Home Blog Page 110

জুলাইয়ে প্রযুক্তি

২৪ এর জুলাই এ যে গণঅভ্যুত্থান সংগঠিত হয়, সেখানে প্রযুক্তির ব্যবহার ছিলো চোখে পড়ার মতো। একদিকে যেমন প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নিচ্ছিলো অন্যদিকে সরকারযন্ত্র আন্দোলন দমন করার কাজে ব্যবহার করছিলো প্রযুক্তিকে।

সংগঠিত করণ : সোশ্যাল মিডিয়ার কল্যাণে মানুষের নিকট আন্দোলনের যাবতীয় খবর পৌঁছে যেত নিমিষেই। মানুষ সারাদিন অপেক্ষায় থাকত পরবর্তী নির্দেশনার। আন্দোলনের স্পিরিট সারাদেশে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সোশ্যাল মিডিয়া। বিশেষত ফেসবুক, ম্যাসেজিং প্ল্যাটফর্ম ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ টেলিগ্রাম কিংবা সিগন্যাল এর মতো এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ম্যাসেজিং প্ল্যাটফর্ম। প্রসঙ্গত, এন্ড-টু-এন্ড এনক্রিপশন হলো যে প্রেরক এবং যে প্রাপক শুধুমাত্র তাদের মধ্যেই দৃশ্যমান হয় এমন ম্যাসেজিং পদ্ধতিকে বোঝানো হয়।
তথ্য উপস্থাপন : যেসকল স্থানে আন্দোলনকারীরা অবস্থান করত সেসব স্থানের রিয়েল টাইম আপডেট তারা সোশ্যাল মিডিয়ায় প্রচার করত। ঢাকাসহ সারাদেশের আপামর জনগণ যখন রাস্তায় নেমে আসে তখন যেখানেই তারা বাধার সম্মুখীন হয়েছে সেখানেই তারা প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তা সোশ্যাল মিডিয়া ও ম্যাসেজিং এর মাধ্যমে জনমত গঠন এবং অন্যদের সহযোগিতায় নিজেদের শক্তি বৃদ্ধি করতে সক্ষম হয়। পাশাপাশি মূলধারার কিছু গণমাধ্যম আন্দোলনের সরাসরি সম্প্রচার, নিয়মিত আপডেট প্রদানের মাধ্যমে আন্দোলন বেগবান করতে ভূমিকা রাখে।
ইন্টারনেট শাট-ডাউন : একদিকে সরাসরি আন্দোলন, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় তথ্য আদান প্রদান ও নিয়মিত ক্যাম্পেইন চালানোর ফলে আন্দোলনের অবস্থান যখন তুঙ্গে, তখন সরকারযন্ত্র নড়ে চড়ে বসে। আন্দোলন দমাতে বন্ধ করে দেয়া হয় সারাদেশের ইন্টারনেট সংযোগ। উদ্দেশ্য একটাই, আন্দোলনকারীদের বিচ্ছিন্ন করে ফেলা। ১৮-২৮ জুলাই দশদিন এবং ৩৬ জুলাই ১ঘণ্টার মতো বন্ধ ছিলো সারাদেশের ইন্টারনেট পরিসেবা। ব্রডব্যান্ড সংযোগ ২৪ জুলাই পুনঃস্থাপিত হলেও বন্ধ করে রাখা হয় ফেসবুক, ইন্সটাগ্রামসহ সকল সোশ্যাল মিডিয়া।
বিকল্প যোগাযোগ : আন্দোলন চলমান রাখার প্রয়োজনে তখন দেখা দেয় বিকল্প যোগাযোগ ব্যবস্থার প্রয়োজনীয়তা। ভিপিএন, প্রক্সি ব্যবহার করে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করে আন্দোলনকারীরা। সংবাদ সরবরাহের জন্য ব্যবহৃত হতে থাকে মোবাইলের অফলাইন কলিং এবং ক্ষুদে বার্তা পাঠানোর পদ্ধতি। মুঠোফোনে ভিডিও ধারণ করে সেই ভিডিও পেনড্রাইভে করে যথাস্থানে পৌঁছে দেয়াও হয় সেই সময়ে।
বন্ধুরা, প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে যেমনিভাবে অনিয়ন্ত্রিত হয়ে লাগামছাড়া হয়ে ওঠা সম্ভব, নিজের মত সবার উপর চাপিয়ে দেয়া সম্ভব, তেমনি প্রযুক্তির সঠিক ব্যবহারে ৩৬ জুলাই নিয়ে আসাও সম্ভব। এটা নির্ভর করে কে কোন মানসিকতা নিয়ে প্রযুক্তির ব্যবহার করছে তার উপর। আজ তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।

প্রকাশকাল: জুলাই ২০২৫

বৃষ্টি কীভাবে হয়?

