ে উঠলো। মনে মনে ভাবলেন, ইয়ামিন আসলেই বড় হয়ে গেছে। ও আমাদের সাথে সময় কাটালো, গল্প করলো, কিন্তু আমাদের কাউকে বুঝতেই দিলো না যে ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন সৈনিক। বিপ্লবীরা এমনই হয়, নিরবে কাজ করে যায়। মায়ের প্রশ্ন, ও বেঁচে আছে তো? দাদুর চোখে তখন অশ্রু, মুখে কোনো কথা নেই। অধ্যাপক আফতাব আবেদীন মনে মনে প্রস্তুত ছিলেন। সকালেই ফোনে বলা হলো, আহত আরও অনেকের সাথে ইন্তেকাল করেছেন ইয়ামিনও। বেলা বারোটায় শহিদদের জানাজা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আবেদীন পরিবার আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। জানাজার আগে আবেদীন বংশ-বৃক্ষের প্রধান আফতাব আবেদীন বললেন, আমাদের বংশ-বৃক্ষের একটি ফুল ঝরে গেল, একাত্তরের স্বাধীনতা সংগ্রামেও ঝরে গেছে এই বংশের বহু ফুল। পতাকা হাতে আমরা তখন অনেক খুশি হয়েছিলাম। ১৬ ডিসেম্বর পালন করেছিলাম মহান বিজয় দিবস। কিন্তু আমাদের বিজয়ের লক্ষ্যে পৌঁছতে দেয়নি ফ্যাসিবাদী শাসন। তাই আমরা আবার লক্ষ করলাম ছাত্র-জনতার নতুন গণ-অভূত্থান। নাতি-পুতিদের নতুন বাংলাদেশে বিজয়ের স্বপ্ন পূরণ হলে স্বার্থক হবে আমাদের স্বাধীনতা সংগ্রাম। জানাজা শেষে ঘরের দিকে পা বাড়ালো আবেদীন পরিবার। পেছনে রয়ে গেল ইয়ামিনের স্মৃতিঘেরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।