Home Blog Page 116

সবজান্তার উত্তর (মে ২০২৫)

প্রশ্ন- ১
সকল শিশুর প্রিয় ভাইয়া
সবজান্তা তুমি,
ছন্দে ছন্দে তোমায় কিছু
প্রশ্ন করব আমি।
বলতে পারো বড় হয়ে
কী হতে চাই আমি?
বলো দেখি হীরা কেন
হয় এতটা দামি?
বলতে পারো আমার বয়স
কত হবে কাল?
মিষ্টি কেন মিষ্টি এত?
মরিচ কেন ঝাল?
কঠিন কঠিন প্রশ্ন দেখে
ভয় পেয়ো না ভাই,
সবজান্তা ভাইয়ার থেকে
জবাব আমার চাই।

মো. রাজিবুল ইসলাম
৮ম শ্রেণি, স্টুডেন্ট কেয়ার মডেল স্কুল
মান্দা, নওগাঁ।

সবজান্তার উত্তর- ১
অনেক মজার প্রশ্ন পেলাম
ধন্যবাদ, তা পেতেই পারো
মনের মধ্যে জমা যতো
প্রশ্ন পাঠাও আরো আরো।

বড় হয়ে কী হতে চাও?
ঠিক কি আছে তোমার!
আজ হতে চাও কর্তা বাবু
কালকে ইঞ্জিনিয়ার।

কম পাওয়া যায়, চকচকে হয়
তাই তো হীরা দামি
বয়স গুনে লাভ কী, তোমার
চোখের পাওয়ার কমই।

কাঁচা মরিচের রসগোল্লার
স্বাদটা যে ঝাল হয়,
মিষ্টি মরিচ বা ক্যাপসিকাম
মোটেও ঝাল নয়।

জবাব পেয়ে লাগছে কেমন?
খুশিতে তা থই!
এবার বলো আমার জন্য
মণ্ডা মিঠাই কই?

 

প্রশ্ন- ২
আসসালামু আলাইকুম সবজান্তা ভাইয়া। কেমন আছো? আশা করি ভালো আছো। আমার প্রশ্নগুলোর উত্তর দেয়া তো প্রায় অসম্ভব। তারপরও প্রশ্নগুলোর উত্তর যদি জেনে থাকো, তাহলে উত্তর দিও। আমার বাড়ি নাটোরে। নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লার দাওয়াত থাকলো। বলো দেখি-
১. দুটি ইনফিনিটি (∞) সংখ্যার যোগফল কত?
২. আইনস্টাইন এর দাদার বাবার মায়ের ছেলের নাম কী?
৩. মানুষ কেন ভয় পায়?
৪. শিশু বয়সের স্মৃতি সব মনে থাকে না কেন?
৫. এক হাতে তালি কেন বাজে না?
৬. মানুষ পেছনে দেখতে পায় না কেন?
প্রশ্নগুলোর উত্তর জেনে থাকলে জবাব দিও। আর দাওয়াতের কথা ভুলো না। আল্লাহ হাফেজ।

তাহসিন মাহফুজ সা’দ
অষ্টম শ্রেণি, নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়।

সবজান্তার উত্তর- ২
ওয়া আলাইকুমুস সালাম। তোমার দাওয়াতের জন্য অনেক ধন্যবাদ। কিন্তু তোমাদের কাঁচাগোল্লাগুলোকে আগে তো গোল্লা বানাও! অন্য জেলার মানুষদের আর কত ধোঁকা দিবে?
১. ইনফিনিটি
২. রুপার্ট আইনস্টাইন।
৩. ঘটনাটা মনে রাখার জন্য
৪. সব স্মৃতি বারবার আলোচনায় আসে না বলে সেগুলো স্মৃতির গভীরে ডুবে যায়।
৫. এক হাতে বাজালে সেটাকে বলে চড় বা থাপ্পড়।
৬. মাথা ঘুরালেই তো দেখতে পায়।

 

সবজান্তাকে ছন্দে ছন্দে ইচ্ছেমতো প্রশ্ন করতে পারো তুমিও! তোমার প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছে সবজান্তা।

প্রকাশকাল: মে ২০২৫

হানজালা : স্বাধীন ফিলিস্তিনের জন্য অপেক্ষমান এক শিশু

বন্ধুরা, ভালো আছো নিশ্চয়ই। হ্যাঁ, আমি, তুমি, আমরা সবাই ভালোই আছি। কিন্তু ভালো নেই সারাবিশ্বের অসংখ্য শিশু। বিশেষ করে ফিলিস্তিনের গৃহহারা শিশুরা। একবার চিন্তা করে দেখো তো, ফিলিস্তিনের গাজার শিশুটির কথা, যার দিনের প্রতিটি মুহূর্ত কাটে যে কোনো সময় বোমার আঘাতে মারা যাবার আশঙ্কা নিয়ে, সে কি ভালো আছে? কিংবা যে শিশুটির পরিবারের সকল সদস্য মারা গিয়েছে, শরণার্থী শিবিরে সে কেমন আছে?

আজকে বলবো এমনই এক প্রতীকী শিশুর কথা, যে সকল ভয়, বিভীষিকার মধ্যেও দাঁড়িয়ে থাকে দৃঢ় প্রত্যয় নিয়ে, প্রতিরোধের বার্তা নিয়ে। একদিন হয়তো দশ বছর বয়সী হানজালার প্রতিরোধ বিজয়ের মুখ দেখবে, গৃহহীন হানজালারা ফিরে পাবে তাদের গৃহ। আমরাও সে দিনেরই অপেক্ষায়।

