Home Blog Page 112

কোরবানির স্মৃতি!

জাতির পিতা ইব্রাহিম! দেখেন এমন স্বপ্ন,
স্বপ্ন তো নয় আল্লাহর ওহি, প্রেমময় এক লগ্ন।
বলেন তাঁকে ‘হে ইব্রাহিম, তোমার প্রিয় যেজন
কোরবানি দাও প্রভুর নামে, বস্তু কিবা স্বজন।

ভাবেন বসে নবী আমার সবচে’ প্রিয়জন,
আমার পুত্র ইসমাঈল’ই সেই প্রিয় স্বজন।
তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সে কোরবানি,
‘ইসমাঈল’ কে জানান তিনি আল্লার আদেশখানি।

সবটা শুনে মিষ্টি হেসে বলেন ইসমাঈল,
আল্লাহ তায়ালার সন্তুষ্টিই আমারও মঞ্জিল।
আজ্ঞা পালন করুন বাবা, খুশিই আমি এতে,
যায় যাবে এই তুচ্ছ জীবন প্রভুর প্রেমেতে।

ইসমাঈলের হাত পা বেঁধে চালান গলায় ছুরি,
গলা কাটে না হায়, করেন যতোই জোরাজুরি।
তাই তিনি দু’চোখ বেঁধে নেন কাজের মাঝে থেমে,
তখন ‘ফেরেশতা জিবরাইল’ আসেন ধরায় নেমে!

জান্নাতি এক দুম্বা সাথে নিয়ে এলেন তিনি,
ইসমাঈলের বদলে হয় সে ‘দুম্বা’ কোরবানি!
তখন থেকেই রেওয়াজ হলো ‘কোরবানির ঈদের’
আল্লাহ বলেন প্রমাণ পেলাম দুজনের প্রেমের।

তোমাদের এই ত্যাগের দরুণ চিরজীবন ধরে,
‘ঈদ-উল-আজহা’ পালন হবে মুসলিমদের ঘরে।
জাতির পিতা ইব্রাহিম ও পুত্র ইসমাঈল এ,
প্রভুর নিকট শোকর আদায় করেন দুজন মিলে।

প্রকাশকাল: জুন ২০২৫

ত্যাগের শিক্ষা

কোরবানি নয় গোশত খাওয়া,
ভক্তি ও ত্যাগ মূল,
আল্লাহ তায়ালার মানতে আদেশ
হও সবে মশগুল।

ত্যাগের মাঝেই যায় যে পাওয়া,
তাঁরই আসল পথ,
মনীষীদের জীবন থেকে
পাই পড়ে সেই মত।

কোরবানি নয় লোক দেখানো,
হৃদয় করো জয়,
ইবরাহিমের ত্যাগের কথা
মানবে তো নিশ্চয়!