প্রিয় বন্ধুরা, আজ আমরা জানবো আমাদের খুব পরিচিত অথচ অসাধারণ একটা জিনিস সম্পর্কে। তা হলো বৃষ্টি। প্রতিদিন না হলেও বর্ষাকালে তো হরহামেশাই বৃষ্টি হয়। টিনের চালে টুপটাপ শব্দ, রাস্তায় পানি জমে যাওয়া আর মাটির গন্ধ- সব মিলিয়ে বৃষ্টি মানেই যেন এক আলাদা আনন্দ। তুমি হয়তো ছুটির দিনে জানালার পাশে দাঁড়িয়ে আমার এই লেখা পড়ছো আর বৃষ্টি উপভোগ করছো। এই বৃষ্টি আবার সবসময় আনন্দদায়ক হয় না। অনেক সময় আমাদের দেশে অতিবৃষ্টিতে বন্যা হয়, ফসলের ক্ষতিসহ আরও অনেক দুর্যোগ দেখা দেয় আবার অনাবৃষ্টিতেও আমাদের অনেক ক্ষতি হয়। তাইতো রাসুল (সা.) আল্লাহর কাছে দু’আ করেছেন -‘হে আল্লাহ! মুষলধারায় উপকারী বৃষ্টি বর্ষণ করুন।’
কিন্তু প্রশ্ন হচ্ছে- এই বৃষ্টি আসলে কীভাবে হয়? আজ আমরা এই প্রশ্নেরই উত্তর খুঁজব।

আল্লাহ তায়া’লা মানুষসহ সব জীবের জীবন ধারণের জন্য পানি বণ্টনের অসাধারণ এক ব্যবস্থা দিয়ে দিয়েছেন। আমাদের পৃথিবীতে নদী-নালা, খাল-বিল, হ্রদ, পুকুর, সমুদ্র ইত্যাদি হলো জলাশয়। সূর্যের তাপে সমুদ্র, নদী, হ্রদ এবং অন্যান্য জলাশয়ের পানি বাষ্পে পরিণত হয়, যাকে বলা হয় বাষ্পীভবন। এই বাষ্প বায়ুমণ্ডলে মিশে যায়। আবার গাছপালা প্রস্বেদনের মাধ্যমে জলীয়বাষ্প ত্যাগ করে। তাও বায়ুমণ্ডলে মিশে যায়। জলীয়বাষ্প বাতাসের অন্যান্য উপাদানের চেয়ে হালকা হওয়াতে তা বায়ুমণ্ডলের ওপরের দিকে উঠে যায়।
এবার একটি উদাহরণ দিচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখেছো, ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করলে এর উপর ছোট ছোট বিন্দু বিন্দু পানি কণা জমা হয়। এটা কেন হয়? বাতাসে যে জলীয়বাষ্প আছে তা ঠান্ডা হলে বাষ্প থেকে তরলে মানে পানিতে পরিণত হয়। এই প্রক্রিয়াই হচ্ছে ঘনীভবন।
উপরের উদাহরণের মতো জলীয়বাষ্প উপরে উঠলে তাপমাত্রা কমে যায়, তাই এই বাষ্প ঠান্ডা হয়ে ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে ছোট ছোট পানির কণায় পরিণত হয় এবং একসাথে মিলিত হয়ে তৈরি করে মেঘ। এই ছোট কণাগুলো এক সময় বড় পানির কণায় পরিণত হয়। একসময় মেঘ অনেক ভারী হয়ে যায়, তখন সেই পানির কণা আর আকাশে ভেসে থাকতে পারে না। এই ভারী পানি কণাগুলো পৃথিবীর আকর্ষণের জন্য পৃথিবীতে নেমে আসে। অর্থাৎ নিচের দিকে পড়ে। আর এই ঘটনাকেই আমরা বলি বৃষ্টি। তবে সব বাষ্পই যে মেঘ হয়ে বৃষ্টি দেবে, তা নয়। অনেক সময় মেঘ তৈরি হলেও বাতাসের তাপমাত্রা, আর্দ্রতা ও বাতাসের উল্লম্ব গতিবেগের কারণে সেই ফোঁটাগুলো নিচে পড়ার আগেই বাষ্পাবস্থায় ফিরে যায়। তাই সব মেঘ থেকে বৃষ্টি পড়ে না।
বাংলাদেশে গ্রীষ্মকালে সূর্যের তাপ বেশি থাকে, ফলে বাষ্পীভবন বেশি হয়, আর্দ্রতা বেড়ে যায় এবং বাতাসে দ্রæত সম্পৃক্ত হয়ে যায়। এই কারণে বর্ষাকালে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়। জলাশয়গুলো পানিতে ভরে ওঠে।
এভাবেই জলাশয় থেকে পানি বাষ্প হয়ে বায়ুমণ্ডলে যায় আবার মেঘ থেকে বৃষ্টি হয়ে পৃথিবীতে ঝরে পড়ে জলাশয়ে ফিরে আসে। এটিই হচ্ছে পানিচক্র।

