আজকের দিনে দূর যাত্রার সহজ পদ্ধতি উড়োজাহাজ। এই উড়োজাহাজ আবিষ্কারের পিছনে রয়েছে অনেক গল্প। পাখিদের ডানা মেলে মুক্ত আকাশে উড়তে দেখে মানুষেরও আকাশে ওড়ার ইচ্ছা হয়েছে। মানুষের আকাশে ওড়ার এই চেষ্টা অনেক পুরানো। ‘ইবনে ফিরনাস’ মানুষের আকাশে উড্ডয়নের প্রথম যে প্রচেষ্টা, তার একজন সফল স্বপ্নদ্রষ্টা হিসাবে স্মরণীয় হয়ে আছেন। তাঁর উড্ডয়ন প্রচেষ্টা সম্পর্কে ঐতিহাসিক ফিলিপ কে হিট্টি তাঁর ‘হিস্ট্রি অফ আরব’ গ্রন্থে মন্তব্য করেন “ইবনে ফিরনাস প্রথম ব্যক্তি যিনি আকাশে ওড়ার জন্য বৈজ্ঞানিক ভাবে প্রচেষ্টা চালিয়েছিলেন। তাঁর এই প্রচেষ্টাকেই বলা হয় আধুনিক উড়োজাহাজ আবিষ্কারের প্রথম ধাপ।”
ইবনে ফিরনাসের দ্বারা অনুপ্রাণিত হয়ে আল জাহুরী পরের শতকে আকাশে উড়তে চেষ্টা করেছিলেন। ১০০৭ খ্রিষ্টাব্দে আল জাহুরী তুর্কিস্তানের উলু মসজিদের ১০০২ ফুট উঁচু মিনার থেকে ঝাঁপ দিয়ে ওড়ার চেষ্টা করেন। কিন্তু দুঃখজনক ভাবে তার প্রচেষ্টা ব্যর্থ হয় এবং তিনি নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এরপর ইংল্যান্ড ও চীনের অনেকেই আকাশে ওড়ার চেষ্টা করেও সফলতার দেখা পায় নি।
১৫০০ খ্রিষ্টাব্দের দিকে আব্বাস ইবনে ফিরনাসের উদ্ভাবিত উড্ডয়ন যন্ত্র থেকে অনুপ্রাণিত হয়ে বিখ্যাত ইতালিয়ান শিল্পী ‘লিউনার্দো দ্য ভিঞ্চি’ আধুনিক উড়োজাহাজের নকশা এঁকেছিলেন। যদিও জীবদ্দশায় ভিঞ্চি সেই যন্ত্রের পরীক্ষামূলক ব্যবহার করতে পারেননি। ১৬৩০ খ্রিষ্টাব্দে ওসমানীয় শাসনামলে আহমদ সেলেবি ইস্তাম্বুলের গালাটা টাওয়ার হতে গ্লাইডিং করে তুর্কির বসফরাস পাড়ি দিয়েছিলেন। আহমদ সেলেবির সাফল্যে অনুপ্রাণিত হয়ে ১৬৩৩ খ্রিষ্টাব্দে লাগারি হাসান সেলেবি গান পাউডার দিয়ে রকেট বানিয়ে ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদের নিকট সফলভাবে প্রায় ৩০০ মিটার উঁচুতে আকাশে উঠে যান। তার রকেটের জ্বালানি শেষ হয়ে গেলে বর্তমানের প্যারাসুটের মতো পাখার মাধ্যমে বসফরাসের পানিতে নেমে আসেন।
এরপর ১৭০০ সাল থেকে ১৯০০ সাল পর্যন্ত শতাধিক আকাশ ভ্রমণপিপাসু আকাশে ওড়ার চেষ্টা করেছিলেন। তাদের অনেকের প্রচেষ্টাই ইতিহাসে সমুজ্জল হয়ে আছে। অবশেষে ১৯০৩ সালে যুক্তরাষ্ট্রের রাইট ভাতৃদ্বয় প্রথম উড়োজাহাজ নিয়ে সফল ভাবে আকাশে ওড়ার স্বীকৃতি অর্জন করেন। আর এ যুগে আকাশে ওড়া সহজ করে দিয়েছেন বিজ্ঞানীরা। আধুনিক বিজ্ঞানের এ যুগে শুধু আকাশে ওড়াতেই সীমাবদ্ধ নন, বরং তারা যাচ্ছেন মহাকাশেও।