নিজের হাতে পুত্রকে তাঁর
দেন তিনি কোরবান
সেই ত্যাগেরই বার্তা পেলেন
পুত্র মহীয়ান।

সেই আদেশে বিনা দ্বিধায়
শামিল ইসমাঈল,
লক্ষ্যে অটল বাপ ও ছেলে
সরেননি এক তিল।

এমন করে খোদার আদেশ
মানতে পারে কে?
সফল যারা, তাওহিদেরই
পথ দেখিয়েছে।

যুগে যুগে থাকেন তাঁরা
লক্ষ্যে অবিচল
ত্যাগ-মহিমার ছায়ায় ডাকেন
মানুষ অনর্গল।

প্রকাশকাল: জুন ২০২৫

ঈদুল আজহার তাৎপর্য

ছোট্ট আবিরা এঘর ওঘর করছিল। নানু এলো হঠাৎ বাইরে থেকে।
: ‘কী নানু ভাই? তুমি ব্যস্ত মনে হয়?’ সে বলল।
: ‘হ্যাঁ, একটু তো ব্যস্ত আছিই। কোরবানির ঈদ সামনে। গরু কিনতে হবে। তা, বলে ফেলো তোমার পেটের কথা।’ হেসে বললেন নানাভাই।
: ‘তেমন কিছু না। এলো ঈদ, সেমাই কোরমা পোলাও খাব। নতুন জামা কিনব। তা না, তুমি আছ গরু নিয়ে।’
ওহহো, বলে জোরে হেসে দিলেন নানাভাই। বললেন, এসো তবে সে কথাই বলি।
আসলে কোরবানি ঈদ এলে অনেক শিশুই এরকম কথা বলে। ফুলকুঁড়ি বন্ধুরা, আজ তোমাদের এই কোরবানির ঈদের কথাই বলব।
সব ভালো কাজের একটা উদ্দেশ্য থাকে। শুরু করি কোরবানির ঈদের মূল উদ্দেশ্য ও তাৎপর্য নিয়ে।
আল্লাহর বন্ধু বা খলিলুল্লাহ হজরত ইব্রাহিম আ. আল্লাহর আদেশে নিজ পুত্র ইসমাঈল আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহর রাহে কুরবানি করতে চেয়েছিলেন। হজরত ইব্রাহিম আ. এর ইচ্ছা ও ত্যাগের কথা স্মরণ করেই এই ঈদ পালন করা হয়।
ঈদুল আজহা, ঈদুল আজহা বা ঈদুল আদহা নানাভাবে এটাকে উচ্চারণ করা হয়। আরবি: এর বাংলা অর্থ হচ্ছে  ‘ত্যাগের উৎসব’।
ইসলাম ধর্মাবলম্বীদের জন্য আল্লাহ সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসব নির্ধারণ করে দিয়েছেন। প্রথমটি ঈদুল ফিতর। দ্বিতীয়টি এই ঈদুল আজহা। ঈদুল আজহা কুরবানির ঈদ নামেও পরিচিত, তা আগেই বলেছি। এই উৎসবকে ঈদুজ্জোহাও বলা হয়। ঈদুল আজহা মূলত আরবি বাক্যাংশ। এর অর্থ হলো ‘ত্যাগের উৎসব’। এই উৎসবের মূল বিষয় হলো ত্যাগ করা, কোরবানি করা। কোরবানি মানে কিন্তু শুধু পশু জবাই নয়, ত্যাগ ও কোরবানি।

কীভাবে দিনটি উদযাপিত হয়? এ দিনটিতে মুসলমানেরা ফজর নামাজের পর ঈদগাহে গিয়ে দুই রাক্বাত ঈদুল আজহার নামাজ আদায় করেন। এর পরপরই নিজ নিজ আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, মহিষ ও উট আল্লাহর নামে কোরবানি করেন।
চাঁদ দেখার পরদিন রোজার ঈদ হলেও কেরবানির ঈদ কিন্তু তেমন নয়। ইসলামী চান্দ্র পঞ্জিকায় ঈদুল আজহা জ্বিলহজ্জ মাসের ১০ তারিখে পড়ে। আন্তর্জাতিক (গ্রেগরিয়) পঞ্জিকায় তারিখ প্রতি বছর ভিন্ন হয়, সাধারণত এক বছর থেকে আরেক বছর ১০ বা ১১ দিন করে কমতে থাকে। ঈদের তারিখ স্থানীয়ভাবে জিলহজ্জ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে।

আর কী কী নাম আছে এর: এই নামটি প্রায়ই স্থানীয় ভাষায় বলা হয়ে থাকে, যেমন বাংলায় কোরবানি ঈদ, জার্মান ভাষায় Opferfest, ওলন্দাজ ভাষায় Offerfeest, রোমানীয় ভাষায় Sărbătoarea Sacrificiului, ও হাঙ্গেরীয় ভাষায় Áldozati ünnep। একই উৎসব নানা ধরনের নাম, বিষয়টা চমৎকার তাই না?
স্পেনীয় ভাষায় এটি Fiesta del Cordero বা Fiesta del Borrego. দুটিরই অর্থ ‘মেষশাবকের উৎসব’। মিসর, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে এটি عید البقرة ʿĪফ ধষ-ইধয়ধৎধয নামে, ইরানে عید قربان ঈদে কোরবান নামে, তুরস্কে Kurban Bayramı (ত্যাগের দিন) নামে পরিচিত। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন Iduladha, Hari Raya Aiduladha, Hari Raya Haji বা কুরবান নামে পরিচিত।

