Home Blog Page 151

সাদা পাথরের কান্না

খবরটা জেনে বিশ্বাস হতে চায়নি। এমন ঘটনা জীবনে এই প্রথম শোনা, মালা চাচীকে কে বা কারা ছাদ থেকে নিচে ফেলে দিয়েছে। মারাত্মক আহত হয়ে তিনি মেডিক্যালে ভর্তি।

মালা চাচী নাকি দুপুরে গোসল সেরে ভেজা কাপড় রোদে শুকাতে দিতে গিয়ে ছিলেন। এমন সময় একটা দমকা হওয়া আসে। দক্ষিণ দিক থেকে। এর পর অদৃশ্য হাত চাচীকে পাঁজাকোলা করে বাড়ির পেছনে উড়িয়ে ফেলে।
ওই বাড়ির পেছনে। সবজির বাগানে। চাচী পড়ে ছিলেন বেহুঁশ হয়ে। কতক্ষণ তা কেউ জানে না।
কী প্রয়োজনে বাড়ির কাজের মেয়ে ফরিদা বাগানে গিয়ে দেখতে পায় চাচীকে। নাক দিয়ে রক্ত ঝরছে।
হুশ নেই। ডাকাডাকি করে সাড়া না পেয়ে দৌড়ে এসে খবর দেয় শাহরিনকে। শাহরিন তার আব্বুকে সঙ্গে নিয়ে বাগানে এসে দেখে পরে আছে তার আম্মু। বেহুঁশ হয়ে।

‘ইয়াল্লা আম্মুর কিতা অইছে’ শাহরিনের চিৎকার কান্না। দৌড়ে আসে আইরিন।
ছোট চাচীরা। সবাই মিলে ধরাধরি করে ঘরে এনে শুইয়ে দেয়।
হুশ ফেরাতে মাথায় পানি ঢালতে থাকে। শাহরিন আইরিন দু’বোন মিলে। স্থানীয় ডাক্তার বিশ্বমিত্রকে খবর দেয়া হয়। সুজন স্ট্যান্ডবাই থাকা একটা গাড়ি নিয়ে এক ঘন্টার মধ্যে নিয়ে আসে ডাক্তারকে। ইনজেকশন পুশ করার পর জ্ঞান আসে। কিন্তু গায়ে প্রচ- ব্যথা। ডাক্তারের পরামর্শে প্রাথমিক ট্রিটমেন্ট দেয়ার পর নিয়ে যাওয়া হয় সিলেট।
ইতোমধ্যে মালা চাচীর ছেলে শাহাবকে খবরটা দেয়া হয়। সে মেডিক্যাল স্টুডেন্ট। বেসরকারি মেডিক্যাল কলেজে ফাইনাল ইয়ারে। তার মেডিকেল কলেজের হসপিটালেই চাচীকে ভর্তি করা হয়। যাতে শাহাব সার্বক্ষণিক তত্ত্বাবধান করতে পারে। পরে জানা যায় চাচীর একটা হাত একটা পা এবং বুকের পাজরের হাড় দু’খান ভেঙেছে। তবে মাথায় তেমন আঘাত না লাগায় ব্রেন একদম ঠিক আছে।

টেলিফোনে শাহরিন দুপুরে খবরটা দেয় কান্না বিজড়িত কন্ঠে। ঘটনা এর আগের দিনের। তুতুলের সাঙ্গে কথা হয় শাহরিনের।
ব্যস, এরপর চলে টেলিফোনের পর টেলিফোন। এ প্রান্ত ও প্রান্ত উভয় প্রান্ত থেকে।
মালা চাচী এদের খুব প্রিয়। আব্বুর ফুপাত ভাই আনছার চাচার বউ। ভীষণ ভালো মানুষ তিনি। বেড়াতে গেলে এদের এটা ওটা বানিয়ে আনিয়ে খাওয়াতে ব্যস্ত শুধু হন না, এখানে সেখানে বেড়াতে নিয়ে মাতিয়ে রাখেন তিনি। তেমনি মেয়ে দু’টোও হয়েছে মায়ের মতো মিশুক। আর মেহমানদারি কাকে বলে!
তুতুল-পুতুল-আফিফরা এখন বেড়ানোর কথা এলেই নিজেদের গ্রামের বাড়ি বাদ দিয়ে আব্বুর ফুফুর বাড়ির কথা আগে তোলে। এইতো গ্রীষ্মের ছুটিতে ওই চাচীর বাড়িতে যাওয়ার কথা উঠেছিল। গেল বছর হেমন্তেও ওরা মালা চাচীর বাড়ি থেকে বেড়িয়ে এসেছে। সেবার একটা জায়গায় ওদের যাওয়া হয়নি। চাচী বলেছিলেন- তোমরা আগামী গ্রীষ্মের ছুটিতে আসিও, নিয়া যাইব। শাহাবরে খবর দিয়া আনিব।

সেই চাচীর এমন অবস্থা দুর্ঘটনার খবর শুনে ওদের মন খারাপ হবে না? এখন ওরা চাচীর জন্য উদ্বিগ্ন। কিভাবে ঘটল এমনটা? কে ছাদের উপর থেকে চাচীকে ফেলল? চাচাদের মধ্যে ভাইয়ে ভাইয়ে খুব মিল। তবে এক চাচী নাকি একটু হিংসুটে। কিন্তু একটা মানুষকে তোলে ছুঁড়ে মারতে হলে অনেক শক্তি দরকার। তেমন শক্তি কি কোনো মেয়েলোকের গায়ে থাকে?

তুতুল বার বার জানতে চায় চাচীকে কে বা কারা ফেলল? জবাবে শাহরিন বলল, আম্মু তেমন কিছু বলতে পারেন না। শুধু বলেছেন একটা দমকা বাতাস এসে তার গায়ে লাগতেই তাকে কে যেন শূন্যে তুলে ফেলে দেয়। ধপাস একটা শব্দ কানে আসে।

তাহলে কি এটা জিনের কাজ? তুতুল পাল্টা প্রশ্ন করেছিল। শাহরিন জবাবে বলেছিল, জ্বীনের হইতে পারে। পেরতের ও হইতে পারে। পেরত মানে ভূত-প্রেত: বলি আর কি।
জিনের কথাতো কুরআনে আাছে। জ্বীন বিশেষ করে দুষ্ট জ্বীনরা মানুষের ক্ষতি করতে চেষ্টা করে। ইবলিস তো জ্বীন ছিল। কিন্তু ভূত প্রেতের কথা শুনেছে ঠিক, এর সম্পর্কে তেমন সঠিক জ্ঞান বা ধারনা তুতুলের নেই। বিশ্বাস ও তেমন করে না এদের অস্তিত্ব।

পাল্টা প্রশ্ন করেছে, পেরত বা প্রেত ওইটা আবার কি? আছে নাকি?
Ñ‘আছে-আছে এইবার আমিও দেখাইমুনে’ শাহরিনের কথায় একটা দৃঢ় বিশ্বাসের ঘ্রাণ পাওয়া গেল। হয়তো আছে। হয়তো নেই।
বাসায় চাচীর ব্যাপারটা নিয়ে তুমুল আলোচনা করা, খবর নেয়ার মধ্যেই কি আমরা সীমাবদ্ধ থাকবো? প্রশ্নটা তুতুলের আব্বুকে উদ্দেশ্য করা হয় খেতে বসে।
Ñ ‘ঠিক বলেছ আম্মু, মালা চাচীকে দেখতে যাওয়ার দরকার-পুতুল বলে উঠল। খাওয়ার টেবিলে সেও ছিল।
দেখতে যাওয়া বললেই তো যাওয়া যায় না, আমরা সবাই শিকল দিয়ে বান্দা না? রায়হান রহস্য করে বলল।
শিকল! কোথায় শিকল আব্বু? আফিফ বলল খাওয়া মুখে না তুলে।
Ñ হুম! অদৃশ্য শিকলে বান্দা আমরা, তোমার আম্মুর স্কুল, আমার চাকরি, তোমাদের স্কুল, এই সব শিকল আরকি। একটু বিজ্ঞের হাসি হাসলো রায়হান।
এত বড় দূর্ঘটনার খবর পেয়ে আমরা কেউ যাবো না? খোশনূর ম্যাডাম বলল।
Ñ ম্যাডাম, কথা একদম খাঁটি, তাহলে দেখি আমি একা একা সিলেট থেকে ঘুরে আসতে পারি কি না। শুক্রবার ছুটির সঙ্গে এবার ভাষা দিবসের ছুটি যুক্ত, মানে দু’দিন ছুটি এমনিতে, তার সাথে একটা ছুটি নিয়ে নিলেই!
বাহ তুমি একা একা গেলেই হলো, এত বড় ঘটনা খোশনূর রাগতভাবে বলল।
আব্বু আমরাও যাবো তুতুলের আবদার মাখা কন্ঠ।
Ñ এভাবে যাবার ব্যাপারে সবার মত পজেটিভ। কিন্তু হুট করে যাওয়াটা যেকোনো ভাবেই সম্ভব নয় তা সবাই জানে। খোশনূর যে স্কুলে চাকরি করে ছুটি মেলা ভার। আর রায়হান ব্যাংকার শুধু তা নয় ব্রাঞ্চ ম্যানেজার। মতিঝিল লোকাল ব্রাঞ্চের। বাণিজ্যিক পাড়ার ব্রাঞ্চ। ব্যস্ততার কোনো সংজ্ঞার সঙ্গে মিল নেই এখানে।
আর তুতুল পড়ে এইটে। সামনেই জেএসসি। পুতুল সিক্সে এবং আফিফ ফাইভে তারও পিইসি পরীক্ষা। মানে ওরা বাঁধা পরীক্ষার শিকলে।
যাবার ব্যাপারটা এভাবে যখন কর্তব্যের শিকলে আটকে যাচ্ছিল, তখন এলো শাহাবের পক্ষ খেকে নিষেধাজ্ঞা। শাহাব জানাল, প্রথমে তার চাচী খোশনূর এবং পরে চাচা রায়হানকে। আব্বু কইছুইন আম্মুরে এখন দেখতে সিলেট না আসতে। কারণ আম্মুর দুইটা অপারেশন বাকী। অপারেশন বাদে বোঝা যাইব তার শরীরের প্রকৃত অবস্থা। দোয়া করবেন বেশি বেশি আম্মুর জন্য সবাই। রাজনগরে আম্মুরে নেয়ার পর আপনারা আসবেন।
ব্যস, মিটে গেল ঝামেলা! এই কথার পর সিলেট যাবার চিন্তা বাতিল। কিন্তু যাওয়া বাতিল হলেও চাচীর শারীরিক অবস্থার খবরাখবর নেয়া চলল।
একদিন যায়। দু’দিন যায়। একেকটা ভাল খবর আসতে থাকে। অপারেশন সাকসেসফুল। হুঁশ আসা। কথা বলতে পারা। স্মৃতি তাজা থাকা। ইত্যাদি।

প্রায় মাস খানেক চাচীকে হসপিটালে কাটাতে হয়। পালাক্রমে আনছার চাচা শাহরিন-আইরিন হসপিটালে থাকে। বাড়িতে চাচীকে যাওয়ায় আনছার চাচা জানালেন যাওয়ার জন্য। কিন্তু যাওয়া আর তখন হয় নি।

দুই
গ্রীষ্মের ছুটিতে নয় যাবার প্রোগ্রাম হল পূজার ছুটিতে। এর ভেতর থাকল অনেক কথা। অনেক জল্পনা-কল্পনার জাল বোনা তুতুলদের। চাচী এখন অসুস্থ, কি হবে গিয়ে।
অন্য কোথাও এবার যাওয়া যাক। রাজশাহীতে নাকি বাদশাহী করেন রায়হানের এক চাচাতো ভাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-যেইসেই কথা নয় ‘বাদশাহী’ করারই কথা! সেই ফারুককে যোগাযোগ করে রাজশাহী বেড়ানোর ইচ্ছে জানাতেই খুশি মনে জানাল, চলে আসুন ভাইজান! বরেন্দ্র সভ্যতার ইতিহাসটা নিজ চোখে দেখে যান!
দোটানায় পরে গেল। তুতুল পুতুল রাজশাহী যেতে চায়। ট্রেন জার্নি ওদের ইচ্ছে। তাই ঘড়ির পেন্ডুলাসের মতো দুলতে থাকল রাজনগর না রাজশাহী? খোশানূর ভাঙল দ্বিধার পাহাড়, কি যে বল না তোমরা, ভাবীকে দেখার জন্য আমার মন সেই কবে থেকে ছুটে গেছে!
সিদ্ধান্ত হলো রাজনগর যাওয়া। সেভাবে জানানো হলো আনছার চাচাকে। শাহরিন আইরিন জেনে খুশিতে আটখানা। চাচী ও খুশি। চলল এ প্রান্ত ও প্রান্ত থেকে ফোনে কথা চলাচলি। ফারুককে জানানো হলো এবার নয় রাজশাহী।
কোথাও বেড়াতে যাবার মানে তুতুল পতুলের নোয়া মামা খবিরকে চাই। কিন্তু সমস্যা দেখা গেল গার্ডেন ম্যানেজার সাথী হতে পারছে না। জানিয়েছে তার কোম্পানির বিগ বস লন্ডন থেকে তাশরিফ আনবেন। একদম নড়চড় করা চলবে না খবিরের। বিগ বস ইংল্যান্ডের পার্লামেন্ট মেম্বারও। সরকারি প্রোটকলও তাকে মানতে হবে। তাই রিসেপসন্স দিতে সরকারি কর্মকর্তাদের যুক্ত করতে হচ্ছে।

