Home Blog Page 113

প্রিয় কবি কাজী নজরুল

তোমরা কি বলতে পারো বৃক্ষের পরিচয় কীসে? বৃক্ষের পরিচয় হলো তার ফলে। আর একজন কবির পরিচয়? একজন কবির পরিচয় তার কবিতায়। তার ভাবে, বিষয়ের বিন্যাসে। কবি নজরুল ইসলামের পরিচয়ও তাঁর কবিতায়, তাঁর নাতিদীর্ঘ জীবনের সুদীর্ঘ ছন্দময় সংলাপে। তিনি নিজেই তাঁর কবিতার ভেতর নিজের পরিচয় তুলে ধরেছিলেন। মুখের হাসি আর বুকের ভালোবাসাকে মনের রঙে রাঙিয়ে জীবনের আকাশে রঙধনুর মতো এলিয়ে দেয়ার প্রয়াসী তিনি।
তিনি নতুন কবিতার প্রচলিত রীতি-নীতি, পুরনো ছন্দ ভেঙে নিজস্ব নিয়মে গড়ে তুলেছিলেন কবিতার নতুন ইমারত। আর কবিতার চমক বড়দের ক্ষেত্রে যেমন সত্য, ছোটদের ক্ষেত্রেও তাই।
নজরুল ইসলাম কোথাকার ছেলে, জানো? নজরুল ইসলাম চুরুলিয়া (ভারত) গ্রামের কাজী পরিবারের ছেলে। কাজীরা মুসলিম সমাজে মানভাজন লোক ছিলেন। তাঁদের পূর্বপুরুষরা বাদশাহী আমলে বিচারকের কাজ করতেন। ফলে তাদের গৌরববোধও বড় বেশি। চুরুলিয়া জামুরিয়ার অধীন একটি গ্রাম। চুরুলিয়ার কাজীরা বাদশাহী আমলে পাওয়া আয়মা সম্পত্তির মালিক ছিলেন। আমরা যাকে লাখেরাজ সম্পত্তি বলে থাকি (অর্থাৎ নিষ্কর)। কিন্তু নজরুলের পিতা কাজী ফকির আহমেদ নিঃস্ব অবস্থায় মারা যান। ফলে নজরুলের ভাগ্য নিজেকেই গড়ে তুলতে হয়েছে। অশেষ দুঃখ-কষ্টে কেটেছে তার বাল্যজীবন। সে সময়ে তার মতো একটি ছেলের, তাও আবার কাজী পরিবারের ছেলের, মনোযোগ সহকারে স্কুলে পড়াশোনা করার কথা ছিলো। কিন্তু দারিদ্রের বিড়ম্বনা তাকে এখান থেকে ওখানে তাড়িয়ে নিয়ে বেড়িয়েছে। তৎকালীন দিনে একটা কথা প্রচলিত ছিলো, কাজী বাড়ির বিড়ালও তিন পাঠ পড়ে নেয়। আর কাজী বাড়ির ছেলে নজরুল স্কুলে পাঠ্যাভ্যাস করার পরিবর্তে লেটোর দলের গান বেঁধেছে, রেলওয়ের গার্ড সাহেবের বাসায় চাকরি করেছে। আর চাকরি করেছে আসানশোলের রুটির দোকানে। কিন্তু যদিও কথাগুলি নিয়ে অনেক বিতর্ক রয়েছে। কোনটা ছোট কাজ, কোনটা বড় কাজ তাতে তার এতটুকুও আটকায়নি।

সবকিছু শুনে তোমাদের কী ধারণা হয়? ধারণায় আসে, সেই সময়ের চুরুলিয়ায় কাজী পরিবারের মধ্যে কিংবা নজরুলের অন্য আত্মীয় স্বজনরা যাদের স্বচ্ছল অবস্থা ছিলো, তারা নজরুলের খোঁজখবর নিতেন না। তাই বলে বুঝি তিনি লেখাপড়া শেখেননি! না, এটা মোটেও ঠিক নয়।
তোমরা নজরুলের জীবনকে জানতে চেষ্টা করলে বুঝতে কষ্ট হবে না যে তিনি পড়াশুনা করতে চাইতেন এবং পড়াশুনা করেছেন। তিনি ছোটাছুটি করেছেন। আবার এও আমরা দেখতে পাচ্ছি স্কুলের ভালো ছাত্র হওয়া সত্তে¡ও মেট্রিক পরীক্ষা পাশ করার চেয়ে সে দেশপ্রেমকেই উচ্চাসনে দিয়েছিলেন। বেঙ্গল ডবল কোম্পানিতে যোগ দেয়ার সে ডাক তার কানে পৌঁছেছিলো যে সে ডাককে দেশপ্রেমের ডাক ধরে নিয়েই তিনি তাতে সাড়া দিয়েছিলেন।
নজরুল ইসলাম কয়টি স্কুলে পড়াশুনা করেছিলেন জানো? আমরা তার তিনটি স্কুলে পড়ার কথায় জানি। ময়মনসিংহ জেলার দরিরামপুর হাইস্কুল, বর্ধমান জেলার মাথরুল হাইস্কুল এবং রানীগঞ্জের শিয়ারশোল বাজ হাইস্কুল। তিনি কিন্তু বড্ড ডানপিটে ছিলেন। কারুর শাসন মানতেন না। কাউকে ভয়ও করতেন না। ফলে সবাই কী বলতো জানো ? সবাই বলতো, বাউণ্ডুলে। একরোখা হলে কী হবে? তার হৃদয়ে সাহসের তুফান ছুটতো। সে কি বলতো জানো?

‘থাকবো নাকো বদ্ধ ঘরে
দেখবো এবার জগৎটাকে
কেমন করে ঘুরছে মানুষ
যুগান্তরের ঘূর্ণিপাকে।’

সবাই যখন ঘুমিয়ে যায় তখন তিনি জেগে থাকতেন। বিছানায় তখন তিনি চুপ চুপি আকাশের সাথে কথা বলতেন। তারাদের সাথে, চাঁদের সাথে কত কথায় না বলতেন এই কবি। ফুলপরিদের সাথে ভাব জমাতেন। তার তখন কী ইচ্ছা হতো-

‘আমি হবো সকাল বেলার পাখি
সবার আগে কুসুম বাগে
উঠবো আমি ডাকি।
সূর্যিমামা জাগার আগে
উঠবো আমি জেগে
হয়নি সকাল ঘুমো এখন
মা বলবেন রেগে।’

মাকে তিনি কী বলতেন জানো?

‘হয়নি সকাল তাই বলে কি
সকাল হবে নাকো?
আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে
তোমার ছেলে উঠলে গো মা
রাত পোহাবে তবে।’
বাহ! কী সুন্দর কথা দেখেছো?

কবির ছেলেবেলা কেটেছে অনেক দুঃখ-কষ্টে। পেট ভরে খেতে পাননি। ভাােল জামাকাপড় পরতে পারেননি। তোমাদের তো সে কথা আগেই বলেছি। যে বয়সে ছেলেরা খেলাধূলা আর পড়াশুনা করে সময় কাটায়, সেই বয়সে তাঁকে আয়-রোজগার করতে হয়েছে। অন্যের দোকানে কাজ করতে হয়েছে। ফলে স্কুলের ধরাবাঁধা লেখাপড়া তিনি বেশি করতে পারেননি। তাই বলে তিনি কমও করেননি। অনেক অনেক বই পড়েছেন তিনি। অনেক ভাষাজ্ঞানও ছিলো তার। অনেক ভাষাই রপ্ত করেছিলেন তিনি। পড়লেই বুঝা যায় তিনি কত ভাষার শব্দ ব্যবহার করেছেন তার কবিতায়। আর তার কবি প্রতিভা? সে তো সমুদ্রের মতো বিশাল। তিনি যতদিন সুস্থ ছিলেন, ততোদিন লিখেছেন। প্রচুর লিখেছেন। কবিতা তো ছিলোই। আরও ছিলো গান, গজল, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ ইত্যাদি। তাই বলে তোমরা যারা ছোট তাদের কথাও ভুলেননি, ভুলবেন কেমন করে? তিনি তো অনেক বড় কবি। অনেক বড় ছিলো তাঁর হৃদয়। সে হৃদয়ে ছিল ভালোবাসার সমুদ্র। তিনি ভালোবাসতেন দেশ, প্রকৃতি ও নিজ ধর্ম ইসলামকে। ছোটরা ছিলো তার বড় আপন। আপন বলেই তোমাদের জন্য তিনি লিখেছেন প্রচুর গান, কবিতা, নাটক। কবির লিচু চোর, খুকু ও কাঠবিড়ালী, ঝিঙেফুল- এ ধরনের মাত্র কয়েকটি ছড়ার সাথে পরিচিত থাকলেও তার সাগরের মতো ভাণ্ডারের সাথে আমরা মোটেও পরিচিত নই। কারণ তার শিশু যাদুকর, সংলাপ, সওদাগর- এর মতো মজার কবিতাগুলো আজকাল আর পাঠ করা হয় না। তার লেখা ছোটদের বইগুলো এখন বাজারে পাওয়া যায় না। ফলে আমরা তার বইয়ের সাথে পরিচিত নয়। তিনি তোমাদের মতো ছোট বন্ধুদের জন্যে তেরোখানা বই লিখেছিলেন। ঝিঙেফুল, সঞ্চয়ন, পুতুলের বিয়ে, ঘুম জাগানো পাখি, সাত ভাই চম্পা, ঘুমপাড়ানী মাসি পিসী, ফুলে ও ফসলে, ভোরের পাখি, তরুণের অভিযান, মুকুট মাইতি, জাগো সুন্দর, চির কিশোর ইত্যাদি।
পুতুলের বিয়ে নামক একখানা নাটিকা তিনি লিখেছিলেন। প্রকাশিত হয়েছিল ১৯৩৩ সালে। যেন বসন্তের বাতাস হৃদয়ে ঢেউ খেলে যায়। আবার কখনো বা সাহস ও দিগবিজয়ের ঘোড়া টগবগিয়ে ছুটে যায়। আর তার ছন্দ ও শব্দের দোলা তো কখনোই ভুলবার নয়। যেন যাদুর বাঁশী। নিচের ঝিঙেফুল কবিতাটির ছন্দের দোলার কথাই ধরা যাক না! তার তুলনা হয় না।
‘ঝিঙে ফুল। ঝিঙে ফুল!
সবুজ পাতার দেশে
ফিরোজিয়া ফিঙেকুল
ঝিঙে ফুল।’

