Home Blog Page 119

বুদ্ধিমান জেলে

বুদ্ধিমান জেলে

একটা ছোট্ট নদী। কলকল ছলছল সুর তুলে বয়ে গেছে। নদীর গা ঘেঁষে দাঁড়িয়ে আছে নিমতলি হাট। আর ছোট্ট এক গ্রাম। সেই গ্রামে বাস করে এক জেলে। নাম তার হারিস। জেলে ছিল খুবই গরিব। তবে বুদ্ধিমান। মানুষ তাকে অনেক ভালোবাসে। তার সততা ও বুদ্ধির  প্রশংসা করে।
হারিস ছোট্ট নদীতে ছোট ছোট মাছ ধরে। সেই মাছ বাজারে বেচে চাল-ডাল কেনে। তারপর মনের সুখে গান গেয়ে বাড়ির পথ ধরে।
সব দিন যে মাছ পায়, তা নয়। প্রায়শই খালি ঝুড়ি নিয়ে বাড়ি ফিরতে হয়।
যেদিন মাছ পায়, সেদিন তো ভালো। জেলের বউয়ের মুখে হাসি ফুটে। খুশি মনে চুলোয় হাঁড়ি চড়ায়। ছেলেমেয়েদের পাতে দু’মুঠো খাবার তুলে দেয়।
আর যেদিন মাছ ধরতে পারে না, সেদিন জেলের উনুনে আগুন জ্বলে না। না খেয়েই বউ বাচ্চাদের নিয়ে ঘুমিয়ে পড়ে।
ছেলেমেয়েরা কি আর সহজে ঘুমোয়? পেটের ক্ষুধায় খুব কাঁদে।

রোজকার মতো সেদিনও হারিস মাছ ধরতে যায়। নদীতে জাল ফেলে ঝিম মেরে বসে থাকে। আর মনে মনে বলে- আল্লাহ, কালকেও মাছ পাইনি। ছেলেমেয়েগুলো না খেয়ে আছে। আজ কিছু মাছ দাও।
তখনই হারিসের জালে টান পড়লো। সে বুঝতে পারে- জালে মাছ পড়েছে।
হারিস তাড়াতাড়ি জাল গুটিয়ে নেয়। জল থেকে জাল তুলতেই দেখে, অনেক বড় একটা মাছ। হারিসের দিকে তাকিয়ে যেন মিটমিটিয়ে হাসছে।

মাছটা যেমনি বড়, তেমনি সুন্দর। আপেলের মতো লাল। পিঠের দিকে হলুদ ডোরাকাটা। হারিস ঠিক করলো, এই মাছটা সে বাজারে বেচবে না। এই মাছ নিয়ে যাবে রাজার কাছে। এত সুন্দর মাছ দেখে, রাজা নিশ্চয় খুশি হবেন।

তখন দুপুর গড়িয়ে বিকেল।
রাজমহলের আঙিনায় রাজা-রানি চা খাচ্ছেন। খোশ গল্প করছেন। এমন সময় প্রহরী খবর নিয়ে এলো- মহারাজ, জেলে হারিস এসেছে। সে খুব সুন্দর একটা মাছ এনেছে। তাকে এখানে নিয়ে আসবো?
রাজা বললেন- সুন্দর মাছ? বেশ, নিয়ে আসো।
প্রহরী যথা আজ্ঞা বলে চলে গেলো। তখনই রানি বিরক্তি নিয়ে বললো- সুন্দর মাছ না ছাই! আসলে এসব টাকা হাতানোর ফন্দি। আপনি রাজা, মাছ কি আর এমনিতে নেবেন? কম করে হলেও তো হাজার টাকা দেবেন। সে জন্যেই এই অবেলায় মাছ নিয়ে এসেছে। আপনার আর বুদ্ধি হলো না।

রাজার মন খারাপ হয়। ভাবেন, আমার কি সত্যিই বুদ্ধি নেই?
আচমকা রাজা মুচকি হাসলেন। মনে মনে বললেন, শুনেছি জেলে হারিস খুবই বুদ্ধিমান। তার বুদ্ধি দিয়েই রানিকে হারাতে হবে।
এই ভেবে রাজা রানিকে বললেন, তা নাহয় বুঝলাম। কিন্তু আমি যে ওকে আসতে বলেছি। এখন কী করে ফিরাবো?
রানি বললো, খুবই সহজ। আপনি জেলের কাছে জানতে চাইবেন, ওই মাছটা মেয়ে নাকি ছেলে? জেলে যদি বলে মাছটা ছেলে। তাহলে বলবেন, মাছটা ছেলে বলে নিয়ে এলে। মেয়ে হলে তো আনতে না। তুমি তো খুবই খারাপ লোক। মেয়েদের একদমই পছন্দ করো না। যাও যাও, তোমার থেকে মাছই নেবো না।
রানির বুদ্ধি দেখে রাজা হতবাক। মনে মনে ভাবলো, এমন কুবুদ্ধির রানির সাথে হারিস জিতবে তো?
রাজা এবার রানিকে বললো- কিন্তু জেলে যদি বলে, মাছটা মেয়ে। তখন কী করবো?
রানি মুচকি হেসে বললো- তাহলে বলবেন, একটা অবলা অসহায় মেয়ে মাছকে ধরতে পারলে? নারী জাতির প্রতি  তোমার একটুও মায়া নেই? এতো ঘোর অপরাধ! যাও যাও; প্রাণে বাঁচতে চাইলে পালাও।
রাজা বললেন, তাহলে এক কাজ করো। আজকে জেলের সাথে তুমিই কথা বলো। আর আমি তোমার বুদ্ধির প্রশংসা করে বাহবা দেবো।
রানি রাজি হলো। বললো, বেশ।
তখনই প্রহরী হারিসকে নিয়ে হাজির। হারিসের হাতে থাকা সুন্দর মাছ দেখে রাজা অনেক খুশি হলেন। তবে প্রকাশ করলেন না। রানি হারিসকে জিজ্ঞেস করে- বলো তো জেলে, তোমার হাতের মাছটা ছেলে মাছ, নাকি মেয়ে মাছ?
রানির এমন উদ্ভট কথা শুনে হারিস মুচকি হাসলো। তারপর বললো, মহারানি! মাছটা ছেলেও না, মেয়েও না। এটা আসলে হিজড়া মাছ।

হিজড়া মাছ!
রানির মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। মনে মনে ভাবলো, এখন কী হবে?
তখন জেলে হারিস রানিকে বললো, মহারানি! আপনি মাছটাকে গ্রহণ করুন। তাহলে মানুষ আপনার প্রশংসা করবে। বলবে, আমাদের রানি কত্ত মহান! একটা হিজড়া মাছকে এক লাখ টাকা দিয়ে কিনেছেন। আসলে রানি হিজড়া জাতির প্রতি সম্মান দেখিয়েছেন। এমন রানির দীর্ঘায়ু হোক।
হারিসের বুদ্ধি দেখে রাজা খুবই খুশি হলেন। তিনি চুপি চুপি হাসলেন। তবে মুখ খুলে কিছুই বললেন না। তখন রানি হারিসকে বললো, আর যদি গ্রহণ না করি?

জেলে হারিস বললো, তাহলে প্রজারা আপনার নিন্দা করবে। বলবে, রানি তো খুবই খারাপ। মাছটা তো নিজ থেকে হিজড়া হয়নি। সৃষ্টিকর্তাই তাকে এভাবে সৃষ্টি করেছেন। রানি আসলে সৃষ্টিকর্তার অবমাননা করেছেন। তার অকল্যাণ হোক।
রানি এবার রাজার দিকে তাকালো। তার কানের কাছে ফিসফিস করে বললো, এখন কী করি?
রাজার মুখে উত্তর নেই। বললো, আমি কিছু বলতে পারবো না। মান বাঁচাতে চাইলে এক লাখ টাকা দিয়ে দাও।
রানি তাই করলো। জেলে হারিসকে বললো- তোমার বুদ্ধির কাছে আমি পরাজিত। তার জন্যে আমি অখুশি নই। তোমার বুদ্ধি যে আমার মিথ্যে অহংকার ভাঙতে পেরেছে, তার জন্যে তোমাকে এক লাখ টাকা উপহার দেওয়া হলো।

প্রকাশকাল: জানুয়ারি ২০২৫

নানা ভাইয়ের বন্দুক

নানা ভাইয়ের বন্দুক

আমার নানা ভাইয়ের বয়স ৮০ বছরেরও বেশি কিন্তু দেখতে লাগে ষাটেরও কম। আমার নানা সহজে অসুস্থ হন না, যখন মা ব্যস্ত থাকেন তখন নানা আমাকে স্কুল থেকে নিয়ে আসেন। নানা নিজের সব কাজ নিজেই করেন। আমার পরিবারের সবার জন্য বাজার করেন। আমার নানা কখনো ক্লান্ত হন না। করোনাও নানাকে কাবু করতে পারেনি।

তবে হঠাৎ করে গত মাসে নানা ভাইয়ের শরীর খুব খারাপ হয়ে যায়। বিভিন্ন টেস্ট করার পর দেখা গেলো জন্ডিস হয়েছে। তার এখন শুরু হয় ফুল বেডরেস্ট। তাই নানার হাতে এখন অফুরন্ত সময়। তার সব কাজ বন্ধ। আমি তার সাথে অনেক সময় কাটাই আর তার জীবনের অনেক গল্প শুনি। এর মধ্যে সবচেয়ে মজার হচ্ছে ১৯৬৮ সালের ঘটনাটি।

