Home Blog Page 117

ঈদ রেসিপি

[ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। বাঙালির ঈদের খুশি প্রধানত খাওয়াদাওয়ার মাধ্যমেই জমে উঠে। ঈদের খাবারের আয়োজনে যদি যুক্ত হয় কিছুটা অপরিচিত কোনো খাবার, তাহলে বাড়ির শিশুদের ঈদ-আনন্দও কয়েকগুণ বেড়ে যায়। এরকমই কয়েকটি পরিচিত খাবারের একটু ব্যতিক্রমী আয়োজন নিয়ে লিখেছেন মুকরিমা তাসলীম।]

সেমাই হলো ঈদের মূল আকর্ষণ। সেমাই ছাড়া ঈদ কল্পনা করা বাঙালি মুসলমানের জন্য একটু কষ্টকরই বটে। এই সেমাই যদি হয় একটু ভিন্ন স্বাদের, তাহলে ঈদের আনন্দটাও বেশ খানিকটা বেড়ে যাবে।

কোকোনাট সেমাই পুডিং
একটি সুস্বাদু এবং নারকেলের মিষ্টি স্বাদে ভরা সেমাই পুডিং। এটি সাধারণ সেমাই থেকে একটু ভিন্ন।
উপকরণ :
২০০ গ্রাম সেমাই
১ কাপ নারকেল কুচি
১ কাপ চিনি
২ কাপ দুধ
১/২ কাপ কনডেন্সড মিল্ক
১/৪ চা চামচ এলাচ গুঁড়ো
২ টেবিল চামচ ঘি
১/৪ কাপ কিসমিস
১/৪ কাপ বাদাম (কুচি করা)

প্রস্তুত প্রণালি :
সেমাই সেঁকে নিন। এরপর এক পাত্রে ঘি দিয়ে সেমাই ভাজতে থাকুন যতক্ষণ না তা সোনালি রঙ ধারণ করে।
অন্য একটি পাত্রে দুধ, কনডেন্সড মিল্ক, চিনি, এলাচ গুঁড়ো এবং নারকেল কুচি মিশিয়ে গরম করুন। মিশ্রণটি কিছুটা গাঢ় হলে এতে সেমাই যোগ করুন।
ভালোভাবে মেশানোর পর, কিসমিস এবং বাদাম মেশান।
কিছু সময় ধরে হালকা আঁচে রান্না করুন, যতক্ষণ না পুডিংয়ের মতো ঘন হয়ে আসে।
ঠান্ডা করলেই কোকোনাট সেমাই পুডিং তৈরি।
পরিবেশন করার সময় ওপরে কিসমিস ও বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

সেমাই ফ্রিটার্স
সেমাই ভেজে বানানো মজাদার ফ্রিটার দেখতে ও খেতে অসাধারণ। এটি ঈদের আনন্দে নিয়ে আসতে পারে নতুন মাত্রা।
উপকরণ:
২০০ গ্রাম সেমাই
১/২ কাপ কনডেন্সড মিল্ক
২টি ডিম
১/২ চা চামচ এলাচ গুঁড়ো
১/২ কাপ ময়দা
১ চা চামচ বেকিং পাউডার
চিনি- স্বাদ অনুযায়ী
তেল- ভাজার জন্য
প্রস্তুত প্রণালি :
সেমাই সেঁকে নিন এবং একটি পাত্রে কনডেন্সড মিল্ক, ডিম, এলাচ গুঁড়ো ও চিনি মেশান।
সেমাই মিশ্রণে যোগ করে ময়দা ও বেকিং পাউডার মেশান। মিশ্রণটি ঘন হওয়া পর্যন্ত নাড়তে থাকুন।
এবার মিশ্রণটি ছোট ছোট বল বা ফিংগার তৈরি করে ডুবো তেলে ভাজুন।
সেমাই ফ্রিটারগুলো সোনালি রঙ ধারণ করলে তুলে নিন এবং টিস্যু পেপারে রেখে অতিরিক্ত তেল শুষে নিন। এবার গরম গরম পরিবেশন করুন।

চিকেন স্যুতোয়া
এটি এমন একটি চিকেন রেসিপি, যা আমাদের মুখে এনে দেয় নতুন স্বাদ।
উপকরণ:
৫০০ গ্রাম চিকেন
১/২ কাপ টমেটো কুচি
১/২ চা চামচ গরম মসলা
১/২ চা চামচ হলুদ গুঁড়ো
১ টেবিল চামচ আদা-রসুন বাটা
১ টেবিল চামচ কাঁচামরিচ বাটা
১ চা চামচ জিরা গুঁড়ো
১ চা চামচ ধনে গুঁড়ো
১ কাপ দই
১/২ কাপ পানি
২ টেবিল চামচ তেল
লবণ স্বাদ অনুযায়ী
প্রস্তুত প্রণালি :
প্যানে তেল গরম করে আদা-রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা দিয়ে ভালো করে কষিয়ে অল্প করে পানি দিয়ে রান্না করুন।
এরপর চিকেন এবং মশলা (জিরা, ধনে, হলুদ, গরম মসলা) দিয়ে ভালো করে ভেজে নিন।
চিকেন ভাজা ভাজা হয়ে এলে টমেটো কুচি এবং দই মিশিয়ে কিছুক্ষণ রান্না করুন।
পানি দিয়ে মিশ্রণটি গাঢ় হওয়া পর্যন্ত সেদ্ধ হতে দিন।
এখন গরম গরম পরিবেশন করুন।

চিকেন জহরানা

চিকেন জহরানা
এটি একটি মধ্যপ্রাচ্যের মিষ্টি এবং ঝাল ঝাল স্বাদের চিকেন রেসিপি।
উপকরণ:
৫০০ গ্রাম চিকেন (বড় টুকরো করে কাটা)
১/২ কাপ দই
১ টেবিল চামচ আদা-রসুন বাটা
১ টেবিল চামচ পেঁয়াজ বাটা
১ চা চামচ গরম মসলা
১/২ চা চামচ হলুদ গুঁড়ো
১/২ চা চামচ মরিচ গুঁড়ো
১ টেবিল চামচ ঘি
১/৪ কাপ কিসমিস
১/৪ কাপ বাদাম কুচি
লবণ- স্বাদ অনুযায়ী
প্রস্তুত প্রণালি :
দই, আদা-রসুন বাটা, গরম মসলা এবং লবণ দিয়ে চিকেন মেরিনেট করে কিছুক্ষণ ঢেকে রেখে দিন।
একটি প্যানে ঘি গরম করে পেঁয়াজ বাটা এবং মসলাগুলো দিয়ে ভালোভাবে ভাজুন।
মেরিনেট করা চিকেন যোগ করে রান্না করুন এবং একে একে মসলা ও দই মেশান।
রান্না শেষে কিশমিশ এবং বাদাম কুচি দিয়ে গরম গরম পরিবেশন করুন।
এটি লুচি বা পরোটা দিয়ে খেতে দারুণ টেস্টি।

প্রকাশকাল: মার্চ ২০২৫

পিকো

১
ঈদের আর মাত্র তিনদিন বাকি। শহরের চারিদিকে হুড়োহুড়ি লেগে গেছে। যে যার মতো গ্রামের বাড়ি ছুটে যাচ্ছে। জাহিন, জাইফা ওরাও যাবে। গত রাত থেকে কত প্রস্তুতি! জাহিনের প্যান্ট, শার্ট, গেঞ্জি খেলনা আরো কত্ত কী? জাইফারও কম নয়। সব মিলিয়ে মাঝারি সাইজের একটা গাট্টি হয়েছে। বাবা মায়ের পোশাকও গোছানো হয়ে গেছে। কিন্তু ছাদের গাছগুলো আর পিকোকে নিয়েই যত বিপত্তি। ভাইয়া গাছে পানি দেয়ার জন্য অনলাইন থেকে একটি ড্রিপ ইরিগেশন মেশিন কিনেছে। যেটি দিয়ে অ্যাপসের মাধ্যমে দূর থেকে কমান্ড করে গাছে পানি দেয়া ও বন্ধ করা যাবে। কিন্তু পিকোর বিষয়টিতে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসা গেল না।

পিকো জাহিনদের আদরের পোষা বিড়াল। গত বছর ঈদে গ্রামের বাড়ি থেকে ওকে আনা হয়েছিল। খুব ছোট্ট ছিল। অনেক আদর যত্ন করে বড় করেছে। এ বাড়ির সবাই খুব আদর করে পিকোকে। জাহিনের ভাইয়া আরিব ঢাকাতেই একটি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে। সারাদিনের ক্লাস, এক্সাম, বাসায় ফেরত আসার জার্নির ক্লান্তি সব দূর হয়ে যায় বাসায় ফিরে পিকোর সাথে দুষ্টুমি করে। ঘরে পা ফেলতে না ফেলতেই পিকোকে খোঁজে। পিকো পিকো করে ডাকতেই দৌড়ে ভাইয়ার রুমে ঢোকে। একটা কাগজের বল ছুঁড়ে মারে আর পিকো দৌড়ে সেটি নিয়ে এসে সামনের দু’পায়ে ভাইয়াকে ফেরত দেয়। এভাবে আব্বু অফিস থেকে আসলেও কাছে গিয়ে মিউ মিউ.. করে ডাকে আর লেজ নাড়ে। বাবা হাতে থাকা পাউরুটির ব্যাগ থেকে ছোট দু-এক টুকরো পাউরুটি নিচে ফেলতেই চাকুম চুকুম করে আনন্দ করে খায়। আর জাহিনের সাথে কেমন সম্পর্ক? সেটা না হয় না-ই বললাম। এক কথায় জানে জিগার দোস্ত! বিকেল বেলা জাহিনের স্কুল থেকে ফেরার টাইম মাথায় সেট করা আছে পিকোর। পঞ্চম শ্রেণিতে ওঠার পর আধা ঘণ্টা বাড়িয়ে জাহিনের চারটায় ছুটি। আসতে আসতে পাঁচটা বাজে। পিকো দরজার কাছে গিয়ে পা দুটো সামনের দিকে ছড়িয়ে আরাম করে বসে থাকে জাহিনের অপেক্ষায়। সম্ভবত পাঁচটা বাজলে ড্রয়িং রুমের ঘড়ির ঢং ঢং পাঁচবার আওয়াজ শুনে পিকো সময় বুঝতে পারে।
গত এক বছরে পিকো বাসার সবাইকে ভীষণ আপন করে নিয়েছে। আজ ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়ি যাওয়ার সময় পিকোকে কী করবে বুঝতে পারছে না। গত রাতে গ্রামে যাওয়ার নানা খুঁটিনাটি বিষয়ে কথা বলার জন্য ছোটখাটো একটা পারিবারিক মিটিং হয়েছে। জাহিন বাবাকে বললো, ‘বাবা পিকোকে আমাদের সাথে নিয়ে গেলে কেমন হয়?’
বাবা বললেন, ‘না রে বাবা, আমার মনে হয় তা ঠিক হবে না। কারণ আমাদের গ্রামে যেতে লঞ্চ, গাড়ি, রিকশা অনেক কিছুতে চড়তে হয়। তাছাড়া বেশ লং জার্নি। সেখানে পিকোকে নিলে খুব ঝামেলা হবে।’
‘তাহলে কী করা যায়? বেশি করে খাবার দিয়ে বাসায় রেখে গেলে কেমন হয়?’ বললো জাহিনের ছোট বোন জাইফা। ক্লাস টু তে পড়ুয়া পরিবারের সবচেয়ে ছোট সদস্য হলেও যেকোনো পারিবারিক বিষয়ে সেও মতামত দেয়।
আম্মু বললেন, ‘আমার মনে হয় পাশে তোর খালামনির বাসায় রেখে যাওয়া ভালো।’
অনেক মতামত আলোচনা শেষে জাহিনের আপসহীন আবদারে সিদ্ধান্ত হয় পিকোকে সাথে করেই নিয়ে যাওয়া হবে।

