সবজান্তার উত্তর

0
5

প্রশ্ন : ১
প্রিয় সবজান্তা ভাইয়া,
আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি?
অনেকদিন পর ঠাকুরগাঁও থেকে তোমাকে প্রশ্ন
পাঠালাম। প্রশ্নের উত্তরগুলো চটপট দিয়ে ফেলো।
দেখি তুমি পারো কি না?
১) তোমার বয়স কত?
৩) কাঠঠোকরা প্রতি সেকেন্ডে কয়বার ঠোকর দিতে
পারে?
৪) তোমার রক্তের গ্রুপ কী?
৫) মশার দাঁত কয়টা?
৭) কোন দেশে একটিও নদী নেই?
৮) গিরগিটির জিহ্বা তার দেহের চেয়েও বড় কেন?
৯) হাবা মোহন কবে বুদ্ধিমান মোহন হবে?
১০) তুমি সবসময় সবার কাছে দাওয়াত চাও কেন?
উত্তর দিতে পারলে ঠাকুরগাঁও এ তোমার দাওয়াত।
বলো তুমি কী খেতে পছন্দ করো? ঠাকুরগাঁও আসলে
আমি নিজে রান্না করে খাওয়াবো তোমাকে। ধন্যবাদ
তোমাকে।
আল্লাহ হাফেজ।

অগ্রপথিক মুশীরে এলাহী তানজীম
নবম শ্রেণি, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়।

সবজান্তার উত্তর : ১
ওয়া আলাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো
আছি। প্রশ্ন পাঠানোর জন্য তোমাকে ধন্যবাদ।
১. মাসিক ফুলকুঁড়ির বয়স যত, আমার বয়সও ততই।
২. এমনিতে ১৭ বার কিন্তু রেগে গেলে ২০ বার।
৩. নাহ। আমার রক্ত গ্রুপিং, মারামারির মধ্যে নাই।
৪. কেন? তুমি কি মশার জন্য ব্রাশ তৈরির কারখানা
দিবে? ওদের দাঁত কিন্তু আমাদের চেয়ে ১৫টা করে
বেশি।
৫. সৌদি আরবসহ অনেক দেশেই নদী নেই।
৬. কী করবে! ও তো জিহ্বা দিয়েই দূরের খাবার ধরে।
৭. ওর নাম হাবা হলে কী হবে! ও তো তোমাদের বুদ্ধি
নিয়েই খেলে!
৮. কী করবো বলো! ফুলকুঁড়িরা এখন কিপ্টে হয়ে
যাচ্ছে! দাওয়াত না চাইলে নিজে থেকে দাওয়াত দেয়-ই
না।
দাওয়াত দেয়ার জন্য তোমাকে আবারো ধন্যবাদ। তবে
আগে তুমি কী কী আইটেম ভালো রাঁধতে পারো, তা
জানাও। তাহলেই না মেনু সিলেক্ট করে বলতে পারবো!

প্রশ্ন : ২
ঈদ মুবারক জান্তা ভাইয়া,
ঈদের সালাম জেনো,
ঈদের দিনে ডায়েট রুটিন
শক্ত করে মেনো।
কোমরে থাকা বেল্টটাকে ভাই
বেঁধো শক্ত করে,
নিয়ন্ত্রণের চেষ্টা করো
সারাটা দিন ধরে।
তোমার তো ফের খাওয়ার বাতিক
শুধু দাওয়াত চাও,
এতো খাবার রাখার জায়গা
কোথায় তুমি পাও?
খাবার বাবদ কত টাকা
খরচ করো দিনে?
ক’দিন তুমি থাকতে পারো
দাওয়াত খাওয়া বিনে?
সবার দাওয়াত খুব তো খেলে
আমার দাওয়াত কবে?
কবে, কোথায় আসবো বলো
ভক্তসমাজ সবে?

খন্দকার তাহসীন
ঢাকা।

সবজান্তার উত্তর : ২
ঈদের দিনে ডায়েট ফায়েট!
বলছেটা-কী খোকা?
স্বাদের খাবার মিস করে কি
খাবো শুধুই ধোঁকা?
বেল্টটা দিবো লুজ করে
খাবার খাবো পেট ভরে
ফিরনি সেমাই যত
তোমার বাড়ি হানা দেবো
বুঝবে মজা কতো!
সকল খাবার সাবাড় করে
সবাই যখন আসবো ফিরে
দুঃখ অনেক পেয়ে
কাঁদবে তুমি শূন্য পাতিল
হাঁড়ির দিকে চেয়ে।
আমার আবার খাবার খরচ?
কেমনে হবে বলো?
দাওয়াত খেয়েই পাই না দিশা!
তুমিও খাবে? চলো!

[সবজান্তাকে ছন্দে ছন্দে ইচ্ছেমতো প্রশ্ন করতে পারো তুমিও! তোমার প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছে সবজান্তা।]

প্রকাশকাল: মার্চ ২০২৬