মনটা দমে গেল খানিতটা তুতুলদের। নোয়া মামা ছাড়া?
হই হই বই বই
আনো দেখি দই খই
আমরা যাব রাজনগর
নেই কথার নড়চড়,
হই হই রই রই
আনো দেখি চিড়া দই!
ছড়া আওড়াচ্ছিল পুতুল। পুতুলের কবি প্রতিভা বেশ দেখা যাচ্ছে ইদানিং। তুতুল ক্ষেপানোর জন্য বলে, স্বভাব কবি গোবিন্দাশ। পুতুল তাতে ক্ষেপে যায়। এভাবে পুতুলকে ক্ষেপাচ্ছিল তুতুল। পুতুল কান্না করতে করতে আম্মুর কাছে গিয়ে নালিশ দিলো। আম্মু খোশানূর বললেন, তুমি শুধু শুধু ক্ষেপছ কেন? জান না গোবিন্দ চন্দ্র দাশ নামে একজন স্বভাব কবি ছিলেন? তিনি মুখে মুখে কবিতা রচনা করতে পারতেন। শোন তাহলে তার একটা কবিতাÑ
ধৈর্য ধর ধৈর্য ধর, বাঁধ বাঁধ বুক
শত দিকে শত দু:খ আসুক-আসুক!
এ সংসার কর্মশালা
জলন্ত কালান্ত জ্বালা,
পুড়িতে হইবে খাদ থাকে যতটুকু।
বাহ তোমার দেখছি ছেলেবেলার কবিতা এখনও মুখস্ত আছে!
পুতুল বলল নাচতে নাচতে।
Ñ হ্যাঁ মামণি, এমন সুন্দর কবিতা মনে থাকবে না। আগের কবিতায় সুন্দর উপদেশ থাকতো, জ্ঞানের কথা থাকতো তাই পড়লে মনে গেঁথে যেত। যেমন আরেকজন কবির কথা বলি। কবি জীবনানন্দ দাশের কথা শুনেছ?
Ñ হ্যাঁ, শুনেছি আম্মু, অনেক বড় কবি- বাংলার প্রকৃতি নিয়ে কবিতা লিখতেন।
Ñ সেই কবির মা-ও ছিলেন বড় কবি, কুসুম কুমারী দাশ তার একটা কবিতা এত লোকপ্রিয় হয়, যা আজও মানুষের মুখে মুখে-
আমাদের দেশে হবে সেই ছেলে কবে?
কথায় না বড় হয়ে কাজে বড় হবে;
মুখে হাসি বুকে বল তোজ ভরা মন,
‘মানুষ’ হইতে হবে- এই তার পণ।
পুতুলের মন খুশি হয়। ভুলে যায় তুতুল আপুর কথা। চলে আসে নিজের ঘরে। তুতুল আর পুতুলের ঘর একটাই। দু’বোন পাশাপাশি ছোট খাটে শোয়। পড়ার টেবিলও দু’জনের দু’টো। ঘরের উত্তর-দক্ষিণ কোণে।
গোছগাছ করতে হবে। আগামী কাল সকালের ট্রেনে এরা যাবে। ঢাকার কমলাপুর রেলস্টেশন তাদের বাসা থেকে অনেক দূর। তার মানে খুব ভোরেই রওনা দিতে হবে।
পুতুল তাই নিজের কাপড়-চোপড় একটা ব্যাগে গুছিয়ে রাখে। এসব ব্যাপারে লেট লতিফের গল্পটা মনে রাখে। একজন লোক নাকি সবকিছুতেই লেট করতো, ট্রেন ধরতো দৌড়ে ট্রেন ছাড়ার পর। তাই তার নাম হয়েছিল লেট লতিফ। সে তা হতে চায় না।

আম্মুর তাড়া খেয়ে তুতুলও ঘরে এসে নিজের কাপড়-চোপড় ব্যাগ ভর্তি করতে লাগে। একের কাপড় অন্যের সঙ্গে অদল বদল না হওয়ার জন্য এদের প্রত্যেকের আলাদা ব্যাগ। অনেক জামার কাপড় তুতুল-পুতুলের এক। মাপ বা ডিজাইনের যা পার্থক্য। পুতুলটা তিন বছরের ছোট হলেও কি হবে বাড়ন্ত বেশি বলে তুতুলের কঁাঁধ ছাড়িয়ে মাথা ছুঁই ছুঁই। জামার মাপ সহসা পার্থক্য করা কঠিন। তুতুলের জমা পুতুল পরে ফেলার ঘটনাও মাঝে মাঝে ঘটে। আর তা নিয়ে বাধে দু’বোনের তুমুল মারামারি। সে কারণেই আম্মু আজকাল এক ডিজাইনের কাপড় নিলেও রঙটা ভিন্ন অথবা কাটিং ভিন্ন দেন।
গোছগাছ কমপ্লিট করে পুতুল নিজ বিছানায় গুনগুন করে একটা ছড়া গান ভাজছিল-
দোল দোল দোলনি
রাঙা মাথার চিরুনি
বর আসবে এখুনি
নিয়ে যাবে তখুনি…
Ñ পুতুল, তোর গোছানো শেষ?
তুতুল তার লাল রঙের জার্নি ব্যাগটার চেইন এক টানে খুলে বলল, হ্যাঁ কখোন!
তুই কি এখুনি ঘুমাবি? তুতুলের আবার প্রশ্ন।
Ñ হ্যাঁ কাল ভোরে উঠতে হবে যে।
পুতুল চুপ করে যায়। তুতুলও দ্রুত গুছিয়ে ফেলে তার ব্যাগ।

তিন
ট্রেনে উঠে জানালার পাশের সিট দখল করা পুতুলের বরাবরের স্বভাব। ট্রেনে বসে বাইরের দৃশ্য দেখা উদ্দেশ্য। তাছাড়া চলন্ত ট্রেনের জানালা দিয়ে ঝড়ো বাতাস গায়ে লাগা পছন্দ করে সে। তুতুল এখানে ফোড়ন কাটে- প্রকৃত প্রেমিক।
পুতুলের মৃদু প্রতিবাদ- একটা আকার যোগ করতে হবে। তানাহলে গ্রামার ভুল হবে। এ জন্যইতো তুতুল আপু পরীক্ষায় বাংলায় কম নম্বর পায়।
‘কবে কম নম্বর পেলামরে! তুতুলের প্রতিবাদ।
আফিফ ব্যস্ত মোবাইলে গেম খেলা নিয়ে। পুতুল জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছিল। আকাশে পেঁজা তুলোর মত মেঘ ভেসে যাচ্ছে। টেলিফোন তারে বসা ফিঙে পাখিদের লেজ নাচালো। ছোট খালে ছোট ছেলে-মেয়ের মাছ মারার দৃশ্য। রেল লাইনের পাড় ঘেসে গরুর ঘাস খাওয়ার এসব দেখে পুতুলের মন তরতাজা হয়ে উঠে।
‘পুতুল, এ্যাই পুতুল, একটা কবিতা রচনা কর না। শুনব। তুতুল বলল।
‘সত্যি, তুমি আমার কবিতা শুনতে চাও?’ পুতুল বাইরের দৃশ্যে চোখ রেখে বলল। [হুম তাহলে একটা ছড়া শোনাই-
ঝিক ঝিক রেল গাড়ি
আমরা যাব মামা বাড়ি
মামা বাড়ি মামী নেই
আমরা সবে খাই দাই।
[‘বাহ্ খুউব সুন্দর হয়েছে ছড়া পুতুল মনি! তবে ছড়ায় একটু ভুল আছে। আমরা মামা বাড়ি যাচ্ছি না। চাচা বাড়ি যাচ্ছি।’
তুতুল বলল।
হি হি হি হি…..
পুতুল হাসে।
হিস্ হিস্ হিস্ হিস্ ….
[দুপুর পৌনে দু’টোয় ট্রেন কুলাউড়া স্টেশনে ইন করল। স্টেশন আদি আমলের। ব্রিটিশ আমলের মনে হয়। তবে বড়সড়। জংশন বটে।
[শুরু হয়ে যায় ছুটোছুটি মানুষের। কেউ নামছে। কেউ উঠতে চেষ্টা করছে। যাত্রীর সংখ্যাও বেশ।
তুতুলরা একে একে নেমে প্লাটফর্মে এক স্থানে দাঁড়ায়।
[‘চাচা চাচা আমি আইছি আমি আইছি-’
নীল রঙের শার্ট পরা হাত দিয়ে ইশারা করছিল শাহাব। দ্রুত হেটেঁ শাহাব ভাইয়া হাজির হল।
‘চলেন গাড়ি বাইরে।’ শাহাব ভাইয়ার সাথে সুজনও।
সুজন বড় বড় দু’টো সুটকেস হাতে তুলে নেয়। শাহাব নেয় ছোট দু’টো জার্নি ব্যাগ। স্টেশন থেকে বের হয়ে গাড়িতে উঠে। কুলাউড়া থেকে রাজনগর মুন্সিবাজার আনছার চাচাদের বাড়ির দূরত্ব অন্তত দশ কিলো। আবার শ্রীমঙ্গল থেকে দূরত্বটা আরো বেশি। তাই এখানে আসার সহজ উপায় মাইক্রোবাস অথবা কার। এর আগে যতবার রায়হানরা এসেছে মাইক্রোতেই। এবার তুতুল পুতুলরা বায়না ধরল ট্রেনে চড়বে। তাই এই বাড়তি ঝামেলা পোহানো।
‘তোমার আব্বা ভাল আছেন? ভাবীর কি অবস্থা?’
গাড়ি স্টার্ট দিয়ে দু’এক মিনিট চলতেই রায়হান জানতে চায় শাহাবের কাছে।
পাজেরো নিয়ে এসেছে শাহাব। ড্রাইভারের পাশের সেিট সুজন ও শাহাব চাপাচাপি করে বসেছে।
‘জ্বী চাচা আব্বু ভালা, আম্মু হুইল চেয়ারে চলাফেরা করেন।’
চাপাচাপির জন্য শঅহাব পেছনে ফিরে জবাব দিতে পারল না। উসখুস করে।
‘আহ্হ এমন ফূর্তিবাজ কাজের মানুষটার হুইল চেয়ারে দিন কাটে।’
‘সবই আল্লাহর ইচ্ছা, তবু জীবনটা রক্ষা পেয়েছে-’ খোশনূর যোগ করে রায়হানের কথার সঙ্গে।
পি-প্ পি-প্ পি-প …
গাড়ি এসে থামলো খান মঞ্জিলের গেইটে। শাদা পাথরের ওপর কালো অক্ষরে লেখা- খান মঞ্জিল, মুন্সিবাজার, রাজনগর, মৌলভীবাজার।
বিশাল গেইট। বন্ধ।
পি-প্ পি-প্ পি-প …
গেইট খুলে যিনি সামনে দাঁড়ালেন তিনি আর কেউ নন আনছার চাচা। সুজনও ততক্ষনে গাড়ি থেকে নেমে গেইট খুলতে এগোয়।
‘কি ব্যাপার আব্বু তুমি গেইট খোলতে আইছ বাড়িত আর কোনগু নায়নি?’
শাহাব কিছুটা বিচলিত হয়ে বলল।কারন আনছার চাচার শরীর তত সুস্থ না। হার্ট অপারেশন করা মানুষ।
‘মনে করলাম আমি পহেলা বরন করতাম আমার মামুর ঘরর ভাই-ভাবী ভাতিজী-ভাতিজা তারারে-’
আনছার চাচার মুখে হাসি।
সুজন গেইট বন্ধ করার জন্য থেকে গেল। আনছার চাচা শাহাবের সঙ্গে গাড়িতে উঠলেন।
মূল বাড়ি বেশ দূর। গাড়িতে মিনিটের পথ। পুরো বাড়ি এগারো কিয়ারে জমির উপর। কিয়ার সিলেটের আঞ্চলিক মাপ। বিঘার চেয়ে বড়। সেই হিসাবে প্রায় চৌদ্দ বিঘার জমির ওপর এই বাড়ি। জমিদার বাড়ি বলা যায়। উচু প্রাচীর দিয়ে ঘেরাও পুরো সীমানা। দু’টো পুকুর ওই সীমানায়। একটা বর্হিভাগে শান বাঁধানো অপরটা অন্দর বাড়িতে, মহিলাদের জন্য।
পি-প্ পি-প্ পি-প্ …
গাড়ি এসে থামল বাড়ির উঠোনের মাঝখানে। সাধারণত কোন গাড়ি এ পর্যন্ত প্রবেশাধিকার পায় না। গাড়ির বারান্দা আছে বর্হিভাগে, সেখানে থামে। কিন্তু সম্মানিত মেহমান এলে উঠোন পর্যন্ত এসে গাড়ি থামে। ড্রাইবার আকবরের জানা।
গাড়ি থামতেই দৌড়ে আসে আইরিন। এক চাচা ও দুই চাচী। চাচাতো ভাই মিল্লাত।
বিশাল বাড়ি, বাসিন্দা খুব কম। চারদিকে বিশাল বিশাল দেবদারু, সুপারি, কড়ই গাছের ছায়ায় পুরো বাড়িটা শীতল হয়ে আছে। উঠোনের দু’পাশে ফুলের গাছের সমাহার। নানা জাতের ফুল ফুটে আছে।
গাড়ি থেকে নেমে চলল সালাম আাদান প্রদানের মহড়া। বড়দের ছোটরা করতে থাকে সালাম।
‘কোথায় মানুষ জন কোথায় আনছার ভাই?’
রায়হান চিৎকার করে বলল।
‘মানুষ যিনি বাড়ি মাতাইয়া রাখতা তাইনত লন্ডনো আর বড়জনতো কবরো- আল্লা নিছুইন গি-’
আনছার চাচারা চার ভাই এক বোন। বোন থাকে শুশুর বাড়ি। এক ভাই লন্ডন আর একজন মারা গেছেন। এই বাড়িতে তিনটি পরিবার থাকে। একমাত্র আনছার ভাইর পরিবার বড়। পাঁচজন। এ বিশাল বাড়িটা এরাই আলো ছড়াচ্ছে। বড়জনের ছেলেরা থাকে অস্ট্রেলিয়া। ছোট দ’জনের একজন নি:সন্তান। আরেক জনের একটি ছেলে মিল্লাত। এ ছাড়া কাজের লোক আছে গোটা পাঁচেক।

