Home Blog Page 114

হোসনা বানুর অ্যাডভেঞ্চার । পর্ব-১০

।।১০।।

নরখাদকের দ্বীপ

পাতালপুরী যাওয়ার সমুদ্র পথে শুরু হয় ঝড়। ভেঙে যায় হোসনা বানুর নৌকা । নৌকার ভাঙা একটা টুকরো ধরে সে ভাসতে থাকে সাগরের পানিতে। ভাসতে ভাসতে চলে আসে একটা দ্বীপে। দ্বীপে এসে বেহুঁশ হয়ে থাকে অনেকটা সময়। থেমে যায় ঝড়। হুঁশ হয় হোসনা বানুর। ‘আল্লাহকে অসংখ্য ধন্যবাদ যে এখনও বেঁচে আছি আমি’, হুঁশ ফিরে পাওয়ার পর বলে হোসনা বানু। খুব ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে হামাগুড়ি দিতে দিতে দ্বীপের দিকে এগোয়। দ্বীপে উঠে কিছুক্ষণ শুয়ে থাকে। ঝড় থেকে যদিও এ যাত্রায় সে বেঁচে যায়, তবে ঘটে যায় একটা বড়ো অঘটন। হোসনা বানু খেয়াল করে দেখে ওর পোঁটলাটা নেই। ক্লান্ত অবসন্ন শরীর নিয়েই বহু কষ্টে উঠে দাঁড়ায়। পাগলের মতো এদিক ওদিক ছুটোছুটি করে খুঁজতে থাকে ওর পোঁটলাটা। কোথাও নেই ওটা। হারিয়ে গেছে। ভেসে গেছে সমুদ্রে। তার মানে পথ নির্দেশক বাটি ও শেষ না হওয়া ফলের রসের বোতল, এসব কিছুই নেই। ঢেউয়ের আঘাতে হারিয়ে গেছে সমুদ্রের অতলে। এখন কী হবে ওর। কী করে চিনবে পাতালপুরীর বাকি পথ?  আর কী খেয়েই বা টিকে থাকবে বাকিটা সময়? হোসনা বানু ভাবনায় পড়লো। ওর মনে হলো ভেবে কোনো লাভ নেই, যা যাওয়ার তা গেছে। এখন নতুন করে নতুনভাবে চেষ্টা করতে হবে। হাল ছাড়া যাবে না। হোসনা বানু হাল ছেড়ে দেয়ার মেয়ে নয়। আছড়ে পাছড়ে আবার উঠে দাঁড়ালো। এগুতে লাগলো দ্বীপের উপরিভাগে। বেশ সবুজের সমারোহ দেখা যাচ্ছে সামনে। ওখান গেলে নিশ্চয়ই কোনো খাবার পাওয়া যাবে। এ মুহূর্তে সব থেকে বেশি দরকার হলো খাবার।

হোসনা বানু দ্বীপের উপরিভাগে জঙ্গলের ভিতরে গেলো। খুঁজতে খুঁজতে পেয়ে গেলো একটি কলা গাছ। পাকা কলা ঝুলছে গাছে। আরও পাওয়া গেলো পাকা পেঁপেসহ বেশ কিছু ফল। হোসনা বানু গাছ থেকে ফল পেড়ে পেট ভরে খেয়ে নিলো। সাথে করেও নিয়ে নিলো কিছু। যাক্, ক্ষুধার ঝামেলা তাহলে মিটলো। এখন খুঁজে পেতে হবে পাতালপুরীর পথ। আর সেখানে যাওয়ার ব্যবস্থাটাও করতে হবে দ্রুত। পথনির্দেশক বাটি হারিয়েছে তো কী হয়েছে? বিকল্প কোনো উপায় নিশ্চয়ই পাওয়া যাবে। তার আগে একটু বিশ্রাম চাই। দ্বীপ থেকে বেশ কিছু লতা পাতা তুলে আনলো হোসনা বানু। তাই দিয়ে তৈরি করলো একটা ঘর। রোদের তাপ থেকে রক্ষা পাওয়া যাবে অনায়াসে।

ওর পোঁটলার সাথে সব হারিয়ে গেলেও ওর ছোট্ট ছোরাটা হারায়নি। ওটা ছিলো ওর কোমরে গোঁজা। তাই রয়ে গেছে ছোরাটা। ওটা এসময় যে ওর কতটা উপকারে আসছে তা ভেবে নিজেকেই ধন্যবাদ দিলো হোসনা বানু। বললো, ‘অন্তত এটাকে রেখেছিলে কাছে। যে কারণে তুমি ধন্যবাদ পেতেই পারো হোসনা।’ তা না হলে তো এই দ্বীপে বেশ মুশকিলই হতো। এখন এটাই টিকে থাকার একমাত্র সহায়ক। হোসনা বানু ওর ক্লান্ত শরীরটা এলিয়ে দিলো দ্বীপের ডালপালা দিয়ে তৈরি বিছানায়। চার ঘণ্টা ঘুমিয়ে নেয়ার পরে ক্লান্তি অনেকটা কেটে গেছে। বেশ ঝরঝরে লাগছে এখন। দীর্ঘ সময়ের সমুদ্রযাত্রায় এরকম আরামদায়ক ঘুম হয়নি ওর। ঘুমের চাহিদাটা মিটেছে তবে ক্ষুধাটা আবারও মাথাচাড়া দিলো বলে মনে হলো। ফলের রস খেয়েই কাটিয়েছে এ কদিন। আজকে দ্বীপে এসে পাওয়া গেলো ফল। এখন যদি পাওয়া যেতো কোনো মাছ বা মাংস। হঠাৎ ওর মনে হলো, আরে আমি সমুদ্রের মাছ ধরার চেষ্টা করছি না কেনো ? ভাবনাটা আসতেই একটা গাছের ডাল কেটে নিলো। ডালের একটা মাথা ছোরা দিয়ে চেঁছে চোখা করে নেমে গেলো সমুদ্রে মাছ ধরতে। আগে এভাবে মাছ ধরার কোনো চেষ্টা করেনি সে। তাই কিছুটা সময় লাগলো। যদিও সমুদ্রে ধরার মতো মাছ ছিলো প্রচুর। তবু সেখান থেকে অনেক চেষ্টার পর মাত্র একটি মাছ ধরতে পারলো। তাতেই খুশি হলো হোসনা বানু। এবার এটাকে আগুনে পুড়িয়ে খেতে হবে। পাথরে ঘষে আগুন জ্বালানোর পদ্ধতি জানা ছিলো ওর। তাই শুকনো পাতা আর ডাল খুঁজে আগুন জ্বেলে নিতে বেশি সময় লাগলো না। তারপর সেই সামুদ্রিক মাছ পুড়িয়ে খেয়ে নিলো। বেশ কয়েকদিন পর মাছ খেতে ওর দারুণ ভালো লাগলো। মাঝারি আকারের মাছটি পুরোটাই খেয়ে ফেললো সে। খাওয়ার পরে মনে হলো বেশ তো আনন্দ। এখানে ফল আছে, মাছ আছে, ডালপালা দিয়ে ওর নিজের হাতে বানানো ঘর আছে। আর কী চাই? অনেক সুন্দর সবুজে ঘেরা এই দ্বীপে বেঁচে থাকার মতো সব আছে। এখানে থেকে যেতে পারলে তো মন্দ হতো না। নাহ্, তা কী করে হয়। সে তো এসেছে একটা অভিযানে। পাতালপুরী অভিযান। যেখান থেকে ওকে উদ্ধার করে আনতে হবে একশ জন ছেলেমেয়েকে। এবং তা এই চন্দ্র মাসের অমাবস্যার আগেই। তা না হলে ওদের সবার মাথা কেটে ফেলবে জাদুকর ডাইনি। এবার কী করা যায় ভাবছে হোসনা বানু।  একটা নৌকা তৈরি করতে হবে। কিন্তু পথ চিনবো কী করে? যে করেই হোক একটা উপায় বের করতেই হবে। ততক্ষণে সন্ধ্যা নেমে গেছে প্রায়। রাত নামার আর বেশিক্ষণ বাকি নাই। আজ ঘুমিয়ে থাকা ছাড়া আর কিছুই করার নেই। যা করার তা কাল সকালে করতে হবে। হোসনা বানু ওর জ্বালানো আগুনটাকে নিভতে দিলো না। সেখানে বড় বড় কয়েক টুকরো কাঠ এনে দিলো যেন রাতভর জ্বলতে থাকে। এতে করে সে তাপও পাবে আবার দ্বীপে কোনো জন্তু জানোয়ার থাকলে তার আক্রমণ থেকেও রক্ষা পাবে। হোসনা বানু অচেনা দ্বীপের একটা ডালপাতার ঘরে শুয়ে পড়লো। ঘুম এসে গেলো ওর দ্রুতই।

যখন ওর ঘুম ভাঙলো তখন শুরু হলো এক নতুন অধ্যায়। ওকে ঘিরে আছে একদল জংলী। ওরা এই দ্বীপের আদিবাসী। নরখাদক ওরা। জ্যান্ত মানুষ ধরে পুড়িয়ে খেয়ে ফেলে। তাদের সবার হাতে কাঠের বর্শা। ওরা সংখ্যায় কত হবে তা বোঝা যাচ্ছে না। কারণ ওরা গোল হয়ে হোসনা বানুকে ঘিরে নাচছে। ঘুরে ঘুরে নাচছে। নাচতে নাচতে কী যেন বলছে। মনে হচ্ছে যেন এক ঝাঁক শালিকের কিচিরমিচির। দুর্বোধ্য ভাষার সেই কথা কিছুই বোঝা যায় না। হতে পারে এভাবেই কথা বলে ওরা। ওরা যাই বলুক, হোসনা বানু যে বিপদে পড়েছে তা বুঝতে পারলো ভালোভাবেই। মেয়েটা নড়তে পারছে না। কেন নড়তে পারছে না? ও এতোক্ষণে খেয়াল করলো হাত, পা বাঁধা আছে ওর। জংলীগুলো ঘুমের ভেতরেই ওর হাত পা বেঁধে ফেলেছে। হোসনা বানু ওদেরকে কয়েক বার বললো, আমায় এভাবে বাঁধলে কেনো? কী দোষ আমার? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। আমাকে ছেড়ে দাও। ওর কথা কেউ শুনলোই না। সবাই মেতে রইলো আমোদে। অথবা ওর কথা কেউ বুঝতে পারলো না। জংলীগুলো নিজেদের সাংকেতিক ভাষা ছাড়া সভ্য জগতের কোনো ভাষা বোঝে না। জংলীদের বিদঘুটে নাচানাচি শেষ হলো। হোসনা বানুকে বাঁশের সাথে উল্টো করে বাঁধলো। বেঁধে ঝুলাতে ঝুলাতে নিয়ে যেতে লাগলো। দ্বীপের মাঝামাঝি কোনো একটা জায়গায় এসে থামলো ওরা।

চারদিকটা বেষ্টিত হয়ে আছে চেনা অচেনা গাছে। গাছের ডালপালা দিয়ে বানানো ছোট ছোট খুপরির মতো ঘর। একটা বড় উঠোন। উঠোনের মাথায় একটা চেয়ার বসানো। চেয়ারটা বানানো হয়েছে হাড় দিয়ে। বড় কোনো পশুর হাড় হবে নিশ্চয়ই। চারপাশে দাঁড়ানো জংলী আদিবাসী। এই উঠোনের মধ্যে এনে রাখা হলো হোসনা বানুকে। পায়ের বাঁধন খুলে দাঁড় করানো হলো উঠোনের মাঝে। হাতের বাঁধন খোলা হলো না। চারপাশে দাঁড়ানো জংলীগুলো বিশ্রীভাবে চিৎকার করতে লাগলো। মনে হচ্ছে যেন অভুক্ত হিংস্র অসংখ্য নেকড়ের মাঝখানে একটা স্বাস্থ্যবান হরিণ হয়ে দাঁড়িয়ে আছে হোসনা বানু। যেকোনো সময় নেকড়েগুলো ঝাঁপিয়ে পড়বে ওর উপর। কিছুক্ষণ পরেই এক বিশাল দানবের মতো শরীর নিয়ে হেঁটে এলো একজন অদ্ভুত মানুষ। উঠোনে রাখা সেই হাড়ের চেয়ারে এসে বসলো সে। দেখেই মনে হলো এই লোকটা এই জংলী আদিবাসীদের সর্দার। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ সে আসার সাথে সাথেই জংলীগুলো হইচই বন্ধ করে দিয়েছে। আর মাথা নিচু করে তাকে সম্মান দেখিয়েছে। জংলী সর্দারের গায়ের রঙ মিশমিশে কালো। ইয়া মোটা শরীর। শরীর ভরা থলথলে মাংস। সারা শরীরে মাখানো তেল। দেখে মনে হয় গোলগাল একটা কালো মাংসের পিণ্ড। তেলতেলে গোলগাল মাংসের পিণ্ডটা হেঁটে হেঁটে গিয়ে বসলো সেই হাড়ের চেয়ারে। এই চেয়ারটা মজবুত হাড় দিয়ে তৈরি না হলে ওর ওজনে নিশ্চিত ভেঙে যেতো। জংলী সর্দারের বসার পর একজন জংলী তার সামনে হাঁটু গেড়ে বসলো। বসে হোসনা বানুর ব্যাপারে সর্দারকে  কিছু একটা বললো।

কী বললো তা কিছু বোঝা গেলো না। শুধু এটুকু বোঝা গেলো যে ভালো কিছু বলেনি। ইশারায় বা বাচনভঙ্গিতে মনে হলো যে জংলীগুলো ওকে শিকার করে নিয়ে এসেছে। এখন সর্দার বললেই ওরা সবাই মজা করে ওকে খেয়ে ফেলবে।