এই ছিলো বৃষ্টি নিয়ে আজকের মতো। কথা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।

নড়লেই ধরবো

খেলার ধরন : একক
উপকরণ : একটি চোখ বাঁধার কাপড়/রুমাল

বন্ধুরা, আজকের খেলার নাম ‘নড়লেই ধরবো’! এটা খুবই মজার একটি খেলা, আর খেলতে খেলতে বোঝাও যাবে না সময় কখন চলে গেল! খেলার জন্য দরকার হবে ৫-১০ জন সদস্য এবং একটি বড় কক্ষ বা মাঠ যেখানে সহজে চলাফেরা করা যায়।
প্রথমে একজন সদস্যের চোখ কাপড় বা রুমাল দিয়ে ভালোভাবে বাঁধা হবে (ধরি- তার নাম চোখবন্ধু)। এরপর বাকি সদস্যরা তার চারপাশে নীরবে দাঁড়াবে। চোখবন্ধুটি সবার মাঝখানে দাঁড়িয়ে থাকবে। খেলার নিয়ম হচ্ছে- চোখবন্ধু অন্যদের খোঁজার চেষ্টা করবে এবং কারো দিক থেকে শব্দ বা নড়াচড়া টের পেলে সে সেই দিকে হাত বাড়িয়ে ধরতে পারবে। তবে চোখবন্ধু দৌড়াতে পারবে না, কেবল ধীরে ধীরে হাঁটবে।
মজার ব্যাপার হলো- বাকি সদস্যরা তার চারপাশে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, কেউ জোরে দৌড়াবে না বা উচ্চ শব্দ করবে না। তবে মাঝে মাঝে পরিচালকের নির্দেশে কেউ কেউ সামান্য শব্দ (যেমন- হাসি, কাশি, তালি ইত্যাদি) করতে পারবে, তখন চোখবন্ধু অনুমান করে ধরার চেষ্টা করবে কে সেখানে দাঁড়িয়ে আছে। যদি এর মধ্যে চোখবন্ধু কাউকে ধরে ফেলে এবং তা যদি সঠিক হয় তাহলে সে পরবর্তী চোখবন্ধু হবে। ভুল হলে খেলা চলতে থাকবে যতক্ষণ না কেউ ধরা পড়ে।
খেয়াল রাখতে হবে কেউ যেনো আঘাত না পায় আর অনেকক্ষণ কেউ ধরা না পড়লে পরিচালকের সংকেতে খেলার পর্ব পরিবর্তন করা যাবে।
এই খেলাটি শিশুদের মনোযোগ, শব্দ-অনুভব ক্ষমতা ও ধৈর্য বাড়াতে সাহায্য করবে।