চার
[হুইল চেয়ারে বসা মালা ভাবীকে দেখে খোশানূর হঠাৎ কান্নায় ভেঙ্গে পড়ে। তুতুল পুতুল ও চাচীকে জড়িয়ে ধরে। একটা হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা হয়।
[‘ চাচী, আপনি হাটতে পারেন না? পুতুল জিজ্ঞেস করে।
[‘না, মাইগো- কোমড়ে ব্যথা, বুকো ব্যথা, হাঁটতে খুব কষ্টগো মাই- তোমরা আইছ আমি তোমরারে রানদিয়া খাওয়াইতে পারতাম না- এইখান আমার বেশি কষ্ট- শরীরর কষ্ট থাকি-’
[মালা চাচীর চোখে পানি দেখে সবার চোখেই পানি এসে যায় একে একে।
[‘ভাবী, আল্লাহর রহমতে আপনে ভালা হইয়া উঠবেন- আমরা আবার আপনারে নিয়া বেড়াইতে যাইমু-’
রায়হান বলল।
‘দোয়া করিও রায়হান, আল্লাহ যেন তানরে পুরা সুস্থ করি দেয়। এখনও আমার পোয়া-পুরীর বিয়া-শাদী অইছে না- তাইন সুস্থ না অইলে-’
আনছার চাচা ভেঙ্গে পড়লেন। তার কন্ঠ বন্দ হয়ে গেল। ফুঁপিয়ে কেঁদে উঠলেন চাচা। চাচার কান্নায় শাহরিন-আইরিন যোগ দিলো। আবার মিনিট দু’য়েক চলল কান্নার রোল।
[দুপুরে খাওয়া-দাওয়া শেষে গল্পের আসর বসল। এ বাড়িতে রুমের কোন অভাব নেই। শাহরিন বলল, আমার ঘরে হবে আড্ডা। আইরিন বলল তার ঘর সবচেয়ে গোছানো পরিপাটি তার ঘরে হোক আড্ডা। সবশেষে ঠিক হল, দু’জনের মাঝে যে ঘরটা আছে, ওই ঘরে কেউ থাকে না, সেই ঘরে হবে ওদের আড্ডা।
বড় একটা কালো রঙের পালঙ্ক ঘরে। বেশ কারুকাজ করা। দেখেই বোঝা যায় অন্তত একশ’ বছর আগের।
‘এই পালঙ্কে আমাদের দাদী, রায়হান চাচার ছোট ফুপু থাকতেন।’ শাহরিন বলল।
পালঙ্কের মাথার দিকে একটা জানালা। বন্ধ ছিল। শাহরিন জানালা খুলে দিলো। দক্ষিন দিকের জানালা। এখানে একটা সব্জির বাগান। চোখের সামনে দৃশ্যমান হল।
‘দাদী এই সব্জি বাগানটা করাইছিলেন।
শাহরিন বলল।
‘হইছে আপা, দাদীর কিচ্ছা পড়ে করবা, আগে আম্মুরটা কও।’
আইরিন ঝাঁজ নিয়ে বলল।
‘এই সব্জি বাগানেই আম্মুকে ফেলে রাখে।’ ধরা গলায় শাহরিন বলল।
‘এই গল্পটা শোনাও শাহরিন আপু, চাচীকে ছাদ থেকে নীচে ফেলার-’
তুতুল বলল।
[‘বলছি পুতুল- তখন দুপুর একটা বাজে নাই জোহরের আজান হয় নাই। আমাদের বাড়ির সামনে রাস্তা, ওই রাস্তার অপর পাড়ে জামে মসজিদটা, আমাদের চাচাদের করা- ওই মসজিদের মিনার থেকে আজান দিলে আমরা শুনতে পারি। তখনও আজান হয় নাই। আমাদের কাজের মেয়েটা কি একটা কেিজ সব্জি বাগানে যায়। দেখে আম্মু বেঁহুশ পড়ে। নাক দিয়ে রক্ত পড়তেছে। ডাকাডাকি করে সাড়া না পেয়ে দৌড়ে এসে আমাকে খবর দেয়। বাকীটা তোমরা জান। কি আর বলল। আমাদের কিসমৎ খারাপ!
[‘কিন্তু কে বা কারা ফেলেছে জানা গেছে?’
তুতুল জিজ্ঞেস করে।
[‘জানা গেছে। আম্মু বলতে পারেন নাই। আম্মু শুধু দমকা হাওয়ার কথা বলেন। আর বলেন তিনি বাধা দিতে পারেন নাই। শক্তিশালী কিছু একটা তাকে মুহুর্তে তুলে ফেলে দেয়। এরপর হুজুরকে ডাকা হয়। তিনি আমাদের অন্দর মহলের বাইরে একটা বেঠকখানা আছে, ব্যবহার খুব কম হয়। হুজুর ওই ঘরে তিন দিন ছিলেন। তিনি আব্বুকে সব খুলে জানা।
শাহরিন বলল।
[‘কি জানা গেছে শাহরিন আপু?’
পুতুলের প্রশ্ন।
[‘হুজুর বলেছেন- আমাদের এই বাড়িটা বানাবার আগ থেকে ওরা এখানে বসবাস করে আসছিল-’
[‘ওরা মানে কারা আপু? তুতুলের প্রশ্ন
[‘ খারাপ আত্মা, পেরত। যেসব মানুষ আত্মহত্যা করে, ফাঁসীতে ঝুলায়ে মারে, নানান তাপঘাতে মারা যায়, সেসব আত্মা ফিরে যেতে পারে না আপন আবাস স্থলে, তারাই পৃথিবীতে বিচরণ করে এবং মানুষের ক্ষতি করে। হুজুর বলেছেন এ রকম দুই পাপিষ্ট আত্মা আমাদের ছাদে বাস করত। ওদের নাকি বহুদিন ধরে কুমতলব এ বাড়ির মানুষদের ক্ষতি করার। সেদিন আম্মুকে ছাদে একা পেয়ে তাদের পুরানো কুমতলব কার্যকরি করেছে।’
শাহরিন অনেক কথা বলে হাঁপিয়ে উঠে।
[‘তাহলে ছাদে যাওয়া নিষেধ? আমরা রাতে ছাদে বসে আগে গল্প করতাম, তা করা যাবে না?’
পুতুল বলল।
[‘যাবে, যাবে, হুজুর বলেছেন, ওই দুই পাপিষ্ট আত্মাকে শিকল দিয়ে বেন্ধে একটা মাটির কলসিতে ভরে বিলে ফেলে দিয়েছেন, আর ওদের উপদ্রুপ নেই।’
[‘সত্যি, কিন্তু হুজুর এতোসব করলেন কিভাবে- কেউ কি দেখেছে? হি-হি-হি-হি-’
আফিফ হাসতে থাকে প্রচুর।
হি-হি–হি—হি—হি—হি—হি—হি—
সবাই মিলিতভাবে হাসতে থাকে।
‘কিরে পুঁচকে পুঁচকিরা এতো হাসাহাসি কেন?
শাহাব ভাইয়ার প্রবেশ।
‘এসো হাফ ডাক্তার ভাইয়া। আইরিন বলল।
‘হাফ ডাক্তার না, আম্মুর বিপদে কে ছিল, তোমরা না আমি? আর আমি ফাইনাল দিয়া আইছি। পরীক্ষা ভালা হইছে। পাস করুম ইনশাল্লাহ !’ শাহাব বলল।
‘ঠিক আছে ভাইয়া ফুল ডাক্তার- এবার বল আমাদের বেড়াতে নিয়া যাইবা কোথায় এবং কবে? তুতুল বলল।
‘এইবার তোমাদের নিয়া যাইব পাথরের কান্না দেখাইতে-’ শাহাব একটু রহস্য করল।
‘পাথরের কান্না মানতে ঝরনা দেখাইতে নিবা আমাদের, ঝরনা তো কত দেখছি ভাইয়া-নতুন কোন স্পটে নিয়া যাও।’ শাহরিন বলল।
‘বাংলাদেশের কাশ্মীরে নিয়া যাইব তোমাদের- একদম নতুন স্পট- গেলে বুঝতে পারবা কেন বাঙলার কাশ্মীর ভলা হয়।
‘বা-ং-লা-দে-শে-র কাশ্মীর! ওইটা আবার কোথায়? আইরিন বিস্ময় প্রকাশ করে।
‘খুলে বল না ভাইয়া, আমরা খুব এক্সাটাইটেড ফীল করছি-’
পুতুল বলল।
‘মাথা খাটা, মাথাটাকে অলস বানিয়ে ফেলছিস মোবাইলে চোখ রেখে রেখে- ভেবে দেখ আমি কোন্ স্পটের কথা বলছি। চাচার সঙ্গে আমি একবার গেছিলাম। তখন আমি পড়ি ক্লাস নাইনে। চলি, তোরা ভেবে দেখ!’
বলে শাহাব ভাইয়া উঠে গেল।

পাঁচ
[মালা ভাবীর ঘরেও একটা আড্ডা জমে উঠে। এটা বড়দের। রায়হান, খোশানূর, আনছার ভাই, আরজু ভাবীসহ এক বড়সড় আড্ডা চলছিল। বিষয় ওই মালাভাবীর ছাদ থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার দুর্ঘটনা নিয়ে।
[ফরিদা বেতের ট্রেতে টিপয়তে চা-কপি এবং একবাটি চিড়া ভাজা রেখে গেছে একটু আগে। [মালা ভাবী বিছানায় শোওয়া। বেশিক্ষন বসে থাকতে অসুবিধা। খোশানূর ও আরজু ভাবী বিছানায় বসা। রায়হান ও আনছার ভাই চেয়ারে বসা। তাদের সামনে একটা টি-টেবিল ফরিদা ট্রেতে ওসব রেখে চম্পট। তাই খাট থেকে নেমে আরজু ভাবী চা পরিবেশন করতে লেগে যায়। চিনি ছিল সুগার পটে। চা কাপে চা ঢেলে সুগার পট এগিয়ে দেয়। যাতে নিজের নিজের চিনি খাওয়ার পরিমান মত নিয়ে নিতে পারে। যথারীতি চিড়াভাজা ছোট্ট বাটিতে বাটিতে দিয়ে সবার হাতে হাতে ধরিয়ে দেয় আরজু।
[চা পান করতে করতে আড্ডা আরো জমে উঠল। মালাভাবীর ঘটনা আর শোনা শেষ হল না। ঝড়ের গতিতে শাহাব আর আফিফ এসে হাজির।
‘চাচা-চাচী, আপনারা এক জায়গায় বেড়াইতে যাইবানি?’
শাহাবের এসেই প্রশ্ন।
[রায়হান চায়ে চুমুক দিতে গিয়ে ফ্রিজ। শাহাবের দিকে তাকায়। কি বলবে বুঝে উঠতে পারছিল না।
মালাভাবী এখনও পুরো সুস্থ না। উনি যেতে পারবেন না তাদের সঙ্গে। এমন হাসি-খুশি চমৎকার মানুষটা ছাড়া কিভাবে তারা বেড়াতে যাবার কথা ভাববে?
[‘বাবা শাহাব, তুতুল-পুতুল-শাহরিন-আইরিন-আফিফ তোমরা মিলে ঠিক কর না! খোশানূর বলল।
[‘আমি তাহলে বলি, নতুন একটা স্পট আবিষ্কার হইছে, আগে রাস্তা খুব খারাপ আছিল, এখনও সামান্য রাস্তা খারাপ, কিন্তু তেমন খারাপ না-আর বাকী রাস্তা খুব ভাল-বর্তমানে ওই স্পটের নাম দেয়া গেছে, বাঙলার কাশ্মীর।’
[‘কি কাশ্মীর! খোশানূর বিস্ময় প্রকাশ করে।
[‘জ্বি চাচী, কাশ্মীরে আপনি গেলে যেরকম সৌন্দর্য দেখতে পাবেন, এইখানে একই সৌন্দর্য পাবেন-’
[‘অইছেবা কইলাও সাদা পাথ্বর যাইতাম-যাও ব্যবস্থা কর- আমরা রাজী।’
আনছার চাচা হাসতে হাসতে বললেন।
শাহাব আফিফ যেভাবে ঝড়ের গতিতে এসেছিল সেভাবে চলে গেল।
[‘এইসব ব্যাপারে শাহাবের ভালা অভিজ্ঞতা আছে। তার লগে সব কিসিমের মানুষের সম্পর্ক- সে ঠিক ব্যবস্থা করবে।
আনছার ভাই বলল।
[‘তাহলে কি আমরা আগামীকাল যাচ্ছি কোথাও?’ খোশানূর প্রশ্ন করল রায়হানের দিকে তাকিয়ে।
শেষ পর্যন্ত শাহাবের ইচ্ছার জয় হল। ঠিক হল ‘বাঙলার কাশ্মীর’ নামে খ্যাতি পাওয়া কোম্পানিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ভোলাগঞ্জ যাওয়া হবে। সেভাবেই একটা মাইক্রোবাস ঠিক করল শাহাব। তার ঘনিষ্ঠ এক বন্ধুর রেন্ট-এ কার সার্ভিসের গাড়ি। ভাড়া করা গাড়ি তাদের নিয়ে যাবে এবং ফেরৎ আনবে।
রাতে খাবারের টেবিলে শাহাবের পক্ষ থেকে ঘোষণা এলো। সকাল সাড়ে দশটায় গাড়ি আসবে। সেভাবে রেডি থাকতে সবাই। অন্তত এগারোটার মধ্যে র্স্টাট দিতে হবে। কারণ ভোলাগঞ্জ যেতে দু’ঘন্টার মত সময় লাগবে তাদের।
‘শাহাব ভাইয়া, আমরা দুপুরে খাব কি?’ পুতুলের প্রশ্ন ছিল।
‘দুপুরের খাবার আমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। এ ব্যাপারে চাচীর সঙ্গে আলাপ হইছে। তিনি মোরগ পোলাও রাতে রান্না করে রাখবেন। আমরা সেই রান্না করা খাবার খাব দুপুরে।
শাহাব বলল।
‘ কোথায় খাব আমরা ভাইয়া?’ তুতুল জানতে চায়।
‘সেটা গেলেই দেখতে পাবে। সবকিছু আগ থাকি বলা যাবে না বুঝলে?