নাজি সালিম হুসাইন আল আলী

ফিলিস্তিনের আল শাজারা গ্রামে ১৯৩৮ সালে জন্মগ্রহণ করে একটি শিশু, নাম তার নাজি সালিম হুসাইন আল আলী। ১৯৪৮ সালে শিশুটির বয়স যখন ১০ বছর, তখন তার গ্রাম থেকে তাদের পরিবারসহ সকলকে উচ্ছেদ করা হয়। কারণ? কারণ, তাদের গ্রামটি আর ফিলিস্তিনের নয়; তাদের গ্রামের মাটি এখন ইজরাইল রাষ্ট্রের। দশ বছরের নাজি পরিবারের সাথে চলে যায় লেবাননের আইন আল হিলওয়াহ শরণার্থী শিবিরে। সেখানেই বড় হতে থাকে নাজি। বলাবাহুল্য, সে আর কোনোদিন তার প্রিয় গ্রামে ফিরে যেতে পারেনি। ছোট্ট নাজি বড় হয়ে চারুকলায় পড়াশোনা করে কার্টুনিস্ট হবার স্বপ্ন দেখে। কিন্তু রাজনৈতিক কারণেই সে লেবাননে পড়াশোনা চালিয়ে যেতে পারেনি। ১৯৬৩ সালে সে কুয়েত চলে যায় আর্ট নিয়ে উচ্চতর পড়াশোনার জন্য। সেখানে গিয়ে সে বিভিন্ন পত্রিকায় কার্টুনিস্ট ও ডিজাইনার হিসেবে কাজ করতে থাকে। ১৯৬৮ সালে আল-সিয়াসা পত্রিকার জন্য নাজি একটি কার্টুন আঁকে হানজালা নামে। এ কার্টুনটিই তাঁকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দেয়। কার্টুন চরিত্র হানজালা দুনিয়াজুড়ে হয়ে ওঠে ফিলিস্তিনিদের প্রতিরোধের প্রতীক।

হানজালা একটি দশবছর বয়সী শিশুর ছবি, যে খালি পায়ে থাকে, চুলগুলো উশকো-খুশকো, ঠিক যেন সজারুর কাঁটার মতো। তার পোশাক দেখেই বোঝা যায়, দীর্ঘদিন যত্নের ছোঁয়া পায়নি শিশুটি। হাতদুটো সবসময় সে পেছনে বেঁধে রাখে। তার দাঁড়িয়ে থাকার মধ্যে একটা দৃঢ়তা দেখা যায়, যেন সে যে কোনো বিপর্যয়, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত। যার চেহারা কখনো দেখা যায় না। কিন্তু বোঝা যায়, সে দৃঢ়ভাবে তাকিয়ে আছে কোনোকিছুর দিকে। হ্যাঁ, হানজালা কিছু করে না। সে শুধুই তাকিয়ে থাকে, তাকিয়ে দেখতে থাকে ঘটনাপ্রবাহ। কিন্তু তার একদৃষ্টিতে তাকিয়ে থাকাটাই ক্রমাগত প্রশ্ন করে যায় বিশ্ববিবেককে।

বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের প্রতিরোধের অন্যতম প্রতীক হয়ে উঠেছে হানজালা

হানজালা সবসময় উল্টোদিকে ঘুরে থাকে। কার্টুনিস্ট নাজি হানজালা চরিত্রটি সবসময়ই এঁকেছেন পেছন থেকে। ১৯৬৭ সালে ফিলিস্তিনের মানচিত্র ভেঙে যে দুইটি দেশের মানচিত্র তৈরি করা হয়, তার থেকেই মূলত সে মুখ ফিরিয়ে রেখেছে। হানজালা বিশ্বমোড়লদের বলতে চায়, আমার মাতৃভূমির মানচিত্র দ্বিখণ্ডিত করে চাপিয়ে দেয়া সমাধান তোমার কাছেই রাখো, আমার এ সমাধানের প্রয়োজন নেই।

হানজালা চরিত্রটিকে আর্টিস্ট প্রথমবার এঁকেছিলেন ১৯৬৮ সালে। এরপর বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সময় তিনি অনেকবার এঁকেছেন চরিত্রটি। সর্বশেষ এঁকেছেন ১৯৮৭ সালে, তাঁর মৃত্যুর আগে। কিন্তু হানজালার বয়স কখনো বাড়েনি। হানজালার বয়স সবসময় ১০বছরই ছিলো। এমনকি যতদিন না ফিলিস্তিন স্বাধীন হবে, যতদিন না গৃহহীন শিশুরা ফিরে যাবে তাদের গৃহে, ততদিন হানজালার বয়স দশবছরই থাকবে।
আচ্ছা বন্ধুরা, তোমরা কি মনে করতে পারো কার্টুনিস্ট নাজি আল আলীকে কত বছর বয়সে গৃহ ত্যাগ করতে হয়েছিলো? হ্যাঁ, ঠিকই ধরেছো, দশ বছর বয়সে- যখন তিনি হানজালার বয়সী ছিলেন। আসলে কার্টুনিস্ট নাজি হানজালা চরিত্রের মাধ্যমে তাঁর নিজের শৈশবের গৃহত্যাগের বেদনায় ফুটিয়ে তুলেছেন।
বর্তমানে হানজালা চরিত্রটি বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের প্রতিরোধের অন্যতম প্রতীক হয়ে উঠেছে। দুনিয়াজুড়ে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে, মিছিলে দেখা যায় হানজালার কার্টুনের উপস্থিতি।

যুগ যুগ ধরে হানজালা আমাদের স্মরণ করিয়ে দেয় ফিলিস্তিনের গৃহহীন শিশুদের কথা, ফিলিস্তিনিদের প্রতি হওয়া অবিচারের কথা, ফিলিস্তিনিদের কেড়ে নেয়া শৈশবের কথা। আমরা প্রার্থনা করি সকল হানজালার জন্য, যেন মুক্ত ফিলিস্তিনে তারা ফিরে যেতে পারে তাদের নিজেদের গৃহে। তাদের বসতি হয়ে উঠুক তাদের নিরাপদ আশ্রয়, এইই আমাদের প্রত্যাশা।

প্রকাশকাল: মে ২০২৫

গাজার শিশুদের আর্তনাদ শুনতে কি পাও? নির্বিচারে হত্যার প্রতিবাদ জানানোর কেউ কি নেই?

