Home Blog Page 115

হোসনা বানুর অ্যাডভেঞ্চার । পর্ব-৪

।।৪।।

হিমশীতল বরফের পাহাড় হিমালয় পর্বত। যেখানে গেলে কনকনে ঠান্ডায় আইসক্রিম এর মতো জমে যায় শরীর। হিমালয় পর্বত ডিঙিয়ে তিনশো ক্রোশ দূরে আছে একটা জঙ্গল। ওটাকে বলে ডাইনোসর এর জঙ্গল। জঙ্গলটা ঘন কুয়াশায় ঢাকা। সেই জঙ্গলে এতোই অন্ধকার যে দিনের বেলাতেও কিছু দেখা যায় না। জঙ্গলের ভেতরে আছে নানা রকম হিংস্র জন্তু জানোয়ার। সব থেকে বেশি ভয় হলো ডাইনোসরের ভয়। সেই জঙ্গলে আছে আগুনমুখো ডাইনোসর।

কোনো মানুষের দেখা পেলেই আগুন দিয়ে ঝলসে খেয়ে ফেলে সেই আগুনমুখো ডাইনোসর। ডাইনোসর এর জঙ্গলের ওপাশেই আছে রক্ত নদী। নদী ভরা অসংখ্য দানবের মতো বড়ো বড়ো কুমির। নদীর রং রক্তের মতো টকটকে লাল। সেই নদী পার হতে গেলেই দানব কুমির ছিড়েখুঁড়ে খেয়ে ফেলে। হাড়-মাংস সব খেয়ে ফেলে কুমিরের দল। ক্ষুধার্ত কুমিরগুলোর একজন মানুষ খেয়ে ফেলতে সময় লাগে মাত্র দুই মিনিট। রক্ত নদীর ওপারে গেলেই দেখা যাবে সাপের গুহা। সাপের গুহায় গিজগিজ করছে অসংখ্য বিষাক্ত সাপ। লাল সাপ, নীল সাপ, হলুদ সাপ, কালো সাপ। নানা রঙের কতশত প্রজাতির বিষধর সাপ যে সেখানে আছে তার হিসেব নেই। সাপের গুহার ওই প্রান্তে যেতে পারলেই দেখা যাবে জাদুর পাহাড়। সেই জাদুর পাহাড়েই আছে সোনালি পানির মধু ঝরনা। জাদুর পাহাড়ের মধু ঝরনার পানিতে আছে জাদুকরী গুণ। সেই পানি কোনো অন্ধ মানুষের চোখে দিলে চোখ ভালো হয়ে যায়। বোবা মানুষ মুখে দিলে সে কথা বলতে পারে। বয়রা কোনো মানুষ কানে দিলে সে শুনতে পায়। খোঁড়া মানুষ পায়ে দিলে পা ভালো হয়ে যায়।

আরো যত রোগ-ব্যাধি আছে, সব ভালো হয় মধু ঝরনার পানিতে। সেই মধু ঝরনার পানি আনতে পারলেই ভালো হয়ে যাবেন হোসনা বানুর মা। তিনি আবারও চোখে দেখতে পারবেন আগের মতো। ভালো হয়ে যাবে এই গ্রামের অন্য সব অন্ধ মানুষও।

এই কথাগুলো হোসনা বানুকে বললেন বদ্যি দাদু। বদ্যি দাদু লুলুশিয়া গ্রামের একজন সম্মানিত প্রবীণ কবিরাজ। বেশ জ্ঞানী একজন ব্যক্তি তিনি। গ্রামের কারো কোনো রোগ-ব্যাধি হলে তারা বদ্যি দাদুর কাছে ছুটে যান। তিনি তাঁর সাধ্যমতো সেবা ও চিকিৎসা দিয়ে তাদেরকে সারিয়ে তোলেন। তাঁর কাছে হোসনা বানু মাকে নিয়ে এসেছে চিকিৎসার জন্য। বদ্যি দাদু ওর মাকে দেখেই এই কথাগুলো বললেন হোসনা বানুকে। হোসনা বানু সব কথা শুনে বললো, আমি যাবো সেই জাদুর পাহাড়ে। সেখান থেকে নিয়ে আসবো মধু ঝরনাার পানি।  আর তা দিয়ে সুস্থ করে তুলবো আমার মাকেসহ এই গ্রামের সবাইকে। তুমি আমাকে রাস্তা বলে দাও দাদু। বদ্যি দাদু বললেন, সে তো অনেক দূরের পথ। আর সেখানে গেলে অনেক বিপদের সম্মুখীন হতে হবে। তুমি ছোট্ট মেয়ে। তুমি কি পারবে সেই দুর্গম পথ পেরিয়ে ওখানে যেতে? হোসনা বানুর এক কথা। জাদুর পাহাড়ে সে যাবেই। মধু ঝরনার পানি এনে সে ওর মায়ের চোখ ভালো করে তুলবেই। তাই বদ্যি দাদু বলে দিলেন পথ। হোসনা বানু মা ও গাঁয়ের সবার দোয়া নিয়ে রওনা হয়ে গেলো। সাথে নিয়ে নিলো একটা পোঁটলা। পোঁটলায় বেঁধে নিলো একটা ছোট ছোরা, একটা দড়ি, কিছু শুকনো খাবার, এক কৌটা পানি।

মায়ের অন্ধ চোখ ভালো করার জন্য দুর্গম পথে হেঁটে চললো হোসনা বানু। যাচ্ছে তো যাচ্ছেই। রাত দিন সমানে হেঁটে চলছে। যেতে যেতে যেতে হোসনা বানু ক্লান্ত হয়ে থামলো একটা গাছের নিচে। একটু জিরিয়ে না নিলে আর হচ্ছে না। খুব ক্ষিধেও পেয়েছে তার। হোসনা বানু গাছের নিচে বসে পোঁটলাটা খুলে দুটো শুকনো রুটি আর লবণ দেয়া মাংস বের করলো। বের করে যেই খেতে যাবে, তখন দুটো কাক ডেকে উঠলো। ওরা ডেকে বললো,

“দিন চলে যায় রাত চলে যায়/পাই না খেতে হায়/

কত মানুষ সামনে বসে/খাবার খেয়ে যায়/

একটু খাবার খেতে পেলে/বেঁচে যেতাম আজ/

বিনিময়ে করে দিতাম/কঠিন কোনো কাজ।”

কাক দুটোর কথা শুনে হোসনা বানুর মায়া হলো। নিজে রুটি না খেয়ে বললো, তোমাদের ক্ষুধা লেগেছে বুঝি? আসো তো আমার কাছে। আমার রুটি তোমাদের সাথে ভাগ করে খাবো। বিনিময়ে আমার কোনো কাজ করতে হবে না। তোমাদের পেট ভরলেই আমি খুশি। হোসনা বানুর ডাকে কাক দুটো নেমে এলো ওর কাছে। হোসনা বানুর সাথে ওরা মিলেমিশে খেলো রুটি আর সেদ্ধ করা মাংসের টুকরো।

খাওয়া শেষে জানতে চাইলো কোথায় যাবে হোসনা বানু। হোসনা বানু ওদেরকে জানালো, সে যেতে চায় জাদুর পাহাড়ে। তার প্রয়োজন সেখানকার মধু ঝরনার পানি। ‘সে তো অনেক কঠিন পথ বাপু; হিমালয় পর্বত ডিঙিয়ে যাওয়া সহজ নয়। আমাদেরকে তুমি খাবার দিয়ে বাঁচিয়েছো। তাই আমরা তোমায় একটা উপকার করবো’, বললো কাক দুটো। ‘তোমরা দুটি কাক পাখি। আমাকে কী এমন উপকার করতে পারবে?  আমার তো লম্বা দুর্গম পথ একাই পেরোতে হবে’, বললো হোসনা বানু। কাক দুটো তখন উড়ে গিয়ে বসলো গাছের উপর। সেখানেই ওদের বাসা। নিজেদের বাসা থেকে ঠোঁটে করে নিয়ে আসলো একটা রসুন আর একটা বনফুলের পাপড়ি। হোসনা বানুর হাতে দিয়ে বললো,

“এই রসুনের কোয়া যদি থাকে কারো কাছে
হিমালয় পর্বতের শীতেও উষ্ণ হয়ে বাঁচে।
এই পাপড়ি থাকলে চুলে ওজন কমে তার
হাওয়ার সাথে মিশে যাওয়া আহা চমৎকার।
হাওয়ায় মিশে ভেসে ভেসে দ্রুত যাওয়া যায়
যে মেয়েটা অনেক ভালো সেই এগুলো পায়।”

এইভাবে ছড়া কেটে হোসনা বানুকে রসুন ও পাপড়ি উপহার দিলো কাকেরা। বললো, এই রসুন তোমার সাথে থাকলে তোমার শরীর এতোই গরম থাকবে যে হিমালয় পর্বতের ঠান্ডায় তোমার কোনো ক্ষতিই হবে না। এই রসুন সাথে থাকলে তুমি যে কোনো শীতল পরিবেশে যেতে পারবে। আর এই বিশেষ ফুলের পাপড়ি তুমি চুলের ভাঁজে গেঁথে রাখলে তোমার ওজন হবে বাতাসের মতো হালকা। তখন তুমি বাতাসের সাথে ভেসে ভেসে চলে যেতে পারবে দ্রুত।

‘তোমার ইচ্ছে পূরণ হোক’-এই বলে উড়ে গেলো কাক দুটো। হোসনা বানু ওদেরকে ধন্যবা জানিয়ে আবার হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে বিকেল গড়িয়ে রাত হলো, সকাল হলো, আবার দিন পেরিয়ে রাত হলো। ক্লান্তি এসে আবার ভর করলো হোসনা বানুর শরীরে। হোসনা বানু কাকেদের দেয়া ফুলের পাপড়িটা বের করে মাথার চুলে গুঁজে নেয়। তারপর সাথে সাথেই সে হয়ে যায় বাতাসের মতো হালকা। আহ্, কী আরাম! হোসনা বানুর নিজের শরীরের ওজন এতোটাই কমে যায় যে আরামে চোখ বন্ধ হয়ে আসে। পাখির মতো দুটি হাত মেলে দেয় শূন্যে।

