Home Blog Page 108

স্বপ্নের ফুলকুঁড়ি স্মৃতিময় ফুলকুঁড়ি (তৃতীয় পর্ব)

॥ তিন ॥

গত সংখ্যায় বলেছিলাম, স্বাধীনতার মাস মার্চেই সচিত্র শিশু-কিশোর মাসিক হিসেবে শুরু হয়েছিল ফুলকুঁড়ির অভিযাত্রা। কিন্তু সালটা তোমাদের মনে আছে কি? হ্যাঁ দু’টি সংকলন প্রকাশের পর ১৯৭৯ সালের মার্চ মাসে নিয়মিত মাসিক শিশু-কিশোর পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করেছিল ফুলকুঁড়ি। এখানে ছোট্ট বন্ধুদের একটি তথ্য জানাই, মার্চ মাসেই যে আমরা ফুলকুঁড়ির ডিক্লারেশন পেয়ে যাব তার কোনো নিশ্চয়তা ছিল না। কারণ অনেকেই বলেছিলেন, ডিক্লারেশন পাওয়া অত সহজ নয়। এমন ধারণাও দেওয়া হয়েছিল যে, ছয়টি সংকলন প্রকাশের পর হয়তো ডিক্লারেশন পেতে পারেন। ফলে আশা আর আশংকার মধ্যে আমরা পরবর্তী সংখ্যার কাজ করছিলাম। কিন্তু কাজ যখন শেষ পর্যায়ে তখনই আমরা পেলাম কাংখিত সুখবরটি, অর্থাৎ ফুলকুঁড়ির ডিক্লারেশন পাওয়ার খবরটি। ফলে এ সংখ্যার সম্পাদকীয়তে আমরা মাসিক পত্রিকা হিসেবে ফুলকুঁড়ির আত্মপ্রকাশের খবরটি দিতে পারিনি। তাই সূচীপত্রের সাথে আলাদা একটি ছোট্ট কাগজে আমরা সেই ঘোষণাটি দিয়েছিলাম। যার ভাষা ছিল- “আমরা আনন্দের সাথে ছোট্টমণিদের এবং সেই সাথে লেখক-লেখিকা, পৃষ্ঠপোষক, গ্রাহক, এজেন্ট ও বিজ্ঞাপনদাতাদের জানাচ্ছি যে, ফুলকুঁড়ি এখন থেকে মাসিক পত্রিকা হিসাবে প্রতি ইংরাজী মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে।”

 

ফুলকুঁড়ির ডিক্লারেশন পাওয়ার পর আমরা উপলব্ধি করলাম, আন্তরিক প্রচেষ্টার ফল আল্লাহ্ অবশ্যই দেন। তাই অযথা চিন্তা কিংবা হতাশার দোলনায় না চড়াই উত্তম। আসলে কাজেই শক্তি, কাজেই মুক্তি। মাসিক ফুলকুঁড়ির প্রথম সংখ্যার প্রকাশনার সাথে জড়িত ছিলেন সম্পাদক-মাসুদ আলী, সহ-সম্পাদক-জয়নুল আবেদীন আজাদ, সহযোগী-মাসুদ মজুমদার, খুরশীদ আলম, প্রচ্ছদ-সেজান সরকার, অঙ্গসজ্জায়-হামিদুল ইসলাম। প্রকাশিকা ছিলেন তামান্না-ই-জাহান। এই সংখ্যার মূল্যও ছিল ‘দুই টাকা মাত্র।’ ৫২ পৃষ্ঠার সংখ্যাটি মুদ্রিত হয়েছিল দুই রঙে।

মাসিক ফুলকুঁড়ির প্রথম সংখ্যার সম্পাদকীয়তে বলা হয়েছিল, “পাখী যেমন স্বাধীনতা চায়- চায় মুক্ত আকাশে বেঁচে থাকতে, তেমনি প্রতিটি মানুষ চায় স্বাধীনতা, প্রতিটি দেশ ও জাতি চায় স্বাধীনতা।”

আরো লেখা হয়েছিল, “স্বাধীনতার জন্য প্রয়োজন আত্মমর্যাদাবোধ। যে জাতির আত্মমর্যাদা নেই, যে জাতি অন্য জাতির নকল করে, সে জাতি কখনও স্বাধীনতাকে টিকিয়ে রাখতে পারে না। স্বাধীনতা-সংগ্রামের প্রেরণা হল আত্মমর্যাদাবোধ। আর এ আত্মমর্যাদাবোধই একটি জাতির স্বাধীনতাকে টিকিয়ে রাখে।”

 

এ সংখ্যায় লিখেছিলেন- আশরাফ সিদ্দিকী, আবুল খায়ের মুসলেহউদ্দিন, আসাদ চৌধুরী, আল মুজাহিদী, হোসেন মীর মোশাররফ, মাসুদ আলী, মাহবুবুর রহমান মোরশেদ, খালেক বিন জয়েন উদ্দিন, লুৎফর রহমান রিটন, হোসেনুজ্জামান আল আমীন সহ আরও অনেকে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে, ফুলকুঁড়ির জনপ্রিয় বিভাগ ‘সব জান্তার উত্তর’ এই সংখ্যা থেকেই চালু হয়েছিল- যা এখনো অব্যাহত আছে। আর ‘প্রশ্ন জাগে অনেক’ বিভাগটি প্রথম সংকলনের মতো এ সংখ্যাটিতেও লিখেছিলেন আবদুল বারী।

আশরাফ সিদ্দিকী ‘মন ছুটে যায়’ কবিতায় লিখেছিলেন-

আজ শরতের হালকা হাওয়ায়

রূপকাহিনীর গাঁয়

বারে বারে উদাস আমার

মন যে ছুটে যায়।

অশোক-পলাশ বনের ধারে

চম্পা নদীর বাঁকে

সোনার টিয়া গান বাঁধে ভাই

যেথায় ঝাঁকে ঝাঁকে।

 

আবুল খায়ের মুসলেহউদ্দিন ‘গাধার সাধ’ কবিতায় লিখেছিলেন-

ধোপার গাধার সাধ হয়েছে করবে পড়ালেখা

নিত্য যাবে পাঠশালাতে অনেক হবে শেখা।

মুটের মত পরের কাপড় বইবে না সে আর

বোঝার ভারে ধোপার গুঁতোয় জীবন হলো ছার।

 

‘একটি ইঁদুরের গল্প’ ছড়ায় আসাদ চৌধুরী লিখলেন-

একটি ইঁদুর কাটুস কুটুস কুট

কাগজপত্র, সাবান, কাপড় লুট।

জঙ্গী মেজাজ কেবল দেখায়,

করছে সাবাড় সামনে যা পায়,

তামাক, পনির, চেয়ার কি বিস্কুট।

 

লুৎফর রহমান রিটন ‘বাসস এনার খবর’ ছড়ায় লিখেছিলেন-

বাসস-এনার খবর শোনো

ডিম পেড়েছে ছাগল,

তিড়িং বিড়িং লাফিয়ে কেবল

ভাংছে ক্ষেতের আগল!