ইবনে ফিরনাস। তাঁর আসল নাম ‘আব্বাস আবু আলকাসিম ইবনে ফিরনাস ইবনে ইরদাস আল তাকুরিনি’। তিনি ছিলেন একাধারে একজন আবিষ্কারক, প্রকৌশলী, উড্ডয়ন বিশারদ, চিকিৎসক, আরবি সাহিত্যের কবি এবং আন্দালুসীয় সুরকার। তিনি ৮১০ খ্রিষ্টাব্দে স্পেনের আন্দালুসের ইযন রেড ওয়াল্ডায় জন্ম গ্রহণ করেন। জ্ঞানার্জনের জন্য রেড ওয়াল্ডা থেকে তিনি কার্ডাভায় গমন করেন। এরপর তিনি বাগদাদে চলে যান। তখন বাগদাদের বাইতুল হিকমা ছিল মুসলিম জ্ঞান পিপাসুদের তীর্থস্থান। সেখানে তিনি বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেন এবং ফিরে এসে কর্ডোভায় বসবাস শুরু করেন।
ইতিহাসে আব্বাস ইবনে ফিরনাস প্রথম মানুষ যিনি এক জোড়া পাখা নিয়ে আকাশে উড়েছিলেন। তিনি প্রথম মানব বহনকারী ভারী যন্ত্র ক্ল্যাইডার তৈরি করেছিলেন এবং সফলভাবে উড্ডয়ন করেছিলেন, তাই তাকে আকাশে উড়ার পথ প্রদর্শক বলা হয়।
৮৫২ সালে ইবনে ফিরনাস আকাশে ওড়ার প্রস্তুতি গ্রহণ করেন। প্রথমে তিনি নিজেকে পালকে আবৃত করে নেন। এরপর শরীরে এক জোড়া পাখা যুক্ত করেন। তিনি আকাশে উড়ার জন্য স্পেনের কর্ডোভার একটি মসজিদের মিনারে ওঠেন। এরপর মিনার থেকে লাফ দেন। কয়েক মুহূর্ত তিনি উড়তে সক্ষম হলেও পরে মাটিতে পড়ে যান। মাটিতে পড়ে তিনি কোমর এবং পিঠে গুরুতর আঘাত পান। আঘাত পেলেও সেই মুহূর্তে তিনি প্রাণে বেঁচে যান। তবে তার পরিহিত পোশাক নিচের দিকে নামার গতিকে কমিয়ে দেয় বলে তেমন আঘাতপ্রাপ্ত হননি। এই ঘটনার পর তিনি উড্ডয়ন যন্ত্রটির আরও উন্নয়ন ও কার্যকারিতার প্রতি মনযোগ দেন। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন।
ঐতিহাসিকদের মতে দীর্ঘ ২৩ বছর পর তাঁর বয়স যখন ৬৫ বছর, তখন তিনি আবারও আকাশে ওড়ার প্রচেষ্টা চালান। দ্বিতীয়বার উড্ডয়নের পূর্বে তিনি উড্ডয়ন যন্ত্রে কাঠ, পালক ও রেশমের কাপড় ব্যবহার করেছিলেন। ইবনে ফিরনাস বিশ্বাস করেছিলেন কিছুক্ষণ উড্ডয়নের পর পূনরায় একই স্থানে ফেরত আসতে পারবেন। তিনি তাঁর নতুন আবিষ্কৃত উড্ডয়ন যন্ত্র নিয়ে কর্ডোভার লুসাপা এলাকায় একটি উঁচু পাহাড়ে ওঠেন। জাবাল আল-আরুস নামক পাহাড়ের চূড়া থেকে তিনি ঝাঁপ দেন। কার্ডোভা থেকে অনেক মানুষ তাঁর আকাশে ওড়া দেখার জন্য ভিড় জমিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি বেশ কিছুক্ষণ আকাশে উড়তে থাকেন। এরপর প্রবল গতিতে ভূ-পৃষ্ঠে অবতরণ করেন। প্রবল গতিতে ভূ-পৃষ্ঠে নামতে গিয়ে তিনি পুনরায় আঘাতপ্রাপ্ত হন। তিনি আবারও গুরুতর আহত হন। তিনি সফলভাবে উড়লেও একটি ভুল করেছিলেন। তাই অবতরণের সময় গতি নিয়ন্ত্রণ করতে পারেননি। আঘাত পেয়েও ইবনে ফিরনাস হতাশ হননি।
তাঁর নকশায় কী ভুল ছিল তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। তাঁর ভুল শনাক্তকরণের প্রচেষ্টা চালান। ইবনে ফিরনাস পাখি ও অন্যান্য উড়ন্ত বস্তুর গতি বিধি নিয়ে গবেষণা করেন। তিনি বুঝতে পারেন, তিনি অবতরণের সময় গতি নিয়ন্ত্রণের জন্য যান্ত্রিক কোনো পদ্ধতি তাঁর নকশায় সংযোজন করেননি। তিনি পাখির ডানা এবং লেজের কার্যকারিতা নিয়েও পর্যালোচনা করেন। তিনি লক্ষ্য করেন, পাখি আকাশ থেকে অবতরণের সময় তার ডানা এবং লেজকে সমভাবে কার্যক্ষম রাখে, যার কারণে গতি নিয়ন্ত্রণশক্তি বৃদ্ধি পায় এবং পাখি সহজেই অবতরণ করতে পারে। কিন্তু ইবনে ফিরনাসের উড্ডয়ন যন্ত্রে গতি কমানোর কোনো প্রযুক্তি ছিলনা। তাই তিনি দুর্ঘটনায় পড়েন। তিনি তাঁর গবেষণায় এই বিষয়টির গুরুত্ব লিপিবদ্ধ করেন। তাঁর এই গবেষণার ফলে বিজ্ঞানীরা ‘অর্নিথপটার’ (পাখির মতো ডানা ঝাঁপটে আকাশে ভেসে থাকার একটি প্রযুক্তি) তৈরির পথ খুঁজে পেয়েছিলেন। বিংশ শতাব্দির এভিয়েশন ইঞ্জিনিয়ারদের বিমানের ডিজাইন তৈরির পেছনে ইবনে ফিরনাসের গবেষণার গুরত্বপূর্ণ অবদান রয়েছে। দ্বিতীয়বার আঘাতপ্রাপ্ত হওয়ার পর ইবনে ফিরনাস আরও প্রায় ১২ বছর বেঁচে ছিলেন। কিন্তু তাঁর পক্ষে আকাশে ওড়া আর সম্ভব হয়নি।
আব্বাস ইবনে ফিরনাস আকাশে উড্ডয়নের প্রচেষ্টার প্রথম সফল মানব হলেও বিজ্ঞানের অন্যান্য ক্ষেত্রেও তাঁর অনেক অবদান রয়েছে। তিনি আল-মাকাতা নামক জলঘড়ির আবিষ্কার করেছিলেন। এটি পানির শক্তি দ্বারা পরিচালিত ঘড়ি। স্ফটিক ও বালি দ্বারা কাচ তৈরির বিষয়ও তিনি গবেষণা করেছেন। যে কাচ এখনও ব্যবহার হয়ে আসছে। তিনি লেন্সও তৈরি করেছেন। ক্ষীণদৃষ্টি মানুষদের জন্য যে চশমা ব্যবহৃত হয় সেই কাচ তৈরিতেও ছিল তাঁর দীর্ঘ গবেষণা।
