Home Blog Page 109

বারান্দা ও এক বিপ্লব

চার বছরের ছোট্ট মিতু কিছুদিন থেকেই লক্ষ করছে- দুপুর হলেই তার বাবা বারান্দায় দাঁড়িয়ে নিচের রাস্তায় থাকা কিছু মানুষকে খাবার আর পানি দেন। মিতু চুপচাপ বাবার পাশে দাঁড়িয়ে দেখে, নিচে রাস্তায় অনেক মানুষ ভিড় করছে, কেউ চিৎকার করছে, কেউ হেঁটে যাচ্ছে ব্যানার হাতে। ছোট্ট মনটা অবাক হয়ে ভাবতে থাকে- বাবা কি ওদের সবাইকে চেনে? কেনই বা তারা প্রতিদিন এভাবে দল বেঁধে হেঁটে বেড়ায়?
এসব প্রশ্নের উত্তর খুঁজে না পেয়ে একদিন সে বাবাকে জিজ্ঞেস করেই ফেলে, ‘আচ্ছা বাবা, তুমি প্রতিদিন ওদের এসব দাও কেন? তুমি কি ওদের সবাইকে চেনো?’
বাবা মুচকি হেসে বলেন, ‘না মা, সবাইকে চিনি না। কিন্তু ওরা তো দেশের জন্য আন্দোলন করছে। তাই যতটুকু পারি, ওদের সহযোগিতা করি।’ বলেই তিনি আবারও খাবারের প্যাকেট গোছাতে ব্যস্ত হয়ে পড়েন। মিতুর মনে এবার জন্ম নিলো আরেক নতুন প্রশ্ন-‘আন্দোলন মানে কী?’

জুলাইয়ের এক ঝাঁঝালো দুপুর। আজও বাবা খাবার আর পানি নিয়ে বারান্দায় দাঁড়িয়েছেন। পাশেই দাঁড়িয়ে আছে ছোট্ট মিতু। আজ মিতুও চেষ্টা করছে বাবাকে সাহায্য করতে। কিন্তু চারপাশে টিয়ার গ্যাসের ধোঁয়া, হইচই আর কোলাহলে দাঁড়িয়ে থাকাই যেন মুশকিল। তবুও নড়ছেন না বাবা। হঠাৎ এক বিকট শব্দ।
পর মুহূর্তেই মেঝেতে লুটিয়ে পড়লেন বাবা। মিতু কিছুই বুঝে উঠতে পারছে না। চারপাশটা যেন হঠাৎ থমকে গেছে। বাবার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। শেষবারের মতো মিতুর ছোট হাতটা শক্ত করে ধরে আছেন তিনি।
মিতু কাঁপা গলায় ফিসফিস করে বলছে, ‘বাবা, ঘুমিয়ো না… নিচে তো এখনও অনেক মানুষ, ওদের খাবার দেবে কে? বাবা…’

আজ মিতুর বয়স পাঁচ। এতটুকু বয়সেই সে বুঝে গেছে আন্দোলন মানে কী।
বাবা যখন শেষবারের মতো তার হাতটা শক্ত করে ধরেছিলেন কিংবা ঘুমিয়ে যাওয়া আগ মুহূর্তে বাবার চোখটা যখন শেষবারের মতো চকচক করে উঠেছিল- মিতুর কাছে সেটাই ছিলো আন্দোলন।

বাবার ঘুম যে আজও ভাঙেনি।
হয়তো সেটাই আন্দোলন।

প্রকাশকাল: জুলাই ২০২৫

জুলাইয়ের ফুলগুলি

জুলাইয়ের ফুলগুলি আকাশের তারা
জ্বলে ওঠে আলোকিত হয়ে যায় পাড়া
রক্তের ফোঁটাগুলি বারুদের কণা
ভীরু মনে সাহসের ফুঁসে ওঠে ফণা।

জুলাইয়ের হাতগুলি নুম মারছুস
বিভোরে ঘুমায় যারা ফিরে পায় হুঁশ
এক থেকে অনেকের শক্তি বিশাল
জালিমের তুলে নেয় শোষণের ছাল।