 

‘লেবেনচুস’ গল্পে হোসেন মীর মোশাররফ লিখেছিলেন- “লেবেনচুস এক বাঁদরের নাম। সে এখন মীরপুর চিড়িয়াখানায় থাকে। সে আগে থাকত সুন্দরবনের এক জলপাই গাছে। সেখানে এক বেদে মেয়ের কাছে ধরা পড়ে। তার কাছ থেকে লেবেনচুসকে কিনে নেয় খুলনা পৌরসভা কর্তৃপক্ষ। সেই পৌরসভার চেয়ারম্যান ঢাকার শিশুদের এই বাঁদর উপহার দিয়েছেন। ঢাকার ছেলেমেয়েরা এই বাঁদরের নাম দিয়েছে লেবেনচুস।”

 

রোজার ডোভাইসনের গল্প অবলম্বনে ‘প্যাকপ্যাক্’ গল্পে মাসুদ আলী লেখেন- “এক ভোরে প্যাপ্যাক্ ঝোপঝাড়ের মধ্য দিয়ে মনের আনন্দে হেঁটে চলছিল। টুক করে ঠোঁট দিয়ে একটা ছোট পোকা ধরলো। তিন-পাপড়ির টকপাতা ছিঁড়লো একটা। ঘাসের উপরে শিশির কণা নিয়ে খেললো কিছুক্ষণ।” (চলবে)

প্রকাশকাল : মে, ২০০৮

স্বপ্নের ফুলকুঁড়ি স্মৃতিময় ফুলকুঁড়ি (দ্বিতীয় পর্ব)

॥ দুই ॥

ফুলকুঁড়ি প্রথম সংকলনের প্রচ্ছদ

বলছিলাম, মাসুদ আলী ভাই মাঝে কেমন যেন ফেলুদা হয়ে উঠতেন। আবার যখন তিনি ফকফকে দাঁতগুলো বের করে হাসতেন তখন মনে হতো, এ যেন এক ডাগর শিশু। শিশুদের মতো অভিমানও করতেন, চোখ টিপে দুষ্টুমিও করতেন। আর তার চোখেমুখে সব সময় ছিল নতুন কিছু করার একটা চঞ্চলতা। আবেগেও তিনি ছিলেন টইটম্বুর। এ কথা প্রমাণে কোনো মজলিশি উদাহরণ টানার প্রয়োজন নেই, ফুলকুঁড়ির প্রথম সংকলনটির সম্পাদকীয়টিই হবে যথেষ্ট। কোনো গুরুগম্ভীর কথা নেই, উপদেশের বন্যা নেই, যেন বহতা নদীর মতো বয়ে যাওয়া শব্দমালা। ছোট্ট সম্পাদকীয়টি ছিলো এরকম,

“তোমরা যারা আজকের ফুলকুঁড়ি- আগামীতে তারাই ফুটবে ফুল হয়ে, আপন রঙে রাঙিয়ে দেবে এ জগতটাকে। সে সব ছোট্টমণিদের হাতেই আমাদের এই উপহার ‘ফুলকুঁড়ি‘। ছোটরা যা চাও তার সবটুকু হয়তো নেই এতে- তবুও আমরা চেষ্টা করেছি তোমাকে মনের খোরাক মেটাতে। তোমাদের সহযোগিতা পেলে ‘ফুলকুঁড়ি‘ আগামীতে আরো সুন্দর হয়ে উঠবে এ বিশ্বাস আমরা রাখি। বড়দের মাঝে যারা ছোটদের জন্য ভাবেন, কাজ করেন- তাদের সহযোগিতাও আমাদের প্রয়োজন। এসো সবাই ‘ফুলকুঁড়িকে সাজাই ‘ফুলকুঁড়ি‘কে নিয়ে ভাবি…. ফুলকুঁড়ি হোক সবার মনের কুঁড়ি….।”

 

আজ এতো বছর পরও কথাগুলো আমাদের জন্য সমান সত্যি। ফুলকুঁড়ি এখনো সবার মনের কুঁড়ি। ছোট-বড় সবাই মিলে আমরা চেষ্টা করছি ফুলকুঁড়িকে সাজাতে। আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে ইন্‌শাআল্লাহ।

কথায় কথায় ফুলকুঁড়ির প্রথম সংকলনটির কথা এসে পড়লো। এই সংকলনটি প্রকাশিত হয়েছিল ১৯৭৮ সালের জুলাই মাসে। এখন থেকে প্রায় ৩০ বছর আগের কথা! তোমাদের নিশ্চয় জানতে ইচ্ছে করছে সেই সংকলনটি কেমন ছিল, কারা জড়িত ছিল, কারা লিখেছিল ইত্যাদি বিষয়। সংকলনটি প্রকাশিত হয়েছিল ১৮/১ কে এম আজম লেন, সাতরওজা, ঢাকা-১ থেকে। এটি তখন ছিল ফুলকুঁড়ি আসরের অফিস। সংকলনটি ছাপা হয়েছিল পুরানো ঢাকার ২৪ শ্রীশ দাস লেনের মনোরম মুদ্রায়ণ থেকে। প্রথম সংকলনটির সম্পাদক ছিলেন মাসুদ আলী, সহ-সম্পাদক ছিলেন জয়নুল আবেদীন আজাদ। সহযোগী হিসেবে কাজ করেন আব্দুল বারী ও খুরশীদ আলম। প্রকাশিকা ছিলেন তামান্না-ই-জাহান। সংকলনটির চমৎকার প্রচ্ছদ ও অঙ্গসজ্জা সেজান সরকার। লাল-কালো দুই রঙে মুদ্রিত ৪৪ পৃষ্ঠার ঐ সংকলনটির দাম ছিল মাত্র দুই টাকা। অবশ্য ৩০ বছর আগের দুই টাকার মূল্য এখনকার দুই টাকার সাথে মিলালে চলবে না। এই সংকলনে কবিতা লিখেছিলেন কবি আল মাহমুদ, সুকুমার বড়ুয়াসহ আরো অনেকে। রূপকথার গল্প ‘সাত পদ্ম কন্যা’ লিখেছিলেন সানাউল্লাহ নূরী ভাই। শেরে বাংলা একে ফজলুল হককে নিয়ে নিবন্ধ লিখেছিলেন মোহাম্মদ মোদাব্বের। যিনি এক সময় দৈনিক আজাদ পত্রিকার ‘মুকুলের মাহফিল’-এর ‘বাগবান ভাই’ ছিলেন।

প্রথম সংকলনে ‘আকাশ নিয়ে’ কবিতায় কবি আল মাহমুদ লিখেছিলেন-

আকাশটাকে নিয়ে আমার মস্ত বড়ো খেলা

মেঘের দেশে ভাসাতে চাই চিলেকোঠার ভেলা।

বাতাস যখন থমকে গিয়ে শান্ত হয়ে রয়

মেঘের ঈগল ভেঙে কেবল ফুলের তোড়া হয়।

 

আর ‘ফুলকুঁড়ি’ কবিতায় সুকুমার বড়ুয়া লিখেছিলেন-

ফুলকুঁড়ি ফুলকুঁড়ি ফুল…

লুকানো সুবাসে রঙে

না ফোটা মুকুল।

 

রূপকথার গল্প ‘সাত পদ্ম কন্যায়’ সানাউল্লাহ নূরী ভাই লিখেছিলেন ‘এক পাহাড় কুমারী। বনলতার মত ছিমছাম তার শরীর। ভোমরের মত কালো কুচকুচে তার চোখের মণি। সেই মণি যখন জ্বলে, ভয়ে দূরে সরে যায় পাহাড়ের চিতাবাঘ। সেই ডাগর কালো চোখে যখন হাসি জাগে, বনের মরা গাছে ফোটে থোকায় থোকায় ফুল।”

 

নিবন্ধ ‘শেরে বাংলা ফজলুল হক’- এ মোহাম্মদ মোদাব্বের লিখেছিলেন- হাতেম তাই মজলুমের বন্ধু ছিলেন, আরব্য উপন্যাসে পড়েছি; হাজী মোহসিন দাতা ছিলেন, উপ মহাদেশের ইতিহাসে সে কথা সোনার অক্ষরে লেখা আছে। কিন্তু ফজলুল হক দাতা ছিলেন, সে ইতিহাস এখনো হয়তো লিখিত হয়নি। অগাধ সম্পত্তির অধিকারী হাজী মোহসিন ছিলেন চিরকুমার। সর্বস্ব দান করা তাঁর মত দরাজদিলের মানুষের পক্ষে সম্ভব ছিল। কিন্তু দরাজদিল ফজলুল হকের বিত্ত ছিল সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ বিত্ত নিয়ে দানের নেশায়, অসহায়ের সহায় হওয়ার উন্মাদনায় তিনি যে সর্বস্ব দিয়ে ফতুর হয়েছিলেন, এ কথা কি এ যুগের মানুষেরা জানে? আর যারা জানে তারা কি স্মরণ করে? মাঝে মাঝে এই চিন্তা আমার মনকে দোলা দেয়।”