জ্যোতিবিজ্ঞান চর্চার আগ্রহ থেকে তিনি একটি যান্ত্রিক সৌরজগতের মডেল তৈরি করেন, যেখানে সকল গ্রহ-উপগ্রহ স্বয়ংক্রিয়ভাবে ঘুর্ণয়মান ছিল। তাঁর একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো পাথরের স্ফটিক কাটার প্রক্রিয়া। স্পেন স্ফটিক কাটার জন্য মিশরের উপর নির্ভর ছিল। তাঁর এই আবিষ্কারের ফলে মিশরের উপর নির্ভরশীলতা থেকে স্পেন রেহাই পায়। তিনি নিজের বাড়ির একটি কক্ষে নক্ষত্র, মেঘ, বজ্র, আলোকপাত এসব দেখার ব্যবস্থা করেন। এটি ছিল তাঁর ভূগর্ভস্থ একটি যান্ত্রিক গবেষণাগার। এছাড়া তিনি বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে অসংখ্য বই রচনা করেন। তিনি কর্ডোভার সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষক হিসাবেও নিযুক্ত ছিলেন।
বিজ্ঞানজগতে তাঁর অবদান ও সাফল্যে তাঁকে ইতিহাসে মহাজ্ঞানী ব্যক্তির মর্যাদায় ভূষিত করা হয়েছে। ইরাকের বাগদাদ এয়ারপোর্টের নিকট রয়েছে তাঁর একটি বিরাট ভাস্কর্য। স্পেনের কর্ডোভায় একটি সেতুর নামকরণ করা হয়েছে এই দার্শনিকের নামে। চাঁদের একটি জ্বালামুখের নামও নামকরণ করা হয়েছে ইবনে ফিরনাসের নামে। এছাড়া ২০১৩ সালে ইংল্যান্ডের গাড়ী নির্মাতা প্রতিষ্ঠান রোলস রয়েলস একটি গাড়ীর সংস্করণ বের করে ‘ইবনে ফিরনাস মোটিভ’ নামে।
ধারণা করা হয়, এই মহাজ্ঞান বিশারদ ৮৯০-৮৯৫ সালের কোনো এক সময়ে মৃত্যুবরণ করেছেন। অনেক ইতিহাসবিদের মতে, ক্রাশ ল্যান্ডিংয়ের সেই আঘাতজনিত অসুস্থতার প্রভাবেই তিনি মৃত্যুবরণ করেন।
প্রকাশকাল: জুন ২০২৫
সিংহের অনেক সাহস। তার গায়ে শক্তিও প্রচণ্ড। বড় বড় প্রাণীকে খুব সহজেই ঘায়েল করতে পারে সে। সবাই ভয় পায় তাকে। কিন্তু তার মধ্যেও কথা আছে। শিকার করতে গেলে তাকে যে কোনো বাঁধাই পেতে হয় না, তা নয়। আক্রান্ত হয় যে প্রাণী, সে তার সাধ্যমতো জীবন বাঁচানোর জন্যে লড়াই করে। সিংহকে সেও আক্রমণ করে। জান বাঁচানোর সেই তীব্র লড়াই দেখবার মতো ঘটনা। জীবন পণ করে লড়ে যায় শিকার। কিন্তু ফল কী হয়? অসহায় প্রাণীটিকে হার মেনে সিংহের পেটে চলে যেতে হয় শেষ পর্যন্ত। ওই ঝাপটাঝাপটিই সার। সিংহের কাছে পরাজয় স্বীকার না করে কোনো উপায় নেই। শিকার যে খুব সহজে কাবু করে ফেলতে পারে, এই কারণে সিংহের মনে ভারি অহঙ্কার। এতই গর্ব যে, মাটিতে মনে হয় পা পড়ে না। বনের কোনো প্রাণীকেই সে গ্রাহ্য করে না। তুচ্ছ তাচ্ছিল্য করে সব সময়।
