প্রশ্ন : ১
আসসালামু আলাইকুম সবজান্তা ভাইয়া। কেমন আছেন?
আপনি যদি সবজান্তা হয়েই থাকেন, তাহলে ঝটপট আমার
প্রশ্নগুলোর উত্তর দিয়ে ফেলুন তো।
দেখি আপনি কেমন সবজান্তা! আমার প্রশ্নগুলো হলো:
১. আপনার কোন জিনিসটি আপনার চেয়ে অন্যরা
বেশি ব্যবহার করে?
২. কী এমন জিনিস ডানা ছাড়া উড়তে পারে? আবার
চোখ ছাড়া কাঁদতে পারে?
৩. কোন কাপে চা খাওয়া যায় না?
৪. কোন পাখির ডিম নেই?
৫. আপনি কীভাবে সবজান্তা হলেন?
৬. আপনার প্রিয় শখ কী?
৭. পৃথিবীর সবচেয়ে বড় মানুষ কে?
প্রশ্নগুলোর উত্তর দিতে না পারলে চট্টগ্রাম আসা বারণ!
-অগ্র. হাবিবুল আফফান
একাদশ শ্রেণি, চট্টগ্রাম।
সবজান্তার উত্তর : ১
ওয়া আলাইকুমুস সালাম। তুমি তো ভায়া দুষ্টু
ভীষণ! কই, দাওয়াত দিবে বাসায়! উল্টো আসতে
বারণ করছো!
১. আমার নাম। আমি ছাড়া বাকি সবাই বেশি
ব্যবহার করে।
২. মেঘ।
৩. বিশ্বকাপে
৪. বাদুর
৫. একদিন ঘুম থেকে উঠে শুনি আমি সবজান্তা!
৬. প্রিয় শখ তোমাদের চিঠিগুলো পড়া।
৭. বর্তমানে লম্বায় সবচেয়ে বড় তুরস্কের সুলতান
কোসেন।
এবার মেজবান রেডি করে দাওয়াতের তারিখ
জানিয়ে দিয়ো।
প্রশ্ন : ২
সবার প্রথম সালাম আমার
নাও তুমি সবজান্তা,
সঠিক উত্তর পারলে দিতে
পাঠিয়ে দেবো পান্তা।
বলো দেখি, হাতের তালুর
রেখাদ্বয়ের কারণ?
সূর্যের দিকে তাকানোটা
বলো কেন বারণ?
বলতে পারো, গোলাপ ফুলের
রঙটা কেনো লাল?
বারো মাস দিয়েই কেনো
হয় একটা সাল?
প্রশ্ন শুনে তুমি আবার
ভয় পেয়েছো নাকি?
জবাব কিন্তু সবক’টা চাই
চলবে না তো ফাঁকি।
-নওশিন নাওয়ার
নওয়াব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ
বিদ্যালয়, লাকসাম, কুমিল্লা।
সবজান্তার উত্তর : ২
রসমালাইয়ের জেলার মানুষ
পান্তা অফার দিলে?
ফুলকুঁড়িরা শাস্তি দিবে
তোমায় সবাই মিলে।
তালুর রেখা তালুর ভাঁজে
হাত গুটানোর খাঁজ
ভর দুপুরে সূর্যে থাকে
চোখ পোড়ানোর ঝাঁঝ।
লাল সাদা কালো গোলাপি
গোলাপ নানান রঙের
সূর্য চাঁদের হিসেব মিলেই
বারো মাস এক সনের।
ভালোয় ভালোয় পাঠিয়ে দাও
রসমালাইয়ের হাঁড়ি
তা না হলে কুমিল্লাতে
থাকবে না আর বাড়ি।
সবজান্তাকে ছন্দে ছন্দে ইচ্ছেমতো প্রশ্ন করতে পারো তুমিও! তোমার প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছে সবজান্তা।
প্রকাশকাল: ডিসেম্বর ২০২৪