কবি নজরুল ইসলাম অনেক বিশাল কবি। এতো বড় কবি- যিনি সবকিছুকে প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন। তার মাত্র হাতেগোনা কয়েকটি কবিতা পড়ে কি তৃপ্তি পাওয়া যায় ?
আহ! কতই না ভালো হতো, যদি কবির সব ছোটদের বই আবার বাজারে পাওয়া যেতো।
এই দরদি ও প্রেমিক কবি দীর্ঘদিন অসুস্থ থাকার পর ইন্তেকাল করেন ১৯৭৬ সালে, ঢাকার পিজি হাসপাতালে। তোমরা কী বলো, তিনি মরে গেছেন? না কবিরা কখনো মরে না। এইতো তিনি বেঁচে আছেন। জেগে আছেন আমাদের মধ্যে। মানুষের হৃদয়ে, তার কবিতার ছন্দে ছন্দে ইথারে ইথারে ভেসে বেড়ায় কবির গান-
‘মসজিদেরই পাশে আমার
কবর দিও ভাই
যেন গোরে থেকেও মোয়াজ্জিনের
আজান শুনতে পাই।’

প্রকাশকাল: মে ২০২৫

এতো কান্না আর্তনাদে!

ধ্বংসস্তুপ হলো রাফাহ
অপরাধের সাজায়?
কখন যে হয় হামলা আবার
আতঙ্কে সব গাজায়।
বাতাসে যে গন্ধ ভাসে
পুড়ল মিসাইলে,
সদ্য হওয়া নবজাতক
থাবায় নিল গিলে।
পালক পোড়া গন্ধ মিশে
আছে অক্সিজেনে,
নীড় না ফেরা পাখির স্বজন
অপেক্ষায় দোর টেনে।
ঘুমছাড়া রাত যায় যে কেটে
কালি চোখের তলে,
সুগন্ধী ফুল জীবন দিলো
সুগন্ধের বদলে।
রহম করো, হে রহমান!
ওরা ভয়াল খাদে,
মনটা যে আজ খারাপ ভীষণ
কান্না-আর্তনাদে!

 