প্রকাশকাল: জুলাই ২০২৫

সবজান্তা । মার্চ’২০২৫

প্রশ্ন: ১
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। কেমন আছেন সবজান্তা মহাশয়? আপনি যদি আমার প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন তাহলে আপনার জন্য থাকবে দাওয়াত। এখন দেখি, আপনি দাওয়াত নিতে পারেন কি না।
১. কোন কারণে ঘুম ভালোভাবে হয় না?
২. মানুষের নাম মানুষ কেন?
৩. মানুষ ও গরুর রক্ত একই হলেও তারা ভিন্ন কেন?
৪. পৃথিবী চ্যাপ্টা না হয়ে গোল কেন?
৫. সবজান্তার একটি বদঅভ্যাস বলেন।
৬. পৃথিবীতে সবজান্তা আছে কয়জন?
৭. আপনি সব জানেন কীভাবে?
দাওয়াতের জন্য প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এবং আমার বাসা খুঁজতে হবে।

মো. জাওয়াদ উদ্দীন
নবম শ্রেণি, হাজেরা-তজু স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম।

সবজান্তার উত্তর: ১
ওয়া আলাইকুমুস সালাম। আমি ভালো আছি। তোমার চিঠি পেয়ে আরো বেশি ভালো লাগছে। দাওয়াত দিতে কিপ্টেমি করছো? ভেবেছ তোমার বাসা আমি চিনি না। দাওয়াত ছাড়াই এসে পড়বো কিন্তু। হুম!
১. দিনে দশ বারো ঘণ্টা ঘুমালে কীভাবে ভালোমতো ঘুম হবে। ঘুমের ব্যাপ্তি কমাও, তাহলে ঘুম ভালো হবে।
২. মন আছে আর ভালো-খারাপের হুঁশ আছে বলেই মানুষ।
৩. ওরে বাবা! তোমার কথা শুনে মনে হচ্ছে টিভি আর ফ্রিজ একই জিনিস। কারণ দুটোই বিদ্যুৎ প্রবাহ দিয়ে চলে।
৪. চ্যাপ্টা হলে এলিয়েনরা মনে করতো মহাশূন্যে এইটা দুই টাকার কয়েন ঘুরতেসে। তখন ওরা টস টস খেললে আমাদের অবস্থা কী হতো।
৫. উত্তর দেয়ার পরেও তোমাদের ভালোবাসার চিঠিগুলো সবজান্তা বারবার করে পড়ে।
৬. তোমার কয়জন দরকার!
৭. তোমরাই তো আমাকে জানাও!

প্রশ্ন: ২
ভালো ভাইয়া জান্তা তুমি
বলো কেমন আছো?
খুঁজতে জবাব তুমি নাকি
মাথার উকুন বাছ্যে?
বলি, মাথায় এতো উকুন
আসলো কেমন করে?
শ্যাম্পু দিয়ে গোসল নাকি
করো না ভাই ডরে?
ঈদের নামাজ পড়তে গিয়ে
ধরো হঠাৎ করে
দুগাল বেয়ে মাথা থেকে
পড়ছে উকুন ঝরে।
লাগবে কেমন তখন বলো
জান্তা ভায়া প্রিয়,
তাই তো বলি, ঈদের দিনে
আমায় দাওয়াত দিয়ো।
আমার পোষা বাঁদরটা সব
করবে উকুন সাবাড়,
বিনিময়ে আমায় দিও
ঈদের মজার খাবার।
জান্তাগিরি রাখো এবার
মান-টা বাঁচাও আগে
নইলে যে ঈদ মাটি হবে
দুঃখ-শোকে, রাগে।

আমিন মাহবুব
ঢাকা সিটি কলেজ, ঢাকা।

সবজান্তার উত্তর: ২
প্রশ্ন তো নয়, উকুন-ছড়া
উকুন তোমার মগজ ভরা
মাথায় উকুন চাষ করো কি?
মান-সম্মান রাখলে বাকি?
এতই উকুন চাষ করেছ,
বাছতে তা বাঁদর পুষেছ।
উকুন মারাই তোমার পেশা?
বাব্বাহ। এ তো আজব নেশা।
সফলতার শীর্ষে যেয়ো,
গিনেস বুকে নাম লিখিয়ো
আর কী আমার বলার আছে!
উকুন থাকুক তোমার কাছে।
উকুন দিয়ে ঈদ রেসিপি
বানিয়ো সেমাই আর জিলিপি
তাতেও যদি পেট না ভরে
ভাত দিয়ে খাও ভর্তা করে।

