কাপ বিজয়ী খোকা

0
0
কাপ বিজয়ী খোকা

রাত দুপুরে নিঝুম ঘরে দিচ্ছিলো সেই ঘুম
অমনি শোনে খেলার মাঠে চলছে খেলার ধুম।

আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে তুমুল কাড়াকাড়ি
গ্যালারিতে হৈ হুল্লোড়, চলছে বাড়াবাড়ি।

কারোর পায়ে সোনার জুতা মাথায় রঙিন ফিতা
সবার মনেই একই আশা কেবল খেলায় জিতা।

বিশাল বড় খেলার মাঠে উপচে পড়া ভিড়
সবাই বলে আসছে খোকা মস্ত বড় বীর।

গায়ে তাহার নীল সাদা বা হলদে রঙের জামা
ভিড়ের ভেতর দেখতে খেলা আসছে খোকার মামা।

হঠাৎ দেখে রোনালদো আর মেসি তাহার পাশে
খোকার খেলা দেখে তারা মুগ্ধ হয়ে হাসে।

এমবাপ্পে বলছে খোকা ধরো তো দেখি বল
খোকা বলে সামনে যে কেউ আসুক তবে চল।

বাঁ পা দিয়ে কাটিয়ে নিয়ে যাচ্ছে খোকা তেড়ে
গোলপোস্টে যাচ্ছে ছুটে মেসির পাশটা ছেড়ে।

সামনে দেখে গোলরক্ষক দশাসই এক লোক
দেখতে যেন হাতির মতো লাল রঙা দুই চোখ।

খোকা কি আর ডরায় তারে? ওরে বাপরে বাপ!
পা কষিয়ে মারলো খোকা অ্যাব্বড়ো এক লাফ।

ধপাস করে খাট থেকে সে মেঝের ওপর পড়ে
কেউ কি কাছে আছে নাকি ? কে এসে যে ধরে?

জেগে উঠে আবোল তাবোল খোকা বলে তবে
গোল হয়েছে কাপটা এবার আমাদেরই হবে।

হেসেই কুটি বাবা বলেন সাবাস আমার মেসি!
স্বপ্নে হলেও গোল হয়েছে এইতো অনেক বেশি।

খোকা তখন লজ্জা পেয়ে মুখ লুকিয়ে নিয়ে
আবার ঘুমায় বালিশটাকে বিশ্বকাপ বানিয়ে।