চৌধুরী মঞ্জিল

ভোর বেলা। জাগজুর গ্রামে পুরুষ মানুষ নেই বললেই চলে। একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। গ্রামে ঢোকার মুখে এবং বের হওয়ার পথে চেক পোস্ট বসানো হয়েছে। একটার পর একটা ঘরে তল্লাশি চলছে। ভয়ে কেউ মুখ খুলছে না। পুলিশও নাছোড়বান্দা। আসামি খুঁজে বের করবেই। কিন্তু চব্বিশ ঘণ্টা পার হয়ে গেলেও রহস্যের কোনো ক‚ল কিনারা করতে পারেনি। এক রকম বাধ্য হয়ে তপুকে ডাকা হয়েছে।
চৌধুরী মঞ্জিল বেশ পুরনো একটা বাড়ি। বাড়ির চারদিকে উঁচু দেয়াল। ভেতরে বেশ কিছু পুকুর আছে। একপাশে ঝোপঝাড় বনজঙ্গল। গেইটে সারাক্ষণ একজন দারোয়ান বসে থাকে। তার চোখকে ফাঁকি দিয়ে ভেতরে ঢ়োকা প্রায় অসম্ভব। তাদের ধারণা গ্রামের কেউ চৌধুরী সাহেবকে খুন করেছে। তপু মন দিয়ে সব শুনে দীর্ঘশ্বাস ফেলে বলল- ‘তা রমিজ কাকু, এ বাড়িতে কে কে আসত ?’
‘জ্বি কেউ আসত না। এক বছর আগে একজন উকিল সাহেব এসেছিলেন। সারাদিন থেকে রাতের খাবার খেয়ে চলে যান। চৌধুরী সাহেব নিজেই নিজের খাবার পাক করতেন। নিজের ঘর নিজেই গোছগাছ করতেন। রোজ রাতে বাড়ির ভেতর হাঁটাহাঁটি করতেন। কিন্তু কাল রাতে…’
‘কিন্তু কাল রাতে কী? একটু খুলে বল।’
‘কাল রাতে উনি বাইরে বের হয়নি। ঘরেই ছিলেন। রাতের খাবারও খেয়েছিলেন।’
‘তার মানে তুমি কিছুই জানো না।’
‘আমার কথা বিশ্বাস হচ্ছে না?’
‘এক্ষুণি কিছু বলতে পারছি না। তবে তুমি সন্দেহের তালিকায় আছো। কী, ভয়ে হাত পা কাঁপছে না?’
রমিজ হ্যাঁ সূচক মাথা নেড়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। পায়ের বুড়ো আঙুল দিয়ে মাটি খোঁড়ে। এস আই জমির বললেন, ‘তপু কোনো ক্লু পেলে? ’ নো, ‘আপাতত না। সন্দেহ এক- উনি খুন হয়েছেন। আর সন্দেহ দুই…
‘সন্দেহ দুই!’ জমির দুই চোখ কপালে তুলে বললেন।
‘উনি কিডন্যাপ হয়েছেন।’
‘হোয়াট? এসব কি বলছ? তুমি তো বিষয়টা জটিল করে তুলছ! না না, আমার মনে হয় এটা খুন।’
তপু উপুড় হয়ে বসে মেঝেতে পড়ে থাকা রক্ত হাতে নিয়ে পরীক্ষা করে দেখে। এ সময় দূর থেকে একজন কনস্টেবল চেঁচিয়ে বলল, ‘স্যার একটু এদিকে আসেন।’
জমির ও তপু প্রায় দৌড়ে এসে দেখে একটা ঝোপের মধ্যে ছড়ানো ছিটানো রক্ত। তপু জমিরের দিকে তাকিয়ে বলল, কি বুঝলেন?
‘আমি বুঝলে তো আর তোমাকে ডেকে আনা হত না। তুমিই বল তুমি কি বুঝলে।’
‘বুঝলাম এটা মানুষের রক্ত না। বিশ্বাস না হলে ল্যাবে নিয়ে পরীক্ষা করে দেখতে পারেন।’
তপুর কথা শুনে রমিজ চিৎকার করে কাঁদে।
‘এই তুমি চুপ কর।’ জমির ধমকিয়ে ওঠেন। রমিজ চুপ মেরে গেলেও মাঝেমধ্যে ফুঁপিয়ে ওঠে।
‘স্যার প্রায় একদিন পার হয়ে গেল। এখনও রহস্য উন্মোচন হলো না। একটা কেস নিয়ে পড়ে থাকলে হবে? আমাদের তো আরও কাজ আছে নাকি?’ আরেকজন কনস্টেবল বলল।
কথা সত্য। কিন্তু কিছু করার নেই। তপু চেষ্টা চালিয়ে যাও। উনার ছেলে মেয়ে স্ত্রী’কে খবর দেওয়া হয়েছে। গত দশ ঘণ্টা আগে প্লেনে উঠেছে। আপনারা থাকুন। আমি থানা থেকে ঘুরে আসছি। সবাই চোখ কান খোলা রাখবেন। এস আই জমির চলে যান।
তপু আরও কিছুক্ষণ থেকে বাড়ি ফেরে। তার বাড়ি থেকে কয়েক বিঘা জমির পর রেল লাইন। মাঝেমধ্যে হুইসেল দিতে দিতে ট্রেন আসা যাওয়া করে। আকাশে পূর্ণিমা চাঁদ। পুরো গ্রাম জোছনায় প্লাবিত। সে কিছুক্ষণ এপাশ ওপাশ করে বিছানায় উঠে বসে। তার ঘুম আসছে না। মা বাবাও বাড়িতে নেই। ডাক্তার দেখাতে শহরে গেছেন। আজ বাড়ি ফিরবে বলে মনে হয় না।
সকাল হতেই ঘর ছেড়ে বেরিয়ে পড়ে তপু। গ্রামের মাঝখানে বেলালের টং দোকান। দ্রুত চা রুটি খেয়ে চৌধুরী মঞ্জিলের দিকে হাঁটতে থাকে। পথে ক্লাসমেট রবিউলের সাথে দেখা। রবিউল বলল, ‘লন্ডন থেকে চৌধুরী সাহেবের ছেলে মেয়ে স্ত্রী এসেছে। চৌধুরী মঞ্জিলে শোকের মাতম। মাদ্রাসা থেকে হুজুর নিয়ে এসে কুরআন খতম পড়াচ্ছেন। যোহর নামাজের পর গায়বেনা জানাজা পড়ানো হবে।’
‘কিন্তু কেন?’
‘কেন আবার কী? চৌধুরী সাহেব মারা গেছেন আর তার জানাজা পড়ানো হবে না। তা কী করে হয়?’
‘উনি মারা গেছেন এটা নিশ্চিত? আর কে নিশ্চিত করেছে?’
‘কে আবার? পুলিশ। এই প্রথম তুই ফেল মারলি। রহস্য উন্মোচন করতে পারলি না। যা বাড়ি ফিরে যা। শুধু শুধু সময় নষ্ট করে কী লাভ। তারচে বরং পড়ালেখায় মন দে। কাজে দিবে।’ রবিউল চলে যায়।
ঝোপের আড়াল থেকে কয়েকটা কুকুর বেরিয়ে আসে। একটা কুকুরের মুখে ইঁদুর। ইঁদুরটা ছটফট করছে।
চৌধুরী মঞ্জিলে ঢ়ুকে দেখে এখনও পুলিশ আছে। তাকে দেখে জমির ছুটে এসে বললেন, ‘ল্যাবে রক্ত পরীক্ষা করে দেখেছি এগুলো মানুষের রক্ত না।’
‘তাহলে?’ তার কপালে চিন্তার ভাঁজ।
‘তাহলে আবার কী? উনার পরিবারের লোকজন ধরে নিয়েছেন উনি মারা গেছেন। এখানে আমাদের কী করার আছে?’
‘তা ঠিক। কিন্তু রবিউল যে বলল পুলিশ চৌধুরী সাহেবের মৃত্যু নিশ্চিত করেছে।’
‘সে পুরোপুরি মিথ্যে বলেনি। চৌধুরী সাহেবের ছেলে মেয়ে আর স্ত্রী’র জেরার মুখে এক রকম রাগ করে বলেছি।’
‘ও, তাহলে গ্রামে পুরুষ মানুষ ফিরতে আর বাঁধা নেই।’
‘না।’
এ সময় রমিজ চিৎকার করে ওঠে। তপু দেখে রমিজ একটা পুকুর পাড়ে দাঁড়িয়ে চিৎকার করছে। হাতে কিছু কাপড়। সেদিক থেকে চোখ ফেরাতেই দেখে গেইট দিয়ে একজন উকিল ঢুকে।
‘কী ব্যাপার বলুনতো?’ দীপু নিচু গলায় বলল।
‘উনার পরিবার মনে হচ্ছে সব সম্পত্তি বিক্রি করে দিয়ে চলে যাবে।’
‘এই প্ল্যান?’
‘হুঁ। পৃথিবীটা বড় রহস্যজনক। যে ছেলে মেয়ে স্ত্রী গত বিশ বছর দেশে আসেনি। চৌধুরী সাহেব কেমন আছেন? কীভাবে তার দিন কাটছে? একবারের জন্যও খবর নেয়নি। অথচ চৌধুরী সাহেবের মৃত্যুর ত্রিশ ঘণ্টার মধ্যে দেশে চলে এসেছেন সম্পত্তি বিক্রি করতে।’
‘কই আপনারা আসছেন না কেন?’ রমিজ আবারও চিৎকার করে ওঠে।
‘চলুন তো একবার গিয়ে দেখে আসি।’
‘হ্যাঁ চলুন।’
পুকুরের এ পাশটায় কেউ আসে না। ছোট ছোট গাছপালা ভরা। এখানে সেখানে ইঁদুরের গর্ত। তীব্র গন্ধ। তপু ও জমির নাক চেপে ধরে। তপু বলল, ‘কী ব্যাপার?’
‘এই দেখেন চৌধুরী সাহেবের কাপড়। কাপড় ভেজা। মনে হচ্ছে কিছুক্ষণ আগে শুকাতে দেওয়া হয়েছে।’ রমিজ বলল।
‘আর বলতে হবে না। সব বুঝতে পেরেছি।’ তপুর মুখে হাসি।
‘কী বুঝতে পেরেছ? খুলে বল।’ এস আই জমির ভ্রু-কুঁচকে বললেন।
‘চৌধুরী সাহেব জীবিত। এবং এই বাড়িতেই আছেন। উনি খুব ভোরে গোসল ও করেছেন।’
‘কী সাংঘাতিক!’ তারা ধীরে ধীরে সামনে এগুতে থাকে। রুটির খালি প্যাকেট। ডিমের খোসা। কলার ছোকলা। টি ব্যাগ। ঔষধের খালি প্যাকেট। এসবও খুঁজে পায়।
‘আপনার ফোর্সকে কাজে লাগান। সারা বাড়ি তন্নতন্ন করে খোঁজা হোক।’ এ সময় কারও নাক ডাকার শব্দ শুনতে পায় তারা।
‘চৌধুরী সাহেব ঘুমের ঘোরে নাক ডাকেন?’ জমির রমিজের দিকে তাকিয়ে বললেন।
‘জ্বি। বিকট শব্দে নাক ডাকেন।’
জমির তার ফোর্সকে খবর দিয়ে নিয়ে আসে। নাক ডাকার শব্দ খুব ক্ষীণ। ভালো করে খেয়াল না করলে বুঝার উপায় নেই। জমির বললেন, ‘ডগ স্কোয়াড লাগবে?’
‘না না। বিশ গজের ভেতর আছেন। এটা কনফার্ম। চৌধুরী সাহেব গর্ত করে লুকিয়ে আছেন। গর্ত করেছেন দুই থেকে তিন মাস আগে।’
‘হতে পারে। উনি প্রায়ই এদিকে আসতেন। জিজ্ঞেস করলে কিছু বলতেন না।’ রমিজ বলল।
তপু হাঁটু গেড়ে বসে ঘাসে কান পাতে। তারপর সোজা হয়ে উঠে দাঁড়ায়। তপু বলল, ‘সম্ভবত এখানে।’
‘ঠিক আছে। মাটি খুঁড়ে দেখি। একজন দৌড়ে যাও। কোদাল বা শাবল নিয়ে আসো।’ জমিরের কথা শেষ না হতেই রমিজ দৌড়ে গিয়ে শাবল কোদাল নিয়ে এসে মাটি খোঁড়া শুরু করে। খুব বেশি কষ্ট করতে হলো না। অল্পতেই পেয়ে গেল গর্তের মুখ। গর্তে ঢুকে দেখে এলাহি কাণ্ড। একজনের একটা খাট। ফ্যান চালিয়ে আরাম করে ঘুমোচ্ছেন চৌধুরী সাহেব। তপু তার চুলে বিলি কেটে বলল, ‘আর কত ঘুমাবেন? এবার উঠুন।’
‘সবাইকে পেরেশানির মধ্যে ফেলে আরাম করে ঘুমাচ্ছেন।’ রমিজের গলায় অভিমানের সুর।
কথাবার্তার শব্দ শুনে চোখ মেলে চৌধুরী সাহেব। সবাই তার মুখের উপর ঝুঁকে আছে। তিনি অবাক হয়ে বিছানায় উঠে বসেন। হাই তুলতে তুলতে বললেন, ‘আপনারা এখানে কীভাবে এলেন?’
‘সে কথা পরে হবে। আগে বলুন আপনার সমস্যা কী?’
‘কোনো সমস্যা না। একটু কবরের পরিস্থিতি উপলব্ধি করতে চেয়েছিলাম। কিন্তু সেটা আর হলো কোথায়? সবাই এসে সব ভেস্তে গেল।’
‘তাড়াতাড়ি এখান থেকে চলুন। এতক্ষণে মনে হয় আপনার গায়েবানা জানাজা পড়া শেষ।’ তপু বলল।
‘কী বলছ এসব?’
‘আপনার ছেলে মেয়ে স্ত্রী এসেছেন। বাড়ি বিক্রির জন্য কাগজপত্র ঠিক করছেন।’ রমিজ বলল।
‘বলছিস কী?’ চৌধুরী সাহেব গর্ত থেকে বেরিয়ে সোজা হাঁটতে থাকেন। সবাই তাকে অনুসরণ করে।
বাড়ির ভেতর বিশাল উঠোন। তার জানাজা পড়ার জন্য কয়েকশ মানুষ এসেছে। সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। তার ছেলে সবার উদ্দেশ্যে বক্তব্য রাখছে। ঠিক এ সময় চৌধুরী সাহেব ছেলের পাশে এসে দাঁড়ান। সবাই তাকে দেখে অবাক হয়। পরস্পর পরস্পরের সাথে কথা বলে। বিশাল হট্টগোল সৃষ্টি হয়।
‘বাবা আপনি?’ ছেলে খুব অবাক হয়। কিছুটা লজ্জাও পায়।
চৌধুরী সাহেব হাত উঁচিয়ে সবাইকে থামতে বললেন, ‘আমি এখনও জীবিত। আপনারা সবাই চলে যান। সত্যি সত্যি যদি কোনোদিন মারা যাই তাহলে খবর পাবেন। আর মিথ্যে জানাজা পড়তে এসেছেন বলে দুঃখিত।’
‘আমিও তাহলে যাই। আজ আর স্কুলে যাওয়া হবে না।’ তপু বলল।
‘যাও তপু। ভালো থেকো। তোমার জন্য আমার সবকিছু রক্ষা পেল।’
‘সবকিছু তপু করেছে। আর আমরা…
‘আরে না না। আপনারাও অনেক খেটেছেন।’
‘আচ্ছা চৌধুরী সাহেব, রক্ত কোথায় পেলেন?’ রমিজ প্রশ্ন করে।
‘এটা পরে বলব।’
‘বাবা আমি, আমরা ভুল করেছি। নেক্সট টাইম আর এ রকম ভুল হবে না। আমাদের ক্ষমা করবেন।’
চৌধুরী সাহেব কোনো কথা বলেন না। চুপচাপ দাঁড়িয়ে থাকেন। এক সময় সবাই চলে যায়।
গভীর রাত। তপু শব্দ করে পড়ছে। সামনে পরীক্ষা। এ সময় মোবাইল বাজে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে এস আই জমিরের কণ্ঠ, ‘সর্বনাশ তপু।’
‘কী হয়েছে জমির সাহেব?’ সে চমকে ওঠে।
‘এবার সত্যি সত্যি চৌধুরী সাহেব মারা গেছেন। কাল বাদ-যোহর তার জানাজা।’
‘কীভাবে মারা গেলেন?’
‘রাতে বউ ছেলে মেয়ের সাথে প্রচণ্ড ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে হার্ট অ্যাটাক হয়। সাথে সাথে শেষ।’
‘আমি ব্যাপারটা দেখব?’
‘না। এ ব্যাপারে তোমার আর গোয়েন্দাগিরি করার দরকার নেই। তবে কাল জানাজা পড়তে আসবে কিন্তু। দেখা হবে।’
‘ঠিক আছে।’ লাইন কেটে যায়।
তপু পড়া শেষ করে লাইট বন্ধ করে শুয়ে পড়ে। কিছুক্ষণ এপাশ ওপাশ করে যখন গভীর ঘুমে তলিয়ে যায়। তখন ফজরের আযান পড়ে।