আমার নানাবাড়ি ঢাকা মেডিকেলের দক্ষিণ পাশে। তখন নানাবাড়ি ও ঢাকা মেডিকেলের মাঝখানে রেললাইন ছিল। সেখানে রেলগাড়ি চলত। ১৯৬৮ সালে তা বন্ধ হয়ে যায়ে। নানা বাড়ির সামনে ছিল এক পুকুর। সেই পুকুরের পাশে ছিল এক জঙ্গল। জঙ্গলে ছিল বিভিন্ন জাতের পাখি যেমন- দোয়েল, কোয়েল, ময়না, শালিক, টিয়া ইত্যাদি। রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর পাখির সংখ্যা আরও বেড়ে যায়। আমার বড় আব্বার একটি এয়ারগান ছিল। বড় আব্বা মানে আমার নানার বাবা। সেই এয়ারগান দিয়ে নানা ভাই একটি কবুতর শিকার করেছিল। কবুতর যখন হাতে নিল কবুতরের শরীরের গরম রক্তে হাত ভরে গেল আর কবুতর ছটফট করতে লাগল। এটা দেখে নানার মন কেঁদে উঠল। নিজের উপর আর বন্দুকের উপর খুব রাগ হলো। নানা বন্দুকটা ভাঙতে চাইলেন কিন্তু পারলেন না। তাই বন্দুকের সব পার্টস আলাদা করে ফেলেন। সব পার্টস পুকুরে ছড়িয়ে ফেলেন যাতে কেউ সংগ্রহ করে মেরামত করে ফেলতে না পারে। ঘটনাটা বলতে বলতে নানার চোখে পানি চলে আসে। আমারও খারাপ লাগে। কিন্তু একটু পর বন্দুকের জন্য আফসোস হয় আমার। ইশ! নানা বন্দুকটা না ভেঙে যদি রেখে দিত আমার জন্য বা এখন যদি বন্দুকের সব পার্টস জোগাড় করে বন্দুকটা আবার তৈরি করতে পারতাম তাই বন্দুকের সব পার্টস যেখানে ফেলা হয়েছিল সেই দিকে তাকিয়ে রইলাম। আর বললাম নানা ভাই এখন কি আর পার্টসগুলো সংগ্রহ করা যাবে? নানা বললেন যাবে। তবে দাম দাঁড়াবে কোটি টাকা। উত্তর শুনে আমি তো অবাক। মানে? নানা বললেন মানে বন্দুকের সব পার্টস যে পুকুরে ফেলা হয়েছিল সেই পুকুর ভরাট করে এখন তার উপর আট তলা ঐ বিশাল বিল্ডিং। আফসোসভরা চোখে বিল্ডিং এর দিকে তাকিয়ে রইলাম।

প্রকাশকাল: জানুয়ারি ২০২৫

এলিয়েনের সাথে বন্ধুত্ব

এলিয়েনের সাথে বন্ধুত্ব

অন্ধকার মহাকাশের বিশাল শূন্যতায় একদিন, হঠাৎ-ই ভোরের ঊষার মতো আলোকিত এক বিশাল বিস্ফোরণের ছটা দেখা গেলো। একটি জ্বলন্ত রকেটের ধ্বংসাবশেষ মহাকাশের পথে ছড়িয়ে পড়তে থাকলো। এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে রকেটটি মঙ্গল গ্রহের পাথুরে বুকে বিধ্বস্ত হলো। রকেটের একমাত্র আরোহী ক্যাপ্টেন রিয়াজ, একজন তরুণ মহাকাশবিজ্ঞানী, যাকে মহাকাশে পাঠানো হয়েছিল একটি বৈজ্ঞানিক মিশনে, সে আশ্চর্যজনকভাবে বেঁচে গেলো।
তবে এই বেঁচে থাকাকে আসলে বেঁচে থাকা বলা উচিত নয়। বরং তার মৃত্যুর ক্ষণটা একটু পিছিয়ে গেলো মাত্র। কারণ তার কাছে ছিল মাত্র ৫০ দিনের অক্সিজেন এবং খাবার। এর মধ্যে কিছু খাবার আবার পুড়েও গিয়েছিল। অথচ আশেপাশে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না, শুধু মঙ্গলের শুষ্ক, সুনসান মরুভূমি এবং সাথে নিয়ে আসা অল্প কিছু সরঞ্জাম।

রিয়াজ শীঘ্রই বুঝতে পারে যে, এই অবস্থা থেকে বেঁচে বের হওয়া খুব কঠিন। সে মঙ্গলের বুকে খাবার এবং পানি খুঁজে বের করার জন্য মরিয়া হয়ে উঠেছিল। কিন্তু মঙ্গলের পরিবেশ এতটাই বিপজ্জনক যে, বেঁচে থাকাই তার জন্য কঠিন হয়ে পড়েছিল। গরম এবং ঠান্ডার মধ্যে ব্যাপক তফাৎ, অক্সিজেনের প্রবল সংকট, সবকিছুই রিয়াজকে কঠিনভাবে মোকাবেলা করতে হচ্ছিল।
কিছুদিন পরে সেখানে কিছু হিংস্র এলিয়েন চলে আসে যারা খুব ক্ষুধার্ত এবং মাংশাসী ছিলো। তারাও সেখানে মরিয়া হয়ে খাদ্য খুঁজছিলো। এতে রিয়াজের বেঁচে থাকাটা চরম হুমকির মুখে পড়ে যায়।

দিনগুলো একে একে ভয়ে ও নানা সংকটে চলে যাচ্ছিল। একদিকে এলিয়েনরা তাকে দেখতে পেলেই মেরে ফেলবে, আবার অন্যদিকে খাবারের মজুদও দ্রুত শেষ হয়ে আসছিল। সাথে অক্সিজেন সংকটও প্রকট হয়ে উঠছিল দিন দিন। সে জানত, এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে তাকে কিছু একটা করতে হবে।

একদিন, খাবারের খোঁজে বের হওয়ার পর হঠাৎ তার চোখে পড়ল কিছু অদ্ভুত চিহ্ন, যেন কোনো অজ্ঞাত প্রাণী তার আশপাশে চলাফেরা করছে। সে তখন আরও কিছুটা সতর্ক হয়ে এগিয়ে গেল।
তিন দিন পর, এক রাতে হাঁটতে হাঁটতে সে হঠাৎ একটি অদ্ভুত গুহার সামনে এসে পৌঁছে। গুহার মধ্যে থেকে আলোর বিচ্ছুরণ ঘটছিলো। রিয়াজ সহসা বুঝতে পারে, এটি সাধারণ কোনো গুহা নয়; এর মধ্যে কিছু একটা রয়েছে। একটু ভয় ভয় লাগলেও সে আগ্রহ নিয়ে গুহার মধ্যে প্রবেশ করলো। ভিতরে ঢুকে সে দেখল এক বিশালাকার প্রাণী দাঁড়িয়ে আছে, যার শরীর ছিল রূপালি রঙের, অনেক উঁচু এবং শক্তিশালী। তার চোখে ছিল এক রহস্যময় দৃষ্টি। রিয়াজ অনেক ভয় পেয়ে যায় প্রাণীটিকে দেখে।

রিয়াজ ভয় পাচ্ছিলো যে, এলিয়েনটি তাকে আক্রমণ করবে না তো? তবে, এলিয়েনটির দৃষ্টি আক্রমণাত্মক ছিলো না। বরং তার চোখের দৃষ্টি যেন কিছু সংকেত দিচ্ছিল। তার চোখের ভাষা বলছিলো যে সে রিয়াজের সাথে কথা বলতে চায়। রিয়াজ কিছুটা সাহস বুকে নিয়ে আস্তে আস্তে একটু এগিয়ে গেল। এটা দেখে এলিয়েনটিও এগিয়ে এসে তার পাশে গিয়ে দাঁড়ালো এবং অদ্ভুত শব্দ করে সংকেত দিলো। সে বুঝতে পারে, এলিয়েনটি তাকে কিছু বলতে চায়, কিন্তু ভাষার সীমাবদ্ধতার কারণে বুঝাতে পারছে না। তবে এটুকু নিশ্চিত যে, এলিয়েনটি তার বন্ধুই হবে।

এরপর, রিয়াজ এলিয়েনটির সাথেই থাকলো কয়েকদিন। আস্তে আস্তে ইশারার মাধ্যমে তারা কথা বলতে থাকে। একপর্যায়ে এসে তারা শব্দ সংকেতের মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে থাকে। কয়েকদিনের মধ্যেই রিয়াজ এলিয়েনটি সম্পর্কে বেশকিছু তথ্য জেনে ফেলে।
এই এলিয়েনটির নাম থাক্স। সে মঙ্গলে একসময় একটি উন্নত সভ্যতার অংশ ছিল। তার জাতি মঙ্গলের এক প্রলয়ঙ্কর দুর্যোগে ধ্বংস হয়ে গেছে, এবং একমাত্র সেই বেঁচে গেছে। থাক্সের মধ্যে আছে এমনকিছু প্রযুক্তি, যা রিয়াজকে বেঁচে থাকার জন্য কিছু সাহায্য করতে পারে। এই অবস্থায়, তারা একে অপরের সহায়ক হয়ে উঠল। রিয়াজ শিখতে শুরু করল, কীভাবে মঙ্গলের শুষ্ক পরিবেশে বেঁচে থাকতে হয়, কীভাবে খাবার এবং পানির খোঁজ করতে হয়। থাক্স তাকে শিখিয়ে দিলো, কীভাবে মঙ্গলের গ্রহে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় উপকরণ খুঁজে বের করা যায়।