২.
জাহিনদের গ্রামের বাড়ি ভোলা। যাতায়াতের একমাত্র সহজ মাধ্যম নৌপথ। ওদের লঞ্চ সাড়ে সাতটায়। বাবা অফিস থেকে বের হয়েই ফোনে সবাইকে দ্রুত রেডি হতে বলেন। সবাই যথাসময়ে রেডি হয়ে অপেক্ষা করে। বাবা এসেই দেখেন সবার প্রয়োজনীয় পোশাক আশাক ভরে গাট্টি বোঁচকা রেডি। ছয়দিন থাকার প্রস্তুতি। মোট সাতটি মূল ব্যাগ। খাবার ও অন্যান্য জিনিসের আরও তিনটি ছোট ছোট ব্যাগ হয়েছে। মায়ের পুরনো একটি পার্স ব্যাগ কেটে তৈরি করা ব্যাগে পিকোকে ঢুকিয়ে প্রস্তুত করা হয়েছে ভ্রমণের জন্য। পিকো বুঝে উঠতে পারছে না, আসলে কী হচ্ছে ওর সাথে? জীবনে কোনোদিন এমন অবস্থায় পড়েনি তো।
গাড়িতে করে ওরা সময়মতোই সদরঘাট এসে পৌঁছে। সদরঘাট টার্মিনাল গেইট দিয়ে ঢুকে ঠিকঠাক লঞ্চে উঠে যায়। টার্মিনাল থেকে হকার সরিয়ে দেয়ায় লঞ্চে উঠতে আগের মতো ঝক্কি ঝামেলা নেই। এমভি তেঁতুলিয়া জাহিনদের লঞ্চ। ওরা তিনতলায় আগেই বুক করে রাখা কেবিনে ওঠে। জাহিনের ভাইয়া আরিব বাবার সাথে হাত লাগায় কেবিনে ব্যাগগুলো গোছাতে। জাহিন জাইফাও ওদের নিজ নিজ ব্যাগ নিয়ে জায়গামতো রাখে। আম্মু খাবারের বক্সগুলো নিয়ে পরখ করে দেখছেন ঠিকঠাক আছে কি না। পিকোকে জার্নি ব্যাগ থেকে বের করে কেবিনে ছেড়ে দেয়া হয়। আস্তে করে খাটের নিচে ঢুকে চুপচাপ বসে পড়ে।
লঞ্চের ইঞ্জিন স্টার্ট দেয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। টার্মিনালে লঞ্চগুলো লাগালাগি করে ভিড়ানো হয়। পাশে থাকা লঞ্চগুলো টার্মিনাল ত্যাগের জন্য বের হওয়ার সময় বেশ জোরে জোরে ধাক্কা লাগে জাহিনদের লঞ্চে। বেশ কয়েকবার এমন হওয়ায় পিকো খুব ভয় পেয়ে যায়। মিয়াও মিয়াও.. করে জোরে জোরে আওয়াজ করে। টার্মিনাল থেকে লঞ্চ ছেড়ে গেলে পিকো চুপ হয়ে যায়।

৩
রাতের খাবার লাগবে কি না জানতে চায় কেবিন বয়।
আব্বু বলেন, ‘নাহ আমাদের খাবার আনা আছে। ডাল হবে?’
কেবিন বয় উত্তর দেয়, ‘হ্যাঁ হবে। ভুনা ডাল।’
আব্বু এক বাটি ভুনা ডাল দিতে বললেন।
আম্মু বললেন, ‘ডাল অর্ডার করে ভালো করেছো। লঞ্চের ভুনা ডাল খুবই মজা হয়। গত বছর লঞ্চে যাওয়ার সময় খাওয়া ডালের স্বাদ এখনও মনে আছে।’
কিছুক্ষণের মধ্যে কেবিন বয় একটা ডাইনিং টেবিল, ভুনা ডাল, লবণ ও একটি বাটিতে লেবু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে যায়। সবার জন্য দেয়া প্লেট ভালো করে ধুয়ে নেয়া হয়। আম্মু বাসা থেকে আনা মুরগি কারি, ডিম ভুনা, চিংড়ি ভুনা, সাদা ভাতের বক্স বের করেন। সবাই বেশ মজা করে খায়। ওদের পোষা বিড়াল পিকোকেও খাবার খেতে দেয়।
আম্মু জানতে চান, ‘খাবার কেমন হয়েছে?’
জাইফা বলে, ‘খুব মজা। পিকনিকের মতো লেগেছে।’
সবাই হো হো করে হেসে ওঠে।
খাওয়াদাওয়া শেষে কিছুক্ষণের মধ্যেই শোয়ার প্রস্তুতি নিতে শুরু করলো সবাই।
তোমাদের বলে রাখি, ঈদের মৌসুমে অন্যান্য যানবাহনের মতো লঞ্চেও কিন্তু প্রচুর যাত্রীদের চাপ হয়। কেবিন ও ডেক কানায় কানায় পূর্ণ হয়ে কেবিনের সামনে ও আশেপাশের খালি জায়গাও ভরে যায়। বিছানা পেতে যাত্রীরা শুয়ে পড়ে। ফাঁকে কোনোমতে পা ফেলে জাহিন ওয়াশরুমে যায়। যাওয়ার সময় কেবিনের দরজাটি বন্ধ করতে ভুলে গেছে। এ সুযোগে পিকো আস্তে করে দরজার পর্দার ফাঁক গলিয়ে বেরিয়ে যায়। কাঁথা মুড়ি দিয়ে কেবিনের সামনে এলোমেলো শুয়ে থাকা যাত্রীদের একজনের গায়ের ওপর দিয়ে হেঁটে যেতে লাগলো পিকো। লোকটি আচমকা লাফ দিয়ে উঠে ঝটকা দিয়ে পিকোকে ছুঁড়ে ফেলে। হালকা আঁধারে আসলে পিকো বুঝতে পারেনি এখানে মানুষ শুয়েছিল। কাঁথা মুড়ি দিয়ে থাকা লোকটিও বুঝতে পারেনি এটি একটি বিড়াল ছিল। পিকোর নখের আঁচড় লেগে ভয়ে আঁতকে ওঠে লোকটি। লাফিয়ে উঠে পড়িমড়ি করে প্রাণপণে এক ঝটকা মারে। পিকো ছিটকে রেলিংয়ের ওপর গিয়ে পড়ে। একটুর জন্য রক্ষা। আরেকটু হলেই নদীর অথৈ পানিতে টুব্বুস করে পড়ে তলিয়ে যেত চোখের পলকেই। ওখানে শুয়ে থাকা যাত্রীদের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেল। লঞ্চের মধ্যে বিড়াল এলো কোত্থেকে..?
জাহিনের আব্বুর একটু তন্দ্রা এসেছিল। হট্টগোলের আওয়াজে লাফ দিয়ে উঠে কেবিনের বাইরে বেরিয়ে সব জানতে পারে। হন্তদন্ত হয়ে পিকোকে খোঁজে। বেড়ালটা গেল কই? এসময় ওয়াশরুম থেকে জাহিনও চলে আসে। বাবার কাছে ঘটনা শুনে দুজনে মিলে আশেপাশে পিকোকে খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর পিকোকে পাওয়া গেল। একটি বস্তার ফাঁকে লুকিয়ে ছিল। জাহিন কোলে করে পিকোকে কেবিনে নিয়ে আসে। জাইফা, আরিব ভাইয়া, আম্মু সবাই পিকোকে আদর করে শুইয়ে দেয়। সবাই ঘুমিয়ে যায়।