প্রকাশকাল: মে ২০২৫

আব্বু যখন ঘোড়া হলো

মন ভালো নেই। এইটুকুও নেই। গাল ফুলিয়ে আছে।
‘কে?’
‘কে আবার!’
‘তুতুন।’
রাজ্যের যত্ত খুশি, সব উবে গেছে ওর কাছ থেকে।

থাকবেই বা কেমন করে? তুতুনকে কি কেউ সময় দেয়! কেউই তো দেয় না।
আব্বুও না, আম্মুও না। দুজনের সারাদিন শুধু কাজ আর কাজ। ছোটাছুটি আর ছোটাছুটি।
সন্ধ্যো করে বাসায় ফেরে। কোনো কোনোদিন আব্বুটা তো রাত করেই বাসায় আসে। আব্বুর আবার খুবই কাজের চাপ।
কাজের বুয়াটাই ওর আপন। শুধু কি আপন? একবারে আপন। গলায় গলায় আপন।
আচ্ছা, তোমার আব্বু-আম্মু যদি এমন করে, ভাল্লাগবে বলো? লাগবেই না তো। তুতুনেরও তো লাগে না। ওর আব্বু-আম্মুটা বোঝে না কেন!

এখন আবার শীতকালীন ছুটি। ইশকুলের বার্ষিক পরীক্ষাও শেষ। ও-মা, শীত বুড়িটাও যে এসেছে। নাচতে নাচতে। ধেই ধেই করে।
শুধু কি সে এসেছে?
না বাপু না। এসেছে তো এসেছে, সঙ্গে আবার কুয়াশা বুড়িকেও তড়তড় করে নিয়ে এসেছে! দেখেছ, দেখেছ শীত বুড়িটার কাÐখানা!
এমন ছুটির দিনেও যদি আব্বু-আম্মু পাশে না থাকে তাহলে কারই বা ভাল্লাগে?
এই তো আর কদিন গেলেই তুতুনটা ক্লাস থ্রিতে উঠবে। তারপর আবারও সেই একই রুটিন। সকালে ওঠো, নাশতা করো, আর ওই যে পেটমোটা একটা ঢোলদত্যি আছে! ওটাকে রোজ রোজ বহন করে যাও। বাবারে বাবা, সে কী পেটমোটা! বইপত্তর, খাতা-কলম খেয়ে খেয়ে ইয়া বড় পেটমোটা হয়ে যায় ঢোলদত্যিটা।
পেটমোটা ঢোলদত্যিটা কি?
জানো না বুঝি!
ওই যে তোমাদের ইশকুলের পেটমোটা ব্যাগটা! ওটাই ঢোলদত্যির চেয়ে কম কীসে!

২.
রাতে খেয়েদেয়ে তুতুন আব্বুর কাছে গেল। আব্বুটা তখনও ল্যাপটপে ব্যস্ত। কী যে এতো কাজ আর কাজ!
তুতুন আব্বুর গলা ধরে বলল, ‘আব্বু, তুমি আমাকে একটুও ভালোবাসো না।’
‘কে বলেছে আম্মু? আমি তো তোমাকে অনেক ভালোবাসি।’
‘বাসো না বাসো না। একটুও বাসো না।’
‘তুমি আমার একমাত্র রাজকন্যা। তোমাকে কত্ত ভালোবাসি। তোমার জন্য চকলেট, আইসক্রিম, টেডি, খেলনা কত্ত কিছু নিয়ে আসি। আমার আম্মুটাকে কত্ত ভালোবাসি।’
‘আব্বু আমি চকলেট, টেডি চাই না। তুমি আমার সাথে গল্প করো। আমার সাথে খেলা করো। তুমি ঘোড়া সাজবে আর আমি তোমার পিঠে চড়ে মজা করব। আমি চকলেট, টেডি চাই না আব্বু। আমি তোমার সাথে গল্প করতে চাই। খেলতে চাই।’
কথাগুলো বলতে বলতে তুতুন কাঁদোকাঁদো চোখে শক্ত করে জড়িয়ে ধরল আব্বুকে।

৩.
মেয়ের অমন কথা শুনে আব্বুটার বুকটা নড়েচড়ে উঠল। আব্বুটা না আজকে বুঝতে পেরেছে। সন্তানকে চকলেট, খেলনা দিলেই ভালোবাসা জাহির করা যায় না। সন্তানকে সময় দিতে হয়। খেলতে হয়। গল্প করতে হয়।

তুতুনের চোখ মুছে দিয়ে কানের কাছে ফিসফিস করে আব্বু বলল, ‘আম্মু চলো আজকে আমরা ঘোড়াডুম ঘোড়াডুম খেলব।’
ওরে, তুতুনের সে কী খুশি রে বাবা! আব্বু ওর সাথে খেলবে। তাও আবার ঘোড়াডুম ঘোড়াডুম।
তারপর কী! আব্বু সাজল ঘোড়া। তুতুনও পিঠে চড়ে ঘোড়া ছোটাতে লাগল। ঘোড়াব্বুও থপথপ করে কার্পেটে হাঁটতে লাগল।
এই দেখ দেখিনি বাপু, ঘোড়াব্বুটা আবার কোত্থেকে এলো?
ভাবছ বুঝি!
ও বন্ধুরা, তুতুনের আব্বুটাই যে ঘোড়াব্বু হয়ে গেছে। আর তুতুন। ও তো এখন ঘোড়াব্বুকে চারদিকে ছোটাচ্ছে আর ছোটাচ্ছে। ওর যে কী খুশি!

প্রকাশকাল: মে ২০২৫

পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, পাবনা

পাবনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, পাবনা; যেটি ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়। পাবনা জেলা পুলিশের উদ্যোগে প্রতিষ্ঠিত এই স্কুলটি বর্তমানে পাবনার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান রূপে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। নৈতিক গুণাবলির অধিকারী একজন যোগ্য ও সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এবং প্রত্যেক শিক্ষার্থীকে মানব সম্পদে পরিণত করার উদ্দেশ্য নিয়ে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলছে অত্র প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠাকালীন এখানে প্রাথমিক শাখায় পাঠদান করা হলেও ২০১২ সালে এটিকে মাধ্যমিক পর্যায়ে উন্নীত করা হয়। পাবনা জেলা পুলিশের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অত্র স্কুলটি পরিচালিত হয়। পাবনা জেলার মাননীয় পুলিশ সুপার পদাধিকার বলে প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষা কার্যক্রম :
অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে প্রাথমিক ও মাধ্যমিক শাখায় স্বতন্ত্র শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান কার্যক্রম পরিচালিত হয়। প্রভাতি শিফটে প্রাথমিক শাখা ও দিবা শিফটে মাধ্যমিক শাখায় পাঠদান করা হ্য়। সার্বিক শৃংখলা ও মানসম্মত পাঠদান নিশ্চিত করার প্রচেষ্টা সর্বদা চলমান থাকে। পাবলিক পরীক্ষায় শতভাগ পাশসহ অধিকাংশ শিক্ষার্থীর জিপিএ-৫ প্রাপ্তি প্রতিষ্ঠানের সাফল্যের স্বাক্ষর বহন করছে। বর্তমানে প্রাথমিক ও মাধ্যমিকে মোট শিক্ষার্থীর সংখ্যা ১৪২৫ জন।