হোসনা বানুকে উড়িয়ে নেয় বাতাস। বাতাসে ভেসে ভেসে খুব অল্প সময়েই হোসনা বানু ওর গন্তব্যের প্রথম ধাপের কাছে এসে যায়। ধীরে ধীরে অনুভব করতে থাকে শীতল একটা অনুভূতি। হিমালয় পর্বতের খুব কাছাকাছি পৌঁছে গেলো হোসনা বানু। সামনেই দেখতে পেলো সাদা বরফে ঢাকা হিমালয় পর্বত। বিশাল উঁচুতে মাথা তুলে দাঁড়িয়ে আছে হিমালয়। হোসনা বানু হিমালয়ের যত কাছে যায়, ততই ঠান্ডা লাগে ওর। একটা সময় অসহ্য মনে হলে সে দাঁড়িয়ে পড়ে হিমালয় পর্বতের পাদদেশে। বাতাস তখনো ওকে উড়িয়ে নিতে চায়। পাহাড়ের বরফের সাথে একটা ধাক্কা লাগে ওর। হোসনা বানু তখন মাথা থেকে খুলে নেয় ফুলের পাপড়ি। প্রচণ্ড ঠান্ডায় আইসক্রিম-এর মতো জমে যেতে থাকে হোসনা বানু। এসময় ওর মনে পড়ে কাকদের দেয়া রসুনের কথা। পোঁটলা থেকে রসুনের একটা কোয়া বের করে হাতের মুঠোয় নেয় হোসনা বানু। তখন অবাক হয়ে অনুভব করে ওর শরীরটা কেমন যেন উষ্ণ আর চাঙা হয়ে উঠেছে। ক্লান্তিও ূর হয়ে গেছে। হিমালয়ের বরফ শীতল পরিবেশে কোনো ঠান্ডাই আর কাবু করতে পারে না হোসনা বানুকে। এবার হিমালয় পর্বত ডিঙিয়ে পার হতে পারলেই ওপারে ডাইনোসর-এর জঙ্গল। কিন্তু এখানে বাতাসে উড়ে চলা খুব বিপজ্জনক। কাচের মতো বরফের সাথে ধাক্কা লেগে কেটে যেতে পারে হাত-পা। তাই খালি হাতেই হিমালয় পর্বত ডিঙিয়ে যাবার চেষ্টা করতে হবে। খুব সাবধানে! কিন্তু এতো বড় হিমালয় পর্বত ডিঙিয়ে যাওয়া কেমন করে সম্ভব! হোসনা বানু ক্ষুধায় কাতর হয়ে ওর পোঁটলা বাঁধা শুকনো রুটি বের করে খাওয়ার জন্য। সাদা সমুদ্রের মতো বিশাল হিমালয় অঞ্চলের চারপাশে বরফ আর বরফ। একটা লম্বা বরফের চাঁইয়ের উপর বসে রুটি খেতে লাগলো হোসনা বানু। এসময় হঠাৎ যেন বরফটা নড়ে উঠলো। কী ব্যাপার, এতো বড়ো বরফের টুকরো তো বাতাসে নড়ার কথা না। ভাবতে ভাবতে আবার নড়ে উঠলো বরফ খণ্ডটা। হোসনা বানু তড়িঘড়ি করে রুটি খেয়ে দৌড়ে নেমে পড়লো বরফখণ্ডটা থেকে। তারপর অবাক হয়ে দেখলো লম্বা বরফ খণ্ডটা তুমুলভাবে কাঁপছে। কাঁপতে কাঁপতে উপরের বরফের আস্তরণটা সরে গেলো। দেখা গেলো, ওটা কোনো বরফের টুকরো নয়; ওটা একটা বিশাল শ্বেত ভালুক। শ্বেত ভালুকটা বরফের ভেতর জমে ছিলো। এখন প্রচণ্ড কাঁপছে। উঠে দাঁড়াতেই পারছে না। হোসনা বানু ওর কাছে এগিয়ে গিয়ে দেখলো ভালুকটা জ্বরে কাঁপছে। ভীষণ জ্বরে আক্রান্ত এই বরফ অঞ্চলের বিশাল শ্বেত ভালুক।

হোসনা বানুর মায়া হলো খুব। কী করা যায় ভাবতে ভাবতে মনে হলো ওর রসুনের কথা। কাকেদের দেয়া রসুনের থেকে এক কোয়া রসুন খুলে রেখে দিলো শ্বেত ভালুকের কানের ফুটোয়। কিছুক্ষণ পরেই উঠে দাঁড়ালো শ্বেত ভালুকটি। জ্বর সেরে একদম সুস্থ হয়ে গেলো ভালুকটা। সুস্থ হয়ে হোসনা বানুর দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো। হোসনা বানুর কাছে জানতে চাইলো কোথায় যাবে সে। হোসনা বানু বললো সে যেতে চায় জাদুর পাহাড়ে। মধু ঝরনার সোনালি পানি দরকার তার মায়ের চোখ সারাতে। সব শুনে শ্বেত ভালুক বললো, ‘দাঁড়া মেয়ে, আসছি আমি’। এই বলে সে দৌড়ে গেলো নিজের গুহায়। গিয়ে ফিরেও আসলো খুব তাড়াতাড়ি। এসে হোসনা বানুর হাতে দিলো একটা সবুজ পাথর আর একটা ছোট লাঠি। এরপর বললো,

“ছোট্টো মেয়ে তুই তো ভীষণ ভালো,
দিচ্ছি তোকে অন্ধকারের আলো।
দিচ্ছি আরও পাহাড় নদী
ডিঙিয়ে চলার লাঠি,
তাদের বিজয় হবেই যাদের
মনটা থাকে খাঁটি।”

‘শোন্ মেয়ে, তুই আমাকে সুস্থ করে তুলেছিস। তাই তোকে দিলাম আমি এই দুটো উপহার। এই লাঠি তোকে হিমালয় পর্বত ডিঙিয়ে যেতে সাহায্য করবে। তুই নদীও পেরোতে পারবি এই লাঠি দিয়ে। আর এই ছোট্ট সবুজ পাথর অন্ধকার পথ আলোকিত করবে। এগিয়ে যা তুই। তোর বিজয় হবেই। শ্বেত ভালুকের কাছ থেকে খুব প্রয়োজনীয় উপহারদুটো পেয়ে অনেক খুশি হলো হোসনা বানু। তারপর ভালুকটাকে ধন্যবাদ জানিয়ে রওনা হলো আবার। কাঁধে পোঁটলা, একহাতে রসুনের কোয়া আর অন্য হাতে ভালুকের দেওয়া লাঠি নিয়ে এগোতে থাকলো সামনে। ডিঙিয়ে যেতে লাগলো পাহাড়। হিমালয় পর্বত ডিঙিয়ে যেতে এবার আর কোনো কষ্ট হলো না ওর। খুব সহজেই যেতে পারলো হিমালয় পর্বতের ওপারে। ভালুকের দেয়া এই লাঠিটা বেশ কাজের। বরফের পাহাড় ডিঙিয়ে আরো অনেকটা পথ পার হওয়ার পর শেষ হলো বরফের সমুদ্রের মতো বিশাল হিমাঞ্চল। তখন রসুনের কোয়ার রকার পড়লো না আর। রসুনের কোয়া পোঁটলায় রেখে পথে এবার একটু জিরিয়ে নিতে বসলো হোসনা বানু। এখান থেকে তিনশো ক্রোশ দূরে আছে ডাইনোসর-এর জঙ্গল। অনেক লম্বা পথ। এখন তাকে ভরসা করতে হবে বাতাসের ওপর। বাতাস যখন জঙ্গলমুখী হয়ে বইবে তখন কাকেদের দেয়া ফুলের পাপড়ি মাথায় গুঁজে বাতাসের সাথে ভেসে ভেসে আগাতে হবে পথ। তবেই যাওয়া সহজ হবে ডাইনোসর-এর জঙ্গলে। হোসনা বানু বাতাসের অপেক্ষায় বসে থাকলো পথের ধারে। সামনে হয়তো আছে ওর আরো বিপদ। সে বিপদ মোকাবেলা করে কেমন করে পৌঁছবে ডাইনোসর-এর জঙ্গলে? সেখানে কত বিপদের মুখোমুখি হতে হবে হোসনা বানুকে?

সেটা তো জানবোই আমরা। তবে সেটা জানতে হলে আমাদের যেতে হবে পরের পর্বে।

(চলবে..)

প্রকাশকাল: আগস্ট ২০২৪

হোসনা বানুর অ্যাডভেঞ্চার । পর্ব-৩

।।৩।।

আজব একটা ঘটনা ঘটেছে কোকাব শহরে। শহরে একটা মেয়ে ঢুকে পড়েছে হঠাৎ। কোকাব শহর হলো পরিদের রাজ্য। এখানে সব জ্বীন পরিদের বাস। এ রাজ্যে একটা মেয়ে এসেছে এটা খুব আজব ব্যাপার। মেয়েটি এসেছে মানুষের রাজ্য থেকে। অথচ এই কোকাব শহরে মানুষের প্রবেশ একেবারেই নিষেধ।

এই ঘটনা নিয়েই শুরু হয়েছে হইচই। এই শহরে কে আনলো এই মানুষের মেয়েটাকে। কার এতো বড় সাহস হলো? নাকি মেয়েটা একাই ঢুকে পড়েছে এখানে? কিন্তু সেটা তো সহজ কোনো বিষয় না। মানুষের রাজ্য এই কোকাব শহর থেকে হাজার লক্ষ যোজন দূরে। একটা ছোট্ট মেয়ের পক্ষে তো এখানে একা একা আসা অসম্ভব প্রায়। তাহলে কেমন করে আসলো মেয়েটা। পরিদের রাজ দরবারে হাজির হয়েছে রাজ্যের গণ্য মান্য জ্বীন ও পরিরা। মেয়েটাকেও হাজির করা হয়েছে সবার সামনে। পরিদের সম্রাট প্রথমে মেয়েটার কাছে জানতে চাইলো তার নাম পরিচয় ও এখানে আসার কাহিনি। মেয়েটা বলল, আমি হোসনা বানু। আমি একটা গ্রামের মেয়ে। গ্রামের নাম লুলুশিয়া। আমি আমার মায়ের সাথে থাকি। আমাদের গাঁয়ের সবাই খুব সুখি। কারোর সাথে আমাদের কোনো বিরোধ নেই। আমাদের একটা গোলাপ বাগান আছে। কালো গোলাপের বাগান বলি আমি সেই বাগানকে। যদিও অনেক রঙের গোলাপই হয় সেখানে। এক সকালে আমি আমাদের ফুল বাগানে গেলাম। আমার বাগানে অনেক ধরনের গোলাপের গাছ আছে। আমি ফুল ফোটাতে ভালোবাসি। আমার গোলাপ বাগানে লাল গোলাপ, নীল গোলাপ, সাদা গোলাপ, হলুদ গোলাপসহ আরো অনেক রঙের গোলাপ হয়। সেইসব গোলাপের সৌরভে ভরে যায় সারা গ্রাম। আর বছরের এই সময় আমার বাগানের একটা অংশের গোলাপ গাছে হয় কালো গোলাপ। সেই কালো গোলাপের সৌন্দর্যের কাছে আমার সমস্ত গোলাপের সৌন্দর্য ম্লান হয়ে যায়। আর সেই গোলাপের সুবাসে ছুটে আসে হাজার হাজার প্রজাপতি, মৌমাছি, নানা প্রজাতির পাখি। ওরা এসে আমার বাগানে ঘুরে বেড়ায়। গোলাপের ডালে বসে গান করে। আমার ভীষণ ভালো লাগে। আমি সেই কালো গোলাপ গাছে জল দিতে গিয়েছিলাম। গিয়ে দেখলাম গাছটা নড়ছে। অথচ তখন কোনো বাতাস ছিলো না। আমি আমার বাগানের সব থেকে বড়ো আর সুন্দর কালো গোলাপ গাছটায় পানি দিতে গেলাম। আমি গাছে পানি দেয়ার আগেই দেখলাম যে গাছটা শেকড় সুদ্ধ উপরে উঠে যাচ্ছে। কিন্তু কেউ ছিলো না সেখানে। আমি অবাক হয়ে অনেক খুঁজেও কাউকে দেখতে পাইনি। অথচ গাছটা একা একাই উঠে যাচ্ছিলো উপরে। আমার এতো প্রিয় কালো গোলাপ গাছটাকে আমি হারাতে চাইনি। তাই আমি গাছটাকে আঁকড়ে ধরলাম। আশ্চর্যজনকভাবে গাছটা আমাকে নিয়েই শূন্যে ভাসতে লাগলো। ভাসতে ভাসতে মেঘের উপর দিয়ে যেতে লাগলো। যেতে যেতে কতটা পথ যে গেল তার কোনো হিসাব নেই। আমার গাছ ধরে ঝুলে থাকতে খুব কষ্ট হচ্ছিলো। তবু আমি ছাড়তে চাইনি এজন্য যে এই কালো গোলাপ গাছটা আমার অনেক প্রিয় গাছ। আমি ভাসতে ভাসতে মেঘের রাজ্য পেরিয়ে গেলাম। পৌঁছে গেলাম অচেনা এক রাজ্যে। যেখানে আমি কোনোদিন যাইনি। আমার কিছুটা ভয় করছিলো। তখন শুরু হলো ঝড়ো হাওয়া। প্রবল বাতাসের তোড়ে আমার গোলাপ গাছ ধরে ভেসে থাকাটা আর সম্ভব হয়নি। আমার হাত ফসকে গেল। এরপর কী হয়েছে তা আমার জানা নেই। সত্যি বলছি, এরপরে কী হয়েছে আমি জানি না। তোমাদের এই শহরে আমি আসতে চাইনি। আমি আমার মাকে নিয়ে আমার গ্রামেই ভালো ছিলাম এবং আমি সেখানেই থাকতে চাই। টানা এই পর্যন্ত বলে থামলো হোসনা বানু।