জুলাইয়ের চোখগুলি জ্যোতির পিদিম
জ্বলে-পুড়ে ছারখার রাক্ষসী হিম
উড়ে উড়ে দূরে যায় জালিমের দল
জুলাইয়ের বেড়ে যায় তাই মনোবল।

আমরা সবাই মিলে জুলাই কিশোর
আনবো সুদিন এক, উজ্জ্বল ভোর।

জীবনের মানে

নদীর স্রোতের মতোন
বয়ে যায় রক্তের ধারা
শত বুক খালি হয়ে যায়
শত বোন হয় ভাই-হারা।

ঘরে ঘরে কান্নার রোল
দিকে দিকে শুধু আহাজারি
সন্তান লাশ হয়ে এলে
বাবার বোঝাটা কত ভারি!

ছোট ছোট নিষ্পাপ শিশু
বুলেটের আঘাতে শহিদ
বাবা-মা কেঁদে কেঁদে সারা
চোখ থেকে হারিয়েছে নিদ।

কত ভাই হারিয়েছে পা
কত ক্ষতি কেউ কি তা জানে!
জুলাইয়ের গণজাগরণ
শিখিয়েছে জীবনের মানে।

একটি জুলাই এসেছিলো বাংলাদেশে

সামনে বাড়ো, বললো নতুন স্বপ্ন এসে
একটি জুলাই এসেছিলো বাংলাদেশে।
সেই জুলাইয়ে তোমরা যারা বিপ্লবী বীর
যেমন ছিলো গর্জে ওঠা বীর তিতুমীর।

সেই জুলাইয়ের গল্প-গাঁথা শুনতে কি চাও?
বাংলাদেশের হৃদয় থেকে হাত পেতে নাও।
দেশের বুকে বুক লাগিয়ে বুঝতে পারো
স্বপ্ন তোমার দীর্ঘ করো, আরো আরো।

আবু সাঈদ, নামটি মনে পড়ছে নাকি?
বুকের ভেতর বুলেট নিলো, জানো তা কি!
মুগ্ধ যখন ‘লাগবে পানি’ বললো হেসে
সেই হাসিটা ছড়িয়ে গেল বাংলাদেশে।

বিপ্লবীদের রক্তে থাকে বারুদ শিখা
সেই শিখাতে স্বাধীনতার নামটি লিখা।
তোমরা যারা স্বাধীন থাকার ইচ্ছে রাখো
মুক্ত মনে দুঃসাহসের গন্ধ মাখো।

সেই জুলাইয়ে শহিদ যারা, তাদের জানো
একটুও কাজ করবে না কেউ লোক দেখানো।
লোকের কথায় কী আসে যায়, বুঝবে এটি
সকল কাজে গ্রহণ করো সত্য যেটি।

সত্য ছাড়া নেই জীবনের মুক্তি কোনো
আলোর পথে নতুন দিনের স্বপ্ন বোনো।
নিজকে নিজে স্বচ্ছ রাখো নিজের কাছে
দেখবে তখন তোমার কেমন শক্তি আছে!

ন্যায়ের পথে তুমিও এক বিপ্লবী হও
অসহায়ের পক্ষে তুমি কও কথা কও।
দুঃখীজনের জন্যে বিছাও মায়াবী জাল
তোমার জন্য অপেক্ষমাণ এই মহাকাল।