সকালে উঠে সাজ সাজ রব পড়ে গেল বাড়িতে। হাঁক ডাকে মুখর পরিবেশ। মেয়েদের সাজুগুজু করতে সময় লাগে।
শাহাব ভাই বার দুয়েক এসে তার ছোটবোন শাহরিন আইরিনকে তাগাদা দিয়ে গেছে। মেহমান হিসেবে তুতুল পুতুলকে কিছু না বললেও ইঙ্গিতে বুঝাতে চেয়েছে দেরি করা চলবে না ওদের।

গাড়ি এসেছে এই গাড়ি এসে গেছে…
চিৎকার দিতে দিতে আফিফের প্রবেশ।
ইস গুলতানি মারছো পুতুলের জবাব।
পুতুল মাথার চুলে একটা প্রজাপতি ক্লিপ আঁটতে ছিল নিমগ্ন। সবার সাজুগুজু শেষ। পুতুল সবাইকে অগ্রাধিকার দিতে গিয়ে পেছনে পড়ে গেছে। তবে তার চুলটা যা বাকি আর সব কমপ্লিট।
গাড়ির শব্দ শোনা গেল, পুতুল এবার নিশ্চিত হলো গাড়ি আশার খবর সত্যি।
শাহাব ভাইয়া, আমরা এখন গাড়িতে উঠবো? ড্রইং রুমে এসে আফিফ জিজ্ঞেস করে।
না, এখন না। গাড়ির গ্যাস ভরতে যাবে গ্যাস ভরে আসার পর উঠবো শাহাব বলল।
ড্রাইভারের সাথে এ বিষয়ে নিয়ে একটু আগেই রাগ করেছে শাহাব। কেন গ্যাস ভরে একেবারে আসলো না। ড্রাইভার বলেছে, গ্যাস ভরার জন্য টাকা তাকে দেয়া হয়নি। তাই সোজা এখানে চলে এসেছে রেন্ট-এ-কার মানেই শহর ভাড়া নেয়া লোকের অগ্রিম টাকা দিয়ে গাড়ির গ্যাস বা তেল কিনবে।
বেশ তার গাড়ি ফিরে আসতে বেশি দেরি লাগেনি। তাদের বাড়ি থেকে মুন্সীবাজার ফিলিং স্টেশন দুই মিনিটের পথ। গাড়ি এসে দাঁড়াতেই তোড়জোড় পড়ে যায় ওঠার। ছোটরা আগে উঠবে তারপর গাড়ির সামনের দিকে বড়রা। এদিকে, মালা চাচিকে রেখে বেড়াতে যাওয়া সবার মনে খচখচ করতে থাকে পুতুল, পুতুল, শাহরিন, আইরিন সবাই এসে মা চাচিকে সালাম জানায় রায়হান, আরজুও এসে বিদায় নেয় মালা ভাবীর কাছ থেকে সবশেষে আনসার চাচা ও শাহাব।
এ বাড়ির নিয়ম কেউ বাইরে গেলে ঘরের লোকজন দের কাছ থেকে বিদায় নেয়। এভাবে একের পর এক জন করে এসে বিদায় নেয়ার এ আওয়াজ মালা চাচিকে বিমর্ষ করে তোলে। নিজের অসুস্থতার কষ্ট বেশি করে অনুভব করতে থাকে। আজ সেও ওদের সঙ্গে যাওয়ার কথা ছিল একে একে গাড়িতে সবাই উঠেছে দুপুরের খাবার মোরগ-পোলাওর সাসপেন, প্লাস্টিকের গ্লাস, বোতল, পানিও গাড়ির পেছনে তোলা হয়েছে। শাহাব তদারকি করছে। আনসার চাচাও লক্ষ্য রাখছেন কোনো প্রয়োজনীয় জিনিস হয়ে গেল কিনা। শাহাবের কাছে একটা ভিডিও ক্যামেরা। তা দিয়ে একটু পরপর ভিডিও করছে। গাড়ির পাশে দাঁড়িয়ে, কেউবা বাগানের সামনে নানা স্থানে পোজ দিয়ে যাচ্ছিল আর শাহাব তা ভিডিও করে চলেছে পরম যতেœ।
সবাই গাড়ি উঠছনি? ড্রাইভার এর পাশের সিটে বসে আনসার চাচার কণ্ঠ।
জিয়ো আব্বু উইঠছন হগলে, গাড়ি স্টার্ট দেউকা- জবাবে শাহাব বলল।
শাহাব বসেছে মাইক্রোর সর্বশেষ সিটে। আব্বুকে প্রাধান্য দিতে। যদিও নিয়মমতো তার ড্রাইভারের পাশে বসা উচিত ছিল। কারণ, সে ড্রাইভারকে তদারকি করতে পারতো। অবশ্য তার আব্বুও এ রাস্তা ভালো চিনে নিতে পারবেন। আব্বুদের যখন এখানে ব্যবসায় চালু ছিল তখন ঘনঘন এখানে আসতে হতো। গাড়ি স্টার্ট দাওবা ড্রাইভার! আনসার চাচা বললেন।

গাড়ি স্টার্ট করছে এমন সময় কোত্থেকে খোকন দূর থেকে গাড়ির সাথে দৌড়ানো শুরু করেছে। আনসার চাচার নির্দেশে গাড়ি থামানো হলো। খোকন আনসার চাচার ছোট ভাইয আখলাকের ছেলে। আখলাক থাকে দুবাই। তার স্ত্রী অসুস্থ। বিছানায় পড়ে থাকে বছরের পর অধিকাংশদিন। গাড়ির জানালার কাছে এসে খোকন আবদার জানায়- চাচাজি আমিও যাইতাম। সে খুব সকালে মাদ্রাসায় গিয়েছিল হিফজ করতে। তাই জানতে পারেনি বেড়ানোর এই প্রোগ্রামের কথা। এখন! কি করবে ভোরে উঠতে পারে না আনসার চাচা। ওর মাকে না জানাইয়া নেওয়া যাবে না।

এই শাহরিন কিতা করতে যা তোর চাচীরে জানাইয়া আয়গি খোকন আমরার লগে গেল।
আনসার চাচা বলার সাথে সাথে ড্রাইভার গাড়ির দরজা টান দিয়ে খোলে। সিট ভেঙে পথ তৈরি করে শাহরিন যাতে ভেরত থেকে বের পারে। শাহরিন বের হয়ে আসে। খোকন ততক্ষণে উঠে পরে গাড়িতে। একটু পরে শাহরিন এসে জানায় চাচিকে সে বলেছে। সবাই বিরক্তি প্রকাশ করে খোকনের কর্মকা-ে। কিন্তু মুখে প্রকাশ করে না।
গাড়িতে ছুটছে পাহাড়ের পথে। দু’দারে টিল্লা। চা বাগান। এঁকেবেঁকে চলে গেছে পথ। রাস্তাও প্রশস্ত নয়। ড্রাইভার রানা বেশ দক্ষ বুঝা যাচ্ছে চালানোর ভঙ্গিমায়। সাঁই সাঁই করে বাতাস কেটে গাড়ি ছুটছে। এভাবে ছুটতে ছুটতে কখন যে সিলেট শহরের প্রাণকেন্দ্র হুমায়ুন রশীদ চত্বরে এসে গেল টের পাওয়া যায়নি। গাড়ি থামল একটা হোটেলের সামনে। কেউ যদি প্রাকৃতিক প্রয়োজন সারতে চায় সে কারণে।
গাড়ি থেকে বের হলো। কেউ কেউ হোটেলের ভেতরে গেল প্রয়োজনে। পনোরো মিনিটের বিরতি।
শাহাব ভাইয়া, চিপস্ খাওয়াও না! পুতুল বলল।
আমিও তাই-ই ভাবছিলাম শাহাব বলল।
রাস্তা পেরিয়ে গেল শাহাব চিপস্ কিনতে। এ পাশের দোকানে টিপস্ ছিল না। বড় পলিথিন ব্যাগে জনপ্রতি একটা হিসাবে কয়েক প্যাকেট চিপস্ কিনলো সে। কয়েক প্যাকে বিস্কুট, চানাচুরও নিলো। ‘এই নাও তোমাদের চিপস্’ বলে এগিয়ে দিল শাহরিনের দিকে। শাহরিন এদের মধ্যে বড়।
গাড়ি আবার চলতে শুরু করেছে আম্বরখানা চৌরাস্তায় এসে মালুটিকর বিমানবন্দরের রাস্তা ধরল। এখান থেকে নাকি ভোলাগঞ্জ তেত্রিশ কিলো দূরত্ব। সময় লাগতে পারে দেড় ঘন্টা। তার মানে ওদের পৌঁছতে দুটো বাজবে। রাস্তায় এদিকটা ভালো। তবে কোম্পানীগঞ্জের খানিকটা পথ নাকি ভালো না। ভালো না মানে নতুনভাবে প্রশস্ত রাস্তা নির্মাণের কাজ চলছে। কোম্পানীগঞ্জ সিলেটের সীমান্তবর্তী উপজেলা। ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি অঞ্চলের কাছে। এখানে সীমান্ত বাজার বসবে কিছুদিন পর। সেজন্য রাস্তা তৈরি উন্নত করা হচ্ছে।

দেখতে দেখতে গাড়ি চলে এলো ভোলাগঞ্জ। বড় বড় অক্ষরে লেখা ‘সাদা পাথর’ এই তাহলে সাদা পাথর? তুতুল পুতুল ভাবে।
গাড়ি যেখানে এসে থামল আশপাশে অনেক গাড়ি ট্যুরিস্ট এসেছে। সংখ্যায় কম না। অন্তত কয়েক ’শ। মাথার ওপর ঝাঁ ঝাঁ রোদ্দুর। ঝড়ো বাতাস। দৃষ্টি আটকে যায় মেঘালয় পাহাড়ের বুকে। সবুজ আর সবুজ। কুয়াশায় অস্পস্ট পাহাড়।
শাহাব সবাইকে গাড়ির পাশে রেখে গেল নৌকা ভাড়া করতে। একটু পর এসে বলল, চলেন চলেন নৌকা ভাড়া করা হইছে।

শাহাবকে সবাই অনুসরণ করতে থাকে। কিছুটা পথ হাঁটতেই ঢালু নদীর পাড়। বেশ ঢালু। সাবধানের পা না ফেললে গড়িয়ে ‘পা পিছলে আলুর দম’ হবার জোগাড় হবে। সাবধান! সাবধান! আনসার সবাইকে বললেন। লম্বা টাইপের নৌকা। নৌকার মাঝামাঝি খানিকটা ছই আছে। দুজন মাঝি। একজন বাচ্চা বয়সের আরেকজন মধ্যবয়সী। তার হাতে মূল বৈঠা।
নৌকায় একে একে উঠে বসে। নৌকার মাঝে ৩-৪ সারি কাঠের পাটাতন পাতা বসার জন্য। ছইয়ের ভেতর বসল খোশনূর চাচী, আরজু চাচী, আনসার চাচা ও শাহাব ভাইয়া। আর ছইয়ের বাইরে নৌকার দুই ধারে বসলো আইরিন তুতুল পুতুল আফিফ আর খোকন।
এটা ধলাই নদ। মেঘালয় পাহাড় থেকে নেমে এসেছে নাচতে নাচতে। ঘুঙুর পায়ে। কলকল ছলছল গান গেয়ে। সেই সাথে নিয়ে এসেছে আমাদের জন্য অসংখ্য পাথর। যেদিকে চোখ যায় সাদা পাথরের সারি। চোখ জুড়িয়ে যায়। সৌন্দর্য কাকে বলে। কাকের চোখের মত স্বচ্ছ পানি। হিম। প্রচ- হিম। হাত দিলে শরীর শীতল হয়ে আসে।
কি তুতুল পুতুল বাংলাদেশের কাশ্মীর না? শাহাবের প্রশ্ন।
কাশ্মীর তো দেখিনি, তবে, ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ! পুতুল বলল। তাহলে পুতুলমণি একটা কবিতা হয়ে যাক! তুতুল বলল।
কবিতা না গান হোক আইরিন বলল।
হ্যাঁ, আপু একটা গান ধরো না, তুতুল বলল।
হ্যাঁ আপু একটা গান গাও, পুতুল বলল। তাহলে আমার সঙ্গে সাথ দিতে অইব তোমাদেরও, শাহরিন বলল।
আমি দিমুনে আপু, আইরিন বলল।
শাহরিনের গান চলছে।

গান শেষ হতে হতে নৌকা ভিড়ল আরেক পাথরের রাজ্যে। এটাকে জিরো পয়েন্ট বলে। বিস্তীর্ণ পাথরের সমুদ্র পাড়ি দিয়ে যেতে হবে ধলাই নদীর আরেক প্রান্তে। আমাদের সবার গান কেমন লাগলো ভাইয়া? পুতুল জানতে চাইলো।
ভীষণ সুন্দর লেগেছে তবে তোমরা দুজন ঠোঁট মিলিয়েছ কণ্ঠ মেলাওনি। ফাঁকি দিয়েছো, শাহাব হাসতে হাসতে বলল।
গানটা আমাদের জানা ছিল না, শাহরিন আপু ভালো পারেন।
পাহাড়ের সমুদ্র পাড়ি দিয়ে সে ধলাই নদের আরেক প্রান্তে সবাই চলে এলো। এখানে অনেক ট্যুরিস্ট ভিড় করেছে। নেমে পড়েছে ধলাই নদে। পানি অপেক্ষাকৃত কম। বাতাস ভরা টায়ার পাওয়া যায়। পাওয়া যায় লাইফ স্বচ্ছ পানির নিচে পাথরগুলো দেখা যাচ্ছে।
কেউ নামছে কেউ পাথরের ওপর বসে ভাবছে। ভাবার লোকজনের সংখ্যায় বেশি। শাহরিন আইরিন সবার আগে নেমে পড়ে। ডাকতে থাকে তুতুল পুতুলকে। নিরাপত্তার জন্য ভাড়া করে টায়ার। অনেক ভেবেচিন্তে নামে তুতুল পুতুলরা। শাহাব চোখের পলকে হাওয়া।
একটু পর ভাইয়া হেলেদুলে হেঁটে হাজির। পুরো গা ভিজে একসার।
বুঝলে তুতুল পুতুল সাদা পাথরের কান্না একেই বলে। দেখছ না কিভাবে কান্নাগুলো কল্ কল্ ঝরে পড়ছে অনবরত?