কিন্তু, সবচেয়ে বড় সমস্যাটি ছিল খাবার। রিয়াজের খাবারের মজুদ দ্রুত শেষ হয়ে যাচ্ছিল, আর অক্সিজেনও তেমন অবশিষ্ট ছিল না। সে জানত, কিছু করতে না পারলে বাঁচার কোনো সুযোগ নেই। একদিন, যখন রিয়াজ খাবার খুঁজে বেড়াচ্ছিল, তখন থাক্স তাকে জানায় যে, তার কাছে একটি এলিয়েন প্রযুক্তি রয়েছে যেটা ইউ.এফ.ও. (UFO) নামে পরিচিত। এটি তাকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে। তবে, এটি চালু করার জন্য কিছু ঝুঁকি নেয়ার প্রয়োজন। যান্ত্রিক গোলযোগের কারণে যানটি নষ্ট হয়ে পড়ে রয়েছে। এখন ঠিক করার জন্য মেকানিকের যে নিরাপত্তাব্যবস্থা নেয়া লাগে, তা থাক্সের কাছে নেই। একটু সামান্য ভুলও যদি হয়, তবে দুজনের কেউই বাঁচবে না।

এক কঠিন সিদ্ধান্ত নিতে হবে রিয়াজকে। তার পৃথিবীতে ফিরে যাওয়ার জন্য তাকে তো বটেই, থাক্সকেও আত্মত্যাগ করতে হতে পারে। এদিকে তার খাবার শেষ, অক্সিজেনও শেষ। সময় দ্রুত ফুরিয়ে আসছিল। শেষ পর্যন্ত রিয়াজ সিদ্ধান্ত নিল, সে চেষ্টা করবে। চুপচাপ বসে বসে মৃত্যুর অপেক্ষা করার মধ্যে কোনো মাহাত্ম্য নেই। বরং মরতে হলে সে বীরের মতোই মরবে।
তারা একে অপরের দিকে তাকিয়ে কাজ শুরু করলো। কিছুক্ষণ পরই ইউ.এফ.ও.টি সচল হয়ে উঠলো। মুহূর্তের মধ্যেই একটি তীব্র আলো মঙ্গলের অন্ধকার বুকে যেন বিস্ফোরিত হলো। পরক্ষণেই রিয়াজ অনুভব করল যে সে মহাশূন্যে ভাসছে এবং পৃথিবীতে ফিরতে যাচ্ছে।

এক অদ্ভুত প্রশান্তি ফুটে উঠলো রিয়াজের মুখে। সে অনুভব করলো, মঙ্গলের মৃত্যুকূপ থেকে সে ফিরে আসতে পেরেছে একমাত্র বন্ধুত্বের শক্তির কারণেই। তার এলিয়েন বন্ধু থাক্স যদি তার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত না হতো, তবে এতোক্ষণে হয়তো রিয়াজের মৃতদেহ পড়ে থাকতো মঙ্গলের বিরাণ বুকে। থাক্সের প্রতি কৃতজ্ঞতায় ভরে গেলো তার মন। হঠাৎ সে অনুভব করলো তার বুকপকেটে ধাতব কিছুর অস্তিত্ব। হাত দিয়ে দেখলো একটি লকেট, আর একটি ছোট্ট চিরকুট। চিরকুটে লেখা, “হে মানববন্ধু, যদি কখনও আমাকে মনে পড়ে, তাহলে লকেটটি মুখের সামনে ধরে মনের কথা খুলে বলবে। তোমার বার্তা পৌঁছে যাবে আমার কাছে।”
এক অজানা অনুভূতিতে শিউরে ওঠে রিয়াজের শরীর। হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে লকেটটি।

প্রকাশকাল: জানুয়ারি ২০২৫

বই আলোচনা: মরু মূষিকের উপত্যকা

মরু মূষিকের উপত্যকা

“আমি তোমাদের কাছে করুণা ভিক্ষা করবো না। আমি শুধু তোমাদের জানিয়ে দিচ্ছি, সম্ভবত তোমরা জানোইনা যে তোমরা প্রকৃতপক্ষে ইজরাইল নামক মধ্যপ্রাচ্য তথা আরব জাতির অস্তিত্ব বিনাশের দীর্ঘমেয়াদী পরিকল্পনাকারী এক সমরবাদী রাষ্ট্রের বেতনভুক্ত কর্মচারী মাত্র। তোমরা জানোইনা যে তোমরা শত্রুপক্ষের এজেন্ট হিসেবে কাজ করে নিজ জাতির কতবড় সর্বনাশ করছো।” হ্যাঁ, বলছিলাম বখতিয়ারের ঘোড়াকে টগবগিয়ে ছুটিয়ে চলা কবি আল মাহমুদের একমাত্র রহস্যোপন্যাস, “মরু মূষিকের উপত্যকা”র কথা।

প্রিয় বন্ধুরা, মনে মনে কল্পনা করো তো, তুমি একটা উটের পিঠে বসে আছো। চারপাশে ধু ধু মরুভূমি, যেদিকে চোখ যায়, শুধু বালুর সমূদ্র। হঠাৎই চোখের সামনে ভেসে উঠলো পিরামিড; হ্যাঁ, মিশরের সেই ঐতিহাসিক পিরামিড। তোমার গন্তব্য সেই পিরামিডের নিচে, কয়েক হাজার বছরের পুরাতন এক রহস্যের খোঁজে। কী, ভাবতেই কেমন রোমাঞ্চকর লাগছে না? যদি লাগে, তাহলে হ্যাঁ, এ বইটি তোমার জন্যই।
উপন্যাসের মূল চরিত্র একজন লেবানিজ নারী, ড. লায়লা এলাহী, মিশরের এক জাদুঘরের কিউরেটর, একজন পুরাতাত্তি¡বক। তার স্বামী ড. আকরাম এলাহীও একজন বাংলাদেশী পুরাতাত্তি¡বক, কাজ করেন একই মিউজিয়ামে। ড. লায়লা একদিন হঠাৎ  কিছু প্যাপিরাসের সন্ধান পেয়ে যান, যাতে ফেরাউন-কন্যা জুলফিয়ার স্বর্ণের পিরামিডের সন্ধান আছে। ঘটনাচক্রে তাঁর এ আবিস্কারের সন্ধান পেয়ে যায় ডেজার্ট রেটস নামে ইহুদি সংস্থা। এ সংস্থাটির কাজ হচ্ছে আরব বিশ্বে গোয়েন্দাগিরি করা এবং ইজরাইলের মিশন আরব বিশ্বে কার্যকর করা। লায়লা অপহৃত হন তাদের হাতে। লায়লার চাচা, লেবানিজ কূটনীতিক, আব্বাস কারামের পরামর্শে মিশর থেকে পালিয়ে ড. আকরাম ইলাহী আশ্রয় নেন আরব-আমিরাতের বানিয়াসে, একটি উটের বাথানে। সাহায্য চেয়ে তিনি চিঠি লিখলেন তার বাংলাদেশি বন্ধু, ঢাবির ভূগোল প্রভাষক ড. মুশতাক চিশতির কাছে। বন্ধুর সাহায্যে সস্ত্রীক ছুটে যান ড. চিশতি।
এদিকে অপহৃত লায়লাকে উদ্ধার করে মিশরের আধ্যাত্মিক নেতা মুসা শাহেদীর নেতৃত্বে একটি ধর্মীয় গ্রুপের কিছু জানবাজ যুবক। যাহোক, তারপরে মুসা শাহেদীর গ্রুপের সদস্যদের সাহায্য নিয়ে পিরামিড খননে উন্মুক্ত মরুপথে বেরিয়ে পড়েন ড. লায়লা; সাথে থাকেন তার স্বামী ড. আকরাম এলাহী, ড. মুশতাক চিশতি, তাঁর স্ত্রী ড. জাহরা ফিরদাউস। শুরু হয় মরুপথে রোমাঞ্চকর যাত্রা। পদে পদে বাধা দিতে থাকে ডেজার্ট রেটস লিডার শামস আবাদী। সব বাধা পেরিয়ে ড. লায়লা কি তার দল নিয়ে পৌঁছাতে পেরেছিলেন তার গন্তব্যে? সফল হয়েছিলো কি তার প্রকল্প?