সহপাঠ ও সাংস্কৃতিক কার্যক্রম:
পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, পাবনা সহপাঠ ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব প্রদান করে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আন্ত:ক্লাস ক্রীড়া প্রতিযোগিতা, বির্তক, বার্ষিক সাংস্কৃতিক সপ্তাহসহ বিভিন্ন সহপাঠ কার্যক্রম পরিচালনা করে। এখানকার শিক্ষার্থীরা উপজেলা ও জেলা পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য ও সুনাম নিয়ে আসছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠবে এবং পড়ালেখার পাশাপাশি সুস্থ দেহ সুন্দর মনের অধিকারী হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে পারবে বলে অত্র প্রতিষ্ঠান বিশ্বাস করে। ১৯৯৬ সালে পাবনায় পেশাগত দায়িত্ব পালনের সময় তৎকালীন অত্যন্ত সৎ ও দক্ষ পুলিশ সুপার জনাব জমশেদ উদ্দিন ভূঁইয়া সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তাঁর প্রতি সম্মান জানিয়ে প্রতিষ্ঠানের একাডেমিক ভবনটির নামকরণ করা হয়েছে পুলিশ সুপার জমশেদ উদ্দিন ভূঁইয়া একাডেমিক ভবন।

বিদ্যালয়ের সাধারণ তথ্য
স্কুলের নাম: পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, পাবনা
প্রতিষ্ঠাকাল: ১৯৫১
ঠিকানা: পুলিশ লাইন্স সড়ক, কাচারি পাড়া
ডাকঘর: পাবনা
পোস্ট কোড: ৬৬০০
উপজেলা: পাবনা সদর
জেলা: পাবনা
বিভাগ: রাজশাহী
অধ্যক্ষের নাম: অখিল চন্দ্র কুণ্ডু
সভাপতি: পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান
মোট ছাত্র/ছাত্রী: ১৪২৫ জন
শিক্ষক সংখ্যা: প্রায় ৩৫ জন
EIIN: 134232
মোট জমির পরিমাণ: ৭৫ শতক
মোট শ্রেণিকক্ষ সংখ্যা: ১৩টি
বিজ্ঞানাগারের কক্ষ সংখ্যা: ১টি
পাঠাগারের কক্ষ সংখ্যা: ১টি
সীমানা প্রাচীর: আছে
মোবাইল: ০১৩০৯১৩৪২৩২
ফোন: +88025888444363
ওয়েবসাইট: plscpabna.edu.bd

অখিল চন্দ্র কুণ্ডু

অধ্যক্ষের কথা :
আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমাদের পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ নিয়ে দেশের একটি স্বনামধন্য শিশুকিশোর মাসিক ম্যাগাজিন ‘মাসিক ফুলকুঁড়ি’তে একটি কলাম প্রকাশিত হবে। আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষার্থীই প্রচণ্ড মেধাবী ও কর্মঠ। পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলাম এ্যাকটিভিটিসে তারা নিয়মিত অংশগ্রহণ করে। ফুলকুঁড়ি আসরের বিভিন্ন আয়োজনে আমাদের শিক্ষার্থীরা নিয়মিত অংশগ্রহণ করে কৃতিত্ব অর্জন করছে। শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের সম্পর্ক খুবই ভালো। আমি সকলের উত্তরোত্তর মঙ্গল কামনা করছি। মাসিক ফুলকুঁড়িকে ধন্যবাদ।

নাসিফ জাওয়াদ ওয়াসী

মাসিক ফুলকুঁড়ি অত্র বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী নাসিফ জাওয়াদ ওয়াসীর সাথে কথা বলে। কথোপকথন এর অংশ বিশেষ তুলে ধরা হলো:

মাসিক ফুলকুঁড়ি : এ বিদ্যালয়ে পড়াশোনা করে তোমার অনুভ‚তি কেমন?
নাসিফ : এখানে ভর্তির পর নতুন পরিবেশে প্রথমে আমার মনটা একটু খারাপ ছিলো। ধীরে ধীরে সবার সাথে পরিচিত হয়ে এবং শিক্ষকমণ্ডলীর ভালোবাসা পেয়ে এখন এই স্কুলে পড়তে আমার ভালোই লাগছে।
মাসিক ফুলকুঁড়ি : তোমার বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকগণ কেমন?
নাসিফ : আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফ্রেন্ডলি। একে অপরের সহযোগিতায় এগিয়ে আসা এবং পাশে থাকার জন্য আমরা সদা প্রস্তুত। আর শিক্ষকগণ খুবই আন্তরিক। তারা আমাদের বিভিন্নভাবে উৎসাহিত করেন এবং আমাদের ভালো ফলাফল অর্জনে সর্বাত্মক চেষ্টা করেন।
মাসিক ফুলকুঁড়ি : বিদ্যালয়ের কোন বিষয়টি তোমার বেশি ভালো লাগে?
নাসিফ : বিদ্যালয়ে বড় একটি মাঠ আছে। পড়াশোনার পাশাপাশি ফুটবল-ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা আছে। বিভিন্ন সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাসিক ফুলকুঁড়ি : বিদ্যালয়ের মান আরও উন্নতির লক্ষ্যে তোমার কোনো মতামত বা পরামর্শ আছে?
নাসিফ : আমাদের বিদ্যালয়ে ভবন সংখ্যা কম হওয়াতে ১দিন অতিরিক্ত ছুটি দিতে হয়। যদি ভবন সংখ্যা বাড়ানো যায় তাহলে অতিরিক্ত ছুটি দিতে হবে না, পাঠদানের সময় বৃদ্ধি পাবে এবং পড়াশোনা ও বিদ্যালয়ের মান আরও উন্নতি হবে।
মাসিক ফুলকুঁড়ি : তোমার বিদ্যালয় নিয়ে তোমার মন্তব্য কী?
নাসিফ : আমার বিদ্যালয়কে আমি খুব ভালোবাসি। আমরা সকল শিক্ষার্থী ভালো ফলাফল অর্জনের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম ধরে রাখবো সেই প্রত্যাশা করি।