নাটাই গাছের কাঁটা

মাছ ধরতে নেমে সায়েম বলতে থাকে আপু আপু এখানে অনেক বড় মাছ আছে। আমার হাতে লেগেছে। সায়েম আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে এই খোরলটাতেই আছে। ইস দুই বার হাত ফসকে চলে গেছে। বড় বোন নাফিসাকে আপু বলেই সম্বোধন করে কথা গুলো বলে আদরের ছোট ভাই সায়েম।

তারা ভাই বোন তিন বছরের ছোট বড় হলেও চলে সমানে সমান। স্কুলে যায় আসে, এক সাথে খেলে আর ঘরের সব কাজ করে। যত কাজই করে মিলে মিশে করে। তাদের বাড়িতে দুটি ঘর। একটি পশ্চিম ভিটায়, আরেকটি পূর্ব ভিটায়। দু’ঘরের মাঝখানে সাদা বড় আঙিনা। আঙিনার কোণে লাগানো পেয়ারা, বাতাবী লেবু, জাম্বুরা আর কাঠাল গাছ মিলে বেশ সুন্দর পরিবেশ। সব সৃজনে কোনো না কোনো গাছে ফুল ফল থাকেই। তাতে তারা নিত্য সুবাস নেয়। প্রতিদিন সকালে সৌন্দর্য বৃদ্ধির কাজ হিসেবে ও মাকে সহযোগিতা হিসেবে উঠানটা ঝাড়– দেয় নাফিসা। সেখানে পাটি বিছিয়ে তাতে বসেই রোজ বিকেলে রাম সাম যদু মধু খেলে, লুডু খেলে আর গল্পের বই পড়ে। তাদের গল্পের আসরে অনেক সময় বড়রাও সামিল হয়।

পূর্ব পাশের ঘর থেকে বিশ ত্রিশ গজ দূরেই বয়ে গেছে ছোট আঁকাবাঁকা খাল। খালটি তাদের পূর্ব ঘরের পুব পাশের জমিনের পূর্ব পাশ আর দক্ষিণ পাশ পর্যন্ত পুরাটাই খালের অংশ। জমিনটার উত্তর পাশ জুড়ে ষাট শতক পুকুরের দক্ষিণ পাড় লাগালাগি অবস্থানে। পুকুরের পুর্ব পাড় ও উত্তর পাড়েও খালে ঘেরাও করা। খালের প্রসস্ততা হবে বড় জোর আট ফিট। তবুও এছুদের ঘরের পাশ দিয়ে বড় খাল হয়ে মেঘনা নদী থেকে এখানে জোয়ার আসে। তবু পানি থাকে স্বচ্ছ। খালে টেংরা, পুঁটি, পাবদা, চিরিং, চিংড়ি, শৈল, কৈ, টাকি, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। অনেকে এসব স্থানে মাছ ধরার টব, ছাই, আনতা, ঝুরি এগুলো বসায়।
সেই খালে তারা দুজনে বর্ষা কালে বড়শি বায়, ঠেলা জাল ঠেলে, শুকনো কালে উপরের গাছ থেকে পড়া পাতাও কুড়ায়। চৈত্র মাসে পুরাটা শুকিয়ে চৌচির হয়ে যায়। মাটি ফেটে থাকায় তখন ম্যাপের মতো দেখা যায়। ঘর আর জমিনের সীমানার ঠিক মাঝখানে একটি তেতুল গাছ, একটি আম গাছ, দুটি নারিকেল গাছ ও একটি নাটাই গাছ আছে। নাটাই গাছটি একেবারে দক্ষিণ পাশ ঘেঁষা। বাড়ির সবচেয়ে উচু ও সীমানা গাছ এটি। বাড়ির পাহারাদার ও বলা চলে। কত ডাল কত শাখা প্রশাখা বিস্তার করে আছে কে জানে, কেউতো বলে এখানে নাকি ভূতও থাকে। নিচে তরতাজা একটি খেজুর গাছের মাথা মেলে আছে। শীত কালে এক বছর পরপর কেটে খেজুরের রস বের করা হয়।

আমাদের অনেকেতো নাটাই চিনেনা। অথচ নাটাই হলো গ্রামের সবচেয়ে সুন্দর কাঁটাযুক্ত গাছের ফল। আর একটা কাঁটাযুক্ত গাছ আছে তার নাম বাবলা গাছ। সেটি সাধারণত রাস্তার ধারে লাগানো থাকে কিন্তু ফল ধরেনা। আরো একটি কাঁটার গাছের নাম মান্দার গাছ, তাতে গোটা যুক্ত থোকা হয়। মান্দার গাছে কেউ উঠতেই পারেনা। নাটাই ফল কিন্তু সীমের মতো একটু বাঁকা হয়, আবার ভেতরে গোটাও হয়। গোটার চারপাশে সাদা যে আবরণটা থাকে তারই স্বাদটা সবাই আলুতালু করে খায়। পাখিরা খায়, খেতে খেতে নিচে পড়ে, জামরুলের মতো রাতে গাছের নিচে ঝরে পড়ে থাকে আর আশ পাশের শিশুরা কুড়িয়ে নেয়। তাই সাধারণত পাকা নাটাই কুড়িয়ে পাওয়া যায় না।

আজ বৃহস্পতিবার, তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছে দুজন। বৃহস্পতিবারে হাফ স্কুল হয়। এমনিতেই স্কুল ছুটির ঘন্টা বাজার পরই তারা সবার আগে হেঁটে হেঁটে বাড়ি চলে আসে। অবশ্য সাথে আরেকটি মেয়েও আসে সে হলো নাফিসার বান্ধবী শাহানা। নাফিসা সুন্দরী, সুন্দর পোশাক পরে। পড়া লিখায়ও ভালো। সায়েম পঞ্চমে শ্রেণিতে রোল এক দুই ওঠা নামা করে, নাফিসা সপ্তমে রোল এক। সে জন্য পাড়ার অনেক ছেলে তার সাথে দুএকটি কথা বলতে চায়, কিনতু পারেনা। সে দ্রুত স্কুলে যায় আর আসে। আসা যাওয়াতে সবার আগে থাকতো বলে নাফিসাকে অন্যান্য ছেলেরা ইঞ্জিন বলতো।

আজ স্কুল থেকে আসার সময় সে দেখলো ঘরের সামনের খালে মাছেরা লাফালাফি করছে। ঘরে এসে জামা কাপড় বদলিয়ে দুজনে চলে গেছে খালে। অল্প সময়ে ছোট ছোট অনেক মাছ ধরেছে। ভাতের একটি পাতিল পানিতে ভাসানো রয়েছে। মাছ ধরে ধরে সেখানে রাখে। মাছ যেন লাফিয়ে পড়তে না পারে সেজন্য কিছু কাঁচা ঘাস মুড়িয়ে রাখা হয়েছে পাতিলের ভেতর।

যেই মাছটি সায়েমের হাতে ধরতে পারেনি সেই বড় মাছটি নাফিসা এসে হাতড়িয়ে ধরতে গেলে মাটির খোরল থেকে বেরিয়ে খালের পানিতে হারিয়ে যায়। মাছেরা খালের পাড়ে মাটি গর্ত করে যেখানে লুকিয়ে থাকে, সেটাকে খোরল বলে। খোরল হাতিয়ে মাছ ধরা গ্রামের সবার শখও বটে। পানির নড়াচড়া পড়ায় পানি ঘোলাটে হয়ে গেছে, কখন যে খোরল থেকে মাছটি বেরিয়ে গেছে কে জানে? খালে তাদের কোমর সমান পানি, দেখা গেলো একটু দুরে একটি কোরাল মাছ লাফিয়ে ওঠলো। তা দেখে সায়েম চিৎকার করে বলল, আপা আপা ঐ যে ওখানে, এটা আমার হাত থেকে পালিয়ে গেছে। নাফিসারও চোখে মুখে মাছ হারানোর ব্যথা। কিন্তু বুদ্ধিতো আছেই। দৌড়ে বাড়িতে চলে গেলো আবার একটি ঠেলা জাল আর একটি উড়ো জাল হাতে ফিরে এলো। খালের পূর্ব কোণে উড়ো জালটি খুঁটি দিয়ে আটকে দিয়ে ঠেলা জাল হাতে নিয়ে পশ্চিম পাশ থেকে ঠেলতে শুরু করে। সাথে সাথে পা দিয়ে দুপাশের পানিকে এতো জোরে জোরে নাড়া দিয়ে যাচ্ছে যেন সাগরের ঢেউ তোলে কোনো জাহাজ আসছে। পানির কি খলখলানি মিষ্টি আওয়াজ।
ঠেলা জালটি মাঝামাঝি পর্যন্ত যেতেই কোরাল মাছটি ঠেলা জালে ঢু মেরে বিপরীত দিকে পালিয়ে যেতে চেষ্টা করছে। ওমনি নাফিসা জালটাকে খালের পাড়ের সাথে লাগিয়ে ছেপে ধরলো। আর মাছটির ছটফটানি কে চায়? দুজনের চিৎকার পাইছিরে পাইছি। বলে আনন্দ করে দুজন। ঘর থেকে মা, জেঠি, চাচী সবাই উপস্থিত। সবার কি মজা! প্রায় তিন কেজি ওজনের হবে মাছটি। লাল হয়ে আছে পিঠের অংশে। জালসহ হাতে পেঁছিয়ে পেঁছিয়ে উত্তর পাশের জমিনে ফেলতেই তাদের আরো জোরে চিৎকার।

পানি থেকে উঠে এসেছে তারা। সারা গায়ে কাদা শাখা, দেখতে একেবারে জেলেদের মতো। সবাই এসে হাসাহাসি করে। তামাশার মধ্য দিয়ে দেখে নিলো হ্যাঁ, ভালোই মাছ পেয়েছে। শুকরিয়া করে আল হামদুলিল্লাহ পড়ে নেয়। মা বলে দিলেন বেশ হয়েছে আজ আর মাছ ধরা লাগবেনা। এগুলো নিয়ে চলে এসো ঘরে। মাছ গুলো ঘরের দিকে পাঠিয়ে তারা পুকুরে নেমে সাঁতার কেটে গোসল করে নেয়। পুকুরে সাতার কাটার মজাই আলাদা।

নাফিসার মনে ওঠে তার বান্ধবী শাহানার কথা। ভালো করে মাছ দিয়ে মেহমানদারী করা যাবে, তাই শাহানাকে দাওয়াত দিবে। মায়ের সাথে পরামর্শ করলে, মাও সায় দেয়। সায়েম মাকে বললো, কৈ মাছ দুটো ভাজি করে দিতে। মা মাছ গুলো নিয়ে রান্না ঘরে গেলেন। ওমনি নাফিসা ভেবে নিলো নাটাই গাছের পাকা পাকা ফল খুবই সুস্বাধু হবে। ভাতের পর নাটাই খাবে আর শাহানাকেও খাওয়াবে। যেই ভাবা সেই কাজ। সায়েমকে বললো ভাই একটি কাজ কর্ গাছে উঠে কিছু পাকনা নাটাই পেড়ে নে। তারপর আমরা এক সাথে খাবো। বিকালে শাহানাকে ডেকে আনবো। সায়েম বোনের কথা মতো পায়ে দড়ি বেঁধে, বিসমিল্লাহ বলে গাছে উঠতে লাগলো। কাঁটা গাছে উঠা কি এতো সহজ! দা হাতে করে উঠতে উঠতে কাঁটা কেটে সমান করে করে তারপর এক কদম এক কদম করে উপরে উঠা। তখন ঠিক দুপুর। রোদেরা খেলা করছে, এ সময় নাকি ক্ষেনের সময়, বিপদ ডানে বাঁয়ে ঘোরে। সায়েম গাছের শীর্ষে ওঠে গেছে, বেশ কিছু নাটাই লগি দিয়ে টেনে টেনে নিচে ফেলেছে। নাফিসা নাটাই কুড়ানোর কাজে ব্যস্ত। টুকরিটা পুরে গেছে। এমন সময় সায়েমের মনে কেন যেন ভয় ভয় লাগছে। একবার নিচে তাকায় আবার উপরে তাকায়। কিন্তু কি থেকে কি হলো হঠাৎ খুব জোরে একটি আওয়াজ হলো যা কোনো গাড়ি উচু রাস্তা থেকে গর্তে পড়ে যাওয়া আওয়াজের মতো বিকট শব্দ, অপর দিকে চিৎকার। নাফিসা পাশে তাকিয়ে দেখে তারই ভাই সায়েম খেজুর গাছের পাশেই মাটিতে পড়ে আছে। নাটাই গাছের সব কাঁটা তার গায়ে বিঁধে আছে। সামান্য একটি গেন্জি গায়ে ছিলো, না হয় পুরা শরীরই শেষ হয়ে যেত। এবার নাফিসার চিৎকার আরো জোরে জোরে দৌড়ে এলেন মা, বাড়ির জেঠি, চাচী সবাই তাকে দেখেতো হায় হায় করছে। এটা কি করলি? সবাই গায়ের সাথে, গেন্জির সাথে আটকে থাকা কাঁটা গুলো টেনে টেনে খুলছে আর কেউ বলে হাসপাতালে নিয়ে যাও, কেউ বলে সাবধানে কাঁটা গুলো খোলো, কেউ বলে সরিষার তৈল মাখো। এরই মধ্যে সায়েমের কান্না কে চায়, সায়েমের মা যা তা বকে দিচ্ছে নাফিসাকে। কিন্তু যা হবার তাতো হয়েই গেল।