সবজান্তাকে ছন্দে ছন্দে ইচ্ছেমতো প্রশ্ন করতে পারো তুমিও! তোমার প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছে সবজান্তা।

বুড়ো দাদার কাণ্ড

ছোট্ট একটি গ্রামে বাস করতেন এক বুড়ো দাদা। বুড়ো দাদা ছিলেন খুবই খিটখিটে ও বদ মেজাজী। নিজে দোষ করে অন্যকে দোষারোপ করতেন।
একদিন তিনি বাজারে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। ভাবলেন গিয়ে একটু পান খেয়ে আসি। বাজারে যাওয়ামাত্রই ছোট ছেলেরা তাকে দেখে হাসতে লাগল। বুড়ো দাদার মেজাজ বেশি খিটখিটে এটা সবাই জানতো। তাই ওরা হাসাহাসি করলেও তার কারণ বললো না। আরেকটু যাওয়ার পর তার বড় নাতির বয়সী ছেলেরাও তাকে দেখে হাসতে লাগলো। মজা করে বলল, ‘দাদা কেমন আছেন?’ তাদের মুখ হাসি হাসি, যেন হাসি আটকাতেই পারছে না তারা। দাদা রেগেমেগে গজরাতে গজরাতে বাজারে ঢুকলেন। বললেন, বজ্জাত ছেলেরা আমি বুড়ো বলে আমায় দেখে হাসছে। মনে হচ্ছে তারা কখনো বুড়ো হবে না।

বাজারে ঢুকতেই তার ছেলের বয়েসি লোক, যারা তাকে সালাম করতো তারাও তাকে দেখে হাসছে। তা দেখে দাদার মাথা আরও গরম হয়ে গেলো। পানের দোকানে গেলেন, সেখানে ছোট একটি ছেলে তার বাবার সাথে বসে ছিলো- সেও হাসতে লাগল। দাদা অবাক হয়ে লক্ষ করলেন, ছেলেটার সাথে বাবাও মিটিমিটি হাসছে। তা দেখে রাগে কটমট করতে করতে বললেন, ‘যা, তোর দোকান থেকে আর কিছু কিনবোই না।’
বাড়ি আসলেন, উঠোনে তার বড় ছেলে দাঁড়ানো ছিলো। দেখলেন সেও তার দিকে তাকিয়ে মাথা নিচু করে হাসছে। তারপর বুড়ি দাদি তার দিকে তাকালেন, তাকিয়েই একটা হাসি…। দাদা চেঁচিয়ে বললেন, কেন? কেন আজ সবাই আমাকে দেখে এভাবে শুধু হাসছে? ব্যাপার-স্যাপার বুঝলামনা। ঘরে যখন ঢুকলেন, তখন তার ছেলের বউয়েরাও হাসতে লাগল। আঁচলে মুখ লুকিয়ে লজ্জায় চলে গেল তারা।

বারান্দায় ছোট ছোট নাতি নাতনিরা ছিলো, তারাও হাসতে লাগল। আর বললো, দাদু তোমার পায়ের জুতার দিকে একবার তাকাও বলেই আবার জোরে জোরে হি হি করে হাসতে লাগলো। তখন দাদা তার জুতার দিকে তাকিয়ে দেখলেন, নিজের একটা জুতা আর বুড়ি দাদির একটা জুতো পরে তিনি পুরো বাজার চক্কর দিয়ে এসেছেন। এতক্ষণে পুরো ব্যাপার বুঝতে পারলেন, বুঝলেন কেন সবখানে সবাই তাকে নিয়ে এত্তো হাসাহাসি করছিলো। এবার তিনিও যোগ দিলেন হাসিতে। তার হাসা দেখে বাড়ির সবাই হাসতে হাসতে খুন।

প্রকাশকাল: জুন ২০২৫

মুখ পুড়ল শেয়ালের

গ্রাম থেকে অনেক দূরে; মধুডাঙা বন। দূর থেকে ছায়ার মতো দেখায়। এই বনে বাঘও নেই, সিংহও নেই। আছে কেবল খরগোশ, হরিণ, বানর আর কিছু পাখি। সে বনের রাজা ছিল একটা শেয়াল। শেয়ালটা ছিল খুবই দুষ্ট। বনের নিরীহ পশুপাখিদের অনেক কষ্ট দিত!

