গৃহলতা

0
0

ঈদের দিনে জিদ ধরি না আর
কানে আমার বাজে না সেই
মায়ের অলঙ্কার।

কেউ বলে না খাও
পাতের ভেতর ঠান্ডা হলো
কোর্মা ও পোলাও।
কোথায় যেন মন চলে যায়
মেঘের ওপর ভেসে
দুয়ার ধরে দাঁড়িয়ে আছে
মাতৃছায়া এসে।
ছায়া কেবল ছায়া
ছায়ার ভেতর বসত করে
চিরকালের মায়া।

মায়ার মোহে মুগ্ধ আমি
মায়ায় ডুবে থাকি
মায়ার ঘোরে বন্দি আমি
নিজকে বেঁধে রাখি।

বখতিয়ারের ঘোড়াকে টগবগিয়ে ছুটিয়ে চলা কবি আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন। সোনালি কাবিন, মায়াবী পর্দা দুলে ওঠো, বখতিয়ারের ঘোড়া, মরু মূষিকের উপত্যকা তাঁর সেরা কাজসমূহের মধ্যে উল্লেখযোগ্য। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এ কবি আমৃত্যু জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের শিক্ষা-সাহিত্য উপদেষ্টা ছিলেন। ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।

প্রকাশকাল: মার্চ ২০২৫