আর্থিক দূর্বল ফ্যামেলীর জন্য হাত পা ভেঙ্গে গেলেও রিফুজির লতা আর হাড় ভাঙ্গার লতা বেঁধে দেয়ার চিকিৎসাই গ্রামে প্রাধান্য পায়। তাদেরও অবস্থা তেমন। যেখানে হাস আর মুরগীর ডিম বিক্রি করে নাফিসাদের সংসার চালাতে হয়, সেখানে শান্তনা আর আপসোস ছাড়া কে কি করবে? তাদের কি আর হাসপাতালে নেয়ার সাধ্য আছে? সবাই হাত পা টেনে দেখলো কোনো অঙ্গ ভেঙ্গে গেলো কিনা। দেখা গেলো- না, আল্লাহ রহম করেছেন। যদি কোনো অঙ্গ ভেঙ্গে যেতো? যদি খেজুর গাছের মাঝখানে পড়তো? এ রকম কতো মন্তব্য চলছে। অনেক সময় পর এবার শরীরের কাঁটা দাগ গুলো ফুলে ওঠেছে। কোনো রকমে একটি হালকা চাদর গায়ে জড়িয়ে দিতে দিতে কাঁদছেন মা। চার মেয়ের মাঝে একমাত্র পুত্র এই সায়েম। তারপর কোলে কাঁখে করে মানুষ করছেন, এখন এই অবস্থা। বাবাটা বাড়ি থাকেনা সপ্তাহে একবার মাত্র আসেন। কখনো কখনো মাসেও একবার আসেন না। আসলে একদিন থেকে আবার চলে যান। তাছাড়া সায়েমের বোন রোজিনা যে রোগে রোগে মারা গেলো সে সময়ও বাবা কবরে মাটি টুকু দেয়ার জন্যও আসেননি। কোলে করে ঘরে নিয়ে যাওয়ার সময় ভাবছেন সায়েমের মা। ঘরে নিয়ে জানালার পাশে বসিয়ে দিলেন। জেঠি, চাচীরা ভালো করে পরীক্ষা করে দেখছেন, গায়ে কাঁটা বিঁধে আছে কিনা। মা বিষন্ন মনে রান্না ঘরে গেলেন। একটু পরে এক বর্তন ভাত আর ভাজা বড় কৈ মাছ দুটো তার সামনে এনে দিয়ে বললেন, খা বাবা খা তোর ভাগ্যে ছিলো, কি আর করবি। কয় দিন সময় লাগবে ভালো হতে, এই কয় দিন কষ্ট কর। আমি প্রতিদিন তেল মেখে দেবো, নে খেয়ে নে। আল্লাহ রহম করেছেন। তোর বইন উয্যতি করি সব কাজ করে। এমন ক্ষ্যান দুপুরে কেউ কাউকে গাছে উঠায়? চোর ডাকাত ধরা খেলে মানুষ এ রকম কাঁটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে দেয়। সংসার চালাতে কতো কষ্ট, তার উপর আবার এমন বিপদ। নে খেয়ে নে; বলে আবার রান্না ঘরের দিকে যেতে যেতে বিড় বিড় করে বললেন, শরীরের কোথাও কি কাঁটা ঢুকে আছে কি না কে জানে? খাওয়া শেষে আলোতে নিয়ে ভালো করে দেখতে হবে।

সায়েম হাত নাড়াতে পারেনা, উহ কি ব্যথা। কিন্তু সামনের প্লেটে দেখলো কৈ মাছ দুটা পুরা কাঁচের প্লেট ভরে গেছে। টকটকে ভাজি করা মাছ। জিহবায় পানি এসে যায়। সে ধীরে ধীরে চাদরের নিচ থেকে হাত বের করে “বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ” বলে ধীরে ধীরে খাওয়াটা মুখে দিতে লাগলো। এমন সময় নাফিসা এসে নরম সুরে বললো ভাই আমি কি জানতাম, তুই পড়ে যাবি? আচ্ছা আমি খাইয়ে দিচ্ছি বলে প্লেটে হাত রাখে। আর লোকমা ধরতে ধরতে মুখে বলে থাক কাল তোকে একটা ফুটবল, একটা বেলুন আর চকলেট এনে দেবো। সায়েম কিছুই বলে না।
শুধু ব্যথা যন্ত্রণায় উহ আহ করে।

এই ঈদে বাবার জন্য

ঈদের সব কেনাকাটা শেষ করে বাবা-মা’র সাথে বাসার উদ্দেশ্যে রওনা দেয় মোবারক।
আর মাত্র তিনদিন পর ঈদ। এ বছর একেবারে শেষের দিকে এসে ঈদের বাজার করতে হয়েছে ওদের।
মোবারকের বাবা একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। মাস শেষে যা পান তা দিয়ে কোনোমতে তাদের পুরো মাস কেটে যায়।
এ বছর চলতি মাসের মাঝামাঝি ঈদ হওয়ায় বেতন বোনাস পেতে একটু দেরি হয়েছে।
মোবারকের বাবা আসগর মিয়া সবার পছন্দমতো কেনাকাটা করেন। কেনাকাটা শেষে বাসায় ফিরতে গেলে মোবারকের মা, হোসনে আরা বললেন,
– এই, তোমার জন্য কিছু নিচ্ছো না যে?
– আমার তো পায়জামা-পাঞ্জাবি, জামা-প্যান্ট সব আছে। আর কিছু লাগবে না।
– অন্তত একটা পাঞ্জাবি হলেও নাও।
– না থাক। শুধু শুধু অপচয় করার মানে হয় না। তাছাড়া সামনে অনেক খরচ পড়ে আছে।
– আমাদের সবার জন্য সব কিনে দিলে, তাতে কোনো অপচয় হলো না। আর তোমার জন্য ঈদের নতুন পোশাক নিলে অপচয় হবে। এ কেমন কথা! তার মানে আমাদের জন্য যা যা কিনেছো তাও নিশ্চয়ই অপচয় ভাবছো।
– এ তুমি কি কথা বলছো! নিজের বৌ-বাচ্চার জন্য ঈদের কেনাকাটা করেছি। অপচয় ভাববো কেন? আমার তো সব আছে। ওসব বাদ দাও। তোমাদের আর কিছু লাগলে নিয়ে নাও।
মোবারক বাবার হাত ধরে পাশের একটি দোকানে নিয়ে এসে বলল,
– বাবা, এই পাঞ্জাবিটা তোমার জন্য নাও। খুব সুন্দর। পাঞ্জাবিটা তোমাকে খুব ভালো মানাবে।
মোবারকের এমন আচরণে বাবা অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইলেন।
মোবারক আবার হাত টানতে টানতে বলল,
– বাবা, পাঞ্জাবিটা নাও না। তোমাকে বেশ মানাবে।
আসগর মিয়া মৃদু হেসে হ্যাঙ্গারে ঝুলানো পাঞ্জাবিটা নিজের হাতে নিয়ে ভালো করে দেখছেন। এরপর পাঞ্জাবির গলায় ঝুলানো দামের দিকে গভীর আগ্রহ ভরা চোখে তাকালেন। বিয়াল্লিশ’শ পঞ্চাশ টাকা।
পাঞ্জাবির গায়ের মূল্য দেখে আসগর মিয়ার মুখটা কালো হয়ে যায়। মোবারক বাবাকে হঠাৎ মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, বাবা তোমার আবার কী হয়েছে? এভাবে মন খারাপ করে আছো কেন?
আসগর মিয়া আস্তে করে মোবারককে বললেন,
– না বাবা, আমার পাঞ্জাবিটা আজকে নেয়া সম্ভব হবে না।
– কেন?
– পাঞ্জাবিটার যে দাম তা এ মুহূর্তে আমার কাছে নেই। তাছাড়া তোমাদের জন্য আরও টুকিটাকি কিনতে হবে।
মোবারক মন খারাপ করে বাবার মুখের দিকে তাকিয়ে রইলো।
এদিকে মোবারকের মা সামনে এসে বললেন,
– কি হলো! পাঞ্জাবিটা কি নেয়া হয়েছে?
মোবারক বলল, না মা, পাঞ্জাবিটার দাম নাকি অনেক বেশি। বাবার কাছে এত টাকা নেই। তাই নিতে পারছেন না। মা, বাবাকে পাঞ্জাবিটা নিতে বলো না।
হোসনে আরা স্বামীর চোখে চোখ রেখে জিজ্ঞেস করলেন,
– আর কতো টাকা লাগবে?
আসগর মিয়া গম্ভীর হয়ে বললেন,
– হাজার খানেক টাকা কম আছে।
মোবারক মাকে ফিসফিস করে বলল,
– তোমরা একটু দাঁড়াও। আমি আসছি।
হোসনে আরা স্বামীর সামনে এসে পাঞ্জাবিটা নাড়তে নাড়তে বললেন, বলি, তোমার ছেলের পছন্দ আছে। পাঞ্জাবিটা আমার কাছেও ভালো লেগেছে। তোমাকে মানাবেও ।
– মোবারককে দেখছি না যে? ও আবার কোথায় গেল? রাত অনেক হয়েছে। বাসায় যেতে হবে।
– এমনভাবে বলছো, মনে হয় আমাদের বাসা অনেক দূরে! যেতে পাঁচ মিনিট লাগতে পারে।
– তারপরও।
মোবারক হাঁপাতে হাঁপাতে দোকানে প্রবেশ করলো।
আসগর মিয়া ছেলেকে হাঁপাতে দেখে বললেন, কিরে বাবা, এভাবে হাফাচ্ছিস কেন? আর কোথায় গিয়েছিলে?
মোবারক মাটির ব্যাংকটি বাবার হাতে দিয়ে বলল, এখানে কত টাকা আছে? দ্যাখো। এগুলো আমার ঈদ বকশিশ আর টিফিনের জমানো টাকা।
আসগর মিয়া মাটির ব্যাংকটা হাতে নিয়ে মোবারকের মুখের দিকে একনজর তাকিয়ে মনে প্রশান্তি অনুভব করেন।
এরপর মাটির ব্যাংকটি ভাঙলেন। ৮০০ টাকা।
পাশ থেকে মোবারক বলল,
– বাবা, এখন মোট কত হয়েছে?
– ৩৮০০ টাকা।
মোবারক মন খারাপ করে দাঁড়িয়ে আছে।
এতক্ষণ ধরে দোকানদার ক্যাশবাক্সের পাশে বসে সব লক্ষ্য করেন। তিনি মোবারককে কাছে ডেকে বললেন,তুমি কিছু বলবে?
– না মানে ইয়ে, আঙ্কেল। পাঞ্জাবিটার দাম তো বিয়াল্লি­শ ’শ টাকা। একটু কম হবে কি?
দোকানদার হাসিমাখা মুখে বললেন, তোমাদের কাছে কত টাকা আছে?
– ৩৮০০ টাকা।
– বাবার জন্য যে ভালোবাসা তুমি দেখিয়েছো তাতে আমি মুগ্ধ। এই পাঞ্জাবিতে আমি কোনো লাভ করবো না। পাঞ্জাবিটা আমাদের ৩৫০০ টাকায় কেনা। ৩৫০০ টাকা দিয়ে পাঞ্জাবিটা নিয়ে নাও।
মোবারক খুব খুশি হয়ে বাবাকে বলল,
– বাবা, এবার পাঞ্জাবিটা গায়ে দাও।
আসগর মিয়া ইতস্তত করতে করতে বললেন, না থাক বাবা, পরে এসে নেবো। এখন টাকায় হচ্ছে না।
পাশ থেকে দোকানদার বললেন, ভাইজান, পাঞ্জাবিটা নিয়ে নেন। যার ছেলে বাবাকে এত ভালোবাসতে পারে তার মতো গর্বিত পিতা আর ক’জন আছে। এ পাঞ্জাবিতে আমার লাভ শুধুই এক ছেলের বাবাকে ভালোবাসার দৃশ্য অবলোকন। পাঞ্জাবির ক্রয়কৃত দাম ৩৫০০ টাকা দিলেই হবে।
আসগর মিয়া মোবারকের মুখের দিকে মায়ার চোখে তাকিয়ে পাঞ্জাবিটা পরতে উদ্যত হলেন। হোসনে আরা, মোবারক ও দোকানদার মুগ্ধ চোখে আসগর মিয়ার দিকে তাকিয়ে রইলো। নিমিষে উপস্থিত সবার মনে প্রশান্তির সুবাতাস বইতে থাকে।