সর্দার হোসনা বানুকে দেখে ওর কাছে আসলো। এসে তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করা শুরু করলো। কিছুক্ষণ দেখে আবার ফিরে গেলো নিজের চেয়ারের কাছে। গিয়ে অদ্ভুত ভঙ্গিতে তিনটা লাফ দিলো। তার এই অদ্ভুত লাফ দেখে পুরো জংলীপাড়া নেচে উঠলো। সব জংলী তার মতো করে লাফাতে লাগলো। এভাবে কাটলো আরও কিছু সময়। তারপর সর্দার সবার উদ্দেশ্যে কিছু একটা নির্দেশ দিলো। নির্দেশ পেয়ে সবাই আরও একবার উল্লাসে চিৎকার করলো। জংলী সর্দার উঠে চলে গেলো। দুজন জংলী হোসনা বানুকে ধরে নিয়ে গেলো একটা খোলা মাঠের প্রান্তে। সেখানে ওকে বাঁধা হলো একটা খুঁটির সাথে। বাকি জংলীগুলো সাথে এসে কিছুক্ষণ হইহই করলো। তারপর চলে গেলো অনেকেই। একজন ওর জন্য খাবার নিয়ে এলো। সম্ভবত কোনো পাখির পোড়া মাংস আর অপরিচিত কোনো ফল। যদিও হোসনা বানুর ক্ষুধা পেয়েছে খুব, তবে সে খেলো না ওই খাবার। নোংরা জংলীদের খাবার দেখেই মুখ ফিরিয়ে নিলো। একটা জংলী জোর করে সামান্য পোড়া মাংস ওর মুখে দিতে গেলে বিশ্রী গন্ধে ওই জংলীর গায়ে বমি করে দিলো হোসনা বানু। জংলীটা রেগে চেঁচিয়ে কী যেন বললো। এবং ঠাস ঠাস করে দুটো থাপ্পড় বসালো ওর গালে। হোসনা বানু বুঝতে পারলো, ভয়ংকর কিছু ঘটতে যাচ্ছে। ভীষণ শক্ত করে বাঁধা আছে হোসনা বানু। নড়াচড়া করার সুযোগ নাই। ওকে মেরে বাঁধনটা আরও শক্ত করে রেখে জংলীটা চলে গেলো। এভাবে কেটে গেলো প্রায় সারাদিন। সন্ধ্যা নামলো আকাশের সিঁড়ি বেয়ে। ছয়জন জংলী থাকলো পাহারায়। ওর থেকে কিছুটা সামনে আগুন জ্বেলে ওরা নিজেদের মতো আনন্দ করছিলো। হোসনা বানু অসহায় হলেও সাহসহারা হলো না। হতাশ হলো না। ওর তখন মনে পড়লো হারিয়ে যাওয়া ছেলেমেয়েদের কথা, তাদের মায়েদের কথা। ও নিজে এখান থেকে মুক্তি না পেলে তো ওদেরকে মুক্ত করতে পারবে না। তাই আল্লাহর কাছে সাহায্য চাইলো হোসনা বানু। ওর দু’চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়লো। এসময় একটা শকুন কোথা থেকে উড়ে এসে বসলো হোসনা বানুর ঘাড়ে। বললো- এই মেয়ে, কাঁদিস কেনো? পালাতে হবে তোকে। নইলে ওরা জীবন্ত পুড়িয়ে খাবে। এই জংলীগুলো সব নরখাদক। বাঁচতে চাইলে পালা। আমি তোর বাঁধন আলগা করে দেই। আর কিছুক্ষণ পরে যখন রাত নামবে তখন ওরা কয়েকজন ঘুমিয়ে গেলে পালাবি। এখন পালাতে গেলে ধরা পড়ে যাবি। আর শোন, আমি জানি যে তুই সমুদ্রের অতলান্তে পাতালপুরীতে যেতে চাস। আমি বলে দিচ্ছি তোর পথ। এখান থেকে পালিয়ে গিয়ে ভোরে সোজা পূর্ব দিকের সমুদ্রে যাবি। সেখানে একজন বয়স্ক কাছিম আছে। তার কাছে আছে পাতালপুরীর ঠিকানা। সে তোকে সাহায্য করতে পারবে। এই রাতের শেষভাগে তুই পালাবি এখান থেকে।

এই বলে শকুন ওর বাঁধন আলগা করে দিয়ে উড়ে গেলো। ওকে ধন্যবাদ জানানোর সুযোগটুকুও দিলো না। হোসনা বানু এমনভাবে দাঁড়িয়ে রইলো, যেন মনে হয় ও বাঁধাই আছে। পাহারায় থাকা জংলীগুলো নিশ্চিন্তে হইচই করে সময় কাটাতে লাগলো। বাতাসের মৃদু ঝংকারে রাত বেড়ে চললো। তখন রাতের শেষ ভাগ। দুজন জংলী ছাড়া বাকিরা ঘুমিয়ে গেছে। হোসনা বানু আলগা করা রশি খুলে নিজেকে মুক্ত করলো। তারপর ঝেড়ে দিলো দৌড়। দৌড়াতে লাগলো সোজা পূর্ব দিকে। অল্প সময়ের মধ্যেই জংলীগুলো চিৎকার করে ধাওয়া করতে লাগলো। ভাগ্য ভালো যে পথটা ছোটখাটো গাছ গাছালিতে ঘেরা ছিলো। তাই ওদেরকে ফাঁকি দিয়ে ছুটতে পারছে হোসনা বানু। তবু জংলীর দল ওর খুব কাছে চলে এসেছে। জংলীরা বর্শা ছুঁড়ে মারছে ওর দিকে। একটা বর্শা একটুর জন্য বিঁধলো না ওর পিঠে। পেটে ক্ষুধা থাকায় ছুটতে কষ্ট হচ্ছিলো ওর খুব। হোসনা বানু একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়লো। হাতে নিয়ে নিলো ওর ছোরাটা। একটা জংলী ওকে দেখে যেই কাছে আসলো, তখন ঝাঁপিয়ে পড়ে ছোরাটা গেঁথে দিলো একটা চোখের ভিতর। জংলীটার ভয়ানক আর্তচিৎকার শুনে ছুটে এলো আরও একজন। হোসনা বানু দ্রুত সরে গিয়ে ওইটার কানের ভিতর গেঁথে দিলো ছোরার ফলা। বাকি জংলীগুলো কিছুক্ষণের জন্য ভয় পেয়ে গেলো। এ সুযোগে হোসনা বানু ঘন ঝোপের আড়ালে চলে যেতে লাগলো সমুদ্রের পাড়ে সেই বয়স্ক কাছিমের কাছে। হোসনা বানু কি পারবে সেই কাছিমের কাছে যেতে?

(আগামী সংখ্যায় সমাপ্য)

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৫

হোসনা বানুর অ্যাডভেঞ্চার । পর্ব-৯

।।৯।।

সমুদ্র অভিযান

হোসনা বানু যাবে পাতালপুরীতে। সেখানে ডাইনি জাদুকর বন্দি করে রেখেছে ১০০জন নিষ্পাপ ছেলেমেয়েকে। যাদের সবার বয়স বারো বছরের কাছাকাছি। আসছে চন্দ্র মাসের অমাবস্যায় সবার বয়স হবে বারো বছর। সেই রাতেই শয়তানের উদ্দেশ্যে বলি দেয়া হবে ওদের। তার আগেই হোসনা বানুকে পৌঁছাতে হবে পাতালপুরীর সেই গোপন ঘরে, যেখানে বন্দি আছে ওরা। ওদেরকে উদ্ধার করবে হোসনা বানু। পুণ্যবান ব্যক্তির কাছ থেকে ও পেয়েছে একটা বিশেষ বাটি। যেটাতে দেখা যাবে পাতালপুরীর রাস্তা। এ ছাড়াও ওকে দেয়া হয়েছে ছোট্ট এক বোতল ফলের রস। যেটা কখনো শেষ হবে না। হোসনা বানুর দীর্ঘ যাত্রাপথে ক্ষুধা ও তৃষ্ণা মেটাবে এই ফলের রস। প্রয়োজনের সময় খেয়ে নিলে দেখা যাবে শেষ হয়ে গেছে রস। এরপর ব্যাগে রেখে দিলে আবার আপনাআপনি ফলের রসে ভরে যাবে বোতল। তখন আবার খাওয়া যাবে। শেষ হয়ে গেলে আবার ভরে যাবে। এমন করে চলতেই থাকবে। মোট কথা কখনোই শেষ হবে না এই বোতলের ফলের রস। পুণ্যবান পুরুষের কাছ থেকে এই জিনিসগুলো উপহার পেয়ে কৃতজ্ঞতা জানালো হোসনা বানু। তারপর বিদায় নিয়ে রওয়ানা হয়ে গেলো পাতালপুরীর উদ্দেশ্যে।

হোসনা বানু পুণ্যবান পুরুষের দেয়া রাস্তা দেখার বাটির দিকে তাকালো। মনে মনে ভাবলো তার গন্তব্যের কথা। সাথে সাথে বাটির গায়ে দেখা গেলো পাতালপুরীতে যাওয়ার নির্দেশনা। অনেক দীর্ঘপথ সেটা। অর্ধেকটা পথ মরুভূমি আর অর্ধেকটা পথ সমুদ্র। মরুভূমির পথ পায়ে হেঁটে পেরোতে লাগবে আঠারো দিন। আর উটের পিঠে গেলে লাগবে বারো দিন। তারপর পাওয়া যাবে সমুদ্র। সমুদ্রের পথে নৌকায় বা কোনো ভেলায় গেলে সোজা যেতে হবে ছয় দিন। তারপর ডুবে যেতে হবে তলদেশ দিয়ে। সেখানেও লাগবে তিন দিন। এরপর পাওয়া যাবে অন্ধকার গুহা। সেই সমুদ্রের তলদেশের অন্ধকার গুহা দিয়ে চলতে হবে বারো ঘণ্টা। তবেই পাওয়া যাবে ডাইনি যাদুকরের গোপন ঘর। যেখানে বন্দি আছে ১০০জন নিষ্পাপ ছেলেমেয়ে। হোসনা বানুর সাথে আছে ওর প্রিয় সাদা গাধা। এই গাধাটাকে সাথে নিয়ে এই পুরোটা পথ পাড়ি দেয়া যাবে না। গাধাটাকে নিয়ে গেলো শুধু সেই পর্যন্ত, যেইখানে শেষ হয়েছে লোকালয়। লোকালয় শেষ হয়ে যেখান থেকে  শুরু হয়েছে মরুভূমি সেখানে থামলো হোসনা বানু। একটা উট কিনতে হবে এখন। মরুভূমিতে চলার জন্য উট খুবই উপযোগী। হোসনা বানু খুঁজে খুঁজে দেখা করলো একজন ব্যবসায়ী আদিবাসীর সাথে। একটা উট কিনে নিলো তার কাছ থেকে। বিনিময়ে দিতে হলো কিছু রৌপ্যমুদ্রা। আরও দিয়ে দিলো ওর সাদা গাধাটাকে। কারণ গাধাটাকে আর নিয়ে যাওয়া সম্ভব না। সামনে সুবিশাল মরুভূমি। সাদা গাধাটা ছিলো হোসনা বানুর ভীষণ প্রিয়। গাধাটাও ওকে ভালোবাসতো খুব। তাই ব্যবসায়ীর সাথে একটা শর্ত রাখলো হোসনা বানু। তা হলো আবার যদি গাধাটাকে ফিরিয়ে নিতে চায় তবে সে যেন দিয়ে দেয়। ব্যবসায়ী শর্ত মেনেই রেখে দিলো ওর প্রিয় সাদা গাধাটাকে।

মরুভূমির বালুরাশির উপর দিয়ে চলতে থাকলো হোসনা বানু। এই পথে ওকে চলতে হবে বারো দিন। তাই উটের জন্য নিয়ে নিলো পর্যাপ্ত খাবার। আর নিজের জন্য কিছুই নিতে হলো না। কারণ ওর কাছে আছে শেষ না হওয়া ফলের রসের বোতল। চলতে চলতে চলতে হোসনা বানু কত মাইল পথ যে চললো সে হিসেব কেউ রাখলো না। সেই পর্যন্ত ওরা থামলো না যেই পর্যন্ত দিনের আলো থাকে। রাত নেমে এলে ওরা বিশ্রাম নেয়। উটকে খেতে দিয়ে নিজে খায় শেষ না হওয়া বোতলের ফলের রস। তারপর উটের গায়ে হেলান দিয়ে ঘুমায় হোসনা বানু। সকালের আলো ফুটতেই আবার চলতে থাকে। এমন করে চলতে চলতে কেটে গেলো ছয় দিন। এই সময়টায় তেমন কোনো ঝামেলায় পড়তে হয়নি হোসনা বানুকে। বেশ বিপদমুক্তভাবেই কাটতে লাগলো সময়। যেভাবে ও চলছে এভাবে চলতে পারলে হয়তো নির্ধারিত সময়ের আগেই পৌঁছে যেতে পারবে গন্তব্যে। কিন্তু কেন যেন সরল পথ বেশিক্ষণ স্থায়ী হয় না। তাই এবার বোধ হয় একটা বিপদ এসেই গেলো হোসনা বানুর সামনে। তখন দুপুর গড়িয়ে মাত্র বিকেল নেমেছে। সূর্যের তপ্ত রোদকে আড়াল করেছে মেঘ। ধীরে ধীরে আকাশ কালো করে ঘিরে ফেলেছে বড়ো বড়ো মেঘের খণ্ড। শুরু হলো হালকা বাতাস। কিন্তু হালকা বাতাস আর হালকা থাকলো না। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো মরুঝড়। মরুঝড়ের তাণ্ডব হয় ভীষণ ভয়ানক। হোসনা বানু সাহসী মেয়ে। তবুও ওর মুখে ফুটে উঠলো ভয়ের ছাপ। ভয়ানক দৈত্য, ডাইনোসর, অক্টোপাস অথবা জাদুকরদের সাথে লড়াই করার অভিজ্ঞতা ওর আছে। কিন্তু এই খোলা মরুঝড়ের সাথে তো লড়াই চলে না। এটা প্রাকৃতিক বিপদ। এই রকম বিপদে নিজেকে শান্ত রাখতে হয়। আর বুদ্ধি করে নিজেকে রক্ষা করতে হয়। এই বিশাল বিস্তৃত শূন্য মরুভূমিতে একা হোসনা বানু।  সাথে ওর বাহন একমাত্র উট। কী হবে এখন হোসনা বানুর। ভাবতে লাগলো ঠান্ডা মাথায়। ততক্ষণে ঝড়ের তাণ্ডব বেড়েই চললো। প্রচণ্ড বাতাসে উড়িয়ে দিচ্ছে মরুভূমির বালু। ঝড়ো বাতাসে চোখ মেলে থাকার কোনো উপায় নেই। হোসনা বানুর উট আর সামনে এগোতে পারলো না। হাঁটু গেড়ে বসে পড়লো বালুর উপরে। উট হোসনা বানুকে সান্ত্বনা দিয়ে বললো, তুমি ভয় পাও কেন মেয়ে? আমি তো আছি তোমার সাথে। এই রকম মরুঝড় মোকাবেলা করার অভিজ্ঞতা আমার আছে। আমার শরীরের আড়ালে বসে থাকবে তুমি। চোখে-মুখে একটা কাপড় বেঁধে নিও, যেন বালু ঢুকতে না পারে। যতক্ষণ ঝড় না থামবে ততক্ষণ দাঁড়াবে না। যত সময় লাগুক আমার আড়ালে মুখ নিচু করে বসে থাকবে। এই বিপদ কেটে যাবে ইনশাআল্লাহ। এই বলে উট বালুর ভেতরে মুখ গুঁজে বসে পড়লো। হোসনা বানু একটা কাপড় দিয়ে খুব শক্ত করে মুখ ঢাকলো।

