প্রশ্ন : ১
ফুলকুঁড়িরা প্রশ্ন পাঠায়
চিঠির পিঠে চিঠি,
জবাব ছাড়াই হাসো কেন
শুধুই মিটিমিটি?
দাওয়াত চাওয়ার বাতিক তোমার
থামছে না তো দেখি,
মেজবানি আর বিরিয়ানি সব
তোমার কাছে একই?
শুনলাম তোমার বেল্টটা নাকি
সত্যিই গেছে ছিঁড়ে?
ভুঁড়িটা নাকি আটকে যাচ্ছে
মেট্রোরেলের ভিড়ে?
ঠাকুরগাঁওয়ে দাওয়াত দিলে
আসবে কি ভাই সত্যি?
নাকি শুধুই গলাবাজি
খাবে না এক রত্তি?
পেটুক এবং জ্ঞানী কী ভাই
একই মুদ্রার পিঠ?
জবাব দিতে গিয়ে তুমি
খেয়ো না ফের ফিট!
–আলিফ
ষষ্ঠ শ্রেণি, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়
সবজান্তার উত্তর : ১
ফিট খাবো তোমার এই প্রশ্নেই?
জান্তাকে ভাবোটা কী?
না তোমার হুঁশ নেই?
বড় কম্পিউটারে
বিদ্যুৎ বেশি লাগে
জানো না?
জান্তা তো বেশি খাবে
দাওয়াতও যে বেশি পাবে
মানো না!
ঠাকুরের গাঁও-এ গেলে
কী খাওয়াবে, শুনি?
মজার খাবার হলে
যাবো এখখুনি!
ভুঁড়ি হয় অলসের
বসলে যে নড়ে না
জান্তা যতই খাক
ভুঁড়ি তাকে ধরে না।
প্রশ্ন : ২
প্রিয় সবজান্তা ভাইয়া, আসসালামু আলাইকুম। আশা
করি ভালো আছো। তোমাকে কিছু প্রশ্ন করছি। যদি
উত্তর দিতে পারো তাহলে বুঝবো তোমার নামকরণ
সঠিক। আর না পারলে ভাববো তোমার চেয়ে হাবা
মোহনই বেশি বুদ্ধিমান।
১) তোমার বাবা-মার নাম কী?
২) তোমার নামকরণ কে করলো?
৩) তুমি সবসময় হা করে থাকো কেন? তোমার মুখে
তো মশা-মাছি ঢুকে যেতে পারে।
৪) তোমার চশমার পাওয়ার কতো?
৫) তোমার প্রিয় খাবার কী?
৬) তুমি দুধ চা পছন্দ করো নাকি লাল চা?
৭) ঈদুল ফিতরে তুমি কতজনের বাড়িতে দাওয়াত
খেতে গিয়েছিলে ?
৮) তুমি কত টাকা সালামি পেয়েছো?
এই গুটিকয়েক প্রশ্ন করলাম। ঠিকঠাক উত্তর দিতে
পারলে রাজশাহীতে তোমার দাওয়াত। না পারলে আমি
তোমার বাড়িতে চলে যাব। ঠিকানাটা দিও কিন্তু ।
–জারীফ ওয়াদী
রাজশাহী
সবজান্তার উত্তর : ২
ওয়া আলাইকুমুস সালাম। তোমার
প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ।
আরো প্রশ্ন পাঠাবে কেমন?
১. আদম-হাওয়া
২. ফুলকুঁড়ি আসর
৩. তোমাদের সুন্দর সুন্দর চিঠি
দেখে আনন্দে হা করে থাকি!
৪. নাইন ডি
৫. মিষ্টি
৬. মসলা-চা
৭. আগে বলো ঈদে তুমি দাওয়াত
দাওনি কেনো?
৮. সেটা আর হিসাব করতে
পারলাম কই! যা পেয়েছিলাম,
ফুলকুঁড়িরাই তো সব নিয়ে গেল।
তোমার বাড়িতে গেলে কী কী
খাওয়াবে তার নমুনা পাঠাও,
তারপর ভেবে দেখবো তোমার
বাড়িতে যাওয়া যায় কবে! আর
আমার বাড়ির ঠিকানা তো সহজ।
মাসিক ফুলকুঁড়ির ঠিকানা।
সবজান্তাকে ছন্দে ছন্দে ইচ্ছেমতো প্রশ্ন করতে পারো তুমিও!
তোমার প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছে সবজান্তা।
প্রকাশকাল: মে ২০২৬