 

ফুলকুঁড়ির প্রথম সংকলনটি বেশ সাড়া জাগাতে সক্ষম হয়। ফলে লেখকরা ফুলকুঁড়িতে লেখার ব্যাপারে উৎসাহী হয়ে ওঠেন। কিন্তু পুরানো ঢাকার অখ্যাত ঠিকানাটি খুঁজে পেতে অনেককে বেশ বেগ পেতে হয়। তবে শিশুসাহিত্যিক আলী ইমাম প্রাণের টানে ঠিকানাটি ঠিকই খুঁজে নিয়েছেন এবং চমৎকার একটি গল্প উপহার দিয়েছেন ফুলকুঁড়ির দ্বিতীয় সংকলনে। এই সংকলনটি প্রকাশিত হয় ১৯৭৮ সালের সেপ্টেম্বর মাসে। সংকলনে ছাপা হয় কবি ফররুখ আহমদ, কবি শামসুর রাহমান, আবুল খায়ের মুসলেহউদ্দিন, আল-ফরুক, ড. আলী আসগর, আলী ইমাম’সহ আরো অনেক গুণীজনের লেখা। দ্বিতীয় সংকলনটি মুদ্রিত হয়েছিল নওয়াবপুর রোডের মর্ডান প্রিন্টার্স থেকে। দুই রঙে মুদ্রিত ৪৮ পৃষ্ঠার এই সংকলনটির মূল্যও ছিল দুই টাকা। সেই সময় ফুলকুঁড়িতে কী ধরনের কেমন মানের লেখা ছাপা হতো, তা জানার একটা কৌতূহল পাঠকদের থাকতেই পারে। তাই কোনো কোনো লেখার কিছু অংশ তুলে ধরছি।

কবি ফররুখ আহমদের ‘ঈদের বাঁকা চাঁদ’ কবিতার কিছু অংশ-

ঈদের বাঁকা চাঁদ ওঠে ঐ

দূরে তরু শিরে

ঈদ মুবারক! ঈদ মুবারক!

আওয়াজ শুনি ফিরে।

নীল আকাশে ঝলমলিয়ে

খুশীর খবর যায় ছড়িয়ে

আনন্দেরই বান ডেকে যায়

শূন্য প্রাণের তীরে।

 

কবি শামসুর রাহমান ‘তাজ কাহিনী’ কবিতায় লিখেছেন-

এক যে ছিল রাজার কুমার,

তার ছিল না তাজ।

তাইতো কুমার পরে না আর

রাজার বাড়ির সাজ।

কে নিয়েছে সোনার মুকুট?

কোন্ সে জাঁহাবাজ?

বাজপাখিটা ডালে ছিলো,

এটা তারই কাজ।

 

‘পানকৌড়ি’ কবিতায় আবুল খায়ের মুসলেহউদ্দিন লিখেছেন-

পানকৌড়ি পানকৌড়ি

করছো তুমি কি?

চুনোপুঁটি ধরতে আমি

বিলে নেমেছি।

পানকৌড়ি পানকৌড়ি

তোমার বাড়ি কৈ?

কাঁকনপুরের মাঠ পেরিয়ে

বাঁশের ঝাড়ে ঐ।

 

‘গুলিস্তানের কামান’ গল্পে আল ফারুক লিখেছেন- “সে সব দিনের কথা তোমরা জান না। সদরঘাটের কামানটা সরানো হলো। সরিয়ে বঙ্গবন্ধু এভিন্যুয়ে গুলিস্তানের সামনের চৌরাস্তায় বসানো হলো। সেই থেকে কামানটা গুলিস্তানের সামনেই রয়েছে। কিন্তু এই যে কামান দেখছো, আরিফ, এর একটা নাম আছে জানো? ঘাড় নাড়লাম। বললাম- জানি। দাই মা বললেন- কি নাম বলো তো? বললাম- বিবি মরিয়ম। দাই মা বললেন- হ্যাঁ, বিবি মরিয়ম। কিন্তু এই কামান, মানে বিবি মরিয়মের অতীত ইতিহাসটা জানো?”

 

আর বিজ্ঞান বিষয়ক নিবন্ধ ‘আয় বৃষ্টি ঝেপে-‘তে ড. আলী আসগর লিখেছেন- ‘আয় বৃষ্টি ঝেপে ধান দিব মেপে। এমন গান গেয়ে যদি বৃষ্টি আনা যেত, কি মজাই না হতো! গান গেয়ে না হোক, অন্য কোনভাবেও যদি আকাশের মেঘকে ইচ্ছামত ঝরাতে পারতাম বৃষ্টিরূপে! অনেক সমস্যা যেত মিটে। চৈত্রের বৃষ্টিহীন শুষ্ক আবহাওয়াকে বদলানো যেত। অনাবৃষ্টিতে শুকিয়ে যাওয়া অনেক শস্যক্ষেত ভরে উঠতো সবুজ ফসলে।”

 

‘সরালী’ গল্পে আলী ইমাম লিখেছেন- “অনেকক্ষণ থেকে একটানা উড়ছে সরালী। পাইনের বন পেরিয়ে এসেছে সেই কখন। এক সময় কলকল করে চোখের সামনে ভেসে উঠলো নীল সমুদ্র। কয়েকটা মাছ ধরা নৌকা যাচ্ছে। মাছের একটা বিরাট ঝাঁক ভেসে যাচ্ছে। তার রূপালী ঝিলিক দেখলো সরালী। বোধহয় শ্যাওলার বনে যাচ্ছে ডিম ছাড়তে।”

 

দ্বিতীয় সংকলনটি প্রকাশের পর আমাদের আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি। ১৯৭৯ সালের মার্চ মাসেই হলো আমাদের স্বপ্নপূরণ। অর্থাৎ সচিত্র শিশুকিশোর মাসিক হিসেবে স্বাধীনতার মাস মার্চেই শুরু হলো ফুলকুঁড়ির অভিযাত্রা। সে কথা শুরু করবো আগামী সংখ্যায়। (চলবে)

 

প্রকাশকাল : এপ্রিল, ২০০৮

 

 

স্বপ্নের ফুলকুঁড়ি স্মৃতিময় ফুলকুঁড়ি (প্রথম পর্ব)

ফুলকুঁড়ি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মাসুদ আলী, ইঞ্জিনিয়ার আবুল ফয়েজ, সানা উল্লাহ নূরী, বর্তমান সম্পাদক জয়নুল আবেদীন আজাদ (ডান থেকে)। বক্তব্য রাখছেন ঢাকা ডাইজেস্ট সম্পাদক এম.এ.রশীদ চৌধুরী