প্রকাশকাল: মে ২০২৫

হোসনা বানুর অ্যাডভেঞ্চার । পর্ব-১১

।।১১।।

অভিযান পাতালপুরী

হোসনা বানু যাবে পাতালপুরীতে। ডাইনি জাদুকরের কাছে বন্দি আছে ১০০জন নিষ্পাপ ছেলে-মেয়ের একটা দল। আসছে অমাবস্যার রাতেই জবাই করা হবে ওদেরকে। তার আগেই সেখানে পৌঁছতে হবে হোসনা বানুকে। তবে সেখানে পৌঁছানোটা খুব কঠিন হয়ে পড়ছে ওর জন্য। যাত্রার শুরুতে ও পূন্যবান ব্যক্তির কাছ থেকে  পেয়েছিলো একটা বিশেষ বাটি। যেটাতে দেখা যাবে পাতালপুরীর রাস্তা। এ ছাড়াও ওকে দেয়া হয়েছিলো একটা শেষ না হওয়া ফলের রসের পাত্র। কিন্তু ওগুলো হারিয়েছে সমুদ্রের ঝড়ে। আর এখন ভয়ানক নরখাদকের দ্বীপ থেকে পালিয়েছে। আল্লাহর দয়ায় এক শকুনের পরামর্শ নিয়ে বয়স্ক কাছিমের সাথে দেখা করতে ছুটছে ও। পেছনে ছুটে আসা ছয়জন জংলীর দুইজনকে ঘায়েল করেছে হোসনা বানু। বাকি চারজনের চোখকে ফাঁকি দিয়ে সমুদ্রের কিনারায় এসে পৌঁছলো হোসনা বানু। মাত্র সূর্য উঠেছে আকাশে। সূর্যের নরম রোদ গায়ে মেখে সমুদ্রের পাড়ে বসে আছে বয়স্ক কাছিম। কাছিমের বিশাল বড়ো শরীর। তার থেকে বড়ো খোলস। খোলসের রং গাঢ় কমলা। শরীরের রং সবুজ। শরীরে বয়সের ভাঁজ স্পষ্ট। চোখের চামড়া ঝুলে পড়ে চোখদুটো প্রায় ঢেকে গেছে। কাউকে দেখতে হলে মাথা সামান্য উঁচু করে দেখতে হয়। বয়স্ক কাছিমের কাছে গেলো হোসনা বানু। প্রথমেই নিজের পরিচয় দিলো। তারপর বললো- আমি এসেছি অনেক দূর থেকে। আমার গ্রামের নাম লুলুশিয়া। আপনার সাহায্য দরকার খুব। আমি এক বুড়ো কাছিম। আমি আর কী করতে পারি বলো। তবু যখন এতোটা দূর থেকে এসেছো বলো, কী সাহায্য চাও তুমি খুকি? গম্ভীর গলায় বললেন বয়স্ক কাছিম। আমি যাবো পাতালপুরীতে। অনেক দীর্ঘ পথ পেরিয়ে এসেছি আমি। মরুভূমি আর সমুদ্র পাড়ি দিয়ে নরখাদকের দ্বীপ থেকে পালিয়ে এসেছি। সমুদ্রের পথে আমার নৌকা ঝড়ের কবলে পড়ে ডুবে গিয়েছিলো। বললো হোসনা বানু। তারপর আরো কী ঘটেছে সেই সব দুর্দশার কথা খুলে বললো বয়স্ক কাছিমকে। আরও বললো- ডাইনি জাদুকরের গোপন ঘরে বন্দি আছে ১০০জন ছেলে-মেয়ে। সব শুনে বয়স্ক কাছিম বললেন- চিন্তা করো না হোসনা বানু, আমি তোমায় নিয়ে যাবো পাতালপুরীতে। পাতালপুরীর সেই গোপন পথ আমি ছাড়া আর কেউ চেনে না। অমাবস্যার যদিও আর বেশি দিন বাকি নেই তবু আমরা তার আগে সেখানে পৌঁছাব আশা করছি। তুমি ক্লান্ত ও ক্ষুধার্ত। আগে তোমার খাদ্য চাই। দাঁড়াও এখানে। বয়স্ক কাছিম হোসনা বানুকে বেশ কিছু তাজা ফল এনে দিলেন। খুব আগ্রহ নিয়ে তা খেলো হোসনা বানু। বেশ ভালো লাগছে এখন ওর। বয়স্ক কাছিম বললেন- বুঝলে মেয়ে, আমি কিন্তু তোমার এর আগের বারের সমুদ্র অভিযানের গল্পটাও জানি। যেখানে তুমি জাদুকর অক্টোপাসকে ফাঁকি দিয়ে পালিয়েছিলে। দীর্ঘদিন বেঁচে থাকলেই হয় না। কিছু কাজ করতে হয়। যে কাজে অন্যের উপকার হয়। জীবনে দেখা, জানা, শোনা তো কম হলো না। কিন্তু সেসবের কতটুকুন কাজে লাগলো বলো। তুমি অনেক কিছু জেনে বুঝেও যখন কাজে লাগাতে পারবে না, তবে সেটা তোমার জন্য এক যন্ত্রণা হবে। জানো তো? শোনো মেয়ে মনে রাখবে। বেঁচে থাকার সব থেকে খারাপ ও বিরক্তিকর দিক হচ্ছে অলস সময় কাটানো। আর সব থেকে ভালো ও পরিতৃপ্তির দিক হচ্ছে- অন্য কারো উপকারে সময় ব্যয় করা। আমি তো এই সমুদ্রের পাড়ে কাটিয়ে দিলাম জীবনের খুব লম্বা একটা সময়।

আচ্ছা কাছিম দাদু, আপনি জীবনের ঠিক কত বছর সময় পার করেছেন, বা বেঁচে আছেন বলতে পারেন? কৌতূহল নিয়ে জানতে চাইলো হোসনা বানু। বয়স্ক কাছিম বললো- তা সঠিকভাবে বলতে পারবো না রে। তবে আজ থেকে পনেরশত বছর আগের ঘটনার কথাও আমার মনে আছে। সেই হিসেবে বলা যায় আমার বয়স পনেরশ বছর থেকেও বেশি। বিস্ময়ে হা হয়ে গেলো হোসনা বানুর মুখ। বয়স্ক কাছিম বললেন- অবাক হবার কিছু নেই। এর থেকে আরও অনেক বেশি অবাক করা ঘটনা আছে হয়তো তোমার সামনে। এখন আমাদের রওয়ানা হতে হবে। নষ্ট করার মতো সময় নেই। হোসনা বানু বয়স্ক কাছিমের দেয়া বেশ কিছু ফল পোঁটলা করে নিলো। নিয়ে উঠে বসলো বয়স্ক কাছিমের পিঠে। বয়স্ক কাছিম নেমে পড়লো সমুদ্রে। অতল সমুদ্রের ঢেউয়ে বাতাসে ভর করে ভেসে চললো ওরা। সাঁতরে যাচ্ছে বয়স্ক কাছিম। সমুদ্রের নীল পানি এখন বেশ শান্ত আর সুন্দর হয়ে উঠেছে যেন। সূর্যের সোনালি ছায়া পানির মধ্যে। বেশ মোহনীয় সুন্দর এক চিত্র। এগিয়ে চলছে ওরা পাতালপুরীর দিকে। চলতে চলতে কতটা পথ যে পেরোলো, সে হিসেব কেউই রাখলো না। একসময় বয়স্ক কাছিম বললেন- এখন খুব শক্ত করে ধরে রাখবে মেয়ে। আমরা এখন সমুদ্রের তলদেশ দিয়ে যাবো। বলেই হোসনা বানুকে নিয়ে ডুবে গেলো সমুদ্রের নিচে। পানির নিচের এই জগৎটা হোসনা বানুর কাছে ভীষণ সুন্দর লাগে। এটা এক অন্য জগৎ। স্বচ্ছ কাচের মতো পৃথিবী। নীল পানির একটা মায়াময় জগৎ এটা। এখানে হোসনা বানু এর আগেই এসেছে। তাই সমুদ্র ওর অচেনা নয়। কিন্তু এবার ও এসেছে সমুদ্রের অনেক বেশি গভীরে। যেখান থেকে যেতে হবে পাতালপুরীতে। এই গভীর তলদেশের অবাক সৌন্দর্য ওকে মুগ্ধ করছে। মুগ্ধতার চোখে দেখছে পানির তলদেশের সব নাম না জানা প্রাণীদের। চিংড়ি মাছের মতো দেখতে একটা প্রাণীর দেখা পেলো হোসনা বানু। কী সুন্দর গায়ের রং। লাল নীল হলুদ সবুজ বেগুনী। কতশত রং দিয়ে যে ওটা তৈরি কে জানে। অদ্ভুত সুন্দর প্রাণীটা ওদের দিকেই আসছিলো। ওটাকে একটু ছুঁয়ে দেখতে পারলে ভালো হতো। প্রথমে যতটা ছোট মনে হচ্ছিল ওটা আসলে ততটা ছোট নয়। যত কাছে আসছে ততই বিশাল আকৃতি নিচ্ছে। নিজের শরীরের রং পাল্টাচ্ছে মুহূর্তে মুহূর্তে। কী আজব সুন্দর ওটা! ছুঁয়ে দেখার জন্য হাত বাড়ালো হোসনা বানু। বয়স্ক কাছিম চিৎকার করে নিষেধ করতে করতে ওটা কাছে চলে আসলো। এসেই ওর মাথার ধারালো অস্ত্রের মতো শিং দিয়ে গুঁতো দিলো হোসনা বানুকে। শেষ মুহূর্তে সরে না গেলে শিং গেঁথে এফোঁড় ওফোঁড় হয়ে যেতো হোসনা বানু। বয়স্ক কাছিম বললেন- সরে যাও। এটা সমুদ্রের ভয়ংকর প্রাণী ম্যান্টিশ। ওটা ভীষণ বিষাক্ত আর ভয়ানক। ওটা তোমাকে মেরে কাঁচা চিবিয়ে খাবে। হোসনা বানু কাছিমের পিঠ থেকে পড়ে গিয়েছিলো। আবার উঠে বসলো পিঠে। বিশাল ম্যান্টিশ আবার এলো ওকে গুঁতো দিতে। বয়স্ক কাছিম খুব দ্রুত সাঁতরে যেতে লাগলো। পেছনে ধাওয়া করে আসতে লাগলো ভয়ানক ম্যান্টিশ। হোসনা বানু পিছনে তাকিয়ে দেখলো একটা নয়, অনেক ম্যান্টিশ ছুটে আসছে ওদের দিকে। হোসনা বানু দেখলো ঘোর বিপ। হঠাৎ ওর মনে হলো হাঙরের কথা। সাদা হাঙর ও সমুদ্রের নীলতিমি ওকে বলেছিলো কখনো সমুদ্রে বিপদ হলে যেন ওদেরকে ডাকে। হোসনা বানু চিৎকার করে ডাকলো নীল তিমি ও হাঙরকে। হোসনা বানুর ডাক শুনে খুব দ্রুত ছুটে এলো তিমি। হাঙর এলো ওর ঝাঁক নিয়ে। এসেই বুঝে গেলো ম্যান্টিশ হোসনা বানুকে আক্রমণ করেছে। ব্যস, সবাই মিলে ঝাঁপিয়ে পড়লো ম্যান্টিশ এর উপর। তিমির বিশাল চোয়ালের চাপে চ্যাপ্টা হয়ে গুঁড়ো হয়ে গেলো ম্যান্টিশ। হাঙরের ধারালো দাঁতের কামড়ে ম্যান্টিশগুলো থেতলে গেলো একেকটা। বাকি থাকা কয়েকটা ভয়ে উল্টো দিকে পালিয়ে বাঁচলো। তিমি ও হাঙরকে অনেক ধন্যবাদ জানালো হোসনা বানু। ওরা জানতে চাইলো বয়স্ক কাছিমকে নিয়ে কোথায় যাবে হোসনা বানু। হোসনা বানু ওদেরকে বললো ওর পাতালপুরী অভিযানের কথা। ১০০জন নিষ্পাপ ছেলে-মেয়ের জীবন বাঁচাতে যাচ্ছে সেই পাতালপুরীতে। তিমি বললো- অবশ্যই সেখানে তোমার সাহায্য লাগবে। বয়স্ক কাছিম তোমায় শুধু সেখানে পথ দেখিয়ে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো সাহায্য করতে পারবে না। কারণ এখন তার গায়ে এতো শক্তি নেই। তার অনেক বয়স হয়ে গেছে। তাই আমাদেরও তোমার সাথে যাওয়া রকার। হাঙর বললো- তিমি ভাই, তোমার এই শরীর নিয়ে পাতালপুরীর গুহায় যাওয়া সম্ভব হবে না। তারচে বরং আমি আমার দল নিয়ে যাই আর তুমি এমন কাউকে দাও যারা এই যাত্রায় আমাদের উপকারে আসে। বয়স্ক কাছিম বললেন- হাঙর ঠিক বলেছে। এক কাজ করো তিমি। তুমি আমাদের সাথে কিছু টারডিগ্রেট দিতে পারো। এরা হচ্ছে পানির ভালুক। ক্ষুদ্র কিন্তু অনেক শক্তিশালী প্রাণশক্তি এদের। যদি পানিতে জীবন্ত সিদ্ধ করা হয় বা বরফের ভিতরেও রাখা হয় তবু এদের কিছুই হবে না। পানির নিচের এই প্রাণীটি যেকোনো পরিস্থিতিতে বেঁচে থাকতে পারে। এই প্রাণীটি এতই ছোট যে খালি চোখে দেখা যায় না। ওকে দিয়ে জাদুকর ডাইনির সাথে লড়াই করতে কাজে লাগবে। আর দিতে পারো, এটলান্টিকাসকেও। এটলান্টিকাস দেখতে সুন্দর হলেও খুবই চতুর একটি সামুদ্রিক প্রাণী। এবং এর পুরো শরীরে বিষ বহন করে।  এটলান্টিকাসের নিজের বিষ নেই। তবে সমুদ্রের অন্যান্য যাদের বিষ আছে এমন প্রাণী যেমন অক্টোপাস স্প্রে থেকে চুরি করে সে নিজের কাছে জমা করে। তার শরীরের রং দুদিকে দুরকম। শিকারীকে ধোঁকা দিতেও বেশ পটু এটলান্টিকাস। ছোট্ট গিরগিটির মতো দেখতে এই এটলান্টিকাস বেশ কাজে আসবে আমাদের। আর কিছু জেলি মাছ দিতে পারো। আমরা অন্ধকার গুহা পেরিয়ে যাবো তাই লাগতে পারে ওদের। তিমি বললো-আপনাকে আমরা জলজগতের জ্ঞানী প্রাণী হিসেবেই জানি। তাই আপনি যা ভালো বোঝেন তাই হবে। হোসনা বানুর সাথে আপনাদের সফর সঙ্গী হবে হাঙর, এটলান্টিকাস টারডিগ্রেট ও জেলি মাছ। তিমি এটলান্টিকাস টারডিগ্রেট ও জেলি মাছের এর তিনটা দলকে ডেকে ওদের সাথে দিয়ে বললো, আপনাদের লক্ষ্য সফল হোক। বিজয় হোক পাতালপুরী অভিযানে। এই বলে বিশাল নীল তিমি চলে গেলো। এদিকে হোসনা বানু কাছিমের পিঠে চড়ে আবার চলতে থাকলো পাতালপুরীর দিকে। সাথে চললো হাঙর, এটলান্টিকাস টারডিগ্রেট ও জেলি মাছের ঝাঁক। ওরা চলতে চলতে পাতালপুরীর সন্ধানে সমুদ্রের কত নিচে যে গেলো সে হিসেব কেউ রাখলো না। যেতে যেতে যেতে একটা সময় পেয়ে গেলো সেই অন্ধকার গুহা। এই গুহার মুখে পাহারা দিচ্ছিলো একদল সমুদ্র ঘোড়া। এরা সাধারণ সমুদ্রঘোড়া নয়। এক একটা বিশাল আকৃতির সমুদ্রঘোড়া। ঘোড়াগুলো গুহার পথ আগলে রেখেছে। ঘোড়াগুলোর মাথার মাঝে একটা করে চোখা শিং। বয়স্ক কাছিম ঢুকতে চাইলে ওরা সব শিং উঁচিয়ে বাধা দিলো। তখন হাঙরের দল একযোগে সব ধেয়ে গেলো ওদের দিকে। কয়েকটাকে দাঁত দিয়ে ছিঁড়ে ফেললো একদম। ভয়ে বাকিগুলো সরে দাঁড়ালো গুহার মুখ থেকে। ওরা ঢুকে গেলো অন্ধকার গুহায়। ভীষণ রকম অন্ধকার সেই গুহায় কিচ্ছু দেখা যায় না। বয়স্ক কাছিম জেলি মাছদের বললেন- আলো দাও তোমরা। জেলি মাছের দল নিজেদের শরীর থেকে আলো ছড়িয়ে দিলো। দূর হলো অন্ধকার। তখন আর কারো চলতে কষ্ট হলো না। ওরা চলতেই থাকলো অন্ধকার গুহার পথ ধরে। চলতে চলতে কতটা দূর যে গেলো সে হিসেব কেউ রাখলো না। একটা সময় ওরা গিয়ে পৌঁছালো একটা বন্ধ ফটকের সামনে। এটাই ডাইনি জাদুকরের বাড়ি। এখানেই কোনো এক গোপন ঘরে বন্দি আছে ১০০ জন ছেলেমেয়ে।