৪
বেশ ভোরেই লঞ্চ পৌঁছে যায়। লঞ্চ থেকে নেমে গ্রামের বাড়ি যেতে বিশ মিনিটের মতো লাগে। যদিও রাস্তাঘাট পাকা। পায়ে টানা রিকশার বদলে নানা রকমের অটো রিকশার চলাচল। তবে এখনও বেশ গ্রামীণ আবহ আছে। রাস্তা দিয়ে যেতে যেতে জাহিনরা ডানে বামে অনেক কিছু দেখছে। জাহিনের কাছে জার্নি ব্যাগে বসে বসে পিকোটাও ড্যাব ড্যাব করে সব দেখছে। ধানক্ষেত, গরু মহিষ, রাজহাঁস আরো কত কী! জাহিন জাইফা যেতে যেতে ভাবছে গ্রামে যে কয়দিন থাকবে, বেশ ভালোই কাটবে দিনগুলো। মনে মনে অনেক প্ল্যান। ওদের কাজিন ফারজাদ, রিশাদ, জেরিনদের সাথে অনেক মজা হবে। ভোরে বাগানে কাঠবাদাম সংগ্রহ করা, এক্কাদোক্কা, ব্যাডমিন্টন, ক্রিকেট খেলা, পুকুরে গোছল করা ইত্যাদি অনেক পরিকল্পনা।
গ্রামের বাড়ি পৌঁছে ওদের বেশ ভালোই কেটে যায় দিনগুলো। পিকো এখানে এসে খুব আনন্দে কাটায়। ওর চলাচল, আচরণ দেখলেই তা বোঝা যায়। এত খুশির কারণ হলো পিকো এখানে এসে আরো দুটি বিড়ালকে পেয়েছে। জাহিন ছোট চাচির কাছ থেকে জানতে পারে সে দুটি বিড়ালের মধ্যে হলুদটি ওর মা আর সাদার মধ্যে হালকা কমলা রঙেরটি ওর ভাই। বাচ্চা অবস্থায় পিকোকে এখান থেকেই ঢাকায় নিয়ে যাওয়া হয়। পিকো সারাদিন ওর ফিরে পাওয়া মা ও ভাইয়ের সাথে থাকে খায় ও খেলা করে। রাত হলেই মাচায় গিয়ে শুয়ে পড়ে। ভাইয়ের সাথে ছোটখাটো খুনসুটিও লেগে যায়। সেদিন ঘরের পেছনের সুপারি বাগানে একটা প্রজাপতির সাথে ওর বেশ সখ্যতা গড়ে উঠেছিল। দু পা ছুঁড়ে অনেক দুষ্টুমি করেছে তার সাথে।
দেখতে দেখতে ছয়দিন কেটে গেল। বাবার অফিসের ছুটি শেষ। ওদের বেড়ানোর নির্দিষ্ট সময়ও শেষ। এবার রওনা দেয়ার পালা। সবাই যার যার ব্যাগ গুছিয়ে ফেলেছে। রওনা দিতে হবে। ইশ আর কয়টা দিন যদি থেকে যাওয়া যেত! দিনগুলো খুব দ্রুতই শেষ হয়ে গেল যেন। নিচে গাড়ি অপেক্ষা করছে। পিকোকেও ওর জন্য নির্দিষ্ট ব্যাগে রেডি করে নেয়া হয়েছে। ঘরের পোষা বিড়াল দুটি দরজার পাশে বসে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে পিকোর দিকে। পিকোও তাকিয়ে আছে ওদের দিকে। ওরা যে পিকোর মা ও ভাই। বুঝতে বাকি নেই কিছুক্ষণের মধ্যেই ওরা আবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। পিকোর সাথে আর সহসা দেখা হবে না। হয়তো কখনোই না। পিকোর চোখ পিটপিট করতে থাকে। ঘনঘন চোখ খুলছে আর বুজছে। দেখে বোঝাই যাচ্ছে খুব মন খারাপ। জাহিন পিকোকে তুলে নেয়। এখই রওনা হতে হবে। গাড়িতে উঠে বসে সবাই। পিকোর মা ও ভাই দরজার কাছে দাঁড়িয়ে অসহায়ের মতো তাকিয়ে আছে আর লেজ নাড়ছে। কিছু একটা বোঝানো চেষ্টা করছে। গাড়ি চলতে লাগলো। জাহিন দেখলো পিকোর দু চোখ দিয়ে টলটল করে অশ্রু গড়িয়ে পড়ছে। বোঝাই যাচ্ছে পিকোর খুব মন খারাপ। কী করবে বুঝতে পারে না জাহিন। গাড়ি দ্রুত গতিতে এগিয়ে চলছে সামনের দিকে। আর পিছনের দিকে দৌড়ে পালাচ্ছে গাছ, বাড়ি ঘর, দোকানপাট, খড়ের গাদা।