দুষ্ট শেয়ালের দুষ্টামি দিনদিন বেড়েই চলেছে। আজ কচ্ছপের মাছ কেড়ে নেয় তো- কাল কুমিরের ডিম খেয়ে ফেলে। ওর ভয়ে পাখিদের চোখেও ঘুম নেই। কে জানে; কখন কার ছানা চুরি করে নিয়ে যায়!

বনের হিজল গাছে ছিল মাছরাঙার বাসা। সে বাসায় মাছরাঙার আরও দুই বন্ধু থাকে। কাঠঠোকরা ও ছোট্ট টুনটুনি।
কাঠঠোকরা বনে গিয়ে কাঠ কাটে। মাছরাঙা শিকার করে টাটকা পুঁটিমাছ। টুনটুনি সেই মাছ এত্ত মজা করে রান্না করে, ঘ্রাণেই জিভে জল চলে আসে। কিন্তু দুষ্ট শেয়ালের ভয়ে তাদের কারো মনে সুখ নেই। টুনটুনিকে সারাদিন একা থাকতে হয়। দুষ্ট শেয়ালটা যদি কিছু করে বসে!
এই ভয়ে গত সাত দিন মাছরাঙা মাছ শিকারে যায়নি। কাঠঠোকরাও বনে গিয়ে কাঠ কাটেনি। ওরা ঘরে বসে টুনটুনিকে পাহারা দেয়। কিন্তু এই সাত দিনে ওদের জমানো সব মাছ ও কাঠ ফুরিয়ে যায়। সে জন্যেই লোকে বলে- বসে খেলে রাজার ভাণ্ডারও ফুরিয়ে যায়!

আজ সকালে মাছরাঙা ও কাঠঠোকরা কাজে বেরিয়েছে। যাওয়ার সময় টুনটুনিকে পইপই করে বলে দিয়েছে- আমরা কাজে যাচ্ছি। তুমি ঘর-দোর দেখে রেখো। সাবধান! টুঁ শব্দটিও করো না। দুষ্ট শেয়াল যা-ই বলুক, ঘর থেকে বের হবে না।
দুষ্ট শেয়ালটা কিন্তু কাছেই ছিল। একটা ঝোপের ভেতর লুকিয়ে সব কথা শুনছিল। মাছরাঙা ও কাঠঠোকরা চলে যেতেই দুষ্টটা ঝোপ থেকে বেরিয়ে আসে। তারপর হিজল গাছের নিচে দাঁড়িয়ে ছড়া কাটে-

টুনটুনি টুনটুনি
কেমন আছিস ভাই?
কত দিন হলো ও রে
দেখা তোর নাই!
আয়, আয় ভাই
তোর সাথে সুখ দুখ
ভাগ করে যাই।

শেয়ালের ছড়া শুনে টুনটুনি গলে যায়। ভুলে যায় বন্ধুদের বারণ। বোকাটা দরজা খুলে নাচতে নাচতে বাইরে বেরিয়ে আসে। আর তখনই দুষ্ট শেয়াল খ্যাঁক করে ধরে ফেলে। তারপর দিলো এক ছুট…।
টুনটুনি তখন বন্ধুদের চিৎকার করে ডাকলো-

দুষ্ট শেয়াল নিলো ধরে
তোমরা গেলে কই
জলদি এসো বন্ধু আমার
বাঁচাও প্রাণের সই।

টুনটুনির ডাক শুনতেই মাছরাঙা ও কাঠঠোকরা ছুটে আসে। তাদের ধারালো ঠোঁট দিয়ে শেয়ালকে আচ্ছা মতো কামড়ে দেয়। ওদের ধারালো ঠোঁটের কাছে শেয়াল যেন দুধের শিশু। শেয়ালের পুরো শরীর চালুনির মতো ঝাঁঝরা হয়ে গেছে! শেষে টুনটুনিকে রেখে প্রাণ নিয়ে পালালো।