সাফল্য না আসার পেছনে আমরা নানান অজুহাত বের করে থাকি। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত অজুহাতগুলো হলো আমাদের শারীরিক অক্ষমতা কিংবা জন্মগত বা জাতিগত সমস্যা। যেমন- কেউ বলে তার ব্রেইন অন্যদের মতো ভালো না, কারো অভিযোগ হলো- সে দেখতে খারাপ। কারো অভিযোগ হলো সে ভালো কথা বলতে পারে না। কেউবা বলবে সে খাটো, মোটা কিংবা অন্ধ। আজকে আমরা এমন কিছু মানুষের গল্প শুনবো যারা তাদের অক্ষমতাকে কাজে লাগিয়েই জীবনে সফল হয়েছিলেন।
ইংল্যান্ডের রোয়ান এটকিনসন পড়াশোনা করেছেন ইঞ্জিনিয়ারিংয়ে। অভিনয়কে ভালোবাসতেন। নিজে নাটক লিখতেন, অভিনয় করতেন, প্রযোজনা করতেন। তবে তাঁর সমস্যা ছিল তোতলামির। অভিনয়ের ক্ষেত্রে এটা একটা বড় সমস্যা। ঠিকমতো ডায়ালগ ডেলিভারি দিতে না পারলে তো চরিত্রই ফুটিয়ে তোলা যাবে না। অভিনয়েও সফল হওয়া সম্ভব হবে না। তিনি একদিন আয়নায় নিজেকে দেখলেন। নিজের অভিনয় দক্ষতা নিজেই যাচাই করলেন। খেয়াল করলেন যে, তিনি খুব ভালো এক্সপ্রেশন বা মুখভঙ্গি দিতে পারেন। তাই পরবর্তীতে ‘মিস্টার বিন’ এর কমিক চরিত্রে আবির্ভূত হন টিভি পর্দায়। ১৯৯০-৯৫ সালের সেই টিভি সিরিজ তাকে বিশ্বজোড়া খ্যাতি এনে দেয়। কথা না বলে শুধু এক্সপ্রেশন দিয়েই তিনি বিশ্বের কোটি মানুষকে হাসিয়েছেন, তাদের মন জয় করেছেন।
সাম্প্রতিক সময়ের খাবি লামের কথাই ধরা যাক। খাবির জন্ম সেনেগালে। অতি দরিদ্র পরিবারের সন্তান। তার বয়স যখন এক বছর তখন তার পরিবার ইতালিতে পাড়ি জমায় ভাগ্যের অন্বেষণে। স্কুলের পড়াশোনা শেষ করে একটি কারখানার কাজে যোগ দিয়েছিল খাবি। করোনাকালীন ২০২০ সালে তার সেই চাকুরিও চলে যায়। খাবি সামাজিক মাধ্যমে ভিডিও তৈরি করতে শুরু করে। তবে তার অযোগ্যতা ছিল ভাষায়। সে ইংরেজি জানতো না। তাই তার কনটেন্ট বিশ্বের মানুষ কীভাবে বুঝবে? কেনই বা দেখবে! কিন্তু খাবি এর সমাধান বের করে ফেললো। মিস্টার বিনের মতোই সে শুধু অঙ্গভঙ্গি দিয়ে বিশ্বের মানুষের কাছে পৌঁছে গেল। তার দু’হাত সামনের দিকে প্রসারিত করে মানুষকে ব্যঙ্গ করার ভঙ্গিমা বিশ্বব্যাপী তার সিগনেচার পোজ হয়ে গেল। কোনো কথা না বলে শত কোটি মানুষের মন জয় করে নিলো খাবি। বেকার অবস্থা থেকে শত কোটি ডলারের মালিক হয়ে গেল খাবি লামে। সুতরাং ভাষা না জানা বা স্পষ্ট কথা বলতে না পারাটাও যোগ্যতা হয়ে উঠতে পারে।