॥ এক ॥

প্রিয় স্বদেশে আছে আমাদের অনেক প্রিয় বিষয়। তবে ছোট- বড় সবার প্রিয় বিষয়ের কথা উল্লেখ করতে হলে শিশুকিশোর সংগঠনের কথা বলতে হয়। বাংলাদেশের শিশুকিশোর সংগঠনের ইতিহাস খুবই সমৃদ্ধ। মুকুলফৌজ, কচিকাঁচার মেলা, খেলাঘর, ফুলকুঁড়ি আসর, বাংলাদেশের শিশুকিশোরদের মন জয় করেছে। তবে আজকে শিশুকিশোর সংগঠনের কথা বলবো না, বলবো একটি শিশুকিশোর পত্রিকার কথা- যে পত্রিকাটির সাথে আমি জড়িয়ে রয়েছি প্রায় ত্রিশটি বছর ধরে। ফুলকুঁড়ি আসরের সাথে আমি যখন জড়িত হই, তখন বয়সে ছিলাম তরুণ। ছাত্র ছিলাম বাংলাসাহিত্যের। শিশুসংগঠনের কাজগুলো এমনিতেই সৃষ্টিশীল, আর বাংলার ছাত্র হওয়ায় আমি ছিলাম সৃজনউন্মুখ। সৃজন কাজে চমৎকার উৎসাহ পেতাম তখনকার সংস্কৃতি উপদেষ্টা মাসুদ আলী ভাইয়ের কাছ থেকে। ফলে অল্প সময়ের মধ্যেই আমরা বেশ কিছু সাহিত্য সংকলন বের করে ফেললাম। সৃজন চেতনায় আমরা চমৎকার কিছু গান এবং শ্লোগানও রচনা করলাম। তখন আমাদের দিনগুলো যেন দ্রুত ফুরিয়ে যেত, অথচ হাতে ছিল অনেক কাজ।

শিশুকিশোরদের জন্য কাজ করতে গিয়ে আমরা একটি পত্রিকার অভাব খুব করে অনুভব করলাম। নাওয়া-খাওয়ায় অনিয়ম করে অনেক খেটেখুটে একটি সংকলন হয়তো বের করা যায়, কিন্তু সেভাবে একটি মাসিক পত্রিকা বের করা যায় না। নিয়মিত পত্রিকা বের করতে হলে বড় অঙ্কের অর্থের যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন যোগ্য সম্পাদক, সহ-সম্পাদক ও প্রাণবন্ত এক কর্মীবাহিনীর। শিশুতোষ লেখাও এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। নিয়মিত একটি মাসিক পত্রিকা প্রকাশনার কাজটি যে সহজ নয় তা বাংলা শিশুপত্রিকার ইতিহাসের দিকে নজর দিলেই উপলব্ধি করা যায়। চোখের সামনেই দেখলাম অনেক কষ্টে বের করা শিশুপত্রিকা বন্ধ হয়ে যেতে। স্বনামধন্য শিশুকিশোর সংগঠনের পত্রিকাও বন্ধ হয়ে যেতে দেখেছি। তাই একটি মাসিক পত্রিকা প্রকাশের স্বপ্ন অন্তরে লালন করলেও তেমন তাড়াহুড়ো করতে চাইনি। তবে এই স্বপ্নের কথা আমাদের উপদেষ্টারা জানতেন, শুভাকাংঙ্ক্ষীরাও জানতেন।

অবশেষে তাঁদের উৎসাহে ১৯৭৮ সালের শুরুর দিকে একটি মাসিক পত্রিকা প্রকাশের লক্ষ্যে কাজে নেমে পড়লাম আমরা। মাসুদ আলী ভাই এবং আমার ওপর পত্রিকা প্রকাশের দায়িত্ব অর্পিত হওয়ায় তখন অর্জন করেছি বিচিত্র অভিজ্ঞতা। দীর্ঘ ৩৪ বছরের পথ চলায় এখনতো চারপাশে ফুলকুঁড়ি আসরের কত বন্ধু, কত সহযোগী। কিন্তু শুরুতে এমনটি ছিল না। তখন আমরা নতুন ছিলাম, পরিচিতি কম ছিল, তাই পত্রিকা প্রকাশের কাজটি তেমন সহজ মনে হয়নি। আর পত্রিকা প্রকাশের ঘাটতো একটি নয়, অনেক! চলচ্চিত্র ও প্রকাশনা অধিফতর থেকে নামের ছাড়পত্র নেওয়া, গোয়েন্দা বিভাগের ইতিবাচক রিপোর্ট পাওয়া, ডিসি অফিস থেকে ডিক্লারেশনের কাজ সারা, জিপিও থেকে রেজিস্ট্রেশন নাম্বার নেওয়া- আসলেই এসব বেশ ঝক্কির কাজ। এসব কাজে প্রকাশিকা তামান্না-ই-জাহান, উপদেষ্টা মাহবুবুল হক সহ আরও অনেকের সহযোগিতার কথা আজ আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। এখন তো আমাদের উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী, এমনকি সাবেক ফুলকুঁড়ি সদস্যদের অনেকেই গাড়ির মালিক। কাজের প্রয়োজনে চাইলে এখন গাড়ি পাওয়া যায়। কিন্তু শুরুর সময়টা তেমন ছিল না। তখন আমরা পত্রিকার ছাড়পত্র, ডিক্লারেশন ইত্যাদি কাজে অফিস থেকে অফিসে গিয়েছি রিক্সায়, বাসে কিংবা হেঁটে। একদিনের কথা এখনো বেশ মনে আছে। পত্রিকার কাজে এই অফিস, ঐ অফিস করে আমি ও মাসুদ আলী ভাই খুব ক্লান্ত। গরমের সময়, তারপর দুপুর। দরদর করে ঘাম ঝরছে, পিপাসাও পেয়েছে। মাসুদ আলী ভাই কিছু খেয়ে নেওয়ার প্রস্তাব করলেন। আমরা কাকরাইলের কাছে জলখাবার-রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। মিষ্টি, নিমকি আর চা খেতে খেতে ফুলকুঁড়ি পত্রিকা নিয়ে আমরা অনেক কথা বললাম। যেন সেটি ছিল ‘স্বপ্ন বলার আসর’। কথার ফল্গুধারার মধ্যে হঠাৎ চুপ হয়ে গেলেন মাসুদ আলী ভাই। শুধু চুপ নয়, বেশ গম্ভীরও। আমি তো অবাক! হাসি-খুশি মানুষটিতো এমন হওয়ার কথা নয়। চোখের ইশারায় কারণ জানতে চাইলে মাসুদ আলী ভাইও চোখের ইশারায় একটি লোকের দিকে ইঙ্গিত করলেন। আস্তে করে বললেন: লোকটি গোয়েন্দা হতে পারে? হয়তো আমাদের ফলো করছে। সেদিন জলখাবার রেস্টুরেন্টে কথার ঝাপি বন্ধ করে আমরা রাস্তায় নেমে পড়লাম। সতর্কভাবে কিছু দূর হেঁটে প্রশ্ন করলাম। লোকটি যে গোয়েন্দা কী করে বুঝলেন? জবাবে মাসুদ আলী ভাই রহস্যময় একটা হাসি দিয়ে বললেন: বোঝা যায় বোঝা যায়, তাছাড়া দেওয়ালেরও কান আছে, জানেন তো? মাসুদ আলী ভাই মাঝে মাঝে কেমন যেন ‘ফেলুদা’ হয়ে উঠতেন। (চলবে)