বিপ্লবীদের গল্পগুলো বলবে হেসে
একটি জুলাই এসেছিলো বাংলাদেশে।

প্রকাশকাল: জুলাই ২০২৫

আল মাহমুদের কিশোর সাহিত্য

১.
কবি আল মাহমুদের নাম শোনেনি, এমন ছেলেমেয়ে ক’জন আছে! আমার মনে হয় শিশুকিশোর কাউকেই খুঁজে পাওয়া যাবে না। শিশু-কিশোরদের জন্য লেখা তাঁর মনোমুগ্ধকর কবিতাগুলোর কথা নিশ্চয়ই তোমাদের মনে পড়ে যাচ্ছে। কী অপরূপ সুন্দর ছন্দ আর ছন্দের সাথে মেলানো কথামালা! একবার থেকে দু’বার পড়লেই তা মুখস্থ হয়ে যায়। তাঁর কবিতার শব্দমালা যেন চিরকালের জন্য কানের পর্দায় গেঁথে আছে! আল মাহমুদ সত্যিই কথার জাদুকর। ছন্দেরও জাদুকর।
আল মাহমুদ বড়দের কবিতার পাশাপাশি শিশুকিশোরদের জন্য কালজয়ী সব কবিতা লিখে গেছেন। এরকম একটি শিশুতোষ কবিতা ‘পাখির মতো’। এই কবিতার লাইনগুলো সবার ছোটবেলাকে যেন ছবির মতো মনের অ্যালবামে ধরে রেখেছে-

আম্মা বলেন, পড় রে সোনা
আব্বা বলেন, মন দে;
পাঠে আমার মন বসে না
কাঁঠালচাঁপার গন্ধে।
আমার কেবল ইচ্ছে জাগে
নদীর কাছে থাকতে,
বকুলডালে লুকিয়ে থেকে
পাখির মতো ডাকতে।

আল মাহমুদের গদ্যে যেমন ভাটি বাংলার জনজীবন, গ্রামীণ দৃশ্যপট, নদীনির্ভর জনপদ, চরাঞ্চলের কর্মমুখর জীবনচাঞ্চল্য স্থান পেয়েছে তেমনি জাতীয় ও আন্তর্জাতিক পটভ‚মিও তাঁর গদ্যে জায়গা করে নিয়েছে। আধুনিক বাংলাভাষার প্রচলিত কাঠামোর মধ্যেই অত্যন্ত স্বাভাবিক স্বতঃস্ফূর্ততায় আঞ্চলিক শব্দের সুনিপুণ প্রয়োগ তাঁর গদ্যে লক্ষণীয়।
আল মাহমুদের শখ বইপড়া ও ভ্রমণ। পৃথিবীর নানা দেশ ও শহর তিনি ঘুরে বেড়িয়েছেন। আর এই ঘুরে বেড়ানোর সুবাদেই তিনি দেশ-বিদেশের নানা পটভূমিতে গল্প, উপন্যাস, কিশোর উপন্যাস, গোয়েন্দা উপন্যাস রচনা করেছেন।

২.
‘চিরনতুন কিশোর গল্প’ গ্রন্থে স্থান পেয়েছে আল মাহমুদের কিশোর গল্পগুলো। এ গ্রন্থে স্থান পাওয়া ‘একটি ছবি’ গল্পে আল মাহমুদ কী অবলীলায় একটি বুড়ো ভিখিরি ও একজন কিশোরীর ছবি আঁকা নিয়ে অসাধারণ একটি গল্প রচনা করেছেন। গল্পের শেষ লাইনগুলো পড়লেই চোখে পানি চলে আসে।

বুড়ো বলল, ‘আমাকে সাহায্য করো মা। আমি বড়ো অসহায়।’
কিছু বলতে গিয়েও তার মুখ থেকে শব্দ বেরুলো না। শুধু তার সুন্দর ঠোঁটজোড়া কাঁপতে লাগল। কিছু না বলে নাজমা তার পুরস্কারের টাকা বাঁধা রুমালখানা বুড়োর হাতে চেপে দিলো। তারপর মাথা নুইয়ে অপরাধীর মতো রাস্তা পার হতে লাগল। বুড়ো রক্তহীন চোখদুটো মেলে দিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল এই অদ্ভুত মেয়েটির দিকে।