তারপর উটের শরীরের আড়ালে বসে পড়লো। ওদিকে ঝড়ের বাতাস বেড়ে গেলো আরো। সমস্ত মরুভূমিটা যেন ওলটপালট হয়ে যাচ্ছে। মরুঝড় যে এতো ভয়ানক তা জানা ছিলো না হোসনা বানুর। ভীষণ রকম অগোছালো হয়ে উঠলো মরুভূমি। হোসনা বানু উটের আড়ালে চোখ মুখ বন্ধ করে বসে রইলো শক্ত হয়ে। ঝড়ের উড়িয়ে দেওয়া বালুর স্তর জমা হতে লাগলো ওদের শরীরের উপর। ভয়াল এই মরুঝড়ের রাত যেন শেষ হতে চায় না। এই প্রলয়ঙ্কর ঝড়ের মধ্যেই কেটে গেলো এক রাত। অথচ হোসনা বানুর কাছে মনে হলো যেন কত বছর কেটে যাচ্ছে কিন্তু ঝড় থামছে না। রাতের কালো চাদর ফুঁড়ে বেরিয়ে এলো সকাল। থেমে গেছে ঝড়। উট আর হোসনা বানুর শরীরের উপর স্তুপ হয়ে আছে বালু। অন্তত দুই হাত বালুর নিচে চাপা পড়েছে ওরা। প্রথমে উট উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। বেশ কষ্ট হলো এই বালুর স্তুপ ভেঙে বেরোতে। তবে উঠতে পারলো। উট উঠে দাঁড়ানোর পরে হোসনা বানুর জন্য সহজ হয়ে গেলো উঠে দাঁড়ানো। উঠে দাঁড়ালো হোসনা বানুও। এই মরুঝড়ের মধ্যে আটকে থেকে অনেক কষ্ট হয়েছে ওর। উটেরও কষ্ট কম হয়নি। হোসনা বানুকে আড়াল করে বাতাস ও বালুর ঝাপটা ওকেই নিতে হয়েছে বেশি। তাই বোঝাই যাচ্ছে যে ভীষণ ক্লান্ত আর তৃষ্ণায় কাতর হয়ে গেছে বেচারা। হোসনা বানু উটের পিঠে করে বয়ে আনা খাবার বের করে খেতে দিলো উটকে। আর নিজে খেলো শেষ না হওয়া বোতলের ফলের রস। গতকালকের মরুভূমি ছিলো বিছানো পাটির মতো সুন্দর। কিন্তু আজকের মরুভূমি একদম ভিন্ন রকম। লণ্ডভণ্ড এক ভূতুড়ে উদ্যান যেন। সম্পূর্ণ অপরিচিত একখণ্ড বিশাল বালুর সমুদ্র যেন। যত অপরিচিতই মনে হোক না কেন, থামা যাবে না। এগিয়ে যেতেই হবে ওকে। আবার রওয়ানা হলো ওরা। চলতে থাকলো মরুর পথ ধরে। দিক ঠিকানা ঠিক রাখার জন্য সেই পুণ্যবান পুরুষের দেয়া বাটি দেখতে হলো কয়েকবার। এটা না থাকলে এই বিস্তৃত মরুভূমির পথ চিনে চলা অসম্ভব ছিলো। হোসনা বানু চলছে উটের পিঠে। চলছে তো চলছেই। চলতে চলতে কেটে গেলো আরও ছয়দিন। এই সময়ে ওরা কত মাইল পথ যে অতিক্রম করলো সে হিসেব কেউ রাখলো না। তবে লক্ষ্য ঠিক রেখে একাগ্রতার সাথে এগিয়ে যেতে পারলে যে কোনো পথেরই শেষ পর্যন্ত যাওয়া যায়। তাই হোসনা বানুর মরুপথও একসময় শেষ হলো। হোসনা বানু পৌঁছল সমুদ্রের কাছে।

বিস্তৃত জলরাশির সমুদ্র। এখন ওকে যেতে হবে এই সমুদ্রের উপর দিয়ে। ভেসে ভেসে যেতে হবে অনেক দীর্ঘ সময়। ছয়দিন লাগবে নৌকায় করে গেলে। কিন্তু নৌকা কোথায় পাবে এখন? সামনে অগাধ সমুদ্র। শুধু পানি আর পানি। হোসনা বানু চিন্তিত চোখে তাকালো আকাশের দিকে। সেসময় আকাশে দেখা গেলো একটা খয়েরি ডানার বাজ পাখিকে। হোসনা বানু হাতের ইশারায় ডাকলো বাজ পাখিটাকে। সাথে সাথেই বাজটি নেমে এলো নিচে। হোসনা বানু জানতে চাইলো, তুমি কি আমার সেই বাজ বন্ধু, যার সাথে দেখা হয়েছিলো আগুনমুখো ডাইনোসরের জঙ্গলে? বাজপাখি বলল, না, আমি সেই বাজ নই। তবে আমি জানি তোমাদের সেই গল্প। তুমি আমাদের স্বগোত্রের এক বাজপাখিকে বাঁচিয়েছিলে সাপের মুখ থেকে। তোমার সাহায্যের কথা সেই বাজ আমাদের সবার কাছেই বলেছে। তাই গল্পটি আমাদের অজানা নয়। এটাও বলেছে যে, যদি তোমার কখনো সাহায্য রকার হয় তবে আমরা যেন অবশ্যই সাহায্য করি। এখন বলো আমি তোমার কী সাহায্য করতে পারি? হোসনা বানু বলল, আল্লাহকে ধন্যবাদ যে তোমাকে পেয়ে গেছি। আমার জন্য একটা নৌকা ভীষণ দরকার। আমি যাবো পাতালপুরীতে। এখান থেকে সোজা পুব দিকে ছয়দিন ভেসে যেতে হবে আমাকে। এভাবে গেলেই আমি সমুদ্রের তলদেশের রাস্তা পেয়ে যাবো। তারপর সেখান থেকে যাবো পাতালপুরীতে। আমাকে নৌকা তৈরিতে সাহায্য করতে হবে। বাজপাখি বললো, বুঝে গেছি। আর বলতে হবে না। তুমি অপেক্ষা করো। আমি এ অঞ্চলের সমস্ত বাজপাখিকে সাথে নিয়ে শুকনো খড়কুটো, গাছের ডালপালা নিয়ে আসছি। তারপর বানিয়ে দেবো নৌকো। উড়ে গেলো বাজ। অপেক্ষা করতে থাকলো হোসনা বানু। খুব বেশি সময় অপেক্ষা করতে হলো না। হোসনা বানু তাকিয়ে দেখলো আকাশ কালো করে ঝাঁকে ঝাঁকে বাজপাখিরা আসছে। সবাই ঠোঁটে করে শুকনো ডালপালা ও খড়কুটো এনে জড়ো করলো সমুদ্রের পাড়ে। অনেক অনেক ডালপালা আর খড়কুটো জমা হয়ে গেলো। এরপর ওরা তৈরি করতে লাগলো নৌকো। অল্প সময়ের মধ্যেই বেশ শক্ত পোক্ত মাঝারি আকারের একটা নৌকো তৈরি করে ফেললো বাজ পাখিরা। হোসনা বানু ভীষণ খুশি হলো ওদের সহযোগিতা পেয়ে। অনেক অনেক ধন্যবাদ জানিয়ে উঠে বসলো নৌকোয়। বাজপাখিরা ওকে শুভকামনা জানিয়ে চলে উড়ে চলে গেলো সবাই।

হোসনা বানু বাটিতে দেখলো পাতালপুরীতে যাবার সমুদ্র পথের দিক। তারপর সোজা পুব বরাবর নৌকো নিয়ে চলতে থাকলো। চলতে চলতে অথই সমুদ্রের কতটুকু নীল যে পেরোলো সেই হিসেব কেউ রাখলো না। চারপাশে দিগন্ত বিস্তৃত জলরাশি ছাড়া আর কিছুই চোখে পড়ে না। মাথার উপর গনগনে সূর্য। রোদের তাপে হোসনা বানুর ভীষণ গরম লাগছে। বৈঠা বাইতেও কষ্ট হচ্ছে খুব। তবু সে থামছে না। যাচ্ছে তো যাচ্ছেই। এভাবে যেতে যেতে যেতে কেটে গেলো তিন দিন তিন রাত। নামলো এক মন খারাপের ভোর। আজকের আকাশটা অন্যরকম। সূর্যের দেখা নেই। আকাশ ভরা মেঘ। মেঘেদের রংটাও কেমন বিমর্ষ। চতুর্থ দিনের ভোরে হোসনা বানু বেশ খানিকটা ক্লান্ত হয়ে গেলো। বৈঠা চালানোর মতো শক্তি পাচ্ছে না সে। কিন্তু থামলে তো চলবে না। সময় চলে যাচ্ছে দ্রুত। আসছে চন্দ্রমাসের অমাবস্যার রাতের আগেই যেতে হবে পাতালপুরীতে। কারণ ওই রাতেই সব ছেলে-মেয়ের বারো বছর পূর্ণ হবে। আর তখনই বলি দেয়া হবে ওদের। যদিও বেশ কয়েকদিন সময় এখনও বাকি আছে। তবুও হোসনা বানু কোনো রকম ঝুঁকি নিতে চায় না। বলা তো যায় না, সামনে আর কত বিপদ ওঁত পেতে আছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছতে হবে পাতালপুরীতে। ফলের রসের বোতল থেকে রস খেয়ে নিয়ে বৈঠা চালায় হোসনা বানু। তবে বেশিক্ষণ চালাতে পারে না। আকাশের মেঘের রং কালো থেকে আরো কালো হয়ে যায়। বাতাস বইতে থাকে। বাতাসের সাথে প্রবল ঢেউ ওঠে সমুদ্রে। কেমন হঠাৎ পাল্টে যায় আকাশ। ভয়ানক হয়ে যায় সমুদ্র। ভীষণ ঝড় ওঠে সমুদ্রে। অপ্রস্তুত আর ভীত হয়ে পড়ে হোসনা বানু। ডালপালা আর খড়কুটো দিয়ে বানানো নৌকোর কি এমন সাধ্য আছে এই ঝড়ের সাথে লড়াই করার! হোসনা বানু তবুও চেষ্টা করে। বিশাল বড়ো বড়ো ঢেউ আছড়ে পড়ে ওর নৌকায়। ঢেউয়ের গতির কাছে ওর নৌকা খুবই দুর্বল। তবুও সর্বোচ্চ চেষ্টা করে হোসনা বানু। তবে বেশিক্ষণ টিকে থাকতে পারে না। ঝড়ের তাণ্ডব চলতেই থাকে। বিশাল ঢেউয়ের আঘাতে ভেঙে যায় হোসনা বানুর খড়কুটোর নৌকো। ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে যায় সমুদ্রের ঢেউয়ের সাথে। হোসনা বানু অনেক চেষ্টা করে একটা ভাঙা অংশ ধরে রাখে বুকের সাথে।

সমুদ্রের মাতাল ঝড়ের সাথে টিকে থাকা সম্ভব হয় না ওর। ঝড় ওকে কোথায় ভাসিয়ে নিয়ে যায় তা জানে না হোসনা বানু। তবে প্রাণপণে আকড়ে ধরে রাখে নৌকার ভাঙা অংশটা। অতল সমুদ্রের ঢেউয়ে ভেঙে গেছে হোসনা বানুর খড়কুটোর নৌকো। ঝড়ের সাথে লড়তে লড়তে পরিশ্রান্ত হোসনা বানু হুঁশ হারিয়ে ফেলে। হারিয়ে যায় ওর সাথের পোঁটলা। পোঁটলায় বাঁধা বাটি বোতল কৌটা সব ভেসে গেছে অথই সমুদ্রের বুকে। হোসনা বানু ভাসতে থাকে নৌকার ভাঙা একটা টুকরো ধরে। হোসনা বানু ভেসে ভেসে কোথায় যায়? এই অথই সমুদ্র ওকে কোথায় নিয়ে যায় ভাসিয়ে? সামনে আর কী বিপদ অপেক্ষা করছে ওর জন্য?

সে কি শেষ পর্যন্ত যেতে পারবে পাতালপুরীতে? তা জানতে হলে তোমাদের যেতে হবে পরের পর্বে।

(চলবে…)

প্রকাশকাল: জানুয়ারি ২০২৫

হোসনা বানুর অ্যাডভেঞ্চার । পর্ব-৮

।।৮।।

হারিয়ে যাওয়া ছেলেমেয়েরা

হোসনা বানুর বন্ধুরা হারিয়ে গেছে। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেলো, কীভাবে গেলো, কেন গেলো তা কেউ জানে না। হোসনা বানু ফিরে এসেছে জাদুর পাহাড় বিজয় করে। এই আনন্দে গাঁয়ের সবাই উৎসবে মেতে ছিলো। এই সময়েই উধাও হয়ে গেছে গাঁয়ের অনেক ছেলেমেয়ে। তাদের মধ্যে আছে নূর বানু, সাজিদা, ইসমাইল ও আব্দুর রহিম। এরা হলো হোসনা বানুর বন্ধু। এরা সহ দশজন ছেলে মেয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না। লুলুশিয়া গ্রামের সবার আনন্দ পরিণত হয়েছে শোকে। এতোগুলো ছেলেমেয়ে হঠাৎ করে কোথায় গেলো? প্রায় সারা গ্রাম খোঁজ করেও পাওয়া গেলো না ওদের। কী হতে পারে, কোথায় যেতে পারে, ভাবতে বসলো সবাই। ভাবতে বসলো হোসনা বানু। হারিয়ে যাওয়া ছেলেমেয়েদের মা বাবারা আসলো হোসনা বানুর কাছে। হোসনা বানু এই গ্রামের সব থেকে সাহসী আর বুদ্ধিমতী মেয়ে। একমাত্র ও’ই পারবে হারিয়ে যাওয়া ছেলেমেয়েদের উদ্ধার করতে। এটাই বিশ্বাস করে এই গ্রামের সবাই। তাই ওকে ঘিরে শুরু হয়েছে কান্নাকাটির রোল। হোসনা বানু সবাইকে সান্ত্বনা দেয়। বলে, আমি হারিয়ে যাওয়া সবাইকে খুঁজে বের করবো। ওরা যেখানেই থাক্ ইনশাআল্লাহ উদ্ধার করবোই। তবে সেজন্য আমাকে সময় দিতে হবে। আমায় ভাবতে হবে কেন ওরা এভাবে হঠাৎ করে হারিয়ে গেলো। তোমরা কিচ্ছু চিন্তা করো না। দেখে নিও, ওদের আমি ফিরিয়ে আনবোই। এখন সবাই সবার বাড়িতে যাও, আমি ভেবে দেখি কী করা যায়। তোমরা শুধু ওদের নাম বয়স আর শেষবার কোথায় দেখেছিলে তা বলে দিয়ে যাও। হোসনা বানুর কথায় আশ্বস্ত হয়ে সবাই চলে গেলো নিজের বাড়িতে। যাবার আগে বলে দিয়ে গেলো নাম বয়স আর শেষ কোথায় দেখা হয়েছিলো।

ভাবতে বসলো হোসনা বানু। ভেবে বের করার চেষ্টা করতে লাগলো কোনো সূত্র পাওয়া যায় কি না। ওর হাতে হারিয়ে যাওয়া দশজন ছেলেমেয়ের নাম। হারিয়ে যাওয়া ওরা সবাই বেশ দুরন্ত ছেলেমেয়ে। সবার বয়স খুবই কাছাকাছি। শুধু কাছাকাছিই না, প্রায় এক বয়সী। হারিয়ে যাওয়া সব ছেলেমেয়ের বয়স বারো বছর ছুঁই ছুঁই। হোসনা বানুর বয়স বারো পেরিয়ে গেছে। তার মানে সবাই প্রায় ওর বয়সীই। ছেলেমেয়েগুলো দুরন্ত হলেও একা একা কোথাও যাবার মতো সাহসী না। ওদের পাওয়া যাচ্ছে না প্রায় একই সময় হতে। তার মানে হয়তো ওরা দল বেঁধে কোথাও গেছে অথবা ওদের কেউ নিয়ে গেছে। দল বেঁধে কোথাও যাবার সম্ভাবনা কম। কারণ ওরা সবাই এক জায়গা থেকে হারায়নি। হারিয়েছে আলাদা আলাদা জায়গা থেকে। তাহলে ওদের কেউ ধরে নিয়ে গেছে। সবাইকে কোনো একজন ধরে নিয়ে গেছে সেটাও তো সম্ভব না। যদি এমন হয় যে দশজনকে দশজন ধরে নিয়ে গেছে তবে ওরা একই চক্রের। কেন একই সময়ে একই বয়সের এতোজন ছেলেমেয়েকে ধরে নিয়ে গেলো, আর কারা কী উদ্দেশ্যে ধরে নিয়ে গেলো তা জানা যাবে ওদেরকে খুঁজে পাওয়ার পরে। কিন্তু একটু সূত্র তো থাকা চাই। তা না হলে কোথায় খুঁজবো ওদের? নিজেকেই প্রশ্ন করছে আর ভাবছে হোসনা বানু। দিন গেলো রাত নামলো, নির্ঘুম রাত কাটলো ওর।