কীভাবে এল নামটি, চলো এবার তা দেখা যাক।
আরবি عيد ঈদ শব্দটির অর্থ ‘উৎসব’, ‘উদ্যাপন’, ‘ভোজের দিন’, বা ‘ছুটির দিন’। ًأضحى আদহা শব্দটির অর্থ ‘ত্যাগ’। সেখান থেকেই এর উৎপত্তি।
এই ঈদের ছোট্ট একটি ইতিহাস আছে। বা ঘটনাও বলতে পারো। মহান আল্লাহ তা’আলা নবী হজরত ইব্রাহীম (আ.) কে স্বপ্নযোগে তাঁর সবচেয়ে প্রিয় বস্তুটি কুরবানি করার নির্দেশ দেন। তিনি বলেন, ‘তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর নামে কোরবানি করো’।
ইব্রাহীম (আ.) স্বপ্নে এই আদেশ পেয়ে ১০টি উট কোরবানি করলেন। কয়েক দিন পর তিনি আবারও একই স্বপ্ন দেখলেন। এরপর ইব্রাহীম (আ.) ১০০টি উট কোরবানি করেন। এরপরেও তিনি একই স্বপ্ন দেখেন। এর পর ভাবলেন, আমার কাছে তো এ মুহূর্তে প্রিয় পুত্র ইসমাঈল ছাড়া আর কোনো প্রিয় বস্তু নেই। তখন তিনি পুত্রকে কোরবানির উদ্দেশ্যে প্রস্তুতিসহ আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় শয়তান আল্লাহর আদেশ পালন করা থেকে বিরত করার জন্য ইব্রাহীম (আ.) ও তাঁর পরিবারকে প্রলুব্ধ করেছিল, এবং ইসমাঈল শয়তানকে পাথর ছুঁড়ে মেরেছিলেন। শয়তানকে তার প্রত্যাখ্যানের কথা স্মরণে হজ্জের সময় শয়তানের অবস্থানের চিহ্নস্বরূপ নির্মিত ৩টি স্তম্ভে প্রতীকী পাথর নিক্ষেপ করা হয়। আর তোমরা তো জানোই, পবিত্র হজ ও ঈদুল আজহা একই সময়ে পালিত হয়।
যখন ইব্রাহীম (আ.) আরাফাত পর্বতের উপর তার পুত্রকে কোরবানি দেয়ার জন্য গলদেশে ছুরি চালানোর চেষ্টা করেন, তখন তিনি বিস্মিত হয়ে দেখেন যে তার পুত্রের পরিবর্তে একটি প্রাণী কোরবানি হয়েছে এবং তার পুত্রের কোনো ক্ষতি হয়নি। ইব্রাহীম (আ.) আল্লাহর আদেশ পালন করার দ্বারা কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হন। এতে সন্তুষ্ট হয়ে আল্লাহ ইব্রাহীম (আ.) কে তার খলিল (বন্ধু) হিসেবে গ্রহণ করেন।

পবিত্র কোরআনে ইব্রাহিম (আ.) এর পুত্রের কুরবানির ঘটনা উল্লেখিত হয়েছে,
“হে আমার পরওয়ারদেগার! আমাকে এক সৎপুত্র দান করো।
সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম।
অতঃপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো, তখন ইব্রাহীম তাকে বলল- বৎস! আমি স্বপ্নে দেখি যে, তোমাকে যবেহ করছি; এখন তোমার অভিমত কী? সে বলল, পিতা! আপনাকে যা আদেশ করা হয়েছে, তাই করুন। আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারী পাবেন।
যখন পিতা-পুত্র উভয়েই আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহীম তাকে যবেহ করার জন্যে শায়িত করল।
তখন আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহীম,
তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে! আমি এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি।
নিশ্চয় এটা এক সুস্পষ্ট পরীক্ষা।
আমি তার পরিবর্তে দিলাম যবেহ করার জন্যে এক মহান জন্তু। (সাফফাত : ১০০-১০৭)
আশা করি বুঝতে পেরেছ।

এই ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছর এই দিবসটি উদ্যাপন করে। হিজরি বর্ষপঞ্জি হিসাবে জিলহজ্জ্ব মাসের ১০ তারিখ থেকে শুরু করে ১২ তারিখ পর্যন্ত ৩ দিন ধরে ঈদুল আজহার কুরবানি চলে। মনের পশুকে জবাই করা, সমাজে ত্যাগের আদর্শ প্রতিষ্ঠা করা ঈদুল আজহার প্রকৃত শিক্ষা। আর ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মাঝে ২ মাস ১০ দিন ব্যবধান থাকে। ফলে একটি ঈদ শেষ হতে না হতে আরেকটি ঈদ চলে আসে। এটাই আল্লাহর বিধান। এভাবেই মুসলমানরা পালন করে দুটি উৎসব।
আবিরা বলেছিলো, কোরবানির ঈদে জামা কাপড়ের কিছু দেখা যাচ্ছে না। জামা কাপড়ের বিষয়টা ঈদুল ফিতরের সময়ই প্রধান হয়ে ওঠে। ঈদুল আজহায় প্রধান হয়ে ওঠে পশু কোরবানি। তবে সেমাই কোরমা পোলাও এই ঈদেও খাওয়া হয়। সবচেয়ে বেশি খাওয়া হয় গরু বা খাসি/ছাগল, তথা যা কোরবানি করা হয় তার গোশত। শুধু নিজেরা খেলেই হবে না, গরিবদের মধ্যে এর একটি অংশ বিলিয়ে দিতে হবে। যাতে তারাও ঈদে গোশত খেতে পারে।
আর একটা কথা। গোশত খাওয়ার নিয়তে কোরবানি দিলে কিন্তু তা সঠিক হবে না। আল্লাহর উদ্দেশ্যেই কোরবানি করতে হবে।
তোমরাও গরিবদের মধ্যে কোরবানির গোশত বিলিয়ে ত্যাগের মহিমা প্রকাশ করতে পারো।