৭০ বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনিরা নিজ গৃহে পরবাসী। তাদের বাড়িঘর দখল করে আছে হানাদার ইসরাইলিরা। ২০২৩ সালের ৭ অক্টোবর প্রতিরোধ আন্দোলন হিসেবে হামাস ইসরাইলিদের ওপর আক্রমণ চালায়। তাদের লক্ষ্য ছিল বিশ্বের দৃষ্টি আকর্ষণ করা। সেই হামলার পর থেকে ইসরাইল নতুন করে হামলা শুরু করে। হয়ে যায় আরও বেপরোয়া। গত দেড় বছরে তারা ৫১ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে। মাস দেড়েকের যুদ্ধবিরতির পর আবার হামলা শুরু করে ইহুদিবাদী ইসরাইল। ফলে ফিলিস্তিনের গাজা হয়ে ওঠে এক মৃত্যু উপত্যকা। এই হত্যার প্রধান শিকার শিশুরা। কোমলমতি শিশুরাও রেহাই পাচ্ছে না ইসরাইলি মৃত্যুদানবের হাত থেকে। ইসরাইলের বর্বর গণহত্যার শিকার হয়ে শহিদ হয়েছে গাজার হাজার হাজার শিশু। যেসব শিশু বেঁচে আছে; মৃত্যুভয়, অবর্ণনীয় দুর্দশা, খাদ্য ও চিকিৎসার অভাবে তারাও যেন জীবণ্মৃত।
ইসরাইল এতটাই নির্দয় যে, ফিলিস্তিনে কোনো মানবিক সহায়তাও প্রবেশ করতে দিচ্ছে না। কত শিশু বাবা হারিয়ে এতিম হয়ে গেছে; কত শিশু মা, ভাইবোন হারিয়ে নির্বাক; ধ্বংসস্তুপে চাপা পড়ে আছে কত শিশু; কেউ জানে না। তাদের শৈশব বলে কিছু নেই। শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই জানুয়ারিতে বলেছিলেন, ইসরায়েল গাজার সব বিশ্ববিদ্যালয়ে বোমা হামলা চালিয়েছে। ৯০ শতাংশের বেশি স্কুল ধ্বংস করেছে। এমনকি স্কুল ভবনে আশ্রয় নেওয়া নারী-শিশুরাও হামলা থেকে রক্ষা পায়নি। পুরো গাজাই যেখানে প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে; গাজাবাসীর জীবন বাঁচানোই যেখানে দায়; তাদের শিশুর শিক্ষার কথা চিন্তা করা অকল্পনীয়। বিশ^বাসী নীরবে তাকিয়ে দেখছে এসব। প্রশ্ন জাগে প্রতিবাদ জানানোর কেউ কি নেই?

২.
দিনে দিনে ইসরাইলিদের অত্যাচার সীমা ছাড়িয়ে যাচ্ছে। এর মধ্যে গাজা নগরীর উপকণ্ঠে শুজাইয়া এলাকা খালি করার নির্দেশ দিয়েছে ইসরাইলি বাহিনী। প্রাণ বাঁচাতে অসহায় শিশুদের নিয়ে পালাচ্ছেন ফিলিস্তিনি নারীরা। এ দৃশ্য দেখে বিশ্ব হতবাক। কিন্তু কেউ কিছু করছে না। এক বিবৃতিতে হামাস বলেছে, যুদ্ধ শুরুর পর থেকে গাজায় প্রায় ১৯ হাজার শিশু শহিদ হয়েছে। মা-বাবা হারিয়ে এতিম হয়েছে ৩৯ হাজার শিশু। আন্তর্জাতিক স¤প্রদায়ের নিষ্ক্রিয়তা ও দায়মুক্তির কারণে ইসরায়েলি দখলদারেরা ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে অপরাধ করতে আরও উৎসাহী হচ্ছে। ইসরায়েলের অপরাধগুলো তুলে ধরার জন্য মানবাধিকার সংস্থাগুলোর কাছে আহ্বান জানায় হামাস।
গাজাস স্টোলেন চাইল্ডহুড বা গাজার চুরি হয়ে যাওয়া শৈশব শিরোনামে আলজাজিরা ২৬ মার্চ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখানো হয়েছে, ইসরাইল প্রতি ৪৫ মিনিটে গাজার একটি শিশুকে হত্যা করছে। তার আগের প্রায় সাড়ে পাঁচশ দিনে প্রতিদিন প্রায় ৩০টি শিশু হত্যা করেছে। সে হিসাবে ২০২৩ সালের ১৭ অক্টোবর থেকে সাড়ে ১৭ হাজার শিশুকে হত্যা করেছে ইসরাইল। যার মধ্যে সাড়ে ১৫ হাজার শিশুকে চিহ্নিত করা গেছে, বাকিদের কবর হয়তো হয়েছে ধ্বংসস্তুপের নিচে। এর মধ্যেও কেউ বেঁচে আছে কি না, কে জানে!
ইসরাইলি বোমায় এমন হাজারো শিশু শহিদ হয়েছে, যারা প্রথম জন্মদিনও পালন করতে পারেনি। ১ বছর পূর্ণ হওয়ার পর শহিদ হয়েছে মোহাম্মদ, যার গল্প তুলে ধরেছে আলজাজিরা। যুদ্ধবিরতি ভঙ্গ করে ১৮ মার্চ যখন ইসরাইল গাজায় পুনরায় বোমা হামলা শুরু করে, তার ৩৬ ঘণ্টার মধ্যে ৩৩৬ ফিলিস্তিনি প্রাণ হারায়। এর মধ্যে ১৮৩ শিশু, যেখানে ১ বছরের মোহাম্মদ তার সাত মাসের অন্তঃসত্ত্বা মায়ের সঙ্গে শহিদ হয়। আল মাওয়াসি ক্যাম্পে বিমান হামলায় তারা শহিদ হয়। এটি এমন ক্যাম্প, যাকে ইসরাইল বলেছিল ‘সেফ জোন’। এমন আরও বহু কথিত নিরাপদ পরিসরে ফিলিস্তিনি শিশু ও নিরীহ নাগরিক প্রাণ হরিয়েছে। এভাবে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ৫১ সহস্রাধিক মানুষকে শহিদ করেছে ইসরাইল। যেখানে এক-তৃতীয়াংশ শিশু ছাড়াও আছে নারী, সাংবাদিক, নিরাপত্তাকর্মী, মানবিক সহায়তাকারী, শিক্ষক, চিকিৎসক। হামলা থেকে রেহাই পায়নি হাসপাতাল, এমনকি রোগীরাও।
দেড় বছরের অধিক সময় ধরে ইসরায়েল গাজায় এমন গণহত্যা চালিয়ে যাচ্ছে। ছোট্ট কাফন মোড়ানো কফিন নিয়ে হাজারো পিতা-মাতা-স্বজনের আর্তনাদ আমরা দেখছি। সাধারণ বিবেকসম্পন্ন মানুষ এমন একটি হত্যাকাÐও মেনে নিতে পারে না। অথচ ইসরাইল একটি প্রজন্মকে নিঃশেষ করে দিচ্ছে। প্রশ্ন উঠছে, কী করছে বিশ্ববিবেক? কেবল এই দেড় বছরই নয়; ইসরাইল নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে যুগ যুগ ধরে। গায়ের জোরে ফিলিস্তিনিদের ভ‚মি দখল করে সেই ফিলিস্তিনিদের ওপরেই গণহত্যা চালানোর পর ইসরাইলের কিছুই হচ্ছে না কেন? নিষ্পাপ, নিরীহ ফিলিস্তিনি শিশুরা প্রতিদিন শহিদ হচ্ছে, তাতে এমনকি মুসলিম বিশ্বেরও টনক নড়ছে না। মুসলমানদের কয়েকটি দেশ নামকাওয়াস্তে কিছু পদক্ষেপ নিচ্ছে, তাতে কাজের কাজ কিছুই হচ্ছে না। অথচ ইসরাইল ঘিরে আছে মুসলিম বিশ্ব।