প্রকাশকাল: মার্চ ২০২৫

লিটিল বিটিল

সকাল থেকেই বিটিলের মেজাজটা খিঁচড়ে আছে। সে হলো এ গ্রামের মাতবরের ছেলে। আর তাকে কি না হারিয়ে দেয় ওই হা-ঘরের লিটিলটা। তিনবেলা যার খাবার জোটে না সে কী করে অমন অসুরের শক্তি পায় ভেবে পায় না বিটিল। বয়সেও লিটিল বিটিলের চেয়ে কম করে হলেও তিন-চার বছরের ছোট হবে। তার উপর শরীর স্বাস্থ্যে লিটিলের তিনটির সমান বিটিল। আর হবে না- ই বা কেন? খাঁটি ঘি, ছানা, দুধ, পনির, মাছ, মাংস, পোলাও প্রতিদিনই পরম যত্নে তার মা তাকে খাওয়াচ্ছে। মাতবর সাহেবেরও কড়া নির্দেশ ছেলের খাওয়াতে যেন কোনো কমতি না থাকে। মনে ক্ষীণ আশা ভালো কিছু খেয়ে যদি ছেলেটার মেধাটা একটু খোলে।
ক্লাস নাইন পর্যন্ত পড়তে তো আর মেধার দরকার ছিলো না। গ্রামের মাতবরের ছেলে হিসেবে অতি সহজেই প্রতিবছর পরীক্ষায় উৎরে গেছে বিটিল। বাধ সাধলো এই এস.এস.সি টা। গত তিন বছর ধরে এই যে গিঁট লেগে আছে তা আর খুলছে না। অবশ্য এ নিয়ে বিটিলের কোনো মাথা ব্যথা নেই। সে মনের সুখে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। মনে হয় জগতের হেন খারাপ কাজ নেই যা বিটিল করেনি।
বাপের অঢেল টাকা থাকার পরও মানুষের ক্ষেতের ফলমূল, হাঁস-মুরগি ইত্যাদি চুরি করা, ছোট-বড় সবাইকে গালি গালাজ করা, মাঝে মধ্যে ছোরা দেখিয়ে ভয় দেখানো এসব তো আছেই। সঙ্গে আছে তার দুষ্ট বন্ধু জেসান।
এ পর্যন্ত কোনো খেলায় বিটিল হেরেছে এমন কোনো ইতিহাস নেই। তবে প্রকৃতপক্ষে প্রতিবারই জয়ী হয়েছে বিপরীত পক্ষ। কিন্তু বাপের জোরে পোষা চ্যালাদের দিয়ে মারধর করে, এমনকি অস্ত্রের ভয় দেখিয়েও জয় কেড়ে নিয়েছে বিটিল। গ্রামের অসহায় ছেলেপুলেরা কেউই বিটিলের বিরুদ্ধে মুখ খুলতে সাহস করে না। তবে এদের মধ্যে ব্যতিক্রম হচ্ছে লিটিল। ভয় কাকে বলে লিটিল জানে না এমন একটা ভাব। বাবা মা কেউই বেঁচে নেই লিটিলের। সে মায়ের গর্ভে থাকতেই যক্ষায় বাবা মারা গেছেন। আর দুই বছর বয়সে অভাব অনটনে অসুখে ভুগে মাও দুনিয়া ছেড়ে চলে গেছেন।
ঐটুকু বয়স থেকেই এরটা ওরটা খেয়ে বড় হয়েছে লিটিল। গ্রামের স্কুলের পণ্ডিত মশাই ধরতে গেলে তার বর্তমান অভিভাবক। তার স্বল্প আয়ে যেভাবে পারেন লিটিলকে নিয়ে থাকেন। লিটিলের পড়াশুনার ব্যবস্থাও তিনি করেছেন। তারও কোনো পরিবার পরিজন নেই। তাই তেমন একটা অসুবিধা হয় না। আর পণ্ডিত মশাইয়ের মতো একজন ভালো মানুষের সংস্পর্শে থাকার ফলে লিটিলের স্বভাব চরিত্রও হয়েছে চমৎকার। চরিত্রের দিক দিয়ে লিটিল আর বিটিল পুরো বিপরীত। গ্রামের ভদ্র বিনয়ী, নির্ভীক ছেলে বলতে এক কথায় সবাই লিটিলের কথাই ভাবে। আর নামের সাথে সামঞ্জস্য রাখা বিটিল গ্রামে বিটলা আর হিংসুটে ছেলে হিসেবেই পরিচিত।
গতকাল ছিল বিটিল আর লিটিল এর দলের মধ্যে হা-ডু-ডু খেলার প্রতিযোগিতা। খেলার দর্শকও হয়েছিল মেলা। বিটিল নিশ্চিত যেভাবেই হোক সে-ই জয়ী হবে। কারণ তাকে হারাবার সাহস এ গ্রামে কারোর নেই। তাই খেলার আগেই অনেক বড় বড় কথা তো বললোই। এমনকি লিটিলকে একটু শায়েস্তা করার জন্য বলল- ‘যারা হারবে তারা নাকে খত দেবে’। অকুতোভয় লিটিল এই শর্তে সাথে সাথেই রাজি হলো।
কপাল মন্দ বিটিলের। মোটা শরীর নিয়ে ঠিক মতো নড়তে চড়তে না পারায় প্রথমেই আউট হয়ে গেল সে। বলাবাহুল্য লিটিলই তাকে আউট করল। আর দল নেতার আউট হয়ে যাওয়াতে চ্যালারাও তেমন ক্রীড়া নৈপুণ্য দেখাতে পারল না। ফলে যা হবার তাই হলো। নিজের কথা রাখতে গিয়ে সবার সামনে নাকে খত দিতে হলো।
রাগে অপমানে বিটিল প্রতিজ্ঞা করল- এর উপযুক্ত শাস্তি সে লিটিলকে দেবেই। রাতেই শুয়ে শুয়ে প্ল্যান করছিল বিটিল। কী করে লিটিলকে শাস্তি দেয়া যায়। তখনই ঘরে কেমন একটা শব্দ হতেই তড়াক করে লাফিয়ে উঠল বিটিল। কী আশ্চর্য! এই অন্ধকার ঘরেও সে স্পষ্ট দেখতে পেল একটা কাচের মানুষ, যার শরীর থেকে একটি সবুজ আভা বিচ্ছুরিত হচ্ছে। স্বপ্ন দেখছে ভেবে নিজের গায়ে চিমটি কাটল বিটিল। সঙ্গে সঙ্গে ব্যথায় উহ্ করে উঠল। তার মানে স্বপ্ন নয়, বাস্তবেই আছে কাচের মানুষ।
তাহলে এটা কি ভূত? ভয়ে গলা শুকিয়ে গেল বিটিলের।
কোনোমতে নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করল- তুমি কে?
কাচের মানুষটির মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। কিন্তু কাচভাঙা শব্দের মতো ঝনঝনে গলায় কে যেন বলে উঠল- আমি প্লী।
– প্লী আবার কী? প্রশ্ন করলো বিটিল।
– আমি প্লুটোর একটি চাঁদ থেকে এসেছি, তোমার ভ‚গোল বইয়ে প্লুটো সম্বন্ধে নিশ্চয়ই পড়েছো?
কথা শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারল না বিটিল। সে বলল- মাথা খারাপ হয়েছে নাকি তোমার? আমাকে গ্রামের ওই হাবলা ছেলেটির মতো বোকা পেয়েছো যে, যা বলবে তাই বিশ্বাস করবো?’
বিটিল মনে মনে ভাবল- এ নিশ্চয়ই লিটিল বদমায়েশটার কাজ, কোত্থেকে এক কাচের পুতুল তৈরি করে লাইট-ফাইট ফিট করে আমাকে ভয় দেখাতে পাঠিয়েছে। ছোটলোকটাতো আবার বিজ্ঞান পড়ে পড়ে পণ্ডিতের সাথে থেকে পণ্ডিত হয়েছে।
– দাঁড়া পিচ্চি শয়তান, এক্ষুণি তোর ভয় দেখানো বের করছি, বলেই খাট থেকে নেমে কাচের পুতুলটিকে ঘুষি দিতে গেল। কিন্তু এ কী! হাত কাচের মানুষের শরীর ভেদ করে চলে গেল কিন্তু তাকে স্পর্শ করল না। আর ঠিক সেই মুহূর্তে তার শরীর থেকে সবুজের পরিবর্তে নীল আলো বিচ্ছুরিত হতে শুরু করল।
এবার বিটিল সত্যিই ঘাবড়ে গেল। ভয়ে তোতলাতে তোতলাতে বলল, ঠিক করে বলো তুমি কে? আর এমন আলোর খেলাই বা তুমি দেখাচ্ছ কেন?
এবার প্লী উত্তর দিলো- তোমাকে তো বলেছি আমি কে। তুমি আমার কথা বিশ্বাস করোনি, আমাকে মারতে চেয়েছো, তাই নীল আলো বেরিয়েছে, আমরা দুঃখ পেলে এমনটি হয়। তোমাদের মানুষের চরিত্র একেকজনের একেক রকম। আর আমরা প্লীরা সবাই একরকম। তোমরা যে সব চারিত্রিক বৈশিষ্ট্যকে খারাপ বলো তার কোনোটিই আমাদের নেই। আমরা সকল প্লী’রাই ভালো চরিত্রের। যেহেতু আমাদের মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ নেই তাই সবদিক দিয়েই আমরা বাধাহীনভাবে দ্রুত এগিয়ে গেছি, তাছাড়া আমাদের সবার বুদ্ধি এক সঙ্গে কাজ করে, কারো সাথে কোনো মতবিরোধ নেই। আর তোমাদের অর্থাৎ মানুষদের বুদ্ধি আমাদের চেয়ে অনেক বেশি হলেও যেহেতু সবার বুদ্ধি সম্মিলিতভাবে কাজ করে না, তাই এখনও তোমরা আমাদের চেয়ে অনেক অজ্ঞ। তাই আমরা চাই তোমাদের মধ্য থেকে সব খারাপ গুণ বের করে সবাইকে একই রকম ভালো চরিত্রের করে দিতে।
– এতে লাভ কী? একটু বিষ্ময়ভরা চোখে প্রশ্ন করলো বিটিল।
– তোমাদের সবার ভালো বুদ্ধি একত্রে কাজ করলে পুরো বিশ্বের বিপুল রহস্য যেমন ভেদ করা যাবে, আর এটাতো সৌরজগতের সকলের জন্যই কল্যাণকর হবে।
এ কথা শুনে চোখ কপালে ওঠার জোগাড় বিটিলের। চোখে বড়বড় করে প্রশ্ন করলো- আচ্ছা তোমরা এ কাজ কীভাবে করতে চাও ?
– মানুষের চরিত্রের জন্য দায়ী তার ‘জিন’। আর এই ‘জিন’গুলোকে বহন করে বেড়ায় প্রতিটি কোষের তেইশ জোড়া ক্রোমোজম। এরমধ্যে খারাপ এবং ভালো গুণের মিশ্রণ থাকে। আমরা চাচ্ছি চরিত্রের সেই খারাপ দিকটাকে নষ্ট করতে। আর সকলকে ভালো করার এই কাজটি সময়সাপেক্ষ বলে অপেক্ষাকৃত কমবয়সীদের মধ্যে এই কাজটি শুরু করতে চাই। যেন আগামী পঞ্চাশ বছরের মধ্যে এই পৃথিবীটা শুধু ভালো মানুষ দিয়ে সাজানো যায়।
– এই কাজটি শুধু ছোটদের নিয়ে শুরু করবে কেন? প্রশ্ন করলো বিটিল।
– বয়স্কদের দিয়ে এটা শুরু করলে শুধু সময়ই নষ্ট করা হবে, কেননা পঞ্চাশ বছর ধরে তাদের না বাঁচার সম্ভাবনাই বেশি। বলল প্লী।
তারপর আবার বিটিলকে প্রশ্ন করলো- তুমি কি আমার কথা বুঝতে পারছো?
পড়াশুনা না করলেও গল্পের বই পড়া আবার বিটিলের শখ। তাই বৈজ্ঞানিক কল্পকাহিনিতে ভিনগ্রহের মানুষ সর্ম্পকেও সে পড়েছে। ফলে প্লী’র কথা তো তার বিশ্বাস হয়েছেই সেইসাথে কিছুটা রোমাঞ্চও অনুভব করেছে বিটিল। আর এই সময় তড়িৎ একটি দুষ্টুবুদ্ধি খেলে গেল বিটিলের মাথায়।
অতি ভালোমানুষ সেজে প্লী’কে সম্মান দেখিয়ে তাই সে বলল- দেখুন জনাব প্লী, আমাদের এই গ্রামে সবচেয়ে খারাপ মানুষ লিটিল, বয়সেও কম, তাই আমার মনে হয় আজ রাতের মধ্যেই ওকে মেরে ফেলা উচিত। এতে করে পৃথিবীর একটি অতি খারাপ মানুষ মরবে এবং আপনার কাজেরও শুভ সূচনা হবে।
সাথে সাথে প্লী’র দেহ থেকে তীব্র নীল আলো বিচ্ছুরিত হতে থাকল। অর্থাৎ বিটিলের কথায় কষ্ট পেয়েছে প্লী।
প্লী বলল- তোমরা কীভাবে এত হিংসাত্মক কথা বল? আমরা খারাপ মানুষ মারতে আসিনি, মানুষের খারাপ চরিত্রকে মারতে এসেছি।
কথা শুনে বিটিল একটু দমে গেলেও ভীষণ কৌত‚হল বোধ করল। তাই সে বলল- এ ব্যাপারটা ঠিক কীরকমভাবে করবেন?
উত্তরে প্লী বলল- তোমাকে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী ‘জিন’ এর কথা তো আগেই বলেছি। কোনো কোনো মানুষের ক্ষেত্রে একটি ক্রোমোজম বেশি থাকতে পারে, ক্রোমোজমের এই ধারণাকে বলা হয় ট্রাইজমী। যদি এই বাড়তি ক্রোমোজম ৯ নম্বর ক্রোমোজমের সঙ্গে অবস্থান করে সেক্ষেত্রে মানুষটি প্রচণ্ড শক্তিধর ও দুর্বুদ্ধিসম্পন্ন হয়ে থাকে। তাই তারা তাদের বুদ্ধিকে ধংসাত্মক ও হিংসাত্মক কাজে ব্যবহার করে। আমাদের কাজ শুরু করবো এই মানুষদের দিয়ে। তাদের চরিত্রের খারাপ দিকটি যদি নষ্ট করে দেয়া যায়, তাহলে তাদের বুদ্ধিগুলো ভালো কাজে লাগাবে।
– কিন্ত এটা কী করে করবেন?
– সমস্যাটা সেখানেই, তুমি নিশ্চয়ই জানো, জগতে কোনো শক্তিরই ক্ষয় নেই। তা শুধু এক অবস্থান থেকে অন্য অবস্থায় রূপ নিতে পারে। চরিত্রের ব্যাপারটাও অনেকটা সেরকম। তবে মুশকিল হলো, চরিত্রকে খারাপ থেকে ভালোতে রূপান্তরিত করার পদ্ধতিটি আমাদের জানা নেই। তবে চরিত্রকে আমরা প্রতিস্থাপন করতে পারি। তাই ঠিক করেছি এই পৃথিবীতে যারা মৃত্যুপথযাত্রী, তাদের মধ্যে আমরা অন্য মানুষের খারাপ চরিত্রের জন্য দায়ী ‘জিন’ কে প্রতিস্থাপন করবো। পরিবর্তে মৃত্যুপথযাত্রীর ভালো গুণসম্পন্ন ‘জিন’কে নিয়ে এসে অন্য মানুষের মধ্যে প্রতিস্থাপন করবো। এতে করে মৃত্যুর সাথে সাথে মানুষটির খারাপ চরিত্রটিও পৃথিবী থেকে বিদায় নেবে। তেমনি একটি খারাপ মানুষও ভালো হয়ে যাবে।
বিটিল অত্যন্ত বিজ্ঞের মতো বলল- হুঁ, বুঝলাম; তবে লিটিলের কী ব্যবস্থা করতে চান, জনাব প্লী?
প্লী এবার বললো- দেখ বিটিল, লিটিল একটি ভালো ছেলে। তার কোনো ব্যবস্থার দরকার নেই, আমাদের সেন্ট্রাল ইনফরমেশন ব্যাংকের তথ্য অনুযায়ী তুমি একজন ট্রাইজোমী-১২। ট্রাইজমী- ৯ এর মতো শক্তিধর না হলেও দুর্বুদ্ধিতে তুমি প্রায় তাদের সমান। অতএব আমরা তোমার বদগুণগুলো স্থানান্তর করবো একজন মৃত্যুপথ যাত্রীর মধ্যে। আশা করি এতে তুমি আমাদের আন্তরিকভাবে সাহায্য করবে। কেননা এর ফলে তুমি হবে একজন সৎ ও বুদ্ধিমান ছেলে। এই প্রস্তাবে উপরে উপরে খুশির ভাব দেখালেও মনে মনে দমে গেল বিটিল। লিটিলকে শায়েস্তা তাকে করতেই হবে। মনে মনে আফসোস করলো, ইশ! কোনোভাবে তার দুর্নামের ভাগটা যদি লিটিলকে দেয়া যেত। ভাবতে ভাবতে আবার বিটিল প্রশ্ন করলো- আমাকে এখন কী করতে হবে?
প্লী বললো- আপাতত তোমার কিছু করণীয় নেই, আগামীকাল আমরা তোমাদের এলাকায় একজন মৃত্যু পথযাত্রী খুঁজে বের করবো। তারপর তোমার খারাপ জিন-এর সঙ্গে তার ভালো জিন-এর অদল বদল করবো। এর মধ্যে তুমি একটু সাবধানে থাকবে। কারণ আমরা তোমার মতো বুদ্ধিমান লোক হারাতে চাই না। এই বলে প্লী বিদায় নিল। কিছুক্ষণের মধ্যেই গভীরঘুমে ডুবে গেল বিটিল।
পরদিন সকাল থেকেই অস্থির বোধ করছে বিটিল। যে করেই হোক আজকের মধ্যে লিটিলের ব্যবস্থা করতে হবে। চিন্তায় ঠিকমতো খাওয়াদাওয়া করতে পারলো না। অবস্থা দেখে তার মা চিন্তিত হয়ে বল্লেন- কী রে, আজ তোর কী হলো?
মা’র কথায় বিরক্ত হয়ে উল্টো মাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিলো বিটিল।
ছেলের এই রূঢ় ব্যবহার মা’র কাছে আগে থেকেই পরিচিত। তাই ছেলেকে আর না ঘাটিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে সংসারের কাজে মন দিলেন। দুপুরের দিকে বাসার ছাদে বসে, লিটিলের কী শায়েস্তা করা যায়, তাই নিয়ে চুপচাপ ভাবছিলো বিটিল। এমন সময় ছাদ থেকে লিটিলকে যেতে দেখলো বিটিল। অমনি মাথায় দুষ্ট বুদ্ধি চাপলো। অবাক হয়ে চিন্তা করলো। তাইতো এই কথাটা এতোক্ষণ মনে হয়নি কেন? কোনোমতে যদি লিটিলকে আজকের মধ্যে মৃত্যুপথ যাত্রী করে দেয়া যায় তাহলে আর কী চাই! লিটিল তো মরবেই, সেই সঙ্গে তার খারাপ গুণগুলোও ওর মধ্যে চলে যাবে। হাতের কাছে আস্ত একটি ইট পেয়ে সাথে সাথে সিদ্ধান্ত নিল বিটিল এবং চিৎকার করে ডাকলো লিটিলকে।
এই লিটিল, একটা মজার কথা শুনে যা।
লিটিলের মনে খটকা লাগলো। খেলার ওই ঘটনার পর এতো ভালো মানুষের মতো তাকে ডাকার কথা নয় বিটিলের। তাই সন্দেহ নিয়ে বিটিলের বাড়ির দিকে সে এক পা এগোয় তো দু’পা পিছায়।
লিটিল আসতে ইতস্তত করছে দেখে বিটিলের মধ্যে রাগ ও উত্তেজনা দু’টোই বেড়ে গেলো।
– আরে তাড়াতাড়ি আয় না। ভেতরে উত্তেজনা চেপে রেখে আন্তরিক সুরে লিটিলকে ডাকলো বিটিল।
ক্ষোভ আর উত্তেজনা আর চেপে রাখতে পারলো না বিটিল। তাই লিটিল কাছাকাছি আসার আগেই ইট হাতে রেলিংবিহীন তিন তলা ছাদের কিনারে যেই গিয়েছে, অমনি ভারসাম্য হারিয়ে ইটসহ ধপাস করে মাটিতে পড়ে গেল বিটিল।
মাথা ফেটে প্রচুর রক্ত ঝরছে বিটিলের। অজ্ঞান হয়ে পড়ে আছে সে। অবস্থা দেখে লিটিল হতভম্ব, চিৎকার করে উঠলো। বিটিলের কাছে ছুটে গিয়ে সবাইকে ডাকতে লাগলো। যেহেতু নিজের বাড়ির ছাদ থেকেই পড়ে গেছে বিটিল, তাই লিটিলের ডাকে সাড়া দিয়ে বাড়ির লোকজন দ্রুতই চলে এলো।
বাজার থেকে মাতবর সাহেব খবর পেয়ে ছুটে আসেন। বিটিলকে শহরের বড় হাসপাতালে নিয়ে গেলেন। রাত ১০টা পর্যন্ত সেখানে বিটিলের জ্ঞান ফিরল না।
এম.আর.আই রিপোর্ট দেখে গম্ভীরমুখে ডাক্তার জানালেন- মেলিগন্যান্ট ইডিমা অফ ব্রেইন, মস্তিকে পানি জমে ফুলে উঠেছে আঘাতের কারণে, এ অবস্থায় কিছুই করার নেই।
বিটিল খারাপ ছেলে হলেও এই দুঃসংবাদে গ্রামের সবার মধ্যে শোকের ছায়া নেমে এলো। এমনকি বিটিলের চির প্রতিদ্ব›দ্বী লিটিলও দুঃখে চুপ মেরে গেল। বেচারা ঘুণাক্ষরেও টের পেল না তাকে মারতে গিয়েই বিটিলের এই অবস্থা।