টুনটুনিকে বন্ধুরা আচ্ছামত বকুনি দেয়। কাঠঠোকরা বলে, বোকার হদ্দ একটা। কতবার বলেছি, ঘরের বের হবে না।
অভিমানে টুনটুনির ঠোঁট ফুলে ওঠে। কাঁদতে কাঁদতে বলে- আমি না হয় একটু বোকা। শেয়ালের মতো লোভী তো নই। তোমরা আমাকে বকতে পারলে?
মাছরাঙা ও কাঠঠোকরা দুজনেই স্যরি বললো। এতে কাজ হয়। টুনটুনির অভিমান পড়ে যায়। এরপর তিন বন্ধু শেয়ালকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করে।

পরদিন সকাল।
দুষ্ট শেয়ালটা আবারও আসে। ঝোপের ভেতর লুকিয়ে মাছরাঙাদের কথা শোনে। ঘরের ভেতর তখন মাছরাঙা ও টুনটুনি কথা বলছিল। মাছরাঙা টুনটুনিকে বলে- শোনো টুনটুনি, ওই কলসে আমার সাতটা ডিম আছে। ঘর থেকে কোত্থাও যাবে না। তাহলে পাজি শেয়াল আমার ডিমগুলো খেয়ে নেবে।

মাছরাঙার কথা শুনেই শেয়ালের জিবে জল আসে। মনে মনে বলে- আহ! কতদিন পাখির ডিম খাই না। যেভাবেই হোক, টুনটুনিকে আজ ঘর থেকে বের করতেই হবে।
কাঠঠোকরা ও মাছরাঙা বাসা থেকে বেরিয়ে যায়। তাদের যাওয়ার কিছুক্ষণ পর, দুষ্ট শেয়ালও ঝোপ থেকে বেরিয়ে আসে। তারপর হিজল গাছের নিচে দাঁড়িয়ে ছড়া কাটে-

নদীর ধারে দেখে এলাম
সোনা রাঙা ধান
শালিক টিয়ে ধান ভানছে
ফিঙেরা খায় পান।

ধানের কথা শুনতেই টুনটুনি বাসা থেকে বেরিয়ে আসে। শেয়াল তখন বললো- ভয় পেয়ো না ভাইটি। কাল যা হয়েছে, তার জন্যে স্যরি।
বোকা টুনটুনি শেয়ালকে জিজ্ঞেস করে- শেয়াল ভাই, তখন কী যেন বলছিলে?
দুষ্ট শেয়াল পুনরায় ছড়া কাটে-

নদীর ধারে দেখে এলাম
সোনা রাঙা ধান
শালিক টিয়ে ধান ভানছে
ফিঙেরা খায় পান।

ছড়া শেষ হতেই টুনটুনি নদীর দিকে ছুটলো। তার এই বোকামি দেখে শেয়াল ইচ্ছেমতো হাসলো। আর বললো, বোকার হদ্দ। মাথায় এক চিমটি বুদ্ধিও নেই।
এই বলে সে মাছরাঙাদের ঘরে ঢোকে। এদিক তাকায়, ওদিক তাকায়। কিন্তু কোথাও কলস দেখতে পায় না। তারপর রান্নাঘরে প্রবেশ করে। রান্নাঘরে প্রবেশ করতেই কলসটা দেখতে পেলো। তখন শেয়ালের চোখ এত্ত বড় হয়ে যায়। মনে মনে বলে- বোকা টুনটুনি; কলসটা ঢেকেও যায়নি!
তারপর এদিক-ওদিক তাকিয়ে যখন দেখলো, কেউ নেই। অমনি কলসে মুখ ঢুকিয়ে দেয়। আর তখনই সে চিৎকার করে উঠলো- মুখ পুড়ে গেলো রে! মুখ পুড়ে গেলো!

ঘরের বাইরে তখন মাছরাঙা, কাঠঠোকরা, টুনটুনিসহ বনের সব পশু-পাখি হাততালি দিয়ে ওঠলো। দেবে না কেন? দুষ্ট শেয়ালটা তাদের কম ‌জ্বালিয়েছে?

শেয়াল বুঝতে পারলো- তাকে শায়েস্তা করার জন্যই কলসিতে গরম পানি রাখা হয়েছিল। টগবগে গরম পানিতে শেয়ালের মুখ এমনভাবেই পুড়েছে, ওই পোড়া মুখ আর কোনো দিন ভালো হয়নি। কথায় আছে না- লোভে পাপ, পাপে মৃত্যু। পাজি শেয়ালের সেই দশাই হলো।

প্রকাশকাল: জুন ২০২৫