
প্রশ্ন : ১
সালাম নেবেন সবজান্তা ভাইয়া।
আশা করি আপনার ‘সুপার কম্পিউটার’
মার্কা মাথাটা এখনো হ্যাং হয়ে যায়নি।
মানুষ আপনাকে এত সব আজগুবি প্রশ্ন করে
যে, আমার মনে হয় আপনার মাথায় যদি
একটা সাইলেন্সার পাইপ থাকতো, তাহলে
মস্তিস্কটা ধোঁয়া ছেড়ে একটু শান্তি পেতো।
আপনার মস্তিস্ককে আরেকটু ধোঁয়া ছাড়াতে
চলে এলাম আমিও…
১. মশারা আমাদের রক্ত কী হিসেবে খায়,
‘জুস’ নাকি ‘স্যুপ’?
২. গরুদের কি কখনো ঘাসে একটু
লবণ-মরিচ মাখিয়ে খাওয়ার ইচ্ছে করে না?
৩. আয়নার সামনে সোজা দাঁড়ালে আয়না
তো আমাদের উল্টো দেখায়। তাহলে উল্টো
হয়ে দাঁড়ালে সোজা দেখা যায় না কেন?
৪. ঘুমের মধ্যে নাক ডাকার শব্দ মানুষ
নিজে শুনতে পায় না কেন?
৫. চশমার চোখ পলক ফেলে না কেন?
অগ্রপথিক মো. আবিদ হোসেন
দশম শ্রেণি, দিনাজপুর জিলা স্কুল।
সবজান্তার উত্তর : ১
ওয়া আলাইকুমুস সালাম। কী যে বলো! এত
সহজ সহজ প্রশ্নে আবার মাথা হ্যাং হবে কেন!
১. ডাল হিসেবে খায়। স্বাদ নোনতা তো!
২. তাদের তো রেস্টুরেন্টে গিয়েও খেতে ইচ্ছে
করে। টাকা নাই বলে যেতে পারে না।
৩. আয়নার কাজ প্রতিবিম্ব দেখানো।
সোজা-উল্টা যা দেখার সেটা তুমিই দেখো।
৪. শুনতে তো পায় ঠিকই। কিন্তু সে মনে করে
এটা ঘুমের ব্যাকগ্রাউন্ড মিউজিক।
৫. চশমার পলক যদি চোখের পলকের সাথে
টাইমিং না মিলে তাহলে অবস্থাটা কী হবে,
ভাবো!
প্রশ্ন : ২
সবজান্তা, অনেকটা দিন
দিই না তোমায় খোঁচা
তাইতো উপহার দিচ্ছি
তোমায় কলার মোচা।
কলার মোচায় পুষ্টি পাবে
তা কি তুমি জানো?
খেলে মধুর লাগবে তোমার
হেঁড়ে গলার গানও।
বলো দেখি হেঁড়ে গলায়
দরকারটা কী গাওয়ার?
তবে কি ভাই কমে গেছে
জান্তাগিরির চড়বিৎ?
জান্তাগিরির ব্যবসা বোধহয়
চলছে না ঠিক ভালো
ব্যবসায় দেখি জ্বলছে তোমার
লাল বাত্তির আলো।
বলি, এসব ছেড়ে দিয়ে
সুরের চর্চা ধরো,
হেঁড়ে গলায় বেসুর সুরের
গানটা বন্ধ করো। (প্লিইইইজ)
আব্দুল্লাহ আল মাহমুদ
দশম শ্রেণি, গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল, ঢাকা।
সবজান্তার উত্তর : ২
তোমার কি ভাই কলার বাগান?
কলার মোচা বেচো?
বাগান জুড়ে দেখবে এবার
উঠবে হাজার কেঁচো।
তুমি খাবে কলার হালি হালি
আমরা দেবো দু’হাত ভরে তালি
বিচি কলা আর খেয়ো না ভাই
পেটের ব্যথায় পাবে না রেহাই।
না হয় তুমি ‘ত্যাগে’র সময় বসে
রাগ সংগীত গাইবে জোরে কষে
বলবে সবাই- কী হলো রে তার?
জ্বিন দিয়ে ভূত ছাড়ানো দরকার।
[সবজান্তাকে ছন্দে ছন্দে ইচ্ছেমতো প্রশ্ন করতে পারো তুমিও! তোমার প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছে সবজান্তা]
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৬