সকাল হতেই হোসনা বানু গেলো এ গ্রামের সব থেকে প্রবীন সম্মানী ব্যক্তি বদ্যি মশাইয়ের কাছে। বদ্যি মশাই হোসনা বানুকে আসতে দেখে বললেন, এতো সকালবেলা আমার কাছে? কী হলো তোমার ছোট্ট ভালো মেয়ে? হোসনা বানু বললো, বদ্যি দাদু, আমার বন্ধুরাসহ এই গ্রামের দশজন ছেলেমেয়ে হারিয়ে গেছে। আমি সহ ওদের মা বাবারা খুবই চিন্তিত। ওদের খুঁজে বের করতে হবে। আপনার সাহায্য লাগবে দাদু। বদ্যি মশাই বললেন, এটাতো খুবই চিন্তার কথা। অবশ্যই ওদেরকে খুঁজে বের করতে হবে। তবে কী জানো? আমি হয়তো এ ব্যাপারে তোমাকে সাহায্য করতে পারবো না। কিন্তু আমি এমন একজনকে চিনি, যিনি তোমাকে সাহায্য করতে পারবেন। তুমি তার কাছে যাচ্ছো না কেনো? কে তিনি? কোথায় থাকেন? জানতে চাইলো হোসনা বানু। বদ্যি মশাই বললেন, তিনি থাকেন এখান থেকে তিনটা গ্রাম পরে যেই ছোট্ট জঙ্গলটা আছে। সেই জঙ্গলটা পেরিয়ে গেলে একটা খোলা মাঠ পাবে। বেশ বড় সেই মাঠ। মাঠ পেরিয়ে গেলে দেখবে একটা ভাঙা মাটির ঘর। সেই ভাঙা মাটির ঘরের মেঝেতে বসে স্রষ্টার ধ্যানে মগ্ন একজন পুণ্যবান মানুষ। তার চুল-দাড়ি সব বকের মতো সাদা। তার চেহারায় পবিত্র দ্যুতি ছড়িয়ে আছে। তিনি চোখ বুঁজে এমন অনেক কিছু দেখতে পান যা আমরা চোখ মেলেও দেখতে পাই না। তিনিই আমার গুরু। তিনি পাপাচারি কোনো মানুষের সাথে কথা বলেন না। তবে পুণ্যবান কেউ দেখা করতে গেলে কথা বলেন। তিনি চাইলে তোমাকে সাহায্য করতে পারেন। কারণ আমি জানি যে তুমি পাপচারি নও। হোসনা বানু বদ্যি দাদুকে ধন্যবাদ জানালো। ফিরে এসে গ্রামবাসীদের সাথে দেখা করলো। হারানো সবাইকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে বেরিয়ে পড়লো বাসা থেকে। সাথে ওর বাহন হিসেবে নিয়ে গেলো একটা গাধা, আর কিছু শুকনো খাবার। এগিয়ে চললো হোসনা বানু ওর সাদা রঙের গাধার পিঠে চড়ে। যেতে যেতে যেতে প্রথম গ্রামটা পড়লো ওর সামনে। প্রথম সেই গ্রামটাতে থামলো হোসনা বানু। এখানে কিছু সময় জিরিয়ে নিতে হবে। গাধাটাকেও খেতে দিতে হবে কিছু। কোথায় বসবে আর গাধার খাবারের খোঁজ পেতে হবে এই ভেবে এগিয়ে গেলো।

এসময় দেখতে পেলো সেই গ্রামের কিছু লোক হায় হায় করছে। কেন ওরা হায় হায় করে কান্না করছে? হোসনা বানু এগিয়ে গিয়ে জানতে পারলো যে তাদেরও ছেলেমেয়ে হারিয়ে গেছে! হারানো ছেলেমেয়ের বাবা মায়ের সাথে দেখা করলো হোসনা বানু। খোঁজ নিয়ে জানতে পারলো এই গ্রাম থেকেও বেশ কয়েকজন ছেলেমেয়ে উধাও। ওদেরও বয়স বারো বছরের কাছাকাছি। হোসনা বানু জানালো তার গ্রামেও একই ঘটনা ঘটেছে। তাই সে ওদের উদ্ধার করতে যাচ্ছে। সম্ভবত সবাইকে এক জায়গায় পাওয়া যাবে। ওদেরকেও খুঁজে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়ে বেরিয়ে পড়লো আবার। যেতে যেতে যেতে প্রথম গ্রাম পেরিয়ে দ্বিতীয় গ্রামে প্রবেশ করলো হোসনা বানু। দেখা হয়ে গেলো সেই গ্রামের কিছু কাঁদতে থাকা মানুষের সাথে। আজব ব্যাপার হলো তাদের সন্তানরাও হারিয়ে গেছে।

কথা বলে জানা গেলো ওরাও হারিয়েছে প্রায় একই সময়ে। বয়সও বারো বছরের কাছাকাছি। হারানো সন্তানের বাবা মায়ের কান্না দেখে এই গ্রামেও থামলো হোসনা বানু। গাধাকে খেতে দিলো ও বিশ্রাম দিলো। নিজেও কিছু শুকনো খাবার খেয়ে নিলো। আগেরবারের মতোই হারানো সন্তানদের মা বাবাকে সান্ত্বনা দিলো হোসনা বানু। আর ওদেরকে খুঁজে আনার কথাও বললো ওদের মা বাবাকে। ওই গ্রামে অল্প সময় বিশ্রাম নিলো হোসনা বানু। এরপর আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়লো আবার। ওর উপর দায়িত্ব বেড়ে গেলো আরো। তাই খুব দ্রুত যেতে লাগলো। যেমন করেই হোক সেই পুণ্যবান লোকের সাথে দেখা করতে হবে। তার সাহায্য নিয়ে জানতে হবে হারিয়ে যাওয়া ছেলেমেয়েদের খোঁজ। এবং উদ্ধার করে ফিরিয়ে আনতে হবে সবাইকে। হোসনা বানু যেতেই থাকলো, যেতেই থাকলো। যেতে যেতে যেতে তৃতীয় গ্রামেও পৌঁছে গেলো হোসনা বানু। তৃতীয় গ্রামে আসতে আসতে বেশ ক্লান্ত হয়ে পড়লো হোসনা বানুর গাধা। তাই এখানেও কিছুটা সময়ের জন্য থামতে হলো ওকে। থেমে এখানেও শুনতে পেলো সেই একই খবর। হারিয়ে গেছে এই গ্রামেরও বেশ কজন ছেলেমেয়ে। সবার বয়স বারোর কাছাকাছি। হচ্ছেটা কী এসব? ভাবছে হোসনা বানু। শুধু মাত্র ওর নিজের গ্রাম থেকেই নয়, অন্য গ্রাম থেকেও হারিয়ে গেছে ছেলেমেয়েরা। এতোগুলো এক বয়সের ছেলেমেয়েকে যে বা যারা ধরে নিয়ে গেছে, কী তাদের উদ্দেশ্য? এটা তাকে জানতেই হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে সেই পূণ্যবান ব্যক্তির কাছে। তবেই হয়তো জানা যাবে সত্যটা। হোসনা বানু এই গ্রামেও সবাইকে সান্ত্বনা দিলো। প্রতিশ্রুতিও দিলো হারানো ছেলেমেয়েদের খুঁজে আনার। তখন রাত নেমে গেলো। সামনে জঙ্গলের পথ। এই রাতে জঙ্গলের পথ ধরে যাওয়া যাবে না। তাই সেই গ্রামেই থাকতে হলো ওকে। সকাল হলে আর দেরি করতে চাইলো না হোসনা বানু। ওর জন্য আর গাধার জন্য নিয়ে আসা খাবার শেষ হয়ে গেছে। তাই গ্রামের থেকে ওকে দেয়া হলো কিছু খাবার, যাতে পথে যেতে কষ্ট না হয়। তারপর সবাই শুভকামনা জানিয়ে বিদায় দিলো হোসনা বানুকে। ওর উপর গ্রামের লোকের ভরসা অনেক বেশি। হোসনা বানু গাধায় চড়ে চলতে লাগলো জঙ্গলের পথ দিয়ে। চলতে চলতে পেরিয়ে গেল জঙ্গল। থামলো এসে এক মাঠের ধারে। সামনে কোনো জনবসতি নেই। বিশাল বিস্তৃত মাঠ। একটু পানি দরকার গাধার। বললো গাধা- আর পারছি না গো। একটু পানি দাও। দুদণ্ড বসতে হবে। তারপর আবার চলতে পারবো। হোসনা বানু পানি খেতে দিলো গাধাকে। নিজেও খেলো কিছুটা। মাঠ ভরা সবুজ ঘাস। গাধা মাঠে চড়ে ঘাসও খেলো কিছুক্ষণ। তারপর আবার চলতে থাকলো হোসনা বানুকে পিঠে নিয়ে। চলতে চলতে ওরা বিশাল মাঠটাকেও পেরিয়ে গেল। সামনেই দেখা গেলো সেই ভাঙাচোরা এক মাটির ঘর। যে ঘরে বসে স্রষ্টার ধ্যানে মগ্ন আছেন একজন পুণ্যবান পুরুষ। যে সাহায্য করতে পারে হোসনা বানুকে। হোসনা বানুর সাদা গাধা দাঁড়ালো সেই ভাঙা ঘরের কাছে। হোসনা বানু গাধাকে বাইরে দাঁড় করালো। এগিয়ে গেলো মাটির ঘরের খোলা দরজার কাছে। দেখতে পেলো শুভ্র সাদা রঙের চুল দাড়িতে ঢাকা এক পুণ্যবান পুরুষকে। চোখ বুঁজে স্রষ্টার ধ্যানে মগ্ন হয়ে আছেন তিনি। তার চেহারায় পবিত্র আলোর ঝলকানি। ভিতরে প্রবেশের অনুমতি চাইলো হোসনা বানু। চোখ না মেলেই তিনি বললেন, তোমার জন্য বারণ নেই। আসতে পারো মেয়ে। হোসনা বানু ঘরে প্রবেশ করে হাঁটু গেড়ে বসলো তার সামনে। বললো, সম্মানিত পুণ্যবান। আমি হোসনা বানু। এসেছি লুলুশিয়া গ্রাম থেকে। আপনার সাহায্য প্রার্থনা করতে এসেছি আমি। তিনি আগের মতোই চোখ বুঁজে বললেন, বলো ছোট্ট ভালো মেয়ে, কী সাহায্য দরকার তোমার। আমাদের গ্রাম থেকে দশজন ছেলেমেয়ে হারিয়ে গেছে। আমি ওদের খুঁজতে বের হয়েছি। তিনটা গ্রাম পেরিয়ে এসেছি আমি। সেই গ্রামগুলোতেও দেখি একই অবস্থা। সেই গ্রামগুলো থেকেও হারিয়ে গেছে বেশ কিছু ছেলেমেয়ে। অবাক ব্যাপার হলো সবার বয়স বারোর কাছাকাছি। আর সবাই হারিয়েও গেছে প্রায় কাছাকাছি সময়ে। আমি চাই হারিয়ে যাওয়া সবাইকে খুঁজে বের করতে। তারপর পৌঁছে দেবো তাদের বাবা মায়ের কাছে। কিন্তু আমি জানি না যে কোথায় আছে ওরা। আপনি যদি একটু চেষ্টা করে দেখতেন তবে হয়তো আমি জেনে যেতাম। হোসনা বানু হয়তো আরো কিছু বলতে চাচ্ছিলো। কিন্তু পুণ্যবান পুরুষ তখন ওকে থামিয়ে দিয়ে বললেন, তোমায় আর কিছু বলতে হবে না মেয়ে। আমাকে একটু সময় দাও। এই বলে প্রায় দেড় মিনিট নিরব হয়ে রইলেন তিনি। চারপাশ সম্পূর্ণ নিস্তব্ধ। কোথাও কোন সাড়াশব্দ নেই। হোসনা বানু তাকিয়ে আছে তার দিকে। তিনি এবার বলা শুরু করলেন। তবে সেই আগের মতোই চোখ বন্ধ রেখে। একবারের জন্যও সে চোখ খুলছেন না। অথচ মনে হচ্ছে যেন সব কিছুই তিনি দেখতে পাচ্ছেন।

-একটা ভয়ানক বিপদের মুখে পড়েছে ওরা। ওরা হচ্ছে একশো জন ছেলেমেয়ে। ঊনপঞ্চাশ জন মেয়ে ও একান্ন জন ছেলে আছে ওখানে। শুধু এই চারটা গ্রাম নয়। মোট বারোটা গ্রাম থেকে তুলে নেয়া হয়েছে ওদের। একজন জাদুকর ডাইনির হাতে পড়েছে বাচ্চাগুলো। ওদের সবার মাথা কেটে বলি দেয়া হবে। একজন কালো আত্মার শয়তানের সন্তুষ্টির জন্য। জাদুকর ডাইনির উদ্দেশ্য হলো অমর হওয়া। তাই বারোটা গ্রাম থেকে বিশেষ বয়সের একশো জন ছেলেমেয়ে তুলে নিয়েছে ওর পোষা বদ জ্বিন দিয়ে। আসছে চান্দ্রমাসের পরের মাসেই বিশেষ অমাবস্যার রাত। সেই মাসেই বাচ্চাগুলোর বারো বছর পূর্ণ হবে। তখনই শয়তানের উদ্দেশ্যে বলি দেয়া হবে ওদের। এটা করতে পারলে শয়তান পূজারী সেই ডাইনি জাদুকর হয়ে উঠবে আরো ক্ষমতাশীল ও অমর। এ কারণেই ধরে নেয়া হয়েছে ওদের। ওদের রাখা হয়েছে পাতালপুরীর একটা গোপন ঘরে। যেখানে সাধারণ কোনো মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয়।

কিন্তু আমাকে তো যেতেই হবে। বললো, হোসনা বানু। উদ্ধার করতে হবে সব ছেলেমেয়েদের। আমি ওদের বাবা মায়ের কাছে কথা দিয়ে আসছি। আপনি দয়া করে আমাকে সাহায্য করুন। ওই পাতালপুরীতে যাবার রাস্তা বলে দিন। আমি যাবোই সেখানে। পুণ্যবান পুরুষ মৃদু হাসলেন। বললেন, আমি জানি তো পাগলী। তুমি যাবেই সেখানে। কোনো মানুষের বিপদ দেখলে তুমি চুপ করে বসে থাকতে পারো না। তুমি সমুদ্রের তলদেশ ও জাদুর পাহাড়ও বিজয় করে ফিরেছো। তোমার উপর দোয়া আছে সবার। তুমি নিশ্চয়ই যাবে। সবাইকে উদ্ধার করেও নিয়ে আসবে ইনশাআল্লাহ। এই নাও বিশেষ পবিত্র বাটি। এই বাটির দিকে তাকিয়ে তোমায় মনে মনে বলতে হবে সেই স্থানের নাম, যেখানে তুমি যেতে চাও। তাহলেই তুমি দেখতে পাবে সেখানকার রাস্তা। আর দিচ্ছি একটা বিশেষ ফলের রসের বোতল। এটা তোমার তৃষ্ণা ও ক্ষুধা মেটাবে। এই বোতলের রস কখনো শেষ হবে না। জাদুকর ডাইনির সেই পাতালপুরীতে যেতে হলে তোমাকে পেরোতে হবে বিপদসঙ্কুল পথ। লড়তে হবে তোমাকে দীর্ঘ সময়ের জন্য। প্রকৃতির সাথে লড়াই, বেঁচে থাকার জন্য লড়াই। তুমি পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে। তুমি বুদ্ধিমতী। তাই সময়ের চাহিদায় সঠিক সিদ্ধান্তই নিতে পারবে আশা করি। তোমার উপর রইলো আমার দোয়া। যাও মেয়ে। বুকে সাহস রেখে স্রষ্টার নামে নেমে যাও। পুণ্যবান পুরুষ বিদায় দিলো হোসনা বানুকে। হোসনা বানু বেরিয়ে পড়লো সেই বিপদসঙ্কুল পথে। সে কী পারবে হারিয়ে যাওয়া এতোগুলো ছেলেমেয়েকে উদ্ধার করে নিয়ে আসতে? আমি এখনও জানি না সেটা। নিশ্চই জানো না তোমরাও। তবে চলো, পরের ঘটনা জানার জন্য আমরা এগিয়ে যাই।