মনসুবা জংশন

হঠাৎ স্কুল বাসটা ব্রেক কষে থামে। ছাত্রছাত্রীরা সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ে। কেউ কেউ প্রচ- ব্যথাও পায়। সুজন চেঁচিয়ে বলল, কী হল ড্রাইভার চাচা?’
ড্রাইভার রবিউল ঢোক গিলে বলল, সামনে তাকিয়ে দেখ। কারা যেন রাস্তার উপর গাছ কেঁটে ফেলে রেখেছে। আর একটু হলেতো গাড়ি এ্যাকসিডেন্ট করতো। কাদে পরে আমরা সবাই মারা যেতাম।
ড্রাইভারের কথা শনে সবাই সামনের দিকে তাকিয়ে দেখে সত্যি রাস্তার উপর বড় বড় গাছ কেঁটে ফেলে রাখা হয়েছে। ভয়ে সবাই এ ওর মুখের দিকে তাকায়। সবার চেহারায় আতঙ্কের চাপ ফুটে ওঠে। দুই কিলোমিটার দূরে পাহাড়ের চূড়ায় তাদের স্কুল। রোজ এ পথ দিয়েই বাড়ি ফেরে তারা। সুজন ভয়ার্ত গলায় বলল, ড্রাইভার চাচা শ্রীঘ্রই বাবাকে একটা ফোন দেন।
ঠিক আছে, ড্রাইভার সুজনের বাবকে ফোন করে। সব শুনে সুজনের বাবা বললেন,একদম ঘাবরাবি না। আমি দেখছি কী করা যায়।

রাস্তার এক পাশে বিশাল পাহাড় অন্য পাশে গিরিখাদ। সরু নদী। আশপাশে কোনো বাড়ি ঘর নেই। একটু সামনে মনসুবা জংশন। এখন আর এ স্টেশনে কোনো ট্রেন থামে না। চারদিকে ভাঙ্গা দালান। রেললাইনের পাশ ঘেঁষে বিশাল বট গাছ। বট গাছের নীচে মাতি লালের টং দোকান। আজ দোকান বন্ধ। ঘটনা কী? সুজন বলল,‘বন্ধুরা কেউ ভয় পাবে না। ড্রাইভার চাচা চলুন আমরা আবার স্কুলে ফিরে যাই।’

গাড়ি পিছনের দিকে কয়েক গজ যেতেই দেখে পিছনে ও গাছ কেঁটে ফেলে রাখা হয়েছে। এদের ভিতরে মনোয়ার খুবই ভীতু। সে হাউমাউ করে কাঁদে। ড্রাইভার বলল, আমার মনে হয় কোনো দস্যু দলের কবলে পড়েছি।
চল গাড়ি থেকে নেমে দৌড়ে পালাই আদনান বলল।
এখনো অনেক দূর এতটা পথ দৌঁড়ে যেতে পারবো? রাফি বলল।
তা অবশ্য ঠিক, সুজন দীর্ঘশ্বাস ফেলে।
সময় গড়াতে থাকে। ওরা ক্ষুধায় তৃষ্ণায় অস্থির। ড্রাইভারের চোখে মুখে ভয়ের কোন চাপ নেই। হঠাৎ অস্ত্র হাতে কিছু লোক গাড়ির চার দিকে এসে দাঁড়ায়। এসময় ড্রাইভার দৌড়ে পালিয়ে যায়। একটা গোফ ওয়ালা লোক গাড়ির কাঁচে টোকা দিয়ে বলল, এই সবাই নামো। সবার বাসায় ফোন করেছি। পাঁচ লক্ষ টাকা করে আনতে বলেছি। যদি টাকা না নিয়ে আসে তাহলে তোমাদেকে নিঝুম দ্বীপে নিয়ে ফেলে দিয়ে আসবো। আর তোমাদের কেউ খুঁজে পাবে না।
‘আঙ্কেল কিছু খেতে দিবেন। আমার আবার ভয় পেলে ক্ষুধা লাগে।’ সজিব ঢোক গিলে বলল।
সজিবের কথা শুনে দস্যুরা হা হা হো হো করে হেসে উঠল। একজন দস্যু বলল, তোমরা আমাদের সর্দারের কথা শুনতে পাওনি? নামো গাড়ি থেকে!
এক এক করে সবাই গাড়ি থেকে নামে। লাইন দিয়ে দাঁড়ায়। এক সময় একটা রঙিন গাড়ি উড়ে এসে তাদের সামনে নামে এবং গাড়িটা ওলট-পালট হয়ে একটা রোবটে পরিণত হয়। এ দৃশ্য দেখে সবাই হতচকিয়ে যায়।
রোবট বলল, ভাল চাওতো এখান থেকে চলে যাও। তা না হলে তোমাদের কপালে দুঃখ আছে।
তুমি কিছুই করতে পারবে না চলে যাও দস্যু সর্দার বলল্।
সত্যি! রোবট সামনের দিকে এগুতে থাকে। সুজন ফিসফিস করে বলল, মনে হয় রক্ত ক্ষয়ি একটা যুদ্ধ হবে। চল আমরা সবাই মনসুবা জংশনে যাই।’
হ্যাঁ চল মতিউল বলল।
সবাই মনযুবা জংশনে গিয়ে লুকিয়ে পড়ল। রোবট দস্যু সর্দারের পায়ে গুলি করে বসে। দুস্যু সর্দার চিৎকার করে ওঠে এবং চিৎকার করে বলল, এক্ষুণি গুলি করে রোবটটাকে গুড়িয়ে দে। হাঁ করে দেখদিস কী? ও জানে না আমাদের কত শক্তি?
সব দস্যুরা মিলে রোবটটাকে গুলি ছুড়তে থাকে। মুহূর্তে যুদ্ধ বেঁধে যায়। গুলি এবং পাল্টা গুলি চলে। অনেকক্ষণ কেঁটে যায়। রোবট বলল, আজ থেকে সবাই তোমাকে ল্যাংড়া সর্দার বলবে। কারণ তুমি আর কোনদিন দুই পায়ে ভর দিয়ে হাঁটতে পারবে না। এখন ও সময় আছে পালিয়ে যাও।
না আমরা পালাবো না। আমাদের মিশন কখনো ব্যর্থ হয় না। দস্যু সর্দার রাস্তায় শুয়ে কাতরাতে থাকে। থেমে থেমে গুলি এবং পাল্টা গুলি করে উভয়ই পক্ষ। দুপুর গড়িয়ে বিকেল হয়। রোবটের শরীর ক্ষত বিক্ষত হয়। এভাবে চলতে থাকে।

এক সময় পুলিশ আসে। রোবট বলল, তোমরা বোধ হয় ধরা পড়ে যাচ্ছো।
দস্যু কালু কখনো ধরা পড়ে না। এই যে আমাদের দেখছো এটা আমাদের আসল রূপ না। কারণ আমরা সবাই মুখোশ পড়ে আছি।
ও… রোবট হাসার চেষ্টা করে। তোমাদের আসল সর্দার কোথায় তাকে দেখছি না যে?’
কে আমাদের আসল সর্দার? আমি আসল সর্দার।
পুলিশ গুলি ছুড়তে থাকে। এক সময় সব দুস্য ধরা পড়ে যায়। শেষ মুহূর্তে ড্রাইভার আসে। ড্রাইভার বলল, স্যার আামি রবিউল। আমিই ফোন করে খবর দিয়েছিলাম। তা না হলে আজকে অনেক বড় বিপদ ঘটতে পারতো।
রোবট এগিয়ে এসে রবিউলকে ধরে। রবিউল অবাক হয়ে বলল, আমি আবার কী করলাম?
আমি তোমার মোবাইলে আড়ি পেতে শুনেছি। তুমিই আসল দস্যু সর্দার। রোবট রবিউলকে কোলে করে গাড়িতে তোলে।
আমরা এতদিন তাহলে দস্যু সর্দারকে চিনতে পারিনি কেন? সুজন অবাক হয়ে বলল।
কারণ মানুষ চেনা সহজ না রোবট বলল।
তার কথা শুনে সবাই হেসে উঠল। রোবট একটু দূরে গিয়ে উলট-পালট হয়ে গাড়িতে পরিণত হয়। তারপর উড়ে চলে যায়। সবাই গাড়িতে ওঠে। পশ্চিম আকাশে লাল আভা ছড়িয়ে পড়ে। পাহাড়ি আকাবাঁকা পথ ধরে এগিয়ে চলে গাড়িগুলো। সুজন ও তার বন্ধুরা ক্লান্ত। তাই সবাই এখন ঘুমিয়ে।

সার্কাসে হাতি এলো কেমন করে

হাতিছানা হানি। থাকে জঙ্গলে। দাদুর সাথে। মা-বাবা নেই। শিকারীরা তাদের ধরে নিয়ে গেছে। দাদু তাকে মা-বাবার মতো আদর করেন। ঘুমানোর আগে জড়িয়ে ধরে গল্প বলেন। গল্প শুনে হানি ঘুমিয়ে যায়।
প্রতিদিনের মতো সেদিনও হানি শুয়েছিল দাদুর কোল ঘেঁষে। দাদু শুঁড় দিয়ে আদর করে তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলেন । হানি বলল , দাদু, হচ্ছেটা কী?
দাদু বললেন, তোমার শরীরে শুঁড় বুলিয়ে দিচ্ছি। তুমি ঘুমাও।
হানি একটু রেগে গেল। ঘুম আসবে না আমার।
দাদু অবাক হয়ে বললেন, কেন?
তুমি জানো না?
নাতো!
সত্যিই কি তুমি জানো না?
নাহ্।
হানি অভিমান করে। শুঁড় ফুলায়। ফোঁস করে।
দাদু বলেন, বুঝেছি। আজ তোমার মা-বাবার কথা মনে পড়ছে।
মা-বাবার কথা মনে পড়বে কেন? তুমিই তো আমার মা। তুমিই তো আমার বাবা। তুমিই তো আমার দাদু। তুমিই তো আমার সব। তাহলে অন্য কারো কথা আমার মনে পড়বে কেন?
তাহলে আজ তোমার ঘুম আসছে না কেন ?
কেমন করে ঘুম আসবে? তোমার গল্প না শুনলে আমার কী ঘুম আসে?
দাদু ভাবলেন ঠিকই তো। গল্প না শুনলে হানি ঘুমায় না। এখানে অবশ্যই হানির দোষ নেই। তিনিই তো তাকে এই অভ্যাস শিখিয়েছেন। গল্প বলে ঘুম পাড়ানোর। কিন্তু তিনি এখন করবেন কী? তার পেটে যত গল্প ছিলো, একে একে সব গল্প বলা তো হয়ে গেছে। কাল যেতে হবে বাজারে। একটা গল্পের বই কিনে আনতে হবে। বই পড়ে নাতিকে গল্প শুনাতে হবে। ভাবে দাদু হাতি। আবার ভাবে, সেতো কাল। আজ ঘুম পাড়াব কী করে!
হানি তাড়া দেয়। দাদু।
হুমমম।
তুমি চুপ করে আছো কেন? গল্প বলো। আমি কি ঘুমাবো না?
দাদু ভাবনা থেকে সরে আসেন। নড়েচড়ে উঠেন। হানির শরীরে শুঁড়ের আদর বাড়িয়ে দেন। অবশ্যই! অবশ্যই! আমি গল্প বলবো। তুমি ঘুমাবে।
তাহলে বলো গল্প।
দাদু আবার আটকে যান। কী গল্প বলবে! এক যে রাজা …, না না এই গল্পটা বলেছি। অনেক দিন আগের কথা …..উঁহু এটাও বলেছি। এক যে ছিল রাজকুমার ……ধ্যাৎ, এটাও তো বলেছি। তাহলে, তাহলে?
হঠাৎ দাদুর মনে পড়ে। হাতির গল্পের কথা। মানে নিজেদেরই গল্পের কথা। হাতি কিভাবে মানুষের সার্কাসে গেল!
দাদু বলেন, শোনো। অনেক দিন আগের কথা। জঙ্গলে থাকত আমাদের পূর্বপুরুষরা। তখন তো তারা আরও বড় ছিল । পাহাড়ের মতো। একদিন এক পিঁপড়ে বললো তারা নাকি আমাদের চেয়েও শক্তিশালী! আমাদেরকে কুপোকাত করার ক্ষমতা রাখে তারা! শুনে তো আমাদের পুর্বপুরুষরা তেলে বেগুন জ্বলে উঠলো। বলে কী পুচকে পিঁপড়ে! যার শরীরে পা তোলার আগেই ভর্তা হয়ে মাটিতে মিশে যাবে, সে কিনা শক্তিতে আমাদেরকে কুপোকাত করবে! তাদের আঁতে ঘা লাগল। বলল, চলো তাহলে হয়ে যাক শক্তির লড়াই।
পিঁপড়ে বলল, ঠিক আছে।
একদিন দিনক্ষণ ঠিক করা হলো। জঙ্গলের পাশে বড় মাঠ। মাঠে আয়োজন করা হলো শক্তির লড়াই। কে শক্তিশালী? হাতি না পিঁপড়ে? সব পশুপাখিদের মনে টানটান উত্তেজনা। হচ্ছেটা কী? পিঁপড়ে লড়বে হাতির সাথে! ভয়ঙ্কর কথা। সবাই মাঠে এলো। লড়াই শুরু হলো। হাতি পা ফেলল থপাস করে। পিঁপড়ের গায়ে। পিঁপড়ে ছিল চালাক। আগে গর্ত করে রেখেছিল মাটিতে। হাতি পা ফেলতেই সে ঢুকে গেল গর্ততে। হাতি তো ভাবল, পিঁপড়ে ভর্তা হয়ে গেছে। সে মহাসুখে নাচতে লাগল। শুঁড় দুলিয়ে গান গাইতে লাগল। ওদিকে হাতি পা তুলতেই পিঁপড়ে বেড়িয়ে এলো গর্ত থেকে। চুপিচুপি উঠে পড়ল হাতির গায়ে। ধীরে ধীরে গেল কানের কাছে। তারপর সুযোগ বুঝে ঢুকে পড়ল কানের ভিতর। কামড় দিতে লাগল কুট্টুস কুট্টুস! পিঁপড়ের সুঁড়সুড়ি আর কাপড় খেয়ে হাতি তো বেসামাল। শুধু লাফায় আর চিৎকার করে। ও মাগো, ও বাবা গো! কে ঢুকলো কানের ভেতর? কে কামড়ায় কান?
পিঁপড়ে বলে, আমি পিঁপড়ে।
হাতি বলে, আয় বেড়িয়ে আয়।
পিঁপড়ে বের হয় না। শুধু কামড়ায়। আর কামড়ায়।
পিঁপড়ের কামড় খেয়ে হাতি লাফায় । হাতি আর পারে না। বলে, হার মানলাম পিঁপড়ে, তুমিই শক্তিশালী। আমার চেয়ে তুমিই বেশি শক্তিশালী।
পিঁপড়ে হাতির কান থেকে বেড়িয়ে এলো। সবাই করতালি দিয়ে তাকে অভিনন্দন জানালো। ফুলের মালা পরিয়ে বিজয়ী ঘোষণা করল। তারপর সবাই মাঠ থেকে চলে গেল। শুধু পড়ে রইলো হাতি। লজ্জা আর অপমানে তার মরে যেতে ইচ্ছে করল। এক পুঁচকে পিঁপড়ের কাছে তাকে হার মানতে হলো!
দূরে দাঁড়িয়ে ছিল একদল শিকারী। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতির কা- দেখছিল। হাতির কা- দেখে তারা অভিভূত হলো। তারা ভাবল, এই হাতি ভালো নাচতে পারে। একে ধরে আমরা যদি লোকালয়ে নিয়ে যেতে পারি, তাহলে মানুষকে হাতির নাচ দেখিয়ে অনেক টাকা রোজগার করা যাবে । একজন বলল, কেন পারব না? দেখলি না একটা পিঁপড়ের সাথে হাতি পেরে উঠল না। আমরা তো মানুষ । মাথায় অনেক বুদ্ধি। সবাই চিন্তা করো । নিশ্চয় ভালো একটা উপায় পেয়ে যাবো। তারা বুদ্ধি করে লোহাড় জাল তৈরী করল। জাল ফেলে হাতিকে ধরে ফেলল। নিয়ে গেল লোকালয়ে। হাতিকে দিয়ে মানুষকে সার্কাস দেখাতে লাগল। সেই থেকে যে শুরু হলো আমরা আজও সার্কাসে হাতি দেখতে পাই।

