সবজান্তার উত্তর (জানুয়ারি ২০২৬)

0
0

প্রশ্ন : ১
প্রিয় সবজান্তা ভাইয়া,
আসসালামু আলাইকুম। আশা করি ভালো
আছেন। আমার প্রশ্ন দেখে অজ্ঞান হয়ে
পড়ার আগেই উত্তরগুলো দিয়ে যান।
১. মানুষ উড়তে পারে না কেন?
২. মুরগি আগে নাকি ডিম আগে?
৩. সবাই বাঘকে কেন ভয় পায়?
৪. বাংলাদেশে মোট কতটি পিঁপড়া আছে?
৫. আপনি সবজান্তা হলেন কীভাবে?
অজ্ঞান না হলে আমার বাসায় দাওয়াত
থাকলো। আর হ্যাঁ, প্রশ্নগুলোর উত্তর
বের করতে চ্যাট জিপিটি ব্যবহার
করিয়েন না।
-আমির হামজা
চতুর্থ শ্রেণি, নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক
বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ।

সবজান্তার উত্তর : ১
ওয়া আলাইকুমুস সালাম। তুমি প্রশ্ন পাঠিয়েছ
সেই খুশিতেই তো আত্মহারা হয়ে যাচ্ছি।
১. কে বললো মানুষ উড়তে পারে না। পাখি
হয়তো পাখা দিয়ে ওড়ে, আর মানুষ পাখা
লাগিয়ে ওড়ে।
২. মোরগ আগে।
৩. বাঘ রেগে গিয়ে কল্লাফতে করে দিতে পারে,
সেজন্য বাঘকে ভয় পায়।
৪. তোমার বাসার পিঁপড়াগুলো গুণে দাও আগে।
৫. ফুলকুঁড়িরা নাম দিয়েছে, তাই।
দাওয়াত তো দিলে, ভালো কথা। খাবারের মেনু
কার্ডটা পাঠিয়ো। ভেবে দেখবো, যাবো কি না!
আর চ্যাট জিপিটিই তো আমাকে প্রশ্ন জিজ্ঞেস
করে, আমি ওকে জিজ্ঞেস করে কী লাভ,
বলো!!

প্রশ্ন : ২
সালাম জেনো সবার আগে
প্রিয় জান্তা ভাই
ডিম আগে না মুরগি আগে?
জবাব আমার চাই।
আমার দেখা তারাগুলো,
থাকে কত দূর?
এলিয়েন কি আদৌ আছে,
নাকি মিছে সুর?
জলে ডুবে মাছের কেন
হয় না বলো মরণ?
নিদ্রার দেশে গেলেই শুধু,
দেখি কেন স্বপন?
আশা করছি সব প্রশ্নের
জবাব আমি পাব,
পেলেই তবে দুজন মিলে
হাওয়াই মিঠাই খাব।
-তাওফিকুল ইসলাম মির্জা
নবম শ্রেণি, চকরিয়া সরকারি উচ্চ
বিদ্যালয়, কক্সবাজার।

সবজান্তার উত্তর : ২
সাগর পাড়ের মানুষ তুমি
দিলটা হবে উদার!
তার বদলে বললেটা কী?
মিঠাই দিবে ‘হাওয়ার’?
মোরগ আগে সৃষ্টি হলো
সত্য কথা এটাই
বহু আলোকবর্ষ দূরে
কাছের তারকাটাই।
এলিয়েনের সাথে তোমার
যখন দেখা হবে
জিগেস কোরো- কোন দুখেতে
এসেছিস এ ভবে?
মাছের আছে ফুলকা, সে নেয়
জলের মাঝে শ্বাস,
ঘুম তো স্বপন-থিয়েটারের টিকেট
ওয়ান টাইমের পাস।

সবজান্তাকে ছন্দে ছন্দে ইচ্ছেমতো প্রশ্ন করতে পারো তুমিও! তোমার প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছে সবজান্তা!

প্রকাশকাল: জানুয়ারি ২০২৬