প্রকাশকাল : মার্চ, ২০০৮

ভূমি কাঁপে ভূমিকম্পে

আসসালামু আলাইকুম বন্ধুরা। মনে করো বাসায় বসে সবাই মিলে গল্প করছো। এমন সময় হঠাৎ লক্ষ্য করলে বাসার বিভিন্ন জিনিসপত্র অস্বাভাবিকভাবে দুলছে। একইসাথে বুঝতে পারলে যেখানটায় বসে আছ, সেখানটাও স্থির নেই আসলে। এমন সময় মাথায় সবার আগে কী আসবে? ভূমিকম্প! দেখবে ভূমিকম্প বলে চিৎকার দিয়ে সবাই নিরাপদ জায়গার সন্ধানে ছুটে যাচ্ছে। এই তো গত ৬ ফেব্রুয়ারি’২৩ এর কথা। তুরস্ক আর সিরিয়ার এক বিধ্বংসী ভূমিকম্পে ৫০ হাজারের বেশি মানুষ মারা যায়। আহত হয় প্রায় সোয়া লাখের মতো মানুষ। সারা পৃথিবী থেকে মানুষ ছুটে গেছে তাদের সহযোগিতায়। আচ্ছা, এই ভূমিকম্প কেন হয় আসলে? আর কীভাবেই বা ভূমিকম্প হয়? ভূমিকম্প কি শুধু মাটিতে হয়? আরো কথা হলো, এটা কি শুধু পৃথিবীতে হয়? নাকি মঙ্গল বা অন্যান্য গ্রহেও হয়? আর ভূমিকম্প হলে আমাদের করণীয়ই বা কী? বন্ধুরা, বুঝতেই পারছ আজ আমরা এই ভূমিকম্প নিয়েই আলাপ করবো। তাহলে চলো, জানার যাত্রা শুরু করি!
শুরুতে ভূমিকম্প ব্যাপারটা বুঝার চেষ্টা করি। ভূমিকম্প মানে যে ভূমির কম্পন বা আমাদের পায়ের নিচের মাটির কম্পনকে বুঝায়, এটা তো বুঝতেই পারছ। সব কম্পন কিন্তু ভূমিকম্প নয়। যেমন ধরো, ট্রেন চললেও কিন্তু তার পাশের ভূমি কাঁপে। আবার মাটির উপর বড়সড় কিছু পড়লেও কিন্তু কাঁপে। এগুলোও কি তাহলে ভূমিকম্প? ব্যাপারটা আসলে তেমন না। সহজ করে বললে কিছু নির্দিষ্ট প্রাকৃতিক বা কৃত্রিম কারণে ভূপৃষ্ঠের কোনো এলাকার আন্দোলনকে ভূমিকম্প বলে। এটা নিশ্চয়ই তুমি জানো যে, পুরো পৃথিবীতে একসাথে ভূমিকম্প হয় না। বরং একেকবারে নির্দিষ্ট কিছু এলাকাতে ভূমিকম্প হয়। এটা কীভাবে হয় জানতে চাও? তাহলে শোনো, আমাদের এই (প্রায়) গোলাকার পৃথিবীর ভেতরের অংশ কিন্তু পুরোটা একরকম না। এই যে আমাদের পায়ের নিচেই মাটি, পৃথিবীর কেন্দ্র পর্যন্ত পুরোটাই তো আর মাটি না। তার নিচে অনেক স্তর আছে। আছে শক্ত কিছু জায়গা। তারপর আবার আছে ফুটন্ত লাভার স্তর। এরপর আছে আরো বিভিন্ন স্তর। সে আলোচনা আজকের নয়। এখনকার মতো জানার বিষয় হলো, আমাদের পায়ের নিচের যে স্তর একে বলা হয় ক্রাস্ট। এটি ৫-৭০ কিমি পর্যন্ত পুরু বা মোটা হয়। এর নিচে পুরো পৃথিবী কতগুলো ইয়া বড় বড় পাথুরে খণ্ড দ্বারা বিভক্ত। এগুলোকে বলা হয় টেকটোনিক প্লেট। প্রায় ৫১ কোটি বর্গ কিলোমিটারের এই পৃথিবী এরকম অজস্র ছোট বড় প্লেটে বিভক্ত। এই প্লেটগুলো একটা আরেকটার সাথে ধাক্কা খেলে তখন ধাক্কা খাওয়া প্লেটগুলো কেঁপে ওঠে। আর কেঁপে ওটাকেই আমরা ভূমিকম্প নামে চিনি।
তুমি আন্দাজ করতে পারো, পৃথিবীতে প্রতিবছর কতগুলো ভূমিকম্প হয়? ১০০? ২০০? আমেরিকার ন্যাশনাল আর্থকোয়েক ইনফরমেশন সেন্টার বলছে, প্রতিবছর প্রায় ৫০০,০০০টি ভূমিকম্প হয়, মানে প্রতিদিন প্রায় ১৩৭০টি! হা হয়ে যাওয়ার মতো তথ্য না? কিন্তু কথা হলো, আমরা বছরে মাত্র বড়জোর ১০/১২ বার ভূমিকম্প টের পাই। তাহলে বাকি ভূমিকম্পগুলো কোথায় হয়? ব্যাপার হলো, অধিকাংশ ভূমিকম্প আসলে এত মৃদু হয় যে, আমরা টেরই পাই না।
আগে ভূমিকম্প মাপা হতো প্রধানত শুধু রিখটার স্কেল দিয়ে। এখন মোমেন্ট ম্যাগনিচুড নামের একটি পদ্ধতি এক্ষেত্রে বেশ ব্যবহৃত হচ্ছে। রিখটার স্কেলে এককের সীমা ১ থেকে ১০ পর্যন্ত। এই স্কেলে মাত্রা ৫-এর বেশি হওয়া মানেই ভয়াবহ দুর্যোগের আশঙ্কা। ভূমিকম্প এক ডিগ্রি বৃদ্ধি পেলে এর মাত্রা ১০ থেকে ৩২ গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা গ— ৫ – ৫.৯৯ মাঝারি, ৬ – ৬.৯৯ তীব্র, ৭ – ৭.৯৯ ভয়াবহ এবং ৮-এর উপর অত্যন্ত ভয়াবহ।
একটা মজার ব্যাপার বলি। এই যে এত্তগুলো ভূমিকম্প হয় বলে উপরে পড়লে, তার প্রায় ৯০% হয় একটা নির্দিষ্ট অঞ্চলে। এই এলাকাকে বলা হয় রিং অব ফায়ার। এটি প্রশান্ত মহাসাগর ও এর তীরের বেশকিছু এলাকা নিয়ে অবস্থিত। তোমার মনে প্রশ্ন জাগছে নিশ্চয়ই, বেশি ভূমিকম্প হলে এর নাম রিং অফ আর্থকোয়েক হতে পারতো, রিং অব ফায়ার কেন? আসলে পৃথিবীর স্থলভাগে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর অধিকাংশ এই এলাকায় অবস্থিত। আগুন থেকেই যেহেতু আগ্নেয়গিরি, তাই এর নাম রিং অব ফায়ার।