৩.
গাজার মোট ২৩ লাখ বাসিন্দার ৫১ শতাংশই শিশু। উপত্যকাটিতে ইসরাইলের হামলায় নিহত শিশুদের তথ্য আরও সুনির্দিষ্টভাবে তুলে ধরেছে ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো। তাদের তথ্যমতে, গাজায় নিহত শিশুদের মধ্যে ২৭৪টি নবজাতক আর এক বছরের কম বয়সী ৮৭৪ শিশু রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, তখন থেকে উপত্যকাটিতে অন্তত ৫০ হাজার ৬৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত ১ লাখ ১৫ হাজার ২২৫ জন। নিহত ব্যক্তিদের মধ্যে গত ১৮ মার্চ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের পর নিহত ১ হাজার ২৪৯ জন রয়েছেন। এই সময় আহত হয়েছেন ৩ হাজার ২২ জন।
১৮ মার্চ থেকে গাজায় হামলার পাশাপাশি দখলও শুরু করেছে ইসরায়েলি বাহিনী। রাফা ও খান ইউনিসে চলছে স্থল অভিযান। এক দিনে উত্তর গাজার বেইত হানুন, শুজাইয়া এবং দক্ষিণ গাজার খান ইউনিসের কিজান আবু রাশওয়ানসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলের হামলায় অন্তত ৩০জন নিহত হয়েছেন। আর আগের ২৪ ঘণ্টায় গাজাজুড়ে প্রাণহানি হয় ৮৬ জনের। গাজায় ইসরাইলের বোমা হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন উপত্যকাটির একজন সাংবাদিক। স্থানীয় সাংবাদিকেরা দাবি করেছেন, ওই ভিডিওতে বোমার আঘাতে মানুষের শরীর কয়েক তলা ভবনের সমান ওপরে ছিটকে পড়তে দেখা গেছে। ভিডিওটি শেয়ার করা সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘শিশুদের আত্মা ও শরীর স্বর্গে পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রের তৈরি রকেট ব্যবহার করছে দখলদার ইসরায়েলিরা।’ উল্লেখ্য গাজায় ইসরাইলের হামলা শুরুর পর থেকেই দেশটিকে সর্বাত্মক সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটি ফিলিস্তিনিদের বিতাড়িত করে উপত্যকাটি যুক্তরাষ্ট্রের মালিকানায় আনার কথা বলেছে। গাজার ৮০ শতাংশ বাড়িঘর ধ্বংস করে দিয়েছে ইসরাইল।

৪.
ফুটফুটে শিশু বানাত আল-আলোউত। আরেক শিশু হুর আল-সালোউত। হুরের বয়স এক বছর। কবে সে গুটি গুটি পায়ে হাঁটা শুরু করবে, সে অপেক্ষায় ছিলেন মা-বাবা। আর ঈদ কবে আসবে, কী কেনাকাটা করবে তা নিয়ে ছোট্ট সালমাহ এসলিয়েহ যেন আরও চঞ্চল হয়ে উঠেছিল। সালমাহের ঈদ আর আসবে না, আসেনি। হুর আল-সালোউতের প্রথম হাঁটা, আধো আধো বুলিতে কথা শোনার অপেক্ষা শেষ হবে না কোনো দিন। ইসরাইলের নির্মম হামলা মা-বাবার কোল থেকে কেড়ে নিয়েছে গাজার এই শিশুদের। এর পর থেকে মৃত্যুর মিছিল চলছেই। বিশ্বের দেশে দেশে এই হামলা ও নৃশংস হত্যার প্রতিবাদ হয়েছে। প্রতিবাদ হয়েছে বাংলাদেশেও। এই মৃত্যুর মিছিল কবে থামবে? বিশ্ববাসীকে বলতে ইচ্ছে করে- গাজার শিশুদের আর্তনাদ শুনতে কি পাও? ০