রাত সাড়ে এগারটা। ইনটেনসিভ কেয়ার ইউনিটে অচেতন অবস্থায় বিটিল। এ অবস্থাতেই বিটিল দেখতে পেল- তীব্র নীল আলো ছড়িয়ে প্লী তার সামনে দাঁড়িয়ে। বিটিল ঠিক বুঝতে পারল না এটা কি বাস্তব না স্বপ্ন ? পুরো ঘটনাকেই তার কাছে অন্য জগতের বলে মনে হলো।
অত্যন্ত দুঃখিত গলায় প্লী বলল- কেন এমন করলে? মাত্র একটা দিন নিজেকে দুষ্কর্ম থেকে বিরত রাখতে পারলে না!
বিটিল দিশেহারার মতো বললো- তোমরা তো এখনই আমার চরিত্র বদলে দেবে, তার পর তো ভালো মানুষই হয়ে যাব আমি, আর খারাপ কাজ করবো না।
ঘরের নীল আলো তীব্র থেকে তীব্রতর হলো।
প্লী বলল- তোমার সবচেয়ে প্রিয় সহচর জেসানের খারাপ জিনগুলো এখন তোমার মধ্যে স্থানান্তর করবো। কেননা তুমি এখন মৃত্যুপথ যাত্রী।

প্রকাশকাল: মার্চ ২০২৫

ঈদ

আযানের সুরে ভোর হয়ে যায়
পাখিরা উঠলো গেয়ে,
খুশির বারতা নিয়ে এলো ঈদ
একটি বছর যেয়ে।

কাল সন্ধ্যায় উঠেছিলো চাঁদ
সিঁদুরে মেঘের কোলে,
রমজান শেষে এই প্রিয় চাঁদ
আনন্দে মন দোলে।

কেউ নয় আজ কারো থেকে পর
আমরা যে ভাই ভাই,
ছোট বড় আর ধনী গরীবের
কোনোই তফাত নাই।

ঈদ মানে খুশি ঈদুল ফিতরে
অহমিকা যত ভুলে,
নয় অবহেলা সবাই আপন
মনের দুয়ার খুলে।

বাংলাদেশি

আমরা এখন বাংলাদেশের নতুন পাখি
দুঃসাহসে স্বাধীনতার স্বপ্ন মাখি।
সবার সাথে ভালোবাসার বুকটি মিলাই
সত্য এবং সম্ভাবনার স্বপ্ন বিলাই।

কারো কথায় কান দেবো না, দিচ্ছি না আর
সমাজ থেকে মুছবো খারাপ, সব অনাচার!
বীরত্বময় কাজে হবো শবল দেহি
দেশ বিরোধী কাজের সাথে আপস নেহি!

বুকের ভেতর মাটির সুবাস রাখবো ভরে
হৃদয় খুলে হাসবো সবাই নতুন করে।
দুঃখ ঠেলে সুখের দুয়ার খুলতে পারি
কেউ হবে না জালিম কিংবা অত্যাচারী!

গুলির মুখে বুক পাতানোর সাহস থেকে
জনপদের ঘুমন্তদের তুলবো ডেকে।
বলবো এবার একসাথে গাও সুখের গীতি
সকল সময় মান্য করো সত্য নীতি।

মুক্ত স্বাধীন ভবিষ্যতের স্বপ্ন রাখো
শান্তি প্রিয় বাংলাদেশের গন্ধ মাখো।
মধ্যরাতে জাগলো যেমন দ্রোহের মিছিল
অবাক হলো তামাম ধরা বিশ্ব নিখিল।

তেমন করে সংগ্রামীদের সঙ্গে থাকো
ভবিষ্যতের বিপ্ল­বীদের ডাকো ডাকো।
বন্ধ করো পরস্পরের রেষারেষি
বুক ফুলিয়ে বলো আমরা বাংলাদেশি!

প্রকাশকাল: মার্চ ২০২৫

আমস্ট্যল থেকে আমস্টারডাম

রেলেরগাড়ি রাজারবাড়ি
শতবর্ষী এক রাজার বাসার সামনে সার বাঁধা বাস, স্বচ্ছ দেয়ালের বাস স্টেশন। সেখানে willkommen পথের বিবর্তনে হয়ে গেল welkom, eingang হলো invoeren, ausgang বুঝলাম uitgang লেখা দেখে, পোস্টার সাঁটা সিনেমার বিজ্ঞাপনে লেখা bioscoop শব্দটা মনে ধরল। এই প্রাচীন রাজবাড়িই নাকি ওলন্দাজদের সেন্ট্রাল স্টেশন। এর ভেতরেই অত্যাধুনিক ট্রেনগুলো সব তীব্রগতি নিয়ে ছুটে আসে, বিশ্রাম নেয়, আবার ছোটে।
সেন্ট্রাল স্টেশন নামক রাজপ্রাসাদের ভেতর ঢুকে পড়লাম। এত বিশ্বজনীন রাজপ্রাসাদ আগে দেখিনি। দুনিয়ার সব দেশের প্রতিনিধি যেন হেঁটে যাচ্ছে। আশপাশ থেকে ব্রিটিশ/আমেরিকান এক্সেন্ট যেমন ভেসে আসছে, কিছু ওলা! কমো এস্ত্যাস শুনলাম। শুনলাম দাস্তার মাথায় দেয়া একজন শিখ পাজির চিন্তিত গলায় ‘মুবাইল ত্যায় মিসকালান মারডা’ ধরনের অমিয় কিছু বাণী। আর আমরা বাংলাদেশের প্রতিনিধিরা নিজ ভাষায় বগরবগর করতে করতে স্টেশনের অন্যপ্রান্তে যাচ্ছি। শুনেছি আমস্টারডামের বিখ্যাত নৌবন্দরটি ট্রেন স্টেশনের পেছনের দিকে আছে। গন্তব্য সেদিকে।