প্রকাশকাল: জুন ২০২৫

ঈদুল আজহা বা কুরবানির ঈদ

মুসলমানের আনন্দ উৎসব হলো ঈদ। অন্যান্য জাতির আনন্দ উৎসব থেকে মুসলমানদের ঈদ উৎসব সম্পূর্ণ আলাদা। বছরে দু’টি ঈদ পালিত হয়। এর একটি হলো ঈদুল ফিতর এবং অপরটি ঈদুল আজহা। ঈদুল ফিতরে রয়েছে নিয়ন্ত্রিত আনন্দ উল্লাসের ছড়াছড়ি, অপরদিকে ঈদুল আজহাতে রয়েছে ত্যাগ, তিতীক্ষা ও সংযমের শিক্ষা।

ঈদ কী : ঈদ এর শাব্দিক অর্থ আনন্দ। আরবি ‘আ-দা’ ‘ইয়াউদু’ থেকে ঈদ শব্দটি এসেছে। ফিরে আসা, প্রত্যাবর্তন করা-এর আভিধানিক অর্থ। আর এ থেকেই গ্রহণ করা হয়েছে ‘ঈদ’ শব্দটি। আর একটু ব্যাখ্যা করে বললে ‘ঈদ’ এর আভিধানিক অর্থ হলো: ক) সেই সকল দিন যাতে সমবেত হয়; খ) খুশি ও আনন্দ ফিরে আসার মওসুম; গ) সেই দিন যা প্রতি বছর আনন্দ ও খুশি বয়ে আনে।
আমাদের আলোচ্য বিষয় ঈদুল আজহা বা কুরবানির ঈদ। কুরবানি অর্থ আল্লাহর নৈকট্য লাভের উপায় বা পন্থা। জিলহজ মাসের ১০ তারিখ থেকে ১২ তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত কুরবানি করার সময়। পবিত্র কুরআনে কুরবানির বিষয়ে আল্লাহ বলেছেন- ‘তোমার প্রতিপালকের জন্য নামাজ পড় এবং কুরবানি দাও’।

ঈদ উৎসবের শুরু: মদিনায় হিজরতের আগে ঈদ উৎসব পালন করা হয়েছে এমন কোনো বর্ণনা পাওয়া যায় না। কোনো কোনো ঐতিহাসিকের মতে, ৬২৩ খ্রিষ্টাব্দে প্রথম ঈদুল ফিতর উদযাপিত হয়। তবে অধিকাংশের মতে, দ্বিতীয় হিজরি সালে অর্থাৎ ৬২৪ খ্রিষ্টাব্দে ঈদুল ফিতরের উৎসব প্রবর্তিত হয়।

ইবরাহীম (আ.)-এর কুরবানি: মুসলিম জাতির পিতা হলেন হজরত ইবরাহীম (আ.)। তাঁর আরেকটি সম্মানজনক উপাধি হলো ‘খলিলুল্লাহ’ বা আল্লাহর বন্ধু। বলা যায় জন্ম থেকেই ইবরাহীম (আ.) নানা পরীক্ষা-নিরীক্ষা ও কুরবানি দেয়ার মধ্য দিয়েই অগ্রসর হয়েছেন। শেষ জীবনে অর্থাৎ একান্ত বৃদ্ধ বয়সে এসে তিনি পুত্র সন্তান ইসমাঈলকে লাভ করেন। কিন্তু এ বৃদ্ধ বয়সের সন্তানকেও আল্লাহর হুকুমে স্ত্রী হাজেরাসহ মক্কার নির্জন প্রান্তরে রেখে আসেন। আবার এই সন্তান যখন একটু বড় হন, চলতে ফিরতে পারেন তখন ইবরাহীম (আ.) তাঁর সন্তানকে কুরবানি করার নির্দেশপ্রাপ্ত হন।

কবি কাজী নজরুল ইসলাম কুরবানির এ ইতিহাস তুলে ধরে লিখেছেন-
“খা’বে দেখেছিলেন ইব্রাহীম।
‘দাও কুরবানি মহামহিম’!
তোরা যে দেখিস দিবালোকে
কি যে দুর্গতি ইসলামের।
পরীক্ষা নেন খোদা তোদের
হাবিবের সাথে বাজি রেখে।”
(শহীদী ঈদ)
পশু হত্যা নয়, উৎসর্গের আনন্দ উৎসব হিসেবে কাজী নজরুল ইসলাম কুরবানিকে গ্রহণ করে মুসলিম জাতিকে জাগ্রত করার উদ্দেশ্যে লিখেছেন-
“ওরে হত্যা নয় আজ’ ‘সত্যাগ্রহ’ শক্তির উদ্বোধন
দুর্বল ভীরু চুপ রহো, ওহো খাম’খা ক্ষুব্ধ মন।” (কোরবানি)।