তোমাকে বেঁটে বলে খোঁটা দেয় লোকে? তাতে তোমার মন খারাপ? কিন্তু বেঁটে হওয়াটাও যে আশীর্বাদ হতে পারে, ভেবেছো কখনো? মাইক টাইসনের নাম তো শুনেছ? বিশ্ববিখ্যাত বক্সার। তার উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি। আমেরিকার হিসেবে এবং অ্যাথলেটিকসের হিসেবে সেটি কম উচ্চতা। কারণ সমসাময়িক অন্য বক্সারদের উচ্চতা ছিল গড়ে ছয় ফুটের উপরে। কিন্তু মাইক টাইসন তার বেঁটে হওয়াটাকেই বিশেষ যোগ্যতা হিসেবে কাজে লাগিয়েছেন। আশ্চর্য হচ্ছো? কীভাবে সম্ভব? মাইক টাইসনের নক-আউট টেকনিকের একটি বিশেষ ঘুষির নাম ছিল- আপার কাট। অর্থাৎ উচ্চতায় ছোট হওয়ায় তিনি নিচের দিকে থেকে প্রতিপক্ষের থুতনিতে কষে ঘুষি লাগাতেন। তাতেই প্রতিপক্ষের খেলোয়াড় জ্ঞান হারাতো। নক আউট করে চ্যাম্পিয়ন হতেন মাইক টাইসন। লম্বা হলে তিনি এই সুবিধা পেতেন না।
আবার ভেবে দেখো ঢাকার ছেলে শওকত আলী তালুকদার নিপুর কথা। নিপু সাইজে খাটো। অভিনয় শিখেছেন। বিভিন্ন মঞ্চে অভিনয় করতেন। একবার এক অনুষ্ঠানে তাকে অভিনয় করতে দেখে ভালো লেগে যায় ইত্যাদির প্রযোজক-উপস্থাপক হানিফ সংকেতের। তিনি ভাবলেন সে যেহেতু বেঁটে এবং চেহারা শিশুসুলভ, সুতরাং তাকে দিয়ে ‘নাতি’ চরিত্র ফুটিয়ে তোলা যাবে। সেই থেকে ইত্যাদিতে শুরু হলো হাস্যরসাত্মক ‘নানা-নাতি’ পর্ব। খাটো হওয়ার সুবাদে তিনি দেশবিখ্যাত হয়ে গেলেন।
এই ‘মোটকা’ কিংবা এই ‘ভোটকু’ বলে তোমাকে টিজ করে বন্ধুরা? তুরস্কের ইয়াসিন সেঙ্গিজেরও একই অবস্থা ছিল হয়তো। তার আছে বিশাল বড় ভুঁড়ি। হাঁটতে গেলেও সেই ভুঁড়ি দোলে। সেঙ্গিজ কনস্ট্রাকশনের কাজ করতো। শখের বশে সে একটি গানের সাথে তার ভুঁড়ি নাচানোর ভিডিও পোস্ট করে সামাজিক মাধ্যমে। ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। এরপর তার সাথে ভিডিও বানাতে আসে অনেকে। কয়েক বছরের মধ্যে সে শুধু ভুঁড়ি নাচিয়ে ভিডিও বানিয়েই মিলিয়ন ডলার আয় করে নিয়েছে।