বইটি তোমাকে ভ্রমণ করাবে মরুভূমির পথে পথে। মরুভূমির সৌন্দর্যে যেমন তুমি মুগ্ধ হবে, তেমনি তোমার গা কাঁটা দিয়ে শিহরিতও হবে। উটের সৌন্দর্য,  সাহসিকতা, কষ্ট-সহিষ্ণুতার সাথেও পরিচিত হবে নতুনভাবে। একজন ধর্মপরায়ন মানুষের জীবনের সৌন্দর্যও অনুভব করতে পারবে নতুনভাবে, যখন দেখবে, মুসা শাহেদীর অনুসারীরা নিজেদের সীমিত খাবার থেকেও অনাহারী শত্রুকে নিজেদের সমপরিমাণ খাবারের ভাগ দিচ্ছে, নিজেদের মতোই তাঁবুতে থাকতে দিচ্ছে। এ যেন নবী (সা.) এর বদর যুদ্ধের পরবর্তী দৃশ্যকে স্মরণ করিয়ে দেয়।  সাইমন পেরেরা যখন ইসলামী আদর্শে মুগ্ধ হয়ে রেটস দল ত্যাগ করে, তখনই এ অনুভূতি পাবে, “ইসলাম তলোয়ারের জোরে জয়ী হয়নি, বরং বুকভরা ভালোবাসা দিয়ে জয় করেছিলো মানুষের হৃদয়গুলো।”
সর্বোপরি দেখতে পাবে,  এক ফেরাউন কন্যা সত্য দ্বীন বুঝে, ইয়াকুব আ. এর দ্বীনের সৌন্দর্যে মুগ্ধ হয়ে কী করে রাজ-সিংহাসন ত্যাগ করতে পারে, দ্বীনের দরিদ্র অনুসারীদের মধ্যে সকল সম্পদ বিলিয়ে দেয়, এবং শুধু দ্বীনের জন্য মৃত্যুদন্ডকেও বরণ করে নেয়। (ফারাও জুলফিয়া যদিও লেখকের কল্পনা,  কিন্তু সত্যের পথে সব বিলিয়ে দেয়ার ইতিহাস অহরহ)। তাহলে বন্ধুরা, চাইলে পড়ে নিতে পারো বাংলা সাহিত্যের কালজয়ী এ উপন্যাসটি। ০

জাদুর বাকসো ক্যামেরা

জাদুর বাকসো ক্যামেরা

ছবি তোলাটা তোমাদের অনেকের খুব পছন্দের কাজ। ছবি তোলার পর সেই ছবি ঘষামাজা করা, মানে যেটাকে এডিট করা বলে আর কি, সেটাও অনেকে খুব আগ্রহ নিয়ে করে থাকো নিশ্চয়ই। এমনকি এর জন্য অনেকে তো ফটোগ্রাফির কোর্সও করে থাকে। তো সেই ছবি যেই যন্ত্র দিয়ে তোলা হয়, সেই ক্যামেরা সম্পর্কে আমরা কতদূর জানি? মানে ক্যামেরা দিয়ে অথবা মোবাইলের ক্যামেরা ফাংশন দিয়ে ক্লিক করে ছবি তো তুলতে জানোই, কিন্তু এই পুরো ব্যাপারটা কীভাবে ঘটে, তা জানতে ইচ্ছে করে না? এই যে, তুমি কেবল একটা ক্লিক করলে, কিন্তু ছু মন্তর ছু করে কী চমৎকার ছবিটা উঠে যাচ্ছে, এমনকি অনেক সময় অন্ধকারেও ছবি উঠছে। এই ‘ছু মন্তর ছু’ এর আসল রহস্য কী? আজ চলো সেটাই জানার চেষ্টা করি।

শুরুতেই আমরা বুঝার চেষ্টা করবো, একটা ক্যামেরা কীভাবে কাজ করে। এজন্য এক্কেবারে সহজে জিনিসটাকে ব্যাখ্যা করার চেষ্টা করবো আমরা। ক্যামেরা মূলত আমাদের চোখের অনুসরণে বানানোর চেষ্টা করা হয়েছে। এজন্য এটার কাজের সাথে আমাদের চোখ কীভাবে কাজ করে তার বেশ মিল আছে।
ক্যামেরার ব্যাপারে বলতে গেলেই প্রথমে আসে লেন্সের কথা। আমরা চোখের লেন্স দিয়ে যেমন দেখি, ক্যামেরাও তার লেন্স দিয়ে দেখে। তোমরা তো অনেকেই জানো আমাদের চোখ কীভাবে দেখতে পায়। খুব সহজে বললে কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়লে তখনই আমরা ঐ বস্তুটিকে দেখতে পাই। একারণে অন্ধকার ঘরে সাধারণভাবে যেহেতু কোনো বস্তু আলোকিত থাকে না, তাই আমরাও ওখানে কিছু দেখতে পাই না। একইভাবে ক্যামেরার লেন্সেও কোনো বস্তুর আলো প্রতিফলিত হয়ে এসে পড়লে, সে আলো গ্রহণ করার ব্যবস্থা থাকে।

তুমি একটা বদ্ধ অন্ধকার ছোট রুমের কথা কল্পনা করো। এই ঘরে শুধু একপাশে একটা দরজা আছে। আর কোনো দিক দিয়ে এখানে আলো প্রবেশের সুযোগ নেই। কোনো ঘরের দরজা কি সবসময় খোলা থাকে? থাকে না। তেমনিভাবে এই ক্যামেরাঘরের দরজাও স্বাভাবিকভাবে বন্ধ থাকে। এই ঘরের দরজায় একটা স্মার্ট পর্দা আছে। এটাকে প্রয়োজনমতো বড় ছোট করা যায়। এছাড়া এই ঘরে দরজার উল্টোদিকে আছে একটা জাদুকরি আয়না। এই আয়নায় যা-ই দেখা যাবে, তাই রেকর্ড করে ফেলা যায়।

অনেক হলো হেয়ালি কথাবার্তা। এবার চলো সরাসরি ক্যামেরায় ফিরে যাই। এই ছোট্ট বদ্ধ অন্ধকার রুমটা হলো ক্যামেরা। খেয়াল করে দেখবে, ক্যামেরায় লেন্সের দিক ছাড়া অন্য কোনো দিক থেকে আলো প্রবেশের সুযোগ থাকে না। আর লেন্সের ঐ জায়গাটায় হলো ক্যামেরার সেই একপাশের দরজার খোলা জায়গা। অবশ্য খোলা থাকে না। বিভিন্ন ধরনের গ্যাস দেয়া থাকে সেখানে, সে আলাপে আমরা পরে আসছি। তো এই লেন্সের ফুটোয় দরজার মতো যে জিনিসটা কাজ করে, তাকে বলা হয় শাটার। আর দরজায় সেই স্মার্ট পর্দা হলো অ্যাপাচার, এটা দিয়ে আলো প্রবেশের সময় একে প্রয়োজনমতো বড় ছোট করা যায়। আর লেন্সযুক্ত দরজার উল্টোপাশে থাকে সেন্সর, যাকে আমরা একটু আগে জাদুকরি আয়নার সাথে তুলনা করেছি। আর তার সাথে এখন থাকে ভিউ ফাইন্ডার, অর্থাৎ মনিটরের মতো যেদিক দিয়ে আমরা যে বস্তুর ছবি তুলছি, তা দেখতে পাই।

এ হলো ক্যামেরায় কী আছে, তার বিবরণ। তাহলে এটা কীভাবে কাজ করে? স্মার্টফোন, ডিজিটাল ক্যামেরা অথবা ডিএসএলআর। ব্যাখ্যাটি কিন্তু মোটামুটি একই রকম। বিষয়টি সহজভাবে ব্যাখ্যা করা যাক।

স্মার্টফোনের ক্যামেরায় ব্যবহৃত লেন্সটি আমরা যে বস্তু বা বিষয়ের ছবি তুলতে চাইছি তার দিকে ফোকাস করে।
প্রকৃতি থেকে আলো ক্যামেরার লেন্সে প্রবেশ করে।
লেন্সের অ্যাপাচার প্রবেশ করা আলোর পরিমাণ নির্ণয় করে।
শাটার সেন্সরটি ঠিক কতটা সময় আলোর সংস্পর্শে ছিল- এই বিষয়টি পরিমাপ করে।
সেন্সরটি ব্যক্তি, বিষয় বা বস্তুর একটি ছবি প্রাথমিকভাবে ধারণ করে।
ক্যামেরার সামগ্রিক হার্ডওয়্যার বিভাগ ছবিটি নিয়ে কাজ করে এবং চূড়ান্তভাবে ছবিটি প্রদর্শন করে।
পুরো প্রক্রিয়াটি মূলত পদার্থবিদ্যার কয়েকটি ধাপ অনুসরণ করে সম্পন্ন হয়। কিন্তু ক্যামেরায় ব্যবহৃত লেন্স, সেন্সর এবং অ্যাপাচারের আকার-আয়তনের ভিন্নতার কারণে উপরে উল্লেখিত ধাপগুলোর দুই থেকে চার পর্যন্ত ধাপগুলো স্মার্টফোনভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। লেন্স, সেন্সর, এবং অ্যাপাচারের আকার-আয়তনের ভিন্নতার কারণে লেন্সের মধ্যে আসা আলোর পরিমাণে তারতম্য ঘটে এবং এই কারণে ছবির বৈশিষ্ট্য এবং গুণাগুণে পার্থক্য দেখা যায়।