হুইল চেয়ারের শিশু

বারো বছরের ছোট্ট কিশোর নাম তার আহমাদ
হাঁটতে পারেনা, হুইল চেয়ারেই বাঁচার স্বপ্ন সাধ।
স্কুলে যাবে বিকেলের রোদে ওড়াবে রঙিন ঘুড়ি
কিন্তু আকাশে কালো শকুনের এ কেমন ওড়াউড়ি!
যুদ্ধের নামে ঘরবসতির ওপরে ফেলছে বোমা
তামা তামা করে দিলো একদিন তার গৃহ, বাবা ও মা ।

বসত হারিয়ে খান ইউনিসে নিতে হলো আশ্রয়
স্তব্ধ কিশোর, দুই চোখে তার রাজ্যের বিস্ময়!
কে তার শত্রু? কোনোদিন কি সে করেছিলো কারো ক্ষতি?
হাসিখুশি ছেলে রুষ্ট হয়েছে কখনো কি কারো প্রতি?
তারার মতন জ্বলজ্বলে চোখ চাঁদের মতন হাসি
পড়শিরা বলে, সোনা পাখি তোরে খুব খুব ভালোবাসি।

একদিন রাতে এলো দানবেরা রক্তের নেশা চোখে
প্রতিপক্ষ তো নিরীহ মানুষ কে আছে তাদের রোখে
খান ইউনিসে মিসাইল হামলা ভাবেনি হয়তো কেহ
বিস্ফোরণের তীব্র আগুনে পুড়ে গেল তার দেহ!

পালাতে পারেনি, কী করে পালাবে, ছিল না তো সঙ্গতি
ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখলো আগুনের রঙ গতি।
পুড়ে যেতে যেতে দেখলো মৃত্যু, যুদ্ধের বিভীষিকা
এই হত্যার সঙ্গে জড়িত ইউরোপ আমেরিকা।

এটা কি যুদ্ধ নাকি জিঘাংসা উত্তর দাও তুমি?
কোন অধিকারে দখল করেছো অন্যের বাসভূমি?
কোন বিবেকের আগুনে পোড়ালে নিরস্ত্র শিশু নারী?
উত্তর দাও, মনুষ্যত্বের বড় বড় ধ্বজাধারী!

এই শিশুটি কি তোমাদের দিকে ছুঁড়েছিল মিসাইল?
এই শিশুরা কি তোমার শত্রু ইউকে, ইসরাইল?
তোমাদের দেশে সুকোমল নারী, ফুলেল শিশু কি নাই?
এইখানে এসে অনুভবগুলো মরে যায় কেন ভাই?

তোমাদের দিকে তাকালে এখন দানবের ছবি দেখি
তোমাদের দিকে তাকিয়ে তাকিয়ে ঘৃণার কাব্য লিখি
নিষ্পাপ শিশু নারীর বক্ষে এঁকেছো দুঃখ শোক
অতীতের মতো তোমরা গ্রহের সব’চে ঘৃণিত লোক।

প্রকাশকাল : মে ২০২৫

শরবত দাদা

বৃষ্টি এলেই ৮ বছর বয়সী ময়না অনেক খুশি হয়। বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে ওর। ঠান্ডা লেগে যাবার ভয় থাকলেও সুযোগ পেলেই বৃষ্টিতে গোসল করে। মাঝেমধ্যে দীর্ঘদিন বৃষ্টির অপেক্ষা করতে থাকে। দুপুরে বৃষ্টি না হয়ে যদি রাতে অথবা সকালে বৃষ্টি হয় তাহলে ময়নার মন খারাপ থাকে। ময়নার বাবা মা সাধারণত বৃষ্টিতে ভিজলে খুব রেগে যায়। বিভিন্ন অসুস্থতার ভয় দেখায়। যেদিন স্কুল ছুটির পরে বৃষ্টির মধ্যে বাড়িতে ফেরার উদ্দেশ্যে বের হতে পারে, সেদিন ময়না আর ওর বান্ধবী মীম খুব খুশি হয়। ছাতা থাকলেও কখনো পুরোপুরি না ভিজে বাসায় ফেরে না। মা’য়ের কাছে যুক্তি দিয়ে বলে
“বইয়ের ব্যাগ ভিজে যাচ্ছে বলে ছাতা পেছনের দিকে ব্যাগের উপরে রেখেছিলাম, এইজন্য মাথাটা ভিজে গেছে।”

আষাঢ় মাসেও বৃষ্টি না হয়ে উল্টো তীব্র গরম পড়ায় মানুষ অতিষ্ঠ হয়ে বৃষ্টির জন্য আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করেছিলো। এরপর থেকে দীর্ঘদিন ধরে মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে। ময়না আজ বান্ধবী মীমের সাথে বৃষ্টিতে ভিজতে ভিজতে স্কুল থেকে বাসায় ফিরেও মন খারাপ করে ঘরে ঢোকে। ময়নার আম্মা বুঝতে পারে কোনো কারণে ময়নার মন ভালো নেই। হয়তো স্কুলের কোনো পড়া পারেনি তাই শিক্ষকের ধমক খেয়েছে। অথবা স্কুল থেকে ফেরার পথে ওর বান্ধবী মীমের সাথে ঝগড়া হয়েছে। কিন্তু জিজ্ঞাসা করে উত্তর শুনে অবাক হয়ে যায় ময়নার আম্মা।
ময়না বলছে
“কয়েকমাস ধরে শরবত দাদাকে খুঁজে পাচ্ছি না। আজও শরবত দাদাকে পেলাম না।”
“শরবত দাদা কে?”
জানতে চায় ওর মা।
‘পরে বলবো তোমাকে, এখন আগে গোসল করে আসছি।’
কথাটি বলেই স্কুলের ব্যাগ রেখে ময়না গোসলের উদ্দেশ্যে চলে যায়।

