“জ্ঞান মেধা আর দক্ষতায়
নিজকে গড়ি সততায়”
এই স্লোগানকে প্রতিপাদ্য করে গত ৩ এপ্রিল থেকে ৬ এপ্রিল গাজীপুরের বাহাদুরপুরে অবস্থিত রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের আয়োজনে ৪র্থ থেকে অনূর্ধ্ব ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয় ৩য় স্প্রিং ক্যাম্প-২০২৬।
৪ দিনব্যাপী এই ক্যাম্পে সারাদেশ হতে প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৬টি রেজিমেন্টে বিভক্ত করা হয়। জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করে রেজিমেন্টের নামগুলো জুলাই শিশু শহীদদের নামে নামকরণ করা হয়; শহীদ জাবির ইব্রাহিম, শহীদ ফারহান ফাইয়াজ, শহীদ তাহমিদ ভূঁইয়া, শহীদ আব্দুল আহাদ, শহীদ শাহারিয়ার খান আনাস এবং শহীদ গোলাম নাফিজ রেজিমেন্ট। পাশাপাশি সংগঠক রেজিমেন্টের নামকরণ করা হয় জুলাইয়ের আইকনিক শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের নামে।
ক্যাম্পের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মো. জাকারিয়া হোসাইন পিএসসি. (অব:), ক্যাম্পের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় খেলাধুলা ও ব্যায়াম উপদেষ্টা, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এ.কে.এম বদরুদ্দোজা।
ক্যাম্পের সমাপনী অধিবেশনে আনুষ্ঠানিক কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেলার অ্যাসোসিয়েশন (রাওয়া) এর সভাপতি কর্নেল মোহাম্মদ আবদুল হক, পিএসসি (অব.)। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের কাউন্সিলর, আসরের প্রাক্তন প্রধান পরিচালক হাসান মুর্তাজা।
চার দিনব্যপী স্প্রিং ক্যাম্পে অংশগ্রহণকরীরা আলোর ভুবন, জীবন পথের গান, মেধা যাচাই, শরীরচর্চা ও মাঠের কাজ, চ্যালেঞ্জিং আওয়ার, ফাস্ট এইড ও সিভিল ডিফেন্স, শিশু পার্লামেন্ট এর মতো বিভিন্ন শারীরিক ও মানসিক দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করে।
চার দিনব্যাপী এই ক্যাম্পে ফিল্ড ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন ফুলকুঁড়ি আসরের অফিস সম্পাদক অগ্রপথিক মো. মাহফুজুর রহমান, ডেপুটি ফিল্ড ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা মহানগরী দিশারী শাখার পরিচালক সাইয়েদ কামরুল আহসান গালিব এবং ও ফরিদপুর শহর শাখার পরিচালক মো. মাশরুফ।
ক্যাম্পে চার দিনের কার্যক্রমের উপর নির্ভর করে শ্রেষ্ঠ রেজিমেন্ট হিসেবে মনোনীত হয় জুলাই শিশু শহীদ শাহারিয়ার খান আনাস রেজিমেন্ট। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে ময়মনসিংহ মহানগরীর ফুলকুঁড়ি বন্ধু অগ্রপথিক মোবাশ্বির এবং বেস্ট ডেলিগেট মনোনীত সুনামগঞ্জ জেলার ফুলকুঁড়ি বন্ধু নাজমুস সালেহীন।
উল্লেখ্য, ফুলকুঁড়ি আসর ২৮ সেপ্টেম্বর ১৯৭৪ সাল থেকে একতা, শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য ও সেবা- এই ৫টি আদর্শকে ধারণ করে দেশব্যাপী শিশুকিশোরদের শিক্ষা ও শরীরচর্চামূলক কর্মসূচির মাধ্যমে মেধা বিকাশে কাজ করে যাচ্ছে।