ফেসবুকের প্রতিষ্ঠাতার নাম তো তোমরা জানো। মার্ক জাকারবার্গ একজন সফল টেক-উদ্যোক্তা। শত শত কোটি মানুষকে তিনি এক ফেসবুক দিয়ে বুঁদ করে রেখেছেন। ফেসবুকের রঙ হলো নীল। কারণ কী? কখনো ভেবেছো? নীল রঙ দেখতে সুন্দর, আকর্ষণীয়, নজরকাড়া- এগুলোতো আছেই। তবে বড় কারণ হলো মার্ক জাকারবার্গের বর্ণান্ধতা। জাকারবার্গ লাল-কমলা রঙের শেডগুলো দেখতে পান না। তার কাছে নীলের শেডগুলো খুব পরিষ্কার দেখায়। তাই তিনি যখন ডিজাইন করেন, তখন ফেসবুকের রঙ নীল করেন। তার রঙ দেখতে পারার অযোগ্যতা সারা বিশ্বকে এক রঙে আসক্ত করে রেখেছে। আমাদের দেশে হলে তো তাকে প্রতিবন্ধী বলে ক্ষেপাতাম, তাই না! হয়তোবা হতাশ হয়ে সে সব কাজ ছেড়ে দিতো।
বসে আছি বলাকা নামের এক লোকাল বাসে। বাস বোটকা একটা গন্ধে ভরপুর। বাসের সিটের কাভারগুলো দেখে মনে হচ্ছে, ইহকালে কখনো বুঝি আর পরিস্কার করা হয়ে উঠেনি। তেল চিটচিটে ভাব। সকালবেলা হওয়ায় যাত্রীদের চাপ আর ঘামের গন্ধ থেকে মুক্তি পেয়ে কিছুটা আনন্দিত আমরা। লোকাল বাসগুলোর স্বভাবজাত বৈশিষ্ট্য হলো মিনিটের পর মিনিট এক জায়গায় অসভ্যের ন্যায় ঠায় দাঁড়িয়ে থাকা। হেল্পার পারেনা বাসা থেকে যাত্রী নিয়ে আসতে। এখানে ড্রাইভাররাও হেল্পারের পক্ষে। যাত্রীরা যতক্ষণ মুখ খোলা রাখবে, ততক্ষণই বাস চলবে। ‘এ্যই মিঞা! ফাইজলামি করেন? এ্যনে খাড়াইয়া আছেন ক্যা?’ লোকাল বাসে এগুলো নিত্যকার ব্যাপার। তবে বকাঝকার প্রক্রিয়া কিন্তু প্রথমেই শুরু হয় না। যাত্রীরা সবসময় একজন বিপ্লবী মানুষের অপেক্ষায় অধীর আগ্রহে বসে থাকে। যে কিনা ড্রাইভারকে প্রথমে বকুনি দেয়া শুরু করবে। তারপর একে একে সবাই আড়মোড়া ভাঙবে। তবে আজ বাসে এই ধরনের বকাঝকা হচ্ছে না, কারণ এখন ফুটফুটে সকাল। তার চেয়েও বড় কথা, আমরা ছাড়া বাসে আর কোনো যাত্রীই নাই। হাহা, আজ বাসে আমাদেরই রাজত্ব। হ্যাঁ, একজন আছে। অবশ্য না থাকার মতোই। একদম পিছনে গিয়ে ঘাপটি মেরে বসে আছে। চোখ লাল। হয়তো ঘুম থেকে ওঠার কারণে, কিংবা তার চোখের বর্ণই লাল। কী জানি! অথচ চোখ লাল দেখেই একটা ধারণা আমার মাথায় চলে এলো। আসলে মানুষমাত্রই ধারণাপ্রবণ। কেউ হয়তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, গভীর রাত। রাস্তায় একটা দড়ি দেখলো, অথচ ভাবলো এটা তো মস্তবড় সাপ! আবার কেউ সাপ দেখে ভাবে, ‘দড়ি নয় তো!’
কবি ফররুখ আহমদ। বড়দের যেমন স্বপ্ন দেখিয়েছিলেন, তেমনি স্বপ্ন দেখিয়েছেন ছোটদেরও। তিনি নির্মল মন নিয়ে ভালোবাসতেন শিশুদের। তাঁর মন শিশুদের জন্যে গভীর মায়ায় ছলকে উঠত। ফলে শিশুদের জন্য তাঁর হাত থেকে ঝরে পড়েছে মজাদার ছড়া, কবিতা, গান, গল্প ও নাটক।