এই শতাব্দিতে, মানে ২০০০ সাল থেকে, সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হয়েছে ২০০৪ সালে। সুমাত্রা দ্বীপের কাছে উৎপত্তি হওয়া ৯.৩ মাত্রার এই ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, জাপান, ভারত, শ্রীলঙ্কা থেকে আফ্রিকার উপকূল পর্যন্ত। ভূমিকম্প আর তা থেকে সৃষ্ট প্রায় ৩০ মিটার উঁচু সুনামিতে মারা গিয়েছিল ২,২৭,৮৯৮ জন। সুনামি শব্দটা অনেকের কাছে নতুন হতে পারে। মনে করো তুমি কক্সবাজার বা কুয়াকাটায় গিয়ে সাগরপাড়ে মনের সুখে হেঁটে বেড়াচ্ছ। ছোট ছোট ঢেউ এসে তোমার পায়ে আলতো করে ছোঁয়া দিয়ে যাচ্ছে। হঠাৎ দেখলে দূর থেকে এক ইয়া বড় ঢেউ ছুটে আসছে। উঁচু হবে প্রায় ২০ মিটার বা ৬৫ ফুট! এই ঢেউ এসে আছড়ে পড়বে পাড়ে। শুধু আছড়ে পড়বে? তা তো না। বীচের সবকিছুকে মাড়িয়ে এই ঢেউ আঘাত করে এগিয়ে যাবে শহরের ভবনগুলোসহ সবখানে। তারপর সব লণ্ডভণ্ড করে এগোতে থাকবে যতক্ষণ না তার শক্তি শেষ হয়। কেমন ভীতিকর না ব্যাপারটা? এরকম ঘটনাকেই সুনামি বলে। যাইহোক, আমরা ফিরে যাই ভূমিকম্পের আলোচনায়।
এখন পর্যন্ত সবচেয়ে বড় ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল ১৯৬০ সালে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে। ৯.৫ মাত্রার এ ভূমিকম্পে প্রায় ৫,৭০০ মানুষ মারা গিয়েছিল। আর সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছিল ২০০৪ সালের ভারত মহাসাগরের সুমাত্রার ও তার আশেপাশের দেশগুলোর উপর দিয়ে হওয়া ৯.১-৯.৩ মাত্রার সেই ভূমিকম্পে, যার কথা একটু আগেই পড়লে।
ভূমিকম্পের আলোচনায় তোমরা আফটারশক কথাটা মাঝেমাঝে শুনে বা দেখে থাকবে। ব্যাপারটা বেশ সহজ। কোনো ভূমিকম্প হলে একবার নড়াচড়া হয়েই কিন্তু শেষ হয়ে যায় না। অনেক সময়ই এর পর আবার কাছাকাছি বা কম মাত্রার ভূমিকম্প হয়। এগুলোকে আফটার শক বলে। একে একটা সিরিজ হিসেবে নিলে ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে। ২০০৪ সালের সেই ভূমিকম্পের পর আফটার শক ছিল প্রায় ৮.৭ মাত্রার। আফটার শকের জন্যেই ভূমিকম্প শেষ হলেও নিরাপদ জায়গায় কিছু সময়ের জন্য অবস্থান করা প্রয়োজন।
ভূমিকম্পের প্রভাবে অনেক বড় বড় ব্যাপার ঘটে যায়। এই যেমন আমাদের দেশের ব্রহ্মপুত্র নদীর কথাই ধরো। উত্তরাঞ্চলের কুড়িগ্রাম দিয়ে প্রবেশ করা এ নদীর মূল প্রবাহ ছিল জামালপুর, ময়মনসিংহ দিয়ে। কিন্তু ১৭৬২ সালের এক ভূমিকম্পে এই বিশাল নদী তার গতিপথ পরিবর্তন করে বর্তমানের সিরাজগঞ্জের পাশ দিয়ে প্রবাহিত হওয়া শুরু করে, যাকে আমরা যমুনা নামে চিনি। ভাবতে পারো, ব্যাপারটা কেমন না? এভাবে ভূমিকম্পের ফলে অনেক সময় কোনো দ্বীপ পানিতে হারিয়ে যায়, আবার কোনো দ্বীপ নতুন করে জেগে ওঠে।
ভূমিকম্প টের পেলে অস্থির বা আতঙ্কিত হয়ে পড়া যাবে না। ভূমিকম্প হচ্ছে টের পেলে বা খবর পেলে সঙ্গে সঙ্গে ফাঁকা ও উন্মুক্ত স্থানে আশ্রয় নিবে। উঁচু ভবনে থাকলে এবং বের হতে না পারলে জানালা বা দেয়ালের পাশে অবস্থান না নিয়ে শক্ত কোনো বীম, টেবিলের নিচে অবস্থান নিবে। দ্রুত নামার জন্য ভবন থেকে লাফিয়ে পড়বে না, লিফট ব্যবহার করবে না। গ্যাস এবং বৈদ্যুতিক সংযোগ থেকে দূরে অবস্থান নিবে। কম্পন বা ঝাঁকুনি থামলে সিঁড়ি দিয়ে দ্রুত বেরিয়ে পড়বে এবং খোলা আকাশের নিচে অবস্থান নিবে। ভূকম্পনের সময় বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল, ডেস্ক বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিবে। স্কুলে অবস্থানকালে স্কুল ব্যাগ মাথায় দিয়ে শক্ত বেঞ্চ অথবা শক্ত টেবিলের নিচে আশ্রয় নিবে। একবার কম্পন হওয়ার পর আবারও কম্পন হতে পারে। তাই সুযোগ বুঝে বের হয়ে খালি জায়গায় আশ্রয় নিবে। ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু বাড়ি, বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে খোলাস্থানে আশ্রয় নিবে।
ভূমিকম্প নিয়ে তোমাদের জন্য সবচেয়ে চমকপ্রদ তথ্য হচ্ছে, বড়সড় ভূমিকম্প হলে পৃথিবীর দিনের দৈর্ঘ্য কমে যায়। এই কমে যাওয়া অবশ্য খালি চোখে, মানে আমরা সাধারণ মানুষ ওভাবে বুঝতে পারব না। নাসা বলছে, বড় ভূমিকম্পে পৃথিবীর অক্ষের পরিবর্তন ঘটতে পারে। ২০০৪ সালের সেই ভূমিকম্পের ফলে সেইদিনের দৈর্ঘ্য ৬.৮ মাইক্রোসেকেন্ড কমে গিয়েছিল। ভালো কথা, ১ মাইক্রোসেকেন্ড মানে হলো ১ সেকেন্ডের ১০ লক্ষ ভাগের ১ ভাগ।
পৃথিবীর বাইরে আমাদের একমাত্র উপগ্রহ চাঁদ, প্রতিবেশি মঙ্গল বা সৌরজগতের অন্যান্য গ্রহ, কিংবা মহাবিশ্বের অন্যান্য গ্রহ উপগ্রহে কি ভূমিকম্প হয়? বিজ্ঞানীরা সূর্য, চাঁদ, শুক্র ও মঙ্গল গ্রহে ভূমিকম্প ট্র্যাক করতে পেরেছেন। এছাড়া পৃথিবী থেকে ৫০,০০০ আলোকবর্ষ দূরে থাকা নক্ষত্র এসজিআর ১৮০৬-২০ এ ২০০৪ সালে সংঘটিত একটি ভূমিকম্পও বিজ্ঞানীরা শনাক্ত করতে পেরেছিলেন। তবে এ ভূমিকম্পগুলোর সাথে পৃথিবীর ভূমিকম্পের মিল-অমিল নিশ্চয়ই আছে। সেগুলো আস্তে আস্তে আরো জানা যাবে।

ভূমিকম্প এমন এক দুর্যোগ, যার কোনো পূর্বাভাস দেয়া যায় না। অনেক সময় অহঙ্কারে মত্ত থাকা মানুষের জন্য ভূমিকম্প যেন এ বার্তাই দেয় যে, মানুষ কত দুর্বল, কত অসহায়! তুরস্কের একটা ঘটনার কথা উল্লেখ করে শেষ করছি আজ। একজন ব্যক্তি জানায়, বাসার মালিক তাকে কয়েকদিন আগে বাসাভাড়া দিতে না পারার কারণে বের করে দেয়। ভূমিকম্পে সেই বাড়িটি ভেঙে যায় আর বাড়ির মালিক সেই ভাড়াটিয়ার সাথে একই তাবুর নিচে আশ্রয় নেয়। আল্লাহ আমাদের অহঙ্কার থেকে মুক্ত রাখুন, মুক্ত রাখুন সকল বিপদাপদ থেকে। তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। ০