পরিদের রাজ দরবারে হাজির গণ্যমান্য সভাসদগণ চুপচাপ হোসনা বানুর সব কথা শুনলো। ওর কথা শেষ হতেই একজন পরি বলল, তাই বলে আমাদের এই পরিস্থানেই এসে পড়তে হবে? আমাদের রাজ্যের তো একটা নিয়ম আছে। এই নিয়ম ভেঙে আজ পর্যন্ত কোনো মানুষের আসা সম্ভব হয়নি এখানে। আর তুমি কীভাবে চলে আসলে? এখন আমাদের এই কোকাব শহরের ঐতিহ্য, রীতি নীতি যদি পৃথিবীর মানুষ জেনে যায় তবে তো আমাদের শহরের নিয়ম ভাঙা হবে। একজন বয়স্ক জ্বীন পরিটাকে থামিয়ে দিলো। আর খুব দুঃখ করে বলল, আহারে, ছোট্ট মেয়েটির কী কষ্ট। সে তার প্রিয়ফুল গাছটার জন্য নিজের দেশ ছেড়ে এতো দূর চলে এলো। ওর কতটা কষ্ট হয়েছে, কতটা ক্লান্ত হয়েছে, তা না ভেবে শুধু নিজেদের কথা ভাবছো? এই আচরণ তো আমাদের রাজ্যের কাউকে শোভা পায় না। তাছাড়া মেয়েটা তো বলছে, যে ও ইচ্ছে করে এখানে আসে নাই। অদৃশ্য কেউ একজন ওর গাছসহ ওকে উড়িয়ে নিয়ে যাচ্ছিলো। তারপর ঝড়ের কবলে পড়ে এখানে পড়ে গেছে। অন্য একজন পরি বলল, কিন্তু কে করলো এমন কাজটা? তার অপরাধটাই এখানে প্রধান। সে শুধু এই ছোট্ট মেয়েটির গাছসহ মেয়েটাকেই তুলে আনেনি আমাদের পরিস্থানের নিয়ম ভঙ্গ করেছে। তাকে খুঁজে বের করে শাস্তি দেয়া উচিত। এসময় কোকাব শহরের রাজা বলল, যেই করে থাক্ সেটা খুঁজে বের করতে হবে। এখন এই মেয়েটিকে সাহায্য করা আমাদের দরকার বলে মনে হচ্ছে। ডাকো রাজ জ্যোতিষীকে। তার গণনার আয়নায় দেখে নেয়া যাবে এতো বড়ো ধৃষ্টতা কার। সাথে সাথে হাজির করা হলো পরি রাজ্যের রাজ জ্যোতিষীকে।

পরি রাজ্যের রাজ জ্যোতিষী হোসনা বানুর চোখে চোখ রাখলেন। এরপর বললেন, একচোখা এক দৈত্যর কবলে পড়েছিলো মেয়েটি। যার বাগানে এখন কালো গোলাপের গাছটা আছে। সেই দৈত্য অদৃশ্য হবার মন্ত্র জানে। সে এই ছোট্ট মেয়ে হোসনা বানুর বাগান থেকে চুরি করে নিয়ে গেছে কালো গোলাপের গাছ। আর ওকে ফেলে দিয়েছে এই কোকাব শহরে। তবে আনন্দের বিষয় হলো হোসনা বানু আমাদের শহরে আসায় এই শহরের পবিত্রতা নষ্ট হয়ে যায়নি। কারণ নিয়ম এটাই যে, যদি কোনো পাপী বা অপরাধী মানুষ আমাদের পরি রাজ্যে প্রবেশ করে, তবেই এ রাজ্যের পবিত্রতা নষ্ট হবে। কিন্তু নিষ্পাপ কোনো শিশু এলে আমাদের পবিত্রতা অক্ষুণ্নই থাকবে। এই মেয়েটা যেহেতু অপরাধী বা পাপী নয়। তাই আমরা নিশ্চিত হতে পারি যে আমাদের কোকাব শহর পবিত্র ও পরিষ্কার আছে। বরং এই মেয়েটার সাথে অন্যায় হয়েছে। পরিদের সম্রাট জ্যোতিষীর সব কথা শুনলেন। তারপর হোসনা বানুকে বললেন, তুমি চিন্তা করো না মেয়ে। আমি কথা দিচ্ছি যে তোমার হারানো কালো গোলাপ গাছ উদ্ধার করতে সব রকম সাহায্য করবো। তুমি ভয় পেও না। তুমি এখন আমাদের কোকাব শহরের অতিথি। তুমি চাইলে আমাদের শহরে বেড়াতে পারো। যখন ইচ্ছে হবে তখন চলে যাবে। আমার জ্বীনেরা পৌঁছে দেবে তোমায়। তার আগে তোমার গোলাপ গাছ উদ্ধারেও সাহায্য করবে। তবে একটা কথা দিতে হবে তোমায়, আমাদের কোকাব শহরের ঐতিহ্য সৌন্দর্য সব কিছু তুমি উপভোগ করবে কিন্তু বাইরের পৃথিবীর কারো কাছে বর্ণনা করতে পারবে না। কারণ আমাদের শহরের অভ্যন্তরীণ বিষয়গুলো আমরা গোপন রাখতেই ভালোবাসি। সম্রাটের কথায় হোসনা বানু ভীষণ খুশি হলো। তার শর্ত মেনে নিয়ে দুজন পরির সাথে বেরিয়ে পরলো। পরি দুটো এতটাই সুন্দর যে হোসনা বানু তাদেরকে একটু ছুঁয়ে দেখতে চাইলো। পরির শরীর ছুঁয়ে ওর মনে হলো এতো নরম তুলতুলে শরীর সে কখনো দেখেনি। পরি দুটোর ডানায় কত যে রং তার শেষ নেই। তাকেও দুটো ডানা দেয়া হলো। হোসনা বানু নিজের ডানার ভর করে উড়ে বেড়াতে লাগলো দুজন টকটকে সুন্দর পরির সাথে। একটা দিন ও একটা রাত একটানা ঘুরে বেড়ালো স্বপ্নের মতো সুন্দর পরিদের রাজ্য কোকাব শহরে। কোনো ক্লান্তি আসলো না ওর কাছে। পরিস্থানের সবাই ওকে সম্মান করলো। আপ্যায়ন করলো। আরো কত আজব সুন্দর জিনিস যে সে দেখলো তা বলা যাচ্ছে না। কারণ হোসনা বানু পরিদের সম্রাটকে কথা দিয়েছে যে এই শহরের সৌন্দর্য ও ঐতিহ্যের বর্ণনা কাউকে দেবে না।