(চলবে…)

প্রকাশকাল: ডিসেম্বের ২০২৪

হোসনা বানুর অ্যাডভেঞ্চার । পর্ব-৭

।।৭।।

জাদুর পাহাড়ে হোসনা বানু

হোসনা বানু যাবে জাদুর পাহাড়ে। অনেক দুর্গম পথ, হিমালয়, জঙ্গল পেরিয়ে এসেছে সে। ওই যে দেখা যায় জাদুর পাহাড়। ওখানে পৌঁছতে পারলেই পেয়ে যাবে সোনালি রঙের মধু ঝরনার জল। সেই জল নিয়ে যেতে পারলেই ভালো হয়ে যাবে মায়ের অন্ধ চোখ। হোসনা বানুর মা অপেক্ষা করছে মেয়ের জন্য। অপেক্ষা করছে লুলুশিয়া গ্রামের সবাই। জাদুর পাহাড়ের চূড়া এখান থেকে দেখা গেলেও সেটা অতটা কাছে নয়। যতটা কাছে মনে হচ্ছে। ক্লান্ত দুর্বল শরীর নিয়েও হোসনা বানু কিছুটা পথ হাঁটলো ওর ইচ্ছে শক্তির জোরে। কিন্তু এখন আর পারছে না। পা দুটো অসাড় হয়ে আসছে। তৃষ্ণায় জিহবা গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আর চলতে না পেরে পথের ধারেই বসে পড়লো হোসনা বানু। পথের পাশে লম্বা একটা নারকেল গাছ। নারকেল গাছের ডাবের ছড়ায় খেলা করছিলো দুটো ইঁদুর ছানা। খেলার ছলে ওরা ডাবের ছড়া থেকে কুটকুট করে দুটো ডাব কেটে দিলো। একটুর জন্য ডাব দুটো হোসনা বানুর মাথায় পড়লা না। নিচে বালু থাকায় ডাব দুটো ফেটেও গেলো না। প্রচণ্ড ক্ষুধার্ত হোসনা বানু ওর পোঁটলা থেকে ছোরাটা বের করলো। ডাব দুটো কাটলো আর খেয়ে নিলো তার সবটুকু পানি। ডাব দু টুকরো করে কেটে ভেতরের নরম নারকেলসহ খেয়ে নিলো হোসনা বানু। এতোক্ষণে শরীরে শক্তি ফিরে এলো ওর। হোসনা বানু স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানিয়ে চলতে শুরু করলো আবার। এই পথটা বেশ সরল আর সুন্দর। তাই হাঁটতে কোনো সমস্যা হচ্ছে না। তবে বেশিক্ষণ চলতে পারলো না। হঠাৎ করেই একটা ভয়ানক বিপদের মুখে পড়লো হোসনা বানু। এই বিপদের জন্য মেয়েটা মোটেও প্রস্তুত ছিলো না।

একঝাঁক ইঁদুর এসে তুলে নিলো ওকে। ইঁদুরগুলো সাধারণ কোনো ইঁদুর নয়। এক একটা বড়ো মাপের বানরের মতো ইঁদুর। আর কী শক্তি ওদের! মাত্র চারটা ইঁদুর হোসনা বানুকে ধরে কাঁধে তুলে নিলো। কী সাংঘাতিক ব্যাপার! এই বিশাল আকৃতির ইঁদুরগুলো কোথা থেকে আসলো? ভাবছে হোসনা বানু। এসময় সামনে পেছনে আরো আটটা ইঁদুর ওকে ঘিরে দাঁড়ালো। তারপর এক দৌড়ে ওকে নিয়ে গেল একটা ভাঙাচোরা পরিত্যক্ত বাড়িতে। এতো বড়ো ইঁদুর এর আগে হোসনা বানু কখনো দেখেনি। সেই ভাঙাচোরা পরিত্যক্ত বাড়িটাতে গিয়ে নামানো হলো ওকে। এখানে এসে আরো অবাক হলো হোসনা বানু। প্রকাণ্ড এক ইঁদুর বসে আছে একটা চেয়ারে। ছোটখাটো একটা ভালুকের সমান এই ইঁদুর। কী অদ্ভুত! মনে হচ্ছে এটাই সব ইঁদুরের সর্দার। এখানে আরো নানা ধরনের ইঁদুর বসে আছে। লম্বা ইঁদুর, বেটে ইঁদুর, সাদা ইঁদুর, কালো ইঁদুর, লাল, কমলা, নীল রঙের ইঁদুর। আরো অদ্ভুত রকম দেখতে অনেক ইঁদুর। নিঃসন্দেহে বলা যায় এটা একটা ইঁদুরের রাজ্য। হোসনা বানুকে আসামির মতো দাঁড় করানো হলো ইঁদুর সর্দারের সামনে। গোঁফওয়ালা একটা ইঁদুর বললো, মান্যবর সর্দারের সামনে অপরাধীর অভিযোগ শোনানো হোক। কুঁজো একটা ইঁদুর এগিয়ে এলো। এসে ওদের ইঁদুর সর্দারকে কুর্নিশ করে অভিযোগ শোনাতে লাগলো। এই মেয়েটার অপরাধ খুব গুরুতর। ও আমাদের গাছের দুই দুইটা ডাব খেয়েছে। শুধু ডাবের জল খায়নি, ডাবের ভেতরের সাদা নারকেলসহ খেয়ে নিয়েছে মেয়েটি। যে কারণে ওর শাস্তি দেয়া দরকার মান্যবর সর্দার। আমাদের রাজ্যে এসে আমাদের অনুমতি ছাড়া দুই দুইটা নারকেলসহ ডাব খাওয়ার অপরাধে অবশ্যই আমি ওর কঠিন শাস্তি দাবি করছি মান্যবর। অবশ্যই শাস্তি দেবো আমি। দুইটা ডাব খাওয়ার জন্য ওকে দুইবার শাস্তি পেতে হবে। দুইবার জেল হবে ওর। দুইবার ফাঁসি হবে। আর দুইবার মরতে হবে। বললো ইঁদুর সর্দার।

এসময় একটা মোটা ইঁদুর দৌড়ে এসে বললো, সর্বনাশ হয়ে গেছে সর্দার। আমাদের ছোট সর্দারকে সাপে কামড়েছে। শীঘ্রই আসুন। দেখবেন কী অবস্থা হয়েছে ওর। ইঁদুর সর্দার উঠে গেলো। ভাঙাচোরা বাড়িটার ভেতরে গিয়ে দেখলো তার ছেলের খুব করুণ অবস্থা। সাপের কামড়ে নীল হয়ে গেছে শরীর। এখনও মারা যায়নি। তবে আর বেশিক্ষণ বাঁচবে বলে মনে হয় না। ইঁদুর সর্দার কী করবে ভেবে পাচ্ছে না। চারপাশে আরো অনেক ইঁদুর। সবাই হা হুতাশ করছে। হোসনা বানুও সর্দারের পিছু পিছু এলো। এসে ওর পোঁটলা থেকে বের করলো একটা নীল রঙের পাতা। মায়া খরগোশের দেয়া দুটো পাতা থেকে একটা পাতা খেয়েছিলো ও নিজে। আর একটা রয়ে গেছে ওর কাছে। এখন সেটাই কাজে লাগাতে হবে। হোসনা বানু পাতাটি বের করে ইঁদুর সর্দারের ছেলের মুখে দিলো। বললো, এটা খেয়ে নাও। তাহলেই সুস্থ হয়ে যাবে তুমি। ইঁদুর সর্দার ও অন্যান্য ইঁদুরগুলো অবাক হয়ে একে অন্যের দিকে মুখ চাওয়াচাওয়ি করছে। কিছুই বুঝে উঠতে পারছে না। ততক্ষণে সর্প বিষের জম নীলপাতা খেয়ে সুস্থ হয়ে গেছে ইঁদুর সর্দারের ছেলে ছোট সর্দার। নীল শরীর ঠিক হয়ে আবার হয়ে গেছে আগের মতো। ওকে উঠে বসতে দেখে তো ইঁদুর সর্দারসহ সবাই অবাক। ইঁদুর সর্দার বললো,  এই ছোট্ট মেয়ে।  তুমি তো আমার ছেলেকে বাঁচিয়ে দিলে। তুমি কী জাদু করতে জানো? হোসনা বানু বললো, না সর্দার। আমি কোনো জাদু করতে জানি না। আমি তো শুধু সর্প বিষের জম নীলপাতা খাইয়ে আপনার ছেলেকে সুস্থ করলাম। যা আমাকে দিয়েছিলো রক্ত নদীর ওপাড়ের মায়া খরগোশ।

আমার নাম হোসনা বানু। আমাকে যেতে হবে জাদুর পাহাড়ে। সেখান থেকে আনতে হবে মধু ঝরনার পানি আমার মায়ের অন্ধ চোখ ভালো হয়ে যাবে তাহলে। আমি এসেছি অনেক দূরের গ্রাম লুলুশিয়া থেকে। খুব ক্ষুধা আর তৃষ্ণায় আমি তোমাদের গাছের ডাব খেয়েছি। আমি জানি যে কারো কোনো জিনিস না বলে নেওয়া বা খাওয়া অন্যায়। কিন্তু সে মুহূর্তে আমার কিছু করার ছিলো না। আমি খুবই দুঃখিত তোমাদের গাছের ডাব না বলে খাওয়ার জন্য।

সর্দার বললো, তোমাকে দুঃখিত বলতে হবে না ছোট্ট ভালো মেয়ে। তোমার শাস্তি মওকুফ করা হলো। তুমি আমার ছেলেকে বাঁচিয়ে ভবিষ্যৎ সর্দারকেই বাঁচিয়েছো। তাই তোমাকে জাদুর পাহাড়ের চূড়ায় যেতে সাহায্য করবো আমরা। ইঁদুর সর্দার তার পাশে দাঁড়ানো একটা লম্বা ইঁদুরকে বললো, শীঘ্রই ওর জন্য একজোড়া বিশেষ জুতা তৈরি করো। যেটা পায়ে দিয়ে হোসনা বানু খুব সহজেই যেতে পারে জাদুর পাহাড়ে। ততক্ষণে তুমি আমার ভেতর বাড়িতে বিশ্রাম করো ছোট্ট ভালো মেয়ে। বিশেষ সম্মানের সাথে ভেতরের ঘরে নিয়ে বসানো হলো হোসনা বানুকে। অনেক যত্নের সাথে আপ্যায়ন করা হলো। খেতে দেয়া হলো নানা ধরনের ফলমূল ও কচি ডাবের জল। ইঁদুর সর্দারের অনুরোধে সেইদিন এবং একটা রাত অতিথি হয়ে কাটাতে হলো হোসনা বানুকে। এতোদিনের ক্লান্তি ক্ষুধা তৃষ্ণা সব ঘুচে গেলো। মাত্র এক রাতের আরাম ও আপ্যায়নে হোসনা বানু একদম তাজা ফুরফুরে হয়ে গেলো। পরের দিন সকালে যাওয়ার সময় হলো ওর। তখন ইঁদুর সর্দার ওর জন্য নিয়ে এলো বিশেষ এক জোড়া জুতো। যে জুতোর তলা বানানো হয়েছে বিশেষ ধরনের হাড় দিয়ে। যা কখনো ভাঙবে না। উপরের অংশে দেয়া হয়েছে ইঁদুরের পশম। যা ভীষণ মোলায়েম ও সুন্দর।