প্রকাশকাল: মার্চ, ২০২৩

নিতু ও কালো হেলিকপ্টার

নিতু আমার পুঁচকে ছাত্রীর নাম। সাত বছর বয়স। যা পাকা হয়েছে। মিষ্টি দুষ্টুমিতে পুরো বাড়ি মাতিয়ে রাখে। ওকে যদি বলা হয়, নিতু এত দুষ্টুমি করো কেন?
ও তখন কি বলে জানেন? বলে, মেধাবীরা একটু দুষ্টুই হয়।
নিতু আসলেই মেধাবী। এ বছরেও ক্লাসে প্রথম হয়েছে। নিতুর আরো কয়েকটি গুণ আছে। এই যেমন, ছবি আঁকা, কবিতা আবৃত্তি করা আর ভয়ঙ্কর সব ধাঁধা ধরা। ভুলেও ওর ধাঁধার ফাঁদে পা দেবেন না। তাহলে আপনাকে গাধা বানিয়ে ছাড়বে। এইতো সেদিন সন্ধ্যায় পড়তে বসে বলল- স্যার, একটা ধাঁধা ধরি?
আমি বললাম, ধরো।
নিতু ধাঁধা ধরে, বলুনতো, কোন প্রাণী লেজ দিয়ে ভাত খায়?
ওর ধাঁধা শুনে আমার কপালে চিন্তার ভাঁজ পড়ে। মনে মনে ভাবি, পৃথিবীতে এমন কোনো প্রাণী আছে নাকি? মানুষ ভাত খায় বটে, কিন্তু মানুষের তো লেজ নেই। লেজ আছে গরু ছাগলের। সাপের। কই, ওরাতো লেজ দিয়ে ভাত খায় না। অনেক ভাবার পরও যখন কোনো উত্তর খুঁজে পেলাম না, তখন নিতুকে বলি- আমি পারছি না। তুমিই বলো।
নিতু হি হি করে হাসে। আর বলে, এটা পারলেন না স্যার? এটাতো খুবই সহজ। উত্তর হবে মানুষ।
আমি অবাক হয়ে বলি, মানুষ! মানুষ কী করে হয়? মানুষের কি লেজ আছে?
নিতু আবারো হি হি করে হাসে। আর বলে, মানুষের লেজ থাকতে হবে কেন? মানুষ তো মাছের লেজ দিয়ে ভাত খায়।
আজ ২০ জুলাই। নিতুর জন্মদিন। তেমনি হারিয়ে যাওয়ার একবছর। একবছর আগে এক রাক্ষুসী ডাইনি আমাদের নিতুকে ছোঁ মেরে নিয়ে গেছে। আরও যে কত অবুঝ শিশুর প্রাণ নিয়েছে ডাইনিটা! সেই ভয়ঙ্কর দিনগুলো আপনারা ভুলেননি নিশ্চয়? রক্তাক্ত জুলাই। কী এক দুর্বিসহ সময় পার করেছে এ দেশ। এত এত রক্ত, এত এত লাশ, এ দেশের মানুষ আগে কখনো দেখেনি। ছোট একটা আন্দোলন, দাবানলের মতো ছড়িয়ে পড়ল পুরো দেশে। পুরো দেশ তখন উত্তাল। সেই উত্তাল তরঙ্গের দু’ফোঁটা ছিলাম আমি আর নিতু।
তখন আমাদের দিনের শুরু ও শেষ হতো মিছিল-মিটিং, রাবার বুলেট, কাঁদানে গ্যাসের মাধ্যমে। রাতগুলো ছিল আরও ভয়ঙ্কর। বাসায় থাকতে পারতাম না। বাসায় বাসায় তল্লাশি চলত। যাকে সামনে পেত, তাকেই ধরে নিয়ে লাশ বানিয়ে দিত।
আমি নিতুদের বাসায় থাকতাম। নিতুর বাবা সরকারি চাকরিজীবী। ওনার বাসায় তল্লাশি হতো না।
২০ জুলাই ২০২৪। সকালে নাশতার টেবিলে নিতুর বাবা বললেন, জানো ভাই, আমারও খুব ইচ্ছে করে, তোমাদের সঙ্গে রাস্তায় নেমে আন্দোলন করতে। সরকারের দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে। কিন্তু পরিবারের কথা চিন্তা করে আর পারি না। তোমরা লড়াই চালিয়ে যাও। জয় তোমাদেরই হবে ইনশাআল্লাহ।
আমাদের মাঝে যখন এসব কথা হচ্ছিল, তখন নিতু বলল, আচ্ছা আঙ্কেল! ওরা কি মানুষ না? মানুষ হয়ে মানুষের বুকে এভাবে গুলি করতে পারল? চোখ বন্ধ করলেই আবু সাঈদ ভাইয়ার শহিদ হওয়ার দৃশ্য ভেসে ওঠে। উফ! কী নির্মম দৃশ্য!
নিতুর সঙ্গে আমার এই-ই শেষ কথা। শেষ দেখা।
রাতে বাসায় ফেরার সময় মনে হলো, নিতুর জন্যে রং-পেন্সিল নিতে হবে। নতুবা ওর আঁকা জুলাই বিপ্লবের ছবিগুলো সাদাকালোই থেকে যাবে। কী দুর্দান্ত সেইসব দৃশ্য! একেকটা ছবি, একেকটা ইতিহাস।
বাসায় পৌঁছাই রাত নয়টায়। কিন্তু ততক্ষণে সব শেষ। নিতুর আব্বু চিৎকার করে আমার গলা জড়িয়ে ধরেন। বলেন, নিতু আর আমাদের মাঝে নেই!
আমার মাথায় আকাশ ভেঙে পড়লো যেন। বললাম, নেই মানে?
তিনি জানান, বিকেলে বাসার সামনে ছাত্ররা মিছিল নিয়ে যাচ্ছিল। নিতু তখন ছাদে ছবি আঁকছিল। এমন সময় একটা কালো হেলিকপ্টার এসে গুলি ছুঁড়তে থাকে। র‌্যাবের ওই হেলিকপ্টার থেকে ছোঁড়া দুটো বুলেট এসে নিতুর বুকে লাগে।
অমন ভারী আঘাত ফুলের মতো নিতু সইতে পারে? আমাদের নিতু সেই যে চোখ বন্ধ করল, আর খুলল না।

প্রকাশকাল: জুলাই ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান : প্রাণ দিতে কার্পণ্য করেনি শিশুরাও

বাবা, মা, বোন আর ভাইয়ের সাথে ৫ আগস্ট ২০২৪ ছাত্র-জনতার আন্দোলনে যোগ দিতে গিয়েছিলো জাবির ইব্রাহিম (৬)। দক্ষিণখানের কে.সি মডেল স্কুলের নার্সারির ছাত্র জাবিরের ছোট্ট মনে ছিলো দেশপ্রেমের অদম্য বাসনা। উত্তরা স্কলাসস্টিকা স্কুলের উল্টো পাশে আন্দোলনকারীদের সাথে অবস্থান করছিল তারা। বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ রাস্তার উত্তর দিক থেকে আন্দোলনকারীদের লক্ষ্য করে প্রায় ১৫ থেকে ২০ জন পুলিশ সদস্য সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি করতে করতে সামনে আসতে থাকে। আতঙ্কে সেখানে অবস্থানকারী ছাত্র-জনতা প্রত্যেকেই প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। জাবিরকে কোলে নিয়ে বাবা কবির হোসেন ভূঁইয়াও পুরো পরিবার নিয়ে দৌড়াচ্ছিলেন। ছেলেকে নিয়ে কিছু দূর এগুতেই জাবিরের পায়ে একটি গুলি লাগে। শিশু জাবিরের রক্তে বাবার পুরো শরীর ভিজে যায়। হাসপাতালে নিতে নিতেই অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়। এক নিমিষেই সব শেষ। বাবার ডান হাতের উপর শহিদ হয় সে। প্রিয় ছোট ভাইকে হারিয়ে বড় ভাই মাহতাব আব্দুল্লাহ (১২) এবং ইউনিভার্সিটি পড়ুয়া বড় বোন নেহা আজ বাকরুদ্ধ। শিশুটির বাবা কবির হোসেন ভূঁইয়া বলেন, দেশের জন্য নিজের প্রাণ প্রিয় ছেলেকে উৎসর্গ করেছি। ছেলের প্রাণের বিনিময়ে যদি দেশ আর দেশের মানুষ ভালো থাকে, তবেই আমার এবং আমাদের পরিবারের আত্মত্যাগ স্বার্থক হবে। সেই সাথে এই গণহত্যার সঙ্গে জড়িতদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।