‘একটি পাহাড়ি গল্প’ নামে আল মাহমুদ পাহাড়ি লোককাহিনি লিখেছেন কিন্তু সমতলের পাঠকরাও গল্পটি পড়ে শিহরিত হবে। মিকা আর মিমাই নামক দুটি গোত্রের বিরোধের কাহিনি কী সুন্দর শব্দ বিন্যাসে তিনি লিখেছেন। যা পাঠ করলে আমাদের কিশোর পাঠকরা রোমাঞ্চিত ও শিহরিত হবে।
গল্পের কিছু লাইন সত্যিই কিশোরমনে দাগ কেটে যাবে-
“মিষ্টি ভোরের আলোয় যখন তারা পাহাড়চূড়ার দিকে তাকাল তখনই দেখতে পেল রাতের অন্ধকারে তারা কী মারাত্মক ভুল করে বসেছে। পাহাড়চূড়া থেকে তারা খুব বেশি দূরে ছিল না। ইয়ান তাসেনের তীরবিদ্ধ মৃত-দেহ দুটো চিনতে কষ্ট হলো না জংলিদের। অস্ত্রশস্ত্র হাতে তারা যখন পরস্পরকে আক্রমণ করতে পাহাড়চূড়ায় উঠে এলো তখনই তারা বাধা পেল ইয়ান আর তাসেনের তীরবিদ্ধ মৃতদেহ দুটোয়। তারা আরও দেখল, ইয়ান আর তাসেনের বুকের রক্তের ক্ষীণ ধারা এক হয়ে শুকিয়ে গেছে। আর তাদের রক্তধারা যেখানে মিশেছে ঠিক সেখানেই লাল রক্তের উপর পড়ে রয়েছে একটি গন্ধযুক্ত কস্তুরী। বন্ধুত্বের এই প্রতীক দেখেই মিকা আর মিমাইদের হাত থেকে তীর-ধনুক খসে পড়ল। আসল ভুলটা বুঝতে পেরে মিকা আর মিমাইদের সর্দাররা সেখানে লুটিয়ে পড়ে কাঁদতে লাগল। এরপর আর কোনোদিন মিকা আর মিমাইরা পরস্পরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেনি, এখন সেই পাহাড়চ‚ড়াটা জংলিদের কাছে পবিত্র তীর্থস্থান।
জংলিরা বলে: ‘গভীর রাতে সে পাহাড় চূড়ায় গেলে, একটা মিষ্টি গন্ধ বাতাসের সাথে নাকে এসে লাগে। গন্ধটা নাকি ঠিক কস্তুরীর গন্ধের মতো।’

এছাড়াও উক্ত গ্রন্থে স্থান পেয়েছে আল মাহমুদের, ‘বেপরোয়া’, ‘ছায়ায় ঢাকা মায়ার পাহাড়’, ‘ক্ষুদে পাখির প্রেরণা’, ‘ফড়িং ধরার গল্প’, ‘নেবু ফুলের গন্ধ’, ‘পশর নদীর গাঙচিল’ নামের কিশোর গল্পগুলো। চিরকালের সেরা এসব গল্প লেখা সম্ভব হয়েছে কারণ তাঁর ভেতর চিরকিশোর জাগরুক।
গল্প ছাড়াও তিনি কিশোর পাঠকদের জন্য রচনা করেছেন ‘মরু মূষিকের উপত্যকা’, ‘ময়নামতির নেকলেস’ নামের দুটো কিশোর উপন্যাস। ‘মরু মূষিকের উপত্যকা’ উপন্যাসটি রচনা করেছেন মিশরের একটি অজানা পিরামিড আবিষ্কার নিয়ে। আর ‘ময়নামতির নেকলেস’ উপন্যাসটি কুমিল্লার ময়নামতি পাহাড়ি পটভূমিকায় একটি প্রাচীন ঐতিহ্যের কাহিনিবিন্যাস। দুটো উপন্যাসই পাঠককে টানটান উত্তেজনা এবং কাহিনির পরতে পরতে ধরে রাখবে নিশ্চিন্ত নির্ভাবনায়।
আল মাহমুদের একটি অসাধারণ কিশোর কবিতা গ্রন্থ ‘পাখির কাছে ফুলের কাছে’। এই গ্রন্থটি বাংলাদেশের সকল শিশু-কিশোরের অবশ্য পাঠ্য হওয়া উচিত বলে আমি মনে করি। এই বইয়ে অসাধারণ সব কিশোর কবিতা রয়েছে। ‘ভরদুপুরে’ কবিতার প্রথম দুটো লাইন পড়লেই বোঝা যাবে কেন আল মাহমুদ শিশু-কিশোরদের জন্যও অবশ্য পাঠ্য।