তাই কোকাব শহরের গল্প এটুকুই থাক্। এখন বরং তোমাদেরকে একচোখা দৈত্যর কাছে নিয়ে যাই। হোসনা বানুর কোকাব শহর ভ্রমণ শেষ হলো। তারপর তার সাথে দুজন জ্বীনকে দিয়ে পাঠানো হলো দৈত্যপুরিতে। একজন জ্বীনের নাম ছালছাতুন। আর একজন জ্বীনের নাম দীলরাদুন। ছালছাতুন জ্বীনের পাখায় এতো শক্তি যে ছয় মাসের পথ সে ছয় ঘণ্টায় যেতে পারে। আর তার পাখা দিয়ে আড়াল করতে পারে সব ধরনের আঘাত। বিপদ যেটাই ঘটুক ছালছাতুন জ্বীন তার পাখা দিয়ে তা প্রতিহত করতে পারে। আর দীলরাদুন জ্বীন তার নিঃশ্বাসে আগুন তৈরি করতে পারে। সে চাইলে তার মুখ দিয়ে বের করতে পারে ড্রাগনের মতো আগুনের হলকা। যে আগুনে পুড়ে সব কয়লা হয়ে যায়। দীলরাদুন জ্বীন ও হোসনা বানু ছালছাতুন জ্বীনের পিঠে চড়ে খুব অল্প সময়েই পৌঁছে যায় দৈত্যপুরিতে। দৈত্যপুরিতে ভয়ানক সব দৈত্যর বাস। এখানেই থাকে একচোখা দৈত্য। দৈত্যপুরির উঁচু প্রাচীর ঘেরা একটা বাগানে প্রবেশ করলো ওরা। যদি ভুল না হয় তবে এটাই একচোখা দৈত্যের বাগান। বলল ছালছাতুন জ্বীন। বিশাল বাগানে ঢুকেই কালো গোলাপ গাছের খোঁজ করতে লাগলো হোসনা বানু। বাগানের একটা কর্নারে দেখতে পেলো অনেক প্রজাপতির ঝাঁক। আর নানা রকম পাখিদের কলরব। ওইদিকটাতেই ছুটে গেলো হোসনা বানু। আর পেয়ে গেলো ওর প্রিয় কালো গোলাপ গাছটা। গোলাপের সৌরভ ছড়িয়ে গেছে সারা বাগানে। হোসনা বানুর সাথে আসা জ্বীন দুজন বললো, জীবনে প্রথম আমরা এতো সুন্দর গোলাপ দেখলাম। এ গোলাপের গন্ধ ও সৌন্দর্যের কোনো তুলনা নেই। হোসনা বানু ওর কালো গোলাপ গাছটা তুলে নিতে গেলে তাকে বাঁধা দিলো বিশাল দুটো পাইথন সাপ। এ সাপ দুটোকে বাগানের পাহারায় রেখে নিজের ঘরে আরাম করছিলো একচোখা দৈত্য। পাইথন সাপ দুটো দুই দিক দিয়ে বিরাট ফণা তুলে এগিয়ে এলো হোসনা বানুর দিকে। হোসনা বানু গোলাপ গাছ তুলে নিতে ব্যস্ত। অন্যদিকে ওর কোনো নজর নেই। পাইথন দুটো প্রায় ওর ঘাড়ের কাছে চলে আসলো। এসময় দৌড়ে এসে ওকে আড়াল করে দাঁড়ালো জ্বীন ছালছাতুন। ছালছাতুন জ্বীনের পাখায় কামড় বসালো পাইথন। কিন্তু ওর শক্ত পাখার তেমন কিছুই ক্ষতি করতে পারলো না। আবার চেষ্টা করলো। লাভ হলো না। তখন সামনে এলো দীলরাদুন জ্বীন। এসেই গরম নিঃশ্বাস ছাড়তে লাগলো পাইথন সাপ দুটোর মুখে। প্রচণ্ড রকমের গরম বাতাসে পিছিয়ে গেলো ওরা। দীলরাদুন জ্বীন আবার ছাড়লো গরম বাতাস। আরো পিছিয়ে গেলো সাপ দুটো। আগুনের তাপে হিস হিসিয়ে উঠলো ওরা। ততক্ষণে হোসনা বানুর কাজ শেষ। মাটি থেকে উপড়ানো হয়ে গেছে ওর প্রিয় কালো গোলাপ গাছ। ঠিক সেই মুহূর্তে জেগে উঠলো দৈত্য। উঠেই ঘরের থেকে বাইরে আসতে আসতে বললো, কীসের এতো হট্টগোল দৈত্যপুরিতে? নিরিবিলিতে একটু ঘুমোতে পারছি না কেন? এসেই দেখলো দুজন জ্বীন আর একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে ওর বাগানে। মেয়েটার হাতে কালো গোলাপ গাছ। হুংকার দিয়ে বললো, এতো বড়ো সাহস তোদের? আমার বাগানের গোলাপ গাছ চুরি করতে এসেছিস? দাঁড়া। দেখাচ্ছি মজা। হোসনা বানু বললো, কার গাছ নিয়ে বাহাদুরী দেখাচ্ছো শুনি? চোর তো তুমি। তুমি আমার গাছ চুরি করে এনেছো। আমরা সেটা ফিরিয়ে নিতে এলাম। এখন আমাদেরকেই চোর বলছো? তুমি একটা চোর। একচোখা চোর। আমার কালো গোলাপ গাছ চোর। হোসনা বানুর কথা শুনে হুংকার দিয়ে এগিয়ে গেলো দৈত্য। বললো, আমার বাগানে এসে আমাকেই চোর বলা? দাঁড়া, এখোনি তোদের দেখাচ্ছি মজা। এই তোরা করছিস কী? খেয়ে ফেল্ এই পুঁচকে মেয়েটাকে। পাইথন দুটোকে বললো দৈত্য।

পাইথন দুটো দৈত্যর আগমনে সাহস নিয়ে যেই সামনে আগালো, তখনই দীলরাদুন জ্বীন তীব্র আগুন ছুঁড়ে দিলো ওদের শরীরে। আগুনের হল্কায় খুব অল্প সময়েই পুড়ে মরে গেলো এক জোড়া পাইথন সাপ। দৈত্য শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। কিন্তু সামনে এগোনোর সাহস পেলো না। দীলরাদুন জ্বীন তখন ঘুরে দাঁড়ালো দৈত্যর দিকে। দৈত্য হঠাৎ করেই উধাও হয়ে গেলো। কোথায় গেলো, জানতে চাইলো ছালছাতুন জ্বীন। কোথায় আবার যাবে, আগুনে পুড়ে মরার ভয়ে অদৃশ্য হয়ে পালিয়ে গেলো। বললো হোসনা বানু। দীলরাদুন জ্বীন করলো কী তখন জানো? একচোখা দৈত্যকে না পেয়ে ওর বাড়িতে দিলো আগুন জ্বেলে। একচোখা দৈত্যর বাড়ি দাউ দাউ করে জ্বলতে লাগলো আগুনে। দীলরাদুন দৈত্য বললো, এটাই ওর শাস্তি। পাজি চোর একচোখা দৈত্যর শাস্তি নিশ্চিত হলো দৈত্যপুরিতে আগুন জ্বেলে। এরপর হোসনা বানুকে নিয়ে এলো পৃথিবীতে। পৌঁছে দিলো ওর গোলাপ বাগানে। হোসনা বানু পৌঁছে গেলো ওর প্রিয় বাগানে। পৌঁছে গিয়ে উপকারি জ্বীন দুজনকে ও উপহার দিলো ডাল সহ একটা কালো গোলাপ। বললো, এই গোলাপটা শুকিয়ে গেলেও ডালটা পুঁতে দিলে এটার থেকে গাছ হবে। সেই গাছের পরিচর্যা করলে সারা বছরই হতে থাকবে কালো গোলাপ।

গোলাপ ডাল উপহার পেয়ে জ্বীন দুজন ভীষণ খুশি হলো। তারা দুজন হোসনা বানুকে দিয়ে গেলো তাদের পাখার দু’টো ছোট্ট অংশ। আর বলে গেলো, যদি কখনো আকাশের উপরে কোনো বিপদে পড়ে তবে পাখা দুটো একটার সাথে অন্যটা ঘষা দেবে। আমরা চলে আসবো তোমায় সাহায্য করতে। তবে জমিনের উপরে আমাদের ডাকবে না। কারণ এখানে আমরা আমাদের সম্রাটের হুকুম ছাড়া আসতে পারি না। জ্বীন দুজন চলে গেলো। বাগানের পাশেই ওদের ঘরে অপেক্ষায় ছিলো ওর মা। হোসনা বানু কালো গোলাপ গাছটা বাগানে আগের মতো লাগিয়ে দিলো। তারপর ছুটে গেলো মায়ের কাছে।

এর মধ্যে কেটে গেছে অনেক দিন। লুলুশিয়া গ্রামের সবাই জড়ো হলো ওর আসার খবর শুনে। গ্রামবাসীরা ভীষণ খুশি হলো ওকে ফিরে পেয়ে। ওদের গ্রাম আবার ভরে গেলো হাসি আনন্দে। শুধু হোসনা বানু খুশি হতে পারলো না। কারণ এই সময়ে এই লুলুশিয়া গ্রামে ঘটে গেছে একটা ভয়ানক দুর্ঘটনা। আকাশ থেকে উজ্জল একটা নক্ষত্রের টুকরো খসে পড়েছে পৃথিবীতে। নক্ষত্রের টুকরোটা এই গ্রাম ঘেঁষে। তাই সেই নক্ষত্রের টুকরোর উজ্জ্বল আলোয় অন্ধ হয়ে গেছে এই গ্রামের অনেক মানুষ। সেই অন্ধ হয়ে যাওয়া মানুষের মধ্যে আছে হোসনা বানুর মা। ওর মা যে ওকে আর দেখতে পারছে না। পৃথিবীর কোনো আলোই আর সে দেখতে পারছে না। মেয়ের জন্য অপেক্ষায় আছে সে অনেক দিন। মেয়ে ফিরে আসায় সে ভীষণ খুশি। মায়েরা এমনই হয়। নিজের অনেক যন্ত্রণা ভুলে যান তারা সন্তানকে কাছে পেলে। কিন্তু মা এখন অন্ধ। হোসনা বানু তো এটা মানতেই পারছে না। সে তার মাকে সুস্থ করবেই। সেই সাথে সুস্থ করতে হবে এই গ্রামে অন্ধ হয়ে যাওয়া সবাইকে। যদিও সেটা খুব একটা সহজ কাজ না। তবে যত কঠিনই হোক হোসনা বানু তার মাকে সুস্থ করার প্রতিজ্ঞা করলো। হোসনা বানু কি পেরেছিলো তার মা সহ গ্রামের অন্ধ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে? এখনি সেটা বলা যাবে না। সে জন্য তাকে যেতে হবে নতুন কোনো অভিযানে। মায়ের অন্ধ চোখ সারিয়ে তোলার সেই দুঃসাধ্য অভিযানের গল্প জানতে আমরা যাবো পরের পর্বে।

(চলবে..)

প্রকাশকাল: জুলাই ২০২৪

হোসনা বানুর অ্যাডভেঞ্চার । পর্ব-২

।।২।।

সমুদ্রের তলদেশে বিশাল প্রাসাদ। সেখানে বন্দি ছোট্ট মিষ্টি মেয়ে হোসনা বানু। প্রাসাদের মালিক জাদুকর নীলুম্বাস। সে দৈত্যের মতো বিরাট একটা অক্টোপাস। নীল রঙের এই জাদুকর অক্টোপাসের ইয়া বড়ো পেট। তার পেটে যেন সারাক্ষণ ক্ষুধা লেগেই থাকে। সেই ক্ষুধা নিবারণের জন্য খাবার বানাতে হয় হোসনা বানুকে। ছোট্ট মোট্ট একটা মেয়ে এতো খাবার কী করে বানায় বলো তো?

ওর ভীষণ কষ্ট হয়। চুপি চুপি কান্না করে আর খাবার তৈরি করে। হোসনা বানু ওর মায়ের জন্য কান্না করে। ওর মা ওদের গ্রামের মিষ্টি জলের কূয়োর ধারে বসে মেয়ের জন্য অপেক্ষা করে আর কান্না করে। সেই কান্নার শব্দ মেয়ে শুনতে পায়। মায়েদের ভালোবাসার অনেক শক্তি। সেই ভালোবাসার শক্তিতেই মেয়েকে ফিরে পাবেন মা। এই বিশ্বাস নিয়েই মিষ্টি জলের কূয়োর ধারে মা বসে থাকেন। হোসনা বানু তো খুব সাহসী। অন্যের বিপদ দেখলেই মেয়ে স্থির থাকতে পারে না। ভীষণ একটা উপকারী স্বভাবের মেয়ে সে। মিষ্টি জলের কূয়োর হারিয়ে যাওয়া জল ফিরিয়ে আনার জন্য এসেছে সে। এসে জাদুকর অক্টোপাস নীলুম্বাসের কাছে বন্দি হয়ে গেছে। জাদুকর নীলুম্বাস খুব রাগি একটা অক্টোপাস। সে কারো কান্নার আওয়াজ শুনলে আরো রেগে যায়। তার সামনে মন খারাপ করেও থাকা যায় না। বুকের ভেতরে দুঃখ কষ্ট নিয়েও হাসি হাসি মুখে থাকতে হয়। তবে ভালো খাবার পেলে সে কিছুটা শান্ত থাকে।

