এই গল্প
একটি না ফোটা কুঁড়ির
পাখিদের গানে মুখরিত এক
সোনালি স্বপ্নপুরীর।
এই গল্প
শিশিরে শিশিরে শিহরিত হওয়া
সঙ্গীত শেফালির
শত প্রভাতের সৌরভ মাখা
সুবর্ণজয়ন্তীর।
এই স্বাধীনতা সুনীল আকাশ
ঢেকে গিয়েছিল মেঘে
সাঁঝের কিনারে পিদিম জ্বেলেছে
মালিরাই জেগে জেগে।
তুলির আঁচড়ে মূর্ত করেছে
ফিকে হয়ে যাওয়া নীল
অববাহিকার সকাল সহসা
সোনা রোদে ঝিলমিল।
এই গল্প
স্বচ্ছ জলের অতলে ছড়ানো
বর্ণালি সব নূরীর
শত প্রভাতের সৌরভ মাখা
সুবর্ণজয়ন্তীর।
এই পথে যাবো, যাবে কি বন্ধু
হেসে গেয়ে বহুদূর
সুবাসিত হবে সাত মহাদেশ
সাতটি সমুদ্দুর।
কর্ণে কর্ণে ঢেলে দিয়ে যাবো
বর্ণালি সব গান
নতুন শব্দে লেখা হবে আজ
স্বর্ণালি অভিধান।
মহাকাব্যের সূচনা শুনতে
আজ এই আয়োজন
নতুন সাথীরা করবে নতুন
মোড়ক উন্মোচন।
এই গল্প
নীল নীলিমায় স্বপ্ন ছড়ানো
হাওয়াই মিঠাই ঘুড়ির
শত প্রভাতের সৌরভ মাখা
সুবর্ণজয়ন্তীর।
প্রকাশকাল: নভেম্বর ২০২৪