এ জুতো পায়ে দিয়ে উঁচু নিচু, টিলা পাহাড় জঙ্গল যেকোনো ধরনের পথেই চলা যায় অনায়াসে। খাড়া পাহাড়, উঁচু দেয়াল সব কিছুতেই চড়া যায় এ জুতো পায়ে দিয়ে। আর পৌঁছে যাওয়া যায় খুব দ্রুত। এই বিশেষ জুতোজোড়া দিয়ে ইঁদুর সর্দার অন্যান্য ইঁদুরদের সাথে নিয়ে বিদায় জানালো হোসনা বানুকে। হোসনা বানুও সকল ইঁদুরকে ধন্যবা জানিয়ে বিদায় নিলো। এবং হাঁটতে থাকলো জাদুর পাহাড়ের দিকে। জাদুর পাহাড় অনেক দূরে। অনেক উঁচু তার চূড়া। দেখা যায় অনেক দূর থেকেও। অবশেষে হোসনা বানু সেই দূরের পাহাড়েও পৌঁছে গেলো। ইঁদুরের দেয়া জুতো জোড়া পায়ে থাকায় তেমন কোনো কষ্ট হলো না হোসনা বানুর। খুব দ্রুত পৌঁছে গেলো পাহাড়ের কাছে। নীল রঙের পাহাড় এটা। কী সুন্দর দেখতে! হোসনা বানু মুগ্ধ হয়ে দেখে তার কাক্সিক্ষত পাহাড়কে। এই পাহাড়েই আছে মধু ঝরনা। এই মধু ঝরনার সোনালি পানিতেই আছে তার মায়ের অন্ধ চোখের আলো। ভীষণ খাড়া পাহাড় এই জাদুর পাহাড়। ঝরনার পানির জন্য পাহাড়ের চূড়ায় যেতে হবে। পাহাড়ের চূড়া বেয়ে ঝরনার পানি নিচে নামার আগেই বাষ্প হয়ে মিশে যায় বাতাসে। তাই চূড়ায় যাওয়া ছাড়া গতি নেই। এই পাহাড় বেয়ে ওঠা সাধারণ কারো পক্ষে অসম্ভব। হোসনা বানুর পায়ে পাহাড় বেয়ে ওঠার বিশেষ জুতো আছে। তাই ওর জন্য অসম্ভব নয়। হোসনা বানু পাহাড় বেয়ে উপরে উঠতে থাকে। ওর পায়ে বিশেষ এই জুতো থাকার পরেও কাজটা সহজ হয় না। অনেক কষ্ট করে শেষ পর্যন্ত হোসনা বানু উঠে যায় পাহাড়ের চূড়ায়। জাদুর পাহাড়ের মধু ঝরনা এখন হোসনা বানুর সামনে। জাদুর পাহাড়ের চূড়া এতোই উঁচুতে যে এখান থেকে মেঘ ধরা যায়। নানা রঙের মেঘের ভেলা জাদুর পাহাড়কে ছুঁয়ে ছুঁয়ে উড়ে যায়। কোথায় যায় মেঘের দল? হোসনা বানু তা জানে না। কে জানে? তাও জানে না। নরম নরম তুলতুলে মেঘের গায়ে হাত বুলায় হোসনা বানু। ভীষণ ভালো লাগে ওর। তারপর এগিয়ে যায় মধু ঝরনার দিকে। হোসনা বানু ওর পোঁটলা থেকে পানির পাত্র বের করে। ওটাকে পরিপূর্ণ করে ভরে নেয় মধু ঝরনার সোনালি পানিতে। কিছুটা পানি ও নিজেও খেয়ে নেয়। আর অবাক করা এক ভালো লাগার অনুভূতিতে ভরে যায় ওর মন। শরীর হয়ে ওঠে প্রফুল্ল। সমস্ত কষ্ট-ক্লান্তি কোথায় যেন উবে যায় নিমেষেই। অনুভূত হয় কেবল আরাম আর প্রশান্তি। এখন ওকে ফিরতে হবে। মায়ের জন্য ভীষণ আকুল হয়ে আছে ওর মন। ওদিকে মা এবং লুলুশিয়া গ্রামের সবাই আছে ওর অপেক্ষায়। দীর্ঘদিনের কঠিন পথ পেরিয়ে ও এসেছে এই জাদুর পাহাড়ে। এখন ফেরার সময়। কিন্তু ফেরার জন্য আবার সেই দীর্ঘপথ চলার ইচ্ছে হলো না ওর। ভাবতে লাগলো সহজ কোনো উপায়। মেঘেদের দিকে চোখ পড়লো ওর। মাথায় এলো নতুন বুদ্ধি। একটা মাঝারি আকারের সাদা মেঘ আটকে গেছে জাদুর পাহাড়ের চূড়ায়। হোসনা বানু ওর কাছে গেলো। বেশ একটু জোরে ধাক্কা দিয়ে ছাড়িয়ে দিলো মেঘটাকে। সাদা মেঘের টুকরোটাকে সাহায্য করার জন্য খুশি হয়ে জানতে চাইলো হোসনা বানুর কাছে ওর নাম পরিচয় ও এখানে আসার কারণ। হোসনা বানু শুরু থেকে এ পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনা ও এখানে আসার কারণ জানালো সাদা মেঘটাকে। সাদা মেঘ বললো, চিন্তা করো না ছোট্ট ভালো মেয়ে। আমি তোমায় সাহায্য করবো। তুমি আমার পিঠে উঠে বসো। আমি তোমায় নিয়ে যাবো তোমার গাঁয়ে। হোসনা বানু মেঘের কাছ থেকে এই কথাটা শোনার অপেক্ষাতেই ছিলো। সাথে সাথে উঠে বসলো সাদা মেঘের পিঠে। সাদা মেঘ ওকে উড়িয়ে নিয়ে চললো আকাশের নিচ দিয়ে। হোসনা বানু নিচে তাকিয়ে দেখলো সে পেরিয়ে যাচ্ছে সাপের গুহা, রক্ত নদী আগুনমুখো ডাইনোসরের জঙ্গলসহ চেনা অচেনা অনেক পথ। হোসনা বানু মেঘের পিঠে চড়ে উড়তেই থাকলো। এভাবে উড়তে উড়তে কত সময় যে কাটলো সে হিসেব কেউ রাখলো না। এক সময় এসে নামলো ওর প্রিয় গোলাপ বাগানে। সাদা মেঘের টুকরোটাকে অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় জানালো হোসনা বানু। তারপর গেলো মায়ের কাছে। মা মেয়েকে পেয়ে আনন্দে জড়িয়ে ধরলো। হোসনা বানু জাদুর পাহাড়ের মধু ঝরনার পানি বের করে লাগিয়ে দিলো মায়ের অন্ধ চোখে। সাথে সাথে ভালো হয়ে গেলো মায়ের চোখ। তারপর ডাকলো গাঁয়ের যতো অসুস্থ লোকজন আছে তাদের। তারা এলে একে একে তাদেরও দিলো মধু ঝরনার পানি। লুলুশিয়া গ্রামের কেউ আর অসুস্থ রইলো না। হোসনা বানু মধু ঝরনার বাকি পানিটুকু দিয়ে দিলো সেই বদ্যি দাদুকে। যিনি বলে দিয়েছিলেন জাদুর পাহাড়ের পথ। এই পানিটুকু দিয়ে তিনি আরও অনেকের চিকিৎসা করতে পারবেন।

হোসনা বানু এখন ভীষণ খুশি। খুশি গ্রামের সবাই। মধু ঝরনার পানি নিয়ে হোসনা বানুর ফিরে আসায় সবার মনে আনন্দ। আরও আনন্দ যোগ হলো সকলের সুস্থতায়। গ্রাম জুড়ে শুরু হলো উৎসব। এ উৎসব চললো বিরতিহীনভাবে অনেকদিন। এখানেই শেষ হলো হোসনা বানুর জাদুর পাহাড় বিজয়ের গল্প।

তবে মূল গল্পের শেষ হয়নি কিন্তু। হঠাৎ ঘটলো আরও একটি নতুন ঘটনা। লুলুশিয়া গ্রাম থেকে হারিয়ে গেলো বেশ কয়েকজন বাচ্চা ছেলেমেয়ে। যাদের মধ্যে কজন ছিলো হোসনা বানুর খেলার সাথি। কোথায় গেলো, কী হলো তা কেউ বলতে পারলো না। ওদের জন্য লুলুশিয়া গ্রামে আবার শুরু হলো শোক আর কান্না। এ কান্না আর শোক কাটাতে হলে খুঁজে বের করতে হবে হারিয়ে যাওয়া বাচ্চাদের। যা করার জন্য হোসনা বানুকে শুরু করতে হবে নতুন কোনো অভিযান। সেই অভিযানের সঙ্গী হতে হলে তোমাকে যেতে হবে পরের পর্বে।

(চলবে..)

প্রকাশকাল: নভেম্বর ২০২৪

হোসনা বানুর অ্যাডভেঞ্চার । পর্ব-৬

।।৬।।

রক্ত নদীর ওপারে

একদল হাতি এলো রক্ত নদীর পাড়ে। হাতির পিঠে হোসনা বানু। ভয়ানক অন্ধকার ডাইনোসরের জঙ্গল পেরিয়ে এসেছে ওরা। যেতে হবে জাদুর পাহাড়ে। পেরোতে হবে এই রক্ত নদী এবং তার ওপারে সাপের গুহা।

হাতির পাল এগোতে পারবে না আর। রক্ত নদী পার হওয়া সম্ভব নয় হাতিদের। হাতি ওকে এটুকু সহযোগিতা করে ফিরে গেছে জঙ্গলে। এখন হোসনা বানুকে একাই যেতে হবে ওপারে। লাল পানির রক্ত নদীর পাড়ে দাঁড়িয়ে রইলো হোসনা বানু। হোসনা বানুর সাথে আছে বিশেষ ফুলের পাপড়ি। যা দিয়ে বাতাসের গতিতে ছুটে চলা যায়। কিন্তু এতো বড়ো নদীতে সেটা ব্যবহার করতে পারবে না সে।  কারণ বাতাসের গতি যেকোনো সময় কমে গেলেই পড়ে যাবে নদীতে। আর তখন দানব কুমির কামড়ে খাবে ওকে। নদীতে কোনো নৌকা নেই। কী করে পার হওয়া যায় তাই ভাবছে হোসনা বানু। নদীর ধারে ঢেউয়ের সাথে ভেসে আসছে কুমির। একটা দুইটা নয়, অসংখ্য কুমির। হঠাৎ একটা কুমির আসলো পেছন থেকে। এসেই ইয়া বড়ো হা করে হামলে পড়লো হোসনা বানুর উপর। একদম নিঃশব্দে আসায় হোসনা বানু বুঝতে পারেনি একদম। গাঢ় সবুজ রঙের দানব কুমিরের চোয়ালের শক্তি কম করে হলেও আট মণ। পেছন থেকে এসে কুমিরটা হোসনা বানুর পায়ে কামড় দিয়েছে। একটা কামড়ে হোসনা বানুর হাড় মাংস সব গুড়ো হয়ে যাবার কথা। অথচ ওর কিছুই হলো না! কিন্তু একটা ক্ষতি হয়ে গেল। কুমিরটা ওর পা ভেবে লাঠিতে কামড় দিয়েছে। হোসনা বানু এটা দেখেই লাঠি ফেলে দিয়ে খুব দ্রুত সরে গেল ওখান থেকে। আর কুমিরটা লাঠির অর্ধেকটা কড়মড় করে চিবিয়ে খেলো। তারপর পড়ে থাকা বাকি অর্ধেকটাও ছাড়লো না। কী আজব ব্যাপার!  এই দানব কুমির তো দেখছি সর্বগ্রাসী প্রাণী। ভাবলো হোসনা বানু। হোসনা বানু সামনে তাকিয়ে দেখলো একটা দুটো নয়। অনেক অনেক কুমির হেঁটে আসছে ওর দিকে। এই উভচর দানব গুলো যে পানিতে-ডাঙায় সবখানেই চলতে পারে তা ভুলেই গিয়েছিলো হোসনা বানু। তাই তো! নদীর এতো কিনারে চলে আসা ঠিক হয়নি। কিন্তু এখন তো বাঁচতে হবে।

হোসনা বানু দৌড়াতে লাগলো নদীর উল্টো দিকে। কুমিরগুলোও পেছনে ছুটে আসতে লাগলো। হোসনা বানু সামনেই দেখতে পেলো একটি বটগাছ। সে দৌড়ে গাছটার কাছে গিয়ে উঠে পড়লো একটা উঁচু ডালে। গাছের নিচে এসে গিজগিজ করতে লাগলো অসংখ্য দানব কুমির। কপাল ভালো যে কুমির গাছে চড়তে পারে না। তাই হোসনা বানু বটগাছের ডালে নিরাপদেই থাকলো। আর অপেক্ষা করতে থাকলো কুমিরগুলোর ফিরে যাওয়ার। কিন্তু ক্ষুধার্ত এই দানব কুমিরগুলো খুব সহজে যাবে বলে মনে হয় না। অপেক্ষায় থাকতে থাকতে সন্ধ্যা নামলো। তারপর নামলো রাত। কুমিরগুলো তখনো ফেরেনি নদীতে। ক্লান্ত-ক্ষুধার্ত হোসনা বানু ভাবলো, এই রাতটা গাছেই কাটাতে হবে। অন্ধকার রাতে সবুজ পাথরের আলো জ্বেলে নিয়ে পোঁটলা থেকে শেষ খাবারটুকু বের করলো হোসনা বানু। এসময় ওর কানে এলো একটা অদ্ভুত শব্দ। মনে হচ্ছে কোনো বৃদ্ধ মানুষ ব্যথায় কাতরাচ্ছে। হোসনা বানু গাছের যে ডালে বসে ছিলো সেই ডালের একটা খোড়ল থেকে আসছে শব্দটা। হোসনা বানু ধীরে ধীরে এগিয়ে গেল। উঁকি দিয়ে দেখলো যে, ওখানে একটা খরগোশ গুটিসুটি মেরে শুয়ে আছে। মনে হচ্ছে অসুস্থ। ওটাই কাঁদছে। মনে হচ্ছে কোনো এক বৃদ্ধ মানুষের কান্না। হোসনা বানু জানতে চাইলো, কী হয়েছে গো তোমার? এভাবে কান্না করছো কেন? খরগোশটি বললো, বয়স হয়েছে আমার। খাবারের জন্য বাইরে যেতে পারি না। এই গর্তে পড়ে আছি বেশ কয়েক দিন। ক্ষুধায় তেষ্টায় খুব কষ্ট হচ্ছে। হোসনা বানু ওর হাতের অর্ধেকটা রুটি এগিয়ে দিয়ে বললো, আমার কাছে এইটুকু খাবারই আছে। তুমি খেয়ে নাও। আর পানিও আছে কিছুটা। খরগোশটা খুব আগ্রহ নিয়ে রুটি আর পানি খেয়ে নিলো। তারপর সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠলো। হোসনা বানুর মুখে হাসি ফুটলো। নিজের ক্ষুধা ও তেষ্টার কথা একদম ভুলে গেল। মেয়েটা সবসময়ই এমন। অন্য কারো কষ্ট দেখলে নিজের কষ্ট ভুলে যায়। খরগোশটা স্বাভাবিক হয়ে জানতে চাইলো হোসনা বানু এই মৃত্যুপুরীতে কেন এসেছে। আমি আমার মায়ের অন্ধ চোখ ভালো করতে চাই। এজন্য আমাকে যেতে হবে জাদুর পাহাড়ে। আনতে হবে মধু ঝরনার পানি। আমি পেরিয়ে এসেছি হিমালয় পর্বত ও আগুনমুখো ডাইনোসর-এর জঙ্গল। এখন আমাকে এই রক্ত নদী আর সাপের গুহা পেরোতেই হবে। এবং আমি সেটা করবোই। খুব আত্নবিশ্বাসের সাথে বললো হোসনা বানু।

খরগোশটা এবার নিজের গর্ত থেকে বেরিয়ে আসলো। বললো, তুমিই পারবে মেয়ে। কারণ তোমার মধ্যে আছে সাহস আর অন্যের প্রতি ভালোবাসা। আমি তোমাকে সাহায্য করবো। কারণ তুমি অনেক ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকার পরেও নিজের সর্বশেষ খাবার আর পানিটুকু দিয়ে দিয়েছো আমাকে। এই ভালোবাসার পুরস্কার তো তুমি পাবেই। শোনো ছোট্ট মেয়ে। যারা ভালো মানুষ, অন্যের উপকার করে, তাদের বিজয় সুনিশ্চিত। আমি কোনো সাধারণ খরগোশ নই। আমি হলাম মায়া খরগোশ। আমি তোমাকে শেখাবো এক বিশেষ মন্ত্র। এ মন্ত্র পড়লে রক্ত নদীর সব পানি জমাট বেঁধে বরফ হয়ে যাবে। দানব কুমিরগুলো সব চাপা পড়বে বরফের নিচে। আর তুমি হেঁটে চলে যেতে পারবে সেই বরফের ওপর দিয়ে। তবে একটা ছোট্ট সমস্যা আছে। এই জমাট বরফের ভেতর হাঁটা সহজ হবে না। প্রচণ্ড ঠান্ডা লাগবে তোমার। ঠান্ডায় খুব আস্তে হাঁটতে গেলে সময় লেগে যাবে অনেক। তখন বরফ গলে আবার পানি হয়ে যাবে। তাই হেঁটে যেতে হবে দ্রুত। যতটা সম্ভব জোরে দৌড়ে যেতে হবে নদীর ওপারে। হোসনা বানু বললো, আমার দ্রুত দৌড়ে যেতে কোনো সমস্যা হবে না। আর আমার ঠান্ডাও লাগবে না। কারণ, আমার কাছে আছে কাকের দেয়া একটা বিশেষ রসুন, যেটা হাতে নিলে শরীরের তাপমাত্রা বেড়ে যায়। টিকে থাকা যায় সব ধরনের শীতল পরিবেশে। তাই বরফ জমা নদীতে হাঁটতে আমার কোনো অসুবিধা হবে না। তবে তো হয়েই গেল, বললো মায়া খরগোশ। আমি তোমায় রক্ত নদীর পানি বরফ করা মন্ত্রটি কানে কানে বলছি। মন দিয়ে শোনো। ফিসফিস করে খুব গোপনে হোসনা বানুকে শিখিয়ে দিলো মন্ত্র। আর দিলো দুটো নীল রঙের গাছের পাতা। বললো, আমার শেখানো মন্ত্র পড়ে তুমি রক্ত নদী পেরিয়ে যাবে। তারপর নদীর ওপারেই দেখবে ফণা তুলে আছে অসংখ্য সাপ। গুহাতে তো আছেই; এছাড়াও ওপারে ছড়ানো-ছিটানো অনেক সাপ পাবে। ওরা কেউ তোমাকে ছোবল না দিয়ে ছাড়বে না। তবে তোমার ভয় নেই। এই নীল রঙের পাতা হচ্ছে সর্প বিষের জম। এই পাতা একটা খেয়ে নিলেই তোমার শরীরে কোনো সাপের বিষ বিষক্রিয়া ছড়াতে পারবে না। বরং যে সাপ ছোবল দেবে সেই মারা যাবে। তবে সাবধান। ওপারে গিয়েই তুমি এই পাতা খাবে। কারণ এটার কার্যকারিতা থাকে মাত্র ছত্রিশ মিনিট। এই সময়ের মধ্যেই তোমাকে পেরিয়ে যেতে হবে সাপের গুহা। না হলে সাপের কামড়ে মারা যাবে তুমি। হোসনা বানু ভীষণ খুশি হলো মায়া খরগোশের সহযোগিতা পেয়ে। রাতটা কেটে গেল। সকাল হলে খরগোশকে ধন্যবাদ দিয়ে রওয়ানা হলো হোসনা বানু।  মনে মনে নদীর পানি বরফ করার মন্ত্র কয়েকবার পড়ে নিলো যেন ভুলে না যায়। ততক্ষণে গাছের নিচে ও নদীর পাড়ের সব কুমির চলে গেছে পনিতে। এই সুযোগে খুব দ্রুত হোসনা বানু দৌড়ে গেলো নদীর ধারে। গিয়ে মায়া খরগোশের শেখানো মন্ত্র পড়লো –