মেঘনা নদীর শান্ত মেয়ে তিতাসে
মেঘের মতো পাল উড়িয়ে কী ভাসে!

আল মাহমুদের ‘আকাশ নিয়ে’ কবিতার প্রথম দুটি লাইন গ্রাম্য ও শহরের দামাল কিশোরদের মনে আলোড়ন তুলবেই।

আকাশটাকে নিয়ে আমার মস্ত বড় খেলা,
মেঘের কোলে ভাসাতে চাই চিলেকোঠার ভেলা।

তবে ‘পাখির কাছে ফুলের কাছে’ বইয়ে তাঁর কালজয়ী ‘একুশের কবিতা’টি রয়েছে। একুশ নিয়ে অনেক কবিই কবিতা লিখেছেন কিন্তু কবি আল মাহমুদের এই কবিতাটি যে কত গভীর এবং চিরকালীন তা প্রথম চারটি লাইন পড়লেই বোঝা যায়:

ফেব্রুয়ারি একুশ তারিখ
দুপুরবেলার অক্ত
বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়?
বরকতের রক্ত!

এছাড়াও এ গ্রন্থে স্থান পেয়েছে তাঁর চিরায়ত চিরসবুজ ‘নোলক’ কবিতাটি।

আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে
হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে।

সবশেষে ছোটবেলায় পাঠ্যবইয়ে পড়া ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতার লাইনগুলো এখনো বুকের ভেতর দোলা দিয়ে যায়।

নারকেলের ঐ লম্বা মাথায় হঠাৎ দেখি কাল
ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল।
ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর
ঝিমধরা এই মস্ত শহর কাঁপছিল থরথর।
মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ,
পাথরঘাটার গির্জাটা কি লাল পাথরের ঢেউ?