রাতে নিরিবিলি ময়নার কাছে ওর আম্মা জানতে চায়
“শরবত দাদা কে?’
ময়না বলতে শুরু করে পুরো ঘটনা।
ক’দিন আগে প্রচণ্ড গরমে স্কুল থেকে ফেরার পথে আমার পানি তৃষ্ণা পায়। ব্যাগের মধ্যে থাকা বোতল বের করে দেখি পানি শেষ। মীমের বোতলের পানিও শেষ হয়ে গেছে। স্কুলের কাছাকাছি ফুটপাতে একজন বয়স্ক লোক লেবুর শরবত বিক্রি করেন। স্কুলের ফিল্টার থেকে পরিষ্কার ও জীবাণু মুক্ত পানি দিয়ে শরবত বানায় বলে ছাত্রছাত্রীরা উনার কাছ থেকে শরবত কিনে খায়। আমি আর মীম উনাকে গিয়ে বলি
“দাদা আমাদেরকে একটু পানি খাওয়াবেন?”
লোকটা গ্লাস ভালো করে ধুয়ে তাতে কাঠের তৈরি চাপকল দিয়ে লেবুর রস বের করতে থাকে।
আমরা শরবত খাবো না, তাই উনাকে বলি
“আমাদেরকে পানি দেবেন, আমরা শরবত খাবো না।”
তবুও উনি লেবুতে পানি মিশিয়ে শরবত বানিয়ে দুই গ্লাসে ভাগ করে দুইজনকে দিলেন। মীম গ্লাস হাতে নিতে নিতে বললো
“দাদা, আমাদের কাছে কোনো টাকা নেই। আমরা কীভাবে শরবতের দাম দেবো?”
আমি গ্লাস হাতে না নিয়েই বলি
“আমার কাছেও টাকা নেই। আপনি আমাকে শুধু পানিই দেন।”
উনি মুচকি হাসি দিয়ে বললেন
“তোমাদের টাকা দিতে হবে না।”
কথাটি শুনে খুব খুশি হয়ে আমি আর মীম শরবত খেয়ে নিই। এরপর থেকে মাঝেমধ্যে উনার কাছ থেকে শরবত কিনে খাই। কখনো কখনো টাকা না থাকলেই বলি “শরবত দাদা, আমাদেরকে পানি খাওয়াবেন?
দাদা তবুও আমাদেরকে শরবত বানিয়ে দেন। একবারতো হাতে বোতল ভর্তি পানি রেখেও আমি পানি খেতে চাই। সেসময় শরবত দিতে দিতে দাদা বলেছিলেন
“পানি তো তোমাদের কাছেই ছিলো। তাহলে তোমরা শরবত খেতেই এসেছো, তাই না?

এরপর থেকে প্রতিদিন স্কুলে যাওয়া এবং আসার সময়ে দাদাকে সালাম দিই। শরবত দাদাও আমাদের সালামের উত্তর দেন। হাসিমুখে খোঁজ খবর নেন। উনার আমার মতো একজন নাতী আছে, গ্রামের বাড়িতে থাকে। এইজন্য দাদা আমাদের খুব ভালো বলেন। দাদাকে দেখলে আমাদেরও খুব ভালো লাগে। আমাদের গ্রামের বাড়িতে থাকা দাদা দাদুর কথা মনে পড়ে। কিন্তু আজ অনেকদিন হয়েছে শরবত দাদা ভ্যানে করে শরবত নিয়ে বসছে না। শরবত দাদার দোকানের জায়গায় অন্য একজন কাঁঠাল বিক্রি করছেন। সব ঘটনা শুনে ময়নার আম্মা বলেন
“যখন অনেক গরম পড়ে তখন শরবত বেশি বিক্রি হয়, কিন্তু বৃষ্টি হচ্ছে বলে আবহাওয়া ঠান্ডা। এইজন্য কেউ আর লেবুর শরবত খায় না। তোমাদের শরবত দাদা হয়তো এইজন্য আপাতত দোকান বন্ধ রেখেছেন। আবারও যখন গরম পড়বে তখন উনি আবারও শরবত বিক্রি করতে আসবেন। তখন তোমরা তাকে দেখতে পাবে।”

খুশি হয় না ময়না। মন খারাপ করেই বলে
“শরবত যদি বিক্রি না হয়, দাদা কাঁঠাল বিক্রি করতে পারতো। কিন্তু উনার জায়গাটাতো অন্য একজন দোকানদার দখল করে নিয়েছে।”
ময়নার আম্মা আবারও সান্ত্বনা দিয়ে বলেন
“দখল নয়, কিছুদিন পরে কাঁঠালের মৌসুম শেষ হবে। তখন উনিও আর বসবেন না। জায়গাটা ফাঁকা থাকবে।
ময়না এবার কিছুটা রেগে গিয়ে বলতে থাকে
‘কোনো জায়গাই কখনো খালি থাকে না। স্কুলে যেতে দেরি হলে আমি সামনের বেঞ্চে বসতে পারি না। একদম পেছনে গিয়ে বসতে হয়। যেই সুযোগ পায় সেই বসে যায়। আমার মনে হয় দাদাকে ওখান থেকে উঠিয়ে দিয়েছে।’
আরও কিছু কথা বলতে বলতে ময়না অন্যঘরে চলে যায়। মা’য়ের ভাবনায় চলে আসে সত্যিই তো। মানুষ এখন সুযোগ পেলেই সবকিছু দখল করে নেয়।