অক্টোপাস নীলুম্বাসের ছিলো একটা জাদুর দণ্ড। যেটা সারাক্ষণ ধরে রাখতো একটা শুঁড়ের ডগায়। সেটা কখনো হাতছাড়া করতো না সে। সমুদ্রের তিমি হাঙর অথবা অন্য কোনো হিংস্রপ্রাণী নীলুম্বাসের কথা না শুনলে তাদেরকে পাকড়াও করে কাঁকড়া বানিয়ে দিতো সে। জাদুর দণ্ডটা তার দিকে ধরে মনে মনে একটা মন্ত্র পড়তো সে। এই প্রাসাদের ভেতরে বন্দি হয়ে আছে এমন অসংখ্য কাঁকড়া। যারা একসময় অন্য প্রাণী ছিলো। কিন্তু অক্টোপাস নীলুম্বাসের জাদুর প্রভাবে কাঁকড়া হয়ে বন্দি হয়ে আছে দীর্ঘদিন। হোসনা বানু মেয়েটা ছোট্ট হলে কী হবে, বেশ ভালো রান্না করতে পারে। আর সে কারণেই অক্টোপাসটা ওর উপরে খুব একটা রাগে না। তবে সারাক্ষণ সতর্ক নজর রাখে। যেন কোনোভাবেই পালাতে না পারে।  ওদিকে হোসনা বানু থাকে সুযোগের অপেক্ষায়। কখন পালানোর সুযোগটা পাওয়া যায়। অক্টোপাস নীলুম্বাস চিংড়ি মাছ খেতে পছন্দ করতো খুব।

হোসনা বানু একদিন চিংড়িমাছ ভুনা করলো। একটা দুইটা নয়, সাত কড়াই চিংড়ি রান্না করলো মেয়েটা নীলুম্বাসের জন্য। খুব যত্ন করেই রান্না করলো সে চিংড়ি ভুনা। নীলুম্বাস বাইরে থেকে ফিরলো। ক্লান্ত ও ক্ষুধার্ত ছিলো সে খুব। হোসনা বানু তাকে খাবারের কথা বলার সাথে সাথেই বসে পড়লো খেতে। তার কাছে চিংড়ি ভুনা এতোটাই মজা লাগলো যে, খেতে খেতে প্রায় পাঁচ পাতিল চিংড়ি ভুনা খেয়ে নিলো আর জানতে চাইলো আরো আছে কি না। হোসনা বানু তাকে বাকিটুকুও এনে দিলো। অক্টোপাস সবটুকু খেয়ে নিলো। এবার তার বিশ্রাম চাই। তবে তার আগে মেয়েটাকে একটু খুশি করা দরকার। এটা ভেবে অক্টোপাস নীলুম্বাস হোসনা বানুকে বলল,  তুমি তো আজ আমায় সেরা পছন্দের খাবারটা খাওয়ালে। একেবারে পেট ও মন ভরে গেল আমার। অনেক দিন পর আমি এতোটা তৃপ্তি নিয়ে খেলাম। বলো কী চাই তোমার? শুধু মুক্তি ছাড়া যা খুশি চাইতে পারো। আমি দিয়ে দেবো। আজ আমি ভীষণ খুশি। আজ আমি একটা ডলফিনকে ধরে নিয়ে এসেছি যে আমার সাথে শত্রুতা করেছে। তাকে কাঁকড়া বানিয়ে দেবো খুব শীঘ্রই। সেইসাথে তোমার মজার চিংড়ি ভুনার স্বাদ গ্রহণ করে আমি খুবই খুশি। বলো আমার ছোট্টো রাঁধুনী, কী চাই তোমার। হোসনা বানু কিছু একটা ভাবলো। তারপর দ্রুতই সিদ্ধান্ত নিয়ে বলল, আমি চাই এটা দেখতে যে তুমি কী করে যে কাউকে জাদু করে কাঁকড়া বানিয়ে দাও। তুমি এতোটা ক্ষমতাবান জাদুকর অক্টোপাস যে কত সহজে সেটা করে ফেলো তা আমার দেখার খুব সখ। কী এমন মন্ত্র পড়লে যে কেউ কাঁকড়া হয়ে যায় তা যদি একবার আমায় শোনাও তবে খুশি হবো আমি। আর হ্যাঁ, সেই সাথে কাঁকড়া হয়ে যাওয়া যে কাউকে আবার আগের মতো বানাতে পারো কী না সেটাও দেখার ইচ্ছে আমার।

জাদুকর অক্টোপাস নীলুম্বাস বলল, ব্যাস, এইটুকুই দেখতে চাও তো তুমি? ঠিক আছে মেয়ে। আমি দেখাচ্ছি আর শোনাচ্ছি সেই মন্ত্র তোমায়। এসো আমার সাথে। নীলুম্বাসের প্রাসাদের ভেতরে একটা ডলফিন ধরে আনা হয়েছে। সেখানে হোসনা বানুকে নিয়ে গেল নীলুম্বাস। তারপর জাদুর দণ্ডটা ডলফিনের দিকে ধরে এই প্রথম শব্দ করে পড়লো একটা মন্ত্র। মন্ত্রটা হলো এরকম,

“আকুড় বাকুড় পাখড়া।
চিকুর মিকুর মাখড়া।
নীলুম্বাসের হুকুমে হও,
ডলফিন থেকে কাঁকড়া”

এটা বলার সঙ্গে সঙ্গে ডলফিনটা ছোট্ট একটা কাঁকড়া হয়ে গেল। কী আজব! কী আজব!!  এতটুকু একটা মন্ত্রের এতো শক্তি। এবার এই কাঁকড়া থেকে আবার কী করে ডলফিন হয়ে যায় সেটাই দেখতে চায় হোসনা বানু। জাদুকর অক্টোপাস নীলুম্বাস বলল, দাঁড়াও মেয়ে। এটাকে এখনি আমি আবার ডলফিন বানিয়ে দিচ্ছি। জাদুর দণ্ডটা তাক করে আবার মন্ত্র পড়লো।

-আকুড় বাকুড় পাখড়া।
ঢিকুর মিকুর ডাবার।
নীলুম্বাসের হুকুমে হও
যা ছিলে তাই আবার।

কাঁকড়া থেকে ডলফিনটা আবার আগের মতো হয়ে গেল। নীলুম্বাস বললো, দেখলে তো আমার ছোট্ট রাঁধুনী। আমার জাদুর মন্ত্রের কত শক্তি। এই মন্ত্র শুধু তার কথাতেই কাজ করে যার হাতে এই জাদুর দণ্ড থাকে। তোমার দেখার ইচ্ছেটা পূরণ করে দিলাম। এবার আমি বিশ্রাম নেবো। ডলফিনটাকে আবার মন্ত্র পড়ে কাঁকড়া বানিয়ে দিয়ে বিশ্রাম নিতে গেল নীলুম্বাস। ভরা পেটে খুব দ্রুতই ঘুমিয়ে গেল সে। ঠিক এই সময়ের অপেক্ষাতেই ছিলো হোসনা বানু।

খুব ধীরে ধীরে ঢুকে পড়লো নীলুম্বাসের ঘরে। ঢুকেই দেখলো জাদুর দণ্ডটা পাশে রেখে ভুস ভুস করে নাক ডেকে ঘুমুচ্ছে অক্টোপাস নীলুম্বাস। ব্যাস। আর কিছু না ভেবেই হোসনা বানু জাদুর দণ্ডটা নিয়ে নিলো ওর হাতে। নিয়েই নীলুম্বাসের দিকে তাক করে মন্ত্র পড়লো-

আকুড় বাকুড় পাখড়া।
চিকুর মিকুর মাখড়া।
হোসনা বানুর হুকুমে হও
অক্টোপাস থেকে কাঁকড়া।

ঘুমিয়ে থাকা অক্টোপাসটা ততক্ষণে জেগে উঠেছে। উঠেই হুংকার দিয়ে উঠলো, কিন্তু তার হুংকারটা বেশি জোরালো হলো না। কারণ হোসনা বানুর মন্ত্রটা তখন কাজ করা শুরু করেছে। ধীরে ধীরে বিশাল অক্টোপাস নীলুম্বাস পরিণত হলো কাঁকড়ায়। জাদুকর অক্টোপাস হয়ে গেল একটা ছোট লাল কাঁকড়া। এরপর হোসনা বানু করলো কি জানো? হোসনা বানু জাদুর দণ্ডটা নিয়ে গেল বন্দি করা অন্যান্য কাঁকড়াদের কাছে। যারা একসময় এক একটা তিমি হাঙ্গরসহ সমুদ্রের নানা প্রাণী ছিলো। জাদুর দণ্ডটা ধরে হোসনা বানু মন্ত্র পড়লো-

আকুড় বাকুড় পাখড়া।
ঢিকুর মিকুর ডাবার
হোসনা বানুর হুকুমে হও
যা ছিলে তাই আবার।

ধীরে ধীরে কাঁকড়াগুলো আবার যা ছিলো তাই হয়ে গেল। কেউ হলো হাঙর, কেউ হলো কাছিম, কেউ হলো তিমি, আরো কত কত সামুদ্রিক প্রাণী যে হলো তার কোনো ইয়ত্তা নেই। সবাই কাঁকড়া থেকে আবার আগের রূপ পেয়ে খুশিতে আত্মহারা। হোসনা বানুকে সবাই অনেক অনেক ধন্যবাদ জানালো। তারপর যে যার বাড়িতে চলে গেল। যাবার আগে বলে গেল কখনো যদি হোসনা বানু বিপদে পড়ে তাহলে ওকে সবাই সাহায্য করবে। আর যাবার বেলায় ওরা হোসনা বানুকে অনেক অনেক উপহারও দিলো। সেই উপহারগুলো ছিলো কি জানো? সেগুলো ছিলো সমুদ্রের নিচের মুক্তো মনিসহ নানা ধরনের দামি পাথর। জহরত। হোসনা বানু উপহার নিয়ে জাদু দণ্ডের সাহায্যে উঠে এলো সেই সমুদ্রের তলা থেকে। উঠে এলো একদম সেই মিষ্টি জলের কূয়োর উপরে। উঠে দেখতে পেলো তখনো তার মা সেখানে বসে আছে। অপেক্ষা করছে ওর ফিরে আসার। মেয়েকে দেখে মায়ের সে কী আনন্দ। বুকের সাথে জড়িয়ে ধরলেন মেয়েকে। হোসনা বানুর ফিরে আসার খবরে গাঁয়ের সবাই এসে জড়ো হলো ওকে দেখতে। সবাই ভীষণ খুশি হলো। হোসনা বানু নিজে কয়েকটা মনি মুক্ত জহরত রেখে বাকি সব বিলিয়ে দিলো গ্রামের গরিব মানুষদেরকে। সেই অল্প কিছু মনি মুক্তো মাকে উপহার দিলো হোসনা বানু। আর গাঁয়ের অন্য গরিব লোকরা দামি মনি মুক্তো বিক্রি করে ধনী হয়ে গেল। তাদের কোনো অভাব রইলো না। সেই লুলুশিয়া গ্রামে তখন সবাই খুব সুখে শান্তিতে বসবাস করতে থাকলো। তবে তাদের সুখ বেশিদিন থাকলো না। একদিন হঠাৎ করেই হোসনা বানু হারিয়ে গেল। কোথায় গেল হোসনা বানু। রাক্ষস পুরিতে গেল নাকি পরিদের রাজ্যে গেল নাকি অন্য কোনো অজানা দেশে গেল তা কেউ বলতে পারলো না। এই মুহূর্তে ঠিক আমিও বলতে পারবো না যে কোথায় গেল হোসনা বানু। এখন বলতে না পারলেও আশা করি পরের পর্বে আমরা জানবো যে কোথায় গেল সে। আর কী হয়েছিলো সাহসী ছোট্ট মেয়ে হোসনা বানুর।