৩.
বাতাসের মতো, সূর্যের আলোর মতো, আকাশের নিচে পড়ে থাকা শান্ত গ্রাম্য নদীটির মতো সহজকে কি এত অনায়াসে প্রকাশ করা যায়? কিন্তু আল মাহমুদ তার সাহিত্যকর্মে অনায়াসে তা প্রকাশ করেছেন। আধুনিক বাংলা সাহিত্যের প্রধানতম কবি আল মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি ব্যবসায়ী পরিবারে ১১ জুলাই ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন। ১৯৫৪ সাল থেকে লেখালেখি শুরু ঢাকা ও কলকাতার সাহিত্য-সাময়িকীগুলোতে। এ সময় কলকাতার নতুন সাহিত্য, চতুষ্কোণ, চতুরঙ্গ, ময়ূখ ও কৃত্তিবাস-এ তাঁর লেখা প্রকাশ পেতে থাকে। সমালোচকগণ তাঁকে জসীমউদ্দীন ও জীবনানন্দ দাশ থেকে সম্পূর্ণ স্বতন্ত্রধারার এক নতুন কবিপ্রতিভা বলে উল্লেখ করতে থাকেন। এ সময় ‘লোক লোকান্তর’ ও ‘কালের কলস’ নামে দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। আল মাহমুদ এ দুটি কাব্যগ্রন্থের জন্য ১৯৬৮ সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন।
ম্যাথু আর্নল্ড তাঁর সনেটে শেকসপিয়রকে যে লোকোত্তর পুরুষ হিসেবে চিহ্নিত করেছিলেন, সেই একই মহিমা আল মাহমুদের ক্ষেত্রেও প্রযোজ্য। গল্প, কবিতা, উপন্যাস এবং কিশোরসাহিত্যের ক্ষেত্রে তিনি নিঃসঙ্গ এবং অননুসৃত। প্রখ্যাত পূর্বসুরীদের অনুসরণ করা প্রায় সর্বযুগের কিছু লেখকের প্রিয় অভ্যাস। কিন্তু আল মাহমুদকে কেউ সেভাবে আদর্শ হিসেবে গ্রহণ করে তাঁর আদলে গদ্য রচনার চেষ্টা করেননি। এর প্রধান কারণ বোধহয়, তাঁকে যথাযথ অনুসরণ করা যায় না। স্নিগ্ধতা এবং স্বচ্ছ উপলব্ধিই আল মাহমুদের রচনার প্রধান গুণ। যখন তিনি কিশোরদের জন্য কলম ধরেছেন, তখনও এই গুণই তাঁকে দেশ ও কালের অতীত শাশ্বত ভূমিতে পৌঁছাতে সহায়তা করেছে।
ছোটদের জন্য লেখার সময় আল মাহমুদকে ছোটদের মতো হয়ে লিখতে হতো না, আসলে তাঁর ভেতরে একটি চিরকিশোর জাগরুক। চিরকিশোর আল মাহমুদের চোখে অনির্বাণ বিস্ময় আর হাতে প্রকৃতির সুরে বাঁধা বাঁশি। শিশু এবং কিশোরেরা খুব ভালো সমালোচক, কারণ নন্দনকাননের স্বচ্ছ দৃষ্টিশক্তি তাদেরই আয়ত্তে থাকে। আল মাহমুদের লেখা পড়তে শুরু করেই তারা সেই অভ্রান্ত বোধের মারফত বুঝতে পারে- তাঁর জাত আলাদা, তাঁর গল্প শোনার জন্য অনায়াসেই একটি আসন টেনে নিয়ে বসে পড়া যায়। তাঁর লেখা কিশোরকবিতা ও চিরনতুন কিশোরগল্পমালা শুধু আমাদের দেশেরই নয় সারা পৃথিবীর শিশুকিশোরদের জন্যও চিরনতুন।

কবি আল মাহমুদকে আমরা যেমন চিনি কবি হিসেবে তেমনি গদ্যসাহিত্যেও তিনি কালোত্তীর্ণ। কিশোর উপন্যাস ও কিশোরগল্পে রহস্য, রোমাঞ্চ, ভয়, সাহস ও মানবীয় গুণাবলির বিচিত্র সমাহার একই সাথে জায়গা করে নিয়েছে। কিশোর কবিতাগুলোও আমাদের কিশোর পাঠকদের আনন্দে ভরিয়ে তুলবে।

প্রকাশকাল: জুলাই ২০২৫

পানি এবং শরবত

উষ্ণতার পারদ ক্রমশ বেড়ে চলেছে। সেই সাথে বাড়ছে তীব্র অস্বস্তি। দিনের বেলায় বাইরে পা রাখলেই যেন ঝলসে যায় চোখমুখ। এই গরমে যেমন অস্বস্তি, তেমনই প্রতিনিয়ত গুরুতর অসুস্থ হয়ে পড়ছে মহিলা, শিশু ও বৃদ্ধসহ অনেকেই। এতে করে ডায়রিয়া, বমি, হজমের গোলমাল তো লেগেই আছে। তীব্র তাপপ্রবাহের কারণে ঝুঁকিও বাড়ছে আরো বেশ কিছু অসুখের। এমতাবস্থায় শরীরকে সুস্থ রাখতে আমরা পানি আর শরবত খেয়ে নিজেকে তৃপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আজকাল। এ শরবত নিয়েই অঙ্কের খেলা আজ। ধরা যাক, অর্ধেক পানিতে পূর্ণ একটা গ্লাস এবং ঠিক একই রকম আরেকটা গ্লাস অর্ধেক শরবতে পূর্ণ। দ্বিতীয় গ্লাস থেকে এক চামচ শরবত প্রথম গ্লাসে ঢেলে ভালোভাবে নেড়ে দেই। এরপর প্রথম গ্লাস থেকে এক চামচ তরল দ্বিতীয় গ্লাসে যোগ করা যাক। এখন তোমার বের করতে হবে দ্বিতীয় গ্লাস থেকে শরবতের মোট পরিমাণ কি প্রথম গ্লাস থেকে সরানো পানির পরিমাণের চেয়ে বেশি না কম?