প্রকাশকাল: মে ২০২৫

বাংলা সন: আমাদের ঐতিহ্য

আমাদের প্রতিদিনকার জীবনে ক্যালেন্ডারের ভূমিকা অনেক। দিন তারিখ জানতে, বিভিন্ন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করতে লাগে এই ক্যালেন্ডার। বাংলায় যাকে বলে বর্ষপঞ্জি। আমরা সাধারণত যে বর্ষপঞ্জি দিয়ে হিসাব রাখি সেটা ইংরেজি সালের। সব কাজেই এই সালের দিন তারিখগুলো ব্যবহার করা হয়। আমাদের নিজেদের একটা সন আছে, যার নাম বাংলা সন, তার ব্যবহার কম। শহরের অনেকেই তো জানেও না বাংলা সনের দিন তারিখ। কিন্তু পহেলা বৈশাখ নববর্ষের দিনটি এসে আমাদের জানান দিয়ে যায় বাংলা সন যে আছে। বাংলা সনের উৎপত্তির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, এই সন ইসলামের উত্তরাধিকার বহন করছে। হিজরি সন থেকে এর উদ্ভব বলে এমনটা হয়েছে। ফলে এই সন আমাদের ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে।
আজ তোমাদের বলবো এই সনের কথা। বাংলা সনের শুরু কোথা থেকে অথবা কেনো বাংলা সন প্রবর্তন করা হলো, এইসবের ইতিহাস ঘাঁটলে দেখা যায়, যে ১৪৩২ সনকে আমরা আমন্ত্রণ জানাতে যাচ্ছি, বরণ করতে যাচ্ছি- এর গণনা কিন্তু এক, দুই থেকে শুরু হয়নি। বাংলাদেশে প্রচলিত তিনটি সনের মধ্যে হিজরি সনই হচ্ছে প্রাচীন সন। এখানে ইসলাম প্রচার প্রথম ব্যাপকভাবে শুরু হয়েছে সপ্তম শতাব্দীর চল্লিশ দশকের দিকে। তখন থেকেই এখানে হিজরি সনের আগমন ঘটেছে। আর মোগল বাদশাহ আকবরের আমলে হিজরি সনকে সৌর গণনায় এনে যে সন এখানে প্রচলিত হয়েছে সেটাই বাংলা সন।
বাংলা সনের প্রবর্তনের সময় ধরা হয় ১৫৫৬ সাল থেকে। প্রবক্তা ছিলেন মোগল সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর। প্রকৃতপক্ষে বাদশাহ আকবর খাজনা আদায়ের সুবিধার জন্য তাঁর সভাসদ জ্যোতির্বিদ আমির ফতেউল্লাহ সিরাজীকে একটি সৌরসন প্রবর্তনের নির্দেশ দেন। তিনি ‘তারিখ-এ-এলাহি’ নামে নতুন এক বছর গণনা পদ্ধতি চালু করেন। সে সময়ের কৃষকদের কাছে এটি ‘ফসলি সন’ নামে পরিচিত হয়, যা পরে ‘বাংলা সন’ বা ‘বঙ্গাব্দ’ হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। সেই সময়ে প্রচলিত রাজকীয় সন ছিল ‘হিজরি সন’, যা চান্দ্রসন হওয়ায় প্রতি বছর একই মাসে খাজনা আদায় সম্ভব হতো না। খাজনা আদায়ে সমস্যা হতো।
এ কারণে সম্রাট আকবর একটি সৌরভিত্তিক সন প্রচলনের প্রয়োজনীয়তা অনুভব করেন, যার কৃষকদের ফসল উৎপাদনের সময়ের সঙ্গে মিল থাকবে। নতুন এই সাল আকবরের রাজত্বের ২৯তম বর্ষে চালু হলেও তা গণনা আরম্ভ হয় ১৫৫৬ খ্রিষ্টাব্দের ৫ নভেম্বর থেকে।
আরেকটু পরিষ্কার করে বলি। ১৫৫৬ খ্রিষ্টাব্দ তথা ৯৬৩ হিজরিতে বাদশাহ্ আকবর তাঁর পিতা বাদশাহ্ হুমায়ূনের মসনদে বসেন। তিনি বহু সংস্কারমূলক কাজ করেন। হিজরি সন চান্দ্রবর্ষ হওয়ায় ঋতুর সাথে এর মাসগুলো স্থির থাকতে পারে না, ফলে রাজস্ব আদায়ে কয়েক বছর পরপর দারুণ জটিলতার সৃষ্টি হওয়া দেখে বাদশাহ্ আকবর রাজস্ব আদায়ের সুবিধার্থে একটি নতুন সৌরসন উদ্ভাবনের জন্য সে সময়ের একজন বিশেষজ্ঞ জ্যোতির্বিজ্ঞানী আমির ফতেউল্লাহ্ সিরাজীকে ১৫৮৪ খ্রিষ্টাব্দে দায়িত্ব দেন।
তিনি পরীক্ষা-নিরীক্ষা করে হিজরি সনের বর্ষকে বজায় রেখে বর্ষ গণনা ৩৫৪ দিনের স্থলে ৩৬৫ দিনে এনে একটি নতুন সন উদ্ভাবন করেন। তা ১৫৮৫ খ্রিষ্টাব্দে বাদশাহ্ আকবরের দরবারে পেশ করেন। আকবর তাতে অনুমোদন দেন এবং এক ফরমান জারি করে এই সন অনুযায়ী রাজস্ব আদায়ের ঘোষণা দেন। হিজরি সনের এই সৌররূপ নতুন সনের সঙ্গে হিজরি সনের আরবি মাসগুলোর স্থলে যে যে অঞ্চলে এ সন গেলো সে সে অঞ্চলে প্রচলিত মাস তাতে সংযোজিত হয়। হিজরি সনের প্রথম মাস মুহররমকে প্রথম মাস ঠিক রেখেই যে অঞ্চলে এই নতুন সন গেল সেই অঞ্চলে মুহররমে যে মাস ছিল সেই মাসকেই প্রথম মাস হিসেবে ধরা হয়। এই নতুন সন প্রর্বতনের বছরেই আকবর কর্তৃক গঠিত বাংলা প্রদেশ বা সুবা বাংলায় তা চলে আসে। তখন এখানে মুহররমে ছিল বৈশাখ মাস। তাই এখানে নতুন সনের প্রথম মাস হিসেবে স্থির করা হয় বৈশাখকেই।
এই বৈশাখ মাস হচ্ছে শকাব্দের দ্বিতীয় মাস। শকাব্দের নববর্ষ আসে চৈত্র মাসে, আর সেই চৈত্র মাস হয় নতুন সনের দ্বাদশ মাস। এই নতুন সন বাংলাদেশে এসে বাংলা সন নামে অভিহিত হয়। এখানে উল্লেখ করতে হয় যে, বাংলা সনের অষ্টম মাস অগ্রহায়ণ। এই মাসটির নামকরণ কোনো নক্ষত্রের সঙ্গে মিলিয়ে করা হয়নি যেমনটা অন্য মাসগুলোর ক্ষেত্রে করা হয়েছে। সে কথা পরে বলছি। মজার বিষয় হলো অগ্রহায়ণ শব্দের অর্থ অগ্র বৎসর বা বছরের প্রথম মাস। অগ্র মানে প্রথম হায়ণ মানে মাসে। ধারণা করা হয়, প্রাচীনকালে নববর্ষ সূচিত হতো হেমন্তকালের যে মাসটিতে, সেই মাসটির নামকরণ করা হয়েছিল অগ্রহায়ণ। এক সময় নবান্নের আনন্দ নিয়ে হেমন্তকালে নববর্ষ আসতো বিশেষ এক আমেজে।

