স্বাধীনতা তুমি স্বাধীনতা

0
2

নিবিড় নদীর ধারা বয়ে যেতে যেতে
টেনেছিলো তোমাকে কাছে
মাটির অন্তর থেকে ফুটে ওঠা প্রাণ
ধানের সবুজ আশীষ
বারবার ডেকেছে তোমাকে
পাখির প্রতিটি ডানা জনপদে উড়ে
ছড়িয়েছে তোমার খবর

স্বধীনতা তুমি স্বধীনতা

ক্ষেতের কিনারে চাষি গালে হাত দিয়ে
বসেছিলো একা একা
তোমার জন্য বুলেটে গোলাপে
কত কী যে মাখামাখি

কবিতার সব শব্দে শব্দে কালবৈশাখি ঝড়
গানের পৃথিবী সঙ্গীন হাতে
যুদ্ধের মহাকাব্য
প্রতি ঘরে ঘরে আকুল ব্যাকুল রক্তেরা টগবগ

স্বধীনতা তুমি স্বধীনতা

আসে আহ্বান যুদ্ধের ডাক
ঈশা খাঁ কালুরঘাটে
আসে আহ্বান যুদ্ধের ডাক
শরীয়তুল্লাহ জাগে
কত যে কাহিনি তিতুর বাহিনী
টেকনাফ তেঁতুলিয়া
পাললিক মাটি ইস্পাত হয়ে ওঠে

স্বধীনতা তুমি স্বধীনতা

তুমি তো আমার বুকের মধ্যে আলোকের ফুলঝুরি
তুমি তো আমার হাসন লালন পাগলা কানাই নদী
তুমি তো আমার ধানের কবিতা মেঘনার পেলবতা

স্বধীনতা তুমি স্বধীনতা

প্রকাশকাল: ডিসেম্বর ২০২৫