শেষ হাসি হাসবে কে সে

0
7

চারটি বছর পরে আবার ভিড়লো সবাই এসে
উত্তর আমেরিকা মহাদেশের তিনটি দেশে।
উৎসাহ আনন্দ সকল আসলো কয়ে-বলে
বাজলো ধ্বনি-ঘণ্টাখানা নন্দিত ফুটবলে।

বিশ্বকাপের অপূর্ব সেই বসছে আসর পেতে
ফুটবলে আজ এই জগতের উঠলো সবাই মেতে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো শহরে
দুই কুড়ি আট দেশ একটি মিশেছে বহরে।

মেক্সিকোরই এস্তাদিও অ্যাজটেকা মাঠটাতে
উদ্বোধনীর জমকালো সে রঙিন আসর পাতে।
সবুজ মাঠে বল গড়ালো শুরু বিশ্বকাপ
বাইশজনে এক বলটা নিয়ে ছড়ায় সে কী তাপ!

ফেভারিট দল গোল খেলে কেউ উঠছে ক্ষোভে রেগে,
বিশ্বকাপে মজেছে কেউ কাজ ছেড়ে, রাত জেগে।
কট থ্রু পাস করে মাঠে যায় খেলোয়াড় লড়ে
এই উত্তাপ ছড়িয়ে পড়ে বিশ্ববাসীর ঘরে!

হাট ঘাট অফিস কাঁপে বিশ্বকাপের তর্ক ঝড়ে
চৌদ্দ ইঞ্চি টিভির মাঠে দর্শকে যায় ভরে।
দেখবো সেরা নৈপুণ্যে কে জোয়ারে যায় ভেসে
নিউ জার্সির মেটলাইফে শেষ হাসি হাসবে কে সে!

প্রকাশকাল: জুলাই ২০২৬