ফটকের পাহারায় নেই কেউ। তবে ভেতর থেকে বন্ধ করা আছে। হোসনা বানু বয়স্ক কাছিমকে বললো- এখন ভিতরে কী করে যাওয়া যায় কাছিম দাদু? বয়স্ক কাছিম বললেন, চিন্তা করো না। আমরা ভিতরে ঢুকবোই। শোনো মেয়ে, অমাবস্যা আজ রাতেই। তাই হয় তো ডাইনি আয়োজনের জন্য ব্যস্ত আছে। এই সুযোগে আমাদের ঢুকতে হবে ভিতরে। বয়স্ক কাছিম টারডিগ্রেটকে বললেন- শোনো, তোমরা ফটকের ফাঁকা দিয়ে ঢুকে ওপাশে যাবে। তারপর ভিতর ঢুকে আলগা করে খুলে দেবে তালা। তবেই আমরা ঢুকতে পারবো। ঠিক পারবো আমরা, এই বলে ক্ষুদ্র টারডিগ্রেট এর একটা দল ঢুকে গেলো ফটকের ভিতরে। তারপর খুব অল্প সময়েই খুলে ফেললো তালা। হোসনা বানু দলসহ ভিতরে ঢুকে গেলো। ঢুকে দেখলো একদম ফাঁকা বাড়ি। কোথাও কেউ নেই। বয়স্ক কাছিম জেলি মাছদের দায়িত্ব দিলো সেই গোপন ঘর খুঁজে বের করার। জেলি মাছের দল বাড়ির সব ঘর খুঁজে দেখলো। কোথাও পাওয়া গেলো না ওদের। তবে একটা ঘরে পাওয়া গেলো একশোটা জবাফুল। একথা এসে বললো ওরা বয়স্ক কাছিম ও হোসনা বানুকে। বয়স্ক কাছিম বুঝে গেলো যে ডাইনি জাদুকর ওদেরকে জবাফুল বানিয়ে রেখেছে। সেই গোপন ঘর থেকে একশ টি তাজা লাল জবাফুল তুলে আনলো হোসনা বানু। তারপর খুঁজতে লাগলো ডাইনিকে। খুঁজতে খুঁজতে দেখলো বাড়ির পাশে একটা কালী মন্দির। সেখানেই শয়তানের পূজা করছিলো সে। সামনে ধারালো বড়ো এক রামদা। কাছিম শুধু হোসনা বানুকে নিয়েই গেলেন সেখানে। বাকিদের আড়ালে রাখলেন। বললেন প্রয়োজনের সময় যেন এগিয়ে আসে ওরা। বয়স্ক কাছিম হোসনা বানুকে বলে দিলেন- কালী মূর্তি যে সিংহের মূর্তির উপর দাঁড়িয়ে আছে, ওটার ডান চোখের মনির ভিতরে আছে একটা ছোট্ট নীল টিকটিকি। সেই টিকটিকির ভিতরেই আছে ডাইনি জাদুকরের প্রাণ এবং ওর জাদুশক্তি। তাই ওটাকে হাত করতে হবে। ওটা হাতে পেলে আমরা ওকে দিয়ে যা খুশি তাই করতে পারবো। আর ওর জাদুশক্তিও এসে যাবে আমাদের হাতে। হোসনা বানুকে দেখেই ডাইনি চেঁচিয়ে উঠলো- কে রে তুই? কী করে আসলি আমার এই গোপন স্থানে? আমি আমার বন্ধুদের মুক্ত করে নিয়ে যেতে এসেছি, বললো হোসনা বানু। সে সুযোগ হয়তো পাবি না তুই খুকি। আমার একশো জবাফুল নিয়ে নিয়েছিস? কত বড়ো সাহস তোর! ওটা এক্ষুণি আমাকে দিয়ে দে বলছি। আজ রাতেই আমার সেই কাঙ্ক্ষিত ক্ষণ। ওদের বলি দেয়া হবে এখানেই।  একথা বলেই ডাইনি জাদুকর জাদু দিয়ে একটা খাঁচায় আটকে দিলো হোসনা বানুকে। তারপর ওর দিকে এগিয়ে গেলো ফুলগুলো নেয়ার জন্য। হোসনা বানু বয়স্ক কাছিমের দিকে ফুলগুলো ছুঁড়ে দিয়ে বললো- ধরো কাছিম দাদু, এগুলো যেন ডাইনি কিছুতেই না পায়। ডাইনি ছুটলো কাছিমের দিকে। আর জাদু দিয়ে তৈরি করলো কতগুলো হিংস্র কুকুর। কাছিম ডাকলো হাঙরদের। হাঙরের দল এসে কুকুরের সাথে লড়াই করতে লাগলো। আর দুটো হাঙর ধারালো দাঁত দিয়ে ভেঙে ফেললো হোসনা বানুর খাঁচা। হোসনা বানু বেরিয়ে আবার দৌড়ে গেলো কাছিমের দিকে। লাল জবাগুলো নিয়ে নিলো নিজের কাছে। বয়স্ক কাছিম হোসনা বানুকে বললেন- তুমি সিংহের চোখের মনিটা নেয়ার চেষ্টা করো। একথা শুনেই ডাইনি ওর দিকে কতগুলো বিষধর সাপ ছেড়ে দিলো। সাপগুলো ছুটে গেলো হোসনা বানুর দিকে। কাছিম তখন ডাকলো এটলান্টিকাসদের। এটলান্টিকাসরা এসে সাপদের কামড়াতে লাগলো। সাপ আর এটলান্টিকাস তুমুল লড়াই বেঁধে গেলো। এসময় হোসনা বানু দৌড়ে গেলো কালী মূর্তির পায়ের নিচের সিংহের মূর্তির কাছে। গিয়েই ওর ডান চোখের মনিটা খুবলে নিলো। এরপর যেই মনিটা থেকে ছোট্ট টিকটিকিটাকে বের করতে যাবে, তখনি ডাইনিটা প্রায় উড়ে আসলো ওর কাছে। এসে হোসনা বানুর হাত থেকে টেনে নিতে চাইলো মনিটা। এর মধ্যেই কুকুর আর সাপেদেরকে জব্দ করেছে হাঙর ও এটলান্টিকাস। হোসনা বানুকে বাঁচানোর জন্য ওরা যেই এগিয়ে গেলো ওদিকে তখন ডাইনি জাদু দিয়ে নিজের চারপাশে একটা আগুনের বলয় তৈরি করলো। আগুনের বলয়ের ভিতরে হোসনা বানু ও ডাইনি মনিটা নিয়ে ধস্তাধস্তি করছে। অন্য সবাই বাইরে। বয়স্ক কাছিম তখন ডাকলো টারডিগ্রেটদের। বললো- যাও এবার তোমাদের কাজ করো। টারডিগ্রেটের দল আগুনের ভেতর দিয়েই ছুটে গেলো ডাইনির কাছে। গিয়ে ডাইনির নাকে কানে ঢুকে একদম সারা শরীরে ছড়িয়ে পড়লো। এরপর ছড়িয়ে দিলো বিষ। কাবু হয়ে মাটিতে পড়ে গেলো ডাইনি। হোসনা বানু মনিটা ভেঙে বের করে নিলো জাদুর টিকটিকিটাকে। ডাইনি ততক্ষণে কুপোকাৎ। ওর সারা শরীরে আগুন লেগে ঝলসে গেলো একদম। ডাইনির সব জাদু ক্ষমতা চলে গেলো হোসনা বানুর কাছে। হোসনা বানু জাদু দিয়ে ১০০টা লাল জবাকে বানিয়ে ফেললো একশো জন ছেলেমেয়ে। যেই ছেলে-মেয়েদের কে ডাইনি নিয়ে এসেছিলো বলি দেয়ার জন্য। এদের মধ্যে দেখা গেলো হোসনা বানুর বন্ধুরাও আছে। ওরা মুক্তি পেয়ে কী যে খুশি হলো, তা আর বলে বোঝানো যাবে না। ভীষণ আনন্দে হোসনা বানুকে ওরা জড়িয়ে ধরলো। হোসনা বানু ধন্যবাদ জানালো হাঙর, এটলান্টিকাস  টারডিগ্রেট ও জেলি মাছদের। বললো- তোমাদের সাহায্য না পেলে আমি কিছুতেই ডাইনির সাথে পেরে উঠতাম না। আর ওদেরকে উদ্ধার করতেও পারতাম না। আমি আজ বিদায় নেবো এই পাতালপুরী থেকে। আবার দেখা হতে পারে অন্য কোনো অভিযানে। নিশ্চয়ই, বললো হাঙর ও বাকিরা। বয়স্ক কাছিম বললেন- মুক্ত ছেলে-মেয়েদের নিয়ে এখন বাড়ি ফিরে যাও আনন্দে। ডাইনির এই জাদুর টিকটিকি শুধু এই পাতালপুরীতেই কার্যকর। তাই তুমি এটা ব্যবহার করে একটা ডুবো জাহাজ তৈরি করতে পারো। সেটা দিয়ে এই পাতালপুরী ও সমুদ্র পেরিয়ে যাবে। আর কিছু সমুদ্রের রত্ন পাথর নিয়ে যাও মেয়ে। কাজে লাগবে তোমাদের। তোমার জন্য রইলো আমার আশীর্বাদ ও ভালোবাসা। জীবনের সকল অভিযানে জয়ী হবে তুমি। ভালো থেকো মেয়ে। আর যদি বেঁচে থাকি তবে হয়তো দেখা হবে আবারও।