এখন আজকের দিনের যত আধুনিক আর পাওয়ারফুল ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি, সেটা তো আর হুট করে একদিনে আসমান থেকে নাজিল হয়ে যায়নি। দীর্ঘদিন ধরে প্রযুক্তির ঘষামাজা হয়ে এই অবস্থায় এসেছে। ক্যামেরার এই জার্নিটা সম্পর্কে জানা যাক এবার।

ক্যামেরা অবস্কিওরা দিয়ে ছবি আঁকা হচ্ছে

পৃথিবীর প্রথম ক্যামেরার নাম কি জানো? ক্যামেরা অবস্কিওরা। এই ল্যাটিন শব্দের অর্থ হলো অন্ধকার রুম। ১০২১ সালে আরব বিজ্ঞানী আল হাইসাম প্রথম এইরকম একটা ধারণার ব্যাপারে তার বই ‘কিতাব আল মানাযির’ এ লেখেন। উনাকে তাই ক্যামেরার অগ্রদূত বলা হয়। তবে এর আগে ৪০০ খ্রিষ্টপূর্বাব্দে চীনা দার্শনিক মোজির লেখায় আর ৩৩০ খ্রিষ্টাব্দের গ্রিক দার্শনিক এরিস্টটলের লেখায় এর আংশিক ধারণা দেখা যায়। এটি ছিল মূলত একটি অন্ধকার বক্স, যার একপাশে ছোট্ট একটা ছিদ্র দিয়ে আলো প্রবেশ করতে পারতো। সেই আলো উল্টোদিকে গিয়ে তার একটা প্রতিবিম্ব তৈরি করতো। তবে শুরুর দিকে এই প্রতিবিম্ব সংরক্ষণের সুযোগ ছিল না। তাই দেখে দেখে কেবল ছবি এঁকে সংরক্ষণের কোনো বিকল্প ছিল না। এরপর ১৮২৭ সালে ফরাসি বিজ্ঞানী জোসেফ নিসেফোর নিপ্স বিশেষ প্রক্রিয়ায় ছবি সংরক্ষণের ব্যবস্থা করেন। তবে এতে একেকটি ছবি তৈরি হতে সময় লাগতো প্রায় ৮ ঘণ্টা, আবার এ ছবি খুব তাড়াতাড়ি উঠান হয়ে যেতো।

দাগেরোটাইপ ক্যামেরা দিয়ে তোলা মানুষের তোলা প্রথম ছবি

উপরের লেখা পড়ে বুঝতেই পারছ, এরকম যন্ত্র কেউ খুব একটা কিনতে চাইবে না। মানুষ কিনতে পারার মতো প্রথম যে ক্যামেরা তৈরি হয়, তার নাম ছিল দাগেরোটাইপ। ১৮৩৯ সালে এটি তৈরি করেন ফ্রান্সের ল্যুইস দাগের। এতে একটা ছবি তুলতে ৩০ মিনিট মতো সময় লাগতো, আর ছবি তুলনামূলক বেশ দীর্ঘস্থায়ী হতো। কিন্তু দাগেরোটাইপ দিয়ে যে ছবি তোলা হতো, তার কোনো নকল কপি বের করা যেতো না। মানে একটাই ছবি হতো। মজার ব্যাপার হলো এ সমস্যা সমাধানের জন্য বেশিদিন অপেক্ষা করতে হয়নি। মাত্র ২ বছর পর ১৮৪১ সালে ইংরেজ গণিতবিদ উইলিয়াম হেনরি ফক্স টালবোট ক্যালোটাইপ ক্যামেরা তৈরি করেন। তার ক্যামেরা থেকে নেগেটিভ কপি বের করা যেতো, এ দিয়ে পরে আরো কপি করা যেতো।

বর্তমান সময়ে ক্যামেরার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো ফ্ল্যাশলাইট। ফ্ল্যাশলাইট আসার আগে ছবি তোলার জন্য প্রায় পুরোপুরিভাবেই সূর্যের আলোর উপর নির্ভর করতে হতো। ১৯২৫ সালে অস্ট্রিয়ান বিজ্ঞানী পল ভিয়েরকটার প্রথম ম্যাগনেসিয়ামকে বৈদ্যুতিকভাবে জ্বালান গ্যাস গ্লোবের মধ্যে। পরে ১৯৩০ সালে জার্মান কোম্পানি হাউজারের মাধ্যমে বাণিজ্যিকভাবে ফ্ল্যাশলাইট বাজারে আসে।

ক্যামেরার প্রযুক্তি যখন বিভিন্ন লেন্সের বৈচিত্র্য, আরো জটিল উন্নয়ন নিয়ে ব্যস্ত, তখন ১৯৪৮ সালে পোলারয়েড কর্পোরেশন বাজারে আনে এক নতুন ধাঁচের ক্যামেরা। ‘ল্যান্ড ক্যামেরা ৯৫’ নামের তাদের এই নতুন ক্যামেরা দিয়ে ছবি তোলার এক মিনিটের মধ্যেই ইন্সট্যান্ট ছবি প্রিন্ট করে দিতো। শুরুর দিকে এটি শুধু সাদা কালো প্রিন্ট দিলেও ১৯৬৩ সালের দিকে রঙিন ছবিও এই সিস্টেমে প্রিন্ট করা যায়, এমন ক্যামেরা বাজারে আনে কোম্পানিটি। দীর্ঘদিন বেশ জনপ্রিয়তা ধরে রাখতে পারলেও ডিজিটাল ক্যামেরার আগমনের পর ধীরে ধীরে এই ক্যামেরাগুলোর জনপ্রিয়তা কমে যায়।

আজকের দিনে যে ডিজিটাল ক্যামেরা বা ডিএসএলআর নিয়ে এত মাতামাতি, সেই ডিএসএলআর ক্যামেরার যাত্রা শুরু ১৯৭৫ সালে। এতে প্রথমবারের মতো মেমোরি কার্ড ব্যবহার করা শুরু হয়। অবশ্য সাধারণ মানুষের হাতে আসতে লেগে যায় ১৯৯০ সাল পর্যন্ত। প্রথম বাজারে বিক্রি হওয়া ডিজিটাল ক্যামেরা ছিল ডি ওয়াই ক্যাম মডেল ১।

হাল আমলে ছবি তোলার প্রধান অস্ত্র তো মোবাইল। এই কথা বলার যন্ত্র মোবাইলে ক্যামেরা ঢুকে পড়লো কখন? ২০০০ সালে জাপানের মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান জে ফোন প্রথম এই কাজ করে। তাদের প্রথম ক্যামেরা ফোনের নাম ছিল শার্প জে এসএইচ জিরো ফোর। তুমি কি আন্দাজ করতে পারো, এই প্রথম মোবাইল ক্যামেরা কত মেগাপিক্সেলের ছিল? থাক, বলে দিচ্ছি। এর ক্যামেরা ছিল .১ মেগাপিক্সেলের। যাই হোক, একইবছর বাজারে আসে স্যামসাং এর ক্যামেরা ফোন এসসিএইচ-ভি৪০০।

Google Clips ক্যামেরা

২০১৮ সালের জানুয়ারিতে গুগলের এক নতুন প্রযুক্তির ক্যামেরা বাজারে এসেছিল, একে বলা হতো, ‘ক্লিপস’। এ ক্যামেরা ছিল এআই ক্যামেরা। এই ক্যামেরা নিজে নিজে ছবি তুলতে পারতো। ধরো, তুমি একটা চমৎকার দৃশ্য দেখলে। সেটা হতে পারে কোনো শিশুর চমৎকার হাসি অথবা পোষা বিড়ালটির মজার কোনো কান্ড। তুমি সেই মুহুর্তটি ক্যামেরাবন্দি করতে চাইলে। কিন্তু খুব বেশি সম্ভাবনা এই যে, মোবাইল ফোন বের করে ক্যামেরা চালু করতে করতেই মুহুর্তটি শেষ হয়ে যাবে এবং তুমি চমৎকার একটি দৃশ্য ধারণ করতে মিস করে ফেলবে। ঠিক এই সমস্যাটিরই সমাধান হিসেবে বাজারে এসেছিল ক্লিপস। মানুষ কোন ধরনের ছবি তুলতে পছন্দ করে এ ব্যাপারে প্রায় ৩ বছর ধরে প্রশিক্ষণ দেয়া হয় একে। এটি কোনো জায়গায় সেট করে অন করে রাখলে এরপর এই ট্রেনিং কাজে লাগিয়ে নিজে নিজে ৭ সেকেন্ডের সাউন্ডবিহীন ভিডিও
ক্লিপগুলো রেকর্ড করতো। আইডিয়াটা বেশ মজার লাগলেও এই ক্যামেরা খুব কম সময়েই মার্কেটে তার চাহিদা হারিয়ে ফেলে। কারণ কেউই চায় না, তার অজান্তে কিছু রেকর্ড হোক। আর এই ক্যামেরা সবসময় অন থাকার কারণ প্রাইভেসি নিয়ে খুবই আপত্তি উঠছিল। ফলে পরের বছর ২০১৯ এর অক্টোবরেই এই প্রোডাক্টটি মার্কেট থেকে তুলে নেয়া হয়।