পায়ের পাতায় ফোস্কা
হারবারের আশেপাশে ভিড়তে পারিনি তার আগেই পায়ের পাতায় ফোস্কা। বড় লেখকদের পায়ের তলায় শর্ষে থাকে, কারো থাকে খড়ম। আমি পাঠক আমার ভাগে বরাদ্দ শুধুই ফোস্কা। নতুন কেনা ব্যালেরিনা জুতোদের বিশ্বাস করে ভুল করেছি। বাড়তি স্যান্ডেল জোড়াও রেখে এলাম শেষ মুহূর্তে, ওজন সঙ্কট। নতুন কেনার প্রস্তাব পেয়ে বাতাসে দিলাম উড়িয়ে। একেকটি নতুন জুতো, একেকটি বিশ্রী ফোস্কা। আর কেনাকাটায় আমার আলসেমি লাগে। খালি পায়ে কতক্ষণ হাঁটলে ঠিক হয়ে যাবে। এই বেলা ঠান্ডাও জোরালো লাগছে না। শুরু হলো আমার থেকে থেকে মুক্ত পদব্রজে হীরক রাজার দেশে অভিযান।
আমস্টারডাম শহরে চক্কর দেবে সিটি সার্কেল ট্যুর বাস। টিকেট কেটে সোজা ছাদবিহীন দোতালায় দৌড়। সকালের দিকে আকাশে রোদ থাকলেও এখন তুলিতে আঁকা কাজল মেঘ। বৃষ্টিহীন বাতাসে উড়ছি যেন। হারবারকে ঘিরে থাকা উৎফুল্ল গাংচিলের অনুভূতি কেমন বুঝি আমি। ওরা আমার মতন ভাবে।

হারবারের গল্প; গল্প থেকে আরও গল্প
নৌবন্দর ঘেঁষে যাচ্ছিল আমাদের বাস। পানির ওপর ভেসে আছে অতীত এবং বর্তমান দুটোই। ইয়োরোপের সবচেয়ে বড় এনার্জি পোর্ট ক্লাস্টার হচ্ছে আমস্টারডাম-রটারডাম-এন্টওয়ার্প। নেদারল্যান্ড এবং বেলজিয়ামের এই সমন্বিত নৌপথটি তেল এবং রাসায়নিক শক্তি পরিবহনের জন্য পৃথিবী বিখ্যাত। ছোট বড় নৌযান চলছে কখনো যাত্রী নিয়ে, কখনো বড় বড় কনটেইনার নিয়ে। আবার থেমে আছে কোথাও। হারবারের বর্তমান মুগ্ধ হবার মতো।
থেমে থাকার বেশকিছু আবার অতীতের স্মৃতিচারণের জন্য রেখে দেয়া। সেই স্মৃতি সাহসিকতার নিদর্শন হলেও শোষণের অমোচনীয় চিহ্ন অনুভব করা যাবে। প্রাচীন মডেলের পাটাতন-মাস্তুলগুলোতে যত্নের ছাপ স্পষ্ট।
ওলন্দাজ নাবিকেরা তাদের স্বর্ণসময়ে সাগরের আনাচে কানাচে জাহাজে চড়ে দাপিয়ে বেড়াতো। ইউরোপের উপক‚লবর্তী বাণিজ্যের মূল শক্তি হিসেবে আবির্ভূত হতে পেরেছিল। পুরো দুনিয়ায় ছড়িয়েছিল তাদের উপনিবেশ। নিজেদের এই শ্রীবৃদ্ধির অন্তরালে আছে সুবিশাল অন্ধকার অধ্যায়। নির্মম দাসবাণিজ্য, বোম্বেটেগিরি এবং চোরাচালানীর আশ্রয় নিয়ে তারা উন্মত্তের মতো নিজেদের সমৃদ্ধ করে যাচ্ছিল। ট্রান্স আটলান্টিক উগ্রদাস বাণিজ্যে ওলন্দাজরা পর্তুগিজ, ফ্রেঞ্চ, ব্রিটিশ এবং স্প্যানিশ সহচরদের পাশাপাশি নিজেদের নৌবন্দর-জাহাজ, সময়-শ্রম-শক্তি বিনিয়োগ করে মূলত মধ্য এবং পশ্চিম আফ্রিকা থেকে বিভিন্ন মেয়াদে জোর করে ধরে আনা দেড় কোটিরও বেশি মানুষগুলোকে মানবেতর জীবনযাপনে বাধ্য করেছিল। বাধ্য করেছিল তাদের মরে গিয়ে মুক্তি পেতে।
আমেরিকার কাছে এরা ট্রায়াঙ্গুলার ভয়্যাজ পদ্ধতিতে মানুষ বিক্রি করত। প্রথমে ডাচরা আমস্টারডাম বন্দর থেকে আফ্রিকান গোল্ড কোস্টে যেত। জাহাজ বোঝাই আফ্রিকান কালো মানুষগুলোকে মালামালের মতো ঠেসে ঢোকাতো। ওখানেই সহ্য করতে না পেরে বিশ ভাগ মানুষ মরে যেত। পথিমধ্যে সাগরডুবিতে শত শত অসহায় মানুষের মৃত্যু এবং শুধুমাত্র লাইফ বোটে করে কেবিন ক্রুদের পগারপাড় হবার মত সুনিশ্চিত ঘটনাও ঘটতো।
এরপর তাদের একটা অংশকে ক্যারিবিয়ান অঞ্চলে এনে বিক্রি করে দেয়া হতো। শক্তিশালী-দুর্বল, নারী-পুরুষ-শিশু বিভিন্ন ক্যাটাগরিতে ফেলে নির্ধারিত হতো জীবনের মূল্য। এরপর আজীবনের জন্য পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে অশেষ দুর্ভোগের জীবন বয়ে বেড়াতো ভাগ্যহত মানুষের দল। দক্ষিণ আমেরিকার ব্রাজিল, সুরিনাম এবং আরও কিছু অঞ্চলে ছিল ওলন্দাজ উপনিবেশ। ক্রীতদাসদের বাকি অংশকে তারা চরম শ্রমনির্ভর কৃষিকাজে নিয়োগ করত। আখ, কফি, কোকোর পাশাপাশি নীলচাষেও বাধ্য ছিল তারা।
জুলুম অব্যাহত রেখে এই মেয়াদে বুদ্ধিমান ডাচরা খালি জাহাজ ভরতি করে চিনি, স্বর্ণ বা তামাক নিয়ে আবার বন্দরে ফিরে গিয়ে তাদের ত্রিকোণ সমুদ্র যাত্রা আপাতত শেষ করত।
ওলন্দাজ উপনিবেশের চরম অপশাসনের চিহ্ন লেগে আছে সুরিনাম, ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে। শতাব্দীর পর শতাব্দী নেদারল্যান্ডের এক চিনি ইন্ডাস্ট্রিই দাঁড়িয়ে ছিল দেশগুলোর মানুষের কাঁধের ওপর দিয়ে। ভারতীয় উপমহাদেশে ছিল ওলন্দাজ কলোনি। বাংলা শোষণ করেও তাই ওলন্দাজরা নিজেদের ভাঁড়ার ভরতে পেরেছিল।
১৮৫০ সালে এসে দাসপ্রথা বিলুপ্তের আনুষ্ঠানিক ঘোষণা এলেও পুরোপুরি বিলোপ হতে আরও অনেক বছর অপেক্ষা করতে হয়েছে। ডাচ ন্যাশনাল মনুমেন্ট অব দ্য হিস্ট্রি অব স্লেভারি ২০০২ সালে ডাচ রাজপরিবারের দাপ্তরিক ক্ষমা বা কোনো বার্তা ছাড়াই জনসাধারণের জন্য খুলে দেয়া হয়।
ডাচদের আরেকটু দুর্নাম গাইতেই হচ্ছে। বসনিয়ার স্রেব্রেনিতসায় প্রায় আট হাজার মানুষকে মুসলিম পরিচয়ের কারণে পরিকল্পিতভাবে নির্বিচারে হত্যা করেছিল সার্ব বাহিনী। বাড়তি হিসেবে জ্বালানো- পোড়ানো, ধর্ষণ, নির্যাতন তো ছিলই। সে সময় স্রেব্রেনিতসায় ডাচরা ছিল জাতিসংঘের শান্তিরক্ষীবাহিনী। কিন্তু তারা সার্বিয়ানদের আটকায়নি।

ভূত জাহাজ আর নেমো জাহাজ
সপ্তদশ শতাব্দীতে একবার ডাচদের বা ওলন্দাজদের এক অদ্ভুতুড়ে জাহাজ পৃথিবীর কোথাও নোঙ্গর করেনি, আবার ফিরেও আসেনি। কিন্তু উনবিংশ এবং বিংশ শতকের অনেক নাবিক ‘দ্য ফ্লাইং ডাচম্যান’কে সমুদ্রে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখেছে বলে দাবি করে। আমিও কিন্তু এই জাহাজের সমুদ্রে রহস্যজনক আলো ফেলা দেখেছিলাম স্কুবি ডু আর শ্যাগিদের সাথে। দ্য ফ্লাইং ডাচম্যান যদি এই অবেলায় নিজ জন্মভূমিতে এসে একটু দেখা দেয় সেই আশায় ঐ দূরে খুঁজে দেখছিলাম।
সায়েন্স মিউজিয়াম অব নেমোর বিল্ডিংটা দেখে একটু জোরেই বলা লাগলো, ‘এটা কী!’
রেগুলার কোনো বাড়ির বা মিউজিয়ামের ডিজাইন না। দূর থেকে দেখে প্রথমে মনে হয়েছিল অত্যাধুনিক কোনো জাহাজের সবুজাভ পাটাতন পানিতে অর্ধ ডুবন্ত অবস্থায় আছে। সাদা রঙের সাঁকোটা পার হয়ে বুঝি জাহাজের ডেকে ওঠা লাগে। পরে অডিও গাইড বলল, এটা ইতালিয়ান স্থপতি রেনযো পিয়ানোর নির্মাণশৈলীতে বানানো। পানির ওপর বাইশ মিটার উঁচু এই স্থাপনাটির নিচে আবার একটা টানেলও আছে। ভেতরে কচিকাঁচাদের উপযোগী করে সায়েন্স- টেকনোলোজির অপূর্ব সব প্রদর্শনী। কখনো হাতে কলমে দেখিয়ে দেয়া হচ্ছে, কখনো পর্দায়। মহাবিশ্বের টুকিটাকি, রসায়ন বা গণিতের চমৎকার সব কৌশল এখানে পাওয়া যাবে।