(চলবে…)

প্রকাশকাল: জুন  ২০২৪

হোসনা বানুর অ্যাডভেঞ্চার । পর্ব-১

লুলুশিয়া গ্রাম থেকে শুরু হলো গল্প

বলছি সেই সময়ের গল্প। যে সময় ছিলো না আজকের মতো কোনো আধুনিক সুযোগ-সুবিধা। ছিলো না কোনো টেলিভিশন কিংবা ইন্টারনেট। কত বছর আগের হতে পারে বলো তো?  আচ্ছা ধরে নাও কয়েকশ বছর আগে। একটা ছিলো দেশ।

সেই দেশে ছিলো ভীষণ সুন্দর আর শান্ত একটা গ্রাম। গ্রামের নাম লুলুশিয়া। লুলুশিয়া গ্রাম থেকে শুরু হচ্ছে এই গল্প।

অদ্ভুত সুন্দর গ্রাম থেকে শুরু হওয়া এ গল্প কোথায় শেষ হবে তা এখনি বলা যাচ্ছে না। হয়তো কোনো পাহাড়, মরুভূমি, সমুদ্র অথবা ভয়ানক জঙ্গলে গিয়ে শেষ হবে এই গল্প। কিংবা অচেনা কোনো রাজ্যে। অথবা তোমরাই হয়তো চাইবে না এই গল্পের শেষ হোক। তাই চলতেও পারে পথ শেষ না হওয়া গন্তব্যের মতো।

আবার হুট করেই বন্ধ হয়ে যেতে পারে শব্দের গিঁট। কী হবে না হবে তা আমিও জানি না, বুঝলে তো। তাই এতো সব না ভেবে চলো আমরা গল্পের ভেতর ঢুকে যাই। অদ্ভুত সুন্দর লুলুশিয়া গ্রামের গল্প।

তখন কারো বাড়িতে টিউবওয়েল বা নলকূপ ছিলো না। জলের জন্য ছিলো কূয়ো। ভীষণ গভীর ছিলো সেই কূয়ো। বালতির আংটায় রশি বেঁধে তুলতে হতো জল। কখনো সেই জল এতো নিচে নেমে যেতো যে তুলতে অনেক লম্বা রশি লাগাতে হতো। তখন কষ্টও হতো বেশ। তেমনই গভীর এক কূয়ো ছিলো একই গ্রামে। মিষ্টি জলের কূয়ো ছিলো সেটা। গ্রামের সবার পানির ব্যবস্থা করতে হতো শুধুমাত্র সেই একটি কূয়ো থেকে। কূয়োর পানি যেমন ছিলো মিষ্টি তেমন ছিলো পরিষ্কার। সেই মিষ্টি জলের কূয়ো একদিন হঠাৎ করেই বদলে গেল! হঠাৎ করেই কূয়োর জল বেশ তলানিতে চলে গেল। এতোটাই তলানিতে গেল যে তা আর উঠানোই যাচ্ছিলো না। বালতিতে রশি বড় করে বাঁধা হলো। তবু জল পাওয়া গেল না। আরো বড় করা হলো। তবুও জল তোলা গেল না। জল নেই তো নেই। অনেক অনেক চেষ্টা করেও জলের ব্যবস্থা করা গেল না। কী হবে এখন?

গ্রামসুদ্ধ সব মানুষ ভাবতে বসলো। কেন এমন হলো? কোথায় গেল এই মিষ্টি কূয়োর জল? কী করে চলবে এখন জল ছাড়া? কূয়োর তলানিতে নিশ্চয় কোনো ঝামেলা হয়েছে। তা না হলে জল গেল কোথায়? এখন কেউ একজন যদি নেমে তলানিতে দেখতে পারে, তবেই হয়তো মিলবে সমাধান। কিন্তু কে যাবে এই অন্ধকার গভীর কূয়োর ভেতরে? ভাবতে থাকলো সবাই। ভাবতেই থাকলো আর ভাবতেই থাকলো। কিন্তু কোনো সমাধান পাওয়া গেল না। তখন এলো হোসনা বানু। এসে বলল- আমি যাবো এই কূয়োর তলানিতে। সকলেই অবাক হয়ে চাইলো হোসনা বানু নামের ছোট্ট মেয়েটার দিকে। গ্রামের  বড়োরা যেখানে অপারগ, সেখানে এই ছোট্ট মেয়েটা বলছে যাবে গভীর কূয়োর নিচে!

কী সাহসী মেয়েরে বাবা। হ্যাঁ, অবশ্যই সাহসী মেয়ে হোসনা বানু। তোমরা হোসনা বানুকে চেনো না তো? শোনো বলছি। এই গল্পের মূল চরিত্রের নাম হচ্ছে হোসনা বানু। হোসনা বানু হলো সেই লুলুশিয়া গ্রামের ছোট্ট মোট্ট এক মেয়ের নাম। ছোট্ট হলে কী হবে, ওর সাহস ছিলো অনেক বেশি। সারা গাঁয়ের সবাই ওকে চিনতো। আর ভালোও বাসতো খুব। কারণ সে ছিলো খুব দুষ্টু মিষ্টি একটা মেয়ে। মেয়েটার বাবা ছিলো না। সে যখন অনেক ছোট্ট তখন এক ঘূর্ণিঝড়ে উড়িয়ে নিয়ে গেছে ওর বাবাকে। অথবা এক দৈত্য হানা দিয়েছিলো এই লুলুশিয়া গ্রামে। সেই দৈত্যকে তাড়াতে এক তুমুল লড়াই করেছিলো হোসনা বানুর বাবা।

এক পর্যায়ে সেই দৈত্য তাকে ধরে নিয়ে গেছে। হোসনা বানু তার বাবাকে নিয়ে এরকম দুইটি গল্প শুনেছে গ্রামের লোকজনের মুখে। কোনটা সত্য আর কোনটা মিথ্যা সে জানে না। তার মায়ের কাছে জানতে চাইলে কোনো জবাব পাওয়া যায় না। মায়ের কাছে জানতে চাইলেই মা কেমন বিমর্ষ হয়ে যান। তিনি শুধু বলেন যে, একদিন আমি নিজে থেকেই বলবো তোমার বাবার কথা। মা কষ্ট পাবে ভেবে আর কিছু জানতে চায় না হোসনা বানু। অপেক্ষা করে তার হারিয়ে যাওয়া বাবার সত্যি গল্পটা শোনার জন্য। মায়ের বড় আদরের মেয়ে ছিলো হোসনা বানু। তাদের ছিলো ভেড়ার একটা খামার। আর ছিলো একটা বাগান। কালো গোলাপের বাগান। সেই ভেড়ার খামার ও গোলাপ বাগান দেখা শোনা করেই কাটতো তাদের সময়।

গাঁয়ের কারো কোনো বিপদ দেখলেই সাহায্য করতে এগিয়ে যেতো হোসনা বানু। যদিও খুব বড় কোনো উপকার করতে পারতো না, তবু চেষ্টা করতো সবার উপকার করতে। গ্রামের কূয়োর জল না পাওয়ার খবর শুনে হোসনা বানু বসে থাকতে পারলো না। কূয়োর ধারে বসে যখন গ্রামের বয়স্ক লোকজন ভাবছে তখন হোসনা বানু এসে বলল- আমি নামবো কূয়োর ভেতর। নেমে দেখবো কী হয়েছে। আমি নিশ্চয় ফিরিয়ে আনবো আমাদের মিষ্টি কূয়োর জল। হোসনা বানুর কথা শুনে প্রথমে সবাই নিষেধ করলো তাকে। কিন্তু ছোট্ট সাহসী মেয়ে হোসনা বানু বললো- আমি যদি কূয়োর তলানিতে না যাই তবে কে যাবে বলো? কেউ তো একজন সামনে আসো যে তলানিতে গিয়ে জলের ব্যবস্থা করতে পারো। না হলে গাঁয়ের সবাই জল না পেয়ে মারা পড়বে। হোসনা বানুর ডাকে কেউ সাড়া দিলো না।

কী করে দেবে? গ্রামের সবাই ছিলো খুব শান্ত আর ভীতু স্বভাবের। তাই কারো সাহস হলো না কূয়োর গভীরে নামার। কাউকে না পেয়ে হোসনা বানু নেমেই পড়লো কূয়োর ভেতর। রশি ধরে টুপ করে নেমে গেল হোসনা বানু।

নামলো তো নামলোই। আর উঠে আসার নাম নেই। সকাল গেল, দুপুর গেল, বিকেল গেল। রাতটাও পেরিয়ে গেল। এরপর আবার সকাল হলো। দুপুর হলো। বিকেল হলো। রাত নামলো। এমন করে কত দিন কত রাত যে গেল তার হিসেব কেউ রাখলো না। সেই অন্ধকার কূয়োর তলায় হোসনা বানুর কী হলো সেই খবরও কেউ জানলো না। জলের তেষ্টায় কাতর হয়ে সবাই শুধু অপেক্ষায় করতে থাকলো আর অপেক্ষায় করতে থাকলো।

একদিন হঠাৎ করেই জল উঠে এলো মিষ্টি জলের কূয়োয়। আগের মতো স্বচ্ছ টলটলে মিষ্টি জল। জল পেয়ে সবাই খুশিতে মেতে উঠলো। জল পান করলো ইচ্ছেমতো।

তবে ছোট্ট দুষ্টু মিষ্টি হোসনা বানুকে আর দেখতে পেল না কেউ। কত যে অপেক্ষা করলো কিন্তু হোসনা বানু উঠে এলো না কূয়োর জলের তলা থেকে।

ওদিকে হলো কী, হোসনা বানু কূয়োর তলানিতে গিয়ে দেখলো সেখানে অন্ধকার আর অন্ধকার।  নামতে নামতে কতটা গভীরে যে নামলো তা সে নিজেও জানে না। কত সময় যে কাটলো, সেই হিসাবও রাখলো না। কূয়োর শেষ যে কোথায় তা কেউ বলতে পারলো না। যেতে যেতে যেতে অনেক গভীরে যাওয়ার পর জলের ছোঁয়া টের পেল হোসনা বানু। তারপর ডুবতে থাকলো জলের গভীরে।

ডুবতে ডুবতে কত জল যে পেরোলো তা কেউ জানে না। যখন তলানিতে ওর পা ঠেকলো তখন দেখলো সেটা একটা সমুদ্রের তলদেশ। সেই সমুদ্রের তলদেশে গিয়ে কিছুক্ষণ পরে দেখতে পেল অক্টোপাস এগিয়ে আসছে ওর দিকে।