সঠিক হিসাবের জন্য পরিবর্তিত বাংলা সালের দৈর্ঘ্য হয় ৩৬৫ দিন। কিন্তু পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করতে ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড লাগে। এই ঘাটতি দূর করার জন্য গ্রেগরিয়ান সালে প্রতি চার বছর পর পর ফেব্রুয়ারি মাসের সঙ্গে একদিন যোগ করা হয় (শুধু যে শত বছর ৪০০ দিয়ে ভাগ হয় সে বছর যোগ করা হয় না)। শুরুর দিকে বাংলা সাল এই অতিরিক্ত সময়কে গণনায় নেয়নি। পরে এই ঘাটতি দূর করার জন্য বাংলা একাডেমির তত্ত্বাবধানে এবং ড. মুহম্মদ শহীদুল্লাহর পরিচালনায় একটা কমিটি গঠন করা হয় ১৯৬৬ সালের ১৭ ফেব্রুয়ারি। ১৯৮৮ সালের ১৯ জুন থেকে বাংলা একাডেমির সুপারিশ করা পঞ্জিকা গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে ১৪ এপ্রিল পহেলা বৈশাখ পালন করা হয়। এটি এখন আরো সংস্কার করে চার বছর পর পর লিপইয়ার বা অধিবর্ষ যোগ করা হয়েছে। ফলে ১৪ এপ্রিল প্রতি বছর ১ বৈশাখ হবে। দিনের কোনো হেরফের হবে না।
বাংলা নববর্ষে এখন সাধারণ ছুটি থাকে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নববর্ষ উদযাপিত হয়। ধর্ম নির্বিশেষে সবাই দিনটি উদযাপন করে। ফলে এটি এখন আমাদের একটি জাতীয় উৎসবের দিন। এ দিন বসে বৈশাখী মেলা। সবাই বাঙালি খাবারের আয়োজন করেন। থাকে খই মুড়ি বাতাসা ইত্যাদি। উড়ানো হয় বেলুন। বাজানো হয় পাতার বাঁশি থেকে শুরু করে নানান ধরনের বাঁশি। এখন অবশ্য পান্তা-ইলিশের চল দেখা যায় শহরে। তবে পান্তা-ইলিশ অতীতে ছিলো না। ব্যবসায়ীরা এ দিনে খোলেন হালখাতা। তবে প্রথাটা এখন সবাই অনুসরণ করে না। স্বর্ণের দোকান বা বনেদি ব্যবসায়ীরা তা ধরে রেখেছেন। হালখাতা হচ্ছে বছরের হিসাব রাখার নতুন খাতা। পুরনো হিসাব চুকিয়ে নতুন খাতা চালু হয় এ দিনে। এখন পোশাকেও নববর্ষ নতুন আমেজ নিয়ে আসে। বিশেষ করে শিশুদের জন্য তা অনেক আনন্দ বয়ে আনে।

কীভাবে এলো বাংলা মাসের নাম
এবার বলছি বাংলা মাসের নামগুলো কী করে এলো। বিভিন্ন নক্ষত্রের নামের সাথে মিলিয়ে বাংলা সনের মাসগুলোর নামকরণ করা হয়। এই নামগুলো নেওয়া হয়েছে সে সময় প্রচলিত শকাব্দ থেকে। যখন বাংলা সন চালু হয় তখন শকাব্দ ছাড়াও আরো বহু সন প্রচলিত ছিল।
বাংলা সনের সঙ্গে শকাব্দের যে মাসগুলোর নাম সংযুক্ত করা হয় তার অধিকাংশেরই নামকরণ হয়েছে কোনো না কোনো নক্ষত্রের নামে। বাংলা সনের প্রথম মাস বৈশাখ। বিশাখা নক্ষত্রের নামে হয়েছে বৈশাখ মাস। একইভাবে জ্যেষ্ঠা নক্ষত্রের নামে জ্যৈষ্ঠ মাস, আষাঢ়া নক্ষত্রের নামে আষাঢ় মাস, শ্রাবণা নক্ষত্রের নামে শ্রাবণ মাস, ভাদ্রপদা নক্ষত্রের নামে ভাদ্র মাস, অশ্বিনী নক্ষত্রের নামে আশ্বিন মাস, কৃত্তিকা নক্ষত্রের নামে কার্তিক মাস, পুষ্যা নক্ষত্রের নামে পৌষ মাস, মঘা নক্ষত্রের নামে মাঘ মাস, ফাল্গুনী নক্ষত্রের নামে ফাল্গুন মাস, চৈত্রা নক্ষত্রের নামে চৈত্র মাস নামকরণ করা হয়েছে।
সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।

প্রকাশকাল: এপ্রিল ২০২৫