রিদমিক প্যাডেল, গ্রাখটেন
পানির থেকে চোখ সরিয়ে একটু সড়কের দিকে নজর দেয়া দরকার। চোখ দুটোকে টেনে অন্যপাশে নিতে হলো। তবে বেশিক্ষণ ধরে রাখা গেলো না, চোখ হাজারে বিজারে সাইকেল দেখে নিজেই ভিরমি খেয়ে আটকে গেল। রাস্তার ওপর সাইকেল বিপ্লব যেন। বিভিন্ন বয়সী কত মানুষ সাইকেল চালিয়ে পথের বাঁকগুলোতে মিশে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে! এই হারিয়ে যাওয়া দুই চাকার হালকা তালে খুব ছন্দোবদ্ধ লাগছিল। তারা খুব নির্বিকারভাবে অফিসের ব্যাগ, স্কুল ব্যাগ ইত্যাদি জিনিসপত্র সাথে নিয়ে দুলকি চালে প্যাডেল মারছিল। এই দক্ষতার কারণে চালানো বেশ রিদমিক লেগেছে।
আবার ঝাঁক বেঁধে সাইকেল স্ট্যান্ডে বা ফুটপাথে দাঁড়িয়ে আছে অসংখ্য সাইকেল। সমীক্ষায় দেখা গিয়েছে এই দেশে মানুষের চাইতে সাইকেলের সংখ্যা বেশি। আশেপাশের কড়া ট্রাফিক আইন কানুনের দেশগুলোর মতো এদেশকে লাগেনি। বরং মনে হয়েছে নিয়মগুলো ট্রাফিক লাইটগুলোর মতোই একবার জ্বলছে একবার নিভছে। মানুষের ইচ্ছে হলে মেনে নিচ্ছে, ইচ্ছে না হলে নিজের ধ্যান ধারণা খাটিয়ে সিদ্ধান্ত নিচ্ছে কোন পথে চলবে, কোন কথা বলবে।
ঝট করে আবার পানিতেই চোখ পড়ল। আমস্টারডামকে কী নাম দেয়া উচিত? দ্য সিটি অব হারবার, নাকি সাইকেলের শহর, না খালবিলের শহর? গ্রামাঞ্চলের প্রত্যেকটা অবস্থাসম্পন্ন বাসাবাড়ির সামনে নিজস্ব পুকুর/ ঘাটলার মতো এদের আছে খাল। বন্যার প্রকোপ ঠেকাতে আমস্টেল নদীতে বাঁধ দিয়ে স্থানীয় জনগণ আমস্টারডাম শহর বানিয়ে ফেলেছিল। আর আমস্টেল নদীর শাখা প্রশাখা থেকে অসংখ্য খালের শুুরু। খালগুলোর ওপর হাজারের বেশি ছোট ছোট সেতু থাকায় মনে হয় আমরা সমন্বিত দ্বীপের শহরে এসেছি। এখানে ওরা খালকে বলে গ্রাখট। গ্রাখটেন হচ্ছে গ্রাখট এর বহুবচন।

জাদুঘর, হতাশা এবং শিথানের বালিশ
অডিও গাইড ডামস্কয়ারের সাথে পরিচয় করিয়ে দিলো। এই নগর কেন্দ্রে পাওয়া যাবে ডাচ রাজার রাজপ্রাসাদ। রাজ প্রাসাদের সামনেই খোলা চত্বরে কোথাও হারমোনিকার সুর, বেহালাবাদকের উপার্জনের থলে, চেয়ার পেতে অবকাশ যাপন আর কতরকমের বিকিকিনি! সেন্ট্রাল স্টেশনে যেমন দেখেছি, এখানেও তাই। বিভিন্ন জাতীয়তার সম্মেলনকেন্দ্র যেন। প্রায় ১৭৭ দেশের মানুষের বাস এই বহুজাতিক শহরটিতে।
ডামস্কয়ারকে কেন্দ্রে রেখে পুরো শহরে রয়েছে পুরনো আমলের উইন্ডমিল, চিজ মার্কেট সহ অন্যান্য মার্কেট, সেই সাথে মিউজিয়াম আর মিউজিয়াম। মিউজিয়ামের ভেতর ফান গখ বা ভ্যান গগ, রেমব্রান্ট বুঝতে চাইলে ভ্যান গগ মিউজিয়াম এবং রাইখস মিউজিয়ামে যাওয়া প্রয়োজন। রেমব্রান্টের নৈশ প্রহরী বা দ্য নাইট ওয়াচ হলো মোনালিসার মতো জনপ্রিয়। আবার শুধু ভ্যানগগের শিল্পকর্ম দেখতেই আমস্টারডামে অসংখ্য পর্যটক আসে। জীবদ্দশায় ভ্যানগগের মাত্র একটা শিল্পকর্ম বিক্রি হয়েছিল। হতাশা আর অর্থকষ্ট মিলে বিষিয়ে তুলেছিল জীবন। সে জন্য সাতত্রিশে এসে তার আত্মহননের পরাজিত সিদ্ধান্ত। মৃত্যুর পর তার সৃষ্টি বিশ্বব্যাপী সমাদৃত হচ্ছে আজ অবধি। মানুষের পরাজয়ের অনুভূতি বড় তীব্র।
নিজের শৈশবের কথা মনে পড়ল। একবার বিমূর্ত চিত্রকলার প্রতি মহাঝোঁক তৈরি হলো। ঈদী, টিফিনের পয়সা জমিয়ে নানা কিসিমের রঙ কিনলাম। বড় আর্টপেপারে মগজের অস্থিরতা ফুটিয়ে তোলার নিবিষ্টতায় বেনানাস পায়জামাসের এপিসোডও মিস করেছি! মমিসিং অঞ্চলের এক ভদ্রমহিলা কাজ করতেন আমাদের বাসায়। পাশের ফ্ল্যাটের বান্ধবী বুয়াকে ‘মায়া মায়া গো’ করতে করতে বড় আফসোস করছিলেন। এই বাসার বড় আফা এহাবেহা বাতর (আঁকাবাঁকা ক্ষেতের আইল), হাগ (শাক)- কাউয়ার ঠ্যাংগ আর কী সব উমাইল্লা জিনিস আঁকে সারাদিন। এরচেয়ে আম কাডল আঁকলেও তো ভালো ছিল। কায়ালাইতে পারতাম । এই মন্তব্য শুনে জায়গায় হুতিয়ে পড়তে ইচ্ছে করেছিল। আমি অল্প প্রতিভার শখের শিল্পী। আমার হতাশার দৌড় হিতানে বালিশ পেতে ঘুমানো পর্যন্ত। বড় প্রতিভারা একটু এদিক সেদিক হলেই দেখি নিজেকে মাইরালবাম কুইটটালবাম এগুলি করতে চায়। উস্তাদি করে নেয়া যে কোনো সিদ্ধান্তই গুরুতর ভুল।
তবে আমি এক মহা উস্তাদের সর্বনাশা সিদ্ধান্তের ভুক্তভোগী কোটি মানুষের একজনকে খুঁজছিলাম এই শহরে। মাদাম ত্যুসো, হিস্ট্রি মিউজিয়াম, স্টেডলিক মিউজিয়াম, রিজস্কিমিউজিয়াম, পানির ওপর দাঁড়ানো মেরিটাইম মিউজিয়াম ইত্যাদির ভিড়ে খুঁজেছিলাম আমি আনা ফ্রাঙ্ককে।

প্রজাপতি, হীরক রাজার দেশ
‘দ্য ডায়রি অফ আ ইয়ং গার্ল’ এর আনা ফ্রাঙ্ক। আমস্টারডামের প্রিন্সেনগ্রাখট সংলগ্ন বাসাটিতে দুই বছরের বেশি সময় ধরে অন্তরীণ থাকা সেমিটিক মেয়েটি তাদের পতঙ্গের মতো বেঁচে থাকা দিনগুলোর দিনলিপি লিখেছিল এখানে। জার্মানির ভাইমার আমলে ফ্রাঙ্কফুট আম মাইনে আনা ফ্রাঙ্কের জন্ম ও কিছুকাল বেড়ে ওঠা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর তীব্র ইহুদিবিদ্বেষের কারণে ফ্রাঙ্ক পরিবার জার্মান নাগরিকত্ব হারায়। এর আগেই অবশ্য তারা আমস্টারডামে পাড়ি জমিয়েছিল। কিন্তু ১৯৪০ সালে আমস্টারডাম জার্মানির দখলে চলে গেলে কিশোরী আনা এবং তার পরিবার এই বাড়িটিতে ভীষণভাবে অবরুদ্ধ হয়ে পড়ে। কালো কাপড়ের পর্দায় জানালাগুলো ঢেকে দেয়া থাকতো সন্ত্রস্ত মানুষগুলোর অস্তিত্ব লুকাতে। চিলেকোঠার একটা ঘর থেকে কেবল বিশাল আকাশের ছোট্ট একটা অংশ সবটুকু আনন্দ হয়ে ধরা দিত আনার চোখে। লিখেছিল আনা তাদের এই দুর্বিষহ জীবনের অনেকটাই। পালিয়ে বাঁচার বেদনাবিদ্ধ অনুভূতি।
তারা ধরা পড়ে যায়। বার্গেন-বেলজান কনসেন্ট্রেশন ক্যাম্পে মরণব্যাধিতে আক্রান্ত হয়ে আনা ফ্রাঙ্ক ও তার বোন মার্গো ফ্রাঙ্ক মারা যায়। যুদ্ধ শেষ হবার মাত্র কিছুদিন আগে একটু একটু করে উড়তে শেখা প্রজাপতিটির খোলা আকাশের আনন্দের গল্প আর লেখা হলো না।
পরিবারের একমাত্র বেঁচে যাওয়া সদস্য বাবা অটো ফ্রাঙ্ক পরবর্তীতে আনার ডায়রির খোঁজ পান। যুদ্ধবন্দি মানুষের বিষন্ন পৃথিবীর খোঁজ জানান স্বয়ং পৃথিবীকেই। ওলন্দাজ ভাষায় লেখা এই ডায়রিটি ইংরেজি ভাষায় প্রথম অনূদিত হয়ে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে।
আনা ফ্রাঙ্কের বাড়ির দেয়ালগুলো ছুঁয়ে দেখা কিংবা চিলেকোঠার জানালা দিয়ে আকাশ দেখা হয়নি আমার। বাসট্যুর কর্তৃপক্ষ সেই ব্যবস্থা রাখেনি। বরং রেখেছে ডায়মন্ড মিউজিয়ামের হীরা কাটাকাটি দেখার ব্যবস্থা।
একটু বিরক্তি নিয়েই নামলাম। পাদুকাবিহীন পা নিয়ে হাঁটবো দেখে এমনিতেই বলছিলাম হীরক রাজার দেশ। এখন দেখি রূপক অর্থ মাঝেমধ্যে ব্যাপক অর্থ বহন করে।