হজরত ইবরাহীম (আ.) কুরবানি করতে গিয়েছিলেন পুত্র হজরত ইসমাঈল (আ.) কে। ইসমাঈল (আ.)-এর বয়স তখন মাত্র ১৩/১৪ বছর। অর্থাৎ একজন কিশোর মাত্র। অথচ সেই কিশোর ইসমাঈল পিতার প্রস্তাবে কোনো প্রশ্ন না তুলেই রাজি হয়েছিলেন। এটা কি স্বাভাবিকভাবে কল্পনাও করা যায়? কিন্তু ইসমাঈল (আ.) এর বেলায় সেটাই সম্ভব হয়েছে। কত সহজভাবেই না কিশোর ইসমাঈল ঘটনাটি নিয়েছিলেন- যখন ইবরাহীম (আ.) বললেন, ‘হে বৎস! আমি স্বপ্নে তোমাকে জবাই করতে দেখেছি। এখন বলো, তোমার কী অভিপ্রায়?’ পিতৃভক্ত বালক আরজ করলেন, ‘আব্বা, আপনি যে আদেশ পেয়েছেন, তা পালন করুন। আপনি আমাকে ইনশাআল্লাহ এ ব্যাপারে ধৈর্যশীল পাবেন।’

হজরত মুহাম্মদ (সা.) এর কুরবানি: রাসুল (সা.) নিয়মিত কুরবানি করেছেন এবং সহচরদের কুরবানি করার জন্য উৎসাহিত করেছেন। এমনকি যারা কুরবানি করার ব্যাপারে গাফেল তাদের বিষয়ে কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছেন। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে।’ (ইবনে মাজা)

কুরবানি হলো উৎসর্গের আনন্দ উৎসব। পশু কুরবানি এখানে মুখ্য নয় মুখ্য হলো মনের পশুত্বকে কুরবানি করা। আসলে আল্লাহর রাস্তায় সম্পদ কুরবানি করে তাকওয়া অর্জনই মূল লক্ষ্য। এরশাদ হচ্ছে, ‘আল্লাহর কাছে এর গোশত ও রক্ত পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া।’ (সুরা হজ: ৩৭) আল্লাহ পাক আরও ঘোষণা করেছেন, ‘বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহরই জন্য।’ (আল-আনআম: ১৬২)

কাজী নজরুল ইসলামের ‘বকরীদ’ কবিতার কয়েক লাইন উদ্ধৃত করে লেখা শেষ করছি-

“ইবরাহীমের কাহিনি শুনেছ? ইসমাঈলের ত্যাগ?
আল্লারে পাবে মনে কর কোরবানি দিয়ে গরুছাগ?
আল্লাহ নামে, ধর্মের নামে, মানব জাতির লাগি
পুত্রেরে কোরবানি দিতে পারে, আছে কেউ হেন ত্যাগী?
সেই মুসলিম যদি থাকে কেউ, তসলিম করি তারে,
ঈদগাহে গিয়া তারি সার্থক হয় ডাকা আল্লারে।”

প্রকাশকাল: জুন ২০২৫

বকরীদ

ইব্রাহিমের কাহিনি শুনেছ? ইসমাঈলের ত্যাগ?
আল্লারে পাবে মনে কর কোরবানি দিয়ে গরু ছাগ?
আল্লার নামে, ধর্মের নামে, মানব জাতির লাগি
পুত্রেরে কোরবানি দিতে পারে, আছে কেউ হেন ত্যাগী?
সেই মুসলিম থাকে যদি কেউ, তসলিম করি তারে,
ঈদগাহে গিয়া তারই সার্থক হয় ডাকা আল্লারে।
অন্তরে ভোগী, বাইরে যে রোগী, মুসলমান সে নয়,
চোগা চাপকানে ঢাকা পড়িবে না সত্য যে পরিচয়!
লাখো ‘বকরা’র বদলে সে পার হবে না পুলসেরাত
সোনার বলদ ধনসম্পদ দিতে পার খুলে হাত?
কোরান মজিদে আল্লার এই ফরমান দেখো পড়ে,
আল্লার রাহে কোরবানি দাও সোনার বলদ ধরে।
ইব্রাহিমের মতো পুত্রেরে আল্লার রাহে দাও,
নইলে কখনও মুসলিম নও, মিছে শাফায়ৎ চাও!
নির্যাতিতের লাগি পুত্রেরে দাও না শহিদ হতে,
চাকরিতে দিয়া মিছে কথা কও- ‘যাও আল্লার পথে’!
বকরীদি চাঁদ করে ফরয়‍্যাদ, দাও দাও কোরবানি,
আল্লারে পাওয়া যায় না করিয়া তাঁহার না-ফরমানি!
পিছন হইতে বুকে ছুরি মেরে, গলায় গলায় মেলো,
কোরো না আত্ম-প্রতারণা আর, খেলকা খুলিয়া ফেলো!
উমরে, খালেদে, মুসা ও তারেকে বকরীদে মনে কর,
শুধুু সালওয়ার পরিয়ো না, ধরো হাতে তলোয়ার ধরো!
কোথায় আমার প্রিয় শহিদল মৃত্যুঞ্জয়ী প্রাণ?
এসো ঈদের নামাজ পড়িব, আলাদা আমাদের ময়দান!
(সংক্ষেপিত)

