হিমেল

 

হিমেল তুমি হিমেল হাওয়ায় মিলিয়ে গেলে
সন্ধ্যাকাশের জ্বলজ্বলে ঐ তারার মতো
তোমার জ্যোতি খুঁজে বেড়াই অবিরত
মিলিয়ে গেলে, সুবাস যত বিলিয়ে গেলে।

তোমার বুকে ঘুনপোকারা ঘর বেঁধেছে
হয়নি সময় ঘুনপোকাদের খবর নেবার
নিজের দিকে একটুখানি নজর দেবার
কুঁড়িরা তাই সমস্বরে আজ কেঁদেছে।

তোমার ভেতর গোলাপ ছিল প্রস্ফুটিত
এমনি হাজার গোলাপ ফুটুক বনে বনে
চাইতে বলেই কাজ করেছো আপন মনে
সহস্র বীজ তোমার হাতে অঙ্কুরিত।

যাবেই যখন, একটু না হয় বলেই যেতে
আরেকটিবার মুগ্ধ হয়ে সুবাস নিতাম
পাপড়ি ছুঁয়ে আরেকটিবার আদর দিতাম
‘বিদায় ভাইয়া’ বলে না হয় চলেই যেতে!

তোমার জন্য পিতা-মাতার টান ছিল খুব
ওপার থেকে তারা বুঝি কান্না শোনে
খোকার আগমনের জন্য প্রহর গোনে
অসময়ে এইভাবে কি তাই দিলে ডুব!!

বিদায় হিমেল, বিদায়, আবার দেখা হবে
জান্নাতের এক উচ্ছ্বসিত মিলনমেলায়
আগুন ঝরা পুষ্পিত এক ফাগুন বেলায়
সেদিন তোমার বইয়ের মোড়ক খোলা হবে।

প্রকাশকাল : অক্টোবর ২০২৪