ছাত্রজীবন

0
3

সকালে খেলো না, আছে যে স্কুল
দুপুরে ঘুমাতে করো না মোটে ভুল
বিকেলে আসবে যে মাস্টার।
রাত্রে তবে খেলি?
কী ভেবে বলে ফেলি।
রাত্রে খেলো না, পড়ো হে রাত জেগে
পড়া না পারো যদি টিচার যাবে রেগে
ভাঙবে পিঠে তবে ডাস্টার।

সকালবেলা গেল কেটে তো স্কুলে
দুপুর কেটে গেল শুয়ে ও হাই তুলে
অংক কষে গেল বিকালও।
রাতেও পড়ো পড়ো মায়ের আহাজারি
না পড়ে বাঁচা আছে দুচোখে আসে বারি!
হঠাৎ বাবা এসে বলেন হেসে, বাবু,
দেখি তো কে কী আজ শিখালো!

রুটিন-রশি দিয়ে এভাবে বাঁধা দিন
এভাবে রাত বাঁধা
গলায় রশি দেয়া আমরা যেন গরু
কিংবা যেন গাধা।

খেলার অবসর পাইনে একটুও
পাখির মতো গান গাইনে একটুও
নদীর মতো তাই যাচ্ছে মরে মন
রুগ্ন বালু-ঝরে যাচ্ছে ভরে মন।

প্রকাশকাল: অক্টোবর ২০২৪