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪ মে পশ্চিমবঙ্গের আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শিশুদের জন্য তিনি লিখে গিয়েছেন দু’হাত খুলে। ছোটদের জন্য তাঁর উল্লেখযোগ্য লেখার মধ্যে রয়েছে- ঝিঙেফুল, লিচু চোর, খুকী ও কাঠবিড়ালী, খাঁদু দাদু, খোকার গল্প বলা, প্রভাতী, হোঁদল-কুঁৎকুতের বিজ্ঞাপন ইত্যাদি। ১৯৭৬ সালের ২৯ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাঁর কবর রয়েছে।

প্রকাশকাল: জুন ২০২৫

তোমার দেশকে তুমিই চেনাও

হাবিব নুরমোহামেদভ

আব্দুল মানাপ নুরমোহামেদভ। সোভিয়েত রাশিয়ার দাগেস্তানের সিলদি গ্রামে ১৯৬২ সালে তার জন্ম। সিলদি ছিল অত্যন্ত প্রত্যন্ত এবং পাহাড়ি গ্রাম। পাহাড়ের বুকে বেড়ে ওঠার কারণে সেখানের বাচ্চারা অল্প বয়সেই কুস্তি শিখতো। আব্দুল মানাপও রেসলিং শিখে কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেন। এরপর যোগ দেন রাশিয়ান আর্মিতে। সেখানে জুডো, মার্শাল আর্ট, সাম্বো ইত্যাদিতে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে ওঠেন। সেনাবাহিনীর চাকরি থেকে অবসরের পর চলে যান দাগেস্তানের কিরোভলে। পরিবার নিয়ে দোতলা বাড়িতে ওঠেন। নিচতলায় খুলে বসেন জিমনেশিয়াম।
জিমে ভর্তি করেন এলাকার ছেলেদের। পুরোদমে মার্শাল আর্টের প্রশিক্ষণ দিতে থাকেন আব্দুল মানাপ। তিনি স্বপ্ন দেখতে থাকেন তার জিম থেকে একদিন বিশ্বমানের খেলোয়াড় বের হবে। কোচ হিসেবে তার প্রথম সফলতা আসে ১৯৯২ সালে। তার ভাই নুর মোহামেদ ইউক্রেনের হয়ে ওয়ার্ল্ড সাম্বো চ্যাম্পিয়নশিপ জেতে। কোচ হিসেবে তিনি অনুপ্রাণিত হন, এগিয়ে যেতে থাকেন। আব্দুল মানাপের তিন সন্তান। বড় ছেলে মোহামেদ, ছোট ছেলে হাবিব, মেয়ের নাম আমিনা। বাবার মার্শাল আর্টের প্রতি ছোট ছেলে হাবিবের আকর্ষণ জন্মায়। সে বাবার কাছ থেকে হাতে কলমে শিখতে থাকে মার্শাল আর্টের যত কলাকৌশল।
শিশু হাবিবের উৎসাহ দেখে বাবা আব্দুল মানাপ তাকে সকল প্রকার কঠিন প্রশিক্ষণের মধ্য দিয়ে বড় করতে থাকেন। হাবিবকে কুস্তি শেখান প্রশিক্ষিত ভালুককে দিয়ে। বিশালাকার ভালুকের সাথে কুস্তি লড়তো হাবিব। বরফ পানিতে সাঁতার কাটতো, এমনকি স্রোতের বিপরীত দিকে সাঁতার কাটতো সে। ১২ বছর বয়সে হাবিব প্রফেশনাল রেসলিং শেখে, ১৫ বছর বয়সে জুডো প্রশিক্ষণ নেয়। ব্রাজিলিয়ান জিজিৎসু শেখে। এরপর অংশ নেয় রাশিয়ার জনপ্রিয় সাম্বো মার্শাল আর্টে। সাম্বো হলো জুডো এবং কুস্তির সমন্বয়ে এক ধরনের মার্শাল আর্ট। হাবিব দুইবার ‘কমব্যাট সাম্বো’তে বিশ্ব চ্যাম্পিয়ন হন।
হাবিবের সম্ভাবনা দেখে ‘মিক্সড মার্শাল আর্ট’ বা MMA প্রতিযোগিতায় যাওয়ার সুযোগ করে দেন বাবা। ২০০৮ সালে MMA তে যোগ দিয়ে সে বছরই রাশিয়ার রাজধানী মস্কোতে আয়োজিত Atrium Cup Tournament এ চ্যাম্পিয়ন হন হাবিব। তিন বছরে টানা ১৬টি ফাইটে অপরাজিত থেকে হাবিব মিক্সড মার্শাল আর্টের সবচেয়ে বড় প্রতিযোগিতা- আমেরিকার Ultimate Fighting Championship বা UFC তে যোগ দেন। ২০১২ সালে প্রথম UFC ম্যাচে ইরানের ফাইটার কামাল সালোরাসের মুখোমুখি হন হাবিব। প্রথম ম্যাচেই সাবমিশন করান প্রতিদ্বন্দ্বীকে। সাবমিশন হলো যখন কুস্তিতে আর টিকতে না পেরে কোনো প্রতিযোগী হাল ছেড়ে দেয় এবং প্রতিপক্ষের গায়ে ট্যাপ করে আত্মসমর্পণের ঘোষণা দেয়। প্রথম ম্যাচে সাবমিশন করিয়ে হাবিব জানান দেয় যে, সে UFC তে বড় অর্জন ছিনিয়ে নিতে এসেছে।