ফেসবুক, ইন্সটাগ্রাম প্রভৃতিতে ছবি পোস্ট করতে অনেকেরই বেশ পছন্দ। তুমি কি জানো প্রতিদিন এরকম কতগুলো ছবি ইন্টারনেটে আপলোড করা হয়? সংখ্যাটা প্রায় ৩.২ বিলিয়ন বা ৩২০ কোটির মতো। মজার ব্যাপার হলো, এখন পর্যন্ত এ যাবতকালের সবচেয়ে বেশি লাইক পাওয়া ছবিটি হলো একটা ডিমের ছবি। সারা দুনিয়ার খাদ্য তালিকায় উপর দিকে থাকার পাশাপাশি লাইক পাওয়ার কাতারেও দেখো ডিম জায়গা করে নিয়েছে।
ক্যামেরা নিয়ে একটা বিখ্যাত ধাঁধাঁ দিয়ে আজকের লেখাটা শেষ করি। প্রথম ক্যামেরার ছবি কোন ক্যামেরা দিয়ে তোলা হয়েছিল? প্রথমে শুনলে মনে হয়, আরে, তাই তো! তখন আর ক্যামেরা ছিল নাকি? ব্যাপারটা আসলে মোটেও এমন না। তুমি জাদুঘরে অনেক হাজার বছরের পুরনো জিনিস দেখেছ না? এই জিনিসের ছবি তোলার জন্য কি সেই হাজার বছর আগে ক্যামেরা থাকার দরকার ছিল? না। বরং জিনিসটা থেকে গেলে এখনকার লেটেস্ট ক্যামেরা দিয়েও তার ছবি তোলা যাবে। একই কথা সেই ক্যামেরার জন্য প্রযোজ্য। সিম্পল না? তো বন্ধুরা, তোমাদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।