এবার তুমি অনুমান করতে পারো যে অর্ধেক গ্লাস তরল n-গুণ এক চামচ যা একক পরিমাপ হিসেবে নেয়া হয়, এখন n-এর পরিপ্রেক্ষিতে ওই গ্লাস থেকে হারিয়ে যাওয়া পানি এবং শরবতের পরিমাপ নির্ধারণ করো এবং ফলাফলের তুলনা করো। কিন্তু, এছাড়া আরো অনেক সহজ যুক্তি আছে চলো সেগুলোয় একটু নজর দেই।
বন্ধুরা, উত্তরের সঠিক দুটি রাশি বা তরল পরস্পরের সমান। কারণ, উভয় গ্লাসে তরল স্থানান্তরের আগে ঠিক অর্ধেক পূর্ণ ছিল এবং স্থানান্তরের পরে পুনরায় গ্লাস দুটি অর্ধেক পূর্ণ-ই থেকে যায়। তাহলে উভয় গ্লাস থেকে যতটুকু তরল হারিয়েছে এর বিপরীতে তা অবশ্যই অন্য গ্লাসে চলে গেছে। সুতরাং, দুটি স্থানান্তরের পরে পানির গ্লাসে শরবত দ্বারা দখলকৃত আয়তন অবশ্যই শরবতের গ্লাসে পানি দ্বারা দখলকৃত আয়তনের সমান হবে। এতে ডুবে থাকা চামচটি কত বড় বা ছোট তার হিসাব এক্কেবারেই অমূলক। অতএব এ দুটি স্থানান্তরের ঘটনার পরে, তুমি আগের মতো আরো দু’বার স্থানান্তর করে নিতে পারো বা প্রকৃতপক্ষে যেকোনো জোড়া স্থানান্তর করে দেখতে পারো, তাহলে দেখবে চামচের ব্যবহারের কোনো-ই প্রয়োজন হবে না তোমার। তুমি এক গ্লাসকে অন্যটির উপরে কাত করে ধরে রেখে অন্যটিতে যেকোনো পরিমাণ তরল ঢেলে দিতে পারো এবং তারপরে দ্বিতীয় গ্লাস থেকে প্রথমটিতে অনুরূপভাবে যেকোনো পরিমাণ তরল ঢেলে দিতে পারো এবং যতক্ষণ চাও এই মিশ্রণ প্রক্রিয়া চালিয়ে যেতে পারো। তবে, গুরুত্বপূর্ণ শর্ত হলো শেষ পর্যন্ত তোমাকে অবশ্যই প্রতিটি গ্লাস ঠিক অর্ধেক পূর্ণ করে ছেড়ে দিতে হবে। তারপর সমাধানের জন্য যেমনটা বলা হয়েছে, শরবতের গ্লাস থেকে হারিয়ে যাওয়া শরবতের নির্দিষ্ট পরিমাণ পানির গ্লাসে এবং পানির গ্লাসের হারানো পানির পরিমাণ তার বিপরীত গ্লাসেই পাওয়া যাবে।

এ মাত্রাতিরিক্ত গরমে নানা ধরনের অসুস্থতা থেকে সুস্থ থাকা সত্যিই একটা বড় চ্যালেঞ্জ। তবে সুস্থ তো থাকতেই হবে তাই না। সেজন্য যথাসম্ভব রোদ এড়িয়ে চলতে হবে সাথে অধিক পরিমাণে শরবত কিংবা বিশুদ্ধ পানি পানের তো কোনোই বিকল্প নেই। ০