প্রিয় বন্ধুরা! কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে বিগত দিনের ব্যর্থতার গ্লানি ভুলে নতুন উদ্যমে আবার কাজ শুরু করবো এই প্রত্যাশা। গত দুই পর্বে আমরা জেনেছি ‘কাজ ও শক্তি’ নিয়ে। আজ আমরা কাজ ও শক্তির সাথে সম্পর্কিত আরেকটি বিষয় নিয়ে জানবো। আর সেটা হলো ক্ষমতা। চলো তাহলে, শুরু করা যাক!
আমরা আমাদের দৈনন্দিন জীবনে কথাবার্তায় ক্ষমতা শব্দ ব্যবহার করে থাকি। যেমন, অনেক সময় বলে থাকি তার অনেক ক্ষমতা। যদিও তা আমরা নেতিবাচক অর্থেই বলে থাকি। কিন্তু পদার্থবিজ্ঞানে ক্ষমতার নির্দিষ্ট সংজ্ঞা আছে। আমরা জানি যে কাজ করার মানে হচ্ছে শক্তির রূপান্তর করা। আর ক্ষমতা হচ্ছে কাজ করার বা শক্তি রূপান্তর করার হার। সহজভাবে বললে, কোনো ব্যক্তি বা যন্ত্র একক সময়ে যে কাজ করতে পারে বা যে পরিমাণ শক্তির রূপান্তর করতে পারে তাই হচ্ছে ক্ষমতা। মানে, ক্ষমতা হলো, একটি বস্তু বা যন্ত্র কত দ্রুত কাজ করতে পারে তার হিসাব। অর্থাৎ, একটি নির্দিষ্ট সময়ে কতটা কাজ করা হলো, সেটিই হলো ক্ষমতা। কি, একটু কঠিন মনে হচ্ছে?
চলো তাহলে আরও সহজভাবে দেখি ক্ষমতা কী? ধরো, তুমি ১ ঘণ্টায় ৫০টি ইট দুইতলায় উঠাতে পারো। আর অন্যদিকে, তোমার বন্ধু ১ ঘণ্টায় ১০০টি ইট দুইতলায় উঠাতে পারে। এখানে একক সময় মানে ১ ঘণ্টায় তোমার বন্ধু তোমার চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে। অর্থাৎ তার ক্ষমতা তোমার ক্ষমতার দ্বিগুণ।
আরেকটি উদাহরণ দেখা যাক, তোমরা নিশ্চয়ই বৈদ্যুতিক বাতি দেখেছো। বাতির গায়ে তার ক্ষমতা লেখা থাকে। যেমন একটি বাতির গায়ে লেখা ১০০ ওয়াট। মানে হচ্ছে তার ক্ষমতা ১০০ ওয়াট। ক্ষমতার একক হলো ওয়াট (Watt) । বিজ্ঞানী জেমস ওয়াটের নামানুসারে ক্ষমতার এককের নামকরণ করা হয়। এই যে ১০০ ওয়াট লেখা মানে হচ্ছে এই বাতি প্রতি একক সময় অর্থাৎ প্রতি সেকেন্ডে ১০০জুল (জুল হচ্ছে শক্তির একক) বৈদ্যুতিক শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করে। তাহলে বুঝা যাচ্ছে ১ওয়াট মানে হলো প্রতি সেকেন্ডে ১জুল কাজ সম্পন্ন করা। ওয়াট ছাড়াও ক্ষমতার আরো অনেক একক রয়েছে। যেমন- পানির পাম্প বা গাড়ির ক্ষমতা বোঝানোর জন্য ব্যবহার করা হয় হর্সপাওয়ার। আবার বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদির ক্ষমতা বুঝাতে ব্যবহার করা হয় ওয়াটের বড় একক, মেগাওয়াট বা কিলোওয়াট। যেমন তোমরা নিশ্চয়ই এরকম শুনে থাকবে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ক্ষমতা ৬মেগাওয়াট ইত্যাদি।
চলো তাহলে, একটু গাণিতিকভাবে ক্ষমতা নিয়ে দেখা যাক- একটি যন্ত্রের W পরিমাণ কাজ করতে বা শক্তি রূপান্তর করতে t সময় লাগে। তাহলে তার ক্ষমতা P হচ্ছে-
P=W/t=কাজ/সময়=ক্ষমতা
আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি, ক্ষমতা সম্পর্কে ধারণা পেয়েছো। আবার দেখা হবে নতুন কোনো মজার বিষয় নিয়ে।
ক্ষমতা নিয়ে আজ এটুকুই। আল্লাহ হাফিজ।
প্রকাশকাল: এপ্রিল ২০২৫