প্রকাশকাল: জানুয়ারি ২০২৫

খাবার চোর

গামলাভর্তি মুড়ি নিয়ে জরুরি আলোচনায় বসেছে ওরা তিন বন্ধু

জরুরি আলোচনায় বসেছে ওরা তিন বন্ধু রাফি, মুন্না ও আলভি।
রাফির পড়া-কাম শোয়ার ঘরটা বেশ গোছানো। দক্ষিণ দিকে জানালার নিচে পড়ার টেবিল। টেবিলের বামে উত্তর-দক্ষিণ বিছানা পাতা। অন্যপাশে জামা-কাপড় রাখার একটা আলমারি।
তিন বন্ধু বিছানায় উঠে বসেছে। শীতটা এবার পড়তে দেরি হলেও এই মুহূর্তে বেশ জেঁকে বসেছে। গরম কাপড় তো ওদের গায়ে আছেই, কম্বলের ভেতরে পা ঢুকিয়ে দেয়ালে হেলান দিয়ে রিল্যাক্সে কথা বলছে।
আলোচনার বিষয় আর কিছুই নয় স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ। নতুন ক্লাস শুরু হবে সেই জানুয়ারিতে। জানুয়ারি আসতে এখনও অনেকদিন বাকি আছে। এই সময়টা পার করার একটা পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যেই এই আলোচনা সভার আয়োজন।
রাফির আম্মু সরিষার তেল, পিঁয়াজ ও কাঁচাঝাল কুচি দিয়ে এক গামলা মুড়ি মেখে দিয়ে গেছেন। কম্বলের উপরে রাখা হয়েছে মুড়ির গামলাটা। ওখান থেকে হাতে এক মুঠ করে মুড়ি নিয়ে মুখের ভেতর চালান করছে আর যে যার মতামত জানাচ্ছে। কিন্তু কোনোটাই সবার মনঃপুত হচ্ছে না।
রাফি বললো, ‘আরও ভালো করে ভাবো সবাই। আমরা বেশ মজা করে কাটাতে চাই এবারের ছুটিটা।’
আলভি বললো, মুখভর্তি মুড়িমাখা নিয়ে, ‘আমার দ্বারা ওসব ভাবাভাবির কাজ হবে না। তোমরাই ভাবো।’
মুন্না বললো, ‘একটু অল্প করে মুখে দাও পেটুক রাজা! গলায় আটকে যাবে তো!’
তিনবন্ধুর মধ্যে আলভিটা একটু খাবারপ্রিয়। আর রাফির মায়ের হাতের মুড়িমাখা ওর ফেভারিট খাবার তালিকার এক নম্বরে। কাজেই মুন্না যতোই বলুক, ওকে থামানো যাবে না। মুখের মধ্যে মুড়ি থাকা অবস্থায় আরও মুড়ি নিয়ে মুখে ঢুকিয়ে দিলো। তারপর ওই অবস্থাতেই কথা বলে উঠলো। কিন্তু পুরোটা বোঝা গেলো না।
আলভিকে অধিকাংশ সময় “পেটুক রাজা” বলে সম্বোধন করে মুন্না। প্রথম প্রথম রাগ করলেও এখন আর তেমন কিছু মনে করে না আলভি।
‘আমরা এক কাজ করতে পারি,’ বলে উঠলো মুন্না। ‘কোথাও বেড়াতে যেতে পারি।’
‘এক কাজ করি চলো,’ এবার বললো আলভি। ‘এই সময় তো সাইবেরিয়া থেকে অতিথি পাখিরা আমাদের দেশে আসছে, তাহলে আমরা চলো সাইবেরিয়ায় চলে যাই।’ আবারও মুঠোভর্তি মুড়ি মুখে পুরলো।
খোলা জানালা দিয়ে বিকেলের নরম রোদের ছটা এসে পড়ছিলো রুমের ভেতরে। তাতে প্রাণজুড়ানো সুন্দর একটা রেশ যেনো আছে। আলভি বলেছিলো জানালাটা বন্ধ করে দিতে। কিন্তু বাকি দুই বন্ধুর বিরোধের কারণে তা আর হয়নি। শক্তিটাও যেনো ওর বেশি। এ কারণে অন্য দু’জনের মাঝখানে বসেছে।
‘আমাদের তাহলে উইলভার রাইট আর অরভিল রাইট হতে হবে।’ আলভির কথার জবাবে বললো মুন্না। ‘ওই দুই ভাইয়ের মতো পিঠে পাখা লাগিয়ে উড়ে যেতে হবে সাইবেরিয়ায়।’
‘তোমরা হেয়ালি করো না।’ ক্ষেপে গেলো রাফি। ‘তারচেয়ে শোনো আমি কী বলি।’
উৎসুক হয়ে উঠলো মুন্না ও আলভি। ও জানেই যে শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তটা রাফির কাছ থেকেই আসবে। এ জন্য নিজেরা অতোটা মন দিয়ে ভাবছিলো না।
রাফি আবার বললো, ‘রাতুল আঙ্কেলের দোকান থেকে প্রায় প্রতিরাতেই নাকি চুরি হচ্ছে। বিশেষ করে পাউরুটি, কলা, বিস্কুট এইসব। আমি আজ যখন আঙ্কেলের দোকান থেকে মুড়ি আনতে গিয়েছিলাম, তিনি আমাকে বললেন কথাটা। আমার মনে হয়, আমরা চোরটাকে খুঁজে বের করতে পারি। তাতে রাতুল আঙ্কেলের খুব উপহার হবে।’ নিজের পরিকল্পনার কথাটা জানালো রাফি। বন্ধুদের মুখের দিকে তাকাতে লাগলো তাদের অভিমত জানার জন্য।
মুন্না একবারেই রাজি হয়ে গেলো। বললো, ‘এটা একটা ভালো প্রস্তাব। আমি রাজি।’ হাত তুললো।
আলভির মুখটা একটু শুকিয়ে গেলো। চোর ধরতে বুঝি ভয় পাচ্ছে। কিন্তু অন্য দুই বন্ধুকে রাজি দেখে ও আর না করতে পারলো না, সম্মতি জানালো।
রাফি এবার উচ্ছ¡সিত হয়ে বললো, ‘তাহলে আমরা আজ রাতেই কাজ শুরু করবো।’
ঠিক এই সময় রুমে প্রবেশ করলো রাফির ছোটো বোন রাইসা। বললো, ‘আমাকে তোমাদের সাথে নিতে হবে।’ বোঝা যাচ্ছে, আড়াল থেকে ওদের সব কথা শুনেছে সে।
ওরা অনেক বোঝালো রাইসাকে। শীতের ভয় দেখানো হলো। কিন্তু কিছুতেই কোনো কাজ হলো না। ওকে যদি না নেয়া হয়, তাহলে আম্মুকে সব বলে দেবে।
আম্মু জানলে ওদেরকে যেতে দেবেন না চোর ধরতে। তাই রাইসাকে সঙ্গে নেয়ারই সিদ্ধান্ত নিলো ওরা।
মসজিদে জামায়াতে এশার নামাজ আদায় করলো ছেলেরা। খেয়েদেয়ে প্রস্তুত হয়ে নিলো।
সাড়ে আটটার দিকে রাইসাকে নিয়ে বেরিয়ে পড়লো। আম্মুকে বলে গেলো বাইরে বেড়াতে যাচ্ছে। দ্রুতই চলে আসবে।
রাইসা লাল-কালো সুন্দর একটা কার্ডিগান পরেছে। মাথায় একটা উলের টুপি কান পর্যন্ত নামানো। পায়ে গোড়ালির ওপর পর্যন্ত ঢাকা পিংক কালারের একটা নরম কেডস। একেবারে ডলের মতো লাগছে।
রাফি, মুন্না আর আলভি যে যার মতো গরম কাপড় পরেছে। তিনজন তিনটে টর্চলাইট নিয়েছে। ওদের টর্চলাইটগুলো দেখে রাইসাও নিজের কার্টিগানের পকেট থেকে গোলাপি কালারের একটা টর্চ বের করলো। গতবছর ছোটমামা কিনে দিয়েছিলেন।
রাতুল আঙ্কেলের দোকানটা কাঠের তৈরি। সামনে ঝাঁপ দেয়া। আংটা দিয়ে উপরে উঠিয়ে খোলা হয়। পাশে ছোটো একটা দরজা আছে। ওটাকে দরজা না বলে জানালা বলাই ভালো। ওটা খুলেই দোকানের ভেতরে ঢুকতে হয়।
দোকানটা রাস্তার উত্তর পাশে। ডান পাশ দিয়ে হাউজিংয়ের ড্রেন চলে গেছে। বামে খোলা জায়গা। বিকালে ছেলেমেয়েরা খেলা করে। দোকানটা থেকে কিছুটা পূর্বে রাস্তার দক্ষিণে একটা বাগান আছে। বাগানের আরও দক্ষিণে বাড়িঘর। রাস্তাটা ইটের সলিঙের। পশ্চিম দিকে সোজা ঢাকা-রোডের সাথে মিশেছে।
রাফিরা রাস্তার দক্ষিণের বাগানের মধ্যে বড়ো গাছের আড়ালে ঝোপ মতো একটা জায়গায় লুকিয়ে রইলো। দৃষ্টি সবার রাতুল আঙ্কেলের দোকানের দিকে।
বাগানটা অন্ধকার। অন্যদিকে দোকানের সামনেটা আলোকিত। তাই অন্ধকার থেকে দোকান এবং তার আশপাশটা একেবারেই পরিষ্কার দেখা যাচ্ছে।
রাত বাড়ছে। শীতের রাতÑ সে কারণে যেনো সময় যাচ্ছেই না। অস্থির হয়ে উঠছে ছেলেমেয়েরা। মশা খুব বিরক্ত করছে। তবে সারা শরীর এবং পা ঢাকা থাকায় খুব একটা কামড়াতে পারছে না। খোলা হাতে দু’একটা বসছে এবং কামড় দিচ্ছে। কিন্তু বিরক্তিকর হচ্ছে কানের কাছে মশাদের ‘ভনভনানি’ গানটা। বেসুরো ওই গানে মাঝে মাঝে মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে।
‘আগেই আসা হয়ে গেছে আমাদের।’ ফিসফিস করে বললো রাফি। ‘আরও পরে আসা উচিত ছিলো।’
‘এখন কী করবে তাহলে?’ জিজ্ঞাসা মুন্নার। ‘চলে যাবে? আরেকটু রাত নামলে আসবে?’
পাশেই একটা পেঁচা ডেকে উঠলো কর্কশ কণ্ঠে। চমকে উঠলো আলভি। রাফির প্রায় গায়ের উপরে উঠে পড়লো ভয়ে। রাফি চাপা ধমক দিয়ে বললো, ‘এই ভীতুর ডিম, ওটা একটা পেঁচার ডাক!’
রাইসা একটুও ভয় পেলো না। বললো, ‘পেঁচার ডাক শুনতে কর্কশ হলেও ভয় পাওয়ার কিছু নেই। ওরা আমাদের কিছুই করতে পারবে না।’
রাফি ডিজিটাল রিস্ট ওয়াচের আলো জ্বেলে দেখলো, রাত তখন দশটা বাজে।
সময় যেনো থমকে আছে। অন্যদিকে শীত তার কনকনে থাবা নিয়ে হামলে পড়ছে ওদের দেহের ওপর। গায়ে গা লাগিয়ে জড়োসড়ো হয়ে বসে আছে। সবার চোখ রাতুল আঙ্কেলের দোকানের দিকে।
তাকিয়ে থাকতে থাকতে চোখ ব্যথা করে উঠছে। একটু পর এলাকাটা নির্জন হয়ে গেলো। রাস্তা দিয়ে লোকজনের চলাচল কমে গেলো। আশপাশের বাড়িঘরগুলোও অন্ধকারে ঢেকে যাচ্ছে। অর্থাৎ, ঘুমিয়ে পড়ছে সবাই। ঘুমিয়ে পড়েছে আলভিও। দেহের পুরো ভর এসে পড়েছে রাফির ওপর।
ফিসফিস করে বন্ধুকে ডাকলো রাফি, কানের প্রায় ভেতরে মুখ নিয়ে। দু’বার ডাকতেই ধড়মড় করে জেগে গেলো। ‘চোর চোর!’ বলে লাফিয়ে উঠলো। মুখ চেপে ধরে তাকে সামলালো রাফি। ভাগ্যিস, রাস্তায় লোকজনের চলাচল নেই! তা নাহলে ওদের উপস্থিতি জানাজানি হয়ে যতো।
একটু পর রাতুল আঙ্কেল ঝাঁপ ফেলে দোকান বন্ধ করলেন। তারপর দোকানের ভেতরে ঢোকার ছোট্ট দরজাটা তালা দিয়ে আটকালেন। হাতের টর্চ জ্বালতে জ্বালতে বাড়ির পথ ধরলেন।
সজাগ হয়ে উঠলো ছেলেমেয়েরা। দোকানের ওদিকটা এখন পুরোপুরি অন্ধকার।
তাকিয়ে আছে ওরা। কিন্তু না, কেউ আসছে না খাবার চুরি করতে। তাকিয়ে থাকতে থাকতে অধৈর্য হয়ে উঠছে। আজ বোধহয় চোরটা আসবে না ভেবে আশা প্রায় ছেড়েই দিয়েছে, ঠিক এই সময় একটা কালো মূর্তিকে ধীরে ধীরে দোকানের পাশে এসে দাঁড়াতে দেখা গেলো। ঠোঁটে আঙুল চেপে সবাইকে চুপ থাকতে বললো রাফি।
কালো ছায়ার মতো মূর্তিটা দোকানের ছোট্ট দরোজাটার ওপর ঝুঁকে পড়লো। এদিক-ওদিক তাকালো আবার। কেউ কোথাও নেই নিশ্চিত হয়ে কী যেনো করতে লাগলো। রাফি বুঝলো, চোরটা তালা খুলছে। পঞ্চ ইন্দ্রিয় সজাগ হয়ে গেলো ওর।
রাইসা বললো ফিসফিস করে, ‘ওই ভূতটা দোকানের দরজা খুলছে! চলো রাফি ভাইয়া, চোরটাকে এবার হাতেনাতে ধরে ফেলি।’
রাফি বোনকে বাধা দিলো। বললো, ‘এখনই না। আগে চুরি করুক। তারপর তার পিছু নেবো আমরা। দেখবো, লোকটা কেনো চুরি করে? কোথায় নিয়ে যায় খাবারগুলো। প্রকৃত রহস্যটা আমাদের জানতে হবে।’
‘তুমি ঠিক বলেছো রাফি।’ সঙ্গে সঙ্গে ওর পক্ষ নিলো মুন্না। ‘আমরা দেখবো চোরটা ওই খাবার নিয়ে কী করে?’
আলভির কণ্ঠটা ভয়ার্ত শোনালো। বললো, ‘আমার তো মনে হচ্ছে ওটা একটা ভূত! তার পিছু নিলে আমাদের যদি তার ডেরায় নিয়ে যায়? তাহলে তো আমাদের ঘাড় মটকে খেয়ে ফেলবে!’
‘তুমি অতো ভীতু কেনো আলভি ভাইয়া?’ বললো রাইসা। ‘আমি তোমাকে শিওর দিয়ে বলছি, ওটা কোনো ভ‚ত নয়, মানুষ!’
কথা আর এগোলো না, কারণ, কালো ছায়ামূর্তিটা তখন ছোট্ট দরজাটা দিয়ে দোকানের ভেতরে ঢুকে গেছে। তারপর যখন সে বের হয়ে এলো, তার দু’হাত ভর্তি দেখা গেলো। হাতের জিনিসগুলো মাটিতে রেখে আবারও তালাটা আটকে দিলো। তারপর জিনিসগুলো আবারও দু’হাত ভর্তি করে নিয়ে যে পথ দিয়ে এসেছিলো, সেদিকে হাঁটা ধরলো।
‘এসো আমার সাথে।’ বলে বাগান থেকে বেরিয়ে এলো রাফি।
নীরবে লোকটার পিছু নিলো চারজনের দলটা নিরাপদ দূরত্ব বজায় রেখে।
কালো ছায়ামূর্তিটা কোনো দিকে তাকাচ্ছে না। হনহন করে হেঁটে চলেছে। ভাবতেই পারেনি যে তাকে কেউ ফলো করতে পারে। প্রায় প্রতিদিনই তো সে এ কাজ করে। তাই কনফিডেন্সটা একটু বেশিই।
জায়গাটা একটা পুরনো ইটভাটা। অনেক আগেই বন্ধ হয়ে গেছে। ভেতরটা কেমন ভ‚তুড়ে হয়ে থাকে। দিনের বেলাতেও ভেতরে মানুষ যায় না খুব একটা। অন্যরা শান্ত থাকলেও আলভি প্রায় রাফির বাহুটা খামচে ধরে হাঁটছে। কয়েকবার বারণ করা সত্তে¡ও কাজ হলো না বলে রাফিও এখন আর কিছু বলছে না।
উঁচুনিচু এবড়ো-থেবড়ো মাটি। কোথাও কোথাও পুরনো ইট বেরিয়ে রয়েছে। চারপাশে ছোট-বড় গাছপালা আর ঝোপঝাড়। কানের পাশ দিয়ে রাতজাগা পাখি আর বাদুড় উড়ে যাচ্ছে। কিন্তু কিছুরই পরোয়া করছে না ওরা। পাছে লোকটাকে হারিয়ে ফেলে!