২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে জাবিরের মতো অনেক শিশুকিশোর প্রাণ দিয়েছে। তাদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা ফিরে পেয়েছি হারানো অধিকার। বছর ঘুরে জুলাই এলো, মনে করিয়ে দিলো তাদের কথা।

সাড়ে ৬ বছর বয়সী রিয়া গোপ মা-বাবার সঙ্গে থাকত নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকায়। জুলাইয়ের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের রেশ নারায়ণগঞ্জেও ছড়িয়ে পড়েছিল। চারতলা বাড়ির উপরের তলায় থাকত ওরা। দুপুরে খাওয়ার পর ছাদে খেলতে গিয়েছিল মেয়েটি। খানিক পরেই রাস্তায় সংঘর্ষ বাঁধে। বাসার সামনে হট্টগোল শুনে বাবা ছুটে যান ছাদ থেকে মেয়েকে ঘরে আনতে। মেয়েকে কোলে নিতেই একটি বুলেট এসে বিদ্ধ হয় শিশুটির মাথায়। বাবার কোলেই গুলিবিদ্ধ হয় সে। মুহূর্তেই ছোট দেহটি ঢলে পড়ে বাবার কোলে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রিয়ার মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়, গানশট ইনজুরি। শিশুটি দীপক কুমার গোপ ও বিউটি ঘোষ দম্পতির একমাত্র সন্তান ছিল। বিয়ের পাঁচ বছর পর এ দম্পতির ঘর আলো করে আসে রিয়া। মর্গ থেকে অ্যাম্বুলেন্সে তোলার আগে স্ট্রেচারে রাখা মেয়ের মুখটি যখন স্বজনদের দেখানো হয়। মুহূর্তেই স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। একটি গুলিতে পুরো পরিবারের সব স্বপ্ন শেষ হয়ে যায়। একমাত্র মেয়েকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন দীপক কুমার ও তার স্ত্রী। সন্তান হারানোর ব্যথা তাদের সারাক্ষণ বয়ে বেড়াতে হচ্ছে।
এক পাশে বাবা, আরেক পাশে মা, মাঝে দাঁড়িয়েছিল ৪ বছর বয়সী ছোট্ট আবদুল আহাদ। বাসার বারান্দায় দাঁড়ানো তিন জোড়া চোখ ছিলো নিচের দিকে তাকিয়ে। বাসার নিচে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। আচমকা মেঝেতে লুটিয়ে পড়ে যায় সে। বাবা ভেবেছিলেন ছেলে মাথা ঘুরে পড়ে গেছে। ছেলেকে ধরে তুলতে গিয়ে ছেলের সারা শরীর রক্তে ভেসে যাওয়ার দৃশ্য দেখে নিঃস্তব্ধ হয়ে যান বাবা আবুল হাসান। আহাদের চোখ, মুখ, মাথা রক্তে ভেসে যায়। ১৯ জুলাই বিকাল ৪টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকার বাড়িটিতে এ ঘটনা ঘটে। বাবা আবুল হাসান রক্তাক্ত ছেলেকে কোলে নিয়ে দ্রুত নিচে নেমে আসেন। আহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে লাইফ সাপোর্টে রাখা হয়। কর্তব্যরত চিকিৎসক তার পরিবারকে জানান, গুলি মাথার মধ্যে রয়েছে। কিন্তু কোন অবস্থানে আছে, তা বোঝার জন্য সিটিস্ক্যান করতে হবে। কিন্তু সিটিস্ক্যান করতে নেওয়া হলে আইসিইউর যন্ত্রপাতি সব খুলে ফেলতে হবে। এতে শিশুটির মৃত্যুও হতে পারে। তবে, সিটিস্ক্যান করাও জরুরি। সেদিনই রাত সাড়ে ৮টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারপর অ্যাম্বুলেন্স করে শিশুটির গ্রামের বাড়ি ভাঙার পুখুরিয়া গ্রামে বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। শিশুটির বাবা আবুল হাসান জানান, বাড়িতে আগে পারিবারিক কবরস্থান ছিল না। আহাদকে দাফনের মধ্য দিয়েই কবরস্থানটির যাত্রা শুরু হলো বলেও জানান তিনি।

ছবি আঁকতে পছন্দ করত নাঈমা সুলতানা (১৫)। সেদিনও আঁকছিল। আঁকতে আঁকতেই মাকে বলছিল, সে পিৎজা বানাবে। এক ফাঁকে মাকে বলল, সে বারান্দায় যাচ্ছে শুকনা কাপড় আনতে। মেয়ের পেছন পেছন মাও যাচ্ছিলেন। নাঈমা বারান্দার দরজাটা খোলামাত্রই গুলিটা এসে তার মাথায় ঢুকে যায়। এভাবেই সেদিনের ঘটনার বর্ণনা দিচ্ছিলেন মা আইনুন নাহার। ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় গত ১৯ জুলাই রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের পাঁচতলা ভবনের চারতলার বারান্দায় গুলিবিদ্ধ হয় নাঈমা।
আন্দোলনে অংশ নেয়া কিশোর শাফিক উদ্দিন আহমেদ আহনাফ (১৭) গত ৪ আগস্ট রাজধানীর মিরপুর ১০ নম্বরে গুলিতে নিহত হয়। মা-বাবাকে সে সব সময় বলত, বড় হয়ে এমন কিছু করবে, যার জন্য পরিবারের সদস্যরা তাকে নিয়ে গর্ব করবে। বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী শাফিক উদ্দিন আহমেদ আহনাফের ক্লাস রুমের শূন্য আসনে ফুল রেখে শিক্ষকরা শ্রদ্ধা জানান। জামিল হোসেন ও সামিরা জাহান দম্পতির একমাত্র সন্তান ছিল শিক্ষার্থী আবদুল্লাহ আল মাহিন (১৬)। ৪ আগস্ট উত্তরার আজমপুরে রাজউক কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে ছররা গুলিতে নিহত হয় সে। অভ্যুত্থানে শহিদ শিশুকিশোরদের মধ্যে মাহিন, আহনাফদের মতো আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী শিশুর সংখ্যাই ছিল বেশি।

ইতিহাস :
২০২৪ সালের জুন মাসে বাংলাদেশের সুপ্রিম কোর্ট সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহাল করে, যার ফলে জুলাইয়ের শুরুতে কোটা সংস্কার আন্দোলন পুনরায় জোরদার হয়। কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভের পর, ১৫ জুলাই সংঘর্ষের মাধ্যমে উত্তেজনা আরও বেড়ে যায়। পরবর্তী দিনগুলোতে আইন প্রয়োগকারী সংস্থা, যার মধ্যে পুলিশ, র‌্যাব ও বিজিবি, সেইসাথে ক্ষমতাসীন দলের ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের সাথে সহিংস সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষের ফলে অসংখ্য মানুষ নিহত হয়, যার মধ্যে রয়েছে আন্দোলনকারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, দলীয় সদস্য, পথচারী ও শিশুরাও। জুলাই আন্দোলনে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে দেড় হাজারের বেশি, এবং আহতের সংখ্যা কয়েক হাজার।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ছাত্রজনতার অভ্যুত্থানে মোট ১৩২ শিশুকিশোর শহিদ হয়েছে। তাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা অধিকার ফিরে পেয়েছি। তাদের আমরা স্মরণ করবো যুগের পর যুগ। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। ০