“সুড়াং ফুড়াং জাং
ইকুর নিকুর নাং
হামকো হুকুমত শোনেলে
লোহিত্ লালে গাং
রক্ত নদীর রক্ত
তুমি আমার বশ মেনে হও
বরফ জমা ভক্ত”

ব্যস, মন্ত্রটা পড়ার সঙ্গে সঙ্গে রক্ত নদীর সব পানি জমে গেল। জমে গিয়ে শক্ত বরফ হয়ে গেল একদম। হোসনা বানু হাতের মুঠোয় নিলো কাকের দেয়া রসুন। তারপর জমাট বরফের ওপর দিয়ে শুরু করলো দৌড়। বরফের নিচে আটকে পড়া কুমিরগুলো চোয়াল দিয়ে ঠক্ ঠক্ করে বাড়ি দিতে লাগলো বরফের আস্তরণে। কিন্তু এতো ভারী বরফের আস্তরণ ভাঙা সম্ভব না। শুধুমাত্র রোদের তাপেই ধীরে ধীরে গলবে এই বরফ। এদিকে ভীষণ জোরে দৌড়াতে লাগলো হোসনা বানু। দৌড়ে নদীর ওপারে পৌঁছে গেল হোসনা বানু। আর ভয় নেই। রক্ত নদীর কুমির এখন আর কোনো ক্ষতি করতে পারবে না ওর। তবে ভয় এখন সাপের। হোসনা বানু যেই নদী পেরিয়ে পাড়ে উঠেছে ওমনি শত শত বিষধর সাপ ছুটে আসতে লাগলো ওর দিকে। হোসনা বানু সাথে সাথে খরগোশের দেয়া নীল রঙের একটা পাতা খেয়ে নিলো। ততক্ষণে দুটো সাপ একদম পায়ের কাছে এসে পড়েছে। এসেই টপাটপ ছোবল দিলো ওর পায়ে। তবে তাতে হোসনা বানুর কিছুই হলো না। উল্টো সাপদুটোই শরীর বাঁকিয়ে মরে পড়ে রইলো। হোসনা বানু থামলো না। হাজার হাজার সাপের উপর দিয়েই দৌড়াতে থাকলো। কোনো কোনো সাপ ওর পায়ের নিচে পিষ্ট হলো; কোনো কোনো সাপ ওকে কামড়ে দিয়ে নিজেরাই মারা পড়লো। এমন করে কত সাপ যে মরলো তার হিসেব কেউ রাখলো না। এই পিচ্ছিল সাপের শরীর মাড়িয়ে যেতে অনেক কষ্ট হচ্ছিলো হোসনা বানুর। তবু সে থামলো না। থামলো একদম গুহার মুখে গিয়ে। সেখানে দেখলো আরো বড় বড় অসংখ্য সাপ গিজ গিজ করছে। হোসনা বানুকে দেখেই ফণা তুলে এগিয়ে আসছে ওরা। ছোবল দিচ্ছে হাতে পায়ে শরীরে। এতে অবশ্য কোনো ব্যথা অনুভব হচ্ছে না ওর। সাপগুলোই মরছে। হোসনা বানু বিষয়টি দেখে বেশ মজাই পাচ্ছে। এদিকে সময় বয়ে যাচ্ছে; ছত্রিশ মিনিট শেষ হতে আর বেশি বাকি নেই। এ কথা মনে হতেই হোসনা বানু ঢুকে পড়লো সাপের গুহায়। এমনিতেই ছোট্ট চিকন গুহা। তার উপর অসংখ্য সাপ কিলবিল করছে। এ গুহা পেরুনো মোটেও সহজ নয়। কিন্তু সময় নেই। খুব দ্রুত যেতে হবে গুহার ওই প্রান্তে। হোসনা বানু ওর সর্বশক্তি এক করে হামাগুড়ি দিয়ে চলতে লাগলো। গুহার ওমাথায় যেতেই হবে। সময় চলে যাচ্ছে। ছত্রিশ মিনিট শেষ হয়ে গেলে এই অসংখ্য সাপের মধ্যে মাত্র একটা সাপের কামড়েই মারা পড়তে হবে। সমস্ত শরীর বিষে নীল হয়ে যাবে। খুব অল্প সময় আছে হাতে। জলদি চল্ হোসনা বানু। জলদি, আরো জলদি… নিজের ভেতর থেকে কেউ বলে চলছে ওকে। হোসনা বানু এই পিচ্ছিল ঠান্ডা সাপের শরীরের উপর হামাগুড়ি দিয়ে যাচ্ছে… যেতে যেতে শেষ হয়ে গেল নির্ধারিত ছত্রিশ মিনিট সময়। এবং শেষ মুহূর্তে পৌঁছে গেল সাপের গুহার ওই প্রান্তে। তখনো কয়েকটি সাপ তাড়া করছে ওকে। গুহা থেকে আরও বেশ কিছু পথ দৌড়ে সামনে গিয়ে পড়ে গেল হোসনা বানু। ততক্ষণে পেরিয়ে এসেছে সাপেদের নির্দিষ্ট এলাকা।

প্রচণ্ড ক্ষুধা আর ক্লান্তিতে আর চলতে পারলো না হোসনা বানু। সামনে তাকিয়ে দেখলো ওই তো দেখা যাচ্ছে জাদুর পাহাড়। খুব বেশি দূরে নয়। পূর্ণোদ্যমে উঠতে চাইলেও আর পারলো না উঠতে। আবার পড়ে গেল মাটিতে। একটু পানি দরকার। তেষ্টায় গলা ফেটে যাচ্ছে। একটু পানি না পেলে এবার আর বাঁচা যাবে না। হোসনা বানুর চোখ বুঁজে আসছে ক্ষুধায় আর ক্লান্তিতে। ওর চোখের সামনে ভেসে উঠলো মায়ের মুখ। মায়ের অন্ধ চোখের কান্না। মানুষের শরীরের সব শক্তি শেষ হয়ে যাওয়ার পরেও একটা শক্তি অবশিষ্ট থাকে। সেটা হলো ইচ্ছাশক্তি। সেই ইচ্ছাশক্তি জড়ো করে উঠে দাঁড়ালো হোসনা বানু। চলতে থাকলো আবার।

তবে জাদুর পাহাড়ে পৌঁছাতে পারলো কি সে? নাকি ঘটলো অন্য কোনো দুর্ঘটনা? হোসনা বানু ওর গন্তব্যের খুব কাছেই চলে এসেছে। সে কি চলে যেতে পারলো জাদুর পাহাড়ে? নাকি ফেঁসে গেল নতুন কোনো ঝামেলায়? সেটা জানার জন্য আমাদের যেতে হবে ওর সাথে পরের পর্বে।

(চলবে..)

প্রকাশকাল:  অক্টোবর ২০২৪

হোসনা বানুর অ্যাডভেঞ্চার । পর্ব-৫

।।৫।।

ডাইনোসর এর জঙ্গলে

হোসনা বানু যাবে ডাইনোসর এর জঙ্গলে। বরফের রাজ্য হিমালয় পর্বত ডিঙিয়ে এসেছে সে। তার মায়ের অন্ধ চোখের আলো ফিরিয়ে আনার জন্য যেতে হবে তাকে জাদুর পাহাড়ে। এখনো ওকে পেরোতে হবে ডাইনোসরের জঙ্গল। রক্ত নদী ও সাপের গুহা। তারপর পৌঁছতে হবে জাদুর পাহাড়ে। যারা হোসনা বানুর সাথে যেতে চাও সেই রোমাঞ্চকর অভিযানে তাদের স্বাগত জানাই। চলো আমরা এগিয়ে যাই সেই রোমাঞ্চকর অভিযানে।

হোসনা বানু হিমালয় পর্বত পেরিয়ে এসে অপেক্ষায় ছিলো বাতাসের। এখান থেকে তিনশো ক্রোশ দূরের ডাইনোসর এর জঙ্গলে সহজে যেতে হলে তাকে যেতে হবে বাতাসে ভর করে। কিন্তু তখন বিপদ হলো অন্য। বাতাস বইতে লাগলো জঙ্গলের পথের উল্টো দিকে। এই উল্টো বাতাসে নিজেকে ভাসিয়ে দিলে তো জঙ্গলে পৌঁছানো যাবেই না বরং পথ ভুলে যেতে হবে অন্য কোথাও। এই অবস্থায় জঙ্গলমুখো বাতাসের অপেক্ষা করা ছাড়া আর কিছুই করা যাবে না। পথের ধারে বসে থাকতে থাকতে নেমে গেলো রাত। হোসনা বানু একটা গাছের ডালে উঠে নিজেকে বেঁধে নিলো। রাতটা কাটানোর জন্য তাকে এখানেই থাকতে হবে। বাতাসের গতিপথ যদি ঠিক থাকে তবে ভোরবেলা উঠে বাতাসের সাথে রওয়ানা দেবে জঙ্গলের পথে। জোছনা রাতের চাঁদের আলোয় গাছের ডালে শুয়ে ছিলো হোসনা বানু। ঘুম ঘুম চোখে শুনতে পেলো খচখচ শব্দ। হোসনা বানু ধীরে ধীরে উঠে বসলো। শব্দটা লক্ষ করে দেখতে পেলো ওর নিচের ডালে একটা বাজপাখির বাসা। সেখানে আছে দুটো ডিম। আর সেই ডিম খাবার জন্য এগিয়ে আসছে বড়ো একটা সাপ। সাপটা খুব তাড়াতাড়িই খেয়ে ফেলবে ডিম দুটো। মা ও বাবা বাজপাখি সম্ভবত ঘুমিয়ে আছে। তাই দেখতে পায়নি সাপটাকে। অবশ্য দেখলেও লাভ নেই।  কারণ এতো বড়ো সাপের সাথে লড়াইয়ে পারবে না বাজপাখি। পাখিরা নিজে পালাতে পারলেও ডিম দুটো নিশ্চিত খেয়ে ফেলবে সাপটা। হোসনা বানু ওর পোঁটলা থেকে ছোরাটা বের করলো। তারপর লাফ দিয়ে নামলো নিচের ডালে। পড়লো একদম সাপের সামনে। এসময় ঘুম ভেঙে গেলো বাজপাখিদের। সাপটা ফোঁস ফোঁস করে এগিয়ে এলো হোসনা বানুর দিকে। হোসনা বানু ছোরাটা দিয়ে এক কোপে কেটে ফেললো সাপের মাথা। বাজ পাখিরা জেগে উঠে দেখলো সব। বললো, কে গো তুমি মেয়ে? এতো রাতে আমাদেরকে এবং আমাদের ডিম বাঁচালে সাপের কাছ থেকে? হোসনা বানু নিজের পরিচয় দিয়ে বললো, আমি যাবো জাদুর পাহাড়ে। আনবো সেখানকার মধু ঝরনার পানি। আমার মায়ের অন্ধ চোখ সারাতে সেই পানির বড়ো দরকার। আমার কাছে আছে বিশেষ একটা ফুলের পাপড়ি। এই পাপড়ি আমার চুলের ভাঁজে দিলে আমার শরীর হালকা হয়ে যায়। আমি এই পাপড়ি দিয়ে বাতাসে ভেসে যেতে পারবো। বাজপাখিরা সব কথা শুনে বললো, এটা যদিও সহজ কাজ নয় তবু তোমার মতো ভালো মেয়ে সেখানে যেতে পারবে বলেই আমরা বিশ্বাস করি। তবে জানো কি মেয়ে, আমাদের কাছে বাতাসের খবর আছে। আমরা আকাশে উড়ে বেড়াই বলে বাতাসের খবর জানতে পারি। সেই খবরের সূত্রে বলতে পারি যে খুব তাড়াতাড়ি বাতাসের গতি পাল্টাবে না। জঙ্গলমুখো বাতাসের জন্য তোমাকে অপেক্ষায় থাকতে হবে অনেক দিন। তারচে বরং তুমি বিকল্প উপায় দেখো। হোসনা বানু চিন্তিত হলো। ভাবতে লাগলো বিকল্প উপায়। এ সময় বাবা বাজপাখি বললো, তুমি আমাদের জীবন বাঁচিয়েছো। বাঁচিয়েছো আমাদের ভবিষ্যত সন্তানদেরকেও। তাই তোমার উপকার করা আমাদের কর্তব্য। আমার কাছে একটা বিকল্প উপায় আছে। বলছি শোনো, আমরা বাজপাখিরা খুব সহজেই বাতাসের বিপরীতে যেতে পারি। তাই আমি তোমায় বয়ে নিয়ে যাবো। হোসনা বানু বললো, সেটা কীভাবে সম্ভব?  আমার ওজন তো তোমার থেকে বেশি হবে।

সেটা এখন। কিন্তু তোমার মাথার চুলে ফুলের পাপড়ি দেয়ার পরে নিশ্চয়ই নয়, বললো বাবা বাজপাখি।

দারুণ বুদ্ধি তোমার, বললো হোসনা বানু। আমরা তাহলে কাল সকাল বেলা রওয়ানা হবো।

ঠিক তাই। এবার একটু ঘুমিয়ে নাও। ওরা ঘুমিয়ে পড়লো সে রাতে। জেগে উঠলো বেশ ভোরেই। উঠেই হোসনা বানু তৈরি হলো জঙ্গলে যাবার জন্য।