হোসনা বানু জাদু দিয়ে একটা ডুবো জাহাজ বানিয়ে নিলো। আর নিলো ডাইনির ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশ কিছু রত্ন পাথর। সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিলো। ডুবো জাহাজে চড়ে সমুদ্র পেরিয়ে খুব তাড়াতাড়ি ওরা চলে আসলো মরুভূমিতে। সেখানে ওদের জন্য একশো একটি উট নিয়ে দাঁড়িয়ে ছিলো এক সওদাগর। যাকে পাঠিয়েছেন সেই পূন্যবান পুরুষ। যিনি স্রষ্টার সাধনা করে চোখ বুঁজেই দেখতে পান অনেক কিছু। তিনি দেখেছেন হোসনা বানু পাতালপুরী অভিযান বিজয় করে ফিরে আসছে। তাই তিনি ওর সাহায্যের জন্য পাঠিয়েছেন এই উট। হোসনা বানু সেই উটে চড়ে সবাইকে নিয়ে ফিরে এলো বাড়িতে। বারোটা গ্রাম থেকে হারিয়ে যাওয়া ছেলে-মেয়েরাও ফিরে গেলো নিজেদের গ্রামে। হোসনা বানুর মা ও গ্রামের সবাই ভীষণ আনন্দে বীরের মতো বরণ করে নিলো হোসনা বানুকে। সকল ছেলে-মেয়ের মা বাবা তাদের সন্তানদের ফিরে পেয়ে প্রাণ ভরে দোয়া করলেন ওকে। লুলুশিয়া গ্রাম আবার মেতে উঠলো হাসি আর আনন্দে। কিন্তু জানো তো, শুধু হাসি আনন্দের মাঝে জীবন কাটানো একঘেঁয়ে। এই একঘেঁয়ে জীবন ভালো লাগে না হোসনা বানুর। তাই সে অপেক্ষা করে নতুন কোনো অ্যাডভেঞ্চারের। যদি সুযোগ হয় তো আবার সে বেরিয়ে পড়বে নতুন কোনো অভিযানে। যাবে নতুন কোনো রাজ্যে।

বাবাহারা এই ছোট্ট মেয়েটা সবাইকে খুশি রাখার চেষ্টা করে সবসময়। কিন্তু নিজের মনে একটা ছোট্ট প্রশ্ন সবসময় থাকে। কোথায় হারিয়ে গেছে তার বাবা? সে কী মরে গেছেন নাকি বেঁচে আছেন? থাকলে কোথায় আছেন? জানে না হোসনা বানু। ওর মা কোনো এক রহস্যময় কারণে এই ব্যাপারে কিছুই বলেন না। তবে হয়তো বলবেন একদিন। হোসনা বানু নেই অপেক্ষায় থাকে। আর থাকে নতুন কোনো অ্যাডভেঞ্চারে যাবার সুযোগের অপেক্ষায়। যদি তোমাদেরও একঘেঁয়ে লাগে এই গৎবাঁধা জীবন আর যেতে মন চায় রহস্য রোমাঞ্চ আর অ্যাডভেঞ্চারের জগতে তবে জানিয়ে দিও। তাহলেই ছোট্ট ভালো মেয়ে হোসনা বানুকে নিয়ে আমরা আবার যাবো নতুন অ্যাডভেঞ্চারে। (সমাপ্ত)

প্রকাশকাল: এপ্রিল ২০২৫