মফিজ মিয়ার ঈদ আনন্দ

মফিজ মিয়াকে গ্রামের সবাই পাগলা মফিজ, জোকার মফিজ বা তারছেঁড়া মফিজ নামেই বেশি চেনে। তার বাপ-দাদার দেয়া নাম মফিজুর রহমান সে অনেক আগেই ডুবে গেছে। ছেলে-নাতিরাও বোধহয় তার প্রকৃত নাম এখন আর জানে না। আসল নাম জানতে হলে তাদেরকে জাতীয় পরিচয়পত্রের মুখাপেক্ষী হতে হবে। তার চাল-চলন, বেশভূষা আর স্বভাব চরিত্রের কারণেই বাল্যকাল থেকে গ্রামবাসী তার নামের সাথে উপরোক্ত বিশেষণ যোগ করে।

মফিজ মিয়া স্বভাবে কিছুটা হাবাগোবা টাইপের লোক। এমনিতো নাচুনে বুড়ি আরো পড়ছে ঢোলের বাড়ি টাইপের পুরোপুরি। নিজ ভালোমন্দ বোঝে না। নিজের বিবেক-বুদ্ধি খরচ করে কোনো কাজ করে না। সবসময় অন্যের কথায় পরিচালিত হয় সে। মানুষের প্রশংসা শুনলেই খুশি হয়ে যায়। গর্বে তার বুক ফুলে ওঠে। কোনটা যে প্রশংসা আর কোনটা অপমান সে বুঝ এই বৃদ্ধ বয়সেও তার আসেনি। পাম দিলেই তিনি খুশি। বাচ্চা ছেলে হতে শুরু করে আশি বছরের বৃদ্ধও তাকে নিয়ে মজা করে, হাসি-ঠাট্টা করে। কিন্তু তাতে মফিজ মিয়াকে কেউ কোনোদিন আপত্তি করতে দেখেনি, বরঞ্চ মফিজ মিয়াও তাদের সাথে সমানতালে অংশগ্রহণ করে।

সারাজীবন বসে বসেই কেটে গেছে তার। ছিল এক বাপের এক সন্তান। উত্তরাধিকার সূত্রে বাপের অঢেল ধন-সম্পদের মালিক হয়েছে সে। একবার জমি বেচবে, ৪-৫ বছর বসে বসে খাবে। সারাদিন আড্ডা দিয়েই কাটায়। চা দোকানে কেটে যায় তার দিনের অধিকাংশ সময়। সবার সাথে গল্প গুজব করে বেশ মজা পায় সে। বন্ধু-বান্ধবদেরও চা নাশতা খাওয়ান তিনি। জমি বেচে যে টাকা পান তার অর্ধেক টাকা তার পান সিগারেট খেয়েই খরচ করেন তিনি। ধর্মে-কর্মে তেমন একটা দেখা যায় না তাকে। তবে শুক্রবার দিন আগের কাতারে মসজিদে থাকেন ।

একেকবার একেক রকম পাগলামি পেয়ে বসে মফিজ মিয়াকে। আর এসব কাজে মাত্রাতিরিক্ত উৎসাহ যোগায় তার কিছু দুষ্টু বন্ধু। তারা একেকবার একেক রকম দুষ্টু বুদ্ধি দিয়ে তার টাকাপয়সার বারোটা বাজায়। এতে তারা নিজেরাও কিছুটা আর্থিকভাবে লাভবান হতে পারে। কিছু দুষ্টু লোক আছে, যারা সবসময় মফিজ মিয়ার আশেপাশে লেগেই থাকে। কিভাবে মফিজ মিয়াকে বিপদে ফেলা যায়-এ চিন্তা করেই দিন কাটে তাদের। মফিজ মিয়াকে বিপদে ফেলতে পারলে তারা আড়ালে আড়ালে হাত তালি দেয়। মজা লুটে। এই তো কিছুদিন আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা সবাই তাকে মেম্বার পদে দাঁড় করিয়ে দেয়। তারা সবাই মফিজ মিয়াকে নানাভাবে বোঝাতে থাকে। একজন বলল, দোস্ত মেম্বার হতে পারলে অনেক লাভ, অনেক সম্মান। সবাই তোকে সালাম দিবে। যেখানেই দেখবে সবাই চেয়ার ছেড়ে দিয়ে বসতে দিবে। এলাকায় শালিস বিচার করে বেড়াবে তুমি।
পাশের আরেক বন্ধু বলল, শোন মিয়া মেম্বার হলে সরকারি রিলিফ আসবে, গম আসবে এগুলো জনগণের কাছে বিলি করবে তুমি। যেখানে যাবে সেখানেই সম্মান করবে মানুষ। সভা সমিতিতে প্রধান অতিথি হিসেবে দাওয়াত পাবে।
এসব কথা শুনে মফিজ মিয়া মুহূর্তেই নির্বাচনে দাঁড়াতে রাজি হয়ে যায়। হাজার হাজার পোস্টার ছাপিয়ে সারা গ্রামে সাঁটিয়ে দেয় তার বন্ধুরা। ৪-৫টা রিকশা ভাড়া করে মাইক বাজিয়ে মফিজ মিয়ার পক্ষে প্রচার প্রচারণা চালানো হয়। মফিজ মিয়া জীবনেও ভোটে জিততে পারবে না একথা গ্রামের সকলেই জানত। মেম্বার হবার যে যোগ্যতা দরকার তার বিন্দুমাত্র যোগ্যতাও তার কোনোদিন ছিল না। তবুও তার বন্ধুরা শুধু নিজেদের পকেট গরম করার জন্যই তাকে ভোটে দাঁড় করায়।

এত প্রচার প্রচারণার পরও দেখা গেল মফিজ মিয়ার ভোট সর্বসাকুল্যে পাঁচ। হিসেব কিছুতেই মেলাতে পারছে না মফিজ মিয়া। তার পরিবারের সদস্য সংখ্যাও দশজন। তাছাড়া আরো আছে বন্ধু বান্ধব, যারা তাকে ভোটে দাঁড় করিয়েছিল। মফিজ মিয়ার হিসেবে তার যে জনপ্রিয়তা, অন্ততপক্ষে পাঁচশ ভোট হলেও সে পাবার কথা।

ভোটে হারার শোক কিছুতেই কাটিয়ে উঠতে পারছে না মফিজ মিয়া। ভোট উপলক্ষে অনেক টাকা নগদে খরচ করেছে সে। কাজের কাজ কিছুই হয়নি। উল্টো আরো জমানো সব টাকা শেষ হয়ে গেছে। এখন তিনি রিক্তহস্ত। এদিকে জমিজমা বিক্রি করার মতোও এখন আর সে অবস্থা নেই। জমি বেচতে বেচতে এখন শুধু ঘরভিটা বাকি আছে তার। যে বন্ধুরা ভোট করিয়েছিলেন তাদের একজন এসে তাকে বোঝাতে চেষ্টা করেন। হাসতে হাসতে বলতে লাগল, দোস্ত নির্বাচনে যদি কারচুপি না হতো তাহলো তোর বিজয় কেউ ঠেকাতে পারত না। প্রতিপক্ষ প্রার্থীর টাকা খেয়ে তোকে হারানো হয়েছে।
মফিজ মিয়া মূর্খ মানুষ। কারচুপি কী সেটা বোঝে না। বুঝতে চেষ্টাও করে না।
দিন যায়। মাস যায়। দেখতে দেখতে চলে আসে ঈদ। এবার মফিজ মিয়ার বন্ধুরা তাকে নিয়ে মেতে উঠে আরেক খেলায়। সবাই তাকে বোঝাতে থাকে নির্বাচনে জিততে হলে জনসেবা করতে হয়। গরীব-দুঃখীর সেবা করতে হয়। মানুষের মন জয় করতে হয়। তারা মফিজ মিয়াকে বোঝাতে থাকে-এই ঈদেই জনসেবা করার সুবর্ণ সুযোগ আছে। ঈদে যদি এলাকার গরীব-দুঃখীদের নতুন জামাকাপড় এবং কিছু সেমাই চিনি কিনে দেয় তাহলে সারা গ্রামে তার সুনাম ছড়িয়ে পড়বে। মফিজ মিয়া সহজ সরল মানুষ। তাদের এত চালাকি বুঝতে পারেন না তিনি। ভালো মন্দ না ভেবে রাজি হয়ে যান তিনি। কিন্তু সমস্যা হলো টাকার। ভোটে টাকা খরচ করে এখন তার পকেট একেবারেই খালি। বন্ধুরা পরামর্শ দিলো হাল চাষের জন্য যে দুটি বলদ আছে সেগুলো বিক্রি করে দেয়ার জন্য।

গরু বিক্রির কথা শুনেই মফিজ মিয়ার স্ত্রী তেলেবেগুনে জ্বলে উঠলেন। ছেলেমেয়েরাও বাধা দিলেন। বৌ দাঁত মুখ খিঁচে ভেংচি কেটে বললেন,
এই গরু পালতেছি কুরবানি দেয়ার জন্য। তোমার জনসেবার জন্য না।
নাতিপুতিরাও দাদীকে সমর্থন দিয়ে বলল,
এই গরু দিয়েই এবার আমরা কুরবানী করব।

মফিজ মিয়ার মন খারাপ। কোনোভাবেই টাকার বন্দোবস্ত করতে পারছে না। বিষণœ মনে দোকানে বসে আছে। এমন সময় দোকানে ঢুকল তার বন্ধুরা। সে বিস্তারিত খুলে বলে বন্ধুদের কাছে। সব শুনে বন্ধুরা বলল বৌ ছেলেমেয়ে কাউকে না জানিয়ে চুরি করে গরু বিক্রি করে দিতে। প্রথমে ইতস্তত করলেও পরে তাদের চাপাচাপিতে রাজি হয়ে যায় মফিজ মিয়া।

ঈদের আর দুই দিন বাকি। গ্রামের বড় আমগাছটার সামনে বিশাল খোলা মাঠ। সেখানে রংবেরঙের শামিয়ানা টানানো হয়। সুন্দর করে সাজানো হয় মঞ্চ। গ্রামের দুঃস্থদের ঈদ সামগ্রী ও ঈদের জামা বিতরণ করবে মফিজ মিয়া। বিশাল লম্বা লাইন। যাদেরকে দান করা হবে আগেই তাদেরকে টোকেন দেওয়া হয়েছে। তাই লাইন লম্বা হলেও ঝামেলা কম। একে একে সবাইকে দেয়া হলো নতুন জামা ও সেমাই চিনি। এগুলো পেয়ে তারা খুব খুশি। তাদের চোখেমুখে আনন্দ যেন ঠিকরে পড়ছিল। কেউ এসে মফিজ মিয়াকে সালাম করছে। কেউ এসে করছে কোলাকুলি। কেউ তাকে জড়িয়ে ধরে খুশিতে কান্না করছে। গ্রামের সম্মানী লোকেরা মফিজ মিয়ার এমন মহতী উদ্যোগের প্রশংসা করতে লাগল। এতসব কা- দেখে তো মফিজ মিয়ার চোখ কপালে উঠে যাবার উপক্রম। খুশিতে তিনি আত্মহারা। এলাকার গরীব দুঃখীদের খুশি দেখে তার দুচোখ বেয়ে আনন্দ অশ্রু গড়িয়ে পড়তে লাগল। পবিত্র ঈদে এলাকার গরীব দুঃখীদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে তিনি খুব গর্বিত মনে করলেন। ধন্য মনে করলেন। মনে মনে ভাবতে লাগলেন, নির্বাচনে জিতি আর হারি, গরীব দুঃখীদের পাশে দাঁড়ানোর চেয়ে বড় আনন্দ আর কিছুই নেই।