আবদুল মানাপ নুরমোহামেদভ

বাবা আব্দুল মানাপ, হাবিবের রেসলিং ক্যারিয়ারকে আরো সমৃদ্ধ করার জন্য বিখ্যাত মেক্সিকান কোচ হেভিয়ার মেন্ডেজের কাছে প্রশিক্ষণ নেয়ার জন্য পাঠান। হেভিয়ার মেন্ডেজ ছিলেন কিকবক্সিং এ দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন। তিনি ডেনিয়েল কোরমিয়র সহ বিখ্যাত অনেক MMA খেলোয়াড়কে প্রশিক্ষণ দিয়েছিলেন। হেভিয়ার জানান, হাবিবের সাফল্যের পেছনে ছিল তার অসাধারণ শৃঙ্খলাবোধ। হাবিব একজন মুসলিম। শুধু নামে মুসলিম না, পুরোদস্তুর ‘প্র্যাকটিসিং মুসলিম’। শুধু হাবিব না, আব্দুল মানাপের যারাই ছাত্র, সবাই পুরোপুরি ইসলামী অনুশাসনে চলে। তারা নিয়মিত ভোরে ঘুম থেকে ওঠে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। রমজানে রোজা রাখে। মদ খায় না, ধুমপান করে না। নাচ-গানের পার্টিতে যায় না। হারাম খাবার খায় না। তাদের কাজ হলো সারাদিন ট্রেনিং করা আর ইবাদাত করা। সুতরাং সাফল্যের ফোকাস থেকে তারা বিন্দুমাত্র নড়ে না। তারা খুবই বিনয়ী, ভদ্র এবং পরস্পরের প্রতি সহানুভ‚তিশীল, পরোপকারী। হেভিয়ার বলেন, হাবিবকে তিনি প্রায় ১০ বছর ধরে প্রশিক্ষণ দিয়েছেন কিন্তু একবারের জন্যেও হাবিব তার সাথে বেয়াদবি করেনি।
হাবিবের ক্যারিয়ারের সবচেয়ে জনপ্রিয় ফাইটটি হয় আইরিশ ফাইটার কনর ম্যাকগ্রেগরের সাথে। কনর ছিলেন তখন লাইটওয়েট ডিভিশনে UFC’র বিশ্ব চ্যাম্পিয়ন। অর্থাৎ তাকে হারাতে পারলে হাবিব বিশ্ব চ্যাম্পিয়ন হবে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ২০১৮ সালের ৬ অক্টোবর অনুষ্ঠিত হয় UFC’র অন্যতম সেরা এই ম্যাচ। ম্যাচের আগের রাতে সংবাদ সম্মেলনে কনর হাবিবকে নানান রকম উগ্র কথাবার্তা বলেন। হাবিবকে বলেন- ‘আমি তোমাকে মৃত দেখতে পাচ্ছি, তোমার ঠোঁট নীল হয়ে যাচ্ছে’। কিন্তু হাবিব শান্ত থেকে তার উগ্রতাকে উপেক্ষা করেন। বরং যখন উপস্থাপক তাকে জিজ্ঞেস করেন পরের দিন খেলায় হাবিব কী করবেন? উত্তরে তিনি সেখানে উপস্থিত কনর ম্যাকগ্রেগরের হাজার হাজার আইরিশ সমর্থককে বলেন- Alhamdulillah, God gave me everything, Alhamdulillah. Tomorrow night, I am gonna smash your boy, guys. (আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সব দিয়েছেন। আলহামদুলিল্লাহ। শোনো, আগামীকাল রাতে আমি তোমাদের এই ছেলেকে চুরমার করে দেবো)।