খুব দ্রুত হাঁটছে সামনের লোকটা। পথটা তার পরিচিত হওয়াতে কোথাও আটকাচ্ছে না। কিন্তু ছেলেমেয়েদের হাঁটতে বেশ বেগ পেতে হচ্ছে। লাইটও জ্বালাতে পারছে না। তাতে লোকটা সতর্ক হয়ে যেতে পারে।
সামনে ভাঙাচোরা একটা দালান। দূর থেকে ওটাকে দেখে একটা ভূতের বাড়ি বলেই মনে হচ্ছে। ছাদজুড়ে বিভিন্ন আগাছা গজিয়ে উঠেছে। আলভির কাছে মনে হচ্ছে, ছাদের ওপরে একগাদা ভূত হেঁটে বেড়াচ্ছে। কেউ কেউ ওর দিকে তাকিয়ে ভেংচি কাটছে। লম্বা লম্বা সাদা দাঁত বের করে শাসাচ্ছে- খবরদার মানুষের বাচ্চারা! এদিকে আর এসো না! অনেকদিন মানুষের গোশত খাওয়া হয় না! তোমরা এলে কিন্তু ভুড়িভোজ করবো! তারপর দাঁত কেলিয়ে হাসছে। বিকট সে হাসি। লাল লাল দাঁত দেখা যাচ্ছে এবার।
মনে মনে সূরা কালাম যা জানে সব পড়তে থাকলো আলভি।
রাফির দৃষ্টি সামনের কালো ছায়ামূর্তিটার দিকে। বেশ বড়োসড়ো একটা উঠান মতো খোলা জায়গা দালান ঘরটার সামনে। শান দেয়া জায়গাটার মাঝে মাঝে শান উঠে নিচের মাটি বেরিয়ে পড়েছে। কোথাও কোথাও আগাছা জন্মেছে।
দালানটার সামনে গিয়ে ঘাড় দিয়ে ঠেলা দিলো ছায়ামূর্তিটা। ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ তুলে একটা দরজা খুলে গেলো। ভেতরে হালকা আলো জ্বলছে। কুপি জ্বলছে একটা।
সবাইকে থামতে বললো রাফি। অপেক্ষা করতে বললো।
দরজাটা খোলাই রইলো।
ওরা এবার সাবধানে কোনো শব্দ না করে কুঁজো হয়ে সামনে এগিয়ে চললো দালানটাকে ডানে রেখে।
দালানের ওপাশে একটা জানালা আছে। সুপারি গাছের পাতা আর ছেড়া সিমেন্ট ও ছালার বস্তা দিয়ে আটকানো হয়েছে। দালানের আরও কয়েক জায়গায় ভাঙা এবং একই পদ্ধতিতে আটকানো।

অমনই এক ভাঙা অংশের সামনে গিয়ে থামলো ছেলেমেয়েরা। রাফি সাবধানে সুপারির পাতা সরিয়ে ভেতরে উঁকি দিলো। কুপির কাঁপা কাঁপা আলোয় যা দেখলো, তাতে ওর প্রাণটা কেঁদে উঠলো। ভেতরে ছেড়া একটা বিছানার ওপরে একটা ছেলে শুয়ে আছে। গায়ের ওপরে ততোধিক ছেড়া ও পট্টি দেয়া একটা কাঁথা। মাথার কাছে সঙ্গে আনা জিনিসগুলো রেখে ঘরের এক কোণায় চলে গেলো একটু আগে যে ছায়ামূর্তিটা ভেতরে ঢুকেছে। ঘরে কোণায় একটা অ্যালুমিনিয়ামের জগ, একটা গেলাস, দু’টো ভাঙা প্লেট এবং টুকটাক আরও কিছু জিনিস।
রাফি এবার ছেলেটার দিকে মনোযোগ দিলো। কাঁথার ওপর থেকেও বোঝা যায়, ছেলেটার শরীর খুবই জীর্ণশীর্ণ। গলা পর্যন্ত ঢাকা শরীরে হাড়হাড্ডি গোনা যাবে যেনো। মাথায় উশকোখুশকো একরাশ চুল।
ছায়ামূর্তিটা নিজের শরীর থেকে ছালার লম্বা আলখেল্লাটা খুলে একপাশে রেখে জগ, প্লেট ও গেলাস নিয়ে ছেলেটার কাছে গেলো। ধীরে ধীরে ছেলেটার মাথা ধরে তাকে উঠিয়ে বসালো। পাশে রাখা জিনিসগুলো থেকে চিড়া বের করে প্লেটে ঢাললো। জগ থেকে পানি ঢেলে ভালো করে চিড়া ধুয়ে তারপর কলা চটকে ছেলেকে খাওয়াতে লাগলো।
রাফির হৃদয়টা তখন হুঁ হুঁ করে কাঁদছে। এই তাহলে খাবার চুরির রহস্য!
এতক্ষণ রাফির গা ঘেষে অন্যরা একই দৃশ্য দেখছিলো। হঠাৎ আলভি হুড়মুড় করে ভেতরে পড়ে গেলো রাফিকে নিয়ে।
চমকে উঠে দাঁড়ালো লোকটা। বিস্ফোরিত চোখে তাকিয়ে রইলো ছেলেমেয়েদের দিকে। কী করবে বা বলবে কিছুই ভেবে পেলো না।
রাফি তাকে অভয় দিয়ে বললো, ‘আপনি ভয় পাবেন না। আমরা আপনাদের কোনো ক্ষতি করবো না।’
অনেক বুঝিয়ে সুঝিয়ে লোকটা ও তার ছেলেকে ভয় পাওয়া থেকে আটকালো রাফিরা।
লোকটার কাছ থেকে জানা গেলো, তার বাড়ি অনেক দূরে। গেলো বন্যায় তার বাড়িঘর সব ভেসে গেছে। সাথে ভাসিয়ে নিয়ে গেছে তার একটি মেয়ে ও স্ত্রীকেও। তারা বাপ আর ছেলে কোনো রকম বেঁচে গিয়েছে। এখানে ওখানে ঘুরতে ঘুরতে এখানে এসে উঠেছে দিন দশেক হলো। তার ছেলেটা খুবই অসুস্থ। বিশেষ করে মা আর বোনের শোকে বেশি ভেঙে পড়েছে। আর নিজেও কাজকর্ম করতে পারে না। কিছু করতে গেলেই হাঁফিয়ে ওঠে। মাথা ঘুরে পড়ে যায়। তাই বাধ্য হয়েই রাতে খাবার চুরি করে। ছেলেকে খাওয়ায়। বাধ্য হয়েই কাজটা করতে হয় তাকে।
সবই ছিলো তার। গরু, হাঁসমুরগি, পুঁইয়ের মাচা, ঘরভর্তি জিনিসপত্র। এখন আর কিছুই নেই। স্ত্রী ও মেয়ের খবর জানে না। বেঁচে আছে কি না, তাও জানে না।
অনেক অনুনয় বিনয় করে তাদেরকে যেনো পুলিশে দেয়া না হয়।
ছেলেমেয়েদের খুবই খারাপ লাগে সবটা শুনে। মনগুলো কেঁদে ওঠে। তারা কতো আরামে থাকে এই শীতে, কতো গরম কাপড়চোপড় পরে, ভালো ভালো খাবার খায়। অথচ তাদের পাশেই এই অবস্থায় পড়ে আছে অসহায় এক পিতা ও তার অসুস্থ ছেলে! বাড়িঘর সব ছিলো তার। কিন্তু আজ সব হারিয়ে পথের ফকির! চুরি করে খাবার ব্যবস্থা করতে হয়।
লোকটা এবং তার ছেলের মতো আরও কতো মানুষ আশপাশে আছে তার হিসাব নেইÑ ভাবলো ওরা। তাদেরও কি বাঁচার অধিকার নেই। অধিকার নেই সমাজের আর দশটা মানুষের মতো শীতে ভালো কাপড় পরার, পেট ভরে তিন বেলা খাওয়ার, ভালো ঘরে ঘুমাবার?
ওরা সিদ্ধান্ত নেয়, কালই এর একটা ব্যবস্থা করতে হবে। এলাকার সবাইকে বলে এই লোক আর তার ছেলের জন্য একটা কোনো ব্যবস্থা করতে হবে। পাশাপাশি খোঁজ নিতে হবে আশেপাশে আর কেউ শীতে কষ্ট পাচ্ছে কি না। তাদেরও পাশে দাঁড়াতে হবে।

প্রকাশকাল: জানুয়ারি ২০২৫