বাজপাখিদের ঘুম ভেঙেছে তারো আগে। মা বাজ পাখিটা যেন কোথা থেকে নিয়ে এসেছে বেশ কিছু বুনোফল। হোসনা বানু খুব তৃপ্তি নিয়ে সেই ফল খেলো। তারপর খেলো শিশির জমা পানি। আর অপেক্ষা না করে মাথার চুলে গুঁজে নিলো ওজন কমানোর ফুলের পাপড়ি। তারপর বাবা বাজপাখির পিঠে চড়ে উড়ে যেতে লাগলো জঙ্গলের দিকে। তিনশো ক্রোশ দূরের ডাইনোসর এর জঙ্গলে যাওয়াটা সহজ হলো না ওদের।  বাজপাখিটা বাতাসের বিপরীতে উড়ে যাওয়ায় ওর কষ্ট হচ্ছিলো বেশ। তাই কয়েকবার জিরিয়ে নিতে হয়েছিলো তাকে। আবার সে উড়লো। আবার জিরুলো। আবার উড়লো। এমন করে কতদিন যে লাগলো তার হিসেব কেউ রাখলো না। তবু ওরা এগিয়ে যেতেই লাগলো। যেতে যেতে যেতে পৌঁছে গেলো ডাইনোসর এর জঙ্গলের কাছে। গিয়ে তবেই থামলো বাজপাখিটা।

হোসনা বানু অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় দিলো বাজপাখিটাকে। তারপর মাথার থেকে খুলে নিলো বিশেষ ফুলের সেই পাপড়ি। তখন ওর ওজন বেড়ে আবার হয়ে গেলো স্বাভাবিক। যাবার সময় বাজপাখি বলে গেলো,

যদি দরকার মনে হয় আবার তবে ডাক দিও আমায় বাজ বন্ধু বলে। যেখানেই থাকি না কেন, তোমার ডাকে ঠিক হাজির হবে এই খয়েরি ডানার বাজ।

এবার পেরোতে হবে এই ঘন অন্ধকার জঙ্গল। এখানে সূর্যের আলো খুব কম। জঙ্গলের ভেতরে হয়তো তাও নেই। কুয়াশার চাদর জড়িয়ে আছে চারপাশ। কিন্তু থেমে গেলে হবে না। এর মাঝেই হাঁটা শুরু করলো হোসনা বানু। হাঁটতে হাঁটতে কতো সময় যে হাঁটলো সে হিসেব কেউ রাখলো না। হাঁটতে হাঁটতে অনেকটা পথ এগিয়ে গেলো হোসনা বানু। তবে মজার ব্যাপার যে ও ততটা ক্লান্ত হলো না। ক্লান্ত হয়নি এজন্য যে ওর হাতে শ্বেত ভালুকের দেয়া বিশেষ লাঠিটা ছিলো। এই লাঠিটা হাতে থাকলে ক্লান্তিবোধ কোথায় যে উবে যায় তা কেউ বলতে পারে না। আর হাঁটাও যায় অনেক তাড়াতাড়ি।

হালকা আলোর পথ ফুরিয়ে আসছে প্রায়। ঘন অন্ধকার জঙ্গল খুব দূরে নয়। হেঁটেই চলছে হোসনা বানু। হঠাৎ বনের গাছপালা কাঁপিয়ে দৌড়ানোর শব্দ শুনতে পেলো হোসনা বানু। কোনো এক দল জন্তু দৌড়ে আসছে। ওর দিকেই আসছে। কারা ছুটে আসছে এরকম মাটি কাঁপিয়ে, গাছপালা ভেঙে ভূমিকম্পের মতো? হোসনা বানুর বুঝতে খুব বেশি সময় লাগলো না। খুব ক্ষিপ্র গতির একটা বাচ্চা হাতি ওর গায়ের উপর দিয়ে যাচ্ছিলো প্রায়। হোসনা বানু ত্বড়িৎগতিতে সটকে না পড়লে পিষেই ফেলতো ওকে হাতিটা। বাচ্চা হাতির পেছনে আসছে একদল হায়েনা। দাঁতাল হায়েনাগুলোর শিকার হচ্ছে বাচ্চা হাতি। এতো এতো হায়েনার খুব অল্প সময় লাগবে হাতিটাকে ছিঁড়েখুড়ে খেতে। হোসনা বানু কী করবে হাতিটাকে বাঁচাতে! খুব দ্রুত ও একটা সাহসী কাণ্ড করে বসলো। হায়েনার পালের সামনে দাঁড়িয়ে পড়লো গিয়ে। তারপর হাতের লাঠিটা দিয়ে দৌড়ে আসা হায়েনাদের পেটাতে লাগলো। লাঠিটা যেন জাদুর মতোই কাজ করছে ওর সাথে। লাঠির আঘাতে এক একটা হায়েনা ছিটকে পড়তে লাগলো অনেক দূরে। কোনো কোনোটা গিয়ে পড়লো বড়ো বড়ো গাছের গায়। সেগুলোর হাড়গোড় ভেঙে থেঁতলে গেলো শরীর। এতো এতো হায়েনা ঠেকাতে খুব বেশি সময় লাগলো না। হোসনা বানু সব কটা হায়েনাকে মেরে তবেই থামলো।

ভীষণ অবাক হলো হোসনা বানু। ও নিজেই জানতো না যে এতটা শক্তি আছে ওর! এক এক বাড়িতে এক একটা হায়েনা চিৎপটাং! এটা কি সহজ কথা! তবে এতটা শক্তি সম্ভবত হোসনা বানুর না, হোসনা বানুর হাতে যে শ্বেত ভালুকের দেয়া লাঠিটা আছে এটা তারই শক্তি। এই বিষয়টা বুঝতে পেরে মনে মনে আর একবার শ্বেত ভালুককে ধন্যবাদ দিলো হোসনা বানু। এই লাঠিটার জন্য বেঁচে গেলো বাচ্চা হাতিটা। হোসনা বানু আবার হাঁটতে থাকলো। এবার আরও দ্রুত হাঁটলো। যত তাড়াতাড়ি সম্ভব এই ডাইনোসর-এর জঙ্গল পেরোতে হবে।

হোসনা বানু চলতে চলতে তখনই থামলো, যখন দেখলো আলোটা মিশে গেছে একদম অন্ধকারে। ভীষণ ক্ষুধা আর তেষ্টা পেলো হোসনা বানুর। ভালুকের দেয়া সবুজ রঙের পাথরটা বের করতেই আলোকিত হলো ওর চারদিক। যতটুকু আলো আসছে ততটুকু দিয়ে দিব্যি হাঁটা যায় পথ। হোসনা বানু পোঁটলা থেকে খাবার বের করে দেখলো সেখানে আছে কেবল একটা শুকনো রুটি আর খুব সামান্য একটু পানি। এতটুকুই শেষ ভরসা এখন। অর্ধেকটা রুটি আর খুব সামান্য পানি দিয়ে খাওয়া শেষ করলো ও। তারপর এগুতে এগুতে দেখলো জঙ্গলের সামনের অংশ আরও অন্ধকার। এটাই ডাইনোসর এর জঙ্গলের মূল অংশ। এখানকার জন্তু-জানোয়ারগুলো এই অন্ধকারেই দেখতে পায়। অন্ধকার জঙ্গলের ভেতরে ঢুকে হোসনা বানুর মনে হলো কেউ আছে আশেপাশে। খুব সতর্কতা নিয়ে চলতে থাকলো জঙ্গলের পথ দিয়ে। হোসনা বানু বেশিদূর এগোতে পারলো না। চারপাশ দিয়ে ওকে ঘিরে দাঁড়ালো একদল কালো চিতা। অন্ধকারের সাথে ওদের শরীর মিশে গেছে। চিতাগুলোর সবুজাভ হলে চোখগুলো জ্বলজ্বল করছিলো। হোসনা বানু এসময় একটা ভুল করে বসলো। প্রচণ্ড ভয়ে ওর হাতের লাঠিটা ছুঁড়ে মারলো সামনের একটা চিতাকে লক্ষ করে। ওর হাতে এখন লাঠি নেই। অন্য হাতের থেকে সবুজ আলোর পাথরটাও পড়ে গেছে নিচে। চিতাটা ধরাশায়ী হলো ঠিকই কিন্তু অন্য চিতাগুলো তখন আরও গোল হয়ে হাড় হিম করা হুঙ্কার দিয়ে একসাথে ঝাঁপিয়ে পড়লো ওর উপর।

না আ আ আ.. চোখ বন্ধ করে চিৎকার দিলো হোসনা বানু। কিছুক্ষণ কোনো শব্দ হলো না। সব কিছু নিরব। এতো নিরব হয়ে গেলো কেন হঠাৎ! ভয়ে ভয়ে চোখ মেললো হোসনা বানু। পাথরের অল্প সবুজ আলোয় দেখতে পেলো চিতাগুলো নেই। দারুণ ব্যাপার তো, চিতাগুলো ওর কোনো ক্ষতি না করেই পালিয়েছে। কিন্তু কেন তা জানে না হোসনা বানু। পাথরটা হাতে নিলো। এখন হাতের লাঠিটা নিতে হবে। লাঠিটা কুড়িয়ে নিতে এগিয়ে গেলো হোসনা বানু। আর তখনই দেখতে পেলো বিভীষিকাময় একজোড়া লাল চোখ। লাঠিটা আর নেয়া হলো না হাতে। জ্বলজ্বলে লাল চোখজোড়া কার তা বুঝতে বেশি সময় লাগলো না ওর। এই জঙ্গলের আতঙ্ক আগুনমুখো ডাইনোসর দাঁড়িয়ে আছে ওর সামনে। যেখানে ডাইনোসর থাকে সেখানে থাকার সাহস হয় না কারো। চিতাগুলো একারণেই পালিয়েছে। সবুজ পাথরের হালকা আলোয় ডাইনোসর-এর পুরো শরীরটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে শুধু ওর বিশাল ভয়ানক হিংস্র মুখ। মুখের ভেতর লম্বা দাঁত আর সাপের মতো জোড়া জিভ। ডাইনোসর এর বিরাট লম্বা গলা। ঘাড়ের উপর পাখনা দুটো বিশাল। ডাইনোসর এর হাত-পা কতগুলো তা বোঝা যাচ্ছে না। তবে তা যে অনেক সেটা বোঝাই যায়। হাত-পায়ের নখগুলো বেশ বড়ো আর ধারালো। আগুনমুখো ডাইনোসরের নিঃশ্বাস থেকে বের হচ্ছে গরম বাতাস। গরম বাতাসের সামনে দাঁড়িয়ে থাকতে হোসনা বানুর কষ্ট হচ্ছে।

ও কী করবে এখন, ভাবতে লাগলো। কিন্তু ভাবার সময়টা দিতে চায় না আগুনমুখো ডাইনোসর। ডাইনোসরটা আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে বললো, কে রে তুই পুঁচকে মেয়ে, আমার জঙ্গলে এসেছিস কোন সাহসে?

হোসনা বানু নিজেকে স্বাভাবিক রেখে বললো, আমি হোসনা বানু, আমি যাবো জাদুর পাহাড়ে। মধু ঝরনার সোনালি পানি এনে ভালো করবো আমার মায়ের অন্ধ চোখ। আমাকে যেতে দাও ডাইনোসর। তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই। ডাইনোসরটা রেগে গিয়ে বললো, আমার জঙ্গল ডিঙিয়ে কেউ যেতে পারেনি। তুইও পারবি না ছোট্ট মেয়ে। আমি এখন তোকে কাবাব বানাবো। তারপর গিলে খাবো। এ কথা বলেই মুখ দিয়ে আগুনের হল্কা ছাড়লো ডাইনোসর। আচমকা আক্রমণে হোসনা বানু চোখ-মুখ দুই হাতে ঢেকে ফেললো। এভাবে কিছুক্ষণ কাটলো। কিন্তু শরীরে আগুনের কোনো আঁচ টের পেলো না। শুনতে পেলো কলকল পানির শব্দ। চোখ মেলে দেখলো একটা অবাক কাণ্ড। হোসনা বানুর দুই পাশে দাঁড়িয়ে আছে অনেক হাতি। হাতিগুলো শুঁড় দিয়ে পানি ছিটাচ্ছে ডাইনোসরটার ছোঁড়া আগুনের দিকে। যে কারণে আগুনমুখো ডাইনোসরের আগুন লাগছে না হোসনা বানুর গায়ে। ডাইনোসরটা যতই আগুন ছোড়ে হাতির পাল ওর দিকে ততই পানি ছিটায়। এভাবে ডাইনোসরের মুখের আগুন নিভে যায় এক সময়। হোসনা বানু এই ফাঁকে ওর হাতের লাঠিটা দৌড়ে গিয়ে তুলে নেয় হাতে। ডাইনোসরের ভেতরের আগুন কমে যাওয়ায় অনেকটা দুর্বল হয়ে যায় সে। এ সুযোগটা কাজে লাগিয়ে হোসনা বানু লাঠিটা দিয়ে একটা বাড়ি মারে ডাইনোসরের মাথায়। সাধারণ লাঠির বাড়িতে এতো বড় ডাইনোসরের কিছু না হলেও এই বিশেষ লাঠির বাড়িতে নুয়ে পড়ে আগুনমুখো ডাইনোসর। তখন হাতির পাল একটা একটা করে হেঁটে যায় ডাইনোসরের কাছে। উঠে পড়ে ওটার  লেজে, শরীরে ও মাথায়। উঠে পায়ের চাপায় পিষ্ট করে ফেলে ডাইনোসরটাকে। এই জঙ্গলের আতঙ্ক আগুনমুখো ডাইনোসর মরে ভর্তা হয়ে যায়। হোসনা বানু ভীষণ খুশি হয়ে কৃতজ্ঞতা জানায় হাতির পালকে। হাতির পালের নেতা হাতি বলে, আমরা তোমার কাছে আরো বেশি কৃতজ্ঞ ছোট্ট মেয়ে। তুমি এই জঙ্গলে প্রবেশের পথে অনেক বড়ো একটা ভালো কাজ করেছো। তাই তোমাকে সাহায্য করতে পেরে আমরাও খুশি। তুমি হায়েনাদের মুখ থেকে বাঁচিয়েছো রাজা হাতির ছানাকে। তাই তোমার প্রতি আমাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ গ্রহণ করো। আর বলো তুমি কোথায় যেতে চাও? হোসনা বানু বললো, আমি যাবো জাদুর পাহাড়ে। সেখানকার মধু ঝরনার পানি এনে ভালো করবো আমার মায়ের অন্ধ চোখ। হাতির পাল বললো, আমরা তোমাকে  জঙ্গলের  বাকি পথটুকু পার করে দেবো। এই বলে নেতা হাতি শুঁড় দিয়ে পিঠে তুলে নিলো হোসনা বানুকে। তারপর জঙ্গলের বাকি পথটা পেরিয়ে পৌঁছে দিলো রক্ত নদীর পাড়ে। বললো, এই নদী পার হওয়া আমাদের সম্ভব নয়। তাই আমাদের এখান থেকেই ফিরে যেতে হবে।  তোমার জন্য শুভকামনা। তুমি ভালো মেয়ে। তাই তুমি জয়ী হয়ে ফিরে আসবে। এই বলে বিদায় নিলো হাতির পাল। হাতির পালের সহযোগিতায় আগুনমুখো ডাইনোসরকে মেরে সহজেই জঙ্গল পেরিয়ে এলো। এগিয়ে গেলো গন্তব্যের আরো একটি ধাপের কাছে। এবার ওর সামনে ভয়ানক দানবের মতো কুমিরে ভরা রক্ত নদী। হোসনা বানু কেমন করে পার হবে সেই রক্ত নদী। তার ওপারে বিষধর সাপের গুহা। ও কী পারবে এই জঙ্গলের মতো নদী ও গুহা পেরিয়ে যেতে? সেই গল্প আমরা জানবো পরের পর্বে।

(চলবে..)

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৪