আমস্টারডামকে একসময় বিশাল হীরা বাণিজ্যের কারণে হীরার শহরও বলা হতো। এই জাদুঘরে দেখানো হবে কীভাবে ধাতু ঘষে ঘষে হীরা বানানো হয়। সেক্টরে সেক্টরে ভাগ করা বিভিন্ন জায়গায় নানা রকম যন্ত্রপাতি দিয়ে গবেষকেরা এবং কারিগরেরা হীরা নিরীক্ষায় ব্যস্ত ছিল। অণুবীক্ষণ যন্ত্র ছাড়া কোনো যন্ত্র তেমন পরিচিত লাগলো না। চোখের সামনে দেখিয়ে দিলো কেমন করে হীরা বানাতে হয়। ভবিষ্যতে কোনোদিন যদি হীরার কারিগর হতে হয় এই আশঙ্কায় মন দিয়েই কাটাকাটি ছানাছানি দেখলাম। কারণ কোনোখানে ছাই দেখিলে উড়াইয়া দেখিবার উপদেশ দিয়েছিলেন কবি। কবিরা চিন্তা ভাবনা ছাড়া কথা কম বলে।
তারপর হীরার তৈরি বিভিন্ন জিনিসপত্রের প্রদর্শনী ছিল। গলার হার, মাথার মুকুট, আঙটি, ঘড়ির মিলন মেলা। দেখলাম মানুষের মাথার একটা খুলি বানিয়ে রেখেছে হীরা দিয়ে। গর্জিয়াস কঙ্কালের পাটিতে আবার দাঁতও বাঁধিয়ে দিয়েছে। বোদ্ধাগণ নিশ্চয়ই এইসমস্ত অলঙ্কার, দাঁতাল খুলির কদর করবেন। আমি বোদ্ধা নই। দেখলাম অনেকেই যাইবার কালে কেনাকাটা করছে।

আনা ফ্রাঙ্কের বাসার বদলে সময় বাঁচিয়ে এখানে আনলে এই সুবিধাটুকু পাওয়ার অধিকার কর্তৃপক্ষের থাকতেই পারে। আমার মন আনা ফ্রাঙ্কের চিলেকোঠায় পড়ে থাকলেই বা কি আসে যায়!
জুতা কতক্ষণ হাতে নিয়ে, কতক্ষণ পায়ে দিয়ে আমস্টারডামের হীরা ঝিলমিল জাদুঘর পর্ব শেষ করলাম।

বাঁধের শহরে বসতি, প্রার্থনা
আমস্টারডামের বেশ অনেক বাসার ছাদগুলো, স্পেসিফিকলি পুরনো বাসার ছাদ ইউরোপের গতানুগতিক ছাদের মতো না। একটু তিনকোণা কিন্তু কোণের প্রান্তবিন্দু আবার অর্ধবৃত্তাকার। এগুলোকে বলা হয় ত্রিকোণ গেবল বা চুড়ো। আমস্টারডামেই শুধু এমন চুড়াওয়ালা বাসা দেখলাম। বাড়িগুলো হোমোজেনাস আর দুই দালানের মাঝখানে কোনো তফাৎ নেই।
একে তো বাঁধের শহর, স্বাভাবিকভাবেই অতি ওজনদার বাড়ির ভার বইতে পারার কথা না। তাই এক পর্যায়ে কাঠের বাড়ি বানানোর সিদ্ধান্ত নেয়া হলো। কিন্তু দুর্ভাগ্যবশত বড় বড় দুটো অগ্নিকাণ্ডের শিকার হয় নগরী। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পেরেছিল কাঠের বাড়িগুলোকে একের পর যথার্থ জ্বালানি হিসেবে নাগালের ভেতর পেয়ে গিয়ে।
এবার বাড়িগুলোর প্রস্থ, সেই সঙ্গে মূল ফটকের বহির্ভাগের ওপর শুল্ক বসানো হলো। এখন এই শুল্ক এড়াতে এমন সংকীর্ণ সংকীর্ণ বাড়ি বানানোর চল শুরু হলো। বাড়িই যখন সংকীর্ণ, তখন এর ভেতর প্রশস্ত সিঁড়ি কেমন করে পাওয়া যাবে?
সিঁড়িগুলোও সরল নিয়মে তাই জবরজং ঘিঞ্জি, ও দিয়ে ওজনদার মালসামান ওপরতলায় ওঠানো সম্ভব না।
বাসাগুলো কেমন সামনের দিকে একটু ঝুঁকে আছে এমন মনে হলো। পরে এই নিবন্ধ সেই নিবন্ধ পড়ে জানতে পারলাম ছাদের গেবলের সাথে বিশেষ প্রক্রিয়ায় ক্যান্টিলেভারড বা দেয়াল থেকে সম্প্রসারিত বীম দেয়া আছে আর আছে এক ধরনের আংটা। এদের সাহায্যে মালামাল পরিবহন করা হয়। আর জিনিসপত্র আংটা দিয়ে ওঠানোর সময় দেয়ালের গায়ে যাতে ধাক্কা না লাগে সে জন্য একটু সামনের দিকে ঝুঁকিয়ে বাড়ি বানানো হয়েছে।
এইসমস্ত পুরনো বাড়ির ভেতর আবার কিছু ক্যাথলিক চার্চ আছে। স্প্যানিশ ক্যাথলিক রাজার সাথে কয়েক দশক ধরে চলা যুদ্ধজয়ের পর নেদারল্যান্ডে প্রোটেস্ট্যান্ট আন্দোলন মাথাচাড়া দিয়ে ওঠে এবং সব গির্জা প্রোটেস্ট্যান্ট উপাসনালয়ে রূপান্তরিত হয়। এর ফলে বসতবাড়ির গোপন কোনো কক্ষেই ক্যাথলিকদের লুকিয়ে ধর্ম পালন করতে হতো।
এখন আর আগের সেই দ্ব›দ্ব নেই কিন্তু এখনও ওভাবেই চুপিসারে যেন অনেক ক্যাথলিক প্রার্থনায় মগ্ন হতে পছন্দ করে।
স্পেন ও পর্তুগাল থেকে প্রচুর পরিমাণে সেফার্ডিক ইহুদি এখানে এসে অভিবাসন গড়ে তুলেছিল। অসংখ্য খ্রিষ্টীয় উপাসনালয়ের পাশাপাশি বেশ কিছু সিনাগগও আছে নগরীতে। ইহুদিরা অনেকেই নগরীকে পশ্চিমের জেরুজালেম ডেকে থাকে। তবে সুন্নি মুসলিমরা এখানে দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সম্প্রদায়। তুরস্ক, মরক্কো থেকে আসা মুসলিম অভিবাসীরা সংখ্যাগরিষ্ঠ হলেও অতীতের ওলন্দাজ কলোনীভুক্ত ইন্দোনেশিয়া ও সুরিনামের অনেক মুসলমান এখানে স্থায়ীভাবে বসবাস করছে। এছাড়াও তিউনিসিয়া, আলজেরিয়া থেকে আগত অভিবাসীরাও সংখ্যায় নেহায়েত কম না।

টিউলিপ ফুল পপি ফুল
বাস থেকে নেমেই খেয়াল করলাম খিদে লেগে আছে। সাইকেল, খাল, হীরে জহরতের চক্করে পড়ে পাত্তা পাচ্ছি না। একটা তুর্কি রেস্টুরেন্টের এক কোণে নামাজ পড়লাম তারপর টোম্যাটো ছাড়া তুর্কি সালাদ খেলাম। আমার সামনে আরেকজন ভাজা মাংসের থালা নিয়ে বসেছে। কিন্তু এক টুকরো মাংস চেখে দেখতে ইচ্ছে হচ্ছিল না। হল্যান্ডে এসে হল্যান্ডের কুইজিন না চেনা অন্যায়। ডাচ হচপচের কথা শুনেছি অনেকবার। আলু সেদ্ধ, সব্জি আর মাংসের মিশ্রণে তৈরি। হালাল হচপচ খুঁজে দেখার মতো সময় আসলে নেই, এয়ারপোর্টে যাওয়ার সময় ঘনিয়ে আসছে। সে জন্য ক্যাফে থেকে আনা স্পেশাল ওলন্দাজ নিয়মে তৈরি আপেল কেক খেয়েছি এক পিস, নেদারল্যান্ড স্পেশাল চিজকেকও প্যাকেটে নিয়েছি।
কেক ভালো লেগেছে। ক্যারামেলাইজড আপেলের টুকরো চিবুতে চিবুতে পসরা বসানো দোকান, টিউলিপ- সূর্যমুখীসহ নাম না জানা অসংখ্য ফুলের চারা উদ্দেশ্যহীনভাবে দেখছিলাম। শুনেছিলাম এখানকার নার্সারিতে নাকি দেদারসে ফুলের চারা, টিউলিপের কন্দের মতো পপি ফুলের চারা/গাঁজার চারার বেচা-বিক্রি ভালো হয়। এই কথা গাঁজাখুরি নয়, সত্য। অনেক পর্যটক এত দূর থেকে গাঁজার চারা কিনে নিয়ে যায়। তাদের তালিকা উৎকট এই স্যুভেনির সংগ্রহের পর সমৃদ্ধ হয়ে ডালপালা ছড়ায়।
নেদারল্যান্ডের মানুষের ফুলের প্রতি তীব্র অনুরাগ আছে। বাড়িতে বাড়িতে লাগোয়া চিলতে বাগানে বা বারান্দায় তার প্রমাণ তো পেয়েছিই। আর গ্রাখটের স্বচ্ছ পানিতে জলরঙে আঁকা ছবি হয়ে ছিল গুচ্ছ ফুলের প্রাচুর্য। আমাদের প্লেন যখন হেলেদুলে ওপরে উঠছিল তখন চমকে উঠেছি মাইলের পর মাইল বিস্তীর্ণ টিউলিপের বাগান দেখে। সার বাঁধা হলুদ, বেগুনি, লাল, গোলাপি টিউলিপেরা যেন খুব বাধ্য সেনাবাহিনী। বাতাসের আদেশে আরামে দাঁড়িয়ে আছে এখন।
একটু পর মার্চ শুরু করতে হবে।

প্রকাশকাল: মার্চ ২০২৫