বিরাট আকৃতির নীল একটা অক্টোপাস। দৈত্যের মতো ভয়ানক দেখতে সেই অক্টোপাস। তার সারা গায়ে অসংখ্য শুঁড়। বিদঘুটে রকমের শুঁড়গুলোর রং বিভিন্ন রকম। শরীরটা গাঢ় নীল রঙের। কিছু বুঝে ওঠার আগেই দৈত্যাকার নীল অক্টোপাসটা হোসনা বানুকে শুঁড় দিয়ে পেঁচিয়ে ধরলো। আর নিয়ে চললো শৈবালের ফাঁক ফোকরের মধ্যে দিয়ে। নিতে নিতে কত দূর যে নিয়ে গেল তা কেউ বলতে পারলো না। হোসনা বানু দেখতে পেল সামনে একটা বিশাল প্রাসা। সেই প্রাসাদের মাঝে নিয়ে তবেই ছাড়লো ওকে। তখন হোসনা বানু বুক ভরে নিঃশ্বাস নিলো। এতটা সময় ওর নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিলো।

প্রাসাদে এসে জানতে চাইলো এটা কোন জায়গা, তাকে কেন এখানে ধরে আনা হলো? প্রকাণ্ড নীল অক্টোপাসটা বলল, তোমাকে আমার দরকার খুকি। এই যে দেখছো, আমার এতো বড় প্রাসাদ। এখানে কোনো কাজের লোক নেই। তুমি এখানে থেকে আমার সব কাজ করে দেবে। আমি এক জাদুকর অক্টোপাস। নীলুম্বাস আমার নাম। আমার অনেক ক্ষমতা। আমাকে সকলে ভয় পায়। যে আমার কথা না শোনে তাকে আমি কাঁকড়া বানিয়ে দেই। ছোট্ট বিশ্রী কাঁকড়া। এই সমুদ্রের তলদেশে সবাই আমার কথা শোনে বুঝলে ছোট্ট মেয়ে? তোমাকেও আমার কথা শুনতে হবে। তা না হলে তোমাকেও হয়ে যেতে হবে একটা পুঁচকে কাঁকড়া। হোসনা বানু নীলুম্বাসের কথায় একদম ভয় পেল না। ও অক্টোপাসটাকে বলল, আমার নাম হোসনা বানু। আমি এসেছি আমাদের কূয়োর জল ফিরিয়ে নিতে। জলের জন্য গাঁয়ের সকলে খুব কষ্ট পাচ্ছে।

আর তুমি আমাকে ধরে এখানে বন্দি করে রাখবে, এটা কেমন কথা অক্টোপাস ভাই? তুমি দেখতে কত সুন্দর। নীল নীল শরীর তোমার। অসংখ্য রঙিন শুঁড় তোমার গায়ে। চাইলে এতগুলো শুঁড় দিয়ে তুমি নিজেই তো কত কাজ করতে পারো। তোমার নামটাও কী দারুণ। নীলুম্বাস, বাহ্ ।

ও জাদুকর অক্টোপাস, তোমার কী এমনটা করা সাজে? তুমি তো আমাকে সাহায্য করতে পারো। তুমি চাইলেই আমাদের কূয়োর মিষ্টি জল ফিরিয়ে দিতে পারো। তা না করে আমাকে তোমার প্রাসাদে আটকে রাখবে? আমাকে ছেড়ে দাও না জাদুকর নীলুম্বাস। নীলুম্বাস হোসনা বানুর কথায় খুশি হলো খুব।

বলল, বাহ্, তুমি তো বেশ সুন্দরভাবে কথা বলো। আর খুব সাহসী একজন মেয়ে তুমি। তোমাকে আমার খুবই ভালো লেগেছে মেয়ে। শোনো আমি কী বলছি। তোমাদের গ্রামের কূয়োটা হচ্ছে একটা দারুণ মিষ্টি জলের কূয়ো। এই বিশাল সমুদ্রে এতো জল দেখছো, এইসব হচ্ছে লোনা জল। এখানে কোথাও একফোঁটা মিষ্টি জল নেই। তাই আমি তোমাদের মিষ্টি জলের ওই কূয়োর সাথে আমার প্রাসাদের একটা সংযোগ করে দিয়েছি। যাতে আমি সেই মিষ্টি জল পাই। অবশ্য তুমি চাইলে আমি সেটা ছেড়ে দেবো। তবে তোমাকে আমার প্রাসাদে থেকে যেতে হবে। আর করে দিতে হবে আমার সকল কাজ। একেবারে রান্নাবান্নাসহ সকল কাজ, বুঝলে? তুমি যদি আমাকে কথা দিতে পারো যে আমার কথা শুনবে, তবেই তোমার গ্রামের লোকেরা ফিরে পাবে কূয়োর জল। হোসনা বানু তার গ্রামের সকলের কথা ভেবে জাদুকর নীলুম্বাস এর প্রাসাদে থেকে যেতে রাজি হয়ে গেল। তখন জাদুকর অক্টোপাস নীলুম্বাস ছেড়ে দিলো মিষ্টি কূয়োর জল। যে জলের জন্য লুলুশিয়া গ্রামের সবাই কূয়োর ধারে অধীর অপেক্ষায় ছিলো।

গ্রামের সবাই কূয়োর জল ফিরে পেয়ে যেন প্রাণ ফিরে পেল। তবে কেউ ভুলে গেল না দুষ্টু মিষ্টি সাহসী মেয়ে হোসনা বানুকে। গ্রামবাসীরা যখনই কূয়োর জল নিতে আসতো, তখনই ডাকতো ওকে। কারো ডাক হোসনা বানু শুনতে পেতো না। শুধু তার মায়ের ডাক ছাড়া। তার মা রোজ কূয়োর ধারে বসে কেঁদে কেঁদে তাকে ডাকতো। তার মায়ের সেই ডাক কূয়ো সমুদ্র ও জাদুকর অক্টোপাস এর প্রাসাদ ভেদ করে পৌঁছে যেতো হোসনা বানুর কানে। কিন্তু সে জবাব দিতে পারতো না। আর ফিরতেও পারতো না। সারাদিন রান্নাবান্নাসহ এতো এতো কাজ করে বেচারি হোসনা বানুর খুব কষ্ট হতো। কিন্তু কী করা যাবে, কাজ না করলে যে অক্টোপাস ভীষণ রেগে যেতো, আর কাঁকড়া বানিয়ে দেয়ার হুমকি দিতো। তাই মুখ বুজে সব কাজ করতো সে। জাদুকর অক্টোপাস নীলুম্বাস উঁচু দেয়ালের প্রাসাদে তাকে আটকে রাখতো।

অক্টোপাস কোথাও বের হলে প্রাসাদের সমস্ত দরজা বাইরে থেকে বন্ধ করে তবেই বেরোতো। কিন্তু একদিন বুদ্ধিমতী হোসনা বানু ঠিকই বেরিয়ে গিয়েছিলো প্রাসাদ থেকে। জাদুকর অক্টোপাস নীলুম্বাসকে ফাঁকি দিয়ে সে পৌঁছতে পেরেছিলো নিজের গ্রামে। নিজের মায়ের কাছে। সেটা কীভাবে হয়েছিলো জানো? সেটা হচ্ছে আর এক গল্প। সেই গল্প জানতে হলে তোমায় যেতে হবে এর পরের পর্বে। (চলবে)

প্রকাশকাল: মে ২০২৪

মাসে কি এক ইঞ্চি করে লম্বা হওয়া সম্ভব?

বন্ধুরা, একজন মানুষের উচ্চতা অনেক বিষয়ের ওপর নির্ভর করে। জিনগতভাবে যদি কারও উচ্চতা কম না হয় এবং হরমোনের দিক থেকেও যদি তার কোনো সমস্যা না থাকে, তাহলে স্বাস্থ্যকর জীবনযাপনের পদ্ধতি তার উচ্চতা বাড়াতে নিঃসন্দেহেই ইতিবাচক ভূমিকা রাখে। তবে অবশ্যই তার উচ্চতা বাড়ার বয়স থাকতে হবে। নির্দিষ্ট বয়স পেরিয়ে গেলে জীবনধারায় পরিবর্তন এনেও আর উচ্চতা বাড়ে না। বয়সসহ অন্য সব দিক উচ্চতা বাড়ার অনুকূলে থাকলে জীবনধারার পরিবর্তন কাজে দেবে।
হাড়ের একটি নির্দিষ্ট অংশকে বলা হয় গ্রোথ প্লেট। যত দিন এই প্লেট জোড়া লেগে না যায়, তত দিন পর্যন্ত একজন মানুষ লম্বা হতে পারে। কার ক্ষেত্রে কত বছর বয়সে গ্রোথ প্লেট জোড়া লাগবে, তা অবশ্য বলা মুশকিল। সাধারণভাবে ১৬ থেকে ১৮ বছর বয়সের মধ্যেই গ্রোথ প্লেট জোড়া লেগে যায় বলে ধরে নেওয়া হয়। তবে অল্প কিছু ক্ষেত্রে বিশ বছর পেরোনোর পর গ্রোথ প্লেট জোড়া লাগে।
লম্বা হওয়ার আকাক্সক্ষা থাকলে শৈশব ও কৈশোরেই স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রতি গুরুত্ব দিতে হবে। সবার উচ্চতা বাড়ার হার অবশ্য এক নয়। তবে বাড়ন্ত বয়সে অনেকেরই এক মাসে এক ইঞ্চি উচ্চতা বাড়তে পারে।
বন্ধুরা, খেয়াল রাখতে হবে খাদ্যাভ্যাসে। শৈশব থেকেই সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। শিশুকিশোরদের দুধ, ডিম, মাছ ও মাংস খেতে হবে। কাঁটাসহ ছোট মাছ খেতে পারলে খুবই ভালো। অনেক রকম বীজ ও ডাল খাওয়া যেতে পারে। টাটকা ফলমূল এবং শাকসবজিও খেতে হবে।
শিশুকিশোরদের নিয়মিত খেলাধূলা করতে হবে। তাতেই হবে তাদের শরীরচর্চা। তারা রিংয়ে ঝোলা, সাইকেল চালানো, সাঁতার কাটা এবং বিভিন্ন ধরনের স্ট্রেচিংয়ের চর্চা করতে পারে। ছোটাছুটি, দৌড়ঝাঁপ তো চলবেই। কেবল এক ধরনের শরীরচর্চার ওপর নির্ভর করে না থাকাই ভালো।
শিশুকিশোরদের পর্যাপ্ত ঘুমাতে হবে। আজকাল কৈশোরেই রাত জেগে মুঠোফোন চালানোর প্রবণতা দেখা যায়। দিনের বেলা আবার থাকে পড়াশোনাসহ বিভিন্ন ব্যস্ততা। কিন্তু মনে রাখতে হবে, লম্বা হওয়ার জন্য ঘুম আবশ্যক। ঘুমের সময়ই উচ্চতা বৃদ্ধির হরমোন নিঃসৃত হয় সবচেয়ে বেশি। তাই পর্যাপ্ত ঘুমাতে হবে।
দিনের বেলা বেশ খানিকটা সময় রোদে থাকাও জরুরি। রোদ থেকে মিলবে ভিটামিন ডি। এই ভিটামিন ছাড়া কিন্তু খাবার থেকে পাওয়া ক্যালসিয়াম দেহের কাজে লাগে না। ফলে হাড়ের বৃদ্ধিতে বাধা ও গড়নে অস্বাভাবিকতার ঝুঁকি সৃষ্টি হয়।
এবার দেহভঙ্গি প্রসঙ্গে আসা যাক। দেহভঙ্গি শিশুকিশোরদের জন্যই কেবল নয়, প্রাপ্তবয়স্কদের জন্যও খুব গুরুত্বপূর্ণ। দেহভঙ্গি হতে হবে ঋজু বা সোজা ও স্বাভাবিক। নুয়ে পড়ে বা মেরুদণ্ড ঝুঁকিয়ে একনাগাড়ে কোনো কাজ করা যাবে না। ভারী স্কুলব্যাগ কাঁধে নিয়ে যে শিশু বা কিশোরকে হাঁটতে হয়, তার উচ্চতা ঠিকভাবে না-ও বাড়তে পারে। তাই শোয়া, বসা, দাঁড়ানো ও হাঁটা সবই হতে হবে ঋজু বা সোজা ভঙ্গিতে।
প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্যও দেহভঙ্গি, খাদ্যাভ্যাস, রোদে থাকা ও শারীরিকভাবে কর্মঠ থাকা জরুরি। এসব মেনে চললে তার উচ্চতা বাড়বে, ব্যাপারটা অবশ্য তেমন নয়। তবে ক্যালসিয়াম ও ভিটামিন ডি-এর অভাব হলে এবং শারীরিকভাবে কর্মঠ না থাকলে হাড়ের ঘনত্ব কমতে থাকে। ফলে একসময় উচ্চতাও কমে যেতে পারে। আর দেহভঙ্গি ঠিক না রাখলে কম বয়সেই দেহ নুয়ে পড়তে দেখা যায়। ফলে উচ্চতা কম দেখায়। আত্মবিশ্বাসও কমে যায়।
বন্ধুরা, বৃদ্ধি ও বিকাশের জন্য শৈশব ও বয়ঃসন্ধিকাল সেরা। এই সময় স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখলেই যে প্রতি মাসে এক ইঞ্চি করে লম্বা হওয়া যাবে, তা কিন্তু নয়। কোনো কোনো মাসে এক ইঞ্চি বৃদ্ধি হতেই পারে। তবে এটিকে আদর্শ ধরে নেওয়া যাবে না। বয়স অনুযায়ী উচ্চতা কত বাড়লে ঠিক, তা শিশু বিশেষজ্ঞের কাছ থেকে জেনে নেওয়া যেতে পারে। জীবনধারা ইতিবাচক রাখা সত্তে¡ও যদি উচ্চতা সেই অনুযায়ী না বাড়ে, সে ক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
কোনো হেলথ ড্রিংক কিন্তু শিশুকিশোরদের উচ্চতা বাড়িয়ে দিতে পারে না; তাই তাদের হরমোনের কোনো সমস্যা থাকলে সেটার চিকিৎসা করাতে হবে। বয়স পেরিয়ে যাওয়ার পর হরমোনের সমস্যার চিকিৎসা করলেও উচ্চতা কিন্তু আর বাড়বে না। অবশ্য এ-ও মনে রাখতে হবে যে, জিনগত কারণে উচ্চতা না বাড়লে, তা আর কোনো পদ্ধতিতেই খুব বেশি বাড়ানো যাবে না।