ম্যাচের রাতে হলোও তাই। প্রতাপশালী কনরকে শুরু থেকেই নাজেহাল করতে থাকে হাবিব। ম্যাচের চতুর্থ রাউন্ডে কনরের গলা চেপে ধরেন তিনি। অসহায় হয়ে কনর, হাবিবের হাতে ট্যাপ করে আত্মসমর্পণ করেন। প্রথম মুসলিম হিসেবে এবং দাগেস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে UFC’র বিশ্বমঞ্চে চ্যাম্পিয়নশিপ লাভ করেন হাবিব নুরমোহামেদভ। অবশ্য তার নাম তোমরা গুগলে খুঁজতে গেলে পাবে Khabib Nurmagomedov। এই নামের ব্যাখ্যা হাবিব পরে দিয়েছেন যে, আরবিতে ‘হাবিব’ উচ্চারণ করতে বড় ‘হা’ এর উচ্চারণে করতে হয়। কিন্তু ইংরেজিতে তো বড় ‘হা’ উচ্চারণের কোনো বর্ণ নেই। তাই তার বাবা Habib এর বদলে Khabib করে দিয়েছেন, যাতে উচ্চারণ কাছাকাছি হয়। একইরকম নুরমোহামেদভ এর বদলে রাশিয়ান উচ্চারণে নুরমাগোমেদভ হয়ে গেছে।
ফিরে আসি হাবিবের পারদর্শিতার কথায়। হাবিবের মাধ্যমেই লোকে জানলো যে দাগেস্তান নামে একটি দেশ আছে। রাশিয়ার অধীনে একটি স্বায়ত্ত¡শাসিত দেশ হলো দাগেস্তান প্রজাতন্ত্র। কনরকে পরাজিত করার পর হাবিবকে ফোন করে অভিনন্দন জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরে মস্কোতে পুতিনের সাথে সাক্ষাৎ করেন হাবিব এবং তার বাবা। পুতিন তাদেরকে দুই কোটি ডলারের জায়গাসম্পত্তি উপহার দেন। UFCতে হাবিব ২৯টি ম্যাচ খেলেছিলেন। একটি ম্যাচেও তাকে হারাতে পারেনি কেউ। হাবিবের বাবা আব্দুল মানাপ ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। বাবার মৃত্যুর পর হাবিব খেলা থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নেন। ২০২০ সালে জাস্টিন গেইজেকে হারিয়ে অবসরের ঘোষণা দেন UFC’র ‘ঈগল’ নামে খ্যাত অপরাজিত হাবিব।
হাবিবের মাধমে দাগেস্তানের খেলোয়াড়দের সম্মানের দরোজা খুলে যায়। UFC’র লাইটওয়েট ডিভিশনে বর্তমানে চ্যাম্পিয়ন হচ্ছে ইসলাম মাকাচেভ। ইসলাম, আব্দুল মানাপের আরেকজন ছাত্র। এপর্যন্ত ২৮টি ম্যাচে ইসলাম মাত্র একটিতে পরাজিত হয়েছেন। এরপর ধারাবাহিকতায় আছেন মোহামেদ আনকালায়েভ, উসমান নুরমোহামেদভ, উমর নুরমোহামেদভ। তারা সবাই আব্দুল মানাপের জিমনেশিয়াম থেকে উঠে আসা খেলোয়াড়। এছাড়া কমব্যাট সাম্বোতে চ্যাম্পিয়ন হয়েছেন তার ছাত্র সুলতান আলিয়েভ, রুস্তম হাবিলভ। এরা দাগেস্তানের দুর্দান্ত বীর খেলোয়াড়। আব্দুল মানাপের ছাত্রদের মধ্যে ১৮ জন ইউএফসি সহ বিভিন্ন মার্শাল আর্ট প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন।
আব্দুল মানাপের উদ্যোগের মাধ্যমে একটি অপরিচিত দেশ বিশ্বে পরিচিতি পেয়েছে। UFC তে এখন দাগেস্তানি খেলোয়াড়দের সমীহ করা হয়। মার্শাল আর্টের মাধ্যমে দাগেস্তানের আর্থসামাজিক অবস্থাও পরিবর্তিত হয়েছে অনেকখানি।
সুতরাং তুমিও পারো তোমার যে কোনো সাহসী উদ্যোগের মাধ্যমে তোমার দেশকে কিংবা তোমার জেলাকে বিশ্বে পরিচিত করতে। সেটা হতে পারে খেলাধূলা, শিক্ষা, সংস্কৃতি, আর্থ-সামাজিক উদ্যোগ কিংবা পরিবেশগত পরিবর্তনের পদক্ষেপের মধ্য দিয়ে। মনে রেখো- একটি বিশাল পরিবর্তন শুরু হয় ছোট্ট একটি পদক্ষেপের মধ্য দিয়েই। ০