প্রকাশকাল: মে ২০২৫

দ্য সাইলেন্ট কিলার

বন্ধুরা, তোমরা তো নিশ্চয়ই ক্রিকেট খেলা পছন্দ করো। আজকে তোমাদের শোনাবো একজন ক্রিকেটারের গল্প। তিনি অন্য কোনো দেশের নন, বরং আমাদের দেশেরই একজন বর্ষীয়ান ক্রিকেটার। বাংলাদেশের ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ তিনি। অনেক অনেক সুন্দর ইনিংস উপহার দিয়ে বাংলাদেশকে তিনি ম্যাচ জিতিয়েছেন। তাকে তোমরা সবাই দ্য সাইলেন্ট কিলার নামেও চেনো।
বন্ধুরা, বলতে পারো, তাঁর নাম কী? হ্যাঁ, ঠিকই ধরেছো। তিনি ক্রিকেট থেকে সদ্য অবসর নেয়া বাংলাদেশ জাতীয় দলের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
মাহমুদউল্লাহ রিয়াদ ১৯৮৬ সালের ৪ ফেব্রুয়ারি ময়মনসিংহে জন্মগ্রহণ করেন।মাহমুদউল্লাহ রিয়াদ ছিলেন অলরাউন্ডার। কার্যকরী মিডল অর্ডার ব্যাটার এবং অফ স্পিন বোলার হিসেবে দলে খেলছেন তিনি।
২০০৭ সালের জুলাই মাসে বাংলাদেশ দলের শ্রীলংকা সফরের জন্য ডাক পান ২১ বছর বয়সী মাহমুদউল্লাহ রিয়াদ। ওই সফরের তৃতীয় ওডিআই ম্যাচে তার অভিষেক হয়। এছাড়াও ২০০৭ সালে কেনিয়ায় অনুষ্ঠিত চার-জাতি সিরিজ এবং ২০০৭ আইসিসি বিশ্ব টি-টুয়েন্টি প্রতিযোগিতায় বাংলাদেশ স্কোয়াডের জন্য তাঁকে দলে নেয়া হয়।
২০০৯ সালের ৯ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর টেস্টে অভিষেক হয়। অভিষেক টেস্ট ম্যাচেই তিনি পাঁচ উইকেট শিকার করেন। বলাবাহুল্য, সে ম্যাচে বাংলাদেশ জয় লাভ করে।
বন্ধুরা, চলো এবার জেনে নিই মাহমুদউল্লাহ রিয়াদের কিছু উল্লেখযোগ্য ইনিংস।

২০১১ ওডিআই ওয়ার্ল্ডকাপ
ইংল্যান্ডের বিপক্ষে হারতে যাওয়া ম্যাচে তিনি ফাস্ট বোলার শফিউল ইসলামকে সাথে নিয়ে দুর্দান্ত জয় এনে দেন।

২০১৫ ওডিআই ওয়ার্ল্ডকাপ
২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণের লক্ষ্যে ৪ জানুয়ারি বিসিবি বাংলাদেশ দলের ১৫ সদস্যের চ‚ড়ান্ত তালিকা প্রকাশ করে। এতে তিনিও দলের অন্যতম সদস্য মনোনীত হন। ৫ মার্চ স্কটল্যান্ডের বিপক্ষে গ্রæপ পর্বের ৪র্থ খেলায় তামিম ইকবালের সাথে ১৩৯ রানের জুটি গড়েন। পরবর্তীতে বাকিদেরও নৈপুণ্যে ঐ খেলায় বাংলাদেশ দল বিশাল রান তাড়া করে ৬ উইকেটের কৃতিত্বপূর্ণ জয়লাভ করে। এর ফলে বাংলাদেশ সফলভাবে একদিনের আন্তর্জাতিকে সর্বোচ্চ রান তাড়া করে বিজয়ী হয়।
৯ মার্চ, ২০১৫ তারিখে অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ৫ম খেলায় ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক সেঞ্চুরি করেন। বলে রাখি, বিশ্বকাপের ইতিহাসে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বাংলাদেশের পক্ষে সেঞ্চুরি করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১৩৮ বলে ১০৩ রানের এ ইনিংসটি ৭ বাউন্ডারি ও ২ ছক্কায় ছিলো ঝলমলে। বাংলাদেশের পক্ষে বিশ্বকাপের যে-কোনো উইকেটে মুশফিকুর রহিমকে সাথে নিয়ে ১৪১ রানের সর্বোচ্চ জুটি গড়েন তিনি। এছাড়াও একদিনের আন্তর্জাতিকে ইংল্যান্ডের বিপক্ষে তাদের এ জুটি বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। একদিনের আন্তর্জাতিকে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলগতভাবে সর্বোচ্চ রান তোলে। পরবর্তীতে রুবেল হোসেনের প্রশংসনীয় বোলিংয়ে (৪/৫৩) বাংলাদেশ ১৫ রানের ব্যবধানে জয়ী হওয়াসহ কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। খেলায় তিনি ম্যান অব দ্যা ম্যাচ লাভ করেন। ১৩ মার্চ সেডন পার্কে গ্রæপ পর্বে দলের সর্বশেষ খেলায় নিউজিল্যান্ডের সাথে ১২৮* রান করে অপরাজিত থাকেন ও ব্যক্তিগত দ্বিতীয় শতরান করেন। এ খেলায় তিনি বিশ্বকাপে ধারাবাহিকভাবে ‍দুইটি ম্যাচে শতক হাঁকানোর গৌরব অর্জন করেন, যা এর আগে কোনো বাংলাদেশি খেলোয়াড় করতে পারেননি। কিন্তু তুমুল উত্তেজনাপূর্ণ ওই ম্যাচে বাংলাদেশ দল ৩ উইকেটে পরাজিত হয়।

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অল্প রানে চার উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ জাতীয় দল। সেই সময় মাহমুদউল্লাহ রিয়াদ ১০২ রানের অপরাজিত এক মহাকাব্যিক ইনিংস উপহার দেন। ফলে বাংলাদেশ পাঁচ উইকেটে জয় লাভ করে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছে।

২০১৮ সালে নিদাহাস ট্রফি
২০১৮ সালে নিদাহাস ট্রফিতে শ্রীলংকার বিপক্ষে  ১৮ বলে ৪৩ রানের ইনিংস উপহার দিয়ে বাংলাদেশকে ফাইনালে তোলেন।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়াও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন। তন্মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ অন্যতম।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর
২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচের সময় মাহমুদউল্লাহ টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন।
৮ই অক্টোবর ২০২৪ এ তিনি টি-২০ থেকে অবসরের ঘোষণা দেন।
সর্বশেষ, চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে গত ১২ই মার্চ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।

প্রিয় বন্ধুরা, মাহমুদউল্লাহ রিয়াদ পুরো ক্যারিয়ার জুড়ে দেশের জন্য যা করেছেন তা চিরস্মরণীয়। মাহমুদউল্লাহ রিয়াদের মতো ক্রিকেটার সবসময় তৈরি হয় না। তিনি দেশের জন্য ক্যারিয়ারের অনেক ত্যাগ স্বীকার করেছেন। তিনি চাইলেই টপ অর্ডারে ব্যাট করে নিজেকে আরও সমৃদ্ধ করতে পারতেন। কিন্তু তা করেননি, কারণ ফিনিশিং রোলে বাংলাদেশের ক্রিকেটে তার মতো কেউ না থাকায় তিনি দলের প্রয়োজনে টপ অর্ডার ছেড়ে লোয়ার অর্ডারে ব্যাট করতেন। দলের প্রয়োজনে বল হাতেও কার্যকরী ভ‚মিকা পালন করেন।
সর্বোপরি, মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশের ক্রিকেটে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তিনি থাকবেন ২০১৫ সালের বিশ্বকাপে প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে, থাকবেন ২০১৭ সালের চ্যাম্পিয়ন ট্রফিতে, থাকবেন নিদাহাস ট্রফির ছক্কায়। থাকবেন হাজারো ক্রিকেটপ্রেমীর অন্তরে। আর বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা বলবে, আমাদের একজন সাইলেন্ট কিলার ছিল।

প্রকাশকাল: মে ২০২৫